২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন: এক সবুজ বস্ত্রখণ্ড!

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 07 Aug 2011, 08:22 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

সুন্দরবন নামটি শুনে আসছিলাম ছোটকাল থেকে। প্রথম সুন্দরবন সম্পর্কে পরিচয়টা পাই যখন আমি ক্লাস নাইনে পড়ি। ভূগোল বিষয়টা আমার ক্লাসে অন্তর্ভুক্ত ছিল। তখন আমি সুন্দরবনের সঙ্গে পরিচিত হই। আমার শিক্ষক নূরুল ইসলাম সাহেব ভূগোল পড়াতেন। তিনি কোনদিন সুন্দরবন যাননি। কিন্তু তিনি সুন্দরবন সম্পর্কে আমাদের এমন ধারণা দিতেন মনে হত তাঁকে নিয়মিত ওখানে যেতে হয় এবং সবকিছু তাঁর নখদর্পণে।

………
কচিখালিতে নিরাপত্তা রক্ষী আবদুর রাজ্জাকের নেতৃত্বে নৌকায় পর্যটকবৃন্দ।
……..
ওখানে বিশাল বিশাল বাঘ বাস করে। হরিণ খেয়ে তারা বেঁচে থাকে। তবে তাদের প্রিয় খাবার নরমাংস। বন তো নিরাপদ নয়ই, নদীও বিপজ্জনক। কারণ ডাঙায় বাঘ জলে কুমির। সুতরাং মনুষ্য স্বাধীনতা নেই বললেই চলে। নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা কুমিরের খপ্পরে পড়ে। আবার বনে কাঠ কাটতে গিয়ে, গোলপাতা আহরণ করতে গিয়ে এবং মৌচাকের মধু সংগ্রহ করতে গিয়ে তারা বাঘের ভোগের সামগ্রীতে পরিণত হয়। এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম কেন সুন্দরবন হল অনেকদিন আমার মাথায় সান্ধাতে চায়নি। কিন্তু ইসলাম স্যারের চাপের কারণে ওখানকার কিছু গাছপালার নাম মুখস্ত করতে হয়েছিল। সুন্দরী, গেওয়া, কেওড়া, গরান, গোলপাতা এধরনের আরও কিছুর নাম আমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়েছিল।

আমার মনে পড়ে আমরা এসএসসি পরীক্ষা পাশ করে কলেজে ভর্তি হতে গিয়েছিলাম। তখন কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে খুব একটা কড়াকড়ি ছিল না। ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের কলেজের শিক্ষকেরা কিছু মৌখিক পরীক্ষা জিজ্ঞেস করতেন মাত্র। আমরা ভর্তি পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। আমার এক সহপাঠী আবদুল জব্বার। সে এখন চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান। তাকে একজন পরীক্ষক ভূগোল থেকে প্রশ্ন করেছিলেন, সুন্দরী কী?

সে জবাব দিয়েছিল, সুন্দরী মানে রূপসী নারী।

পরীক্ষক পুনরায় জিজ্ঞেস করলেন, কোথায় পাওয়া যায়?

জব্বারের তাৎক্ষণিক জবাব, বিশ্বের সর্বত্র সুন্দরীদের দেখা মেলে।

পরীক্ষা বোর্ডের সকলে হাসিতে ফেটে পড়েছিলেন। আমার বন্ধুর জবাব শুনে আমারও হাসি পেয়েছিল। আমি কেন হাসলাম পরীক্ষক সাহেব প্রশ্নটা আমাকেও করলেন। বললেন, সুন্দরী মানে কী?

আমি তড়িৎ জবাব দিলাম, একটি গাছের নাম।

তিনি আবার প্রশ্ন করলেন, কোথায় পাওয়া যায়?

আবারও তাৎক্ষণিক জবাব, এ গাছ সুন্দরবনে জন্মায়।

পরীক্ষক মাথা ঝাঁকালেন। কিন্তু প্রশ্নের উত্তর জানারও একটা বিড়ম্বনা আছে সেটা আমার জানা ছিল না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, সুন্দরবনটা কোথায়?

আমি বললাম, বাংলাদেশে।

তাঁর ফের প্রশ্ন, সেই তো আমিও জানি। কিন্তু কোন জেলায় সেটা বলতে পার?

আমি জবাব দিতে পারিনি।

তিনি আমাকে ঘাটাঘাটি করেননি। কিন্তু মজার ব্যাপার হল আমরা দু'জনেই ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু ওই কলেজে পড়ার সুযোগ আমার হয়নি। আমাকে ঢাকায় এসে একটি কলেজে ভর্তি হতে হয়েছিল।

যা হোক, ওই সময় থেকে সুন্দরবন দেখার একটা ইচ্ছে আমার মধ্যে জাগ্রত হয়েছিল। দীর্ঘ সময় আমি স্বপ্নটা লালন করে এসেছি, কিন্তু সুন্দরবন যাবার সুযোগ আমার হয়নি। ঢাকায় এসে আমি প্রথম ইউক্যালিপটাস গাছের সাক্ষাৎ পেয়েছিলাম। কিন্তু নাম জানতাম না। এ গাছটা আমাদের দেশে বেশিদিন থেকে নয়। গাছটা প্রথম দেখে আমি আকর্ষণবোধ করেছিলাম। আমি অচেনা একজন লোককে জিজ্ঞেস করেছিলাম, গাছটার নাম কী?

তিনি আমাকে বৃক্ষবিশারদের মত করে জবাব দিয়েলিলেন, সুন্দরী গাছ।

আমি বিশ্বাস না করে পারিনি। গাছটিকে সুন্দরী ভাববার অনেক কারণই বিদ্যমান রয়েছে। গাছটি ধবধবে সাদা না হলেও ফর্সা তো বটেই। পুরো গাছটির গড়ন বৈদ্যুতিক থামের মত একেবারে সোজা। ঝুলে ঝুলে থাকা চিরল চিরল পাতাগুলো এত সুবিন্যস্ত যে আমি অভিভূত না হয়ে পারি না। আরও একটা বৈশিষ্ট্য গাছটার মধ্যে লক্ষ করে থাকবেন, প্রবল বাতাসে গাছটির মাথা একেবারে মাটিতে নুইয়ে পড়ে, তারপরেও সহজে ভাঙে না। ব্যতিক্রম হয় তখনই যখন সে গায়ে-গতরে মহীরূহ আকারে রূপ নেয়। পরে জেনেছিলাম গাছটির নাম ইউক্যালিপটাস। গাছটা সুন্দর বটে, কিন্তু কোনো কাজে আসে না। তারপরেও মানুষ সেটি না জেনে রোপণ করে। ব্যাপারটি এরকম, যেমন বেশি সুন্দর বিড়াল ইঁদুর ধরে না।

সেই যে সুন্দরবন দেখার প্রবল বাসনা মনের মধ্যে রোপিত হয়েছিল সেটি বহুদিন আর হয়ে ওঠেনি। যতবারই আমি ওখানে যাবার মনস্থির করেছি মন থেকে সায় মেলেনি। ভয়ঙ্কর জীবজন্তু, জলদস্যু এবং দুর্ভেদ্য বনের কথা যখন আমার মাথায় চারা দিয়ে উঠত মনের সুপ্ত বাসনা আপনা আপনি লোপ পেয়ে যেত। অনেকদিন ধরে বন্ধুদের নিয়ে একটা দল করে সুন্দরবনে যাব সেই চিন্তা করে আসছিলাম। কিন্তু বন্ধু-বান্ধবদের কথা শুনে মনে হয়েছে জঙ্গল দেখে পয়সা খরচ করার কোনো অর্থ হয় না।

সুন্দরবনে যারা একা যায় তারা বনের গহীনে ঢুকতে পারে না। মংলা বন্দরের বন বিভাগ থেকে পাশ নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে কেউ কেউ একদিনের জন্য সুন্দরবন ঘুরতে যায়। তারা সকালে রওয়ানা দিয়ে বিকেলে ফিরে আসে। সুন্দরবন আরম্ভ হবার কয়েক কিলোমিটার এগিয়ে গেলে হাড়বাড়িয়া। এখানে বন বিভাগের একটি অফিস আছে। শুনেছি ওখানে মিঠা পানির একটা পুকুরও আছে। যারা একদিনের জন্য যায় ওপর্যন্ত গিয়ে ফিরে আসে। ওখানে কোনো দোকানপাট নেই। যারা যায় শুকনো খাবার দাবার সঙ্গে করে নিয়ে যায়। সুতরাং যারা একা একা কিংবা দুয়েকজন মিলে নৌকোয় করে ওই পর্যন্ত গিয়ে সুন্দরবনের গল্প করে, বঙ্গোপসাগর পর্যন্ত ঘুরে এসেছে যারা তাদের কাছে তা হাস্যকর মনে হবে।

হাড়বাড়িয়া পর্যন্ত যাদের ঘুরে আসার সৌভাগ্য হয়েছে তাদের ব্যাপারটা যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। আমি এক সময় ও পর্যন্ত যাবার জন্যও প্রস্তুত ছিলাম। সেই সুযোগও আমি করে উঠতে পারিনি। কারণ আমার সাহসের অভাব ছিল।

দুই হাজার সাত সালে সুন্দরবন সিডরের আঘাতে তছনছ হয়ে গিয়েছিল। পত্রপত্রিকা এবং টেলিভিশনের পর্দায় যা দেখেছি আমি শিউরে না উঠে পারিনি। কথা উঠেছিল সুন্দরবনের দুর্লভ প্রাণী রয়েল বেঙ্গল টাইগার এবং হরিণের বংশধরেরা আর বেঁচে থাকার কথা নয়। তাছাড়া সুন্দরবনের গাছপালার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আগের জায়গায় ফিরে আসার জন্য পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে। আমার বুক ফেটে কান্না এসেছিল। আমি তো আর পঞ্চাশ বছর বাঁচব না এবং সুন্দরবনের সৌন্দর্য দেখার সৌভাগ্যও আর কোনোদিন হবে না।

আমি বহু ধর্মগ্রন্থ পড়েছি। ওইসব গ্রন্থ থেকে আমি স্বর্গ এবং নরক সম্পর্কে অনেক কিছু জেনেছি। স্বর্গের দুর্লভ পুরস্কার এবং নরকের ভয়ানক যন্ত্রণার কথা অনুমান করার সুযোগ আমার হয়েছে। নরকের কথা বাদ দিলাম। আমি যদি কোনো পুণ্যবলে স্বর্গে যাই সেখানে অসম্ভব রকম পুরস্কার আমি পাব। পবিত্র কোরানে তো উল্লেখ রয়েছে বেহেশতবাসীরা স্বর্গোদ্যানে সর্বদা বিচরণ করবেন। কিন্তু স্বর্গোদ্যানের তেমন একটা বিবরণ নেই। হতে পারে আমাদের পৃথিবীর নৈসর্গিক দৃশ্যগুলোর চাইতে ওগুলো আরও বেশি সুন্দর। কিন্তু আমাদের পৃথিবীর সৌন্দর্যের যে লীলাভূমি রয়েছে ওগুলো তো আর স্বর্গে গিয়ে পাব না। হোক না ওগুলো স্বর্গের উৎকৃষ্টমানের উদ্যানগুলোর চাইতে নিকৃষ্ট। আমি যদি পৃথিবীর নিকৃষ্টমানের নৈসর্গিক দৃশ্যগুলো না দেখে যাই স্বর্গের সেই উৎকৃষ্টমানের উদ্যানগুলোর তুলনা করব কীভাবে? কোনো কিছুর উৎকৃষ্টতার প্রমাণ তখনই মেলে যখন তার চাইতে নিচু মানের জিনিসটির সঙ্গে তুলনা করা চলে। কিন্তু আমার সামর্থ্য এত সীমিত যে বিশ্বের কথা দূরে থাক, আমার বাংলাদেশের জায়গাগুলোও ঘুরে দেখার সুযোগ হয় না। হায় আমার ঈশ্বর, এই কষ্ট আমি কীভাবে সামলাব!

সিডরের পরে কোলকাতায় আমি একটা সাহিত্যসভায় দাওয়াত পেয়েছিলাম। দাওয়াতটি আমি সানন্দে গ্রহণ করেছিলাম। দাওয়াতটি মূখ্য কারণ হলেও আরও দুয়েকটি কাজের কথা আমাকে ভাবতে হয়েছিল। আমার শারীরিক অবস্থা ভাল ছিল না। বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি বটে, কিন্তু আমি আমার রোগের কোনো কূলকিনারা করতে পারিনি। আমার একজন ভাল ডাক্তার দেখানো খুবই দরকার ছিল। কোলকাতা গিয়ে একজন ডাক্তার দেখাব এটা ছিল তার একটা কারণ। দ্বিতীয় কারণটি ছিল ভারতের কিয়দংশ বেড়িয়ে আসা।

আমি প্রথমে কোলকাতা গেলাম। বাংলাদেশ থেকে আমি একজন বিখ্যাত ডাক্তারের নাম জেনে গিয়েছিলাম। তিনি বেল ভিয়্যু হাসপাতালে বসেন। তাঁর নাম সুব্রত মৈত্র। আমি যখন কোলকাতা যাই তখন তিনি দেশের বাইরে ছিলেন। এক সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন। এই ফাঁকে আমি মুম্বে হয়ে পুনে অবধি ঘুরে এলাম। আমার সঙ্গী হিসেবে ছিলেন বন্ধু ড. চিন্ময় হাওলাদার। কোলকাতায় ফিরে আমি ড. মৈত্রের দেখা পেয়ে গেলাম। আগে থেকে তিনি জেনে গেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি তাঁর কাছে আমার রোগের বয়ান করতেই তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, রোগের কথা পরে শুনব। আগে বাংলাদেশের কথা বলুন। সিডর তো আপনাদের অনেক ক্ষয়ক্ষতি করে গেল। সুন্দরবনের অবস্থাটা কী বলুন তো?

আমি বললাম, পত্রপত্রিকা এবং টেলিভিশনের খবরে দেখেছি আগামী পঞ্চাশ বছরেও সুন্দরবন আগের সৌন্দর্য ফিরে পাবে না।

তিনি আমাকে পুনরায় প্রশ্ন করলেন, আপনি কখনও সুন্দরবন গিয়েছেন?

আমি জবাব দিলাম, না।

তাঁর চোখের মুখের হাভভাব দেখে মনে হল তিনি আমার কথায় সন্তুষ্ট হতে পারেননি। তিনি আমাকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, নিজের দেশকে বুঝি পছন্দ হয় না?

আমি বললাম, তা হবে না কেন?

তিনি ঠোঁট বাঁকিয়ে বললেন, তা যদি হয় আগে বাংলাদেশকে না দেখে ভারত দেখার ইচ্ছে হল কেন?

আমি কোনো জবাব দিতে পারিনি। তাঁর কথায় আমি আমতা আমতা করতে থাকলাম।

তিনি পুনরায় বললেন, আগে নিজের দেশকে জানুন, তারপর অন্য দেশকে। এতে করে একটা কাজ হবে নিজের দেশকে অন্য দেশের সঙ্গে তুলনায় আনা সহজ হবে। সুন্দরবন যদি আগামী পঞ্চাশ বছরে আগের রূপ ফিরে না পায় ওখানকার নয়নাভিরাম সৌন্দর্য থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি যদি সৌন্দর্যপিপাসু হয়ে থাকেন সুন্দরবনের জন্য আপনার আফসোস করা উচিত। অবশ্য আপনি তো সুন্দরবন যাননি, আপনি কী হারিয়েছেন তা বুঝবেন কী করে?

সুব্রতবাবুর কথায় আমার মনটা হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। আমি কেন সিডরের আগে সুন্দরবনে যাইনি সেই আফসোস আমাকে বহুবার করতে হয়েছে। আমি জেনে গেছি সুন্দববন আগের সুন্দরবন নেই। তারপরেও যখন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটের আহ্বান করল আমি সুন্দরবনকে ভোট দিলাম। কিন্তু মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে থাকল। আমি সুন্দরবনকে স্বচক্ষে না দেখে কেন ভোট দিতে গেলাম। সে কি আমার দেশের বলে? অনেকটা তাই। কিন্তু সুন্দরবন যখন প্রাথমিক ভোটে সপ্তাশ্চর্যের তালিকায় উঠে এল আমি উল্লাসে ফেটে পড়তে চাইলাম। আমার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করল, আমার সুন্দরবনের জৌলুশ একেবারে হারিয়ে যায়নি। আমার সুন্দরবন এখনও বিশ্বের সেরা ম্যানগ্রোভ বন। সুতরাং আমি যদি সুন্দরবনে যাই আমার ঠকার সম্ভাবনা একেবারে ক্ষীণ।

আমি মনে মনে স্থির করে ফেললাম এই বছরই আমি সুন্দরবন যাব। কিন্তু আমার ব্যস্ততা, সুযোগ এবং আর্থিক টানাপোড়েনের কারণে সময় করে উঠতে পারছিলাম না। তার মানে ব্যাটে-বলে এক করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। এরই মধ্যে আমার কাজের খাতিরে আমাকে কয়েকবার কক্সবাজার যেতে হয়েছিল। আমার একমাত্র বউ শিল্পী বায়না ধরে বসল সে আবার সেন্টমার্টিন যাবে। তাকে দেখলাম সে একরকম সেন্টমার্টিনের প্রেমে পড়ে গেছে। সেন্টমার্টিন ঘুরে এলাম এক বছরও হয়নি। এরই মধ্যে আবার সেন্টমার্টিন যাওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করলাম না। সেন্টমার্টিন আমারও মন্দ লাগে না। কিন্তু ওখানকার কিছু মানুষের প্রতারণার কথা ভাবলে আমার সেন্টমার্টিনে যাওয়ার ইচ্ছে লোপ পেয়ে যায়। যা হোক, শিল্পীকে বললাম, দ্বিতীয়বার সেন্টমার্টিন যাবার কোনো অর্থ হয় না। তার চে' বরং আগামী ঈদের ছুটিতে আমরা নতুন একটি জায়গায় ঘুরে আসি।

সে বলল, ঘুরে ফিরে দুয়েকটা জায়গা ছাড়া বাংলাদেশে আর কোথায় নতুন জায়গা আছে?

আমি তাকে বললাম, আমি তো বাংলাদেশের প্রায় গ্রামে-গঞ্জে ঘুরেছি। পুরো বাংলাদেশটাই দেখার মত। কথা হল, দেখার মত চোখ তোমার আছে কি না।

সে বলল, আমার চোখ শরৎবাবুর মত। মেঘকে মেঘ ছাড়া আর কিছু দেখি না। আমি মেঘের সৌন্দর্য দেখতে রাজি আছি, কিন্তু মেঘের ভেতর থেকে আমাকে অন্যকিছু আবিষ্কার করতে নিয়ে যেও না।

আমি বললাম, আমি স্থির করেছি আগামী ঈদের ছুটিতে সুন্দরবনে যাব।

আমি দেখলাম আমার প্রস্তাবটা তার মনে ধরেছে। সে বলল, এই কদিনের ছুটিতে সুন্দরবন ঘুরে আসা কি সম্ভব?

আমি বললাম, কেন নয়? দরকার মনে করলে অফিস থেকে দুয়েকদিনের ছুটি চেয়ে নেব।

আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অক্টোবরের মাঝামাঝি সময়ে। ঈদ আসতে আরও একমাস বাকি। সুন্দরবনে যাচ্ছি, ব্যাপারটি শিল্পী রাষ্ট্র করে ফেলল। তার ভেতরে একটা ভয় কাজ করছিল। আমি সব সময় আমার সিদ্ধান্তে অটল থাকতে পারি না। নানা ব্যস্ততার কারণে অনেক সময় আমাকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। সে পুত্র আপনকে পক্ষে টেনে নিয়ে তার দল ভারি করল। তার পরিকল্পনা পরিষ্কার, তার দাবি প্রত্যাখান করলেও পুত্রের দাবির কাছে আমি হার মানব। আমার পুত্র বয়সে খাটো হলেও সে বেশ হিসেবি হয়ে উঠেছে। সে সুন্দরবনে যাবার দিনক্ষণ গণনা করতে লেগে গেল। তার উৎসাহ আমাকে এ ব্যাপারে আরও বেশি মনযোগী করে তুলল।

২
সুন্দরবন সম্পর্কে যারা অল্প-বিস্তর জ্ঞান রাখে আমি ওসব বন্ধু-বান্ধবদের শরণাপন্ন হতে লেগে গেলাম। সকলেই একটা কথা বলল, নিজে উদ্যোগী হয়ে ওখানে যাওয়া যাবে না, তাতে ভয় এবং ভোগান্তি দুটোরই সম্ভাবনা থেকে যাবে। মাঝখানে তোমার টাকা খরচ ছাড়া কাজের কাজ কিছু হবে না। ঢাকা শহরে পর্যটন এলাকায় নিয়ে যেতে অনেক প্রতিষ্ঠান কাজ করছে। তুমি তাদের সঙ্গে যোগাযোগ কর। তারা প্যাকেজে তোমাদের সুন্দরবন দেখার সুযোগ করে দেবে।

আমি আমাদের অফিসের নাসরিন আপার শরণাপন্ন হয়েছিলাম। তাঁর তিনটি জিনিসের বাতিক আছে। প্রথমটা যদি বলি, সেটা হল নানা পত্রিকা থেকে রান্নার রেসিপি সংগ্রহ করা। ওগুলো কেবল সংগ্রহের জন্য সংগ্রহ নয়। মাঝে মধ্যে তিনি ওসব নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালান। এমনও দেখা গেছে, ওসব রেসিপি মেনে রান্না করে সহকর্মীদের মাঝে বিলিও করেছেন। আরেকটা জিনিস আমি তাঁর মধ্যে দেখেছি, তিনি পত্রপত্রিকা থেকে বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশান সংগ্রহ করে থাকেন এবং ওগুলো তিনি মনোযোগ সহকারে পড়েন। কারণ একটা হতে পারে, তাঁরা স্বামী-স্ত্রী প্রায় অসুস্থ থাকেন। এ অসুস্থতা হয়ত তাঁকে এই প্রেসক্রিপশানগুলো সংগ্রহে আগ্রহী করে তুলে থাকবে। তিনি ওষুধ দিতে পারেন না বটে, কিন্তু কোনো লক্ষণ দেখা দিলে কী রোগ হয় সেটা ভাল করে জানেন। ঢাকা শহরের অনেক নামকরা ডাক্তারের নামও তাঁর নখদর্পণে। আমাদের অফিসের কেউ কোনো রকম অসুস্থতা বোধ করলে তারা তাঁর কাছে ছুটে যান। তিনি সাধ্যমত তাদের সাহায্য করেন। আমি তো মাঝে মধ্যে তাঁকে ডাক্তার নাসরিন বলে সম্বোধন করি।

শেষের যেটি করেন, পত্রপত্রিকায় কোনো ভ্রমণকাহিনি দেখলে তা তিনি কেটে রাখেন এবং বেশ মনোযোগ দিয়ে পড়েন। এই ভ্রমণকাহিনিগুলো ওসব জায়গায় বেড়াতে যাবার জন্য তাঁকে কিছুটা সহায়তা করে বৈ কি। তিনি ওসব লেখা থেকে অভিজ্ঞতা নিয়ে অনেক জায়গায় গিয়েছেন। একবার দেখলাম, তিনি দার্জিলিং এবং নেপাল ঘুরে এসে একটা দীর্ঘ ভ্রমণকাহিনি লিখে ফেলেছেন। লেখাটি 'সংবাদ' পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। একদিন আমি তাঁকে গিয়ে ধরলাম, নাসরিন আপা, সুন্দরবন যাব, কিন্তু কীভাবে?

তিনি অভিজ্ঞ পর্যটকের মত আমাকে অনেক কথা বলে যেতে থাকলেন। আমি বললাম, ওসব আমার কোনো কাজে আসবে না। আপনি আমাকে বলে দিন কাদের সঙ্গে আমি যোগাযোগ করব?

তিনি বললেন, আমার কাছে বেশ কিছু প্রতিষ্ঠানের ফোন নম্বর আছে। আপনি ওদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনাকে এনে দিতে পারি। নম্বরগুলো এখন আমার হাতের কাছে নেই।

আমি বললাম, আপনি আগামীকাল নিয়ে আসবেন।

নাসরিন আপা পরদিন সত্যি সত্যি আমার জন্য বেশ কিছু প্রতিষ্ঠানের ফোন নম্বর নিয়ে এলেন। নম্বরগুলো হাতে পেয়ে আমি এভারগ্রীণ ট্রাভেলস নামের একটা অফিসে ফোন করলাম। তারা জানাল, প্রতিষ্ঠানটি প্যাকেজ ট্যুরের কাজ করে। প্যাকেজে তারা ট্যুরিস্টদের একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে যায় এবং ঘুরিয়ে নিয়ে আসে। তাদের অফিস উত্তরায়। প্রতিজনের জন্য তারা সাড়ে নয় হাজার টাকা দাবি করল। আমার বাড়ি থেকে ওই প্রতিষ্ঠানের দূরত্ব এবং টাকার অংক দুটোই আমার কাছে ভারি মনে হল। আমি আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলাম। তার নাম সুন্দরবন হলিডেজ ট্যুরস। ফোন করতেই স্বীকার করল তারা ট্যুরিস্টদের নিয়ে কাজ করে। তাদের অফিস কলাবাগানের পান্থপথের মোড়ে। যোগাযোগের দিক দিয়ে প্রতিষ্ঠানটি আমার মনে ধরল। টাকা-পয়সার কথা জিজ্ঞেস করতেই তারা জানাল, আপনি আমাদের অফিসে আসুন, তারপরে কথা বলা যাবে। আপনার অফিস তো কাছে। আমাদের সঙ্গে না যান, কিন্তু এক কাপ চা খেয়ে যেতে তো আপনার আপত্তি থাকার কথা নয়।

ভদ্রলোকের কথা আমার ভাল লেগে গেল। তাকে মনে হল একজন অমায়িক লোক। আমি অফিস শেষে তার কর্মস্থলে গিয়ে হাজির হলাম। কলাবাগানের মোড়ে হলেও অফিসটি চিনে নিতে আমাকে বেশ বেগ পেতে হয়েছিল। প্রতিষ্ঠানটি ঢাকাতে একেবারে নতুন বলা যায়। আগে তারা খুলনা থেকে কাজ করত। সম্প্রতি তারা ঢাকায় অফিস গড়েছে। তখনও তারা কোথাও একটা সাইন বোর্ডও টানায়নি। আমি লোকেশন জানতে ওই প্রতিষ্ঠানে ফোনের পর ফোন করে যেতে থাকলাম। তারা জানাল গ্রীণ লাইন বাস কাউন্টারের ঠিক ওপরে চারতলায়। ভবনটির সামনে কোনো সিঁড়ি নেই। পেছনে গিয়ে চিকন একটা সিঁড়ি বেয়ে ওপরে যেতে হয়। আমি তাই করলাম।

অফিসটি নতুন করেছে তা দেখলে বোঝা যায়। ভেতর থেকে তার সিটকিনি আঁটকানো। অফিসের দরজার সঙ্গে কম্পিউটারে ছাপা একটা কাগজ সাঁটানো। তাতে লেখা সুন্দরবন হলিডেজ ট্যুরস। আমি দরজার কড়া নাড়লাম। চিকন গড়নের হালকা বয়সের একটা ছেলে এসে দরজা খুলে দিল। জিজ্ঞেস করলাম, এটাই কি সুন্দরবন হলিডেজ ট্যুরসের অফিস। ছেলেটি মাথা নেড়ে জবাব দিল, জ্বি। ভেতরে এসে বসুন।

অফিসঘরটা বেশ ছিমছাম। দু' দুটো টেবিল, চার পাঁচখানা চেয়ার। পুরো মেঝে কার্পেটে মোড়ানো। ঘরের দেয়ালগুলোতে সুন্দরবনের নানা দৃশ্য। তাতে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার এবং হরিণের ছবি। একটা বড় জাহাজের ছবি। নাম তার এম ভি খেয়াপার। পরে জেনেছি এই জাহাজটি তাদের নিজস্ব এবং এই জাহাজে করেই ট্যুরিস্টদের সুন্দরবন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। সাইনবোর্ডবিহীন এই ঘরে ঢোকার আগ পর্যন্ত এটিকে আমি একটা ভূয়া প্রতিষ্ঠান হিসেবে আঁচ করে আসছিলাম। এধরনের ঘটনা তো আকছার ঘটছে। হজ্বযাত্রীদের নিয়ে কত ট্রাভেল এজেন্সি টালবাহানা করে। গাঁটের টাকা কেড়ে নিয়ে প্রতিষ্ঠানসহ লাপাত্তা হয়ে যায়। আর এরা তো সামান্য ট্যুরিস্ট ব্যবসায়ী। নানা ধরনের নেতিবাচক প্রশ্ন আমার মধ্যে কাজ করছিল। এতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু ঘরটিতে ঢোকার পর আমার ধারণা পাল্টে গেল।

কোনো কাজ করতে গেলে আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়। এজন্য যে কোনো অফিসের ডেকোরেশনটা বড় একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সুন্দরবন হলিডেজ ট্যুরসের অফিসের ভেতরে ঢুকে সেই বিশ্বাসটুকু আমার গাঢ় হয়েছে। ছেলেটিকে জিজ্ঞেস করলাম, অফিসের লোকজন কোথায়?
ছেলেটি বলল, একটু অপেক্ষা করুন। এখনি এসে পড়বেন।

কিছুক্ষণ পর একজন লোক বেরিয়ে এলেন। তার পরনে থ্রি কোয়ার্টার সাইজের একটি প্যান্ট। গায়ে একটা সাধারণ গেঞ্জি। তিনি ঘুম থেকে উঠে এসেছেন বোঝা গেল। হাত মিলিয়ে পরিচয় দিলেন তার নাম মাহমুদ। তিনি এই প্রতিষ্ঠানের কেউ নন। বেনাপোলে তার ব্যবসা আছে। তিনি বন্ধুর কাছে বেড়াতে এসেছেন। এতক্ষণে মনে হল এ পুরোটা অফিস নয়। বাড়ির একটা ঘরকে তারা অফিস হিসেবে ব্যবহার করছেন। আরও কিছুক্ষণ পর একজন মানুষ বেরিয়ে এলেন। তিনি এ প্রতিষ্ঠানের মালিক। তার পরনে ভদ্রগোছের পোশাক। কিন্তু তিনি চেহারা-সুরত এবং গায়ে-গতরে একজন খেটে খাওয়া মানুষের মত। লাবণ্যের ছিঁটেফোটাও তার চেহারার মধ্যে নেই। তিনি যে প্রচণ্ড রকম পরিশ্রম করেন তার শরীরখানা সাক্ষ্য দেয়। তিনি শেকহ্যান্ড করে পরিচয় দিলেন, তার নাম আতিয়ার রহমান বাবুল। সকলে তাকে বাবুল বলে ডাকে। আমি তাকে বললাম, আমি সুন্দরবনে যেতে চাই। আমাকে কী করতে হবে বলুন।
তিনি বললেন, সুন্দরবনে আপনি নিশ্চয় যাবেন। তার আগে একটু চা খান। আমি আপনাকে চায়ের দাওয়াত দিয়েছিলাম।

তিনি তার সিগারেটের প্যাকেটটাও আমার দিকে বাড়িয়ে ধরলেন। ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও আমি তা প্রত্যাখান করতে পারলাম না। চা খেতে খেতে তিনি জানতে চাইলেন, আপনি কী করেন?

আমি জবাব দিলাম, সামান্য একটা চাকরি করি। এক-আধটু লেখালেখির অভ্যাস আছে। বলতে পারেন শখের বশে।

তিনি একটুখানি বিস্মিত হয়ে বললেন, আপনি লেখক!

আমি হেসে বললাম, অনেকে বলে, কিন্তু আমি বুঝতে পারি না। আপনিও যদি আমাকে লেখকগোত্রের একজন মনে করেন আপনার কাছ থেকে খানিকটা সম্মান দাবি করতে পারি, না কি?

তিনি বললেন, নিশ্চয়, নিশ্চয়!

আমি বললাম, তাহলে বলুন, আমাকে কী করতে হবে? আমি আমার বউ এবং আমার ছোট একটা পুত্রসহ আপনার অতিথি হতে চাই। মনে রাখবেন, কবি-লেখকদের চুলোয় কিন্তু নিয়মিত আগুন জ্বলে না। একবেলা খেয়ে দুবেলার কথা ভাবতে হয়।

বাবুল সাহেব বললেন, আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিলেন। আমরা প্রতিজনের কাছ থেকে সাড়ে আট হাজার টাকা করে নেই। বাচ্চাদের বেলায় থার্টি পার্সেন্ট লেস করে দেই। অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পারেন, আমাদের চাইতে আর কেউ শস্তায় কাজ করে না।

আমি বললাম, আপনারা আগে সাড়ে সাত হাজার টাকা নিতেন।

তিনি বললেন, নিতাম। সেটা আমরা অস্বীকার করব না। জানেন তো জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে। তাছাড়া আপনি যাচ্ছেন ঈদের প্যাকেজে। টাকা তো একটু বেশি গুণতেই হবে। আর দু' চারদিন অপেক্ষা করুন, দেখবেন আপনি কোনো প্রতিষ্ঠানে গিয়ে সুযোগ পাবেন না।

আমি বললাম, টাকা পয়সার ব্যাপারটা না হয় পরে খোলাসা করা যাবে। তার আগে আপনার প্যাকেজের সুযোগ সুবিধাগুলো কী বলুন।

তিনি বললেন, আপনি দু' রাত তিনদিন জাহাজে অর্থাৎ সুন্দরবনে কাটাবেন। আপনাদের জন্য এসি গাড়ি গ্রীণ লাইন ঠিক করা আছে। ঈদের পরদিন নভেম্বরের আঠার তারিখ রাত আটটায় এখান থেকে আপনারা রওয়ানা দেবেন এবং একুশ তারিখ রাতে একই গাড়িতে ঢাকায় চলে আসবেন। খুব ভোরে আমরা খুলনা শহরে গিয়ে পৌঁছে যাব। গাড়ি সরাসরি লঞ্চঘাটে চলে যাবে। ওখান থেকে আপনি উঠে পড়বেন জাহাজে। যে কদিন থাকবেন থাকা-খাওয়া সব জাহাজে হবে। তার মানে এ কদিন আপনাকে পানিতে ভাসতে হবে।

ব্যাপারটা ভাবতে আমার বেশ লাগল। একনাগাড়ে তিনদিন দু' রাত পানিতে ভাসব এটা কম কী। একবার কোলকাতা থেকে মুম্বে যাবার সময় দু' রাত একদিন ট্রেনে চড়ার সৌভাগ্য হয়েছিল। এধরনের ভ্রমণ একটুখানি কষ্টকর। তারপরেও এগুলোর তো একটা রোমাঞ্চ আছেই। আমি একনাগাড়ে তিনদিন দু' রাত জাহাজে থাকব কথাটা ভাবতেই আমার শরীরে একরকম শিহরণ খেলে গেল।

বাবুল সাহেব আমাকে খাবারের তালিকাটা দেখালেন। কোন বেলায় ইলিশ, কোন বেলায় ভেটকি, কোন বেলায় চিংড়ি, কোন বেলায় কোরাল, কোন বেলায় সামুদ্রিক পাঙাসসহ আরও নানা মাছের উল্লেখ রয়েছে তাতে। প্রতি বেলায় মুরগি এবং খাসির মাংসও প্রায়শ থাকবে। সকালের নাস্তায় থাকবে পরোটা, কোনো কোনোদিন খিচুড়ি। সেই সঙ্গে থাকবে নানা ধরনের ফল ও মিষ্টি জাতীয় খাবার। চা-কফিরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আপনি যখন ইচ্ছে পান করতে পারবেন। সুন্দরবনের মধুর কথা বলতেও তিনি ভুল করেননি। প্রতিদিন দু'বেলা নাস্তা এবং দু'বেলা ভাত। প্রতি বেলায় রয়েছে খাবারের বৈচিত্র্য। ভোজন রসিকদের জন্য এটা একটা বড় পাওয়া বটে। কিন্তু খাবারের প্রতি লোভ আমার কোনোকালে ছিল না। বাবুল সাহেব যখন খাবারের ফিরিস্তি দিয়ে যাচ্ছিলেন আমি বরাবরই এড়িয়ে যেতে চেষ্টা করলাম। আমি তাকে বললাম, খাবারটা আমার কাছে মুখ্য নয়। সুন্দরবন দেখতে যাচ্ছি। খাবারটা আমার দরকার আছে, কিন্তু রাজকীয় খাবারের দরকার আমার নেই। আপনি যদি সুন্দরবনটা ভালভাবে দেখাতে না পারেন আমাকে নিয়ে লাভ নেই।

তিনি আমাকে বললেন, আপনি আগে কখনও সুন্দরবন গিয়েছেন?

আমি এক কথায় জবাব দিলাম, না।

তিনি বললেন, তাহলে আপনি ভালমন্দের কী বুঝবেন? আমরা কয়েকটা পয়েন্টে যাব। প্রথমে যাব কচিখালি। ওখান থেকে পরদিন যাব জামতলী সী-বীচ। তারপর কটকা। তারপরের দিন যাব হিরণ পয়েন্টে। এবারের প্যাকেজের বড় আকর্ষণ হল রাসমেলা। এটা দেখার ভাগ্য খুব কম মানুষের হয়। আমাদের প্যাকেজটা তিথির সঙ্গে একেবারে মিলে গেছে। সুতরাং মেলা দেখার সুযোগটা আপনি পাবেন। আপনি একটু আগে বলেছিলেন, একজন লেখক হিসেবে কোনো সম্মানি দাবি করতে পারেন কি না। সেক্ষেত্রে বলি, আপনার যদি অনুসন্ধিৎসু মন থাকে তাহলে আমাদের লোকজন আপনাকে ডিঙ্গি নৌকায় করে বাড়তি কিছু জায়গায় নিয়ে যাবে, যেখানে আমাদের জাহাজ যাবার কোনো সুযোগ নেই। তবে এটাও বলে রাখি, সেটা সম্ভব হবে যদি আমাদের হাতে বাড়তি সময় থাকে। আমার কেমন জানি মনে হচ্ছে আপনার জানার আগ্রহটা খুব বেশি। এবার যদি আপনাকে বাড়তি সুযোগ না-ও দিতে পারি সামনে একটা বিদেশী টিম যাবে। তাদের সঙ্গে আমরা আপনাকে এক করে দেব। তখন আপনার সকল খরচ আমরা বহন করব। ওরা ওখানে অনেকদিন থাকবে। তারা গোটা সুন্দরবনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে। সরকার নিজেই তাদের নিরাপত্তার ব্যবস্থা করে।

আমি তাকে বললাম, ওটা অনেক পরের কথা। এখন আমাকে কী করতে হবে সেটা বলুন?

বাবুল সাহেব বললেন, আপনার বাচ্চাটাকে আমরা বিনা পয়সায় নিয়ে যাব। আর আপনাদের দু'জনের খরচ পড়বে সতের হাজার টাকা। আপনারা ষোল হাজার টাকা দেবেন। বাসে বাচ্চাটাকে আপনারা কোলে করে রাখবেন। তার খাওয়া-দাওয়ার ব্যবস্থাও আমরা করব। এ ব্যাপারে আপনাদের কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না।

তিনি আমাদের জাহাজের কয়েকটি ফ্যামিলি কেবিনের ছবি দেখালেন। তারপর বললেন, আপনারা পছন্দ করুন, কোনটাতে থাকবেন।

আমি বললাম, যেটা আপনি ভাল মনে করেন সেটাই দিন। তাতে আমার কোনো আপত্তি নেই। তবে ব্যাচেলারদের মাঝে কোনো কেবিন দেবেন না।

তিনি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন।

আমি তাকে অনুরোধ করে বললাম, বাসে আমাদের সিটগুলো সামনে রাখার চেষ্টা করবেন। গাড়িতে আমার বাচ্চা বমি করে।

তিনি নিশ্চয়তা দিলেন–সামনের দু' সিটের পেছনের সিটে আপনারা বসবেন।

বাবুল সাহেবের কথা আমার মনঃপুত হল। তাকে জিজ্ঞেস করলাম, জাহাজে কোনো দোকানপাট আছে কি না?

তিনি বললেন, না, সেই সুযোগ নেই। তার দরকারও নেই। আমরা যা দেই তাতে আপনার ভালভাবে চলে যাবে। দু'টি জিনিস আপনি সেখানে পাবেন। একটা হল সিগারেট, অন্যটা সুন্দরবনের মধু। কেউ অসুস্থতা বোধ করলে তার জন্য প্রাথমিক চিকিৎসার ওষুধপথ্যও আমরা দিয়ে থাকি। অনেকে মশার উপদ্রবের কথা চিন্তা করে দুশ্চিন্তায় ভোগেন। সুন্দরবনে মশার উপদ্রব খুবই কম। আর মশা থাকলেও কেবিনে ঢোকার সুযোগ নেই। কেবিনের জানালায় নেট বসানো আছে। আপনার বাচ্চার কোনো রকম শুকনো খাবারের প্রতি দুর্বলতা থাকলে ওগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে ওগুলো কোনো কাজে আসবে বলে মনে হয় না।

বাবুল সাহেবের পরামর্শ শুনে আমি খুবই প্রীত হলাম। পরদিন গিয়ে আমি তাকে দশ হাজার টাকা জমা দিয়ে দিলাম।

সুন্দরবন যেতে আরও পনের দিন বাকি। ইতোমধ্যে আমাকে যেতে হল টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় আমার অফিসের কাজে। যাবার আগের দিন আমি জ্বরে আক্রান্ত হলাম। জ্বরের শরীর নিয়ে আমাকে কালীহাতি যেতে হল। শরীর খারাপ, তারপরেও মনের জোরটা আমাকে ওখানে যেতে কিছুটা উৎসাহ যোগাল। না গিয়েও উপায় ছিল না। অফিসের নির্দেশ কাজটা বেশ জরুরি। ওটার ওপর নির্ভর করবে সামনে কদিন পর যে সেমিনার হবে তার কার্যক্রম। আমাদের থাকার কোনো জায়গা নির্দিষ্ট করা ছিল না। ডাকবাংলোটা আগে থেকে অন্যদের দখলে চলে গেছে। আমার সঙ্গে ছিলেন আমাদের অফিসের ফারুকী ভাই। তিনি তার এক আত্মীয়কে ধরে ইউএনওকে দিয়ে বন বিভাগের রেস্ট হাউজে থাকার ব্যবস্থা করলেন। সে এক বড় ইতিহাস।

থাক ওসব কথা। আমি ওখানে থেকে অসুস্থ শরীর নিয়ে কাজ করে যাচ্ছিলাম। কালীহাতি বাজারে খাবারের কোনো ভাল হোটেল নেই। আমরা একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়েছিলাম। কিন্তু হোটেলের খাবার রুচিসম্মত ছিল না। পোড়া তেল দিয়ে রান্না করা দেখলে বোঝা যায়। তরকারির ওপর এক ইঞ্চি পরিমাণ তেল ভেসে আছে। তার ওপর মরিচের আধিক্য এত বেশি ছিল যে ঝালের তোড়ে আমার কান পর্যন্ত গরম হয়ে গেল। আমি চট্টগ্রামের মানুষ। আমাদের একটা বদনাম আছে, আমরা বেশি ঝাল খাই। বগুড়ারও এরকম বদনাম আছে। কিন্তু টাঙ্গাইলের খাবার খেয়ে মনে হল তারাও পিছিয়ে নেই।

এমনিতে জ্বরের কারণে আমার মুখে রুচি ছিল না। তার ওপর আমাকে এ খাবার খেতে হল এবং পেটে পীড়া বাঁধিয়ে ফেললাম। প্রথম প্রথম পেটটা একটু একটু ব্যথা করছিল। দু'দিন না যেতেই আমি ভয়ানক গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়ে পড়লাম। প্রশ্ন জাগতে পারে গ্যাস্ট্রিক এমন কী রোগ? আমিও তাই ভাবতাম। কিন্তু এ কী! আমার বুক পিঠ এমন ব্যথা করতে থাকল যে চিৎকার করে কান্না আরম্ভ করে দিলাম। তার তিনদিন আগে আমি ইটিটি করিয়েছিলাম। তাতে খারাপ কোনো ফল আসেনি। ইটিটি না করালে আমাকে ধরে নিতে হত আমি হার্টের সমস্যায় আক্রান্ত রোগী। আমার সহকর্মী ফারুকী ভাই বলে যেতে থাকলেন, ঘাবড়াবার কোনো কারণ নেই, এটা গ্যাস্ট্রিকের ব্যথা। কিন্তু এখানে ডাক্তার পাব কোথায়! তার সঙ্গে কিছু এন্টাসিড ট্যাবলেট ছিল, এমনকি একটা সার্জেলও। ওগুলোতে কোনো কাজ হল না। পরের দিন কোনো রকমে কাজ শেষ করে ঢাকায় চলে এলাম।

আমি আমার বন্ধু ডাক্তার ইকবাল কবিরের শরণাপন্ন হলাম। তাঁকে সব ভেঙে বলার পর তিনি সঙ্গে সঙ্গে ইনজেকশন পুশ করলেন। আরও কিছু ওষুধপথ্য লিখে দিলেন। একদিন পর ব্যথা কিছুটা সহ্যের মধ্যে চলে এল। ব্যথা জিনিসটা কী ভয়ঙ্কর আমি যেন মৃত্যুকে সামনে থেকে দেখতে পেয়েছিলাম।
ঘরে এসে দেখি আমার বউ-বাচ্চা দু'জনেই জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আমার বাচ্চা জ্বরের ঘোরে বলতে থাকল, পাপা, আমরা কি সুন্দরবনে যাব না?

আমি বললাম, অবশ্যই যাব।

সে বলল, কিন্তু আমরা যে সকলে অসুস্থ।

আমি বললাম, তার আগেই আমরা সুস্থ হয়ে উঠব।

……..
মংলার কাছে মালবাহী জাহাজ
……..
তাকে বললাম বটে, কিন্তু সুস্থ যে হয়ে উঠব তার ভরসা করতে পারছিলাম না। কারণ আর দু'দিন পর ঈদ। ঈদের পরদিন আমাদের সুন্দরবন যেতে হবে। কীভাবে সম্ভব! মাঝখানে তিনদিন মাত্র সময়। পরের দিন অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলাম। আমি যে সুন্দরবন যাচ্ছি এটা অফিসের প্রায় সকলে জানতেন। আমি অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে অনেকে বলে বসলেন, আপনার সুন্দরবন যাওয়া হচ্ছে না। অফিস কারও কোনো রকম ছুটি মঞ্জুর করবে না। একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। সুন্দরবন যেতে হলে আমাকে একুশ এবং বাইশ তারিখ দুদিনের ছুটির দরকার ছিল। কিন্তু অফিস একুশ তারিখ জরুরি মিটিং ডেকে বসে আছে। সকলের উপস্থিতি আবশ্যক। আমি ভেতর থেকে চুপসে গেলাম। খুব বেশি আহতও হইনি। কারণ পরিবারের আমরা সকলে ছিলাম অসুস্থ। খারাপ লাগছে সুন্দরবন হলিডেজ ট্যুরসকে দশ হাজার টাকা অগ্রিম দিয়েছিলাম। সে টাকাটা গচ্চা যাবে। সেটাকেও আমি বড় করে দেখিনি। আমার পুত্র আপনকে নিরাশ করতে হবে সেটাই আমাকে ভীষণভাবে পীড়া দিতে আরম্ভ করল। আমি বুঝতে পারি, আমরা যদি সুন্দরবনে না যাই আপন মানসিকভাবে ভীষণরকম ভেঙে পড়বে।

আমি দুপুরবেলা আমার অফিসের কর্তা ড. হোসেন জিল্লুর রহমানের সামনে গিয়ে দাঁড়ালাম। তাঁর কাছে গিয়ে আমি কোনোদিন কোনো কাজে নিরাশ হইনি। এবারও তিনি নিরাশ করবেন না সেটা আমি জানি। কিন্তু মিটিংটার প্রতি সকলের মত আমারও অনেকটা দায়িত্বশীল হওয়া উচিত। আমি আমার সমস্যার কথাটা ড. জিল্লুরকে খুলে বলার চেষ্টা করলাম। তাঁকে বললাম, স্যার, আমি একটা সমস্যায় পড়ে গেছি।

তিনি জানতে চাইলেন, কী সমস্যা?

আমি বললাম, এই ঈদের ছুটিতে আমি একবার সুন্দরবন ঘুরে আসব নিয়ত করেছিলাম।

আমার কথা শেষ না হতেই তিনি বললেন, যাবে, কিন্তু সমস্যার কথা বলছ কেন?

আমি বললাম, আমি যদি সুন্দরবনে যাই আমার আরও বাড়তি দু'দিন ছুটির দরকার।

তিনি পুনরায় বললেন, ছুটি লাগলে নেবে?

আমি বিনয়ের সঙ্গে বললাম, কিন্তু আমি তো অফিসের মিটিংয়ে উপস্থিত থাকতে পারব না।

তিনি হেসে বললেন, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি মিটিং পিছিয়ে দেব।

তাঁর প্রতি আমার মনটা কৃতজ্ঞতায় ভরে উঠল। মানুষের জীবনে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটে ওগুলোকে তুচ্ছ করে দেখার কোনো অবকাশ নেই। ড. জিল্লুরের এ সহানুভূতিটুকু আমার মানসপটে অনেকদিন জাগরূক হয়ে থাকবে।

৩
সতের তারিখ ঈদ। আঠার তারিখ রাত সাড়ে আটটায় কলাবাগান থেকে আমাদের বাস ছাড়বে। বাবুল সাহেব খুলনা চলে গেছেন। তিনি ওখান থেকে সকালবেলা ফোন করে জানিয়ে দিলেন আমি যেন ভুল না করি।

আমাদের শরীর কিছুটা সুস্থ বটে, কিন্তু গাড়িতে দীর্ঘপথ পরিভ্রমণ করার মত অবস্থা আমাদের কারও ছিল না। আমি আমার বন্ধু ডাক্তার ইকবাল কবিরের শরণাপন্ন হলাম। আমি তাঁকে বোঝাতে চেষ্টা করলাম, আমাদের শরীরের যে অবস্থা আমরা ঢাকার বাইরে যেতে পারি কি না।

ইকবাল ভাই নৈরাশ্যবাদে বিশ্বাসী নন। ক্যান্সার রোগীকেও তিনি আশার বাণী শোনান। হতে পারে ডাক্তার বলেই কঠিন রোগকে তিনি সকলের কাছে সহজভাবে উপস্থাপন করেন, যাতে রোগীরা মানসিকভাবে স্বস্তি পান। তিনি আমাকে জানালেন, তোমরা এমন কি অসুস্থ যে ঢাকার বাইরে যেতে পারবে না। ভয়ানক হার্টের রোগীও বিশ্বের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে যায়। তোমাকে ও দলের বলব না, কিছু কিছু মানুষ আছে রোগকে ফ্যাশন হিসেবে নেয়। তোমার ভয় পাবার কিছু নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি।

তিনি জ্বরজারির জন্য দিলেন নাপা এক্সট্রা, ঠাণ্ডার জন্য দিলেন এ্যালাট্রল, আমাশয়ের জন্য দিলেন ফ্লাজিল, পাতলা পায়খানার জন্য দিলেন নিওফ্লক্সিন ও ওরস্যালাইন, গ্যাস্ট্রিকের জন্য দিলেন সার্জেল, টেনশন ফ্রি রাখার জন্য দিলেন ফ্রেনজিট, শ্বাসকষ্টের জন্য দিলেন কনটিন, রাতে যাতে ভাল ঘুম হয় তার জন্য দিলেন জিওনিল। বাচ্চার জন্য একটা কাশির সিরাপ লিখে দিতেও তিনি ভুল করেননি।

মোটামুটি একটা ফার্মেসি তিনি আমার কাঁধে চাপিয়ে দিলেন। আমি আশ্বস্ত হলাম, যে রোগই আসুক অন্তত সামাল দিতে পারব। তিনিও আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, এর বাইরে বিশ্বে আর কোনো ওষুধ নেই। তুমি এখন নিশ্চিন্তে সুন্দরবন ঘুরে আসতে পার। তবে একটা কথা মনে রাখবে ভাজা-পোড়া এসব খাওয়া চলবে না। তরকারিতে তেল-মরিচের আধিক্য দেখলে পরিষ্কার পানিতে ধুইয়ে খাবে।

ইকবাল ভাইয়ের পরামর্শ শিরোধার্য।

আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে ঢাকা শহরের একপ্রান্তে থাকতে হয়। মাতুয়াইলে আমার বাসস্থান। ওখান থেকে ঢাকা শহরের অন্যান্য এলাকায় যাওয়া একরকম কষ্টসাধ্য ব্যাপার। যাত্রাবাড়ির ওপর দিয়ে যারা হরহামেশা চলাফেরা করেন তারাই বুঝবেন ওই এলাকা কতটুকু মনুষ্যবাস-উপযোগী। আমাকে প্রতিদিন ওই এলাকার চেহারা দেখতে হয়। যাত্রাবাড়ির যানজটের কথা মনে পড়লে আমি শিউরে না উঠে পারি না। তারপরেও আমাকে ওখানে থাকতে হয়। এখন তো আরও ভয়াবহ অবস্থা। ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেছে। যানজটে পড়ে মানুষ ঘণ্টার পর ঘণ্টা ওই এলাকায় গাড়িতে বসে থেকে ঢাকা শহরকে ধিক্কার দেয়। যাত্রীরা রাজনীতির কর্তাব্যক্তিদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে। ওসবের মধ্য দিয়ে গাড়ির যাত্রীরা তাদের সময় পার করে। এত গাড়ির বহর অথচ আপনি সহজে গাড়িতে উঠতে পারবেন না।

আমার সঙ্গে একজন রিকশাওয়ালার সখ্য গড়ে উঠেছে। তার নাম মজনু। মজনু আমাদের দুঃসময়ে কিছুটা করুণা করে। তাকে ফোন করে ডাকলে চলে এসে আমাদের এখানে ওখানে নিয়ে যায়। এজন্য তার পেছনে সময়ে অসময়ে কিছু বাড়তি অর্থ আমাদের গুণতে হয়। আমরা ভয়ে ভয়ে থাকি যদি তাকে খুশি না রাখি সে যে-কোনো মুহূর্তে আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এমনিতে মানুষ হিসেবে সে খুবই ভদ্র। ভদ্রতা দিয়ে তো আর পেট চলে না। আমি আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম সন্ধে সাতটার সময় এসে সে আমাদের কলাবাগানে নিয়ে যাবে। অন্যদিন হলে সে ওই এলাকায় যেতে রাজি হত না। ঈদের পরদিন রাস্তাঘাট ফাঁকা থাকে। তার ধারণা ছিল সে একটানে আমাদের কলাবাগানে পৌঁছে দেবে। ওইদিনও যাত্রাবাড়িতে আমাদের আধা ঘণ্টা যানজটে আটকে থাকতে হল। তারপরেও মজনু সাড়ে আটটার কিছু আগে আমাদের কলাবাগানের গ্রীণ লাইনের কাউন্টারে পৌঁছে দিতে সক্ষম হল।
তখন গাড়ির যাত্রী প্রায় সবাই এসে গেছে। সুন্দরবন হলিডেজ ট্যুরস আমাদের জানিয়েছিল রাত সাড়ে আটটায় কলাবাগান থেকে গাড়ি ছাড়বে। কিন্তু সেই গাড়ি এল রাত সাড়ে দশটায়। কাউণ্টারের লোকজনের একটাই যুক্তি রাস্তাঘাট একেবারে ফাঁকা। গাড়ি একটানে খুলনায় চলে যাবে।

দক্ষিণ বঙ্গে যাতায়াতে একমাত্র ভোগান্তি হল পাটুরিয়া ফেরিঘাট। বাসের লোকজন ফোন করে জেনে নিয়েছে ফেরিঘাট একেবারে ফাঁকা। এই পাটুরিয়া ফেরিঘাটের অভিজ্ঞতা আমার আগে থেকে ছিল। একবার আমি যানজটে আটকে পড়ে পাটুরিয়া ফেরিঘাটে একটা দিন খুইয়েছিলাম। আজকে ফেরিঘাট ফাঁকা আছে জেনে মন খুশিতে নেচে উঠল।

আমরা সাড়ে দশটায় যাত্রা আরম্ভ করেছিলাম। আমাদের নির্ধারিত সিটে আমরা উঠে বসলাম। দুটো সিট আমাদের তিনজনের জন্য যথেষ্ট ছিল না। আমরা আপনকে আমাদের কোলের ওপর লম্বালম্বিভাবে শুইয়ে দিলাম। দেখলাম তার তেমন অসুবিধা হচ্ছে না। সে যাতে পড়ে না যায় আমরা তাকে আঁকড়ে ধরেছিলাম। অল্প সময়ের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। তার ঘুমের ব্যাঘাত হয় সে ভয়ে আমাদের জেগে থাকতে হয়েছিল। আশেপাশের লোকজনের নাক ডাকার শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। তাদের সুখনিদ্রা আমাদের কিছুটা হলেও ঈর্ষান্বিত করে তুলছিল। কিন্তু কিছু করার ছিল না। পুত্রটা যদি চোখ ভরে ঘুমোতে না পারে তার অসুস্থতা বেড়ে যেতে পারে। তখন আমাদের আনন্দ-ভ্রমণের সমস্ত কিছু মাটি হয়ে যাবে। তাছাড়া সন্তানের প্রতি একধরনের মমত্ববোধ আমাদের মধ্যে কাজ করছিল।

গাড়িতে ওঠার পর আমরা তেমন ঠাণ্ডা অনুভব করিনি। ঘণ্টাখানেক না যেতেই আমরা একরকম ঠাণ্ডা টের পেতে আরম্ভ করলাম। এসি গাড়িতে চড়ায় আমি তেমন অভ্যস্ত নই। দরজা-জানলা বন্ধ থাকলে আমার দম আটকে আসতে চায়। বাইরের মুক্ত বাতাসের চাইতে এসির ঠাণ্ডা বাতাস কি বেশি উত্তম? আমার মনে হয় না। কে যেন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুরো গাড়িটাকে দুগন্ধময় করে ফেলেছে। যারা ঘুমিয়ে আছেন তারা বহাল তবিয়তে আছেন। কিন্তু আমার মত যারা জেগে আছে তারা যে অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে আমার উপলব্ধি থেকে বোঝার চেষ্টা করলাম। বেশ সময় ধরে এই দুর্গন্ধ আমাদের সইতে হয়েছিল। আমরা যাওয়ার সময় হালকা একটা কম্বল সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। এসি গাড়িগুলোতে কম্বলের ব্যবস্থা আছে বটে, কিন্তু শিল্পীর ওগুলো পছন্দ নয়। আমরা টের পাচ্ছিলাম আপন বেশ ঠাণ্ডা অনুভব করছে। কম্বলখানি আমরা তার ওপর ছড়িয়ে দিলাম।

গাড়ি বেশ বেগে ছুটছিল। দেড় ঘণ্টার মাথায় আমরা পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে গেলাম। ঈদের পরদিন বলে ঢাকাগামী গাড়ি তেমন ছিল না। পাটুরিয়া ফেরিঘাট দিয়ে অনেকবার যাতায়াত করার সৌভাগ্য আর দুর্ভাগ্য যেটাই বলুন সেই সুযোগ আমার হয়েছে। কোনবারই আমি অন্তত এক ঘণ্টা অপেক্ষা না করে ফেরির নাগাল পাইনি। এবারই প্রথম দেখলাম গাড়ি একটুও না থেমে সরাসরি ফেরিতে গিয়ে দাঁড়িয়েছে। সৌভাগ্য বলতে হবে রাস্তার দুর্ভোগের মধ্যে আমাদের পড়তে হয়নি।

ফেরি নদীর এপার থেকে ওপার যেতে আধা ঘণ্টার কিছু বেশি সময় লেগেছিল। আমার পাগলামি বলুন আর যা-ই বলুন, আমি আমার পুত্রকে ফেরির সঙ্গে পরিচিত করার জন্য তার ঘুম ভাঙিয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম। তার আগে ফেরির সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। যমুনা নদীর কথা সে বহুবার শুনেছে। এবার যমুনা নদী দেখার সুযোগও তার হল। সে মহাখুশি। এগুলোকে বাপ-বেটার পাগলামী ছাড়া আর কী বলব।

যমুনা নদী পার হয়ে আমরা আবার রওয়ানা দিলাম। গাড়ির লোকজনকে জিজ্ঞেস করেছিলাম গাড়ি পথে কোথাও থামবে কি না। আসলে আমরা কেউ কিছু খাইনি। আমরা ক্ষুধার্ত ছিলাম। সুন্দরবন হলিডেজ ট্যুরসের লোকজন আমাদের সাড়ে আটটার গাড়ি বলে সন্ধের সময় ঘর থেকে বার করে নিয়ে এসেছে। ওই সময়টা খাওয়ার জন্য উপযুক্ত ছিল না। আমাদের গাড়িতে মাহমুদ সাহেব ছিলেন, যিনি বাবুল সাহেবের বন্ধু, বেনাপোলে ব্যবসা করেন। তিনি জানালেন, আমাদের গাড়ি মাগুরা শহরে গিয়ে থামবে। ওখানে হালকা পাতলা ব্যবস্থা থাকবে।

গাড়ি মাগুরা শহরে গিয়ে থামল। জায়গাটা অনেকটা গ্রামের বাজারের মত। রাস্তার দু'পাশে দু'টি হোটেল। আরও দোকানপাট আছে ওগুলো সব বন্ধ। হোটেলে ঢুকতেই চোখে পড়ল কড়াই ভর্তি তেলে পরোটা ভাজছে। ওগুলোকে পরোটা বলা ঠিক হবে না। এক ধরনের লুচি বলাই উত্তম। চপচপে তেলে ভাজা পরোটাগুলো দেখে আমার একরকম অনীহা এসে গেল। আমার টাঙ্গাইলের সে খাবারের কথা মনে পড়ে গেল। তারপরেও লোকজন ওসব খাচ্ছে। আমার মত অনেককে দেখলাম নাক সিঁটকিয়ে চলে আসছে। খাবারের চাইতে হোটেল ঘরের নোংরা পরিবেশ আমাকে আরও বেশি আহত করল। আরও অনেক গাড়ি ওখানে এসে থেমেছে। কিন্তু রুচিসম্মত খাবার নেই। আমি একটা টয়লেট খুঁজছিলাম। দোকানি বলল, পেছনে একটা টয়লেট আছে, গিয়ে দেখতে পারেন।

ভেতরে গিয়ে দেখলাম টয়লেটের অবস্থা ভয়াবহ। আমার প্রশ্রাবের বেগ আপনাআপনিতে থেমে গেছে। পুরুষেরা যে যেভাবে পেরেছে নিজের মত কাজ সেরেছে। আমিও তাদের মত একজন হয়ে গেলাম। কিন্তু বিপদে পড়েছে মহিলারা। দু'জন বিদেশী মহিলাকে দেখলাম কোনো রকম কায়দা করতে না পেরে তাদের ওই নোংরা টয়লেটে ঢুকতে হল। নিজের কাছে নিজেই লজ্জিত হলাম। আমাদের এই নোংরামির কথা তারা কি তাদের দেশে গিয়ে বলবে না?

যাত্রীরা সুন্দবরবন হলিডেজ ট্যুরসের লোকজনদের গালমন্দ করতে আরম্ভ করল। তাদেরও দোষ দিয়ে লাভ কী। ঢাকা-চট্টগ্রাম কিংবা উত্তরবঙ্গের সড়কে যে ধরনের হোটেল গড়ে উঠেছে ওই ধরনের হোটেল ঢাকা-খুলনা সড়কে নেই। তবে হলিডেজ ট্যুরসের উচিত ছিল মানুষকে সতর্ক করে দেয়া। তাহলে তারা কিছু শুকনো খাবার সঙ্গে করে নিয়ে যেত, অথবা গাড়ি ছাড়ার আগে যে যার মত করে খেয়ে নিত।

আমরা খালি উদরে আবার যাত্রা আরম্ভ করলাম। শরীরের ক্লান্তিরও তো একটা সীমা আছে। আমি এক সময় ঘুমিয়ে পড়লাম। ভোর পাঁচটার দিকে গাড়ি খুলনা শহরের গিয়ে থামল। আগে আমি কখনও খুলনা শহরে যাইনি। শহরের আগামাথা কিছু বুঝতে পারলাম না। বাস যেখানে থেমেছিল সেটি ছিল বিআইব্লিউটি-এর লঞ্চঘাটের একেবারে লাগোয়া। আমরা নিজেদের ব্যাগ বহন করে নিয়ে আমাদের নির্ধারিত জাহাজ এমভি খেয়াপারে উঠে এলাম। জাহাজে ওঠাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। কাঠের তক্তার সিঁড়ি বেয়ে আমাদের জাহাজে উঠতে হয়েছিল। জাহাজটা দেখতে মন্দ নয়। তার আগে আমি দুয়েকবার সদরঘাট লঞ্চঘাট থেকে ভোলা এবং বরিশালে গিয়েছিলাম। ওগুলো ছিল আমার পূর্ব-অভিজ্ঞতা। ওগুলোর চাইতে আমাদের এ জাহাজটা মানানসই এবং বড়সড়ো। বিআইডব্লিউটি-এর লঞ্চঘাটটি অনেকটা ঢাকার সদরঘাটের লঞ্চঘাটের মত। আমি এ লঞ্চঘাটটির কথা না জেনে যদি ওখানে গিয়ে হাজির হতাম এটাকে আমি সদরঘাট মনে করতাম।

৪
এ প্যাকেজে আমরা মানুষ ছিলাম ষাট জনের মত। তার মধ্যে বাবুল সাহেবের অতিথি হিসেবে আছেন আট জন। তাছাড়া জাহাজে স্টাফ তো ছিলই। তার মানে আমরা সত্তরজনের মত মানুষ ছিলাম।

জাহাজে উঠে যাত্রীরা যে যার নির্ধারিত কেবিনে চলে গেলেন। আমাদের কেবিন নম্বর ছিল দোতলার দু' শ' একুশ। দোতলার কেবিনগুলো সম্প্রতি নতুন করে তৈরি করা হযেছে দেখলেই অনুমান করা যায়। কেবিনগুলো প্লাই উডের তৈরি। আমাদের কেবিনে পাঁচ ফুট বাই সাত ফুটের একটা খাট পাতা ছিল। দেখতে খাটের মত মনে হলেও এটাকে খাট, এমনকি চৌকিও বলা যাবে না। আবার মাচাও বলি কী করে। খাটের বাইরে মাত্র এক দেড় ফুটের মত জায়গা। যেটিতে আমাদের ব্যাগ রাখার পর আরও কোন জায়গা অবশিষ্ট নেই। আমরা খাটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় পাল্টালাম।

গোটা দোতলাটায় দু' সারি কেবিন। কেবিনগুলো অনেকটা বড়সড়ো কবুতরের খুপড়ির মত। পুরো জায়গাটা একরকম খেলনা খেলনা মনে হয়। প্রতিটি কেবিন থেকে যখন মানুষ যাওয়া আসা করতে আরম্ভ লাগল আমার মনে হতে থাকল আমরা একেকটা মৌমাছি, মৌচাকে ঘুরাফেরা করছি। সকলের মধ্যে এক ধরনের ব্যস্ততা লক্ষ করা গেল। কার আগে কে টয়লেটে যাবে এরকম প্রতিযোগিতা টের পেতে থাকলাম। গোটা জাহাজে মাত্র পাঁচটা টয়লেট, সঙ্গে গোসলখানা। মহিলাদের জন্য আলাদা কোনো টয়লেট নেই। সবগুলো টয়লেট সবার জন্য উন্মুক্ত। একটা জিনিস ভাল লাগল পুরুষেরা মহিলাদের আগে ঢোকার সুযোগ করে দিচ্ছে। তবে এটা সব ক্ষেত্রে সত্য নয়। প্রকৃতির ডাকে অনেকে এত ব্যাকুল ছিলেন ভদ্রতার খাতিরে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিলেন না। আমরা অপেক্ষা করছিলাম কখন মানুষের চাপটা কমে। আমি আপনকে নিয়ে জাহাজের গ্রিলের পাশে দাঁড় করিয়ে সরাসরি নদীতে প্রশ্রাব করালাম। সে প্রশ্রাব করার জন্য আমাকে এমন জ্বালাতন করছিল এ ছাড়া অন্য কোনো উপায় ছিল না।


জাহাজ, পশুর নদীতে।
সকালের আলো তখনও ভালভাবে ফোটেনি। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গোটা ভৈরব নদটাকে মনে হচ্ছিল বুড়িগঙ্গা নদীর মত। তবে খরস্রোতা। বুড়িগঙ্গার মত ভৈরব নদের পানি নোংরা নয়। দেখতে কিছুটা ঘোলা বটে, কিন্তু মানুষ স্বচ্ছন্দে তার পানি ব্যবহার করছে। পুরো এলাকাটা হালকা কুয়াশায় ঢাকা। আকাশের ঘন মেঘ দেখে আমার মনটা দমে গেল। আমি ওখানকার লোকজনকে জিজ্ঞেস করলাম, এখানে কি এখনকার আবহাওয়া এরকম থাকে।

তারা জবাব দিলেন, গতকাল থেকে আবহাওয়াটা থমথমে হয়ে আছে। তবে আশঙ্কা করার কোনো কারণ নেই। বেলা বাড়তে বাড়তে হয়ত এটা কেটেও যেতে পারে। লঞ্চঘাটের এপার থেকে ওপারে তাকালে আপনার ঢাকার কেরাণীগঞ্জের কথা মনে করিয়ে দেবে। বড় বড় শহরের উপশহরগুলো বোধকরি এরকমই হয়ে থাকে।

আমি আমার ব্যাগ থেকে ক্যামেরাটা বার করে লঞ্চঘাটের ছবি ওঠাতে লেগে গেলাম। আমি ছবি তুলে যেতে থাকলাম, কিন্তু ছবিগুলো কোনো প্রাণ পাবে মনে হল না। মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ঢাকা এলাকার ছবি কত ভাল হবে। গোটা জাহাজটার ওপর-নিচ এবং আগাগোড়া একবার ঘুরে বেড়ালাম। একবার ছাদেও উঠে গেলাম। মন্দ লাগল না। ছাদের ওপর দাঁড়ালে চারপাশে দৃষ্টি প্রসারিত করে তাকানো যায়। আমি মনে মনে ভাবলাম, জাহাজ সুন্দরবনে প্রবেশ করলে আমি ছাদের ওপর চলে আসব।

আমাকে এমনভাবে ছুটোছুটি করতে দেখে একজন লোক জিজ্ঞেস করলেন, স্যার, আপনি এত ছুটোছুটি করছেন কেন? ছবি তোলার জায়গা অনেক পাবেন। আগে একটু ফ্রেশ হয়ে নিন।

আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে?

তিনি জবাব দিলেন, আমার নাম আবদুর রাজ্জাক। আমরা বন বিভাগের লোক। সরকারের তরফ থেকে আপনাদের নিরাপত্তা দিয়ে থাকি। আমার মত আরও একজন আছে। তার নাম নূর হোসেন।

তিনি নূর হোসেনকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। দু'জনের বয়স প্রায় সমান। ষাটের কাছাকাছি তো বটেই। আমি জিজ্ঞেস করলাম, আপনারা আমাদের কী নিরাপত্তা দেবেন? এ বয়সে তো শরীর নিয়ে চলাও একরকম মুশকিল।

আবদুর রাজ্জাক হাসলেন। তার সামনের ওপরের চোয়ালের একটি দাঁত বাদে বাকি সব পড়ে গেছে। অবশ্য ভেতরে ক'টি করে থাকতে পারে। রাজ্জাক সাহেবকেও জিজ্ঞেস করিনি। ওপরের চোয়ালের সামনের দাঁতটি যদি পড়ে যেত তাকে আশি বছরের বুড়োর মত মনে হত। ওই দাঁতটি তার ওপরের ঠোঁটটি ঠেস দিয়ে রেখেছে। মাথার চান্দিতে কোনো চুল নেই। যেটুকু আছে রঙ লাগিয়ে এখনও কালো করে রেখেছেন। মুখভর্তি ঘন দাড়ি। ওগুলোতেও তিনি রঙ লাগিয়েছেন। কিন্তু দাড়িগুলো রাজ্জাক সাহেবের বাধ্য নয়। ওগুলোর গোড়ার দিকটা আধ ইঞ্চি পরিমাণ পুনরায় সাদা হয়ে গেছে। থাক ওসব কথা। তিনি বাহু ফুলিয়ে বললেন, আটত্রিশ বছর ধরে সুন্দরবনে আছি। মানুষের শরীরটাকে বড় করে দেখবেন না। মানুষের বড় শক্তি হচ্ছে তার সাহস। আবদুর রাজ্জাক কাউকে ভয় করে না। জলদস্যু? বাঘ? কুমির? আবদুর রাজ্জাকের কাছে ওগুলো কিচ্ছু না।

আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কোনো ট্রেনিং আছে?

তিনি বললেন, আমাদের পুলিশের সমান ট্রেনিং আছে। আমি লুঙ্গি পড়ে আছি বলে আমাকে আপনার নজরে আসছে না। ইউনিফর্ম পরে যখন অস্ত্র হাতে ছুটে যাই তখন কোনো বাঁধাই আমার কাছে অসাধ্য মনে হয় না। একটা ঘটনার কথা বলব, শুনবেন? বাঘের গল্প।

আমি বললাম, এখন থাক। অন্য সময় শুনব। এখন আমাকে বাথরুমে যেতে হবে।

তিনি বললেন, বাঘের নাম শুনলে ভয় পান, তাই না।

আমি বললাম, তা তো অবশ্যই। তবে কথা দিলাম আপনার বাঘের গল্প আমি শুনব।

আমি উঠে দিয়ে কেবিনের দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি আপন খাটে শুয়ে আছে। শিল্পী বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। আমি তাকে বললাম, বাথরুমে ঢোকা যায়? লোকজনের ভিড় কমেছে?

সে জানাল, এখন যেতে পারো। লোকজনের ভিড় কমে গেছে। বাথরুমটা বেশ পরিষ্কার। তোমার আতঙ্কিত হবার কোনো কারণ নেই।

সুন্দরবন হলিডেজ ট্যুরসের সঙ্গে যখন আমি প্রথম কথা বলছিলাম তখন বাথরুমের বিষয়টি উত্থাপন করেছিলাম। তারা আমাকে আশ্বস্ত করেছিল। বাস্তবে তার প্রমাণ পেয়ে গেলাম। সবগুলো বাথরুম টাইলস করা। সাধারণত গণশৌচাগারগুলো ব্যবহারের অযোগ্য থাকে। দুর্গন্ধে দম আটকে আসতে চায়। এ বাথরুমগুলো তা থেকে মুক্ত। আমি সকল পর্যটকদের মনে মনে ধন্যবাদ দিলাম, সকলে এ ব্যাপারে সচেতন। কেউ বাথরুমগুলো ব্যবহারের অযোগ্য করে তোলেনি। আমি একসঙ্গে গোসলটা সারব মনস্থির করে ফেললাম। একটুখানি ভয় পেয়েছিলাম এত সকালে গোসল করলে ঠাণ্ডায় পেয়ে বসে কিনা। কিন্তু নিত্যদিনের অভ্যাস থেকে মুক্ত হতে পারলাম না। অগত্যা আমাকে গোসল করতেই হল।

ইতোমধ্যে আমাদের জাহাজ কচিখালির উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে। কচিখালি খুলনা থেকে কত কিলোমিটার আমি বলতে পারব না। তবে জাহাজ একনাগাড়ে চললে বার ঘণ্টা লাগে। তার মানে সন্ধে সাতটা কিংবা সাড়ে সাতটায় জাহাজ কচিখালি গিয়ে পৌঁছবে।

সারারাত আমরা না খেয়ে আছি। আমরা সকলে ক্ষুধার্ত ছিলাম। ঘড়িতে আটটা বাজে। হঠাৎ আমাদের নাস্তার ডাক পড়ল। যখনই বললেন নাস্তা করতে আসুন অমনি সকলে হুমড়ি খেয়ে পড়ল যেভাবে কাকমণ্ডলী খাবারের সন্ধান পেলে ছুটে আসে। কে কার আগে বসবেন একরকম হুড়োহুড়ি পড়ে গেল। আমরা কয়েকজন লোক এক জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটি উপলব্ধি করতে চেষ্টা করলাম। গোটা জাহাজের মানুষ 'গদ্যময়' হয়ে গেল। আমরা আর জায়গা পেলাম না। একসঙ্গে ষাটজন বসার মত জায়গা জাহাজের কেন্টিনে ছিল না। ফলে আমাদের পরে বসতে হল।

……..
রূপসার ওপরে জাহাজে বেড়া দেওয়া কেন্টিনে নাস্তার মুখোমুখি লেখক।
……..
সকালের নাস্তা খেতে গিয়ে আমি একরকম আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমাদের জন্য পরোটা, সবজি এবং ডিমের ওমলেটের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরোটা এবং ডিমের ওমলেটে তেলের আধিক্য এত বেশি ছিল যে আমি খাব কি খাব না দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। কারণ আমার ডাক্তারের নিষেধ ভাজাপোড়া কোনো মতেই খাওয়া যাবে না। আমি দেখলাম ঢাকার বাইরে খুব কম জেলার মানুষ ভাল পরোটা তৈরি করতে পারে। ক্ষুধা যখন পেটের ভেতর সাপের মত ফণা তুলে ফোঁস ফোঁস করে তখন খাদ্য-অখাদ্য বাছবিচার করার সুযোগ থাকে না। অগত্যা পরোটা নামক সেই খাদ্যটি আমাকে ভক্ষণ করতে হল। শিল্পী বলল, চোখ মুখ বন্ধ করে খেয়ে ফেল। খাওয়ার পর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে।

সারারাত বাসে নির্ঘুম কাটানোর ফলে শরীরে ক্লান্তি ভর করেছিল। কিন্তু সেটাকে আমি পাত্তা দিতে চাইলাম না। আমি জাহাজের ছাদে গিয়ে মেঘনা নদীর শাখা নদ ভৈরবের দু'পাশের দৃশ্য দেখে যেতে থাকলাম। ভৈরবের পুবপাশে রূপসা এবং পশ্চিমপাশে খুলনা শহরের কলকারখানা। এলাকাটি আমার ঢাকা কিংবা চট্টগ্রামের চে' ব্যতিক্রম ঠেকল না। আমরা ঘণ্টা দেড়েক পথ চলার পর রূপসা নদীতে গিয়ে পড়লাম। দুয়েক কিলোমিটারের মত নদীটাকে রূপসা নদী বলা হয়ে থাকে। রূপসা গ্রামের ওপর দিয়ে নদীটি চলে গিয়েছে বলেই এটাকে অনেকে রূপসা নদী বলে। সুন্দরবনে যারা নিয়মিত বিচরণ করেন তাদের মতে রূপসা বলে কোনো নদী নেই।

রূপসা নদীর ওপর সেতুটা বড় সুন্দর। তার অর্থ এই নয় যে এটি যমুনা সেতুর মত। মোটামুটি দীর্ঘ সেতুটি নদী থেকে বেশ উঁচু। জাহাজ চলাচলে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য এটাকে অতি উঁচু করা হয়েছে। সেতুটির দু'পাশের সংযোগস্থলটিও উঁচুতে। সমতল থেকে চার পাঁচ তলার সমান উঁচু তো বটেই। নিচ থেকে সেতুর সংযোগস্থলের রাস্তায় ওঠার সিঁড়িটি চমৎকার। এটি এমনভাবে তৈরি করা হয়েছে অবিকল উঁচু দালানে ওঠার সিঁড়ির মত। আমি জাহাজের ছাদে বসে কয়েকটি ছবি ওঠালাম। কিন্তু কুয়াশার কারণে ছবিগুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠেনি।


কচিখালি।
হঠাৎ একটা বাচ্চার দেখা মিলল। বয়স আট দশের বেশি নয়। বাচ্চাটা বেশ বুদ্ধিমান। তার চেহারা-সুরতও তাই প্রমাণ করে। দেখলাম তাকে ঘিরে ধরে জাহাজের লোকজন নানা প্রশ্ন করে চলেছে। জাহাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন। ছেলেটা খুলনা থেকে জাহাজে উঠে পড়েছে। আশ্চর্যের ব্যাপার হল সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। সে পরিচয় দিল তার বাড়ি ময়মনসিংহে। তার বাবার অনেক টাকা পয়সা। দু' দুটো বিয়ে করেছে তার বাবা। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সে পালিয়ে আছে। দ্বিতীয় বিয়ে করার কারণে ছেলেটি তার বাবাকে পছন্দ করে না। ছেলেটি এমন বিচক্ষণ সে বাংলাদেশের সর্বত্র তো বটেই ভারতের অনেক রাজ্য সে ঘুরে এসেছে। সে কোথায় যাবে কোথায় খাবে এ নিয়ে তার কোনো চিন্তা নেই। তার একটা কথা, আমার কোনো অসুবিধা হয় না। যে কোনো জায়গায় একটা ব্যবস্থা হয়ে যায়।

তার চলাচলের বাহন হল ট্রেন অথবা জাহাজ। বাসে করে যাবার সুযোগ তার হয় না। টাকা দিতে পারে না বলে তাকে বাসের স্টাফরা গাড়ি থেকে নামিয়ে দেয়। পনের দিন আগে সে ট্রেনে করে মুম্বে ঘুরে এসেছে। মা বাবার কথা বলতেই সে বলল, ওদের দিয়ে কী হবে। তবে মায়ের জন্য মাঝে মাঝে খারাপ লাগে।

জাহাজের লোকজন তার মা-বাবার মোবাইল নম্বর চাইল। তার একটা কথা, মা-বাবার মোবাইল নম্বর জানা নেই। অবস্থাদৃষ্টে মনে হল সে ব্যাপারটি নিজের থেকে চেপে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, সকাল থেকে কিছু খেয়েছ?

সে জবাব দিল, আপনাদের সঙ্গে খেয়ে নিয়েছি।

আমি পুনরায় বললাম, তোমাকে খেতে দিল?

সে বলল, আমি যে বাইরের ছেলে সে তো কেউ জানে না।

আসলে তাকে বাইরের কিংবা টোকাই মনে করার কোনো কারণ নেই। পোশাকে আশাকে সে বেশ স্মার্ট। তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখন কোথায় যাবে?

সে বলল, আপনারা যেখানে যাবেন?

আমি বললাম, তুমি এখানে থাকবে কোথায়?

সে জবাব দিল, আমার থাকার সমস্যা হবে না। যে কোনো জায়গায় আমি থেকে যেতে পারব।

ছেলেটা এত সুদর্শন যে আমার কেমন জানি মায়া হল। আমি বাবুল সাহেবকে বললাম, এ ছেলে তো এখন কোথাও যাবার জায়গা নেই। তার তো থাকার একটা জায়গা করে দেয়া দরকার।

বাবুল সাহেব সরাসরি বলে দিলেন, না, তাকে এখানে রাখা যাবে না। দেখা যাবে কারও একটা মোবাইল টোবাইল চুরি হয়ে গেছে। তার দায়িত্ব কে নেবে?

বাবুল সাহেবের কথার যুক্তি আছে। আমি বললাম, তাহলে তাকে এখন কী করবেন?

বাবুল সাহেব বললেন, সামনে মংলা বন্দর। ওখান থেকে জাহাজে আমাদের লোক উঠবে। তখন তাকে আমরা নামিয়ে দেব।

আমি ছেলেটিকে রাখার জন্য আর কোনো দাবি খাটালাম না। ছেলেটিকে নিয়ে যদি কোনো রকম বিপদ ঘটে যায় তখন আমাকে নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি ছেলেটিকে জাহাজে রেখে অযথা বিপদ ঘাড়ে নিতে চাইলাম না।

জাহাজ মংলা বন্দর এসে থামল। ওখান থেকে কয়েকজন মানুষ উঠে এল। ছেলেটিকেও ওখানে নেমে যেতে হল।

……..
মংলা বন্দর
…….
এই প্রথম আমি মংলা বন্দর দেখলাম। মংলা বন্দর সম্পর্কে আমার একটা অন্য ধরনের ধারণা ছিল। আমি যখন মংলাকে মনে করতাম চট্টগ্রাম বন্দরের মত একটা চিত্র আমার চোখে ভেসে উঠত। আমার ধারণা ভুল প্রমাণিত হল। এটাকে কী অর্থে বন্দর বলব আমার মাথায় আসতে চাইল না। আমাদের সদরঘাট কিংবা খুলনা শহরের লঞ্চঘাটের সঙ্গেও তুলনা করতে আমার বেগ পেতে হল। মাত্র চার পাঁচখানা জাহাজ নোঙ্গর করে রাখা হয়েছে। প্রথম মনে হয়েছিল এটি মংলা বন্দরের একটি অংশ। বনরক্ষী আবদুর রাজ্জাক জানালেন, এটাই মূল মংলা বন্দর।

আমার মংলা বন্দর দেখার মোহটা কেটে গেল। রাজ্জাক সাহেব দাকোপ উপজেলার চালনা নামক একটি জায়গা আমাকে দেখিয়েছিলেন। তিনি বললেন, এটা এক সময়কার বিখ্যাত বন্দর। মংলা বন্দর হওয়ার পর এটার জৌলুশ একেবারে হারিয়ে ফেলেছে।

আমি জাহাজে বসে দূর থেকে চালনাকে দেখলাম। চালনা বড়সড়ো না হলেও একটা শহরের অবয়ব তার রয়েছে দেখলে বোঝা যায়।

আমাদের জাহাজ তখন পশুর নদীতে। বাবুল সাহেব আমাকে কাছে ডেকে বললেন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব বেশি সুস্থ নন। সুন্দরবনের দেখা পেতে আরও কয়েক ঘণ্টা বাকি। আপনি কেবিনে গিয়ে কিছুটা সময় ঘুমিয়ে নিন। সুন্দরবন এলে আমাদের লোকজন আপনাকে ডেকে দেবে। এমনকি আমিও আপনাকে ডেকে দিতে পারি।

বাবুল সাহেবের পরামর্শটা আমার মনে ধরল।

৫
আবার বলছি আমার কেবিনটা ছিল দোতলায়। আমার কেবিন বরাবর নিচের তলায় ছিল জাহাজের ইঞ্জিনঘর। আমি কেবিনে ঘুমোতে গিয়ে একরকম অতিষ্ঠ হয়ে উঠলাম। জাহাজের মেশিনের শব্দে আমার কান ঝালাপালা হওয়ার উপক্রম হল। তাছাড়া ইঞ্জিনের কাঁপুনিটা আমি পুরোমাত্রায় অনুভব করছিলাম। আমি বিছানায় শরীরখানা এলিয়ে দিয়ে তারপরও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে থাকলাম। ঘুমোবো কী, আমার মাথায় রক্ত উঠে গেল। রাগটা গিয়ে পড়ল বাবুল সাহেবের ওপর। তাকে অনুরোধ করেছিলাম একটা ভাল কেবিন যেন আমাকে দেন। কিন্তু তিনি আমাকে এমন একটা কেবিন দিলেন যেটাতে ঘুমানো তো দূরের কথা, বসে থাকারও কোনো উপায় নেই।

কেবিনে ঘুমাতে গিয়ে আমার মাথাব্যথা আরম্ভ হয়ে গেল। আমার মেজাজ খিটখিটে হয়ে আছে। জাহাজের তিন তলার সামনের দিকটায় একটা সোফা সেট রয়েছে। শিল্পী এবং আপন ইঞ্জিনের শব্দের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওখানে গিয়ে বসেছে। আমি কেবিন থেকে বেরিয়ে তাদের খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে পেয়ে গেলাম। দেখলাম আপন শিল্পীর কোলে মাথা রেখে সোফার ওপর দিব্যি ঘুমিয়ে আছে। বাচ্চাটার জন্য আমি একরকম দুশ্চিন্তায় ছিলাম। সে ঘুমোচ্ছে দেখে কিছুটা স্বস্তি পেলাম।

আমরা এক সময় সুন্দরবনের দেখা পেলাম। সুন্দরবনের বর্ণনাটা আমি কীভাবে দেব। আমি যদি একপ্রস্থ সবুজ কাপড়ের কথা বলি তাহলে আমাকে বলতে হবে কাপড়টি সবুজ। আরও যদি একটু খুলে বলি বলতে হবে কাপড়টি গাঢ় অথবা হালকা সবুজ। আরও যদি খোলাসা করি বলতে হবে কাপড়টি চার কোণা, কাপড়টি ত্রিকোণাকৃতি, কাপড়টি লম্বা, কাপড়টি ছেঁড়া ইত্যাদি ইত্যাদি। গরুর রচনার মত–এই আর কি!

সুন্দরবনের সৌন্দর্যের কথা যদি আমাকে বর্ণনা করতে বলা হয় আমি ওই সবুজ বস্ত্রখণ্ডটির মত করে বর্ণনা করব। একখণ্ড সবুজ বস্ত্রের আর কী বর্ণনা থাকতে পারে।

আমরা তখনও পশুর নদীতে। এ নদীটি প্রশস্ত, তবে পদ্মা নদীর মত নয়। নদীর মাঝখান দিয়ে জাহাজ ছুটে যাচ্ছিল। আর আমরা নদীর দু' পাড়ের সুন্দরবনের সবুজের মেলা দেখে দেখে যাচ্ছিলাম। নদী থেকে সুন্দরবন খুব বেশি উঁচুতে নয়। হতে পারে দুই ফুট অথবা তিন ফুট। নদীতে যখন জোয়ার আসে তখন নদী এবং বনকে অনেকটা সমান্তরাল দেখায়। গোটা বনটি ঘন অরণ্যে ঢাকা। বনরক্ষী আবদুর রাজ্জাক সাহেব আমাকে সুন্দরবনের গাছগুলোর নাম বলে যেতে থাকলেন। সুন্দরী, গেওয়া, কেওড়া, গরান, বাইন আরও নানা গাছের নাম তিনি আমাকে শুনালেন। দূর থেকে গাছগুলোকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। তবে সুন্দরী বৃক্ষটাকে অনেক দূর থেকে বোঝা যায়। এ গাছটি অন্য গাছ থেকে কিছুটা উঁচু। তার পাতাগুলো ঘন সবুজ এবং ওপরের দিকে খাঁড়া। পাতাগুলোর রঙটাকে যদি আরও শ্রেণিবদ্ধ করে বলি তাহলে বলব জলপাইয়ের মত। কাঁঠাল পাতার সঙ্গেও তার তুলনা চলে। মাঝে মাঝে নদীর দু' পাশে গোলপাতার বন চোখে পড়ে। গোলপাতা এত অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বাওয়ালিরা প্রতি বছর এসব গোলপাতা কেটে নিয়ে যায়। বছর শেষ হতে না হতে আবার নতুন পাতায় পাতায় ছেয়ে যায়। দেখতে নারকেলপাতার মত এই পাতাকে কেন গোলপাতা বলা হয়আমি বুঝে উঠতে পারলাম না। রাজ্জাক সাহেব বললেন, আগামী কয়েক মাস পরে গোলপাতা কাটা আরম্ভ হয়ে যাবে।


পশুর নদীর পাড়ে জাল থেকে মাছ বাছছে দুই লোক।

সুন্দরবনে যে আসুক, যেই কাজে আসুক সকলেরই বন বিভাগ থেকে নির্দিষ্ট অংকের টাকা দিয়ে পাশ নিতে হয়, নইলে কাউকে এ এলাকায় ঢুকতে দেয়া হয় না। রাজ্জাক সাহেব কচি কলাপাতার মত রঙের কিছু গাছ দেখিয়ে বললেন, ওগুলো কী গাছ জানেন?

আমি বললাম, নাম না বললে জানব কী করে?

তিনি জানালেন, ওগুলো কেওড়া গাছ। ওই গাছ যেখানে থাকবে সেখানে হরিণ থাকবেই। কেওড়া পাতা হরিণের প্রিয় খাবার। আর যেখানে হরিণ থাকবে সেখানে বাঘের উৎপাতও বেশি।

আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কখনও বাঘের দেখা পেয়েছেন?

তিনি বললেন, বাঘ দেখা ভাগ্যের ব্যাপার। আমি আটত্রিশ বছর ধরে বন বিভাগে কাজ করছি। এই আটত্রিশ বছরে একবার মাত্র বাঘের দেখা পেয়েছি। আমি বাঘের দেখা পাওয়াকে সৌভাগ্য বলব না, এটা দুর্ভাগ্য। বাঘের খপ্পরে পড়ে খুব কম মানুষই বেঁচেছে। আমি এক শ' গজের মধ্যে বাঘটা দেখেছিলাম। আমরা কয়েকজন ছিলাম। জানেন তো, বাঘ সবাইকে আক্রমণ করে না। কাছে হোক, আর দূরে হোক যাকে সে শিকার করবে তাকেই সে ধরবে। সেইবার বাঘ আমাদের পিছু নিয়েছিল। আমি দেখার সঙ্গে সঙ্গে ছয় রাউন্ড গুলি করেছিলাম।

আমি বললাম, বাঘটিকে মারতে পেরেছিলেন?

রাজ্জাক সাহেব জানালেন, আমাদের ওপর নির্দেশ আছে, আমরা যতই বিপদে পড়ি না কেন বাঘকে গুলি করা যাবে না। বাঘকে ভয় দেখিয়ে তাড়াতে হবে। সেদিনও আমি তাই করেছিলাম। বাঘ যারে ধরুক, প্রথমে তার ঘাড় মটকে দেয়। তখন তাকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায় না। মানুষের শরীরের বাঘের কোন অংশটা প্রিয় আপনি জানেন?

আমি বললাম, এ সম্পর্কে আমার ধারণা নেই।

তিনি বললেন, বাঘ প্রথমে মানুষের যে জিনিসটা খায় সেটা হল গোপন অঙ্গ। একটা ঘটনার কথা শুনুন। চার পাঁচজন লোক মাছ ধরার জন্য সুন্দরবনে এসেছিল। যখন রাত হয়ে গেল তারা নদীর এক জায়গায় নৌকা নোঙ্গর করে ঘুমিয়ে পড়েছিল। দু'টি নৌকার একটিতে ছিল বাপ-বেটা দুজন। বাঘ পানি সাঁতরিয়ে এসে ছেলেকে নিয়ে চলে গেল। বাপকে বাঘ একটুও আক্রমণ করেনি। পরদিন আমরা গিয়ে লাশের কঙ্কাল উদ্ধার করেছি।

রাজ্জাক সাহেবের সঙ্গে আমার বেশ বনে গিয়েছিল। আমাকে কাছে পেলেই তিনি নিজের চেয়ারখানা ছেড়ে দিয়ে বলতেন, স্যার, বসেন।

আমিও না করতাম না। সুন্দরবনের আজব আজব গল্প শোনার জন্য তাকে খোঁচাতে থাকতাম।

(কিস্তি ২)

লেখকের অন্য রচনা:
ছফামৃত (ধারাবাহিক রচনা)
সেন্টমার্টিন: দইরগার চরত বেরাই টেরাই হনো মজা ন পাইবা…
কক্সবাজার: হক্কল জাগা পুরি খাইলাম ন পাইলাম চাডিয়ার নান!
সিলেটে

লেখকের আর্টস প্রোফাইল: নূরুল আনোয়ার
ইমেইল: nurulanwar1@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts


Free counters