২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার: হক্কল জাগা পুরি খাইলাম ন পাইলাম চাডিয়ার নান!

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 11 Jan 2011, 11:37 AM

Updated : 23 Jun 2022, 04:08 PM


কক্সবাজারের দরিয়া নগরে কবিটং

১.
সাধারণত কোন উপলক্ষ ছাড়া কোথাও বেড়াতে যাওয়া আমার হয়ে ওঠে না। সময়, সুযোগ এবং আর্থিক–এ তিনের সমন্বয় ঘটানো আমার পক্ষে একরকম কঠিন হয়ে দাঁড়ায়। কক্সবাজার আমি বহুবার গিয়েছি এবং বহুদিন থেকেছি। যতবার আমি ওখানে গিয়েছি কোন কর্মকে উপলক্ষ করে গিয়েছি। সে সুবাদে কক্সবাজারকে নতুন নতুন করে দেখার সুযোগও আমার হয়েছে। আপনি যখন কোথাও বেড়াতে যাবেন তখন একটা স্থান বা বস্তুকে দেখার জন্য যাবেন। তখন আপনার দৃষ্টি এক জায়গায় স্থির থাকবে, আশেপাশে আরও যে সৌন্দর্যের সমাহার রয়েছে ওগুলো খুঁটিয়ে দেখার সুযোগ আপনি পাবেন না। সুতরাং কক্সবাজারে কেবল সাগরের জলরাশি দেখার চিন্তা মাথায় রেখে যাওয়া ঠিক হবে না।

কক্সবাজার / নূরুল আনোয়ার
(বড় আকারে দেখতে ছবিতে ক্লিক করুন।)

সৌন্দর্যের ব্যাপারটা অনেকটা সুখের মত আপেক্ষিক। আমার কাছে যা সুন্দর অন্যের কাছে তা অন্যরকম ঠেকতে পারে। শীতের শিশির বিন্দু হঠাৎ দেখার পর আপনাকে যেভাবে চমকে দেবে একজন কৃষককে সেভাবে চমৎকৃত করে না। কারণ সে প্রতিদিন ওগুলো দেখে অথবা ওসব নিয়ে ভাববার বা মনযোগ দিয়ে দেখার বা আকর্ষণ বোধ করার মত মানসিকতা তার থাকে না। তাছাড়া সৌন্দর্য অবলোকন করার জন্য বয়সেরও একটা প্রভাব থাকে। শিশু বয়সে যে সৌন্দর্য চোখে ধরা পড়ে, বৃদ্ধ বয়সে এসে সেটাকে অন্যভাবে দেখা স্বাভাবিক।

আমি প্রথমবার কক্সবাজার গিয়েছিলাম উনিশ শ' আশি সালের দিকে। তখন বয়সে আমি ছিলাম কিশোর। সবে ক্লাস এইটে আমি পদার্পণ করেছিলাম। আমার বাড়ি থেকে কক্সবাজার বেশি দূরে নয়। বড়জোর এক শ' কিলোমিটার। ওই এক শ' কিলোমিটার পথ আমার কাছে সাত সমুদ্র তের নদীর ওপারের দেশের মত মনে হত। শিশুকাল থেকে পাঠ্যপুস্তকে পড়ে আসছিলাম কক্সবাজার স্বাস্থ্যকর স্থান। স্বাস্থ্যের দিক দিয়ে আমি ছিলাম একেবারে ক্ষীণ। তাই আমি স্বপ্ন দেখতাম কক্সবাজার গেলেই আমার স্বাস্থ্যের পরিবর্তন ঘটে যাবে। স্বপ্নটা ভেতরে ভেতরে লালন করতাম, কিন্তু কাউকে জানান দিতাম না। কেউ যদি জেনে যায় তাহলে তো মজাটাই থাকল না।

…….
হীমছড়ি সড়ক
…….
কথা উঠেছিল আমার স্কুল থেকে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী মিলে কক্সবাজার যাবে। এই উদ্দেশ্যকে উপলক্ষ করে গোটা এক মাস ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেতে থাকল। কিন্তু সে আনন্দ আমাকে স্পর্শ করতে পারেনি। তখন বিশেষ কারণে আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। আমাদের অবস্থা দাঁড়িয়েছিল নুন আনতে পান্তা ফুরোবার মত। সুতরাং পরিবার থেকে আমি কোন রকম সায় পাইনি। ছোটকাল থেকে আমি আমার কাকা আহমদ ছফার এক শ' ভাগ সহানুভূতি এবং ভালবাসা আদায় করতে সক্ষম হয়েছিলাম। আমি কারণে অকারণে তাঁকে চিঠি লিখতাম। তিনি হাজার ব্যস্ততার মধ্যেও আমার চিঠির জবাব লিখতেন। আমি তাঁকে আমার শিক্ষা সফরের কথাটা লিখেছিলাম এবং এক শ' টাকা দাবি করেছিলাম। কিন্তু আমি আশা করিনি এ টাকা তিনি আমাকে দেবেন। তিনি আমার লেখাপড়ার খরচ যোগাতেন, তার ওপর এরকম একটা বাড়তি খরচ তিনি কেন করতে যাবেন। আমার অনুমান ভুল প্রমাণিত হল। তিন চারদিন না যেতেই তিনি আমার জন্য এক শ' টাকা মণি অর্ডার করে পাঠিয়ে দিলেন, সঙ্গে একখানা চিঠিও লিখলেন। আমি কক্সবাজার যাব শুনে তিনি বেজায় খুশি। তিনি লিখলেন, তোমার চে' কম বয়সে আমি কক্সবাজার গিয়েছি। তোমাকে আরও আগে কক্সবাজার পাঠানো উচিত ছিল। সমুদ্রের বিশালতা এবং পর্বতের উচ্চতা না দেখলে মানুষ তার সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারে না। সাগরের পাড়ে দাঁড়িয়ে নিজেকে কল্পনা করতে শেখ তুমি কত ক্ষুদ্র একটা প্রাণী। তুমি শারীরিকভাবে সমুদ্রের মত নিজেকে প্রসারিত হতে পারবে না ঠিকই, কিন্তু মনটাকে তার চাইতেও বিশাল করার মন্ত্র তুমি সমুদ্রের কাছ থেকে শিখতে পার। মনে রাখবে কলম্বাস এ সমুদ্রে ভেসে ভেসে মার্কিন রাজ্য আবিষ্কার করেছিলেন। মানুষ সমুদ্রকে জয় করেছে। সে মনুষ্য সমাজের তুমি নিজেকে একজন প্রতিনিধি ভাবতে চেষ্টা কর। ছফা কাকার অনেক উপদেশ আমি ওই চিঠিতে পেয়েছিলাম। তখন কি বুঝতাম এসব কথার মানে?

যা হোক, এক শ' টাকা আমি পেয়েছিলাম। তখন প্রতিটি ছাত্রের মাথাপিছু চাঁদা ধরা হয়েছিল ষাট টাকা। ওই সময়ে ষাট টাকার মূল্য কম ছিল না। ওই টাকাতে তিন বেলা খাবার এবং চার বেলা নাস্তার ব্যবস্থা ছিল। আমি ষাট টাকা জমা দিয়ে দিলাম।

তখন বিলাসবহুল গাড়ি ছিল না। ঢাকা শহরের মুড়ির টিনের মত একটা বাস ভাড়া করা হয়েছিল। ছাত্রছাত্রীর সংখ্যা এত বেশি ছিল যে আমার শিক্ষক মশায়রা গাড়ির ভেতরে সকলের ঠাঁই দিতে পারেননি। আমার গাড়িতে চড়ার অভিজ্ঞতা ছিল অল্প। এর আগে আমি যতবার গাড়িতে চড়েছি আমাকে বমি করতে হয়েছে। সেই ভয়টা ভয়ানকভাবে তাড়া করতে থাকল। আমার বন্ধুদের অনেকে বাসের ছাদের ওপর উঠে পড়েছে। তারা আমাকে ছাদে ওঠার জন্য পীড়াপীড়ি করতে থাকল। আমি তাদের আমার ভয়ের কথা জানালাম। তারা আমাকে অভয় দিল। আমি রাজি না হয়ে পারিনি। তাছাড়া আমার কাকার উপদেশ, মানুষই সমস্ত কিছু জয় করে। বাঁচতে হলে ভয় করলে চলবে না। প্রতিটি পদক্ষেপে মানুষকে সাহসের পরীক্ষা দিয়ে এগুতে হয়। সাহসী মানুষদের জন্য এই পৃথিবী, দুর্বলদের জন্য নয়। আমি সাহসের পরীক্ষা দিতে লেগে গেলাম।

বাসের ছাদের একটা অংশ বড় বড় চার পাঁচটা রান্না করার ডেকচি এবং লাকড়িতে বোঝাই ছিল। বাকি জায়গাটিতে আমরা ঠাঁসাঠাঁসি করে বসেছিলাম। গাড়ি চলতে আরম্ভ করল। অবাক কাণ্ড, আমার একটুও ভয় লাগেনি, এমনকি বমিও পায়নি। চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এখনকার মত আগে তেমন মসৃণ ছিল না। তখন ছিল সিমেন্ট এবং কংক্রিটের ঢালাই করা পাকা রাস্তা। পাহাড়ের ভেতর দিয়ে উঁচু-নিচু সর্পিল চিকন পথ। ইচ্ছে করলেও গাড়ি বেগ নিয়ে চলতে পারত না। আমরা সকালে যাত্রা করে বিকেলে-সন্ধের আগে আগে কক্সবাজারে পৌঁছেছিলাম। এখন যখন ওই রাস্তার কথা চোখ বন্ধ করে চিন্তা করি শিউরে না উঠে পারি না। সময় পাল্টেছে। মানুষের জীবনে স্বচ্ছলতা এসেছে। যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভূতপূর্ব উন্নয়ন। সেই সঙ্গে মানুষের জীবনেও এসেছে বিলাসিতা।

যা হোক, কক্সবাজারে আমরা একটি স্কুলে উঠেছিলাম। আমাদের শিক্ষক মশায়দের একজন বাদে সকলে হোটেলে গিয়ে উঠেছিলেন। আমাদের সঙ্গে ছিলেন নূরুল ইসলাম স্যার। স্যারকে আমরা সকলে ভয় পেতাম। তিনি ছাত্রদের কোনো রকম অন্যায় সহ্য করতে পারতেন না। কারও মধ্যে কোন রকম দোষ দেখলে তিনি জোড়া বেত দিয়ে পিটাতেন। আর তিনি ছিলেন অসম্ভব রকম মোটা। এ রকম মোটা মানুষ কদাচিৎ চোখে পড়ে। তাঁর একটা মুদ্রাদোষ ছিল। ছাত্রদের ওপর খেপে গেলে বলতেন, 'বাণ্ডা মারো?' এই 'বাণ্ডা মারো' কথাটির অর্থ আমি অদ্যাবধি উদ্ধার করতে পারিনি।

এমনিতে স্যার খুবই বন্ধুবৎসল ছিলেন। ছাত্রদের সঙ্গে মজা করার তাঁর জুড়ি ছিল না। তিনি ছাত্রদের ওপর দাপট দেখিয়ে চলতেন বলেই বোধকরি আমাদের সামলানোর দায়িত্ব তাঁর ওপর বর্তেছিল। আমরা সারাদিনের বাস ভ্রমণে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরেও সমুদ্র সৈকতে গিয়ে সূর্যাস্ত দেখার লোভ সামলাতে পারিনি। আমরা সমুদ্রের চরে গিয়ে হাজির হয়েছিলাম। জীবনে প্রথম সমুদ্রের উত্তাল ঢেউ দেখে মুগ্ধ হয়েছিলাম। অস্তমান রক্তিম সূর্যের দৃশ্য দেখেছিলাম। অপূর্ব! আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির প্রথম দিকে। তখন বেশ শীত ছিল। কিন্তু কক্সবাজারে সেই শীত আমাদের তেমন একটা কাবু করতে পারেনি। আসলে শীতের প্রকোপটা ওখানে কম। তা নইলে কি এমনি এমনিতে ওটা স্বাস্থ্যকর স্থান! দেখলাম আমার বন্ধুদের কেউ কেউ পানিতে নেমে লাফ-ঝাঁপ দিতে আরম্ভ করে দিয়েছে।

আমরা ইসলাম স্যারের নির্দেশ মানতে বাধ্য ছিলাম। তিনি ডানে যেতে বললে ডানে, বামে যেতে বললে বামে। তাঁর কড়া শাসনের কথা মাথায় রেখে আমাদের চলতে হত। কোন ছাত্রের ঘাড়ে দুটো মাথা আছে যে তার কথা অমান্য করে? আমরা তাঁর নির্দেশ মেনে সন্ধ্যার পর আস্তানায় ফিরে এসেছিলাম। আমাদের মাঝে ষণ্ডামার্কা কজন ছাত্র ছিল। তারা বয়সে এত ভারি ছিল যে ওই বয়সে বিএ-টিএ পড়লে বেমানান দেখাত না। আমরা ইসলাম স্যারের ভয়ে সন্ত্রস্ত থাকলেও ওরা ওসবে পরোয়া করত না। স্যারও দেখলাম আজ তাদের প্রতি তেমন একটা দাপট রেখে কথা বলছেন না। মাঝে মাঝে খেপে যান বটে, কিন্তু সীমা অতিক্রম করেন না। বয়স্ক ছেলের প্রতি কাঁচা রাগ দেখানোর অর্থ হয় না–স্যার হয়ত সেই জিনিসটা মেনে নিয়েছিলেন। স্যার আমাদেরও অভয় দিয়ে বললেন, তোমরা যেই যার মত করে আনন্দ কর। ধরে নাও আমি আজ তোমাদের একজন বন্ধু।

প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি। আমরা ধরে নিয়েছিলাম তিনি একটা কৌশল অবলম্বন করেছেন আমাদের ঘায়েল করার জন্য। তিনি আমাদের সহজ করার জন্য একটা গল্প বলা আরম্ভ করলেন। গল্পটি তিনি প্রায় সময় বলতেন। কেন বলতেন আমরা বুঝতে পারতাম না। পরে পরে বুঝেছিলাম তাঁর সীমাবদ্ধতার কথাটা আমাদের বোঝাতে চাইতেন। গল্পটি এরকম:

এক ছিল রাজা। তার ছিল এক নাপিত। নাপিত প্রতিদিন সকালে রাজার দাড়ি কাটতে আসত। নাপিত দাড়ি কাটা অবস্থায় প্রজারা নানারকম নালিশ নিয়ে আসত। রাজা তাদের কথা মনোযোগ সহকারে শুনতেন। কেউ বলত অমুক আমার মুরগি মেরে ফেলেছে। কেউ বলত অমুকের গরু আমার ধান খেয়েছে। কেউ বলত অমুক আমার ছেলেকে খুন করেছে। রাজা তাদের নালিশ শুনতেন। কিন্তু রাজা কিছু বলার আগে নাপিত রায় দিয়ে দিত। বলত, মহারাজ, পঞ্চাশ টাকা জরিমানা করে দিন। রাজাও তাই মেনে নিতেন। কিন্তু খটকা লাগল এক জায়গায়। মানুষ খুন করলেও পঞ্চাশ টাকা। মুরগি মারলেও পঞ্চাশ টাকা। গরু ধান খেলেও পঞ্চাশ টাকা। সব দোষের জন্য একই রায় এই কেমনতর বিচার। নাপিতের বিচার রাজাকে ভাবনায় ফেলে দিল। তিনি উজিরকে তলব করলেন এবং সব কথা তাকে খুলে বললেন। উজির খানেকটা চিন্তা করে বললেন, এটা এমন কি কঠিন বিষয়? কাল সকালে নাপিত যখন দাড়ি কাটতে আসবে, দাড়ি কাটার সময় আপনি একটুখানি ঘাড় নাড়াবেন। দেখবেন আপনার গাল খানিকটা কেটে গেছে। আর সঙ্গে সঙ্গে তাকে পঞ্চাশ টাকা জরিমানা করে দেবেন।

পরের দিন নাপিত দাড়ি কাটতে এল। সে যখন দাড়ি কাটতে আরম্ভ করল, উজিরের কথামত রাজা খানিকটা ঘাড় নাড়ালেন এবং রাজার গাল কেটে গেল। গাল কেটে যাওয়ার পর রাজা ভয়ানক ক্ষীপ্ত হলেন। সঙ্গে সঙ্গে তিনি নাপিতকে পঞ্চাশ টাকা জরিমানা করে দিলেন। মজার ব্যাপার হল, তারপর থেকে নাপিত রাজার আগে কোনো রকম রায় ঘোষণা করত না।

গল্পটা শেষ হলে স্যার বললেন, নাপিত কেন রায় ঘোষণা করত না তোমরা কেউ বলতে পার? ধরে নাও, আমি তোমাদের একটা ধাঁধা ছুঁড়ে দিলাম।

আমরা কোনো রকম সদুত্তর দিতে পারিনি। স্যার বললেন, নাপিতের কাছে ওই পঞ্চাশ টাকাই ছিল, যেটার অহঙ্কারে নাপিত ছোট বড় সব অপরাধের জন্য একই রায় ঘোষণা করত। অল্প জিনিস কখনও শুভ ফল বয়ে আনে না, যেমন বয়ে আনে না আমার অর্জিত অল্পবিদ্যা। তোমরা জান না আমি কত কম জানি। তোমরা কেন আমার সামান্য জ্ঞানকে উৎরিয়ে যেতে পার না? সেটা যদি তোমরা করতে পারতে আমি তোমাদের ওপর কোন রকম খবরদারি করতাম না।

স্যারের কথা আমার কোনো বন্ধু বুঝতে পেরেছিল কি না আমি জানি না। তবে আমি বুঝতে পেরেছিলাম। স্যার যে কত মহৎ ছিলেন শ্রদ্ধায় এখন আমার মাথা নত হয়ে আসে।

রাতে খাওয়া-দাওয়া সারার পর আমরা স্যারকে বন্ধু হিসেবে পেয়েছিলাম। রাত গভীর হলে আমরা কার্পেট মোড়ানো মেঝেয় শুয়ে পড়েছিলাম। কিন্তু যারা আমাদের বয়সের অধিক ছিল তারা আমাদের ঘুমাতে দিচ্ছিল না। যারা ঘুমিয়ে পড়ত তাদের খোঁচা দিয়ে জাগিয়ে দিত। কিন্তু স্যারকে কোনো রকম বিরক্ত করত না। স্যার ঘুমানোর সময় তাঁর পরনের কোটটি খুলে শিয়রে রেখেছিলেন। স্যারের ধূমপানের অভ্যাস ছিল। তিনি স্টার সিগারেট টানতেন। স্যার ঘুমিয়ে পড়লে ষণ্ডামার্কা ছেলেগুলো স্যারের কোটের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা সরিয়ে ফেলেছিল। বোধকরি তারা তা দিয়ে নিজেদের নেশার খোরাক যুগিয়ে ফেলেছে। স্যার নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়তে উঠে পকেটে হাত দিয়ে দেখেন সিগারেটের প্যাকেট নেই। স্যার রেগে আগুন। পারলে তিনি সকলকে আস্ত গিলে খাবেন। অনেকের অভ্যাস সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেটে টান না দিলে টয়লেটের শুভকর্ম সঠিকভাবে হয় না। সারাদিনটাই যেন তাদের গোলমেলে হয়ে যায়। স্যারেরও হয়ত ওরকম সমস্যা হয়ে থাকবে। তিনি আমাকে তাঁর কোটটা রাখতে দিয়ে অজু করতে গেলেন। নামাজ পড়ে এসে বললেন, সিগারেট কোথায় পাওয়া যায় জান?

আমি বললাম, দোকানে।

তিনি রেগে গিয়ে বললেন, সে তো আমিও জানি। দোকানটা কোথায়?

স্যার, এত ভোরে দোকান খোলে না।

তিনি কোনো রকম বাক্য ব্যয় না করে আবার শুয়ে পড়লেন।

সকাল সাতটায় আমরা নাস্তা সেরেছিলাম। তারপর আমরা আমাদের মুড়ির টিন বাসে করে ফিশারি ঘাটে গিয়েছিলাম। ফিশারি ঘাটে অনেক মাছধরা ইঞ্জিন চালিত নৌকা। আড়তে দেখলাম নানা ধরনের সামুদ্রিক মাছ বড় বড় স্তূপ করে রাখা। ইলিশ, রূপচাঁদা, আঁইছচাঁদা, কোরাল, মাইট্টা, পোঁপা, চিংড়ি আরও নানা প্রজাতির মাছ। তিন চার হাত লম্বা একটা হাঙরের দেখাও আমরা পেয়েছিলাম। এত মাছের সমাবেশ জীবনে আমি প্রথম দেখেছিলাম। এখনও যখন আমি কক্সবাজার যাই ফিশারি ঘাটে চলে যাই। কিন্তু আগের সে রকম মাছ আর নেই। তারপরেও ফিশারি ঘাট একটা দেখার মত জায়গা বটে।

আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম। বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের বিশাল মূর্তিটি দেখার মত। শুনেছি ওটা নেপাল থেকে আনা এবং মূর্তিটির শরীর সোনায় মোড়ানো। ওখানে দুর্লভ প্রজাতির একটা বাঁশঝাঁড় রয়েছে, যেটা বৌদ্ধ মন্দিরের সবচে' বড় আকর্ষণ। এধরনের বাঁশ সাধারণত চোখে পড়ে না। বাঁশগুলো বেশ মোটা এবং লম্বা। এগুলোর আকর্ষণ এখানে নয়। আকর্ষণ হল বাঁশের একেকটা পাব দু' তিন হাত দীর্ঘ।

মন্দিরে জুতো নিয়ে প্রবেশ নিষেধ। আমাদের এক বন্ধু জুতো নিয়ে প্রবেশ করায় কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষকদের হাতে নাজেহাল হতে হয়েছিল। বৌদ্ধ মন্দির থেকে বেরিয়ে আমরা রাডার দেখতে গিয়েছিলাম। তারপর সমুদ্র। সমুদ্রের পানিতে প্রথম স্নান করতে নেমে সত্যি অন্যরকম আনন্দ উপলব্ধি করেছিলাম। ঢেউয়ের ধাক্কা লেগে আমি পড়ে গিয়েছিলাম এবং নাক-মুখ দিয়ে পানি ঢুকে গিয়েছিল। বিস্বাদ লোনা পানিতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

সমুদ্রের স্নান সেরে তপ্ত বালুতে লুটোপুটি খেলেছিলাম। আমরা এতগুলো মানুষ গিয়েছিলাম, কিন্তু কারও একটা ক্যামেরা ছিল না। তখন ক্যামেরা নামক জিনিসটা বড় দুর্লভ ছিল। আমরা কজন মিলে ভাড়া করা ক্যামেরায় ছবি তুলেছিলাম। ওটাই আমার জীবনের প্রথম ছবি। পুরো উপকূল জুড়ে ঝাউবনের বাহার ছিল। সত্যি দেখার মত। ঝাউগাছের চিকন চিকন পাতার দিকে তাকালে ধোঁয়ার মত মনে হত। উনিশ শ' একানব্বই সালের ঘূর্ণিঝড়ের পর গিয়ে দেখলাম সেই ঝাউবন আর অবশিষ্ট নেই। তারপর কিছু ঝাউগাছ লাগানো হয়েছে। ওগুলো এখন বেশ বড়ও হয়েছে।

আমি যতবার কক্সবাজার গিয়েছি প্রথমবারের মত আনন্দ কোনোবার পাইনি। সেই যে বড় বড় ইলিশ রান্না করে আমাদের খাইয়েছিল ওধরনের এখন খুব কমই দেখা মেলে।

২.
সম্প্রতি আমি কক্সবাজার ঘুরে এলাম। প্রথম গিয়েছিলাম আশি সালে। এখন দুই হাজার দশ সাল। মাঝখানে ত্রিশ বছর। ত্রিশ বছর একটা মানুষের জীবনে কম সময় নয়। এ দীর্ঘ সময়ে কক্সবাজারকে আমার নানাসময়ে নানাভাবে দেখার সুযোগ হয়েছে। এবার আমি হঠাৎ করে গিয়েছি। আমি একটা গবেষণা অফিসে কাজ করি। গবেষণার উপাত্ত সংগ্রহের জন্য আমাকে কক্সবাজার যেতে হয়েছিল। যতবারই কক্সবাজারে অফিসের কোন কাজ পড়ে আমাকে যেতে হয়। আমার সহকর্মীরা ওদিকে যেতে চান না। কারণ দুটো। ওখানে গেলে থাকা-খাওয়ার খরচ বেশি। দ্বিতীয় কারণটি হল ওখানকার ভাষা আমার সহকর্মীদের দুর্বোধ্য ঠেকে। সুতরাং কক্সবাজারে যাওয়ার কথা উঠলেই তারা ভয়ে ভয়ে থাকেন এবং কোনোভাবে আমাকে পাঠানোর চিন্তা তাদের মাথায় জট পাকাতে থাকে। আমি দুয়েকবার বেঁকে বসেছিলাম। তাতে করে আমার বন্ধুদের মধ্যে ঝগড়া বাঁধার মত অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। অগত্যা আমাকে যেতে হয়েছিল। এবারেও আমাকে যেতে হল। কিন্তু তার জন্য আমি একটুও মনঃক্ষুণ্ন নই। বাংলাদেশের যত জায়গা আছে বৃহত্তর চট্টগ্রাম আমার কাছে স্বপ্নপুরীর মত মনে হয়। পাহাড়, নদী, সমুদ্র এই তিনের সম্মিলনে বৈচিত্র্যপূর্ণ এমন জায়গা বাংলাদেশে আর কোথায় আছে? বৃহত্তর চট্টগ্রামে একবার কেন হাজারবার গেলেও আমার বিরক্তি আসে না। চাটগেঁয়ে ভাষায় একটা গান আছে, 'হক্কল জাগা পুরি খাইলাম ন পাইলাম চাডিয়ার নান/ চাটগাঁ আঁর পরাণর পরাণ' (সমস্ত জায়গা জ্বালিয়ে খেলাম, চট্টগ্রামের মত কোথাও পেলাম না/ চট্টগ্রাম আমার পরাণের পরাণ)। বৃহত্তর চট্টগ্রামে গেলে এ গানটি কোনো না কোনোভাবে আমার ঠোঁটে চলে আসে।

আমি খরচের কথা মাথায় রেখে ইউনিক নামক একটা নন এসি গাড়িতে টিকেট কেটেছিলাম। আমার সহকর্মী হয়েছিলেন কাজী খায়রুল বাশার নামের এক ভদ্রলোক। তাঁর সঙ্গে কোনোদিন আমার কোনো রকম বোঝাপড়া ছিল না। তারপরেও দেখলাম দুজনের মধ্যে বেশ বনে গেল। আমরা ইউনিক গাড়িতে চড়ে বসলাম। কিন্তু গাড়ির সিটগুলো এত সংকীর্ণ ছিল যে নড়াচড়া করার মত কোনো রকম সুযোগ ছিল না। বিষয়টি আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি। আমার দুশ্চিন্তা অন্য জায়গায়। আমাকে কক্সবাজারে থাকতে হবে এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া নামক একটি গ্রামে আমাকে কাজ করতে হবে। কিন্তু ওই গ্রামের অবস্থান কোথায় তার কিছুই আমি জানি না। আমার বন্ধু সুশীল কক্সবাজার থাকে। সে ওখানে একটা এনজিওতে কাজ করে। আমি তাকে ফোন করেছিলাম গ্রামটির অবস্থান জানার জন্য। সে জানাল এই গ্রাম সম্পর্কে কিছুই জানে না। পরে খবর নিয়ে জানাল, কক্সবাজার থেকে সাত কিলোমিটার দক্ষিণে এবং গ্রামটি খুবই দুর্গম এলাকায়। আমি ভেতরে ভেতরে চুপসে গেলাম। বন্ধু রাফায়েলের কাছেও ফোন করে জানতে চাইলাম গ্রামটির অবস্থানের কথা। সেও একই কথা জানাল। গ্রামটি যত ভয়ানকই বলা হোক আমাদের যেতে হবে। অফিসের নির্দেশ অমান্য করার সাহস কোথায়?

আমাদের কাজটি ছিল সেফটি নেট প্রোগ্রামের ওপর। ওই গ্রামে সরকারি বেসরকারি পর্যায়ে কারা সেফটি নেট প্রোগ্রামের ওপর কাজ করছে তা নিরূপণ করা। তার জন্য আমাদের ওই গ্রামে কাজ করতে হবে। গোটা গ্রাম আমাদের জরিপ করতে হবে। কোনো পরিবার বাদ দিলে চলবে না। অফিস থেকে প্রতিটি পরিবারের জন্য একটা নাতিদীর্ঘ প্রশ্নপত্রও আমাদের তৈরি করে দেয়া হয়েছে। সুতরাং দীর্ঘদিন কক্সবাজার থাকার একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হয়েছিল।

সারারাত আমি একটুও ঘুমায়নি। গাড়ির সিটগুলো ঘুমানোর উপযুক্ত ছিল না। তার ওপর এক ধরনের ভ্যাপসা গরমে আমার শরীর ছিটছিটে হয়ে উঠেছিল। সাধারণত আমি জানালার পাশে ছাড়া গাড়িতে বসি না। জানালার পাশে বসার পেছনে আমার ভেতর দু'টি জিনিস কাজ করে। আমি যখন জানালার পাশে বসি আমার দৃষ্টি সবসময় বাইরের দিকে প্রসারিত থাকে এবং বাইরের মুক্ত হাওয়া বিরক্তিজনক ভ্রমণে কিছুটা হলেও আমাকে সতেজ করে রাখে। মাঝখানের সিটে বসলে আমার দম আটকে আসতে চায়। লোকাল বাস হলে সেটা আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। জানালার পাশে বসার দ্বিতীয় যে কারণটির কথা আমি বলব সেটা হল বাইরের অবারিত প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগকে কাজে লাগানো। জানালার পাশে বসেছিলাম বটে, কিন্তু রাতের আঁধারে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা খুব একটা হয়ে উঠল না। দূরের গাছপালা আচ্ছাদিত গ্রামগুলো দেখে মনে হত থাকল ঝোপঝাঁড়ে ঢাকা ছোট ছোট টিলা-পাহাড়। খুব একটা খারাপও লাগেনি। অন্ধকারের মধ্যেও একধরনের সৌন্দর্য আছে সেটাকে আমি এভাবে অনুভব করেছিলাম।

আমাদের গাড়ি একটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ের পাশে একটা হোটেলে এসে যাত্রাবিরতি করল। দু' ঘণ্টার গাড়ি চলার পর এখানে এসে যাত্রাবিরতির কোনো মানে হয় না। তারপরেও ঢাকা এবং চট্টগ্রামগামী বাসগুলো এসব হোটেলে এসে থামে। হোটেলগুলোতে খাবার-দাবারের দাম ঢাকা শহরের মানসম্পন্ন হোটেলের চাইতে দু' তিনগুণ আদায় করে। এসব হোটেল সম্পর্কে অনেকে অজানা। তারা সামনে যা পায় খেতে থাকে। যখন টাকা পরিশোধ করতে যায় তখন ঘাপলাটা বাঁধে। বেঁধে যায় তুমুল ঝগড়া। আপনি যদি ওই রোডের নিয়মিত যাত্রী হয়ে থাকেন প্রায় সময় একরকম ঝগড়া দেখে থাকবেন। তারপরেও গাড়িগুলো এসব হোটেলে কেন থামে? কারণ একটাই। এসব হোটেলে বাসের কর্মচারিরা বিনা খরচে ভূরি ভোজনের অপূর্ব সুযোগ লাভ করে থাকে। তাছাড়া বাসের মালিকের সঙ্গেও ওসব হোটেলের মালিকের একটা অলিখিত চুক্তি থাকে। বাসের মালিকেরা ওসব হোটেল থেকে বড় অংকের একটা মাসোহারা পেয়ে থাকে। যে কারণে একই কোম্পানির গাড়ি বিভিন্ন হোটেলে না থামিয়ে একটা নির্দিষ্ট হোটেলে গিয়ে থামায়। আপনি সবচে' বড় ধরনের ডাকাতিটা দেখতে পাবেন চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চকরিয়ার ইনানি হোটেলে। এখানে ফুটপাতের চে' নিম্নমানের এক কাপ চা বেচে বিশ টাকা করে। নিম্নমানের ছোট একটা পরোটার দাম পনের টাকা। আমি একবার আমার বউ-বাচ্চা নিয়ে ওই হোটেলে খেতে গিয়েছিলাম। দাম পরিশোধ করতে গিয়ে আমার বউ ঝগড়া বাঁধিয়ে ফেলেছিল। সে জিজ্ঞেস করেছিল, আপনাদের এ অত্যাচার আল্লাহ সহ্য করে? হোটেল ম্যানেজার জবাব দিয়েছিল, মাঝে মাঝে সহ্য করে না। তখন মারামারি লেগে যায়। কথাটা রসিকতার ছলে বললেও মিথ্যা নয়। তারা কথার পিঠে কথা লাগিয়ে বলেছিল, আপনারা হোটেল শেরাটন এবং সোনারগাঁয়ে একেকটা চা দেড় দু' শ' টাকা দিয়ে কিনে খান, তার মান কতটুকু? ওগুলো খেয়ে আপনারা তৃপ্তির ঢেকুর তোলেন। আর আমরা বিশ টাকা নিলে আপনাদের বাধে। কথাটার সত্যতা আছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ওখানে কারা যায়, সেই প্রশ্নটার জবাব কে দেবে?

যা হোক, চৌদ্দগ্রামের হোটেল ছেড়ে গাড়ি আবার রওয়ানা দিল। চট্টগ্রামের কাছাকাছি আসলে আমার চোখে একরকম ঘুম নেমে এল। ব্যাপারটা এরকম–ক্লান্তি যখন শরীরে এসে ভর করে চোখে ঘুম এমনিতেই চলে আসে। কিন্তু সেই ঘুমের ব্যাপ্তি বেশিক্ষণ গড়াতে পারল না। গাড়ি চট্টগ্রামে এসে থামল। তখনও ফজরের আজান দেয়নি। দোকানপাট সব বন্ধ। গাড়ির কাউন্টারের অনতিদূরে ফুটপাতে ভ্যানগাড়িতে একটি ভাসমান চায়ের দোকান দেখা গেল। আমি সেখানে গিয়ে এককাপ চা খেয়ে শরীরটা চাঙ্গা করতে চাইলাম। কিন্তু কাপ-পিরিচ ধোয়ার পানিটা এত নোংরা যে মন থেকে সায় পেলাম না। একবার মনে হয়েছিল চোখ বন্ধ করে খেয়ে ফেলি। আবার মনে হল আমি কোথায় গিয়ে খাব, কোথায় গিয়ে থাকব তার তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এ নোংরা চা খেয়ে পেটে পীড়া বাঁধিয়ে যদি যন্ত্রণায় কাতরাতে থাকি আমাকে দেখবে কে?

আমি পুনরায় গাড়িতে এসে উঠে বসলাম। তখন মসজিদে ফজরের আজান হাঁকছে। আমাদের বাস আবার ছুটতে আরম্ভ করেছে। অনেকদিন চট্টগ্রামে আসিনি। প্রায় এক বছর তো বটেই। কর্ণফুলী নদী পার হতেই দেখলাম নতুন ব্রিজ হয়েছে। পুরনো ব্রিজটা পাশে রেখে নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি ছুটছে। কর্ণফুলী নদীর ব্রিজ থেকে দূরে চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজগুলোতে হাজার হাজার বাতি জ্বলছে আর জ্বলছে। কোনো বিয়েবাড়ি কিংবা শপিংমলের আলোকসজ্জার সঙ্গে এর কোনো তুলনা চলে না। এর সৌন্দর্যটা অন্যরকম। ভারতে এক রাতে পাহাড়ে উঠে আমি গোটা পুনে শহরের বৈদ্যুতিক আলোর ঝলকানি দেখেছিলাম, তার সঙ্গে এর কিছুটা তুলনা চলে। আমার শরীরে ক্লান্তি ছিল। মেজাজ ছিল খিটখিটে। কর্ণফুলী নদীর ব্রিজে উঠতেই আমার মন অনেকটা ভাল হয়ে গেল। এটা নতুন কোনো ঘটনা নয়। কর্ণফুলীর ধারে এলেই বেশ কিছু গান আমার ঠোঁটে চলে আসে। 'ছোড ছোড ঢেউ তুলি পানি ছোড ছোড ঢেউ তুলি/লুসাই পাহারুত্তন নামিয়েরে যার গৈ কর্ণফুলি।' অথবা মনের অজান্তে গেয়ে ফেলি, 'ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে/অভাগীনির দুঃখের কথা কইবি বন্ধুরে।' এই আঁধার ভোরে এক মহিলাকে দেখলাম পাশের পুরনো ব্রিজের পাশ দিয়ে হেঁটে যেতে। মহিলাটি কালো না ফর্সা কিছুই বোঝা গেল না। তারপরেও তার উদ্দেশে আমি গাইতে থাকলাম, 'শ্যামলাবরণ কন্যা ওগো বল কোথায় তোমার গাঁও/ কর্ণফুলীর ধারে ধারে কোন গ্রামে যাও।' আসলে প্রকৃতির প্রভাবটা বড়ই বিচিত্র!

আমি বেশ খানেকটা ঘোরের মধ্যে ছিলাম। প্রকৃতি ধীরে ধীরে ফর্সা হতে চলেছে। সেদিকে আমার লক্ষ্য নেই। বাস দুর্বার গতিতে ছুটে চলেছে। আমি বাসের জানালা দিয়ে দূর-দিগন্তে দৃষ্টি নিবদ্ধ করে রাখলাম। আমার মনে নেই আমি কোথায় এসেছি। আমি দেখতে থাকলাম হাওর এলাকার মত শুধু পানি আর পানি। তার ওপারে মাথা উঁচু উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য ছোট বড় পাহাড়। সেই এক নজরকাড়া সুন্দর। এমন সুন্দর দৃশ্য আমি জীবনে দেখিনি। আমি কোথায়! হঠাৎ আমার ভ্রম কাটল আমি চট্টগ্রামের পাড়াগাঁয়ে। কিন্তু এ পাড়াগাঁয়ে পানি এবং পর্বত এল কোথা থেকে? আমার মনে হতে থাকল আমার প্রিয় চট্টগ্রাম কি পাল্টে গেল! পাল্টে গিয়ে নতুন রূপ ধারণ করল। তা কী করে সম্ভব? অনেকক্ষণ পর আমি টের পেতে থাকলাম এ কোনো নদী কিংবা পাহাড় নয়। পুব আকাশ যত ফর্সা হতে আরম্ভ করেছে শরতের বিস্তীর্ণ সাদা মেঘমালা স্বচ্ছ পানির আকার ধারণ করেছে এবং তার একপাশের কালো মেঘটি পাহাড়ের রূপ নিয়েছে। ব্যাপারটা এরকম–শিল্পীর আঁকা ছবিকে দূর থেকে দেখলে যেরকম বাস্তব দেখায়। আমার অন্তর্দৃষ্টি আমাকে এতক্ষণ অন্য জগতে নিয়ে গিয়েছিল। শরৎবাবুর কথা মনে পড়ল। তিনি 'শ্রীকান্ত' উপন্যাসে লিখেছিলেন, 'আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া ঘাড় বাঁকা করিয়া ফেলিয়াছি। কিন্তু আকাশের মেঘকে মেঘ ছাড়া কিছুই দেখিতে পাইলাম না।' আমি আকাশের মেঘকে মেঘ ছাড়া আরও কিছু দেখেছিলাম। আমার জীবন সার্থক।

এবার আমাকে আরেকটা বাতিকে পেয়ে বসল। আহমদ ছফা একবার গোটা রাত জেগেছিলেন একটা ফুলের কলির দিকে তাকিয়ে। কীভাবে ফুল ফোটে তা দেখার জন্য। তিনি ফুল ফোটার স্বরূপ উন্মোচন করতে পারেননি। তিনি ফুলের দিকে তাকিয়ে আছেন, কিন্তু এক সময় ফুল আপন মহিমায় ফুটে গেল, তিনি টেরই পাননি। ফুলকে উপলক্ষ করে তিনি লিখেছিলেন, 'ফুল ফোটানো সহজ কথা নয়/শূন্য থেকে মূর্ত করা সৃষ্টির বিস্ময়।' আহমদ ছফা যেখানে ব্যর্থ সেখানে ফুল ফোটার হেতু উদ্ঘাটন করার ইচ্ছে আমার নেই। আমি কীভাবে সূর্যের আলো ফোটে সেটা অবলোকন করতে লেগে গেলাম। এক সময় আমি সব ভুলে গেলাম। দেখতে দেখতে গাড়ি আমার গ্রাম গাছবাড়িয়ায় চলে এল, যেখানে আমার গোটা শৈশব এবং যৌবনের একটা অংশ কেটেছে। আমার গ্রাম আগের মত নেই। আগে খোলামেলা মাঠ ছিল। ওখানে আমরা ঘুরে বেড়াতাম। মাঠের পর মাঠে ছিল ফসলের বাহার। এখন ওসব আপনি কিছুই দেখতে পাবেন না। মধ্যপ্রাচ্যের টাকায় এখন মাঠগুলোতে এখানে সেখানে পাকা বাড়ি হয়েছে। ভিটেবাড়িতে গাছপালা এতবেশি বেড়েছে মাঠের সে চেহারা আর নেই। মানুষের খেতের জমি ফুরিয়ে গেছে। আগে একরকম সৌন্দর্য ছিল বটে, এখনকার সৌন্দর্য অন্যরকম। গাছপালায় আচ্ছাদিত এ গ্রামটিকে এখন ঘন অরণ্যের মত ঠেকে। কেউ যদি আমাকে দু' চোখ বেঁধে আমার গ্রামে রেখে আসে এবং চোখের বাঁধন খুলে দিয়ে বলে তোমার বাড়িটা খুঁজে বের কর। আমি পারব না। আমার পেশাগত কারণে আমাকে বাংলাদেশের অনেক জায়গায় যেতে হয়। ওসব জায়গায়ও দেখেছি দশ বিশ বছর আগের গ্রাম আর এখনকার গ্রামের মধ্যে ফারাক। আমাদের গ্রামের বাজারটাও একটা ছোটখাটো শহরে রূপ নিয়েছে। ছোট বাজারটি বাড়তে বাড়তে আরকান সড়কের দু' পাশে প্রায় দেড় দুই কিলোমিটার ছড়িয়ে গেছে। বড় বড় কয়েকটি সুপার মার্কেটও ওখানে ঠাঁই করে নিয়েছে। জনবহুল কোলাহলপূর্ণ ঢাকা শহরের একগুঁয়েমি কাটানোর জন্য আমাদের প্রত্যেকের নিয়ম করে গ্রামে যাওয়া উচিত।

সে সব কথা থাক। গাড়ি ছুটে চলেছে। আমি একরকম আত্মনিমগ্ন হয়ে পড়েছিলাম। আপনি যখন কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন আপনার চোখে একটি জিনিসই ভাসবে সাগরের উত্তাল ঢেউ। আপনার মনটা উথালপাথাল করতে থাকবে কখন আপনি সাগরের পাড়ে গিয়ে দাঁড়াবেন এবং অবারিত জলরাশি অবলোকন করবেন। আমার কোনো উপদেশ নয়, সৌন্দর্য পিপাসু মানুষের দৃষ্টি এক জায়গায় স্থির না রেখে তার চোখ কান খোলা রাখা উচিত। ব্যাপারটা এরকম, আপনি কেবল পদ্মফুলের দিকে না তাকিয়ে তার পাতার দিকে তাকান দেখবেন তার সৌন্দর্যও কম নয়। ঝিনুক খুঁজতে গিয়ে মুক্তোর সন্ধান পাওয়ার মত এই আর কি।

গাড়ি যখন চকরিয়া পার হয়ে গর্জন বনে প্রবেশ করল আমার অতীত স্মৃতি চোখে ভেসে উঠল। সেই ত্রিশ বছর আগে দেখা গর্জন গাছগুলো এখনও ঠায় দাঁড়িয়ে আছে। কেউ একটা গাছও কেটে নিয়ে যায়নি। আমার বাড়ি চট্টগ্রামে। চট্টগ্রামের পাহাড়ের গহীন অরণ্যে ঢোকার সৌভাগ্য আমার অনেকবার হয়েছে। ওখানে সেগুন, জারুল, করই, গামারি ইত্যাদি গাছের পাশপাশি গর্জন গাছের সমাহারও কম নয়। সেখানে সেগুন, জারুল, করই, গামারি জাতীয় এসব গাছ আর নেই বললেই চলে। এসব গাছের চট্টগ্রামে ব্যাপক চাহিদা। আসবাবপত্র, ঘরবাড়ি তৈরিতে এসমস্ত গাছ ব্যবহার হয়ে থাকে। কিন্তু গর্জন কাঠের প্রতি ওখানকার লোকজনের বিশেষ আগ্রহ নেই। আর আগ্রহ নেই বলেই গাছগুলো এখনও টিকে আছে। ঢাকা শহরে গর্জন কাঠ চড়াদামে বিক্রি হয় এবং তার ব্যাপক চাহিদাও রয়েছে। কাঠ চোরাকারবারিরা রাস্তার পাশে বলেই হয়ত এ গর্জন গাছগুলোর দিকে তাদের হাত প্রসারিত করতে পারেনি। এসব আমার আলোচনার বিষয় নয়। কক্সবাজারের গর্জন বনের সৌন্দর্যটা আলাদা। গর্জন বনে আর কোনো গাছ নেই। হয়ত এধরনের গাছের নিচে আর কোনো গাছ জন্মায় না, যেমন জন্মায় না সেগুনগাছের নিচে। গর্জন গাছগুলো বিদ্যুতের পিলারের মত একেবারে সোজা ওপরের দিকে উঠে গেছে। তারপর ঠিক মাথায় এক থোকা ডালপালা। পুরো গাছটা একটা বড় সড় সবুজ ফুলের মত। আর রাতের বেলা যদি দেখেন দেখবেন প্রতিটি গাছ যেন একেকটা দানবের মত, যেন প্রতিটি গাছ মাথার ঝাঁকড়া চুল মেলে দেমাগ হয়ে দাঁড়িয়ে আছে। রাবার বাগানটাও কম কীসে। একানব্বইয়ের ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে তখন সৌন্দর্য হারিয়ে ফেলেছিল। এখন আবার আগের রূপ ফিরে পেয়েছে। ছায়াশীতল এ রাবার বাগানে আপনি যদি পুরো একটা দিন খরচ করেন আপনার শরীরে এতটুকু ক্লান্তি নামবে না।

গাড়ি ছুটে চলল। সূর্যের আলো তাপ ছড়াতে আরম্ভ করল। সেই সঙ্গে আমাদের শরীরে ভর করল ক্লান্তির ছায়া। আগের দিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ অল্প ভাত খেয়ে বেরিয়েছি। চৌদ্দগ্রামের হোটেলে রাত একটার দিকে একটা রুটি দিয়ে এক কাপ চা। তারপর থেকে পেটে আর দানাপানি পড়েনি। খিদের যন্ত্রণাটাও মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসব নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি পুরো রাস্তাটা প্রাকৃতিক দৃশ্য দেখে চলেছি।

কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়ন। এই ইউনিয়নের বড় একটা অংশ এখন শহর গ্রাস করে ফেলেছে। ঝিলংজাতে সমতল জায়গা যেমন রয়েছে তেমনি রয়েছে ছোট বড় পাহাড়। পাহাড়গুলো সবুজে সবুজে ঢাকা। একেকটা পাহাড় যেন ছবির মত। চোখ জুড়ানো শোভা। কক্সবাজারের কলাতলীতে যেতে আমার চোখে পড়ল একটা পাহাড়কে টিন দিয়ে ঘিরে রেখেছে। ভেতরে ট্রাক ঢোকার জন্য তার একটা বড় গেট। ওই গেট দিয়ে দেখলাম শ' শ' মানুষ পাহাড় কাটছে। আমি চমকে না উঠে পারলাম না। এও কি সম্ভব! প্রকৃতি ধ্বংসের এই এক মহোৎসব। আমার একটা ঘটনার কথা মনে পড়ল। একবার কার্জন হলের সামনে একটা গাছ কাটতে দেখে আহমদ ছফা ছুটে এসে সেই গাছকে জড়িয়ে ধরেছিলেন যাতে গাছটি কাটতে না পারে। শুনেছি এ কাজ করতে গিয়ে তিনি মারও খেয়েছিলেন। আজ যদি তিনি এই পাহাড় কাটার মহোৎসবটি দেখতেন হয়ত তাই করতেন। আজ আহমদ ছফা বেঁচে নেই। আমরা মুষিকের মত মানুষ। সাহস করে কোনো কিছুতে বাধা দিতে পারি না। অনুমান করি, একটা সুন্দরী রমণী ধর্ষিতা হবার পর অপমানে-অত্যাচারে যেভাবে কাতরাতে থাকে এই পাহাড়ের অবস্থাও কি ওরকম হচ্ছে না? আমি কবি নই। যদি আমার কবিত্ব থাকত এই পাহাড়গুলোর ওপর যে রকম অত্যাচার চলছে তা খুটিয়ে খুটিয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করতাম।

৩.
গাড়ি যখন কলাতলী এসে পৌঁছল আমরা সাগরের দেখা পেলাম। সকালের সূর্যের কিরণ লেগে সাগর ঝলমল করছিল। দুগ্ধধবল ঢেউগুলো কূলে এসে আছড়ে আছড়ে পড়ছিল। গাড়িতে বসে সাগর দেখার সুযোগ তেমন থাকে না। রাস্তার দু'পাশে এত হোটেল গড়ে উঠেছে হোটেলগুলোর পেছনে কী ঘটছে তা বোঝার কোনো কায়দা নেই। সেই যে আশি সালে কক্সবাজার গিয়েছিলাম তখন এখানে সেখানে কয়েকটি হোটেল উঁকিঝুঁকি দিত। মান্ধাতার আমলের সেই হোটেলগুলোকে এখন কেউ গণনার মধ্যে ধরে না। কক্সবাজারে এত বিলাসবহুল হোটেল গড়ে উঠেছে চমকে ওঠার মত। হোটেল মালিকদের মধ্যে একটা প্রতিযোগিতা নিশ্চয় চলছে, কার চে' কে বেশি শোভাবর্ধনকারী হোটেল তৈরি করতে পারে। ঢাকাকে যদি মসজিদ কিংবা রিকশার শহর বলা যায় তাহলে কক্সবাজারকে বলতে হবে হোটেলের শহর। সী প্যালেস নামে একটা হোটেল দেখলাম। ঢাকা শহরের কোনো হোটেল তার ধারেকাছেও যেতে পারবে না। পরে জানলাম এটা জিয়াপুত্র তারেক রহমানের। আগে রাজা-বাদশাহরা তাদের কৃতিত্ব ধরে রাখতে নানারকম স্থাপত্যশিল্প বানিয়ে রাখতেন, যাতে পরবর্তী প্রজন্ম স্মরণে রাখে। আমাদের তারেক সাহেবেরও ওধরনের চিন্তা মাথায় ছিল কি না কে জানে।

আমরা বাহারছড়া রোডের মাথায় গিয়ে নামলাম। আমি আমার বন্ধু সুশীলকে বলে রেখেছিলাম তাদের গেস্ট হাউজে আমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে রাখতে। সে একটা এনজিওতে কাজ করে। বাহারছড়া রোডে তার অফিস। সেই অফিসে তার থাকা-খাওয়া। বাহারছড়া রোডের মাথা থেকে তার ওখানে হেঁটে গেলে বড়জোর তিন চার মিনিট লাগতে পারে। কিন্তু আমি তার অফিস চিনি না। তাছাড়া আমাদের দু'জনের সঙ্গে ছিল দু' দুটো ভারি ব্যাগ। রিকশাওয়ালাকে বললাম, বাস্তব অফিসে যাব, কত নেবে।

সে বলল, দশ টাকা।

আমরা কোনো রকম দরদাম না করে রিকশায় উঠে পড়লাম। সে মিনিটখানেক রিকশা চালিয়ে আমাকে বাস্তব অফিসের সামনে নামিয়ে দিল। আমি জানতে চাইলাম, এতটুকু পথের জন্য তুমি আমার কাছে দশ টাকা চাইলে কেন? আমি তো তোমাকে দশ টাকা দেব না।

সে আগে ভাঙা ভাঙা শুদ্ধ বাংলায় কথা বলছিল। আমি দশ টাকা দেব না জেনে আমার সঙ্গে চাটগেঁয়ে ভাষায় বাতচিৎ আরম্ভ করে দিল। তাকে কিছুটা উত্তেজিতও মনে হল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, তোঁয়ারে দশ টেঁয়া ন দিলে কি গরিবা? (তোমাকে দশ টাকা না দিলে কী করবে?)

সে দ্বিগুণ উত্তেজিত হয়ে বলল, আঁই কদ্দূর আস্যি ইয়ান বড় হতা নয়। অনর লয় জিয়ান হতা অইয়ে ইয়ানই দিবান। (আমি কতদূর এলাম সেটা বড় কথা নয়। আপনার সঙ্গে যেটা কথা হয়েছে সেটাই দেবেন।)

উনিশ শ' আশি সালে আমি একবার এধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি যখন শিক্ষাসফরে গিয়েছিলাম, বন্ধুদের রেখে একা ঘুরতে বেরিয়েছিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা যে স্কুলে উঠেছিলাম তার পথ ভুলে গেলাম। স্কুলটা ছিল খানিকটা পাহাড়ের ওপরে। এখন মনে পড়ছে না স্কুলটার নাম কী। তখন আমার বয়স ছিল অল্প। কোনো রকম বুদ্ধি খাটিয়ে স্কুলটা খুঁজে বার করব তারও ভরসা পাচ্ছিলাম না। আমি একজন রিকশাওয়ালাকে স্কুলটা বর্ণনা দিয়ে বললাম, আঁই অই স্কুলত যাইয়ম, ক টেঁয়া নিবা। (আমি ওই স্কুলে যাব, কত টাকা নেবে।)

রিকশাওয়ালা হেসে জবাব দিল, সাত টেঁয়া দেয়ন পরিব। (সাত টাকা দিতে হবে।)

আমি তাকে পাঁচ টাকায় রাজি করিয়ে রিকশায় উঠেছিলাম। সে আমাকে মিনিটখানেক ঘুরিয়ে এনে ওই একই জায়গায় নামিয়ে দিল। আমি বললাম, আঁই তো ইঁয়ত্তুন গেই। (আমি তো এখান থেকে গিয়েছি।)

সে আমাকে ধমক দিয়ে বলল, অই, তুই হস্সবাজার চিনছ? আগে টেয়া দিয়েরে পরে হতা হ। আর এক্কেনা গরি সাম্মে গেলে তোর স্কুল পাবি। পাআরের ওঅর রিকশা যাইত নয়। (এই, তুই কক্সবাজার চিনিস? আগে টাকা দিয়ে পরে কথা ক'? আরও একটু সামনে গেলে তোর স্কুল পাবি। পাহাড়ের ওপর রিকশা যাবে না।)

সত্যি তাই। আমি স্কুলের সামনেই ছিলাম। হঠাৎ দেখি আমার বন্ধুরা পাহাড় থেকে নেমে আসছে। আমি তাদের কাছে নালিশ করলাম, এই রিকশাওয়ালা আমাকে ধোঁকা দিয়ে টাকা আদায় করছে।
আর যায় কোথা। সকলে রিকশার ওপর হামলে পড়ল। তারা রিকশাটা টেনে টেনে স্কুলে নিয়ে যাবে। আমার শিক্ষক মশায়রা ছুটে এসেছিলেন। তাদের সহায়তায় রিকশাওয়ালা পালিয়ে বাঁচে।

সেই ত্রিশ বছর আগের ঘটনা আবার নতুন করে ঘটল। যা হোক, আমাদের উত্তেজনা শুনে সুশীল ছুটে এল। সে জিজ্ঞেস করল, এত হট্টগোল কীসের?

আমি বললাম, রাস্তার মাথা থেকে এলাম, সে পাঁচ টাকা নেবে না। তাকে দশ টাকা দিতে হবে।

সুশীল রিকশাওয়ালাকে বলল, তুমি বল, ওখান থেকে এখানে দশ টাকা ভাড়া?

রিকশাওয়ালা আর কোনো উচ্চবাচ্য করল না। আমি তাকে পাঁচ টাকার জায়গায় সাত টাকা দিয়ে বিদায় করলাম। কক্সবাজার শহরের গতরে চাকচিক্য এসেছে, কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন এসেছে বলে মনে হল না।

আমরা ব্যাগ নিয়ে সুশীলের পেছনে পেছনে পাঁচতলা ভবনের একেবারে ওপরের তলায় চলে এলাম। আমরা এসেছি এ নিয়ে সুশীল ব্যতিব্যস্ত হয়ে পড়ল। তার নির্দেশ, আগে কাপড় ছাড়, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো।

তার সঙ্গে যারা থাকেন তারাও খানিকটা আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আমি বললাম, এত ব্যস্ত হবার কোনো কারণ নেই। আগে আমরা থাকার জায়গাটা নিশ্চিত করতে চাই। তারপর খাওয়া-দাওয়া যা যা করার করব। সুশীল বলল, আমাদের এখানে দু'দিন থাকা যাবে। তারপর দু' তিনদিন বাইরে থাকতে হবে। এরপর যতদিন সম্ভব থাকা যাবে। আপনি একা হলে অসুবিধা হত না। আমার সঙ্গে রেখে দিতে পারতাম। কিন্তু সঙ্গে আসা মেহমানকে তো আর ওভাবে রাখা যায় না।

বাশার সাহেব আমাকে কাছে টেনে নিয়ে গিয়ে বললেন, আপনার প্রতি উনাদের আন্তরিকতার ঘাটতি নেই। তারপরেও কথা থেকে যায়। আপনি যে কদিন এখানে থাকবেন তাদের সকলকে অসুবিধায় পড়তে হবে। আপনার অসুবিধার কথা ভেবে উনারা সব সময় দুশ্চিন্তায় ভুগবেন। তাতে করে তাদের কাজের ব্যাঘাত ঘটবে।

আমি বললাম, আপনার অনুমান একেবারে ফেলে দেয়ার মত নয়। আমারও মনে হচ্ছে এখানে থাকাটা তাদের ওপর একরকম বোঝা হয়ে থাকা। ধরে নিলাম, দুদিন আমরা এখানে থাকব। তারপর কোথায় যাব। দু'দিন পর দুর্গাপূজার ছুটি। তখন কক্সবাজারে বেড়াতে আসা মানুষের ঢল নামবে। হোটেলের দাম তিন চারগুণ বেড়ে যাবে। ভাড়া বাড়িয়ে দিয়েও দেখা যাবে হোটেল পাওয়া যাচ্ছে না। তখন কী হবে? না, আমরা আগেভাগে হোটেলে চলে যেতে চাই।

সুশীলকে ডেকে আমাদের অসুবিধার কথা বললাম। তাকে কিছুটা নিমরাজি মনে হল। সে জানাল, কিন্তু উঠবেন কোথায়? আপনার কথামত হোটেলে খবর নিয়েছিলাম। পুরনো আমলের হোটেল সাইমনে গিয়ে খবর নিলাম প্রতি রাত আট শ' টাকা দিতে হবে। তার ওপর ভ্যাট। তার মানে এক হাজার টাকা।

আমার সহকর্মী বাশার সাহেব চমকে উঠলেন। তিনি বললেন, এত টাকা করে হোটেল ভাড়া দিতে গেলে তো কদিন পর কাজ না করে আমাদের ঢাকা ফিরে যেতে হবে।

আমি তাকে হেসে বললাম, এত অধৈর্য্য হচ্ছেন কেন? ব্যবস্থা একটা হবে।

সুশীলকে বললাম, শ্বশুর মশাই, আমার দায়িত্ব আমাকে ছেড়ে দিন। আপনি আমার চিন্তা বাদ দিয়ে আপনার কাজ করুন।

এখানে একটা কথা বলে রাখি। সুশীল আমাকে জামাই বলে সম্বোধন করে। আমি তাকে শ্বশুর। এই জামাই-শ্বশুর সম্পর্কের পেছনে আমাদের একটা ঘটনা আছে। আমরা দু'জন আহমদ ছফার পোষ্য হিসেবে ছিলাম। দু'জনে এক বিছানায় শুতাম। আহমদ ছফা আমার কাকা। তিনি অকৃতদার। আমাকে পুত্র বলে ডাকতেন। আর সুশীলকে বলতেন পালকপুত্র। সেই সূত্রে আমাদের দু'জনের সম্পর্ক সহোদরের। আমরা আহমদ ছফার ওপর হাত-পা ছেড়ে দিয়েছিলাম। তার ওপর খেতাম, পরতাম, থাকতাম। বিনিময়ে তার কিছু কাজকর্ম আমাদের করতে হত। ঘরদোর ঝাড়ু দেয়া থেকে আরম্ভ করে বাজার করা, রান্নাকরা, কাপড় ধোয়া কোনোটাই বাদ যেত না। আসলে আমি ছিলাম নামকাওয়াস্তে। সকল কর্ম সুশীলই করত। আমাকে কলেজে যেতে হত। তখন সুশীল বাসায় থাকত। সব কাজ নিজে সামাল দিত। রান্নাবান্না সেরে তৈরি করে রাখত। আর আমি কলেজ থেকে এসে হাতটা ধুয়ে খেতে বসতাম। সুশীলের কষ্ট আমি বুঝতে পারতাম, কিন্তু কিছু করার ছিল না। তার রান্না করা খাবার আমি খেতাম অনেকটা জামাই আদরে। আমাকে যত্ন করে খাওয়াত বলেই সে আমাকে 'জামাই' সম্বোধন করত। সে যখন প্রতিনিয়ত আমাকে জামাই বলে ডেকে যেতে থাকল, আমি আর পিছিয়ে থাকতে চাইলাম না। আমিও তাকে 'শ্বশুর' বলে সম্বোধন করে সম্মানের আসনটা তার কাঁধে তুলে দিলাম।

যাহোক, আমাদের দু'জনের সম্পর্কটা এখনও ফিকে হয়ে যায়নি। জামাই আসবে, তাকে তো আর হেলাফেলা করা চলবে না। আমরা এসে যাতে ফ্রেস হয়ে নাস্তার টেবিলে বসতে পারি সে ব্যবস্থাটা সুশীল করে রেখেছিল। আমি সুশীলকে বললাম, আমাদের বোধহয় এখানে বেশি সময় থাকা ঠিক হচ্ছে না। যত দ্রুত সম্ভব থাকার ব্যবস্থাটা করা দরকার। শরীর বড্ড ক্লান্ত।

সুশীল কিছুটা মনঃক্ষুণ্ন হল বোঝা গেল। আমার কিছু করার ছিল না। সে বলল, নাস্তাটা খেয়ে যেতে আপত্তি থাকার কথা নয়।

আমি বললাম, তা হবে কেন? না খেয়ে যাওয়াটা বোকামি হবে।

বাশার সাহেবকে বললাম, চলুন, নাস্তাটার সদ্ব্যবহার করি।

আমরা নাস্তা সামনে রেখে বসে পড়লাম। সুশীল আমাদের মেহমানদারি করতে লেগে গেল। আট দশটার মত রুটি তার সঙ্গে লোভনীয় সবজি এবং ডিমের ওমলেট। চা তখনও এসে পৌঁছায়নি। খাবারের বহরটা দেখে মনে হয়েছিল অনেক বেশি, যেটা আমাদের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব নয়। আমাদের পেটে প্রচণ্ড খিদে ছিল। খিদের তোড়ে আমরা এমন গোগ্রাসে গিলতে আরম্ভ করলাম ভদ্রতার খাতিরেও একটা রুটি অবশিষ্ট রাখিনি। ক্ষুধার কাছে ভদ্রতা কত ক্ষীণ এই প্রথম টের পেলাম।

নাস্তা শেষ করেই সুশীলকে বললাম, আর নয়। আমাদের এখনই বেরুতে হবে।

সুশীল বলল, এক্ষুনি বের হতে হবে? ব্যাপারটা নোয়াখালির মানুষের মত হয়ে গেল না?

নোয়াখালির মানুষকে জড়িয়ে এ বদনামটি আরও অনেকবার শুনেছি। কোনোদিন প্রমাণ করার সুযোগ আমার হয়ে ওঠেনি। আদৌ কি তারা তাই করে? কী জানি। ভবিষ্যতে যদি সুযোগ হয় পরখ করে দেখব। সুশীলের কথার জবাব দিতে হয়। তাই বললাম, নোয়াখালির ওপর দিয়ে আমি প্রায় সময় যাওয়া আসা করি। হয়ত ওই এলাকার বাতাস আমার গায়ে লেগে থাকতে পারে।

সুশীলের ডেরা থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলাম। একটা রিকশাকে হাতের ইশারায় ডাকতেই কাছে চলে এল। বললাম, যাইবা না? (যাবে নাকি?)

রিকশাওয়ালা জানতে চাইল, কডে? (কোথায়?)

হোটেল নিশিথা।

রিকশাওয়ালা সম্মতি জানাল। আমি কোনো রকম দরদাম না করে লাফ দিয়ে উঠে পড়লাম। এবার আমি দু'টি জিনিস মেনে চলব চিন্তা করলাম। প্রথমত, আমি চাটগেঁয়ে ভাষা ছাড়া কথা বলব না। শুদ্ধ বাংলায় কথা বললে ওরা ভিন্ এলাকার মানুষ বিবেচনায় এনে ভাড়া নিয়ে উৎপাত করে। দ্বিতীয়টি হল, আমি রিকশায় উঠব, কিন্তু ভাড়া জিজ্ঞেস করব না। রিকশা থেকে নেমে যা দিতে হয় দেব।

অল্প সময়ের ব্যবধানে রিকশা আমাকে নিশিথা হোটেলের সামনে নিয়ে নামিয়ে দিল। রিকশাওয়ালাকে দশ টাকা দিলাম। দেখলাম কাজ হয়েছে। সে ভাড়া নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করল না।

নিশিথা হোটেলে আমি আরও অনেকবার থেকে গেছি। হোটেলগুলো বাজারের ভেতর। ট্যুরিস্টদের খুব বেশি জানা না থাকলে সাধারণত এদিকে আসে না। পুরনো আমলের হোটেল বলে ভাড়া অনেকটা কম। দুই আড়াই বছর আগে আমি যখন এ হোটেলে ছিলাম তখন ভাড়া ছিল আড়াই শ' টাকা। এবার গিয়ে দেখলাম ওই হোটেলের রুমভাড়া ছয় সাত শ' টাকা। আশেপাশের হোটেলগুলোতেও একই দশা। কিন্তু এসব হোটেলগুলোতে থাকার মত তেমন একটা পরিবেশ নেই। আমি মনে মনে চিন্তা করতে থাকলাম কলাতলীর ওদিকের বিলাসবহুল হোটেলগুলোতে ভাড়া কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সুশীলকে ফোন করলাম। সে ফোন ধরলে বললাম, হোটেলের ভাড়া ভয়াবহ রকম। তুমি কোনো রকম পথ বাতলে দিতে পার কি না?

সে বলল, প্যানোয়াতে গিয়েছ?

আমি বললাম, যাইনি।

ওখানে গিয়ে দেখতে পার।

প্যানোয়া কক্সবাজারের একসময় প্রথম শ্রেণীর হোটেল ছিল। এখনও ওটা ওখানকার ঐতিহ্যবাহী হোটেল। আমরা একখানা রিকশা নিয়ে ওখানে গেলাম। সুশীলের কথা মেনে ওখানে গিয়েছি, রুম পাব সে উদ্দেশ্যে নয়। আমি বাশার সাহেবকে ব্যাগসহ রিকশায় বসিয়ে রেখে হোটেলের রিসিপশনে গিয়ে হাজির হলাম। ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম, রুম আছে?

তিনি জানতে চাইলেন, ক'টি?

ক'টি নয়, একটি। আমরা দু'জন থাকব।

স্বামী-স্ত্রী?

না, আমার এক সহকর্মী? আমরা থাকলে একনাগাড়ে দশ পনের দিন থাকব।

আমাদের একটা রুমই খালি আছে। গিয়ে দেখে আসতে পারেন। পছন্দ হলে থাকবেন, নইলে অন্য কাউকে দিয়ে দেব। আমাদের রুম কখনও খালি থাকে না।

হোটেলের লোক আমাকে রুম দেখাতে নিয়ে গেল। মন্দ নয়। বেশ বড়সড়। আলো-বাতাসেরও বেশ গতায়াত। কিন্তু ভাড়া কত? রুমটি ছিল তিন তলার দু' শ' তিনে। নিচে নেমে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম, রুম তো দেখলাম, কিন্তু ভাড়া কত?

টিভি লাগবে, না কি টিভি ছাড়া?

টিভি একটা থাকলে ভাল হয়। খবর টবর শোনা যাবে।

তাহলে সাড়ে চার শ' টাকা। আর টিভি ছাড়া হলে চার শ' দিতে হবে। এখন কোনটা নেবেন আপনি ভাবুন?

আমি বললাম, টিভিসহই নেব, কিন্তু চার শ' টাকার বেশি দিতে পারব না।

তা কী করে হয়? মালিকের নিষেধ আছে।

আপনার মালিককে বলুন, এক ভদ্রলোক একটা টিভি চায়। যদি না দেন তখন দেখা যাবে। এত বড় একটা হোটেলের মালিক একটা টিভি নিয়ে কার্পণ্য করবেন তা আমাকে বিশ্বাস করতে হবে?

আমার কথায় ভদ্রলোক হেসে দিলেন। মনে হল তিনিই মালিক।

তিনি পাশে দাঁড়ানো লোকটাকে বললেন, দু' শ' তিনে একটা টিভির ব্যবস্থা করে দাও? আর রুমটাও ঠিক ঠাক করে দিয়ে এস।

আমরা ব্যাগ নিয়ে রুমে চলে গেলাম। আমাদের রুম ঠিক করার জন্য যে লোকটি গিয়েছিলেন তার নাম সাজ্জাদ। বাড়ি ফেনীতে। লোকটি তোতলা। ভাল কথা বললেই মনে হয় রেগে আছেন। আমাদের রুমে দু'টি সিঙ্গেল খাট। দু'টি পাশাপাশি লাগানো এবং দু'টি খাটের জন্য একটি মাত্র মশারি। তা অবশ্য ডাবল সাইজের। সাজ্জাদকে বললাম, খাট দুটো আলাদা কর এবং দুটো ধোয়া চাদরের ব্যবস্থা কর।

সাজ্জাদ বললেন, চাদর দেয়া যাবে। কিন্তু খাট আলাদা করা যাবে না। নিয়ম নাই।

আমি বললাম, নিয়ম নেই, নিয়ম করেন? আমরা কি স্বামী-স্ত্রী, একই বিছানায় শোব?

তোতলা মানুষের রাগ বেশি হয় সেটা প্রমাণ পেয়ে গেলাম। তিনি তোতলাতে তোতলাতে বললেন, সেএএ কি আআমি জানি?

আমি ধমক দিয়ে বললাম, আপনি জানবেন না তো আমি জানব? খাট আলাদা করেন?

দেখলাম ধমকে কাজ হয়েছে। সাজ্জাদ খাট দুটো টেনে টেনে আলাদা করলেন। তিনি ভেতরে ভেতরে গজগজ করতে থাকলেন। তারপর এক সময় বলে ফেললেন, রাআতে কিন্তু মঅশারি একটাই। সিঙ্গেল মঅশারির সিস্টেম নাই।

সাজ্জাদের কথায় আমাদের হাসি পাচ্ছিল। কিন্তু তাকে আর রাগাতে চাইলাম না। বেলা যত বাড়তে থাকল আমাদের সময়ের মূল্যও বেড়ে যেতে থাকল। আমাদের উপজেলা অফিস, ইউনিয়ন পরিষদের অফিস, বিভিন্ন এনজিওর অফিসে যেতে হবে। সুশীলের ওখানে নাস্তা সেরেছি বটে, কিন্তু বাথরুমের কাজকাম কিছুই হয়নি। গোসল না সারা পর্যন্ত স্বস্তি নেই।

গোসল সারার পর আমরা দশ পনের মিনিটের জন্য শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। তখন আমি দিব্যি আরাম বোধ করছিলাম। সারা শরীর আমার কাছে নির্জীব পদার্থের মত ঠেকছিল। হাত-পা ছড়িয়ে দিয়ে আমি যখন চিৎ হয়ে শুলাম শরীরে কোনো রকম বল পাচ্ছিলাম না। চোখের পাতা আপনা আপনি মিইয়ে আসছিল। গোটা রাত নির্ঘুম কাটিয়েছি তার একটা ফল তো আছেই। বোধকরি দু' মিনিটের মাথায় আমি ঘুমিয়ে পড়েছিলাম।

…….
দরিয়া নগর
……..
কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারব না। আমি একটা স্বপ্ন দেখে যাচ্ছিলাম। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, আর সাগরের ঢেউ আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। সাগরের ঢেউ যতই আমার কাছে আসছে আমি সাগরের দিকে তাকিয়ে তাকিয়ে পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। এক সময় একটা বড় পাহাড়ের সঙ্গে আমার পিঠ ঠেকে গেল। আমি চিৎকার দিয়ে উঠতে চাইলাম। তখনই দরজার কড়া নড়ে উঠল। আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দরজা খুলে দেখলাম এক ভদ্রমহিলা। তিনি আমাকে দেখামাত্র বলে ফেললেন, দুঃখিত, আমি ভুল করে আপনাদের দরজার কড়া নেড়েছি।

ভদ্রমহিলা বোধকরি পাশের রুমের হবেন। তিনি চলে গেলেন। আমি দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসলাম। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। কী একটা অদ্ভুত স্বপ্ন! ভদ্রমহিলা দরজার কড়া নেড়ে ঘুম না ভাঙালে স্বপ্নে পরিণতিটা কী হত কে জানে।

ঘড়ি দেখলাম ঘণ্টার কাঁটা বারটার ঘর অতিক্রম করেছে। মনে মনে ভদ্রমহিলাকে ধন্যবাদ দিলাম। এ মহিলা ঘুম না ভাঙালে কী যে অবস্থা হত। বাশার সাহেব তখনও নাক ডেকে ঘুমোচ্ছেন। তার ঘুম ভাঙানোর চেষ্টা করলাম। বললাম, বাশার ভাই, বেলা সাড়ে বারটা বাজতে চলেছে। তাড়াতাড়ি রেডি হন। ঘড়ির বারটা তো বেজেছে, দেরি করলে কাজের বারটাও বাজবে।

(পরের কিস্তিতে শেষ হবে)

nurulanwar1@gmail.com

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts