শীতের সাতকাহনপদ্মাপারে, পীরপুরে
দ্বিতীয় কাহন: পদ্মাপারে, পীরপুরে
বেশ ক'বছর আগের কথা। তা' বছর সাত-আট তো হবেই। সবে সবুজ সড়ক এলাকা থেকে এই ধানবাজারে এসেছি। মনে আছে আরো এই কারণে যে, একটা জায়গায় বছরের সব ক'টি ঋতু–গ্রীষ্ম, বর্ষা, শীত–না কাটালে এলাকার চারিত্র্যগুলি বাসিন্দাদের জীবনযাপনের ভাঁজে-খাঁজে ঠিকমতো জায়গা করে নিতে পারে না। আগের বাসা সবুজ সড়কে শীতে ভালই কবোষ্ণ দিন কাটত আমাদের। প্রতিবেশী পিয়াজদানি বেগম ও ইমলি চৌধুরী নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন। শীতের ভোর-দুপুর-রাত ১২টা যখনই ওদের রসুইখানাতে কোন রসনা উজ্জীবক খানাপিনা তৈরি হত, তার স্যাম্পলিং-এর অবশ্যম্ভাবী কর্তব্যটুকু এই অধমকেই পালন করতে হত। অতএব, বুঝতেই পারছেন, রসে-বশে ভালই দিন কাটছিল ওখানে।
পীরপুরের বাড়িতে পুকুরঘাটে রূপাহলি
ধানবাজারে এসে ক'দিনেই বুঝে গেলাম, হরেক কিসিমের সুস্বাদু খাদ্য চাখাচাখির দিন বিত গিয়েছে। এখানে প্রতিবেশীদের সঙ্গে দেখা হলে শুকনো, এক্সট্রা ড্রাই হাই, হেল্লো, স্লামাক্কুম ছাড়া আর কিছু মিলবে না। অবশ্য তেতলার বাসিন্দা এক মরূদ্যানসম জাপানি কাপল–জনাব ও বেগম হাসিখুশি সাদামাটা আমাদের ভালমন্দের খোঁজ নেন। আমাদের মেয়ের জন্য ওদের কারখানায় তৈরি সেমাই (ঈদের আগের সন্ধেয়) ও টফি-আচার ইত্যাদি তোহ্ফা পৌঁছে দেন। তো সেই স্নেহবিরাণ মরশুম শীতের শুরুতে মামাতো ভাই ব্রাসেল ও তার সদ্যপরিণীতা বিদুষী স্ত্রী রূপাহলি আমাদের পদ্মার ওপারে ঘুষটিয়ার মীরপুরে বেড়াতে যাবার দাওয়াত দিল। নভেম্বরের শেষ। ফাঁকা শহরে কেবল গ্রীষ্মের দাবদাহ অপসৃত হয়েছে। কিন্তু শীতের দেখা নেই। আমরা তিনজন 'কবুল' বলে দিলাম। সফরের আগের দিন বেরিয়ে গাড়িতে তেল ভরে, চাকা-ফাকা চেক করিয়ে, পথে চিবোনোর জন্য যথেষ্ট পরিমাণে কুড়মুড়ে, চিপস, আমরস, আমসত্ত্ব বোঝাই করে বাড়ি ফিরেছি। ব্রাসেল এল বিকেলে। বগলের মস্ত পোঁটলা মেলে একটি জ্যাকেট বের করে বলল, ওখানে, মানে রূপাহলিদের বাড়ি পীরপুরে এরি মধ্যে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। এটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, আমার তো শীত তেমন লাগে না। তবুও ধন্যবাদ। গাড়িতে রেখে দেব। শীত লাগলে গায়ে চড়াব।
…..
রূপাহলির মেয়ে অদিত্রি
……
পরদিন সকালে আমরা পীরপুর রওনা হলাম। শহরের প্রান্তে ছোটমামার বাড়ি থেকে ব্রাসেল-রূপাহলিকে তুললাম। শহর ছাড়িয়ে মরিচাঘাটের রাস্তায় পড়তে কুয়াশার দেখা মিলল। সঙ্গে চরাচর কাঁপিয়ে আসা শীতল বায়ুপ্রবাহ। গাড়ির কাচ তোলা হল। রিল্যাক্সড ম্যানারে ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে ভালই লাগছিল। ভারি দোসুতি কাপড়ের জামা আমার গায়ে। তুমি আমাকে কি শীতের আমেজ উপভোগ করতে বাড়ির বার করলে নাকি হে, ব্রাসেল? বলে আমি পাশে বসা ভাইয়ের দিকে তাকাই। পেছনে তিন মহিলা পুটুর-পাটুর গপ্পো জুড়েছে। রূপাহলি ওদের পীরপুরের নিসর্গ বিষয়ে কথা বলছিল। টুকরো কথা থেকে যা বুঝলাম, অপার গ্রাম্য প্রকৃতির চিরায়ত সব ঐশ্বর্যের সমাহার যে ওখানে–সেবিষয়ে সন্দেহের অবকাশ রইল না। মরিচাঘাট পেরিয়ে গেলাম। মুরিদপুরের কাছে পৌঁছে গাছের নিচে গাড়ি থামিয়ে আমরা চা খেলাম, সঙ্গে এগরোল। চেনা রাস্তাঘাট, বাজার, সদুখালি চিনির কল পেরিয়ে ধামারখালিতে চড়াই নদীর সেতুতে উঠলাম। ততক্ষণে চমৎকার রোদ উঠেছে। মনের স্ফূর্তিতে বেপরোয়া কাজ করলাম একটি। সেতুর ওপরেই যথাসম্ভব ধার ঘেঁষে গাড়ি থামিয়ে জ্যাকেট গায়ে চড়িয়ে নেমে রেলিং ধরে ক্ষীণতোয়া চড়াইয়ের স্রোতধারা বয়ে যেতে দেখলাম কিছুক্ষণ। সকলের চেঁচামেচিতে গাড়িতে উঠে আবার ঘুষটিয়ার পথে চাকা গড়িয়ে দিলাম। সামনে ডানদিকে আমার নানাবাড়ির পথ চলে গেল আগলবন্ধের দিকে। ওপথেও ঘুষটিয়া যাওয়া যায় বোধহয়। চিনাইকহ পার হয়ে বাঁয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়। আরেকদফা চা খেয়ে একটু সচেতনভাবে সবেগে ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে ঘুষটিয়ার পীরপুরে পৌঁছে গেলাম। বেলা দু'টো। সোজা গিয়ে সাবান-পানিতে দু'হাত ধুয়ে, মুছে খাবার টেবিলে বসলাম।
রূপাহলির মাকে ছেলেবেলা থেকে পিয়ারি খালা বলে ডেকে এসেছি। এখন অবশ্য উনি আবার ব্রাসেলের শাশুড়িও। যত্ন করে গরম ভাত বেড়ে দিলেন। টাটকা কার্পের ঝোল। তেলমশলা প্রায় নেইই। মেয়ে চুপাই খাওয়াদাওয়া করে দেখেশুনে, মাছ বিশেষ পছন্দ করে না। দু'দিন আগেই ঈদ গেছে। অতএব টেবিলে মাংসের পদও ছিল কয়েকটা। কোরবানির মাংস ক'দিন জ্বাল হয়ে ঝুরো ঝুরো ভাজা ভাজা যে চেহারা হয়, ওরকম লোভনীয় লালচে একটা প্রিপ্যারেশ্যনও ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে মাছের ঝোল দিয়ে গরমভাত মেখে বেশ খেয়ে উঠল। খালু অত্যন্ত প্রসন্নমুখে জানালেন, সকালে নিজেই জেলে ডেকে ঘের থেকে মাছ ধরিয়েছেন 'বেছে বেছে'। খালা আশ্বাস দিলেন, ঝুরি মাংসের পুর দিয়ে বিকেলে সিঙাড়া করে দেবো চুপাইকে। খেয়ে উঠে খালুর সঙ্গে আমি আর ব্রাসেল ঘুরে ঘুরে বাড়িঘর দেখলাম। অনেকগুলো অগভীর জলাশয় কাটানো হয়েছে। মাছের চাষ হয় সেখানে। এক একটিতে একেক ধরনের মাছ। মাঝে একটি ঘাটবাঁধানো সাবেকি পুকুরও রয়েছে। খিড়কির পুকুর। পুকুর ঘিরে পুরনো বৃক্ষসারির বেড়া। বাড়ির সবাই ওই পুকুরে স্নান করে। কাল দুপুরে দু'টো ডুব দেব, মনে মনে বলি। চাই কি একটু সাঁতারও কাটতে পারি। ভুলে গেছি কিনা দেখব। বেলা পড়ার সঙ্গে চেপে শীত নামছে আমাদের ঘিরে, অনুভব করছি। জ্যাকেট চড়িয়ে নিলাম। জুতো-মোজা একবারে রাতে খুলে শোব, ঠিক করলাম।
পুকুরঘাটে রূপাহলি
রূপাহলির বড়বোন বনাঞ্জলি ঈদে এখানে এসেছে। ওর বর ফিরে গেছে ফাকায়, ওরা মা- মেয়েতে পীরপুরে আরো ক'দিন কাটিয়ে যাবে বলে থেকে গেছে। মেয়েদের জমাটি আড্ডা চলছে বারান্দায়। খালা টেবিলে বসে সিঙাড়া গড়ছেন। তার রান্নাবাড়ির সহায়িকা স্বাদু সিঙাড়া ভেজে এনে প্লেটে সাজিয়ে দিচ্ছে সবার সামনে। আমরা বারান্দা ঘেঁষে উঠোনে বসলাম। চেয়ার পাতা ছিল আগে থেকেই। টুপি বের করে মাথায় ঢাকা দিলাম। সামনে পাঁচিলের ওপাশে রাস্তায় মানুষজন, রিকশা-ভ্যান চলছে। তবে হৈচৈ নেই একেবারে। চাদ্দিক শুনশান। বিজলিবাতি জ্বলছে টিমটিম, কুয়াশার ঝিমঝিমে পর্দা নামছে একে একে, উঠোনের দুর্বাঘাসের গা ভিজছে নিঃশব্দে। ঠাণ্ডায় জমে যাচ্ছে সব প্রাকৃতিক জীবন বৈচিত্র্য। চা-খাবার খেতে খেতে গল্পগুজবের ফাঁকে ফাঁকে অনুভব করছিলাম, শীত পা টিপে টিপে অবধারিতভাবে ঢুকে পড়ছে মানুষের কাজেকর্মে, চলাফেরায়, ধীরে ধীরে অচল করে দিচ্ছে চাকার ঘোরা, মানুষের আস্ফালন, জীবনের স্পন্দন।
সবাই ঘরের ভেতরে এখন। চলছে গরম চা ও আচার দিয়ে মাখা ঝালমুড়ি। বনাঞ্জলির বাচ্চা মেয়েটি সকলের সাথে অসঙ্কোচে খুনসুটিতে ব্যস্ত। খালু মসজিদে, এশার নামাজ পড়ে ফিরবেন। আমরা রাতে শোব কোথায়, সে জায়গাটা এবার চিনে নিতে চাইলাম। ব্রাসেল আমার সঙ্গী হল। বারান্দা পেরিয়ে উঠোনে নামলাম। সদর দরজার পাশে পাঁচিল ঘেঁষে রাখা গাড়িটা ভিজছে নিঃশব্দে। লম্বাটে একটি ব্যারাকের মতো ঘরের বারান্দায় উঠল ব্রাসেল। সুইচ টিপে আলো জ্বেলে দরজার শেকল নামাল। ভেতরের আলো জ্বেলে ডাকল, আসেন বড়ভাই। ওই ঘরের ভেতরটা মনে হল কোল্ড স্টোর। ফাঁকা। দুই প্রান্তে দু'টো খাট। মাঝে একটি টেবিল, ক'টি চেয়ার। চেয়ারে হাত ছোঁয়ালাম। বসতে ভরসা পেলাম না। বিছানায় বসতে গিয়েও যেন ঠাণ্ডা জলের স্পর্শ পেলাম হাতে, পাছায় অথচ মাথার ওপরে বাঁশের বাতা, তার ওপরে টিন। দুই ভাই বসে ধূমপান করতে করতে টিনের চালে টুপটাপ ঠাণ্ডা জমে জলপড়ার শব্দ শুনলাম। নৈঃশব্দ আর শীতের ঝিমঝিমে আবেশ সবকিছু জমিয়ে দিচ্ছে যেন।
সে রাতে খেতে বসে টের পাচ্ছিলাম, রান্নাঘর থেকে খাবার ঘরে ভাত-তরকারির পাত্র আনতে আনতেই ধোঁয়াওঠা বন্ধ হয়ে যাচ্ছে। খাওয়া সেরে আঁচিয়ে আমাদের ঘরে গিয়ে পোশাক বদলালাম; ইচ্ছে হচ্ছিল না মোটেই। মাথায় মাফলার প্যাঁচালাম। জ্যাকেট খুলে লেপের নিচে ঢুকে সময় নিয়ে মোজা খুলে রাখলাম। মুখমণ্ডলে কেউ যেন ঠাণ্ডার পরশ বুলিয়ে দিচ্ছে। অভ্যেস নেই, তবুও লেপ টেনে নাকের ওপরে তুললাম। শ্বাস স্বাভাবিক হল। কালই এখান থেকে ফিরতে হবে। মনে মনে সিদ্ধান্ত নিলাম। ঘরের ও প্রান্তে ওরা মা-মেয়ে শীতে হি-হি করছে। ঘুমোনোর চেষ্টা করছে।
রাতে উঠে বাথরুম সারব কীভাবে? সে তখন দেখা যাবে। আপাততঃ ঘুমোনোর চেষ্টা করি, নিজেকে নিজেই সাজেস্ট করি। বাতি জ্বলছে। নেবানো হয়নি। কোন দ্বিতীয় আলোর ব্যবস্থা নেই। তারপর কখন ঘুমিয়েছি জানি না। সকালে ঘুম ভাঙতে দেখি, দরজা ভেজানো। ফাঁক গলে রোদ আসছে সরু রেখায়। উঠে ফ্লাস্ক থেকে গরম জল জগের জলে মিশিয়ে অনেকটা পান করে বাথরুমে গেলাম। নির্ভার হতে মনে প্রসন্নতা ফিরে এল। মুখে ক্রিম মেখে উঠোনের রোদে নামতে আরাম বোধ করলাম। পীরপুরের বাসিন্দারা সবাই সেখানে রোদে পিঠ দিয়ে বসেছে। ব্রেকফাস্ট আসছে এখানেই ডি লা গ্রান্ডি… বলে হাঁক দিয়ে একটি লাফে আকাশ ছুঁতে চাইলাম। কী বড়ভাই, পীরপুরের ঠাণ্ডায় নারাণ গাঙ্গুলিকে মনে পড়ছে বুঝি খুব? ব্রাসেলের হাসিমুখের হা বুঁজোতে পিয়ারি খালা বোনপো-কাম-জামাতার গালে একটি পুঁচকে মুড়ির মোয়া ঠুসে দেন। হ্যাঁ, এবারে পটল দিয়ে শিঙ্গির ঝোল খেলেই আট পাকে বাঁধা পড়ে যাব এখানে, বুঝলে? বলে আমি নাশতার টেবিলে বসে পড়ি। খালু একগাল সরল হাসি উপহার দিয়ে বলেন, আমার ঘেরিতে বড় বড় শিং-মাগুর রয়েছে তো! চল, চা খেয়ে গিয়ে জেলে ধরে আনি। ওইসঙ্গে দুই নাতনির জন্য কয়েৎবেল… খালা আপত্তি তোলেন, তুমি ঠাট্টাও বোঝ না? কুটুমবাড়ি এসে কেউ পটলডাঙার পেটরোগা প্যাংলার মতো শিংমাছের পানসে ঝোল খায়?
ধানের ক্ষেতে অদিত্রি
আমি খালুসাহেবকে জোর সমর্থন দিই। অতএব সিদ্ধান্ত হল, ওটাও হবে, এটাও হবে। খালার মোগলাই লাঞ্চের পাশাপাশি পুরুষ্টু শিং-এর কালিয়াও রান্না হবে। পীরপুরের প্রধান সড়কে হাঁটতে বেরিয়ে আরেক ফ্যাসাদ। আসলে বিপদের কিছু নয়, প্রাক্তন চেয়ারম্যান খালুকে লোকে সালাম দেয়, কুশল বিনিময় হয়, দু'চার মিনিট সৌজন্যসূচক বাতচিত করতে হয়। ফলে হাঁটা হয় অল্প, খালুর বাক্যব্যয় ঘটতে থাকে বেশি। অতএব আমিও সৌজন্যের বশবর্তী হয়ে আলোচনায় নির্দোষ অংশগ্রহণ করি। অবিলম্বে পথের ধারে টংঘরের সামনে পাতা বেঞ্চিতে আসীন হয়ে চা খেতে হয়। পাশের বাড়ির গাছে বেল ঝুলতে দেখে খালু বলেন, আমাকে ক'টা কয়েৎবেল যোগাড় করে দাও তো, নাতনিরা বলছিল। আমাদের গাছের বেল আগেই শেষ। কাগজের ঠোঙায় বেল এল। ঘ্রাণ নিতে বুঝলাম, গাছপাকা সুস্বাদু ফল। আমি দাম দেবার জন্য পকেটে হাত দিতে খালু থামিয়ে দিলেন। ও আমি মফেজকে হাটের দিনে দিয়ে দেব, ভেব না তুমি। মফেজউদ্দীন শুনে সপ্রীত হাসলেন। সালাম জানিয়ে কাজে গেলেন।
বাড়ি ফিরে দেখি ব্রাসেল মাছ ধরতে বসবে! আয়োজন চলছে। ঘেরির প্রশস্ত পাড়ে বড় রঙিন ছাতা পোঁতা হয়েছে। তার নিচে প্ল্যাস্টিকের মোড়া পাতা অনেকগুলো। চা-কফির ফ্লাস্ক, নাশতার টুকরি, জলের বোতল। সে এক কাণ্ডই বটে। কাজের মধ্যে বসে বসে ছিপে খেলিয়ে মাছ ধরে আবার ছেড়ে দেয়া। আমি ছাতার ছায়ায় মাথা রেখে পিঠ রোদে সেঁকতে সেঁকতে অমিতাভ ঘোষের উপন্যাসে মন দিলাম। মাঝে-মাঝে চোখ তুলে প্রান্তরজোড়া সবুজ ধানক্ষেতে পোকাদের ওড়াউড়ি দেখছি। মন্থর, অলস সময় কেটে যায়। ব্রাসেলরা এখানে কয়েকদিন থাকবে। আজকের রাত কাটিয়ে কাল আমরা নানাবাড়ি দিকে যাব। পরশু মুরিদপুর হয়ে ফাকায় যাবার ইচ্ছে। কেবল শীতের কামড়টা যদি একটু সহনীয় হত! আরামে চোখ বুঁজে আসছে রোদের কবোষ্ণ ছোঁয়ায়।
m.waliuzzaman@gmail.com
আর্টস প্রোফাইল: মীর ওয়ালীউজ্জামান
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts
