এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: জঘন্য এই কসাইয়ের দল ও অন্যান্য
………………….
মূল: এদুয়োর্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ
………………….
আমাদের সমুদ্র্র
রোমের পোপ অর্ধেক পৃথিবীকে স্পেন আর পর্তুগালের মধ্যে ভাগ করে দেবার এক শতাব্দিরও বেশী সময় পরে, ১৬৩৫ সালে ইংরেজ আইনজীবী জন সেলডেন 'মেয়ার ক্লজিয়াম (একটি দেশের এলাকাধীন সমুদ্রসীমা)' নামে একটি বই প্রকাশ করেন।
এই বইটি দেখালো, শুধুমাত্র ভূমিরই যে কোন মালিকানা থাকবে তা-না, সমুদ্রেরও মালিকানা থাকবে। মহামান্য ইংল্যান্ডের রাজা স্বাভাবিক অধিকার বলেই তাঁর বিস্তৃত সাম্রাজের ভূমি ও জলের বৈধ মালিক।
এভাবে ব্রিটিশ সম্পত্তি আইনের বুনিয়াদ দেবতা-নেপচুন, নূহ ও তাঁর তিন পুত্র, আদিপুস্তক, ওল্ডটেস্টামেন্টের পঞ্চম গ্রন্থ, গীতসংহিতা আর ঈশা ও এজেকিয়েলের দৈববাণীর উপর প্রতিষ্ঠিত হয়।
তিনশো ষাট বছর পর, মার্কিন যুক্তরাষ্ট্র দাবী করলো, মহাকাশ ও মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের উপর সব অধিকার তার। তবে সে জন্য তাদের ইংল্যান্ডের মতো এই জাতীয় মর্যাদাপূর্ণ কোন কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হয়নি।
ধন্যবাদ
বছরের পর বছর ধরে, নভেম্বরের শেষে, মার্কিন যুক্তরাষ্ট্র থ্যংকসগিভিং পর্ব উদযাপন করে। জাতি এই সময় ঈশ্বর ও ইন্ডিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কেননা, ইন্ডিয়ানরা বিজয়ী তীর্থযাত্রীদের (পিলগ্রিমস) বাঁচাতে ঈশ্বরকে সাহায্য করেছিল।
১৬২০ সালের শীতকাল, মে-ফ্লাওয়ার জাহাজে করে আসা ইউরোপের অর্ধেক যাত্রীকে মেরে ফেলে। পরের বছর ঈশ্বর সিদ্ধান্ত নেন, যারা রক্ষা পেয়েছে, তাদেরকে তিনি বাঁচাবেন। ইন্ডিয়ানরা তাদেরকে আশ্রয় দিল। পশু শিকার ও মৎস্য আহরণের সুযোগ দিল। তাদেরকে কীভাবে ভুট্টা চাষ করতে হয়, বিষাক্ত উদ্ভিদ এড়িয়ে চলতে হয়, ঔষধি গাছের ব্যবহার আর বাদাম, ক্র্যানবেরি ও অন্যান্য বুনো ফল আহরণ করতে হয়, তা শেখালো।
রক্ষা পাওয়া ইউরোপীয়নরা এরপর তাদের আশ্রয়কারীদের উদ্দেশ্যে একটি থ্যাংকসগিভিং ভোজের প্রস্তাব দেয়। এটি ইংরেজদের গ্রাম প্লাইমাউথে অনুষ্ঠিত হয়। অনতিকাল আগে গ্রামটি পাতুক্সেত নামে পরিচিত ছিল। সেটি ছিল ইন্ডিয়ানদের। পরবর্তীতে ইউরোপ থেকে আমদানিকৃত গুটি বসন্ত, হলুদ জ্বর আর অন্যান্য অভিনবত্বে কারণে গ্রামটি শেষ-মেষ উজার হয়ে গিয়েছিল।
ঔপনিবেশিক আমলে এটাই ছিল প্রথম এবং শেষ থ্যাংকসগিভিং পর্ব।
এরপর উপনিবেশবাদীরা যখন ইন্ডিয়ানদের ভূমিতে আগ্রাসন চালিয়েছিল, সত্য মুহূর্তটি তখন উপস্থিত হয়েছিল। আক্রমণকারীরা নিজেদেরকে "পবিত্র" ও "নির্বাচিত" বলে অভিহিত করছিল আর ইন্ডিয়ানদের "নেটিভ" বলা বন্ধ করে "বর্বর" নামে ডাকা শুরু করেছিল।
জঘন্য এই কসাইয়ের দল
অষ্টাদশ শতাব্দির গোড়ার দিকে, জোনাথন সুইফট, তাঁর গালিভার'স ট্রাভেলস-এর শেষ অধ্যায়ে ঔপনিবেশিক অ্যাডভেঞ্চারের বর্ণনা করেন:
"জলদস্যুদের একটি দল ডাকাতি ও লুঠতরাজ করতে উপকূলে যায়। সেখানে তাদের সাথে একদল নিরীহ মানুষের দেখা হয়। মানুষগুলি তাদের আন্তরিক-চিত্তে স্বাগত জানায়। দস্যুরা এরপর দেশটির নতুন একটি নাম দেয় আর তাঁদের রাজার নামে আনুষ্ঠানিকভাবে সেটির দখল নেয়। এই উপলক্ষ্যে স্মৃতিচিহ্ন হিসেবে তাঁরা সেখানে একটি নষ্ট তক্তা বা একটি পাথর স্থাপন করে।
তারপর সেখানে শুরু হয় নুতন এক আধিপত্য, যেটি পরে 'ঐশ্বরিক অধিকার' শিরোনাম অর্জন করে। স্থানীয়দের বিতারিত বা নির্মূল করা হয়। সোনার সন্ধান এনে দেবার জন্য তাদের অধিপতিদের নির্যাতন করা হয়। সমস্ত অমানবিকতা ও কামনা-বাসনা নিবৃত্তির জন্য জলদস্যুরা সেখানে বিনামূল্যে লাইসেন্স পেয়েছিল। ধরিত্রী তাঁর সন্তানের রক্তে সিক্ত হয়: একটি আধুনিক উপনিবেশ ও একদল পৌত্তলিক-বর্বর মানুষদের ধর্মান্তরিত এবং সভ্য করার জন্য অতি পবিত্র এক অভিযানে কসাইদের এই জঘন্য দলটি পাঠানো হয়েছিল!"
গালিভারের পিতা
গালিভার'স ট্রাভেলস-এর প্রথম সংস্করণটি লেখকের নাম ছাড়াই ভিন্ন এক শিরোনামে প্রকাশিত হয়েছিল।
বিপদ সাবধানতা অবলম্বন করতে বাধ্য করে। আয়ারল্যান্ডের একজন উচ্চ-পদস্থ যাজক, সেইন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ডিন পূর্ববর্তী কাজের জন্য বেশ কয়েকবার জোনাথন সুইফটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিলেন এবং এর প্রকাশককে কারাগারেও পাঠিয়েছিলেন।
"গালিভারের" দুর্দান্ত সাফল্য সুইফটকে তাঁর পরবর্তী সংস্করণগুলিতে নিজের নাম লেখার উৎসাহ যুগিয়েছিল। তিনি তাঁর নুতন বইতে স্বাক্ষরও করেছিলেন। বইটির শিরোনাম ছিল-"একটি বিনীত প্রস্তাব: আয়ারল্যান্ডের দরিদ্র মানুষের সন্তানরা যেন তাদের পিতা-মাতা বা দেশের বোঝা না হয় এবং তাদেরকে জন-কল্যাণকর হিসেবে গড়ে তোলা যায়"। প্রগাঢ় রাজনৈতিক পুস্তিকার এমন অসাধারণ দীর্ঘ শিরোনাম আগে হয়তো কখনও লেখা হয়নি।
অর্থনৈতিক বিজ্ঞানের হিমশীতল ভাষায় লেখক গরীবের শিশুদের কসাইখানায় প্রেরণের উদ্দেশ্যমূলক সুবিধার কথা বলেছেন। এই শিশুরা "এক বছর বয়সেই রোস্ট, বেক্ড (শেঁকা) বা সিদ্ধ অথবা স্টু করে খাবার মতো দারুণ সুস্বাদু, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার হয়ে উঠতে পারে।"এমন-কি তাদের চামড়া দিয়ে নারীদের হাতের গ্লাভসও তৈরী করা যেতে পারে।
১৭২৯ সালে এটি প্রকাশিত হয়। তখন ছিল এমন এক সময়, যখন ভুতেরাও খাবারের সন্ধানে ডাবলিনের রাস্তায় ঘুরে বেড়াতো। তাই বইটি খুব একটা গ্রহণযোগ্যতা পায় নি।
অপ্রয়োজনীয় প্রশ্ন সৃষ্টির ক্ষেত্রে সুইফট ছিলেন বিশেষজ্ঞ:
যখন সমগ্র আয়ারল্যান্ডকে ইংল্যান্ড জীবন্ত চিবিয়ে খাচ্ছিল, কারও একটি আঙুল তোলার সাহস পর্যন্ত ছিলনা, তখন কেন তিনি আতঙ্ক ছড়াতে নরমাংসবাদকে উৎসাহিত করার পরিকল্পনা করলেন?
আইরিশরা কি জলবায়ু অথবা ঔপনিবেশিক ফাঁসের কারণে অনাহারে মারা যাচ্ছিল?
কেন তিনি ইংল্যান্ডে থাকাকালীন সময়ে একজন মুক্ত মানুষ ছিলেন আর আয়ারল্যান্ডে পা দেবার সাথে সাথে নিজেকে দাস ভাবা শুরু করলেন?
কেন আইরিশরা ইংরেজদের পোশাক, আসবাবপত্র কিনতে অস্বীকার করল না আর তাদের জন্মভূমিকে ভালোবাসতে শিখল না?
কেন তাঁরা ইংল্যান্ড থেকে আসা সমস্ত জিনিস পুড়িয়ে দিয়ে নিজ দেশের জনগণকে বাঁচায়নি?
সুইফটকে উন্মাদ বলে ঘোষণা করা হয়েছিল।
তাঁর সঞ্চয়কৃত অর্থ ডাবলিনের প্রথম সরকারী পাগল আশ্রয়কেন্দ্রে দিয়ে দেয়া হয়েছিল। কিন্তু তাকে সেখানে পাঠানো হয়নি। এটা সম্পন্ন হওয়ার আগেই তিনি মারা গেলেন।
পার্থিব এবং অপার্থিব
আঠারো শতকের ইংল্যান্ডে সবকিছুই বাড়ছিল।
কারখানার চিমনি থেকে ধোঁয়া বৃদ্ধি পাচ্ছিল,
বিজয়ী কামান থেকে ধোঁয়া উঠছিল,
ইংরেজ রাজার লক্ষ লক্ষ নাবিক দ্বারা শাসিত সাত সমুদ্রে ঢেউ বাড়ছিল,
ইংল্যান্ডের বিক্রিত সকল পণ্যের লাভ বেড়েছিল,
আর ইংল্যান্ডের কর্জ দেওয়া টাকায় উপার্জনও বাড়ছিল।
প্রত্যেক ইংরেজ, সে যতই অজ্ঞ হোক না কেন, জানতো যে – পৃথিবী, সূর্য ও নক্ষত্র লন্ডনের চারদিকে ঘুরছে।
তবে শতাব্দির সেরা ইংরেজ চিত্রশিল্পী উইলিয়াম হোগার্থ বিশ্বের চূড়ায় থাকা লন্ডনের জৌলুসে বিভ্রান্ত হন নি। বরং তিনি উঁচু থেকে নীচের দিকে আকৃষ্ট হয়েছিলেন। তাঁর আঁকা-চিত্রে ও নকশায় সবকিছুই নীচে নেমে আসছিল।
মেঝে জুড়ে মাতাল আর বোতলের গড়াগড়ি,
ভাঙ্গা মুখোশ,
ভাঙ্গা তরোয়াল,
ভাঙ্গা চুক্তি,
পরচুলা,
কাঁচুলি,
নারীদের অন্তর্বাস,
ভদ্রলোকের সম্মান,
রাজনীতিবিদদের ভোট কেনা,
বুর্জোয়াদের আভিজাত্যের উপাধি কেনা,
যে তাস হারানো ভাগ্যের কথা বলে,
যে চিঠি হারানো প্রেমের কথা বলে,
আর শহরের আবর্জনা।
স্বাধীনতার দার্শনিক
শতাব্দি পেরিয়ে গেছে এবং সার্বজনীন চিন্তাধারায় ইংরেজ দার্শনিক জন লকের প্রভাব বেড়েই চলছে।
এটা পুরোপুরি সঙ্গত। লককে ধন্যবাদ। আমরা জানি যে, ঈশ্বর বিশ্বকে তার বৈধ মালিকানা "পরিশ্রমী ও বিচক্ষণ" ব্যক্তিকে অর্পন করেছেন; এবং লকই ছিলেন সেই ব্যক্তি, যিনি সকল ক্ষেত্রে মানুষের স্বাধীনতার দার্শনিক ভিত্তি স্থাপন করেছিলেন: মুক্ত প্রতিষ্ঠান, মুক্ত বাণিজ্য, অবাধ প্রতিযোগিতা, মুক্ত নিয়োগ ও ছাটাই ।
আর বিনিয়োগের স্বাধীনতা। তিনি যখন 'কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং'বিষয়ের উপর প্রবন্ধ রচনা করছিলেন, তখন রয়্যাল আফ্রিকান কোম্পানীতে তাঁর সঞ্চয় বিনিয়োগ করে এই দার্শনিক মানুষটি মানবিক অন্তর্দৃষ্টির ক্ষেত্রে নিজের ভূমিকা রেখেছিলেন।
ব্রিটিশ রাজশক্তির মালিকানাধীন এই ফার্মটি "পরিশ্রম ও বিচক্ষণতার সহিত" আফ্রিকা থেকে ক্রীতদাসদের শিকার করে ধরে এনে আমেরিকাতে বিক্রি করেছিল।
রয়্যাল আফ্রিকান কোম্পানীর মতে, তাদের প্রচেষ্টা "নিরবিচ্ছিন্নভাবে ও পর্যাপ্ত পরিমাণে বিক্রয়যোগ্য নিগ্রোদের সুলভ মূল্যে সরবরাহ" নিশ্চিত করেছিল।
