২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার: হক্কল জাগা পুরি খাইলাম ন পাইলাম চাডিয়ার নান! (শেষ অংশ)

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 03 Feb 2011, 12:56 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

(১ম কিস্তি)

(গত কিস্তির পর)


বড়ছড়া গ্রাম

বাশার সাহেব ধড়মড় করে উঠে বসলেন। দেরি না করে আমরা দু'জন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যানজটের দিক থেকে কক্সবাজার এখন আর পিছিয়ে নেই। রিকশা তো আছেই। ব্যাটারি চালিত একধরনের হালকা অটোরিকশা গোটা শহর ছেয়ে গেছে। ওখানে এ অটোরিকশার নাম হয়েছে টমটম। শহরে এটির বিস্তার ঘটার কারণে রিকশাওয়ালার দেমাগ কিছুটা কমেছে বলে মনে হল। শহরের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে গেলে টমটমগুলো মাথাপিছু দশ টাকা করে নেয়। যেটুকু পথ টমটমে দশ টাকায় যাওয়া যায় ওই পথ রিকশায় গেলে তিন চারগুণ টাকা বেশি গুণতে হবে। আমরা টমটমে করে কক্সবাজার সদর উপজেলায় চলে গেলাম।

উপজেলা অফিসগুলোতে গিয়েছিলাম বটে, কিন্তু কাজের কাজ তেমন একটা হয়নি। একদিন বাদে পুজোর ছুটি। শুক্র শনিসহ টানা তিনদিন। তাদের দেখে মনে হল কাজের চাইতে ছুটিতে যাবার ব্যস্ততা বেশি করে পেয়ে বসেছে। প্রায় প্রতিটি অফিসের লোকজন বলল, পুজোর ছুটির পরে আসেন। আমাদের কিছু করার ছিল না। মনে মনে বললাম, আস্তে ধীরে হোক, আমরা তো আছি।

সন্ধ্যে অবধি আমরা নানা অফিসে ঘোরাঘুরি করে কাটালাম। দুপুরে খাওয়া-দাওয়া বিশেষ হয়নি। উপজেলা ভবনের আশেপাশে তেমন ভাল হোটেল নেই। একটা হোটেলে খেতে ঢুকেছিলাম। খেতে বসেই খেতে পারলাম না। তেল-মরিচের আধিক্য দেখে পেটের খিদে আপনিই দূর হয়ে গেল।

আমরা যেদিন কক্সবাজার গিয়েছিলাম ওইদিন আবহাওয়া ভাল ছিল না। সমুদ্রে চলাফেরার ওপর তিন নম্বর সংকেত জারি করা হয়েছিল। ওইদিন আমরা সৈকতে যাইনি, যদিও আমার সহকর্মী বাশার সাহেবের পীড়াপীড়ি ছিল। সারাদিনের নানা ব্যস্ততা এবং শরীরের ক্লান্তিবোধের কারণে আমাকে ওদিকে যাওয়া থেকে বিরত থাকতে হল।

সন্ধ্যেয় আমরা রুমে ফিরে এলাম। আমি দু'বেলা গোশলে অভ্যস্ত। এখানেও তাই করলাম। গোশলটা সারার পর মনে হল এককাপ চা খেতে পেলে ভাল হত। আমার সহকর্মী চা পানে অভ্যস্ত নন বলে নিজের থেকে চেপে গেলাম। হোটেলের সাজ্জাদ এলেন। তাকে জিজ্ঞেস করলাম, আপনাদের হোটেল কোন সময়ে বেশি ভিড় থাকে?

তিনি জানালেন, আমাদের হোটেল সব সময় নিয়ম মেনে চলে। আমরা সুযোগ বুঝে কখনও ভাড়া বাড়াইও না, কমাইও না। যে কারণে প্যানোয়াতে কখনও সিট খালি থাকে না। এখানে যারা আসে, সব সময় আসে। এখানকার হোটেলগুলো ছয় মাস ভালভাবে চলে। বাকি ছয় মাস বসে বসে মাছি মারে। তখন যারা আসে এক দেড়শ' টাকায় ভাল হোটেলে থাকতে পারে। কিন্তু প্যানোয়াতে এখন যা ভাড়া, তখনও একই ভাড়ায় মানুষ থাকে। এই হোটেলে কখনও মানুষের আকাল হয় না।


সমুদ্র সৈকত

দুপুরে উপজেলা পরিষদে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তার নাম সলিমুল্লাহ খান। বাড়ি মহেশখালির কালামার ছড়া। ভদ্রলোকের নাম শুনে ড. সলিমুল্লাহ খানের কথা মনে পড়ে গেল। জিজ্ঞেস করেছিলাম ড. সলিমুল্লাহ খানকে চেনেন কিনা। তিনি বললেন, আমি ড. খানের চাচাত ভাই।

আমি একটুখানি অবাক হয়ে বললাম, ড. খানের চাচাত ভাই, তা আবার একই নাম!

তিনি কথা পরিবর্তন করে বললেন, আপন চাচাত ভাই নই, একটু দূরসম্পর্কের।

আমি বললাম, তাই বলুন।

তিনি ড. খানের প্রতিভার অনেক প্রসংশা করলেন। তিনি বললেন, ছোটবেলায় তারা ড. খানকে পেইরগা (চড়ুই পাখি) বলে ডাকতেন। কারণ স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি খুব হালকা পাতলা ছিলেন। এই নিয়ে আমরা খুব হাসলাম। এই ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় উঠেছেন?

আমি বললাম, প্যানোয়াতে।

ওই হোটেলের নাম প্যানোয়া কেন হল জানেন?

বলতে পারব না।

কক্সবাজারের নাম ইংরেজ অফিসার কক্স সাহেবের নামে হয়েছে তা তো জানেন?

তা জানি।

তার আগে কক্সবাজারের নাম ছিল প্যানোয়া। তারও আগে এর নাম ছিল পালংক্যি। আপনি হয়ত লক্ষ করে থাকবেন, প্যানোয়ার পাশের হোটেলটির নাম পালংক্যি।

আমি বললাম, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এগুলোর অর্থ কি?

তিনি বললেন, এগুলোর অর্থ আমার জানা নেই। যতদূর জেনেছি, এ শব্দগুলো আরাকান ভাষা থেকে এসেছে।

রাতে আমরা একটা হোটেলে খেতে গেলাম। হোটেলটি প্রধান সড়কে। বেশ বড় হোটেলটি। একপাশ থেকে ডাকলে আর পাশে শোনা যাবে না এরকম। হোটেলটির নাম বিরাম। ভোজনরসিকদের আনাগোনা দেখলাম বেশ। সামুদ্রিক মাছ আমার খুব পছন্দের। কক্সবাজার গেলে আমি আমার পছন্দের মাছগুলোর সদ্ব্যবহার করে থাকি। হোটেল বয় এলে জিজ্ঞেস করলাম, তোমাদের কাছে কী কী মাছ আছে বল?

সে বলে যেতে থাকল—রূপচাঁদা, আঁইচচাঁদা (কালো চাঁদা), কোরাল, পাংগাশ, রুই, কাতল, চিংড়ী—আরও নানাজাতের মাছের নাম। আমি বললাম, আঁরারে আঁইচচাঁদা দেও। ওঁয়ারে সবজি, ডাল, ভর্তা—জিয়ান আছে লই আইও। (আমাদের কালো চাঁদা দাও। সঙ্গে সবজি, ডাল, ভর্তা—যেটা আছে নিয়ে এস।)

আমরা সারাদিন একরকম অভুক্ত ছিলাম। হোটেলের রান্না কেমন হয়েছিল সেটা বাছবিচার করার সময় আমাদের ছিল না। অভুক্ত অবস্থায় মুখে যা দেয় তাই রচে। আমরা তৃপ্তি সহকারে গোগ্রাসে গিলছিলাম।

আমি যখন চট্টগ্রামে ছিলাম এক সময়, পান খাওয়ায় অভ্যস্ত ছিলাম। চট্টগ্রামে মহেশখালি পান এবং টেকনাফের সুপারির কদর আদিকাল থেকে। মহেশখালির মিঠা পান খেয়ে যারা অভ্যস্ত তাদের মুখে অন্য এলাকার পান রচে না। টেকনাফের সুপারির বৈশিষ্ট্য হল—বেশ নরম। মহেশখালির মিঠা পান এবং টেকনাফের সুপারি একত্রে খাওয়ার মজাটাই আলাদা। আমি যখন কালেভদ্রে চট্টগ্রাম অঞ্চলে যাই এক খিলি পান আমার চাই-ই চাই। মহেশখালির পান নিয়ে চট্টগ্রাম ভাষায় অসংখ্য গান রচিত হয়েছে। শেফালি ঘোষের একটা গান কেবল চট্টগ্রামে নয় গোটা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে।

'যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মহেশখালির পানের খিলি তারে বানাই খাবাইতাম।'

আরও একটা গানের খানেকটা এখনও আমার মনে পড়ে—

'টেকনাইফ্যা ফওনা সুয়ারি মইশখাইল্যা পানরে
সোয়াগ গরি হাবাই দিয়ে তালত বইন আঁরে।
তালত বইনের বাড়ির পাশে লম্বা লম্বা জলি
হাত ইশারায় ডাকের আঁরে চোখ ইশারা গরি।'
(টেকনাফের শুকনা সুপারি মহেশখালির পানরে
সোহাগ করে খাইয়ে দিছে তালত বোন আমারে।
তালত বোনের বাড়ির পাশে উঁচু উঁচু বেড়া (জলি)
হাতের ইশারায় ডাকে আমাকে চোখের ইশারা করে।'

আরও গানের কথা যদি বলি—

'তিন কুন্যা পানর খিলি শারির কোনত রাক্ষি বানাই
মনর মত মানুষ পাইলে নিজর আতে দিতাম হাবাই।
(তিন কোণা পানের খিলি শাড়ির কোণে রাখছি বানাই
মনের মত মানুষ পেলে নিজের দিতাম খাবাই।)'

আপনি যদি কখনও চট্টগ্রাম অঞ্চলে যান দেখবেন, ওখানকার মত পানের খিলি বাংলাদেশে আর কোথাও পাবেন না। বাংলাদেশের সর্বত্র টুপির মত করে পানের খিলি বানায়। একমাত্র চট্টগ্রাম তার ব্যতিক্রম। এখানে একটা পানকে তিন ভাঁজ করে খিলি বানায়। খিলিটা এমনভাবে তৈরি করা হয় যেটি একটি ত্রিভুজাকৃতির রূপ নেয়। এই পানের খিলি দেখতে ভারি সুন্দর।

আগে চট্টগ্রামের বিয়ের অনুষ্ঠানে ধাঁধার আসর বসত। আমি শিশু বয়সেও তা দেখেছি। আমার এখনও মনে আছে একটা বিয়ের অনুষ্ঠানে এক লোক অন্যলোককে লক্ষ করে ধাঁধা ছুঁড়ে দিয়েছিল—

'ওগ্যা পাতা তিন মোচরা
ন পাইল্যে কান মোচরা।
(একটা পাতা তিন মোচড়া— বলতে না পারলে কান মোচড়ে দেব।)'

প্রতিপক্ষ অনেক ভেবেচিন্তে জবাব দিয়েছিল—পানের খিলি।

ওসব কথা থাক। আমি পানের খিলি মুখে দিয়ে হোটেল প্যানোয়ার দিকে পথ চলতে আরম্ভ করলাম। হঠাৎ আনোয়ার শব্দটা কানে বাজল। এই নামটা নিয়ে আমাকে মাঝে মধ্যে বিড়ম্বনায় পড়তে হয়। সমাজের একেবারে উঁচু শ্রেণী থেকে আরম্ভ করে নিম্ন শ্রেণীর এত মানুষ এ নামটা ব্যবহার করেছে যে হাঁটতে বসতেই আনোয়ার শব্দটা শুনতে পাই। একবার মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী মাহমুদ সাহেবের বাড়িতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম। তাঁর বাড়ির চাকরটার নাম আনোয়ার। আমার নামও আনোয়ার। তিনি যখন আনোয়ার বলে ডাকলেন আমরা দু'জনে তাঁর ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়েছিলাম। আমার আগের অফিসের গেটের দারোয়ানটার নামও ছিল আনোয়ার। সেখানেও একবার একই কাণ্ড ঘটেছিল। এখন কেউ চিৎকার করে ডাকলেও ফিরে তাকাই না, যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত না হই। আমার কাকা আহমদ ছফা আমার নামটি পাল্টে ফেলার জন্য বলেছিলেন। তিনি আমার লেখক-নাম দিতে চেয়েছিলেন আহমদ হানিফ। আমি রাজি হইনি। বাবার রাখা নাম পাল্টাব সেটা আমার ধাতে সয়নি। এখন কখনও সখনও আমার মনে হয় তখন যদি নামটা পাল্টে ফেলতাম বেঁচে যেতাম।

যাহোক, আমার নাম ধরে ডাকছে শোনার পরও আমি পথ চলতে থাকলাম। দ্বিতীয়বার যখন ডাকল তখনও আমি ভ্রুক্ষেপ করলাম না। বাশার সাহেব আমার পেছনে পেছনে ছিলেন। তিনি আমাকে বললেন, আনোয়ার ভাই, আপনাকে ডাকছে।

আমি ফিরে তাকালাম। চিনতে আমার একটুও অসুবিধা হয়নি, মহেশখালির সূর্যসন্তান ড. সলিমুল্লাহ খানের অনুজ সাদাত উল্লাহ খান। অনেকদিনের পুরনো সম্পর্ক, একেবারে পরিবারের সদস্যের মত। তার সাঙ্গপাঙ্গ দেখলাম বেশ। তাকে দেখতে পেয়ে মনটা উৎফুল্ল হয়ে উঠল। তিনি সকলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তাদের কেউ কেউ আমাকে চিনে বলে হাত মেলালেন। সাদাত বললেন, আনোয়ার তুঁই হডে উইঠ্য? (আনোয়ার তুমি কোথায় উঠেছ?)

আমার সহসা জবাব, প্যানোয়ার দুই'শ তিনে।

আঁই এক'শ দুয়ে। (আমি এক'শ দুয়ে)

তিনি আমাকে একটা কার্ড ধরিয়ে দিলেন। 'প্রতিবুদ্ধিজীবী' নামে একটা লিটল ম্যাগ সম্পাদনা করেন তিনি। এবার ভাষাসৈনিকের ওপর একটা সংখ্যা করেছেন। তাঁর প্রকাশনা উৎসব হবে পরের দিন কক্সবাজার জেলা পরিষদে। তিনি আমাকে দাওয়াত দিলেন আমি যেন ওখানে থাকি। আমি সম্মতি জানিয়ে রুমের দিকে পা বাড়ালাম।

রুমে ঢুকে বাতি জ্বালিয়ে আমি কার্ডখানা খুললাম। আমি ভেবেছিলাম ড. সলিমুল্লাহ খান নিশ্চিত আছেন। না, সলিমুল্লাহ খানের নাম নেই। যারা আছেন তাদের কাউকে আমি চিনি না। দেখলাম বেশিরভাগই একটি রাজনৈতিক দলের পাতিনেতা। আমি যা বোঝার বুঝে গেলাম।

একদিন পর আমি সৌজন্য সাক্ষাৎ করার জন্য সাদাত উল্লাহ খানের হোটেলের ঘরে গেলাম। দেখলাম তিনি কিছু লোকজন নিয়ে বেশ খোশ মেজাজে আছেন। আমাকে জিজ্ঞেস করলেন, কাল আসনি কেন?
আমি বললাম, আমি তো কাজ নিয়ে এসেছি। সুযোগ করে উঠতে পারিনি।

হঠাৎ তিনি আমাকে অশোভন ভাষায় অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং মুখ দিয়ে যথেচ্ছ বলে যেতে থাকলেন। আমি তার কিছু কীর্তির কথা জানি, ইচ্ছে করলে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম। আমি চাইনি, তার বন্ধুদের সামনে তাকে হেয় করি। বেয়াদবি তো ভদ্রলোকের সঙ্গে করা যায়, অভদ্রের সঙ্গে বেয়াদবি করতে গেলে হিতে বিপরীত হয়। তিনি নিজেকে এমনভাবে জাহির করে চলেছেন যেন সাহিত্যের একজন মহারথী। তার মত সবজান্তা লেখক বাংলাদেশে দ্বিতীয়টি নেই। রবীন্দ্রনাথ হাজির থাকলে তার কথায় তিনিও লজ্জিত হতেন।

ওসব কথা এ লেখার মান বাড়াবে না।

৪.
পরের দিন আমরা আমাদের গবেষণা এলাকায় যাবার মনোস্থির করলাম। যে এলাকায় যাব ওটি একটি গ্রাম। নাম বড়ছড়া। এ গ্রামটি সম্পর্কে আমরা পরিচিত নই। আমার কক্সবাজারের বন্ধুরা জানিয়েছিল এটি হীমছড়ি যাবার পথে পড়ে। কক্সবাজার শহর থেকে তার দূরত্ব চার কিলোমিটার। ওখানে যাবার বাহন দু'টি—রিকশা অথবা টমটম। আমি যদি অচেনা কোন জায়গায় যাই রিকশাকে পছন্দের তালিকায় রাখি। কারণ হল, রিকশাওয়ালার ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে কাজ সারা। তাছাড়া রিকশা ধীর গতিতে চলে বলে ওই এলাকার রাস্তাঘাট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই। আমরা লাল দিঘীর পাড় থেকে ষাট টাকার ভাড়ায় একটি রিকশা ঠিক করে ফেললাম এবং তাকে বললাম আমরা বড়ছড়া চিনি না। তোমার মত করে নিয়ে গিয়ে তুমি আমাদের নামিয়ে দেবে। রিকশাওয়ালা বলল, অনারা হনো চিন্তা ন গরিবান। আঁই ঠিক জাগাত অনারারে লামাই দিয়ম। (আপনারা কোন চিন্তা করবেন না। আমি ঠিক জায়গায় আপনাদের নামিয়ে দেব।)

আমরা নিশ্চিন্ত হলাম।

রিকশা কক্সবাজার শহরের অলিগলি পেরিয়ে কলাতলীর দিকে হেঁকে চলল। রাতে টেলিভিশনের খবরে শুনেছিলাম আবহাওয়া বিশেষ ভাল নয়। কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তিন নম্বর সতর্ক সংকেত আমার কাছে তেমন বিপজ্জনক মনে না হলেও বাশার সাহেব একরকম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার বাড়ি নাটোরে। আমার ধারণা ঝড়-তুফান সম্পর্কে তার বিশেষ ধারণা নেই। আমি তাকে নানাভাবে অভয় দিয়ে চললাম। তিন নম্বর সতর্ক সংকেত জারি করলেও আকাশ ছিল একেবারে ফর্সা। আমি তাকে আকাশের অবস্থাটা অনুধাবন করতে বললাম। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ দেখে তো ওরকম কিছু মনে হচ্ছে না।

আসলে আকাশ দেখে আবহাওয়ার পূর্বাভাষ বোঝা মুশকিল। আমার স্পষ্ট মনে আছে একানব্বই সালের ঊনত্রিশে এপ্রিলে যে সাইক্লোনটা হয়েছিল সেদিন আকাশে কোন আভাষ লক্ষ করা যায়নি। সারাদিন এমন রোদ ছিল যে মানুষ দশ নম্বর সতর্ক সংকেতকে তেমন একটা গায়ে মাখেনি। যে কারণে মানুষ কোন সতর্কতাও অবলম্বন করেনি। সন্ধ্যার পর থেকে বাতাস বইতে শুরু করেছিল। রাত যত গভীর হচ্ছিল বাতাসের বেগ তত বাড়তে থাকল। তারপর যা হবার হয়ে গেল। হাজার হাজার মানুষ মারা পড়ল। বাশার সাহেবকে যতই আশ্বস্ত করি না কেন, তাকে কেমন করে বলি, এরকম কিছু হবে না? অবশ্য সতর্ক সংকেত দশ নম্বর নয়, তিন নম্বর। তিন নম্বর সংকেতের ভয়াবহতা আর কত হবে।

রিকশা কলাতলী পেরিয়ে হীমছড়ি রাস্তা ধরে ছুটে চলল। কিন্তু শহর শেষ হয় না। কক্সবাজার শহর অল্প সময়ের মধ্যে এত প্রসার ঘটেছে যে পুরো এলাকার চেহারাটাই পাল্টে গেছে। দুই হাজার সালে যখন আমি হীমছড়ি গিয়েছিলাম তখন এটি ছিল সংস্কার বিহীন একটি ইটের রাস্তা। রিকশার ঝাকুনি খেতে খেতে আমার কোমড় ব্যথা হয়ে গিয়েছিল। এখন সেই রাস্তা নখের পিঠের মত সমান। শুনেছি এই রাস্তা ইনানী পর্যন্ত চলে গিয়েছে। ইনানী আমি কখনও যাইনি। ওখানেও নাকি একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ওখানকার হোটেল মোটেলগুলোতেও মানুষের ভিড় লেগে থাকে। হীমছড়ি রোডে ভ্রমণের বড় আকর্ষণ হল একদিকে দিগন্ত প্রসারিত নীল সাগর এবং অপরদিকে একেবারে খাড়া উঁচু সবুজ পাহাড়। পাহাড় এবং সমুদ্র দু'টি একসঙ্গে দেখার সুযোগ এই রোড দিয়ে না গেলে কখনও মিলবে না। রেস্ট হাউজের পাহাড়ে যেখানে রাডার স্থাপিত ওখানে গেলেও সমুদ্র দেখা যায়। তবে সেটা খানিকটা দূরে। এই পাহাড়ে উঠলে যে জিনিসটা সহজে অনুধাবন করা যায় সেটা হল কক্সবাজার শহরের বিস্তৃতি।

যা হোক, রিকশা শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে থামল। ওখানে একটা বড় সাইন বোর্ড, তাতে লেখা দরিয়া নগর। রিকশাওয়ালাকে বললাম, ইঁয়ুত থিয়াইও কিল্লাই? (এখানে দাঁড়িয়েছ কেন?)
সে জবাব দিল, এই জাগার নাম দরিয়া নগর। ছারার অই পারত ডঁর ডঁর পাআর দেহা ন যার, এ্যাডের ওঅর বরছড়া গ্রাম। (ছড়ার ওপারে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, তার ওপর বড়ছড়া গ্রাম।)
রিকশাওয়ালার কথা শুনে আমি শিউরে উঠলাম। আমি কোনরকম কথা না বাড়িয়ে রিকশাওয়ালার পাওনাটা মিটিয়ে দিলাম।

আমরা হীমছড়ি রোডের ওপর দাঁড়িয়েছিলাম। রাস্তার পাশে বেশ কয়েকটা ছোটখাটো দোকানঘর। তার পাশেই তৈরি হচ্ছে বিশাল আকৃতির ডলফিনের এক প্রতিমূর্তি। ডলফিনটার মুখ হা করা। এর মুখ দিয়ে মানুষ ঢুকে লেজের নিচ দিয়ে বেরুবে। তার মানে এটা একটা মানুষ যাতায়াত করার গেট। ঢাকার চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্র এটা তৈরি করছেন। ডলফিনের পাশে একজন লোক চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। তিনি পর্যটন কেন্দ্র দরিয়া নগরের ম্যানেজার। নাম মোস্তাক। কেন এই গেট এবং দরিয়া নগরটা কি পরে খোলাসা করব।


দরিয়া নগরের গেট

মোস্তাক সাহেব আমাদের পরিচয় জেনে চা দিয়ে আপ্যায়ন করলেন। তারপর তিনি আমাদের দোকানের পাশ দিয়ে নেমে যাওয়া পথ দেখিয়ে বললেন, এই পথ দিয়ে নেমে যান। সামনের ধানক্ষেত পেরুলে ছড়া। ছড়া পেরুবার সময় জুতো খুলতে হবে।

আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বোঝা যায় পাহাড়ের উচ্চতা কতদূর। বিশ তলা ত্রিশ তলা দালানের সমান উঁচু পাহাড়। ছড়ার পাশে পাহাড়টি এমনভাবে ভেঙেছে দেখলে মনে হবে ওটি কোন দক্ষ হাতে করাত দিয়ে কাটা হয়েছে। তার মানে পাহাড়ের ভাঙা অংশটি বাড়ির দেয়ালের মত খাড়া এবং মসৃণ। ম্যানেজার সাহেবকে বললাম, এত উঁচু পাহাড়ে কিভাবে যাব। তিনি বললেন, ঘাবড়াবার কিছু নেই। আপনি হাঁটতে থাকুন, পথ পেয়ে যাবেন। আমার বাড়ি ওই গ্রামে।

আমরা ম্যানেজার সাহেবের কথামত ধানক্ষেতের আল ধরে কিছুটা হেঁটে ছড়ায় গিয়ে নামলাম। ছড়ায় ছলছল পানি। কোথাও কোথাও হাঁটু পরিমাণ। পাহাড় চুয়ে চুয়ে নেমে আসা পানি বেশ শীতল। মন্দ লাগে না। এ ছড়াটির নামই বড়ছড়া। গ্রামের ভেতর দিয়ে এ ছড়া প্রবাহিত হয়েছে। এ ছড়াটি বড় বলেই তার নাম হয়েছে বড়ছড়া। আর গ্রামটিও তার নামে নামাঙ্কিত।

এধরনের ছড়ার সঙ্গে আমার প্রথম পরিচয় এটা ঠিক নয়। আমাদের বাড়ির সামনে এধরনের একটি ছড়া আছে। ছড়াটির নাম বইরগুনি। আহমদ ছফার বিখ্যাত উপন্যাস 'সূর্য তুমি সাথী' এই ছড়ার দু'পাড়ের মানুষদের নিয়ে লেখা। বড়ছড়ার চাইতে এ ছড়ার ব্যাপ্তি অনেক বেশি। তবে দু'টি ছড়ার সৌন্দর্য দু' রকম। বইরগুনির দু'পাশে রয়েছে অবারিত সবুজের ফসলের খেলা। আর বড়ছড়া পাহাড়ের বুক চিরে নেমে আসা এক সর্পিল জলধারা, যার দু'পাশে শস্যের কোন মাঠ নেই। আছে উঁচু উঁচু সবুজ পাহাড় এবং ছড়ার দু'পাশে পাহাড়ের গাছের ডালপালা যেন ছড়াটিকে বুকে টেনে নিচ্ছে। আমি ছড়াতে নেমে বেশ কিছু ছবি উঠালাম। তারপর আমরা ছড়া থেকে পাহাড়ি পথ বেয়ে ওপরে উঠে এলাম এবং এটাই আমাদের কাংখিত গ্রাম। আমরা বেশ কিছু ঘরবাড়ির দেখা পেয়ে গেলাম।

এই পাহাড়ের ওপর কিভাবে ঘরবাড়ি হল। উনিশ শ' ছিয়াত্তর সালে আবদুল খালেক নামের এক লোক প্রথম এখানে বসতি স্থাপন করেন। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম। তিনি একজন মুক্তিযোদ্ধা। খুব সম্ভব তিনি ভাগ্যান্বেষণে এখানে এসেছিলেন। খালেক যে পাহাড়ে থাকেন তার নাম হয়েছে খালেক্যার পাআর (খালেকের পাহাড়)। খালেকের আসার পর দীর্ঘদিন কেউ আর এ গ্রামে থাকতে আসেনি। উনিশ' একানব্বই সালের ঘূর্ণিঝড়ের পর সরকার আশিটি পরিবারকে ঘর করে দিয়ে এখানে থাকার ব্যবস্থা করে দেয়। এই বসতি স্থাপনে সেনাবাহিনীর সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে আরও মানুষ এসে এখানে লোকালয় গড়ে তোলে। এসব মানুষ কেউ কক্সবাজারের ভূমিসন্তান তো নয়ই, বৃহত্তর চট্টগ্রামেরও কাউকে খুঁজে পাওয়া যাবে না। তারা এসেছে নোয়াখালী, বরিশাল, ভোলা, রংপুর আরও নানা জেলা থেকে। ইদানিং কিছু রোহিঙ্গাও এখানে এসে ডেরা পেতেছে। মজার ব্যাপার হল, তারা কে কোথায় এসেছে তার কোন মাপকাঠি খুঁজে পাওয়া যাবে না। বড় বাধাটা হল তারা সকলে বিশুদ্ধ চাটগেঁয়ে ভাষায় কথা বলে এবং নিজেদের চট্টগ্রামের মানুষ হিসেবে দাবি করে। যা হোক, আমরা দীর্ঘ সময় ব্যয় করে তাদের প্রতিটি ঘরে গিয়েছিলাম। আমরা গোটা গ্রাম জরিপ করে প্রায় দু'শ ত্রিশটি পরিবারের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম।

এখানকার মানুষের অধিকাংশই কুলি মজুর। তারা বনের কাঠ কাটে। শহরে রিকশা চালায়। সাগরে মাছ ধরে। মহিলাদের অনেকে ঝিনুকের মালা গেঁথে দিনাতিপাত করে।

আমার ছোট জীবনে বাংলাদেশের অনেক গ্রামে আমি গিয়েছি। কিন্তু এত সুন্দর জায়গা আমি আর কোথাও দেখিনি। আপনি যখন পাহাড়ের ওপরে উঠবেন বাংলাদেশের অন্যকোন গ্রামের সঙ্গে তাকে মেলাতে পারবেন না। মানুষগুলো বাঙালির মত, কিন্তু জীবনযাপন অনেকটা 'উপজাতি'দের হার মানায়। ওই যে গ্রামে ঢোকার সময় যে ছড়াটি পথে পড়েছিল ওটা তাদের জীবনের সঙ্গে মিশে আছে। তারা এ ছড়ার পানি নানাকাজে ব্যবহার করে। থালা-বাসন থেকে আরম্ভ করে যাবতীয় ধোয়ামোছা সব এই ছড়ার পানি দিয়ে হয়। তারা যখন ছড়ার পানিতে হাঁটু গেড়ে বসে পানি ছিটিয়ে ছিটিয়ে গোশল করে তখন তাদের কাকের মত দেখায়। ছড়ায় কোন এটেল মাটি বা কাদা নেই বলে পানি যত নাড়াচাড়া করুক ঘোলা হয় না। পাহাড়ের ওপর থেকে কয়েক শ' ফুট নিচে এ ছড়া। যদি কোন কারণে যদি কেউ পা ফসকে নিচে পড়ে যায় তার অবস্থা কেমন হবে ভাবতে সারা গা শিউরে উঠে। তবে এখানকার মানুষের এরকম কোন সমস্যা হয় না। একবার এক লোক সাপের তাড়া খেয়ে পাহাড় থেকে ছড়ায় লাফ দিয়েছিল। তখন ছড়ায় পানির ঢল নেমেছিল। পানি বেশি থাকার কারণে ওই লোকের বেশি কিছু ক্ষতি হয়নি।

ছড়াটি তাদের জীবনের একটি অংশ হলেও বর্ষাকালে এটি সমস্যা হয়ে দাঁড়ায়। একটু বৃষ্টি হলেই ছড়াটিতে পানির ঢল নামে। তখন ছোট্ট গ্রামটি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এপাড়ের মানুষ এপাড়ে এবং ওপাড়ের মানুষ ওপাড়ে—যে যেখানে থাকে তাদের সেখানেই থেকে যেতে হয়।

ওই গ্রামে কাজ করতে গিয়ে আমরা অমানুষিক পরিশ্রম করেছি। কিন্তু পরিশ্রমকে আমাদের পরিশ্রম মনে হয়নি। নৈসর্গিক দৃশ্য আমাদের এমনভাবে মুগ্ধ করেছিল যে আমরা সকল কষ্ট ভুলে গিয়েছিলাম। বেলা যখন সন্ধ্যাকাশে ঢলে পড়ত আমরা গ্রাম থেকে বেরিয়ে আসতাম।

যা হোক, তিন নম্বর সতর্ক সংকেত তখনও চলছিল। কিন্তু আকাশে তার কোন আলামত ছিল না। আমরা একটা রিকশা নিয়ে সাগরের কোল ঘেঁষা রাস্তা ধরে শহরের দিকে ছুটে চললাম। সকালবেলা যখন আসছিলাম তখন রাস্তাটি পাহাড়ের ছায়ায় ঢাকা ছিল। এখন সেই ছায়া নেই। বিকেলবেলা পাহাড়ের সৌন্দর্য আরও দীপ্তিময় হয়ে উঠেছে। সূর্যের রক্তিম আলো লেগে পাহাড়গুলো ঝলমল করছে। আমরা রিকশা হাঁকিয়ে লাবণী পয়েন্টে গিয়ে থামলাম।

দুর্গাপূজার ছুটি আরম্ভ হয়ে গিয়েছে। সমুদ্র সৈকত লোকে লোকারণ্য। এত মানুষের ঢল নেমেছে যে একদিন আগেও এই সৈকত ছিল একেবারে ফাঁকা। সাগরের গর্জনের সঙ্গে যদি মানুষের কোলাহল না থাকে সৈকতে বেড়ানোটা আপনার কাছে অর্থহীন মনে হবে। প্রতিটি ঢেউকে যদি মানুষ সাদরে গ্রহণ না করল, তাহলে এ ঢেউগুলোর মর্যাদা থাকল কই।

দু'হাজার তিন সালে আমার বিয়ের পর আমার গিন্নী শিল্পীকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম। মাসটি ছিল ভাদ্র। আবহাওয়া ছিল আমাদের প্রতিকূলে। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। যেটাকে বলা হয় পঁচা বর্ষা। এ সময় ঘর থেকে বেরুনোটাই একরকম নিরর্থক। বিয়ে করার পর হয়ত আমাদের মনে ফুর্তি ছিল, নইলে বাজে একটা আবহাওয়াকে আমরা মেনে নিয়েছিলাম কেন?

বঙ্গোপসাগরকে নানা সময়ে নানাভাবে দেখার সুযোগ আমার হয়েছে। একেক ঋতুতে সমুদ্রকে একেক রকম মনে হয়েছে। কোনবার আমার ভেতরে বিরক্তির উদ্রেক করেনি। সেইবার আমার কাছে সমুদ্রটাকে স্রষ্টার একটা অনর্থ সৃষ্টি মনে হয়েছিল। সৈকতে কোন মানুষজন ছিল না। আমরা যখন গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ভিজে সৈকতে হাঁটাহাঁটি করছিলাম নিজেদের ভারি অসহায় মনে হয়েছিল। আসলে সাগরের সৌন্দর্য সৃষ্টির সঙ্গে আকাশের একটা সম্পৃক্ততা আছে। সকাল, দুপুর এবং বিকেলে সমুদ্র তিনভাবে রঙ বদলায়। সাগরের সকালবেলার সৌন্দর্যকে বিকেলবেলার সৌন্দর্যের সঙ্গে মেলানো যাবে না, যদিও সাগরের পানি সব সময়ই নীল। পূর্ণিমার রাতে চাঁদের আলোর ঝলকানি যেভাবে সাগরের পানিতে প্রতিফলিত হয় এবং তার যে সৌন্দর্য, সেটাকে দিনের সৌন্দর্যের সঙ্গে কি এক করা সম্ভব? আমার মন বলে, আকাশ গুমোট থাকলে সাগর মন খারাপ করে। তাদের সম্পর্কটা অনেকটা প্রেমিক-প্রেমিকার মত। আমি শিল্পীকে বলেছিলাম, সাগর নৃত্য করে চলেছে বটে, কিন্তু আকাশের কোন সাড়া নেই। সুতরাং এ নৃত্য অনর্থক। শিল্পীকে বললাম, আকাশ যেখানে সাগর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে কেন আমরা বৃথা সময় ব্যয় করব!

আমরা নিরাশ হয়ে চলে এসেছিলাম।

আজ সাগরের ওপর তিন নম্বর সতর্ক সংকেত জারি হয়েছে। কিন্তু আকাশ আলো ছড়াতে কোন রকম কার্পণ্য করছে না। সে তার প্রিয়তমা সাগরকে আপন করে নিয়েছে। খুব সম্ভব সৈকতে আজ হাজার মানুষের ঢল নেমেছে, তারা যাতে নিরাশ না হয় তাই আকাশটা সাগরকে কৃপা করেছে।

আমরা সাগরের সৌন্দর্যকে আপন মনে উপলব্ধি করছিলাম। হঠাৎ দক্ষিণ-পশ্চিম কোণে একটা ঘন কালো মেঘ মাথা উঁচু করে দাঁড়াল। আমরা তিন নম্বর সংকেতের নমুনা ধীরে ধীরে টের পেতে থাকলাম। অতি অল্প সময়ের মধ্যে এই মেঘটা গোটা সাগরকে ছেয়ে ফেলল। তখন সূর্য পানিতে ডুব দিতে বসেছে। অনেকে বহু কাংখিত দৃশ্যটি দেখার জন্য উদগ্রীব ছিল। তা আর ভালভাবে দেখা গেল না। মেঘ যখন মাথার ওপর চলে এসেছে সাগরটাও অনেকটা ক্ষীণকায় হয়ে গেল। মনে হল আমরা পদ্মা, মেঘনা কিংবা অন্যকোন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবং নদীর ওপাড়ে যেন একটা গ্রামকে আবছা দেখতে পাচ্ছি। প্রকৃতির লীলা বড় বিচিত্র!

সন্ধ্যা নেমে এলে আমরা আস্তানায় ফিরে যাবার মনোস্থির করলাম। একটা রিকশা নিয়ে আমরা প্যানোয়ার উদ্দেশ্যে ছুটে চললাম। কদিন ধরে ভাবছিলাম দুর্গাপূজা দেখতে যাব। কিন্তু আমার সহকর্মী বাশার সাহেবের কাছ থেকে সায় পাচ্ছিলাম না। মনে হল পূজা দেখাটা তিনি পাপ মনে করেন। ছোটকাল থেকে দুর্গাপূজায় আমি নানাভাবে অংশগ্রহণ করে আসছি। আমাদের পরিবারের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের একটা চমৎকার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে এখনও ভাটা পড়েনি। দুর্গোৎসবের আনন্দটাকে আমি প্রায় প্রতি বছরই ভাগাভাগি করি। প্যানোয়া হোটেলের পাশের গলিতে দুর্গোৎসবের আয়োজন করেছে। আমি সেখানে যাব ঠিক করলাম। বাশার সাহেবকে নামিয়ে দিয়ে পূজা মণ্ডপের দিকে এগুতে থাকলাম। আমি যখন মণ্ডপের গেটে গিয়ে হাজির হলাম তখনই দেখলাম এক দল মাওলানা মন্ডপের গেট অতিক্রম করছেন। আমি আশঙ্কা করছিলাম এই বুঝি তারা মণ্ডপে হামলা চালাবেন। লোকজনও তাদের পথ ছেড়ে দিয়ে সরে দাঁড়াতে থাকল। দেখতে দেখতে তারা দ্রুতগতিতে মণ্ডপের ওপরে উঠে পড়লেন।

আমার ধারণা মিথ্যে প্রমাণিত হল। না, তারা মণ্ডপে হামলা করেননি। লোকজনের কাছে জানলাম, ওখানে জামাতের নেতা কক্সবাজার জেলার সেক্রেটারি শাহজাহান চৌধুরী রয়েছেন। তারা ধর্মীয় সহনশীলতা প্রদর্শন করতে এখানে এসেছেন। আমার জীবনে বহুবার আমি দুর্গোৎসবে গিয়েছি, কিন্তু কোনদিন কোন মোল্লা-মৌলভির উপস্থিতি লক্ষ করিনি। আজকে ঘটনাটি আমার কাছে একরকম আশ্চর্য ঠেকল। মনে মনে ভাবলাম, জামাতের লোকজনের মধ্যে কি তাহলে ইতিবাচক কোন পরিবর্তন এল?

সারাদিনের পরিশ্রমে শরীরে ভয়ানক রকম ক্লান্তি নেমে এসেছিল। হোটেলে গিয়ে বিশ্রাম নেয়ার কথা ভাবলাম। হঠাৎ আমার বন্ধু রাফায়েলের ফোন পেলাম। সে জানাল, হোটেলের সামনে সে আমার জন্য অপেক্ষা করছে।

রাফায়েল একটা এনজিও সংস্থায় করে। শুনেছি ইদানিং সে গান ও কবিতা লেখায় মনোনিবেশ করেছে। আমি তাকে জানালাম, তুমি ওখানে দাঁড়াও। আমি এক্ষুনি আসছি।

এসে দেখলাম তার সঙ্গে আরও দু'জন। তারাও লেখালেখি করেন। আমি তাদের রুমে যাবার জন্য বললাম। রাফায়েল বলল, এখন যাওয়া যাবে না। ছোট একটা মিটিং আছে। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি।

আমি বললাম, তোমাদের মিটিং-এ আমি যাব? তা কি করে হয়?

সে জানাল, ফরমাল কোন মিটিং নয়, জাস্ট বসা।

আমি কোন কথা না বাড়িয়ে তাদের সঙ্গে চললাম। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটি হোটেলে ঢুকল। পিছে পিছে আমিও। অখ্যাত একটা হোটেল। চুলার ধোঁয়ায় হোটেলের ভেতরটা একরকম অন্ধকার হয়ে আছে। তারা আমাকে হোটেলের একেবারে পেছনের ঘরে নিয়ে গেল। ওখানে একটা টেবিল পাতা। টেবিলটাকে ঘিরে বসে আছেন আট দশজন। তাঁদের একজনকে আমি চিনি, তিনি কবি মুহম্মদ নূরুল হুদা। অনেকদিন পর দেখা। তাও আবার কক্সবাজার শহরে। তাঁকে আমি চাচা বলে ডাকি। সালাম দিয়ে আমি তাঁর পাশে গিয়ে বসলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন?

আমি বললাম, অফিসের কাজে এসেছি। আপনি কি কোন অনুষ্ঠানে এসেছেন?

তিনি জানালেন, আমি প্রায়ই আসি। এখানে আমার একটা প্রতিষ্ঠান আছে।

আমি বললাম, প্রতিষ্ঠানটির নাম কি?

তিনি হেসে বললেন, আমার বাবার বাড়িটা কি একটা প্রতিষ্ঠান নয়?

সকলে হো হো করে হেসে উঠলেন। তিনি জানতে চাইলেন, তোমার অফিসের কাজটা কোথায়?

আমি বললাম, দরিয়া নগরের বড়ছড়া গ্রামে। একটা গবেষণার কাজে ওই গ্রামটাকে বেছে নিয়েছি।

দরিয়া নগরের কথা শুনার পর তাঁর মুখমণ্ডল পুলকিত হয়ে উঠল। আমাকে জিজ্ঞেস করলেন, দরিয়া নগর কেমন লাগল।

আমি বললাম, এক কথায় অপূর্ব।

তিনি আর কিছু জানতে চাইলেন না। চা-নাস্তার ব্যবস্থা হল। তাঁরা সামনে একটা কবিতা উৎসব কিভাবে করা যায় তা নিয়ে কথাবার্তা বলছেন। আমি বাইরের মানুষ বলে ওসব ভালভাবে মাথায় ঢুকালাম না। তবে একটা জিনিস ভালভাবে লক্ষ করলাম, কক্সবাজারের লেখকদের মধ্যে কাউকে কাউকে দেখলাম পরচর্চায় ভীষণরকম পারদর্শী। ওই বৈঠকে এমন কিছু নোংরা কথাবার্তা হয়েছে ওসব লিখে সময় এবং শ্রম অপচয় করার কোন মানে হয় না। আমি রাফায়েলকে দিয়ে হুদা চাচার সঙ্গে একটা ছবি উঠালাম। রাফায়েল আমাকে বলল, তুমি যে দরিয়া নগরের কথা বলছ ওটার স্বপ্নদ্রষ্টা কবি হুদা। তাঁর একটা কাব্যগ্রন্থের নাম 'দরিয়া নগর'। এ নামটি ওখানে ব্যবহার করা হয়েছে। গ্রন্থটি তিনি ওই পাহাড়ের চূড়ায় বসে লিখেছিলেন।

আমরা সকলে হোটেল থেকে বেরিয়ে এলাম। আমি কবি হুদাকে একা পেয়ে বললাম, কক্সবাজার নিয়ে আপনি কি কিছু করতে চান?

তিনি বললেন, উনিশ'শ ঊনপঞ্চাশ সালে যখন আমি প্রথম কক্সবাজারে আসি তখন এখানে সেখানে দুয়েকটা ঘরবাড়ি ছিল। আর এখন? গোটা কক্সবাজার শহরটা ঘিঞ্জি শহরে পরিণত হয়ে গেছে। গড়ে উঠেছে 'শ 'শ হোটেল। পুরো এলাকাটা প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি নগরায়নের বিপক্ষে নই। কিন্তু তার তো একটা পরিকল্পনা থাকতে হবে। যেই অবস্থা দাঁড়িয়েছে, যারা এখানকার ভূমিসন্তান তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এখন তুমিই বল কি করতে হবে।

আমি কোন জবাব খুঁজে পেলাম না।

৫.

পরদিন রুটিন মেনে আমরা বড়ছড়া গ্রামে গেলাম। আমাদের কাজে সাহায্য করছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আজমত আলী সাহেব। বয়স্ক মানুষ। কিন্তু মনের দিক দিয়ে তরুণ। বড় অমায়িক মানুষ। কাজ শেষে তিনি আমাদের নিয়ে গেলেন পর্যটন কেন্দ্র দরিয়া নগরে। এখানে ঢুকতে বিশ টাকার টিকেট লাগে। ম্যানেজার মোস্তাক সাহেব আমাদের পরিচয় জেনেছিলেন। তিনি আমাদের কাছ থেকে কোন টাকা নেননি। আমরা ভেতরে ঢুকে পড়লাম। আমাদের সঙ্গ দিচ্ছিলেন আসমত আলী সাহেব।


দরিয়া নগর

ভেতরে ঢুকে দেখলাম কিছু কটেজ তৈরির কাজ পুরোদমে চলছে। ঢাকা, চটগ্রাম এবং চাঁদপুরের তিনজন লোক এ পর্যটন এলাকাটি সরকারের কাছ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় তিন বছরের জন্য লিজ নিয়েছেন। পরে জেনেছি তারা এখানে এক কোটি টাকা বিনিয়োগ করবেন। এ এলাকাটি আগে স্থানীয় কিছু পোলাপান দখলে নিয়ে নাম দিয়েছিল খোয়াব নগরী। পরে নামকরণ করা হয় সী ভিয়্যু। সম্প্রতি নতুন নাম করেছে দরিয়া নগর। আগেই বলেছি, নামটি কবি মুহম্মদ নূরুল হুদার একটি কাব্যগ্রন্থের। এটি কবি হুদার স্মৃতি বিজড়িত এলাকা। হীমছড়ি রোড থেকে পাহাড়ের চূড়ার দিকে তাকালে একটি টং ঘর চোখে পড়বে। এখানে বসে কবি হুদা অনেক কবিতা রচনা করেছেন। বর্তমানে এটির নামকরণ হয়েছে কবিটং।

আমরা প্রথমে পাকা সিঁড়ি ডিঙ্গিয়ে একটা টিলার ওপর উঠলাম। এখানে তৈরি হচ্ছে কটেজগুলো। আমরা পাহাড়ের উঁচু-নিচু পথ ধরে একেবারে ভেতরে ঢুকে পড়লাম। অপূর্ব সুন্দর জায়গা। সবুজ লতাপাতায় আচ্ছাদিত পাহাড়। মাঝে মাঝে গাছপালায় ঢাকা পথগুলো এত ছায়াশীতল গা এলিয়ে দিয়ে বসে থাকতে ইচ্ছে করে। এসব জায়গায় কোনকালে সূর্যের আলো প্রবেশ করেনি, দেখলে বোঝা যায়। আসমত আলী সাহেব জানালেন, এখানকার আকর্ষণ এখানে নয়। আপনাকে পাহাড় থেকে নিচে যেতে হবে। ওখানে একটা গুহা আছে। ওটা ভারি মনোরম। আমরা পাহাড় থেকে ধীরে ধীরে ছড়ার মত একটা জায়গায় নেমে এলাম। ওটা বেয়ে আমরা কাংখিত গুহায় চলে গেলাম। গুহাটা তৈরি হয়েছে পাহাড় থেকে পানি পড়ে পড়ে। বর্ষাকালে এ পানির ধারাটা প্রবহমান থাকে। অন্য সময় পাহাড়ের গা ঘেমে ঘেমে পানি পড়ে। পাহাড়ের শরীরটা দেখতে অনেকটা পাথরের মত। গুহায় হাঁটু পরিমাণ পানি। আমরা ছিলাম ঘর্মাক্ত কলেবরে। গুহার ঠাণ্ডা পানিতে নামার পর মনে হল এর চে' শান্তি পৃথিবীতে বুঝি আর কোথাও নেই। খাগড়াছড়ির আলুটিলার সুড়ঙ্গ পথটির কথা মনে পড়ে গেল। বাংলাদেশের এ পর্যটন এলাকাটির প্রচার প্রসার তেমন একটা ঘটেনি। যে কারণে ওখানে মানুষের সমাগমও হয় কম।

সুশীল আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। এই সুড়ঙ্গপথটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এটা একটা পাহাড়ের নিচে। দৈর্ঘে পাঁচ ছয়'শ ফুট হবে। এই সুড়ঙ্গ পথে ঢুকে পাহাড়ের একপাশ থেকে আর পাশে যাওয়া যায়। সাহস না থাকলে কেউ এই সুড়ঙ্গ পথে ঢুকবে না। যেমন ঢুকেনি সুশীল। ওখানে ঢুকতে গেলে মশাল নিয়ে যেতে হয়। কিছু লোক ওখানে মশাল বিক্রি করে। আমি দশ টাকায় একটা মশাল কিনে ভেতরে প্রবেশ করেছিলাম এবং একপাশ থেকে আর পাশে দিয়ে বেরিয়েছিলাম। সুড়ঙ্গের ভেতরটা এবড়ো-খেবড়ো। অল্পস্বল্প পানি। পানি বরফের মত ঠাণ্ডা। আমি গিয়েছিলাম শীতকালে। হয়ত শীতকাল বলেই পানি বেশি ঠাণ্ডা ছিল। সুড়ঙ্গের ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোন রাক্ষসপুরীতে প্রবেশ করেছেন। আছে অসংখ্য চামচিকে। ওগুলো উড়তে গিয়ে মানুষের গায়ের সঙ্গে ধাক্কা খায়। কোন কারণে মশাল যদি নিভে যায় ওই সুড়ঙ্গ থেকে বের হওয়া দুষ্কর হবে। এমনও হতে পারে সাহস হারিয়ে আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন।

দরিয়া নগরের গুহাটি ওরকম ভয়ঙ্কর নয়, তবে আকর্ষণীয়। একটা দুর্ভল জায়গা তো বটেই।

আমরা গুহা থেকে একেবারে পাহাড়ে চূড়ায় চলে গেলাম, যেখানে কবিটং রয়েছে। এই জায়গাটার মূল আকর্ষণ এখানে। আমার মনে হযেছে কবি হুদা সঠিক জায়গাটিই পছন্দ করেছেন। টং ঘরটি জরাজীর্ণ হয়ে আছে। হয়ত তৈরি করার পর আর মেরামত করা হয়নি।

এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন সাগরের দীর্ঘ সৈকত, দিগন্ত বিস্তৃত সাগরের নীল পানি। অন্যদিকে দেখতে পাবেন পাহাড়ের পর পাহাড়। এ অপূর্ব দৃশ্য দেখে মনে হবে আপনি দার্জিলিং কিংবা বান্দরবানের কোথাও আছেন। কিন্তু দরিয়া নগরকে দার্জিলিং অথবা বান্দরবানের সঙ্গে তুলনা করা যাবে না। কোথায় আছে, একসঙ্গে পাহাড় এবং সাগর দেখার এ অপার সুযোগ? পাহাড়ের চূড়া থেকে হীমছড়ি রোডটাকে একটা সর্পিল রেখার মত মনে হয়। আমরা যখন নেমে আসলাম বাশার সাহেব বললেন, চলুন, হীমছড়ি থেকে ঘুরে আসি।

আমার আহমদ ছফার জার্মান ভ্রমণের কথা মনে পড়ে গেল। তিনি গ্যোতে জাদুঘর দেখে বেরিয়ে এলে তাঁর সঙ্গী তাঁকে শিলার জাদুঘর দেখে আসার কথা বললেন। আহমদ ছফা বলেছিলেন, যেই জেরুজালেম দেখেছে তার আবার রোমে যাবার দরকার কি। আমারও একই কথা বলতে হল। দরিয়া নগর দেখার পর আমাকে হীমছড়ি যেতে হবে কেন?

হ্যাঁ, হীমছড়ি আমি গিয়েছিলাম আজ থেকে দশ বছর আগে। ওখানকার আকর্ষণ ছিল উঁচু পাহাড়ের ঝর্ণাটি। কিন্তু ওটাকে আমার ঝর্ণা মনে হয়নি। ঝর্ণাটির ধারা দেখে মনে হয়েছিল বর্ষাকালে টিনের চাল থেকে এর চে' বেশি পানি পড়ে। শুনেছি এখন তাও অবশিষ্ট নেই। ওখানে গেলে ডায়াবেটিস রোগীর উপকার হয়, চোখের তৃষ্ণা মেটে না। তারপরেও বলি, হীমছড়ির সৌন্দর্য একেবারে ফেলনা নয়।

৬.
কক্সবাজারের সৌন্দর্যটা এক জায়গায় সীমাবদ্ধ নয়। কক্সবাজারকে কেউ যদি কোন কিছুর সঙ্গে আমাকে তুলনা করতে বলে আমি একজন সুন্দরী রমণীর সঙ্গে তুলনা করব। একজন রমণী তার সবকিছু মিলিয়ে সুন্দর। হাত-পা থেকে আরম্ভ করে মাথার চুল, চোখ, নাক, কপোল, গ্রীবা সব মিলিয়ে তো সে সুন্দরী। কক্সবাজার আমার কাছে ওরকম কিছু। কক্সবাজারের একটা অংশ ঘুরে আসা মানে তার একটা অঙ্গ দেখা, সারা শরীর দেখা নয়। আমি স্পীড বোটে করে মহেশখালি চ্যানেল দিয়ে মাতার বাড়ি গিয়েছিলাম। মাতার বাড়ি যাবার পথে আমি যে আনন্দ উপভোগ করেছিলাম এবং চ্যানেলের দু'পাশের সৌন্দর্য দেখেছিলাম তা এখনও আমার চোখে ভাসে।


হীমছড়ি রোডের পাশে সৈকত

মাতার বাড়িতে আমি অনেকদিন ছিলাম। আমি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ করতাম। সময়টা ছিল একানব্বই সালের ঘূর্ণিঝড়ের পর। তখন ঘরবাড়ির পাশাপাশি মহেশখালি দ্বীপের বেড়ি বাঁধটিও ভেঙে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বেড়ি বাঁধটি যখন তৈরি করছিল আমার দায়িত্ব ছিল ওটার দেখাশুনা করা। অর্থাৎ বেড়ি বাঁধ নির্মাণে যারা মাটি কাটার কাজ করছে তাদের কাজ তদারকি করা। আমি প্রতিদিন খুব সকালে মাতার বাড়ি থেকে গ্রামের মেঠো পথ ধরে বাইসাইকেল চালিয়ে বেড়ি বাঁধ তদারকি করতে যেতাম। বেড়ি বাঁধ পরিদর্শন করতে গিয়ে আমি প্রতিদিন সমুদ্রের চরে ঘুরে বেড়াতাম। চরের ওপর যখন হাজার হাজার লাল কাঁকড়া ঘুরে বেড়াত, মনে হত যেন একধরনের লাল ফুল ফুটে ফুটে আছে। লাল কাঁকড়া এমন বিচক্ষণ প্রাণী, আপনি তাদের কাছে যেতেই আর নেই। প্রতিটি কাঁকড়ার নিজস্ব গর্ত আছে। কোন কিছুর আগমন লক্ষ করলেই ওরা গর্তের মধ্যে ঢুকে পড়ে। কোন কারণে একটি কাঁকড়া যদি তার নির্দিষ্ট গর্তটি খুঁজে না পায়, সে অসহায়ের মত এক জায়গায় বসে থাকে।

কক্সবাজার শহরের সৈকতে আগে কিছু লাল কাঁকড়া দেখা যেত। মনুষ্য আগমন এত বেশি ঘটছে যে লাল কাঁকড়া তো দূরের কথা, গাঙ চিলও দেখা যায় না। কিন্তু মহেশখালি দ্বীপের চারপাশে হাজার হাজার গাঙ চিল দল বেঁধে ঘুরে বেড়ায়। এ দৃশ্য দেখার মত।

আমার সৌভাগ্য হয়েছিল, একবার আমি মাতার বাড়ি থেকে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে ধলঘাটা গিয়েছিলাম। সকাল আটটা থেকে আরম্ভ করে সন্ধ্যে পাঁচটায় আমি ধলঘাটায় গিয়ে পৌঁছেছিলাম। আমার সঙ্গে ছিল এক জার্মান তরুণ। নাম ইংগো। সে এত লম্বা ছিল যে দরজা দিয়ে ঘরে ঢুকতে মাথা কাত করতে হত। তার পাশে দাঁড়ালে আমাকে লিলিপুটিয়ানদের মত দেখাত। তার দীর্ঘ শরীরের জন্য মহেশখালির প্রায় মানুষ তাকে চিনত। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত শিশুরা তার পিছু নিত। তখন তাকে হ্যামিলনের বাঁশিওয়ালার মত মনে হত। তার নামটা সকলের কাছে এত পরিচিত ছিল যে শিশুরা সমস্বরে বলতে থাকত—ইংগো ম্যানগো, ইংগো ম্যানগো। শিশুদের আচরণে ইংগো বেশ মজা পেত।

ইংগোই আমাকে জেদটা চেপে দিয়েছিল—আমি মাতার বাড়ি থেকে সমুদ্রপাড় দিয়ে ধলঘাটা যেতে পারি কিনা। আমি প্রথমে চেপে গিয়েছিলাম। যখন সে বলল, বাঙালিরা অলস, পরিশ্রম করতে ভয় পায়।
আমি ভেতরে ভেতরে রেগে গিয়েছিলাম। বললাম, আমি যাব।

সে বলল, বাজি?

আমি বললাম, বাজি।

আসলে আমি ছিলাম বোকা। সে আমার সঙ্গে চালাকি করেছিল। তার দরকার ছিল গোটা বেড়ি বাঁধটা এক নজর ঘুরে দেখা। কারণ কোথায় কি পরিমাণ বাঁধ ভেঙে গেছে তা না দেখা পর্যন্ত সে ধারণা পাচ্ছিল না।

ইংগোর সঙ্গে গিয়ে আমি ঠকিনি। দীর্ঘ সময় হেঁটে হেঁটে সমুদ্র দেখার সেই সুযোগ আমার কোনদিন আর হয়ে উঠবে না, যেটা ইংগো আমাকে তৈরি করে দিয়েছিল। মাসটা ছিল বৈশাখ মাস। প্রচণ্ড রোদ। ঘেমে আমার কাপড় চোপড় একশা হয়ে গিয়েছিল। ইংগো ঘামেনি। তার সাদা চামড়ায় রোদ লেগে লাল বরণ ধারণ করেছিল। তখন লবণ চাষের ভর মৌসুম। আমরা দেখলাম, জমিগুলোতে লবণের পুরো স্তর পড়ে গেছে। সূর্যের আলো লেগে লবণের ক্ষেতগুলো চকচক করছে। এ ধরনের দৃশ্য দেখার ভাগ্য ক'জনের জোটে!

সেসব কথা থাক। সন্ধ্যেবেলা আমরা বার্মিজ মার্কেটে বেড়াতে গেলাম। আমার ইচ্ছে হয়েছিল কিছু কেনাকাটা করব। মজার ব্যাপার হল ওখানে যা যা আছে সব ঢাকা শহরে পাওয়া যায়। যারা জানে না, চেনে না তারা ঢাকার জিনিস কিনে আবার ঢাকায় নিয়ে আসে। আমি একটা দোকানে গেলাম। দোকানিকে জিজ্ঞেস করলাম, বার্মিজ লুঙ্গি আছে কিনা।

সে জবাব দিল, আছে।

আমি বললাম, দেখাও।

সে অনেকগুলো লুঙ্গি বের করল। কোনটা অপছন্দ হওয়ার মত নয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোঁয়ার বাড়ি কডে? (তোমার বাড়ি কোথায়।)

সে জানাল, আঁর বাড়ি চন্দনাইশ। (আমার বাড়ি চন্দনাইশ)

আমার বাড়িও চন্দনাইশ—সেই পরিচয়টা দিতে গিয়ে আমি একটুখানি আঁৎকে উঠলাম। দশ বছর আগে সী বীচ মার্কেটে আমার গ্রামের এক লোকের সঙ্গে দেখা। কথায় কথায় এক সময় তাকে জিজ্ঞেস করেছিলাম, অনে এডে কত্তুন? (আপনি এখানে কোথা থেকে?)

তিনি জবাব দিলেন, এডে আঁর একখান দোয়ান আছে। চলন না যাই। (এখানে আমার একটা দোকান আছে। চলুন না যাই।)

আমি না করতে পারিনি। তিনি আমার জন্য চা আনালেন। চা খেতে খেতে তার দোকানের এক জোড়া স্যান্ডেল আমার পছন্দ হয়ে গেল। তাকে বললাম, এই স্যান্ডেল জোড়ার দাম কত?

তিনি জানালেন, টেয়া ন লাগিব। অনর পছন অইয়ে ইয়ান আঁর ভাগ্য। (টাকা লাগবে না। আপনার পছন্দ হয়েছে এটাই আমার ভাগ্য।)

আমি বললাম, তা কি গরি অয়? ব্যবসার লয় খাতির গরন ঠিক নয়। অনে কন ক টেয়া লাগিব। (তা কি করে হয়? ব্যবসার সঙ্গে খাতির করা ঠিক নয়। আপনি বলুন কত টাকা দিতে হবে।)

লোকটি তার দোকানের ছেলেকে বললেন, স্যারের তুন বেশি ন লইচ। কিনা দামেই কই দেয়। (স্যারের কাছ থেকে বেশি নিস না। কেনা দামেই বলে দেয়।)

ছেলেটা বলল, দু'শ সাইট টেয়া। (দু'শ ষাট টাকা।)

আমি দু'শ ষাট টাকা ছেলেটিকে গুণে দিয়ে রিকশাযোগে বার্মিজ মার্কেটে চলে এলাম। এখানে এসে দেখলাম, ওই স্যান্ডেল যত্রতত্র। দাম জিজ্ঞেস করতেই দোকানি জানাল, এক'শ বিশ টাকা।

আমি তো আকাশ থেকে পড়লাম। কোথায় দু'শ ষাট, কোথায় এক'শ বিশ টাকা। একেবারে আকাশপাতাল ব্যবধান। সঙ্গে আমার এক বন্ধু ছিল। সে বলল, চল যাই, বেটারে স্যাণ্ডেল জোড়া ফেরত দিয়ে আসি?

আমি বললাম, ওর চেহারা মনে করতেই আমার ঘেন্না হচ্ছে। জীবনে আমি আর ওর সামনে পড়তে চাই না।

সে দশ বছর আগের ঘটনা আমি এখনও ভুলতে পারিনি। আজও একই কাণ্ড দেখলাম, আমার বাড়ি চন্দনাইশ জেনে সে আমার সঙ্গে বেশ খাতির জমানোর চেষ্টা করল। যার বাপকে বাঘে খেয়েছে সে বিড়াল দেখলেও ভয় পায়। আমার একই দশা হল। আমি উঠে দাঁড়ালাম। তাকে বললাম, ইত্তারা কিনতাম নয়, আর দিন। (এখন কিনব না, আরেকদিন।)


সী বীচ মার্কেট

আমি ওখান থেকে বেরিয়ে পাশের মার্কেটে গেলাম। কোন রকম বাছবিচার না করে আমি একটা দোকানে ঢুকে পড়লাম। সেখানে একটা অল্প বয়সী ছেলে বসে আছে। বয়স বোধকরি পনের ষোল হবে। তাকে জিজ্ঞেস করলাম, তোঁয়ার কাছে বার্মিজ লুঙ্গি আছে না? (তোমার কাছে বার্মিজ লুঙ্গি আছে?)

সে এককথায় জবাব দিল, নাই।

তার দোকানে প্রচুর লুঙ্গি। আমি লুঙ্গিগুলো দেখিয়ে বললাম, ওইয়ুন কি? (ওগুলো কি?)

তার আবার এককথার জবাব, ঢাকাইয়া লুঙ্গি।

ছেলেটার সততা দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। আমি মনে মনে বললাম, বেঁচে গেছি। আমার চন্দনাইশের দোকানি ওই লুঙ্গিগুলোই আমার কাছে বার্মিজ বলে চালিয়ে দিতে চেয়েছিল।

আমি ঢাকার বাইরে গেলে অল্পস্বল্প কেনাকাটা করি। এবার কোন কিছুই কিনলাম না। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ—রবিঠাকুরের সে কথাটা প্রায় লালন করতে চেষ্টা করি। কিন্তু আমি কক্সবাজারের ব্যবসায়ীদের প্রতি বিশ্বাস না হারায়ে পারলাম না।

তারপরেও আমি কক্সবাজার যাব। বারবার যাব। তার সৌন্দর্য আমাকে আলোড়িত করে। আমি বিমোহিত না হয়ে পারি না। আপনাদেরও বলি কবি মুহম্মদ নূরুল হুদার ভাষায়—

'জগত অতিথি, তুমি এসো এই ঘরে
পেতেছি বরণকূলা দরিয়া নগরে।'

ইমেইল: nurulanwar1@gmail.com
লেখকের আর্টস প্রোফাইল: নুরুল আনোয়ার

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts