২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান অডিসি (২)

মীর ওয়ালীউজ্জামান

Published : 31 Aug 2011, 01:27 PM

Updated : 05 Sep 2022, 06:58 PM

কিস্তি ১

(গত কিস্তির পর)
সত্যর দোকানে পৌঁছে জানা গেল, বাবু মোপেড চড়ে রেল স্টেশ্যনে গেছেন কারো টিকিট কিনতে। এসেও গেল সে মিনিট পাঁচেকের মধ্যে। ইয়েস স্যর, শ্যূট। সত্যর তাড়া রয়েছে বুঝে আমি ঝোলা থেকে ম্যাপটা বের করে মেলে ধরলাম টেবিলের ওপর। বল্লাম, আমি মোটামুটি রুট যা বুঝেছি, আমরা এখান থেকে পশ্চিমে যাব ব্যাঙালোর, ওখান থেকে দক্ষিণ-পশ্চিমে পরবর্তী স্টপ মাইসোর, ওখান থেকে সোজা দক্ষিণে বন্দিপুর, মুড়ুমালাই বনপথে উডাগামন্ডলম্ গিয়ে উঠব। সেখান থেকে একই পথে না ফিরে উটি পাহাড় থেকে দক্ষিণ-পুব পথে নেমে ওয়েলিংটন, কুনূর, কৈম্বাটর, কোডাইকানাল পেরিয়ে আবার উত্তরমুখো ট্র্যাভেল করে কারুর, নামাক্কাল, সালেম, ধর্মপুরী হয়ে ব্যাঙালোরের রাস্তায় পড়ে আবার ভেল্লোরমুখী লাস্ট লেগ অব দ্য ট্রিপ। এই তো? এখন বল, কীভাবে যাব? তার দরদস্তুর সব ঠিক কর। সব বলে রেখেছি, সত্য হেসে বলে, ইউ আর এন ঈজি কাস্টমার! আপকা ওহ্ যো ফ্রেন্ড হ্যায় না, কাসেম সাব, কাল আয়ে থে সাউথ সার্কিট ট্যূর কি খাবার লেনে কি লিয়ে। ও মাই গড, হি ওয়ান্টেড টু ইনস্পেক্ট দ্য ভিইক্‌ল আই উড লেট হিম ইউজ ফার্স্ট। সৌ আই শোউড হিম। বাট হি ওয়জ নট টু বি স্যটিসফাইড। হি ওয়ান্টেড এন এয়ারকন্ডিশন্ড কার, অর এট লিস্ট ফিটেড উইথ ফ্যান্‌স, নিউ টায়ার্‌জ এন্ড অল। আই সেইড, স্যরি স্যর। ইউ হ্যাভ টু ফ্যগগেট এবাউট দ্য সাদার্ন ট্রিপ দিস টাইম। নৌ ওয়ান ইন ভেল্লোর ক্যান গিভ ইউ দ্য ভিইক্‌ল অব ইওর চয়েজ। সত্য মুচকি হাসল। অগত্যা আমিও।

মোদি নামের ইয়াংম্যান তার নিজের গাড়ি চালিয়ে আমাদের বেড়াতে নিয়ে যাবে। পরদিন সকালে ন'টার দিকে হোটেল থেকে আমাদের তুলবে। হাজার-বারোশ' কিলোমিটার পথ তিন-চার দিনে ট্র্যাভেল করে ফিরব। হাদিয়া তিন হাজার রুপি। পনেরোশ' দিয়ে রশিদ নিলাম। বাকিটা ফিরে এসে হবে। তিন দিন পর থেকেই ও সোলাই ম্যানেজমেন্টকে আমাদের জন্য একটা ভাল রুম রাখতে বলে রাখবে। কোই ফিক্‌র নেহি। যথারীতি কোলকাতা ফেরার ট্রেইন টিকিটের ব্যবস্থাও রাখবে। মোট কথা, সব ভার সত্যর ওপরে রইল। এর চেয়ে ভাল আর কিছু হয় না, রুবি এ্যাপ্রিশিয়েইট করল। শহরে-বাজারে একটু ঘোরাঘুরি হল। রুবি মাঝারি সাইজের একটা ভিআইপি লাগেজ দরদাম করে কিনে সন্তুষ্ট হল। আহ্ হা রে, সত্যকে ম্যাপের দাম দিলাম না আজো? সত্যি দরকারি কথা আর করণীয় সব ভুলে যাই ইদানিং। রুবাই ঘুরতে পেরে আর রকমারি আইসক্রিম খেয়ে খুশিতে আছে। গাড়িটা একবার দেখলে না? রুবি খুঁত খুঁত করে, অন্যের গাড়ি চালানো তো তোমার আর হিরণ ভাইয়ের আবার পছন্দ হয় না। ঠিক আছে, সত্য সব দেখেশুনে দেবে আজ বলেছে তো, আমি ওকে নিশ্চিন্ত করার ছলে নিজেকেই প্রবোধ দিই।

'গীতাঞ্জলি খাবার ঘর'-এ খেয়ে হোটেলে ফিরে কাপড় ছেড়ে, হাতমুখ ধুয়ে একটা বই মুখে কেবল কাত হয়েছি, ব্রহ্মাণ্ড কাঁপিয়ে কাছাকাছি কোথাও ভারি কামানের গোলা পড়েছে মনে হল। লাফিয়ে উঠে বসলাম। রুবি-রুবাইও শয্যা ছেড়ে মেঝেতে দাঁড়িয়ে পড়েছে। এই বিল্ডিং আবার পড়ে যাবে না তো? সব মিলিয়ে আধ মিনিটের ব্যবধানে আবার গুড়ুম! আমি ফোন তুলে রিসেপশ্যনকে ঐ দারুণ শব্দের উৎস ও উপলক্ষ জানতে চাইলাম। ও স্যর, আন দিস ভেরি ডেই আব মেই লাস্ট ইয়ার, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রাজীব গাঁধী ওয়জ কিলড বাই এলটিটিই এট শ্রীপেরাম্বুদুর। আই আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াই দ্যাট টুয়েনটি ওয়ান গান স্যালিউট ইজ বিয়িং রেনডার্ড ট্যডেই? আমার প্রশ্ন শুনে ছেলেটি আরো ব্যাখ্যা করে। আই ডিন্ট ফিনিশ, স্যর। উই আর আলসো সারপ্রাইজড্, আই ক্যান টেল ইউ দিস মাচ দ্যাট উই সামহাউ ডিন্ট হিয়ার দ্য গান স্যালিউড আন দ্যাট ভেরি ডেই ইন মেই, উই হার্ড দ্যাট ইন জুন এন্ড আগেইন ট্যডেই দ্য সেইম থিং হ্যাপেন্ড। ওর-আমার কথা শেষ হল আর নটে গাছটিও মুড়োল। রুবি-রুবাইকে ১৯৯১-এর মে মাসে ২২ তারিখে নিকটবর্তী শহর শ্রীপেরাম্বুদুরে যে মর্মান্তিক হত্যা সংঘটিত হয়েছিল, সে বিষয়ে বল্লাম। ২১ বার তোপধ্বনি করে রাষ্ট্রনায়কদের সম্মাননা দেয়ার রীতি সম্পর্কেও বললাম। কিন্তু মোটের ওপর বেশ ক্যনফিউজড হয়ে রইলাম খানিকক্ষণ। কিছু একটা মহড়া বা অনুশীলনও তো হতে পারে !

সেদিন আর বের হলাম না। ছাদের বাগানেই হণ্টন সেরে নিলাম। নিচে নেমে চা-ফা খেয়ে আসা হল। রিসেপশ্যনে আমাদের ট্যূর প্ল্যানের কথা তুলতে ম্যানেজার জানাল, সাতিয়া সাব নে সব কুছ্ বাতা দিয়া। ফিক্‌র মাত কিজিয়ে, স্যর। এই মানুষগুলো এত কর্তব্যপরায়ণ ও করিৎকর্মা যে, আপনার কোনো অভিযোগ করার সুযোগ থাকে না! নিশ্চিত হয়ে রুমে ফিরলাম। শুয়ে-বসে-পড়ে ডিনার তক্ পার করে খেয়ে এসে ব্যাগ গুছিয়ে রাখলাম। রুবি নতুন লাগেজে ওদের মা-মেয়ের ব্যবহার্য পোশাক ও অন্যান্য সামগ্রী ভরে নিল। খালি ব্যাগ রিসেপশ্যনে ওদের জিম্মায় রেখে যাব। লন্ড্রিতে কিছু কাপড়ও দেয়া হয়েছে। এসে সেগুলোর ব্যবস্থা হবে। তাড়াতাড়ি শুয়ে পড়লাম যাতে সকালে মাথা ঝিম্‌ ঝিম্ না করে।

পৌনে ন'টায় নিচে নেমে শুনলাম, আমাদের গাড়ি অপেক্ষা করছে। বিল মিটিয়ে, প্রয়োজনীয় জিম্মাদারি বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। ক্রীম রঙের এম্ব্যাসাডর গাড়ির পাশে দাঁড়ানো যুবকটি এগিয়ে এসে বলল, স্যর, মাই নেইম ইজ মোদি। সাতিয়া সাব নে মুঝে ভেজা হ্যয়। বলে সে গাড়ির বুট খুলে স্যুটকেইস আর ব্যাগ তোলে, ডালা নামায়। পেছনের দরজা খুলে ধরে, আইয়ে ম্যাডাম, মিসিবাবা আইয়ে। রুবাই হিয়ারিং এইড পরে সবই শুনতে পাচ্ছে গতকাল থেকে। ও একটু লাজুক হেসে বলে, আম্মু, আমাকে লোকটা মিসিবাবা বলে ডাকছে কেন? মোদিও হাসে, আমি কুছু কুছু বাংলা ভি জানি, ইউ আর মিসিবাবা, মাই নেইম ইজ মোদি। মোদি, বলে নিজের বুকে অঙ্গুলি নির্দেশ করে। ওরা গাড়িতে ওঠে। আমি নিজেই সামনের দরজা খুলে উঠে পড়ি। মোদি বলে, স্যর, ইধার আপকো কাষ্ট হোগা। মোটেই না, মোদি, লেট দ্য মাদার এন্ড দ্য চাইল্ড বি কাম্ফার্টেবল। আই' ম ঔকেই। আই'ম অ্যাম এক্স-সৌলজা। হাঁ, সাতিয়া সাব নে বোলা সাব কুছ্। স্যর, ইউ উইল রীড দ্য ম্যাপ এন্ড ডাইরেক্ট মি। আই'ম এট ইওর সার্ভিস টিল দ্য টাইম ইউ টেল মি টু গো ব্যাক হোম। বলে হাসল।

ভালই তো ছেলেটি। ইয়াং, এডুকেটেড, চট্পটেও বটে। মনে হয়, ট্যূরের সময়টা ভাল কাটবে। এতদিন পর একটু আরামে সফর হচ্ছে, যা ঠাসাঠাসি গেল ক'দিন, বলে রুবি হেসে ফেলল। রুবাই পট্যটৌ চিপসের স্যাশেই খুলে মুচ্‌ মুচ্ চিবোতে চিবোতে বলল, আব্বু খালি আরামে হেলান দিয়ে বসতে বলে। কিন্তু দেখ আম্মু, এভাবে বসে কি কিছু দেখা যায়? কবে যে তোমাদের মতো বড় হব, তখন সব দেখতে পাব, তাই না? হ্যাঁ, ওর মা কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলে, তুমি চিপ্‌স খেয়ে ঘুমিয়ে পড়তে পার। দেখার মতো জায়গা এলে জাগিয়ে দেব, কেমন? আমি মোদিকে ছোট ছোট প্রশ্ন করে ওর সম্পর্কে যা জানা দরকার, সেগুলি জেনে নিয়েছি। স্যর, মোদি গাড়ি চালনার ফাঁকে জানাল, সাতিয়া সাব নে আপকো এক বাত বোলনে কে লিয়ে বোলা–প্লীজ ফোন হিম ফ্রম ইওর হোটেল ওয়্যারএভার ইউ ডিসাইড টু স্পেন্ড নাইট্স। ওকে, আই উইল, ওকে নিশ্চিত করি। ম্যাপ দেখে বলি, মোদি, উই'ল স্টপ টোয়াইস বিফোর উই রীচ ব্যাঙালোর, ওকে? জাস্ট টেল মি ওয়্যার, দ্যাট'ল ডু। মোদি ফাঁকা রাস্তায় গাড়ির গতি কমিয়ে ছোট্ট প্যাকেট ছিঁড়ে পান মাসালা মুখে পোরে। স্যর, দিস ইজ মাই ঔনলি নাশা। মোদির কথা শুনে নিজেকে শোধরানোর কথা ভাবি। ইউ আর আ সেইন্ট, মোদি, এজ ফার এজ এডিকশ্যনজ গৌ, ওকে নিচুস্বরে বলি। ও নৌ স্যর, ইউ'ল কল মাই মাদার আ মাদার সুপিরিয়র, আই বিলিভ। আই'ম হার আনওয়ার্দি স্যন। মোদির কণ্ঠ চৌক করে প্রায় আবেগে। আমি আড়চোখে দেখি, আঙুলের ডগায় সে অশ্রু তুলে নিচ্ছে স্মার্টলি।

হাইওয়ের দু'ধারে টপোগ্রাফি পালটে যাচ্ছে। যানবাহন কম। মাঝে-মাঝেই চলে আসছে বেলেপাথরের স্তূপ, টিলা। ওদিক থেকে বড় বড় বাস আসছে মাঝে-মাঝে। আমরা অনেকক্ষণ যাবত দু'টি সাদা এমব্যাসাড্যর গাড়ির পেছন-পেছন যাচ্ছি। মোদি ওভারটেইক করছে না, আম্মো চুপ। এ রাস্তায় মোদি ব্যাঙালোর পর্যন্ত কয়েকবার গেছে, তারপরে আর নয়। সে আমাকে এলাকার ভূ-প্রকৃতি, জনবিরলতা, চাষবাস ইত্যাদি বিষয়ে বলে যাচ্ছিল। পেছনে ওরা মা-মেয়ে ঘুমিয়ে পড়েছে। থাক, পাহাড় এলে ডাকব, আমি মোদিকে জানাই। ওমা, বলতে-বলতেই বিশাল সব নানাবর্ণের বেলে পাথরের চাঁই আমাদের দু'পাশে দাঁড়িয়ে দেখলাম। অপূর্ব তাদের বর্ণচ্ছটা। ইসমে মার্বেল ভি হ্যায়, মোদি জানায়, মারমারা। হ্যাঁ, এই রুবি, আম্মু, ওঠ, দেখ, কী সুন্দর সুন্দর পাথুরে পাহাড়। আমাদের দেশের মাটির পাহাড় থেকে অনেক আলাদা, অন্যরকম, মূল্যবানও বটে, আমি জানাই। পেছন থেকে এবার নানা ধরনের উচ্ছাস, আনন্দ, বিস্ময়সূচক ধ্বনি আসতে থাকে। আম্মু, দেখ, ঐ পাহাড়টা একদম হাতির মতো দেখতে, ওর শুঁড়টা আবার আমাদের রাস্তায় এসে পড়েছে! মেয়ের কণ্ঠ শুনে ডানে তাকিয়ে দেখি, তাই তো! গোলাপি বিশাল প্রস্তরীভূত হাতি, হাজার ম্যামথের সমান হবে হয়তো। লাল কেল্লা, তাজমহলের মতো সুন্দর সুন্দর ভবনও কিন্তু এই অঞ্চলের পাথর দিয়ে তৈরি করা হয়েছে বহু বহু বছর আগে, রুবিকে বলি। সামনের গাড়ি দু'টি একই গতিতে চলছে। আ গিয়া স্যর, জোলারপেট্টাই। উই'ল স্টপ এট দ্য গাভ্‌মেন্ট মৌটেল, ওকে স্যর? মোদির প্রশ্ন শুনে বলি, ইউ'র দ্য বেস্ট জাজ–টিল ব্যাঙালোর এট লিস্ট।

পাহাড়ের ঘনত্ব কমে, গাড়ির গতি কমে আসে। সামনে বিস্তীর্ণ সবুজে ঢাকা এলাকা। নিচু ঘরবাড়ি, ফাঁকা-ফাঁকা। বাঁয়ে টিটিডিসি মৌটেলের সাইন। আশ্চর্য, সামনের গাড়ি দু'টিও মৌটেলের 'ইন' গেইট দিয়ে ঢুকে মোরাম ঢাকা পথে চাকা গড়িয়ে দেয়। প্রায় একসঙ্গেই সব গাড়ির যাত্রীরা নামে। আরে, এতো মিনিস্টার হ্যায় স্যর, মোদি নিচুস্বরে জানায়, আপলোগ যাইয়ে আন্দার। আই ডোউন্ট টেইক টি। তাই তো দেখছি, পাইলট কারের মাথায় লাল বাতি। মিনিস্টারের পরনে সাদা লুঙি, সাদা ফুলহাতা সাইড পকেটওলা শার্ট, কালো চক্চকে চটি। ভাল লাগলো দেখে। মেয়েকে জানালাম। রুবাই মুখে এক আঙুল পুরে আমার হাত ধরে দেখছে সব কিছু, কথা বলছে না। মস্ত হলঘরের মতো রেস্তোরাঁ। বাইরে ফুলবাগান। আমরা কাচের দেয়ালের ভেতরে বাঁয়ে বাগান, সামনে অতিথিদের নিয়ে বসলাম। ওয়েটার এসে সেলাম ঠুকে মেনিউ কার্ড দিল। একনজর দেখে বলি, হাফ ডাজ্‌ন চিকেন সামোসা, ওয়ান কফি, ওয়ান টি এন্ড আ গ্লাস অব মিল্ক প্লীজ। এনাদার থিং। আই'ল টেইক আ কাপ্‌ল অব স্যানউইজিজ ফর দ্য ড্রাইভার। চিকেন। এন্ড, কুড ইউ টেল মি হু দ্য মিনিস্টার ইজ? হি'জ আওয়ার ট্যূরিজম মিনিস্টার, স্যর। বলে ছেলেটি মৃদু হেসে বাউ করে সরে গেল।

অবাকই হলাম আমরা, মানে রুবি আর আমি। কোন হাঁকডাক, হৈচৈ, মনোযোগ আকর্ষণ অথবা সেবা আদায়কারীর ভঙ্গিমা নেই। আর দশজন অতিথির মতোই মন্ত্রী মশাই কফি পান শেষে নিঃশব্দে উঠে গেলেন। এতবড় সামোসা জন্মে দেখিনি বাপু, রুবি বলে ওঠে। কেন, সেবার হাক্‌শোবাজারে নিরিবিলি রেস্তোরাঁয় যে বীফ 'সমস্যা' দিয়েছিল খেতে? অবশ্য বড় হলেও সেগুলো এগুলির তুলনায় বাচ্চাই ছিল, আমি স্বীকার করি হেসে। বড় বলেই তো ছুরি আর কাঁটা দিয়েছে, মা, রুবাই বোঝায় রুবিকে। তবে তাও আমি একটার বেশি খেতে পারব না। ঠিক আছে, তোমার টিফিন বাক্সে নিয়ে নেব, পরে খেও ইচ্ছে হলে। রুবি মেয়েকে ম্যানেজ করে সামোসায় কামড় বসিয়ে বলে, ওহ্ এতো টেইস্টি! বাবু, খেয়ে দেখ, পুরের স্বাদ একেবারে মেমারির প্যাটির মতো। মুচকি হেসে আমি সামোসার পিস কাঁটা বিঁধিয়ে তুলে মুখে চালান করি আর কালো কফিতে চুমুক দিই। গাড়িতে উঠে মোদিকে বললাম, ঈট ফার্স্ট, দেন ড্রাইভ। আমার মুখের দিকে একবার তাকিয়ে সে বাধ্য ছেলের মতো স্যানউইজ খেয়ে ওর সাইডব্যাগ থেকে পানির বোতল বের করে গলায় খানিকটা ঢেলে তারপর গাড়িচালনায় ব্রতী হল। এদিকে বৃষ্টিপাত কম, রোদ্দুর প্রখর। আবার পাথুরে এলাকা দিয়ে যাচ্ছি আমরা। উই হ্যাভ গৌল্ড মাইনস্ ইন দিস এরিয়া, স্যর। দেয়ার আর আদার মিন্যরালস্ ট্যূ। মোদি আমাকে ওই উষ্ণ আবহাওয়ায় উষ্ণতর খবর শোনায়। ইয়েস, দ্য ম্যাপ শৌজ ইট এট কোলার, জাস্ট অ্যাক্রস ইন আন্ধ্রাপ্র্যদেস, আমি বলি। ইউ'র রাইট স্যর, মোদি সপ্রশংস তাকায়।

হুঁ হুঁ বাবা, কী ভেবেছ তুমি আমায়, আনপড় ফওজি! মনে মনে হাসি। আই টট্ মিলিট্যরি অফিসার্স ম্যাপরিডিং এট আওয়ার মিলিট্যরি এক্যডেমি, মোদি। বলে আমি রুবির দিকেও তাকাই পিছন ফিরে। দেখি, ওরা আবার তন্দ্রাচ্ছন্ন। ভালই তো মজা। ওয়াই ডোন্ট আই ফিল লাইক ফলিং এ্যসলিপ লাইক দেম, মোদি? আমি খেজুরে আলাপ জুড়ি। ইউ আর লাইক মাই মাদার, স্যর, শি নেভার স্লীপ্‌স হোয়েন আই ড্রাইভ হার টু মাই গ্র্যান্ডপা'জ ভিলেজ, ওয়ান্‌স অর মোর অফ্ন এভরি ইয়ার, মোদি উত্তর দেয়, শি কিপ্‌স টকিং, টেলিং মি থিংস দ্যাট আই ডৌন্ট নৌ। আই নৌ, আমি বলি, আই হ্যাভ বিন আ টিচার ট্যূ। পরের বড় শহর হোসুর। আমরা পাঁচ মিনিট দাঁড়াই একটু বাইরের দিকে। গাড়ি থেকে নেমে হাত-পা সোজা করি। ব্যাঙালোর পৌঁছে আমরা সবচে' প্রথম কোথায় যাব, মোদি? দ্যাট্স আ সারপ্রাইজ, স্যর। মোদি মিটি মিটি হাসে। উই'ল গৌ টু আ গ্রীন প্লেইস ফার্স্ট, হোয়্যার ইউ'ল বি কুলিং অফ ফর আ হোয়াইল, দেন ইউ'ল হ্যাভ লাঞ্চ এন্ড হোয়াটএভার ইউ ডিসাইড টু ডু। হোসুরের পর আর মা-মেয়ে ঘুমোয়নি। আমরা ব্যাঙালোর পৌঁছে গেলাম।

শহরে ঢুকতেই শরীর জুড়োতে লাগল। চারদিকে সবুজ আর সবুজ কেবল। মনে হচ্ছিল, বাগানের মাঝে গাড়ি চলছে আমাদের। যথার্থই গার্ডন সিটি অব ইন্ডিয়া। মোদি গিয়ে থামল এক বিশাল কারপার্কে। বড় সাইনে উৎকীর্ণ–লুম্বিনি গার্ডন্‌স। নাম শুনেছি এই বাগিচার। থিম পার্ক, এমিউজম্যন্ট পার্ক। বিনে পয়সায় প্রবেশ। বেশিদূর গেলাম না। একটু ভেতরে কেড্স খুলে রেখে একটা মার্বেলের চওড়া বেঞ্চিতে চিত হয়ে শুয়ে পড়লাম। রুবাই ছুটোছুটি করতে লাগল, স্ফূর্তিতে, রুবিও পেছন-পেছন। স্যর, প্লিজ গেট আপ, ইউ রিয়েলি ফেল এসলিপ! ম্যাডাম, মিসিবাবা ওয়ান্ট টু গো ফর লাঞ্চ। মোদির ডাকে তন্দ্রা টুটল। উঠে বসে বললাম, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, মোদি, ফর ব্রিংয়িং আস হিয়ার। আই ফিল সৌ ফ্রেশ অল ঔভা। লেট্স গৌ। রুবি-রুবাই আরেক বেঞ্চে বসে আমাকে দেখছে আর হাসছে কেবল। খালি আমরা ঘুমাই, না বাবু? রুবি টিজ করে। একে ঘুম বলে না, আমি ঘোষণা করি, একে বলে উষ্ণতা আর ক্লান্তি থেকে মুক্তিস্নান। আহা, অমিয় সাগরে সিনান করিয়া…। চল, মেয়ের খিদে পেয়েছে, রুবি তাড়া দিল। মোদি আমাদের কাছেই একটি সাদাসিধে দেখতে ঈটারিতে নিয়ে গেল। মোদি, কাম উইথ আস। আমার আমন্ত্রণ মোদি মৃদু হেসে এড়িয়ে গেল, বলল, আই হ্যাভ টু স্টে নিয়ার দ্য কার, স্যর। আই'ল গেট সাম ইডলিজ ফ্রম দ্যাট স্টল ঔভা দেয়ার।

কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। সিঁড়ির প্রতিধাপে পটে ফুলগাছ সাজানো। কাচের বড় দরজার পাল্লা ঠেলে ঢুকতেই হাল্কা স্নিগ্ধ বর্ষার ফুলের সুবাস ভেসে এল। মৃদু বাজনা বাজছে আড়ালে কোথাও। তিনদিকে পুরু কাচের দেয়াল ঘেঁষে ফুল-লতা-পাতার পট। সবুজে সবুজ একেবারে। ভিড় নেই। নিঃশব্দ এয়ারকুলিং। দিস গাই মোদি হ্যাজ বিন এরাউন্ড আ বিট, মনে মনে এপ্রিশিয়েইট করি। জানালার ধারেই বসলাম। যার যা পছন্দ বল, আমি রুটি খাব, যদি পছন্দমতো পেয়ে যাই। রুবি খাদ্য তালিকা দেখে নিজেদের জন্য ভাত, মুরগি, ডাল আর আমার জন্য সবজি-রুটি বলে দিল। একটা কিংসাইজের মাছরাঙা বিয়র দিও হে আমাকে, হেঁকে বললাম শেষে। ওয়েল, কিংফিশারজ্ কাম ইন ঔনলি ওয়ান সাইজ, স্যর, ওয়েটার শুনিয়ে দিল। হাসলাম। রুবাই চোখ বড় বড় করে চারদিক দেখেশুনে বলল, ওই যে ঈদের পরদিন আমরা ম্যারী এন্ডাসনে চা খেতে গেলাম, সেই স্টীমারে এরকম ফুলের টাব ছিল চারদিকে, না আব্বু? ভেরি গুড, মা, ওটার সঙ্গে এই ব্যাঙালোরের অভিজ্ঞতা যোগ করে নাও, এর সঙ্গে আরো কত জায়গা দেখবে, যোগ করে যাবে শুধু। খেতে খেতে টেবিলে রাখা ব্যাঙালোর এট আ গ্ল্যান্স'-এ চোখ বুলিয়ে মনে মনে দ্রষ্টব্য স্পট নির্বাচন করলাম। আমরা রাতে এখানে না থেকে চল মাইসোর চলে যাই, না কি বল, রুবি? মেয়ে কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ, আব্বু, চল মাইসোর যাব। আমরা দুজনেই হেসে ফেলি।

চল মোদি ভাই, গাড়িতে উঠে বললাম, লুম্বিনী গার্ডেন্‌স হো গিয়া, আব চালো লালবাগ। কুছখায়া পিয়া তুম নে? স্যর ডোন্ট ওয়ারি, আই'ল টেক কেয়ার অব মাইসেল্ফ এন্ড কিপ দ্য কার রোডওয়ার্দি, ব্যস। মোদি আমাকে নিশ্চিত করতে চায়। আমার মন মানে না। আমরা যা খাই, যেখানে যেটুকু আনন্দ উপভোগ করি, গাড়ির চালক মোদি আমাদের সঙ্গে থেকে তার অংশভাক্ হবে, এটাই স্বাভাবিক মানবিক চাহিদা আমাদের। সে যাকগে। লালবাগ থেকে আমরা যাব রেইস কোর্সে, ওখান থেকে মিউজিয়াম, তারপর টিপু সুলতানের সামার প্যালেস দেখে নিয়েই মাইসোর রওনা হব, বুঝলে মোদি? শুনে মোদি সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, হো যায়গা, সাব। রেসের মাঠ আমরা আরো দেখেছি তো, এটায় বিশেষ কোনো তফাৎ দেখা গেল না, কেবল সবুজের সমারোহ আরো ঘন এবং সর্বব্যাপী এখানে, মনে হল। জাদুঘর দেখা হল না–সেদিন বিকেলটায় বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে বিধায় বন্ধ, জানা গেল। টিপুর গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্য বেশিরভাগ কাঠের তৈরি যে দোতলা প্রাসাদের সামনে গিয়ে আমরা থামলাম, সেটি চমৎকার। ব্যালকনি, দরজায় অপূর্ব ফিলিগ্রির কাজ–কাঠে অমন কাজ দু'শো বছর টিঁকে রয়েছে ঝড়জল সয়ে–ভাবার বিষয়। এটি আরো বহুদিন দাঁড়িয়ে থাকবে। ব্যাঙালোরে যে সময় আমরা কাটালাম, সেটা বাকি জীবনের জন্য একটা স্মর্তব্য অধ্যায় হয়ে রইল আমার মনের কোণে।

ব্যাঙালোর থেকে মাইসোর ঘণ্টা তিনেকের ড্রাইভ। সুন্দর রাস্তা। ঘণ্টা খানেক পর কামাত-এ থেমে চা-কফি পান করা হল। একটানা চলে চান্নাপাটনার পর ডোড্ডা মালুর কৃষ্ণমন্দির। নেমে হাত-পা টান্‌ টান্ করলাম। মোদি মন্দিরে গিয়ে ভক্তি নিবেদন করে এল। এখানে বালকৃষ্ণের মূর্তির সামনে প্রণত হয়ে সন্তানহীন মা-বাবা সন্তান কামনা করে থাকে। মাইসোর পৌঁছতে সন্ধ্যা হল। মোদি খুঁজে-পেতে সত্যর নির্দেশিত একটি বাজেট হোটেলে নিয়ে তুলল আমাদের। তিনদিকে হোটেলের ঘর, রাস্তার দিকটা খোলা। মাঝে বিস্তীর্ণ সিমেন্ট বাঁধানো উঠোন। বেশ ক'টি গাড়ি পার্ক করা সেখানে। আরামদায়ক প্রশস্ত ঘর মিলল। ভাড়া তিনশ' রুপি। রেস্তোরাঁয় সব ধরনের খাবার পাওয়া যায়। ঠাণ্ডা-গরম জল মিশিয়ে গায়ে ঢেলে বেশ ফ্রেশ লাগল। ভেল্লোরের মতো গরম নয় এদিকটা। গাছ-গাছালির প্রভাবে হয়তো এই নাতিশীতোষ্ণ প্রায় জলবায়ু। রাতে মোদি আমাদের মাইসোর প্যালেসের আলোকসজ্জা দেখাতে নিয়ে গেল। তিনতলা গ্র্যানিটের প্রকাণ্ড প্রাসাদটিকে আলোকোজ্জ্বল রূপ দিতে নাকি ৯৭,০০০ বৈদ্যুতিক বাল্বের প্রয়োজন! তাই সীমিত সময়ের জন্য সোম-বুধ এবং শনি-রবিবার সন্ধ্যার পর ওই বাতির মালা জ্বালানো হয়। সে এক চোখ-ধাঁধানো কর্মযজ্ঞ বটে!

কাছেই এক রেস্তোরাঁয় খেতে গেলাম। মোদিকে সেই সন্ধ্যায় জোর করে আমাদের টেবিলে বসানো হল। রুবি, রুবাই দু'জনেই খুব খুশি। মানুষটা দিনভর গাড়ি চালনার অবসরে ওদের কিছু চাই কি না, কোনো তকলিফ হচ্ছে কিনা–এসব খোঁজও করেছে বার বার। ওদের তিনজনের যা পছন্দ হুকুম করেছে। এলো হায়দ্রাবাদি বিরিয়ানি, মুরগির কোরমা, রেশমি কাবাব আর বাটার নান–আমার জন্য। মজা করে খাওয়া হল। অতি সুস্বাদু সুঘ্রাণযুক্ত মোগলাই খানা খেলুম, সন্দেহ নেই। সবশেষে তবক্ দেয়া গোলাপগন্ধী ফিরনি মাটির সসারে। অতঃপর তবকমোড়া মিষ্টি স্বাদের পান। চিবোতে শুরু করলাম আর মিলিয়ে গেল যেন লহমায়, বর্জ্য থাকল না কিছু ফেলবার মতো। এরকম পান সবাই খেলে তো আর আমাদের পাবলিক ভবনগুলো পানের রসে রঙিন হত না! মোদিকে ধন্যবাদ জানালাম আমরা। স্যর, কাল লাঞ্চ হোগা একদ্যম লোকাল, ঠিক হ্যয়? মোদির জিজ্ঞাসার উত্তরে আমার জিজ্ঞাসা, পেট ভরানো যাবে তো শেষতক্?

মোদি গাড়িতে ঘুমিয়েছে। সকাল-সকাল নাশ্‌তা সেরে আমরাও তৈরি। প্রথমেই যাওয়া হল বৃন্দাবন গার্ডন্‌স। ব্যাঙালোর যেমন সাহেবদের তৈরি শহর, মাইসোর তার বিপরীতে স্থানীয় রাজা-রাজড়াদের তৈরি নগরী। অবশ্য নাগরিকদের চলাফেরা, কাজকর্মের গতিপ্রকৃতি একইরকম ঢিলেঢালা, টেনশ্যনমুক্ত। বৃন্দাবন উদ্যানের অত্যন্ত নয়নাভিরাম দৃশ্যাবলী চোখকে আরাম দেয়। আগের দিন তামিলনাড়ুর পাহাড়ি, প্রায় শুষ্ক এলাকা দিয়ে আসতে যেমন ধূসর ও নানা পাথুরে রং-এর খেলা দেখেছি, আজ তার বিপরীতে শ্যামলিমামণ্ডিত পাহাড় ও সমতলে বিচরণ খুব রিফ্রেশিং লাগছে। মাইসোরে শুনলাম মেলাই প্রাসাদ–চেলুবাম্বা প্রাসাদ, জগমোহন প্যালেস, জয়লক্ষ্মী ভিলা, করণজী ম্যানশ্যন–রাজরাজড়ার শহর, আগেই বলেছি। একটু সময় নিয়ে সবশেষে মাইসোর প্যালেস দেখা হবে, ঠিক হল। শহরের হৈ-হল্লা থেকে একটু বাইরে প্রায় ৫,০০০ ফুট উঁচু চামুণ্ডি পাহাড়ের একেবারে চূড়োয় চামুণ্ডেশ্বরীর মন্দির। এদিককার প্রায় সব পুরনো নির্মাণে গ্র্যানিট ব্যবহৃত হত, বোঝা যায়। ৩৫০ বছর আগে ওপারে ওঠার সুবিধে হবে ভেবে এক রাজা ১০০০ ধাপের গ্র্যানিটের সিঁড়ি নির্মাণ করিয়েছিলেন। নিজেরা যেহেতু ঘোড়া দাবড়ে উঠতেন, পাশাপাশি ঘোড়ার জন্য লাফিয়ে ওঠার সিঁড়িপথও নির্মিত হয়েছিল। গাড়িতে উঠতে আধাআধি পথে নজর কাড়ে কালো পাথরে কোঁদা নন্দী–শিবের বাহন বৃষের ১৫ ফুট উঁচু শায়িত মূর্তি–সুবিশাল এক মনোলিথ।

সকালে পোশাক বদলানোর কালে ক্যাজুয়ালি রুবিকে বলেছিলাম, কোলকাতার নতুন বাজার থেকে ব্যাঙালোর রেশমের যে শাড়ি কিনেছিলে, সেটা পরো, তোমাকে একেবারে স্থানীয় মহিলা মনে হবে দেখো। মন্দিরের আঙিনায় পুজোর অর্ঘ্য বিক্রি হচ্ছে, রুপোর থালায় সাজানো। 'থালি' নেয়া হল। রুবি আর রুবাই সঙ্গে সঙ্গে যেন ছিনতাই হয়ে গেল। মন্দিরের মহিলা পাণ্ডারা ওদের হাত ধরে পরম সমাদরে হিড় হিড় করে আকর্ষণপূর্বক মূল মন্দির কমপ্লেক্সমুখী কিউতে সামিল হল এবং পাঁচ সেকেন্ডে অদৃশ্য হয়ে গেল। মোদি আমার চিন্তাগ্রস্ত মুখচ্ছবি দেখে হাত ধরে আশ্বস্ত করল, কিছু হবে না। এ জায়গাটা অত্যন্ত সিকিওর। চব্বিশ ঘণ্টা স্পেশ্যাল সিকিওরিটি সাদা পোশাকে সব দেখেশুনে রাখছে। ঠিক আছে, তুমি ওদের নিয়ে এস। আমি গাড়ির ওখানে বসে কফি খাইগে, বলে চলে এলাম। মিনিট পনেরো পরেই ওরা ফিরে এল। রুবি প্রায় কেঁদে ফেলে আর কি! আগে জানলে কি আমি যাই? আর আমাকে কি কিছু ওরা বলতে দিল? হুড়মুড় করে সবাই ঢুকছে, মন্দিরের গর্ভগৃহে গিয়ে করালবদনীর সমুখে অর্ঘ্য নিবেদন করছে, সঙ্গে সঙ্গে প্রণাম সেরে বেরোনোর জন্য পেছন থেকে ঠেলছে সব একেবারে যন্ত্রের মতো, চাবি দেয়া পুতুল যেন আমরা, রুবি হাঁপায়। ভাল করে সব দেখাই হল না, ভেতরে সোনা আর রুপোর গয়না আর তৈজসপত্রের পাহাড় যেন! এত সোনারুপো বাপু জন্মে দেখিনি। মেয়ে আমার ভয় পেয়েছে কিনা দেখ তো?

ঘাবড়াইয়ে মাত, ম্যাডাম, বাচ্চিকা কা সাব আফাৎ, মুসিবাত, বিমারী ঠিক হো যায়ে গা, মোদি ওকে আশ্বস্ত করে, ইউ লুক লাইক এ সাউথ ইন্ডিয়ান লেডি নাউ! সত্যিই কপালে তেল-সিঁদুরের মস্ত তিলক এঁকে দিয়েছে ওরা। দেখাচ্ছে একেবারে রায়বাঘিনী যেন! চেপে গিয়ে মোদিকে বললাম, নেক্সট্ ডেসটিনেশ্যন? নিচে উতারকে নাজদিগ্‌মে হ্যয় কারানজী লেইক, চালিয়ে। ৩০০ বিঘের প্রকাণ্ড জলাশয় করনজী লেইক। চালো হাম মাইসোর প্যালেস দেখে, আমি মোদিকে ওর পরিকল্পিত ট্যূর প্ল্যান থেকে সরিয়ে আনি। নইলে আজ বিকেলে উটি যাওয়া হবে না, মনে মনে বলি। অলরাইট স্যর, বলে মোদি আবার শহরে ঢোকে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাইসোর প্যালেসের বর্তমান ভবনটি একই স্থানে নির্মিত চতুর্থ নির্মাণ বটে। টিপু সুলতানের মুত্যুর পর রাজা তার রাজধানী শ্রীরঙ্গপত্তনম থেকে সরিয়ে মাইসোরে নিয়ে আসেন। তখন সেই ১৮০১ সালে এ রাজপ্রাসাদ প্রথম তৈরি হয় কাঠ ও কর্দম সহযোগে। আগুন লেগে ও অন্যান্য কারণে বারতিনেক ধ্বংস হবার পর ১৯১২ সালে বর্তমান প্রাসাদটি নির্মিত হয় ৪১ লক্ষ মুদ্রা ব্যয়ে। তিনতলা বিশাল ভবনটি অত্যন্ত উৎকৃষ্ট মানের গ্রে গ্র্যানিটে নির্মিত। গম্বুজগুলো গোলাপি মর্মরের। আমরা সকলেই হাঁ হয়ে দেখছিলাম, কেবল রুবাইয়ের মুখে আঙুল পোরা। দরবার ঘরের ছাদে স্বর্ণমণ্ডিত কারুকাজ। অপূর্ব! প্রকাণ্ড ভারি দরজা–ওপরটা নকশাদার পুরু রুপোর পাতে মোড়া।

মাইসোর দ্রষ্টব্য আরো বহু জায়গা অদেখা রয়ে গেল–বৃন্দাবন গার্ডন্‌স, চিড়িয়াখানা, চেলুবাম্বা প্যালেস, জগমোহন প্যালেস, কুক্কুরানহল্লি আর লিঙ্গবুদি লেইক ইত্যাদি ইত্যাদি। ফির কাভি হোগা। এবারে মোদিকে বল্লাম কোনো ব্যাঙ্কে যেতে–ট্র্যাভেলার্স চেক ভাঙাতে হবে। তারপর লাঞ্চ। রুবাই বায়না ধরল, রাস্‌না নেবে। মোদি হেসে ফেলে বলল, শি হ্যাজ ভেরি শার্প আইজ, স্যর। মাস্ট হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড বাই দৌজ অ্যাড্জ, বলে আঙুল তুলে ব্যাঙ্কভবনের শীর্ষে দেখাল। রসনা তৃপ্তিকর বিস্ময় পানীয় 'রাসনা' বাজারে এসেছে নানা ফ্লেভারে–এখুনি ট্রাই করা ফর্‌জ! রুবি আর আমি ব্যাঙ্কে ঢুকলাম। রুবাই মোদির হাত পাক্‌ড়ে রসনার খোঁজে গেল নাচতে নাচতে। কাজ সেরে মোদির প্রেসক্রিপশ্যন অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন 'মাইসোর ভোজনালয়'-এ যাওয়া হল মাইসোর ঘরানার মধ্যাহ্নভোজ খেতে। মোদিই অর্ডার দিল। বলল, ও নিজে দক্ষিণী সর্বজনপ্রিয় দোসা, ইড্লি আর সম্ভার নেবে। আমাদের খাবার একটুখানি অন্যতর, কিন্তু আবশ্যিকভাবে মাইসোরের রেসিপি ও ডিশ হবে। ঠিক হ্যায়, প্রচণ্ড খিদের তোড়ে ভলান্টিয়ার করলুম, তাই খাব। রুবির ভুরু কোঁচকানো, রুবাই নির্বিকার ভাবে রাসনা চেরি ড্রিঙ্ক তৈরি করে তাতে চুমুক দিচ্ছে।

আমাদের জন্য প্রথমে এল ট্রেতে সাজানো ছোট ছোট রুপোর বাটিতে নানারকম চাটনি। তারপর এল বিখ্যাত মাইসোর সিরিয়াল স্যালাড কোসাম্ব্রি আর পালিয়া–যেটা হল মূলতঃ ভেজিটেবল স্যালাড। নানারকম সবজি সেদ্ধ করে, কুচিয়ে নিয়ে, তাজা নারকেলের কুচি, কাঁচা লঙ্কা, কারিপাতা আর সর্ষে সহযোগে কুকিং পটে ফেলে তপ্ত চুলোর উত্তাপে এটা রান্না করা হয়েছে। এল গজ্জু–তেঁতুলের জুস ও মরিচের গুঁড়ো দিয়ে রান্না করা সবজি। সাদাসিধে তাউয়ি বা ডাল রান্না। সারু এল–নারকেলের কুচি, মশলা, তেঁতুল আর মরিচগুঁড়ো দিয়ে রান্না করা ডাল আর সবজির ঘন স্যূপ। পাঁপড় তো থাকবেই। শেষপাতে মিষ্টিমুখ আইটেম এল চিরোটি–আটা, চিনি আর বাদামবাটা দুধে তৈরি হালকা, ফ্লেইকি প্যাস্ট্রি। রুবাই এক-আধটুকু চাখল, আমি চোখমুখ বুঁজে খেয়ে নিলাম উদরপূর্তি করে। রুবি কী করছিল মনে নেই ঠিক। তবে উটি যাবার পথে ব্রেইকে চার-চারটে কিংসাইজ সিঙাড়া আর একবাটি তেঁতুলের চাট্নি সাবাড় করেছিল, মনে আছে।

পিওর আনমিক্সড সাউথ ইন্ডিয়ান ফুড? আবার? নৈব নৈব চঃ। হোটেলে ফিরে চেকআউট করে আমরা উটাকাম্যন্ড রওনা হয়ে গেলাম। এখান থেকে আমাকে আরো ঘনিষ্ঠভাবে গাইড করতে হবে মোদিকে, কারণ ও আগে কখনো এপথে আসেনি। মোদিকে বললাম, মাইসোর প্যালেসের সামনের মোড়ে চলে যাও। সেখানে পৌঁছে সাইন দেখে নাজুনগড়ের রাস্তা ধরতে বললাম। এখান থেকে গুনডেলপেট একেবারে মসৃণ, সোজা পথ। ঐ দুপুরের পর যানবাহন বেশি ছিল না। নাজুনগড়ের পুরনো শিবমন্দিরে থেমে একটিবার উঁকি দিলাম। মোদি প্রণাম সেরে এল। গুনডেলপেটে কফি-চা খাওয়া হল। সেখান থেকে বন্দিপুর ফরেস্ট পর্যন্ত সাবধানে গাড়ি চালাতে হবে, মোদিকে জানালাম। কারণ এ রাস্তায় কিছুদূর পরপরই বন্যপ্রাণী পারাপারের সাইন লাগানো আছে। দ্রুত বা বেপরোয়া গাড়ি চালানোর আমাদের প্রয়োজন নেই মোটেই, বিশেষ করে, বিকেলে বন্যপ্রাণী যেমন হাতি, বানর, হরিণ, মঙ্গুজ, ময়ূর ইত্যাদি রাস্তার একপাশের বন থেকে অন্যপাশে যাতায়াত করে থাকে। হর্ণ বাজানো অথবা হেডলাইট জ্বালানো নিষেধ–এতে হাতিরা সহজেই খেপে যেতে পারে।

পথে ঝাঁকে-ঝাঁকে বাঁদরের দেখা পেলাম। গাড়ির কাচ তুলে দেয়া–কেবল ওপরদিকে একটুখানি ফাঁক। বানরকে খাবারদাবার অফার করা চলবে না–ওরা গাড়িতে ঢুকে আসতে পারে। রুবাই অত্যন্ত এক্সাইটেড সময় পার করছিল। আমরা সকলেই তাই–কম আর বেশি। রুবাই বানরদের থমকে দাঁড়াতে দেখে পোট্যাটো চিপ্‌স অফার করতে চাচ্ছিল। বললাম, আঁচড়ে-কামড়ে দিলে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ইঞ্জেকশ্যন নিতে হবে। সুযোগ বুঝে প্রাক্তন স্বাস্থ্যকর্মী ওর মা সেই ভয় পাবার মতো ইঞ্জেকশ্যন কী জিনিস সেটা ভাল করে বোঝানোর পর মেয়ে মুখে আঙুল পুরে বাইরে তাকিয়ে রইল কেবল। এরিমাঝে এল এলিফ্যান্ট ক্রসিং। ডানপাশের জঙ্গল সামনে একটু পাতলা। গাড়ি আস্তেই চলছিল। এবারে থেমে গেল একেবারে। মোদি রুবাইয়ের দিকে ফিরে মুখের সামনে তর্জনি রেখে ফিসফিসিয়ে বলল, হাঁতি, বাবা, ওহ্ দেখ। পুরো পরিবার নিয়ে মা হাতি গজেন্দ্র গমনে জঙ্গলের বাইরে এসে রাজপথে থেমে দু'দিকে দেখলেন। ফাঁকা। আমাদের গাড়ি তো বাঁয়ে একেবারে চেপে একটা প্রকাণ্ড মহীরুহের নিচে আধো অন্ধকারে ক্যামুফ্লাজ্‌ড। হাতির দল পথ পেরিয়ে, বাঁয়ের জঙ্গলে ঢুকে, ডালপালা মড়মড়িয়ে ভেঙে নিচের ঝোরায় স্নান করতে নামল।

চারপাশে তাকিয়ে দেখলাম, ফরেস্টের কেউ আছে কি না। তারপর একদম শব্দ না করে দরজা খুলে, আস্তে চাপিয়ে রেখে, পা টিপে টিপে এগিয়ে গিয়ে ঝোপের ফাঁক-ফোকর দিয়ে দেখলাম, সে এক অদৃষ্টপূর্ব ঘটনা! মা হাতি ঝোরার জলে হাঁটুতক্ ডুবিয়ে শুঁড়ে করে জল তুলে নিয়ে বাচ্ছাদের শাওয়ার দিচ্ছে। অনেককাল বাদে একই দৃশ্য দেখেছিলাম শ্রীলঙ্কায় ক্যান্ডির কাছে এক হাতিদের অনাথ আশ্রমে। চম্‌কে পিছন ফিরে দেখি, রুবাই মোদির হাত শক্ত করে ধরে আমার ঠিক পশ্চাতে দাঁড়িয়ে। অতএব, ওকে উঁচু করে তুলে একনজর দেখিয়ে আমরা নিঃশব্দে ফিরে গাড়িতে উঠলাম। গাড়ির ইঞ্জিন চালু করে, চোখকান বুঁজে জায়গাটা পার হয়ে গেলাম। থেপ্পাকাড়ু মোড় থেকে পথ দু'ভাগ হয়েছে। ডানের রাস্তা ধরে গুডালুর, পাইকারা প্রপাত, সাতমাইল হয়ে উটি যাওয়া যায়। বাঁয়ের পথ ধরলে মসিনাগুড়ি, কাল্লাহাতি প্রপাত হয়েও উটি পৌঁছে যাবেন আপনি। দু'টি রাস্তাই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। গুডালুরের পথ ভারি গাড়ির উপযোগী। বাঁয়ের রাস্তায় ১৫ কিমি-র একটি চড়াই এলাকায় ৩৫টি 'চুলের কাঁটা বাঁক' রয়েছে। হেয়ারপিন বস্তুটি নিরীহ শোনালেও হেয়ারপিন হিলট্র্যাক-এর বেন্ড নিগৌশিয়েইট করতে রোমাঞ্চে গায়ের রোম দাঁড়িয়ে যায় যখন-তখন। মোদিকে ওর গাড়ির কুওতে কুলোবে কি না জিজ্ঞেস করাতে সে প্রায় আহত বাঘেরই গলায় বলে উঠল, স্যর, দিস ইজ মোদি'জ কার। ওয়ান এন্ড ঔনলি ওয়ান ইন তামিল নাড়ু! চলো ভাই, তাহলে এই পথেই যাব। ঘন বন দু'দিকে। মনে হয় সন্ধে ঘনিয়ে এল। অথচ ঘড়িতে পাঁচটাও বাজেনি।

গাড়ি যত ওপরে উঠছে, ঠাণ্ডা লাগছে। হালকা চাদর-টাদর, রুবাইয়ের সোয়েটার সব বার করাই ছিল। কেবল আমারই কোনো শীতবস্ত্র আনা হয়নি। কাচ পুরোটা তোলার পরও শীত লাগছিল। দুপুরে কী গরমে ঘুরে বেড়ালাম আমরা! ও, বলতে ভুলে গেছি, এতক্ষণ আমরা কর্ণাটকের বন্দিপুর বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর দিয়েই চলেছি। মসিনাগুড়ির পর একটি লেপাড্ ক্রসিং-এর সাইন চোখে পড়ল। আরো কয়েক কিমি ঘন বনের মধ্য দিয়ে চলে মুড়ুমালাই অভয়ারণ্যে প্রবেশ করলাম। এটা তামিল নাড়ুর মধ্যেও পড়েছে। আসলে বন্দিপুরার-ই বর্দ্ধিত অংশ মুড়ুমালাই অরণ্য। দুই রাজ্যের মাঝে বয়ে চলে মইয়ার নদী বন আর পাহাড় কেটে কেটে–দুইপারে দুই রাজ্য। দক্ষিণ ভারতে মুড়ুমালাইকেই প্রথম অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। পাহাড়, খাদ, উপত্যকা, জলাভূমি, নদীনালায় পরিকীর্ণ মুড়ুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য। উটিতে উঠে এলাম। তখনো সূর্য ডোবেনি।

এবারে হোটেল খোঁজার পালা। শুনেছিলাম, মিঠুন চক্রবর্তী মশাই ফিল্ম থেকে অবসর নিয়ে উটিতে হোটেল খুলেছেন। তা, উটিতে এসেই যখন পড়েছি, মোদিকে বললাম, খোঁজ লাগাও। তার আগে আমাকে একটা গরম কিছু গাত্রবস্ত্র যোগাড় করে দাও। ঝক্ঝকে দোকানের সারি 'কুইন অব দ্য সাদার্ন হিল্‌সে'র পথে-পথে, যেখানে-সেখানে। পথের ধারে হাতে বোনা পশমি পরিধেয় বেচছিল কতিপয় ভুটিয়া তরুণী, মোদি গাড়ি থামিয়ে ওদের কাছে গেল। হাত-পা নেড়ে আমাকে দেখাল। আমি গাড়ি থেকে নেমে সিগ্রেট টেনে শরীর গরম করার চেষ্টা করছি। ঢিলেঢালা সোয়েটার একটি নিয়ে এসে হাত পাতল, ফিফ্‌টি রুপিজ, স্যর। অবাক মেনে টাকা দিলাম ওকে আর সোয়েটার গায়ে চাপিয়ে দিলাম। আহ্, পশমের ওম-ই আলাদা। বিনে স্বদেশি ভাষা, মিটে কি আশা! খোঁজ খবর করতে করতে মিঠুন চক্রবর্তীর হোটেলেও গিয়ে ওঠা হল খানিক বাদেই। কিন্তু আগামী পরশু পর্যন্ত সব ঘর-কটেজ বুক্ড। হাল ছেড়ে দিলাম মোদির হাতেই আবার।

রুবাইয়ের গা গরম হয়েছে, রুবির মুখ ভার। আমিও কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্ত। সেই এগার মাস বয়সে ওর যে ভয়ঙ্কর সেপ্টিসিমিয়া অব ব্লাড হয়েছিল, তারপর থেকে খুব সাবধানে থাকা হয় যাতে জ্বরজারি না হয়। মোদিকে বললাম। সে কিছু না বলে ডাউনটাউনে এক হোটেলে আমাদের নিয়ে তুলল। দোতলায় বেশ বড় ঘর। চব্বিশ ঘণ্টা গরম জল, রুম হিটার–সব ঠিক আছে। পর্দা সরিয়ে দেখলাম, ব্যস্ত রাস্তা, দোকানপাটে বাতি জ্বলছে। শৈলশহরের হাবভাব এখানে অনুপস্থিত। দার্জ্জিলিং বা কার্সিয়াং-এর মতো কোনো ভিউ-টিউও পাওয়া যাবে না সকালে পর্দা সরালে। যাক্‌গে। মেয়েটার যে কেঁপে জ্বর এল, তাতে তো মনে হচ্ছে, ভেল্লোরে ম্যালেরিয়া আক্রান্ত এনোফিলিস স্ত্রী মশার কামড় একটা-দু'টো সে হজম করেছে। এক্ষুনি কি কুইনিন গিলিয়ে দেয়া ঠিক হবে? ছোট্ট মানুষটি দুধ-ডিমও বেশি খেতে চায় না। কুইনিন সারাবে কে তখন? সবকিছু ভেবেচিন্তে, জ্বর কমাবার আর সর্দিকাশির বড়ি, চাট্নি নানারকমের নিয়ে এলাম নিচের দোকান থেকে। গরম দুধ ও বড়ি খেয়ে রুবাই কম্বল ও লেপের নিচে ঢুকে নাক ডাকাতে লাগল, সঙ্গে রুবিও। মোদিকে সঙ্গে নিয়ে গরম রুটি আর খাসির তড়কা খেয়ে মেটে হাঁড়িতে চাঁপ আর পরোটা নিয়ে ফিরলাম রুমে। উটির সাধারণ রেস্তোরাঁর খাবার রীতিমতো সুস্বাদু। মাথার কাছে বেডল্যাম্প জ্বেলে পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছি।

ভোরে উঠে দেখি, হটকেইস খালি। গুড। বাথরুম সেরে হাঁটতে বের হলাম। হেঁটে হেঁটে লেইকটা চক্কর দিয়ে ঘাম বেরিয়ে গেল। রুমে এসে গরম জলে স্নান সেরে বেরোতে দেখি, রুবি-রুবাই উঠছে। ওরাও তৈরি হয়ে নিল। ঘুমিয়ে উঠে, খেয়েদেয়ে আরেক ঘুম দিয়ে মেয়ে আপাততঃ ফিট। নাশতা খেয়ে মোদির গাড়ি চেপে সোজা গভ: বট্যানিক্যাল গার্ডন্‌সে পৌঁছলাম। ওখানে টিকিট কেটে ঢুকে রুবাই মহানন্দে লাফাতে লাফাতে এদিক-ওদিক ছুটতে লাগল। প্রাণের স্ফূর্তি যাকে বলে! কত ছবিতে যে এই বাগান দেখেছি… রুবির কথা শেষ হয় না। মোদি বলে ওঠে, অল দ্য বলিউড পিকচার্স আর মেইড ইন উটি, ম্যাডাম। হামারা ইতনা দিন কা শওখ্ আজ মিট্ গিয়া। সরকারী উদ্যান কর্তৃপক্ষের প্রোথিত সাইন পড়ে জানা গেল: সায়েবরা ১৮৪৭ সালে প্রথম এই উদ্যানের কর্মকাণ্ড হাতে নিয়েছিল। আয়তন ২২ হেক্ট্যর। মোট ৬৫০ প্রজাতির বৃক্ষলতা বর্তমান, ২ কোটি বছর বয়সী গাছের ফসিলও নাকি রয়েছে দ্রষ্টব্যের মধ্যে! দুষ্প্রাপ্য ও সুন্দর সব ফার্ন আর লতাদির মাঝে হেঁটে বেড়াতে ভাল লাগছিল। উজ্জ্বল রোদ। একপাশে দেখলাম, পুষ্প প্রদর্শনীর আয়োজন চলছে। আব্বু, ওই দ্যাখ, রুবাই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সত্যিই তো ওই ওপরে তো নাচ-গান, ক্যামেরা চলছে, মানে সিনেমা পার্টি এসে গেছে! মা, রাতে তোমার জ্বর হয়েছিল, আজ আমরা বেশি ওঠানামা করব না, কেমন? বলতে লক্ষ্মী মেয়ে সম্মতি জানাল। তাহলে, চিপ্‌স দাও মা। রুবি স্বস্তির নিঃশ্বাস ফেলে সঙ্গে আনা ঝোলা থেকে আলুর চিপ্‌স বের করল।

উটি লেইক ১৮২৫ সালে খনন করা হয়েছিল। এটি ২.৫ কিমি দীর্ঘ। ওই সকালেই ছিপ ফেলেছে সৌখিন মৎস্যশিকারিরা। আমরা একটা বড় নৌকা নিয়ে সবাই প্যাড্ল করে চললাম কিছুক্ষণ। রুবাইকে যথারীতি পানিতে ঝুঁকে পড়া থেকে বিরত রাখতে হল সারাক্ষণ। ওখান থেকে গেলাম দোদাবেট্টা পীক্‌। উচ্চতা ৮,০০০ ফুটের কিছু বেশি। ঐ দার্জিলিং-কার্সিয়াং-এর মতোই। জেলার উচ্চতম পীক্ এটাই। ওখান থেকে উটি ছাড়াও আরো অনেক ক'টি জনপদ দেখা যায়। সেদিন একটু মেঘও ছিল। একেবারে পরিষ্কার দিনে ওখান থেকে কোয়েম্বাটর ও মাইসোরের মালভূমি স্পষ্ট নজরে আসে। ফিরে আমরা লাঞ্চ খেয়ে উটিকে বাই-বাই বলে নেমে গেলাম দক্ষিণ-পুবের রাস্তায়। ছোট ছোট শৈল শহর–ওয়েলিংটন, কুনূর– প্রত্যেকটি বিশিষ্ট–আমার মনে হয় প্রতিটি জায়গা আমার চেনা। পাহাড়ি জনপদ ও জনগোষ্ঠী আমার প্রিয় অধ্যয়ন ও জানাচেনা-অনুসন্ধান আর শুদ্ধ ভালোলাগার বিষয়।

কুনূর থেকে নয় কিমি গিয়ে ল্যাম্ব'স রক্ পাওয়া গেল। এর চূড়ো থেকেও কোয়েম্বাটর ও আশপাশের চা-বাগানগুলো দেখা যায়, বিছানো সবুজ গালিচা যেন সব। সন্ধেয় গিয়ে আমরা কোদাইকানালে পৌঁছলাম। পালানি হিল্‌সের এই সুন্দর শৈলশহরের উচ্চতা প্রায় ৬,৭০০ ফুট। কোবাল্ট নীল জলের বিশাল লেইক কোদাইকানালকে আরো রহস্যময়ী ও আকর্ষণীয় করে তুলেছে। আমরা যথারীতি মাঝারি মানের হোটেলে উঠেছি। সন্ধেয় হাঁটতে বেরিয়ে রুবি সুগন্ধি মোমবাতি ও রুবাইয়ের জন্য হ্যান্ডমেইড চকোলেইট কিনল। রাতের খাওয়া সেরে ফিরতে ফিরতে মেয়ের কাঁপুনি দিয়ে জ্বর। চিন্তায় পড়লাম আবার। জ্বর বাড়তে দেয়া যাবে না। রুবি আগের রাতের মতোই গরম দুধ আর বড়ি খাইয়ে দিল। দাঁত ব্রাশ করে মেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে চক্কোলেইট খেতে হবে না!

সকালে স্নান-নাশ্‌তা সেরে, হট কেইসে লাঞ্চ নিয়ে, আমরা হোটেল থেকে চেক-আউট করলাম। ম্যাপ দেখে মোদিকে নির্দেশনা যুগিয়ে ব্রায়ান্ট পার্ক ও চেট্টিয়ার পার্কের ভেতরে বেড়ালাম, ফিজিক্যাল অবজার্ভেটরি দেখা হল। লাঞ্চ খেয়ে নিয়ে মুরুগাদেবের মন্দির দর্শন করলাম, গির্জাও দেখা হল বেশ ক'টি। তারপরই আমরা ছুটলাম সোজা উত্তরে। বিকেলে কারুর, নামাক্কাল পেরিয়ে গেলাম। চা কফি খেলাম পথিপার্শ্বে ছোট্ট, পরিচ্ছন্ন ক্যাফেতে। হোমমেইড কুকিজ আর অতি সুস্বাদু শর্টব্রেইড স্যাম্পল করলাম সবাই। শর্টব্রেইডের প্যাকেট নেয়া হল অনেকগুলো। খেতে খেতে, যেতে যেতে, যশোর পর্যন্ত যাতে টেঁকে। মোদি সেদিন ম্যারাথন গাড়িচালনা দেখাল বটে। আকাশে মেঘ করছিল। সন্ধে দ্রুতই ঘনাল। আচম্‌কা ঝড়জল শুরু হল। একি দুর্যোগ! আজ তো আমরা মন্জিলের আগে রুখবো না। এদিকে রুবাইও কেমন নেতিয়ে পড়ছে। আজও কি… কপালে হাত দিয়ে বুঝলাম, অল্পে ছাড়ল না।

কিংকতর্ব্য বুঝে নিয়ে মোদি দাঁতে-দাঁত চেপে স্টিয়ারিং ধরে এগোতে থাকল। কিন্তু প্রচণ্ড বৃষ্টি, দেখা যায় না কিছুই–এর মাঝে গাড়ি চালানো! হেডলাইট জ্বেলে, ঝোড়ো বাতাস কাটিয়ে, এমফিবিয়ান ট্যাঙ্কের মতো মোদির এমব্যাসাডর প্রায় সাঁতরে চলল সালেমের পানে। রাত ন'টায় সালেম শহরে পৌঁছে একটা বড় ওষুধের দোকানের সামনে গাড়ি পার্ক করা হল। মোদি দৌড়ে নেমে গেল, তাও অর্ধেক শরীর ভিজলই। দু'মিনিট পর বৃষ্টি ধরে এল। মিরাক্‌ল বলে একেই! একটু পরে এক টি-বয় ট্রেতে ঢাকা দিয়ে গেলাসে গরম দুধ আর ক্লোরোকুইন বড়ি একপাতা রেখে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। বারবার তিনবার। আর দেখাদেখি নয়। দু'টো কুইনিন বড়ি দুধের সাথে গিলে ফেলে প্রায় অচেতন রুবাই আবার চোখ বুঁজল রুবির কোলে শুয়ে। আহারে! ওই হারামজাদাদের ধর্মশালায় মশার কামড় খেতে যে কেন গিয়েছিলাম হিরণের কথায়। আমাদের জন্য কফি এল।

জ্যোৎস্নায় শুকনো খট্খটে রাস্তায় তখন মোদি ৭০ এমপিএইচে গাড়ি হাঁকাচ্ছে। ধরমপুরী পেরিয়ে গেল। ঝাপ্‌সা আলোর মালা ছাড়া আর কিছু বুঝলাম না। আধঘণ্টা বাদে মোদি ঘোষণা করল, সামনে সেই জোলার পেট্টাই সরাইখানা, যেখানে যাবার দিন মন্ত্রী মশাইয়ের সঙ্গে বসে চা-কফি সেবন করা হয়েছিল। ওখানে কি এত রাতে খাবার… জরুর, স্যর, আই'ল হেল্প দেম গেট আপ এ্যান্ড কুক্ ফর ইউ! মোদির কথা শুনে বুঝলাম, চেনা রাস্তায় এসে ওর বুকে বল হয়েছে। পড়েছি মোদির হাতে…। সন্ধের ঝড়জলের ঘটনা এখন মনে হচ্ছিল কোন দূর অতীতের স্মৃতি। মোটেলে ঢুকে দেখি, মোমবাতি জ্বলছে। ওই ঝড়ে দক্ষিণে কোথাও গ্রিডে বড়রকমের গোলযোগ হয়েছে, ওয়েটাররা বলাবলি করছিল। না, ওরা রাত তিনটের আগে শুতে যায় না। ক্যান্ড্ললিট ডিনার করছিল কয়েকজনা একটি বড় টেবিল ঘিরে। রুবাইকে জিজ্ঞেস করা হল, ক্ষিদে পেয়েছে কি না। সে হুঁ বলল। খুউব? এ প্রশ্নের উত্তরে মেয়ে বলল, বাসার মতো পাঁউ উটি খাব। ব্যস, হয়েছে, গিভ আস হট্ টোস্ট্স, বাটার, জ্যাম এন্ড ঔমলিটস, আমি ওয়েটারকে বল্লাম। মোদি? হাম পারাঠা-মাট্ন বোলা। সে স্বচ্ছন্দ হয়েছে আগের তুলনায়, বোঝা গেল। আমাদেরই একজন হল মোদি অবশেষে।

এল মুচমুচে টোস্ট। তাতে পুরু করে মাখন লাগিয়ে, তার ওপর এক পরত ব্ল্যাককারান্ট জ্যাম-এর প্যাকিং দিয়ে স্যানউইজ তৈরি করে ছোট ছোট টুকরো করে মেয়ের মুখে পুরে দিতে লাগলাম। ফাঁকে ফাঁকে নিজের পেটপূর্তিও চলল। রুবিকে বললাম, তোমাকে সব্যসাচী হতে হবে না। খেয়ে নাও একটু। আর হটকেইসে আমাদের ভেরি লেইট সাপার দিয়ে দিতে বল… ওই মোদি যা খাচ্ছে, ওটাই। খাওয়া শেষ। হটকেইসটা মোদি হাতে নিয়েছে। বিল মিটিয়ে বেরিয়ে এলাম। গান গাইতে ইচ্ছে করছে। আমি ঝড়ের কাছে রেখে এলাম, আমার ঠিকানা… গুড সং, গাড়ি চালাতে চালাতে মোদি এপ্রিশিয়েইট করল। রাত দু'টোয় ভেল্লোরে পৌঁছলাম। আগের রাতে কোদাইকানাল থেকে সত্যকে জানিয়েছিলাম। খুশি হলাম, হোটেল সোলাই আমাদের জন্য সেই আগের ঘরটাই রেখেছে। রুবাই আরো একটা ঘুম দিয়ে একেবারে টন্‌টনে ফিট। স্যর, মিসিবাবাকো ওহ্ পুরা কোর্স কুইনিনকা দে দিজিয়েগা। থ্যাঙ্ক ইউ, মোদি, সি ইউ ট্যমরো মনিং। আয়াম নট শ্যূওর বাট উই মে বি লিভিং। ইন এনি কেইস…। বেশি খেতে ইচ্ছে হল না আর। মাট্ন দোপেঁয়াজা জবরদস্ত ছিল। মোদির খাদ্যরুচি প্রশংসনীয়।

আটটার মধ্যে আমরা তৈরি। আমি 'একটু আসছি' বলে হেঁটে সত্যর অফিসে গেলাম। ম্যানেজার জানাল, ইয়ে আপলোগকা টিকিট, করোমণ্ডল এক্সপ্রেস, লিজিয়ে। ধন্যবাদ জানিয়ে গাড়ি ভাড়ার বকেয়া দিতে চাইলে সে বলল, মোদিকো দে দিজিয়েগা। ওহ্ আপকো সোলাইসে সাড়ে ন'বাজে পিক আপ কারে গা। দিনভর সাইট-সিয়িং হোগা, শামকো ম্যাড্রাস সেন্ট্রাল রেলওয়ে টার্নিবাসমে উতার দেগা। ব্যস। এতো সব বন্দোবস্ত পাকা! আমি টিকিটের দাম মিটিয়ে হোটেলে ফিরলাম। রুবি শুনে ইমপ্রেস্‌ড। এই দক্ষিণীরা এত এফিশিয়েন্ট! আমরা গোছগাছ করে হোটেলের বিল মেটালাম। লন্ড্রির কাপড় তোলা হল। ন'টায় মোদি এল। মোদিকে সব বললাম। ও হাসল। স্যর, আই গট মাই ব্রিফিং এজ সুন এজ উই এ্যারাইভ্ড হিয়ার। আব চালিয়ে। হ্যাঁ, হ্যাঁ, চল। আমরা গাড়িতে উঠি। কোন প্রশ্ন করি না। চোখ বুঁজে মাথা পেছনে হেলিয়ে ভাবি। মোদি না থাকলে আমাকে অনেক বেগ পোহাতে হত এ যাত্রায়।

কাঞ্চিপুরম প্রথম স্টপ। শতাব্দী প্রাচীন বাড়ির অন্দরে নিয়ে মোদি সেই অপূর্ব রেশম সুবিখ্যাত কাঞ্জিভরম শাড়ি বোনার কারিকুরি দেখাল। কুঞ্চিতত্বক, বয়োবৃদ্ধ বয়নশিল্পীরা এখনো কাজ করছেন দেখে বিস্ময় জাগে মনে। আর শ্রদ্ধা। সেখান থেকে গেলাম বঙ্গোপসাগর পারে হোয়াইটওয়াশ্ড শহর পুদুচ্চেরি বা পণ্ডিচেরি। সমুদ্রপারে দাঁড়িয়ে দেখলাম, ডানদিকে নীল দরিয়া আর বাঁয়ে উজ্জ্বল রোদে ধব্‌ধবে সাদা চুনকামকরা জনপদ–ফরাসিরা শহরটিকে যেভাবে রেখে গেছল। অপূর্ব সুন্দর শহর। মনে হল, ভূমধ্যসাগর তীরে কোনো শহরে এসেছি। এখান থেকে কেবল উপকূল ধরে উত্তরে চলব আমরা, মোদি জানিয়ে দিল। পৌঁছলাম মামালাপুরম বা মহাবলীপুরম। সমুদ্রের ধারে দু'টো নিচু পাহাড়ে খননকাজ চালিয়ে অনেকগুলি মন্দির আর মণ্ডপ পুনরুদ্ধার করা হয়েছে। মস্ত এক প্রস্তরখণ্ড খোদাই করে রথ আকৃতির আরেকটি বিশাল 'কাট-আউট' মন্দির কাছেই দাঁড়িয়ে। নন্দী, সিংহ আর হাতির খোদাই মূর্তি রয়েছে। মামালাপুরম থেকে উঠে এলাম চেন্নাই ক্রকডাইল ব্যাঙ্কে। এশীয়-আফ্রিকীয় নানা প্রজাতির কুমির এখানে প্রাকৃতিক পরিবেশে রাখা হয়েছে। মূলতঃ দেশের বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে কুমিরের সংখ্যা যাতে হ্রাস না পায়, সেই লক্ষ্যেই এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা। জলাভুমির কুমির ছাড়াও এখানে ঘড়িয়াল ও নোনাজলের কুমির রয়েছে। ওখানে গিয়ে জানলাম, কুমির রুগ্ন, দুর্বল এবং জখম মাছ খেয়ে তার শিকার প্রজাতির জিনগত উন্নয়ন সাধন করে থাকে!

পরবর্তী আকর্ষণ স্নেইক পার্কে পৌঁছলাম। এটি গুইন্ডি জাতীয় উদ্যানের লাগোয়া। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পার্কে মারাত্মক কিং কোবরা থেকে শুরু করে এডার, পাইথন, ভাইপার ও অন্যান্য প্রজাতির সরীসৃপ রয়েছে। সাপের বিষ সংগ্রহ প্রক্রিয়া দেখতে এখানে উৎসুক দর্শকের ভিড় জমে প্রায়ই। এখানে এ্যান্টি-ভেনম তৈরি করা হয়। পাশেই শিশু পার্কে বাচ্চাদের জন্য প্রচুর রাইডসমৃদ্ধ বিনোদনের ব্যবস্থা রয়েছে। রুবাই একা-একা কোথাও অংশগ্রহণ করবে না। অতএব, আমাদের দেখে বেড়ানো আর চট্পটি খাওয়াটাই লাভ হল। নানারকম জীবজন্তু ও পাখির সমাবেশ। অনেক প্রজাতির হরিণ–সাদা ও কালো হরিণ, সিভেট বিড়াল, মাছরাঙা ব্লু জেই দেখা গেল। তারপর আমরা ১৩ কিমি দীর্ঘ বালুময় ম্যারিনা বিচে গেলাম। ওখানে লাঞ্চ খেলাম। আসলে এই বিচ ম্যাড্রাস বা চেন্নাই শহরের পূর্বপাশে সমুদ্রতীর বরাবর সেই মামালাপুরম পর্যন্তই বিস্তৃত। বিচের সড়কের ধারে মহাত্মা গাঁধী, স্যর টমাস মনরো, কামরাজ ও অন্যান্যদের স্মারক মূর্তি শোভা পাচ্ছে। বিকেলে আমরা রেলস্টেশনে পৌঁছলাম। ব্যাগট্যাগ নামিয়ে লাগেজ রুমে রেখে দিলাম। বাইরে গিয়ে মোদির সঙ্গে বসে আড্ডা দিলাম, কফি-সিঙাড়া খেলাম। কোলাকুলি করে হাত মিলিয়ে বিদায় দিলাম ওকে। গাড়িতে উঠে কিছুক্ষণ চুপ করে বসে রইল মোদি। তারপর হাত তুলল, আস্তে আস্তে নাড়ল, চলে গেল। সত্যকে একটা ফোন করি, চলো, বলে ফোনবুথের দিকে এগোই আমরা পায়ে-পায়ে।

সত্যকে তার সবরকম সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে হকারদের স্টলগুলো ঘুরে দেখলাম, ফলটল, জলের বোতল আর রুবাইয়ের জন্য এটা-সেটা কেনা হল। সাড়ে সাতটা। স্টেশনের দোতলায় রিফ্রেশমেন্ট রুমে রাতের খাওয়া সারতে যাওয়া হল। যাত্রীর তেমন ভিড় নেই। আমাদের মতোই পর্যটক কয়েকজন গল্পগুজব করে খাচ্ছে, ট্রেন ধরবার অপেক্ষায় রয়েছে। মা-মেয়ে ভাত, মুরগি, সবজি, ডাল খাবে। অর্ডার নিয়ে গেল পাগড়িধারী ওয়েটার। আমার সেই চাপাটি-সবজি। আমার খাবার আগে এল। সবজির পুর ভরে এক টুকরো গরম রুটি রুবাইয়ের মুখে পুরে দিলাম। উম্ম্, খুব মজা তো তোমার উটি, আব্বু, বলে মেয়ে হাততালি দিয়ে উঠে গিয়ে কাচের দেয়ালে নাক ঠেকিয়ে নিচের ব্যস্ত স্টেশন দেখতে মন দিল। ওদের খাবারের ট্রে এসেছে। এস, আম্মু, রুবি উঠে গিয়ে মেয়েকে এসকর্ট করে টেবিলে এনে বসাল। ভাত-তরকারি বেড়ে দিল অল্প করে, রুবাই চামচ-কাঁটা ন্যাপকিনে মুছে খাওয়া শুরু করল। শেষ পাতে আমার জন্য এগ পুডিং, ওদের ফ্রুট কাস্টার্ড এল। খাওয়া শেষ হতে রুবাই আবার একছুটে গিয়ে তার পর্যবেক্ষণ স্পটে দাঁড়িয়ে পড়ল। আমি ঝোলা থেকে বই বের করলাম। সাড়ে আটটায় নিচে গিয়ে লাগেজ কালেক্ট করব, রুবিকে বললাম। সে টুথপিক ব্যবহারে মগ্ন, ফ্রি হাতে মুখ ঢাকা। নোট বইয়ে বড় স্টপেজগুলির নাম লিখে নিয়েছি। যাবার সময় মেলাব বসে বসে, যদি ঘুম না পায়।

ঠিক সময়ে লাগেজ রুমে টিকিট জমা করে ব্যাগগুলো নিলাম। প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে, ঘোষণা শুনলাম। জনতার সঙ্গে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বরাদ্দ কম্পার্টমেন্টের সামনে দাঁড়ালাম। এতো ফার্স্ট ক্লাস, রুবি আমার মনোযোগ আকর্ষণ করার জন্য আগেই সাবধান করে দিতে চাইল। আমি হেসে জানালাম, আমিও জানতাম, মোটে ২৪ ঘন্টার নোটিসে সে সবচেয়ে ভাল যা বুঝেছে, তাই করেছে। বাচ্চা নিয়ে ট্র্যাভেল করছি, এতে আমাদের সুবিধেই হবে। কিন্তু … রুবি কিছু একটা বলতে গিয়েও সামলে নিল। আমিও মনে-মনে বললাম, সাম থিংস আর বেটার নট আর্টাড…। টিকিটের নম্বর-টম্বর দেখে ঠিকানায় পৌঁছে ব্যাগ রেখে বসলাম। টিকিট পড়ে দেখলাম, নিচের দু'টো স্লিপার বার্থ আমাদের। টিকিটের উল্টোপিঠে খালি জায়গায় ক্ষুদে অক্ষরে লেখা: ওয়ান ফর মাদার এন্ড চাইল্ড, দ্য আদার ইজ ইয়োরস্, স্যর। হেসে ফেললাম। মা-মেয়ে সমস্বরে প্রশ্ন করল, হাসছো কেন? পড়ে দেখ সত্যবাবুর নোট, বলে টিকিট এগিয়ে দিলাম। কেমন নিñিদ্র কেয়ারটেকিং করে আমাদের ভেল্লোর বেইজড্ ট্র্যাভেল এজেন্ট, বোঝ এবার। মনে মনে সত্যকে আবার ধন্যবাদ দিই।

আমি জিন্‌স বদলে পাজামা-পাঞ্জাবি পরে নিলাম। কোমরে বাঁধা ট্র্রাভেল পাউচে জরুরি কাগজ, পাসপোর্ট, বৈদেশিক মুদ্রা। ভারতীয় টাকা পাজামার সাইড পকেটে রাখলাম। পথের খরচ। পুরোপুরি বাঙালি যাত্রী সেজে মাথার কাছে রিডিং ল্যাম্প জ্বেলে, বইমুখে শুয়ে পড়লাম। রুবি কিন্তু-কিন্তু করে, দরজা তো লক্ করলে না ? ট্রেন ছাড়বে এখুনি, দেখা যাক। আগে দাঁত মেজে, রাতবাতি জ্বেলে, মালপত্তর শিকল-তালাবদ্ধ করে, দরজা লক করে, তারপর ঘুম, আমি বলি। মেয়ে তো ঘুমিয়ে পড়ল, তুমিও শুয়ে পড়। যাই বল, তোমার সত্যবাবুর কুইক ডিসিশনের সুফল মিলছে। এই টু-টিয়ার ক্যূপেতে মাঝের সিট তোলরে-নামাওরে নেই। তাছাড়া, কত চওড়া, দেখেছ? বালিশটাও লম্বা, আমাদের মা-মেয়ের কুলিয়ে যাবে বেশ। হুম্ম, বলে আমি স্লাইডিং দরজা খুলে বাইরে প্যাসেঞ্জারদের নাম লেখা কার্ড পড়লাম। বলা উচিত, পড়তে চেষ্টা করলাম। ফার্স্ট নেইম দেখে আন্দাজ করতে পারলাম, দু'জনই মহিলা। নলিনী কিংবা শালিনী বা নমিতা, মনে নেই ঠিক। পদবির চেহারায় বোঝা গেল, তামিল নাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ওমা, কখন ট্রেন ছাড়ল, টের পেলাম না তো! ঘষা কাচের বাইরে এখন আঁধার। স্পীড তোলার সঙ্গে সঙ্গে ট্রেইন সামান্য দুলছে এখন। আমাদের দুই মহিলা সহযাত্রী বোধকরি সামনের কোন স্টেশ্যনে উঠবেন এবং উঠেই ওপরে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বেন, বলে আমি নোটবই বের করে দেখে নিয়ে আবার জানাই, অঙ্গলে উঠতে পারেন। দরজা টেনে দিই।

আমাদের ব্যাগগুলো লক্ করে এক শেকলে গেঁথে জানলার স্টীল রডে পেঁচিয়ে তালা বন্ধ করি। এটা আমি ভারতে ভ্রমণরত অবস্থাতেই শিখেছি। একসময় সঙ্কোচবোধ করতাম, এখন নিঃসঙ্কোচে এটা সম্পন্ন করি, যেমন দীর্ঘ ট্রেইন যাত্রায় স্নান-বাথরুম, খাওয়া-দাওয়া নিয়মমাফিক করতে পারি। এতে স্বাচ্ছন্দ্য বাড়ে, ইউ ডোউন্ট ফীল ইল্ অ্যাট ঈজ। রাতবাতি জ্বেলে, দরজা সিকিওর করে শুয়ে পড়ি। অঙ্গল পৌঁছতে পৌঁছতে ঘুমের মধ্যে আমার ডিনার হজম হয়ে যাবে। ট্রেইনের দুলুনিতে ভাল ঘুম হয়। দরজায় নক্ নক্। নীল আলোয় ঘড়ির সময় পড়তে ব্যর্থ হই। উঠে দরজা খুলি। হালকা সুগন্ধির সঙ্গে দুই মহিলা ভেতরে আসেন। আমার বিছানায় বসতে বলি। বাতি জ্বালব? প্লীজ ডোউন্ট, উই'ল ম্যানেজ। রুবি-রুবাই অঘোরে ঘুমায়। শাড়ির ওপর দিয়ে বড়সড় ঢোল্লা কাফতান গায়ে চড়িয়ে নেন দুজনে। আমি বাইরে চলে যাই সিগ্রেট-লাইটার নিয়ে। ট্রেন ছেড়ে দিল। দরজা ভেজানো। নক্ করে সন্তর্পনে প্রবেশ করি। দরজা বন্ধ করি। শুয়ে পড়ি। ওপর থেকে প্রায় সমস্বরে ওরা 'শুভরাত্রি' জানান। আম্মো।

ভোরে ঘুম ভেঙেছে। জানালার বাইরে আঁধার পাতলা হচ্ছে। ট্রেইনের গতি কমেছে। দুলুনি বেড়ে গেছে। শয্যাত্যাগ করে বাইরে গেলাম। কটক এসে গেল! উঠল বাই, তো কটক যাই–এই সেই কটক। গাড়ি থামল। দু'জন যাত্রী নামলেন। কেউ উঠল না এ কামরায়। এখানে মিনিট কয়েক দাঁড়াবে। নেমে চায়ের স্টলে গিয়ে একখুরি চা নিলাম। দাম মিটিয়ে গাড়িতে উঠে এসে আরাম করে চায়ে চুমুক দিলাম। গাওয়া কিংবা ভঁয়সা দুধের স্বাদ পেলাম। পোড়া পোড়া একটু। মেটে খুরির কারণে হতে পারে। ট্রেইন চলতে শুরু করেছে। বিশাল রাজ্য অন্ধ্রপ্রদেশ পেরিয়ে এসেছি। পরের বড় স্টপেজ খড়গপুর। কম্পার্টমেন্টে ফিরলাম। রুবি তোয়ালে টোয়ালে নিয়ে স্নানের ঘরে গেল। ও ফিরলে যাব আমি। ওপরে শায়িত দু'জনের মধ্যে একজনের নাক ফিনফিন, নাকি ঘুরঘুর করে ডাকছে। মনোনিবেশ করলে শোনা যায়। দরজা আধভেজানো রেখে আমিও শবাসনে গেলাম। বিশ্রাম হোক। কোলকাতা নেমে তো বসতে-শুতে পারব না রাত গভীর না হলে। গিয়েই চুন্নুভাইকে ফোনে বলব, আগামীকাল বিকেলের কোনো ফ্লাইটে আমাদের জন্য টিকিট রেখে দিতে। রুবি ফিরল। চমৎকার ব্যবস্থা, সে খুশিতে বাগ্‌বাগ। হুঁ হুঁ, এ শর্মার কথাবার্তায় ভরসা রেখ, বলে আমি বেরিয়ে উল্টোবাগে চললুম।

প্রাতঃকৃত্যাদি, স্নান, শেভ সম্পন্ন করে ঝরঝরে হয়ে ফিরে দেখি, গরম ব্রেইকফাস্ট সাজিয়ে গিন্নী অপেক্ষায়। রুবাই ওর আব্বুর স্টাইলে ডিমের ফ্রাইতে টোস্ট ডুবিয়ে খাওয়া শুরু করেছে। ভাল ঘুম হয়েছে তো, মা? হুঁ-উ-উ, গাড়ির দুলুনি আমার খুব ভাল লাগছে। দোল দোল দুলুনি… ওর গান শুনে অন্ধ্রদেশীয় রমণীরা কুল্‌কুল করে হাসেন। কাম ডাউন এন্ড জয়েন আস, আমি ওদের ডাকি। ধন্যবাদ জানিয়ে ওরা একে একে নিচে নেমে বসলেন। পিঠোপিঠি দুই বোন। দু'জনেই ডাক্তার। চাকরি করেন মেঘালয়ে। এক-দুমাস পরপর দীর্ঘ রেলযাত্রা করে অঙ্গলে এসে মা-বাবাকে দেখে যান। ভাই নেই। আমি আপনাদের ভাই হলাম এখন থেকে, আমার সপ্রতিভ ঘোষণা শুনে ওরা খুশি, অবাক। রুবি আর রুবাইও হাসছে। রুবাই হাসছে সবাইকে সঙ্গ দিতে। গুড গার্ল। আমরা গল্পগুজব করতে করতে এক পরিবারের সবাই একসঙ্গে চলেছি কোলকাতা, মনে হচ্ছিল। শালিনী-নমিতা দু'জনেই হিন্দি, বাংলা বলে তড়বড় করে। ইংরেজি তো ওদের মাতৃভাষার-ই মতো। লেখাপড়া করেছে আগাগোড়া ওই মিডিয়ামে। রুবাই দুই মাসির হাতে খাবার ধরিয়ে দিতে ওরা বাসিমুখে একটু পুরি-তরকারি খেয়ে কফিপান করল। তারপর তোয়ালে সাবান নিয়ে ওয়াটার পয়েন্টের দিকে এগোল।

ট্রেইন ছুটছে। করমণ্ডল এক্সপ্রেস করমণ্ডল উপকূল বরাবর ছুটে উত্তর থেকে দক্ষিণে যায়, আবার উত্তরে ফেরে। কত ছোট ছোট স্টেশনে না থেমে এক্সপ্রেস ছুটছে একবগ্গা টাট্টু ঘোড়ার মতো। ঝাড়সুগুডা–একটি স্টেশন পেরিয়ে গেল ঝড়ের গতিতে। সুনীল গাঙ্গুলির কাকাবাবু রহস্য রোমাঞ্চ সিরিজের কোনো উপন্যাসে পড়া নামটি মনে গেঁথেছিল। কাকাবাবুর গল্প শোনালাম আমার শ্রোতাদের। ডাক্তার বোনেরা ওদের মায়ের হাতে গড়া রুটি পিঠে অর্থাৎ ধোসা আর মেথি ফোঁড়ন দেয়া অপূর্ব স্বাদের সবজি জোর করে খেতে দিল আমাদের। তা খেলামও। পেট পুরেই খেলাম বেশ। উদ্দেশ্য, কোলকাতা-ঢাকার সবাইকে গল্প শোনাব, খাঁটি অন্ধ্রদেশীয় রান্না আমাদের খাইয়েছে অন্ধ্রদেশীয় বোনেরা! শুনে শালিনী-নমিতা দ্বিগুণ খুশি। রুবাই ওর লুডোর গুটি-বোর্ড বের করে মা মাসিদের সঙ্গে খেলায় জমে গেল। ওর আধো-আধো কথা ওদের খুব পছন্দ। মেয়ের কানের চিকিৎসা অতদূর দেশে আমাদের ছুটিয়ে নিয়ে গেছে, শুনে ওরা ইমপ্রেস্‌ড, দুঃখিতও। ওরা যে আবার ডাক্তারও!

আমি মাঝে-মাঝে উঠে গিয়ে ভেস্টিবিউলে রেলকর্মীর জন্য নির্ধারিত গদি আঁটা আসনে বসে ধূমপান করে ফিরছিলাম। খড়গপুর এল, গেল। চলে এলাম বলে। হাওড়া পৌঁছবে গাড়ি ১১:৫০ মিনিটে। ব্যাগ গুছিয়ে রেখেছে রুবি। আমি জিন্স নিয়ে বাথরুমে গেলাম চেইঞ্জ করতে। গাড়ি হাওড়া স্টেশ্যনে ইন্ করল। শালিনীরা বিকেলটা রিটায়ারিং রুমে বিশ্রাম করবে। তারপর কামরূপ এক্সপ্রেসে সওয়ার হবে। আগামীকাল বিকেলে গুয়াহাটি নেমে শিলং যাবে। শালিনী ব্যাগ ঘেঁটে খুঁজেপেতে একটুকরো জরির ফিতে বের করেছে। নমিতা আমার কবজিতে সেই রাখি বেঁধে দিলেন। দুই বোনে মিলে প্রণাম করল আমাদের। নেমকার্ড বিনিময় ঘটেছে ইতোমধ্যে। উভয়পক্ষের বিস্তারিত ঠিকানাপত্র সব তিন-চারটে নোটবই, ডায়েরিতে টোকাটুকি হয়েছে। ঘন পারিবারিক আবহ যাকে বলে! এই হল ভারতীয় নারীর শাশ্বত মহিমা। চোখের জল পড়ল বেশ ক'ফোটা। রুবাই তো শালিনীর কোলে মুখ গুঁজে হাপুস কান্না। এই মাসিকে ঢাকা নিয়ে চল, আব্বু। রুবির হাতে পরিস্থিতি ছেড়ে দিয়ে আমি ভেস্টিবিউলে ব্রাউন ব্রেইক নিতে গেলাম এই অবসরে।

হাওড়া স্টেশ্যনে নেমে আমরা ট্যাক্সি কিউতে দাঁড়িয়েছি। সবাই চুপচাপ, ভাবগম্ভীর। গাড়ি আমাদের সামনে এসে দাঁড়াল। ড্রাইভার সিংজী নেমে সালাম দিলেন। ডিকি খুলে ব্যাগ তুলে মিটার ডাউন করলেন। নিঃশব্দ সবাই সবার সঙ্গে হাত মেলালাম। রুবাইয়ের দু'গালে দুইবোন চুমু খেল। আমরা গাড়িতে উঠে হাত নাড়লাম। সর্দারজী আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিপাত করলে শুধু বললাম, হোটেল ইড্ন, কিড স্ট্রীট। হাওড়ার পুল পেরোলাম। একটায় শুন্‌শান কিড স্ট্রীডে পৌঁছলাম। এই রাস্তায় কখনো থিকথিকে ভিড় দেখিনি। চেক্ ইন করে যশোরে চুন্নুভাইকে ফোনে জানালাম, কাল সকালে ফিরছি, ঢাকা ফিরতে চাই। তথাস্তু, বলে ব্যস্ত ব্যবসায়ী ভাইজান ফোন ছাড়লেন। হাতমুখ ধুয়ে, একটু জিরিয়ে নিয়ে খেতে বেরলাম। আমার পেটে তখনো অন্ধ্রপ্রদেশের ধোসা পুরোপুরি হজম হয়নি। ছোট্ট একটি নিরিবিলি রেস্তোরাঁয় ঢুকে চিল্ড বিয়ার চাইলাম আর ফিশফিংগার। ওরা ভাত, মুরগির অর্ডার দিল। চাটনিটা মজার। ভাত খাবে না? মেয়ের প্রশ্নের উত্তরে জানাই, মা, বিয়ার হল আমার ভাত আর ফিশফিঙ্গার মুরগি। রুবাই গম্ভীরভাবে মাথা ওপর-নিচ করল।

বিয়র সেবনের পর হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ি। আব্বু, ওঠ, নিউমার্কেট যাব তো! রুবাইয়ের ডাকে উঠে বসি, তা তো যাবই। চল। বাথরুম সেরে বেরিয়ে পড়ি আমরা। আস্তে আস্তে হেঁটে যাই। নিউমার্কেটে ঢুকে ফুড জয়েন্টে বসি। চিকেন প্যাটি, আইসক্রীম, রুবির জন্য চা আর আমার জন্য কফি আনতে বলি। ওহ্, মনে হচ্ছে যেন পূর্বাণীর প্যাস্ট্রি শপে আছি! আমার কথা শুনে রুবি ভ্রূ কোঁচকায়। কেন, স্বাদ ঠিক ওইরকম নয় বলছ? আমি আর একটু জোরগলায় প্রশ্ন করি। এবারে রুবি বিব্রত হয়ে বলে, না, না, স্বাদ ঠিকই আছে। কিন্তু কোলকাতায় তুমি ওই প্যাটিজ কোথায় পাবে? ওরে বাবা, এরা তোমার স্পিরিটের খবর পেলে দেশিকোত্তম না দিয়ে ছাড়বে না, মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক… আমি দেশাত্মবোধক গানে সুইচ করতে মেয়ে হেসে ফেলে, ওর মা উঠে হাঁটা দিতে চায়। আমি গম্ভীর হয়ে অতএব কফিতে চুমুক দিই এবং বলি, তোমাদের কি সব কেনাকাটা আছে, বম্বে ডাইং-এর ওই দোকান আর পাশের ড্রেসেজ এন্ড সারিজ-এ সেরে এস। ওরা একদামে জিনিস বিক্রি করে। আমি এখানে বসে ধোঁয়া ওড়াই, কেমন ?

মা-মেয়ে অনেকগুলো বিগশপার, স্মল শপিং ব্যাগ বয়ে নিয়ে এল। মেয়ে বায়না ধরল, ঘোড়ার গাড়ি চড়বে। নিউমার্কেটের বাইরে তখন কয়েকটি গাড়ি ট্যূরিস্টদের গড়ের মাঠে হাওয়া খাইয়ে আনার জন্য দাঁড়িয়ে থাকত। সুন্দর দেখে বেছে তার একটাতে চড়ে বসলাম। মুখোমুখি চওড়া গদি আঁটা আসন। বেশ হাত-পা ছড়িয়ে বসা গেল। গড়ের মাঠে চক্কর দিয়ে আমাদের হোটেলে ছেড়ে আসতে বল্লাম। সাদা কিস্তি টুপি মাথায় সুর্মাটানা বড় বড় চোখে একপলক আমাদের দেখে নিয়ে খাঁ সাহেব ছপ্‌টি চালালেন, হেঁইয়ো, হুশিয়ার। থ্যাঙ্ক ইউ, মা, তোমার জন্য আমাদেরও এই গাড়িতে চাপার সুযোগ হল। মেয়ে হেসে উঠে হাততালি দিল আনন্দে। হোটেলে পৌঁছে ম্যানেজারকে বল্লাম, কাল সকালে আমাদের ট্যাক্সি লাগবে। হরিদাসপুর নামিয়ে দিয়ে আসবে। আটটায় রওনা দেব। আপনি আমাদের ব্রেইকফাস্ট রুমে সার্ভ করিয়ে দেবেন সাতটায়। ওয়েইক আপ কল এট সিক্স, প্লিজ। রাইট, স্যর। ফর ডিনার, সেন্ড আস সাম মিল্ক, কর্নফ্লেইক্স, টোউস্ট্স, প্লীজ। নৌ এগ্‌জ। হাতমুখ ধুয়ে আরাম করে বসতে খাবার এল। খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম।

সকালে উঠে তৈরি হয়ে নাশ্‌তা সেরে ঠিক আটটায় কোলকাতা ছাড়লাম। ছুটির দিন বিধায় ট্র্যাফিক কম। দু'ঘণ্টায় হরিদাসপুর পৌঁছেছিলাম সেদিন, মনে আছে। সাধারণতঃ তিন, সাড়ে তিন, চার ঘণ্টাও লেগে যায়। সীমান্তে কাজকর্ম শেষ করে এপারে এসে গাড়ির খোঁজ করছি। একটি ছেলে এগিয়ে এল। আপনি কি কোলকাতা থেকে এলেন? যশোর যাবেন? হ্যাঁ, আমি বল্লাম, কিন্তু…। আপনার ভাই রোজ গার্ডেনের মালিক চৌধুরী সাহেব গাড়ি পাঠিয়েছেন। ওর কথা শুনে রুবি অবাক, কিন্তু আপনি আমাদের চিনলেন কীভাবে? আপনাদের ছবি দেখে এসেছি বাসায়। বাহ্, ভেরি শার্প। আমি মুগ্ধ হই। গাড়িটা কার? চৌধুরী সাহেবেরই, ভাড়ায় চলে। গুড, ব্যাগ তোল। এক ঘণ্টায় ফাঁকা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে গাড়ি হাঁকিয়ে বারান্দিপাড়া পৌঁছে গেলাম। নিচে বেল টিপতে বেণুর বৌ এসে দরজা খুলে দিল। সালাম করল আমাদের। বেণু আমাদের সকলের ছোটভাই। যশোর সদর হাসপাতালে বদলি হয়ে এসেছে সম্প্রতি। যাবার সময় দেখা হয়নি। ও শ্বশুরবাড়ি দিনাজপুর গিয়েছিল তখন বৌ-বাচ্চা আনতে। ওপরে উঠে ভাবিকে সালাম দিলাম। ভাবি বিমানের টিকিট এগিয়ে দিলেন, এই যে তোমাদের টিকিট। ফ্লাইট সাড়ে-পাঁচটায়। এখন স্নানাহার সারো, জিরিয়ে নাও একটু।

রুবাই চাচির আঁচল ধরে ঝুলে পড়ল। চুন্নুভাই-ভাবিও ওকে চক্ষে হারান। তুমুল গল্প চলল কিছুক্ষণ। ভাইজান ফোন করে খবর নিয়েছেন। ভাবি খাবার জন্য তাড়া দিতে জানালাম, পেটে টুকটাক তো খাবার যাচ্ছে আমাদের। সবাই আসুক। একসঙ্গে খাব। ভাইপোরা ফিরল। ওদের বাবাও। রুবার কলেজ থেকে ফিরতে সেই বিকেল হবে। ও আজ খুব বকবে তোমাদের, যখন কলেজ থেকে ফিরে শুনবে তোমরা এইমাত্র বেরিয়ে গেছ, ভাবি আগাম অনুযোগ করলেন। রুবি করুণ মুখে আমার দিকে তাকাল কেবল। আরে, আমার তো অনেকদিন ছুটি বেঁচে গেল। তোমরা চাইলে দু'দিন থেকেও যেতে পারতে। আমার কথা শুনে চুন্নুভাই বললেন, তুমি কাল রাতে যে বল্লে…। আমি হাত তুলে ওকে থামাই। চলেন, খাওয়াদাওয়া সারি। সবাই উঠে হাত ধুয়ে টেবিলে বসি। ভাবির সেই বড়ির সঙ্গে শাক, ওলকপি ভুনা, মুড়োঘণ্ট, খাসির কোরমা, কইমাছের পাতুড়ি–খেয়ে আর শেষ করা যায় না। আরে খাও, গিয়ে প্লেনে উঠবে, নেমে আবার গাড়ি চেপে বাড়ি। খাটনিটা কোথায়? ভাল করে খাও। চুন্নুভাইয়ের কথায় হেসে ফেলি। রাতে আবার ঢাকায় গিয়ে খেতে হবে না? রুবি, রাতে কেবল আলুছানা, ডিমভাজা, মসুর কা দাল আর আচার দিয়ে খাব, কেমন? আমার সাদাসিধে ডিনারের মেনিউ শুনে সে ভাবির দিকে তাকাল, শুনলেন তো? এখানকার ভোজ শেষ না করতেই রাতের খাবারের বায়না হল!

সাড়ে চারটেয় বেরিয়ে দশ মিনিটে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। চুন্নুভাই নিজে গাড়ি চালিয়ে নামিয়ে দিয়ে গেলেন। ৬:১০ মিনিটে ঢাকায় নামলাম। আসগর মিয়া তার থার্ড ফিশারি প্রকল্পের টয়োটা ল্যান্ডক্রুজার নিয়ে হাজির। তোমাকে কে বলল আসতে? আসগর পানমুখে হেসে জানায়, ইউসুফ আলী স্যর। দুপুরে খালি উনিই অফিসে ছিলেন। বাকি স্যরেরা তো সবাই আমেরিকায়! ব্যাগ তোলা হলে রুবি-রুবাই পেছনে ও আমি সামনে উঠে বসে বেল্ট বেঁধে নিলাম। বাড়ি পৌঁছলাম সাড়ে সাতটায়। ইয়াজদানি, শ্যামলী হৈ হৈ করে এসে উঠল, ইস্ ভাবি, রুবাই, ওয়ালীভাই, কতদিন দেখি না আপনাদের। চা হোক!

(শেষ)

m.waliuzzaman@gmail.com
আর্টস প্রোফাইল: মীর ওয়ালীউজ্জামান

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts


Free counters