শীতের সাতকাহনগারো পাহাড়ের পাদদেশে
তৃতীয় কাহন: গারো পাহাড়ের পাদদেশে
বিরিশিরি
প্রাকৃতিক সম্পদ বিষয়ক গবেষণার কাজে যেতে হবে নেত্রকোনা জেলার উত্তরাঞ্চলে সোমেশ্বরী পেরিয়ে গারো পাহাড়ের পাদভূমিতে। বিরিশিরিতে রাত্রিবাস। সহকারী গবেষক মনির আর রাকিব সফরের লজিস্টিক ব্যবস্থাপনা দেখছে। মনির জানাল, বড় সড় ১৪ আসনের ভ্যান ভাড়া করা হয়েছে, যাতে সম্ভাব্য যাত্রীদের স্থান সঙ্কুলান হয় স্বচ্ছন্দে। জানুয়ারির প্রথম সপ্তাহ। ঢাকাতেই বেশ শীত পড়ছে। অভ্যাসমতো সকালে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাঁপুনি ধরে গেল। গরম পোশাক চাপিয়ে দপ্তরে পৌঁছে রাকিবকে বল্লাম, যাচ্ছি তো কাল গারো পাহাড়ের শীত গায়ে মাখতে–তা' আমাদের সহযাত্রীদের সব বিষয়ে অ্যালার্ট করা হয়েছে তো? নিশাত ভাই কি যাচ্ছেন? না, স্যর যাবেন না, রাকিব জানায়। সুভাশিষকে সঙ্গে নিয়ে একটা পেপার তৈরির কাজ সারবেন এই ফাঁকে। আপনার নেতৃত্বে আমাদের জরিপের কাজ করে আসার ব্যাপারে ম্যুভমেন্ট অর্ডার সই করে দিয়েছেন।
বাড়ি গিয়ে রুবিকে বল্লাম, বিরিশিরিতে এবার ফিল্ডওয়ার্ক করতে যাব, আগে কখনো ওখানে যাইনি আমি। গাড়িতে যাত্রীর অভাব পড়ে যাচ্ছে। রাকিব আর মনিরকে বলেছি, রিপা এবং ফারহাতকে সম্ভব হলে সঙ্গে নিতে–তোমাদের মা-মেয়েকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। যাবে? সময়-সুযোগমতো রুবি-রুবাই আমার সঙ্গে বাংলাদেশের নানা এলাকায় এরকম আগেও ঘুরতে গিয়েছে, অতএব দু'দিনের জন্য হঠাৎ বেড়ানোর সুযোগ ওরা ছেড়ে দেবে কেন? চেতাবনি দিলাম, শীত যতই পড়ুক, তাকে যুঝবার মতো জম্পেশ শীতবস্ত্র আর ক্রিম, লৌশ্যন সঙ্গে নিও কেবল। বারকয়েক দার্জিলিং-শিলং পাহাড়ে যাবার সুবাদে আমাদের সংগ্রহে বেশ ক'টি হিমালয়ান ঠাণ্ডার সঙ্গে লড়বার উপযোগী জ্যাকেট, পশমি কাম্ফার্টার, র্যাপার ইত্যাদি জমেছে। বেছে বেছে তার ক'টি নেয়া হল। সকাল সকাল উঠতে হবে। শুয়ে পড়া গেল।
ভোরে উঠে প্রাতঃকৃত্য সেরে চা-বিস্কুট খেতে খেতেই গাড়ি চড়ে মনির এল। কোট-প্যান্টুলুন পরিহিত ভূগোলবিদ মনির হেসে বলল, ফারহাত অফিস থেকে ছুটতে পারল না, স্যর। তবে সুন্দরবন মিস্ করবে না বলেছে। আগাম ছুটি নেবে। কী আর করা, বলি আমি, আমরাই চলুন শীত ভ্রমণে যথাসম্ভব উষ্ণতা তৈরি করতে করতে যাই। রুবি-রুবাইকে দেখে মনির খুশি হয়ে বলল, এই তো রুবাই আর ভাবী কেমন রেডি টু ফ্লাই! গুড। ব্যাগ খুলে আমাদের হাতে-হাতে সে কমলালেবু ধরিয়ে দিল। মীরপুর থানার পেছনে রাকিবের বাড়ির সামনে গিয়ে ভেপুঁ বাজাতেই রাকিব একা ব্যাগ হাতে নেমে এল। কী ব্যাপার? রাকিব ভাই, রুবি জিজ্ঞেস করল, একা কেন? মনির ভাইও গিন্নিকে আনতে ব্যর্থ হয়েছেন! আসছে, আসছে… আমি তো উইন্টার, ক্যান স্প্রিং বি ফার ব্যহাইন্ড? কাব্যরসিক মৃত্তিকাবিজ্ঞানী রাকিব ঝক্ঝকে হেসে ব্যাগ তুলল। ফ্যাশন ডিজাইনার রিপা এল। পরনে জিন্স আর উইন্ডচিটার। রুবাই সাগ্রহে ডাকে, রিপা আন্টি, এস তাড়াতাড়ি, জমে যাচ্ছি শীতে, তুমি আমাদের মাঝে বসবে! গাড়িতে উঠে বসে রিপা বিস্ময় প্রকাশ করল, অ্যাত বড় গাড়িতে আমরা এই ক'জনা মোটে! হ্যাঁ রে বাবা, লর্ড ভানু ব্যানার্জির মতো শু'কে যাও, বইঠ্কে যাও, যার যেমন মন চায়, বলে আমি হাসি।
ভালুকা বাজারে নেমে আমরা মনিরের পিছনে কিউ করে ঘোষের দোকানে ঢুকে গরম পরটা, অনবদ্য তরকারি, একদলা করে টাট্কা ছানা, সাগর কলা, ডিমসেদ্ধ আর মজাদার চা সেবন করলাম। এরপর কেবল চলা। ময়মনসিংহ ছাড়িয়ে নেত্রকোনার পথে কিছুদূর গিয়ে বাঁয়ে ভগ্নদশা রাস্তায় পড়া গেল। মাঝে মাঝে জারিয়ামুখী প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি যাচ্ছি। অবশেষে দুর্গাপুর উপজাতীয় কালচারাল একাডেমির ভবন নজরে এল। দাঁড়ালাম। ভেতরে গিয়ে জানা গেল, পরিচালক কবি রফিক আজাদ বড়দিনের ছুটি কাটাতে ঢাকা গেছেন। অতএব পুরনো বন্ধুর সঙ্গে নতুন জায়গায় আড্ডা দেবার সম্ভাবনাকে পাশে রেখে এগোলাম। যোগাযোগটা বোধহয় মনির আগে থেকেই করে রেখেছিল। টগবগে তরুণ তুর্কি কর্নেল রিচিল সেখানে অপেক্ষা করছিল। মিশনারিদের স্কুলে দোতলার একপাশে ওয়াইএমসিএ অতিথিশালা। আমাদের ঘর দেখিয়ে দেয়া হল। ব্যাগ রেখে হাতমুখ ধোয়ার পর নিচে ডাইনিং হলে খেতে বসলাম। বাইরে কনকনে শীত হাওয়া। সামনে ধোঁয়া ওঠা গরম খাবার। খিদে পেয়েছিল সবারই। বেশ খাওয়া হল। কর্নেল আমাদের সঙ্গে নদীর ওপারে যাবার ইচ্ছে প্রকাশ করল। একজন সচেতন শিক্ষিত স্থানীয় গাইড পেয়ে আমিও কৃতজ্ঞতা জানালাম। হাঁটতে ভাল লাগছিল। মিষ্টি রোদে, শুকনো শীত হাওয়ায় হেঁটে নদী পার হলাম।
বর্ষায় পাহাড় থেকে বৃষ্টিধারাবাহিত জলরাশির সঙ্গে সোমেশ্বরীর দু'কূল ভাসিয়ে নামে পলিমাটি–যাতে পাথর, পাথরকুচি ও বালু অপরিমেয়। জল সরে গেলে দেখা যায়, নদীর দু'ধারে উর্বর কৃষিজমি ঢেকে গেছে এক-দুই ফুট উচ্চতার পলিতে। ওই জমি চষা এবং কৃষিকাজ চালিয়ে যাওয়া বর্তমানে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অবস্থা সরেজমিনে দেখতে এসেছি আমরা ওয়র্ল্ড কনসার্ভেইশ্যন ইউনিয়নের পক্ষ থেকে। মনির আমাদের অনেক হাঁটাল। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্ততক। মাঝে মাঝে মাটিতে গর্ত খুঁড়ে কম্পোজিশ্যন দেখছিল, মৃত্তিকার নমুনা তুলে নিচ্ছিল। রাকিব টেক্সট বই নির্দেশনা জোগাচ্ছে। ঢাকায় নিয়ে গিয়ে মৃত্তিকা গবেষণাগারে পরীক্ষা করা হবে। আমরা ঘুরছি ফিরছি, চাষীদের সঙ্গে গল্প-গুজব করছি। মন্ময় দ্রং অবস্থাপন্ন কৃষক। হাসিমুখে বললেন, স্যর, আমরা কিন্তু বসে নেই। এই দেখুন দুই হাত গর্ত খুঁড়ে সবজি চারা কেমন গোছা-গোছা গুঁজে দিয়েছি মাটিতে। নদী থেকে প্ল্যাস্টিকের পাইপে জল টেনে এনে সেচও দিচ্ছি। ফসল কেমন হবে? সন্ধিগ্ধ আমি প্রশ্ন শুধাই। মন্ময় বলেন, গত বছর তো মন্দ হয়নি। এবারও হবে আশা করি। মন ভাল হয়ে যায়। এদেশের চাষীরা সর্বত্রই অদম্য। ওসব অ্যাডাপটেশ্যন আর 'লিভিং উইথ দ্য ডিজাস্টার' বীজমন্ত্র এদের রক্তে বইছে।
ফেরার সময় বেলা পড়ে যাওয়ায় ঠাণ্ডা লাগছিল প্রচণ্ড। কানটুপি ঢাকা দিয়ে আরাম পেলাম। চশমার ফাঁকে হিমেল হাওয়া ঢুকে চোখ শুকনো কড়কড়ে করে তুলছে। মাঝে-মাঝেই চোখের ডিম মালিশ করতে হচ্ছে। দুর্গাপুর বাজারে এসে কর্নেল আমাদের নিয়ে এক তেলেভাজার দোকানে ঢুকল। সবাই বসলে বড় ধামায় মুড়ি রাখা হল টেবিলের মাঝখানে। তারপর এল খঞ্চা ভরে পেঁয়াজু, বেগুনি, ফুলকপির বড়া। সঙ্গে তেঁতুলের চাটনি ও কাসুন্দির বাটি। অহো, নিশাত ভাই, আপনি জানতেও পারছেন না আপনি কী মিস করছেন! বলে আমি কর্নেলকে আহবান জানাই, অ্যা-ট্যা-ক্, ক্যনেল! ও চমকে উঠে অট্টহাসি উপহার দেয়।
আস্তানায় ফিরতে ফিরতে কুয়াশার পর্দা গাঢ়তর হয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিজেদের অবস্থান সঠিকভাবে বোঝা বা বর্ণনা করার উপায় থাকে না। সামনের মাঠ, আমাদের অত লম্বা রুপালি রঙ গাড়িটা অথবা একতলায় টিমটিম করে জ্বলা বিজলি বাতিগুলোর কিছুই দেখা যাচ্ছিল না। দু'হাত পর থেকেই কেবল পানসে দুধ রং-এর কুয়াশা। সবাইকে খুব মজায় পেয়েছে। কর্নেলও আমাদের আদেখলেপনা দেখে মুগ্ধ। এক ঘরে রুবি-রুবাই, রাকিব-রিপা দ্বিতীয় কক্ষে এবং তৃতীয় কক্ষটি আমার জন্য বরাদ্দ হয়েছে। রাকিব এসে বলল, এখানে তো এই তিনটেই ঘর! মনির ভাই মি. রিচিলের বাড়িতে থাকবেন রাতে।
আমি মনিরকে ডেকে বললাম, আপনার ব্যাগ নিয়ে আমার ঘরে আসুন। হাতমুখ ধুয়ে একটু আড্ডা দেব। কর্নেলও থাকবেন। বন্দোবস্ত হো যায়ে! হাঁক শুনে মনির রাইট স্যর বলে ব্যস্ত হয়ে পড়ে। কর্নেল, রাকিব আমার ঘরে এসে বসল। দরজা ভেজানো হল। নইলে আলনার কাপড়, লেপ-বিছানা ভিজে যাবে, কর্নেল জানায়। চানাচুর বের করলাম। মনির পানির বোতল, বাটি-গেলাস নিয়ে এল। একটি বাটিতে পেঁয়াজ-মরিচ সর্ষে তেলে মাখা। আমরা চিয়ার্স বল্লাম। শীত বাড়ছে। আগুনে ঝাল চানাচুর ঠাণ্ডার অনুভূতি কমিয়ে একসময় ঘাম ঝরিয়ে দিল।
তুমুল গল্প চলছে। কাল সকালে কোথায় ঘুরব, দুপুরে কী খাব, কখন ঢাকা রওনা হব–সবই আলোচিত হল। আমি একবার উঠে গিয়ে দেখলাম, রিপা রুবি-রুবাইদের ঘরে লেপের নিচে পা ঢুকিয়ে আড্ডায় মজেছে। শীতই হল এই জমাট আড্ডার মুখ্য আলোচ্য এবং প্রভাবকও বটে। ফিরে গিয়ে মনিরকে বল্লাম, ওদের চানাচুর খাইয়ে আসুন ভাই। জিভ কেটে মনির দৌড়ল বাটিহাতে। ইয়াং ম্যান পারেও বটে! খাওয়ার ডাক পড়ল। সবাই নিচে নামলাম। হাত ধুতে ইচ্ছে হচ্ছিল না। কলের নিচে ধরতে হাত কব্জির নিচ থেকে অবশ হয়ে গেল। তাড়াতাড়ি গরম ভাত-ডালে আঙুল ডুবিয়ে সম্বিত ফিরে পাই। উরে বাপ্রে শীত! সোমেশ্বরীর বড় শোলমাছে টমাটো, নতুন আলু আর মটরশুঁটি দিয়ে ঝাল রেঁধেছে। ফুলকপি-সিমের ঘ্যাঁট–তারও অপূর্ব স্বাদ। কতকাল পর মাসকলাই ডালের সুঘ্রাণ পেলাম। সঙ্গে মূলো, পেঁয়াজ, লেবু আর কাঁচালঙ্কা কচ কচ চিবোচ্ছে সবাই। হুশ হাশ শব্দ চারদিকে, ভাল-ডাল-তরকারি যেন উড়ে যাচ্ছে দেখতে না দেখতে কোথাও। একি রে, আমাদের পেটে সবার রাক্ষস-খোক্কস সেঁধোল নাকি? আমার সোচ্চার আশঙ্কার উচ্চারণ শুনে মনির ও রাঁধুনি মাসি অভয় দিয়ে চলেছে, খান সবাই, পেট পুরে, আনন্দ করে…।
ভোজনের পরিশ্রমে ও রান্নার ঝালস্বাদে শীত নির্বাসনে গেছে আপাতত। আঁচিয়ে ঘরে ফিরলাম। কর্নেল সকালে আসবে বলে শুভরাত্রি জানিয়ে বাড়ি গেল। জ্যাকেট খুলে রেখে শরীরটাকে লেপের নিচে প্রবেশ করালাম। মনির দলের অন্য সবার সুখ-সুবিধা নিশ্চিত করে এসে বসে সিগ্রেট ধরাল। খুব খাটুনি যাচ্ছে আপনার, আমি কুণ্ঠার সাথে উচ্চারণ করি। লেপের নিচে শরীর তখন মোটামুটি ধাতস্থ হচ্ছে। এবারে মোজা আর মাফলার খুলব। কী যে বলেন স্যর, মনির বলে, কাল দুপুরে একটা বিশেষ দেশি ভোজ দেব। আপনারা হয়তো একটু সারপ্রাইজ্ড্ হবেন। তাই নাকি? আমি ওকে সাবধান করি, কিন্তু ভাই গরু আর শুঁটকি আপনার মেনুর বাইরে রেখে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবেন। রাইট স্যর, মনির জানাল, ওসব না, একটু আনকনভেনশ্যনাল আয়োজন হবে। দেখি সব পাই কিনা এখানে। একটু পর মনিরের নাক ডাকতে লাগল মৃদু মৃদু। পেদা টিংটিং আমিও কখন যেন ঘুমিয়ে পড়েছি।
যথারীতি ভোরে ঘুম ভেঙেছে। পর্দা সরিয়ে কাচের ভেতর থেকে বাইরে সেই দুধসাদা গাঢ় ধোঁয়ার দেয়াল ছাড়া আর কিছু নজরে এল না। বাথরুম সেরে হালকা ব্যায়াম করলাম। হাতপায়ে সাড় ফিরল। মর্নিং ওয়াক বারান্দাতেই হোক তবে, এই সিদ্ধান্ত নিয়ে ধড়াচূড়ো চাপিয়ে নিঃশব্দে দরজার খিল নামিয়ে, পাল্লা ভেজিয়ে রেখে হাঁটতে শুরু করলাম। টানা বারান্দায় এধার ওধার ১০০ পাক দিলেই হবে। ঘড়ি ধরে হাঁটা শুরু হল। একটু বাদে রিপা বেরিয়ে এসে জয়েন করল। ঝরঝরে ব্যক্তিত্বের ছিপছিপে তরুণীটিকে আমার বেশ লাগে। দু'দুটো ঈদে আমাদের বাড়ির সবার উৎসবের পোশাক ওই করে দিয়েছে। ফাইন আর্টস-এর শেষ বর্ষের ছাত্রী। ওর বাবাকে আমি আইবিএ-র প্রথম ব্যাচের ছাত্র হিসেবে সেই ষাটের দশক থেকে চিনি। হেঁটে ঠিকই ঘাম বেরোল। নিচে নামতে রান্নার মাসি চায়ের কাপ হাতে তুলে দিলেন। বল্লেন, আধঘণ্টায় জলখাবার হয়ে যাবে। ধন্যবাদ জানিয়ে ওপরে এসে আমি সবাইকে ডাকলাম, ওঠ সব, নাশতা ঠাণ্ডা হয়ে যাবে।
আটটা নাগাদ কুয়াশা পাতলা হতে শুরু করল। ইতোমধ্যে 'মিট দ্য পিপল' প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য আমরা সবাই তৈরি। কর্নেল আমাদের গাইড। রাকিব-রিপা-মনিরের সঙ্গে কর্নেলের মাসতুতো বোন ক্লডিন থাকবে । ১২টা পর্যন্ত ঘোরাঘুরি হবে। ফেরত এসে লাঞ্চ খেয়ে গাড়িতে উঠব। আমরা গারোপল্লীতে ঢুকলাম। রিচিলরা ওদের সমাজে মাতব্বর। ওদের বাড়িটা সামনেই। বেশ খানিকটা জায়গা জুড়ে। তার মানে কিন্তু বিঘে-বিঘে জমির ব্যাপার মোটেই নয়। অত্যন্ত ঘনসংবদ্ধ বসতি। কর্নেলের মাসিমা আমাদের অভ্যর্থনা জানালেন। চওড়া বারান্দায় বেতের সোফা। বসলাম। পাকা উঠোনের চারদিকে ঘর। মেঝে পাকা। দেয়াল ইঁট অথবা রঙকরা টিনের। মজবুত বাড়িঘর। সবচেয়ে ভাল লাগল খোলামেলা রান্নাঘর দেখে। ফিউয়েল এফিশিয়েন্ট চুলোর মুখ তিনটে-চারটে। ধোঁয়া যাবার চিমনি টালির চাল ফুঁড়ে উর্ধ্বমুখী। রাঁধুনির হাতের নাগালে চাপকল। তাতে মোলায়েম চাপে পানি উঠে আসে। একধারে মিটসেইফ। চেয়ার, বেঞ্চি আর লম্বা টেবিল পাতা। একেবারে ওয়েস্টার্ন ছবির র্যাঞ্চহাউসের ফ্যামিলি কিচেন-কাম-ডাইনিং লাউন্জ্! মাসিমা আমাদের বাড়িতে তৈরি ক্রিসমাস কেক, পুডিং আর কফি পরিবেশন করলেন। বাড়িতে কল, কুয়ো দুইই আছে। আছে ছোট্ট, ঝকঝকে গোয়ালে গাভি। দেশি, ব্রয়লার ও লেয়ার মুরগির বড় বড় তিনটে খাঁচা। কিচেন গার্ডেনে রকমারি শাক-সব্জি। দেখে চোখ জুড়োয়, মন শান্ত হয়। কর্নেলদের বাড়ি থেকে বেরিয়ে ১০৫ বছরের পুরনো অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারিদের প্রতিষ্ঠিত চার্চ, হাসপাতাল, স্কুলবাড়ি দেখি ঘুরে ঘুরে। ইয়া মোটা মোটা গুঁড়ির গাছ সব–শতবর্ষে এদের গায়ে কেউ কুড়ুলের কোপ বসায়নি। আশ্চর্য শৃঙ্খলাবদ্ধ গারোদের এই সমাজ।
লাঞ্চে হাঁসের কালিয়া, মাসকলাই ডালে কুচনো লাউয়ের তরকারি, ট্যাংরা মাছের টক আর জলপাইয়ের চাটনি পাতে পড়ল। সবাই যেন ভবের খাওয়া খেল। আম্মো। অতঃপর গাড়িতে উঠে ভরাপেটে ভাতঘুম। ময়মনসিংহে চা। তারপর ঢাকার ঢাক্বাজিতে ফেরা।
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts
