আমার দেখা আবদুশ শাকুর
'গুয়ানজু' এয়ারপোর্টে আমরা অপেক্ষা করছিলাম। দিনটি ছিল ১৫ই জানুয়ারি ২০১৩। ঢাকা থেকে ফিরছিলাম টেক্সাসে। সে-বার টিকেট কিনতে যাওয়ার আগ পর্যন্ত গুয়ানজু নাম-টাই ছিল অচেনা। ভূগোলের কোন পৃষ্ঠায় কোনদিন চোখেও পড়েনি। অথচ এখন ইমতিয়াজ (আবদুশ শাকুরের ছোট ছেলে) প্রায়ই বলে 'চীনের দুঃখ হোয়াংহো, আমাদের দুঃখ গুয়ানজু'। বোডিং হয়ে গিয়েছিল, একজন স্টুয়ার্ড এসে বলল, তোমরা দেশে ফোন কর জরুরি খবর আছে। সেই খবরটাই ছিল যে এতটা মারাত্মক মর্মভেদী তা বোধ হয় ভাবতেও ভয় পেয়েছিলাম ঐ ক্ষণে কিন্তু যেতে হলো তারই ভেতর দিয়ে। সম্পূর্ণ অচেনা দেশে, প্লেনের মাঝে বসে জানলাম আমাদের বাবা আবদুশ শাকুর মারা গেছেন। আমরা যে ফিরবো ১৫ই জানুয়ারি সেটা উনি জানতেন, দুইতিন মাস আগে থেকেই জানতেন। টিকেট কেটেই ওনাকে জানিয়েছিলাম। উনি জেনে রাখলেন আমাদের ফেরার দিন ১৫ই জানুয়ারি ২০১৩। বললাম ২০১২তে ঢাকায় যাচ্ছি, ফিরবো ২০১৩তে, অনেক দিন। আসলে মাত্র একমাস, ডিসেম্বর থেকে জানুয়ারি। বাবা তাতে খুব হাসলেন। আজ ভাবতে অবাক লাগে বাবা জানতেন দিনটির কথা, ১৫ই জানুয়ারি, শুধু জানতেন না ঐ দিনে আমাদের সাথে সাথে উনারও ফেরা হবে কোথাও, যাত্রা করবেন শেষ যাত্রায়। না ফেরার দেশটি ওনারও দেখা হয়ে যাবে। গুয়ানজু হয়ে যাব শুনে উনি বলছিলেন, ভালই তো নতুন রুটে আসছো, আটলান্টিক হয়ে তো অনেক এসেছো এবার আস পেসিফিক হয়ে, পৃথিবীকে পেচিয়েও ধরা হলো দুদিক থেকে।
সেই গুয়ানজুতে ওনার মৃত্যুর খবরটা পেলাম। তারপর ডালাস পর্যন্ত ফিরে এসে কয়েক ঘণ্টার পরের ফ্লাইটে আটলান্টিক হয়ে আবার ফিরে গেলাম। তিনদিনে ডালাস আসতে আর ফিরে যেতে গিয়ে ভাবলাম আসলেই সমগ্র পৃথিবীটা পেচিয়ে ধরেছি, মায়ার এই পৃথিবীকে এধার ওধার করে সারা পৃথিবীকে ছুঁয়ে দিয়ে ছুটে গিয়েছিলাম বাবার কাছে। আর বাবার মৃত দেহ যেন উপলব্ধি করালো বিশ্বময় যাই করি সব শেষ হয় মৃত্যুর ভেতর দিয়ে। নিথর নিরব বাবা, তিনদিন আগেও যিনি আমাদের হেসে বিদায় দিয়েছিলেন।
তবে সব শেষ হয়ে যায় না সম্ভবত, রয়ে যায় স্মৃতি, কথা, কর্ম।
কেমন ছিলেন আমার বাবা, আমাদের বাবা , মানুষ আবদুশ শাকুর?
নতুন করে কর্মী আবদুশ শাকুরকে পরিচিত করার প্রয়োজন সম্ভবতঃ আজ আর নেই তারপরও কিছু জানাচ্ছি :
যে কোনো বিষয়েই সুগভীর জ্ঞান আর প্রজ্ঞার ব্যাপ্তির কারণে আবদুশ শাকুরকে যেমন অভিধান বলা যায়, তিনি তেমনি ছিলেন আভিধানিক অর্থেই একজন সুদক্ষ শিক্ষকও। সুবিশাল কর্মজীবনের সূচনার প্রথম দু পা-ই এগিয়েছেন ইংরেজী সাহিত্যের প্রভাষক হিসেবে, ঢাকা কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (১৯৬৫-৬৭) যোগদানের মাধ্যমে। এবং তা তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টারস (১৯৬৪) করবার পরপরই। শিক্ষকতার পাশাপাশি অংশগ্রহণ করেন সিভিল সার্ভিস পরীক্ষায়ও। ১৯৬৭-তে প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে CSP হিসাবে লাহোরে যোগদান করেন। সিভিল সার্ভিস একাডেমিতে ট্রেনিং শেষে ১৯৬৮ সালে রংপুর কালেক্টরেট-এ এসিসেটেন্ট কমিশনার প্রবেশনার দায়িত্বপ্রাপ্ত হন। শুরু হয় ওনার জনসেবাকর জীবন। জবাবদিহিতার স্বচ্ছতায় বিশ্বাসী এই কর্মীকে ১৯৬৯ সালে বান্দরবনের মহকুমা প্রশাসক করে পাঠানো হয়। পাহাড়ী পটভূমিতে '৭১ সালে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবেই হিমালয়ের মতন অবিচল থেকে কঠোরভাবে আগ্রাসী শত্রুর মোকাবেলা করেন।
ওনার ভাষাতেই শুনি,
"পঁচিশে মার্চ সকাল, ১৯৭১ সাল। আমি তখন বান্দরবন মহকুমা প্রশাসক। আমার সরকারী জিপে পাকিস্তানী পতাকার বদলে বাংলাদেশী পতাকা (সেকালে সে লেভেলের প্রশাসকের গাড়িতেও রাষ্ট্রীয় পতাকা উড়ত)। জিপ থেকে নেমে অফিসে ঢুকে চেম্বারে বসতেই দর্শনার্থীর স্লিপ স্থানীয় ইস্ট পাকিস্তান রাইফেলস-এর কমান্ডার পাঞ্জাবী মেজর শাফকাত সাক্ষাৎপ্রার্থী। অনুমতি পেয়ে ফৌজী অফিসার ভেতরে ঢুকলেন। আমি নোটিশে নিলাম না। মানে ডাক ফাইল থেকে মুখ তুললাম না (তখন আমাদের মনের নির্জন স্তর থেকেই একটা কসরত চলত মিলিটারি এড়ানোর)।
'স্যার' শুনে মুখ তুলতেই দেখি, মেজর দরজার কাছেই দাড়িয়ে এবং আমার পেছনের দেয়ালে রাখা –
' দোজ শু সার্ভড'–শিরোনামের কাঠের বেড়াটির দিকে তাকিয়ে। 'বলুন' বলতেই আগুন্তক বললেন, তবে বিপর্যস্ত কণ্ঠে
' কাওমের কোন দুশমন আপনার নাম থেকে সার্ভিসের নামটুকু মুছে দিয়েছে,সি. এস.পি. নিশ্চিহ হয়ে গিয়েছে।'
আমার চোখে মৃতের দৃষ্টি দেখে বক্তা থতমত খেয়ে গেলেন, যুগপৎ বিস্ময়ে এবং অনিশ্চয়ে। পাকিস্তানের সামরিক শাসক নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি বলে অসৎ ফরমান জারি করা মাত্রই আমি আমার নাম ফলক থেকে 'সিভিল সার্ভিস অফ পাকিস্তান' মুছে ফেলার নির্দেশটি দিয়েছিলাম অফিসের বড়বাবু বোধিপ্রিয় ত্রিপুরাকে। কাওমের ভাড়াটে খাদেমকে বললাম :
'আপনি কি এ কথাটা বলতেই এখানে এসেছেন?
'না, ঠিক..'
'তাহলে উদ্দেশ্যটুকুই বলুন–ইজ এনিথিং দ্য ম্যাটার?'
আমার কর্তৃত্বব্যঞ্জক হুকুম শুনে উর্দিধারী উত্তর দিলেন রেডিমেড :
'স্যার, মহকুমা প্রধানই যদি তার গাড়ি বাড়ি থেকে পাকিস্তানী পতাকা নামিয়ে ফেলেন, তবে তো বাকি সকলে ভুল সিগনাল পাবে। পাঞ্জাবীর কাছ থেকে দেশপ্রেম শেখার মুড বাঙালীর তখন বিলফুল ছিল না। মুড আরো কম ছিল আর্মি অফিসারের কাছে সিভিল অফিসারের কিছু শেখার। তাই মেজাজ বজায় রেখেই বললাম :
'মেজর শাফকাত, আপনি আমার সঙ্গে কথাগুলো বলছেন নিজের অবস্থান ভুলে। তাই আমি এসব কানে তুলে আপনার সঙ্গে কথা বাড়াব না। আপনি এই কথা বলতেই যদি এসে থাকেন, তাহলে এখন যেতে পারেন।
বলেই মেজরকে দরজা দেখিয়ে দিলাম।
(দুটি রাত একটি দিন, কাটাতে গোলাপও থাকে, ঐতিহ্য ২০০৮)
এমনই প্রচন্ড ব্যক্তিত্বময়তায় পূর্ণ ছিল ওনার কর্মের প্রতিটি ধাপ। ১৯৭১ সালে ওনাকে একবার পাকিস্তানেও বদলি করা হয়। কিন্তু উনি যেতে পুরোপুরি অস্বীকার করেন। কারণ উনি তখন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এরপর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশেই এডিসি জেনারেল হয়ে বদলী হয়ে চট্টগ্রামে যান কিন্তু কিছুমাত্র পরেই উপসচিবের পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়। যেহেতু তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন তাই এই মন্ত্রণালয়ে এসে তিনি বহুধরনের সংস্কারমুখী উন্নয়ন কর্মকান্ডে জড়িত হয়ে পড়েন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরে বাংলাদেশ সচিবালয়েই তিনি ১৯৭৬ পর্যন্ত মন্ত্রী পরিষদে বিভাগ এবং বহিঃসম্পদ বিভাগে উপ-সচিবের দায়িত্বে ছিলেন। ১৯৭৬ সালে চলে যান পটুয়াখালীতে ডিসি হিসেবে। ১৯৭৮ পর্যন্ত এই দুই বছরের উন্নয়ন কর্ম আজও পটুয়াখালীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে। আজও এত বছর পরেও।
অচেনা মানুষজন আমাকে জানায় এসে ফেইসবুকে বা অন্য কোনো মাধ্যমে কতটাই বিশাল এবং সমাজ ঘনিষ্ঠ জীবননিষ্ঠ প্রশাসক ছিলেন মহান আবদুশ শাকুর।
আবদুশ শাকুর বলতেন উনি সই করতেন "আ. শা" লিখে যার মানে আশা। উনি আশা বয়ে আনতেন ভাবনায়, ভাষায়,ভারবাহী জীবনচক্রে। এসো, চলো, জয় করি–এই ছিল ওনার গতিময় ক্ষিপ্ত বলিষ্ঠ পদক্ষেপের ধ্বনি।
১৯৭৮ সালে চলে যান সরকারী বৃত্তিতে ন্যাদারল্যান্ডের রাজধানী হেগে 'দি ইনস্টিটিউট অফ স্যোশাল স্টাডিজ'-এ অর্থনীতিতে এম.এস.এস করতে। সাফল্যজনকভাবে থিসিস জমা দিয়ে ফেরার পরপরই যুগ্মসচিব হিসাবে নির্বাচন কমিশন সচিবালয় (১৯৮৩-৮৬) বস্ত্র মন্ত্রলায়ণ (১৯৮৬-৮৮), জাতীয় সংসদ সচিবালয় (১৯৮৮-৯১)-এর তার মেধা মনন ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে শুরু করেন।
১৯৯১ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অতিরিক্ত সচিব ও মহাপরিচালক হিসাবে পদোন্নতি পেয়ে যোগ দেন। সর্বশেষ ধর্ম মন্ত্রনালয়ের সচিব হিসাবে ১৯৯৮ সালের ২৫ শে ফেব্রুয়ারী তার কর্মমুখর জীবনের সমাপ্তি টানের।
ওনাকে আমি পেয়েছি দেখেছি খুব কাছ থেকে সচিব থাকার সময়ে। তার আগেরটুকু আমি দেখিনি। তাই আমিও খুঁজি আগ্রহভরে ওনার সবকটা কর্মের শোপান। যে যেখানে যা জানেন ওনার কথা তাই আহরণ করি ভক্তি করে।
বাবার সাথে আমার পরিচয় হয় আমার বিয়ের বছরে, বিয়ের কারণে।
ওনার ছোট ছেলের সাথে আমার বিয়ে না হলে আবদুশ শাকুর কে হয়তোবা আমার জানা হয়ে থাকতো বাংলাদেশ সরকারের একজন সচিব, সাহিত্যিক, সঙ্গীত বিশারদ, গোলাপ- জ্ঞানী, কিংবা সমাজের সুপরিচিত পুরোধা পণ্ডিত হিসেবে। মানবিক শ্বশুর হিসেবে চেনা আমার হয়ে উঠতো না তাঁকে তার সংসারে একজন হয়ে জীবনযাপন করা না হলে। দিনে দিনে প্রতিদিনে চিনেছি জেনেছি বুঝেছি আর দেখেছি অবিশ্বাস্য সুন্দর অমিয়ধারাকে। কঠিন আবরণে মোড়া নীতিবান এক ন্যায়পাল আবদুশ শাকুরের ভেতরে প্রবাহমান এক হৃদয়বান মানুষকে দেখে বারে বারেই মোহিত হয়েছি। শুধু হৃদয়বান হন হয়তোবা অনেকেই, কিন্তু তার সাথে যখন যুক্ত হয় বিশ্লেষণের প্রখরতা, জ্ঞানের আলো, সহমর্মিতা, প্রত্যুৎপন্নমতিতা আর ক্ষমা ও দানের অবিস্মরণীয় সমাহার তা অবশ্যই হয়ে ওঠে অনিবার্য সুন্দর। নিঃসন্দেহে সব পরিবারেই সব শ্বশুর স্বামী বাবা এমন হন না তা জানি, তাই আমি যা দেখেছি যেভাবে জেনেছি আমার শ্বশুরকে তার খানিক কিছুতে না হয় আপনাদেরকেও সঙ্গী করলাম।
ওনার সাথে আমার প্রথম আলাপ ফোনে। ফোন করে আমাকে জিজ্ঞেস করলেন, রুবা তুমি কি পড়ে যাচ্ছ? ছেলে-মেয়েতে দেখাদেখি হবে। আমার আব্বু ওনার সাথে কথা বলছিলেন ফোনে। ফোনটা আমাকে দিয়ে বললেন, কথা বলতে, আমি সংকোচের সাথে আসন্ন পাত্রের বাবার সাথে কথা বললাম। তখনও জানি না ওনার পরিচয়, পরিচিতি। প্রথম কথাই বললেন, রুবা, তুমি কি পড়ে যাচ্ছ ছেলে দেখতে। যেন বহুকাল ধরে উনি আমাকে চেনেন। আমি বললাম সালোয়ার কামিজ। উনি বললেন, না না শাড়ি পরে যাও। পরে জেনেছিলাম উনি আমার শ্বশুড়ি নননাসদের কাপড়-চোপড় সব সময় বাছাই করে দিতেন, ওনার পছন্দ ছিল সব ব্যাপারে নিখুঁত, পোষাক বাছাইতে রুচিবোধের প্রখরতার ছাপ সব সময়ই রাখতেন। বিয়ের পরেও বহুবার শুনেছি ওনাকে বলতে, সবচেয়ে অসুন্দর সচিব অথচ সব সময় সুন্দর সাজে সবখানে উপস্থিত। আমি হাসতাম, বাবা যে কত সুন্দর বাবা নিজে যদি তা জানতেন। উনি শুধু পোষাক নির্বাচন করেই বসে থাকলেন না আমাকে জিজ্ঞেস করলেন কোথায় ছেলে দেখবো। যেন উনি মেয়ে পক্ষ। মনে এলো সংসদ ভবন, বললামও তাই। উনি এতেও খুব খুশি। বললেন,সবচেয়ে ভাল জায়গাটাই নির্বাচন করেছ। আমি জানতাম না তখনো যে আমি যাই করবো তাই উনি শ্রেষ্ঠ বলে মতামত দিয়ে যাবেন পরবর্তীতেও। উনি বললেন, আমি যখন পার্লামেন্ট ভবনে কাজ করতাম তখন দেখতাম ওখানে জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে বিয়ের কথা বলতে গেছে। আমি হেসে ফেললাম। জোড়ায় জোড়ায় ওরা প্রেম করতে গেছে। বাবা সুন্দর করে আমার দলে সবাইকে ফেলে দিলেন।
আমার বিয়ের দিন বাবা বলে পাঠিয়েছিলেন, এক ফোটাও অশ্রুজল যেন না ঝরে। সব বাঙালি মেয়েই কাঁদে। তাই আগ বাড়িয়ে উনি যেন আমার কান্না থামাতে ব্যস্ত হলেন। সেই থেকে শুরু। বলেছিলেন, উনি দেখতে চান যে মেয়েটিকে বাড়িতে আনছেন নির্বাচন করে সে যেন আসে হাসতে হাসতে। By default আমি জন্মে যাইনি ওনার বাসায়। আমি মনোনীত হয়েছি ওনার কন্যা হতে। সেই যে হাসিমুখে ঢুকলাম ওই বাড়ির বৌ হয়ে, ওনার মেয়ে হয়ে তারপর থেকেই শুরু হলো আমার মুগ্ধতা। বিস্ময়কর একজন অপূর্ব সম্মোহনী শক্তির বাবাকে লাগাতারভাবে আবিষ্কার করে যেতে লাগলাম। সীমাহীন ব্যপ্তি যেন তার আকর্ষণের, জ্ঞানের গভীরতায়, স্মরণশক্তির প্রখরতায়, মেধা ও মননের অপূর্ব সমারোহ যেন তার মাঝে। সোনার আলোয় ভরিয়ে রেখেছিলেন পুরোটা সময় চারদিকের সবাইকে, আমাকে, আমাদেরকে।
আমার সব ব্যর্থতাকে ঢেকে দিতেন ওনার উদারতায়। আমার সব ক্ষুদ্রতাকে ভরিয়ে দিতেন ওনার বিশালতায়। বাংলাদেশের আর দশটা বিয়ের মতন আমার বিয়েতেও নানা মুনীর নানা মত। কিন্তু বাবা অনড়। পুত্রবধু হবে দিলরুবাই। ওনার মতে দুটোই ক্লাসিক নাম, এরকম মিল আর পাওয়া যাবে না। অনেকে বললো, রং অত পরিষ্কার না। বাবা বললেন, আসল হীরেতো সাদা হয় না। ও হলো ডায়মন্ড। আমি তো লজ্জায় মরি। কেউ বললো চেহারা অত ভাল না। বাবা হেসে বললেন, চাঁদেরও দাগ আছে। আমি চাঁদ নই তারপরও উনি আমাকে দিলেন বিশাল এক আকাশ, আমার আবাস, নিবাস, ঠিকানা, আশ্বাস আর ভালবাসার বন্ধন।
ধানমন্ডীর ২ নম্বর রোডের ১২ নম্বর বাসায় উঠে এলাম বাবা-মা আর স্বামীর সংসারে। বাবা তখন সচিব। আমি বুয়েটে পড়ছি। আমার স্বামী ছিলেন তৎকালীন অর্থমন্ত্রীর A.P.S। তাকে অফিসে আনতে নিতে সরকারের গাড়ি আসতো। কিন্তু সে খুব নারাজ আমাকে সরকারি গাড়িতে বুয়েটে নামাতে। বাবা আমাকে সাথে নিতেন। নামিয়ে দিতেন। প্রায়ই তিনি ফ্যাকাল্টির সামনে অপেক্ষা করতেন। আমার ক্লাস শেষ হওয়ার জন্য। আমার সহপাঠীরা অবাক হয়ে ভাবতো এত ভাল শ্বশুর আমি পেলাম কেমন করে!!! আমিও আকুলি বিকুলি করে খুঁজে বেড়াতাম কবে কার জন্য এত করেছিলাম যে এত সোয়াব আমার হয়েছে এমন একজন শ্বশুর পাওয়ার! আমার সৌভাগ্যে আমি নিজেই বিমোহিত।
চাকুরিতে যখন ঢুকলাম, অফিসের কাজে ঢাকার বাইরে গেলেই বাবা এসে অপেক্ষা করতেন ফিরিয়ে নিয়ে যেতে আমাকে ট্রেন বা বাস স্টেশন থেকে। দেরী হলে বলতেন, একজন সচিবকে তুমি দুইঘণ্টা বসিয়ে রেখেছো, তোমার সম্ভবত দেশের প্রধামন্ত্রী হবার কথা ছিল! ওনার কষ্ট হয়েছে ভেবে কষ্ট পেতাম কিন্তু অবাক হতাম ভেবে এত ভাল কেন আমার বাবা।
ওনার ফুলের বাগানের সব ক'টা গোলাপের সাথে আমার পরিচয় করিয়েছিলেন। নিসর্গপ্রিয় এই মানুষটি যেন প্রতিটি গোলাপের ছিল বড় আপনজন। নিমগ্র ছিলেন গোলাপের সৌরভে, জানতেন না হয়তোবা উনি যে তিনি নিজেই এতোটাই বা ততোধিক সুরভিত। গোলাপের পাতায় উনি পেতেন চা'পাতার সুগন্ধ, আমি ওনাতে পেতাম গোলাপের সুবাস।
প্রতি সন্ধ্যায় উনি গাইতে বসতেন। আপনমনে। নিজের মতন করে নিজের জন্য গাইতেন। সুরের সে মুর্ছনায় কি যে আমেজ বয়ে আসতো ঘরময়!! অনেক রাত পর্যন্ত কানে আসতো বাবার দরদী কণ্ঠ। কী উদাত্ত সম্মোহনী এক মায়াবী সন্ধ্যা আর রাত আসতো আমাদের জীবনে। আমাদের বাসার কাজের ছেলে মেয়েগুলোও আস্তে আস্তে হয়ে উঠতে লাগলো গায়ক তানসেন যেন।
কাজের লোকজনের প্রতি তার ভালবাসা ছিল অসম্ভব প্রগাঢ়। আমার শ্বাশুড়ি ছিলেন তার প্রাণপ্রিয় অথচ তার সাথে একটি বিষয়েই বিবাদ ছিল তা হচ্ছে কাজের মানুষদের জীবন যাপন পদ্ধতি। বাবা চাইতেন অতি পরিমার্জিত জীবন যাপন ব্যবস্থা তাদের জন্য। গৃহভৃত্য নয়, তারা বাসার পরিচালক। গৃহকে পরিচালনা করে। একদিন অফিস থেকে এসে দেখলাম ডিম ভাজা হচ্ছে ক্রমাগত। অবাক হয়ে কারণটি জানলাম, একটা ডিম ভেজে তিনজন 'গৃহসেবক' নাস্তা করেছে। উনি এটা চুড়ান্ত অপছন্দ করেছেন। তাই এই ব্যবস্থা। যতক্ষণ পর্যন্ত না মন ভরে ততক্ষণ পর্যন্ত ওরা সবাই বিভিন্ন ফর্মে ডিম খাবে। আসতে যেতে ড্রাইভার, চাপরাশি, দারোয়ান, মালী, বাবুর্চি সুইপার, বেল বয় সবাই ডিম খেতে লাগলো। আমিও তাজ্জব হয়ে টেবিলে বসে ভেবে কুল পাচ্ছিলাম না ডিমের কোন ধরনের মামলেট-ওমলেট খাব। এত ধরনের আয়োজন টেবিল জুড়ে।
ভোজনরসিক অবশ্যই বাবা ছিলেন না কোন কালেই। তবে আমি যখনই কিছু রাধতাম বাবা সাথে সাথেই ঘোষণা দিতেন ওটাই সবচেয়ে ভাল হয়েছে। অথচ হয়তোবা লবন হয়নি, মরিচও না, তারপরও বাবা ভাবতেন তার রুবার রান্নাই সবচেয়ে মজার। ওনার ভাল লাগাতে আমার সব খারাপ ঢাকা পরে যেত।
একবার বেশ আগে, তখন সবেমাত্র ঢাকায় মাইক্রোওয়েভ এসেছে, আমার সৌখিন বাবাও সাথে সাথে তা কিনে আনলেন। আর আমিও কাজের লোকজনদের নতুন জিনিসটা ধরতে না দিয়ে নিজেই খাবার গরম করতে গিয়ে দিলাম আমার শ্বশুড়ির খুব প্রিয় হলুদ রংয়ের একটা নেদারল্যান্ড থেকে আনা কনটেইনারের ঢাকনা বাকা করে। বাবা সাথে সাথে বললেন এটা খুবই ভাল একটা কাজ হয়েছে। এতদিনের পুরাতন জিনিসটা থেকে পরিত্রাণ পেলাম। তবে তোমার শ্বাশুড়ি দেখার আগেই ফেলে দাও। কিন্তু ততক্ষণে আম্মা চলে এসেছেন। বাবা খাবার টেবিলে বসে থাকা আমার নিরাপরাধী স্বামীকে দেখিয়ে বললেন, এটা ইমতিয়াজের কাজ। ওকে কে বলেছে মাইক্রোওয়েভ ধরতে। আম্মা অগ্নিদৃষ্টি মেলে ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই আমার এই জিনিসটা নষ্ট করলি!
ছেলেও সাথে সাথে বললো, দেখতে চাচ্ছিলাম ঢাকনা কিভাবে বাকানো যায়। দেখা হয়ে গেছে। এবার ফেলে দেয়া যেতে পারে কনটেইনারটাকে।
আম্মা খুব বিরক্তভঙ্গীতে নিজের রুমের দিকে চলে যেতে যেতে আমাকে ডাকলেন। বাবাও খাওয়া ছেড়ে উঠলেন আমার সাথে যেতে। আমাদের দুজনকেই একসাথে দেখে আম্মা আরো বিরক্ত হয়ে বললেন, তোমার পুত্রবধুকে কি আমি খেয়ে ফেলবো? বাবা সে কথার জবাব না দিয়েই সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন, আমি ওটা বাকিয়েছি। আরো বাঁকাবো। সব ক'টা কনটেইনারের ঢাকনা বাঁকাবো। কেউ আমার কিছু করতে পারবে না। আম্মা কোন কথার জবাব না দিয়ে চেয়ে আছে দেখে বাবা চলে গেলেন। ওনার জেতার সম্ভাবনা কম সেটা উনি এবং আমি দু'জনাই জানি। বাবা চলে যেতেই আম্মা ফিক করে হেসে দিলেন, বললেন, রূপসী আমার কাছেও জীন আছে। আমিও জানি কে কি করছে কোথায়? যাও বাকি ঢাকনাগুলোও তুমি বাঁকিয়ে শ্বশুরের নাম দাও গে। আম্মা আমাকে আদর করে 'রূপসী' ঢাকতেন। এই এক ডাকে ডাকা পড়ে যেতো আমার সব অ-রূপ,কু-রূপ।
আম্মার ধারণা ছিল বাবার কাছে জীন আছে। প্রায়ই বলতেন, পড়ে থাকে ঐ ঘরের কোণায় বইয়ে মুখ গুজে অথচ পুরো ঘরের খবর জানেন। আসলেই তাই। একদিন তাই বাবাকে খুব বেয়াকুবের মতন জিজ্ঞেস করেই বসলাম, বাবা জীন আছে কি আপনার কাছে? বাবা অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ। হয়তোবা ভাবছিলেন, রুবা -টা কোন জমানার মানুষ। তারপর হাসতে লাগলেন, বললেন চিন্তাশীল মন, সংবেদনশীল অনুভূতি, সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে জানলে সবকিছুই পরিষ্কারভাবে বোঝা যায়। জীন লাগে না।
এবং এর সবকিছুই ছিল পরিপূর্ণ মাত্রায় ওনার মাঝে। বড় দরদী ছিলেন অভাগার বেদনায়, ব্যথিত হতেন দুঃস্থের কাতরানোয়, বলীয়ান ছিলেন প্রচণ্ডভাবে নিজের মেধায় ও শক্তিতে। কত মানুষকে যে উনি দাড় করিয়ে দিয়েছিলেন সাহায্যের হাত বাড়িয়ে। যে-ই অসহায় তার পাশেই উনি ছিলেন।
একবার এক দাওয়াতে যাওয়ার আগে নিজের ব্লাউজের সাথে আম্মারটাও ইস্ত্রী করতে গিয়ে দিলাম তা পুড়িয়ে। হায় হায় কি করি এবার! কিন্তু পুড়ে যাওয়া ব্লাউজের ফাক দিয়ে দেখা মিললো বাবার আশ্বস্ত চোখ। আম্মাকে সাফ জানিয়ে দিলেন এই শাড়ি পরে ওনার সাথে যাওয়া চলবে না। কারণ ওটা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম শাড়ি। আমাকে টাকা দিয়ে বললেন গোপনে আরেকটা ব্লাউজ বানিয়ে এনে জায়গা মত রেখে দিতে। তখন উনি ঘোষণা দিবেন এটাই শ্রেষ্ঠ শাড়ি এবং আম্মাকে পরিয়ে পরের দাওয়াতে নিয়ে যাবেন। এতে করে আম্মা যে গোলকধাঁধায় পড়বে তা ভেবেই বাবা খুব আনন্দিত হলেন। হাসতে লাগলেন। আহা আমার বাবা, সূক্ষ্ম রসের বড় সমজদার এক মানুষ ছিলেন। বাবা সব সময়ই আমার পক্ষে সব ব্যাপারে চোখ বন্ধ করে ছিলেন কিন্তু আমি সব সময় থাকতাম আমার শ্বাশুড়ির পক্ষে। যে কোন মতবিরোধে আমি অন্ধের মতন দাড়াতাম আম্মার পাশে। কারণ আমি অনুভব করতাম বাবা এটাই বেশি পছন্দ করতেন যে আমি তার লায়লীর বড় একজন সাপোর্টার।
কবরও কিনে রেখেছিলেন আম্মার পাশেই। ১২টি বছর কি নিঃসঙ্গ একাকী জীবন পার করলেন ঐ ঠিকানায় পৌঁছাতে। ওনার কবরের কাগজপত্রের উপর লিখে রেখেছিলেন, 'মৃত লায়লা ও জিন্দা শাকুরের কবরের কাগজপত্র'। পাশাপাশি শুয়ে আছেন এখন। বড় জানতে ইচ্ছে হয় বাবা কি আমার ব্লাউজ পোড়ানোর কীর্তি ফাঁস করে দিয়ে আম্মার কাছে হাসছেন?
নিয়ে রাখা হয়নি একটি লিস্ট। ওনার কাছে একটা লিস্ট ছিল তাতে হিসেব আছে পৃথিবীর সব বিখ্যাত ব্যক্তির যাদের শুধু মাত্র একটিই কন্যা সন্তান আছে/ছিল। শ্বশুর হয়ে সনাতন মানুষের মতন ক্রমাগত পুত্র সন্তানের জন্য তাগাদা না দিয়ে বরং প্রতিনিয়ত বলেছেন কন্যা কত লক্ষ্মী, কত সৌভাগ্যের বাহক। নারীকে সুশিক্ষায় সুসজ্জিত করে নিজের পায়ে দাঁড় করানোই প্রতিটি পিতামাতার কর্তব্য বলে বরাবরই এই উপদেশ এবং বিশ্বাসের বীজ আমাদের মাঝে ছড়াতেন। নারী পুরুষে ভেদাভেদ করতেন না যেমন, তেমনি পার্থক্য করেননি কন্যা আর পুত্রবধুতে।
আমিও তাই বহুবারে জন্মাতে চেয়েছি ওনারই পুত্রবধু হয়ে, উনিও তাই একবারেই বহুবারের আমেজ আমায় দিয়ে গেছেন। স্রষ্টার এই অবিশ্বাস্য সুন্দর সৃষ্টি প্রতিনিয়ত যেমন মুগ্ধ করেছে আমাদেরকে, প্রার্থনা করি স্রষ্টাও যেন তেমনি নিজের সৃষ্টিতে নিজেই মুগ্ধ হয়ে তাঁকে বেহেস্ত নসীব করেন।
