২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে দেখা: কবি কায়সুল হক ও আমাদের কায়সুল ভাই

monju_sarker

Published : 15 Feb 2016, 01:54 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

পঞ্চাশ উত্তীর্ণ বয়সে প্রকাশিত হয় কবি কায়সুল হকের প্রথম কাব্যগ্রন্থ শব্দের সাঁকো । এই একটি মাত্র তথ্য থেকেও তাঁর ব্যতিক্রমী কবি স্বভাব ও চারিত্র্য-বৈশিষ্ট্য আন্দাজ করা যায় অনেকখানি। নিজের কবিখ্যাতি ও প্রতিষ্ঠা বাড়ানোর তোয়াক্কা না করেই, সারা জীবন সাহিত্যের জন্য ছিলেন আত্মনিবেদিত। পাকিস্তান আমলে রংপুর জেলাশহরে বাস করেও উন্নতমানের সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। উভয় বাংলার বিখ্যাত কবি-সাহিত্যিকরা লিখেছেন তাঁর সম্পাদিত পত্র-পত্রিকায়। সেই সুবাদে শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, অন্নদাশঙ্কর রায়, বুদ্ধদেব বসু, নরেশ গুহ, শিবরাম চক্রবতীর মতো অনেক বিখ্যাত কবি-লেখকের সঙ্গে গড়ে উঠেছিল নিয়মিত পত্র-যোগোযোগ। স্বাধীনতার অব্যাবহিত পরে ঘনিষ্ঠ বন্ধু কবি শামসুর রাহমান ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ঢাকায় চলে আসেন। ঢাকায় সপরিবার স্থায়ীভাবে থাকার জন্য যোগ দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের চাকরিতে। সংস্থাটির দ্বিতীয় প্রধান কর্তাব্যক্তি হিসেবে মাসিক 'বই' পত্রিকা সম্পাদান করেছেন, বহু কবি লেখকের গ্রন্থের প্রকাশ ও প্রসারে সহযোগিতা করেছেন, সাহিত্যের আড্ডা-আলোচনায় উৎসাহিত করেছেন প্রিয় লেখক-কবি বন্ধুদের, কিন্তু আপন কাব্যপ্রতিভার প্রচার ও গ্রন্থ প্রকাশের ব্যাপারে ছিলেন উদাসীন। শব্দের সাঁকোর পর আরো একটি কাব্যগ্রন্থসহ রবীন্দ্রনাথের নিরুপম বাগান, স্বদেশ সংস্কৃতি রবীন্দ্রনাথ, আলোর দিকে যাত্রা ও অনিন্দ্য চৈতন্য শিরোনামে কয়েকটি গদ্যগ্রন্থ বেরিয়েছে মাত্র। কবিতায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। মৃত্যুর কয়েকমাস আগে, ২০১৫-এর ডিসেম্বরে বাংলা একাডেমির মাধ্যমে পেয়েছেন সাদাত আকন্দ সাহিত্য পুরষ্কার।

খ্যাতি, প্রতিষ্ঠা কিংবা গ্রন্থসংখ্যার বিচারে কবি কায়সুল হকের অবস্থান দেশের সাহিত্য অঙ্গনে এমন ছিল না যে, তাঁর নিভৃত প্রয়াণে বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম শোক-স্মরণোৎসব করবে ঘটা করে। ৮৩ বছর বয়সে পরলোকগমনকে অস্বাভাবিক মৃত্যু বলবে না কেউ। তবে কায়সুল হককে মানুষ হিসেবে যারা চিনতেন, ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন তাঁর, তাদের জন্য কায়সুল ভাইয়ের নীরবে নিভৃতে চিরবিদায় নেয়াটা শোকে উদ্বেল হওয়ার মতো খবর অবশ্যই। কবি হিসেবে সাফল্যের প্রতিদ্বন্বিতা, দলাদলি কিংবা সুযোগ-সুবিধা লোটার ধান্ধাবাজি এড়িয়ে চলেছেন আজীবন। গ্রন্থকেন্দ্রের চাকরি থেকে অবসর নেয়ার পর শৈলী নামের একটি পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন বছর দুয়েক। অতপর পারিবারিক পরিমন্ডলে নিজের সাহিত্য জগতে স্থিরপ্রত্যয়ী হয়ে আমৃত্যু টিকে ছিলেন একান্ত নিজের মতো করে। নীরব নিভৃত জীবনযাপনের মতই ছিল তার জীবনের অন্তিম যাত্রাপর্বটিও। রোগশয্যায় শুয়ে গত ৫ই ফেব্রুয়ারী স্ত্রীর বিয়োগব্যথা সইতে হয়েছে। সপ্তাহ কাটতে না কাটতেই, স্ত্রীর পাশের কবরটিতে অনন্ত শয়ানে শরিক হওয়ার জন্য ১লা ফাল্গুন দিনটিকেই বিধাতা নির্ধারণ করে রেখেছিল কেন কে জানে। রীতিমাফিক জানাযার জন্য কায়সুল ভাইয়ের লাশ বাংলা একাডেমিতে নেয়ার কথা ভেবেছিলেন তাঁর ছেলেরা। কিন্তু বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে এখন বইমেলা। অন্যদিকে চারুকলা ইনস্টিটিউটে ১লা ফাল্গুনের দিনব্যাপী বসন্তবরণ উৎসব। রাস্তার জ্যাম ও উৎসবের ভিড় এড়িয়ে একটি ট্রাকে বাবার লাশ নিয়ে কায়সুল ভাইয়ের তিন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসে আসরের নামাজের সময়ে। কায়সুল ভাইকে শেষ বিদায় জানাতে তাঁর জানাযায় শরিক হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে মসজিদ প্রাঙ্গনে উপস্থিত হয়ে পরিচিত মুখের মধ্যে শুধু কবি মুহম্মদ নুরুল হুদা, আসলাম সানি এবং কায়সুল ভাইয়ের গুণাগ্রাহী ও প্রাক্তন সহকর্মী দু'চারজনকে চোখে পড়ে। সাদা কাফনে মোড়ানো কায়সুল ভাইয়ের লাশ এবং মসজিদ প্রাঙ্গণের বাইরের রাস্তায় বসন্ত বরণোৎসবের ভিড়ে শরিক হলুদ শাড়িতে পরা মাথায় লাল ফুল বাঁধা মেয়েদের দেখে মনে পড়ে কবি কায়সুল হকের একটি কবিতার লাইন, 'কৃষ্ণচূড়া গো বৃথাই ফুটলে, মন পড়ে আছে বুঝি বরষায়।'

বছর তিনেক আগে কায়সুল ভাইয়ের আশিতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিরপুরে একটি চাইনিজ হোটেলে বাবার লেখক বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও গুণাগ্রাহীদের আমন্ত্রণ জানিয়েছিল তার ছেলেরা। দীর্ঘদিন পর সেটাই ছিল কায়সুল ভাই ও ভাবীর সঙ্গে আমার শেষ দেখা। শেষ দিকে কানে মোটেও শুনতে পেতেন না। সেই অনুষ্ঠানেও খেদোক্তি করে বলেছিলেন আমাকে, শামসুর রাহমানের মৃত্যুসংবাদটি টেলিফোনে শোনার পর কানে যে কী হলো, এখন আর কিছু শুনতে পাই না। মৃত্যুর সপ্তাহ দুয়েক আগে হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রাক্তন সহকর্মী আবুল কাশেম। মুমুর্ষূ দশাতেও কাশেম ভাইয়ের কাছে আমার খোঁজখবর নিয়েছেন। বড় লেখক হয়ে ওঠার জন্য গর্ব প্রকাশ করেছেন। আমার দুর্ভাগ্য যে, দেখতে যাব যাব করেও জীবদ্দশায় শেষ দেখাটি আরো হলো না! মরে গিয়েও কায়সুল ভাই যে আজীবন আমার স্মৃতি-চেতনায় ভাস্বর হয়ে থাকবেন, এ কথাটিও তাকে স্পষ্ট করে একবার শোনানো হলো না। এই প্রসঙ্গে এ লেখায় কায়সুল ভাইয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্কের খানিকাটা স্মৃতিচারণ ও অনিবার্য আত্মকথন অপ্রাসঙ্গিক হবে না আশা করি।

আমার সৌভাগ্য যে, সাহিত্য ও কর্মজীবনের শুরু থেকেই কায়সুল ভাইয়ের মতো একজন সজ্জন ও স্নেহপ্রবণ মানুষকে পেয়েছিলাম দৈনন্দিন সম্পর্কের ঘনিষ্টতায়। দু'জনই ছিলাম একই জেলাশহর রংপুরের বাসিন্দা, দীর্ঘ সম্পর্কের ভিতটি রচিত হয়েছিল রংপুরে। একাত্তরের ষোলই ডিসেম্বরের পরপরই, মুক্তিযুদ্ধের বিজয়ী আবেগ নিয়ে রংপুরে অবাঙালির একটি পরিত্যক্ত বাড়ি দখল করে চক্রবাক নামে একটি সাহিত্য-সংস্কৃতিমূলক সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমিও তখন সাহিত্যকেই ধ্যানজ্ঞান করতে শুরু করেছি। সার্বক্ষণিকভাবে ভিড়ে গিয়েছিলাম সেই সংগঠনের কর্মকাণ্ডে। আমার মতো নবীন সাহিত্য-সংস্কৃতি কর্মীর কাছে কায়সুল হকই তখন রংপুরের সবচেয়ে বড় কবি। তাঁর কবিতা ঢাকা-কলকাতার নামকরা সাহিত্য পত্রিকায় ছাপা হয়, তাঁর সম্পাদিত পত্রিকাতেও লেখেন বড় বড় লেখকরা। বাহাত্তরেই কায়সুল হক আবার কলকাতায় যাবেন। তাঁর মাধ্যমে চক্রবাকের একুশে সংকলন কলকাতায় পাঠানোর উদ্দেশে সাঁ সাঁ সাইকেল ছুটিয়ে কায়সুল ভাইয়ের বাড়িতে যাই। সংকলনে আমার কোনো লেখা স্থান পায়নি, তারপরও কবি কায়সুল হককে দেখতে পাওয়া ও তাঁর সঙ্গে পরিচিত হওয়াটাই মনে হয়েছিল বড় প্রাপ্তি। কলকাতা থেকে ফিরে আসার পরও চক্রবাকে বেশ কয়েকবার এসেছেন তিনি। সাহিত্য নিয়ে কথাবার্তা বলেছেন। প্রতিটি সাহিত্যকর্মই যে শব্দের সাঁকো বিশেষ, এবং শব্দের সাঁকো নির্মাণের দক্ষ কারিগর তথা বড় কবিলেখক হতে হলে কী করতে হবে, কী পড়তে হবে– এসব বিষয়ে কথাবার্তা বলে নবীন লেখকদের উৎসাহ যোগাতেন। মুগ্ধ হয়ে শুনতাম শুধু। শব্দের কারিগর হিসেবে নিজেও যে ভবিষ্যতে পদ্মা-যমুনা সেতুর মতো মহা মহা সেতু নির্মাণের স্বপ্ন দেখি, সে কথা তো আর কায়সুল ভাইকে বলা যায় না। কারণ স্বপ্ন পূরণের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারিনি ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও। উল্টো আমার লেখা পড়ে টিটকারি দেয়, হতাশ করার চেষ্টা করে বন্ধুরা। এই পর্যায়ে এবং ব্যক্তিগত আরো কিছু কারণে বিদ্রোহী হয়ে উঠি একদিন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় ইস্তফা দিয়ে, রংপুরের বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেশোদ্ধারের বড় বিল্পবী ও বড় শব্দের কারিগর হওয়ার স্বপ্নকে সম্বল করে চলে আসি ঢাকায়।

রংপুরে কায়সুল ভাইসহ পরিচিত বন্ধুমহলে নিজের প্রতিভার স্বাক্ষর ও সম্ভাবনার প্রমাণ রাখতে ব্যর্থ হয়েছিলাম। ঢাকায় এসে অচেনা বিখ্যাত সব সম্পাদক ও সাহিত্যিকদের কাছে পাত্তা না পাওয়াটাই ছিল স্বাভাবিক। নবীন লেখক হিসেবে দাঁড়ানোর পথ পাই না। খেয়েপরে টিকে থাকাটাই হয়ে দাঁড়ায় বড় সমস্যা। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ডিগ্রি নেই যে, চট করে কোথাও চাকরি পাবো। বাংলা শর্টহ্যান্ড ও টাইপ শিখলে খুঁটির জোর ছাড়াই চাকরি পাওয়া সম্ভব। দ্রুত একটা চাকরি জোগাড় করতে ভর্তি হয়েছিলাম মতিঝিলের সাঁটলিপি একাডেমিতে। একদিন ক্লাস শেষে, দৈনিক বাংলা থেকে পল্টনের দিকে হেঁটে যাওয়ার সময় বায়তুল মোকারমের মসজদি সংলগ্ন দোতলা বয় স্কাউট ভবনের সামনে খদ্দের পাঞ্জাবি-পাজামায় অকৃত্রিম সেই কায়সুল ভাইকে দাঁড়ানো দেখে চমকে উঠি। আলাপ করে জানতে পারি, ওই ভবনের দোতলায় জাতীয় গ্রন্থকেন্দ্রে চাকরিতে যোগ দিয়েছেন তিনি। নিজেও চাকরির জন্য টাইপ-শর্টহ্যান্ড শিখছি শুনে জানালেন গ্রন্থেকেন্দ্রেও বাংলা সর্টহ্যান্ড জানা একজন লোক নেয়া হবে। শিগগির দেখা করতে বললেন অফিসে।

জাতীয় গ্রন্থকেন্দ্রে ওই সময়ে পরিচালক ছিলেন কথাসাহিত্যিক সরদার জয়েনউদ্দিন। কায়সুল ভাই তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, সাহিত্যে আমার বিশেষ আগ্রহের কথাও জানালেন। কিন্তু তখল পর্যন্ত লেখক হিসেবে নিজের একটি লেখাও ঢাকার পত্রপত্রিকায় ছাপতে পারিনি। শুধু কায়সুল ভাইয়ের সুপারিশে কাজ হলো না। টাইপ-শর্টহ্যান্ড পরীক্ষায় নিজেকে যোগ্য প্রমাণ করতে হলো। অবশেষে ১৯৭৩-এর শেষ দিকে চাকরিটা হয়ে গেল জাতীয় গ্রন্থকেন্দ্রে। রংপুরে কবি হিসেবে কায়সুল হক যেমন ছিলেন প্রেরণার উৎস, কর্মজীবনের শুরু থেকেও তেমনি গ্রন্থকেন্দ্রে কায়সুল ভাই হয়ে উঠলেন অভিভাবকতুল্য বড় আশ্রয়।
পল্টনে বায়তুল মোকারম মসজিদ সম্প্রসারণের স্বার্থে বয়স্কাউট ভবনটি ভেঙে ফেলা পর্যন্ত, ঐ ভবনের দোতালায় গ্রন্থকেন্দ্রের অফিসটি ছিল বেশ ছোট। কিন্তু নবীন-প্রবীণ কবি-লেখক-প্রকাশকদের নিয়মিত আনাগোনায় মুখর থাকত অফিসটি। কায়সুল ভাই গ্রন্থজগতের মুখপত্র মাসিক বই পত্রিকাটি সম্পাদনা করতেন। নিয়মিত প্রকাশনা উৎসব ছাড়াও নানারকম আলোচনা-সেমিনার হতো। কায়সুল ভাইয়ের টেবিলে আড্ডা হয় প্রতিদিন। শওকত ওসমান, কামরুল হাসান, শামসুর রাহমান, আহসান হাবীব, কবি আব্দুল কাদির, রশীদ করীম, জহুরুল হক, সরদার ফজলুল করিম প্রমুখ দেশের প্রায় সকল বিখ্যাত লেখক বুদ্ধিজীবীদের দেখেছি গ্রন্থকেন্দ্রে। কায়সুল ভাইয়ের কল্যাণে কলকাতা থেকে আসা অন্নদাশঙ্কর রায় ও গোপাল হালদারের কথাবার্তাও কাছে থেকে শোনার সুযোগ হয়েছিল গ্রন্থকেন্দ্রে।

গ্রন্থকেন্দ্রে শুরুর দিকে আমার কাজ মোটেও আনন্দদায়ক ছিল না। পরিচালকের ব্যক্তিগত সহকারী হিসেবে নানারকম চিঠি ও কাগজপত্র টাইপ করতে হতো। বিরক্ত লাগত অনেক সময়। আরো বেশি বিরক্ত হতাম কেউ নিজেকে বড় প্রমাণ করার জন্য যখন তখন ব্যক্তিগত কাজের আদেশ দিলে। সান্তনার জায়গা ছিল কায়সুল ভাইয়ের টেবিল। পৃথিবীতে নাই কোনো বিশুদ্ধ চাকুরি। সাহিত্য বিষয়ক আড্ডা নিজের অভিজ্ঞতার কথা বলে আমার চিপায়-পড়া লেখক মনটাকে উজ্জীবিত করার চেষ্টা করতেন তিনি। বাংলা সর্টহ্যান্ড জানতাম বলে গ্রন্থকেন্দ্রের সব অনুষ্ঠানের নোট নিয়ে বই পত্রিকায় প্রতিবেদন লেখার কাজ দিয়েছিলেন তিনি। বেনামে প্রতিবেদন লেখা ও সংবাদপত্রের জন্য প্রেসরিলিজ লেখাটাই ছিল লেখক হিসেবে আমার প্রাথমিক ও একমাত্র কাজ। জিয়াউর রহমানের শাসনামলে সৈয়দ আলী আহসান যখন সরকারের শিক্ষা-সংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, বাংলা একাডেমি থেকে গ্রন্থবিশেষজ্ঞ ফজলে রাব্বি আসেন গ্রন্থকেন্দ্রের পরিচালক হয়ে। গুলিস্তানে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় গ্রন্থকেন্দ্র। কাজের পরিসরও বাড়ে। প্রতিষ্ঠানটির পরিচালনায় আমলাতন্ত্রের দাপট ও নিয়ন্ত্রণও জোরালো হতে থাকে। আমার চাকরির যন্ত্রণাও বাড়ে। পুরনো বিপ্লবী চিন্তাচেতনার প্রভাবেই কিনা কে জানে, কেবলই মনে হতো প্রতিষ্ঠাটি পরিচালনার সঙ্গে জড়িত যে আমলাতন্ত্র, আমার মাথার উপরে ছড়ি ঘোরায় যারা, প্রকৃত গ্রন্থের উন্নয়ন নিয়ে তাদের কারোই মাথাব্যথা নেই। সবাই ব্যক্তিগত স্বার্থোন্নয়ন ও সুযোগ-সুবিধা লোটার ধান্ধা নিয়েই ব্যস্ত। এ কারণে কর্তাব্যক্তিদের সঙ্গে দ্বান্দ্বিক সম্পর্কে জড়িতে পড়তাম সহজে। এই দ্বদ্বে লড়ার জন্য গ্রন্থকেন্দ্রের কর্মচারীদের নিয়ে ট্রেড ইউনিয়নও করেছিলাম, এবং সেই ইউনিয়নকে কমিউনিস্ট পার্টিও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সঙ্গেও যুক্ত করেছিলাম। ওই সময়ে কায়সুল ভাই যেহেতু সংস্থার উপ-পরিচালক, তাঁর সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারত সহজে। কায়সুল ভাইয়ের আলস্য, আড্ডাবাজ অকর্মণ্য স্বভাব নিয়েও খোঁচা দিয়েছি কতো। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়নি কোনোদিন। স্বাভাবিক নিয়মে ১৯৯০ সালের দিকে চাকরি থেকে অবসর নেন কায়সুল ভাই। গ্রন্থকেন্দ্রের কর্মচারিদের পক্ষ থেকে তাঁকে ঘটা করে বিদায় সংবর্ধনা দিয়ে মিরপুরের বাসায় পৌঁছে দিয়ে আসি। কায়সুল ভাইয়ের অবসরের পর গ্রন্থকেন্দ্রে নিজের চাকুরিজীবন দ্বন্দ্ব-সংঘাত ও যন্ত্রণায় ভরপুর হয়ে উঠে। পরিচালক হিসেবে ফজলে রাব্বি আমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন বলে চাকরিটা রক্ষা করে চলেছিলাম আরো কয়েক বছর। রাব্বি ভাই অবসরে যাওয়ার পর মাথার উপরে ছড়ি ঘোরাতে যারা পরিচালক হিসেবে গ্রন্তকেন্দ্রে আসেন, চাকরির যন্ত্রণা থেকে মুক্তি ও আত্মমর্যাদা রক্ষার জন্য চাকরির মেয়াদ পূর্তির এক যুগ আগেই স্বেচ্ছা অবসর গ্রহণ ছাড়া কোনো বিকল্প পথ ছিল না।

গ্রন্থকেন্দ্রের চাকরি ছাড়ার পরেও নতুন করে বাঁচার সংগ্রাম ও শব্দের সাঁকো নির্মানের সেই পুরাতন স্বপ্ন-সাধনায় ব্যস্ত থাকার ফলে কায়সুল ভাইয়ের সঙ্গে দেখা-সাক্ষাতের আর তেমন সুযোগ হয়নি। কিন্তু যে ঔদার্য ও স্বভাব মাধুর্য নিয়ে কায়সুল ভাই একজন অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী হিসেবে দীর্ঘদিন আমার পাশে ছিলেন, তাঁর মৃত্যুর পর সেইসব স্মৃতি মনে জীবন্ত হয়ে উঠছে সারাক্ষণ। এরকমই হয় নিশ্চয় সবার ক্ষেত্রে। প্রচারণা-প্রোপাগাণ্ডায় নামখ্যাতি ছড়িয়ে পড়তে পারে আবিশ্ব, কিন্তু প্রকৃত মানুষটি আসলে মানবিক সম্পর্কের গুণেই কিছু মানুষের মনে বেঁচে থাকেন মরার পরেও। কায়সুল ভাইও আমার স্মৃতি-চেতনায় আমৃত্যু ভাস্মর হয়ে থাকবেন।