২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুজোয় শিলং: অক্টোবর ২০০৪

মীর ওয়ালীউজ্জামান

Published : 21 Mar 2008, 03:15 PM

Updated : 05 Sep 2022, 11:19 PM


নওকালিকাই ফল্‌স, শিশুহন্তারক মায়ের কান্না


রুবি, রুবাই ও লেখক; পেছনে সেভ্‌ন সিস্টার্স প্রপাত

বৃষ্টি ভেজা ঠান্ডার দিনে ভোর-ভোর উঠতে কারও ভাল লাগে? কিন্তু কী করা। কম্বল সরিয়ে বাবুকে উঠতেই হয়েছে। ও না উঠলে বৌ-মেয়ে নড়বে না মোটেও। সকালে তৈরি হতে ওরই সবার চেয়ে বেশি সময় লাগে। তাই আগে উঠে সে টয়লেটে যায়। তার আগে অবশ্য গায়ে একটা হালকা পুলোভার চাপাতে হয়েছে।

এবারের পুজোয় দেশের বাইরে বেড়াতে আসাটা হুটোপাটি করেই করতে হয়েছে। পূর্বপ্রস্তুতি ছিল না তেমন। বাবু নিজে অবশ্য মে মাসেও একবার ঘুরে গেছে। সঙ্গী ছিল ওর মামাতো ভাই তমাল। সেই ১৯৭২-এর ১লা বৈশাখ কোলকাতা থেকে ঢাকায় এসে নামার পর কাজে-অকাজে ভারতের উত্তর-পশ্চিম-দক্ষিণে বারকয়েক যাওয়া ঘটলেও পুবের পাহাড়ে আর আসা হয়ে ওঠেনি।

মূলত তমালের তাগিদেই গ্রীষ্মের ছুটিতে আসা গিয়েছিল। মেঘালয়ে মে-জুনে বৃষ্টি পড়ে, অক্টোবরে তার ঘটা কমে এলেও বর্ষাবিধুরতা থেকে যায়। টয়লেটে গিয়ে মনে পড়ল, তাড়াহুড়োয় সে ছাতা আনেনি, কিনতে হবে। ওরা বোধহয় এনেছে, গত বর্ষায় দার্জিলিং বেড়াতে গিয়ে ওটা রপ্ত করেছে। আর, মেয়েরা তো এমনিতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্যপ্রিয় হয়ে থাকে। ওরা জ্যাকেটও এনেছে। ভাগ্যিস, হোটেলটাতে ২৪ ঘন্টা গরম জলের সরবরাহ রেখেছে। উপমহাদেশে ভ্রমণের যেটুকু অভিজ্ঞতা বাবুর ঝোলায় জমেছে, তাতে শিলং-এর পুলিশ বাজারে এই হোটেল সেন্টার পয়েন্টে উঠে সে মোটামুটি সন্তুষ্ট। কারণ, রুবি ও রুবাই দুজনে বেশ স্বস্তিতে ঘুমোচ্ছে। ওই হিসেবে সে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে। ওরা বাতিকগ্রস্ত নয় তেমন, মানে মোটামুটি স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা হলেই খুশি।

দেয়ালজোড়া ভারি পর্দা সরাতে ভোরের হালকা কুয়াশা ঢাকা আকাশ, ঘোলাটে মেঘের দলের মন্থর ভেসে যাওয়া আর মেঘ সরে গেলে দূরের শিলং পীক দেখা গেল। হালকা ব্যায়াম সারার মাঝে সে রুম সার্ভিসে ফোন করে ছোট একপট চা দিতে বলল। দরজায় মৃদু নক্ শুনে বাবু ঘুমন্ত মহিলাদের এক নজর দেখে নিয়ে দরজা খুলল। দুজনেই কম্বলের নিচে আপাদমস্তক।

'গুড মর্নিং, স্যর', মিষ্টি সুরেলা কন্ঠ খাসিয়া মেয়েটির।

'গুড মনিং, মিজ', বাবু দিনের প্রথম বাক্যালাপে যথাসাধ্য সিভিল হতে চায়।

'হোয়েন উইল ইউ হ্যাভ ইয়োর ব্রেইকফাস্ট, স্যর?' চলে যাবার জন্য পা বাড়িয়ে, দরজার নবে হাত রেখে মেয়েটি আবার প্রশ্ন করে, 'গোয়িং আউট এনিহোয়্যার, স্যর?'

'ওহ্, ইয়েস, থ্যাঙ্ক ইউ ফর আসকিং। দ্য স্টেইট ট্যূরিজম বাস লিভ্জ ফর চেরাপুঞ্জি এ্যাট এইট থার্টি। সো, উই'ড লাইক টু হ্যাভ আওয়ার ব্রেইকফাস্ট লেইটেস্ট এ্যাট সেভ্ন থার্টি। ক্যান ইউ ব্রিং আস সাম?' মেয়েটি নড্ করে সম্মতি জানাতে বাবু 'রুবি, এই রুবি' বলে ডাকতে ডাকতে এক কাপ চা ঢেলে নিয়ে রুবির মুখের সামনে ধরে। পূর্ণ বিশ্রামের তুষ্টি মুখে মেখে, কম্বল সরিয়ে রুবি কনুইয়ে ভর দিয়ে উঠে আধশোয়া ভঙ্গিতে চা নেয়।

'ক'টা বাজল?' বলেই তার মনে পড়ে যায়, চেরাপুঞ্জির ট্যূরিস্ট বাস ছাড়বে সকাল সাড়ে আট্টায়।


বাংলাদেশ ভিউ পয়েন্ট, চেরাপুঞ্জি

'মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। তোমরা কে কি খাবে, বলে দাও। সাড়ে সাতটায় ও ব্রেইকফাস্ট নিয়ে আসবে', বলে বাবু নিজের কাপে আরো চা ঢেলে চুমুক দেয়। জানালা দিয়ে শিলং পীক দেখার চেষ্টা করতে করতে শুনতে পায়, রুবি ভানু ব্যানার্জির কায়দায় হাইলি বেঙলিসাইজ্ড হিন্দি-উর্দুতে খাবারের ফরমাশ দিচ্ছে। আড়চোখে তাকিয়ে দেখল, দু'জনেই বেশ স্বচ্ছন্দে বাতচিত চালিয়ে যাচ্ছে। অবশেষে, হাসি চেপে, সময় বাঁচানোর তাগিদে বাবু মেয়েটিকে জিজ্ঞেস করল, সে অর্ডার নিতে পেরেছে কিনা। মেয়েটি উল্টে ওকেই অর্ডারটা রিপিট করতে বলল।

একদফা প্রাণ খুলে হেসে নিয়ে সে কনফিডেন্টলি কর্তব্য সারল এবং বাথরুমে ঢুকে গেল। তৈরি হতে হতে সে টের পেল, রুবি মেয়েকে ডেকে তুলছে। বেরিয়ে এসে তাড়া দিল ওদের। বাথরুমের প্রয়োজন সেরে এলে একসঙ্গে গরম খাবার খাওয়া যাবে। রুবাই লাফ দিয়ে উঠে আজ্ঞাপালন করল। দরজায় নক্-নক্। নাশতার ট্রে দু'টি নিয়ে এল একটি লাল্চে ফর্সা হাসিমুখ ছেলে। অলিনের মতো দেখতে। বাবুর বোন নাজুর বড় ছেলে অলিন। মামার মতো ওকেও হিন্দুকুশ-হিমালয়-কারাকোরামের যে কোন পাহাড়ে স্থানীয় বাসিন্দা হিসেবে চালানো যাবে। নাম জানা গেল, মাহেশ বড়গোহাঁই। অসমের মানুষ।

'তা, মাহেশ, তোমহারা ইর্দ মোমো মিলেগা? আচ্ছাওয়ালা?'

'জরুর, সাব। মোমো মিলেগা লাঞ্চকে বাদরাত তক্', মাহেশের প্রাঞ্জল জবাব।

রুবাই বাথরুম থেকে বেরিয়ে মোমো বিষয়ক আলাপ শুনে বলে, 'এখন পাব মোমো খেতে?'

'না, এখন এসো, এই টোস্ট, পুরি, পরোটা, সব্জি, ওমলেট আর চা-কফি খাই। সন্ধেবেলা ফিরে এসে মোমো খাওয়া হবে', বলে বাবু মাহেশকে বিদায় দিয়ে নিজের প্লেট তুলে নিয়ে মুচমুচে টোস্টে কামড় বসায়। রুবাই বুঝতে পারেনা, সে কি খাবে। শেষে ওর মা একটা প্লেট সাজিয়ে দিলে খুশিমনে খেতে শুরু করে।

রুবি চট্পট্ খাওয়া শেষ করে টুথব্রাশ, পোশাক নিয়ে ছোটঘরে ঢোকে। এগজস্ট পাখার সুইচ অন করে বাবু সিগ্রেট ধরায়, হাতে কফির পেয়ালা। কেবল স্টেইট্সম্যান কাগজটা নেই, সে একাই হেসে ওঠে কম্বিনেশানের মিসিং লিঙ্কের কথা ভেবে। পায়ে কেড্স গলিয়ে দরজা খুলে সে করিডরে যায়। আটটা নাগাদ ওরা তিনজনে ঘর লক্ করে লিফটের সামনে গিয়ে দাঁড়াল। ওরাই সবার ওপরে। শিলং শহরের সবচে' উচু ভবনের ন'তলায় ওদের রুম। ছাদে ওপ্ন এয়ার রেস্তোরাঁ এবং বার। রিসেপশ্যনে চাবি রেখে ওরা যখন রাস্তায় পা দিল, তখন আটটা বেজে দশ। ইলশেগুঁড়ি বৃষ্টি। রুবি-রুবাই স্মার্টলি ছাতা মেলে ধরল ওর মাথায়, ভাগাভাগি করে। 'তোমরা তিনমিনিট দাঁড়াও', বলে বাবু দৌড়ে রাস্তা পার হয়ে মহেন্দ্র দত্তের বড় সাইনবোর্ড লাগানো দোকানে ঢুকে 'একদর' লেখা ট্যাবলেট ঝুলতে দেখে নিশ্চিন্তে দুশো রুপির বিনিময়ে মজবুত কালো ছাতা একটি বাগিয়ে আবার এদিকে চলে এল। তিনজনে সিঙ্গল ফাইলে ছাতামাথে এবার গুটিগুটি বাস গুমটির দিকে হাঁটতে লাগল।

'বাসের টিকিট আনতে যে ভুলে গেলাম', বাবু থমকে দাঁড়াল। রুবি হাসছে, 'চল, চল, টিকিটগুলো তুমি কাল বিকেলেই আমার হাতব্যাগে রেখে দিয়েছিলে, মনে নেই?'

আবার হাঁটা এবং মোড় ঘুরে বাঁয়ে ঢালু পথে নামতেই মেঘালয় ট্যূরিজমের বড় সাইন ঝোলানো প্রকান্ড পাকা উঠোন এবং অফিস নজরে এল। মিনিট দশেকে ওরা গুমটিতে পৌঁছে অপেক্ষমান বাসে উঠে সংরক্ষিত আসনে বসে পড়ে। আরো মিনিট সাতেক সময় রয়েছে দেখে বাবু ওর ঝোলা রেখে নিচে নামে, কিছু ফল কেনে, সিগ্রেট ধরায়। ড্রাইভার ইতিমধ্যে গাড়িতে উঠে ইঞ্জিন চালু করে রেখে আবার নিচে নেমে আসেন চা খেতে। দেখাদেখি বাবু এককাপ কফি নেয়, দাম মিটিয়ে বাসে উঠে বসে। ঠিক সাড়ে আটটায় জনাবিশেক সর্বভারতীয় যাত্রী নিয়ে বাস চেরাপুঞ্জি যাত্রা করল।

পুলিশ বাজার ছেড়ে পাইনবনের মধ্য দিয়ে ছোট বাস যখন এসোচ্ছিল, বাবুর ভাল লাগছিল। সেই ১৯৭১ থেকে চেনা শিলং শহরের আকর্ষণ ওর কাছে একটুও কমেনি। এইতো এবছর মে মাসে একবার ঘুরে যাবার পর অক্টোবরে এই যে আবার আসা, এতে তার কোনরকম আপত্তি তো ছিলই না, এখন বরং আরো ভাল লাগছে ভেবে যে, ও আবার আসতে রাজি হওয়ায় রুবি-রুবাই প্রথমবারের মতো শিলং পাহাড়ে আসতে পারল। আরো কত অভিনব অভিজ্ঞতা সামনে রয়েছে, কে জানে। শুনতে পেল, পেছনে মা-মেয়ে বিশুদ্ধ বঙ্গভাষায় কাদের সঙ্গে যেন আলাপ জমিয়েছে। করুক, এই ফাঁকে আগামী ক'দিনের সফর পরিকল্পনার একটা খসড়া ছকে ফেলা যাক, সে ভাবল। ও আর তমাল যখন এসেছিল, তখন ভালরকম বর্ষার কবলে মেঘালয়। অবশ্য মেঘালয়ে বর্ষা একটু ভারি হবারই কথা। ছোটবেলায় স্কুলের বইয়ে পড়েছিল, চেরাপুঞ্জি হ'ল পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল জায়গা। অথচ এই এতকাল পরে, গত দু'বছর যাবত নাকি চেরাপঞ্জি তার শতাব্দীপ্রাচীন ওই কৌলিণ্যের মুকুট তার প্রতিবেশী মওসিনরাম-এর মাথায় তুলে দিয়েছে। প্রকৃতির খামখেয়ালি আর কি !

'বুঝলে রুবি', বাবু পেছনে মাথা ঘুরিয়ে ওদের মনোযোগ কাড়ার চেষ্টা করে, 'তমাল আর আমি যেভাবে যেখানে বেড়িয়েছিলাম, এবারও মোটামুটি তাই করা যাক, কেমন?'

'হ্যাঁ, হ্যাঁ, তোমাকে অত ভাবতে হবেনা', রুবি হাসিমুখে মাথা ঝাঁকায়, 'এদিকে কি মজা হয়েছে, শোন', বলে পাশের আসনের যাত্রীদের দেখায়, 'এই যে ইনি বীথি গাঙ্গুলি আর ওর হাজব্যান্ড। কোলকাতা থেকে গুয়াহাটি হয়ে এখানে। পুজোর ছুটিতে কি মজা, তাই না? আমার ফুফুশ্বাশুড়ির গল্প বলছিলাম। তোমার রাজশাহির ফুফু বেথুনের গ্র্যাজুয়েট ছিলেন না?'


চেরাপুঞ্জিতে রুবাই, ড. বীথি গাঙ্গুলি, আলোক গাঙ্গুলি ও রুবি

'হ্যাঁ, কিন্তু …' ওর কথা শেষ না হতেই নিয়ে রুবি গড়গড়িয়ে বলে যায়, 'আরে বীথিদি বেথুন কলেজে পড়ান যে, তাও আবার ম্যাথম্যাটিক্স, আমার আবার ছোটবেলা থেকেই যা অঙ্কভীতি ….'। বাবু বীথির দিকে তাকিয়ে দুইহাত জুড়ে নমস্কারের ভঙ্গি করে, পার্শ্ববর্তী দাদাকেও। ওরা প্রতিনমস্কারের ভঙ্গি করেন।

বাস প্রথম ভিউ পয়েন্ট মওক্ডক অর্থাৎ ডিমপেপ ভ্যালির ওপরে পৌঁছে দাঁড়িয়ে যায়। স্মার্ট খাসিয়া গাইড মিনিমাইক হাতে উঠে দাঁড়িয়ে স্থান পরিচিতি মুখস্থ বলে সাবধান করে দেয়, 'টেন মিনিট্স, এ্যান্ড দ্য বাস উইল লিভ, প্লীজ।'

'বাট গিভ আস ব্রেইক ফর আ কাপ অব কফি, মিজ', বলে বাবু হাসতে হাসতে আসন ছেড়ে ওঠে।

'ইউ উইল সি, স্যর, নো ওয়ান উইল বি কামিং ব্যাক ইন টাইম', মেয়েটি ওর ব্যাগ গুছিয়ে নিয়ে যাত্রীদের সঙ্গে নেমে যায়।

নিচে নেমে হাইওয়ের পাশে বাঁধানো চত্বরে দাঁড়িয়ে চোখ জুড়োয়। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াশা সামনের উপত্যকা জুড়ে ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে যেন। রেলিং ধরে দাঁড়িয়ে বাবু নিচে তাকায়। অতলস্পর্শী খাদের বিস্তার অবশ্য দৃশ্যমান হয়না পুরোপুরি। মস্ত মস্ত কুয়াশার বেড়ালেরা যেন স্লো মোশানে গড়িয়ে উঠে এসে ওদের ঢেকে দেবে। ছবি তোলার ফাঁকে রুবাই ছুটে এসে ওর হাতে কফির কাপ ধরিয়ে দিয়ে গেল। বীথি গাঙ্গুলি এগিয়ে এলেন। বাবুও এগিয়ে গেল ওর দিকে কফিতে চুমুক দিতে দিতে। রুবি দাদার সঙ্গে আলাপে ব্যস্ত।

'তো দিদি, আপনারা কোলকাতার পুজো ছেড়ে এই শিলঙে? মানে আত্মীয় বন্ধুদের ওখানে রেখে এতদূরে এলেন কি ভেবে? শুধুই পাহাড় দেখার জন্য?'

'না, না, সেরকম কিছু নয়। এখানে আমার ননদের বাড়ি যে। দু'তিন বছরে একবার আসা হয় আমাদের। এবার আপনার দাদার সেমিনার ছিল গুয়াহাটিতে। পুজোর ছুটির সুবাদে আমি ওর সঙ্গী হলাম। ও কেবল কেজো ট্রিপটা দু'ঘন্টা লম্বা করে বোনের বাড়ি বেরিয়ে যাচ্ছে। ব্যস, এই বৃত্তান্ত।' দিদি সরলভাবে সব বলে হাত ওলটালেও বাবুর জানার আগ্রহ নিবৃত্ত হল কৈ? সে কফির শূন্য কাপটা নিয়ে রুবির কাপের নিচে ফিট করে দিয়ে দাদার সঙ্গে আলাপ জুড়ল।

'আমরা যেমন এই তিনজন', বাবু রুবাই-রুবি-নিজেকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, 'আপনারাও কি তেমনি এই দুজনেই ব্যস?' রুবি ওর অতিসংক্ষিপ্ত ইঙ্গিতবাহী প্রশ্ন শুনে সরে গেল মেয়ের কাছে। বাবু পকেট থেকে ওদের ফ্যামিলি ভিজিটিং কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিল। বীথিদি তার ব্যাগ থেকে কার্ড বের করে কি যেন লিখলেন তার উল্টোপিঠে, তারপর এগিয়ে দিলেন ওর দিকে। ছাপার হরফে ডঃ বীথি গাঙ্গুলি একদিকে, অন্যপিঠে হাতে লেখা: অলোক গাঙ্গুলি, রিটায়ার্ড চিফ এঞ্জিনিয়ার, পিডব্লিউডি। অলোকদা তারপরও প্রাঞ্জল করে বললেন, 'আমরা নিঃসন্তান।' বাবু দীর্ঘশ্বাস ফেলে বলল, 'আপনারা আমাদের মেয়েটিকে দত্তক নিলে রুবি আর আমি কিছুদিন না হয় আপনাদের জীবনের স্বাদ নিতাম।' চারজনেই শেষ পর্যন্ত জোরে হেসে ওঠে, নারী দু'জন সেকেন্ড দু'য়েক পরে যদিও। উচ্ছলতার একটা স্বাভাবিক সংক্রমণ তো ঘটবেই। অলোক সিগ্রেট ধরান ও বাবুকে অফার করেন। ও নিজের প্যাকেট বের করে বলে, 'ধন্যবাদ, দাদা, আমি হালকা সিগ্রেট খাই।' রুবাই দৌড়ে এসে বলে, 'জানো আম্মু, এই জায়গাটায় নাকি প্রায়ই সিনেমার নায়ক-নায়িকারা এসে নাচে, গায়?'

'তোমার মনে নেই সেই ছোটবেলায় যেবার তুমি উটি গিয়েছিলে?' রুবি মেয়েকে কি যেন মনে করিয়ে দিতে চায়।

'হ্যাঁ, আমার আবছা মনে পড়ছে, ওখানে মুম্বাইয়ের ফিল্মের শ্যূটিং চলছিল। আমাদের হোটেলটার নিচেই তো।'

'হ্যাঁ, অনেক শ্যূটিং এখানেও হয়, হবে। এবার চলো, ঐ খাসিয়া মেয়েটা ডাকার আগেই আমরা গাড়িতে উঠে পড়ি', বলে বাবু সবাইকে একরকম তাড়িয়ে নিয়ে গিয়ে বাসে ওঠে।

এরাস্তায় কত শত ছোট বড়, দূরে-কাছের প্রপাত যে দেখা যায়, তার ইয়ত্তা নেই। পাকদন্ডী বেয়ে স্থানীয় মানুষজনের ওঠানামা, পাহাড়ের ভাঁজে খাঁজে খাসিয়াদের ছোট ছোট কটেজ, সামনে ছোট্ট ফুলবাগান, বসবার বেঞ্চি, স্কুলের পোশাকপড়া বাচ্চাদের হাসিমুখে ওয়েভ করাএসব দেখতে দেখতে ওরা চেরা গ্রামে থামে। নানারকম গরম মশলার পশরা সাজিয়ে মেয়েরা পথের ধারে বসে 'কুয়া' অর্থাৎ 'গুয়া' অর্থাৎ আধেক পানপাতা আর কাঁচা সুপুরি চিবোচ্ছে। রুবি দরাদরি করে মশলাপাতি কেনে। প্রচুর দারুচিনির সমাহার দেখে বাবু এগিয়ে যায়, প্রাসঙ্গিক প্রশ্ন তোলে 'কোথায় আমরা রাস্তার ওপর কিলোমিটার জুড়ে তেজপাতা শুকোতে দেখেছি, বল তো?' রুবি বিভ্রান্ত, মনে করার জোর চেষ্টা চালাচ্ছে, বোঝা যায়। রুবাই বলে ওঠে, 'সিলেট থেকে তামাবিলের পথে, তবে এবারে দেখিনি। সোমা খালারা যেবার আমাদের সঙ্গে এসেছিল, সেই শীতেঅনেকদিন আগে।'

'ঠিক, একদম ঠিক। ১৯৯২। তখন তুমি শিশুটি ছিলে।'

অল্পদূরেই পরের স্টপ। নহ্কালিকাই প্রপাত। মেঘালয়ের স্থান নাম বলতে গেলে সবই খাসি ভাষায় আর সেটাই তো স্বাভাবিক। টিকিট কেটে ভিউপয়েন্ট পর্যন্ত গিয়ে দেখা গেল, দ্রষ্টব্য ঘন মেঘে অদৃশ্য। ক্যামেরা তাক্ করে সবাই মিনিট পনের অপেক্ষা করে যখন আবার পরবর্তী গন্তব্যে যাবার জন্য ফিরে আসছে, তখন যেন যাদুবলে মেঘ সরে গেল প্রচন্ড দমকা বাতাসে। সামনে পাতালছোঁয়া খাদ। ওপারে নহ্কালিকাই ফল্সের রূপোলি জলধারা। বাবু-তমাল বর্ষায় দেখেছিল, অনেকখানি প্রশস্ত সে প্রপাত তখন। ঐ মালভূমির সব বৃষ্টির জল ওখান দিয়েই নামে। অনেক ছবি তোলা হল। খাসিয়া গাইড ট্যূরিস্টদের সাবধান করল, 'দেয়ার আর স্টিল মোর থ্রিল্জ এ্যাহেড। প্লিজ হারি আপ। আওয়ার নেকস্ট স্টপ ইজ দ্য রামাকৃষ্ণা মিশন এ্যান্ড মিউজিয়াম।'

বাস চলছে চাকা গড়িয়ে। মনে হচ্ছে, মস্ত এবড়োখেবড়ো মাটি, পাথর আর ঝোপঝাড়ে গড়া একটা বাটি কেউ উপুড় করে রেখেছে। ওদের বাস সেই বিস্তীর্ণ মরুপ্রায় বিরানভূমির ওপর দিয়ে সাবধানে গড়িয়ে চলেছে নিরুদ্দেশে। আগেরবারও বাবু এই জায়গাটা পেরোতে এরকম ভেবেছিল। সেবার তমালকে বলেছিল। এবার কাউকে কিছু বলল না, কারণ ওর পাশের আসনে একটি মূর্তিমান ঘটোৎকচ নিদ্রামগ্ন। 'এক্সকিউজ মি', 'স্যরি', 'য়্যূ'র ওউকেই?' ছাড়া আর কোন ভাববিনিময় এপর্যন্ত ঘটে ওঠেনি। বেশ হয়েছে, অনেকের বেশি-বেশি আলাপের চাপ আবার সহ্য হতে চায়না। রাস্তাটা হঠাৎ চালু হয়ে নিচে নামতে মিশনের অনেকগুলো ভবন একে একে দেখা গেল।

এসে গেল রামকৃষ্ণ মিশন। ঢুকলেই যাদুঘর। খাসিয়া, গারো, জৈন্তিয়া মানবগোষ্ঠীর পোশাক, যুদ্ধাস্ত্র, চাষবাস, গেরস্থালীর নানা উপকরণের সংগ্রহ সাজিয়ে রাখা হয়েছে। মিশনে মেঘালয়ের শিশুরা স্কুলে পড়ছে, শিল্পকর্ম ও বিভিন্ন পেশায় প্রশিক্ষণ নিচ্ছে। বাবুদের সঙ্গেই দু'জন কমপিউটার হার্ডওয়্যার ও সফ্টওয়্যার পেশাজীবী এসেছেন। কথা বলে জেনেছে, ওরা এখানে এক সপ্তাহ থেকে শিক্ষকদের কমপিউটার প্রশিক্ষণ দেবেন। কর্মশালায় শিক্ষার্থীদের কাজের নমুনা বিক্রির জন্য রাখা হয়েছে। বাবু একটা কালো উলের ডাব্ল-নিট টুপি কিনল, গতবারের টুপিটা টাইট হয়েছিল, পরলে মাথা ধরে।

'সামনে আসছে আলোকিত মওসমাই কেইভ–তমাল গতবার ওই গুহা থেকে বেরোবার পর ওকে ফার্স্ট এইড দিয়েছিলাম। এবারও তৈরি আমি', বলে রুবি-রুবাইয়ের দিকে তাকিয়ে বাবু মুচকি হাসে।

'কেন? তমালের কি হয়েছিল?' রুবির প্রশ্নের উত্তর দেবার আগেই গাড়ি ব্রেইক কষে দাঁড়িয়ে পড়ে।

…….
মওসমাই কেইভ: চূনাপাথরে বৃষ্টির জলের কারুকাজ
…….
বাবু নিচে নেমে সিগ্রেট ধরায়। 'তোমরা গুহার ভেতরে যাবে? আলোকিত বল্লাম না? গুহার ভেতরে অন্ধকার তো এমনিতে, তাই আলো জ্বেলে দেখাবার ব্যবস্থা হয়েছে। আমি ১৯৭২-এ আমার বন্ধু কৃষ্ণার সঙ্গে একবার ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে এসেছিলাম। জিন্স পরনে থাকলেও হাঁটু আর কনুই ছড়ে গিয়েছিল। 'আমরা কি ভেতরে যাবো না? সবাই তো টিকিট কেটে ঢুকে যাচ্ছে !' রুবাই অসহিষ্ণুভাবে কেড্স পরা পায়ে মাটি কাঁপায়।

'ভেতরে স্ট্যালাগমাইট আর স্ট্যালাগটাইটের অপূর্ব সব নক্শাবহু বছর ধরে চূনাপাথর চুঁইয়ে জলের ধারা গুহার উপরতল অর্থাৎ ছাদ বেয়ে নিচের ফ্লোরে নামার ভূ-রাসায়নিক প্রক্রিয়ায় ওই মোটিফগুলোর সৃষ্টি। মোদ্দা কথা হল, এলাকার মাটিতে চূনাপাথরের আধিক্যআর ওই গুহা ইংরেজরা আবিষ্কার করেই সমস্ত পৃথিবীকে জানিয়েছে, এখানেও অন্যান্য প্রাচীন গুহার ভেতরে যেমন, তেমনি প্রকৃতির অপূর্ব কারুশিল্প সৃষ্ট হয়ে চলেছে, তোমরা এস, দেখ। দেখ্ছনা, হুম্দো হুম্দো লালমুখো সায়েব-মেমগুলো কেমন তেড়েফুঁড়ে ঢুকে যাচ্ছে?'

'আমরাও চল যাই, আব্বু', রুবাই ওর হাত ধরে টানে। আরামে সিগ্রেট ধরিয়ে বাবু সারিবদ্ধ কফি-স্ন্যাক্সের স্টলগুলোর দিকে এগোয় আর বলে, 'যাওনা, ঐ তো সবাই যাচ্ছে, হারিয়ে তো আর যাচ্ছেনা। আমি এখানে রইলাম। সবাই যেমন-যেমন যাচ্ছে, তেমনি ওপাশ দিয়ে বেরিয়েও আসবে আশা করছি। তবে অক্ষত অবস্থায় এলেই ভাল।' আর কথা না বাড়িয়ে সে এক খাসিয়া সুন্দরীর কফিখানায় ঢুকে পড়ে হাফপ্লেট চিকেন মোমো আর কফি দিতে বলে।

রুবি খানিকটা দ্বিধাগ্রস্ত। মেয়ে মায়ের হাত ধরে টেনে নিয়ে টিকিটের কিউতে দাঁড়ায়। বাবু পার্স বের করে ভেতরের পকেট থেকে একগোছা মেডিএইড স্ট্রিপ তুলে নিয়ে বুকপকেটে রেখে দেয়। কিছুক্ষণ পরে ওদের ফিরে আসতে দেখা গেল। পুরুষদের অনেকেই ট্রাউজার্সের নিচেটা গুটিয়ে ওপরে তুলেছেন। মহিলারা নানা ভাষায় তাদের প্রতিক্রিয়া বর্ণনা করছেন। রুবি-রুবাই এল। ভেতরে খুব ঠান্ডা। গুহা বলে কথা। লাইটেড না হলে 'ভেতরে যাওয়া অসম্ভব', রুবাই বলল। 'তাহলে যারা মওসমাই গুহা আবিষ্কার করেছিল, তাদের কথা একবার ভাবো অন্তত', বাবু বলে, 'তারা কিন্তু ভয় আর কষ্ট জয় করেই ওখানে ঢুকতে পেরেছিল আর ওই মাঝখানের ভয়ঙ্কর সীলা আর ক্যারিবডিসের মধ্যবর্তী শাঁখের করাত জায়গাটা হামাগুঁড়ি দিয়েই পেরিয়েছিল।'

'যা রোমহর্ষক বর্ণনা শুনলাম দিদির কাছে, আমি যে শেষ পর্যন্ত যাবার চেষ্টা না করে এ্যাবাউট টার্ন করতে পেরেছি, সেই ভাল'। রুবির বয়ান শেষ হতে না হতেই বীথিদি-দাদা এসে পড়লেন।

'কষ্ট হলেও আমরা প্রতিবারই গুহার এধার-ওধার দেখে যাই। বাতিটাতির অবশ্য ভাল ব্যবস্থা হচ্ছে ক্রমশ:', অলোকদা বলেন, 'আমার হাঁটুর কাছটা অবশ্য একটু জ্বালা করছে।'

'দেখি, দেখি, আমার ব্যবস্থাপনায় কুলোয় কিনা', বলে বাবু অলোকদার ট্রাউজার্স গোটানো হাঁটু পরীক্ষা করে মেডিকেটেড স্ট্রিপ লাগিয়ে দেয়। 'ভুল করেছ তুমি প্যান্ট গুটিয়ে, আমি কেমন দন্ডী কেটে বেরিয়ে গেলুম বল'। বীথিদির কথা শুনে সবাই হেসে ফেলল।

'আপনারা দুজনে বেশ ফিট্ আছেন এই বয়সেও। আর দিদি তো এইটুকুনি একটা মানুষ, কোথাও আট্কাবার নন আপনি।' বাবু গাঙ্গুলিদের এ্যাপ্রিসিয়েট করে আর নিজেদের বপুর পানে আড়চোখে তাকায়। আর একদফা হাসির হুল্লোড়।

একটু-আধটু খিদে পাচ্ছে বোধহয় সবারই। রুবি বাসে উঠে ফলের ঝোলাটা বের করে সবাইকে কমলা আর আপেল খেতে দিল। বিনা বাক্যব্যয়ে সবাই আপেলে কামড় বসাল। অন্যরাও এটা-সেটা বিস্কিট-চানাচুর, মোমো খাচ্ছে। কথাবার্তা বিশেষ কেউ বলছে না দেখেই বোধহয় গাইড দাঁড়িয়ে পড়ল তার মাইক অন করে। 'সামনেই অত্যন্ত সুন্দর থাংকারাং পার্ক, কিন্রেম প্রপাত আর তারপরই সবার জন্য লাঞ্চ ব্রেইক। খেতে খেতেই সবাই দেখতে পাবে উঁচু থেকে সেভেন সিস্টার্স জলপ্রপাত নিচে কোন অতলে হারায়। ও, আরও আছে, বাংলাদেশ ভিউপয়েন্ট, যেখান থেকে বাংলাদেশের ছাতক থেকে পশ্চিমে বহুদূর পর্যন্ত হাওড় এলাকা দেখা যায় শ্যেনদৃষ্টিতে অবলোকন করলে'। গরম খাবারের সম্ভাবনাতেই বোধকরি কিছুটা ঝিমিয়ে পড়া পর্যটকেরা সোজা হয়ে বসলেন। 'থ্যাঙ্ক ইউ মিজ, ফর ওয়েকিং আস আপ', বাবুর মন্তব্য শুনে বোঁচানাক মেয়েটি মিষ্টি হাসে, 'ইউ'র ওয়েলকাম আগেইন, স্যর।'

থাংকারাং পার্ক। টিকিট কেটে ঢোকা হল। রুবাই ছবি তুলল অনেক। অলোকদা-বীথিদি'র উঠল ওদের সঙ্গে, শুধু দুজনে। ঠিক হল, ঢাকায় পৌঁছে ছবি প্রিন্ট হলেই সল্টলেইক সিটি'র ঠিকানায় পাঠানো হবে। অলোকদা বললেন, দেখা যাক্। পাশেই আরেক প্রপাতকিনরেম ফল্স। এক সকালে এতগুলো জল প্রপাত আর কোথাও দেখেনি বাবু। পাহাড়ি ঝোরা নয়, সবই ছোট এবং বড় জলপ্রপাত অর্থাৎ বর্ষার শেষেও দর্শনীয় বিপুলতায় উচ্চন্ড বেগে শৈলশিখর থেকে নিচে আছড়ে পড়ছে। বাবু পরিবেশকর্মী হিসেবে মনে মনে ভাবে, যে কোন একটি প্রপাতের অজস্র, অফুরান জলধারা যদি ও ধরে নিয়ে কাজে লাগাতে পারত, তাহলে কত কী না করা যেত! বিশুদ্ধ প্রাকৃতিক পানির জন্য পৃথিবীতে হাহাকার পড়ে গেছে। ২০০৩-এর মে মাসে ও থাইল্যান্ডের মাহিদোল ইউনিভার্সিটিতে সপ্তাহখানেকের এক ট্রেনিং-চলাকালে দেখেছিল, সাতদিনের মধ্যে অন্তত: তিনদিন জুড়ে কেবল পানির লভ্যতা এবং বন্টন নিয়ে দ্বন্দ্ব বিষয়ে পৃথিবীর নেতৃস্থানীয় নীতিনির্ধারক, শিক্ষক, এনজিও কর্মী এবং প্রশাসকেরা আলাপ-আলোচনায় মেতেছিল। অথচ প্রকৃতি কোথাও কোথাও সম্পদ অকৃপণভাবে ঢেলে দিচ্ছে, আবার কোথাও বা সে উপুড়হস্ত হতে একান্ত অনিচ্ছুক।

বাংলাদেশ ভিউপয়েন্টে বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়ে চেরাপুঞ্জিকে পেছনে রেখে বাবু দেখছিল আর ভাবছিল, সাড়ে চার হাজার ফুট খাড়া পাহাড় এখনি থেকেই সামনে ভেঙে ভেঙে তলে যেখানে পড়েছে, সেখান থেকেই বাংলাদেশের এলাকা শুরু। এই অক্টোবরের শেষার্ধেও বর্ষার জল পুরোপুরি নামেনি। মে মাসে এখানে দাঁড়িয়ে বাংলাদেশকে কেবল বিস্তীর্ণ জলাভূমি বলে ভ্রম হয়েছিল। তমাল বিস্ময় প্রকাশ করেছিল হিন্দিতে, 'বাংলাদেশ তোমহারা হ্যায় কিধার, ভাইয়া? ওহাঁ তো সব পানি হি পানি দেখাই যাতা।' কোথায় যেন পড়েছিল ছেরাপুঞ্জি-মওসিনরামে যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২,০০০ মিমি-র ওপরে, কায়রোর ক্ষেত্রে তা হল মোট ২৫ মিমি-র মতো। গাইড জিনাইদাকে বাবু ওদের সঙ্গে লাঞ্চ করতে বলায় সে সানন্দে সম্মতি জানাল। দুটোর ওপর বাজে। সবাই যেন এখন বেড়ানোর কথা ভুলে কেবল লাঞ্চিয়ন পয়েন্টে পৌঁছতে চাইছে।

এজায়গাটা চেরাপুজি মালভূমির প্রান্তভূমি। রেলিংঘেরা অনেকখানি জায়গা। দোতলায় রেস্তোরাঁ। নিচে বেস্টরুম, কার পার্ক, দু'চারটে বুটিক। সবাই হাতমুখ ধুয়ে ওপরে উঠছে। আরো অনেক ক'টা ট্যূরিস্ট বাস-কার-জীপ ইতিমধ্যে আঙিনায় এসে থেমেছে। যাত্রীরা দুপুরের খাবার খাবে এখানেই। বাবু তাড়াতাড়ি হাত ধুয়ে সিঁড়ি লাফিয়ে ওপরে উঠে চারজনের টেবিল একটা দখল করল। আর একটা চেয়ার টেনে ওটাকে পাঁচজনের টেবিল করা হল। দাদা-দিদি ওপরে উঠে দিশেহারার মত ইতি-উতি দেখছিলেন। কোথাও দুটো চেয়ার পাশাপাশি বা সামনাসামনি খালি নেই। বাবু হাত নেড়ে সাড়া দিতে ওরা এগিয়ে এলেন। পিছনে রুবি, রুবাই। ওদের বসতে বলে ও উঠে গিয়ে জিনাইদার হাত ধরে ওদের টেবিলে এনে বসাল।

প্রচন্ড হৈচৈ হট্টগোলের মাঝে বাবু জোরে তালি বাজিয়ে অপোহত: সামনের টেবিলের মনোযাগ আকর্ষণ করতে চাইল। সবাই তাকাল ওরদিকে। 'আমি চিকেন, সঙ্গে গরম ভাত, রুটি, পরোটা, লুচি যা খুশি' স্মার্ট মেয়ে রুবাই সবার আগে জানাল।

'আমি মাছ-ভাত,' ভেতো বাঙাল রুবি বলল।

'যদি বলে, গরম ভাত শেষ, আবার রান্না হচ্ছে?'

'তাহলে আমার মেয়ের অর্ডারটাই রিপিট করবে।'

'আমাদের খাবার শিলং থেকে নিয়ে এসেছি। পরে একটু চা-কফি খাব আপনাদের সঙ্গে,' বীথিদি তার ব্যাগ থেকে টিফিন কৌটো বার করতে করতে বলেন।

'লেট'স গো এ্যান্ড গেট আস সামথিং টু ঈট, জিনাইদা,' বলে বাবু মেয়েটির ডানা ধরে উঠিয়ে খাবার আনতে যায়।

'টোয়াজ সেলফিশ অন মাই পার্ট দ্যো, টু ইনভাইট ইউ এ্যান্ড দেন আস্কিং দ্য ইনভাইটি টু হেলপ মি গেটিং দ্য গ্রাব,' বাবু মাপ চাওয়ার ভঙ্গিতে ওকে বলে কুপনের জন্য লাইনে দাঁড়িয়ে।

'ওহ, ডোন বদার। আ'য়্যাম জাস্ট হ্যাপি টু হেল্প ইউ, স্যর।' জিনাইদা হাসে আর খাসি ভাষায় দূর থেকেই কুপন বিক্রেতা খাসিয়া মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দেয়।

'ওহ জিনাইদা, হোয়াট উইল হউ টেইক? ডু দে সার্ভ পর্ক হিয়ার?' বাবু ভাবল, পাওয়া গেলে অনেকদিন পর গরম ভাত আর পর্কের ঝাল ঝোল খাওয়া যাবে। 'ওহ্ ইয়েস, দে আর সাপোউজ্ড টু হ্যাভ এভরিথিং বাট বিফ এ্যান্ড রাইস, ব্রেড, রোটি, পারাটা…. ওরিমধ্যে এদের কুপন কেনার পালা এসে গেছে।

'আই'ল হ্যাভ পাইপিংহট্ পর্ক কারি এ্যান্ড রাইস, ওয়ান ফিস কারি-রাইস ফর মাই ওয়াইফ এ্যান্ড চিকেন ফর রুবাই, আওয়ার ডটার। ফর ইউ, আই'ল টেইক হোয়াটএভার য়্যূ ওয়ান্ট।' বাবুর কথা শুনে জিনাইদা খাসি ভাষায় অর্ডার রিপিট করে। নিজের জন্য কি বলল, বোঝা গেল না। টাকাটা দিয়ে কুপনগুলো নিয়ে জিনাইদা ওকে বলল, 'ইউ মে গো ব্যাক টু ইয়োর ফোক্স নাউ। আই'ল টেইক কেয়ার অব দ্য রেস্ট।' 'ওয়েল, কল মি, ইফ ইউ নিড আ হ্যান্ড।' বাবু সিগ্রেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে। অথচ ডানদিকে বাংলাদেশ রোদে ভাসছে। রুবাই বাবাকে দেখে এসে পাশে দাঁড়ায়।

'হাউ মেনি সিস্টার্স ডু ইউ সি দেয়ার উইপিং মা?'

'ওইনলি ফোর, আব্বু। দেন হোয়াই শুড দে কল ইট বাই দ্যাট নেইম?' রুবাই সরলভাবে প্রশ্ন করে।
'মে মাসে যখন রাতদিন বৃষ্টি হচ্ছিল, তখন তোর ওমাল চাচা দেখে গেছে সেভেন সিস্টার্সকে জাঁপিয়ে বাংলাদেশে নেমে যেতে। এখন তো বৃষ্টি কমে গেছে, তাই চারটে দেখছো। জানুয়ারিতে হয়তো দেখবে চিকন সুতার মত মাত্র একটিই ধারা নামছে। কারণ, তখন এখানে মোটে ১৬ মিলিমিটার বৃষ্টি পড়ে।'
'আর বর্ষায়?' রুবাই নাছোড়বান্দা।

'ভরা বর্ষা অর্থাৎ জুলাইতে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় ৩,২০০ মিমি-তে। আর এখন অক্টোবরে কত হচ্ছে, জান? ৫২৫ মিমি। এবার তুমি কোন সিজনে কতগুলো প্রপাতকে এ্যাকটিভ পাবে, হিসেব করলেই মিলবে। সবটাই বৈজ্ঞানিক।'

'চল আব্বু, জিনাইদা খাবার এনেছে। রুবাইয়ের ডাক ওকে চেরাপুঞ্জির বৃষ্টিপাতের হিসেব নিকেশ থেকে সরিয়ে আনল। বাবু মেয়েকে খাওয়া শুরু করতে বলে সেল্স কাউন্টারে গিয়ে দু'টো বিয়ারের দাম পরিশোধ করল। কুপন নিয়ে কিচেনের আউটলেটের সামনে দাঁড়াল, কুপনটা এগিয়ে দিয়ে বলল, 'চিল্ড, ইফ ইউ প্লিজ।' মেয়েটি হেসে, মাথা ঝাঁকিয়ে চিলারের দরজা খুলে দু'বোতল সবুজাভ কিংফিশার প্রিমিয়াম বের করে ওর হাতে দিল। ধন্যবাদ জানিয়ে বাবু টেবিলে ফিরল। এবারে ওর সত্যিই খিদে লেগেছে। জিনাইদা ওর পর্কের ঝোলের বাটি এগিয়ে দিল। বাটিটা একটু বড়ই দেখতে। 'আমাকে দু'চামচ ভাত দেবে, রুবি?' শিমূল বাটিটা এগিয়ে ধরল।

'এ আবার কিরকম খাওয়া?' রুবি বিস্ময় আর বিরক্তি চেপে রাখতে পারল না। দাদা-দিদির কোলে যার যার টিফিন কৌটো। ফর্ক দিয়ে নুডল্স তুলে তুলে কি সহজে খাওয়া সেরে নিচ্ছেন। 'না, টেবিলে তো জায়গা কম। তাই ভাবলাম, বাটিটা থালার তুলনায় কম জায়গা নেবে। আর এ মাংস তো তোমরা কেউ নেবেনা। কাজেই…' ওকে কথা শেষ করতে দিলনা রুবি। 'ঠিক আচ্ছে বাবা, এইযে ভাত দিচ্ছি। বাটিটা রাখো।' ভাতের ওপরে যথেষ্ট পরিমাণে কাঁচা মরিচ, পেঁয়াজ, শসা আর টম্যাটো ছড়িয়ে কাঁটা আর চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বাবু বেশ রেলিশ করে খেতে লাগল। খেতে খেতে মনে পড়ল, গতবার এই রেস্তোয়াঁয় বসে খাবার সময়েই সে আর তমাল একবার এসে এখানে দু'দিন থাকবার কথা আলোচনা করেছিল। উদ্দেশ্য, চেরাপুঞ্জির আশপাশের এলাকা ঘুরে দেখা এবং বিশ্বখ্যাত 'মেঘালয় লিভিং রুট ব্রিজেজ' সরেজমিনে দেখা। সে আর হচ্ছে কৈ?

তমাল তো সেপ্টেম্বরের শুরুতে বিলেত চলে গেল পড়তে। বাবু একসময় ওর মামাতো ভাই রাসেলকে সঙ্গী করে বেরিয়ে পড়ত। রাসেল বিমানের কমার্শিয়াল অফিসার পদে চাকরিতে যোগ দিয়ে, বিয়েথা' করে সংসারী হলে তার জায়গা নিয়েছিল মামার ছোটছেলে তমাল। সেই তমালও এখন বিদেশবাসী। চট্ করে এদিক-ওদিক ঘুরতে যাবার ঘটনাও তাই কিছুদিন হল ঘটছে কম। তবুও সে জিনাইদাকে অনুরোধ করল, খেতে খেতে ঐ লিভিং রুট সেতু বিষয়ে সে যা জানে সেটুকু যদি সংক্ষেপে বর্ণনা করে। জিনাইদা অত্যুৎসাহে তার ইংরেজি এবং হিন্দি মিশিয়ে যা বলল, তার বাংলা করলে দাঁড়াবে এরকমঃ এই লতা সারা পৃথিবীতে কেবল এই মেঘালয়েই মেলে। ভারতীয় রাবার গাছের এই বিশেষ লতাযার নাম উদ্ভিদবিজ্ঞানের ভাষায় ফাইকাস ইলাস্টিকাপাহাড়িরা অনেককাল থেকে জীবন্ত লতার সেতু হিসেবে ব্যবহার করে আসছে। খরস্রোতা পাহাড়ি সোঁতা পারাপারে এই লতা ব্যবহারের আগে ২০-২৫ বছর ধরে অবশ্যএকে এই বিশেষ কাজে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এখানকার আদিবাসীদের সেই বহু শতাব্দী প্রাচীন পদ্ধতিতেই। প্রকৃতির এই জৈবপ্রকৌশল বিস্ময় হতে পারে ৫০,৭০, এমনকি ১০০ ফুট দীর্ঘ। ডাব্ল-ডেকার বা দোতলা লতাসেতু জন্মাতে ও দিনে-দিনে পোক্ত, শক্ত ও ব্যবহারোপযোগী হয়ে উঠতে দেখা যায়। সেতু হিসেবে তীব্রস্রোত পাহাড়ি সোঁতা পারাপারে এপার থেকে ওপার পর্যন্ত টেনে এই লিভিং রুট ব্রিজ আট্কে দেয়া হয়। এর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির গুনে একসঙ্গে বহু মানুষ এই সেতুর ওপর দিয়ে মালপত্র বয়ে নিশ্চিন্তে পাহাড়ি পথে দুর্গম জলস্রোত পার হয়ে যায়। এই লতা ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবার আশঙ্কা নেই। লিভিং রুট ব্রিজ পাঁচশ' বছর পর্যন্ত টিঁকে থাকতে দেখা গেছে। জিনাইদা কথা শেষ করে বিয়ারের গ্লাসে লম্বা চুমুক দিল।

সবাই জিনাইদাকে ধন্যবাদ জানাল সরবে। প্রকৌশলী অলোকদা এতক্ষণে মুখ খুললেন। 'আচ্ছা, জিনাইদা, ওই সেতু দেখতে হলে কি করতে হবে?'

'যেটা করতে হবে, আমি বলছি,' বাবু সিগ্রেট ধরিয়ে ধীরে ধীরে বলল, 'এখানে এসে চেরাপুঞ্জি হলিডে রিজর্টে দু'দিন থাকতে হবে এবং লম্বা লম্বা ট্রেকে যেতে হবে ঐ নিচের জংলা ভ্যালিতে, পাহাড়ি পথের দুর্গমতায়, পাহাড়ি জোঁক, সাপ, শ্বাপদের মুখোমুখি দাঁড়াতে হবে, প্রাণ বাঁচিয়ে যথাসম্ভব কম সময়ে ওই সেতুশুদ্ধ যতবেশি সম্ভব দ্রষ্টব্য দেখে নিতে হবে অস্তিত্বের সর্বাত্মক উন্মেষ, উত্থান ঘটিয়ে।' রুবাই বলে উঠল, 'এখানে আমরা যারা বসে আছি, তাদের মাঝে তুমি ছাড়া আর কারো বোধ হয় ওই লিভিং রুট ব্রিজ পরিদর্শন অভিযানে যাবার দুঃসাহস হবে না।'

'তাহলে তো হয়ে গেল, চল আমরা এখন উঠি মা,' অলোকদা রুবাইয়ের হাত ধরে চেয়ার ছেড়ে উঠলেন। সবাই উঠে নিচে নামবার জন্য সিঁড়ির দিকে এগোল।

ফেরার পথে অধিকাংশ যাত্রী স্বাভাবিকভাবেই ঘুমে ঢুলছিল। বাবু চোখ বুঁজে হেডরেস্টে মাথা রেখে বিশ্রাম করে কাটিয়ে দিল একঘন্টা। কফি ব্রেইকে নিচে নেমে হাতপা টান্টান করে কালো কফি নিল এক কাপ। ব্যস, এখন শিলং পৌঁছে হেঁটে হেঁটে পুজো দেখে বেড়ানো কেবল। সাড়ে চারটে নাগাদ ওরা শহরের বাঙালি পাড়া লাবান-এর কাছাকাছি নেমে গেল। পথের পাশে কাঁচাবাজার। বাবু ওদের এক কারুশিল্পের বুটিকে ছেড়ে দিয়ে বাজারে ঢুকে গেল। ফুলকপি, টমাটো, কাঁচালঙ্কা, ব্রকলি বিকোচ্ছে দেদার। হিন্দিভাষী অবাঙালি ক্রেতারা প্রচুর সবজি কিনছে। পাঁচমিশেলি সবজি আর রুটিসবেতেই একটু গাওয়া অথবা ভঁয়সা ঘিয়ের ছোঁয়া। তারসঙ্গে বড় পেঁয়াজ আর আচার। তোফা মারওয়াড়ি খাওয়া। একাত্তরে দেখা হলেই ওর বন্ধু কৃষ্ণা তাকে স্বপাক মারওয়াড়ি খানা খাওয়াতমনে আছে। ইয়া লম্বা এবং মোটাসোটা প্রজাতির কাঁচা মরিচ নিল সে কেজিখানেক। রুবি দেখলেই চেঁচাবে জেনেও।

ওখান থেকে নেমে দু'টো মন্ডপে দাঁড়িয়ে, বসে, চা-কফি-সন্দেশ সহযোগে আরতি, প্রতিমাদর্শন হল। সন্ধে হয়ে আসছে। হাঁটতে হাঁটতে ওরা একসময় এসে দাঁড়াল হোটেল এমব্যাসির নিচে।

'কিগো, মোমো অভিযান হবে? নাকি ডগ টায়ার্ড অলরেডি?' বাবুর হালকা চ্যালেঞ্জ মেয়ে লুকে নিল। 'চলো, আম্মু, ওই তো এমব্যাসি হোটেলের নিওন সাইন কি সুন্দর জ্বলছে, নিভছে। সবুজ, লাল,' বলে রুবাই সিঁড়ি বেয়ে উর্ধ্বগামী হয়। অতএব বাবু-রুবি ধীরেসুস্থে অনুসরণ করে। এখানে মোমোটা ভাল করে, তবে এই সিঁড়ি বেয়ে ওঠা অথবা ওপরের রাস্তা থেকে সিঁড়ি ধরে নামা ছাড়া পৌঁছনোর উপায় নেই। পুরনো হোটেলগুলো ঘিরে অনেক বছর ধরে অন্যান্য ব্যবসা গড়ে ওঠার ফলেই এমনটি হয়েছে। ডানে ঘুরে আরো এক ফ্লাইট সিঁড়ি উঠে বাঁয়ে হোটেল। বাবু দরজার পাশে রাখা সোফায় বসে পড়ে বলে, 'এখানেই বিসি আমরা, কেমন?' 'অবশ্যই না, তমাল চাচার চাছে শুনেছি, ওদের রেস্তোরাঁটা নাকি চমৎকার।' রুবাই প্রবল মাথা নাড়ে।

'চল, চল। এপর্যন্ত এসে বসে থাকবে কেন?' রুবির অকাট্য যুক্তি। 'তাহলে এখানে আমরা ডিনার সেরে যেতে পারি,' বাবু বলে, 'কাল অন্য কোথাও খাব, কেমন? আর, তোমাদের যদি তেমন ভাল লেগে যায়, তাহলে ঘুরে ওই ওপরের রাস্তা দিয়ে নেমে আসব এখানে। যাবার বেলায় আবার নেমে নিচের রাস্তায়ই তো আমাদের সেন্টার পয়েন্ট। বাহ্!'

রেস্তোরাঁ 'রেলিশ' রাজস্থান আর মেঘালয়ের সজ্জারুচির মিশ্রণে সাজানো। একপাশে নকশাদার বেঁটে বেঁটে গদিআঁটা মখমল ঢাকা আসন। কেউ সেখানে নেই দেখে বাবু এগিয়ে গিয়ে বসে আরামে দেয়ালে হেলান দেয়। বেয়ারাকে জিজ্ঞেস করে জানল, মালিক সিংজি এখন ভেতরের অফিসে আছেন। যে-যার পছন্দমতো খাবারের অর্ডার দিল। বাবু আপাতত: মোমোই খাবে। নিচু আওয়াজে সান্তুর বাজছে। রুবি-রুবাই উঠে ভেতরে গেল। ফিরে এসে আবার না বলে বসে, 'এই হোটেলটা তো আরো ভাল। বড় বড় রুম। ইত্যাদি।' ঘটল তাই।

'কেমন দেখলে ভেতরটা?' কাঁটায় চিকেন মোমোর টুকরো বিঁধিয়ে মুখে পুরে বাবু আলোচনা উস্কে দিল।
'খুব সুন্দর' রুবাই উচ্ছ্বসিত হয়েও আবার নিবে যায় নে, 'কিন্তু সেটা এখন বলে আর কি হবে। তুমি একমাস আগে ঢাকা থেকে ফোন করে রুম বুক করেছ ওখানে।'

'না, না, তোমাদের তেমন পছন্দ হলে না হয় আগামীবার এসে এখানে থাকবে। আমি আর তমাল কিন্তু ভালই ছিলাম। তোমাদের সুবিধে হবে ভেবেই এবার ওই রাস্তার ধারের হোটেলে ওঠা।'

চমৎকার ডিনার খেয়ে ওরা নিচের রাস্তায় নেমে দেখল, পুজোর বাজারেও দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। বাবুর মনে পড়ল একাত্তর-বাহাত্তরে তো সন্ধে নামলেই দোকান বাজার বন্ধ করে খাসিয়ারা রাস্তার ার দখল নিত। শুঁড়ি খানা কেন্দ্রিক আড্ডা জমত তখন। কৃষ্ণ, জোজেফ, তপন এবং আরও কয়েকজন স্থানীয় বান্ধবের সঙ্গে বাংলাদেশের বাবু তখন শিলং শাসন করত মধ্যরাত পার করে। বত্রিশ-তেত্রিশ বছর আগের কথা। মাঝের বছরগুলো যেন রায় মশাইয়ের ভাষায় 'পাঁই পাঁই' বেগে ছুটে বেরিয়ে গেছে। সে যাক্গে, আপাতত: আগামীকালের কথা ভাবা যাক।

'আজকের বেড়ানো তো শেষ হল। কাল তোমাদের শিলং বেড়ানোটা কি ওদের বাসে হবে? নাকি মারুতি ভ্যান নেবে?' বাবুর প্রশ্নের উত্তর রুবি সরাসরি দিতে না পেরে বলল, রুবাইকে জিজ্ঞেস কর। আমি যেনতেন প্রকারেন শিলং পীকে উঠতে পারলেই খুশি হব। আর রবীন্দনাথ ঠাকুরের বাড়ি দেখব, ব্যস।'

'যদি বাসে যাবার কথা বলি, তাহলে কি এখন আবার টার্মিনালে গিয়ে সিট বুক করতে হবে?' বুদ্ধিমতী মেয়ে দুয়ে-দুয়ে চার করতে শিখেছে তাহলে। বাবু খুশি হয়ে বলল, 'যাও, কাউকে কোথাও এই রাত্তিরে যেতে হবে না। গতবার আমরা শংকরের মারুতি কারে বেড়িয়ে গেছি। চল, ওকে ফোন করে দেখব। একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে।'

'মানে, হতেই হবে। তরশুদিনের সিলেট-ঢাকা ট্রেনের টিকিট তোমার পকেটে, আব্বু,' মেয়ে মনে করিয়ে দেয়।

ঘরে পৌঁছে পোশাক বদলে বাবু শংকরকে ফোনে পেয়ে গেল। শংকর সানন্দে রাজি হয়ে গেল। বলল, সে সকাল আটটা থেকেই নিচে অপেক্ষা করবে।

বাবু পুজোসংখ্যা দেশ খুলে বসল। রুবি ওকে প্ল্যাস্টিকের বাটিতে রুচি'র ঝাল চানাচুর ঢেলে দিল।
'একটু তরিবত করেই চানাচুরটা খাওয়া যাক,' বলে সে উঠে আবার রুম সার্সিসে একটা বড় বাটিতে কাঁচালঙ্কা, পেঁয়াজ কচি আর সারসোঁ কা তেল চাইলে ক' ক' ফোঁটো। সকালের সেই বড়গোঁসাই ছেলেটি বাটি নিয়ে এল ট্রে-তে চড়িয়ে এবং হাতে-গরম ভেট লাভ করার পর জানতে চাইল, মেহমানরা কখন, কি খাবেন।

রুবি, রুবাই চুপচাপ কেউ চুল আঁচড়ায়, কেউ আবার কম্বলের ভাঁজ খুলছে দেখে বাবু বলল, 'হাম সাব হেভি স্ন্যাক্স লে লিয়া। তুম পওনে দাস বাজে এক আম্রিকান চপ সুয়ে অওর এক থাই স্যুপ গারমা গারাম লে আড়, ঠিক হ্যায়'? 'ঠিক হ্যায় স্যার,' বলে সেলাম ঠুকে বেয়ারাটি চলে যায়।

'ওহ্, থাই স্যুপ টেইস্টি হলে আমাকে অবশ্যই ডাকবে,' বলে রুবাই কম্বলের নিচে সেঁধিয়ে যায়। রুবিও কম্বলের নিচে কোমর পর্যন্ত চাপা দিয়ে সানন্দার পাতা ওলটায়। সারাদিনের কাজ অথবা বেড়ানোর পর সন্ধেবেলায় দেশ পত্রিকা পড়া, ফাঁকে ফাঁকে প্রিয় পানীয়ে চুমুক, সঙ্গে অনুপান হিসেবে চানাচুর-মুড়িমাখা এবং সিগ্রেটএইটুকু আয়েশের ব্যবস্থা থাকলে পৃথিবীর যে কোন জায়গাকে বাবু বাড়ি ভেবে নিতে পারে অক্লেশে।

সময়মতো খাবার এলে তিনজনে ভাগ করে অল্প অল্প খেয়ে-নিয়ে সাড়ে দশটা নাগাদ শয়্যাশায়ী হওয়া গেল। সকালে উঠতে হবে তো !

পরদিন ভোরে উঠে বাবু যথারীতি ব্যায়াম-স্নান সেরে ফোনে নাশতার অর্ডার দিয়ে ওদের ডেকে তোলে। তৈরি হয়ে, প্রাত:রাশ সেরে ওরা আটটা বাজবার দু'চারমিনিট আগেই নিচে নেমে রিসেপশ্যনে চাবি জমা দিল। জানতে পারল, শংকর বাইরে অপেক্ষমান। ফুটপাতে নামতে শংকর ডানদিক থেকে এগিয়ে এসে সালাম দিল। জিজ্ঞেস করল, কিভাবে ঘোরা হবে। বাবু বলল, 'সে তোমার যেমন খুশি। মানে, সরকারি বাসে উঠলে ওরা যেমন সিরিয়ালি তালিকা অনুসারে জায়গায় জায়গায় থামবে, নির্দিষ্ট সময় দাঁড়াবে, আবার তাড়া করে বাসে ওঠাবে, তেমন ঘুরতে চাইনা।' 'অর্থাৎ,' রুবি প্রাঞ্জল করে, 'যেখানে ভাল লাগবে, কিছুক্ষণ থাকতে ইচ্ছে করবে, সেখানে একটু বসব, ঘুরব।' 'আবার যেখানে পছন্দ হবে না, একটু বুঝে নিয়ে পরের সাইটে চলে যাব, ঐরকম আরকি', রুবাই আরও সরলভাবে বলে দেয় সেদিনের মোডাস অপারেনডাই। সকলকেই বেশ উৎসাহী দেখে শংকর খুশি।

শংকরের ছোট্ট মারুতি কার। বাবু সামনে উঠে বসে। পেছনে ওদের বসিয়ে চালক এসে নিজের আসনে বসল। ধুপকাঠির সুগন্ধে গাড়ির ভেতরটা ম'ম' করছে। নিয়মিত পরিষ্কার করে গাড়িটা, বোঝা যায়।
তোমার নিজের গাড়ি তো এটা, না শংকর?

হ্যাঁ, স্যার, এমাসেই আমার হল পুরোপুরি। শেষ কিস্তির টাকা গতমাসে জমা করেছি। গল্ফ লিংকে যাই স্যার এখন?' বলেছি তো, আজ তোমার খুশিমতো আমরা চলবো। খালি থকে গেলে কফি খাওয়াবে। বেশি খাটালে বিয়ার। ঠিক আছে?' বাবু কাচ নামিয়ে সিগ্রেট ধরায়।

'তা কোলকাতার ছেলে তুমি এই মেঘালয়ে পড়ে আছ যে, শংকর? আমার কিন্তু বেড়ানোর জন্য পাহাড় ভাল লাগলেও বাস করতে হলে ঐ সমতলের ঢাকা-কোলকাতাই বেশি পছন্দ।'

'কেন স্যর, এখানে তো আমাদের দু'পুরুষের বাস। বাবা এসেছিলেন ছোটখাট ব্যবসা করতে  তা ভালভাবেই করেছেন, বাড়িঘর হয়েছে, বাঙালিপাড়া লাবানে সবাই আমাদের চেনেন। আমি বিয়ে করেছি এখানে। বউ খাসিয়া। ভাল ইংরেজি জানে। ওই তো বাড়ির ছেলেমেয়েদের পড়ায়। তাছাড়া, জলবায়ু চমৎকার। আমার তো ভালই লাগে, কথা শেষ করে শংকর স্টিয়ারিং-এ হাত রেখে পানপরাগের পুরিয়া ছিঁড়ে মশলা মুখে পোরে।

ম্যানিকিওর করা সবুজ ঘাসের গার্লিচায় ঢাকা বিস্তৃত গলফ লিংকস। মাঝে রাস্তা। ডানে, বাঁয়ে বেশ কজন গল্ফার হিসেব করে, স্টেপ মেপে মেপে পদচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ-বা অত্যন্ত ধীরে কার্ট চালিয়ে যাচ্ছেন পরবর্তী হোলে। এই খেলার মজাটা কোথায়, বলতে পার?' রুবির আল্টপকা প্রশ্নে বাবু একটু ভড়কে গেলেও তেড়েফুঁড়ে বলে, 'খেলাধুলোর চাইতে আমার ঘোরাঘুরি করতে বেশি ভাল লাগে, তুমি জান। তাও বলি, এটা ভদ্রলোকদের খেলা। দৌড়োদৌড়ি, হুড়োহুড়ি, পোশাকে নোংরা লাগার সুযোগ নেই। ঐ যে দেখছ ভদ্রলোক টি-এর মাথায় বসানো বলে হিট্ করতে যাচ্ছেন যে দন্ডটি দিয়ে ওটাকে বলে ক্লাব, যদিও ওটার চেহারা ১৯৩০ এর পর থেকে ক্রমশঃই স্ট্রিমলাইনড হয়ে একালে মুগুরের মতো আর দেখায় না মোটেই। ধরবার ডাঁটি কার্বন ফাইবারের এবং ক্লাবের মাথা তৈরি হয় ইস্পাত অথবা টাইটানিয়াম দিয়ে। ওই মাঠের ন'টি হোল বা ছিদ্রে ক্রমান্বয়ে–একর পর আরেক–এভাবে ক্লাবের সাহায্যে স্ট্রাইক করে করে শেষপ্রান্তে গিয়ে আবার উল্টে আসতে হয়। নয়-নয়, যাওয়া আর আসায় ১৮-ছিদ্র পরিক্রমা সাঙ্গ হলে ব্যায়াম হয় মোটামুটি। বল, ক্লাব বয়ে নিয়ে যাচ্ছে যে মানুষগুলো, ওদের বলে 'ক্যাডি'।

'এবার আমরা কোথায় যাব'? রুবাই চিপস চিবোতে চিবোতে জিজ্ঞেস করে। 'শিলং পীক, ম্যাডাম,' উৎকর্ণ শংকরের স্মার্ট জবাব।

'ওপরে আবার মেঘ না থাকলেই হয় এখন', রুবির মনটা কেবলই কু গায়।

'ম্যাডাম', শংকর অভয় জানায়, 'আপনারা তো পুজোয় এসেছেন। মায়ের আশির্বাদে ওখানে উঠে দেখবেন, চারদিক ঝক্ঝক্ করছে। গতবার স্যর অবশ্য বর্ষার মেঘই দেখেছিলেন বসে বসে। স্যরের বোধহয় সেদিনও খারাপ লাগেনি।'

'মোটেই না', বাবু সোৎসাহে শংকরের সুরে সুর মেলায়, 'বর্ষার মেঘের আলাদা সৌন্দর্য অবশ্যই রয়েছে। আমি আর তমাল পীকে ওঠবার পরই কুয়াশা-মেঘে পুরো এলাকাটা ঢেকে গিয়েছিল। আমি একটা পানামা টুপি কিনতে বাধ্য হলাম। তারপর বেঞ্চে বসে বসে রোস্ট ভূট্টা খেলাম, কফিপান করলাম, গল্পগুজব হল অন্য যাত্রীদের সাথে। ভালই তো লেগেছিল।'

গাড়ি একটা মস্ত ক্যাথিড্রালের পাশে দাঁড়িয়ে গেল। ওরা নেমে ফটক পেরিয়ে ভেতরের বিশাল আঙিনায় পা দিল। গোয়ায় প্রায় এধরনেরই একটা বড় স্থাপনা দেখেছে বাবু। সেই পাঁচশো বছর আগে পর্তুগীজরা ওখানে নেমে ঐ ময়দানবের কর্মকান্ড করেছিল। সে মাপের আর অত পুরনো না হলেও এরও মহিমা রয়েছে, ও অনুভব করল। পাঁচ বছর বয়সে ও যেদিন সেইন্টগেগরিজ স্কুলের প্রধান ভবনের নিচতলায় পা রেখেছিল, অনেক ওপরে বসানো লাল-নীল-সবুজ-হলুদ কাচবসানো জানালা দিয়ে ফিল্টার হয়ে আসা আলো আর আধারে মিশে, ঠান্ডা চকচকে মেঝেতে লম্বা ছায়া ঘনিয়ে ওর গা ছমছম করেছিল। ব্রাদার হ্যামন্ড যখন ওর সঙ্গে হাতঝাঁকুনি করেছিলেন হাঁটুগড়ে বসে, তখন ওর ভয় দূর হল। ওয়াহেদ স্যর সঙ্গে ছিলেন। উনিই ওকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন।। 'চল, ভেতরে যাবো', রুবির ডাকে সম্বিৎ ফিরে পেয়ে ও চলতে শুরু করল। ভেতরে ঢুকে মন ভাল হয়ে গেল। এখানেও সেই নানাবর্ণের কাচ বসানো প্রায় দেড়তলা উঁচু উঁচু দরজা। অর্গ্যান বাজিয়ে দু'মাস আগেই ক্রিসমাসের ক্যারল রিহার্স করছে একদল বাছাই ভক্ত। আঙিনায় বেরিয়ে রুবাই কিছু ছবি তুলল।

'শিলং পীক চল এবার', অসহিষ্ণু রুবাই। শংকর গাড়ির দরজা খুলতে গিয়ে হেসে ফেলল, 'ম্যাডাম, শিলং পীকে যাবার পথেই আমি আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি। নাহলে তো নেমে এসে আবার আমাদের এখানে আসতেই হত। দেখবার জায়গা এখানে যা আছে, যা যা আগেরবার স্যর দেখে গেছেন, তার সবই আমাকে দেখাতে হবে যে'।

'ঠিক আছে, শংকর এবারে ওয়ার্ডস লেকে চল।' বাবুর কথায় শংকর স্থিত হয়ে গাড়ি চালিয়ে ওয়ার্ডস লেকে পৌঁছে যায়। লেকের মাঝে দ্বীপ। ওখানে যাবার জন্য নৌকোর ব্যবস্থা হয়েছে। মাগুরের মতো বড় বড় মাছ স্বচ্ছ জলের ওপরতলেই বিচরণ করছে। ওখান থেকে বেরিয়ে আরো দুটো জলপ্রপাত–সুইফ্ট ফলস ও বিশপ বিডন ফলস দেখা হল। এরপর সোজা গিয়ে পীকে ওঠা। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার রোদ ঝলসে উঠছে।


সুইফ্ট ফল্‌সের পাদদেশে

বিমান বাহিনীর পূর্বভারতীয় কমান্ড হেডকোয়াটার্স শিলং শহরের বাইরের দিকে অগুনতি সামরিক স্থাপনা। অধিকাংশই বায়ুসেনাদের অবশ্য। ওপরে উঠে গাড়ি রেখে ওরা সমতল ভিউপয়েন্টের চত্বরে ঢুকলো। উচ্চতা ১,৯৬০ মিটার অর্থাৎ হাজার ছয়েক ফুট। পুজোর ছুটিতে জনসমাগম হয়েছে ভালই। অনেকগুলো বুটিক সাজিয়ে বসেছে খাসিয়া মেয়েরা। নিচে শিলং উপত্যকার ছড়ানো ছিটানো বসতি আর পাইন-ফারের বন। হালকা মেঘ আর কুয়াশা মিলে শিলং শহরকে প্রায় স্বচ্ছ শাড়িতে ঢেকেছে যেন। অনেক ছবি তোলা হল। চা-কফি, কাজুবাদাম সহযোগে বাবু একটা চমৎকার ব্রাইন ব্রেউক উপভোগ করল তারিয়ে তারিয়ে। বড় একটু করো মেঘ এসে ওদের ঢাকা দিতেই শংকর তাড়া দিয়ে সবাইকে নিয়ে গাড়িতে উঠল।


বিশপ বিড্‌ন ফল্‌স

শহরে পৌঁছে লেডি হায়দারি পার্কে গিয়ে জানা গেল ওখানে সেদিন সাপ্তাহিক ছুটি। অতএব পরবর্তী গন্তব্য কবিগুরুর শিলং নিবাস। দু টোই বাংলো ধরনের বাড়ি। একটি কাঠের, অন্যটি আধপাকা, ওপরে টিন এবং টালি। ঠাকুর কবি দুটি বাড়িতে দু'বারে–১৯১৯ সালে প্রথমবার এবং দ্বিতীয়টিতে ১৯২৩-এ উঠেছিলেন। বাড়ি দু'টো এখন সংরক্ষিত ভবনের মর্যাদায় প্রতিষ্ঠিত, তবে যতেœর ছাপ খুব স্পষ্ট নয়, বাবুর মনে হল।


রবীন্দ্রনাথ ঠাকুরের নিবাস, শিলং ১৯১৯

এরপর লম্বা পাড়ি দিয়ে শহর ছাড়িয়ে বড়াপানি বা উমিয়াম লেকে পৌঁছনো। শংকর খাসিয়া পল্লীর ভেতর দিয়ে যাবার সময় অত্যন্ত বেগে গাড়ি চালাচ্ছিল। ওদের বসতি পেরিয়ে আবার স্বাভাবিক গতি ফিরে পেল গাড়ি। বাবু কিছু বলার আগে শংকর নিজেই ওর অদ্ভুত আচরণ ব্যাখ্যা করল।

বাঙালি গাড়ির চালক এবং বাঙালি ট্যূরিস্ট–দু'টোই নাকি স্থানীয়দের ঈর্ষা ও বিদ্বেষের লক্ষ্যবস্তু হয়ে উঠছে ইদানিং। বাবু প্রমাদ গুণল। তাহলে কি দার্জিলিং-কার্সিয়ং এর হাওয়া এদেকিও ঝাপটাচ্ছে মাঝে মধ্যে? ঠিক তাই শংকর জানাল। তাই এই সাবধানতা। ও এপর্যন্ত ও কোন বিপদে না পড়লেও অন্য বাঙালি চালকদের অপ্রীতিকর ভাংচুরের সামনাসামনি হতে হয়েছে বৈকি।

উমিয়াম লেকের প্রবেশদ্বার থেকে অপূর্ব সুন্দর এক সবুজঘেরা ড্রাইভওয়ে বেয়ে ওরা ভেতরের চত্বরে গিয়ে নামল। রেস্তোরাঁয় ঢুকে বাবু সবার জন্য খাবারের অর্ডার দিয়ে এসে সদলে লেকের বাঁধানো পাড় ধরে হেঁটে বেড়াতে লাগল। শান্ত নিরিবিলি ফ্রেশওয়াটার রিজার্ভার, এখানেও বোটিং-এর ব্যবস্থা রয়েছে। বাবু রুবাইকে নিয়ে একটা প্যাডেল নৌকো ভাড়া করে আধঘন্টা পা চালিয়ে অনেকটা জলপথ পরিক্রমা করে বেশ খিদে চাগিয়ে, ফিরে এল। অন্যরা আগেই হাতমুখ ধুয়ে রেস্তোরাঁয় ওদের জন্য অপেক্ষা করছিল। 'শংকর, যাবার সময় অর্কিড গার্ডেন দেখে যাব ঠিক আছে? 'ঠিক আছে, স্যার। কিন্তু মুশকিল হল, পুজো, রবিবার এইসব মিলে আজ কোথায় বন্ধ, কোথাও বা খোলা, ঠিক বুঝতে পারছি না।'

'আরে, আমরা জায়গামতো গিয়ে থামবো। খোলা থাকলে দেখে যাব, এইতো? ব্যস।' খাবার এসে গেল। চাইনিজ এবং খাসিয়া খাবার। গরম ধোঁয়া উঠছে। মাটন, পর্ক, সবজি, ভাত এবং পরোটা। সবাই পছন্দমতো খাবার তুলে নিল। খিদের মুখে সবই অমৃতবৎ মনে হল।

পড়ন্ত দুপুরে শংকর ওদের হোটেল সেন্টারপয়েন্টে নামিয়ে দিয়ে গেল। বাবু ওকে বলে দিল, পরদিন সকালে এসে সে যেন ওদের নিয়ে ডাউকি নামিয়ে দিয়ে আসে। ওরা রুমে গিয়ে আধঘন্টা বিশ্রাম করে, পোশাক বদলে আবার বেরিয়ে পড়ল। নিচের বাঙালি-মাড়োয়াড়ি মেশানো মহল্লা ঘুরে ঘুরে দু'তিনটে পুজো দেখা হল। মুরলি আর মদন কটকটি কিনে খাওয়া হল। কাছাকাছি দূরত্বে হেঁটে গিয়ে শিলং ক্লাব্ আর ইউরোপিয়ান কোয়ার্টার্সে হোটেল পাইনউড দেখে এল। দু'টোই চমৎকার আবাসন। কলোনিয়াল যুগের কাঠের বাড়িঘর, ফায়ারপ্লেস, সবুজ লন, ফুলবাগান, বিলিয়ার্ড রুম, বার–সবই আছে। ক্লাবের ট্যারিফ অবশ্য তুলনামূলকভাবে কম। ঠিক হল, পরেরবার অবশ্যই পাইনউডে আগেভাগে মেইল পাঠিয়ে অথবা ফোন করে রুম বুক করে এসে ওখানেই ওঠতে হবে।


ওয়ার্ড লেইক, শিলং

নেমে এসে পুলিশ বাজারে পুজোর বাজারিদের সঙ্গে ঘুরে শিলংয়ের পুজো শপিং দেখল ওরা ঘন্টাদুই ধরে। বাবু এক মহিলার নাছোড়বান্দা ঘ্যান্ঘেনে ছেলেকে পটিয়ে ওর পছন্দমতো জুতো কিনিয়ে দিল। মহিলা কৃতজ্ঞতা প্রকাশ করলেন অকপটে। বাজারের প্রান্তে হোটেল এমব্যাসির ওপরে ওঠার সিঁড়ি। অতএব, রুবাইয়ের পিছুৃপিছু গমন এবং 'রেলিশে' মোমো খাওয়া। ওখান থেকে হোটেলে প্রত্যাবর্তন। রাতে হালকা ডিনার খেয়ে ঘুমিয়ে পড়া গেল।

সকালে উঠে বাবু-রুবি তৈরি হয়ে খাবার আনিয়ে রুবাইকে ডেকে তুলল। সব কাজকর্ম সেরে আটটার আগেই বিল পরিশোধ করে ওরা নিচে নেমে ফ্রন্ট অফিসের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেরে, বিদায় নিয়ে অপেক্ষমান শংকরের গাড়িতে চাপল। এই পথটা যে বাবুর কতকালের পরিচিত। ডাউকি পেরিয়ে তামাবিল, সিলেট হয়ে ঢাকাতক্ পুরো পথটাই ওর মনশ্চক্ষে ভাসে। কতবার যাওয়াআসা হয়েছে তার গোনাগুনতি নেই। পথের মাঝে বারদুয়েক থামা হল। একবার কফি পানের জন্য, আরেকবার একটা ট্যূরিস্ট ভিউপয়েন্টে–রুবাই ছবি তুলল। এগারটায় ডাউকি পৌঁছে মেঘালয়ে বসেই বাবু আইইউসিএন বাংলাদেশ কান্ট্রি অফিসে সহকর্মী রাশেদকে সেলফোনে ধরল। রাশেদ তো থ্রিলড ওর কন্ঠ শুনেই। বাবুর অনুরোধ শুনে রাশেদ বলল, মোতালেব ড্রাইভার পরদিন বিকেলে অফিসের ভ্যান নিয়ে কমলাপুর স্টেশনে হাজির থাকবে। বাড়ি পর্যন্ত নির্বিঘেœ পৌঁছনোর ব্যবস্থা হয়ে গেল।

উদ্বৃত্ত ভারতীয় টাকা সীমান্তে বদলে নেয়া হল। কাস্টমস ইমিগ্রেশনের কাজ সেরে ওরা একটা অটো রিকশা নিয়ে মিরাবাজারে হোটেল সুপ্রিমে গিয়ে উঠল। গরম গরম ইফতার আর চা-কফির সদ্ব্যবহার করে তিনজন সান্ধ্যভ্রমণে বের হল। পাড়াটা সুন্দর নিরিবিলি। ঘুরতে ঘুরতে বৃটিশ হাইকমিশনের সাইন লাগানো বাড়িটার সামনে ওরা দাঁড়িয়ে নোটিশগুলো পড়ল। সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালানোর মহিমা বোঝা যায়। বৃহত্তর সিলেটের যত মানুষ বিলেতবাসী আজ, সেটা সংখ্যায় বাকি সব জেলার বিদেশবাসী জনসমষ্টির চেয়ে বেশি হবার কথা।

সুপ্রিমে ফিরে রিসেপশনে চাবি নেবার সময় রিসেপসনিস্ট ছেলেটা বলল, 'এই পাড়ার এক ভদ্রলোক এসে আপনাদের খুঁজে গেছেন। আবার আসবেন। তারাবিহ'র নামাজের আগেই আসবেন।' কে হতে পারে? বাবু কয়েক সেকেন্ড দ্রুত ভাবতেই একটা সূত্র পেয়ে যায়। মিরাবাজারে সেই টিপু ছেলেটির বাড়ি যাব সঙ্গে গতবার ঢাকা থেকে সিলেট আসতে ট্রেনে রাতভর আড্ডা হিয়েছিল। টিপু বালু, পাথর আর কয়লার ব্যবসায়ী। ইয়াংম্যান, উদ্যমী। রুমে পৌঁছতেই ফোন। টিপু এসে গেছে। ঠিক আছে, আধঘন্টা দেয়া যাক ওকে। বাবু রুম সার্ভিসে ফোন করে চা দিতে বলল। গতবার ওই এমব্যাসি হোটেলের ঠিকানা তমালকে এই টিপু ছেলেটিই লিখে দিয়েছিল। বাবু ওকে শিলং থেকে আনা কাঁচামরিচ দেখাল। জানল, এই তিন-চারদিনে ঢাকা-সিলেটে মরিচের খুচরো দর দুশো টাকায় উঠেছে। বাবু হাসতে হাসতে বলল, আমার আনা কেজিখানেক শেষ হবার আগেই দাম পড়ে যাবে, কি বল তোমরা? টিপু জানাল, ও কালই আবার সীমান্ত পেরিয়ে গিয়ে শুধু কাঁচামরিচ নিয়ে আসবে। মেকিং আকুইক বাক্ আর টু আর কি।

আড্ডা শেষ। খেয়ে ঘুমোনো এরপর। ভোরে উঠতে হবে। তৈরি হয়ে কেবল রেলওয়ে স্টেশনে পৌঁছনো, টিকিট তো এসেই নিয়েছিল। ওরা সেহরির অর্ডার দিয়ে রেখেছিল। ভোররাতে সাড়ে চারটেয় গরম খাবার দিয়ে ওদের ঘুম ভাঙিয়ে দিয়ে গেল বেয়ারা। সেহরির সময়েও দেখা গেল হোটেলে জমজমাট ব্যস্ততা। ওদের মতো আরো কজন যাত্রী ট্রেনে-প্লেনে সিলেট ছাড়বেন। তাছাড়া রোজাদারদের খাওয়াদাওয়ার দরুণও একরকমের ব্যস্ততা ঘটেছে। ওরা তৈরি হয়ে সাড়ে ছ'টায় নিচে নেমে অটো খুঁজতে লাগল। পেয়েও গেল। বিল বক্শিশ সব দেয়াই ছিল।

রোজার দিনে দেখা গেল, ট্রেনে কোন খাবার বিক্রি হয় না। আখাউড়ায় নেমে বাবু পেয়ারা, কলা, সফেদা আর গরম গরম পুরি-তরকারি নিয়ে এল। ক্ষু্িন্নবৃত্তি হল একরকম। বৈচিত্র্যহীন দিনের সফর। সাড়ে চারটেয় ট্রেন কমলাপুর পৌঁছল। মোতালেব হাসিমুখে সালাম দিয়ে বাবুর ব্যাগটা ধরে টানাটানি করে। বাবুও হাসতে হাসতে ট্রলিব্যাগ অনায়াসে কমলাপুরের মসৃণ মোজেইকের ওপর দিয়ে গড়গড়িয়ে টেনে নিয়ে চলে। মোতালেব মিয়া রুবাইকে নিয়ে পড়ে, 'ম্যাডাম, আপনার ব্যাগটা আমারে দ্যান।' সুবিধে হয় না। অতঃপর রুবি, যে তাকে হাতের কাছে পেলেই–সেটা নিজের বাড়িতে হোক অথবা ওদের গ্রামের বাড়ি কালিগঞ্জে–মোতালেব ওদের নিয়ে উত্তরার পেছনে শীতলক্ষ্যার তীরে কালিগঞ্জের সোম গ্রামেও বহুবার গেছে–বেশ ভাল ফলাহার সাজিয়ে খেতে দেয়, তার ব্যাগটা ঠিকই হস্তগত করে। রুবিও ওদের বেড়াতে যাবার আগে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে মোতালিবের হাতে নিজের লাগেজ ছেড়ে দিয়ে বাঁচে। কথা ছিল, বেড়াতে বেরিয়ে যে যার নিজের লাগেজ সামলাবে।

সবাই গাড়িতে ওঠে। বাবু সামনে । ও পাশে বসলে মোতালিব মিয়ার নাকি গাড়ি চালাতে কোন বাধাকেই আর বাধা মনে হয়না। 'রোজা নাকি, মোতালিব মিয়া?' 'জ্বি স্যার, জ্ঞান অইছে তামাতি রোজা বাঙ্গি নাই। অহন বাকি আল্লার আতে। নাকি কন আফা? রুবি সোৎসাহে সমর্থন করে, 'আপনি ঈমানদার মানুষ, আল্লার দয়ায় আপনার ঈমান আরো মজবুত হবে। আমরা আল্লার পাপীতাপী বান্দা। আচ্ছা মোতালিব মিয়া এই যে আমাদের ডায়াবেটিস হয়েছে, আল্লার কাছে এর জন্য আমাদের গুনা মাফ হবার চান্স আছে?' অবশ্যই। আফা, আফনে খাসদেলে যা ছাইবেন, যা করবেন, সব আল্লায় খুশিমনে মানবো।' বলে গুনগুন করে দরুদ পড়ে। গাড়ি মীরপুর রোডে পড়ে। বাঁদিকে ঘোরাবার আগে বাবু মোতালিবকে সোজা ময়ুরীতে যেতে বলে। ময়ূরীর সামনে দুই সারি গাড়ি দাঁড়িয়ে। ও দেখল, ওয়েসিসের সামনে এক দঙ্গল রোজাদার ইফতার সংগ্রহে ব্যস্ত। ভীড়ের মধ্যে ওর একেবারে যেতে ইচ্ছে করেনা। অতএব রুবাইয়ের হাতে টাকা দিয়ে বলল, 'মা, রোজাদার মোতালিব মিয়ার জন্য ইফতার নিয়ে এসো। উনি পছন্দ করে সেটা যতখানি বলেন … যান আপনি সঙ্গে যান'। মোতালিব লাজুক মুখে গাড়ি থেকে নেমে রুবাইয়ের পিছুপিছু এগোয়।

mir.waliuzzaman@bdnews24.com