বাঙালীয়ানায় কদর্য যে নাম
১৮৪৯ সাল!
চোখ বেঁধে দেয়ালের সামনে দাঁড় করানো হয়েছে তাঁকে, আরো কয়েকজনের সাথে।
হুকুম দেয়া হয় বন্দুক তাক করার। ক্রুদ্ধমুখের বন্দুকের নলগুলো হা করে তাকিয়ে আছে।
"ফায়ার!" আদেশটি এই আসে আসে।
সমস্তটা জীবন বিদ্যুতঝলকের মত ভেসে যেতে থাকে চোখের সামনে, মেরে ফেলা হচ্ছে তাঁকে, কিন্তু তিনি প্রস্তুত নন। জীবনের কিছুই করা তো হয়নি!
ফিওদর মিখাইলোভিচ দস্তয়েভ্ স্কি।
'দস্তয়'-'ভস্কি' বলি আমরা তার সুন্দর নামটিকে বিকৃত করে। নিশ্চিতই কষ্ট পেতেন তার নামের এই কদর্য বাঙালিয়ানায়।
প্রগতিশীল চিন্তার সাহসী মানুষেরা যা করে, তিনি তাই করেছিলেন, প্রবল অত্যাচারী জারকে উৎখাত করার সংকল্পে দৃপ্ত হয়ে সাহিত্য চক্র "পেত্রাশেভ্-স্কি সার্কেল" এ যোগদান করেছিলেন। জারের বাহিনী কাজে ফাঁকি দিত না, তারা খুব অল্প দিনের মধ্যেই এদের খোঁজ পেয়ে একই রাতে খাঁচাবদ্ধ করে ৩৬ জনকে। তাকে গৃহ থেকে তুলে নেয়া হয় ভোর চারটায়। দস্তয়েভ্ স্কি সহ আরো কয়েকজনের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় হয়।
রায় হলেও জারের খেলা ছিল ভিন্ন। তাদের ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হবে, কিন্তু হত্যা করা হবে না। কেবলমাত্র কমান্ডার জানবে এই পরিকল্পনার কথা। মৃত্যুর মুখবিবরে দাঁড় করিয়ে ভেঙে চুর চুর করা হবে বিপ্লবীদের মনোজগতকে, যেন কোনোদিন তারা আর বিদ্রোহ না করে, শুধু তাই নয়,তারা বদলে যায় তার মহত্ত ও মার্জনার সেবাদাসে। যখন তাদের চেতনার তীর ভাঙছিল ধুপধাপ, হা-করা মৃত্যুঅজগরের চোয়ালে ঢেকেছিল মাথা, স্থির বিন্দুতে থেমে যাচ্ছিল শ্বাস, ঠিক তখন, সেই মুহূর্তের শেষ অনুপলে, দ্রুত ধাবমান ঘোড়সওয়ার দূর থেকে চিৎকার করেছিল, "থামো!"
জার মহান!
তার অলৌকিক মার্জনার আদেশটি এসে পৌঁছায়। মৃত্যুদণ্ড রদ করে বন্দিদের সাইবেরিয়ায় নির্বাসনের আদেশ দেয়া হয়েছে।
দীর্ঘ এই পথ।
শীতল ও সভ্যতার বাইরে।
তাবোলস্ক শহরে যাত্রাবিরতি হয়। খবর পেয়ে ছুটে আসে নির্বাসিত ডিসেম্ব্রিস্ট বিপ্লবীদের সাহসী স্ত্রীরা, যারা স্বেচ্ছায় পিটার্সবুর্গের সুখের সংসার ছেড়ে সাইবেরিয়ায় পাড়ি দিয়েছিল স্বামীদের কষ্ট ভাগাভাগি করে নেয়ার জন্য। সারা রাশিয়ায় পুজনীয় তারা। রুশ নারীর ত্যাগ ও সাহসের অর্চি অবিনশ্বর । তাদেরই একজন তার হাতে তুলে দেন বাইবেল। এই বাইবেল হাতেই তিনি অতিক্রম করেন কারাজীবন, নির্বাসন ও জীবনের দীর্ঘপথ।
তার জন্ম ১৮২১ সালে, রুশ সাম্রাজ্যের ভিত্তি কাঁপানো ডিসেম্ব্রিস্ট অভ্যুত্থানের মাত্র ৩ বছর আগে। তার যখন ১৬ বছর বয়েস, ১৮৩৭ সালে দুটি মৃত্যু তার মনে চিরস্থায়ী দাগ কাঁটে। জানুয়ারি মাসে পুশকিন নিহত হন ষড়যন্ত্রের সাঁড়াশির থাবায়, ফেব্রুয়ারি মাসে মা মারা যান। দু'বছর পরে ১৮৩৯ সালে তাদেরই ভূমিদাসদের হাতে নিহত হন তার সন্দেহপ্রবণ পিতা।
১৮৪৫ সালে প্রথম উপন্যাস "অভাজন" প্রকাশিত হবার আগেই বিখ্যাত সাহিত্য সমালোচক বেলিনস্কি ও কবি নেক্রসভকে এত মুগ্ধ করে যে তারা দুজনে ছুটে যান অজ্ঞাত লেখকের সন্ধানে। বইটির নাম মুখে মুখে ফিরতে থাকে। ১৮৪৬ সালে সাহিত্য জার্নালে লেখাটি প্রকাশ করেন কবি নেক্রাসভ, সাথে সাথে অভুতপূর্ব জনপ্রিয়তা লাভ করে তা। কিন্তু তার লেখকজীবন ওলট-পালট করে দেয় পেত্রাশেভ্-স্কি চক্র ও তৎপরবর্তী বিপর্যয়সমূহ, শুরুতেই যার উল্রেখ করা হয়েছে।
সাইবেরিয়ায় ওমস্ক শহরের কুখ্যাত ওমস্ক দুর্গে কাটে তার ৪ বছর, ১৮৫০ সাল থেকে ১৮৫৪ সাল পর্যন্ত। ইটখোলায় ইট পোড়ানো, হাতুড়ি দিয়ে চুনাপাথর গুড়ো করা, শাবল দিয়ে তুষার পরিস্কার করার কঠিন কাজ করতে হতো তাকে। লেখা ছিলো নিষিদ্ধ। শুধু চিন্তা করতে পারতেন। খুনী থেকে শুরু করে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের সাথে মিশতেন, মনোযোগ দিয়ে শুনতেন তাদের কথা, তাদের পরস্পরবিরোধী চিন্তা, অপরাধবোধ, কৃতকর্মের জন্য অনুশোচনার গল্প। এভাবেই মানুষের মনোজগতের জানলায় উঁকি মারার দক্ষতা অর্জিত হয়।
একে একে তৈরি হয় তার ভবিষ্যত উপন্যাসের প্লট ও অনবদ্য চরিত্র সমূহ।
১৮৫৪ সালের শেষদিকে তিনি মুক্তি পান। মস্কো বা পিটার্সবুর্গে ঢোকা তখনও নিষেধ। নির্বাসিত করা হয় তৎকালীন পশ্চিম সাইবেরিয়ার (বর্তমানে কাজাখস্থানের) সিমিপালাতিন্-স্ক শহরে, ১৮৫৯ সাল পর্যন্ত। ক্ষুধা, ক্লান্তি, দুর্বলতা, বিষণ্ণতা ও মানসিক অবসাদে বিপন্ন একজন মানুষ, মৃগীরোগে আক্রান্ত। কোথাও শান্তি নেই,
জীবনের ধূসর রং।
এক পশলা বসন্তের হাওয়ার মত উপস্থিত হয় এক নারী। মারিয়া ইসায়েভা। প্রতিবেশি। নীচুস্তরের কোনো এক সরকারী চাকুরের স্ত্রী। পরস্পরের প্রেমে নল-দয়মন্তী হয়ে পড়েন তারা। কিন্তু অল্পদিনের মধ্যেই বিপর্যয় নেমে আসে, মারিয়ার স্বামীর বদলির আদেশ হয়। দস্তয়েভ্ স্কি মারিয়াকে অনুরোধ করেন তাকে ছেড়ে না যেতে। কিন্তু প্রেম অশ্রুতে শুদ্ধ হয়। মারিয়া হারিয়ে যান তার জীবন থেকে। দস্তয়েভ্ স্কি মনের গহিনের আলকাতরার নদীতে ডুবে যান আবার।
খোঁজেন মারিয়াকে। প্রেমের পথ ঠিকই গন্তব্যে পৌঁছায়। মারিয়ার স্বামী মারা গেছে।
দস্তয়েভ্ স্কি বিয়ের প্রস্তাব করেন। ১৮৫৭ সালে বিয়ে করেন তারা কিন্তু প্রেম নয়, ৭ বছর একসাথে বাস করেন ক্ষারকর্দম নরকে। নরকে দ্বৈতজীবন বড় কষ্টের হয়। যক্ষ্মায় ক্ষয় হচ্ছিলেন মারিয়া, বড় খিটখিটে, সন্দেহপ্রবণ ও দেশলাইয়ের মত রাগের স্ফুলিঙ্গে জ্বলে ওঠেন যখন তখন। পালানোর স্থান ছিলো শুধু লেখার জগতে।
১৮৬৪ সালে মারিয়া মারা যান বসন্তকালে, সেই শোক কাটিয়ে ওঠার আগেই তার বড় ভাই মারা যান গ্রীষ্মকালে, তার বিশাল দেনার বোঝা দস্তয়েভ্ স্কি র কাঁধে রেখে। ভীষণভাবে ভেঙ্গে পড়েন তিনি।
আয়ের একমাত্র পথ লেখা। ভবিষ্যতের লেখা বন্ধক রেখে প্রকাশকদের কাছ থেকে টাকা নেন। কাবুলিওয়ালার মত ওরা। লিখতে হতো দ্রুত, না লিখলে ভাত নেই, লেখার ঘষা-মাজা বা পরিশীলন করার সময় ছিলো না। জেলের অভিজ্ঞতার জীবন্ত বর্ণনা নিয়ে ১৮৬১ সালে বের হয় "মৃতপুরীর খেরোখাতা" বা "Notes from the house of dead" ও "লাঞ্ছিত বঞ্চিত"।
"পাতালপুরীর অনুলিপি" বা "Notes from underground" লেখেন ১৮৬৪ সালে।
"মৃতপুরীর খেরোখাতা" পড়ে তলস্তয় বলেছিলেন, "নতুন যত সাহিত্য সৃষ্টি হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বই এটি, এমন কি পুশকিনকেও অতিক্রম করে গেছে এই বই।"
তিনি ঋণে জর্জরিত থেকেছেন সারাজীবন। এমনকি পাওনাদারদের হাত থেকে রক্ষা পাবার জন্য ১৮৬৫ সালে ইওরোপে পালিয়ে যান। অদম্য জুয়ার নেশা ছিলো তার। ১৮৬৬ সালে ইওরোপ থেকে ফিরে এসে, পাওনাদার প্রকাশকের চাপে মাত্র ২১ দিনে শেষ করেন তার বিখ্যাত উপন্যাস "জুয়ারী।"
লেখার গতি বাড়ানোর জন্য তিনি কাজে নিয়েছিলেন ২০ বছর বয়েসি স্টেনোগ্রাফার আন্না স্নিৎকিনাকে। আন্না ছিলেন ধীর স্থির গোছানো ও বাস্তববুদ্ধিসম্পন্ন একজন মানুষ।
লেখায়ই শুধু সাহায্য নয়, লেখকের জীবনে তিনি শৃংখলা ফিরিয়ে আনেন। লিখতে শুরু করেন মহাকাব্যিক উপন্যাস "অপরাধ ও শাস্তি।" আন্না সর্বক্ষণিক সঙ্গী। তার আঙ্গুলে শব্দেরা নাচে, নেচে প্রাণ পায়।
অচিরেই আন্নাকে বিয়ের প্রস্তাব দেন তিনি এবং আন্না সানন্দে গ্রহণ করেন। তাদের বিয়ে সম্পন্ন হয় পিটার্সবুর্গের দৃষ্টিনন্দন ইজমাইলভস্কি ক্যাথেড্রালে।
আন্না ছিলেন নম্র, ভদ্র ও স্বামীর প্রতি নিবেদিত। যদিও অন্য অনেক মহৎপুরুষের মতই স্বামী ছিলেন সন্দেহপ্রবণ ও বদমেজাজী। স্ত্রীর সাজগোজ বা ম্যাক-আপ ব্যবহার করা বা কোনো পুরুষের সাথে কথা বলা নিষিদ্ধ করে দিয়েছিলেন তিনি। আন্না মেনে নিয়েছিলেন। ছিলেন নিপুন সংসারী এবং সংসারের বাইরের পৃথিবীর সাথে লড়াই করার সাহস ও দৃঢ়তা সম্পন্ন। লেখকের জীবনের শেষদিন পর্যন্ত তিনি ছিলেন গৃহের অন্নাপূ্র্ণা।
"অপরাধ ও শাস্তি" শেষ করেন ১৮৬৬ সালে।
তারপরে পাওনাদারদের চাপে অতিষ্ঠ হয়ে ১৮৬৭ সাল থেকে চার বছর থাকেন ইওরোপের বিভিন্ন দেশে। আন্নার জন্য দুর্বিসহ ছিল এই বছরগুলো। দারিদ্র, গঞ্জনা, বঞ্চনা ও স্বামীর জুয়ার প্রকোপে অপদস্ত অবস্থায়ও সংসার ধরে রাখেন তিনি। যতখানি সম্ভব তাকে লেখায় নিবিষ্ট রাখেন। সব বড় সৃষ্টির পেছনেই কোনো না কোনো নারীর অবদান থাকে বিশাল। দস্তয়েভ্ স্কি'র ক্ষেত্রে ছিলেন আন্না।
"ইডিয়ট" প্রকাশিত হয় ১৮৬৮-১৮৬৯ সালে। ১৮৭২ সালে আসে "ডেমনস" বা "শয়তানেরা", ১৮৭৩ সালে "লেখকের দিনলিপি", "কারামাজভ ভ্রাতৃগণ" শেষ করেন ১৮৮০ সালে।
মৃত্যুবরণ করেন ১৮৮০ সালে, মাত্র ৫৯ বছর বয়সে। যদিও একই সময়ে বসবাস করেছেন এবং একে অন্যকে অসম্ভব শ্রদ্ধা করতেন, দস্তয়েভ্ স্কি এবং তলস্তয়ের কখনও মুখোমুখি দেখা হয়নি। ১৮৮০ সালে মস্কোতে পুশকিনের মনুমেন্ট উদ্বোধনের সময় তার ভূবনবিখ্যাত বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ইচ্ছা প্রকাশ করেন "ইস্নায়া পলিয়ানা"য় গিয়ে তলস্তয়ের সাথে দেখা করার। কিন্তু খবর পান তলস্তয় সংসার জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে বৈরাগ্য গ্রহণ করেছেন এবং কারো সাথে সাক্ষাত করেন না। ফলে তিনি মত পরিবর্তন করে পিটার্সবুর্গে ফিরে যান।
অথচ আন্না স্নিৎকিনা এবং তলস্তয়ের স্ত্রীর মধ্যে বন্ধুত্ব ছিল, তলস্তয়ের সাথেও পরিচয় ছিল তার। দস্তয়েভ্ স্কি'র মৃত্যুতে তলস্তয় ভীষণভাবে শোকার্ত হন, বলেন, "যদিও তার সাথে আমার দেখা হয়নি, আমি অনুভব করি তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের, যার সান্নিধ্যের প্রয়োজন ছিল আমার সবচেয়ে বেশি…"
১৯১০ সালের নভেম্বরের নিঝুম শীতরাতে তলস্তয় যখন বাড়ি থেকে পালিয়ে চলে যান এবং মুমুর্ষ অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায় "আস্তাপভা" রেলস্টেশনে, তার সাথে ছিল দস্তয়েভ্ স্কি'র "কারামাজভ ভাতৃগণ" ।
যৌবনেকালে যখনই সময় পেতাম, পেত্রোগ্রাদস্কায়ায় ডুব দিয়ে পাতাল ট্রেনে চড়ে বসতাম, বের হতাম ভ্লাদিমিরস্কায়ায়, তারপরে মাত্র কয়েক পা হাঁটা পথ, তার বাড়ি-মিউজিয়ম। কম সময় কাটাইনি সেখানে, ছবি দেখেছি ইডিয়ট, কারামাজভ ভাইয়েরা, অভাজন, অপরাধও শাস্তি, তার জীবন নিয়ে ডকুমেন্টারি। তার লেখা নিয়ে আলোচনা শুনেছি অনেক, তার জীবনকাহিনি নিয়েও। অনেকটাই স্মৃতিপটে অস্বচ্ছ এখন কিন্তু সেখানেই জানতে পেয়েছি যে, যৌবনে বিপ্লবী হলেও,পরিণত বয়সে বিপ্লব-বিমুখ হয়েছিলেন। শুধু তাই নয় খৃষ্ট ধর্মের প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছিলেন। এ কারণে সমাজতান্ত্রিক রাশিয়া ও তার সিদ্ধ পুরুষ লেনিন দস্তয়েভ্ স্কি'কে রীতিমত প্রতিক্রিয়াশীল মনে করতেন, যদিও রাশিয়ার জ্ঞানী ব্যক্তিদের তালিকায় তাকে না রেখে পারেননি। ৬ষ্ঠ স্থান দিয়েছিলেন।
অথচ যেই সমাজটির গোড়াপত্তন করছিলেন তিনি, দস্তয়েভ্ স্কি তার জন্য একটি গুরুত্বপূর্ণ সদুপদেশ রেখে গিয়েছিলেনঃ
"কোনো কয়েদির জেল থেকে পালানো ঠেকানোর সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো তাকে জানতে না দেয়া যে সে জেলে আছে।"
লেনিন হয়তো উপদেশটি পড়েননি বা বোঝেননি।
তাই বিপ্লব-পরবর্তী রাশিয়ায় দীর্ঘদিন দস্তয়েভ্ স্কি প্রায় নিষিদ্ধ ছিলেন। মূলত ১৯৭০ এর দশকে নতুন করে তার মূল্যায়ন শুরু হয়। তার বাসস্থানে উন্মুক্ত করা হয় মিউজিয়াম।
তার প্রজ্ঞার বিশাল সমুদ্র সৈকতে আনাড়ির মতো হেঁটেছি আমি। তার স্মৃতিময় স্থানগুলো দেখেছি ঘুরে ঘুরে। আলেক্সান্দ্রা নেভস্কি লাভরায় সমাধি প্রস্তরের সামনে বসে থেকেছি নিশ্চুপ।
কেন?
জানি না।
হয়তো তার মত সন্তান পৃথিবী খুব কমই ধারন করেছে বলে।
