জার্মানির লিপজিগে, সংখ্যা-শব্দ কর্মশালায়
লিপজিগের কাস্টমার কেয়ার বিল্ডিং পোরসে ডায়ামন্ড
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ইউরোপে তেমন একটা শীত পড়ার কথা নয়, তবু সে বছর (২০০৪) বেশ শীত ছিল। এর আগে মার্চে জার্মানিতে বরফও পড়েছিল। প্রথম বারের মতো ইউরোপ ভ্রমণে এসে বরফ পড়া দেখা যেতে পারে ভেবে বেশ পুলক অনুভব করেছিলাম। কিন্তু ফ্রাংকফুর্ট এয়ারপোর্ট
……..
ফ্রাংকফুর্টে রাইন নদী ও লেখক
……….
থেকে ট্রেনে মেইল স্টেশনে যখন এসে পৌঁছলাম তখন রাত সাড়ে এগারোটা। প্লাটফরম ছেড়ে বাইরে পা দিতেই টের পেলাম জাড় (আমাদের যশোর-খুলনাতে শীতকে গ্রামের মানুষ জাড় বলে) কাকে বলে এবং কত প্রকার ও কী কী? ঢাকা ছাড়ার এক সপ্তাহ আগে বঙ্গ থেকে কেনা মধ্যম সাইজের জ্যাকেট, মোটা মোজা, কানটুপি, হাতমোজা যে এ শীতের কাছে যেন কিছু নয় — জাড় কন কন করে হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, শরীরের রক্ত মনে হয় জমাট বেঁধে যাবে। প্রথমেই যে প্রশ্নটি মনে এল–এত শীতের দেশে মানুষ থাকে কী ভাবে?
ফ্রাংকফুর্ট থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার লিপজিগ। জার্মানির একটি ছোট সাজানো-গোছানো শহর। লিপজিগকে জার্মানির প্রকাশনা শিল্পের সুতিকাগার বলা হয়। এ শহরের গ্রন্থাগারটি প্রাচীনত্বের দিক দিয়ে বিখ্যাত, আছে একটি বিশ্ববিদ্যালয় আর শহর থেকে আট কিলোমিটার দূরে এমপি আই ওরফে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে নৃবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান বিষয়ে উন্নত গবেষণা করা হয়। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করার জন্য এরকম ৬০টি গবেষণা প্রতিষ্ঠান (ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট) রয়েছে জার্মানিতে। আমার এ ভ্রমণ মূলত এই এমপি আইয়ের আমন্ত্রণে সংখ্যা শব্দ বিষয়ক একটি কর্মশালায় অংশগ্রহণ করতে। কুয়াশার জন্য ঢাকার জিয়া থেকে ব্রিটিশ এয়ারওয়েজ ছেড়ে ছিল ২ ঘন্টা বিলম্বে। বোডিং পাস থাকা সত্ত্বেও হিথরোতে নেমে (প্রথমবার হিথরো এয়ারপোর্ট দেখে তো আমার চোখ ছানাবড়া হবার দশা–বিমান বন্দর এত বড় হতে পারে!) কানেকটিং ফ্রাংকফুর্টগামী বিমান পাওয়া গেল না। কাজেই আরও তিনঘন্টা অপেক্ষার পালা। ফলে সন্ধ্যায় ফ্রাংকফুর্ট থেকে ট্রেনে লিপজিগ যাওয়া বাতিল হয়ে গেল। রাত ১১ টার পর কোনো ট্রেন নেই, অগত্যা হোটেলের সন্ধ্যানে ঘুরতে লাগলাম শহরের রাস্তায়।
একে তো শীত তারপর শনিবার রাত। ফ্রাংকফুর্টের রাস্তার পাশের পাবগুলো জমজমাট তরল আর তারুণ্যের উৎসবমুখর। কারো যেন কোনো দিকে তাকাবার ফুরসত নেই। রাস্তার 'এ দিকে কোনো হোটেল পাওয়া যাবে কিনা' জানতে চাইলে যেন আমার কথা বুঝতেই পারেনি অথবা 'জ্বালাতন করো কেন' গোছের ভাব নিয়ে চলে যায়। কাছাকাছি সস্তা কোনো হোটেল না পেয়ে আবার ফিরে এলাম স্টেশনে। সেই দুপুরের পর বিমানের স্ল্যাকস ছাড়া কিছুই পেটে পড়েনি। ঢুকে পড়লাম ম্যাকডোনাল্ডসে। বার্গার নিয়ে টেবিলে বসে ভাবছিলাম আমার জার্মান-ফেরত এক বন্ধুর পরামর্শ। বয়স্ক মহিলারা ইংরেজি বলেন এবং সহায়তাও করেন। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজন রাত কাটাবার জন্য একটি কম পয়সার হোটেল ও সকালের ট্রেনের টিকিট কাটা। লিপজিগ যাবো। ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে খাওয়ার পানি কিনতে ঢুকলাম একটি স্টোরে। দাম শুনেই তৃষ্ণা মিটে গেল। দুই ইউরো অর্থাৎ একশ ষাট টাকা (এখন প্রায় দু-শ টাকা) এক বোতল পানির দাম! চোখের সামনে ভেসে উঠলো পদ্মা- মেঘনা-যমুনা-বঙ্গোপসাগরের থৈ থৈ জল। এর সাথে মিশে যাচ্ছিল ঠাণ্ডায় চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া জল।
মধ্যরাতের দিকে পঞ্চাশ ইউরোতে একটি হোটেল পাওয়া গেল–সকালে নাস্তা ফ্রি। দীর্ঘ বিমান ভ্রমণ জনিত ক্লান্তি একদম কম নয়। ঢাকা-হিথরো এগার ঘন্টা, হিথরো-ফ্রাংকফুর্ট তিন ঘন্টা। সকালে ৭ টায় ডেকে দেয়ার কথা বলে ঘুমিয়ে পড়লাম হোটেলের ধব ধবে সাদা বিছানায়।
ট্রেন সকাল নটায়, তার আগে হাতে এক-দেড় ঘন্টা সময়। ম্যাপে দেখলাম রাইন নদী শহরের পাশ দিয়ে এবং মাইন নদী ওপর দিয়ে বয়ে গেছে। মনে পড়লো কার্ল মার্কস জন্মেছিলেন এই রাইন নদীর তীরে মোসাল শহরে। কাজেই হোটেল থেকে লোকেশন আর দূরত্ব জেনে নিয়ে সকালের আলোতে বেরিয়ে পড়লাম ফ্রাংকফুর্ট শহর আর রাইন-মাইন নদী দেখতে। পাহাড় থেকে একে-বেঁকে বেরিয়ে আসা রাইন নদী তেমন প্রশস্ত না হলে বেশ গভীর। নীল-কালোর মাঝামাঝি জলের রঙ। আমার নদী নড়াইলের চিত্রার সঙ্গে এর কোনো মিলই নেই। কেমন যেন রুক্ষ স্বভাব। আত্ম অহংবোধ প্রবল মনে হল, ডয়েসদের মতোই।
ফ্রাংকফুর্ট স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। যে ট্রেনে লিপজিগ যাবো তার নাম আইস (আই সি ই) ট্রেন। অর্থাৎ ইন্টারসিটি এক্সপ্রেস। একটু পরে ঝক ঝকে একটি দোতলা ট্রেন বুলেটের গতিতে প্রায় নিঃশব্দে প্লাটফর্মে এসে থামে। টিকিটের বগি নম্বর মিলিয়ে উঠে পড়ি। আসন খুঁজতে গিয়ে দেখি জানালার ওপর ইলেকট্রনিক বোর্ডে নাম উঠছে আমার। ব্যাগ ওপরে রেখে বসে পড়লাম। ট্রেন এত সুন্দর আর আরামদায়ক হতে পারে কল্পনায়ই ছিল না। ট্রেন ছেড়ে দিল। আস্তে আস্তে সবুজ দেখছি আর মন ভাল হয়ে উঠছে। কখন নদীর ওপর দিয়ে কখনও নদীর তলদেশ দিয়ে কখনো পাহাড়ের গুহার মধ্য দিয়ে কখনো বা বিস্তীর্ণ সবুজ প্রান্তরের মধ্য দিয়ে দু-তিন কিলোমিটার গতিতে ট্রেন ছুটে যাচ্ছে। শত শত মাইল ধরে ফসলের মাঠ আর খোলা প্রান্তর। মাঝে মাঝে লাল টালির গম্বুজাকৃতির বেশ কিছু দোতলা বাড়ির সারি–ওগুলো ছোট শহর। মনে হল বাংলাদেশে এত মানুষ চলতে-ফিরতে গায়ে গা লেগে যায়–কিছু এনে যদি এখানে দেয়া যেত।
লিপজিগ স্টেশন পুরাতন হলেও সাজানো গোছানো বেশ পরিপাটি মনে হল। স্টেশন থেকে নেমে নিচে ট্যাক্সি স্টান্ডে গিয়ে অসহায় হয়ে পড়লাম। কোন টেক্সিকে বোঝাতে পারলাম না যে আমি এমপি আই যাবো এটা হচ্ছে তার ঠিকানা। নিরুপায় হয়ে আবার ফিরে এলাম স্টেশনে। প্লাটফর্মে পোশাকধারী এক জন রেল কর্মকর্তার সঙ্গে কথা বললাম, সে বললো নিচে দেখো কোথায় পুলিশ আছে, তাকে বলো সে তোমাকে সাহায্য করবে। ভাষাবিজ্ঞান চর্চা করি বটে, কিন্তু প্রবাসে ভাষা যে কী সমস্যা সৃষ্টি করে তা জানা ছিল না। টেক্সি ড্রাইভার কেউ ইংরেজি জানে না, আর আমি ডয়েস জানি না। টেক্সি স্টান্ডের কাছেই গাড়িতে বসে থাকা একজন ডয়েস পুলিশের কাছে গেলাম সাহস করে। তাকে সমস্যার কথা বললাম। সে দারুণ একটা হাসি দিয়ে দু মিনিটের মধ্যে একজন টেক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলে নিজ হাতে আমার ব্যাগটা উঠিয়ে দিয়ে বললো, আউফ ভিডারসেন–গুডবাই। মিনিট পনেরো পরে আমি নিজেকে আবিষ্কার করলাম এমপি আই-এর ছতলা আধুনিক স্থাপত্যশৈলীর অপরূপ ভবনের সামনে। চারদিকে নীল গ্লাস লাগানো। ব্যাগ হাতে রিসিপশনের সামনে দাঁড়াতেই সোনালি চুলের এক লাস্যময়ী তরুণী বলে উঠলো 'ভিল কমেন' (ওয়েল কাম)–আই থিংক ইউ আর মিস্টার সিকদার ফ্রম বাংলাদেশ। আরে আমি তো কোনো ছবি পাঠাইনি ওদের, চিনলো কী করে আমাকে? আইডি কার্ডের মতো একটি রুম-কি এবং আমার প্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের টিপের আকৃতির একটি নীল মোটা টিপ দিয়ে বললো এটা দিয়ে লিফট চলবে, মেইন গেট, ডরমেটরি গেট সব খুলবে। আমার রুম এই ভবনের ছতলায় ডরমেটরিতে ছশ ছাব্বিশ। এক সপ্তার অতিথি। ছতলার বিশাল করিডোর দিয়ে হেটে রুমে যাওয়ার পথে জনমানুষের চিহ্ন দেখতে পেলাম না। রুমের সামনে দাঁড়িয়ে দেখা যায় অল্প দূরে লিপজিগ শহরের বিখ্যাত লিপজিগ লাইব্রেরি, ডয়েস জাতির পুরাতন দিনের প্রকাশনা-দলিল-দস্তাবেজ-পাণ্ডুলিপিতে ঠাসা। এমপি আই ভবনের আরেক পাশে লিপজিগ বিশ্ববিদ্যালয়। লাইব্রেরি থেকে একটু গেলেই
…….
লিপজিগ লাইব্রেরি
……….
চমৎকার একটি পার্ক চোখে পড়ে। একদিন বিকালে সে পার্কে গিয়ে দেখলাম এখানের বয়স্ক নারী-পুরুষ কুকুর নিয়ে হাটা হাটি করছে আর কয়েকটি তরুণ-তরুণী ফুটবল খেলছে আপন আনন্দে। আর পার্কের বেঞ্চগুলোতে কাছে গিয়ে না দেখলে বোঝার উপায় নেই স্ট্যাচু না মানব-মানবী জড়াজড়ি করে আছে। ঘরে ঢুকে অবাক হলাম বাইরের শীতের বিন্দুমাত্র ছোঁয়া সেখানে নেই। পর্দা দিয়ে ঢাকা কাচের দেয়াল। পর্দা সরাতেই এই ভবনেরই অন্য অংশের ছাদের ওপর দিয়ে দৃষ্টি গিয়ে থামলো ট্রাম লাইন বেয়ে অনেক দূরের একটি ওয়ারহাউজ টেসকোয়। সরু গাছে ঢাকা রাস্তা গিয়ে মিশেছে ওয়ারহাউজে। রুমে টেবিলের ওপর পেলাম লিপজিগের ম্যাপ, কর্মশালার অনুষ্ঠান সূচি আর প্রয়োজনীয় টেলিফোন নম্বরসমূহ। এরই মধ্যে ফোন বেজে ওঠে। মনে হলো রিসিপশনের সেই স্বর্ণকেশীর গলা। জানালো রাতে এখানের ক্যান্টিন বন্ধ থাকে, তাই খাবার ব্যবস্থা করতে হবে নিজ দায়িত্বে। ভাবলাম সন্ধ্যায় বাইরে গিয়ে আশ-পাশের দোকান থেকে কিছু একটা কিনে খেয়ে নেবো। কিন্তু সন্ধ্যার দিকে বাইরে বেরিয়ে আশ-পাশে কোথাও কোনো দোকান খুঁজে পেলাম না। যেহেতু এটা আবাসিক বা বাণিজ্যিক এলাকা নয় কাজেই দোকান পাট নেই। আছে বেশ কিছু দূরে টেসকো। কন-কনে শীত আর ঠাণ্ডা বাতাসে কে যাবে সেখানে। নিরূপায় হয়ে ঘরে ফিরে ঢাকা থেকে সঙ্গে আনা অ্যানার্জি প্লাস বিস্কিট-ই ভরসা।
এমপি আই-এর ডরমেটরিতে রাতের খবার নেই, কথা বলার মানুষ নেই, নিজেকে কেমন অসহায় আর একা একা লাগছিল। পরে জেনেছি এখানে মূলত গবেষক বা অতিথিরা থাকেন। এতবড় একটি কর্মশালা শুরু হচ্ছে আর–এখানে কোনো অতিথি নেই, কেমন যেন অবাকই লাগলো। যা হোক পরদিন সকালে ক্যান্টিনে বাটার-পাউরুটি-ডিমপোচ আর কফি খেয়ে কিছুটা চাঙ্গা হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকে পড়লাম। পৃথিবীর বিভিন্ন ভাষার ভাষাবিজ্ঞানীরা এখানে হাজির হয়েছেন তাদের নিজ নিজ ভাষার সংখ্যা শব্দের ব্যবচ্ছেদ করতে। কেন দশের পর এগারো হয়। সাড়ে তিন সাড়ে চার হলে সাড়ে এক বা সাড়ে দুই কেন হবে না? এক-দুই আছে প্রথম-দ্বিতীয় আছে আবার পহেলা- দোসরাও আছে। সংখ্যা দিয়ে আছে গ্রাম-শহরের নাম–চৌদ্দগ্রাম, বার বাজার, চব্বিশ পরগণা আরও কত কী। এ তো গেল বাংলা ভাষায়। পৃথিবীর অন্য ভাষায় এমন মজার সংখ্যা দিয়ে কত কিছু আছে। এ কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল এই বৈচিত্র্যগুলো বিশ্লেষণ করা আর এগুলোর মধ্যে কোনো সাধারণ নিয়ম পাওয়া যায় কি না তা সন্ধান করা।
দুপুরে ক্যান্টিনে খেতে গিয়ে চোখে পানি এসে গেল চার পাঁচ টুকরা আলুসিদ্ধ আর বাটার দিয়ে রান্না করা আমাদের পালংশাকের মতো স্পিনাজ। মুখে দিয়ে বুঝলাম খেতে পারবো না শুধু লবণ দিয়ে ২ টুকরা আলু খেয়ে বিকালের সেশন ধরতে গেলাম। রাতে শুয়ে মাথার মধ্যে আলু আর স্পিনাজ ঘুরতে লাগলো। আরো ছটা দিন থাকতে হবে এগুলো খেয়ে? টয়লেটে ঢুকে পানি ব্যবহারের কোনো সুযোগ দেখলাম না। বদনা তো প্রশ্নই ওঠে না। অগত্যা বাঙালিবুদ্ধি প্রয়োগ করে এ যাত্রায় সমস্যার সমাধান করলাম। এমপি আইয়ের নিচতলায় করিডোরে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। অনেক লম্বা বোর্ডের ওপর মনুষ্যজাতির বিবর্তনের সচিত্র ও বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে চমৎকার ভাবে। বিবর্তনটি অনেকগুলো ধাপে করা হয়েছে যাতে সহজেই পরিবর্তনগুলো ধরা পড়ে। পরদিন সিদ্ধান্ত নিলাম টেসকোতে যাবো, যদি অন্য কোনো খাবার পাওয়া যায়। এখানেই পরিচিত হলাম একজন সঙ্গীত বিশারদ ওটিস-এর সঙ্গে। ও কাজ করে ফসলের মাঠে কী ধরনের মিউজিক বাজালে ফসল (যেমন ধান খেত, ধান গাছ) দ্রুত বাড়ে এ বিষয়ে। শুনে বেশ অবাক হলাম। ওকে সঙ্গে নিয়ে টেসকোতে গিয়ে পাউরুটি জেলি আর ফলফলাদি নিয়ে এলাম।
তৃতীয় রাতে আবিষ্কার করলাম ছতলাতে একটি কিচেন আছে। সেখানে মেক্সিকো থেকে আসা একজন গবেষক (প্রায় বৃদ্ধা) পাউরুটি গরম করছেন। আমি তো ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। পরে পরিচিত হয়ে জানলাম তিনি প্রায় মাস খানেক এখানে আছেন। একটি গবেষণার কাজ করছেন। সারাদিন ল্যাবে থাকেন, রাতে এখানে ঘুমান। আমি এখানে আসার তিন দিন পর জানলাম যে আমার একজন প্রতিবেশী রয়েছে। তিনি আমাকে বললেন, কিচেনের ফ্রিজে দুধ-ডিম-ফলফলাদি আছে, আমার প্রয়োজন পড়লে নিয়ে যেতে পারি। চতুর্থ দিন মধ্যাহ্নভোজনের আগে বার্লিন থেকে আসা আমাদের গ্রুপের এক গবেষক (অধ্যাপক) দেখি তড়িঘড়ি করে ছুটছেন। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? বললো ফিরে এসে বলবে। পরে জানলাম, তার এক বছরের বাচ্চাটা বার্লিনে আছে। তাকে বুকের দুধ খাওয়াতে সে সেখানে যাচ্ছে। ট্রেনে এখান থেকে এক-দেড় ঘন্টার পথ। আমি তো অবাক। বললাম তোমরা তো সন্তানই নেও না, আবার বুকের দুধও খাওয়াও? বললো, আমাদের মা-দাদীরা খাওয়ায়নি বটে। তবে আমরা এখন এ বিষয়ে খুব সিরিয়াস, বাচ্চা নিলে তার যথার্থ যতœ নিতেই হবে।
ডেভিড গিল ছিলেন এই কর্মশালার আয়োজক এবং প্রধান, তিনি মালয়েশিয়া এবং ইন্দোনেশিযার বেশ কিছু লুপ্তপ্রায় ভাষা নিয়ে কাজ করেছেন এখনও করছেন। কোনো ভাষা হারিয়ে গেলে তার সংখ্যা শব্দও হারিয়ে যায়, এর ফলে ঐ ভাষার ভাষিক বৈচিত্র্যও নিশ্চিহ্ন হয়ে যায়। কর্মশালার বিভিন্ন পর্যায়ে কী করে ভাষার সংখ্যা শব্দ উদ্ধার করা যায় সে
……..
লিপজিগের এমপিআই: ওটিসের সঙ্গে লেখক
……….
ব্যাপারে আলোচনা হয়েছে। ডেভিড গিল এশিয়ার বিলুপ্তপ্রায় ভাষা নিয়ে চিন্তিত। স্থানীয়ভাবে কোনো কাজই হচ্ছে না বলা যায়। কর্মশালার উদ্যোক্তা ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট এ ব্যাপারে বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান। এখানেই দেখা হল একজন ভারতীয় অধ্যাপকের সঙ্গে, নামটা এখন ঠিক মনে নেই। দক্ষিণ ভারতের একটি ভাষা নিয়ে তিনি কাজ করছেন, এধরনের কাজে এই ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট প্রতি বছর বেশ কিছু গবেষণা বৃত্তি দিয়ে থাকে। আমার এক অমেরিকান অধ্যাপক বন্ধু ডেভিড পিটারসন এখান থেকে ফেলোশিপ নিয়ে বাংলাদেশের খুমি ভাষার ওপর গবেষণা করেছেন। তার কাছ থেকে আমি প্রথম জানি এই ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট-এর কথা। আমরা ১৯৫২ সালে ভাষার জন্য রক্ত দিয়েছি অথচ আমাদের দেশের আদিবাসী জনগোষ্টির ভাষাগুলো রাষ্ট্র্রিয় অবহেলায় হারিয়ে যাচ্ছে; এর চেয়ে বেদনার আর কী হতে পারে?
পঞ্চম দিনে আলুতে বিরক্ত হয়ে সন্ধ্যায় ট্রেনে উঠে লিপজিগ শহরে গেলাম। স্টেশনের পাশে ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম। এক বসাতেই দু-দুটি বার্গার সাবাড় করে সঙ্গে আরও দুটি নিয়ে রাতের শেষ ট্রামে এমপি আইএ ফেরার পথে গুনগুন করে গান ধরলাম, এমন দেশটি কোথাও খুজে পাবে না কো তুমি; সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি।
কর্মশালার সমাপনী দিনে সাধারণত ডিনার থাকে। গাড়িতে করে সে রাতে আমাদের সবাইকে নিয়ে গেল শহরের একটি নাম করা রেস্টুরেন্টে। সবাই সেজেগুজে হৈ-চৈ করতে করতে সেখানে হাজির হলাম। এখানে অর্ডার দিলে রান্না হয়। মেনু দেখে যার যার মতো অর্ডার দেয়ার পর আয়োজক কর্তৃপক্ষ যে ঘোষণা দিল তা শুনে আমার পিলে চমকাবার দশা হিজ হিজ হুজ হুজ। বলে কী সর্বনাশ। আমি তো একটা আস্ত হাসের রোস্ট অর্ডার দিয়েছি। দৌড় দিলাম ভেতরে অর্ডার বাতিল করার জন্য, কিন্তু ততক্ষণে আমার মুখের হাসি কেড়ে নিয়ে হাস মাইক্রোওভেনে বসে হাসছে। ডিনার শেষে আঠারো ইউরো বিল দিতে গিয়ে আমার নাকের জল আর চোখের জল এক হয়ে গেল। হাস খেতে গিয়ে যে হাসি চলে যাবে তা কি আগে জানতাম?
