সিলেটে (শেষ অংশ)
(প্রথম কিস্তির পর)
রাজবাড়ি থেকে হোটেল খুব বেশি দূরে নয়, মাত্র এক দেড় শ' গজ। আমরা হোটেলে ঢুকলাম। বিদ্যুৎ নেই বলে হোটেলটি একরকম অন্ধকার হয়ে আছে। হোটেলটি বেশ নোংরা। চেয়ার-টেবিলের অবস্থাও বিশেষ ভাল নয়। লোকজনের কাছে জানলাম জৈন্তাপুর বাজারে এটাই সেরা হোটেল।
…….
মাধবকুণ্ড
…….
বেসিনে হাতমুখ ধুতে গেলাম। সিমেন্টের তৈরি বেসিন। ঠিকমত ধোয়া হয় না। বেসিন থেকে একরকম দুর্গন্ধ ছড়াচ্ছে। তারপরেও নাক-মুখ বন্ধ করে ধৌতকর্ম সেরে নিলাম। চেয়ারে এসে বসে হোটেল বয়কে জিজ্ঞেস করলাম, ভাতের সঙ্গে কী আছে?
বয় জানাল, রুইমাছ, তেলাপিয়ামাছ এবং মুরগি।
এ ধরনের নোংরা হোটেলে খাওয়া-দাওয়া আমার নতুন নয়। আমাকে পেশাগত কারণে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যেতে হয়। খুব কম জায়গায় খানদানি হোটেলের সাক্ষাৎ পাই। ওসব হোটেলে একটা খাবারের কথা আমি প্রথমে জিজ্ঞেস করি, ডিম আছে কিনা। কারণ হল, মাছ-মাংস এসব হোটেলে তেমন একটা ভালভাবে পরিষ্কার করে না। তারপরেও মানুষে খায়। কিন্তু ডিমে ধোয়াধোয়ির কোন কাজ নেই। অন্তত সেটি স্বাচ্ছন্দে খাওয়া যায়। তাই এই হোটেলেও আমি জিজ্ঞেস করলাম, ডিম আছে? বয় বলল, ছিল, শেষ হয়ে গেছে।
আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কে কী খাবে। সকলের একটাই জবাব, আপনি যেটা ভাল মনে করেন।
আমি সকলের জন্য রুইমাছ দিতে বললাম। আর আপনের জন্য বললাম মুরগি। আপন মুরগি ছাড়া অন্য কিছু খেতে চাইবে না। কিন্তু সে প্রথম থেকে বলে আসছে এই হোটেলে খাবে না। হোটেলটি তার পছন্দ হয়নি। যখন ভাতের প্লেট চলে এল সে তো আরও উথালপাতাল আরম্ভ করে দিল। প্লাস্টিকের প্লেট। হয়ত নতুন অবস্থায় সাদা ছিল। তারপর ভালভাবে না ধোয়ার কারণে হলুদ এবং লালের মাঝামাঝি আরেকটা রঙ ধারণ করেছে। আপন বলল, আমি খাব না। এই প্লেট সুন্দর নয়।
আপন শিশু একাডেমির ছাত্র। সে মোটামুটি ভাল ছবি আঁকে। রঙ সম্পর্কে তার একটা ধারণা রয়েছে। তারপরেও আমি তাকে বললাম, প্লেটে যেই রঙটা দেখছ এই রঙের নাম কী জান?
সে জানতে চাইল, কী রঙ?
আমি বললাম, এটার নাম সিলেটি। এই রঙটা একমাত্র সিলেটে পাওয়া যায়।
আমি যা বলি আপন বিশ্বাস করে। একদিন তার মা তাকে রেখে কোথাও গেছে। তাকে কেন নিয়ে যায়নি সে কান্নাকাটি আরম্ভ করে দিল। আমি তাকে বললাম, তুমি কান্নাকাটি করছ কেন? সে বলল, মামণি আমাকে রেখে চলে গিয়েছে। আমি বললাম, কে বলল মামণি তোমাকে রেখে বাইরে গেছে? তুমি বারান্দায় গিয়ে দেখ, আমি তোমার মামণিকে মন্ত্র দিয়ে একটা বিড়াল বানিয়ে রেখে দিয়েছি। আপন বারান্দায় গিয়ে একটা বিড়াল দেখতে পেয়ে সত্যি সত্যি তা বিশ্বাস করে ফেলল।
যাক, প্লেটের রঙটার নাম সিলেটি সেটা সে মোটামুটি বিশ্বাস করেছে, নইলে এ প্লেটের খাবার সে কখনও খেত না।
আমাদের অর্ডার করা রুইমাছ এবং মুরগির মাংস চলে এল। মাছের ছোট ছোট টুকরো দেখে মনে হলে এগুলো রুইমাছের নাতিই হবে। ঝোলের ওপর পোড়া তেল চক চক করছে। উপায় কী। খিদে লাগলে নুন দিয়েও খাওয়া যায়। কিন্তু এই হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রান্নার মান দেখে আমার খিদে আপনাআপনিই চলে গেছে। তথাপি আমাকে খেতে হল। আমি না খেলে অন্যরা ভরসা পাবে না। তাই আমি এমন ভাব করে খেতে থাকলাম, দুনিয়াতে এর চে' তৃপ্তিদায়ক খাবার আর কখনও খাইনি।
আমরা খুব অল্প সময়ের মধ্যে আহারপর্ব শেষ করলাম। হোসেন বলল, আপনারা কি আর কোথাও যাবেন, নাকি সরাসরি হোটেলে।
আমি বললাম, আর কোথাও যাওয়ার মত মনের অবস্থা নেই। আপনি সোজা হোটেলে নিয়ে চলেন।
আমাদের তখনও এক ঘণ্টার পথ বাকি ছিল। আমরা যখন হোটেলের সামনে গিয়ে পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। হোসেনকে ভাড়াটা মিটিয়ে দিলাম। তার প্রাপ্য ভাড়ার বাইরে আরও এক শ' টাকা বাড়িয়ে দিতে হল। হোসেন খুব খুশি। আমি তাকে বললাম, আগামীকাল আমরা মাধবকুণ্ডে যাব। কীভাবে যাব বলতে পারেন?
হোসেন জানাল, বাসে করে যেতে পারেন। তবে অনেক ভোগান্তি হবে। মাইক্রোবাস অথবা সিএনজি (অটো রিকশা) নিয়ে যেতে পারেন।
আমি বললাম, সিএনজিতে যাওয়া যায়?
সে বলল, কেন যাওয়া যাবে না? বাসের আগে পৌঁছবেন।
আমি বললাম, এখান থেকে মাধবকুণ্ড কত কিলোমিটার?
টিটন বলল, এক শ'র ওপরে ছাড়া নিচে নয়।
আমি হোসেনকে বললাম, সিএনজি যদি যায় তাহলে আপনিই চলুন।
হোসেন বলল, যাওয়া যায়। তবে ভাড়া একটু বেশি পড়বে। কাল পহেলা বৈশাখ। বুঝতেই পারছেন গাড়ির চাহিদা কেমন হবে।
আমি বললাম, কত দিতে হবে?
সে জানাল, দুই হাজার টাকা।
আমি বললাম, দেড় হাজার টাকা দেব। আর কোনো কথা বলবেন না। আর যদি বেশি চান আমাকে দিয়ে সম্ভব নয়।
হোসেন আমতা আমতা করে রাজি হয়ে গেল। আমি বললাম, সকাল আটটায় আমরা এখান থেকে রওয়ানা দেব।
আমরা দুজনে আমাদের ফোন নম্বর বিনিময় করলাম। আমি বললাম, তাহলে কথা এই পর্যন্তই থাকল।
হোসেন মাথা নেড়ে সম্মতি জানাল।
টিটনকে বললাম, তুমি কি আমাদের সঙ্গে যাবে?
টিটন বলল, হ্যাঁ যাব। জসীম ভাই আসবেন। উনি এলে তারপরে যাব।
আমি বললাম, তাহলে আমরা তোমাকে আরও কিছু সময় পাচ্ছি?
আমরা রুমে গিয়ে একটু বিশ্রাম নেয়ার চেষ্টা করলাম। টিটন আপনকে ছবি আঁকা শেখাতে থাকল। দুজনে বেশ মজা করছে। আমি টিটনকে বললাম, তুমি দেখে দেখে মানুষের চেহারা আঁকতে পার?
সে বলল, পারব কিনা জানি না, তবে চেষ্টা করতে দেখতে পারি।
টিটন প্রথমে শিল্পীর মুখোচ্ছবিটা এঁকে যেতে থাকল। খানিকটা সময় নিয়ে ছবিটা আঁকল। পুরো ছবিটা শিল্পীর মত হয়েছে বলা যাবে না। কিছুটা কাছাকাছি। এরই মধ্যে জসীম দরজা ঠেলে ঘরে ঢুকলেন। টিটন ছবিটা জসীমকে দেখতে দিল। কিন্তু জসীম কী মন্তব্য করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি আমতা আমতা করছিলেন কী মন্তব্য করবেন। তারপরেও বললেন, কিছু একটা তো হয়েছে।
জসীম ওসব বাদ দিয়ে অন্যদিকে কথার মোড় ঘোরালেন। তিনি বললেন, আনোয়ার ভাই, আপনাকে একজন লেখক হিসেবে জানতাম। সে হিসেবে আপনাকে আপন করে নিয়েছিলাম। কিন্তু আপনি যে আরও কিছু সেটা জানতাম না।
আমি তার কথার আগামাথা কিছু বুঝে উঠতে পারিনি। আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম। বললাম, কথাটা একটু খোলাসা করে বলুন।
জসীম জানালেন, আপনার দেয়া বইটা আমি গতরাতে অনেকদূর পড়ে ফেলেছি। আপনি আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র সেই পরিচয়টা কখনও দেননি। আপনি জানেন, আহমদ ছফা আমার গুরু?
আমি বললাম, আহমদ ছফা কেবল আপনার গুরু নয়, আমারও। কিন্তু তাঁর সঙ্গে যে আমার একটা বিশেষ সম্পর্ক আছে সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সেই সম্পর্কটা কাউকে ঘটা করে বলার দরকার মনে করি না। আমি নিজের পরিচয়ে পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
জসীম বললেন, আপনি যা-ই বলুন, আপনার মত একজন মানুষের সান্নিধ্য পাওয়া আমার পরম ভাগ্যের ব্যাপার।
আমি বললাম, ওভাবে বলবেন না।
জসীম কিছুটা লাজুক প্রকৃতির। লাজুক ভঙ্গিতে তিনি আরও নানা কথা বলে যেতে থাকলেন। আমাদের মধ্যে আরও দু' চার কথা হল। আমি জসীম এবং টিটনের কথা মনে করে জাফলং থেকে পাহাড়িদের বানানো দুটি জামা নিয়ে এসেছিলাম। জামা দুটি আমি তাদের হাতে তুলে দিলাম। জসীমের জামাটি বোধকরি কিছুটা বড় হবে। তার স্বাস্থ্য হালকা-পাতলা। হালকা-পাতলা মানুষ লম্বা না হলেও লম্বা দেখায়। বাস্তবে তিনি আমার চে' বিশেষ লম্বা নন। আমার চোখের ত্রুটির কারণে তার জামাটা বড় দেখে কিনতে হল। এজন্য জসীম মনক্ষুণ্ন নন। তিনি বললেন, গরম কালে কাপড়চোপর ঢিলেঢালা পরাই ভাল।
হতে পারে জসীমের এমন মন্তব্য আমাকে খুশি করার জন্য। তিনি আজকে আমাদের সঙ্গ দিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করলেন। আমাদের তিনি নিশ্চিত করলেন, পরের দিন সারাদিন আমাদের সঙ্গে থাকবেন। পহেলা বৈশাখ উপলক্ষে তার কিছু কাজকর্ম ছিল, ওগুলো তিনি অন্যের ঘাড়ে চাপিয়েছেন। টিটনকে ধরে রাখা গেল না। বৈশাখী মেলায় তাকে সশরীরে থাকতে হবে। ঘণ্টাখানেক পর জসীম বলে বসলেন, আপনাদের আর বিরক্ত করা ঠিক হবে না। আপনারা বিশ্রাম নিতে থাকুন।
আমি বললাম, চলুন, আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি।
তারা কোনো আপত্তি করলেন না। আমরা যখন হোটেলের গেট পেরিয়ে নিচে নেমে এলাম জসীম বললেন, একটু সামনে চলুন, কোনো দোকানে বসে চা-টা খাব।
এই কথাটা আমারই বলা উচিত ছিল। সুতরাং তাদের না করি কীভাবে। আমরা হাঁটতে হাঁটতে আম্বরখানার মোড়ে চলে এলাম। কথা বলতে বলতে কখন যে এতদূর চলে এলাম টেরই পেলাম না। আমরা বড়সড় একটা হোটেলে ঢুকে পড়লাম। বড় ব্যস্ত হোটেল। এ ধরনের ব্যস্ততম হোটেল খুব কমই চোখে পড়ে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বসার জায়গা পাচ্ছিলাম না। বয়ের সহায়তা নিয়ে আমাদের একটা টেবিল দখল করতে হল। আমরা একটা নানরুটিকে তিনজনে ভাগ করে খেলাম। তার সঙ্গে চলল চা। চায়ের মধ্যে নানরুটি ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার মজাটাই আলাদা।
আমার কেন জানি মনে হল রাতের খাবারটা এখান থেকে নিয়ে যাই। হোটেলে গিয়ে আবার বউ-বাচ্চা নিয়ে বের হওয়া একটা ঝক্কি-ঝামেলার ব্যাপার। বয়কে ডেকে বললাম, তিন প্যাকেট পোলাও তৈরি করে নিয়ে এসো।
আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এক সময় বয় এসে পোলাওর প্যাকেট দিয়ে গেল। জসীমকে বললাম, চলুন ওঠা যাক।
আমি যখন ক্যাশ টেবিলে দাম পরিশোধ করতে গেলাম জসীম বললেন, বিল পরিশোধ হয়ে গেছে।
আমরা তিনজন মানুষ একসঙ্গে বসা ছিলাম। কিন্তু জসীম কোন ফাঁকে দাম পরিশোধ করলেন আমি টেরই পেলাম না। আমি জসীমকে বললাম, জসীম, এটা ঠিক কাজ করেননি।
জসীম বললেন, জীবনে এক-আধটু ভুল না করলে মানসম্মান থাকে না। আপনাকে দুদিন ধরে দেখলাম দু'হাতে টাকা খরচ করেই যাচ্ছেন। মাঝে মধ্যে আমাদেরও একটু সুযোগ করে দেবেন তো?
আমি বললাম, পুরো সুযোগটা নিলে তো আমরা সিলেটে থেকে যাই।
জসীম বললেন, অত বড় সুযোগ হয়ত নিতে পারব না।
আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম। জসীমের কোথাও যেন ব্যস্ততা আছে। সুতরাং আমিও উল্টো পথ ধরলাম।
হোটেলে এসে দেখি আপন খেলনা গাড়ি নিয়ে দিব্যি খেলছে। শিল্পী শুয়ে শুয়ে টিভি দেখছে। আমি বললাম, খাবার নিয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। ঠাণ্ডা হলে খেতে পারবে না। আমি একটু পরে খাব।
শিল্পী বলল, তুমি আবার পরে খাবে কেন?
আমি বললাম, আমি হোটেলে হালকা খেয়েছি।
আমি কাপড় পাল্টে গোসল করে নিলাম। সারাদিন জামাকাপড় কতবার ঘামে ভিজেছে, কতবার শুকিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। গোসলটা খুবই দরকার ছিল। শরীরটা বেশ ঝরঝরে হয়ে উঠেছে। তারপরেও হাতপা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘরের মধ্যে এসির শীতল হাওয়া বেশ লাগছিল। শুয়ে শুয়ে আমি শিল্পী এবং আপনের খাওয়া দেখছিলাম। মনে হল তারা বড়ই ক্ষুধার্ত। পুরো পরিবেশটা আমাকে সুখী সুখী করে তুলেছিল। জীবনে এমন একেকটা সময় আসে সুখ জিনিসটা আপনাআপনি এসে ধরা দেয়। সুখের এই যে তৃপ্তি পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আবার সুখ জিনিসটা কারও বাঁধা গোলামও নয়। হোসেন ফোন করল, আগামীকাল সে যেতে পারবে না। মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, কেন যেতে পারবেন না?
হোসেন জানাল, আগামীকাল পহেলা বৈশাখ। ভাড়া বেশি দিতে হবে। আমি বললাম, এটা তো নতুন কোনো কথা নয়। একই কথা আপনি আগেও বলেছেন। আপনি যদি না যেতে চান কিছু করার নেই। আমরা অন্য গাড়িতে করে যাব। তবে আপনাকে কিছুটা ভদ্র মনে হয়েছিল। ভদ্রলোক কখনও দু' রকমের কথা বলে না। হোসেন আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব।
৪
সকাল আটটার দিকে জসীম এসে হাজির। তিনি হোসেনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সুতরাং গাড়ি নিয়ে আমাদের দুশ্চিন্তা কেটে গেল। ইতোমধ্যে সকালের নাস্তা সেরে নিয়েছি। ধরে নিয়েছিলাম জসীম নাস্তা করেননি। তিনি জানালেন, নাস্তা না করে কখনও ঘর থেকে বের হন না।
আমরা গাড়িতে গিয়ে বসলাম। আম্বরখানা রোডটি পুরো ফাঁকা। বৈশাখী পোশাক পরা অল্পস্বল্প মানুষের আনাগোনা লক্ষ করছিলাম। আমরা যখন আম্বরখানা রোড পেরিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়লাম সামনে এগুবার কোনো পথ পেলাম না। পহেলা বৈশাখকে বরণ করে নিতে বিশাল বিশাল রেলি বেরিয়েছে। তারা সকলে এমসি কলেজের ওদিকে যাচ্ছে। একেক জনের একেক রকম সাজ। বিশেষ করে কৃষি সংস্কৃতিটাকে তারা বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছে। ঢাকার বাইরে পহেলা বৈশাখ উদযাপন কীভাবে হয় আমার জানা ছিল না। সিলেটে এসে তা দেখার সুযোগ হয়ে গেল। যানজটে পড়ে আমরা নাজেহাল হচ্ছিলাম, কিন্তু আমার মধ্যে কোনো রকম ভোগান্তি কাজ করছে না। অদেখা জিনিস দেখার আনন্দে আমি ভেতরে ভেতরে উৎফুল্ল ছিলাম। আধা ঘণ্টার পর আমরা ছাড় পেলাম। অলিগলি ধরে শহরটাকে পেছনে ফেলে গ্রামে চলে এলাম আমরা।
আগের রাতে একবার বৃষ্টি হয়েছিল। তার রেশ তখনও কাটেনি। আকাশে গাঢ় মেঘ। যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নেমে আসবে এমন আশঙ্কা করছিলাম। আগের দিন প্রচণ্ড রোদে আমরা হাঁপিয়ে উঠছিলাম। আজ সেই বালাই নেই। আবহাওয়া অতিশয় শীতল। এটা ছিল আমাদের জন্য একরকম আশীর্বাদ। আমরা যাব মৌলভীবাজারের বড়লেখার সেই মাধবকুণ্ডে। অটো রিকশার মত একটা হালকা গাড়িতে করে আমাদের দীর্ঘপথ পাড়ি দিতে হবে।
সিলেট থেকে মাধবকুণ্ড যেতে একটি ফেরিঘাট পাড়ি দিতে হয়। ফেরিঘাটটি কুশিয়ারা নদীতে। জসীম বললেন, টিপাই মুখে বাঁধ দেয়া হলে সিলেটে এসব নদীর অস্তিত্ব আর নাও থাকতে পারে। আমরা একরকম হুমকির মধ্যে আছি।
দীর্ঘপথ পাড়ি দিতে কুশিয়ারা ফেরিঘাটে আমাদের একটি বারের জন্য বেগ পেতে হয়েছিল। বাকি পথটা আমরা মসৃণভাবে চলে গিয়েছিলাম। আমরা যখন মাধবকুণ্ডের কাছাকাছি চলে এলাম তখনও লোকালয়। হয়ত আর এক কিলোমিটার পথ আমাদের যেতে হবে। এই অল্প পথের পরে আশ্চর্য জায়গাটি অপেক্ষা করছে ভাবতে অবাক লাগছিল। ঝর্না তো পাহাড় থেকে নেমে আসে। কিন্তু আমি কোথাও পাহাড়ের কোনো চিহ্ন দেখছি না কেন? ব্যাপারটা আমার কাছে কেমন গোলেমেলে ঠেকতে লাগল। তাহলে হোসেন কি আমাদের ভুল জায়গায় নিয়ে এল? কয়েক মিনিট না যেতেই আমার ভুল ভাঙল। আমি রাস্তার পাশে একটা টিলা দেখতে পেলাম। তারপর আশেপাশে রয়েছে আরও কয়েকটি। প্রতিটি টিলা জুড়ে চা-বাগান। মালনি ছড়া চা-বাগান এবং এখানকার চা-বাগানের দৃশ্য একরকম নয়। মালনী ছড়া চা-বাগান উঁচু-নিচু, এবড়োখেবড়ো পাহাড়ের ওপর। ওখানকার দৃশ্য সাগরের ঢেউয়ের মত, আর এখানকার টিলার ওপর চা-বাগানগুলোকে একেকটা খাঁজকাটা বিরাটকায় কচ্ছপের মত দেখায়।
…….
মাধবকুণ্ডে জনসমাগম
……..
আমরা দীর্ঘপথ পাড়ি দিয়ে এলাম, রাস্তায় কোথাও তেমন গাড়িঘোড়া আমাদের চোখে পড়েনি। যখন আমরা পর্যটনের গেটের কাছে এলাম দেখলাম প্রচুর গাড়ি পার্ক করা। হয়ত পহেলা বৈশাখের ছুটির কারণে মানুষের ঢল নেমেছে। গেটের পাশে ছোটখাট একটা মার্কেট গড়ে উঠেছে। পাহাড়িদের তৈরি কাপড়ের দোকানগুলো চোখে পড়ার মত। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। পুরো পাহাড়ি জায়গাটি নজর কাড়ার মত। পাশাপাশি দুটি পাহাড়। দু' পাহাড়ের মাঝখানে সুগভীর একখানা ছড়া। ওই ছড়া দিয়ে ঝর্নার পানি নেমে অন্যত্র চলে যায়। আমরা হাঁটতে হাঁটতে ঝর্নার কাছে চলে গেলাম। ঝর্নাটিতে পানির ধারা দেখে আমার মনটা থমকে গেল। এই ক্ষীণধারা দেখতে কেন এতদূর পাড়ি দিয়ে লোকজনকে এখানে আসতে হবে? কালো পাথুরে পাহাড়ের গা বেয়ে নেমে আসা চিকন জলধারার সৌন্দর্যটা কোথায়? এই কি গাই গরুর প্রস্রাবের চে' বেশি সুন্দর! আমি তো ঝর্নার পানি পড়ার মধ্যে গাই গরুর সেই প্রস্রাব করার শব্দ পাচ্ছি। একজন বলল, বর্ষাকালে এই ঝর্নার ধারা প্রবল হয়। তখন এই ঝর্নার পানি পড়ার শব্দ এক কিলোমিটার দূর থেকে শোনা যায়। শুকনো মৌসুমে তার হাজার ভাগের একভাগও অবশিষ্ট থাকে না।
সাইনবোর্ডে মাধবকুণ্ড জলপ্রপাতের পরিচয়
সত্যি তাই। বর্ষাকালে ঝর্নাটি যে যৌবনদীপ্ত হয় সেটা বুঝতে আমার কষ্ট হল না, নিচে যেখানে পানি পড়ে সেখানে একটা কুয়ার মত হয়ে গেছে। পাহাড়গুলো পাথুরে বলে খুব কমই ক্ষয় হয়, নইলে এতদিনে এগুলো ভেঙে ভেঙে পড়ে সমান হয়ে যেত। ঝর্নার ধারা যত না আমাকে আকৃষ্ট করেছে তার চেয়ে বেশি বিমোহিত হয়েছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। কেউ যদি মাধবকুণ্ড যাবার ইচ্ছে পোষণ করেন তাদের আমি বলব, ঝর্নার কথা মাথায় রেখে গেলে ঠকবেন। তার চেয়ে ভাবুন, মাধবকুণ্ডের পুরো প্রাকৃতিক দৃশ্যটি দেখতে আপনি যাচ্ছেন এবং ঝর্না তার বিশেষ একটা অংশ।
হঠাৎ আকাশের মেঘ কেটে গেল। পুরো বনভূমিতে সূর্য তপ্ত আলো ঢেলে দিল। সে রোদ সহ্য করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াল। পাকস্থলি খিদে জানান দিয়ে চলেছে। আপন বলল, বাবা, আমার ভাল লাগছে না। চল যাই।
আমরা তাকে আটকে রাখি কোন উছিলায়। ঢাকা থেকে তার জন্য একটা বৈশাখী গেঞ্জি কিনেছিলাম। তাতে লেখা ছিল 'ফাটাফাটি বৈশাখ'। গেঞ্জিটা তার গায়ে ছিল। গেঞ্জিটা যাদের চোখে পড়ছে তারা চিৎকার করে বলতে থাকল "ফাটাফাটি বৈশাখ।" আপনও তাদের সঙ্গে যোগ দেয়। সে খুব মজা পাচ্ছিল। আসলে এবারের পহেলা বৈশাখটা আমাদের জন্য ফাটাফাটি ছিল। প্রতি বছর আমরা ঢাকাতে রমনার বটমূলে যেতাম। যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নানা জায়গায়। তার একটা আনন্দ ছিল। এবারের আনন্দটা একেবারে ভিন্ন।
আমরা গেটের বাইরে এসে কিছু কেনাকাটা করলাম। তার বেশির ভাগই মণিপুরিদের বানানো কাপড়চোপর। হোসেনকে বললাম, খাব কোথায়?
হোসেন বলল, এখানে খেয়ে পোষাতে পারবেন না। কাঁঠালতলী বাজারে গেলে হোটেল পেয়ে যাবেন। এখান থেকে দশ মিনিটের পথ।
আমি বললাম, তাহলে দেরি করে লাভ নেই।
হোসেন গাড়ি ছেড়ে দিল। হঠাৎ মনে হল আগের দিন হোসেনের কথা মেনে জৈন্তাপুর বাজারের হোটেলে খেতে গিয়েছিলাম। সেই হোটেলের দৃশ্য আমার সামনে স্পষ্ট হয়ে উঠল। আমি মনে মনে ভাবতে থাকলাম আজও কি আমরা ওই ধরনের কোনো হোটেলে যাচ্ছি? আমি তো কোনো না কোনোভাবে নিজেকে মানিয়ে চলি। কিন্তু আপন খাইতে চাইবে কি? আমার কিছু করার নেই।
কাঁঠালতলি বাজারে দু-তিনটা হোটেল রয়েছে। আমরা সব হোটেলে জরিপ চালালাম, কোথায় কী রান্না হয়েছে, কোনটার পরিবেশ কেমন, কোনটা কেমন পরিষ্কার-পরিচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো হোটেলই আমাদের পছন্দ হল না। জসীম বললেন, কোনটাতে খাবেন?
আমি বললাম, চোখ বন্ধ করে একটাতে ঢুকে পড়লেই হল। বাছবিচার করে কী হবে। সবই তো পাঁচ তারা হোটেলের মত।
জসীম বললেন, ঠিকই বলেছেন।
আমরা আমাদের কাছের হোটেলটাতে ঢুকে পড়লাম। হোটেলের সামনে একটা নলকূপ। ওটার হাতল চেপে চেপে আমরা হাত-মুখ ধুয়ে নিলাম। জসীম টেবিলের জগটা নিয়ে নলকূপ থেকে নিজের হাতে পানি ভরে আনলেন। টেবিলের ওপর রাখা লেবুর টুকরোগুলো তিনি পুনরায় ধুয়ে নিলেন। হোটেলটা এত অপরিষ্কার যে তিনি কারও ওপর ভরসা করতে পারছিলেন না। তাই যতদূর পারা যায় কিছু কাজ নিজের থেকে করে যাচ্ছিলেন। তরকারির মধ্যে ছিল তেলাপিয়ামাছ, মুরগি এবং ডিম। আমি বললাম, আপনারা কে কী খাবেন নিজেদের মত করে অর্ডার দিন। আমি ভাবছি ডিম খাব।
হোসেন বলল, আমিও ডিম খাব।
জসীম বললেন, আমি মাছ খাই।
শিল্পী বলল, আমাদের জন্য ডিম-মুরগি দুটোই লাগবে। আপন কোনটা খাবে বলা যাচ্ছে না।
যথারীতি এক সময় খাবার চলে এল। আমি চোখ বন্ধ করে খেতে লেগে গেলাম। জসীম রেগে আগুন। তিনি বয়কে ডেকে বললেন, এই বেটা, এটা কয়দিনের বাসি মাছ?
বয় বলল, আপনি মাছ চিনেন? আমাদের এখানে বাসি মাছ থাকে না।
জসীম বললেন, বাসি মাছ থাকে না, জ্যাতা হয়ে নদীতে চলে যায়, নাকি?
জসীমের কথায় আমরা না হেসে পারলাম না। তিনি কোনো রকমে খাবারটা আধাআধি খেয়ে উঠে গেলেন। অভ্যাস না থাকলে এসব হোটেলের খাবার এভাবে খাওয়া হয়। খাবারের মান যা হোক, খাওয়ার পর আমাদের শরীর কিছুটা হলেও বল ফিরে পেয়েছে। আমি খাবারের দাম পরিশোধ করে সোজা গাড়িতে গিয়ে বসলাম।
আমরা যখন কুশিয়ারা নদী পেরিয়ে এলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম উত্তরাকাশে কালো মেঘ মাথা তুলে আমাদের দিকে ধেয়ে আসছে। বৈশাখী মেঘের ধরন সম্পর্কে আমার খানিকটা ধারণা রয়েছে। আজ যে মেঘ আকাশে দেখতে পেলাম তাতে ঝড়-বৃষ্টি একসঙ্গে নামবে। এতক্ষণ গাছপালায় ঝিরঝির বাতাস লক্ষ করা গিয়েছিল। এখন সেটার অবশিষ্ট নেই। তার মানে প্রকৃতি আক্রোশে ফুঁসছে। হোসেনকে বললাম, একটু তাড়াতাড়ি চালান। খুব সম্ভব আমরা একটা বড় বিপদে পড়তে যাচ্ছি।
হোসেন বলল, ভয় পাবার কিছু নেই। একটু বাদে আমরা শহরে ঢুকে পড়ব।
দশ মিনিট পরে আমরা সিলেট শহরে ঢুকে পড়লাম। আমরা খুব সহজভাবে পথ চলছিলাম। যখন টিলাগড়ের কাছাকাছি এলাম গাড়ির চাকা আপনাআপনি বন্ধ হয়ে গিয়েছে। সামনের দিকে যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। গোটা সিলেট শহর যানজটের শহরে পরিণত হয়ে গেছে। ঝড়-তুফানের তাণ্ডবের যে কথাটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি সেটি বিলকুল ভুলে গেলাম। রাস্তাঘাটে হাজার হাজার মানুষের আনাগোনা। আমাদের গাড়ি ঠায় দাঁড়িয়ে রইল। কিছুই করার ছিল না। জসীম বললেন, গাড়ি আস্তে আস্তে যেতে থাকুক। আমরা হেঁটে হেঁটে বৈশাখী মেলা দেখি।
আমি বললাম, মন্দ হয় না।
হোসেন আমাদের খুব কাছের মানুষে পরিণত হয়ে গিয়েছিল। আমরা তাকে বিশ্বাস করতে আরম্ভ করেছিলাম। আমাদের কেনাকেটা করা যত জিনিসপত্র ছিল সব তার গাড়িতে রেখে দিলাম। সে যদি ওগুলো মেরে দিয়ে চলে যেত আমাদের কাছে যত ভাড়া পেত তা বিক্রি করলে তার দ্বিগুণ পেয়ে যেত। ওই ধরনের চিন্তা একবারও আমাদের মাথায় আসেনি। আমরা মানুষ ঠেলে ঠেলে এমসি কলেজের ক্যাম্পাসে চলে গেলাম। একদিন আগে আমরা যে ফাঁকা জায়গাটিতে ঘুরে গেলাম তা এখন লোকে লোকারণ্য। পুরো ক্যাম্পাস জুড়ে অনেকগুলো অনুষ্ঠান চলছে। আমরা জসীমের পিছু পিছু হাঁটছিলাম। তিনি ভাল জানেন আমাদের কোনদিকে যেতে হবে। এক সময় তিনি আমাদের তাঁর সাঙ্গপাঙ্গদের মাঝে নিয়ে গেলেন। তাদের মধ্যে টিটনকে পাওয়া গেল। তারা অনেকে রঙের খেলা খেলছিলেন, যেভাবে খেলে ঢাকার চারুকলার ছাত্রছাত্রীরা। টিটনের এক সঙ্গী আপনের এক গালে একটা আলপনা এঁকে দিল। অন্য গালে এঁকে দিল একটা রক্তিম সূর্য। তার নিচে লিখে দিল ১৪১৮, সিলেট। আমি বললাম, তোমরা একটা ভাল কাজ করেছ। এটা তার কাছে ইতিহাস হয়ে থাকবে।
আমরা ধীর পায়ে সামনের দিকে এগুচ্ছিলাম। আমাদের কিছু খাওয়ার ইচ্ছে জেগেছিল। আমরা খুঁজছিলাম কোথাও একটা চটপটির দোকান পাওয়া যায় কিনা। আমাদের ইচ্ছের গুড়ে বালি। হঠাৎ উত্তর দিক থেকে ঝোড়ো হাওয়া আরম্ভ হয়ে গেল। ধুলোবালিতে পুরো এলাকা ছেয়ে গেছে। শুরু হয়ে গেল মানুষের দৌড়াদৌড়ি। ছুটতে থাকল দিক-বিদিক। কিন্তু ছুটে যাবে কোথায়? সব অনুষ্ঠান নিমিষের মধ্যে পণ্ড হয়ে গেল। তার মাঝেও একধরনের আনন্দ আমাদের মধ্যে কাজ করছিল। রবি ঠাকুরের সেই গানটি আমার মনে পড়ে গেল: 'আজ খেলা ভাঙার খেলা/খেলবি আয় আয় আয় আয়/খেলা ভাঙার খেলা।' প্রকৃতি যেন খেলা ভাঙার খেলায় মেতে উঠেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে নেমে এল মুষলধারে বৃষ্টি। আশেপাশে আশ্রয় নেয়ার মত কোনো জায়গা নেই। আমার কাছে একখানা ছোট ছাতা ছিল। ওটা মেলে আমার হাতের ক্যামেরা এবং আপনকে রক্ষার চেষ্টা করতে থাকলাম। আমরা রাস্তায় নেমে এলাম। খুঁজতে থাকলাম হোসেনকে। টিটন হোসেনকে ফোন করে জেনে নিল সে বেশি দূরে নয়, কাছেই আছে। আমরা টিটনকে অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। হঠাৎ আমাদের দশ গজ সামনে বিকট শব্দে একটা বজ্রপাত হল। বজ্রপাতটা হয়েছে মূলত বিদ্যুতের তারের ওপর। বিদ্যুতের তার থেকে আগুন এমনভাবে ছিটকিয়ে পড়ল মনে হল আমরা আর বেঁচে নেই। আমরা কিছুক্ষণের জন্য নিঃসাড় হয়ে গেলাম। ভাগ্যিস বজ্রপাতটা বিদ্যুতের তারের ওপর হয়েছিল, নইলে অনেক মানুষকে মরতে হত।
আমরা হোসেনকে খুঁজে পেলাম। ভেজা শরীরে আমরা গাড়িতে উঠে বসলাম। জসীম, টিটন আরও যারা ছিল কারও সঙ্গে কোনো কথা বলা গেল না। জসীম শুধু বললেন, কালকে দেখা হবে। এখন চলি।
তারা সকলে সামনের একটি বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। আমরা গাড়িতে উঠলাম বটে, কিন্তু সামনে এগুনোর কোনো উপায় ছিল না। সামনে যতদূর চোখ যায় হাজার হাজার গাড়ি নিশ্চল দাঁড়িয়ে আছে। এক সময় বৃষ্টি থেমে গেল। রাস্তাঘাটে মানুষের স্রোত বইছে। আমরা যারা গাড়িতে ছিলাম ঠায় দাঁড়িয়ে। ঘণ্টায় বিশ গজ পথ পাড়ি দেয়ার উপায় নেই। সেই সাড়ে পাঁচটা থেকে আমরা এক জায়গায় থেকে গেলাম। রাত যখন সাড়ে আটটা বাজে গাড়ি চাকা একটু একটু করে ঘুরতে আরম্ভ করল। যেভাবে হোক রাত নটার দিকে হোটেলের গেটে গিয়ে পৌঁছলাম। হোসেনকে ভাড়া বাবদ দেড় হাজার টাকা দেয়ার কথা ছিল। তাকে আরও দু' শ' টাকা বাড়িয়ে দিলাম। বাড়তি দু শ টাকা পেয়ে সে খুব খুশি। হোসেনকে বিদায় দিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম।
রাতের খাবারটা রেইনবো গেস্ট হাউজের রেস্টুরেন্টে সেরে নিলাম। ভাবলাম আগে আগে বিছানায় চলে যাব। পরের দিন দুপুর সাড়ে বারটায় গাড়ি। আগের দিন টিকিট কিনে রেখেছিলাম। দুদিন আগে টিকিট কাটার পরও পছন্দসই সিট আমরা পাইনি। আর একদিন দেরি করলে হয়ত আমরা টিকিটও পেতাম না। গাড়ির ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিন্ত ছিলাম। জসীমকে ফোন করলাম যেন পরের দিন সকাল সকাল চলে আসেন। জসীম কথা দিলেন অন্যথা হবে না।
৫
পরের দিন আটটার দিকে জসীম এলেন। সঙ্গে এল টিটন। জসীম বললেন, এখন কোথায় যাবেন মনস্থির করেছেন?
আমি বললাম, আমাদের হাতে সময় বেশি নেই। দুপুর সাড়ে বারটায় গাড়ি। আমরা কি হযরত শাহ পরাণ এবং হযরত শাহ জালালের মাজার ঘুরে আসতে পারব?
জসীম বললেন, অত সময় লাগবে না। এখুনি চলেন। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।
আমরা তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে ছিলাম ওখান থেকে শাহ পরাণের মাজারের দূরত্ব বড়জোর চার কিলোমিটার। ওখানে যেতে আমাদের আধা ঘণ্টার মত লেগেছিল। মাজারের আঙিনায় গিয়ে যখন আমাদের গাড়ি থামল আমরা একরকম অস্বস্তিকর পরিস্থিতির শিকার হলাম। বেশ কয়েকজন লোক আমাদের দিকে ছুটে এল। কারও হাতে গোলাপজল, কারও হাতে আগরবাতি, কারও হাতে তাবিজ। সকলের একটা কথা, "মামা নেন।"
অবশ্য এসব আমার কাছে নতুন কিছু নয়। এ ধরনের পরিস্থিতির শিকার আমি বহুবার হয়েছি। জসীম আগে থেকে সতর্ক করে দিলেন আমরা যেন কেউ কিছু না কিনি। এসব জিনিস কিনে ভক্তরা মাজারে নিয়ে যায়। মাজারের লোকজন এগুলো আবার তাদের কাছে বিক্রি করে। একটা জিনিস যে কতবার হাত বদল হয় তার কোনো ইয়ত্তা নেই। থাক ওসব কথা। আমরা কিছু কিনিনি।
পাহাড়ের ওপর মাজার। আমি সিঁড়ি বেয়ে মাজারে চলে গেলাম। সঙ্গে জসীম এবং আপন। শিল্পী আমাদের সঙ্গে গেল না। নারীদের ওখানে যাওয়ার নিয়ম নেই। তাদের জন্য পাহাড়ের নিচে আলাদা ঘর আছে, যেখানে বসে তারা এবাদত-বন্দেগি করতে পারে। টিটন আমাদের সঙ্গে গেল না বলে আমার কাছে অবাক ঠেকল। যাবার সময় সে বলল, আপনারা যান, আমি আপনাদের জুতো পাহারা দিচ্ছি।
পরে জানলাম টিটন হিন্দুধর্মে বিশ্বাসী। তবে সে যে মাজারে যায় না তা নয়।
শাহ পরাণের কবরটি উন্মুক্ত আকাশের নিচে। কবরের ওপর কোনো ছাদ নেই। অবশ্য একটা লালসালু কবর বরাবর টানিয়ে দেয়া হয়েছে। কবরের চারপাশ লোহার গ্রিলে ঘেরা। এ ঘেরা কবরটি ছেয়ে আছে হাজার হাজার টাকায়। গোলাপজলে ভেজা টাকা পাকা কবরের সঙ্গে লেপটে লেপটে আছে। বেশ কটি পাঁচ শ' টাকার নোটও আমার চোখে পড়ল। যে যায় সে ওখানে টাকা নিক্ষেপ করে। ছিটাতে থাকে বোতল বোতল গোলাপজল। কবরের ওপর ঢাকা লালসালু ভিজে গোলাপজল বৃষ্টির ধারার মত নিচে গড়িয়ে পড়ছে। কবরের চারপাশে রয়েছে চিকন নালা। এ নালা দিয়ে ছিটানো গোলাপজল অন্যত্র চলে যাচ্ছে। আগরবাতি এবং গোলাপজলের গন্ধে পুরো পরিবেশ অন্যরকম হয়ে গেছে।
আমি একটা জিনিস হিসাবে মেলাতে পারি না–মাজারের এত টাকা যায় কোথায়! শুনেছি এসব টাকা সরকারি কোনো তহবিলে জমা হয় না। মাজারে ঢোকার রাস্তার অবস্থা দেখলাম বড়ই নাজুক। মাজারের টাকায় রাস্তাটা তো মেরামত করা যায়। আহামরি কোনো অবকাঠামোও এখানে গড়ে উঠেনি। শুনেছি প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান মাজারের এ টাকার সদ্ব্যবহারের কথা ভেবেছিলেন। কিন্তু ভোট হারাবার ভয়ে ওদিকে পা বাড়াননি। মাজারকে ঘিরে বড় ধরনের একটা চক্র গড়ে উঠেছে। তারাই পুরো টাকাটা আত্মসাৎ করে। জসীম বললেন, মাজারে টাকা দেয়ার অর্থ ওখানে শায়িত আউলিয়াকে অসম্মান করা। আউলিয়াদের কি টাকার দরকার পড়ে? টাকা দিয়ে ওঁরা কী করবেন? এই সহজ চিন্তাটিও মানুষের মাথায় আসে না।
আমরা মাজার জেয়ারত করলাম। আমার পুত্র বলল, বাবা, সকলে ওখানে টাকা দিচ্ছে, তুমিও দাও।
আমি বললাম, ওখানে টাকা দিলে সেটি নষ্ট হয়ে যাবে। দেখো না সব টাকা ভিজে গেছে?
আপন কোনো কথা বাড়াল না। আমরা সেখানে দেরি করলাম না। আমাদের হাতে সময় খুবই কম। আমরা একই গাড়িতে করে শাহ জালালের মাজারে চলে এলাম।
চারিত্রিক দিক থেকে শাহ জালাল এবং শাহ পরাণের মাজারের মধ্যে কোনো তফাৎ নেই। এখানেও দেখলাম এই মাজারকে ঘিরে রমরমা ব্যবসা। মাজারে তো টাকা দেয়ই, যেখানে সোনালী মাগুর রয়েছে ওখানেও দেখলাম মানুষ টাকা ফেলছে। গজার মাছের পুকুরেও বিভিন্ন মানের কয়েনের অস্তিত্ব দেখতে পেলাম। এ মাজারটির পরিচালনা কমিটি বোধকরি খুবই শক্তিশালী। এখানকার প্রতিটি কাজের মধ্যে একটা শৃঙ্খলা রয়েছে। শাহ পরাণের মাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তাবিজবিক্রেতা, গোলাপজল বিক্রেতা, আতর বিক্রেতারা ভক্তদের যেভাবে উৎপাত করে এখানে সেরকম নেই। তার অর্থ এই নয় যে এগুলো এখানে নেই। এখানেও ওসব পাওয়া যায়। তবে কেউ কেনার জন্য বাধ্য করে না। কারও ইচ্ছে হলে ওসব জিনিস দোকান থেকে কিনে নিয়ে যায়।
আমরা হযরত শাহ জালালের মাজার জেয়ারত করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে তার সংলগ্ন কবরস্থানের দিকে গেলাম। আমি দেখতে পেলাম একটা কবরকে ঘিরে অনেক মানুষ। তাদের বেশির ভাগই তরুণ। আমি ধরে নিয়েছিলাম এখানে বোধকরি অন্য কোনো আউলিয়া শায়িত। আমি ধীর পায়ে ওদিকে গেলাম। কবরের সাইন বোর্ড দেখে আমার চিনতে বাকি থাকল না এটা চিত্রনায়ক সালমান শাহের কবর। সালমান শাহ যখন মারা যান পত্রপত্রিকায় দেখেছিলাম কেউ কেউ আত্মহত্যা করেছে। সে তো অনেক আগের ঘটনা। এখনও তরুণদের মনে সালমান শাহ কীভাবে গেঁথে আছে তাঁর কবরে না গেলে সেটা বোঝা যাবে না। এই অকালপ্রয়াত তরুণ অভিনেতার প্রতি আমারও শ্রদ্ধা জানাতে ইচ্ছে করল।
আমরা শাহ জালালের মাজারে গিয়ে সোনালী মাগুর দেখলাম। শুনলাম এই মাছ তিনি পুষতেন। পাশের পুকুরে গজার মাছ দেখলাম। ভক্তরা তাদের নানা ধরনের খাবার দিয়ে চলেছে। এখন যে গজারমাছ আছে ওগুলো অন্য পুকুর থেকে এনে এখানে ছাড়া হয়েছে। আগের মাছগুলো কারা নাকি বিষ দিয়ে মেরে ফেলেছে। তখনকার মাছগুলো এখনকার মাছের কয়েকগুণ বড় ছিল।
শাহ জালালের মাজারে জালালি কবুতরের আধিক্য শুনে আসছিলাম ছোটকাল থেকে। এবার গিয়ে দেখলাম তার সংখ্যা খুবই অল্প। তার চেয়ে সংখ্যায় বেশি হল সাধারণ কবুতর, যেগুলো মানুষ বাসাবাড়িতে পোষে। আমরা খানিকটা সময় ওখানে ঘুরে ঘুরে কাটালাম। যা-ই বলি না কেন, এখানকার সবকিছুর মধ্যে যেন একটা পবিত্রতার ছোঁয়া আছে, যেটি মানুষকে শ্রদ্ধায় আপ্লুত করে। আমিও মনুষ্যপ্রজাতির একজন। আমারও মন আছে, প্রাণ আছে। অন্তর দিয়ে আমাকেও অন্য মানুষের মত ভালবাসতে হয়, শ্রদ্ধা জানাতে হয়। আমাকেও তাই করতে হল।
ঘড়িতে প্রায় এগারটা বাজে। আমাদের হাতে বেশি সময় নেই। আমরা বেরিয়ে এলাম। মাজার থেকে আমাদের হোটেল বেশি দূরে নয়। হাঁটলে বড়জোর দশ মিনিট লাগতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর হেঁটে হোটেলে চলে গেলাম। হোটেলে পৌঁছে জসীম বৃহত্তর সিলেটের ওপর লেখা সৈয়দ মোস্তাফা কামালের দুটি বই আমাকে উপহার হিসাবে দিলেন যেন সিলেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারি। বইয়ের পাতা উল্টিয়ে দেখলাম বইগুলো লেখক সাহেব উপহার হিসাবে জসীমকে দিয়েছিলেন। জসীম বই দুটি পুনরায় আমাকে দিলেন। তার উদারতা দেখে আমি আশ্চর্য না হয়ে পারিনি। জসীমের জায়গায় আমি হলে কী করতাম। আমি কি পারতাম কারও কাছ থেকে উপহার হিসাবে পাওয়া জিনিস আরেকজনকে দিয়ে দিতে? একবার ভাবলাম বই দুটি তাকে ফেরত দেই। আবার ভাবলাম দরকার কী। প্রিয় জিনিসটি মানুষকে উপহার হিসাবে দিতে হয়। জসীম হয়ত তাই করেছে। টিটনকে দেখলাম সেও একটা উপহার নিয়ে দাঁড়িয়ে। আমি বললাম, টিটন তুমি কী দেবে?
টিটন বলল, আমার আঁকা আমাদের বাড়ির একটা ছবি।
আমি হাতে নিয়ে দেখলাম ভারি সুন্দর ছবি। মনে হল তাদের বাড়িটাকে আমি কাছে থেকে দেখছি। গাছপালায় ঢাকা একখানা আধা পাকা টিনের বাড়ি। টিটনকে বললাম, আবার যদি আসি তোমাদের বাড়ি যাব।
টিটন বলল, খুশি হব।
জসীম বই দিলেন। টিটন দিল ছবি। একজন লেখক, আরেকজন শিল্পী। এই লেখক-শিল্পীর কাছ থেকে এর চেয়ে উত্তম উপহার আমি আর কী আশা করতে পারি। প্রতিদানে আমি তাদের কিছু দিতে পারিনি, অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকা ছাড়া। জসীম বললেন, এবার আমাদের বিদায় দিন।
আমি বললাম, যাবেন? আরেকটু বসবেন না?
জসীম বললেন, আপনাদের আর বিরক্ত করতে চাই না।
জসীম আর এক মুহূর্তও বিলম্ব না করে টিটনকে নিয়ে বেরিয়ে গেলেন। আপন তাদের সঙ্গে একরকম মজে গিয়েছিল। সে তাদের দিকে তাকিয়ে রইল। শিল্পীকে বললাম, আর দেরি করা যাবে না। আমাদেরও বেরিয়ে পড়তে হবে।
আমরা জিনিসপত্র গুছাতে লেগে গেলাম।
(শেষ)
ছফামৃত (ধারাবাহিক রচনা)
সেন্টমার্টিন: দইরগার চরত বেরাই টেরাই হনো মজা ন পাইবা…
কক্সবাজার: হক্কল জাগা পুরি খাইলাম ন পাইলাম চাডিয়ার নান!
লেখকের আর্টস প্রোফাইল: নূরুল আনোয়ার
ইমেইল: nurulanwar1@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
