২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত আলী : ইতিহাসের অমৃতপুত্র

sadiamahjabin_imam

Published : 26 Jan 2018, 01:15 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

প্রস্তুতির পরও যে মৃত্যুর খবর স্তব্ধ করে, তার ব্যাপ্তি জীবনেরই সমান। বেঁচে থাকলে নতুন কিছু লিখতেন না তিনি। মঞ্চে দাঁড়িয়ে তরুণের হাতে হয়ত তুলে দিতে পারতেন না পুরস্কার। মাইক্রোফোনের সামনে মূল্যবান শব্দ উচ্চারণও অসম্ভব ছিল গত এক বছর ধরে। তবুও সত্যি যে, কথা সাহিত্যিক শওকত আলীর প্রয়াণে পাঠক বেদনা-ভারাক্রান্ত। তাঁর দীর্ঘ স্মৃতিই তাকে অমূল্য করে তুলেছিল। ৮২ বছর বয়সের অনেক মানুষই হয়ত আছেন যারা স্মৃতি-ভ্রষ্ট নন, গুছিয়ে বলতে পারেন সব কথা। সমাজ ও মানুষ দেখার জীবনবোধে শওকত আলী স্বতন্ত্র,স্মৃতি বিভ্রমে যেন তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মানুষ সবচেয়ে বেশি অকপট হয়ে উঠেন তাঁর ব্যক্তিগত দিনলিপির কাছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কয়েকটা দিনলিপি দেখার সুযোগ হয়েছিল আমার। কিছু পড়ে দেখা, কিছু ছবি তুলে আনা। অধিকাংশ ধূলিধূসর আর বেশ কিছুদিন আগের। সেই দিনলিপি দেখে বিশ্বাস করতে কষ্ট হয়, তথ্য আর হিসেবের অমন আতিশয্যে ভারাক্রান্ত মানুষ কেমন করে দরদ দিয়ে সৃষ্টি করেন লীলাবতী বা শ্যামাঙ্গদের মতো মানবিক চরিত্র! বরাবরই হয়ত তিনি তাই নিজের আবেগকে সুসংহত করে রেখেছেন শুধু লিখবেন বলে। নিজের শব্দ বাক্যের কাছে যে লেখক আত্মসমর্পণ করেন এমনই তো হওয়ার কথা তাঁর। ভি.এস. নাইপল তাঁর নোবেল বক্তৃতায় তেমনই তো বলেছিলেন। "আমাকে ভাষণ দিতে বললে, বলে দিয়েছি যে ভাষণ দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। এবং কথাটা সত্যি। বলতে কী, একজন লোক, যে কিনা প্রায় পঞ্চাশ বছর ধরে কথা, নানা আবেগ এবং ধারণা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, তার কাছ থেকে ক'টা কথা পাওয়া যাবে না, এ আশ্চর্যজনক বলে মনে হতেই পারে। কিন্তু আমার তরফে মূল্যবান যা কিছু, সব আমার বইগুলোতে রয়েছে। এর অতিরিক্তি যেটুকু কোনও এক ক্ষণে আমার কাছ থেকে পাওয়া যেতে পারে, তা যে ঠিকমত কোনও সুস্পষ্ট অবয়ব ধারণ করে থাকে এমন নয়।

আমি যে সেটা সম্বন্ধে খুব সচেতন থাকি, তা নয়; ওটা অপেক্ষা করে থাকে আমার পরবর্তী বইটার জন্য।'' শওকত আলী পুরোপুরি সুস্থ্য থাকা সময়েও যে খুব আমুদে মিশুক ছিলেন না সে বিষয়ে আশা করি সমকালীনরা একমতই হবেন। সেই মানুষ যখন স্মৃতি-ভ্রমে ভুগতে শুরু করলেন তখনও তাঁর আলাপে ফিরে ফিরে আসা প্রসঙ্গ ছিল রাজনীতি ও সমাজের অন্ত্যজ শ্রেণী। ব্যক্তিগত যাপনের চেয়ে তখনও তাঁর কাছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাহিত্যের ধারা এবং প্রকৃতি আর মানুষের সাথে আধুনিক লেখকদের দূরত্ব প্রসঙ্গ। জিজ্ঞেস করেছিলাম, সাম্প্রতিক লেখকদের লেখায় মোটা দাগে রাজনীতি থাকলেও তাতে নিম্নবিত্তরা কেন বিশেষ স্থান পায় না? মিনিট খানেক আগেও আমাকে দু'বার ভুল নামে ডেকেছেন। সেই তিনি এ প্রশ্নের সাথে সাথে বদলে গেলেন। যেন প্রস্তুত ছিলেন এ নিয়েই তাঁর বলার কথা বিস্তর। বললেন, "মাটির সাথে মানুষ এবং প্রকৃতির সাথে সম্পর্ক তৈরির যে বোধ লেখকের থাকা প্রয়োজন সেখানে দূরত্ব তৈরি হয়েছে। আধুনিক কলাকৌশল রপ্ত করায় লেখকেরা এখন বেশি আগ্রহী তাই ঊণ-মানুষ আর এখনকার লেখকদের কাছে স্থান পাচ্ছে না।" এমনই হঠাৎ আলোয় উদ্ভাসিত হতে তাকে আরও একবার দেখেছি। তখন যেন তিনি মুহূর্তে নিজের বয়স হারিয়ে ফেলেছিলেন। সে প্রসঙ্গে আসছি পরে। সাম্প্রতিক সাহিত্য নিয়ে আলাপের মাঝখানেই আবার ফিরে গেলেন রায়গঞ্জে। বেশ কিছুদিন যাবত তিনি যেন রায়গঞ্জের স্মৃতিতেই বৃত্তাবদ্ধ হয়ে পড়েছিলেন। বারবার ফিরছিলেন শৈশবে। কে জানে হয়ত এও ছিল তাঁর বিদায়ের জন্য এক স্বাভাবিক প্রস্তুতি।


গত ৪ জানুয়ারি বিকেলে তাঁর পরিবারের এক সদস্যের ফোন পেয়ে ছুটে গেলাম হাসাপাতালে। শওকত আলীর সাথে আলাপের পর দ্বিতীয়বারের মতো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০১৭র ১৩ বা ১৪ ফ্রেব্রুয়ারি তাকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তখনও তিনি গুরুতর অসুস্থ এবং আশঙ্কা হয়েছিল হয়ত বাঙলা সাহিত্যের পাঠকদের প্রস্তুতি নিতে হবে তাকে বিদায়ের। প্রায় কোমায় চলে যাওয়া অবস্থা পরাজিত হলো তাঁর অসম্ভব প্রাণশক্তির কাছে। এবারে হাসপাতালে প্রথমেই নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়েছে শওকত আলীকে। একদিন পর শনিবার ভোরে লাইফ সাপোর্টে নেওয়া হলো। দু'বারই তাঁর পরিবারের পক্ষ থেকে ভেতরে দেখতে চাই কিনা জানতে চাওয়া হলেও আমার সে সাহস হয়নি। আশি উত্তীর্ণ, নিঃসঙ্গ এবং জ্বরাগ্রস্থ হয়েও ইতিহাস খননকারী শওকত আলীর চোখে যে আলো দেখেছি সে মানুষের নিশ্চল মুখ দেখতে সাহস প্রয়োজন। সেই সাহস আমার নেই।

২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো দেখা করতে গিয়ে আমি মুহূর্তের জন্য আরেক শওকত আলীকে দেখেছিলাম। টিকাটুলির বিরতী ভিলার ওই ঘরে এক সময় থাকতেন আখতারুজ্জামান ইলিয়াস। লাল চিঠির বাক্সটা হাতের বায়ে রেখে সিঁড়ি দিয়ে উঠে আবার খানিকটা নেমে প্রায় বিচ্ছিন্ন ঘরটাতে তিনি স্বেচ্ছায় নিজেকে একরকম আড়ালে রেখেছিলেন। সে ঘরে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিশেষ হয়ত পাওয়া যেত না বা ওই সময়ে ঠিক কাজ করছিল না। স্যার, আপনার ফোনে মনে হয় চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে অনেকক্ষণ ধরে, তাই তো আসার আগে আপনাকে ফোনে পাইনি। এ কারণে অনেকেই হয়তো আপনাকে খুঁজে পায়না। কিছুটা রাগ খানিকটা অভিমান নিয়েই হয়ত বললেন
– আমাকে কেউ খোঁজে না।
– কে বলে খোঁজে না। এইত সেদিন হাসান আজিজুল হক স্যারকে একটা কাজে ফোন করেছিলাম। স্যার তো আপনার কথা জানতে চাইলেন।
– তোমার কাছে হাসানের নম্বর আছে?
আমার ফোন থেকে আলাপ করছেন হাসান আজিজুল হক আর শওকত আলী। সংযোগ ভালো নয় তারওপর দুজনই যথেষ্ট প্রবীণ। তবুও শত প্রতিবন্ধকতা পার হয়ে চোখের সামনে আমূল বদলে গেলেন শওকত আলী। মুখভর্তি হাসি। প্রয়োজনের চেয়েও আরও খানিকটা স্বর বাড়িয়ে জিজ্ঞেস করছেন, হ্যালো হাসান শুনতে পাচ্ছ? ভালো আছ তুমি? ওপাশে কি উত্তর এসেছিল জানিনা কিন্তু শওকত আলী বলছেন… তাঁর শরির ভালো না কিন্তু সেই কথাটিও বলার সময় মুখে উদ্ভাসিত আনন্দ। মিনিট কয়েক কথা বলে সেল ফোন ফিরিয়ে দিয়েই এবার চলে গেলেন আরেক সতীর্থের প্রসঙ্গে। আখতারুজ্জামান ইলিয়াস। জানতে চাইলেন আমি দেখেছি কিনা। তিনি আসলে কোন উত্তর শুনবার অভিপ্রায়ে জিজ্ঞেস করেন নি। জানাতে চাইছিলেন " ইলিয়াস যে বছরে জগন্নাথ কলেজে যোগ দিল, সে বছরই আমার এখানে থাকতে শুরু করেছিল। সে মুক্তিযুদ্ধেরও আগের কথা। তখনও বিয়ে করেনি। " আগ্রহ সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, তাঁর চিলেকোঠার সেপাই এখানে বসে লেখা? দেখলাম স্মৃতিবিভ্রম হলেও তাঁর আগ্রহের বিষয়গুলো ভুল করছেন না। সময় না নিয়েই উত্তর দিলেন। " না না সেটাতো আরও পরে সম্ভবত সুরাইয়াকে বিয়ের পর লেখা। বিয়ে করলো তখন আরও জায়গা প্রয়োজন, আসবাবপত্র রাখবে; তখন ইলিয়াস নতুন বাসায় উঠলো।" কিছুক্ষণ আগে হাসান আজিজুল হক স্যারের সাথে কথপোকথনের সময়ও তিনি ঠিক এই উচ্ছাস নিয়ে কথা বলছিলেন। এখন প্রসঙ্গ আরেক খ্যাতিমান সাহিত্যিক প্রয়াত সতীর্থ। শুধু বন্ধুদের প্রসঙ্গ এলেই দেখলাম শওকত আলীর অভিব্যক্তিতে যেন সেই সময় ফিরে এসেছে। সেই আনন্দের দৃষ্টি দেখা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়।

সেই আনন্দ আর কখনো ফিরবে না কেননা মৃতেরা কখনো ফিরে আসে না। তবুও সত্যি যে দীর্ঘায়ুর দহনই হচ্ছে, ভারাক্রান্ত স্মৃতি বহনের দায়। কথাসাহিত্যিক শওকত আলীর সে দায় তৈরি হয়েছিল। ৮২ বছর বয়সে দাঁড়িয়ে পেছনে তাকালে দেখতেন উন্মূল মানুষের সারি, প্রাকৃতজনের ঠিকানা বদল বা প্রিয়জনের পরিবর্তন। দীর্ঘ স্মৃতির সারির ভেতর থেকে তাই হয়তো তিনি বারবার শৈশবের তারুণ্যের নির্মল দৃশ্যে প্রবেশ করলেই স্বস্তি পেতেন।

অধ্যাপক আলী আনোয়ারের মৃত্যুর পর প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা ছোট্ট লেখায় স্মৃতিচারণ করেছিলেন। মিতবাক্যের সে লেখায় দু'জনের দীর্ঘ যাপনের সমৃদ্ধ গল্প ঠিকঠাক জায়গা করে নিয়েছে। অধ্যাপক আলী আনোয়ারের ব্যক্তিজীবন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি, দ্বিজেন শর্মার সাথে বন্ধুত্ব থেকে তাঁর অসুস্থতার কথা, কমতি নেই এতটুকু। স্মৃতিচারণের জন্য যা প্রয়োজন, কথাসাহিত্যিক শওকত আলীকে নিয়ে কোনটিই নেই আমার তবুও লিখছি। লিখছি শুধু এক অনুভব নিয়ে। অপ্রত্যাশিত আচরণে একই মানুষকে আরেক রকম দেখে ফেলাও তো এক অভিজ্ঞতা। ষাটের দশকের সার্থক কথাসাহিত্যিক শওকত আলীর ঘর ভর্তি বই আর ওষুধপত্র ছড়ানো। ভালো পড়তে পারেন না তবুও কাছে থাকা চাই। হাতে নিয়ে দেখেও হয়তো শান্তি পেতেন। যে কোন লেখকই তাঁর লেখা প্রসঙ্গ এলে নিজেকে মূল্যবান মনে করেন। প্রদোষে প্রাকৃতজন নিয়ে কথা বলতে বলতে আক্ষেপ করলেন, আরেকটু সময় পেলে এর পরের একটা অংশ লিখে যেতেন। তবে যতটা লিখেছেন তাতেই বাঙলা সাহিত্যকে এগিয়ে নিয়েছেন অনেকটা পথ। পিঙ্গল আকাশ-এ নীতিহীনতা, মধ্যবিত্তের নগ্নতা। অপেক্ষা, যেতে চাই, বাসন-এর শব্দে-বাক্যে এসেছে নাগরিক মধ্যবিত্ত সমাজের চেতনার কথা। ব্রিটিশ ঔপনিবেশিক কাল, স্বাধীনতার ক্রান্তিকাল, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদের চেতনার উন্মেষ নিয়ে লিখেছেন দক্ষিণায়নের দিন, কুলায় কাল স্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন ত্রয়ী উপন্যাস। আর বসত উপন্যাসে উঠে এসেছে নিজের জীবনের ছাপ।

তবে তাঁর সব কাজের ভেতর বিশেষভাবে সমাদৃত প্রদোষে প্রাকৃতজন। এই উপন্যাসে নতজানু দাসত্ব থেকে মুক্ত হতে বলেছিল মিত্রানন্দ। আর সে আহ্বানেই জগত-সংসারের সমস্ত কোমল মায়া পিছে ফেলে মিত্রানন্দের সঙ্গী হয়েছিল বসন্তদাস। প্রদোষকালের প্রাকৃতজনদের কথা বলতে বলতে শওকত আলী যে মূলে আঘাত করেছেন তার পরিচয় বইয়ের শেষদিকের প্রশ্নে। " এই কি মানুষের জীবন? এর শেষ কোথায়? এ জীবন কি যাপন করা যায়?" পাঠক উপন্যাসটিকে ঐতিহাসিক আখ্যা দেন। জানতে চেয়েছিলাম তিনি উপন্যাসকে ঐতিহাসিক মনে করেন কিনা। জানালেন, ওসব ঐতিহাসিক বা কালজয়ী এসব উপমা নিয়ে তিনি বিশেষ ভাবেন না। বললেন, আমি শুধু প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছি। বসন্তদাস, লীলাবতীদের এনেছি প্রান্তিক মানুষের চরিত্রের রূপক হিসেবে। শ্যামাঙ্গকে মৃত্যুবরণ করতে হয়েছে উপন্যাসের শেষে। এটাই তাঁর নিয়তি ছিল। ঐ সময়ের সমাজ ওঁর মতো মৃৎশিল্পীকে বেঁচে থাকার অধিকার দেয়নি। এই হলেন নির্মোহ, নিভৃত শওকত আলী। যিনি বিস্মৃত স্মৃতির ভেতরও নিজের রচনা নিয়ে আত্মতুষ্টিতে ভোগেননি।


ছোটগল্পেরও অনবদ্য শিল্পী তিনি। গভীর দৃষ্টিবোধ থেকে প্রকাশভঙ্গি আর নিরপেক্ষ চরিত্র নির্মাণে স্বতস্ত্র। উন্মুল বাসনা, লেলিহান সাধ, শুন হে লখিন্দর, বাবা আপনে যান, দিনগুজরান— পাঁচটি গল্পগ্রন্থের অধিকাংশ গ্রামের জীবন কেন্দ্র করে। শুন হে লখিন্দর এক সাপুড়ে আর মহাজনের গল্প। সাঁওতাল সাপুড়ে গুপীনাথ জীবন্ত সাপ দেখিয়ে মহাজন লক্ষীকান্তকে ভয় দেখায়, নাটক দেখে মহাজন ভয় পেয়ে গুপীনাথের পাওনা বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 'দুই গজুয়া' গল্পের কাহিনী আমাদের পরিচিত। হাস্যরসের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে তিনি দেখাতে চেয়েছেন মহাজনদের চরিত্র সবশেষ একইরকম। 'মধ্যরাতের বাণিজ্য যাত্রা' গল্পে মূল বিষয় নারী পাচারের ঘটনা। তবে এসব কিছু নিয়ে আলোচনা এগিয়ে নেয়া বিশেষ সহজ হয়নি সেদিন। তিনি ঔপনিবেশিক আমলে বাংলা ভাষার সাহিত্যচর্চা থেকে সাম্প্রতিক অনুষঙ্গ, সব কথাতেই ফিরে যাচ্ছিলেন রায়গঞ্জ আর কমিউনিস্ট বাবার প্রসঙ্গে। শওকত আলী বারবার নিজের স্মৃতিতে ফিরেছেন মৃত্যুর আগে। বাঙলার ইতিহাস জানতে হলে, সাহিত্যের পাঠককেও ফিরতে হবে তাঁর সৃষ্টিতে। আর সে পাঠক যদি কিছুটা আবেগপ্রবণ হন তবে তাঁর দায় রয়ে যাবে এ শহরের দুটো হাসপাতাল আর টিকাটুলির গলিতে।

সে হাসপাতালের গেট অতিক্রমের সময় ভাববে শেষ সময়ে এই উচু ভবনের একটি ঘরে শুয়ে শেষবারের মতো নিশ্বাস নিয়েছেন শওকত আলী। টিকাটুলির আনন্দ রেস্তোরাঁর পাশ দিয়ে যে চিকন গলিটা গিয়েছে সে গলির ভেতর হাতের ডানে আম গাছটা ফেলে এগিয়ে গেলে এক ছোট্ট ঘরে আস্ত একটা জীবন কাটিয়ে দেওয়ার স্মৃতি রেখে গেছেন প্রদোষে প্রাকৃতজনের জনক। মনে হবে একবার দেখে আসি তাঁর অবিন্যস্ত বই আর এখানে সেখানে রেখে যাওয়া পদচিহ্ন। সব একই রকম রয়েছে। নিবিড় পর্যবেক্ষণ ঘরে হয়ত আরেক মানুষ এখন, সে হয়তো সুস্থ্য হয়ে ফিরে যাবে আপনালয়ে। ২৫ জানুয়ারি ২০১৮ ভোরে খবর এলো শওকত আলী চলে গেছেন। শওকত আলী আর কখনো ফিরবেন না টিকাটুলির বিরতী ভিলায়।