২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 05 Jun 2011, 07:42 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM


ব্রিজ ডাউকি

ধর্মকর্মে আমার বেশ মতি ছিল। নিয়মিত মাজারে যাওয়াটাকে আমি ধর্মের একটি অংশ হিসেবে মনে করতাম। আমাদের চট্টগ্রামে মাজারের কোন কমতি নেই। পাড়া-মহল্লায় হাঁটলে কোথাও না কোথাও একটা মাজার আপনার চোখে পড়বে। এ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত পাঁচ বছরের মাথায় আমার বাড়ির আশেপাশে স্বপ্নপ্রাপ্ত হয়ে তিনটি মাজারের জন্ম হয়েছে।

আমি যখন মাধ্যমিকে পড়ি সিলেটের হযরত শাহ জালালের মাজারে যাবার ইচ্ছে পোষণ করেছিলাম। কত ছোটখাট মাজারে আমি যাই, শাহ জালালের মত জবরদস্ত এক আউলিয়ার মাজারে যাব না সেটা কী করে হয়। কিন্তু আমি এত ছোট ছিলাম যে ইচ্ছেশক্তি খাটিয়ে কোন কিছু করার মত অবস্থা আমার ছিল না। সিলেটের মত একটা দূরবর্তী অঞ্চলে আমি যাব সেটা সাহসে কুলোয়নি। তাছাড়া আর্থিক ব্যাপারটিও তার সঙ্গে জড়িত ছিল। সুতরাং আমি সুযোগ খুঁজছিলাম কোন কারণে যদি সিলেট যাওয়া হয় হযরত শাহজালালের মাজারে গিয়ে নিয়তটা পূরণ করে আসব।

কাজের খাতিরে সিলেটে আমি বারকয়েক গিয়েছি। ওগুলো ছিল আমার একরকম সংক্ষিপ্ত সফর। তখন ডানে-বাঁমে ফিরে তাকাবার মত ফুরসত আমার ছিল না। ব্যাপারটা এরকম, পাশের বাড়িতে আগুন চাইতে যাওয়ার মত–গেলাম আর এলাম। তার পাশাপাশি আরও একটি কারণ খুলে না বললে নয়। মাজার ভ্রমণের প্রতি আমার আগ্রহে অনেকটা ভাটা পড়ে গেছে। আমি বিভিন্ন মাজারে গিয়ে নানারকম বিড়ম্বনার শিকার হয়েছি। চট্টগ্রামের হযরত শাহ আমানতের মাজারে গিয়ে অর্থদণ্ড দিয়েছি। মিরপুরের হযরত শাহ আলির মাজারে সব ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে কেন একজনকে ভিক্ষা দিলাম তার অপরাধে বাকিরা আমার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছে। বায়েজিদ বোস্তামি এবং কুমির শাহের মাজারে আমি অন্যরকম ভোগান্তির শিকার হয়েছি। আমি যতগুলো মাজারে গিয়েছি সবটাতে এক শ্রেণীর মানুষ কোন না কোনভাবে ব্যবসার ফাঁদ পেতে বসেছে, তারাই আবার নানারকম অপকর্মের সঙ্গে জড়িত।

এক সময় আমার মনে হয়েছে আমাকে কেন মাজারে যেতে হবে। ছোটকালে আমি যে মাজারে মাজারে ঘুরে বেড়িয়েছি এখন ওসব যখন মনে পড়ে একধরনের অপরাধবোধ ভেতরে ভেতরে টের পাই। সময়টা কী নির্বোধের মতই না কাটিয়েছি!

গত ডিসেম্বরে আমার বউ শিল্পী ধরে বসল সিলেটে হযরত শাহ জালালের মাজারে যাবে। কখনও তাকে কোনদিন মাজারে যেতে দেখিনি। হঠাৎ কেন তাকে মাজারে যাবার বাতিকে পেয়ে বসল আমি বুঝে উঠতে পারিনি। পরে শুনলাম তার এক আত্মীয় শাহ জালালের মাজার ঘুরে এসেছে সেটাই তার মধ্যে ক্রিয়া করেছে। আমি তাকে বললাম, মাজারে যাবার ইচ্ছে আমার নেই। তুমি যদি যেতে চাও, অন্য কাউকে নিয়ে ঘুরে এস।

সে জোর খাটিয়ে বলল, অন্য কাউকে আমি বিয়ে করিনি। তোমাকে বিয়ে করেছি, তুমি যাবে। তোমার বিশ্বাস-অবিশ্বাস নিয়ে আমি প্রশ্ন তুলব না। কিন্তু অন্য জনের বিশ্বাসের মূল্য দিতে শেখ।

আমি তাকে বললাম, তুমি যেতে চাও যাবে। কিন্তু সময়টা আমার অনুকূলে নয়। আমার ব্যস্ততার দিকটিও তোমাকে দেখতে হবে।
শিল্পী রেগে গিয়ে বলল, তোমার যেতে হবে না। আমি আমার ছেলেকে নিয়ে ঘুরে আসব।

শিল্পীর এটা মুখের কথা, অন্তরের নয়। কারণ আমার পুত্রের বয়স এত অল্প যে এখনও সে কোথাও যাবার যোগ্যতা অর্জন করেনি। তারপরেও তাকে বললাম, তাই কর।

শিল্পী এ ব্যাপারে আমাকে আর ঘাঁটাঘাঁটি করেনি।

আমার পুত্র আপনের অজানা বিষয়ে জানার আগ্রহ প্রবল। সে একদিন আমাকে ধরে বসল, চা কীসের থেকে তৈরি হয়।

আমি বললাম, চা একধরনের গাছের পাতা থেকে তৈরি হয়।

সে আমাকে আবার জিজ্ঞেস করল, ওই গাছ কি বটগাছের মত বড়? ওই গাছ থেকে কি তক্তা হয়?

আমি বললাম, চা গাছ অত বড় নয়, খুবই ছোট গাছ।

সে পুনরায় প্রশ্ন করল, চা পাতা কি লাল?

আমি বললাম, অন্য গাছের পাতার মত সবুজ।

সে আমার ওপর রেগে গিয়ে বলল, চা পাতা যদি সবুজ হয় তার থেকে লাল রঙ বেরোয় কেন?

আমি তাকে বললাম, তোমাকে কী করে বোঝাই যে সবুজ পাতা থেকে লাল রঙ কীভাবে বেরোয়। ঠিক আছে, আমার যদি সময় হয় তোমাকে একদিন চা-বাগানে নিয়ে যাব।

এই যে তাকে চা-বাগানে নিয়ে যাব বলেছি এটা তার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, সুযোগ পেলেই আমাকে ঝালাপালা করে ছাড়ে। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিতে হল পহেলা বৈশাখের ছুটিটা সিলেটে কাটাব। তাছাড়া কদিন আগে আমার বন্ধু রাশেদ বউ-বাচ্চাসহ সিলেট ঘুরে এসেছে, সেটাও আমাকে একরকম প্ররোচিত করল।

আমি এক সপ্তাহেরও বেশি সময় ধরে সিলেটে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে থাকলাম। রাশেদ আমাকে রেইনবো গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলের ধারণা দিলেন। হোটেলটার পরিবেশ বেশ ভাল। সুযোগ-সুবিধাও বেশি। তবে টাকার অংক একটু বেশি গুণতে হবে। ওই হোটেলে তিনি থেকে এসেছেন। তিনি আমাকে বললেন, আপনি যদি ওখানে থাকতে চান আমি বুকিংয়ের ব্যবস্থা করতে পারি। আমার এক বন্ধুর সঙ্গে ওই হোটেলের সুন্দর সম্পর্ক রয়েছে।

আমি বললাম, আপনি তাই করুন। আগামী ১২ তারিখ আমরা ওই হোটেলে গিয়ে উঠব।

রাশেদ ফোনে ফোনে রেইনবো গেস্ট হাউজের একটি কক্ষের ব্যবস্থা করে ফেললেন। তিনি আমাকে সতর্ক করে দিলেন, সিলেটে খাবার-দাবার এবং যাতায়াতের খরচ অনেক বেশি। সুতরাং বুঝে-শুনে খরচ করবেন।

রাশেদ তো আমাকে থাকার ব্যবস্থা করে দিলেন। কিন্তু পুরো সিলেট জায়গাটা আমার অচেনা। অপরিচিত জায়গায় কানার মত হাঁটতে হবে সেটা আমাকে একরকম ভয় ধরিয়ে দিল। সিলেটে আমার কেউ পরিচিত নেই যে সহায় হিসাবে সবসময় পাশে থাকবে। হঠাৎ জসীম আল ফাহিমের কথা মনে পড়ে গেল। জসীম একজন তরুণ লেখক। তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি নামক একটা প্রকাশনালয়ে। তিনি শিশুদের নিয়ে লেখেন। তার লেখার হাত ভাল বললে কম বলা হয়। তার লেখা পড়ে আমার মনে হয়েছে তিনি বাচ্চাদের সঙ্গে মিশে যেতে পারেন। এ বছর তার লেখা তিনটা বই বেরিয়েছে। একজন নতুন লেখকের জন্য এটা একটা বড় সুসংবাদ। সিলেটে তার নামডাক আছে। এ বছর তিনি ঢাকাকেও জয় করলেন।

প্রথম দেখায় জসীমকে আমার ভাল লেগে গিয়েছিল। তাই তার নম্বরটার জন্য আমার মোবাইলে খানিকটা জায়গা বরাদ্দ করেছিলাম। সেটা এক বছর আগের ঘটনা। আমি মোবাইলে নামের তালিকা ঘেটে তার নম্বরটা বের করলাম। তাকে ফোন করার আগে খুব ভয়ে ভয়ে ছিলাম। এত ভাল লিখে তার তো একটা অহমিকা থাকা স্বাভাবিক। তাছাড়া একজন টগবগে যুবক আমাকে পাত্তা দিতে চাইবেন কেন? তারপরেও আমি তাকে ফোন করলাম। অপর প্রান্ত থেকে সালাম দিয়ে জানতে চাইলেন, কে?

আমি থতমত খেয়ে গেলাম। মনে হল তিনি আমার নম্বরটা তার মোবাইলে রাখেননি। অথবা আমার কথা তার মনে নেই। সুতরাং বিনয়ের সঙ্গে তাকে বলতে হল আমার নাম নূরুল আনোয়ার। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনার সঙ্গে আমার বাংলাবাজারে পরিচয় হয়েছিল।

জসীম সঙ্গে সঙ্গে বললেন, আনোয়ার ভাই, আপনি ওভাবে পরিচয় না দিলেও আপনাকে চিনতে পারতাম। আপনার কথা আমি ভুলিনি। আপনার নম্বরটা আমি হারিয়ে ফেলেছি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আপনার কথা বলুন।

আমি বললাম, জসীম, আমি একবার সিলেটে যেতে চাই। কিন্তু সিলেট সম্পর্কে আমার তেমন জানাশুনা নেই। আপনি কি আমাকে কোনভাবে সাহায্য করতে পারেন?

জসীম জানতে চাইলেন, আপনি কোথায় যাবেন?

আমি বললাম, আমি নিজেও জানি না কোথায় যাব। তবে মাথায় আছে জাফলং এবং মাধবকুণ্ডটা দেখে আসতে চাই।
তিনি জানালেন, আপনার সংকোচ বোধ করার কোন কারণ নেই। আপনি আগে আসুন, তারপর দেখা যাবে। আমাকে বলুন কবে আসবেন। আমি হোটেলে বুকিং দিয়ে রাখব।

আমি বললাম, সেই কাজটি আমার হয়ে গেছে। রেইনবো গেস্ট হাউজ নামে একটি হোটেলে বুকিং দেয়া আছে। আমরা বার তারিখ ওখানে গিয়ে উঠব।

জসীম বললেন, ওই হোটেলে বুকিং দিলেন কেন? ওটা তো খুবই ব্যয়বহুল হোটেল।

আমি বললাম, আমার সঙ্গে বউ-বাচ্চা থাকবে। তাদের কথা মাথায় রেখে হোটেলটি বেছে নিতে হল।

তিনি বললেন, তাহলে ঠিক আছে। হোটেলটির পরিবেশ খুবই ভাল। ভাড়া একটু বেশি।

২
আমি তিনদিন আগে সায়েদাবাদ গিয়ে গ্রীন লাইন বাসে দুটো টিকেট কেটে রাখলাম। গ্রীন লাইন বাসটিতে আমি আগে অনেকবার যাতায়াত করেছি। বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। ১২ তারিখ সকাল আটটা পঞ্চাশ মিনিটে আমাদের গাড়ি। গাড়ির লোকজন জানালেন, কোন রকম যানজট না থাকলে সিলেটে পৌঁছতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগবে।

১২ তারিখ সকালে ঠিক সময়ে আমরা সাযেদাবাদের গ্রীন লাইন বাস কাউন্টারে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি ছাড়তে ১০ মিনিট দেরি করল। এই বিলম্বটা আমাদের ভোগান্তির কোন কারণ ছিল না। আমরা ভোগান্তিতে পড়লাম তখন, যখন গাড়ি কাউন্টার ছেড়ে গেল। যাত্রাবাড়ির যানজটে পড়ে আমাদের অবস্থা হয়েছিল নাকানিচুবানি খাওয়ার মত। ডেমরা ঘাট পার হতে আমাদের দেড় ঘণ্টা পার হয়ে গেল। আমার ইচ্ছে ছিল সিলেটে পৌঁছে শহরটা ঘুরে দেখব, সেই সুযোগ হবে কিনা আমি একরকম অস্বস্তিতে ভুগছিলাম।

বিকাল চারটে নাগাদ আমরা সিলেটে গিয়ে পৌঁছলাম। বাস স্ট্যান্ড থেকে একখানা অটো রিকশা নিয়ে আম্বরখানার হোটেল রেইনবো গেস্ট হাউজে চলে গেলাম। বাইর থেকে দেখতে হোটেলটি বেশ ছিমছাম। হোটেলের নিরাপত্তাকর্মী আমাদের জিনিসপত্তর ভেতরে নিয়ে গেল। আমি অভ্যর্থনা কক্ষে গিয়ে দায়িত্বরত তরুণকে আমার পরিচয় পেশ করলাম। তরুণটি বললেন, আপনাদের জন্য ২০২ নম্বর কক্ষ ঠিক করা আছে। আপনি সোজা দোতলায় চলে যেতে পারেন।

আমরা কিছু বুঝে ওঠার আগে বেয়ারা ব্যাগ নিয়ে ওপরে চলে গেল। আমাদেরও বেশি কষ্ট করতে হল না। অভ্যর্থনা কক্ষের পাশে সিঁড়ি। আমরা সিঁড়ি না ভেঙে লিফটে দোতলায় চলে গেলাম। আমাদের থাকার কক্ষটি ছিল বেশ ছিমছাম। এসি, ফ্রিজ থেকে আরম্ভ করে যা যা দরকার ওই কক্ষে সবই ছিল। বেয়ারা বলল, স্যার, আপনারা কি খেয়ে এসেছেন?

আমি বললাম, না, এখনও খাইনি। তোমাদের এখানে কি খাবারের ব্যবস্থা আছে?

সে জবাব দিল, জি স্যার। এই তো চার তলায় গেলেই পেয়ে যাবেন। আর যদি রুমে খেতে চান তারও ব্যবস্থা আছে।

আমি বললাম, এখানে এনে বাড়তি ঝামেলার দরকার নেই। আমরা গিয়েই খেতে পারব।

আমরা একে একে গোসলখানায় ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আপন খানিকটা মন খারাপ করে আছে। তার শরীরে ক্লান্তির ছাপ তো আছেই, বোধকরি ক্ষিদেটা ভেতরে ভেতরে মোচড় দিচ্ছে। ছেলেটার বয়স সাত হতে চলেছে। এখনও সে খিদে কী জিনিস বোঝে না। না খেয়ে থাকতে পারলে সে বেঁচে যায়। কেউ না কেউ তাকে খাইয়ে দিতে হয়। এই কাজ করতে গিয়ে তার পেছনে দেড় দু' ঘণ্টা লেগে থাকতে হয়। ডাক্তারের ভাষ্য, ইতোমধ্যে সে গ্যাস্ট্রিক বাঁধিয়ে ফেলেছে। পেটে কিছু না থাকলে ব্যথা আরম্ভ হয়ে যায়। তাকে নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই। শিল্পীকে বললাম, দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি খেতে চল। আমার মনে হয় তার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে।

আমরা হোটেলে চলে গেলাম। হোটেলটি বেশ পরিপাটি এবং পরিচ্ছন্ন। আমরা ছাড়া হোটেলে আর কোন লোকজন নেই। হালচাল দেখে মনে হল খুব বেশি সংকটে না পড়লে এ হোটেলে বিশেষ কেউ খেতে আসে না। বয় এসে সালাম দিয়ে দাঁড়িয়ে রইল। আমরা খাবারের তালিকা পরখ করতে থাকলাম। খাবারের দাম ছিল খুব বেশি। তারপরেও শিল্পীকে বললাম, যার যেটা মনে চায় অর্ডার কর।

শিল্পী সাদা ভাত, মুরগির ফ্রাই, সবজি এবং ডালের কথা বলল। আমিও তার সঙ্গে সহমত পোষণ করলাম। বয়কে খাবারের ফরমাশ দিয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম। খাবার তৈরি হয়ে আসতে আরও কিছু সময় লাগবে। সাধারণত কোন কিছুর জন্য অপেক্ষা করা আমার কাছে বিরক্তিকর ঠেকে। এখন ওরকম কিছু মনে হচ্ছে না। হোটেলে কোন লোকজন না থাকায় আমরা একটা নিরিবিলি পরিবেশ পেয়ে গেলাম। তাছাড়া পুরো ঘরটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। আমি ঢাকা থেকে আসার পথে যখন মাঝপথে ছিলাম জসীমকে ফোন করেছিলাম। তিনি কথা দিয়েছিলেন হোটেলে এসে দেখা করবেন। আমি তার কথা একরকম ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। তাকিয়ে দেখলাম জসীমের নাম। তাকে জিজ্ঞেস করলাম, জসীম, আপনি কোথায়?

জসীম জানালেন, হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি।

আমি বললাম, আপনি সোজা চারতলায় রেস্টুরেন্টে চলে আসুন। আমরা এখানে খেতে এসেছি।

ইতোমধ্যে আমাদের খাবার এসে গেছে। লিফটে উপরে উঠে আসতে জসীমের বেশি সময় লাগে না। জসীমকে বললাম, আমাদের সঙ্গে শেয়ার করুন।

তিনি বললেন, আমি অফিস থেকে বেরিয়ে খেয়েই আপনার এখানে এসেছি। আপনারা খেতে থাকুন।

আমি বললাম, চা খেতে তো আপত্তি নেই।

তিনি বললেন, তা নেই। আপনিও তো খাবেন। তখন খাব।

আমি খাওয়া আরম্ভ করে দিলাম। এই ফাঁকে শিল্পীকে জসীমের পরিচয়টা দিলাম। আপনের পেটের ব্যথা শুরু হয়ে গেছে। সে খেতে গরিমসি করছে। শিল্পী তাকে বুঝিয়ে-সুজিয়ে খাইয়ে দিতে চেষ্টা করে যেতে থাকল। আমি খেতে খেতে জসীমকে বললাম, আমরা তো পুরো সময়টা গাড়িতে কাটিয়ে এলাম। এখন পাঁচটা বাজে। বেলা আর বেশি নেই। তারপরেও সময়টা আমরা কাজে লাগাতে চাই। কিন্তু কিভাবে কী করব ভেবে পাচ্ছি না।

জসীম বললেন, আজকে তো আর শহরের বাইরে যাওয়া হচ্ছে না। আগে বেরুই, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়।

আমি বললাম, তারপরেও তো একটা পরিকল্পনা থাকতে হবে।

তিনি বললেন, আপনারা কি মাজারে যাবেন?

আমি বললাম, মাজারে আজ যাব না। একেবারে শেষের দিন যাব।

জসীম বললেন, তাহলে আমরা মালনি ছড়া চা-বাগানে ঘুরে আসতে পারি।

আমি বললাম, মালনি ছড়া কি কাছে?

তিনি বললেন, এই তো, শহরের পাশে।

আমরা আহার শেষ করলাম। বয় এসে দু' কাপ চা গিয়ে গেল। আমরা খুবই হালকা খাবার খেয়েছিলাম। তারপরেও ছয় শ' টাকার মত বিল এসে গেল। জসীম বললেন, এখানে না খেয়ে বাইরে খাবেন। এ হোটেলগুলো খুবই ব্যয়বহুল।

আমরা রুমে চলে গেলাম। জসীম ব্যাগ থেকে বের করে তার লেখা দুটি বই আমার হাতে দিলেন। বই দুটি এবারই প্রকাশিত হয়েছে। শিশুদের জন্য লেখা। বইগুলো আপনকে দিলাম। সে খুব খুশি। জসীমকে বললাম, একটা কাজের কাজ করেছেন। আমার পুত্রের পড়ার খোরাক হল।

আমি জসীমকে বিনিময়ে কিছু একটা দেয়ার চেষ্টা করলাম। আমার ব্যাগ ঘেঁটে আমি আহমদ ছফার জার্মান পার্সপেক্টিভ-এর অনুবাদ বইটি বের করে তাকে দিলাম। তারপর বললাম, আমার অনুবাদ। এবার বেরোল। সময় করে পড়ে নেবেন।

আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। নিচে নেমে সিএনজি-চালিত অটো রিকশার জন্য অপেক্ষা করতে লাগলাম। অটো রিকশা এলেই আমরা দাঁড় করাই। কিন্তু চালক ভাড়াটা এত বেশি হাঁকতে থাকল কোনভাবে পেরে উঠছিলাম না। একজন চালককে বলে কয়ে দেড় শ' টাকায় বশে আনা গেল।

জসীম আমাদের সোজা নিয়ে গেলেন মালনি ছড়া পর্যটন কেন্দ্রে। ওখানে পৌঁছে জসীম অটো রিকশাচালককে বললেন, আমরা এখানে পনের বিশ মিনিটের বেশি থাকব না। আপনি যদি এই সময়টুকু থাকেন আমরা আপনার গাড়িতে করে যাব।

চালক রাজি হয়ে গেল।

……
মোটেলের সামনে নারীমূর্তি
…….
পর্যটন কেন্দ্রটি একটা টিলার ওপর। ওখানে ঢুকতে আমাদের মাথাপিছু বিশ টাকা গুণতে হল। এ পর্যটন কেন্দ্রটি তেমন একটা বড় পরিসরের নয়। একটা মোটেল এখানে রয়েছে। সামনে দুটি শৈল্পিক নারীমূর্তি। তার খানিকটা দূরে একটা সিটিং প্লেস। সিটিং প্লেসটি হা করা একটি বাঘের মুখের ভেতর। এ জায়গাটির সঙ্গে ঢাকা বোটানিকেল গার্ডেনের কিছুটা মিল রয়েছে। মনে হল কপোত-কপোতিদের জন্য জায়গাটা অতি নিরাপদ। ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে তরুণ-তরুণীরা জুটি বেঁধে বসে আছে। জুটিগুলো কারও কারও চোখে আপত্তিজনক হয়ে উঠতে পারে। আমরা গাছপালায় আচ্ছাদিত চিকন পথ ধরে একেবারে পুবপাশে চলে গেলাম। ওখান থেকে নিচে তাকালে শিশুপার্কটি বেশ লাগে। পুবদিকে রয়েছে একটি পাহাড়। সিলেট শহরের কাছাকাছি এটাই বোধকরি একমাত্র উঁচু পাহাড়। জসীম বললেন, এখানে বেশি থাকা যাবে না। সূর্য ডুবে গেলে চা-বাগান দেখার সুযোগ থাকবে না।

……
হা করা বাঘমুখ সিটিং প্লেসে লেখকপুত্র
…….
আমরা দেরি না করে পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে এলাম। অটো রিকশা ঠিক সেই জায়গায় আছে। জসীম চালককে বললেন, আমরা চা-বাগানের দুয়েকটি জায়গায় ঢুকব। তখন হয়ত চার পাঁচ মিনিট কোথাও কোথাও দাঁড়াতে হতে পারে।

অটো-চালক কোন রকম আপত্তি করল না। আমরা মালনি ছড়া চা-বাগানের গেটে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়িয়ে আছে কয়েকজন চা-বাগানের শ্রমিক। আমরা বাগানে ঢুকতে চাইলে তারা আপত্তি জানাল। বলল, চা-বাগানে ঢোকা নিষেধ। দেখতে চান, কিংবা ছবি ওঠাতে চান সব বাইর থেকে করতে হবে।

জসীম বললেন, আমরা বেশি সময় থাকব না। কিছুটা ভেতরে গিয়েই চলে আসব।

একজন শ্রমিক এসে বলল, স্যার, চাপাতা লাগবে? আমাদের কাছে ভাল চাপাতা আছে। দরকার মনে করলে এনে দিতে পারি।

আমি বললাম, তোমরা চা-বাগানে ঢুকতে দিচ্ছ না, তোমাদের চাপাতা আমরা কিনব কেন?

শ্রমিকটি বলল, এই, স্যারদের ভেতরে যেতে দে।

আমাদের কাছে চাপাতা বিক্রি করবে সে লোভে তারা আমাদের ভেতরে ঢোকার অনুমতি দিল।

…….
চা বাগান
……
আমরা চা-বাগানে ঢুকে পড়লাম। চা-বাগানে যাবার সুযোগ এটাই আমার প্রথম নয়। দার্জিলিংয়ের চা-বাগানে আমি গিয়েছি। হবিগঞ্চে যাবার পথে আমি একটা চা-বাগানে বসে কিছুটা সময় কাটিয়েছি। খাগড়াছড়িতে রামগড়ের চা-বাগানে যাবার সুযোগও আমার হয়েছে। সুতরাং চা-বাগানকে নতুন করে আর কী দেখব। তারপরেও চা-বাগানের মনোরম শোভার আলাদা একটা মর্তবা আছে। নিপুণ হাতে ছেঁটে রাখা চাগাছগুলোর সঙ্গে কোন ফুলবাগানের তুলনা করা যাবে না। চা-বাগানের সবুজের সমারোহ দেখে বিমোহিত না হবার কারণ তো দেখি না। এত সবুজের সমারোহ আর কোথায় আছে? আমরা যে চা-বাগানে ঢুকলাম, পুরো বাগানটি নতুন কুঁড়িতে ছেয়ে গেছে। ফলে বাগানটির এমন শ্রীবৃদ্ধি ঘটেছে যে চোখ ফেরানো দায়। গোটা পাহাড়ি এলাকাকে মনে হবে যেন একটা সবুজের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমরা খানিকটা বাগানের মাঝখানে চলে গিয়েছিলাম। চা-বাগানের ভেতরে গিয়ে দাঁড়ালে বুক বরাবর ওপরের দিকটার দেখা মেলে। তখন মনে হয় শরীরের অর্ধাংশ মাটির নিচে পুতে রাখা হয়েছে।

আমরা যখন চা-বাগানে বিচরণ করছি সূর্য ডুবে গেছে। আলো-আঁধারিতে পুরো বাগানটাই মনোমুগ্ধকর হয়ে উঠেছে। সূর্যের আলোতে সবুজ চা-পাতা চিকচিক করছিল। সেটা আর নেই। যখন সন্ধ্যা নেমে এল প্রকৃতি একরকম গম্ভীর হয়ে গেল। তার পুরো রেশটা চা-বাগানে মূর্তিমান হয়ে উঠেছে। কখনও কখনও সুন্দরী রমণীর হাস্যোজ্জ্বল মুখের চে' গম্ভীর মুখকে ভাল দেখায়। মালনি ছড়ার চা-বাগানটি আমার কাছে ওরকম মনে হল।

…….
চা বাগান
…….
আমরা চা-বাগানের বাইরে চলে এলাম। চা-বাগানের শ্রমিকেরা আমাদের জন্য চাপাতা নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রির আশায়। দুজনের হাতে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট। প্যাকেট দুটি দেখতে অনেকটা ছোটখাটো বালিশের মত। একেকটি প্যাকেটে এক কেজি করে চা-পাতা রয়েছে। তাদের একজন বলল, স্যার একেবারে খাঁটি। কোন রকম ভেজাল নেই। এগুলোই বিদেশে পাঠানো হয়।

আমি বললাম, চুরি করা?

একজন তরুণ জবাব দিল, ওভাবে বলবেন না। কাজ করার পর আমরা বখশিস হিসেবে পাই।

আমি বললাম, দাম কত?

সে বলল, আড়াই শ' টাকা করে কেজি।

আমি বললাম, দু' কেজি তিন শ' টাকা দেব। যদি পোষায় দিয়ে দিতে পারেন।

না, তিন শ' টাকায় দিতে তারা রাজি নয়। শেষ পর্যন্ত তিন শ' ষাট টাকা গুণতে হল। আমি বললাম, আপনাদের কথা বিশ্বাস করে কিনলাম।

তরুণটি বলল, স্যার, নিশ্চিন্তে নিয়ে যান।

জসীমও তাদের সঙ্গে যোগ দিলেন। বললেন, তত খারাপ হওয়ার কথা নয়।

তাদের কথায় নিশ্চিন্তে চাপাতাগুলো ঢাকায় নিয়ে এসেছিলাম। কিন্তু চা বানিয়ে খেতে গিয়ে টের পেলাম… আমি যে ঠকেছি পুরোমাত্রায় আরও একবার নিশ্চিন্ত হলাম।

যাক ওসব কথা। আমরা চাপাতা নিয়ে অটো রিকশায় উঠে বসলাম। জসীম বললেন, এখন হোটেলে গিয়ে টিভি দেখবেন, নাকি অন্য কোথাও যাবেন?

আমি বললাম, আর কোথাও কি যাবার জায়গা আছে?

জসীম বললেন, আপনাদের এম সি কলেজের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাতে চাই। আমার মনে হয় আপনাদের ভাল লাগবে। যদিও আঁধার হয়ে গেছে, তারপরেও আলো-আঁধারিতে খারাপ লাগবে না। বিকেলে প্রচুর মানুষ ওখানে ঘুরতে আসে। আমি ওই কলেজের ছাত্র ছিলাম।

জসীমের কথা আমার মনে ধরল। এখন হোটেলে যাবার দরকার কী। আমরা একটা সংক্ষিপ্ত সফরে সিলেট দেখতে এসেছি। সময় আমাদের কাছে সোনার হরিণের মত। কালক্ষেপণ করলে তার নাগাল আমরা পাব না। সুতরাং যেভাবে হোক তার সম্পূর্ণ সদ্ব্যবহার করা দরকার। আমরা জসীমের কথা মেনে এম সি কলেজের দিকে ছুটলাম। সিএনজি চালিত অটো রিকশা অল্প সময়ের মধ্যে আমাদের এম সি কলেজের গেটে এনে নামিয়ে দিল। চালককে ভাড়া মিটিয়ে দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। গোটা ক্যাম্পাসটাকে আমার কাছে একটা পার্কের মত মনে হয়েছে। পুরো ক্যাম্পাসটায় প্রচুর গাছপালা। সোডিয়াম লাইটের আলোতে তা বেশ লাগছিল। জসীম নানা জায়গায় ফোন করে কজন বন্ধু যোগাড় করে ফেললেন। যেই আসে তার কাছে জসীম আমাকে পরিচয় করিয়ে দেন ঢাকা থেকে এসেছেন। অনেক বড় লেখক।

জসীমের কথায় আমি লজ্জিত হই। আমি বলি, জসীম ওভাবে কাউকে পরিচয় করিয়ে দেবেন না। আমি লিখি, কিন্তু এখনও লেখক হয়ে উঠতে পারিনি।

জসীম এবং তার বন্ধুরা এম সি কলেজ সম্পর্কে নানা কথা শুনিয়ে যেতে থাকলেন। ১৮৯২ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। জমিদার মুরারি চাঁদের নামে এ কলেজ। মুরারি চাঁদের কোন সন্তান-সন্ততি ছিল না। তিনি একটা ছেলেকে দত্তক হিসেবে নিয়েছিলেন। তাঁর নাম গিরিশচন্দ্র। মুরারি চাঁদ মারা যাবার পর গিরিশবাবু জায়গা-জমি বিক্রি করে এ কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন বাবার ঋণ শোধের নিমিত্তে। পরে পরে তিনি কোলকাতায় চলে যান।

১৯২৬ সালে রবীন্দ্রনাথ এম সি কলেজে এসে ঘুরে যান। সরোজিনি নাইডুও একবার এ কলেজ পরিদর্শনে এসেছিলেন। সিলেটে এটি একটি ঐতিহ্যবাহী কলেজ। এখনও কাঠ এবং টিনের তৈরি বহু বছরের পুরনো একটি ভবন এখানে রয়েছে, যেটি স্মৃতি হিসেবে টিকে আছে। এখনও ওই ভবনে ক্লাস হয়। আমরা ভবনের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করলাম। কিন্তু অন্ধকারের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ঠাহর করতে পারছিলাম না।

কলেজের অনেকগুলো ভবন রয়েছে। প্রতিটি ভবন একেকটি টিলার ওপর প্রতিষ্ঠিত। পুরনো ভবন থেকে হেঁটে আমরা যখন পুকুরের দিকে যাচ্ছিলাম বিরাটকায় একটা করচগাছ আমার দৃষ্টি কাড়ল। প্রথমে এটিকে আমি আমগাছ বলে ভুল করেছিলাম। জসীম সেই ভুলটি ভাঙিয়ে দিল। আমরা পুরো পুকুরটায় একটা চক্কর দিয়ে এলাম। বিকেল বেলা নাকি এই পুকুরের পাড়ে শ'য়ে শ'য়ে মানুষ এসে বসে থাকে। হ্যাঁ, বসে থাকার মত জায়গা বটে।

আমি অস্বীকার করব না, জায়গাটির যে কাউকে আপন করে নেবার একটা শক্তি রয়েছে। আমি একা থাকলে আরও কিছু সময় এখানে কাটিয়ে দিতাম। আমার পুত্র আপন আর হাঁটতে পারছিল না। সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। কয়েক পা এগিয়ে গিয়ে সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তখন তাকে বলে-কয়েও নাড়ানো যাচ্ছিল না।

আমরা এক ঘণ্টারও অধিক সময় এম সি কলেজের ক্যাম্পাসে কাটিয়েছিলাম। আপনের দুর্ভোগের কথা মাথায় রেখে আমাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতে হল। কলেজ গেটের সামনে একটা দোকানে ঢুকে হালকা-পাতলা কিছু খেয়ে নিলাম। তারপর টিলাগড়ের মোড়ে দাঁড়িয়ে রিকশা খুঁজতে লেগে গেলাম। আমরা পাঁচ ছয়জন মানুষ আধা ঘণ্টা ধরে চেষ্টা করলাম একটা রিকশা খুঁজে পেতে। কিন্তু কোন রিকশা যেতে রাজি হল না। দুয়েকটি রিকশা যেতে চেয়েছিল। তারা সোজা পথে যাবে। জসীম তাতে রাজি নন। ওই পথে এত বেশি ছিনতাই হয়, রাতের বেলায় কারও বিশেষ দরকার না পড়লে সহজে যায় না। আমরা অনেকক্ষণ পর একটা সিএনজি-চালিত অটোরিকশা পেয়ে গেলাম। দ্বিগুণ ভাড়ায় চালককে রাজি করানো গেল।

জসীম আমাদের সঙ্গ দেয়ার জন্য উঠে বসলেন। সঙ্গে নিলেন আরেক তরুণকে। সে এম সি কলেজের ছাত্র। পদার্থ বিজ্ঞানে সে সম্মান শ্রেণীতে পড়ে। নাম টিটন। ছবি আঁকার প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা। জসীম জানালেন টিটন তার একটা পুরো বইয়ে ছবি এঁকে দিয়েছে। আমরা ন'টার দিকে হোটেল রেইনবো গেস্ট হাউজের সামনে গিয়ে নামলাম। জসীমকে বললাম, আগামীকাল আমরা কোথায় যাব?

জসীম বললেন, কাল আমরা জাফলং যাব। সকাল সকাল যেতে পারলে ভাল হত। কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। সকালে আমাকে একবার অফিসে যেতে হবে। অফিসে একটা জরুরি কাজ আছে। বসকে না বলে আসাটা ঠিক হবে না। আমি চেষ্টা করব দশটার দিকে চলে আসতে।

আমি বললাম, আপনার কাজ সেরে আসুন। কিন্তু আমরা যাব কীসে করে?

জসীম বললেন, সিএনজিতে (অটো রিকশা) করে যাব।

টিটনকে বললাম, টিটন, তুমি কি যেতে চাও?

টিটন আমতা আমতা করতে থাকল। মনে হল তার ইচ্ছে আছে। জসীম বললেন, তুমি কি জাফলং গিয়েছ?

টিটন বলল, অনেক আগে একবার গিয়েছিলাম।

জসীম বললেন, তাহলে কাল চলে এস। সকলে একসঙ্গে ঘুরে আসি।

টিটন চুপ থেকে সম্মতি জানাল। জসীম বললেন, আনোয়ার ভাই, তাহলে কথা থাকল। কাল সকালে আমরা আসব। এখন আর ওপরে যেতে চাই না। আপনারা গিয়ে বিশ্রাম নিন।

জসীম এবং টিটনকে বিদায় দিয়ে আমরা হোটেলে ঢুকে পড়লাম। একবার ভাবলাম খেয়েই রুমে যাব। আমাদের হাতে কিছু জিনিসপত্র ছিল। শিল্পী বলল, রুমে গিয়ে এগুলো রেখে আসি।

আমি বললাম, মন্দ হয় না।

আমরা হোটেলের কক্ষে জিনিসপত্র রেখে চারতলায় খেতে চলে গেলাম। এবারও দেখলাম রেস্টুরেন্টটি ফাঁকা। কেবল একজন মানুষকে খেতে দেখলাম। শিল্পী বলল, এখানে বোধকরি লোকজন তেমন খেতে আসে না।

আমি বললাম, হোটেলে যারা থাকেন তাদের কেউ কেউ হয়ত খেতে আসেন।

আমাদের তেমন একটা খিদে ছিল না। একটু আগে দোকানে ঢুকে আমরা হালকা-পাতলা খেয়েছি। ইচ্ছে করলে আরও দেরিতে খাওয়া যেত। আমরা সময় নষ্ট করার পক্ষপাতী ছিলাম না। আমাদের একটু বিশ্রামের দরকার ছিল। শিল্পীকে বললাম, কী খাবে?

সে জানাল, মেনু ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। দুপুরে যা খেয়েছিলাম ওটারই অর্ডার দিয়ে দাও।

আমি তার সঙ্গে একমত পোষণ করলাম। হোটেল বয় দাঁড়িয়ে আছে। তাকে যা যা বলার বলে দিলাম। আহারের জন্য যেটুকু সময় আমাদের নইলে নয়, অতটুকু রেস্টুরেন্টে কাটিয়ে রুমে চলে গেলাম।

৩
পরের দিন সকাল সকাল আমার ঘুম ভাঙল। আমি গোসলাদি সেরে নিলাম। শিল্পী এবং আপন তখনও ঘুমিয়ে। তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করলাম না। কী মনে করে বলতে পারব না, আমি কাপড়চোপর পরে বাইরে চলে গেলাম। হোটেলের বাইরে গিয়ে রাস্তা ধরে সোজা হাঁটা আরম্ভ করলাম। কোথায় যাব নিজেই জানি না। রাস্তাঘাট ছিল একেবারে ফাঁকা। হাঁটতে মন্দ লাগছিল না। আমি আম্বরখানা ছাড়িয়ে অনেক দূর চলে গেলাম। ইতোমধ্যে সূর্য আলো ছড়িয়ে দিয়েছে। রাস্তাঘাটে মানুষের কোলাহলও বেড়ে চলেছে। দোকানপাটও খুলতে আরম্ভ করেছে। আমি পুনরায় হোটেলের দিকে পা বাড়ালাম।

আধা পথে এসে আমি একটা হোটেলে ঢুঁ দিলাম। ইচ্ছে হল সকালের নাস্তাটা সঙ্গে করে নিয়ে যাই। হোটেল বয়কে কিছু পরোটা, ডিম এবং সবজি দেয়ার আদেশ করলাম। ওগুলো তৈরি হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি এক কাপ চা পানের আগ্রহ প্রকাশ করলাম। অল্প সময়ের মধ্যে চা এসে গেল। চায়ের কাপে ঠোঁট লাগাতে লাগাতে ম্যানেজারকে বললাম, আপনার এখানে দুপুর এবং রাতে কী কী খাবার পাওয়া যায়।

ম্যানেজার বললেন, খাবারের নাম করতে পারব না। আশা করি আপনি যা খেতে চাইবেন, সবই পাবেন। অনেক চাইনিজ রেস্টুরেন্ট আমাদের খাবার নিয়ে বিক্রি করে। তার মানে ওই রেস্টুরেন্টগুলোতে আমরাই খাবার সরবরাহ করে থাকি। সুতরাং মানের দিক দিয়ে আপনার ঠকার কোন সম্ভাবনা নেই। এখানে ওখানকার চে' দামও খানিকটা কম।

বয় এসে বলল, আপনার নাস্তা তৈরি হয়ে গেছে। এই নিন।

আমি বললাম, দাম কত?

সে জানাল, চুয়াত্তর টাকা।

ম্যানেজার সাহেবকে দামটা মিটিয়ে দিয়ে আমি বেরিয়ে এলাম। আমি রাস্তার ফুটপাত ধরে চলছিলাম। একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর আমার দৃষ্টি আকর্ষণ করল। রাতে ঘুমোতে যাবার আগে শিল্পী আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল জাফলং যাওয়ার সময় যেন কিছু শুকনো খাবার সঙ্গে রাখি। কথাটা আমার মনে ধরেছিল। জাফলং আমাদের কাছে সম্পূর্ণ অচেনা একটা জায়গা। ওখানে দোকানপাট আছে কিনা আমাদের জানা নেই। আর থাকলেও তার ধরন কী রকম। মানসম্মত খাবার ওখানে পাব কিনা। আমি শিল্পীর কথাটা মনে রেখে ডিপার্টমেন্টাল স্টোরটিতে ঢুকলাম। দেখলাম এখানে বেশ ভাল কেক পাওয়া যায়। আমি বড় সাইজের একটা কেক, এক প্যাকেট চানাচুর এবং একটি পানির বোতল কিনে নিলাম। হঠাৎ আমার বন্ধু রাশেদের কথা মনে পড়ে গেল। তিনি ফোন করে জানিয়েছেন সম্ভব হলে তার জন্য কিছু সাতকড়ার আঁচার নিয়ে যাই। কিন্তু সাতকড়া সম্পর্কে আমার কোন ধারণা নেই। সাতকড়াটা কী? দোকানিকে জিজ্ঞেস করলাম, সাতকড়ার আঁচার বলতে কোন আঁচার আছে?

তিনি বললেন, আছে।

আমি বললাম, সাতকড়াটা কী?

তিনি বললেন, সাতকড়া একটা ফল। দেখতে অনেকটা জাম্বুরার মত। সিলেটের লোকজন এই ফলের আঁচার খুব পছন্দ করে।

আমি বললাম, আমাকে পাঁচটা আঁচার দিন।

দোকানি বললেন, এত আঁচার দিয়ে কী করবেন?

আমি বললাম, আমার এক বন্ধুর ইচ্ছে পূরণ করব।

দোকানি সযত্নে আঁচারগুলো আমাকে একটা প্যাকেট করে দিলেন। দেখতে দেখতে আমার অনেক জিনিস হয়ে গেল। কিন্তু এতগুলো জিনিস আমি নেব কীভাবে। দোকানি সহায়তার হাত বাড়িয়ে দিলেন। তিনি আমার সব জিনিসগুলোকে দুটি ব্যাগের মধ্যে ভরে দিলেন। ব্যাগ দুটি হোটেলে বয়ে নিতে আমার বেশ বেগ পেতে হয়েছিল।

হোটেলে গিয়ে দেখি শিল্পী এবং আপন তখনও ঘুমিয়ে আছে। আমি তাদের ডেকে বললাম, তোমরা এখনও ঘুমিয়ে আছ? তোমরা তৈরি হবে কখন, বেরুবে কখন?

শিল্পী বলল, তুমি জাগিয়ে যাওনি কেন?

আমি বললাম, তোমরা মরার মত ঘুমিয়ে থাকবে, সেটা তো আমার জানার কথা নয়।

শিল্পী বলল, তুমি তোমার কাজ কর। আমরা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাব।

আমি নাস্তা করতে লেগে গেলাম। শিল্পী এবং আপন দুজনে নিজেদের গুছিয়ে নিতে থাকল। নাস্তা করতে করতে আমি জসীমকে ফোন করলাম। তিনি জানালেন, অফিসে যাচ্ছেন। বস এলে তাকে বলে কয়ে চলে আসবেন।

আমরা তৈরি হয়ে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। ঘড়িতে তখন ন'টা বাজে। হঠাৎ জসীম ফোন করল তার আসা সম্ভব নয়। অফিসে জরুরি কাজ আছে। বস তাকে কিছুতেই ছাড়তে চাইছেন না।

আমি তাকে বললাম, এখন উপায়?

তিনি জানালেন, দুশ্চিন্তা করার কারণ নেই। আমি লিটনকে পাঠাচ্ছি।

আমি তো ইচ্ছে করলে কাউকে জোর করতে পারি না। আর জোর করলেই-বা কী। মানুষের কাজ তো থাকতেই পারে। গতকাল আমি টিটনের ফোন নম্বরটা রাখিনি। সুতরাং তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। জসীমের কাছ থেকে চেয়ে নিতে পারতাম। সেটাও হয়ে ওঠেনি। এখনও চাইলে পারি, কিন্তু তাকে বিরক্ত করতে ইচ্ছে করল না। টিটন এসে দরজার কড়া না নাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় থাকল না।

সাড়ে দশটার সময় টিটন এল। একটা গাড়িও ঠিক করে নিয়ে এসেছে। নিঃসন্দেহে সে একটা ভাল কাজ করেছে। আমি টিটনকে বললাম, জসীম শেষ পর্যন্ত আমাদের বোঝা তোমার ওপর চাপাল। তোমাকে আমরা বিপদে ফেলে দিলাম।

টিটন বলল, এখানে বিপদের কী হল। আমি তো এমনিতেই আপনাদের সঙ্গে যেতাম। সকাল সকাল আসতে পারলে ভাল হত। রাত জেগে কাজ করতে হয়েছে। তাই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। পহেলা বৈশাখের কিছু কাজ নিজের কাঁধে এসে পড়েছে।

আমি বললাম, হোক না একটু দেরি, যেতে তো পারছি।

আমাদের সঙ্গে ছিল একটা ছোট ব্যাগ। ওটাতে আমাদের শুকনো খাবার-দাবার ও দরকারি জিনিসপত্র ছিল। আমরা ওটা নিয়ে পেছনের সিটে বসলাম। টিটন বসল চালকের পাশে। আমার একটা সংশয় ছিল। সিএনজি-চালিত অটো রিকশা নিয়ে অতদূর পথ যেতে পারব কি না। আমি চালককে জিজ্ঞেস করলাম, ড্রাইভার সাহেব, আপনার নাম কী?

চালক বলল, হোসেন।

হোসেন বয়সে তরুণ এবং সুদর্শন। কথা-বার্তায়ও বেশ ভদ্র। মনে হল কম কথার লোক। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখান থেকে জাফলং কতদূর?

সে জবাব দিল, ৫৬ কিলোমিটার।

আমি বললাম, কত সময় লাগবে?

সে বলল, কোন রকম সমস্যা না হলে দেড় ঘণ্টায় পৌঁছার কথা। জাফলংয়ের রাস্তা খুবই ভাল। সেটার ওপর ভরসা করেই বলছি দেড় ঘণ্টায় পৌঁছে যাব।

আমি বললাম, শুধু রাস্তার ওপর ভরসা করলে তো চলবে না, নিজের ওপর কি ভরসা নেই?

হোসেন হেসে বলল, তা তো কিছুটা রাখতে হয়।

হোসেন বয়সে তরুণ হলেও অভিজ্ঞতায় সে পাকা। সে ঝড়গতিতে গাড়ি চালিয়ে যেতে থাকল। বোধকরি আমার কথাগুলো তার ঘিলুতে লেগেছে। আমরা অল্প সময়ের মধ্যে শহর পেরিয়ে গ্রামে চলে গেলাম। আমি প্রায় গোটা বাংলাদেশ ঘুরেছি। খুব কম জেলায় প্রশস্ত বিলের দেখা মেলে। তার অর্থ এই নয় যে, আমি চলনবিল দেখিনি। আমরা যে রাস্তা দিয়ে জাফলং যাচ্ছিলাম তার দুপাশে বিশাল বিশাল বিল চিৎ হয়ে শুয়ে আছে। বিলগুলোতে তেমন একটা ফসল নেই। টিটনকে জিজ্ঞেস করলাম, এ বিলের নাম কী?

মনে হল টিটনের এ ব্যাপারে অভিজ্ঞতা নেই। তারপরেও অনেক ভেবেচিন্তে বলল, হাওড় হবে হয়ত।

আমি বললাম, পানি, ফসল কিছু নেই কেন?

হোসেন জবাব দিল, এখানে পানির বড় অভাব।

এ ধরনের বিল দেখলে একটা জিনিস আমার মাথায় এসে ভর করে। আমরা অতি ছোট একটি দেশে বাস করি। বিশ্বের মানচিত্রে দেশটির জায়গাও হয় না। কিন্তু আমি যখন এ ধরনের প্রশস্ত বিল দেখি আমার বাংলাদেশকে ছোট হিসেবে মানতে কষ্ট হয়। কখনও কখনও মনে হয় বিলগুলো বাংলাদেশের চে' বড়। আমার ছেলেমানুষি চিন্তার কথা মনে হলে হাসি পায়। মনের ওপর তো জোর খাটানো যায় না। সে তার আপন গতিতে নিজের কাজ করে চলে।

বিলের ওপাশে রয়েছে উঁচু পাহাড়। পাহাড়গুলোকে দেখতে খানেকটা মেঘের মত লাগছিল। যখন আমরা তামাবিলের কাছাকাছি চলে গেলাম ভারতের উঁচু পাহাড় আমাদের নজরে এল। গাছপালা সাধারণত সবুজ দেখায়। যখন আপনি দূর থেকে দেখবেন আপনার চোখে নীল রঙ ধারণ করবে। ভারতের পাহাড়গুলোও আমাদের কাছে তাই মনে হচ্ছিল। এ পাহাড়ের বড় আকর্ষণ হচ্ছে তার ঝর্নাগুলো। পাহাড়টিতে কিছুদূর অন্তর অন্তর ঝর্নার দেখা মেলে। তবে ওগুলোকে দূর থেকে ঝর্নার মত মনে হয় না। মনে হয় একেকটা চকচকে সাদা রেখার মত। আমরা গাড়ি দাঁড় করিয়ে রেখে তার কিছু ছবি তুললাম।

রাস্তার দুপাশে স্তূপ স্তূপ করে রাখা ছোট বড় অসংখ্য পাথর। প্রতিটি পাথর আকর্ষণীয়। পাথরের আশেপাশে ফুটে আছে নানা ধরনের বনফুল। মাঝে মাঝে এগুলোর সমাহার এত বেশি যে বাগানের মত দেখায়। শিল্পী আসার সময় ওখান থেকে দুয়েকটি চারাগাছ উঠিয়ে নিল বাড়ির টবে লাগাবে বলে। তামাবিলে পৌঁছার পর থেকে আমরা মেশিনে পাথর ভাঙার শব্দ শুনতে পাচ্ছিলাম। সাধারণত কোন কিছু ভাঙার শব্দ কানে বিরক্ত ধরিয়ে দেয়। কিন্তু পাথর ভাঙার শব্দ ওরকম নয়। তার মধ্যে একটা তাল কাজ করে, যেভাবে কাজ করে রেলগাড়ি চলার সময়। আশ্চর্য ঠেকে তখনই, যখন মেশিনগুলো আস্ত পাথরগুলো হজম করে টুকরো টুকরো করে বের করে দেয়।
আমাদের গাড়ি ডাউকি নদীর পাড়ে গিয়ে থামল। আরও অনেক গাড়ি রয়েছে ওখানে। জায়গাটা একটা বাজারের মত। আদিবাসীদের হাতে তৈরী কিছু কাপড়ের দোকানও রয়েছে সেখানে। আমি টিটনকে বললাম, টিটন, হোসেনকে কত দিতে হবে?

টিটন বলল, সাড়ে চার শ' টাকা।

আমি ভেতরে ভেতরে একটা ধাক্কা খেলাম। আমি আরও বেশি ধরে নিয়েছিলাম।সিলেটে আসার আগে অনেকে বলেছিল এখানে গাড়ি ভাড়া এবং খাবারের দাম অনেক বেশি। সেটি তো আমরা গতকাল থেকে টের পেয়ে আসছি। ঢাকা শহরের এ-মাথা থেকে ও-মাথা গেলে পাঁচ শ' টাকার কমে যায় না। আর আমরা এতদূর পথ এলাম মাত্র পাঁচ শ' টাকায়! আমার মনে হল হিসাবে কোথাও গোলমাল আছে। ব্যাপারটা খোলাসা করার জন্য হোসেনকে বললাম, হোসেন, সাড়ে চার শ'ই দিতে হবে?

হোসেন হেসে বলল, তার কম হলে ঠকা হয়ে যায়।

আমি আর কোন কথা বাড়ালাম না। সে তো আর ক্ষতি স্বীকার করে এখানে আসেনি। আমি তাকে পাঁচ শ' টাকার একটা নোট দিলে সে পঞ্চাশ টাকা ফেরত দিল।

আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখন চলে যাবেন?

সে বলল, আপনারা থাকতে বললে থাকব।

টিটনকে বললাম, আমাদের এখানে কত সময় লাগতে পারে?

সে জানাল, বড়জোর দু' ঘণ্টা।

হোসেনকে বললাম, আপনি কি দু' ঘণ্টা বসে থাকতে পারবেন?

সে হেসে বলল, অসুবিধা নেই, আপনারা ঘুরে আসুন।

যাক, নিশ্চিন্ত হওয়া গেল ফিরে যাওয়ার সময় আমাদের গাড়ির জন্য দুশ্চিন্তা করতে হবে না। সকালে যে কেক এবং পানি কিনেছিলাম তা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমরা সকলে মিলে তার স্বাদ নিলাম। বার তের বছরের একটা ছেলে এসে জিজ্ঞেস করল, স্যার, গাইড লাগবে?

ছেলেটার কথায় আমি কিছুটা হকচকিয়ে উঠলাম। বললাম, গাইড লাগবে কেন?

সে বলল, আপনারা যেখানে যেতে চান সঙ্গে করে নিয়ে যাব।

আমি বললাম, তার জন্য কি টাকা দিতে হবে?

সে বলল, তিন শ' টাকা। একেবারে রেট করা।

টিটনকে বললাম, গাইডের কি দরকার আছে?

টিটন বলল, দরকার নেই।

সে ছেলেটাকে একটা ধমক দিয়ে তাড়িয়ে দিল।

আমরা ডাউকি নদীতে নেমে এলাম। পাড়ের সঙ্গে চরের মত একটা জায়গা। তার সঙ্গে বাঁধা অসংখ্য নৌকা। আর আছে শ'য়ে শ'য়ে মানুষ, যারা নদীর তল থেকে পাথর উঠিয়ে নৌকা ভর্তি করছে। ব্যাপারটা খুবই শ্রমসাধ্য। কিন্তু দেখতে অনেকটা খেলা-খেলা। মানুষগুলো পানিতে ভিজছে, আর রোদে শুকোচ্ছে। তাদের শরীর রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। সূর্যের আলোকচ্ছটায় তাদের শরীর চিকচিক করে। জেনেছিলাম একেকজন শ্রমিক দিনে দেড় থেকে দু' হাজার টাকা আয় করে। আমাদের দেখে বেশ কজন ছুটে এল। জিজ্ঞেস করল, নৌকা লাগবে?

আমি বললাম, একটা তো লাগবে। কত দিতে হবে।

তারা বলল, জিরো পয়েন্টে গেলে আমরা পাঁচ শ' টাকা নেই। আপনারা তিন শ' টাকা দেবেন।

তাদের দাবি শুনে আমি আকাশ থেকে পড়লাম। জিরো পয়েন্ট খুব বেশি দূরে নয়। নদীটা পার হলেই জিরো পয়েন্ট। খুবই ছোট একটা নদী। বর্ষাকালে হয়ত তার প্রশস্ততা বাড়ে। আমি বললাম, এতটুকু পথ যেতে তিন শ' টাকা দিতে হবে কেন? এটা কি মগের মূল্লক? বড়জোর পঞ্চাশ টাকা নিতে পারেন।

আমার কথার ধরন দেখে তারা সটকে পড়ল। একজন বলল, আড়াই শ' টাকা হলে আমাকে নিয়ে যাবেন।

আমি তার কথার জবাব না দিয়ে সামনের দিকে এগুতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে এসে ধরল, স্যার, নৌকা লাগবে?

আমি বললাম, লাগবে। জিরো পয়েন্টে যাব। তারপর ওখান থেকে ওই গ্রামে। পঞ্চাশ টাকা দেব। যাবে?

সে বলল, স্যার, এই টাকায় কেউ যাবে না। আপনারা কি খাসিয়া পল্লী যাবেন?

আমি বললাম, ইচ্ছে ছিল, তবে যাব না। আমাদের হাতে সময় কম।

সে বলল, জিরো পয়েন্টে নিয়ে যাব। ওপারে যেতে পারব না। আপনারা চাইলে চরের ওপর দিয়ে হেঁটে যেতে পারেন। ওখানে নৌকা নিয়ে যাওয়া নিষেধ। বিডিআরকে ত্রিশ টাকা দিতে হবে, নইলে নৌকা আটকে রাখবে।

শিল্পী বলল, সেটা আমরা দেখব।

আমি বললাম, তোমাকে কত দেব। পঞ্চাশ টাকায় যাবে তো?

সে বলল, দু' শ' টাকা দিতে হবে।

আমি বললাম, এক শ' টাকার বেশি আর এক টাকাও দেব না। ইচ্ছে হলে চল।

দেখলাম এক শ' টাকায় রাজি হয়ে গেল। আমরা নৌকায় গিয়ে বসলাম। দুপুরের রোদের গরমে আমরা ঘেমে গিয়েছিলাম। নদীর পানিতে হাত ডুবিয়ে দেখলাম বেশ ঠাণ্ডা। তাছাড়া পানিটা এত পরিষ্কার যে ইচ্ছে করছিল আঁজল ভরে পান করি। এই পানিতে তো কম অত্যাচার হয় না। শ্রমিকেরা প্রতিনিয়ত পাথর তুলে চলেছে। ছোট ছোট ছেলেমেয়ে পানি নিয়ে খেলছে। কেউ কেউ গোসল করছে। তারপরেও পানি এত পরিষ্কার হয় কীভাবে। সেই ছোটকাল থেকে শুনে আসছি জাফলংয়ে পাথর তোলার কথা। এত পাথর তুলে নিয়ে যাচ্ছে, তারপরেও নদীটা তত গভীর নয় কেন? পাথর কি পাথর জন্ম দেয়? আমি বলতে পারব না। তবে পাথর যে আস্তে আস্তে বড় হয়ে বিরাট আকার ধারণ করে সেটা বোঝা যায়। যেই ছেলেটি আমাদের নৌকায় করে নিয়ে যাচ্ছিল তার নাম দীপন। তাকে বললাম, দীপন, এই পাথর কি উজান থেকে গড়িয়ে গড়িয়ে চলে আসে?

দীপন বলল, ওভাবে আসে না। এ পাথর হচ্ছে খনিজ সম্পদ। এগুলো আপনা-আপনি তৈরি হয়।

আমার বাড়ির সামনে ছোট একটা নদী আছে। তার নাম বইরগুনি। ওই নদীতে প্রচুর বালি। প্রতি বছর সরকারের তরফ থেকে বালির ডাক হয়। নিলামে মানুষ বালি কিনে নিয়ে বিক্রি করে। কিন্তু ডাউকি নদীর পাথরের ওরকম কোন ডাক হয় না। যে যার মত করে পাথর উত্তোলন করে। অদ্ভুত একটা নিয়ম।

আমরা পাঁচ মিনিটের মাথায় জিরো পয়েন্টে চলে গেলাম। এখানে ভারত এবং বাংলাদেশের মাঝখানে কোন নো ম্যানস ল্যান্ড নেই। ব্যাপারটা এরকম, একজন বাংলাদেশী এবং ভারতীয় নিজেদের দেশে দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে হাত মেলাতে পারবে। এটা তো আমার কথা। কিন্তু দুটি ভূখণ্ডে দু' দেশের মানুষ খুব কাছাকাছি চলাফেরা করছে কারও সঙ্গে কারও কথা নেই, যেমন মিলমিশ খায় না তেল এবং পানিতে। প্রায় দশ গজ দূরত্বে দু' দেশের দুটি সীমান্ত চৌকি। ইচ্ছে করলে এক দেশের সীমান্তরক্ষী অপর দেশের সীমান্তরক্ষীর সঙ্গে কথা বলতে পারেন। আমি একজন বিজিবি সদস্যকে জিজ্ঞেস করেছিলাম, এখানে তো কোন নো ম্যানস ল্যান্ড নেই, তাতে আপনাদের কোন সমস্যা হয় না।

…….
জাফলং
…….

জোয়ানটি আমাকে বললেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি তো এখনই একজন বিএসএফের সঙ্গে কথা বললাম। আমাদের এখানে সম্পর্ক খুবই ভাল। সমস্যা হয় নো ম্যানস ল্যান্ড যেখানে আছে। আপনি এখান থেকে দু' তিন কিলোমিটার উত্তরে গেলে দেখবেন বিজিবি এবং বিএসএফের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। ওখানে সব সময় গোলাগুলি হয়। সীমান্তবর্তী এলাকার মানুষদের থাকতে হয় আতঙ্কের মধ্যে।

আমার কেন জানি মনে হল নো ম্যানস ল্যান্ড একটা সমস্যা বটে। পত্রপত্রিকায় যত হতাহতের ঘটনা দেখি সবই তো নো ম্যানস ল্যান্ড নিয়ে। ওখানে ঢোকা মানে অনধিকার চর্চা। অনধিকার চর্চা মানে মৃত্যু। নো ম্যানস ল্যান্ডে ভারতের কাঁটাতারের বেড়া নিয়ে তো কম কাণ্ড ঘটছে না। নানাদিক চিন্তা করে দেখলাম জিরো পয়েন্টের লোকজনই ভাল আছে।

জিরো পয়েন্টের বাংলাদেশের অংশে রয়েছে ডাউকি নদী, যেটা ভারত হয়ে এসেছে, আর ভারতের অংশে রয়েছে পাহাড়। জিরো পয়েন্টের বাংলাদেশের অংশটির নাম সংগ্রাম। কেন সংগ্রাম নাম হল তার জবাব আমি কারও কাছে পাইনি। ওখানে দাঁড়িয়ে থেকে আমরা ভারতের ডাউকি ব্রিজ দেখছিলাম। চমৎকার একটা জায়গা। দূর থেকে দেখার অধিকার আছে, কিন্তু সেখানে যাবার অধিকার আপনার নেই। উঁচু দু' পাহাড়ের মাঝখানে শীর্ণকায় ডাউকি নদী, তার ওপর নির্মাণ করা হয়েছে ব্রিজটি। ডাউকি নদীর বামপাশে পাহাড়ের ওপর বিশাল একটা পাথর খাঁড়া হয়ে আছে। পাথরটিকে অনেকটা সাইন বোর্ডের মত দেখায়, যদিও তার গায়ে কোন লেখা নেই। পাথরটি ঈষৎ হেলানো। কিন্তু ভেঙে পড়ার কোন আশঙ্কা নেই।

মানুষ জাফলং যায় মূলত ভারতের অংশের পাহাড়ের ওসব দৃশ্য দেখার জন্য। পাহাড়, নদী, ব্রিজ, পাথর এবং পাহাড়কাটা রাস্তা দিয়ে ছুটে চলা গাড়ি–সব মিলিয়ে পুরো জায়গাটা একটা ছবির মত। পাহাড়ের পাদদেশে ছোটখাট একটা শহর রয়েছে। সেটাও ছবির একটা অংশ হতে পারে।

সংগ্রামে আমরা আধা ঘণ্টার মত সময় অতিবাহিত করেছিলাম। দুপুরের কড়া রোদে একরকম অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। আমরা নৌকায় গিয়ে বসলাম। দীপন গড়িমসি আরম্ভ করে দিল সে নদীর ওপারে গ্রামে যাবে না। শিল্পী নাছোড়বান্দা। সে যাবেই। আমি জানতাম না ওখানে কী আছে। খাসিয়া পল্লীতে যেতে পারলে ভাল হত। কিন্তু সেখানে তো আমরা যাব না। আমি দীপনকে বললাম, যেতে যখন চায় নিয়ে যাও না।

সে কোন কথা বাড়াল না। বালির চরের মাঝখানে একটি জলপথ শীর্ণকায় খালের মত করে কাটা। তাতে ডিঙি নৌকা কোন রকমে চলাফেরা করতে পারে। খালটি যে মানুষের সৃষ্টি সেটা বোঝা যায়। পাথর আনা-নেয়ার সুবিধার জন্য এটি তৈরি করা হয়েছে। ওই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম।

আমরা নদী থেকে পাড়ে উঠে গেলাম। আমাদের দেখে একজন বিজিবি জোয়ান ছুটে এলেন। মনে হল তিনি দীপনকে শাসাবেন। তার আগেই শিল্পী বলল, ওর কোন দোষ নেই। আমরাই তাকে জোর করে নিয়ে এসেছি। আমাদের দিকে তাকিয়ে ওকে মাফ করে দিন।
জোয়ানটি হেসে দিলেন।

নদীর পাড়ে ছোটখাট দু' তিনটি দোকান। আমরা সকলে মিলে একটা দোকানের সামনে বসে চা পান করলাম। জোয়ানটিও আমাদের সঙ্গে যোগ দিলেন। এখানে বেশি সময় বসে থাকার কোন যুক্তি খুঁজে পেলাম না। দীপনকে বললাম, চল ফিরে যাই।

আমরা চরের মাঝখানের সেই শীর্ণকায় খাল দিয়ে চলছিলাম। এক জায়গায় দেখি একজন লোক ছাতি নিয়ে বসে আছে। তার সামনে দিয়ে ডিঙ্গিতে করে যারা পাথর নিয়ে যাচ্ছে দুয়েকটি করে পাথর তাকে দিয়ে যাচ্ছে। আমি দীপনের কাছে জানতে চাইলাম, ঘটনা কী?

দীপন বলল, এই পথটি ওই লোকে তৈরি করে দিয়েছে। এ জন্য তার প্রাপ্য হিসেবে দুয়েকটি পাথর সকলে দিয়ে যায়।

নদীর পাশে আদিবাসীদের তৈরি পোশাকের কিছু দোকান রয়েছে। আমরা ওখান থেকে কিছু কাপড়চোপড় কিনলাম। আমাদের খুব খিদে পেয়েছিল। কিন্তু ভালভাবে খেতে পাই এমন কোন দোকান নজরে এল না। হোসেন বলল, পথে জৈন্তাপুর বাজার। ওখানে গাড়ি থামিয়ে কিছু খেয়ে নেবেন। ওখানে একটা রাজবাড়ি আছে। ইচ্ছে করলে সেটাও দেখতে পাবেন।

আমরা তার কথা মেনে গাড়িতে উঠে বসলাম। জৈন্তাপুরে যেতে আমাদের এক ঘণ্টার বেশি লাগল না। গাড়ি রাজবাড়ির সামনে গিয়ে থামল। হোসেনকে বললাম, আপনি কোথাও হোটেল পাওয়া যায় কিনা তার তালাশ করেন।

……
ভাঙাচোরা রাজপ্রাসাদের প্রাচীর, সামনে মটর সাইকেল।
…….
হোসেন হোটেলের খোঁজে চলে গেল। আমরা রাজবাড়ির সীমানা প্রাচীর পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম। গিয়ে দেখি ওখানে কিছুই নেই। খোলামেলা একটা মাঠ। সীমানা প্রাচীর দেখে মনে হয়েছিল ভেতরে একটা রাজপ্রাসাদ রয়েছে। যদিও প্রাচীরটা ভাঙাচোরা। ভেতরে কোন বাড়িঘর না পেয়ে আমরা ফিরে এলাম। প্রাচীরের বিশালত্ব দেখে অনুমান করলাম, কোন এক সময় একজন প্রতাপশালী রাজা এখানে থাকতেন।

হোসেন এসে বলল, একটা হোটেলের খোঁজ পাওয়া গেছে। তবে আপনাদের পছন্দ হবে কিনা বলতে পারছি না।

আমি বললাম, হোটেল যা-ই হোক, খেতে পেলেই হল।

(শেষ অংশ)

লেখকের আর্টস প্রোফাইল: নূরুল আনোয়ার
ইমেইল: nurulanwar1@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts