২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু একটি দরজা

সাব্বির আজম

Published : 30 Sep 2010, 05:20 PM

Updated : 23 Jun 2022, 04:09 PM

১

৫ সেপ্টেম্বর ইফতারের পরে বাশারের অনুবাদকৃত এডওয়ার্ড সাঈদের একটি সাক্ষাৎকার কালজয়ী কম্পিউটার্সে কম্পোজে ধরিয়ে দিয়ে হেঁটে হেঁটেই বাসায় ফিরছিলাম। অফিসার্স ক্লাবের সামনে পৌঁছাতেই ইশরাক ভাইয়ের কল, বললেন 'সাব্বির, মান্নান সৈয়দ নাকি মারা গেছেন? মজিদ ভাই টিভিতে দেখছেন। তুমি কিছু জানো?' আমি একেবারেই স্তম্ভিত হলাম। মাযহার ভাই ফোন করলেন, তিনিও একই সংবাদ জানালেন। এরই মধ্যে বাশারের টেক্সট 'sorry to hear about mannan syed. take my deepest condolences.' ও-ও টিভিতে দেখেছে।

………
প্রচ্ছদ: আবদুল মান্নান সৈয়দ-এর নাট্যসমগ্র
………

দুপুরেই তাঁর সাথে অনেকক্ষণ কথা হয়েছে, নানা বইয়ের, লেখার পরিকল্পনা শেয়ার করছিলেন, পরামর্শ-মতামত চাচ্ছিলেন, অন্যান্য দিনের মতন। 'রাতে আবার কথা হবে' এই ছিল তাঁর আমার সঙ্গে শেষ কথা। সেই রাত এমনভাবে আসবে কল্পনাও করি নাই। সময় তো চলতেই থাকে, থামানো যায় না, শুধুমাত্র ব্যক্তির নিজস্ব সময়সীমা থেমে যেতে পারে। সেদিনের বিকালে, সাড়ে চারটার দিকে তাঁর মেয়ে জিনান সৈয়দ আমাকে ফোন করে জানান 'আব্বুর শরীরটা খারাপ হয়ে পড়েছে। ডাক্তার কারো সাথে কথা বলতে বা দেখা করতে নিষেধ করেছেন। কাউকে জানানোর দরকার নেই। সুস্থ হয়ে আব্বু আপনাকে কল দিবেন। দোয়া করবেন।'

অফিসার্স ক্লাবের সামনেই দাঁড়িয়ে থাকলাম। কাজল ভাইকে খবরটি জানাতে 'হো-য়া-ট!' বলে প্রায় চিৎকার করে ওঠেন। আমরা দু'জন ২৭ অগাস্ট তাঁকে দেখতে গিয়েছিলাম। সেদিন চ্যানেল আই-তে নজরুল বিষয়ক একটি লাইভ অনুষ্ঠান চলাকালীন অজ্ঞান হয়ে পড়ে যান। হসপিটালে জ্ঞান ফিরতেই ডাক্তার বা আত্মীয়স্বজন সবার কথা অগ্রাহ্য করে বাসায় চলে আসেন। সেদিন রাতেই তাকে দেখতে যাওয়া। তাঁর বেডরুমে ঢুকে দেখি একেবারে লম্বা হয়ে শুয়ে আছেন।
—————————————————————-
এই অসুস্থতার মধ্যেও বিছানার চারপাশ জুড়ে বই আর বই। সদ্য প্রকাশিত বইয়ের জগৎ আর সমকাল-এর ঈদসংখ্যা স্মিত হেসে আমাদের হাতে দিলেন। দেখলাম বইয়ের জগৎ-এ রণেশ দাশগুপ্তের কখনো চম্পা কখনো অতসী-র ওপর সুদীর্ঘ আলোচনা আর সমকালে দীর্ঘ একটি গল্প। কথাই প্রায় বলতে পারছিলেন না, একেবারে নিচুস্বরে বললেন, 'লিখতে আর ভাল্লাগে না।' এরকম উনি প্রায়ই বলতেন, কিন্তু সক্রিয়ভাবেই শেষ পর্যন্ত লিখে গেছেন। কাজল ভাই বললেন 'আপনাকে আর লিখতে হবে না, শুধু দেখার জন্য আরো বাঁচতে হবে।' আমি ডাক্তারের কথা শোনার জন্য অনুরোধ করলাম। বললাম আপনাকে আরো ২০ বছর বাঁচতে হবে। হায় ২০ বছর! বিদায় নেয়ার সময় আমাদের দুজনেরই হাত ধরে রাখলেন অনেকক্ষণ, কী শীতল সেই দুটো হাত!
—————————————————————-
ইশরাক ভাই বাইক নিয়ে ১০ মিনিটের মধ্যে অফিসার্স ক্লাবের সামনে পৌঁছে গেলেন। আমরা গ্রীন রোডের দিকে ছুটলাম। এ্যাপার্টমেন্টের নিচে অ্যাম্বুলেন্সের ভিতরে তাঁর মরদেহ। মান্নান সৈয়দের মৃতমুখ দেখার সাহস বা শক্তি কোনোটাই আমার নেই। দূরেই দাঁড়িয়ে থাকলাম। আহমাদ মাযহার, মোবারক হোসেন, আমিনুর রহমান সুলতান, রিফাত চৌধুরী, কাজল শাহনেওয়াজ, আমজাদ হোসেন, তপন বাগচী, শামসুজ্জামান খান, রাদ আহমেদ, সাখাওয়াত টিপু, পিয়াস মজিদ, সোহেল হাসান গালিব, তারিক টুকুসহ আমার চেনা, অপরিচিত অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।
 
২

মান্নান সৈয়দের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি এতো যে একের পর এক বিক্ষিপ্তভাবে চোখের সামনে নানা স্মৃতি এসে জড়ো হচ্ছে। কিছু কিছু এতই ব্যক্তিগত যা কখনোই লিপিবদ্ধ করবার নয়। জড়ো হওয়া নানা কথার সামান্য কিছু এখানে লিখছি।

'তিনি প্রায়ই বলতেন আমি নির্জন, আবার আড্ডাবাজও। অনেক জায়গায় লিখেছেন বা সাক্ষাৎকারে বলেছেন, 'আমি অসামাজিক, মানুষের সাথে মিশতে পারি না।' তা সত্ত্বেও লেখালেখির বাইরেও বিচিত্র ধরনের লোকের সাথে তাঁর সখ্য ছিল। যেকোনো জায়গায় আড্ডায় বসলে তুমুলভাবে মাতিয়ে রাখতেন। বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি দিয়ে সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতেন। কিন্তু এ সবই বাইরের দিক। আমি দেখেছি ভিতরে ভিতরে, কী ভীষণ নিঃসঙ্গ তিনি! যেন এখনো কোনো নির্দিষ্ট আশ্রয় পাননি। নিজে প্রচণ্ড হতাশার মধ্যে থাকলেও অন্যদের অনুপ্রেরণা দিয়ে ঠিকই চাঙা করে তুলতেন। তিনি রাগী, বদমেজাজী মুডি—এরকম একটা কথা প্রচলিত আছে। কিন্তু তাঁর কাছের মানুষেরা জানেন, তিনি কতোটা সহৃদয়বান, হাস্যোজ্জ্বল ছিলেন। মাঝে মাঝে তিনি হয়তো কারো কারো সাথে খারাপ ব্যবহার করে ফেলতেন, কিন্তু সেজন্য অনেক ক্ষেত্রে, পরে অনুতাপও বোধ করতেন। যেমন এই মুহূর্তে মনে পড়ছে, চর্যাপদ লিটল ম্যাগের জন্য অঞ্জন সরকার জিমি তাঁর কাছে লেখা চাইলে তিনি কোনো কারণে উত্তেজিত হয়ে পড়েন। পরে আমাকে অনেকবার বলেছেন 'ঠিক হয়নি এমন করা। এরা তরুণ, ভালোবেসে লেখা চেয়েছিল।' ঠিক একইভাবে, 'লিটল ম্যাগাজিন মেলা'র সময় অনিকেত শামীমের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, পরবর্তীতে ঠিকই দুঃখিত বোধ করেছেন। সরকার মাসুদ সম্প্রতি এক লেখায় একটি স্মৃতি/ঘটনা উল্লেখ করে লিখেছেন, 'আমি স্তম্ভিত হয়েছিলাম এই ভেবে—যিনি অপরের রচনার সমালোচক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে অন্যের প্রশংসার বা নিন্দার ক্ষেত্রসমূহ তুলে ধরেন অকুণ্ঠচিত্তে, তিনি নিজের লেখার এতটুকু সমালোচনা সহ্য করতে পারেন না!'

মান্নান সৈয়দ নিজের লেখার সমালোচনা সহ্য করতে পারতেন না—কথাটা সর্বাংশে সত্য নয়। যেমন: নিসর্গ-এর ষাটের দশক কেন্দ্রিক একটি সংখ্যায় তাকে সম্পূর্ণভাবেই অগ্রাহ্য করা হয়। এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলে বলেছিলেন, 'ওরা তো সরাসরি বিরোধিতা করেছে। অনেকে তো আমার সামনে আসলে মাথা নিচু করে থাকে, প্রশংসা করে আর পেছনে গিয়ে আমার বিরোধিতা করে।' হুমায়ুন আজাদ তাঁর কাব্য সংকলনে মান্নান সৈয়দের কবিতা বাদ দিলেও হুমায়ুন আজাদের প্রতি তাঁর কোনো ক্ষোভ ছিল না। উল্টো হুমায়ুন আজাদের একটি উক্তি প্রায় সবাইকে বলে বেড়াতেন, 'ষাটের দশকের সবচেয়ে কৌশলী আত্মপ্রচারক।'

লিটল ম্যাগাজিন দিয়ে তাঁর লেখক জীবনের সূচনা, প্রকৃত বিকাশটাও সেখানেই। যদিও সেই ষাটের দশকেই তিনি সমকাল, দৈনিক পাকিস্তানে-ও লিখেছেন প্রচুর। প্রাতিষ্ঠানিক পত্রিকা বা দৈনিক কাগজগুলোয় নিয়মিত লিখে গেলেও নিজের শিল্পসত্তাকে তিনি সেসব কাগজে বিকিয়ে দেননি। শেষের দিকে এসে দৈনিক পত্রিকার সাময়িকীতে প্রবন্ধ দিতে কিছুটা দ্বিধা করতেন। কারণ, 'নির্ধারিত শব্দসংখ্যা'। দৈনিক প্রথম আলো-তে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে তাঁর দীর্ঘ একটা প্রবন্ধ দেন। কিন্তু সেটিও কিছু অংশ বাদ দিয়ে ছাপা হয়েছিল পত্রিকায়। বলেছিলেন, 'এটাকে আরেকটু বাড়িয়ে বইয়ে নিবেন।' প্রবন্ধের এই নির্ধারিত শব্দসংখ্যা'র হাত থেকে হাঁফ ছেড়ে বেঁচে ছিলেন খেয়া, বিহঙ্গকাল ও বইয়ের জগৎ—এই তিনটি লিটলম্যাগে এসে। এই পত্রিকাগুলোয় তাঁর কোনো লেখাই এক ফর্মার নিচে নামতো না! শেষের তিন-চার বছর পত্রাকারে প্রবন্ধ লেখা আরম্ভ করেছিলেন। ব্যক্তিগত স্মৃতি, প্রেমিকতা, সাহিত্যিক বিচার, তথ্যপ্রদান—সব মিলিয়ে প্রবন্ধগুলো স্বতন্ত্র অবয়ব পেয়েছিল। মজা করে বলতেন, 'ছাপা হওয়ার পর প্রবন্ধগুলোর শুধু প্রথম ও শেষ অংশ পড়ি', যে অংশটি তাঁর ভাষায় 'পিরিতের আখ্যান'!
 
৩

প্রায় প্রতিদিনই সকাল ১১-১২টার দিকে আমাকে ফোন করতেন। রাত জাগার নেশা আমার, ঘুমাতে ঘুমাতে সকাল ৬-৭টা বেজে যায়। তাঁর ফোনেই বহুবার ঘুম ভেঙেছে। আমার ঘুমজড়ানো কণ্ঠস্বর শুনে হেসে বলতেন, 'ঘুম ভাঙালাম?' তারপর বিভিন্ন লেখা, বই নিয়ে প্ল্যান (কোন পত্রিকায় কোন লেখা দিবেন, কোন বই কোন প্রকাশককে দেয়া উচিত ইত্যাদি) ব্যক্তিগত অনেক কথাবার্তা শেয়ার করতেন। সারাদিন বিভিন্নজনের সাথে ঘণ্টার পর ঘণ্টা ফোনালাম চলত, আড্ডা চলত; সাংসারিক দায়িত্বও সুচারুরূপে পালন করতে দেখেছি যা স্বচক্ষে না দেখলে আমি হয়তো কখনোই বিশ্বাসই করতাম না। এর মধ্যেও কখন তিনি একের পর এক এ্যাতো বড় বড় লেখা লিখতেন, সেই বিস্ময়ের ঘোর আমার কখনো কাটতো না। আমি মজা করে বলতাম, 'এগুলা আপনার সব পুরানো লেখা। শুধু আগে-পিছে পিরিতের আখ্যান যোগ করছেন।' তিনিও হেসে বলতেন, 'এগুলো ভাই অন্যরা লিখে দেয়। আমার কি এতো লেখার সময় আছে?' বইয়ের পরিকল্পনাগুলো আমার সাথে শেয়ার করতেন, আবার কোনো কোনো ক্ষেত্রে সারপ্রাইজও দিতেন। কয়েক মাস আগে, তখন আমার পরীক্ষা প্রায় আসন্ন, তাছাড়া একটা লিগ্যাল রিসার্চ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছিল। বেশ কয়েকদিন ধরেই বলছিলেন, 'বাসায় আসেন, বাসায় আসেন।' আমি পরীক্ষার দোহাই দিয়ে আসবো, আসবো করছি। একদিন যেতেই একটা বই নিয়ে আসলেন; চিরন্তন বাংলা ব্যাকরণ ও রচনা—যার প্রধান সম্পাদক তিনি। তারপর তাঁর সেই চিরচেনা হাসি আর উক্তি, 'লোক তো চিনলেন না ভাই।'
 
৪

লেনিনের ভক্ত হয়েছিলেন বিগত বছরগুলোতে। একবার আমি বলতে গিয়েছিলাম লেনিনের ত্রুটিও ছিল। বললেন, 'কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়' আর লেনিনের সেই উক্তি 'যেকোনো বড় বিপ্লবের জন্য সবার আগে দরকার সাংস্কৃতিক বিপ্লব।' কিন্তু আমাদের দেশের অধিকাংশ লেখক-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের নিষ্ক্রিয়তা, অকর্মণ্যতা, উপরন্তু দলবাজিতে হতাশই ছিলেন। বিশেষত বিভিন্ন জন্মশতবার্ষিকীতে সরকারি-বেসরকারি ফান্ড ব্যবহার করে যে ব্যবসা বসে, প্রচণ্ড রকমের বিরক্তি প্রকাশ করতেন তার প্রতি। আমাদের দেশে দু'তিন পৃষ্ঠার ভূমিকা লিখে পুরোনো ক্ল্যাসিক সাহিত্য সম্পাদনার নজির আছে। সেই দু'তিন পৃষ্ঠায় না থাকে সেই গ্রন্থ সম্পর্কিত যাবতীয় বা প্রাসঙ্গিক তথ্য, না থাকে নতুন বিশ্লেষণ। কিন্তু তাঁর সম্পাদিত বইগুলোর দিকে একবার চোখ বোলান। তাঁর সঙ্গে আপনার মতের দ্বিমত তৈরি হতে পারে, বিশ্লেষণী পদ্ধতি নিয়ে বিতর্ক করতে পারেন। কিন্তু তাঁর সাহিত্যিক নিবেদন ও একাগ্রতাকে আপনি একটুও খাটো করতে পারবেন না। আধুনিক যুগের শুরু থেকে বিশ শতকের সত্তর-আশির দশক পর্যন্ত আমাদের সাহিত্যজগত সম্পর্কে তাঁর পঠন-পাঠন, ইতিহাসজ্ঞান ও উদ্ভাবনঋদ্ধ বিশ্লেষণী ক্ষমতাকে বিস্ময়কর বললেও কম বলা হয়। তাকে একবার জিজ্ঞেস করেছিলাম আশি বা তার পরবর্তীদের সম্পর্কে ধারাবাহিকভাবে লিখেননি কেন? বলেছিলেন, 'বিচ্ছিন্নভাবে কারো কারো লেখা পড়লেও, ওই সময় থেকে আর ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। এদের একজন সম্পর্কে লিখতে গেলে হয়তো অন্যদের প্রতি অবিচার করা হবে।' সে কারণেই নব্বইয়ের ৮-৯ জন কবি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধের বইয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
 
৫

সাহিত্যের নানা বিভাগে তাঁর কাজের পরিমাণ বিপুল, আমরা জানি। সে তুলনায় নাটক/কাব্যনাটকের পরিমাণ অত্যল্প ছিল। অথচ এই মাধ্যমের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা লক্ষ করেছি। নানা জায়গায় সেটা প্রকাশও করেছিলেন। খেয়াল করে দেখলাম, তাঁর অন্যান্য বইয়ের প্রকাশক পাওয়া গেলেও নাটকের বইয়ের প্রতি তেমন আগ্রহ কেউ দেখায় না। আমার বন্ধু মনিরুল ইসলামকে বলি তাঁর নাট্যসমগ্র বের করে দিতে। ওর প্রচেষ্টাতেই বইটা বের হয় ২০০৯ সালে, বইমেলার সময়। বইটির প্রচ্ছদ তাঁকেই আঁকতে বলেছিলাম। এটিই তাঁর একমাত্র গ্রন্থ যেখানে তিনি প্রচ্ছদশিল্পী হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। 'নাট্যসমগ্র' নামলিপিটিও আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে খবরের কাগজের ওপর লিখে ফেলেছিলেন। বইয়ের ভিতরে দেয়ার জন্য বেশ কিছু ছবি এঁকেছিলেন, যদিও শেষাবধি ইনারের তিনটি ড্রয়িং রাখা হয়েছিল।

সোয়া দুই পৃষ্ঠার একটি শ্রুতিনাট্য আছে সেখানে, মৃত্যু একটি দরোজা শিরোনামে। এখানে দেখা যায় এক লেখকের মৃত্যু ঘটেছে। বিভিন্নজন তার সম্পর্কে মন্তব্য করছে যার একটির সঙ্গে অপরটি অসঙ্গতিপূর্ণ, এমনকি বিপরীতধর্মী। কেউ বলছে সে ছিল ঔপন্যাসিক, অন্য আরেকজন বলছে, আমি জানি সে প্রবন্ধকার, আরেকজন বলছে নাট্যকার ছিল সে মূলত। আবার তার আচার-স্বভাব নিয়েও একেকজনের মধ্যে বৈপরীত্য লক্ষ্য করা যায়।

৩য় কণ্ঠ : ঠিক, তার মতো এরকম আত্মম্ভরী লোক, অহংকারী লোক আমি আর দেখিনি; অন্যদের যেন সে মানুষ মনে করতে না।
৪র্থ কণ্ঠ : অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এ লোকটির সঙ্গে তোমাদের কারো খুব সম্ভব পরিচয় ছিল না। পরিচয় থাকলে দেখতে তার মতো বিনয়ী ভদ্রলোক হয় না।

৫ম কণ্ঠ : সে খুব কথা বলত।

৬ষ্ঠ কণ্ঠ : একদম ঠাণ্ডা ছিল সে, চুপচাপ, শান্ত নিরিবিলি।

একেবারে শেষে,
৬ষ্ঠ কণ্ঠ : তার তাহলে মৃত্যু হলো।

৭ম কণ্ঠ : না, এ তো তার জন্ম।

মান্নান সৈয়দের দেহাবসান ঘটলেও তাঁর বিপুল টেক্সট আমাদের সামনে রেখে গেছেন। এই সকল রচনারাশির মধ্য দিয়েই তাঁর নব নব জন্ম হবে বলে আমার বিশ্বাস। তবে আমার ধারণা, বিবিধ ক্ষেত্রে তাঁর লেখার পরিমাণ এতো বেশি যে, সেগুলোর পূর্ণাঙ্গ ও যথাযথ মূল্যায়নের জন্য আমাদেরকে আরো অনেকদিন অপেক্ষা করতে হবে।

sabbirazam@yahoo.com