মান্নান সৈয়দ সম্পর্কে তার সহধর্মিনী সায়রা সৈয়দ: “যে পরিমাণ পরিশ্রম তিনি করেছেন সাহিত্যচর্চায় তার অনুপাতে তিনি কিছুই পান নি”
গত পাঁচই সেপ্টেম্বর ছিলো বহুমুখী ও অতিপ্রজ লেখক আবদুল মান্নান সৈয়দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার সাহিত্যকর্মের বাইরে ব্যক্তি মানুষটির জীবন ও সংসার যাপন সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। এ বিষয়ে জানতে গত ৮ সেপ্টেম্বর বিডিনিউজটোয়েন্টিফোরডটকম-এর পক্ষ থেকে আমরা মুখোমুখি হয়েছিলাম লেখকের স্ত্রী সায়রা সৈয়দের। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম-এর পাঠক পাঠিকার জন্য সায়রা সৈয়দ এই প্রথম আবদুল মান্নান সৈয়দের পারিবারিক ও ব্যক্তি জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। বি.স.
বিডিনিউজ: আপনার পুরো নামটা একটু বলবেন?
সায়রা সৈয়দ: আমার ভাল নাম সায়রা সৈয়দ। শুধুই সায়রা সৈয়দ।
বিডিনিউজ: মান্নান ভাইয়ের সাথে আপনার প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল?
সায়রা সৈয়দ: প্রথম পরিচয়টা হল ওই যে ঢাকা মিলিটারি কলেজ আছে না? ওইখানে আমার এক ভাই পড়তো। ওইখানে একদিন একটা কনফারেন্স মত ছিল। সেখানে আমার ভাই আমাকে যেতে বলেছিল। আমাকে একা না, সাথে আমার বোন আর আমার এক ভাই ছিল। আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানেই তাকে প্রথম দেখেছিলাম। ওনার কিছু বন্ধুবান্ধব এসেছিলেন সাথে। ওইসময় দেখা করতে গিয়ে উনিও আমাকে দেখছে আমিও উনাকে দেখছি। তারপরে, দেখার পরে আমি তো আর উনাকে চিনি নাই যে উনি সেই মানুষ। যদিও উনি ছিলেন আমার চাচাতো ভাই। কিন্তু উনাদের সাথে অতটা ক্লোজ আমরা ছিলাম না।
বিডিনিউজ: আপনার আপন চাচাতো ভাই?
সায়রা সৈয়দ: হ্যাঁ। কিন্তু আমাদের সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। আমি তার আগে উনাকে আর কখনো দেখি নাই। এভাবে আমাদের দেখা হয়েছে। দেখা শেষে আমি তো বাসায় চলে গেছি। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমরা ভাইবোনরাও আমাদের বাসায় চলে আসছি। এই ঘটনার তিন-চার দিন কি এক সপ্তাহ পরে আমার শ্বাশুড়ি আমাদের বাসায় গিয়েছিলেন। যাওয়ার পরে আমার বোনকে বলল, তোমাদের ওই যে ছোট্ট একটা বোন আছে না রানু নামের? আমার বাসার নাম কিন্তু রানু।
বিডিনিউজ: আচ্ছা।
সায়রা সৈয়দ: আমার শ্বাশুড়ি আমার বোনকে বললেন, তোমাদের যে একটা ছোট বোন আছে না রানু, ওর কি বিয়ে হয়ে গিয়েছে? আমার বোন বলল যে, না এখনো বিয়ে হয় নাই। তখন তিনি বললেন যে, তাহলে আমাদের ছেলে–আবদুল মান্নান সৈয়দের কথা বললেন–যে তার জন্য আমি বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি, তোমরা রাজি আছ নাকি? তো আমার বোন বলল যে, আমি তো একা কথা দিতে পারব না, আমার আরও অনেকগুলো বোন আছে, বড় ভাই আছে। তারা সবাই আসুক, তাদের সাথে আলাপ করে জানাব। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, উনি তখন অফিসে ছিলেন। আমার আব্বা তখন বেচেঁ নেই। তিনি আরও আগেই মারা গেছেন। আমার বোন বলল যে আমরা সবাই একটু কথা বলি, আলাপ-আলোচনা করি, তারপর আপনাদের জানাব। এরপর আমার ভাইরা আসল, আমার বোনরা সবাই একসাথে একদিন মিট করল। সবাই কথা বলে ঠিক করল যে এই বিয়েটা হবে না। কারণ যে ভাইয়ের সাথে, মানে আমার অব্বার ভাই, আমাদের চাচা, যাদের সাথে এতদিন ধরে কোনো যোগাযোগ নেই, তেমন একটা সম্পর্ক্ নেই, দরকার নাই আবার এসব ঝামেলা-টামেলা করার। সম্পর্ক্ যখন আগেই ছিল না তখন আর দরকার নাই নতুন করে সম্পর্কে জড়ানোর। মনে মনে আমরা প্ল্যান করছি যে আমরা এটা নিয়ে আর এগোবে না। আর কোনো কথাই বলব না। যদি আমরা আর কথা না বলি বা যদি আর ফোন-টোন না করি তাহলে তো আর কথা আগাবে না। আমার ভাইয়ের ওদের সাথে কথা বলার কথা ছিল। ওরা আমার ভাইকে বলেছিল আমাদের মতামত ওদেরকে ফোন করে জানাতে। তো আমার ভাই আর ওদেরকে ফোন করে নাই। এর মধ্যে আমার ভাসুর আমাদের বাসায় এলেন। উনি ছিলেন ডাক্তার। উনি এখন আর বেচেঁ নাই। উনি এসে বললেন যে দেখ, আমি তো সম্পর্কটা নতুন করে তৈরি করতে চাচ্ছি। যে সম্পর্কটা ছিল না সেটা আমরা আবার নতুন করে তৈরি করতে চাচ্ছি। আমার শ্বশুড় তখন বেচেঁ ছিলেন। আমার ভাসুর বললেন যে, আব্বা বলছে, মানে আমার শ্বশুড় বলছেন যে ভাই তো আর বেচেঁ নাই, কিন্তু ভাইয়ের একটা মেয়েকে যদি আমরা নেই তাহলে ভাই থাকলে তিনি নিশ্চয় খুশি হতেন। এরপরে মানে আমার ভাসুরের কথায় আমরা সবাই রাজি হই। এই আরকি। তারপর যেটা হয়, পারিবারিকভাবে যেভাবে বিয়ে হয় সেভাবে আমাদের বিয়েটা হয়েছে।
বিডিনিউজ: এটা কোন সময়ের কথা?
সায়রা সৈয়দ: এটা ১৯৭৩ সালেন কখা। যুদ্ধের পরে। আমি তখন পড়তাম বক্সিবাজার কলেজে। ইন্টারমিডিয়েটে।
বিডিনিউজ: প্রথম উনাকে দেকে আপনার কেমন লেগেছিল?
সায়রা সৈয়দ: তখন উনি ছিলেন একবারেই আত্মভোলা একজন মানুষ। কোনো কিছুর দিকে তার তখন কোনো খেয়াল নাই। বড় বড় চুল আর দাড়ি ছিল। শরীরের একেবারেই কোনো যত্ন-টত্ন নাই এরকম একটা চেহারা। একবারেই ভাবুক টাইপের আর কি। এখন বিয়ের পর মানুষের একটা সংসার জীবন হয়। তখন ওর বোনরা বলল যে তুই এখনও এইভাবে থাকলে লোকে কী বলবে? তুই সংসারি হ। তখন তিনি আস্তে আস্তে তার অভ্যাস পরিবর্তন করলেন। দাঁড়ি-গোফ সব কামিয়ে ফেললেন। চুলটা সুন্দর করে কেটে ছোট করলেন। তখন তাকে দেখতে অনেক কম-বয়স্ক দেখাল। উনার চুল-দাড়ির জন্য তাকে দেখে বয়স বোঝা যেত না। মনে হতো বুঝি একশ বছর বয়স! প্রথম প্রথম ও ঘরে ফুলপ্যান্ট পড়ে থাকত। ফুলপ্যান্ট আর পাঞ্জাবী। পরে বোনদের কথা শুনে আস্তে আস্তে নিজেই চেঞ্জ করেছিলেন এসব অভ্যাস।
বিডিনিউজ: তখন কি আপনি তার লেখক পরিচয়টা জানতেন?
সায়রা সৈয়দ: ওইভাবে জানতাম না। এমনিতে শুনেছিলাম যে উনি লেখেন। কিন্তু আমার তো বিয়ে হয়েছে উনি টিচার এই পরিচয়ে। উনি তখন জগন্নাথ কলেজের টিচার ছিলেন। বিয়ের সময় তো যেটা দেখা হয় যে ছেলে কতটা স্টাবলিশ আর কি। উনি প্রফেসর মানুষ, টিচার মানুষ, এটার আলাদা একটা মর্যাদা। অন্যরকম একটা সম্মান, তাই না? এই আর কি। তবে উনি যে লিখতেন এটা আমি শুনেছিলাম বিয়ের আগে। উনার লেখালেখি নিয়ে বাসায় আলোচনা হয়েছিল বিয়ের সময়। আমি জানতাম যে উনি লেখেন। কিন্তু উনি যে লেখেন এবং লেখক হিসেবে যে এত নাম করবেন সেটা তো আর তখন জানতাম না। আর প্রথম প্রথম আসলে লেখার ব্যাপারে তার এত আগ্রহও ছিল না। আমি কিন্তু দেখিনি। লেখালেখির আগ্রহটা আমি তার মধ্যে আরও পরে দেখেছি। পরবর্তীতে একটা সময় দেখলাম যে লেখার ব্যাপারে তার বেশ আগ্রহ। মানে লিখতে লিখতে লেখার ভিতরে উনি এতটাই মনোনিবেশ করলেন, এতটাই পরিশ্রম করলেন যে সে অনেক ভালো ভালো কাজ করতে পেরেছেন। একটা জিনিস যদি কেউ অনেক চর্চা করে, অনেক খাটা-খাটনি করে তখন তো সে বিষয়ে তার একটা সফলতা আসে। একটা সময়ে এসে তিনি তার লেখালেখির জায়গাটায় এমন এক জায়গায় এসে প্রতিষ্ঠিত হয়েছেন যে এখন ওনার কারনে এখানে বসে আপনাকে ইন্টানভউ দিচ্ছি। এমনকি বাইরে গেলেও তো উনার অটোগ্রাফ নেয়ার জন্য সবাই ভীড় করত। স্কুল কলেজের তরুণ ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, উনার জগন্নাথের প্রচুর ছেলে-মেয়ে তো আমাদের বাসায় আসত। উনার লেখার ভক্ত ছিল ওরা। এমনকি উনি যদি একদিন ক্লাসে না যেতেন তো ছেলেমেয়েরাই বাসায় চলে আসত উনার সাথে দেখা করতে।
বিডিনিউজ: বিয়ের পরে যখন তার লেখক পরিচয়টা পেলেন তখন কেমন লেগেছে?
সায়রা সৈয়দ: তখন স্বভাবিকভাবেই আমার একটু অন্যরকম ভালো লেগেছিল। বেশ একটু গর্ব্ বোধ হয়েছিল যে এতবড় নামকরা একজন প্রতিষ্ঠিত লেখকের স্ত্রী। এত নামডাক, চতুর্দিকে এত হাকডাক, এরকম একটা মানুষের বউ হতে পেরে আমি নিজেকে অবশ্যই অনেক সৌভাগ্যবান বলে মনে হয়েছে।
বিডিনিউজ: উনার ব্যাক্তিজীবন সর্ম্পকে একটু বলবেন?
সায়রা সৈয়দ: ব্যাক্তিজীবনে উনি একটু অভিমানী ছিলেন আর হৃদয়বান তো ছিলেনই। উনি মানুষকে অসম্ভব ভালোবাসতেন। আর একটুতেই খুব আঘাত পেতেন। উনি সবার সাথে এত বেশি ক্লোজভাবে মিশতেন, এত বেশি আন্তরিকতা দিয়ে মিশতেন যে সেই জায়গায় যদি কেউ আঘাত করত তাহলে তা তিনি সহ্য করতে পারতেন না। উনি চাইতেন উনি যাকে যেভাবে ভালবাসতেন তারা যেন তাকে সেই ভালোবাসাই রিটার্ন্ দেয়। এর অন্যথা হলে উনি খুব কষ্ট পেতেন। এটা উনি সহ্য করতে পারতেন না। আর একটু রাগ ছিল। এখন রাগ তো সবারই থাকে। মানুষ মাত্রই তার রাগ থাকবে, উনিও তার উর্ধ্বে ছিলেন না। তবে সব সময় যে তার রাগ দেখতাম তা না। রাগ করতেন লেখালেখির সময়। ওই সময় তাকে কেউ কিছু বললে একটু বিরক্ত হতেন, রাগ করতেন। যেমন হযতো লেখালেখি করছেন এমন সময় হয়তো আমি তাকে বলেছি কিছু লাগবে বা কিছু করতে হবে তখন তিনি একটু রাগ করতেন। বলতেন যে এখন না বলে তুমি যদি একটু পরে বলতা, আমি তো এখন লেখায় মনোযোগ দিয়ে ফেলছি, তুমি এখন আমাকে বলছ এই কথা–এরকম আর কি। আরেকটা হল উনি যাকে পছন্দ করতেন না, উনার কাছে তো অনেক লোকজন আসত, উনার ভক্তরা আসত, লেখক বন্ধুরা আসত, তারপরে পত্রিকার লোকজন আসত, তো যাকে তিনি পছন্দ করতেন না তাকে একেবারেই সহ্য করতে পারতেন না। আবার যাকে পছন্দ করতেন তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেন, আড্ডা দিতেন। উনি একটু আড্ডাবাজ ছিলেন। আড্ডা দিতে খুব পছন্দ করতেন। উনার আরেকটা স্বভাব ছিল উনি উনার বন্ধুদের সাথে ফোনে খুব গল্প করতেন। ঘন্টার পর ঘন্টা উনি টিএন্ডটি ফোনে তার বন্ধুদের সাথে আলাপ করতেন। একক সময় দেখা যেত গল্প করতে করতে বেলা গড়িয়ে গিয়েছে। উনার খাওয়া-দাওয়া কিছুই হয় নি, এরকমও হয়েছে অনেক।
বিডিনিউজ: আর সংসার জীবন?
সায়রা সৈয়দ: সংসার জীবনে উনাকে আমি অসম্ভব দায়িত্ববান একজন মানুষ হিসেবে পেয়েছি। বললে বিশ্বাস করবা কি না জানি না আমাকে কখনই সংসারের কোনো দায়িত্ব নিতে হয় নি। আমি কিন্তু কখনো উনাকে ছাড়া কোথাও বের হই নি। মার্কেট করা লাগবে কি কাঁচাবাজার করতে হবে সবকিছুই উনি আমাকে নিয়ে করতেন। আমি কিন্তু এখন মাঝে মাঝে একা বের হচ্ছি, এখন উনি নেই বলে। কিন্তু উনি কখনো আমাকে একা কোথাও বেরোতে দিতেন না। উনি বলতেন যে তুমি তো সৈয়দ বাড়ির মেয়ে, আমরা তো সৈয়দ বংশ, উনি বলতেন যে তুমি সৈয়দ বাড়ির মেয়ে আমরা তোমাকে নিয়ে আসছি, আমার আম্মা বলেছেন যে বউকে কোথাও বের করবা না। বের করবা না বলতে যে বাইরে যাওয়া যাবে না সেটা না, মানে বেরাতে নিয়ে যাবা। অর্থাৎ তুমিই বেড়াতে নিয়ে যাবা, তুমি মার্কেটে নিয়ে যাবা, এটা আর কি। এখন তো আর এটা কেউ মানে না তাই না? মেয়েরা সবাই সবখানে যায়, ছেলেরা বাইরে চাকরি-বাকরি করে আর মেয়েরাই তো সংসারের সব কাজ সামলায় কিন্তু আমাকে উনি কখনো একা ছাড়তেন না। আমার যখন যা দরকার খালি মুখ দিয়ে বলতে হত তাহলেই উনি সব যোগাড় করে দিতেন। উনি আমাকে আর আমার মেযেকে অনেক সময় দিয়েছেন। একটাই তো মেয়ে আমাদের, শম্পা। উনি আমাদেরকে নিয়ে অনেক ঘুরতেন। উনি ফ্রি থাকলেই আমাদেরকে ঘুরতে নিয়ে যেতেন, সিনেমা দেখতে নিয়ে যেতেন, পার্কে ঘুরতে নিয়ে যেতেন। তবে হ্যাঁ, উনার বন্ধুবান্ধবদের বাসায় আমি খুব বেশি যাই নাই আর আমার বাবার বাড়িতেও বিয়ের পরে আর খুব বেশি যাওয়া হয় নাই। উনি আত্মীয়-স্বজনদের বাড়িতে খুব একটা যেতেন না। কিন্তু এমনি অন্যান্য জায়গায অনেক ঘোরাঘুরি করতেন। আর যেখানেই যেতেন উনার সবসময় হাতে এটা খাতা আর কলম তো থাকতই। যখনই যা মনে হতো হয়ত ছোট করে একটা নোট নিয়ে ফেলত। হয়ত কবিতা লিখল কি গল্পের হয়তো একটা লাইন লিখে ফেলল বা কোনো উপন্যাসের একটা প্লট লিখে ফেলল্। আমাকে উনি একটা কথা বলেছিলেন যে দুই মেরু কখনো এক জায়গায় থাকতে পারে না তাই উনি আমাকে কখনো সাহিত্যের জগতে আসতে বলতেন না। আমি আবার গান শিখতাম, উনি বলতেন তুমি তোমার গানের চর্চা কর আর আমি আমার সাহিত্য নিয়ে থাকি। উনি আমাকে উনার সাহিত্যজীবনের সাথে ততটা ইনভলভ্ করেন নি। কিন্তু উনি একটা কাজ করতেন, লেখার সময় মাঝে মাঝে আমাকে ডেকে নিতেন। উনি যেখানে খুশি বসে বসে লিখতেন, হয়ত ড্রয়িং রুমে কি বেডরুমে বা ডাইনিং রুমে বসে বসে লিখছেন তো আমাকে ডেকে তার সামনে নিয়ে বসাতেন। হয়ত সে কোনো বড় উপন্যাস কি গল্প লিখছেন তো আমাকে বলত, বসে শোনো আমার লেখাটা, তোমার মন্তব্য বলো লেখাটা কেমন হয়েছে বা এই জায়গাটা কি ঠিক আছে, এরকম আর কি। তো আমিও আমার মত তাকে বলতাম যে এই লাইনটা ভালো লাগছে না বা এটা ঠিক যাচ্ছে না, তুমি এটা চেঞ্জ করো, এরকম। মাঝে মাঝে উনি নাম নিয়ে বেশ চিন্তায় পড়তেন। কোনো একটা কবিতা বা গল্পের কী নাম দেবেন ঠিক করতে পারতেন না। আমার কাছে আধুনিক নাম চাইতেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে উনি লেখা কেমন হয়ছে এটা জানতে চাইতেন। লেখালেখির ব্যাপারে আমাকে এইভাবে ইনভলভ করেছেন। আর বাসার সব আলমারীর তালা-চাবি আমার কাছেই থাকত। উনার যখন যে বই দরকার আমিই তালা খুলে তাকে বের করে দিতাম। উনি সব কিছু নিয়ে একবারে বসে কাজ করতেন। একবারে অনেক বই-খাতা নিয়ে বসতেন, আমি তাকে বইগুলো গুছিয়ে দিতাম।
আমার মেয়ের সাথে তার বাবার সর্ম্পক তো ছিল একবারে বন্ধুর মত। ওদের দেখে তো কেউ বাপ-মেয়ে বলত না। একবারে বন্ধুর সম্পর্ক্ ছিল। একটাই তো সন্তান আমাদের, ওর বাবা খুব ভালবাসত ওকে। ছোটবেলায় শম্পাকে নিয়ে সারাদিন ঘুর বেড়াতেন। নাস্তা খেতে 'নিমন্ত্রণ' নামে একটা খাবার হোটেল ছিল ওখানে ওকে নিয়ে যেতেন, বাজার করতে গেলেও মেয়েকে নিয়ে যেতেন আর মার্কেট তো আছেই। আব্বু আজকে এটা কিনব, কালকে ওটা কিনব, বলার সাথে সাথেই ওর আব্বু ওকে কিনে দিত। মানে সারাক্ষণই আসলে মেয়েটার খোঁজ করত। ওকে এত আদর করত। লেখক সাহিত্যিকেরা সাধারণত যেমন হয় যে ছেলে-মেয়ে, সংসার এসবের ব্যাপারে অনেক সময় একটু উদাশীন হয়। উনি কিন্তু একদমই সেরকম ছিলেন না। উনি উনার সংসার ও ছেলেমেয়েকে যেরকম সময় দিয়েছে সেটা মনে হয় না আমি বলতে পারব যে এতটা করতে আমি অন্য কাউকে এর আগে খুব একটা দেখেছি। এমনকি সাধারণ সংসারি কোনো মানুষকেও আমি আসলে দেখিনি সংসারের প্রতি এতটা দায়িত্ববান হতে। তার আরেকটা অভ্যাস ছিল নাতিটাতে কোচিং-এ দিয়ে আসত আবার নিয়ে আসত। আমি, আমার মেয়ে আমরা কতবার যে তাকে নিষেধ করেছি। শুনত না। বলত, আমার নাতিকে আমি নিয়ে যাব না তো কে নিয়ে যাবে। একরম আরকি। উনি আমাদের ছেড়ে তো কখনো একা থাকতে পারতেন না। একারণে তো উনার পি,এইচ,ডি ডিগ্রিটাই উনি নিতে পারেন নাই। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো পি,এইচ,ডি শুরু করেছিলেন। কিন্তু তিনি তো ওখানে থাকতে পারেন নাই। তিনি আমাদেরকেও নিয়ে যেতে চেয়েছিলেন। আমি গিয়েছিলামও প্রথমবার। দেখতে গিয়েছিলাম যে কি অবস্থা বা কেমন থাকার ব্যবস্থা তাই। আমাদের থাকতে খুবই কষ্ট হয়েছে। আমরা ওখানে একটা বাসা ভাড়া নিয়েছিলাম। রান্নার ভাল ব্যবস্থা ছিল না। উনি আমাকে একটা স্টোভ কিনে দিয়েছিলেন, সেটাতে আমি রাঁধতাম। কিন্তু উনি যে স্কলারশিপ পেতেন তা ছিল খুবই কম। মাত্র ৫০০ টাকায় কি তিনজনের থাকা-খাওয়া হয়? তাইতে আমি বলেছিলাম যে তোমার তো অনেক সময় আরও লাগবে, তো আমি মেযেকে নিয়ে দেশে চলে আসি, তুমি ওখানে থাকো। ওখানে ওর বন্ধুর বাসা ছিল। আমার এখন তার নামটা মনে নেই, তো আমি তাকে বললাম তার বন্ধুর ওখানে থাকার জন্য আর আমরা দেশে চলে আসব কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না। উনি বললেন যে না যত কষ্টই হোক আমি তোমাদের নিয়ে যাব। এরকম করতে করতে উনি তো আর শেষই করতে পারলেন না। উনার যে গাইড ছিলেন সে বলেছিল যে আর অল্প কিছু বাকি আছে তুমি এটা খালি শেষ করে জমা দাও, জমা দিলেই আমি ডক্টরেট ডিগ্রিটা দিয়ে দিব। কিন্তু উনি থিসিসের ভূমিকা ও অন্যান্যা জিনিসগুলো কমপ্লিট করে আর দিতে পারলেন না। উনি করলেন না আর এটা।
বিডিনিউজ: লেখালেখির বাইরে উনি আর কী করতেন?
সায়রা সৈয়দ: উনি ছবি আঁকতেন। এটা আমি উনাকে আগে করতে দেখি নাই। প্রথম প্রথম কখনই এটা করতে দেখি নাই আমি। ২০০৩-০৪ সাল থেকে মনে হয় উনি ছবি আঁকা শুরু করলেন। হঠাৎ করেই দেখলাম উনার আঁকাআঁকির প্রতি একটা আগ্রহ তৈরি হল। উনি বললেন যে লেখালেখি তো হল এবার আমি একটু আর্ট্ করব। তারপর উনি অনেক ছবি এঁকেছিলেন। উনার ডায়েরি নামে একটা বই বেরিয়েছিল। ওখানে উনার নিজের আঁকা ছবি ছিল্। খুবই সুন্দর আঁকতেন। উনি বলতেন যে তার বাবা মানে আমার শ্বশুড় নাকি বলতেন যে তার ছেলেকে উনি ছবি আঁকা শেখাবেন, তার ছেলে নাকি অনেক বড় একজন আর্টিষ্ট হবে। এটা আবার উনি আমাকে বলেছিলেন একদিন! উনার আরেকটা পাগলামী ছিল সেটা হচ্ছে ছবি তোলা। উনি নিজে ছবি তুলতেন না কিন্তু কেউ ছবি তুলতে আসলে তিনি খুব আনন্দ পেতেন। বিভিন্নরকম ভাবে ছবি তুলতেন। আর উনি পছন্দ করতেন আড্ডা দিতে। প্রায়ই উনি উনার প্রিয় বন্ধদের নিয়ে চলে যেতেন আড্ডা দিতে।
বিডিনিউজ: তার সাথে কোনো বিশেষ ঘটনার কথা বলবেন? কোনো বিশেষ স্মৃতি?
সায়রা সৈয়দ: একবার কলকাতা বেড়াতে গিয়েছিলাম। আমার মেয়ে তখন বেশ ছোট। তো আমি বলেছিলাম যে ওইখানে তো এখন আমাদের আর কেই নাই তো গিয়ে কোথায় উঠব কী করব, এতগুলো টাকা খরচ হবে, তার চেয়ে বরং বাংলাদেশে কোথাও ঘুরে আসি। কিন্তু উনি বললেন যে না চল কলকাতা থেকে ঘুরে আসি তোমার ভালো লাগবে। তো গেলাম। ওইসময় আবার আমাদের মেয়েরও জন্মদিন পড়ে গিয়েছিল। আমাদের খেয়াল ছিল না যে ট্যুরের মধ্যে ওর জন্মদিনটা পড়ে যাবে। তো যাই হোক ওটা খুব একটা মজার অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। আমরা একসাথে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। এই ভ্রমনটার কথা তাই আমার একটু বিশেষভাবে মনে আছে।
বিডিনিউজ: উনার প্রতি কোনো অভিমান ছিল আপনার?
সায়রা সৈয়দ: হ্যাঁ, অভিমান একটু ছিল। উনি আমাকে বিয়ের পর বাপের বাড়িতে তেমন একটা নিয়ে যান নি। উনি আমার শ্বশুড়বাড়ির আত্মীয়দের ওখানেও যেমন খুব একটা যেতেন না আবার আমার বাপের বাড়িতেও কখনো যেতে চাইতেন না। কিন্তু আমার তো ইচ্ছে হত আমার ভাই-বোনদের সাথে একটু দেখা করতে। ওই বাড়ির বিয়ে-থা এইসব অনুষ্ঠানগুলোতে একটু যেতে ইচ্ছে করত। কিন্তু উনি ওইখানে যেতেন না। ওইসব অনুষ্ঠানে তাই আমারও যাওয়া হতো না। উনাকে আমি এই ব্যাপারে কখনোই রাজি করাতে পারি নাই।
বিডিনিউজ: আপনাদের দেশের বাড়ি কোথায় ছিল?
সায়রা সৈয়দ: আমাদের দেশের বাড়ি তো ইন্ডিয়ায় ছিল। ওদের বাড়িও ছিল ওখানেই। তারপরে যখন আবার রায়ট হল, গন্ডগোল হল, তখন আমার আব্বা বাড়ি করেন এদেশে এসে, খুলনায়। আমার আব্বা পরে ঢাকায় চলে আসেন। খুলনায় আমাদের জমি নিয়ে একটু ঝামেলা হয়েছিল তাই আমার আব্বা খুলনার বাড়িটা বিক্রি করে ঢাকায় চলে আসেন। এখানে এসে সরকারি চাকরী করতেন। আর আমরা থাকতাম তখন সরকারি কোয়ার্টারে, আদমজী কলোনিতে। আব্বা তো চাকরি করা অবস্থাতেই মারা যান। পরে আমার ভাই বাড়ি করেছেন উত্তরায়। আর ওর আব্বা বাড়ি করেন এখানেই। এই যে এখন যে বাড়িটা দেখছেন এখানেই। বিয়ের পর আমি এই বাসাতেই উঠেছি। তখন অবশ্য এ জায়গাটা এরকম ছিল না। আরও অনেক খোলামেলা ছিল। এই বাড়িটা তখন ছিল দোতলা। ওদের প্রত্যেক ভাইদের এককজনের একেকটা করে ঘর ছিল। আমার ঘর ছিল দোতালাতে। একটা যৌথ পরিবার ছিল আরকি, একটাই বাড়ি কিন্তু অনেকগুলো ঘর। একেক ঘরে একেক দেওর থাকত। এক তালায় সব রান্না-বান্না হত। আমার আম্মা মানে শ্বাশুড়ি উনি ছিলেন ওখানে। আমরা খাওয়া-দাওয়া করে সব যে যার যার মত ঘরে চলে আসতাম। ওরা তো ছয় ভাই, সবাই একসাথে থাকত। আর ননদদের সব বিয়ে হযে গিয়েছিল, ওরাও সব কাছাকাছি থাকত। বেড়াতে আসত মাঝে মাঝে। তখন অনেক মজা হত। সবাই মিলে অনেক হৈচৈ করতাম। এই বাসাটা ডেভেলপারকে দেয়া হয়েছে খুব বেশি দিন হবে না। দশ বছরেরও কম হবে। অবশ্য তার আগেই ওর ভাইয়েরা পৃথক হয়ে গিয়েছিল। আমার শ্বশুর-শ্বাশুড়ি মারা যাওযার পরে একই জমিতে সব ভাইয়েরা আলাদা আলাদা করে ঘর বানিয়েছে।
বিডিনিউজ: আপনার হাতে কী?
সায়রা সৈয়দ: আমার মেয়ে এবার তার বাবার জন্মদিনে এই ফোল্ডারটা বের করেছে। এখানে ওর বাবার সম্পর্কে বেশ কিছু লেখা আছে। এখানে আমিও লিখেছি। ওর বাবা বেঁচে থাকতে তো তিনি প্রতি বছর তার জন্মদিনে এরকম একটা ফোল্ডার বের করতেন। তো উনার মৃত্যুর পর গত দু'বছর আমার মেয়ে এই ফোল্ডারটা বের করেছে। এবার প্রায় পাঁচশ কপির মত ছেপেছে ফেল্ডারটা। এখানে তার সর্ম্পকে তার লেখক বন্ধুরা, আমার মেয়ে, আমি লেখা দিয়েছি। আমার মেয়ে নিজেই ছাপিয়েছে। ছাপিয়ে আমাদের আত্মীয়দের মধ্যে বিতরন করেছে, ওর চাচাদের দিয়েছে, ওর ফুপুদের দিয়েছে। আমি আমার ভাইবোনদের দিয়েছি। এটা উনিও করতেন। উনি বেঁচে থাকতে উনার জন্মদিনে উনি এরকম বের করতেন, এছাড়াও অন্য লেখকদের নিয়েও তিনি এরকম বের করতেন। মানিক বন্দোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, আবিদ আজাদ, এঁদের নিয়ে করেছেন। তারপর উনার মা-বাবা, আমার আব্বা-আম্মাকে নিয়ে করেছেন। এরকম অনেকগুলো ফোল্ডার তিনি করেছিলেন।
বিডিনিউজ: উনাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় যে ফিচার লেখা হয়েছে আপনি কি সেগুলো দেখেছেন?
সায়রা সৈয়দ: দেখেছি কিছু কিছু। আমি অনেক পত্রিকা কিনেছি কিন্তু সব পত্রিকায় উনার উপরে লেখা দেখিনি। মানে এই যে সাতই সেপ্টেম্বর উনি যে মারা গেছেন এটাকে স্মরণ করেছে এরকম কিন্তু আমি সব পত্রিকায় দেখিনি। আমি কয়েকটি পত্রিকায় দেখেছি যে উনার প্রয়াণ দিবসটি তারা স্মরণ করেছে কিন্তু বেশিরভাগ পত্রিকাতেই এ সম্পর্কিত তেমন কোনো লেখাই চোখে পড়ে নি। এক্ষেত্রে আমি বলব যে উনাকে আসলে যতটা সম্মান করার কথা ছিল তা তাকে করা হয় নি। যে পরিমাণ পরিশ্রম তিনি করেছেন সাহিত্য চর্চায় তার অনুপাতে তিনি কিছুই পান নি। আমি বলব যে তিনি আসলে বঞ্চিত হয়েছেন। তিনি তার প্রাপ্য সম্মানটুকু পান নাই। জীবদ্দশায় পান নাই এবং এখন মৃত্যুর পরেও পাচ্ছেন না। উনার নিজের এটা নিয়ে অনেক কষ্ট ছিল। উনি বলতেন, আমি যত পরিশ্রম করেছি সে পরিশ্রমের যে মূল্য আমার পাওয়া উচিত তা আমাকে তারা দেয় নি। উনি একটু লাজুক ছিলেন আর নির্জনতাপ্রিয় লোক ছিলেন, উনি নিজে থেকে তো কখনোই কিছু বলতেন না। কিন্তু কেউ যে এসে উনার হযে কিছু বলবে তা কিন্তু কেউ করে নাই। আমার ভাসুর পর্যন্ত একদিন একথাটা বলেছেন। উনার পঞ্চাশতম জন্মদিনটা তো বেশ ঘটা করে পালন করা হয়েছিল। আবিদ আজাদ ছিলেন তখন। উনিই এটা করেছিলেন। ওখানে একটা বোর্ডের মধ্যে বড় করে সবার কমেন্টস নেয়া হয়েছিল শম্পার আব্বার সর্ম্পকে। তো সেখানে আমার ভাসুর বলেছেলিনে যে, আমার ভাই যে কাজ করেছে, তার মূল্য তাকে দেয়া হয় নাই। (বাষ্পরুদ্ধ কন্ঠে) এটা আসলে একটা অভিমান ছিল তার। অনেক বড় একটা অভিমান নিয়ে তিনি চলে গেছেন। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। উনি বলতেন, আমাকে নিয়ে এখন কিছু করল না, হয়তো মরার পরে করবে। উনার যে সব লেখক বন্ধুরা আসতেন তারাও বলতেন যে মান্নান যে কাজ করেছে সেটা অসামান্য। আমি জানি কী অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। উনার নিজের শরীরের দিকে উনি তাকান নাই। খাবার সময় খাওয়া নাই, ঘুমের কোনো ঠিক-ঠিকানা নাই, মানে কোনো কিছুর দিকে ওনার খেয়াল থাকত না, খালি উনার লেখা নিয়ে পড়ে থাকতেন। কিন্তু সেই তুলনায় উনি কিছুই পান নি। উনি আরেকটু খুশি হতেন যদি উনাকে উনার প্রাপ্য মর্যাদাটুকু দেয়া হত।
(বিডিনিউজটোয়েন্টিফোরডটকম-এর পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন প্রমা সঞ্চিতা অত্রি)
