২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটাবাবার পাঠশালায়

রাজু আলাউদ্দিন

Published : 06 Dec 2007, 11:41 PM

Updated : 23 Jun 2022, 04:11 PM

উত্তর লন্ডনের ক্যামডেন টাউন হলো বিনোদনের মহাসমুদ্র।

গত শতকের প্রত্যেক দশকের ফ্যাশনের প্রতিনিধিত্ব করছে রঙচঙে, জবড়জং একের পর এক খোলা বাজার; কাপড়-চোপড়, জুতোর দোকান, পানশালা, থিয়েটার, সিনেমা।

ভিক্টোরিয়ার আমলে রিজেন্টস খালের পাড় ধরে ক্যামডেন জনপদটির গোড়াপত্তন হলেও বিশ্বখ্যাত কারুপণ্য বাজারটির শুরু ১৯৭৪-এ। স্থানীয় আর বহিরাগত কারুশিল্পীরা সাজিয়ে বসতেন তাদের হাতে বানানো বাসন-কোসন, পোশাক-আশাকের পসরা। সবকিছুর মধ্যেই শিল্পীর ব্যক্তিগত রুচি, অরুচি, কুরুচির উৎকট ছোঁয়া। মূল প্রতিযোগিতা হলো মূল ধারাকে কে কতটা পাশ কাটাতে পারে, কে কতটা চমকে দিতে পারে।

সাইবার ফ্যাশনের পাশে ভিক্টোরীয় আমলের আঁটোসাঁটো অন্তর্বাসের দোকান; ভারতীয় চায়ের স্টলের পাশে টাট্টুর পার্লার, তবলার পাশে কঙ্গো; বারলেস্ক (Burlesque), গথ (Goth), ফেটিশ (Fetish), রকাবিলি (Rockabilly), সাইকোবিলি (Psycobilli), পাঙ্ক (Punk), জ্যাজ (Jazz), এসিড (Acid House), গ্রাঞ্জ (Grange Music), গ্যারাজ (UK Garage), হিপ হপ (Hip Hop), টেকনো (Techno), সাইবার আর সাইবাবা, সাইবিবিদের তুলকালাম দিকদিকদার হট্টগোল ক্যামডেন। দিনান্তে কারুশিল্পী আর পসারিরা পাট চুকোলে জেগে ওঠে ক্লাবল্যাণ্ডের নিশাচর ডিজে-রা। ক্যামডেন কখনো ঘুমোয় না।

……….
ডাকশাইটে ডিজে ফ্যাটবয় স্লিম
………..
দিনভর পসারিরা যে ধরনের পোশাক-আশাক বিক্রি করল, রাতের ক্লাবগুলোর নাচ, গান, মত্ততার আয়োজন সে ধরনের থিম কেন্দ্র করেই। তবে তামাসগিরদের নাচাতে না পারলে ডিস্ক জকিদের চাকুরি নিয়ে টানাটানি। ক্যামডেনে নাম ফাটাতে পারলে ডাক পড়বে লণ্ডনের বাদবাকি ক্লাবল্যান্ড ছাড়াও প্যারিস, নিঊইর্য়ক, টোকিও, দুবাইতে।

……….
গায়িকা জজ স্টোনের সঙ্গে ডিজে ক্রিস ইভান্স
……….
ঝানু ডিজেদের পকেটে পুরতে বড় বড় ব্রডকাস্টিং কোম্পানিগুলো রীতিমত নিলামে নামে। আর সে মানে পৌঁছোতে ডিজেদের জানতে হয় প্রত্যেক আমলের শিল্প আর সঙ্গীতের ধারা। জীবিতদের মধ্যে এখন সবচেয়ে ডাকশাইটে ডিজে হচ্ছে ফ্যাটবয় স্লিম (জ. ১৯৬৩) ও ক্রিস ইভান্স (জ. ১৯৬৬)। সম্প্রতি মারা গেলেন গুরুকা গুরু ডিজে জন পিল (১৯৩৯-২০০৪)। ক্যামডেন থেকে গ্লাস্টনবারির সঙ্গীত সম্মেলনে সবাই একনামে চিনে এই পিলকে।

………
গুরুকা গুরু ডিজে জন পিল;মারা গেছেন
………

নামিদামি ডিজেদের নাম ভাঙিয়ে অবশ্য ক্যামডেনে টাউটারিও হয়। এক গ্রাম থেকে আরেক গ্রামে, মুখে-মুখে ছড়ানো, স্টুডেন্ট ইউনিয়নগুলোর মঞ্চের সাথে যারা পরিচিত তারা অবশ্য টাউটদের পাল্লায় তেমন পড়ে না। ধরা খায় মার্কিন মুলুকের অজপাড়াগা থেকে আসা হিলিবিলিগুলো। ক্যামডেন পসারিদের প্রিয় মক্কেল জাপানি তরুণ-তরুণী। এদের কেনার ক্ষমতা সবচেয়ে বেশি। কেনেও আবোল-তাবোল।


বারলেস্কের মঞ্চরূপ ক্যাবারে ও পর্নোর মাঝামাঝি

এবার পশ্চিমি শিল্প ও সঙ্গীতের বিশ্বযুদ্ধ পরবর্তী ধারাগুলোর সংক্ষিপ্ত সূত্র ধরিয়ে দেই। না হলে বদ হজমের আশঙ্কা আছে। বারলেস্কের পোশাকি রূপ হচ্ছে উচ্চকিত অন্তর্বাস, আর মঞ্চরূপ ক্যাবারে ও পর্নোর মাঝামাঝি। যাত্রার প্রিন্সেসরা হচ্ছে বারলেস্কের কাছাকাছি দৃষ্টান্ত। গথরা কালোর প্রেমিক। আপাদমস্তক এরা কালো রঙ ও মধ্যযুগীয় জীবনধারার পূজারী। কালো জুতো, কালো প্যান্ট, কালো শার্ট, চুল কলপে কালো, চোখে কাজলের টান। গথ একান্তই শ্বেতাঙ্গদের ফ্যাশন। ইতিহাসের ভিন্নতার জন্যই নয়, কৃত্রিমতা ছাড়া ফ্যাশন হয় না; এ-কারণেও কৃষ্ণাঙ্গ বা এশিয়ানদের পক্ষে গথ ফ্যাশন সম্ভব নয়।

……….
গথদের আঁতেল গুরু ম্যারিলিন ম্যানসন
………..

গথদের গুরু হচ্ছে একচোখো গায়ক ম্যারিলিন ম্যানসন (জ. ১৯৬৯)। গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে রুপালি পর্দায় ঝড় তোলা হলিউডি তারকা ম্যারিলিন মনরোর প্রথমাংশ, আর সত্তরের দশকে তারকা হত্যার উস্কানিদাতা, বিশেষ করে রোমান পোলানস্কির স্ত্রী শ্যরন টেটের হত্যায় জড়িত কাল্ট নেতা চার্লস ম্যানসনের শেষাংশ নিয়ে ম্যারিলিন ম্যানসন নিজের নাম নিজেই বানিয়েছে। স্বঘোষিত `খ্রীস্ট-বিরোধী' এই গায়কের দাবি তার নামের আড়ালেই মার্কিন মনস্তত্ত্বের স্ববিরোধিতা লুকানো রয়েছে। শিষ্যরা অবশ্য গুরুর মত বড় মাপের আঁতেল নয়, বেশির ভাগ ক্ষেত্রেই হুজ্জতে গথিয়াল।


……..
গথ একান্তই শ্বেতাঙ্গদের ফ্যাশন
……..
গথদের সাথে পাঙ্কদের পোশাকি পার্থক্য ছাড়াও দার্শনিক পার্থক্য আছে। এই দুই ফ্যাশন-উপজাতি চড়াদাগেই শুধু নয়, সূক্ষ্মতায়ও ভিন্ন। পাঙ্কদের মূলমন্ত্র No Future। নামিদামি বিশ্ববিদ্যালয় গুলোতে গথ অনুসারী ভালো ছাত্র-ছাত্রীদের দেখা মিললেও শিক্ষাপ্রতিষ্ঠানে পাংকরা দুর্লভ। রঙচঙে মহিকান চুলের আড়ালে এদের হৃদয় বিবর্ণ। এরা অত্যন্ত নিষ্ঠুর, পাষণ্ড শব্দের আক্ষরিক সংজ্ঞা হচ্ছে পাঙ্ক। জার্মানির বাভারিয়ায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পাঙ্কদের আধিপত্য প্রবল হলেও, ক্যামডেনসহ লণ্ডনের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে পাঙ্কদের অবস্থান দুর্বল। আশিতে বয় জর্জের পর আর কোনো পাঙ্ক গায়ক-গায়িকার তারকাপ্রাপ্তি ঘটেনি। No Future বলা পাঙ্কদের য্যমন, তেমনি গথদেরও দেখা যাবে সার্বিয়া থেকে বাভারিয়ায়, রাশিয়া থেকে আমেরিকায় যতসব বস্তাপচা উগ্র জাতীয়তাবাদীদের লাঠিয়াল বাহিনীর ভূমিকায়। স্ববিরোধ বৈকি!

হিপ হপ এসেছে ক্যারিবিয়ান আফ্রিকান নাচঘরগুলো থেকে। হিপ হপ, গ্যারাজ, গ্রাঞ্জ, সকা (Soca Music) সবই জ্যামাইকার রফতানি। জটাজুটধারী জ্যামাইকান রাস্তাফারিরা সময়ের সাথে তাল মিলিয়ে খোলা স্টলগুলোতে বিক্রি করছে ড্যান্সহল মিউজিক, আর নেশা তারিয়ে উঠলে, পসরার ভার কাউকে দিয়ে কাছেই কোথাও কল্কি সাজাতে উধাও।

ক্যামডেনের কারুশিল্পীরা কাজ করেন ঘরানা মাফিক। গয়নার কারিগর রজার স্টোন পছন্দ করেন রুপা নিয়ে কাজ করতে। ব্রিটানির ফ্যাব্রিস জুয়ে ছবি বাঁধাইয়ের কারিগর। তার ফ্রেমগুলোতে সবসময় ব্রিটানির নৌ-নীল ঘেষা রঙ।

ক্যামডেন বাজারের পাশেই পুরোনো এক আস্তাবল রূপান্তরিত হয়েছে stable market-এ। এখানে আকাবা গ্যালারিতে আফ্রিকার কাজ; প্রাউড নামের গ্যালারিতে নবাগতদের।

ঠকবাজিও চলে। একজন অখ্যাত ডিজাইনার হয়ত নতুন ডিজাইনের টুপি বা জ্যাকেট বানাল, বেশ বিক্রিও হল। সপ্তাহখানেক পরে দেখা গেল ভারতীয় কোনো বেপারি একই ধরনের শত শত টুপি, জ্যাকেট বানিয়ে কাছেই স্টল খুলে বসেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নিজেদের মত করে তথ্যজ্ঞানী তরুণ-তরুণীরা যে অন্তত ক্যামডেনে তার থেকে কপি ডিজাইন কিনবে না এটা সে বেপারিকে বোঝানো মুশকিল। যে যা পরে না সে তা ভালমত বানাতেও পারে না। ক্যামডেনের বিশেষত্বই হচ্ছে কিম্ভুতের সাথে অদ্ভুতের মিশেল। বাজার কমিটি মাঝে-মাঝে বেপারিদের কাছে স্টল বরাদ্দ আটকে দেয়। কিন্তু মুক্তবাজার অর্থনীতির ফাঁকফোকর গলে বেপারিরা সবসময় সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরুবার ফন্দি-ফিকির করছে। নাক, কান, নাভি-ফোঁড়ানো কারুশিল্পীরা এই বেপারিদের ওপর মারমুখী হয়ে উঠলে বিশ্বায়ন বিরোধিতা নতুন মাত্রা পাবে।

লন্ডনবাসীর কাছে ক্যামডেন হচ্ছে তারুণ্যকে সময়ে সময়ে ঝাঁকুনি দেবার নাগরদোলা। মাঝে মাঝে আমি আর প্যাট্রিসিয়া ওখানে গিয়ে জায়গাটা আগের তুলনায় কতটুকু বদলালো তার হিসেবের পাশাপাশি নিজেদের অদলবদলও ঠাওরাবার চেষ্টা করি! অবশ্য বাড়তি আকর্ষণ হচ্ছে বাজারের পেছন দিককার খাল ধরে লন্ডন চিড়িয়াখানা ছাড়িয়ে মাইল তিনেক দূরের খুদে ভেনিস পর্যন্ত টানা হাঁটা।

একের পর এক ছোট ছোট সেঁতুর তল দিয়ে, বাঁধানো খাল পাড় ধরে এই হেঁটো পথের বয়স দুশো বছরের বেশি পুরনো। এই খাল পথেই লংবোট বলে পরিচিত লম্বা লম্বা বার্জ ও নৌকাগুলো মূল বন্দর থেকে মালপত্র শহরকেন্দ্রে পৌঁছে দিত। ওয়াটার বাস সিস্টেমও এ-থেকে চালু হয়েছিল। এখন পুরো খালপথই পর্যটকবাহী ফেরি-রেস্তোরাঁ আর বিকল্প নৌকানিবাসীদের আশ্রয়।

হাঁটা শুরু করবার আগে গলা ভেজাতে খালপাড়ের এক পাবের বাইরে সাজানো চেয়ারে বসি। প্যাট্রিসিয়া খুলে বসে বাসায় বানানো স্যান্ডউইচ। খুদে মাতিসের সামনে ওর ছোট্ট খাবারের বাক্স। খেতে খেতে রোববারের এলোপাথাড়ি কথাবার্তা:

চয়ন: তোমার ছেলে পাঙ্ক, গথ পোশাক পরতে চাইলে কী করবে?

প্যাট্রিসিয়া: পরতে চাইলে পরবে। মানা করব না। জীবনধারা হিসেবে নিতে চাইলে অন্য ব্যাপার। আমি নিশ্চিত পড়তে পড়তে, ঘুরতে ঘুরতে ও বুঝতে পারবে যে এরা আসলে একধরনের 'শিকার'। ও আমাদের ছেলে না? পিক অ্যান্ড মিক্স!

চ: ডিজাইনারদের গুরু ভিভিয়েন ওয়েস্ট উডকে (জ. ১৯৪১) তুমি কি 'শিকার' ভাবো নাকি? ওকে তো পাঙ্কদের রানী বলা হয়!

প: ও পাঙ্ক না। ও তো অত্যন্ত স্ববিরোধী। ও একটা সময়কে ওর ডিজাইনে ধরেছে, নিজেকে ও সেসব ডিজাইনের বিলবোর্ড করে তুলেছে। দালির মত। মরিসির (জ. ১৯৫৯) কথা শুনেছ?

চ: ঐ মিলিওনিয়ার আইরিশ রকার? ওটা তো হাড়ে হাড়ে বর্ণবাদী?

……….
পাঙ্কদের রানী ভিভিয়েন ওয়েস্টউড
………

………
ব্রিটিশ ন্যাশনাল ফ্রন্টের পছন্দের আইরিশ গায়ক মরিসি
………

প: হ্যাঁ ওটাই। ওর ম্যানেজার NME কে ওর এক রেকর্ড করা সাক্ষাতকার প্রকাশ থেকে আটকাতে চাইছে। বলছে ওটা ছাপলে এই মহান গায়ককে সুধীমহল ভুল বুঝবে।

চ: মহান না ঘণ্টা। ব্রিটিশ ন্যাশনাল ফ্রন্ট ওকে খুব পছন্দ করে। ওদের প্রেমে গদগদ হয়ে national front disco তো ওর লেখা।

প: NME তখন থেকেই ওর গানগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। সম্পাদকেরা এরই মধ্যে সাক্ষাৎকারটা ব্রডশিটগুলোর হাতে তুলে দিয়েছে। ম্যানেজার মানহানির মামলার ভয় দেখাচ্ছে। NME পিছপা হবার মত ম্যাগাজিন না। ওরা বলছে, লড়তে হয় লড়ব, কোনো কাটাকুটি করতে দেব না। এখানে-সেখানে যতটুকু পড়লাম, অভিবাসীদের ওপর বিষোদগার। অত্যন্ত মার্জিত ভাষায় টিপিকাল অশ্লীলতা।

চ: বাওয়ি (জ. ১৯৪৭), ইমান (জ. ১৯৫৫) খেপবে। আইরিশেরা বেশ বর্ণবাদী।

………..
সুপার মডেল স্ত্রী ইমানের সঙ্গে ইংলিশ গায়ক ডেভিড বাওয়ি
………..

প: এই তো, তুমিও ওদের মত কথা বলছ। ল্যুপেনের জন্ম ব্রিটানিতে, আমিও ব্রিটানির। ল্যুপেনের জন্য এখন পুরো ব্রিটানিকে বর্ণবাদী বলবে?

চ: দেখো, একটা বিষফোঁড়া নিয়ে কথা উঠলে পূজ গড়াতেই থাকে। বিষফোঁড়ার একমাত্র চিকিৎসা সার্জারি!

প: আমি কাটাকাটিতে নাই। কথাবার্তায় আছি।

চ: স্যান্ডউইচটা মজার। টুনার পেস্ট মজা লাগছে।

প: ও, ধন্যবাদ। খুশি হলাম। মাতিসের কথা ভেবে বানিয়েছি।

চ: তুমি কি এ-বাজারের কোনো পোশাক পরবে?

প: এখন আর না। বিনি মাগনা দিলেও না। কেন, তোমার এসব নিয়ে সুড়সুড়ি আছে নাকি?

চ: কত রকম সুড়সুড়ি যে অজানা থেকে যাবে! তুমি তো মনস্তত্ত্বের ছাত্রী ছিলে। ফ্রয়েড বলেছিল না প্রত্যেক পুরুষের ফেটিশ প্রবণতা আছে।

প: ফ্রয়েড এখানে আসলে মাথায় হাত দিয়ে বসে থাকত। এইখানে ক্যামডেনে মনস্তত্ত্ব বিদ্যার কুলখানি পড়ে দৌড়ে পালাত!

চ: কিন্তু এ-বাজারটা তো ফেটিশেরই বহিরঙ্গ, তাই নয় কি?

প: এক অর্থে হ্যাঁ, আবার না। ফেটিশ হচ্ছে যৌন সঙ্গীর দেহের নির্দিষ্ট কোনো অংশ বা নৈমিত্তিক ব্যবহার করা কোনো জিনিসের প্রতি যৌন আসক্তি। অর্থাৎ পূর্ণাঙ্গের উল্টো, ভগ্নাংশে আবর্তন। পুরুষের মার স্মৃতি রোমন্থনের অস্ত্র হতে পারে ফেটিশ। কিন্তু অনেকে সারা জীবনের জন্য ফেটিশে আটকে যায়। বিবর্তণের অভাবে। অনেকে বেরিয়ে আসে। বেরোনোর পথ থাকতে হবে। দেখ, এ-বাজারটার সব দিকে কিন্তু অনেকগুলো বেরোবার পথ।

চ: আমরা কোন দিক দিয়ে বেরুবো?

প: মাতিস ঠিক করুক।

মাতিস ঠোঁটের চারপাশের টুনায় জিভ চাটতে চাটতে জানালো ও আরো নৌকা দেখতে চায়…।

লংবোটে বা ন্যারোবোটে বসবাসের চল হয়েছে ফ্যাশন থেকে নয়, বাস্তব চাহিদার কারণে। অনেকেরই লন্ডনে হয় ফ্ল্যাট কেনার সঙ্গতি নেই বা একনাগাড়ে লন্ডনে থাকতে চায় না। এরাই লংবোটের বাসিন্দা। ঘুরে ফিরে কাজ করে। আরেক দল আছে যাদের যেমন খুশি তেমন জীবন যাপনের সঙ্গতি থাকলেও এরা লংবোট জীবনে আসক্ত। এদের আবার ধনবানদের বিলাসতরীতে বা ইয়টে থাকতে বললে রাজি হবে না। এরা কেউ স্থপতি, কেউ ব্যাঙ্কার…কাজ করছে নগরে, কিন্তু থাকবে খালে নদীতে লংবোটে। কাজে যাবে সাইকেল চালিয়ে। নগরজীবনের প্রচণ্ড দাপাদাপির ভেতরেও ধীরলয়ের গ্রামীণ গতির সংক্রমণ!

হাঁটবার সময় থেমে কথা বললাম এরকম এক দম্পতি গ্যারেথ আর ইভের সাথে। গ্যারেথ বারমিংহামের, ইভ নিউজিল্যাণ্ডের। দেখা এই ক্যামডেনেই। নৌকা গ্যারেথের। গ্যারেথ জানালো ভেতরে আছে একটা বেডরুম, একটা স্টাডি, একটা রান্নাঘর কাম ডাইনিং।


গ্যারেথ ও ইভ-এর নৌনিবাস

ওদের নৌকার সাথে আগামি গ্রীষ্মে আমাদের ফ্ল্যাট সাময়িকভাবে বদলাবদলি করা যাবে কিনা সে প্রশ্নে ইভ খুব উৎসাহ দেখালেও, গ্যারেথ তেমন আমল দিল না। ও আইন-কানুনের খুঁটিনাটি নিয়ে পাড়ল : ওর বীমার মেয়াদ, স্থানীয় পৌরসভাকে কতটুকু কর দিতে হয় এইসব। ওর আরেক দুঃচিন্তা যে সরু আয়তক্ষেত্রে থাকতে থাকতে ও বাসাবাড়ির বর্গক্ষেত্রে নড়াচড়া ভুলে গিয়েছে। যেভাবে মুখ বাঁকিয়ে, হাত নাড়িয়ে বলল, তাতে আমরা হেসে খুন।

প্যাট্রিসিয়া হুড়ো দিল, লংবোটে থাকবার সখ ওর অনেকদিনের, কিন্তু সাঁতার জানে না। এর মধ্যে ওরা দুজন জেনে ফেলেছে যে আমি বাংলাদেশের ছেলে। সাঁতার জানি না জেনে বেশ অবাক। সাফাই গাইতে যাব। প্যাট্রিসিয়া হুড়ো দিল। ফিরবার পালা।

ইংরেজের চোস্ত রসবোধের সাথে সৌজন্যের মধু মিশিয়ে গ্যারেথ মাতিসকে বিদায় জানালো, 'আমার ভাসমান তাজমহলে আসবার জন্য মহারাজা মাতিসকে ধন্যবাদ।'

চিড়িয়াখানা পার হবার সময় দেখি বিশাল উঁচু খাচার ভেতর হায়েনাদের খাবার দেয়া হচ্ছে। মরা খরগোস। হায়েনাদের কামড়া-কামড়ি দেখবার পাশাপাশি খালের বুক বেয়ে সূর্যাস্ত দেখলাম।

আবার ক্যামডেন টিউব স্টেশনে ফেরা। ক্যামডেন আসলে খোঁজবার জায়গা নয়। হারাবার।

লন্ডন, নভেম্বর ২০০৭

choygypsy@yahoo.com