২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলজয়ী সোয়েতলানা আলেক্সিয়েভিচ:আধুনিক বিশ্বে ক্ষমতার অন্ধ উপাসনা কত বিপজ্জনক

যুবায়ের মাহবুব

Published : 08 Oct 2015, 08:26 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

১৯৮৭ সালে কবি প্রাবন্ধিক জোসেফ ব্রোদস্কির পর আরেক রুশভাষী লেখক সোয়েতলানা আলেক্সিয়েভিচ প্রায় ২৮ বছরের ব্যবধানে এবারের নোবেল পুরস্কারে সম্মানিত হলেন। কয়েক বছর যাবতই তার নামটি সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত ছিল। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যখন রাশিয়ার আবির্ভাব লক্ষণীয়ভাবে প্রবল ও আশাব্যঞ্জক হয়ে উঠছে, ঠিক তখনই রুশভাষী জনগোষ্ঠীর জন্য সোয়েতলানা নিয়ে এলেন গৌরবের এই পরম পালক।
প্রায় ২৯ বছর আগে, ১৯৮৬ সালের ২৬ এপ্রিল রাশিয়ার ইউক্রেনে যে নিউক্লিয়ার দুর্ঘটনা বহু মানুষের হতাহতের কারণ হয়েছিল সোয়েতলানার Voices from Chernobyl গ্রন্থে তা প্রধান উপজীব্য হয়ে ওঠে। ২০০৫ সালের পহেলা এপ্রিল এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ প্রকাশ উপলক্ষে লেখিকার একটি সাক্ষাৎকার বেরিয়েছিল Dalkey Archive Press-এর ওয়েবসাইটে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন আনা লুচিচ। অনুবাদক যুবায়ের মাহবুবের অনুবাদে এখানে তা প্রকাশ করা হলো। বি. স.

………………………………………………………………….

আনা: চমকপ্রদ, আবেগময় একটি বই চের্নোবিলের জবানবন্দী। পাঠকের মনে কি ধরনের অনুভুতি বা প্রতিক্রিয়া সৃষ্টি করতে চেয়েছিলেন আপনি?

সোয়েতলানা: একটি ধারণা চালু আছে যে দুর্ঘটনার এত বছর পর চের্নোবিল সম্পর্কে যা কিছু জানার ছিল, সবই বোধ হয় আমরা জেনে ফেলেছি; চের্নোবিল সুদূর অতীতের ঘটনা, ওই পুরনো কাসুন্দি কেউ নাকি আর শুনতে চায় না। কিন্তু সত্যি কথা হলো, সেই দুর্ঘটনা যেমন আমরা ভুলিনি, তেমনই চের্নোবিল নামের প্রপঞ্চটি আজ অবধি আমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হইনি।

আনা: বইটির প্রতি কোন ধরনের প্রতিক্রিয়া সবচেয়ে বেশি লক্ষ্য করেন?

সোয়েতলানা: অনেক পাঠকের কাছে এই বইটি গোমর ফাঁস করে দেয়ার মত, অজানা সত্যের সহসা উন্মোচন। "বাস্তবে কি ঘটেছিল আমার তো কোনো ধারণাই ছিল না, বিশেষ করে ব্যক্তিপর্যায়ে"। বইটি শুধু চের্নোবিলের দুর্ঘটনা আর তার পেছনের কার্যকারণে সীমাবদ্ধ নয়। বরং চের্নোবিল-পরবর্তী পৃথিবীও এর বিষয়বস্তু। আমজনতার প্রতিক্রিয়া কী ছিল, দুর্ঘটনার মধ্য দিয়ে তারা কিভাবেই বা টিকেছিল? দুর্ঘটনার প্রাকৃতিক ক্ষয়ক্ষতি আর মানুষের জেনেটিক গঠনের উপর ক্ষতিকর প্রভাব যেমন এই বইতে এসেছে, আমাদের জীবনে আমাদের মননে আর চেতনায় সেই অভিজ্ঞতাগুলো কী প্রভাব ফেলেছিল, তার বর্ণনাও আছে এখানে।

একদিকে চের্নোবিল নতুন আতংক আর নতুন চিন্তাধারার সৃষ্টি করেছিল, অপরদিকে পুরনো কিছু ভয়ভীতিও চিরতরে ঘুচিয়ে দিয়েছিল। মানুষের সামনে তখন দুটিমাত্র বিকল্পপথ খোলা ছিল – হয় পালাও, পালিয়ে পরিবার-পরিজনকে ঘোর বিপদ থেকে বাঁচাও, নয়তো পার্টির প্রতি আনুগত্য দেখিয়ে চের্নোবিলে ঠায় বসে থাকো। এমতাবস্থায় অনেকেই পালানোর সিদ্ধান্ত নেন, কর্তৃপক্ষের বিরাগভাজন হবার ভীতি আর কাজ করেনি তাদের জন্যে। তেজস্ক্রিয় রশ্মির আতংক যেন জনগনকে কমিউনিস্ট পার্টির প্রভুত্ব আর পার্টি কর্তাদের ভয় থেকে মুক্তি দিয়েছিল, অন্তত সেই ভয়কে অনেকাংশে দুর্বল করে দিয়েছিল। যখন দেখা গেল যে কর্তৃপক্ষ স্বয়ং তাদের পার্টির আইডি কার্ড ফেলে রেখে পালাতে উদ্যত – সরকারের ঢালাও অস্বীকৃতি সত্ত্বেও – তাদের পলায়নপরতা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় চের্নোবিলের বিপর্যয় ঠিক কতটা গুরুতর ছিল।


চের্নোবিলের এই রূপ সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নন। তাই বই লেখার সময় আমি যে ধরনের প্রতিক্রিয়া ভেবে রেখেছিলাম, মনে মনে আশা করেছিলাম, পাঠকের কাছ থেকে ঠিক তেমন প্রতিক্রিয়াই পেয়েছি। নিজের জীবনের তাৎপর্য, আরো ব্যাপক অর্থে মানবজীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শুরু করেন পাঠক। নতুন জীবনদর্শনের প্রয়োজন অনুভব করেন – এমন কোনো মতবাদ যা হয়তো আমাদের সকলকে পরিত্রাণ এনে দিতে পারবে। নিজেদের আমরা কিভাবে রক্ষা করবো?

আনা: তথ্য-উপাত্ত সংগ্রহ আর সাক্ষীদের জবানবন্দী গ্রহণ করতে আপনার কত সময় লেগেছিল? বইটি লিখতে কতদিন লাগে? যত তথ্য জড়ো করেছিলেন, তার কতখানি বইয়ে স্থান পায়?

সোয়েতলানা: আমার সব বই-ই সাক্ষীদের জবানবন্দী নির্ভর, জনতার জীবন্ত কন্ঠের প্রতিধ্বনি। সাধারণত একটি বই লিখতে আমার তিন থেকে চার বছর সময় লাগে, কিন্তু এই বইয়ের জন্যে দশ বছরের বেশি লেগে গিয়েছিল। চের্নোবিলে প্রথম যে কয় মাস ছিলাম, পুরো এলাকা নানা দেশের সাংবাদিক আর লেখকে ঠাসা ছিল, তাদের সবার মুখেই শয়ে শয়ে প্রশ্ন। আমি এই মর্মে নিশ্চিত হয়েছিলাম যে আমাদের ধর্তব্যের বাইরে সম্পূর্ণ অচেনা রহস্যময় এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা, যদিও সবাই চেষ্টা করে যাচ্ছে সাধারণ প্রচলিত ভাষায় এর বর্ণনা দেয়ার, স্বভাবসিদ্ধ পুরনো ফর্মুলায় একে আটকে রাখার। হ্যাঁ, ঠিকই আমরা কমিউনিস্ট শাসনব্যবস্থার দোষত্রুটি তুলে ধরছি, সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতারণা আর জোচ্চুরির কথা বলছি। এহেন দুর্ঘটনায় কী করা উচিত বা অনুচিত কাউকে কিছু বলা হয়নি, কবলিত মানুষকে আয়োডিন সরবরাহ করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। সব অভিযোগই অক্ষরে অক্ষরে সত্য ছিল, তাতেও সন্দেহ নেই। যেহেতু রুশ-চালিত পারমাণবিক চুল্লীতে বিস্ফোরণ ঘটে, প্রতিক্রিয়া স্বরূপ রুশ-বিরোধী জাতীয়তাবাদী চেতনা প্রবলভাবে দানা বেঁধে উঠেছিল বেলোরাশিয়া এবং ইউক্রেনে। লোকমুখে অভিযোগ উঠে যে তেজস্ক্রিয় রশ্মি দিয়ে রুশরা আমাদের দূষিত করে দিয়েছে।

কিন্তু ওধরনের প্রশ্ন আমার কাছে একটু খেলো, অগভীর বলে ঠেকছিল। সংকীর্ণ রাজনৈতিক উত্তর বা বিশুদ্ধ বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে যথেষ্ট নয় – সমস্যার গভীরে আমরা কেউই তলিয়ে দেখার চেষ্টা করিনি। আমি বুঝতে পারলাম যে ওখানে উপস্থিত আর দশজন সাংবাদিকের মত আমিও একটা বই চাইলে খুব দ্রুত নামিয়ে দিতে পারি। ওধরনের বই নেহায়েত কম লেখা হয়নি, কয়েকশো তো হবেই। তাই আমি একটু ভিন্ন পথে অগ্রসর হলাম। সাক্ষীদের সাক্ষ্য নিতে শুরু করলাম, পাঁচ শতাধিক লোকের প্রশ্নোত্তর নিয়েছিলাম, তাতেই আমার দশ বছর চলে যায়। হঠাৎ করে নতুন বাস্তবতার সম্মুখীন হয়েছি আমরা – তাই আমি এমন লোকের খোঁজ করছিলাম যারা সেই অভিজ্ঞতায় একেবারে দুমড়ে মুচড়ে গেছেন। আসলে কি ঘটেছিল, সে বিষয় নিয়ে তাদের ভাবতে বলি, সেকেলে রীতিপদ্ধতি দিয়ে তারা যে নতুন পৃথিবীর মোকাবেলা করার চেষ্টা করছেন, সে নিয়ে চিন্তা করতে বলি।

যেমন আমার মনে আছে জ্বলন্ত চুল্লীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল সামরিক হেলিকপ্টার, সেগুলো চালানোর দায়িত্বে ছিলেন সোভিয়েত-আফগান যুদ্ধের অভিজ্ঞ সব পাইলট। কিন্তু কপ্টারে বসানো মেশিন-গান দিয়ে যে কী করতে হবে, তারা কেউ বুঝে উঠতে পারছিলেন না। গোটা সামরিক ব্যবস্থাটাই এভাবে চলছিল – ওরা প্রাণপনে বিশ্বাস করতো যে যুদ্ধ-প্রযুক্তি আর বৃহৎ সৈন্যদল পাঠিয়ে দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু চের্নোবিলে ওদের সামনে ছিল ভিন্ন ধরনের সমস্যা – উচ্চ-শক্তি পদার্থবিদ্যা, পারমাণবিক কণিকা, তেজস্ক্রিয় মারণ-রশ্মি – কারো বিন্দুমাত্র ধারণা ছিল না যে এখানে আসলে হচ্ছেটা কী।

একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি তথ্যসংগ্রহ চালিয়ে গেছি। ৫০০ বা ততোধিক সাক্ষাতকার থেকে বাছাই করে চূড়ান্ত পান্ডুলিপিতে অন্তর্ভুক্ত হয়েছিল ১০৭টি – অর্থাৎ প্রতি পাঁচে একটির মত। আমার অন্যান্য বইয়ের বেলায়ও একই প্রক্রিয়া প্রযোজ্য – পাঁচটি সাক্ষাতকার থেকে একটি বেছে নেই আমি, ওটা চলে যায় প্রকাশিত বইয়ে। সাক্ষাতকার প্রদানকারী প্রতিটি ব্যক্তির জন্যে আমি চারটি টেপ রেকর্ড করি, ছাপা পৃষ্ঠায় সেটা প্রায় ১০০-১৫০ পাতা, গল্প বলার গতি আর বক্তার গলার স্বরভেদে তাতে কিছু ব্যাসকম হতে পারে। সব কাটা-ছাঁটার পর মাত্র দশ পৃষ্ঠার মত অবশিষ্ট থাকে।

আনা: চের্নোবিলের জবানবন্দী বইটি লেখার সিদ্ধান্তে কিভাবে উপনীত হলেন? এর পেছনে মূল অনুপ্রেরণা কোত্থেকে এসেছিল?


সোয়েতলানা: চের্নোবিল আমাদের দেখিয়েছে আধুনিক বিশ্বে ক্ষমতার অন্ধ উপাসনা কত বিপজ্জনক। সব কিছুর উর্ধে বলপ্রয়োগ আর পেশীশক্তির উপর নির্ভরশীলতা কি ভয়ংকর ত্রুটিপূর্ণ। আমাদের এই আধুনিক জীবনদর্শন আমাদের নিজেদের জন্যেই কতখানি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তি-মানবের কত পেছনে পড়ে আছে পরহিত-কামী মানব। একদম শুরুর দিন থেকে এই দুর্ঘটনা আমাদের মাথার উপর ঝুলছিল, তেজস্ক্রিয় মেঘের আকারেই শুধু নয় – বিস্ফোরণে নিউক্লিয়ার রিয়্যাক্টরের ছাদই শুধু উড়ে যায়নি, চের্নোবিলে উড়ে গিয়েছিল আমাদের সমগ্র বিশ্বচিন্তা, জীবনদর্শন। সোভিয়েত শাসনের ভিতকে নড়বড়ে করে দিয়েছিল সোভিয়েত-আফগান যুদ্ধ, চের্নোবিল এসে সেই পুরো ভিত্তিকে প্রবলভাবে ঝাঁকিয়ে দিয়ে গেল। এমন শক্তিশালী বিস্ফোরণ যে আমাদের সবার জীবন চুরমার হয়ে গেল। আমার মনে আছে সাধারণ মানুষ এবং তাদের সন্তান-সন্ততির সুরক্ষার প্রতিজ্ঞায় সরকার-বিরোধী সমাবেশ হয়েছিল বেলোরাশিয়ায়, তাতে লক্ষ লোকের জমায়েত হয়েছিল। সেই অনন্য অভিজ্ঞতা আমি বলতে চেয়েছি। হঠাৎ করেই বেলোরাশিয়ার পুরুষতান্ত্রিক সনাতনী সমাজকে ভবিষ্যতের অজানা আশঙ্কার মুখোমুখি দাঁড়াতে হয়েছিল।

আনা: সাধারণ মানুষের কাছ থেকে যেসব গল্প শুনেছেন, সরকারী ভাষ্য বা মিডিয়া-প্রদত্ত বিবরণ থেকে তা কতটুকু আলাদা ছিল?

সোয়েতলানা: দুটো সম্পূর্ণ আলাদা। বেলোরাশিয়াতে আমরা সবসময়ই এই পরিস্থিতি দেখে আসছি, রাশিয়াতেও কিছুটা রয়েছে – সাধারণ মানুষ যেভাবে ঘটনা প্রত্যক্ষ করে, সরকারী সংস্করণের সাথে তার কোনো মিলই পাওয়া যায় না। কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য কি? কর্তৃপক্ষ নিজেদের সুরক্ষায় প্রাণপনে সচেষ্ট থাকে সবসময়। সেই আমলের টোটালিটারিয়ান শাসকগোষ্ঠী এই প্রবণতার জ্বলজ্বলে উদাহরণ: মানুষের মাঝে যে কোনো ধরনের আতঙ্ককে ওরা ভয় পেতো, ভয় পেতো সত্যকেও। অধিকাংশ মানুষেরই কোন উপলব্ধি ছিল না যে আশপাশে কী ঘটছে। আত্মরক্ষার প্রচেষ্টায় ব্যতিব্যস্ত কর্তৃপক্ষ তাই জনগণকে অবলীলায় ধোকা দিলো, মিথ্যা বললো। জনগণকে আশ্বাস দিলো যে সবকিছু ঠিক আছে, সব নিয়ন্ত্রণে আছে, বিপদের কোন আশংকা নেই। বাচ্চারা উঠানে ফুটবল খেলছিল, রাস্তা থেকে আইসক্রিম কিনে খাচ্ছিল, ছোট্ট শিশুরা বালু-বাক্সে বসে আনন্দ করছিল, এমনকি বহু লোক সীবীচে গিয়ে সূর্যস্নানও করেছিল নির্ভয়ে। আজকে লক্ষ লক্ষ শিশু পড়ে আছে অসুস্থ-অথর্ব হয়ে, অনেকে মারাও গেছে। পারমাণবিক দুর্ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে মানুষ অবশেষে বুঝতে পেরেছিল যে তারা নেহায়েত একাকী, তাদের পাশে কেউ নেই। বুঝতে পেরেছিল যে ঘটনার প্রকৃত সত্য তাদের কাছ থেকে লুকানো হয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে কেউ আসবে না, না কোন বিজ্ঞানী, না কোন ডাক্তার। এহেন পরিস্থিতি তাদের জন্যে ছিল নতুন, নজিরবিহীন।

দমকল বাহিনীর উদাহরণ দেই – প্রত্যেক দমকল-কর্মী নিজেই হয়ে গিয়েছিলেন একেকটি ক্ষুদে নিউক্লিয়ার রিয়্যাক্টর। ডাক্তাররা খালি হাতে তাদের কাপড় খুলে স্বাস্থ্যপরীক্ষা করেছিলেন। ফলে সেই ডাক্তাররাও তেজস্ক্রিয়তার মারাত্মক ডোজ খেয়ে যান দমকল-কর্মীদের থেকে। বহুসংখ্যক দমকল-কর্মী ও ডাক্তার পরে মারা গিয়েছিলেন। এমনকি তেজস্ক্রিয়তার বিরুদ্ধে যে বিশেষ প্রতিরক্ষামূলক স্যুট পরা দরকার, তাও ছিল না দমকল বাহিনীর কাছে। ওসবের আদৌ কোনো অস্তিত্ব ছিল না সেই আমলে। দমকল-কর্মীরা ঘটনাস্থলে হাজির হন যেন সাধারণ কোনো অগ্নিকান্ড নেভাতে এসেছেন। এধরনের দুর্ঘটনার জন্যে কারো বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না। সাক্ষাৎকারদাতারা আমাকে বাস্তবের সব কাহিনী শুনিয়েছেন। প্রিপিয়াত শহরে কয়েকটি বহুতল দালান ছিল, ঢালাও উদ্বাসন শুরু হবার আগে মানুষ তাদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেখতো। তাদের মনে পড়ে কি অপূর্ব ছিল সেই দৃশ্য, চারিদিকে আরক্ত আভা। "মৃত্যুর ছবি ছিল সেটি। কিন্তু আমরা কখনো কল্পনা করিনি যে মৃত্যুও দেখতে এত সুন্দর হতে পারে।" ওদের ছেলেমেয়েদের পর্যন্ত ঘর থেকে ডেকে আনতো যেন আগুন দেখে মুগ্ধ হতে পারে – "এই এদিকে আয়, দেখে যা। বাকি জীবন তোদের মনে থাকবে এই দৃশ্য।" নিজেদের মৃত্যুর দৃশ্যে নিজেরাই মুগ্ধ হচ্ছিল। ওই মানুষগুলো পেশায় শিক্ষক ছিলেন, নিউক্লিয়ার স্টেশনের প্রকৌশলী ছিলেন। মানুষের সাথে যখন কথা বলেছি, ঘটনাস্থলের এমন অনেক বিশদ খুঁটি-নাটি ওদের কাছ থেকে জানতে পেরেছি।

মনে আছে যে দুর্ঘটনার বছর দুই পরে এক হেলিকপ্টার পাইলট আমাকে ফোন দিয়েছিলেন – "যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে এসে দেখা করুন প্লিজ। আমার হাতে খুব অল্প সময় বাকি আছে। আমি যা কিছু জানি, আপনাকে বলে যেতে চাই।" তদ্দিনে মানুষটির মৃত্যু-ঘন্টা বেজে গেছে, আমাকে বললো ওর গল্প। "আমি খুব খুশি হয়েছি যে আপনি এসেছেন। আপনার কাছে আমার কথাগুলো বলে যেতে পারবো। প্লিজ সব কিছু লিখে রাখবেন। আমরা আসলে বুঝতেই পারিনি তখন কী ঘটছিল – আর ওরা আজও সেটা বোঝে না।" প্রতিটি শব্দ আমাকে লিখে রাখতে হবে, এমন একটি বোধ আমার ভেতর কাজ করছিল। হয়তো সত্যিই মানুষ আজও বুঝে ওঠেনি চের্নোবিলের সেই দিনগুলোতে ঠিক কি হয়েছিল। আর সে কারণেই তথ্য-প্রমাণ নথিবদ্ধ করে রাখাটা এত গুরুত্বপূর্ণ বলে মনে করি – চের্নোবিলের সঠিক ইতিহাস, যেটি আজও পুরোপুরি আমরা হজম করতে পারিনি।


আনা: আপনি বেলোরাশিয়ান লেখক, থাকেন প্যারিসে। আপনি কি নিজেকে বিশেষ কোনো দেশের সাহিত্যধারার অংশ হিসেবে দেখেন? নাকি নির্দিষ্ট দেশ বা অঞ্চল থেকে নিজেকে মোটামুটি স্বাধীন হিসেবে গণ্য করেন?

সোয়েতলানা: আমি বলবো আমি একজন স্বাধীন লেখক। নিজেকে সোভিয়েত লেখক বলতে পারি না, এমনকি রুশ লেখকও না। "সোভিয়েত" মানে বোঝাচ্ছি প্রাক্তন সোভিয়েত সাম্রাজ্যের ভুখন্ডকে, সোভিয়েত স্বর্গরাজ্যের যেটুকু পরিধি ছিল। আবার নিজেকে বেলোরাশিয়ান লেখক হিসেবেও ঠিক দেখি না। আমি বলবো যে আমি ওই জমানার একজন লেখক, অর্থাৎ সোভিয়েত ইউটোপিয়ার যুগ, আমার প্রতিটি বইয়ে সেই ইউটোপিয়ার ইতিহাস লিখে রাখছি ক্রমাগত। প্যারিসে বসবাস করছি স্রেফ সাময়িক ভিত্তিতে; বেলোরাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধিতা করার সাথে আমার দেশান্তর সরাসরি সম্পৃক্ত। পৃথিবীর বহু দেশে আমার বই প্রকাশিত হয়েছে, কিন্তু বেলোরাশিয়ায় হয়নি। আলেক্সান্দার লুকাশেঙ্কো'র একচ্ছত্র শাসনের এক দশকে আমার একটি বইও সেখানে ছাপা হয়নি। কিন্তু মহান ইউটোপিয়ার বিরুদ্ধে ক্ষুদ্র মানুষের যে লড়াই, তাই নিয়ে লিখে যাচ্ছি এখনো। এই ইউটোপিয়ার বিলয়ের কাহিনী এবং সাধারণ মানুষের উপর তার প্রতিক্রিয়া বিধৃত করছি।

আনা: আপনার বইগুলোতে সাক্ষাৎকারের সাথে কল্পসাহিত্যে ব্যবহৃত কলাকৌশলের সংমিশ্রণ দেখা যায়। সাহিত্যের এক অনন্য ঘরানা বলে মনে হয়েছে আমার কাছে। একই ধরনের কাজ করছেন, এমন অন্য লেখক আছেন?

সোয়েতলানা: এভাবে গল্প বলার ঐতিহ্য – অর্থাৎ মৌখিক ইতিহাস সংগ্রহ করা, মানুষের জীবন্ত কন্ঠ রেকর্ড করে রাখা – এই কলাকুশলগুলো আমার অনেক আগে থেকেই রুশ সাহিত্যে চালু আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লেনিনগ্রাদের অবরোধ নিয়ে লেখা গ্রানিন ও আদামোভিচের বইগুলো উল্লেখ্য – যেমন ধরুন জ্বলন্ত গ্রাম থেকে এসেছি আমি গ্রন্থটির কথা। আমার নিজের বইগুলো লেখার পেছনে ওই বইগুলো আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। আমার বোধোদয় হলো যে জীবন এত বহুমুখী, একই ঘটনার এত রকম বিবরণ বা ব্যাখ্যা মেলে যে স্রেফ কল্পসাহিত্য বা দলিল-দস্তাবেজ দিয়ে সেই বৈচিত্র্যকে বেঁধে রাখা আদৌ সম্ভব নয়। তাই গল্প বলার ভিন্ন কৌশল খুঁজে বের করতে বাধ্য হয়েছি আমি। সিদ্ধান্ত নেই যে রাজপথ থেকে সংগ্রহ করবো জবানী, আমার চারিপাশে যে উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো তুলে নেবো। প্রতিটি মানুষের নিজস্ব একটি বক্তব্য আছে। আমি বুঝতে পারলাম যে এগুলো থেকেও একটা বই তৈরী করা সম্ভব। জীবন খুব দ্রুতগতিতে চলে – তাই শুধু সমষ্টির সাহায্যেই বহুমুখী একটি ছবি আমরা এঁকে নিতে পারি। পাঁচটি বই আমি লিখেছি এই কায়দায়। আমার বইয়ের নায়কেরা, বইয়ের ঘটনা আর অনুভুতি সবই কিন্তু বাস্তব। প্রত্যেক ব্যক্তির ১০০ পাতার বক্তব্য থেকে খুব বেশি হলে পাঁচটি পৃষ্ঠা টিকে থাকে, মাঝে মাঝে তা মাত্র আধা পৃষ্ঠাও হতে পারে। অনেক প্রশ্ন করি আমি, অনেক বেছে গল্প নির্বাচন করি – এভাবে করেই প্রতিটি বইয়ের সৃষ্টিতে আমার অংশগ্রহণ। শুধু পথে কান পেতে থাকাতেই আমার ভূমিকা সীমাবদ্ধ নেই কিন্তু – পাশাপাশি আমি পর্যবেক্ষক এবং চিন্তাবিদও। বাইরের মানুষের কাছে পুরো প্রক্রিয়াটা খুব সহজ-সরল মনে হতে পারে: লোকে শুধু আমার কাছে গল্প করে, এই ছাড়া আর কি? কিন্তু ব্যাপারটা আসলে অত সহজ নয়। আপনি কী জিজ্ঞেস করবেন, কিভাবে জিজ্ঞেস করবেন, উত্তরে কী শুনছেন, সাক্ষাতকার থেকে কী কী বেছে নেবেন – প্রতিটি সিদ্ধান্ত এখানে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে প্রামাণ্য দলিল বা মানুষের সাক্ষ্য ব্যতিরেকে জীবনের বৃহৎ ব্যাপ্তির বিশ্বস্ত প্রতিফলন ঘটানো সম্ভব নয়, ক্যানভাসটি তাতে অসম্পূর্ণই থেকে যাবে।

আনা: "উপসংহারের পরিবর্তে" একটি পর্বে আপনি উল্লেখ করেছেন যে আগামীকে উদ্দেশ্য করে লিখছেন বলে আপনার কাছে মনে হয়। এই নিয়ে কোনো মন্তব্য করবেন?

সোয়েতলানা: দশ বছর ধরে আমি চের্নোবিল এলাকায় ঘুরেছি – আমার কাছে মনে হতো যেন ভবিষ্যতের জন্যে নিবন্ধন করে রাখছি আমি। এলাকার মানুষ মন্ত্রবত একটি জপ করতো: "জীবনে অমন কিছু কখনো দেখিনি। এমন ঘটনা কোথাও পড়িনি। কোন ফিল্মে এই দৃশ্য দেখিনি, কারো মুখে বর্ণনাও শুনিনি।" নতুন সব মানবিক অনুভুতির জন্ম দিয়েছিল চের্নোবিল – যেমন ভালোবাসার ভয়। সন্তান নিতে ভয় পেতো মানুষ। নতুন দায়িত্ববোধ শিখিয়েছিল, নতুন সব জিজ্ঞাসার জন্ম দিয়েছিল। যেমন, আমাদের বাচ্চাগুলো যদি প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, তখন কী করবো? পরমাণু কণিকার ধ্বংসকালের মত ধাঁধা কিভাবে বুঝতে সক্ষম হবো, তিন হাজার বছর থেকে এক লক্ষ বছর পর্যন্ত বিলয়ের সময় কিভাবে আমাদের বোধে কুলাবে? জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিতে পারে এধরনের প্রশ্ন। একজন মানুষ তার বসতভিটা, জন্মস্থান চিরতরে ছেড়ে যেতে বাধ্য হচ্ছে, আপন গ্রাম পরিত্যাগ করছে এতটুকু জেনে যে আর কোনদিন সে বাড়ি ফিরতে পারবে না, যদিও বাড়িটি ঠিক ওভাবেই দাঁড়িয়ে থাকবে অনাদিকাল – আপনি কল্পনা করতে পারেন সেই মানুষটির অন্তরের অনুভুতি? চের্নোবিল এলাকাবাসীর জন্যে সম্পুর্ণ নতুন অনুভব ছিল। অথবা তেজস্ক্রিয় দূষণে দূষিত গ্রামগুলোর কথা ধরুন। এগুলো সমাধিস্থ হবে কিভাবে? প্রথমে সব মানুষকে এলাকা থেকে সরিয়ে ফেললো ওরা, তারপর প্রতিটি বাড়ির চারিপাশে মাটি কেটে গভীর পরিখাখনন করলো – ঘরের ভেতর পরিবারের জিনিসপত্র তখনও সব অটুট – এরপর জন্তু-জানোয়ার সব মেরে ফেললো, এবং মাটি চাপা দিয়ে দিল। এভাবে করেই পোষা জীবজন্তু, নিজের মাটি, নিজের ঘরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মানুষ। এখন যদি ওখানে আপনি যান, পুরনো গোরস্থান বাদে শুধু দেখবেন একের পর এক মাটির ঢিবি – ঘরবাড়ি আর জীবজন্তু সব একসাথে কবর দেয়া হয়েছে ওর ভেতর। একটা স্যুরিয়াল অনুভুতির জন্ম দেয়, যেন ভিন্ন কোন যুগের দৃশ্য এগুলো।

আনা: যুক্তরাষ্ট্রে কি ধরনের প্রতিক্রিয়া আশা করছেন?

সোয়েতলানা: আমেরিকা একটি বিস্ময়কর দেশ, কিন্তু আমার কাছে মনে হয় যে ৯/১১-র পরে দেশটি বদলে গেছে। এই দুনিয়া যে কত ভঙ্গুর, আমরা সবাই যে একে অপরের প্রতি কতটা নির্ভরশীল, আমেরিকা এখন বুঝতে শিখেছে। সুদূর অস্ট্রেলিয়ায় যদি একটি আণবিক পাওয়ার স্টেশনে বিস্ফোরণ ঘটে, তার তেজস্ক্রিয় বৃষ্টি পৃথিবীর অপর প্রান্তেও প্রাণহানি ঘটাতে পারে। আমার মনে হয় যে ৯/১১-র পর মার্কিনীরা হয়তো আমার লেখালেখির প্রতি আরো অনুকূল হবেন আগের তুলনায়। এমন পাঠক সেখানে পাবো, যাদের কাছে চের্নোবিলের অভিজ্ঞতা অর্থবহ হবে। বর্তমান বিশ্বে অন্য মানুষের দুঃখ-কষ্টের অভিজ্ঞতাকে উপেক্ষা করা সত্যি বিপজ্জনক। রাশিয়া, এমনকি বেলোরাশিয়াকেও, আমরা কষ্ট-ক্লিষ্ট সভ্যতা হিসেবে আখ্যায়িত করতে পারি। প্রায়ই আমরা শুনতে পাই, পশ্চিমের লোকে রাশিয়ার দুঃখ-কষ্ট নিয়ে খুব অহমিকার সুরে কথা বলছে: এই রাশিয়ানগুলোর সবসময় কোনো না কোনো সমস্যা লেগেই আছে। কিন্তু বাস্তব সত্য হলো যে গোটা পৃথিবীই আজ হুমকির সম্মুখীন। আতংক আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে – এমনকি ভালোবাসার চেয়েও বড় সেটা এখন। তাই রুশদের কষ্টভোগের অভিজ্ঞতার একটা বিশেষ মূল্য আছে। বেঁচে থাকতে হলে আমাদের সবারই সাহস প্রয়োজন। সেটা ভবিষ্যতে যথেষ্ঠ পরিমানে থাকবে আমাদের কাছে, সেই কামনা করি।