নর্ডিক বসন্তে
জাহাজ থেকে দেখা স্টকহোম
২০০৮ সাল-এর এপ্রিলের ১৮ তারিখে দারফুরের আল ফাশিরের বাসা থেকে যখন বের হই সেদিন ছিল প্রবল ধূলিঝড়। ঝড়ে বিশ গজ দূরের কোনোকিছু দেখা যায় না। অফিস থেকে গাড়িতে বাসায় নেমে বাসা থেকে আমার স্যুটকেস বের করার সময়টুকুতে ধুলায় মাখামাখি আমি। সুইডেন যাচ্ছিলাম একটা কোর্সে অংশ নিতে। দারফুরের আল ফাশির থেকে খার্তুম। খার্তুম থেকে স্টকহোম। আল ফাশির এয়ারপোর্টে পৌঁছে দেখি আমারই মতো সবাই ধূলিময়। বিদেশীরা বলে এল ফাসের।
আল ফাশির এয়ারপোর্টকে আমার পৃথিবীর ক্ষুদ্রতম বিমানবন্দরগুলির একটা মনে হয়। চেহারা বাংলাদেশের মফস্বলের ট্রেনের ওয়েটিং রুমের মতো বা তার চেয়েও করুণ। ছালবাকল-ওঠা দেয়াল। মাথার উপর ঘটাং ঘটাং ফ্যান। এয়ারপোর্টে নামতেই বহু পরিচিত সহকর্মীর মুখ দেখা গেল। অনেকে ছুটিতে বাড়ি যাচ্ছে। আমার পাশে বসেছে মিশরীয় কন্টিনজেন্ট কমান্ডার আসের। সেও যাচ্ছে ছুটিতে। তার কাছে বেশ কিছু ডলার নিয়ে আসে মিশরীয় তরুণ এক অফিসার। আসের পরিচয় করিয়ে দেয়, আমার নতুন হাউসমেট, ক্যাপ্টেন মোহাম্মদ। মোহাম্মদ হাতের ডলারগুলো আসেরকে দিতে দিতে আমাকে বলে, "হোম সার্ভিস ডেলিভারি দেই।" আমি হেসে বলি, "মিশরীয় যাদের সাথেই পরিচয় হয় তাদের অধিকাংশেরই নাম হয় আহমেদ বা মোহাম্মদ।"
মোহাম্মদ হেসে জবাব দেয়, "মিশরে শতকরা সত্তর ভাগ লোকের নাম মোহাম্মদ আর ত্রিশ ভাগ লোকের নাম আহমেদ। তবে আমি হচ্ছি মোহাম্মদ দি বেস্ট ইন ঈজিপ্ট। অবশ্য ঠিক তা-ও না। আমার দাদা ছিলেন মোহাম্মদ দি বেস্ট ইন ঈজিপ্ট।"
আমি আবার বলি, "তাইলে তো কায়রো শহরের মাঝখানে গিয়ে 'মোহাম্মদ' বলে ডাকলে বহুলোক ছুটে আসবে আমার দিকে।" পাশে বসে থাকা আসের বলে, "আমার নাম যদিও মোহাম্মদ না, কিন্তু কায়রো শহরে তুমি 'মোহাম্মদ' বলে জোরে ডাকলে, আমিও ছুটে গিয়ে বলব, 'আমার নাম মোহাম্মদ'।" ক্যাপ্টেন মোহাম্মদ জিজ্ঞাসা করে, "তুমি কি বাড়ি যাচ্ছ ছুটি কাটাতে?" আামি বলি, "না, সুইডেনে, ট্রেইনিং-এ।" মোহাম্মদকে জবাব দিতে না দিতেই আরো দুইতিনজন পূর্বপরিচিতের সাথে দেখা, সবাই জিজ্ঞাসা করছে, "কী, বাড়ি যাচ্ছ? ছুটিতে?" আমি জবাব দেই, "না, ট্রেইনিং-এ যাচ্ছি।" পাশে দাঁড়িয়ে থাকা গ্র্যান্ডসন অব মোহাম্মদ দি বেস্ট অব ঈজিপ্ট বলে, "আমি কি বিরানব্বইতম, যে জানতে চেয়েছি ছুটি কাটাতে যাচ্ছ কিনা?" আমিও দুষ্টামি করে জবাব দেই, "হ্যাঁ, প্রায় কাছাকাছি।"
কর্নেল আসের বলে, "তুমি তো মে মাসের ১২ তারিখ ফিরছ দারফুরে। ১৩ তারিখ আমার জন্মদিন। তোমার বাসার আর দু'জন ভদ্রমহিলা-সহ তিনজনের দাওয়াত আমার জন্মদিনে।" মোহাম্মদ জিজ্ঞাসা করে, "পুরুষদের আমরা দাওয়াত দিব না?"
আসের বলে, "আগে সব দেশের মেয়েদের দাওয়াত দিয়ে নেই, পরে পুরুষদের কথা ভাবা যাবে।" ধূলিঝড়ের জন্য প্লেন ছাড়তে দু'ঘণ্টা দেরি হয়। প্লেন থেকে দেখি যতই ওপরে যাচ্ছি ধুলায় সব অন্ধকার। প্লেন ওপরে উঠছেই, ধুলার আর শেষ নাই। একসময় দেখি সাদা তুলার মতো মেঘ। নিচে ধুলার সমুদ্র। মনে হচ্ছিল ধুলার ঘোলা সমুদ্রে সাদা বরফের চাঁই। পরদিন খার্তুম থেকে সুইডেনে রওনা দেই।
সুইডেনের আরলান্ডা এয়ারপোর্টে নেমেই মনপ্রাণ উছল হয়ে যায়। ধুলার সমুদ্র নাই। ৪৭-৪৮ ডিগ্রি তাপমাত্রা নাই। শীতের দখলে পত্রপল্লবহীন গাছপালার মাঝে ঘন সবুজ ক্রিসমাস ট্রি আর পাইন বনের মধ্য দিয়ে, গলফ খেলার মাঠ, লাল রঙের পুরানো বাড়িঘর, শপিং মল পার হয়ে পৌঁছাই ট্রেনিং সেন্টারে।
সন্ধ্যা সাতটায় স্টুডেন্ট হোস্টেলের লবিতে পরিচিতিমূলক পার্টি। দারফুর থেকে একসাথে আসা আমাদের জাম্বিয়ান সহকর্মী কুইন ছাড়া বাকি সবাই উপস্থিত। কুইনকে সবাই খুঁজছে। খানিক আগে আমার রুমে এসেছিল। কুইনের খোঁজে দোতলায় যাই। দরজায় কিছুক্ষণ নক করলেও খুলছে না দেখে দরজার নব ঘোরাই, খুলে যায়। রুমের ভিতরে না দেখে উচ্চস্বরে ডাকি, কুইন, কুইন! বাথরুমের দরজা খুলে আমার সামনে দাঁড়ায় সম্পূর্ণ নগ্ন এই আফ্রিকান নারী। অনভ্যস্ত চোখ নামিয়ে বলি, "কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক সবাই খুঁজছে তোমাকে।" সে বলে, "গোসল শেষ করে দ্রুত আসছি।" এর আগেও খার্তুমে আফ্রিকান মেয়েদের সাথে এক রুমে থাকতে গিয়ে দেখেছি তাদের কেউ কেউ যখন-তখন সম্পূর্ণ নগ্ন হয়ে রুমে হাঁটাহাঁটি করে। তাদের ব্যাখ্যা হচ্ছে, শরীর সৌন্দর্যের আধার; এ নিয়ে অত লাজলজ্জার কিছু নাই। বিশেষ করে কোনো নারীর সামনে অপর নারীর নগ্ন হওয়া তাদের অতি স্বাভাবিক জীবনাচার।
দ্বিতীয় সন্ধ্যায় দুইটা কোর্সের আইস ব্রেকিং। আমাদের কোর্সের সাথেই শুরু হচ্ছে আরেকটি কোর্স। সব মিলিয়ে ৪৭টি দেশের পুলিশ, সামরিক, বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছে। অফিসার্স মেসে পরিচয় হয় নানা দেশের লোকজনের সাথে। আমার টেবিলে আমার বামপাশে বসেছিল ফিনল্যান্ডের রিটায়ার্ড মেজর হান্নু ভিয়ানলা। এই ট্রেনিং সেন্টারের একজন প্রশিক্ষক। নানা বিষয়ে কথা হয়। কয়েক পেগ মদ্যপানের পর তাঁর নেশা গাঢ় হয়ে এলে বলে, "সুইডিশদের যত ভালোমানুষ ভাবছ, ওরা অত ভালো নয়। ওদের অতিথেয়তা দেখছ, কিন্তু এরা মানুষ খুবই খারাপ। বহু বছর আমাদের পরাধীন করে রেখেছে। আমাদের কখনোই ওদের সমপর্যায়ের মানুষ হিসাবে সম্মান দেয় নাই। মাছ-ধরা জেলে হিসাবে দেখেছে সবসময়। এদের বাইরের মুখোশ দেখে প্রগতিশীল, উদার মনে কোরো না।"
টেবিলের অপরপ্রান্তে বসেছিল ড্যানিশ মেজর হ্যানসেন। সে বলছিল, "তোমাদের দেশ মুসলমান দেশ হওয়ার পরও ফোর্সে মেয়েরা আছে দেখে ভালো লাগল।" আমি বলি, "মুসলমানদের সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণাই তোমাদের আছে। আমাদের দেশে মেয়েরা পুলিশ, আর্মি, সিভিল সার্ভিস, সবখানেই আছে। অনেক মুসলিম দেশেই আছে। আমার দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে নারী-শিক্ষকও বিপুলসংখ্যক। তবে তোমাদের স্ক্যান্ডিনেভিয়াতে যেভাবে নারী-পুলিশ শতকরা ২৫ ভাগেরও বেশি, সেখানে আমাদের নারী পুলিশ মাত্র শতকরা ১.৩ ভাগ। আমরা এখনও ইভল্যুশনের একটা পর্যায়ে আছি। তোমরা আরেকটু অগ্রসর অবস্থায় আছো। নারী অগ্রগতিতে স্ক্যান্ডিনেভিয়া সারা পৃথিবীতে এগিয়ে আছে।"
হ্যানসন বলে, "এখন সেই পৃথিবী নাই। পৃথিবী উল্টাদিকে হাঁটছে। ইউরোপে সেই রাজনৈতিক দল ভোটে জেতে যারা ইমিগ্রান্টদের সুবিধাদির ব্যাপারে, ইমিগ্রেশন পলিসির ব্যাপারে কঠোর হবার প্রতিশ্রুতি দেয়। ভোটের রাজনীতিতে জেতার জন্য সব রাজনৈতিক দলই ইমিগ্রান্টদের ব্যাপারে কঠোর হবার প্রতিশ্রুতি দিয়ে থাকে। আরেকটা জিনিস হল, যে-ড্যানিশরা দু'শো বছর আগেও সমকামীদের মেনে নিয়েছে, সেই ডেনমার্কে এখন অনেক প্রাইভেট কোম্পানিতে পুরুষের তুলনায় নারীর বেতন কম দেয়।"
উইকএন্ডে বেড়াতে যাই স্টকহোম শহরে। বাল্টিক সমুদ্রবেষ্টিত এ-শহরকে বলা হয় উত্তর ইউরোপের ভেনিস। আমরা যাই স্কেপসব্রন এলাকায়। সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ধনী এবং সফল ব্যবসায়ীরা বাল্টিক সাগর পারে এ-এলাকায় বাড়িঘর বানাত। সমুদ্রপারের এই জায়গায় বসবাস ছিল তখন আভিজাত্যের প্রতীক।
অল্যান্ডে যাওয়ার পথে বাল্টিক সমুদ্রের দুটি ছোট দ্বীপ। এরকম দ্বীপ আছে ২৪০০০।
স্কেপসব্রন থেকে যাই রয়াল প্যালেসের দিকে। আজকে যেখানে সুইডিশ রাজপ্রাসাদ সেখানে 'থ্রি ক্রাউন' নামের পুরনো যে-দুর্গটি ছিল সেটি ১৬৯৭ সালে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। পরে রাজার স্থপতি নতুন রাজপ্রাসাদের পরিকল্পনা নিয়ে আসেন। যদিও অর্থাভাবের কারণে ১৭৫৪ সালের আগে রাজপ্রাসাদের পুনর্নির্মাণ সম্ভব হয়নি। রয়াল গার্ড-বদলের সময় টুরিস্টদের ভিড় লেগে থাকে এখানে। বর্তমান এই রাজপ্রাসাদটি ৬০০ কক্ষ বিশিষ্ট, যার মধ্যে আছে রাজার অফিস এবং রয়াল অ্যাপার্টমেন্ট।
হেঁটে যাই গামলাস্টান এলাকার মেইন স্কয়ার-এ। এটি ইতিহাস-বিখ্যাত অথবা -কুখ্যাত এলাকা। ১৫২০ সালে স্টকহোমের রক্তস্নান এ-স্থানে হয়েছিল। ডেনমার্ক তখন সুইডেনের অধিকাংশ দখল করে নিয়েছিল। ডেনিশ রাজা দ্বিতীয় ক্রিশ্চিয়ান তখন ছিলেন রাষ্ট্রক্ষমতায়। সুইডেনে তিনি ক্রিশ্চিয়ান দি টাইর্যান্ট বা অত্যাচারী ক্রিশ্চিয়ান নামে পরিচিত ছিলেন। যদিও কিছু স্থানীয় লোক ড্যানিশ এই রাজাকে সমর্থন করেছিল। অধিকাংশ সুইডিশ এর প্রবল বিরোধিতা করে এবং সংগ্রাম করে যায় সুইডেন স্বাধীন করার জন্য। রাজা দ্বিতীয় ক্রিশ্চিয়ান প্রহসনমূলক বিচারের মাধ্যমে মুক্তিকামী সুইডিশদের তিনদিন ধরে এই মেইন স্কয়ারে শিরশ্ছেদ করেন। তিনদিনে প্রায় নব্বইজনকে মারা হয়। এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এর বছরখানেক পরই অত্যাচারী দ্বিতীয় ক্রিশ্চিয়ান ক্ষমতা থেকে অপসারিত হন।
ছোট-ছোট উপদলে বিভক্ত হয়ে আমরা স্টকহোম বেড়াতে যাই। আমার সাথে ছিল পাকিস্তান ফরেন সার্ভিস-এর অফিসার ফারহাত আরা। মেইন স্কয়ার থেকে পূর্বদিকে গেছে মার্চেন্ট স্ট্রিট। সরু পাথুরে এ-রাস্তার দু'পাশে দোকানপাট, শপিং মল, ক্যাফে। কয়েকশ' বছরের পুরনো এই রাস্তায় গাড়ি চলাচল করে না। প্রাচীন এই শহরে ঘোরাঘুরি শেষে আমি আর ফারহাত চলে আসি সমুদ্রপারে। সারি সারি জাহাজ বাল্টিকের ছোট-ছোট দ্বীপের রাজ্যে টুরিস্টদের নিয়ে যাওয়ার অপেক্ষায়। ওখান থেকে যাই এন-কে শপিং মলে। স্টকহোমের বৃহত্তম শপিং কমপ্লেক্স। কেনাকাটার চেয়ে আমরা জিনিসপত্র, সেলসগার্ল আর মানুষজন দেখে সময় কাটাই।
এন-কে থেকে বের হয়ে ডানে এগিয়ে গেলে হটরগঠ বা হে মার্কেট এবং কনসার্ট হল। তার সামনে সপ্তাহের বিশেষ দিনে নানা জিনিসপত্র নিয়ে হাট বসে। যারা শস্তায় জিনিসপত্র কিনতে চায় তারাই এখানে ভিড় জমায়। ১৬৪০-এর গোড়ার দিকে কৃষকেরা রাজার আস্তাবলের ঘোড়ার জন্য এখানে খড় নিয়ে আসত। হটরগঠ, এই সুইডিশ শব্দের অর্থ হচ্ছে খড়ের বাজার। এই স্কয়ারের পশ্চিম পাশে পাব নামের সুবিশাল ডিপার্টমেন্ট স্টোর। অভিনেত্রী গ্রেটা গার্বো তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করার আগে দোকানের সহকারী হিসাবে কাজ করতেন এখানে।
"পাব"-এর বিপরীতে কনসার্ট হল, যার জন্ম ১৯২৬ সালে। এই হলটা হচ্ছে হোম অব দ্য রয়াল স্টকহোম ফিলহারমোনিক অর্কেস্ট্রা। এই হলেই প্রতিবছর নোবেল বিজয়ীরা সুইডিশ রাজার কাছে থেকে নোবেল পুরস্কার গ্রহণ করে থাকেন।
ক্লাস শেষে প্রতি বিকালেই ট্রেনিং সেন্টারের পাশে পাইন বনের ভিতর জগিং ট্র্যাকে হাঁটতে বের হই। এপ্রিলের শেষ সপ্তাহে ন্যাড়া কিছু গাছপালা পেরিয়ে ঢুকি পাইন আর ক্রিসমাস ট্রির অরণ্যে। শীতের বরফের কামড় বাঁচিয়ে এই গাছগুলো কীভাবে সবুজ সতেজ আছে তা বিস্ময়কর।
জগিং-রত কিছু নারীপুরুষ পার হই। বাঁ-পাশে জঙ্গল আর ডান পাশে কিছু ঘরবাড়ি পেরিয়ে যাই। শেষপ্রান্তের একটা বাড়ির সামনে এক বৃদ্ধ বাগানচর্চা করছে। জগিং-রত এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করি, "শুনেছি সামনের দিকে একটা লেক আছে। ঠিক কোনদিকে, বলতে পারো?" সে বলে, "সামনে সোজা গিয়ে বাঁয়ে যাবে। একটা চমৎকার লেক পাবে। মালারেন লেক। চমৎকার জায়গা। তোমার ভাল লাগবে।" সামনে এগিয়ে ডানদিকে চোখে পড়ে জনমানবহীন বিশাল খোলা প্রান্তর, উঁচু ঘাস, দূরে সারি-সারি পাইনের অরণ্য। লেকে যাবার কথা ভুলে যাই। ঘাসের মাঝে হেঁটে বেড়াই আর প্রান্তর ঘিরে চারপাশে পাইন বনের সৌন্দর্য দেখি। ঝিরঝির হাওয়া আর চারদিকে অগাধ অরণ্য। ওপরে নীলাকাশ। রাত প্রায় সাড়ে-আটটা বাজে। আকাশে তখনও সোনালি সূর্যের আলো।
পরদিন নিজের সাথেই পণ করি আজ লেক পর্যন্ত যাবই। ভারতীয় নেভি অফিসার অনিল যাজ্ঞী বলে, "তুমি একা একা জঙ্গলে বের হও। তোমাকে খেঁকশিয়াল, এলক বা অন্য কোনো প্রাণী ধরবে।" আমি বলি, "ওরা আমাকে প্রেম দিয়ে যাবে।" সেদিন পাইন অরণ্যের ভেতর দিয়ে হেঁটে যাই পূর্বদিনের নির্দেশিত পথে। পুরো শ্যাওলা আচ্ছাদিত বিরাট একটা পাথর পার হই। এগিয়ে গিয়ে দেখি ডানে বামে দু'টো রাস্তা চলে গেছে। সিদ্ধান্তহীনতায় ভুগি কোনদিকে যাব, ডানে বা বামে। ডানে যাই। সামনে ছোট ডোবার মতো। পানি জমে আছে। হয়তো বরফগলা পানি। সামনে হাঁটাপথ একেবারে সরু হয়ে গেছে। অরণ্য নিবিড় হয়ে এসেছে। ভয় লাগে, হয়তো কোনো বুনো প্রাণী আক্রমণ করতে পারে। মূল রাস্তায় ফিরে আসি, বাঁ-পাশের পথ ধরে হাঁটি। বেশ কিছু প্রবীণ ক্রিসমাস ট্রি পার হই। আরো সামনে এগিয়ে দেখি লাল রঙের পুরনো পরিত্যক্ত একটা সুইডিশ বাড়ি। জনমানুষের চিহ্ন নাই। বাঁ-দিকে একটা সুন্দর আধুনিক বাড়ি। মনে হয় কেউ থাকে। সামার হাউসও হতে পারে। সামনে খোলামাঠ, মাঠের দু'পাশে পাইন-বন, মাঠের পরেই লেক। মাঠের পাশে কাঠের একটা সিঁড়ি নেমে গেছে লেকের পানিতে একটা কাঠের মাচাং-এ। দৌড়ে কাঠের সিঁড়ি বেয়ে নেমে লেকের পানি স্পর্শ করি। লেকের অপরপাশেও পাইনের বন। পানিতে আকাশের আর পাইনের ছায়া। লেকের পাড়ে লম্বা উঁচু ঘাস। জলধারার অস্ফূট কলতান। অশ্রান্ত সঙ্গীত নিজের খেয়ালেই বেজে যাচ্ছে।
ক্লাস-শেষে প্রায় প্রতিদিনই বনে যাই। প্রতিদিনই কোনো না কোনো পরিবর্তন হচ্ছে বনে। বরফের কামড়ে পাতাহীন গাছে নতুন কুঁড়ি, নতুন পাতা হচ্ছে। পাইন-বনে যাওয়ার পথে বৃদ্ধের বাগানে চেরিফুল গাছ সফেদ ফুলে উপচে পড়ছে।
সান্ধ্যভ্রমণ-শেষে নিচতলার লবিতে টিভি দেখতে বসি। ড্যানিশ কোর্সমেট মগানও বসে এসে। বল্কান অফিসাররা এসে ঢোকে প্রচুর হুইস্কি-বিয়ার সহ।
সার্বিয়ান দেদিচ এবং বসনিয়ান হারম্যানের বন্ধুত্ব দেখে বিস্মিত হই। হারম্যান বলে, "আমরা দু'জন এখানে মাতৃভাষায় কথা বলতে পারছি, এর চেয়ে মজার কী আছে।" সার্বিয়ান ও বসনিয়ান দু'জন প্রায় মানিকজোড়। ডাইনিং-এ, ক্লাসে, একসাথে। মেয়েদের সাথে দুষ্টুমি, মদ্যপান, সবই একসাথে। আমি বলি, "বসনিয়ান-সার্বিয়ানের এত পিরিতি দেখে আমি মুগ্ধ।" দু'জনে হাসতে হাসতে সমবেত জানায়, "তোমাদের সামনে আমরা বন্ধুত্ব দেখাই। কিন্তু চোখের আড়ালে আসলে আমরা একে অন্যের … মারি, সেটা তোমরা দ্যাখো না।"
স্টকহোম
পাশে-বসা ড্যানিশ সহকর্মী মগান বলছিল, "বলকান এলাকায় যখন শান্তি মিশনে কাজ করেছি তাদের সাথে তখন মিটিং করেছি। দেখেছি মিটিং-এ ওরা প্রচুর মদ খায়, এবং যেন পুরো মাতাল হলে মিটিং জমে ওঠে। বল্কান দুই ক্যাপ্টেন হাসে। আমিও মর্গানের সাথে যোগ দেই, বলি, "আমার জীবনে তোমাদের মতো মদ খেতে কোনো মানুষকে আর দেখি নাই। বিয়ার, হুইস্কি একের পর এক টেনে যাচ্ছ। আবার মাতালও হচ্ছ না। আমার ধারণা ছিল পূর্ব-এশীয়রা সবচেয়ে বেশি ড্রিংক করে, মদ্যপানে তোমাদের কাছে অন্য কোনো দেশীরা পৌঁছাতে পারবে না। বসনিয়ান হারম্যান বলে, "এটা আমাদের সংস্কৃতির অংশ। আমার দাদির বয়স ৯৬ বছর। কিন্তু এখনও প্রতিদিন ঘুম ভেঙে এক গ্লাস ওয়াইন দিয়ে দিন শুরু করে। আমরা পানির চেয়েও বেশি মদ পান করি।" আমি বলি, "আমাদের দেশের লোকজন মদ খায় না। শহরে কিছু এবং গ্রামে অতি অল্প লোক ড্রিংক করে।"
সার্বিয়ান দেদিচ বলে, "আমার দেশের লোকজন এ-কথা শুনলে চোখ কপালে তুলবে। বলবে তোমরা পাগলের দেশের লোকজন।" আমি বলি, "আমার দেশের লোকজনও তোমাদের এই মাতাল পৃথিবীর কথা শুনে ভিরমি খাবে, বলবে, তোমরা মাতালের দেশের মানুষ।"
তবে আফ্রিকানদের নিয়ে সার্বিয়ান দেদিচের মন্তব্য শুনে তাকে বর্ণবাদী মনে হয়েছে। আফ্রিকানদের ইংরেজি উচ্চারণ শুনে বলে, "আফ্রিকানদের কথা আমি একদমই বুঝি না। এরা অর্ধেক শব্দ পেটের ভিতরে রেখে বাকি অর্ধেক বলে।" বলতে বলতে হেসে ফেলে দেদিচ। আমি ভাবি ছেলেটা তার বর্ণবাদী মনোভাব কোনোভাবেই লুকিয়ে রাখতে পারছে না।
সপ্তাহান্তে আমাদের নিয়ে যাওয়া হয় ভাইকিং সিনডারেলা নামক জাহাজে করে ফিনল্যান্ডের অল্যান্ড দ্বীপ পর্যন্ত, ২৪ ঘণ্টার ক্রুজে। স্টকহোমেই আছে ২৪টি দ্বীপ। সুইডেন থেকে ফিনল্যান্ড যাওয়ার পথে আছে ২৪০০০। বাল্টিক সাগর পাড়ে ঝলমলে বসন্ত। অপূর্ব সুন্দর স্টকহোম শহর। শহরের মাঝখান দিয়ে বাল্টিকে মিশেছে বহু লেক। অদূরে নর্ডিক জাদুঘর, ভাসা জাদুঘর, ফান পার্ক।
ষোড়শ সপ্তদশ শতকের দালানকোঠা-সমৃদ্ধ পুরনো স্টকহোমের দৃশ্যাবলী পার হয়ে যাই। স্টকহোম শহর চোখের আড়ালে চলে গেলে দৃষ্টিসীমানায় শুধু বাল্টিক সমুদ্রের জলরাশি আর ছোট ছোট দ্বীপপুঞ্জ। এসব দ্বীপপুঞ্জে আছে ছবির মতো সুন্দর একেকটা সামার হাউজ। কয়েটা সিগাল আমাদের জাহাজটার পিছু-পিছু আসছে স্টকহোম থেকে। দূরে আমাদের জাহাজটাকে অনুসরণ করছে ভাইকিং লাইনের আরেকটা জাহাজ। রাত আটটায় সোনালি সূর্যের আলোয় ঝলমল করছে পৃথিবী। ডেকে কনকনে ঠাণ্ডা হাওয়া, কার্লসবার্গ, গিনেস, ওয়াইন, শ্যাম্পেন হাতে আড্ডায় কোর্সমেটরা। ডেকের রেলিং-এ মাথা রেখে দেখছি শেষবিকালের বাল্টিকের রূপ। ছোট ছোট কয়েকটা দ্বীপ, সবগুলোর গাছ নিষ্পত্র। সম্ভবত কোনো পাখি বা পোকা সব পাতা খেয়ে ফেলেছে। অথবা দ্বীপের গাছগুলো কোনো সংক্রামক রোগাক্রান্ত। বহুক্ষণ ধরে দেখছি কাচঘেরা সিঁড়ি ঘরে গিটার বাজিয়ে একজন মগ্ন হয়ে গান গাইছে। আর দু'জন সমুদ্রের দিকে দৃষ্টি রেখে গভীর মনোযোগে শুনছে। তারা কাচের আড়ালে বলে গান শুনতে পাচ্ছি না। কিন্তু মগ্নতা দেখতে পাচ্ছি। কী গাইছে শুনতে কৌতূহলে সিঁড়িঘরের কাচের দরজা খুলে উঁকি দেই। আমাকে দেখেই আগের গানটি থামিয়ে নতুন গান গাইতে শুরু করে গায়ক। আমার চোখে চোখ রেখে গায়, "আর ইউ লোনসাম টুনাইট?"… কিন্নরকণ্ঠে সে গেয়ে যাচ্ছে। একের পর এক দ্বীপপুঞ্জ পার হয়ে যাচ্ছি আর সিঁড়িঘরের দরজায় দাঁড়িয়ে তার গান শুনছি। তার সঙ্গী দু'জন মুচকি হাসছে। গান শেষ হলে গায়ক আমাকে বলল, "গানটি তোমার জন্য উৎসর্গ করা হল।" নিজের পরিচয় দেই, "বাংলাদেশের মেয়ে। জাতিসংঘের শান্তি মিশনে দারফুরে কাজ করছি।"
সে জানায় তার নাম 'ইয়ান্নে'। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডবাসী। সান্তাক্লসের বাড়ির লোক সে। ইয়ান্নে বলে, "তুমি এত সহজভাবে এসে দাঁড়িয়েছ, মুহূর্তে গানটা আমার মাথায় চলে এল।" আমি বলি, "তুমিও এমন মগ্ন হয়ে গাইছিলে, আমি চাইনি সরে গিয়ে তোমার গাওয়া থামিয়ে দেই।" ইয়ান্নেকে বলি, "আমার অন্য বন্ধুদের নিয়ে আসি তোমার গান শোনাতে।"
হাতের গ্লাস-সহ থাইল্যান্ডের সেনির নেতৃত্বে আমরা কয়জন সিঁড়িঘরে ঢুকি। ইয়ান্নে এবং তার বন্ধুদের কাছে সবাই যার-যার পরিচয় দেয়। দক্ষিণ আফ্রিকা, মালি, ডেনমার্ক, থাইল্যান্ড… এত দেশের স্রোতা পেয়ে ইয়ান্নের চোখেমুখে আনন্দ ঠিকরে পড়ে। সে একের পর এক গান শুনিয়ে যায় গভীর মগ্নতায়। বাল্টিকের ছোট ছোট দ্বীপের ওপর শেষ বিকালের পড়ন্ত সূর্যের আলোয় ইয়ান্নের সঙ্গীতে ভেসে বেড়ায়।
সবারই নেশা গাঢ় হয়। ইয়ান্নের প্রতি সবাই মুগ্ধ। ইয়ান্নে বলে, "রাতে জাহাজের পাব-এ এসো। রাত ন'টার পর থেকে আমাকে ওখানে পাবে। আমি গান গাইব।"
ডিনার-শেষে সবাই মিলে পাবে যাই। স্টেজে ইয়ান্নে গান গাইছে। আমরা স্টেজের কাছে গিয়ে ইয়ান্নেকে হাত নাড়ি। কোনার টেবিলে বসতেই, বিস্ময়ের ধাক্কায় আমরা প্রায় উড়ে যাবার জোগাড়। ইয়ান্নে ততক্ষণে ঘোষণা দিয়েছে, "আমি এখন যে-গানটি গাইব সেটি বাম পাশের কোনায় বসে থাকা বাংলাদেশের নারীটির জন্য।"
ইয়ান্নে গেয়ে যাচ্ছে: "হ্যাভ আই টোল্ড ইউ লেটলি, আই লাভ ইউ…।"
পাব-এর সব মানুষ ঘাড় ফিরিয়ে আমাকে দেখছে। ড্যানিশ কোর্সমেট মর্গান বলে, "কেঁদে ফেলো না, প্লিজ।" আমি বলি, "ভীষণ কান্না পাচ্ছে তো, কী করি?" মর্গান, আমি, দু'জনেই হেসে ফেলি।
গান শেষ হলে ইয়ান্নে বলে, "আজকে এখানে আছে বহু দেশের মানুষ, তারা দারফুরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে। তাদের সবার জন্য উৎসর্গ করি এই গানটি।" বলে গাইতে থাকে, "ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রি…।"
গান শেষ হলে আমার কোর্সমেটরা সবাই মিলে "ইয়ান্নে ইয়ান্নে" বলে ধুয়া দিতে থাকে।
টানা বেশ কিছু গান গেয়ে সে আমাদের কাছে আসে। সবাই তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমার কাছে এলে আমি বলি, "আমার সন্ধ্যাটা এত চমৎকার করার জন্য অনেক ধন্যবাদ।" সে বলে, "বিকালবেলা ডেকের ওপর এত সহজ ও স্বতঃস্ফূর্তভাবে তুমি এসে দাঁড়িয়েছিলে আমার গান শুনতে, আমারও খুব ভালো লেগেছিল।"
রাতে সবাই যখন ডিসকো ক্লাবে ঢুকে যায়, আমি আর আমার দারফুরের সহকর্মী এলিজাবেথ মুয়াঙ্গা ডেকে দাঁড়াই। আজকে চাঁদ ছুটছে আমাদের জাহাজের পিছে-পিছে, ছোট ছোট দ্বীপে আলোছায়া তৈরি করে।
মুয়াঙ্গা বলছিল দশ বছর আগে তার স্বামী মারা গেছে। পঞ্চাশের কাছাকাছি এই নারীকে জিজ্ঞাসা করি, "তোমার ওপর অনেক ধকল গেছে একা একা ছেলেমেয়ে বড় করতে, তাই না?" এলিজাবেথ বলে, "ধকল গেছে ঠিকই, অন্যদিকে মুক্তি পেয়ে গেছি, তাও বলতে পারো। লোকটা যতদিন বেঁচে ছিল, আমার শ্বাসরোধ করে রাখত। স্বাধীনতা বলতে কিছু ছিল না।" আমার দু'চোখে বিস্ময় দেখে সে ব্যাখ্যা দেয়, "সে যতদিন জীবিত ছিল, তার মর্জি বুঝে চলতে হত। নিজের মতো করে কিছু করার স্বাধীনতা আমার ছিল না। অবস্থা থেকে মুক্তি পেয়েছি বলতে পারো।"
…….
নেদারল্যান্ডস-এর কুইনস ডে উপলক্ষে সে দেশের সেনা কর্মকর্তার সঙ্গে নাচার চেষ্টায় রত মালির সেনা কর্মকর্তা।
…….
কোর্স চলাকালীন একদিন পালিত হয় নেদারল্যান্ডের কুইন্স ডে। নেদারল্যান্ডের সান্দ্রা বন্ধুদের জন্য জোগাড় করে হলুদ-লাল কাপড়ের পোশাক। সন্ধ্যায় লাল, হলুদ পোশাকে নানা দেশের প্রশিক্ষণার্থীরা নৃত্যে-আনন্দে মেতে ওঠে। সান্দ্রা জানায় রানি দিবসে ডাচ জাতির সবাই হলুদ-লালে সেজে উৎসবে মাতে।
অন্য আরেকদিন স্ক্যান্ডিনেভিয়ান ডে পালন করা হয়। স্ক্যান্ডিনেভিয়ান নানা দেশে অংশগ্রহণকারীরা তাদের দেশকে নানাভাবে উপস্থাপন করে। সবার উপস্থাপনাতে নানা মজার দিক থাকলেও, ফিনল্যান্ডের উপস্থাপনা ছিল সবচেয়ে আকর্ষণীয়। ফিনল্যান্ডের ছবি, ভিডিও নানাকিছু উপস্থাপনার পর উপস্থাপক ফিনিশ মেজর বলেন, "জীবনে কোনো না কোনো সময়ে আমরা প্রত্যেকেই হাতের মুঠিতে শক্ত কোনো কিছু ধরেছি।" ক্লাসে সবারই চোখ বড়-বড় হয়ে যায়। উপস্থাপক বলে, "এই শক্ত জিনিসটাই আমরা ফিনল্যান্ডে তৈরি করি। এটা হচ্ছে নকিয়া।" ক্লাসে হাসির রোল পড়ে যায়। উপস্থাপক আরো জানায়, ফিনল্যান্ডে ৫ মিলিয়ন লোকের বাস কিন্তু সেখানে সওনা আছে আড়াই মিলিয়ন। সে বলে যায়, "ফিনিশরা অতিথি আপ্যায়ন করে অদ্ভুতভাবে। প্রথমে অতিথিকে বলবে কাপড় খুলতে। তারপর তাকে পাঠিয়ে দেবে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমরা ফিনিশরা ১০০ ডিগ্রি তাপে সিদ্ধ হয়ে বাইরে গিয়ে বরফে গড়াগড়ি করি। তারপর আবার ফিরে আসি সওনাতে।"
কোর্স-শেষে ফিরে আসার আগের সন্ধ্যায় জিমনেসিয়াম-এর সামনে পাতা চেয়ার-টেবিলে আড্ডায় বসি। পাইন অরণ্যে সন্ধ্যার অন্ধকার নেমে আসছিল। ভারতীয় নেভি অফিসার অনিল যাজ্ঞী বলে, "গতকাল স্টকহোম শহরে গিয়েছিলাম। ট্রেনে সুইডিশ এক ভদ্রমহিলার পাশে বসেছি। কয়েক মিনিট পরেই ভদ্রমহিলা আমার পাশ থেকে উঠে গিয়ে শাদা-চামড়ার একজন পুরুষের পাশে গিয়ে বসে, তার বর্ণবাদী আচরণে আমি বিস্মিত হয়েছি। বিভিন্ন দোকানেও দেখেছি, সেলস গার্লও ঠিকমতো কথা বলতে চায় না বাদামি বা কালোদের সাথে।"
কোর্সমেট সুইডিশ মাইকেলকে অনিল বলে, "তোমাদের এই ট্রেনিং সেন্টারে তোমাদের দারুণ উষ্ণ উদার আচরণ আর বাইরে বিভিন্ন বর্ণবাদী আচরণের মুখোমুখি হই আমরা, এই দুটোকে মিলানো কঠিন।" মাইকেল বলে, "দ্যাখো, ষাট-এর দশকের সুইডিশরা যতটা প্রগতিশীল ছিল, এখন আর তেমন নাই। বর্ণবাদ আছে, ইমিগ্রান্টদের প্রতি অধিকাংশ সুইডিশেরই নেতিবাচক মনোভাব।"
মনে পড়ে, দারফুরে সুইটজারল্যান্ডের সহকর্মী অলিভার (তার পূর্বপুরুষ ফরাসি) বলেছিল, "প্যারিস শহরটা আমার খুবই প্রিয়, কিন্তু প্যারিসীয়দের একেবারেই পছন্দ করি না আমি।" অনিল যাজ্ঞীও হয়তো দেশে গিয়ে সুইডেন সম্পর্কে একই কথা বলবে।
আমার পাশে বসে থাকা আমার বয়সী ডাচ এয়ারফোর্স অফিসার সান্দ্রাকে বলি, "বিয়ে করো নাই, অনেক স্বাধীন তোমার জীবন।" অল্প ক'দিনেই তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার। সে বলে, "বিয়ে করি নাই, স্বাধীন আছি ঠিকই। কিন্তু আমি অন্তত একটা বাচ্চা চাই। ছ'বছর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। টিঁকে নাই। মাঝে মাঝে মনে হয় আমাকে সারাক্ষণ ভালবাসছে, আমার জন্য দুশ্চিন্তা করছে এমন কেউ থাকলে ভালো হত। তবে মেয়েরা অনেক যোগ্য, অনেক শিক্ষিত হলে, ছেলেরা অনেকসময় ইনসিকিউরড ফিল করে।" কথা বলতে বলতে হাসিখুশি সান্দ্রা যেন বিষণ্ন হয়ে ওঠে।
ইউক্রেনিয়ান অ্যালেক্স অনেকক্ষণ ধরে পান করছিল। স্টুডেন্ট হোস্টেলের সামনের দরজা দিয়ে বেরিয়ে যেতে থাকা জার্মান লে: কর্নেল হ্যারল্ডকে দেখে জার্মানদের বিরুদ্ধে বিষোদগার শুরু করে। "এরা পৃথিবীর সবচেয়ে জঘন্য জাতি। আমার দাদা-দাদিকে এরা হত্যা করেছে।" তার সাথে তাল মিলিয়ে নরওয়ের পিয়ার বলে, "জার্মানদের মতো বাজে জাতি পৃথিবীতে আর একটাও নাই।"
অনুমান করলাম জার্মানদের হাতে নিগৃহীত ইয়োরোপিয়ানরা, তাদের সন্তানেরা, এখনও চরম ঘৃণা বহন করে জার্মানদের প্রতি।
কোর্স-শেষে বিদায় নেবার সময় দেশের শাদা, কালো, বাদামি, নানা রঙের মানুষগুলো সবাই বিষণ্ন চেহারায় একে অন্যের কাছ থেকে বিদায় নেয়। ড্যানিশ মর্গান এবং দক্ষিণ আফ্রিকার র্যাশারের কাছে থেকে বিদায় নিতে সিয়েরা লিয়নের কালো মেয়ে ফাতমাতা বেশ কাঁদছিল।
আর্টস-এ প্রকাশিত লেখা
আলিমের নিভৃতিচর্চা (গল্প)
শহীদুল জহিরের সাথে আর দেখা হল না (স্মৃতি)
কর্কট (গল্প)
জাপানে কোদো উৎসবে
নর্ডিক বসন্তে
ঙং পাহাড়ের কোলে
—–
লেখকের আর্টস প্রোফাইল: রাশিদা সুলতানা
ইমেইল: rashida031973@yahoo.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
