গার্সিয়া মার্কেসের গোপন ফাঁস: ইন্দিরা নামের কন্যার সন্ধান
আলোকচিত্র: মার্কেস ও তার কন্যা ইন্দিরা
কোন না কোন কারণে তর্কিত এবং বিতর্কিত হওয়া খ্যাতিমানদের প্রায় এক অমোঘ নিয়তি। এর আগে স্প্যানিশ সাহিত্যের দুই দিকপাল কার্লোস ফুয়েন্তেস আর অক্তাবিও পাসের জীবদ্দশায় বিতর্কের কথা মনে পড়বে অনেকেরই। দুজনেরই দুই বিবাহ, ফলে অর্থকড়ি আর বিষয় সম্পদ নিয়ে প্রথম পক্ষের স্ত্রী আর সন্তানের সাথে ঝামেলা তৈরি হওয়াই স্বাভাবিক। কিন্তু কলম্বিয় কথাসাহিত্যিক মার্কেস, মানে গাব্রিয়েল মার্কেসের ক্ষেত্রে ঘটনাটা একটু ভিন্ন রকম। অন্য দুজনের মতো তিনি দোজবর ছিলেন না। তার একমাত্র স্ত্রী মের্সেদেস বার্চা, তাদের দুটিই মাত্র সন্তান আর দুজনই ছেলে: রদ্রিগো আর গনছালো। কিন্তু অতি সম্প্রতি গবেষক আর সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরেক সন্তানের নাম। তিনি ইন্দিরা কাতো। কোত্থেকে বেরিয়ে এলেন এই তৃতীয় জন? আর এই ইন্দিরা যে-কেউ নন, পিতার মতো খ্যাতিমান না হলেও, তাই বলে একেবারে অচেনা কেউ নন মোটেই। কিন্তু মার্কেস এই তৃতীয় সন্তানের কথা কাউকেই বলেননি। সারা জীবন তিনি অন্য সবার কাছে যেমন, তেমনি নিজের পরিবারের কাছেও গোপন রেখে গেছেন এই তথ্য। যদিও গুঞ্জন ঘরে বাইরে ঠিকই বোলতার মতো ডানা নেড়ে যাচ্ছিল। কিন্তু সাংবাদিকরা হচ্ছেন হাটে হাড়ি ভাঙার ওস্তাদ, আর গোয়েন্দাদের চেয়েও সেরা চিজ। সেরকমই এক চিজ কলম্বিয় লেখক সাংবাদিক গুস্তাবো তাতিস গেররা। গত ১৬ জানুয়ারি কলম্বিয় দৈনিক El Universal -এ হাটে হাড়ি ভাঙার মতোই বহুদিনের গোপন সংবাদটি জানালেন: মার্কেস আসলে তৃতীয় আরেক সন্তানের জনক। যদিও বহুদিন থেকেই ঘুরঘুর করছিল এই সন্দেহ। বিশেষ করে স্প্যানিশ ভাষায় লিখিত মার্কেসের বিখ্যাত জীবনীকার দাসসো সালদিবার এর একটি আভাস আগেই পেয়েছিলেন, কম করে হলেও আট বছর ধরে এই রহস্যের পেছন পেছন ছুটেছেন তিনি, কিন্তু যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে রহস্যের কোন কুলকিনারা করতে পারছিলেন না বলে মার্কেসের মৃত্যু পর্যন্ত তা গোপনই রয়ে গেছে। অবশেষে গুস্তাবো তাতিস, অবশ্য দাসসোরই সহায়তায়, সেই রহস্যের উন্মোচন ঘটালেন।
আলোকচিত্র: কন্যাশিশুর সাথে মার্কেস
এর সবটাই শুরু হয়েছিল মার্কেসের কোলে এক মেয়েশিশুর ছবির সূত্রে; মার্কেসের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই সন্দেহের শুরু। তাতিসের সংবাদটি নিশ্চিত হওয়ার পেছনে কেবল দাসসোই নয়, গিয়্যের্মো আঙ্গুলোও বড় এক সাক্ষী। গিয়্যের্মো এই গোপন সংবাদটি অনেক আগে থেকেই জানতেন, কিন্তু মের্সেদেসের প্রতি সম্মান আর মার্কেসের প্রতি বিশ্বস্ততার স্বার্থেই গোপন রেখে গেছেন।
মার্কেসের এই তৃতীয় সন্তানটি ছিল সুসানা কাতো নামের এক মেক্সিকান নারীর সাথে গোপন সম্পর্কের ফল। এই সুসানার সাথে মার্কেস লিখেছিলেন Con el amor no se juega (1991) নামক এক চিত্রনাট্য। এই ছবির পরিচালক ছিলেন কার্লোস গার্সিয়া আগ্রাস।
আলোকচিত্র: সুসানা কাতো
সুসানা কেবল সিনেমার জন্যই চিত্রনাট্য লেখেননি, লিখেছেন গল্প আর টেলিভিশনের জন্য নাটকও। ১৯৯৬ সালে তিনি মার্কেসের সাক্ষাৎকারও নিয়েছিলেন Cambio নামক সাহিত্য সাময়িকীর জন্য। ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মেক্সিকোর Proceso নামক সাহিত্য সংস্কৃতির এক বিখ্যাত পত্রিকায় সাংবাদিক ও সিনে-সমালোচক হিসেবে কাজ করেছেন। ২০০০ সালে তিনি মেক্সিকো সিটির কয়োয়াকান নামক একটি অঞ্চলের সাংস্কৃতিক বিভাগের পরিচালকও হয়েছিলেন। ২০১৬ সালে 'El manicomio de afuera' নামক স্বরচিত নাটকের জন্য তিনি বেশ আলোচিতও হয়েছিলেন। কিন্তু এবার তিনি আলোচিত তার ও মার্কেসের যৌথকর্ম ইন্দিরার জন্য।
মায়ের পথ ধরেই ইন্দিরা প্রবেশ করেছেন সিনেমার জগতে । মেক্সিকোর সিনেমায় তিনি এখন আলোচিত এক নাম। Llévate mis amores নামক প্রথম তথ্যচিত্রের জন্য ইন্দিরা ২০২০ সালে অর্জন করেছেন ১৫টির বেশি পুরস্কার। মার্কেসের ঔরসে জন্ম হলেও ইন্দিরা নিজের নামের সঙ্গে কেবল মাযের নামটিই যুক্ত রেখেছেন। আর এই কারণেই তাকে মার্কেসের সন্তান বলে সনাক্ত করা ছিল দুরূহ।
মার্কেস যদিও নিজের সন্তান বলে প্রকাশ্যে পরিচয় দেননি, কিন্তু মেয়ের ভরণপোষনে কার্পন্য করেননি কখনো। মেক্সিকো সিটির অভিজাত এলাকায় মেয়ের জন্য বাড়ি আর দামি গাড়ি কিনে দিয়েছিলেন।
কিন্তু মেয়ের নাম স্প্যানিশ ভাষী কোন নামের পরিবর্তে কেন ভারতীয় প্রয়াত প্রধানমন্ত্রীর নামে নাম—এই রহস্যেরও সুরাহা করেছেন সাংবাদিক।
মার্কেসের সাংবাদিক লেখায় যে-কেউ লক্ষ্য করলেই দেখতে পাবেন ভারত এবং আশেপাশের অঞ্চলগুলোর উপস্থিতি। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরাকে হত্যা করা হয়। এর প্রায় বছরখানেক আগে মার্কেসের সাথে পরিচয় হয়েছিল ইন্দিরা গান্ধীর।
আলোকচিত্র: ইন্দিরা গান্ধী ও মার্কেস
গবেষকদের অনুসন্ধানে জানা যাচ্ছে, ১৯৮২ সালে যখন সাহিত্যে নোবেল পুরস্কার মার্কেসের নামে ঘোষণা করা হলো, তখন প্রথমদিকে যারা শুভেচ্ছা জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধী ছিলেন তাদের একজন। ইন্দিরা নাকি তখন সবেমাত্র লেখকের Cien años de soledad উপন্যাসটি পাঠ শেষ করে উঠেছেন। উপন্যাসটি পাঠের অভিজ্ঞতা ছিল তার কাছে বিস্ময়কর।
পরের বছরই ভারতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ দেশগুলোর সপ্তম শীর্ষ সম্মেলনে (Seventh Summit of Non-Aligned Countries)আমন্ত্রিত হয়ে মার্কেস ভারতে আসেন আর পরিচিত হন ইন্দিরার সাথে। ইন্দিরা গান্ধী যে তাকে মুগ্ধ করেছিলেন, তাতে কোন সন্দেহ নেই। ইন্দিরাকে যদিও পরের বছর হত্যা করা হয়েছে, কিন্তু ইন্দিরাকে তিনি জীবিত করে তুলেছিলেন নিজের কন্যার জন্য একই নাম নির্বাচনের মাধ্যমে।
২৩ জানুয়ারি ২০২২ সালে Poetripiados নামক সাহিত্য পত্রিকায় প্রকাশিত নিবন্ধ অবলম্বনে
