২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্টু-কাবেরির মধুচন্দ্রিমা ও বাঘের দুধ

মীর ওয়ালীউজ্জামান

Published : 07 Mar 2010, 01:39 PM

Updated : 05 Sep 2022, 10:16 PM


১৯৭৪-এর কক্সবাজার সমুদ্র সৈকত

বন্ধুকৃত্য করতে বসেছি। বেশ বিলম্বে যদিও। একসময়ের ঘনিষ্ঠজন সন্টুভাই ইহলীলা সম্বরণ করেছেন বেশ কিছুদিন হল। জানতে পারলাম অনেক পরে। রুবি ও আমি এক ছুটির দুপুরে অসুস্থ বুলুভাইকে দেখতে ওদের বাসায় গিয়েছিলাম।

মাসখানেক আগে হঠাৎ একদিন বুলুভাই ফোন করেছিলেন সন্ধেবেলা। রুবি, আমি কথা বললাম। বললাম, শীগগির-ই যাব একদিন বাসায়।

আজ যাই, কাল যাব করতে করতে অবশেষে যেদিন সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে দু'জনে বুলুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, সেদিন আমাদের বাড়ির সামনে লেকের ওপর বন্ধ হয়ে যাওয়া রাস্তা থেকে সাত মসজিদ সড়কে ঢুকে ডানে যেতে পারলাম না। কেন? আর কেন, সেই সর্বব্যাপী যানজট এখন তথাকথিত আবাসিক এলাকার দৈনন্দিন ঘটনা। বুলুর জন্য মেমারি'র সামোসা, প্যাটি, চকোলেট প্যাস্ট্রি নেবার ইচেছ ছিল।

যানের দঙ্গল আমাদের বাঁয়ে ঘুরিয়ে দু'নম্বর সড়ক দিয়ে মিরপুর প্রধান সড়কে নিয়ে ফেলল। বাঁয়ে থেমে মন্দের ভালো কিছুমিছু নিয়ে ধীরে সুস্থে বুলুর বাড়ির দরজায় যখন গাড়ি পার্ক করলাম, তখন প্রায় সাড়ে বারোটা বাজে। আমাদের ভাগ্য ভাল। লিফট চালু হল, আমাদের পৌঁছেও দিল যথাস্থানে। বাসায় ঢুকে দেখি, সোনালি দাড়িওয়ালা এক যুবক তার সোনালিচুলো শিশুকে যত্ন করে খাইয়ে দিচেছ। লম্বাটে ফ্যামিলি হলঘরের আরেক প্রান্তে বুলু, রিনাভাবি, ওদের মেয়ে প্রবাসী গুটিসুটি মেরে গল্প-গুজব করছিল মনে হল। বুলুকে ওর এইড ধরে ধরে হাঁটিয়ে নিয়ে এল। বেতের বড় সোফার এক প্রান্তে বসে ডাকলেন, এস ওয়ালি, বোস এখানে। কী মনে করে যেন আমিও আলাদা আসনে না বসে ওর পাশেই বসলাম। রিনা ভাবি এসে রুবির পাশে বসলেন। প্রবাসী ঘরের ওপ্রান্ত থেকে হাঁক দিল, ওয়ালি আঙ্কল, আমি নাইটি বদলে একটা কিছু পরে আসছি। নো প্রবজ, প্রবাসী, তোমার আট খুন মাপ করাই রয়েছে। প্রবাসী হেসে ওঠে ওর সাহেব বরকে তর্জমা করে শোনাতে লাগল।

রিনাভাবির ভাইবোনদের কথা জিজ্ঞেস করতে উনি চুপ রইলেন কিছুক্ষণ। তারপর জলেভাসা চোখ মুছে বললেন, আপনার বন্ধু সন্টু প্রায় বছর খানেক আগে চলে গেছে। হার্টফেইল্যর। নো ওয়ার্নিং। সকালে উঠতেই বুকে ব্যথা। দশ মিনিটে শেষ। ইউনাইটেড হাসপাতাল তো ওদের বাড়ির সঙ্গেই। ডাক্তার, অ্যাম্বুলেন্স এল ওর লাশ নিতে।

আমি হতভম্ব। সন্টু ভাবির পিঠোপিঠি বড়ভাই। আমি ওর নাম ধরেই ডাকতাম। বুলু তখন চিটাগাং জিপিও-তে সিনিয়র পোস্ট মাস্টার হিসাবে কর্মরত। কুমিল্লা থেকে বেড়াতে গিয়ে বুলুর বাড়িতে উঠেছিলাম। ১৯৭৪। সন্টুর সঙ্গে ওখানেই প্রথম আলাপ ও ঘনিষ্ঠতা।

কয়েকমাস পরে যখন সন্টু কোলকাতার মেয়ে কাবেরিকে বিয়ে করে নিয়ে এল, তখন ওর মধুচন্দ্রিমা সফরে গাড়ি চালকের দায়িত্ব পেয়েছিলাম আমি। সেই গল্প শুরু হয়ে গেল। প্রবাসী আর ওর বরও এসে বসল। সবাই সন্টুর হানিমুনের কাহিনী শুনবে।

বলতে শুরু করলাম, এই বুলুভাই আমাকে সন্টুর ফোক্সভাগেন গাড়ি চালিয়ে নবদম্পতিকে মধুচন্দ্রিমা যাপন করিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছিলেন। সেই ১৯৭৪-এর শেষ দিকে। নির্ধারিত দিনে সকালে আমি তৈরি হয়ে চা খেয়েই বুলুর আশীর্বাদ মাথায় বেরিয়ে পড়লাম। তেল টেল ভরে গাড়ি জিপিও-র আঙিনায় রাখা ছিল। ভোরের বাতাস গায়ে মাখতে মাখতে নাসিরাবাদে পৌঁছে গেলাম। মেজর মান্নানকে তুললাম। আগের রাতে ক্লাবে কথা হয়েছিল, ইনিও যাবেন। সন্টু বলেছিল, মোস্ট ওয়েলকাম। ও বোধহয় ভেবেছিল, ও আর কাবেরি তো মধুচন্দ্রিমা যাপন করবে, তাহলে আমার হবে কী? মান্নান ভাই জুটে যাওয়ায় ও হাঁপ ছেড়ে বেঁচেছে বোধহয়।

এই সব ভাবতে ভাবতে পাঁচলাইশে বেক্সিমকোর অতিথিশালায় পৌঁছে গেলাম। সন্টুটা আগাগোড়াই ওখানে থাকত। মানে যদ্দিন বেক্সিমকো-তে ঢুকেছে, তদ্দিন যাবত আরকি। আমাদের চেনা গাড়ি দেখেই দারোয়ান ফটক খুলে দিয়ে ওপরে দৌড়ল খবর পৌঁছতে। সন্টু-কাবেরি নেমে এল, অবাক হয়ে বললাম, তোমরাও এত সকালে রেডি? চল তাহলে, কক্সবাজার না গিয়ে তো আর গত্যন্তর নেই দেখছি। মানে? সন্টু হাসছিল, তোমার অন্য মতলব ছিল নাকি? না-না, মানে, যদি দেখতাম, তোমরা ঘুম থেকে ওঠোনি, তাহলে হয়তো একটু খেয়ে-টেয়ে নিয়ে বিকেলে যেতাম। আমার কথা শেষ হল না। কাবেরি বলে উঠল, তাহলে আমি বলতে পারি, যাওয়ার দফা রফা হত একেবারে। যা আড্ডাবাজ তোমরা সব। চিনে গেছি এই দু'দিনেই।

ওরা সদ্যবিবাহিত যুগল। অতএব, ভিআইপি মর্যাদায় সন্টু-কাবেরিকে পেছনে বসতে হল। আমি আর মেজর মান্নান পালা করে গাড়ি চালাব, ঠিক হয়েছে।

রাস্তায় পছন্দমতো চায়ের দোকান দেখলেই থেমে পড়া, চা খাওয়া, গল্পগুজব করা—এসব ধানাই-পানাই করতে করতে পড়ন্ত দুপুরে পর্যটন মোটেল উপল-এ পৌঁছলাম। দোতলায় আমাদের দুটো ঘর দেয়া হল। ব্যাগ রেখে নিচে রেস্তোরাঁয় নেমে মুরগি-ভাত খেয়ে রুমে গিয়ে চিৎ হলাম। ভাতঘুম সেরে বিকেলে উঠে সৈকতপানে হাঁটা দিলাম। বিচের কাছেই এক টংঘর থেকে কাচের গ¬াসে চা এল। সূর্যাস্ত দেখতে দেখতে চা-পান করা হল। আমি আর কমান্ডো পরামর্শ করছিলাম, কলকাতার মেয়েকে আমাদের দেশী সাংস্কৃতিক মেজাজে কীভাবে আপ্যায়ন করা যায়, সেইসব অদ্ভুতুড়ে ফন্দি বিষয়ে আলোচনা হচ্ছিল আর আমি নাকচ করে দিচ্ছিলাম একের পর এক।

অবশেষে মান্নান ভাইয়ের 'বাঘের দুধ' সংক্রান্ত প্রস্তাবনা আমার মনে ধরল। সাব্যস্ত হল, চাঁদ উঠলে আমরা ব্যালকনির চেয়ারগুলো বারান্দার রেইল ডিঙিয়ে রেস্তোরাঁর ছাদে তুলে নিয়ে গিয়ে আসর জমাব। কমান্ডো জোটাবেন 'বাঘের দুধ' আর আমি অনুপান ধরনের যাবতীয় আনুষঙ্গিক দ্রব্যাদি। খোশ মেজাজে ফিরে আসছি। পর্যটকের জটলা দেখলে দাঁড়িয়ে যাচ্ছি দু'জনে, শিশুর মতো ঔৎসুক্য নিয়ে গলা লম্বা করে ভিড়ের কারণ জানতে চাইছি। নির্ভেজাল আমোদ যাকে বলে আর কি! সামনে দেখতে পেলাম এমনি আরেক দঙ্গল। কিচির-মিচির শব্দ আসছে মানব-বেষ্টনীর অভ্যন্তর থেকে। ক'টি শ্যামাঙ্গী তরুণীকে ঘিরে এবার কয়েকজন। নানারকম কথাবার্তা কানে আসছে। টুকরো বাক্য উড়ে এল—বিদ্রোহী কবির নাত্‌নি নাকি এরা! নামগুলিও শোন্ না—মিষ্টি কাজী আর খিল্‌খিল্ কাজী।

সাগ্রহে এগিয়ে গেলাম কাছে। একটি মেয়ে মিষ্টি হেসে ঝাঁঝালো কণ্ঠে এবার বলছে, তো আমাদের এবার ফিরতে দিন—অনেক আলাপ তো হল আপনাদের সঙ্গে। কাল আবার আসবো। কখন আসবেন আপনারা? ম্যাডাম, আপনারা কোথায় উঠেছেন? মান্নান ভাই এগিয়ে গেলেন। দু'হাতে ঘিরে দাঁড়ানো তরুণদের দু'দিকে সরিয়ে দিলেন। মাথায় আমাদের সকলের তুলনায় উনি ন' থেকে বার ইঞ্চি উঁচু হওয়ায় আমরা উদগ্রীব অর্থাৎ গ্রীবা উত্তোলন করে ওর কথায় কান দিতে বাধ্য হলাম। মান্নান বললেন, কথা শুনে বোঝা গেছে, এরা কবি নজরুলের আত্মীয়া। কক্সবাজারে বেড়াতে এসেছেন। কাজেই আমার আপনার ওদের বিষয়ে আগ্রহ থাকলেও তার প্রকাশে আমাদের সচেতন ও সতর্ক হতে হবে, যাতে এরা এখান থেকে কোনো ব্যাড ইমপ্রেশন না নিয়ে যান। আপাততঃ আপনারা যার যার কাজে-অকাজে কেটে পড়ুন। এরাও এদের আস্তানায় ফিরবেন। রাত হচ্ছে।

মনে রাখতে হবে, সময়টা এখন থেকে সাড়ে তিন দশক আগের। মানুষজন সেকালে একে অন্যের সঙ্গে কথাবার্তা কইত, শুনতও বটে। সময় তখন যাপিত হত, দৌড়ত না এখনকার মতো। মিষ্টি, খিল্‌খিল্ আমাদের সঙ্গে আলাপ করতে-করতে ফিরে আসছিল। ওরা মোটেল ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে একটি সরকারী বিশ্রামাগারে যাবে। পশ্চিমবঙ্গ থেকে আসা আমাদের বন্ধুপত্নীর কথা ওদের জানালাম। ওরা বলল, কাল আলাপ হবে আপনাদের বন্ধু আর কোলকাতার বৌদির সঙ্গে, কেমন? আজ চলি, দাদা-বৌদি বকবে। ঠিক হ্যায়, মান্নান ভাই বললেন, একটু এগিয়ে দিই আপনাদের? না-না, কিচ্ছু দরকার নেই, মিষ্টি-খিল্‌খিল্ আঙুল তুলে দেখাল, ওই তো রেস্ট হাউসের গেইট। আমরা আসছি। ত্বরিতপদে দুই ভিনদেশি তরুণীর চলে যাওয়া দেখছিলেন কমান্ডো। কী স্যর, কী কী মনে হচ্ছে? চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি… নাকি মনে তার নিত্য আসা যাওয়া… পরনে ঢাকাইশাড়ি… এখনো সময় যায়নি আপনার, সবকিছু বদলে দেবার, নেবার। হা হা করে উদাত্ত কণ্ঠে হেসে উঠে কমান্ডো আমার পিঠ সশব্দে চাপড়ে দিয়ে বললেন, তাহলে করো না একটু ম্যাচ-মেইকিং! ঝুলে পড়ি আল্লাহর নাম নিয়ে।

হানিমুন দম্পতির খাতিরে আমরা নিচে রেস্তোরাঁ ম্যানেজারের টেবিলে বিশদ নৈশভোজের হুকুম দিয়ে দশটার দিকে রুমে সার্ভ করার অনুরোধ জানিয়ে ওপরে উঠলাম। সন্টুদের এলার্ট করে দিয়ে ব্যালকনির দরজা খুলে চেয়ার-টেয়ার তুলে নিয়ে রেস্তোরাঁর ছাদে বসার ব্যবস্থা তৈরি করে ফেললাম কড়াক্‌সে। মান্নান ভাই কোন ফাঁকে কাকে কী বলে রেখেছিলেন, দেখা গেল বর্মী জিন নিয়ে এল একজন। বলে গেল, আধঘণ্টা পরে কাঁকড়া-ভাজা নিয়ে আসবে আবার। লইট্টা ফ্রাই-ও চাই নাকি? না না, ওটা কাল হবে, আমি বলে দিলাম, ডিনার-টাও তো খেতে হবে, নাকি?

গোল হয়ে বসতে বসতে চাঁদ দেখা গেল। পাতলা জোৎস্না। পরিষ্কার আবহ। রাতে তখন সমুদ্রের ঢেউ শোনা যেত একটু কান পাতলেই। মেজর ওই বর্মা মুলুকের আরকে জলযোগ করতেই সেই মিশ্রণ দুগ্ধনিভ বর্ণ ধারণ করল। এ তো সেই প্রাণঘাতী তুর্কী পানীয় রাকি-র মতো দেখতে হয়েছে! স্যর, এটা আপনার সেই বাঘের দুধ নিশ্চয়ই? আমার প্রশ্ন শুনে মান্নান ভাই মুচকি হাসলেন। পানপাত্র এগিয়ে দিলেন সবাইকে, একে একে। অনেক আনন্দ, আমি হাঁক দিলাম এবং সকলের সঙ্গে পানপাত্র ছোঁয়াছুঁয়ি করে লম্বা চুমুক দিলাম। ব্রহ্মতালুতে বিস্ফোরণ হল যেন। এ তো রাকি ওরফে 'সিংহের দুগ্ধ' গোত্রের পানীয় বলেই মনে হচ্ছে!

কাবেরি চিনেবাদামের খোসা ছাড়িয়ে আমাদের হাতে হাতে এগিয়ে দিচ্ছিল। মিটিমিটি হাসিমুখে ছোট ছোট চুমুকে সন্টুর পানীয় সেবন চলছে। কাবেরিকেও ইঙ্গিতে পরখ করে দেখতে বলছে। বৌদি সাহস পাচ্ছে না। মান্নান ভাই নিঃশব্দে আমাদের খালি গ্লাস ভরে দিচ্ছেন, নিজে নিচ্ছেন। এরি মধ্যে দূর থেকে ওর কাঁকড়াওলাকে চাঁদের আলোয় হেঁটে আসতে দেখে হাত নেড়ে থামালেন। তুমি ওটা নিচে রেস্তোরাঁ ম্যানেজারকে পৌঁছে দাও আর আমাদের এখানে পাঠিয়ে দিতে বল স্যালাডশুদ্ধ, ওকে? বলে পকেটে আঙুল ঢুকিয়ে টাকা বের করে বিড়ি পাকিয়ে এমন ট্র্যাজেকটরি তৈরি করে লব করলেন যে, মগা (মগ বংশোদ্ভূত) লোকটি অনায়াসে সেটি একহাতে ধরে নিয়ে পকেটস্থ করতে পারল।

দুর্দান্ত সেই চন্দ্রালোকে পানভোজন সে রাতে কখন সাঙ্গ হয়েছিল, মনে নেই আজ। কেবল মনে আছে, মান্নান ভাইয়ের অফুরন্ত ছেলেমানুষি ব্যান্টার আর আমাদের হেসে কুটিপাটি হওয়া নিরন্তর। কাবেরি বৌদি মজা করে বলেছিল, এদেশে বিয়ে না হলে মান্নান ভাইয়ের মতো দুর্লভ মানুষের সঙ্গে দেখা হত না, ভাবলেই মন খারাপ হয়ে যায়। আমি ছদ্মশোকে ডুক্‌রে উঠে চটজলদি পোঁ ধরি, আরে আপনার উপস্থিতিতেই তো স্যরের এই ফল্গুধারার মতো জোক্স ব্যারাজ-এর নির্মাণ শুরু হয়েছে, তা বোধহয় টের পাননি? আমাদের সঙ্গে তো মান্নান ভাই রামগরুড়ের ঠাকুর্দা। হেভি কমান্ডো ব্যক্তিত্ব নিয়ে বিরাজ করেন… হো-হো হাসিতে আবার উল্লাস প্রকাশ করেন বড়ভাইটি।

পরদিন সকালে দেরিতে ঘুম ভেঙেছে সবার। বিলম্বিত ব্রেইকফাস্ট সেরে বিচে যাচিছলাম সবাই মিলে। পথে আবার মিষ্টি-খিল্‌খিলের সঙ্গে দেখা। ওরা রিকশায় যাচ্ছিল। নেমে দলে ভিড়ল। বৌদির সঙ্গে ওদের আলাপ জমে গেল। আমি ঠাট্টা করে বৌদিকে চুপিসারে ইঙ্গিতে ম্যাচমেকিং ব্রতপালনের কথা মনে করিয়ে দিয়ে উদাসভাবে দলছাড়া হয়ে সিগ্রেট টান্‌তে টান্‌তে বিয়ারের সন্ধানে ইতি-উতি ঘোরাফেরায় রত হলাম। সে সময়ে তো বিচে এখনকার মতো ছাতা ফাতা ছিল না। ঠা ঠা রোদেই বেলাভূমিতে বসে আড্ডা জমালাম। চিনেবাদাম ভেঙে খাওয়া হচ্ছে। সন্টুর, আমার শুকিয়ে আসা গলা ভেজানোও চলছে। মেজর তিন তরুণীর সঙ্গে গল্পে মজেছেন। শিভ্যালরির পরাকাষ্ঠা! আমি সন্টুকে তাতাই, চল দোস্ত, আমাদের ফোক্‌সি দাবড়ে একটু অ্যাডভেঞ্চারে যাব। গন্তব্য না জেনেই সন্টু রাজি। কাবেরি শুধোয়, কোন্‌দিকে? টেকনাফের রাস্তা তো খুব খারাপ। নইলে ওখানে যাওয়া যেত। আচ্ছা, কাল চল ওই রাস্তায় খানিকটা ঘুরে দেখব। সকালে খেয়ে দেয়ে এগরোল আর কফির ফ্লাস্ক নিয়ে বেরিয়ে পড়ব, কেমন? আমি মোটামুটি একটা সফরের পরিকল্পনা সেরে সন্টুর অনুগমন করলাম। জলে নামা হল।


শেষবার সমুদ্র স্নানের আগে লেখক।

সেই সদ্য দুপুরে সমুদ্র স্নানে গিয়ে অমন কাণ্ড যে ঘটবে, সেটা জানলে আমি পোশাক ভেজাতাম না মোটেই। কারণ সেদিনের পর আমি কক্সবাজার সৈকতে যতবার গেছি, আমার পায়ের কেডস্‌ অথবা স্নানের চটি আর পরনের রঙীন শর্টস অথবা বারমুডাজ আগাগোড়া শুকনো অবস্তায় থাকে। জলে আর নামি না। কেন? মেজর মান্নানের নিষেধে! সেদিন হল কী —কমান্ডো ডুবসাঁতারে একটু ভেতরে চলে গিয়ে অপেক্ষাকৃত স্থির জলে আরামসে লম্বা লম্বা স্ট্রোকে ব্রজেন দাস স্টাইলে সাঁতরাচ্ছিলেন দেখে আমি ভাবলাম, আমিও ওখানে যাই না কেন? সন্টু আমার পাশেই ছিল। ঢেউ এসে তীরে ভেঙে পড়বার আগেই ঢেউয়ের মুখোমুখি না দাঁড়িয়ে কায়দা করে একটু কাত হয়ে, লাফিয়ে উঠে ঢেউ কাটিয়ে আমরা স্নান করছিলাম। লাফ দেবার সঙ্গে সঙ্গে জলরাশি আমাদের শরীরকে অনায়াসে তুলে দিচ্ছিল ঢেউয়ের ওপারে। ভালই লাগছিল। কাবেরি, মেয়েরাও গুটিগুটি জলে নেমেছে ততক্ষণে।

মান্নান ভাই অনেকটা বাইরে তখন। একবারও ভাবিনি যে, ওখানে অথই জল এবং সাঁতার বলতে আমি মোটামুটি জলে ভাসতেই জানি কেবল। একাত্তরে যশোরে নানাবাড়ির পুকুরে যেটুকু অভ্যাস করেছিলাম… ওই বিদ্যের ভরসায় আমি ডুব দিয়ে সমুদ্রের গভীরে শান্ত জলে পরিযানের চেষ্টা করতেই আমার পায়ের নিচে শক্ত ঠাঁই হারালাম। জল খেলাম ঢক্‌ ঢক্‌। উলটি-পালটি খেয়ে, আতঙ্কে কেবল দু'হাতে জল কাটিয়ে ওপরে উঠতে চাই, আর উপলব্ধি করি, সন্টু, বৌদি সবাই চেঁচাচ্ছে, ডুবন্ত মানুষ যেমন শোনে… একবার কম, একবার বেশি… আবার কালচে-সবুজ জলের বেড় চতুর্দিকে, ওপরে, নিচে… অবশেষে একটি বলিষ্ঠ হাত আমার ডানা ধরে ওপরে তুলছে টের পেলাম। শ্বাস নেবার অদম্য চেষ্টায় মরিয়া হয়ে কেবল ঝাপটাঝাপটি করছি চার হাত-পা দিয়ে… অনন্তকাল পরে… ফুসফুস যখন প্রায় বিস্ফোরণের পর্যায়ে উপনীত… তখন জলের ওপরে মাথা ভাসাতে পারলাম। দু'হাতে সেভিয়ারকে জড়িয়ে ধরতে যেতে ত্রাণকর্তা নিষ্ঠুর আঘাতে আমার হাত সরিয়ে দিলেন, যেন আবর্জনা।

যুগপৎ শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত আমি হাল ছেড়ে দিযে ডুবে মরতে তৈরি হতেই পায়ের নিচে শক্ত কিছু ঠেকায় চোখ মেলে দেখলাম, কূলে পৌঁছে গেছি! সন্টু, কাবেরি, মিষ্টি, খিল্‌খিল্ হাততালি দিচ্ছে। অন্তত জনাবিশেক স্নানার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আমার উদ্ধারপর্ব অবলোকন করছে। মেজর মান্নান আমাকে ঠেলে ঠেলে একেবারে শুকনো বালুতে পৌঁছে দিয়ে রাগতস্বরে বললেন, আমার মতো সাঁতরাতে উনি একেবারে মাঝ দরিয়ায় জার্নি করেছিলেন! এহ্। এদিকে ভাল রকমে ভেসে থাকতে পর্যন্ত শেখেনি, দেখেছ? আবার যদি তোমাকে আমি জলে নামতে দেখি—এ যাত্রায় অন্ততঃ আর নয়! আমি মাথা নিচু করে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে গা-মাথা মুছি। কমান্ডোর রাগ মেটেনি। গজ গজ করতে থাকে, আবার সোলজারি জাহির করতে প্রতি হপ্তায় চুল কাটানো হয়! দেখ, ওর চুল ধরেও সুবিধা পাইনি। আমাকে আবার জাপটে ধরছিল। কী বিপদ! বলে উনি আবার জলে ঝাঁপালেন। মন-মেজাজ ঠাণ্ডা করার জন্যই সম্ভবত।

সদাসতর্ক সৈনিকের প্রত্যুৎপন্নমতিত্বের কারণে প্রাণে বেঁচে শিক্ষা পেলাম ভালই। মান্নানভাই বারণ না করলেও আমি আর বঙ্গোপসাগরে কখনো শখ করে নামার কথা ভাবতাম কিনা, সেটাও ভাববার বিষয় কি? যাকগে সেকথা। এদিকে কাবেরি বৌদি ঘটকালির দৌড়ে বেশ এগিয়েছে জানা গেল। সন্টু হাস্যমুখেই নিবেদন করল, এদিক-সেদিক দু'তিনটি কনে দেখা হয়েও গেছে নাকি! কখন হল এসব? মান্নান ভাই অবশ্য পরিষ্কার ঘোষণা জারি করেছেন, মশলা পেশার যে পাথুরে পাটায় আমরা ছেলেবেলায় বাড়ির মেয়েদের হলুদ-মরিচ পিষতে দেখেছি, সেরকম সহনশীল পাথর-পাটা টাইপের মেয়ে না হলে তার সংসার করা হবে না। আপাততঃ তাই চারপাশের সব ফ্রেইল, ফ্র্যাজাইল, চিকণ তন্বীদের সরিয়ে রেখে আমি সন্টু-কাবেরির মধুচন্দ্রিমা যাপন যদ্দূর সম্ভব বৈচিত্র্যময় করে তোলার চেষ্টায় রত।


সমুদ্রে

সন্ধেবেলা আমাদের গুবরে পোকা বাহনটি নিয়ে গিয়ে চাকা-ফাকা সব দেখিয়ে, তেল-লুব্রিক্যান্ট ভরে-টরে এনে রাখলাম। সন্ধের পর যথারীতি বাঘের দুধ—নাকি আমিও তুর্কিদের মতো ওই দুধসাদা মিশ্রণকে 'লায়ন্‌জ মিল্ক' নামে অভিহিত করব (ওর পোটেন্সি সিংহের সঙ্গেই তুলনীয় কিনা!)—নামক সেই বিশেষ আরক সেবন হল। তারপর একটু হেঁটে নতুন চোখধাধাঁনো সাগরিকা রেস্তোরাঁ-কাম-বার-এ ডিনার খেতে গেলাম। কাবেরি বৌদির পছন্দমতো হালকা চৈনিক খাবার নিয়ে বসে গল্পগুজব করে খাওয়া হল। বড় হলঘরের উজ্জ্বল সব বাতির ঝাড় পরিবেশে একটা মৌতাতি অ্যামবিয়্যন্স যোগ করেছিল। নেপথ্যে বাজছিল চাইক(ভ)স্কির অমর অপেরা দ্য সোয়ান লেইক-এর অনবদ্য বেহালা-চেলোর দ্বৈত সঙ্গত। গ্র্যান্ড মিউজিক, আলো ঝলমলে হল। সন্টুকে ইশারা করলাম। ও কাবেরি বৌদিকে অ্যাসকর্ট করে মাঝখানে নাচের জায়গায় নিয়ে গিয়ে একটু নেচেও নিল। সব মিলিয়ে কক্সবাজারে ফক্সি ইভনিং স্পেন্ড করে আমরা ফিরে এলাম উপল-এ।

সকালে ব্রেইকফাস্ট খেয়ে পাথেয় নিয়ে রাস্তায় নামলাম সাড়ে আটটায়। টেকনাফের পথে রামু পেরিয়ে খানিক গিয়ে ডানে জঙ্গুলে, আধভাঙা সড়কে ধৈর্য্য ধরে গাড়ি চালিয়ে একসময় পাহাড়ের ওপরে ইউনিনি বনবাংলোয় উপস্থিত হলাম। চমৎকার নির্জন, বন্য পরিবেশ। বৃদ্ধ চৌকিদার বেরিয়ে এল। পরিচয় দিতে ঘরের দরজা খুলে বসতে দিল আমাদের। দু'দিকে ঘর। মাঝের লাউঞ্জে বসলাম। কাবেরি বৌদি আর সন্টু নেমে গিয়ে বাংলোর হাতার শেষ সীমানায় রেলিং ধরে দাঁড়িয়েছে। আমিও গেলাম। নিচে তাকিয়ে মাথা ঘুরে গেল। খাড়া পাথুরে দেয়াল নেমে গেছে কয়েকশো ফুট। ডানে ঝরনাধারা। গড়িয়ে নামছে নিচে। ডান, বাঁ, পিছনে জঙ্গল, সামনে বঙ্গোপসাগর। অপূর্ব! কাবেরি কোলকাতার মেয়ে। ওদের ভাগে বঙ্গোপসাগরের বেশ কয়েকটি পর্যটকপ্রিয় সৈকত থাকলেও কোনোদিন নাকি ওর যেতে ইচ্ছে করেনি! এই দু'দিনে বৈবাহিক সূত্রে পাওয়া একই সাগরের এপারের নানা রূপ দেখে দেখে অভিভূত নাকি একেবারে! সন্টু বলছিল, ওর স্বভাবগত স্বগতকথনের ভঙ্গিতে।

বাইরের ঘাসজমিতে বসে, শুয়ে, গড়াগড়ি করে আর পানভোজনে ঘণ্টাদুই কাটিয়ে ফেরা হল হাক্‌শো বাজারে। কথা ছিল, দুপুরে সেদিন কক্সবাজার কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সোমেশ্বর চক্রবর্ত্রী ওরফে ফুলুদা'র বাড়িতে খাব। আমি '৬৬ সালে যখন সয়েল সায়েন্স হয়ে ফিজিক্সে নাম লিখিয়েছিলাম, তখনই অনার্স ফাইন্যাল ইয়ারের তুখোড় ছাত্র ফুলুদার সঙ্গে আলাপের সূত্রপাত। এমএসসি-তে দুর্দান্ত রেজাল্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ডাক পেলেও তাতে সাড়া না দিয়ে দাদা কক্সবাজার ইন্টারমিডিয়েট কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ গড়ে তোলার ব্রত নিয়ে বাড়ি ফিরে আসেন। তারপর থেকে আর কোনো বাইরের ডাক তাকে নিজের শহরের বাইরে টানতে পারেনি। ওদের বাড়ির সামনে গাড়ি রেখে প্যাঁক-প্যাঁক দু'বার ভেঁপু বাজালাম। ফুলুদা যেন অপেক্ষাতেই ছিল।

এসো, এসো, ওয়ালি। আসুন আপনারা। কাল এক্সচেঞ্জ থেকে যখন ওর সঙ্গে কানেক্ট করে দিল, তখন থেকেই ভাবছি, কখন আপনাদের সঙ্গে একটা জমজমাট আড্ডা হবে। এক নিঃশ্বাসে অভ্যর্থনা সেরে ফুলু বাগান পেরিয়ে ওদের একতলা বাংলোর প্রশস্ত বারান্দায় উঠে দু'হাত ছড়িয়ে বসতে আহবান জানাল।

আমরা ছড়িয়ে ছিটিয়ে বসতে না বসতেই ওর মা-বোন দু'জনে দু'হাতে বড় বড় বেতের ট্রে বয়ে নিয়ে হাজির। আমি সসঙ্কোচে উঠে আপত্তি জানালাম, মাসিমা, এ কী করছেন? এলাম আপনার সামনে বসে চারটি ডাল-ভাত খাব, গল্পগুজব করব আর আমার বন্ধুদের স্থানীয় আতিথেয়তার সঙ্গে দেখাশোনা, পরিচয় হবে। কিন্তু আপনি আর সোমা মিলে যে দক্ষযজ্ঞের সূচনা করেছেন! ট্রে নামিয়ে মাসিমা সবার হাতে হাতে গোলাপগন্ধী ঘোলের শরবত তুলে দিয়ে বললেন, তুমি চুপ করে বোস তো ছেলে। আমি হলাম এবাড়ির সকলের মা, এই নতুন ছেলেমেয়েরা এল, আমার যা করতে ইচ্ছে করে, করতে দাও তো! আমি অতঃপর ঢক্ ঢক্ করে সেই স্বর্গসুধা পান করে তৃপ্ত হলাম। সকলে পরিচিত হলেন। পোর্সেলিনের বাটি থেকে ছোট ছোট কাঁটায় বিঁধিয়ে হালকা বেসনে ডুবিয়ে ভাজা চিংড়ি তুলে তেঁতুল-গুড়ের সসে ডুবিয়ে কুড়মুড় চিবোনো শুরু হল। এক ফাঁকে আমি উঠে গিয়ে বাগানটা ঘুরে এলাম। মেসোমশাই অর্থাৎ ফুলুদার বাবা সকাল-বিকেল বাগানের পরিচর্যা করেন। ঝকঝকে, তকতকে। একটা আগাছাও নেই। মুগ্ধ হলাম। চক্রবর্তী সিনিয়র শহরের একন¤¡র ব্যবহারজীবী। জেলাসদরেও যান মামলার কাজে। সেদিন সকালেই দু'দিনের কাজে চিটাগাং গেছেন।

ফুলুদা'রা মেঝেতে আসন পেতে বসে খাওয়াদাওয়া করেন। এবাড়িতে এলে তাই আমার ছেলেবেলার কথা মনে পড়ে। অবশ্য টেবিল-চেয়ারের ব্যবস্থাও রয়েছে একপাশে। মস্ত খাবার ঘর। আজ নতুন অতিথির সুবাদে সাহেবি কেতায় টেবিল পাতা হয়েছে দেখলাম। ফুলুদা সবাইকে চেয়ার টেনে টেনে বসিয়ে নিজে বসল। কাঁচুমাচু মুখে মুচকি হেসে জানাল, কী জানো ওয়ালি, আসনপিঁড়ি হয়ে যুৎ করে না বসতে পেলে আমার খাওয়া ঠিকমতো হয় না। মাসিমা প্লেটে ভাত দিতে দিতে ছেলেকে মৃদু ভর্ৎসনার সুরে বললেন, তাই তো তোর বাবা বলেন, ছেলেটা আমার লেখাপড়া কিছুটা করলেও প্রফেসরি স্টাইল রপ্ত করতে পারছে কই? ফুলুদার মুখে মৃদু হাসি। সবার পাতে ভাজাভুজি তুলে দিচ্ছে। আমি অতএব ওকালতিতে নামলাম: না মাসিমা, আপনাদের সময়ে বেথুনে যে শিক্ষকদের দেখেছেন আর মেসোমশাই প্রেসিডেন্সি কলেজে যেসব জাঁদরেল ইয়োরোপিয়ান প্রফেসরের সঙ্গে ওঠাবসা করেছেন, বর্তমানের প্রগতিবাদী প্রজন্মের কাছে তাঁরা নমস্য হলেও একই সঙ্গে দূরবর্তীও বটেন! পাকামো না করে মন দিয়ে খাও অলি (মাসিমা বোধহয় আমাকে খ্যাপানোর জন্যই ঐ মৌমাছি বলে ডাকলেন), বলে মাসিমা আমার পাতে চিংড়ির সবচেয়ে চওড়া কাটলেটটা তুলে দিলেন। সোমাও ফোঁড়ন কাটে, নতুন বৌদি, তুমি তো কলকাতার মেয়ে, তোমাকে ইমপ্রেস করতেই বোধহয় ওয়ালিদা'র এই কমুনিষ্টি বাকতাল্লা, বুঝলে না!

মিসেস ইকরাম আহমেদ ওরফে কাবেরি দু'হাত মাথার ওপরে তুলল, মাসিমা, ফুলুদা, আপনারা এই পরিবেশনের অত্যাচার বন্ধ করে আমাদের সঙ্গে একটু বসুন না! এতবড় খাবার টেবিলে আপনারা দু'জন বসলে তবুও একটা পাশ ভরা-ভরা দেখাত। এই সোমা, তুমিও তো খাওয়া বাদ দিয়ে কেবল দাদাদের পাতবোঝাই করে চলেছ!

মনে পড়ে, বছর কয়েক আগে, অনার্স পড়বার সময় বন্ধু খুরশীদ আঙ্কারা থেকে ছুটিতে দেশে এসে ইস্টার্ন রিফাইনারিতে যখন শিক্ষানবীশী করছিল, তখন আমি ওর ডাকে দক্ষিণে বেড়াতে এসে প্রথমবারের মতো কক্সবাজারে এসেছিলাম। খুঁজে পেতে ফুলুদার বাড়িতে এসে, ওদের খাবার ঘরে ঢুকে টেবিল দেখে বলেছিলাম, মনে হচ্ছে টাইম মেশিনে চড়ে হাজার হাজার বছর আগে, ভাইকিংদের কোনো ভোজসভায় হাজির হয়েছি! ওদের ওই কলোনিয়াল সময়ের, কলোনিয়াল স্টাইলে তৈরি বাংলোর সবকিছুই কলোস্যল, বিশালাকার। আমার খুবই পছন্দের জায়গা। বৃটিশ নীলকরদের মেহেরপুরের আমঝুপি বাংলোর কথা মনে করিয়ে দেয়। যাকগে সেকথা, ফুলুদার বাড়িতে সেদিন জব্বর লাঞ্চিয়ন খাওয়া হয়েছিল। ঘণ্টাখানেক ব্যাপী সুখাদ্যের এক প্রদর্শনীই বলা চলে তাকে, কারণ আমরা টেবিলে লাগানো (কলোনিয়াল হ্যাংওভারে পেল নাকি আমাকেও?) খাবারের একাংশেরও সদ্ব্যবহার করতে পারিনি।

বারান্দায় বসে ক্যারামেল পুডিং আর কফি খেয়ে আমরা বিদায় চাইলাম। মাসিমা কাবেরি বৌদিকে একটি দুর্লভ ও মহার্ঘ নকশাসমৃদ্ধ ব্রেইসলেট পরিয়ে দিয়ে আশির্বাদ করলেন। বেচারি তো কোনোমতে সকলকে দেখে নিয়ে মাসিমার পায়ের ধূলো নিয়ে মাথায় ছোঁয়ালো, বলল, আমি মা হারিয়েছি কবে মনে নেই। বাংলাদেশের ছেলের সঙ্গে ঘর পাততে এসে মাকেও পেলাম। মা-মেয়েতে জড়াজড়ি করে কী হাপুস কান্না! আমাদেরও চোখে জল সবার, মুখে হাসি। অহো, কী পরিবেশ! কী পরিবার! ধন্য তুমি ফুলুদা! মনে মনে বললাম। অমন মায়ের সান্নিধ্যে থাকতে পারার বিনিময়েই সোমেশ্বর চক্রবর্তী হেলায় অন্য সকল প্রাপ্তিযোগ দূরে ঠেলে দিতে পেরেছে।

উপল-এ ফিরে একটি নিটোল ভাতঘুম হল। পরদিন ফিরতে হবে। অতএব সে রাতে আমরা পূর্বসিদ্ধান্ত অনুযায়ী নবদম্পতির ইচ্ছেমাফিক সব হবে বলে আত্মসমর্পণ করে গা এলিয়ে দিলাম। মান্নানভাই তাড়া দিলেন, কাল যেতে হলে আমাদের বিট্‌লটাকে একটু হাওয়া বাতাস খাইয়ে নিয়ে এস, তেলপানি ভরে নিও। ভাল কথা মনে করেছেন দাদা, মনে মনে নমস্কার জানিয়ে আমি শহরে গিয়ে বাদাম, চানাচুর-বিস্কিট নিলাম আর গাড়ির যা দরকার, সব করিয়ে নিয়ে ফিরলাম সন্ধে পার করে। তারপর কর্তার ইচ্ছেয় কর্ম আর অকর্ম। সন্টু ব্যাগ থেকে তার ক'দিনের অবহেলিত ব্যালান্টাইন স্কচের গ্যালন ফ্ল্যাগন বের করল। কাবেরির চোখ ছানাবড়া। ভয় খেও না, ম্যাডাম। আমরা একটু-একটু করে চেখে দেখব কেবল। মোটেই ওই বাঘ, থুড়ি সিংহের দুধের মতো গলায় ঢালব না। দেখো তুমি, আমি বৌদিকে নিশ্চিন্ত করে, পেছনের বারান্দার রেল টপকে আমাদের রেস্তোরাঁটপ মায়খানার দিকে এগোলাম।

পরদিন সকালে চিটাগাংয়ের পথে যাত্রা করে দুপুরের পর এসে পৌঁছেছিলাম পাঁচলাইশে বেক্সিমকোর অতিথিশালায়। সন্টু-কাবেরি না খাইয়ে আমাদের ছাড়েনি সেদিন। খাবার পরেই ওদের একলা করে দিয়ে আমি আর মান্নান ভাই সাত তাড়াতাড়ি বুলুভাইয়ের জিপিও-র বাড়িতে ফিরি। কতক্ষণে ওদের মধুচন্দ্রিমার গল্প সবার সঙ্গে শেয়ার করব, সেই তাড়াতে আমিও ভেতর ভেতরে অস্থির হয়ে ছিলাম। অবশেষে বুলুর নিজের হাতে করা কালো কফিতে চুমুক দিয়ে সব কথা উগরে দিয়ে সেদিন ছাড়া পাই।

চোখ মেলে দেখি, বুলু ভাবি, রুবি, বিদেশি জামাই, মেয়ে, নাতি আর কাজের ছেলেমেয়ে দু'জন আমার দিকে তাকিয়ে। সকলেই মলিন বদন, তাতে হাসির ছোঁয়া আবছা, চোখের কোণে অশ্রুবিন্দু টলোমলো করছে। সবাই চোখ মোছো, আমি নিস্তব্ধতা কাটাতে বলে উঠি। চলো রুবি, বাড়ি যাই। বুলুভাই ও ভাবি রিনাল সেন্টারে ডায়ালিসিসের জন্য যাবে। ওরাও প্রস্তুত হতে লাগল।

m.waliuzzaman@gmail.com