শীতের সাতকাহন লাউয়াছড়ার কাছেই
চতুর্থ কাহন: লাউয়াছড়ার কাছেই
ব্রাহ্মণবাজারের চা-বাগান
সকালে যখন ভ্যালেরির সঙ্গে বসে সিআরপি-র ব্রাহ্মণবাজার অতিথিশালার সামনে রোদে পিঠ দিয়ে বসে চা খাচ্ছিলাম, তখন ভাবিনি আজকের রাতও এই টি-ডিস্ট্রিক্টেই কাটাব। ঢাকা ফিরতেই চেয়েছিলাম, কিন্তু ছোটশালার সঙ্গে দেখা করতে কমলগঞ্জে এসেই যে ফেঁসে গেলাম। মারুফ তার বড়পা ও ভাগ্নির সম্মুখে স্থানীয় নানা আকর্ষণের গপ্পো বাখান করে একটা দিন আর রাত কমলগঞ্জে থেকে যেতে অনুরোধ জানাল। নানাবিধ মানবিক বিবেচনায় আমি খানিকটা দ্রব অবস্থায় প্রস্তাব দিলাম, ওকে, তোমরা বলে যাও, লোকাল আকর্ষণগুলির সঙ্গে পরিচিত হই আর ফাঁকে ফাঁকে এখানে রাত কাটাবার ভেন্যুগুলি দেখি। ভাল লাগলে থেকে যাব। আগের দু'রাত আমরা মৌলভীবাজার সার্কিট হাউস আর সিআরপি-র গেস্টহাউসে কাটিয়েছি। দু'টো দু'ধরনের পরিবেশ—ভালোই লেগেছে। আসলে বেড়াতে বেরিয়ে আমরা—রুবি, রুবাই ও আমি প্রায় সবকিছুই উপভোগ করে যাই শেষতক্। দৈনন্দিন ঢাকাইয়া একঘেঁয়েমির তুলনায় সবই ভাল লাগে। ঢাকা থেকে আগত আমাদের এবারের সফরসঙ্গী বাবলুরও কোন আপত্তি নেই তেমন কোন কিছুতে।
…………..
বীরশ্রেষ্ঠ সিপাই হামিদুর রহমানের স্মারকলিপি
…………..
মারুফের বন্ধু কাঠ ব্যবসায়ী নাজিমের সঙ্গে বাজারে আলাপ হল। বিক্রমপুরের ছেলে। এখানে ব্যবসায় সফলতা দেখেছে। স্থানীয়ভাবে কিছুটা প্রতিপত্তিও লাভ করেছে। ওর গদিতে বসে চা খেতে খেতে 'বাণিজ্যে বসতে লক্ষ্মী' আপ্তবাক্যের সারবত্তা উদাহরণসহ সপ্রমাণ করে উঠলাম। ভারত সীমান্ত ঘেঁষা এক চা-বাগানে নির্মিত বীরশ্রেষ্ঠ সিপাই হামিদুর রহমানের স্মারক মূর্তি দেখতে গেলাম। শ্রদ্ধা নিবেদন করলাম। ফিরে এসে মনিপুরীদের হস্তশিল্প প্রদর্শনীতে ঢুঁ মারলাম। রুবি, রুবাই ওদের তাঁতে বোনা শাড়ি ও অন্যান্য পোশাকাদি নিরীক্ষণ করল। তারপর দাতব্য মিশনারি প্রতিষ্ঠান হীড-এর অতিথিশালায় পৌঁছে জানলাম, গ্রামীণ চেক-এর প্রবক্তা ফ্যাশন আইকন বিবি রাসেল সেখানে স্থানীয় তাঁতশিল্পীদের নিয়ে একটি কর্মশালা চালাচ্ছেন। ফলে, সেখানে আমাদের থাকার ব্যবস্থা করা সেদিন সম্ভব নয়। ওখান থেকে নেমে কমলগঞ্জ ডাকবাংলোর সামনে এসে থমকে গেলাম। জায়গাটা আমার খুব পছন্দ হল। মস্ত ক'টি শতবর্ষী বৃক্ষের নিচে মরচেধরা টিনে ছাওয়া অতিথিশালা। বড় কম্পাউন্ড। গাড়ি ঢোকাতেই সাদা গোঁফ-দাড়িশোভিত সৌম্য মানুষ একজন বেরিয়ে এলেন। মারুফের পরিচিত। নাম জানলাম, কেয়ারটেকার আলফু মিয়া।
…………..
বীরশ্রেষ্ঠ সিপাই হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ
…………..
আলফু মিয়া স্থানীয় মানুষ। জুরির ওদিকে বাড়ি। পেছনে ফলোয়ার্স কোয়ার্টার্সে গৃহিণী ও সন্তানসহ বাস করেন। নিশ্চিন্তবোধ করলাম জেনে যে, বাংলোয় কোন অতিথি আপাততঃ নেই। আমরা থাকলে কোন অসুবিধে হবে না জেনে রেজিস্ট্রার আনিয়ে বাংলোটি এক রাতের জন্য বুক করা হল। রান্না-বাজার সব দায়িত্ব আলফু মিয়া সানন্দে পালন করার আগ্রহ দেখালেন। উনি চা করে আনলে রুবি তার সঙ্গে হটকেসে রক্ষিত ডিমভাজা পরোটার রোল আমাদের হাতে-হাতে দিলে সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার হল। সঙ্গে আপেল, কমলালেবু আর চা বিস্কুট। ব্যাগ রেখে আমরা এবার বেরিয়ে মারুফের দুই সহকর্মী রওশন ও পূর্ণিমার বাড়িতে গেলাম। ওদেরটিও সুন্দর একতলা বাংলো, পাশেরটিতে কাঠ ব্যবসায়ী নাজিমের সপরিবার বসত। বেশ ভালই তো! বহিরাগত হলেও ওরা নিজেদের সাংস্কৃতিক-সামাজিক বলয় তৈরি করে নিয়েছে। রওশন বায়না ধরল, ওদের বাড়িতে রাত্রিবাস করতে হবে। শেষ পর্যন্ত দেখা গেল, রুবি-রুবাই পূর্ণিমাদের বাসায় বেশ আড্ডায় জমে গেল। ওদের রেখে আমরা বিকেলে ডাকবাংলোয় ফিরলাম।
………….
মনিপুরীদের হস্তশিল্প প্রদর্শনী
………….
আলফু মিয়া আলমারি খুলে নতুন বিদেশি কম্বলের প্যাকেট বের করেছেন। হাতমুখ ধুয়ে আমি খাটের বাজুতে বালিশে হেলান দিয়ে, কম্বলের নিচে শরীরের নিচের অংশ ঢুকিয়ে নিয়ে আরামসে একটি পত্রিকায় মনোনিবেশ করলাম। মারুফ আর বাবলু বেরিয়ে গেল পাশে থানার কম্পাউন্ডে ব্যাডমিন্টন খেলতে। বলতে ভুলে গেছি, আমাদের গাড়িটা থানার কম্পাউন্ডেই রেখে এসেছি। পুলিশ প্রহরায় থাকুক, এই ভেবে। ওসি সাহেব আমাদের খেলায় যোগ দিতে বলছিলেন। একটু পরে আঁধার ঘনালে উঠে বন্ধ জানালার পর্দা টেনে দিলাম। বাথরুমের দরজাটাও। কারণ, মনে হচ্ছিল তাতে শীত সরাসরি প্রবেশ করতে পারবে না। রাত বাড়তে পাশের রাস্তায় রিকশা-সাইকেলের শব্দ থেমে গেল। মনে হচ্ছিল, শীত যেন এই বাড়িটার চারদিকে একের পর এক শীতলতার ঘেরাটোপ নামিয়ে দিচ্ছে নিঃশব্দে। আলফু মিয়া এসে শুধোল, কিছু লাগবে কি, স্যর? আমি চানাচুরের প্যাকেট বের করে তাকে দিলাম। বেশি করে পেঁয়াজ-লঙ্কা, সর্ষে তেল মেখে আনতে বললাম। হাতমোজা, মাথায় টুপি, তার ওপর গরম পশমি চাদরে রীতিমতো আরাম হবার কথা, কিন্তু বাস্তবে যা ঘটছিল, সেটা আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিচ্ছিল। দুই শয্যার শতাধিক বছরের পুরনো ডাকবাংলোর ঘরে বসে সে রাতে মনে হচ্ছিল, বাতির আলো কমে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে নিঃশব্দে। সবগুলো বাতি জ্বেলে দিলাম। চানাচুর সহযোগে গরম পানীয় সেবন করে ঘাম ফুটে বেরোল ঘাড়ে, কপালে। ঘাম মুছতেই আবার প্রচন্ড শীতের করাল থাবার নিচে আমি অসহায়। কুলোতে না পেরে কম্বলের নিচে ডুব দিয়ে কাত হয়ে শুয়ে পড়তে চেষ্টা করছি। একসময় বাইরে টুংটাং রিকশার ঘন্টি বাজল। অতিদূর কোন দ্বীপ থেকে কুয়াশার ঢেউয়ে দুলতে দুলতে মানুষজনের কথাবার্তার ভেলা কানে এসে পৌঁছয়, আবার দূরে সরে যায়। চোখ বুঁজে পড়ে থাকি অলসভাবে। যে খুশি সে আসুক। আলফু মিয়া তো মাঝের লাউঞ্জে অপেক্ষমান, তাকে পেরিয়েই তবে এপাশের ঘরের ভেজানো দরজা ঠেলে আমার কাছে পৌঁছতে পারবে। কেবল শীতের প্রাবল্যই আমার সকল সুরক্ষা যা ঢিলে করে দিচ্ছে। কোঁ-ও-ও-ক্। দরজার ফাঁকে আলফু মিয়ার মাথা কিছু বলছে। স্যর। খানি দিতাম নি ? সাড়ে নয়টা বাজে। কে এল? কেউ এসেছে কি? জী অয়, আফনের ডিনার আইছে মারুফ সাবের বাসা থাকি। টেবিল লাগাই? লাগিয়ে দিন, আসছি। বেশি কথাও বলতে ইচ্ছে হচ্ছে না। বাথরুমের দিকে যেতে যেতে শুনি, মারুফ বাবলুকে জানাচ্ছে, দুলাভাই সুখি মানুষ তো। এখানকার শীতে কাতর হয়ে আছেন। আমরা এই শীতেই কাজকর্ম করি। হাঃ হাঃ হাঃ। বাহাদুরি ফলানো হচ্ছে, মনে মনে বলি, দুলাভাই-এর বয়স যে পঞ্চাশ পেরিয়েছে, সে খেয়াল আছে?
মনিপুরীদের হস্তশিল্প প্রদর্শনী
খেতে বসেছি।
এই এত পদ রান্না করল কে? তোমরা তো সব মেস করে থাক!
ওই রওশন আর পূর্ণিমা রেঁধেছে সব। খুব ভাল রাঁধে দু'জনেই।
মারুফ রিপোর্ট পেশ করে।
তোমরা এস, আমি একা কি এত খাব নাকি?
আমরা খেয়ে আপনার খাবারটা নিয়ে এলাম।
আর তোমাদের বোন-ভাগ্নি?
ওরা তো রওশনদের বাড়িতে থাকবে। নাজিম ভাইয়ের বাসায় সব টিভি দেখছে। পাশাপাশি তো সব। জমিয়ে আড্ডা দিচ্ছে।
বেশ, বেশ। চিতলের মুঠিয়া কে করল?
ওটা পূর্ণিমা রান্না করেছে, বিক্রমপুরের মেয়ে তো!
ওহ্, অনবদ্য। কইমাছে সর্ষেবাটাও অতি সুস্বাদু হয়েছে। নাহ্, এই মেয়েদের রান্নায় মেডেল দিতে হয়! বিয়ে-টিয়ে করলে এমন মেয়েদেরই করবে, জীবনে খেয়ে সুখি না হলে সংসার অগ্নিমামেদ্য ভোগে যে! আর পারব না। আলফু মিয়া, আপনি এগুলো বাসায় নিয়ে যান, পরিবারের সঙ্গে বসে খাবেন, কেমন?
আর আমি যে মুরগা রানলাম? সে—আলফু কঁকিয়ে ওঠেন যেন।
ওটার কিছুটা থাকলে সকালে নাস্তার সময় দেবেন, পরোটা-ভাজির সঙ্গে খাব। আর পরোটা-ডিমের রোল করে দেবেন, পথে টিফিন খাব। কেমন?
মিয়া মাথা কাত করে সম্মতি জানায়। মারুফ-বাবলু ওপাশের ঘরে শুতে যায়। আমিও ওষুধপত্তর সেবন শেষে শয্যাশায়ী হই। আলফু মিয়া মশারি টাঙিয়ে দিয়ে যায়। বলে, 'জার খম লাগবো।'
তা হতেও পারে। আমি ভাবি। কম পাওয়ারের আলোটা জ্বেলে, বড় বাতি সব নিবিয়ে দিয়ে দরজার পাল্লা টেনে বন্ধ করে খিদমতগার সালাম জানিয়ে বিদায় নেয়।
ম্যাপে লাউয়াছড়া
মাথায় মাফলার প্যাঁচানো। গায়ে মোলায়েম নতুন কম্বলের ওপরে হালকা লেপ চাপিয়ে দিয়ে গেছে আলফু মিয়া। অনেক ওপরে সিলিং। এসব ডাকবাংলোর আয়ু আর কতদিন? ভেঙেচুরে ম্যাচবাক্স বাড়ি উঠবে যে কোনদিন। হয়তো টুপটাপ ঠান্ডার কনডেনসেট ঝরাচ্ছে যে বৃদ্ধ কড়ুই, সেটিও কাটা পড়বে। ভাবতে-ভাবতে কখন ঘুমিয়েছি! তলপেট টনটন করে উঠতে জাগলাম। ডানহাতটা লেপের বাইরে থাকায় প্রায় অবশ হয়ে আছে। মাসাজ করে-টরে বাথরুম সেরে এলাম। এরপর ওই শীতের ঝিমঝিমে্ ব্যান্ড মিউজিক শুনতে শুনতে আর কত ডিগ্রি সেলসিয়াসে আজ তাপমাত্রা নেমেছে—ভাবতে ভাবতে শীতে কাতর আমি কখন যেন আবার অসাড়ে নিদ্রা গেছি। সকালে নাশতার টেবিলে আলফু মিয়ার পকেট রেডিওতে খবর শুনছি। গতরাতে নাকি কমলগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৫ ডিগ্রি সেলসিয়াস।
উরিববাস, মারুফ শুনলে? রেকর্ড শীতে রাত কাটিয়ে গেলাম হে তোমাদের এখানে!
আটটা নাগাদ বেরিয়ে পড়ে রুবাইদের তুলে আমরা ঢাকামুখো যাত্রা করলাম। পথে লাউয়াছড়ায় গাড়ি থামিয়ে মনে মনে উচ্চারণ করলাম, গতরাতে তাহলে এখানে তাপমাত্রা ছিল ১-২ ডিগ্রি!
m.waliuzzaman@gmail.com
আর্টস প্রোফাইল: মীর ওয়ালীউজ্জামান
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
