২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের সাতকাহন ছাঙ্গো লেকে আইস হকি

মীর ওয়ালীউজ্জামান

Published : 23 Mar 2011, 12:54 PM

Updated : 05 Sep 2022, 07:23 PM

ষষ্ঠ কাহন: ছাঙ্গো লেকে আইস হকি

বৈশাখের দাবদাহে জ্বলে পুড়ে ঢাকা থেকে দার্জিলিং এসেছি। শিলিগুড়িতেও এবারে প্রচণ্ড গরম। অনাবাসী বাঙালি লিভারপুলের হান্নান আর সদ্য মার্কিন মুলুক প্রত্যাগত ডঃ আহসান উদ্দিন এবারের যাত্রায় আমার সঙ্গী। বাস আড্ডার ওপরে একটি হোটেলে উঠেছি। ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। ওপরে নিচে দু'টো ঘর, লিভিং স্পেস আর স্নানঘর। সকাল-বিকেল দার্জিলিং ট্রান্সপোর্ট কর্পোরেশনে ঢুঁ মারি।


ছাঙ্গো লেকের পাড়ে লেখক (ডানে) এবং তাঁর ভ্রমণসঙ্গী

বন্ধুজন দিলীপ আমাদের যার যেদিকে যাবার ইচ্ছে, সেদিকের কোন গাড়িতে সামনের আসনে বসিয়ে দেয়। দু'তিনদিনে শহর, আশেপাশের দ্রষ্টব্য ও দূরের মিরিক, কালিম্পং, জোড় পুখরি ইত্যাদি ঘুরে দেখা হয়েছে। হান্নান রাত ৯টা পর্যন্ত পুরনো বইয়ের দোকানে সময় কাটায়। কাল সে ফিরে যাবে। আমি আর আহসান ঠিক করেছি, গ্যাংটক যাব অর্কিড ফেস্টিভ্যাল দেখতে।

পরদিন সকালে বিলিতি হান্নান নেমে গেল নিচে। ও বাগডোগরায় দুপুরের ফ্লাইট ধরে কোলকাতা যাবে। ওখানে রাত্রিবাস করে পরদিন সকালে হরিদাসপুর হয়ে বাংলাদেশে ফিরবে। আমি আর আহসান ম্যালের নিচে এক জীপচালকের সঙ্গে অলস গপ্পো করতে করতে সিদ্ধান্ত নিলাম, আমরাও ঐদিনই তিনচুলে ইকো-ভিলেজ হয়ে শিলিগুড়ি নেমে যাব। তিনচুলে যাবার পথ পাহাড়ের ওপরের ঢাল ধরে। বেশ বোঝা যায়, দার্জিলিং জেলায় মানুষের বসতি এখনো মোটেই ঘন নয় এবং সত্যিই এর ষাট শতাংশ এখনো বনভূমি। নির্জন পথে পাহাড়ের অনেকটা ওপর দিয়ে এপথ চলে গেছে উত্তর-পূবমুখো। আমাদের পরবর্তী গন্তব্য গ্যাংটক-এ এপথেও যাওয়া যায়। তবে আমরা শিলিগুড়ি থেকেই ওপরে উঠব, কারণ, তাতে তিস্তা নদীর গতিপথের দৃশ্যাবলী দেখার বাড়তি সুযোগ থাকবে।

তিনচুলে গ্রামে মানুষজন কম। কিন্তু প্রত্যেক বাড়িতে গবাদি পশু রয়েছে, যার গোবর ইত্যাদি ও গৃহজাত বর্জ্যের সাহায্যে বায়োগ্যাস উৎপাদন করা হয়। এদের জ্বালানির অভাব মেটায় এই বায়োগ্যাস প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ। বাংলাদেশে পাহাড়ি এলাকায় এরকমটি করা সম্ভব নয় কেন? দপ্তরে ফেরত গিয়ে এই মর্মে একটি কনসেপ্ট পেপার রিজিওনে পাঠাব, ঠিক করলাম। একটি মাত্র তেতলা রঙিন কাঠের বাড়ি–ইকো কটেজ। ওয়র্ল্ডওয়াইড ফান্ড ফর নেইচ্যর তৈরি করেছে। ওখানে বিদেশি পর্যটকরা রাত্রিবাস করেন, ডলারে খরচপত্র পরিশোধ করেন। এটা গ্রামের লোকজনের বাড়তি আয়।

দুপুর রোদেও আমাদের শীতবোধ যাচ্ছিল না। ঐ উচ্চতায় সর্বদাই বেগে বাতাস বয়। কটেজের ক্যান্টিনে সবজি সেদ্ধ-ডাল দিয়ে ভাত খেয়ে বিকেলে শিলিগুড়ি পৌঁছলাম। শিবুদের ঝাঁ চকচকে ইলেকট্রনিক্সের দোকানে আড্ডা দিয়ে হোটেলে ফিরে খেয়ে বিছানা নিলাম। সকাল ন'টায় সিকিম পর্যটনের অফিসে পৌঁছে গ্যাংটক যাবার ইচ্ছে প্রকাশ করতে ওরা জানাল, বাংলাদেশ ও আরো ক'টি দেশের নাগরিকদের জন্য সিকিম-এর পারমিট ইস্যু করা হচ্ছে না। প্রাক্তন ফৌজি মানুষ আমি সহজে বুঝে গেলাম। আমেরিকা প্রত্যাগত বিজ্ঞানী আহসান তার যুক্তিবুদ্ধি প্রয়োগ করে এই নিষেধের অর্থ খুঁজে পেল না। চরম বিরক্তিতে সে তক্ষুণি দেশে ফেরত যাবার সিদ্ধান্ত নিল। পরিচয় ভাঁড়িয়ে গ্যাংটক যাবার ঝুঁকি ও নেবে না। অতএব, ওকে বাসে তুলে দিয়ে আমি শিবুদের বাড়ি গেলাম। মাসিমা শিবুকে আদেশ করলেন, ওয়ালির সঙ্গে যা। তুইও গ্যাংটক ঘুরে আয়। রাতদিন কেবল ব্যবসা আর কাজ। অতএব, শিবু যেমন এর আগে একবার আমার সঙ্গী হয়েই প্রথমবার দার্জিলিং গিয়েছিল, তেমনি এবারও ব্যাগ গুছিয়ে নিল।

গ্যাংটক-এর উচ্চতা যেহেতু দার্জিলিং-কার্সিয়াং-য়ের চেয়ে কম, ওখানে এই বৈশাখে আর তেমন শীত নিশ্চয় পড়ছে না। একটু মোটা কাপড়ের শার্টেই কুলিয়ে যাবে। এসব ভেবে ভারি জ্যাকেট শিবুদের বাড়িতে রেখে, কাঁধের ব্যাগে কেবল রাতপোশাক আর টুথব্রাশ-পেস্ট নিয়ে সিকিম ট্রান্সপোর্ট আড্ডা থেকে জীপে উঠলাম। ড্রাইভারের সঙ্গে বসেছি। তিনটে টিকিট নিয়ে আমরা দু'ভাই আরামে সফর করছি। শিবুর পিঠে পাতলা সোয়েটার। ওর শীতবোধ বেশি। আমার গায়ে জিন্সের হাফস্লিভ শার্ট। ওপরে উঠতে আরামদায়ক ঠাণ্ডা লাগছিল একটু। তিস্তা নদী আমাদের ওপরে ওঠার পথের বাঁয়ে অথবা ডানদিকে বয়ে চলেছে। তার জল কোথাও শান্ত, ধারা প্রশস্ত, কোথাও বা তরঙ্গসঙ্কুল, বিক্ষুব্ধ, শঙ্কা উদ্রেককারী। আমি নদীবহুল দেশের মানুষ, কিন্তু পাহাড়ি নদীর বিচিত্র রূপ আমাকে বরাবরই রোমাঞ্চিত করে। পথ কেবলই ওপরে উঠছে। বৃষ্টি নামল, সঙ্গে বনরাজি মাতাল করা ঝড়। গাড়ির গতি অত্যন্ত ধীর, বিকেলেই মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে। শীতবোধ করলাম। পুরোহাতা বডিফিটিং একটি টার্টলনেক আমার ব্যাগে প্যাক করা। অতএব ঠাণ্ডা উপভোগ করতে চেষ্টা করলাম।

সিকিম সীমান্তে বর্ডার সিকিওরিটির সিপাইরা জীপের ভেতরে উঁকি দিয়ে কেবল শিবুকে নামিয়ে ওদের অফিসে নিয়ে গেল। ও যে ভারতীয় নাগরিক, সেটা প্রমাণ করে ছাড়া পেতে হবে। উত্তেজনায় আমার শীত কেটে গিয়ে কানের দু'পাশের রগ দপদপ করছিল। ড্রাইভার ছোকরাটি নেপালি। সে আমাকে স্বদেশীয় ভেবে সিগ্রেট চাইল। আমরা জীপ থেকে নেমে ধূমপান ও খোশগল্প করতে লাগলাম। এর সবটাই আমার টেনশ্যন চেপে যাওয়ার এক্সটার্নাল রিঅ্যাকশন। গম্ভীর শিবু ফেরত এসে গাড়িতে উঠল। ড্রাইভার হেসে বলল, বাঙালি দেখলে পাহাড়ি সিপাইরা একটু তং করে থাকে। শিবু ফিসফিস করে জানাল, আমার জন্যই নাকি ওর প্রকৃত দুশ্চিন্তা ছিল। আর আমি তো সব ভেবেই পাসপোর্ট, আমার অফিসিয়াল পরিচয়পত্র, নেমকার্ড সব মাসিমার কাছে জমা রেখে এসেছি।

রাস্তায় প্রকাণ্ড এক প্রাচীন গাছ পড়েছিল ঝড়ে। সেটা সরাতে কিছুটা সময় লাগল। দূর থেকে ওপরে অজস্র রঙিন আলোর মালায় সাজানো গ্যাংটক শহর ভেসে উঠল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জীপের জানলার কাঁচ পুরোটাই তোলা। বেশ শীত তো! জ্যাকেটটা ফেলে আসা ঠিক হয়নি। দেখা যাক।

গ্যাংটক বাস টার্মিনালে নেমে পাশের রেস্তোরাঁয় বসে আমি গরম পানি আর চেরি ব্র্যান্ডি সেবন করে গা গরম করতে চাইছি। ঝড়-বৃষ্টি হলে পাহাড়ে ঠাণ্ডা বেড়ে যায়, তিব্বতি শরণার্থী বারমেইড জানাল। দোকানপাট বন্ধ হয়ে গেছে সেদিন আগেভাগেই। পাহাড়ে জীবনযাত্রা বরাবরই এরকম। একটু ঢিলেঢালা। আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছিলাম, শিবুর হোটেল খোঁজা তেমন ফলপ্রসূ না-ও হতে পারে। শিবু ফেরত এল। ব্যাগ রেখে বেরিয়ে আমি উল্টোফুটে হোটেল রেনুকা-য় ঢুকে রিসেপশ্যনে আলাপ জমালাম। মহিলা মালকিন হেসে জিজ্ঞেস করলেন, নেপালি? হেসে মাথা ঝাঁকাই। ঘর চাই? যদি মেহেরবানি করেন, আমার জবাব। হেসে রেজিস্টার এগিয়ে দিলেন, আমি নাম লিখলাম, রাম নারায়ণ … এ পর্যন্ত লিখতে মহিলা আবার হেসে বললেন, ছেত্রি? আমি আবার মাথা নেড়ে পদবি লিখে দিলাম। দু'শো রুপি ভাড়া। মস্ত ডাবল রুম। পুরোটা কার্পেট মোড়া। বাথরুম, কমোডের সিটতক্। দেখেই শীতবোধ কমে গেল। ডিনারের হুকুম দিয়ে গিয়ে শিব নারায়ণ সাহা আর মালসামানাসহ ফিরলাম। ট্রলিতে মালকিনের নিয়ে আসা গরম ডিনার খেয়ে ঘুম।

সকালে উঠে কম্বল ছাড়তেই শীতের আক্রমণ। নাইলনের ফুলহাতা টার্টলনেক পরে তার ওপর জিন্স শার্ট চড়ালাম। বাইরে বেরিয়ে কানঢাকা টুপি নিলাম। কিন্তু জ্যাকেট পেলাম না। যাকগে। হোটেল মালকিনের ভাড়া করে দেয়া জীপে গ্যাংটক শহর ও আশপাশের দর্শনীয় জায়গাগুলো দেখে নিলাম। শহরের ঘুম ভাঙেনি তখনো। জনবিরল পথঘাট। সিকিম রাজের প্রাসাদের ফটকে মস্তবড় তালা ঝুলছে। ভারত সরকার কিছুদিন আগে ঘোষণা করেছেন, সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ বিবেচিত হচ্ছে। কাজেই… সিকিমবাসীরা নিশ্চুপ। এখানেও যথারীতি তিব্বতী শরণার্থীদের শিবির রয়েছে। সন্ন্যাসীরা প্রাচীন ধর্মশাস্ত্র বিষয়ে গবেষণায় নিরত। রুমটেক মনাস্ট্রি অতি মনোহর, বহুবর্ণ এক শান্তির দুর্গ যেন। অর্কিড ফেস্টিভ্যালে গিয়ে আহসানকে মিস্ করছিলাম। তরুণ বিজ্ঞানীটি ভাল আলোকচিত্রশিল্পী। ওর সঙ্গে বাংলাদেশের পাহাড়ে ঘোরার সময় দেখেছি, অর্কিড ওর প্যাশন, ছবি তোলে প্রচুর।

সবশেষে ছাঙ্গো লেকের পথ ধরল গাড়ি। ওপরে উঠছে কেবল। একটু পরই আবহাওয়া খারাপ হল। এপ্রিলে এরকম হাড়কাঁপানো শীতের কবলে কখনো পড়িনি আগে। তীব্রধারায় বরফশীতল বৃষ্টি পড়ছে, রাস্তায় দৃশ্যমানতা কমে আসছে। জীপ থামিয়ে অপেক্ষা করাও ঝুঁকিপূর্ণ। ঠাণ্ডায় আমাদের দু'জনেরই চোখমুখ নীলচে। অথচ একটু নিচেই ফটফটে রোদ আর ঝকঝকে আবহাওয়া। ফিরে যাব যে, তার উপায় নেই। গাড়ি ঘোরানোর মত জায়গা ওপরে, ওই ছাঙ্গো লেকের কাছেই পাওয়া যাবে। অতএব, 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' পণ করেই এগোনোর সিদ্ধান্ত নিলাম। এক সময় কাঁপতে কাঁপতে ওপরে পৌঁছেও গেলাম। আরো কিছু পর্যটক ওখানে আগেই পৌঁছেছে। কফি খেয়ে গা গরম করার চেষ্টা করলাম। কাপে ধোঁয়া ওঠা কফি ঢেলে ঠোঁটে ছোঁয়ানোর আগেই তা উষ্ণতা হারায় অবলীলায়।

তাপমাত্রা বোধহয় শূন্যের কাছাকাছি। আমার ভাল লাগছিল না। এরি মধ্যে এগিয়ে গিয়ে দেখি, আইস হকি খেলছে সীমান্ত রক্ষীরা। ছবি তুলতে গিয়ে ধমক খেল শিবু। ওকে সাইন দেখালাম: ছবি তোলা নিষেধ। ভারত-তিব্বত সীমান্ত যে সামনে! অত্যন্ত স্পর্শকাতর এলাকা যে ওটা। সে যাই হোক, ফেরার সময় যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক শীতল আবহাওয়ায় ফিরতে চাইছিলাম কেবল। হোটেলে ফিরে লাঞ্চ খেয়েই চেক-আউট করে নিচে যাবার জন্যে জীপে উঠে পড়লাম। যথেষ্ট শীতবস্ত্র ছাড়া পাহাড়ে কখনো উঠব না, প্রতিজ্ঞা করেছিলাম সেদিন।

পড়ুন: (প্রথম কাহন) (দ্বিতীয় কাহন) (তৃতীয় কাহন)(চতুর্থ কাহন)
(পঞ্চম কাহন)

m.waliuzzaman@gmail.com
আর্টস প্রোফাইল: মীর ওয়ালীউজ্জামান

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts