আমাদের ছফা ভাই ও ‘সম্প্রীতি সুর’
ছফা ভাই আমাদের ছেড়ে গেছেন বেশ কয়েক বছর হয়ে গেলো। তাঁর না থাকাটা আমাদের জন্য কত ক্ষতি সে কথা বারে বারে মনে হয়। মনে হয় ছফা ভাই থাকলে দেশের এই ধরনের পরিস্থিতিতে কী বলতেন। এখন তিনি নেই। এটাই সত্য। বাংলা মোটর দিয়ে যাবার সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাইনবোর্ড দেখে মনে হয় ছফা ভাইকে একটু দেখে যাই।
পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানে শিল্পী সুলতান পাঠশালার শিক্ষার্থীদের সঙ্গে ছফা ও ফরহাদ মজহার। ছবি. নুরুল আনোয়ার, ১৯৯৮
ছফা ভাইয়ের সাথে আমার কোনো কাজের সম্পর্ক ছিল না। আমি কোনো লেখক বা কবি নই। সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ থাকলেও উল্লেখযোগ্য কোনো অবদান নেই। তাঁর বাসায় যাওয়া হতো কবি ফরহাদ মজহারের সাথেই। তাঁরা দুজনেই লেখক, কবি-সাহিত্যিক—সবই। আমি খুব উপভোগ করতাম তাঁদের আলোচনা, তর্ক-বিতর্ক। ছফা ভাইয়ের বাসায় ঢুকতে না ঢুকতেই কোনো রকমে একটু কুশল বিনিময় করেই শুরু হয়ে যেতো কথা। কথা তো নয়, হাসতে হাসতে কিংবা একটু রাগ-রাগ ভাব নিয়ে (নির্ভর করতো কী বিষয় সেদিন প্রাধান্য পাচ্ছে) শুরু হয়ে যেতো কথা বলা। কখনো মনে হতো এক্ষুনি বুঝি ঝগড়া লেগে যাবে। না তা হতো না। অনেক সময় রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠলে ছফা ভাইয়ের ভাষা পালটে যেতো। তখন আমার দিকে তাকিয়ে একটু সংযত হয়ে বলতেন, "ফরিদা ছিল বলে… নইলে…।" তারপর হাসি। ঢাকা শহরে এখন এভাবে যাবার কোনো জায়গা আর নাই, যেখানে গিয়ে আনন্দ এবং একই সাথে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনার করার সুযোগ পাবো। আমি নীরবে কতগুলো বিষয় শিখেছি। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম কীভাবে আসে, রাজনৈতিক দলের কথাবার্তা কীভাবে মূল্যায়ন করতে হয়, দেশের সার্বিক অবস্থার পর্যালোচনা ইত্যাদি। আবার ছোটখাট কাজও কত গুরুত্বপূর্ণ হতে পারে তা ছফা ভাই যখন উবিনীগের কাজ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করতেন তখন একদিকে আমরা সংকোচ বোধ করতাম, অন্যদিকে আসলেই উৎসাহ পেতাম। বাংলার নারীর শতবছর নারীগ্রন্থ প্রবর্তনা পালন করেছিল বলে সে কী প্রশংসা! যেন এটা তাঁরই কোনো কাজ আমরা করে দিয়েছি। নারীগ্রন্থ প্রবর্তনা ১৯৯০ সাল থেকে দিনলিপি (বাংলা বছর ধরে) বের করে আসছে। এখানে প্রতি বছর একটি বিষয়ের ওপর বর্ণনা থাকে। ছফা ভাই দিনলিপি বের হয়েছে শুনলে যদি তাঁর কাছে সময় মতো পৌঁছে দেয়া না হতো তাহলে ফোন করতেন, 'কী হলো, আমার দিনলিপি কই?' আর সময় মতো পেলে তো কথা নাই। বিষয় ধরে প্রশংসা কিংবা সমালোচনা করতেন। দিনলিপি এখনও নিয়মিত ভাবেই বের করা হয়, কিন্তু প্রতিবারই বুঝতে পারি ছফা ভাই নেই।
সদ্য কারামুক্ত ফরহাদ মজহারের সঙ্গে, ব্যারিস্টার আমীরুল ইসলামের চেম্বারে, ১৯৯৫
আমরা ১৯৯৪ সালে নবপ্রাণ আন্দোলন গঠন করেছি, ফকির লালন শাহের গান এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধকদের গান সংগ্রহ এবং চর্চার জন্য। এই সময় আমাদের হাতে আসে সম্প্রীতি সুর (নির্বাচিত বাংলা গানের সংকলন)। বাংলা-জার্মান সম্প্রীতির পক্ষ থেকে প্রকাশিত। দেখি সম্পাদনা উপদেষ্টার তিন জনের একজন আহমদ ছফা—আমাদের ছফা ভাই। বইটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছে। তিনি সে সময় বাংলা-জার্মান সম্প্রীতির সাধারণ সম্পাদক ছিলেন।
নবপ্রাণ আন্দোলনের শিল্পীরা বইটি পেয়ে খুব খুশী, কারণ এর মধ্যে প্রয়োজনীয় প্রায় সব গান আছে। ছফা ভাই বইটির প্রস্তাবনায় লিখেছেন "এই অনতিবৃহত সংকলনটিতে নমুনাস্বরপ প্রধান প্রধান গীতিকারদের কিছু কিছু গান স্থান পেয়েছে। লালন, হাসন রাজা, রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র লাল, রবীন্দ্রনাথ, নজরুল, জসীম উদদীন—এ সকল মহাজন রচিত গান সংকলনটির মুখ্য অংশ জুড়ে আছে।' তাছাড়া কবিয়াল রমেশ শীল, জালালুদ্দিন, রাধারমণ, মনোমহন দত্ত, বিজয় সরকার প্রমুখ গীতিকারের গানও এই বইতে আছে। একটি বইতে একত্রে সব গানগুলো পাওয়া খুবই সুবিধা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলোও এখানে পাওয়া যায়। কোনো অনুষ্ঠান করতে হলে গান নির্বাচন করতে গিয়ে সম্প্রীতি সুর হাতে নিয়ে বসার রেওয়াজ নবপ্রাণ আন্দোলনের শিল্পীদের নিয়মের মধ্যে এসে গেছে।
নারীগ্রন্থ প্রবর্তনায় সাপ্তাহিক গানের আসরে ৩০ জুন, ২০০১ তারিখে নবপ্রাণ আন্দোলনের পল্লীগীতির অনুষ্ঠান ছিল। গানের পুরো তালিকা তৈরী হয়েছিল সম্প্রীতি সুর থেকেই। দুটি গান সেবার নবপ্রাণের শিল্পীরা সকলে মিলে গাইবেন বলে ঠিক ছিল। একটি হচ্ছে 'আমারে সাজাইয়া দিও নওশার ও সাজন" এবং "দুয়ারে আইসাছে পাল্কী নাইওরী গাও তোল রে তোল মুখে আল্লাহ রাসুল সবে বল" —সেই দুটি গান সম্প্রীতি সুর এর মধ্যে ছিল না বলে আমাদের সঠিক কথা খুঁজতে কষ্ট হয়েছে। কিন্তু আমাদের এমনই ভাগ্য, গানের অনুষ্ঠানে যাবার জন্যে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনি ঢাকা কমিউনিটি হাসপাতাল থেকে ডাঃ কামরুজ্জামান ভাই নিজেই আমাদের ফোনে জানালেন ছফা ভাই নেই। সম্প্রীতি সুর-এর বাইরে গান গাওয়া আমাদের আর হয় নি।
ছফা ভাই গান নিয়ে এত গবেষণা করেছেন সেটা আগে বুঝিনি। মনে করতাম তিনি শুধুই একজন বুদ্বিজীবী, কিংবা দার্শনিক। কিন্তু তিনি বাঁশি বাজাতেন, নিজে গান রচনা করতেন—এসব অনেকেই হয়তো জানেন না। দেখতাম ফরহাদ মজহার কেন নিজের গানগুলো রেকর্ড করছেন না, এবং বড় একটি অনুষ্ঠান করছেন না তার জন্য রাগ করতেন। এমন করে বলার মানুষ আর নেই। তাই মনে হয় ছফা ভাইকে ভাল করে মূল্যায়ন করা হয় নি। ছফা ভাইয়ের মৃত্যু বার্ষিকীতে তাঁর ঘনিষ্ঠজনেরা ছাড়া অন্যরা মনে রাখে না। টেলিভিশনে কোনো আলোচনা অনুষ্ঠান বা গানের আয়োজন করা হয় না। কেন এই অবহেলা?
ছফা ভাইয়ের ব্যাপারে আমার একটি বড় আপত্তি ছিল এবং এখনও আছে। তিনি অতি মাত্রায় সিগারেট খেতেন। তাঁর ঘরে প্রবেশ করলে প্রথমে ধোঁয়া ছাড়া কিছু দেখা যেতো না। হাতে সিগারেট, অথচ সমানে তিনি কাঁশছেন। ডাঃ কামরুজ্জামান ভাই তাঁকে খুব ভালবাসতেন, নিজেই তাঁর চিকিৎসা করতেন। কতবার যে বলেছেন সিগারেট খাওয়া বন্ধ করেন। ছফা ভাই শোনেন নি। বরং হেসে উড়িয়ে দিয়েছেন। তাই অকালেই আমরা তাঁকে হারিয়েছি।
