শীতের সাতকাহন
শুনতে পাই, শীত বাঙালির প্রিয় ঋতু। আবার শৈশবে 'ষড়ঋতুর বিচিত্র লীলা' রচনা পাঠকালে মনে হত, বাঙালি লেখক-ভাবুক-কবিবৃন্দ বোধকরি সব ঋতুকেই স্বাগতঃ জানিয়েছেন, সকলেরই গুণকীর্তন করেছেন। প্রকৃতপক্ষে, যে কোন ঋতুই স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল, এদেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও মহিমাময়। এসব কিছুর পরেও মধ্যবিত্ত বাঙালি জীবনে শীত যেন বিশেষ আদরের, দীর্ঘ অপেক্ষার শেষে এক পাওনার মতো। শীতে বস্ত্রহীন যে নিদারুণ কষ্টে দিনতিপাত করে থাকে, সেকথা সবাই জানে। তবুও শীত আসুক, এটা আমরা সরবে না হোক, মনে-প্রাণে কামনা করি বর্ষার ঝরানি শেষ হলে।'হাড়কাঁপানো শীত' শব্দবন্ধ ইদানিং বাংলাদেশের নাগরিকদের জন্য দূরাগত স্মৃতি, সর্বজনের অভিজ্ঞতার বাইরে বলা যায়। আমাদের মধ্যে যারা পঞ্চাশ-ষাট বছর আয়ুষ্কাল পার করেছেন, তাদের হাড় অবশ্যই শীতে কেঁপেছে অতীতে–এ শহরেই অথবা গাঁয়ে, অথবা পাহাড়-জঙ্গলে বেড়াতে গিয়ে। সেরকম দুচারটি দুর্দান্ত শীতে কেঁপে ওঠার স্মৃতি আমি এক্ষণে আপনার সঙ্গে ভাগ করে নেব।
প্রথম কাহন: চায়ের দেশে
১৯৮১ সাল। জানুয়ারির প্রথম দিকে ঢাকার মোতিঝিলে একটি সম্ভাব্য যুগ্ম ব্যবসায় যোগদান চূড়ান্ত করার ইন্টারভিউ দিতে গেছি। ফার্মের এমডি বাবুল সাহেব শুধোলেন, শীত কেমন লাগে তোমার? বল্লাম, বেশ লাগে। আবার প্রশ্ন এল, পোশাক-আশাক আছে? আছেই তো, জ্যাকেট-ফ্যাকেট, পুলোভার… আমার কথার মাঝে বাবুল বলে উঠলেন, ঠিক আছে, তোমার চাকরি হয়ে গেল। ক্যাশ থেকে অ্যাডভান্স নিয়ে ভারি জ্যাকেট কিনে নাও আর কানমাথাঢাকা পশমি টুপি। রাতের ট্রেনে আমাদের সিলেট বাগানে চলে যাও। অফিস টিকিট কেটে রাখবে। ইউ হ্যাভ দ্য হোউল ডেই টু সেই গুডবাই টু ঢাকা… গেট গোউইং নাউ।
সিলেট মেইলে চেপে ভোররাতে কুলাউড়া নেমেছি। বিছানা কম্বল গুটিয়ে রেখে আমার হ্যাভারস্যাক, যেটা দেখতে হালকা হোল্ডঅল-এর মতো আর বেহালা হাতে প্ল্যাটফর্মে নামতেই পাহাড়ি শীতের কামড় অনুভব করলাম। ওয়েটিং রুমে ঢুকে এক কোণে একটি ইজিচেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুঁজলাম। আরো ঘণ্টা চারেক পর সকাল ৮টার দিকে এখান থেকে ট্রেনে উঠব আবার। এ লাইনে বাংলাদেশের শেষ স্টেশন লাতুতে নামব। কাচের দরজা ভেজানো রয়েছে। প্রায় সব ক'টি আসনে ঘুমকাতুরে মানুষ নানা ভঙ্গিতে কুঁকড়ে-মুকড়ে ঘুমোচ্ছে। আমার গায়ে ফুলহাতা শার্টের ওপর সিল্কের জ্যাকেট। কিন্তু ক্রমবর্ধমান শীতের অনুভূতি আমাকে কাবু করে ফেলছে, টের পেয়ে আমি হ্যাভারস্যাকের ভাঁজে ভাঁজে লুকনো অগণন পকেটের একটি থেকে বড়সড় পশমি স্কার্ফ বের করে কানমাথা মুড়ে নিলাম। একটু আরাম বোধ হল। বাবুল সাহেবের কথাবার্তা মনে হওয়ায় শঙ্কিতও হলাম। এখনো তো কর্মস্থলে পৌঁছইনি, এখানেই যা শীত লাগছে!
ঠাণ্ডার প্রকোপে ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। শোরগোলে তন্দ্রা টুটল। গাড়ি লেগেছে উল্টো দিকের লাইনে। এক্ষুনি ছাড়বে। টিকিট নিতে গেলাম। এই ট্রেনে কোনো প্রথম শ্রেণীর কামরা নেই, কেবলই তিন দাঁড়ির দুটো বগি। যাত্রী কম, কেউ নাকি টিকিটও কাটে না। যাকগে, টিকিট পেলাম এবং ট্রেনে উঠে বসলাম। কাঠের বেঞ্চির ফাঁক দিয়ে স্যাঁতসেতে মেঝে থেকে ঠাণ্ডার স্রোত উঠে পশ্চাদ্দেশে যেন হিমেল ছোঁয়া দিতে চাইছে। চা-ফা কিছু নেই। অন্য যাত্রীরা তাদের আলোয়ান-কম্বল চাপাচুপি দিয়ে পুনরায় চোখ বুঁজল। গাড়ি চলল ঢিকির ঢিকির করে। তারপরও দূরের জঙ্গুলে টিলাশ্রেণী যেন কুয়াশা আর শীতের প্রবাহ পাঠাতে লাগল আমাদের ট্রেনের জানলা গলে ভেতরে ঢুকে মানুষযাত্রীদের কাবু করে ফেলতে–বলতে ভুলে গেছি, সহযাত্রী হিসেবে আমাদের কম্পার্টমেন্টে কতিপয় গৃহপালিত গবাদিপশুও ছিল। ওরাও ওই জমাটি ঠাণ্ডায় একেবারে স্থাণুবৎ দাঁড়িয়েছিল ব্যা-ডাক পরিহার করে। জুরি স্টেশনে চা খেতে পেলাম। কিন্তু সে চা ভেন্ডারের কেতলি থেকে কাপে ঢেলে খদ্দেরের ঠোঁটে গরম ছ্যাঁক দেবার আগেই কুসুম গরম! হা হতোস্মি!
একসময় ট্রেন ভিজে ন্যাকড়ার মতো গড়িয়ে গড়িয়ে শেষ ঘাঁটি শাহবাজপুর বা লাতু পৌঁছল। যাত্রীরা যে যার মতো নেমে গেল। আমি আড়মোড়া ভেঙে আস্তে আস্তে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ালাম। স্টেশন চত্বর বিরান হয়ে যেতে এগিয়ে গিয়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকলাম। বৃদ্ধ মাস্টারসাহেব গরম পানির বোতল দু'হাতের মাঝে গড়িয়ে উষ্ণ হবার চেষ্টায় রত। গন্তব্যে পৌঁছনোর হদিস জানতে চাইলাম। আমাকে বসতে বলে উনি বাইরে গিয়ে ইতি-উতি কারো বা কিছুর খোঁজ করে ফিরে এলেন। আফনের টিকানায় মালফত্র লওয়ার লাগি খাউরে ফাইলাম না। আর খিতা করবেন? আটি যানগি আস্তে আস্তে। বারোটার মইদ্যে ফৌঁছি যাইবেনগি। পথনির্দেশ দিলেন বিস্তারিত। পথ ভুল করলে কী বিপদ হতে পারে, তা-ও বাতলে দিলেন। আর বল্লেন, জনবিরল পাহাড় আর জঙ্গুলে এলাকা। শীতল বাতাস বইছে শোঁ শোঁ করে। কাজেই আমার পোশাক বদলানো আবশ্যক। ব্যাগ খুলে উলের লাইনিং দেয়া পোলার জ্যাকেট বের করে গায়ে চড়ালাম। বেশ ওম অনুভব করলাম। কিছুটা আত্মবিশ্বাস বাড়ল। মাভৈঃ বলে হাঁটা দিলাম। হাতের বোঝা এখন অনেকটাই গায়ে চড়িয়েছি। বেহালা হোল্ডঅলে ঢুকিয়ে কায়দা করে পিঠে ফেললাম। ব্যাগের বেল্ট নরম। কপালে ওটা ফিট করে দু'হাত ফ্রি করে নিয়ে সিগ্রেট ধরিয়ে নিলাম। লাতু বাজার ছাড়িয়ে প্রান্তরে পড়লাম। আরেক খোয়াই যেন।
……
পাকদণ্ডী পথ
…….
নজরে এল জীর্ণ সাইন–কালিকাবাড়ি টি ই অর্থাৎ টি এস্টেট। ডার্ট রোড চলে গেছে নিচু টিলাশ্রেণির ভাঁজে ভাঁজে। কুয়াশা আর মরা রোদে নীলাভ আলোছায়ার খেলা। মাঝে মাঝে, বলতে নেই, প্রেতের মতো দেখতে একটি বা দু'টি মানুষ–কালোকুলো, আধন্যাংটো, অস্থিসার–পাশ কাটিয়ে যাচ্ছিল অত্যন্ত সঙ্কুচিত ভঙ্গিতে, দু'হাত জোড় করে নমস্কার বা সালাম করতে করতে–আম্মো তাই প্রতিনমষ্কার করে চললাম। পথ হারাচ্ছি না, নিশ্চিত হতে কেবল জিজ্ঞেস করেছি, পথনির্দেশ চাইবার ভঙ্গিতে–কুমারশাইল? ওরা পেছন দিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দ্রুত বিপরীত দিকে হেঁটে যায়। ওরা নিজেদের মধ্যে অবশ্য হিন্দুস্তানি ডায়ালেক্টে কথা বলছিল নিচুস্বরে। পরে জেনেছি, ওদের উপভাষার নাম দেশোয়ালি। শীত কেটে গিয়ে গরম বোধ হচ্ছিল। হাঁটার সুফল পাচ্ছিলাম গায়ে গায়ে। ভেতরের শার্ট গেঞ্জি ভিজে যাচ্ছে ঘামে। অতএব জ্যাকেট খুলে পিঠে ফেলে এগোলাম। সামনেই তীরচিহ্ন খচিত সাইন- 'কুমারশাইল টি ই'। পথ বাঁয়ে ঢুকেছে, উঁচুতে উঠল। ডানদিকে মলিন, অযত্নে বর্ধিত চা গাছের জঙ্গল। ফাঁকে ফাঁকে লম্বা লম্বা কুঁড়েঘর, কুলি লাইন সম্ভবতঃ। একটি ফ্যাক্টরির কঙ্কাল নজরে এল। একটি ছোট বাংলো, খড়ছাওয়া। ওঠার পথ এবার বেশ খাড়াই–সাইন পড়লাম–কুমারশাইল বড় বাংলো।
এসে গেছি মঞ্জিলে। চত্বরে উঠে হাঁক দিলাম, কোই হ্যায় ইধার? দৌড়ে এল দু'তিনজন কালো মানুষ। তবে এদের বেশভূষা পরিষ্কার, হাতে মুখে তৈলমর্দ্দনের সুস্পষ্ট আভাস। পরিচয় দিলাম। নিরঞ্জন নামের কিশোরটি আমার জিনিসপত্র নিয়ে বাংলোর বারান্দায় উঠল। আরেকজন একটি আর্মচেয়ার দেখিয়ে বসতে আহ্বান জানাল। চা হবে? জিজ্ঞেস করতেই দু'জনে বারান্দার ওপাশ দিয়ে দুদ্দাড় নেমে গেল নিচে কোথাও। কুকহাউস বোধ হয় ওদিকেই, ভাবলাম।
……
ছোট বাংলো
…….
আরো ভাবলাম, অধস্তনদের সঙ্গে আপাততঃ হিন্দি-উর্দু মিশিয়ে হুকুম-হাকাম চালালেই হবে। চা এল, সঙ্গে ফিঙ্গারচিপস। কুড়মুড়ে, লালচে ভাজা। চায়ে চুমুক দিয়ে বাগানের তাজা চায়ের ঘ্রাণ পেলাম। সূর্য আবার মিইয়েছে। শীত টের পাচ্ছি। অথচ, নিরঞ্জনরা তো বেশ শার্ট-প্যান্ট, ক্যানভাস শ্যু পরে ঘুরছে ফিরছে। শীত কাতুরে কি কেবল আমিই এখানে? চা শেষ হতে নিরঞ্জন বাংলোর কর্মচারিদের ডেকে এনে রীতিমতো ফল-ইন করিয়ে পরিচয় দিল। ও নিজে হচ্ছে বাংলোর হেড বয়। আপাততঃ ও একাই আমাদের অর্থাৎ মালিকদের একান্ত সেবকের দায়িত্ব পালন করছে। মুসলিম বলতে মেজর রশীদ আর এই অধম। গতকাল সকালে মোতিঝিলের অফিসে দায়িত্ব বুঝে নেবার সময়ে জেনেছি, রাহমান গ্রুপ অব এন্টারপ্রাইজেজ-এর অ্যাগ্রো-বেইজড 'রুট্স লিমিটেড'-এর অর্ধেক মালিকানা আমার আর রশীদের।
এই মুহূর্তে রশীদ মাধবকুণ্ডের পেছনে জঙ্গলে টিলা পরিষ্কার করে আমাদের কম্প্যানি ক্যাসাভা চাষের উপযোগী যে বাগান গড়ে তুলছে, সে কাজের অগ্রগতি দেখতে গেছে।
হেডবয় এসে বলল, আমার গোসলের পানি তৈরি। আমি ওকে অনুসরণ করে আমার জন্য বরাদ্দ শয়নকক্ষে ঢুকলাম। ছেলেটা দেখছি মিলিটারির ব্যাটম্যান সেবায় অভ্যস্ত আমাদেরও চমকে দিচ্ছে। সে এরিমধ্যে আমার ব্যাগ খুলে ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র বের করে যেখানে যেটা রাখার রেখে দিয়েছে। স্নান করে এসে যে পোশাক পরব, সেটাও খাটের ওপর সুবিন্যস্ত। জানলা দরজার লম্বা লম্বা পাল্লা ভেজানো, কাচের শার্সির ভেতর দিয়ে মধ্যাহ্নের ম্লান আলো ফিল্টার হয়ে ভেতরে আসছে। ঘরের কোণে কোণে মাটির মালসায় কাঠকয়লার আগুন গন গন করছে। আমি খুশিমনে 'পড়েছি মোগলের হাতে…' জপতে জপতে ধড়াচূড়ো দ্রুত ছেড়ে সংলগ্ন স্নানঘরে ঢুকে যাই। ঝপাঝপ ঠাণ্ডা-গরম মেশানো জল মগে তুলে গায়ে, মাথায় ঢেলে, তোয়ালে দিয়ে শরীর-মাথা স্ক্রাব করি। সবই ব্লিৎসক্রিগ পদ্ধতিতে, কালক্ষেপণ না করে। ঘরে ঢুকে ঝটপট পোশাক পরে নিয়ে আরাম পাই। নিরঞ্জন আশ্বস্ত করে, দু'একদিন গেলে ঠাণ্ডা সয়ে যাবে। এখানে নাকি এরকম শীত স্বাভাবিক। ওরা ছোটবেলা থেকেই দেখে আসছে তো! খুব ইচ্ছে হলেও বারান্দায় বেরলাম না আর। মোজা-স্যান্ডাল পরে দেশ পত্রিকার চলতি সপ্তাহের ইস্যুটা নিয়ে পাতা ওল্টাতে লাগলাম।
বাংলোর ঘরগুলো ইন্টার-কানেক্টেড। আমার ঘর একপাশে। পাশের দরজা খুলে নামলে নিচে রান্নাবাড়ি। আর ভেতরবাগে দরজা খুলে ডাইনিং রুমে পৌঁছনো যায়। হেডবয় এসে জানাল, খনা লাগ্ গিয়া স্যর। গিয়ে দেখি, ১৮ জনার মত খাবার টেবিল অতবড় ঘরটাকে ভালভাবেই ভর্তি করেছে। আর কে খাবে এখন? জিজ্ঞেস করে জানলাম, কেবল আমিই নাকি খাব এখন। রশীদ সাব তো রাতে বসবে আমার সঙ্গে। যথারীতি টেবিলের একমাথায় বসে বুঝে উঠতে পারছিলাম না, কী খাব, কোন্ পদ আগে বা… নিরঞ্জন এগিয়ে এসে সার্ভ করার পারমিশন নিয়ে পরিবেশন করতে লাগল। এত পদ কেন? জিজ্ঞেস করাতে বয় জানালো, কুমারশাইলের ঐতিহ্য হল, খাবার টেবিলে কমপক্ষে ৭ পদের খাবার সাজিয়ে দিতে হবে। তা সে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেহরি, ইফতার, ঈদ, পূজাপার্বন… যাই হোক। এর কোন ব্যতিক্রম এ পর্যন্ত হয়নি। অন্তত যদ্দিন এখানে সে কাজ করছে, এ নিয়মের ব্যত্যয় ঘটতে দেখেনি। আমার যদি কখনো শুধু সবজি আর ভর্তা খেতে ইচ্ছে হয়? আমার প্রশ্নের উত্তরে সে বলে, তো ওই ভর্তাই হবে ৭ রকম। মাছ খেতে চাইলে, তাই পাবেন ৭ পদের। চোয়াল শক্ত করে নিরঞ্জন জানিয়ে দিল।
রশীদ ফিরবে সন্ধেয়। আমি ঘরে গিয়ে কম্বলের নিচে ঢুকে চোখ বুঁজলাম। আরে, ওলি সাব, কীতা খবর। আ'ম সৌ হ্যাপি টু সি ইউ… রশীদের হাঁকডাকে ঘুম ভাঙল। প্রকাণ্ড ঘরে ৪/৫ টা হারিকেন জ্বলছে। সব ঝকমক করছে। কাচের ভেতর দিয়ে দেখলাম, বারান্দায় টেবিলের ওপরে পেট্রোম্যাক্স জ্বলছে শোঁ শোঁ শব্দে। দুই বন্ধুতে কোলাকুলি করলাম। ওর মুখে ভকভক করছে পচাইয়ের সুবাস! আমার কোঁচকানো ভ্রু দেখে ও আশ্বস্ত করে, আরে আফনার লাগি স্পেশ্যাল স্টাফ রাখিয়া দিছি। আউক্কা, বলে আমাকে টানতে টানতে বারান্দায় নিয়ে যায়। বসি দু'জনে। আরো কজন বসে আসে টেবিলের ওপাশে, বেঞ্চিতে। রশীদ আমাদের পরিচয় করিয়ে দেয়। জানতে পারি, ওখানে কালিকাবাড়ির ম্যানেজার, কুমারশাইলের ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট ও ডাক্তার হাজির। টেবিলের এপাশে তিনটি দশাসই আর্মচেয়ারের দু'টিতে আমরা বসেছি। তৃতীয়টি ফাঁকা।
রশীদ তার ঘর থেকে একটা চৌকো কালো কার্টন নিয়ে এল। এই বিজনে ব্ল্যাক লেবেল? ও মিটি মিটি হেসে বলল, ইট'স ইওর প্রিভিলিজ টু ওপ্ন ইট, স্যর। পান শুরু হল। শীত পালাল। টুকটাক স্ন্যাক্স আসছে। গরম পকৌড়া, আলুভাজা…। এল আমজাদ। আল্লাদাদ টি গার্ডেন সিস্টেম্স লিঃ-এর জেনারেল ম্যানেজার। আমরা যার ৪টি বাগানের ১০,০০০ বিঘে জমি লিজ নিয়েছি, সেই ইসমাত আহমাদ চৌধুরির প্রতিনিধি। রশীদের মতো আমজাদও রাজশাহীর ছেলে। বাংলা সাহিত্য পড়েছে। এই ভারত-বাংলাদেশ সীমান্তে বসে হ্যাজাকের আলোয় কারণবারি সেবারত আমজাদের সঙ্গে রাজশাহীর শিক্ষিত মধ্যবিত্ত কোন পরিবারের সম্পর্ক কল্পনা করা কষ্টকর, মনে হল।
চায়ের অরণ্য
আমাদের পিঠে গরম আলোয়ান চাপানো হয়েছে কখন, টের পাইনি। রাত বাড়ছে, শীত বাড়ছে, হ্যাজাকের আলো কমে এলে পাম্প করা হচ্ছে। গল্পগুজব, গান হচ্ছে। সে এক উদ্দাম রাত! রশীদ এরিমধ্যে হাঁক দিল, হাওয়ালদার সাবু! একচোখ বোঁজা বাবড়িচুলো সাবু একনলা বন্দুক নিয়ে এসে অ্যাটেনশনের ভঙ্গিতে সালাম দিল। ফায়ার থ্রি শট্স ইনটু দ্য হেভন্স। সাবু বারান্দা থেকে নেমে গিয়ে অনেক কসরত করে তিনবার গুলি চালাল। আমি হতবাক। অবশ্য শীতের কথা মনে থাকছিল না।
৭ কোর্সের ডিনার খেয়ে বিছানায় তোষকের ওপর তিনটে কম্বল বিছিয়ে শুয়ে গায়ে আরো দু'টো চাপা দিয়েও সে রাতে ঘুম আসতে দেরি হয়েছিল। খাটের নিচেও আগুনের মালসা ছিল গন্গনে। তারপরও কাঁপুনি থামতে চায় না মোটে।
(চলবে। পরের কাহন: পদ্মাপারে, পীরপুরে)
—
