২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধাঞ্জলিআমি তারে পেয়েও হারাই রে!

মোশাহিদা সুলতানা ঋতু

Published : 05 Jun 2011, 07:52 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM


আজম খান (২৮/২/১৯৫০ – ৫/৬/২০১১)

আমার একদিন হঠাৎ ইচ্ছা হলো আমি আজম খানকে জানতে চাই। শুধু জানতে চাই না। গভীর ভাবে জানতে চাই এই গায়ক কী ভাবে ভাবেন, কীভাবে কথা বলেন, কীভাবে হাঁটেন, কীভাবে হাসেন, কীভাবে গান লেখেন ও গান সুর করেন। আসলে হঠাৎ বললে ভুল হবে। আমি অনেকদিন আজম খানকে নিয়ে ভেবেছি। ভেবেছি কেন এই মানুষটার ব্যক্তিত্ব তীব্র ভাবে আমাদের আকর্ষণ করে। তার মধ্যে কি শক্তি যা এখন সচরাচর গায়কদের
—————————————————————–
"আমার জীবন মানে তো আসলে আমার গান। আর আমার জীবন তো শেষ হয় নাই–আমার জীবনে এখনো অনেক কাজ। অনেক কাজ শেষ হলে তারপরে আমার বায়োগ্রাফি লিখবেন। এখন লিখলে তো সম্পূর্ণ হবে না। আমার কত কিছু দেবার আছে মানুষকে। আমি জীবনে অনেক সময় নষ্ট করছি। কিন্তু এখন আমি অনেক কিছু করব।"
—————————————————————-
মধ্যে দেখা যায় না। ২০১০ সালের শেষের দিকে যখন উনি সিঙ্গাপুরে যাবেন তার আগে আমার মনে হলো এই সুন্দর মানুষটাকে আমার দেখা উচিত। দিন-তারিখ মনে নেই। একদিন বিকাল চারটার দিকে আমি কমলাপুরের জসিমুদ্দিন রোডের গলিতে হাজির। একটা ছোট্ট দোকানের পাশে একটা ছোট্ট গেট। সেটা দিয়ে ঢুকলে একটা সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়িটা তখন একটু স্যাতসেতে ছিল। আমি সিঁড়ি দিয়ে উঠে দেখি দুই পাশে দুইটা দরজা। কিন্তু দরজাগুলি খোলা। ঘরের ভিতর উঁকি দিয়ে দেখি দেখা যাচ্ছে একটা খাট, একটা সোফা, আর একটা টেবিল। আমি কিছুক্ষণ ডাকাডাকি করলাম। কোনো শব্দ নেই। দরজার গায়ে একটা এ ফোর সাইজের কাগজে বলপেন দিয়ে লেখা "দয়া করে ১০ মিনিটের বেশী কথা বলবেন না।"

ঘরের ভিতর কাউকে না দেখে বাইরে তাকালাম। দেখি একতলা ছাদের উপর দাঁড়িয়ে একজন শুকনা লম্বা লোক। লুঙ্গি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগিকে আধার দিচ্ছে। একতলা ছাদের উপর অর্ধেকটা অংশ গাছের ডালপালা দিয়ে ঢাকা। জাম্বুরা গাছের ডালপালা ছাদ জুড়ে এমন ভাবে রয়েছে মনে হচ্ছে যেন ছাদটা একটা উঠান। আর গাছের বড় বড় ঝুলে থাকা জাম্বুরাগুলিকে মনে হচ্ছে একেকটা গ্রহ, টপ করে পরে ভেঙে যাবে এখনি। আমি তাকিয়ে দেখলাম লম্বা শীর্ণ লোকটার মাথাও জাম্বুরার মত। আজম খান তখনও আমাকে দেখেননি। কিন্তু আমি পিছনে দাড়িয়ে দাঁড়িয়ে দেখছি জাম্বুরামাথা নিয়ে জাম্বুরা গাছের পাশে একজন ভীষণ জনপ্রিয় গায়ক কী সুন্দর মুরগিকে খাবার খাওয়াচ্ছে! ছাদ আর গাছ মিলে যেই অভূতপূর্ব প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে এই বিকালে সেই প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ মনে হলো এই অনন্যসাধারণ গায়ককে।

আমি আস্তে আস্তে আজম খানের পাশে গিয়ে দাঁড়ালাম। কোনো কথা না বলে এমন ভাবে দাঁড়ালাম যাতে উনি আমার আগমন টের পান। কিন্তু উনি আমার আগমন টের পেলেন কিনা জানি না। এক মনে আধার দিয়ে চলেছেন। প্রায় তিন মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর উনি ঘুরলেন পিছন ফিরে। আমাকে দেখে একটু ভ্রু কুঁচকে তাকালেন। কিন্তু মুখে কোনো কথা নেই, চেহারার ভঙ্গিতে প্রশ্ন। উনি কিছু বলার আগেই আমি বললাম আমি উনার গানের একজন ভক্ত আর পেশায় একজন শিক্ষক। তারপর উনি জিজ্ঞেস করলেন, "কোথায় পড়ান?" আমি বললাম, "ঢাকা বিশ্ববিদ্যালয়।" আজম খান কী মনে করলেন জানি না–একটু আগে যেভাবে মুরগির দিকে তাকিয়ে ছিলেন তেমন করেই তাকিয়ে রইলেন মুরগির দিকে। আমি চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইলাম। তারপর বিড় বিড় করে কী যেন বললেন। আমি শুনতে পাইনি বলে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, "কিছু বললেন?"

উনি তখন বলতে লাগলেন, "আপনি এমন সময় আসছেন যখন আমি বেশি কথা বলতে পারি না। আমি তো কালকে সিঙ্গাপুর যাব, ফিরব এক দেড় মাস পর।"

আমি বললাম, "অসুবিধা নাই, আপনি ফিরে আসলে কথা হবে। আজকে আপনার সাথে পরিচিত হতে আসলাম।"

আজম খান এবার ঘুরে আমার দিকে তাকালেন, বললেন, "আর কী কথা বলবেন। আমার কথা তো সবাই জানে। আমি একটু পরে হাঁটতে যাব। কলোনিতে ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে ওরা মন খারাপ করে।"

আমি বললাম, "আপনি ওখানে যেয়ে কী করেন?"

উনি বললেন, "এই তো বসে বসে খেলা দেখি। আগে তো আমি খেলতাম। শরীর খারাপ হওয়ার পর আর পারি না। খেলা দেখি আর একটু হাঁটাহাঁটি করি। ওইখানকার পোলাপানরা আমি গেলে খুশি হয়।"

আমি তারপর এই অভাবনীয় ব্যক্তিত্ববান গায়ককে বিনয়ের সাথে বললাম, "আমি মনে করি আপনার মত সঙ্গীত জগতের একটি গুরুত্মপূর্ণ মানুষের একটি জীবনী থাকা প্রয়োজন। আপনি কি ভেবে দেখেছেন কখনো?"

আজম খান প্রশ্নের জবাবে বললেন, "জীবনী লিখে কী হবে। আর আমার কথা তো সবাই জানে। অনেক লেখালেখি তো হইছে, আর নতুন করে কী লিখবেন।"

আমি বললাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জীবনী লেখার চেষ্টা করতে পারি। আজম খান কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, কী বলবেন বুঝতে পারছেন না বোধ হয়। শুধু বললেন, "আপনি লিখবেন, কিন্তু এখন না, আমি ফিরে আসি, দেড় মাস পরে তখন আবার আসবেন। তবে জীবনী লেখার জন্য সব আমার থেকে জানতে হবে এমন কথা নেই। আমার অনেক কাছের মানুষ আছে যাদের কাছ থেকে আপনি জানতে পারেন আমার কথা। আমার কথা বলতে পারবে এই সময়ের গায়কেরা। কথা বলতে পারেন আইয়ুব বাচ্চুর সাথে, আমার মেয়েদের সাথে।"

পরদিন ক্যান্সারের চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে চলে গেলেন আজম খান। আমি নানান কাজে ব্যস্ত হয়ে গেলাম। উনি ফিরলেন ঠিক কবে আমি জানি না।

২.
২০১১ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার মনে হলো আবার আজম খানের সাথে দেখা হওয়া প্রয়োজন। প্রথম সাক্ষাতে মনে হয়েছে এরকম একটা জীবনী লেখা কঠিন। কিন্তু তারপরও মনের মধ্যে ক্ষীণ আশা। দেখি কী হয়। আমি এরকম একদিন বিকাল বেলা আবার চলে গেলাম আজম খানের বাসায়। এবার সিঁড়ি দিয়ে উঠে ঘরে উঁকি দিয়ে দেখি আজম খান বিছানায় শুয়ে আছেন। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম, উনি শুয়ে আছেন। আমি বললাম, "চিনতে পারছেন?" আজম খান বললেন, "হ্যাঁ চিনেছি।" উনাকে আগের চাইতে আরো রোগা দেখা যাচ্ছে। জীবনীশক্তি কমে এসেছে সেটা চেহারায় স্পষ্ট। খুব আস্তে আস্তে কথা বলছেন আজকে। হাঁপিয়ে উঠছেন। আমি বুঝলাম এরকম একজন মানুষকে বিরক্ত করার প্রয়োজন একেবারেই নেই। পড়ে থাক বায়োগ্রাফি, না লিখলে কী হবে। এই জীবন্ত মানুষটাকে দেখতে পারছি কাছে থেকে। প্রতি মুহূর্তে তাঁর উপস্থিতি জানান দিচ্ছে শিল্পী মানে সাধারণত্ব, শিল্পীহৃদয় মানেই মানুষের কাছাকাছি মানুষ।

আমি তারপর আজম খানের কিছু কুশলাদি জিজ্ঞেস করে বসে রইলাম চুপচাপ। তখন উনি নিজে নিজেই কিছু কথা বললেন। আমাকে বললেন, "আপনি আমার বায়োগ্রাফি লেখার আগে একটা স্টাডি করেন। দেখেন আসলে মানুষ কি আমার গান শোনে কিনা। মানুষ যদি আমাকে গ্রহণ করে তাহলে মানুষই আমার গল্প নিজে থেকে জানবে। আমার জীবন মানে তো আসলে আমার গান। আর আমার জীবন তো শেষ হয় নাই–আমার জীবনে এখনো অনেক কাজ। অনেক কাজ শেষ হলে তারপরে আমার বায়োগ্রাফি লিখবেন। এখন লিখলে তো সম্পূর্ণ হবে না। আমার কত কিছু দেবার আছে মানুষকে। আমি জীবনে অনেক সময় নষ্ট করছি। কিন্তু এখন আমি অনেক কিছু করব। মরার আগে মানুষের জন্য অনেক কিছু করে তারপর আমি মরব। তখন আপনি আমার বায়োগ্রাফি লিখবেন। হ্যাঁ, তবে একটা কাজ করতে পারেন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমার গান এই জেনারেশনের মানুষকে কতটুকু জাগায়?"

আমি বললাম, আমি যতদূর জানি মানুষ আপনার গানে জাগে বলেই আপনি এত জনপ্রিয়। আজম খান মনে হলো একটু ধমকই দিলেন আমাকে: "আপনি কেমনে জানলেন? আমার গান এক সময় মানুষকে জাগাইছে হয়ত, তখন ছিল যুদ্ধের পরবর্তী সময়, মানুষের মধ্যে দরকার ছিল যুদ্ধের চেতনা। এখনকার তরুণদের কাছে আমার গান কী সেটা বুঝলে বুঝবেন আমি আসলে কী করছি। আপনি দেখবেন মানুষ লালন শোনে কতদিন ধরে, দেখবেন রবীন্দ্রনাথ এখনো শোনে মানুষ। গায়কেরা মরে গেলেও তাদের গান মানুষের অন্তরে গেঁথে থাকে। আমার জীবনী লেখার আগে আপনাকে জানতে হবে আমার গান এখনকার অল্পবয়সী ছেলেমেয়েদের অন্তরকে জাগায় কিনা। এর উত্তর না জেনে আপনি আমার জীবনী লিখতে পারবেন না।"

…….
আজম খান।
…….
আমি চুপ করে রইলাম। আজম খান বলে গেলেন, "শিল্পীকে তার গান থেকে আলাদা করা যায় না। আমার গান যদি মানুষকে জাগায় তবে তাই আমার জীবনের সার্থকতা। আর জীবনী তো শুধু ঘটনাপ্রবাহ না। জীবন সবখানে, মানুষের মধ্যে, মানুষকে জাগানোর মধ্যে।"

৩.
আজকে ৫ জুন। আজম খান মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মানুষকে জাগানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই কিংবদন্তী পপ সম্রাটের জীবনাবসান ভক্তহৃদয়ের বেদনা হয়ে প্রতিধ্বনিত হচ্ছে। শ্রদ্ধাভরে স্মরণ করি এই কিংবদন্তী গায়ককে–মানুষের অন্তরে যিনি রয়ে গেছেন গান গেয়ে "আমি তারে পেয়ে ও হারাই রে।"

ঢাকা, ৫ জুন ২০১১

লেখকের অন্য লেখা:

গ্যাংগারাইল।

লেখকের আর্টস প্রোফাইল: মোশাহিদা সুলতানা ঋতু
ইমেইল: moshahida@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts