জেমস জয়েস-এর ইউলেসিস (পঞ্চম কিস্তি)
……
ভুমিকা
……
পঞ্চম কিস্তি মূলত প্রটিএস-এর শেষাংশ, এবং এরই সাথে ইউলেসিস উপন্যাসের প্রথম খন্ডের সমাপ্তি। এর পর তেরো পরিচ্ছেদ সম্বলিত দ্বিতীয় খন্ড—যেটি এই উপন্যাসের দীর্ঘতম অংশ।
আগেই বলেছি স্টিফেন-এর মানসিক বিচ্যুতি, দৃশ্যমানতার মাধ্যমে প্রতিটি বস্তুর স্বাক্ষর অবলোকন করা, শব্দ শ্রবণ করা, অথচ তাদের প্রকৃত অস্তিত্বকে অনুধাবন করতে না পারা—এসব কিছুই তাকে বিড়ম্বিত করে যার গভীরে অতীত এবং বর্তমান একাকার। এক জটিল চেতনা প্রবাহের মাধ্যমে—যেখানে সময়ের কোনো বিভাজন নেই—এবং তারই সাথে পরোক্ষ উল্লেখের বারংবার বাধাহীন সংযোজন পুরো টেক্সটকে এক যৌগিক রূপ দিয়েও অভূতপূর্ব অর্থবহ করেছে—এক অনন্য কাব্যরূপ দিয়েছে।
আমরা দেখি এই অংশে স্টিফেন স্যান্ডিমাউন্ট স্ট্রান্ড সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাঁটছে, তার অতীতকে গভীরভাবে ধ্যান করতে করতে যে চিত্রপটে তার মায়ের কথা, তার বিদ্যালয় অভিজ্ঞতার কথা, তার পকেটে রাখা লেখার কথা, তার পরিবারে কথা, তার একাকিত্বের কথা এবং একই সাথে দৈবজ্ঞের কথা বর্ণিত। এই দৈবজ্ঞের বিষয়টি স্পষ্ট হয় বর্তমান প্রটিএস পরিচ্ছেদের শেষ কটি পংক্তিতে যেখানে স্টিফেন ভাবে "পেছনে। সম্ভবত কেউ আছে।/ সে তার ঘাড়ের এক পাশে মুখ ঘোরায়, ফিরে দেখা। বাতাসের টানে এক বিশাল তেমাস্তুল জাহাজ ভেসে আসছে, পালগুলো তার আড়কাঠ-ক্রুশে গোটানো, ঘরে ফিরছে, উজানে, সন্তর্পণে, এক শব্দহীন জাহাজ।" প্রথমে যে উচ্চারণ "সম্ভবত কেউ আছে", আসলে পরবর্তী পরিচ্ছেদ ক্যালিপসো-তে তার লিওপোল্ড ব্লুম-এর সাথে মুখোমুখি হবার আভাস দেয়। অন্যদিকে ঘাড় ফিরে দেখাটাও দারুণ প্রতীকী এই বিচারে যে সাগরে তেমাস্তুল জাহাজ, জাহাজের আড়কাঠ-ক্রুশে গোটানো পাল, আসলে ক্রুশবিদ্ধ হবারই দৈবজ্ঞ।
জেমস জয়েস ইংরেজি ভাষার সিদ্ধ ব্যকরণকে স্বেচ্ছাচারের মতো উপেক্ষা করেছেন এবং শব্দের আবদ্ধ-রূপমূল (bound morpheme) ও মুক্ত-রূপমূলের (free morpheme) গৃহীত রীতিকে প্রায় স্থানেই ভেঙে অসংখ্য নতুন শব্দ সৃষ্টি করেছেন। ফলে অনুবাদকের জন্য ভাষান্তর কাজটি অধিকতর চিন্তা ও কষ্টসাপেক্ষ হয়েছে এবং বাংলা ভাষার নিয়মকেও ভাঙতে হয়েছে—যেমন জয়েস-এর dislove-কে বাংলা ভাষান্তর করতে হয়েছে 'অ-ভালবাসা' রূপে। এরই সাথে রয়েছে লিখিত ভাষার প্রতীক ও সাংকেতিক চিহ্ন গুলোর সঠিক উদ্ধার—যেখানে সময়ও একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক। মনে রাখতে হবে উপন্যাসটি এক শ' বছর আগে লেখা যেখান থেকে পৃথিবীর সব ভাষাই অনেক রাস্তা পেরিয়ে এসেছে। সম্ভবত এ কারণেই অনেকে বলে থাকেন জেমস জয়েস-এর ইউলেসিস ভাষান্তরযোগ্য নয়। তবুও আমার চেষ্টাটাকে চ্যালেঞ্জ হিসেবেই নেয়া এই বিশ্বাসে যে মানুষের ভাষা তো আসলে কোনো না কোনো ভাবে বোধগম্য।
……
বাংলা তর্জমা: আবদুস সেলিম
……
চোট খাওয়া প্রেমিক। তখন আমি ছিলাম বেশ সুদর্শন ছোকরা, বলছি শোনো, একদিন দেখাবো তোমাকে দেখতে আমি কেমন ছিলাম। আসলেই সুন্দর ছিলাম, সত্যি বলছি। প্রেমিক, তার ভালবাসার জন্যে সে কর্নেল রিচার্ড বার্ক-এর আশেপাশে ঘুরেছে, তার দলের নেতা, আর ক্লাকেনওয়েল-এর দেয়ালের নিচে, হামাগুড়ি দিয়ে, দেখেছে কুয়াশার ভেতর উঁচুতে ছুঁড়ে দেয়া এক প্রতিহিংসার শিখা। কাঁচের চুরমার আর ঘরবাড়ির ধ্বস। উৎফুল্লে গা-ঢাকা দিয়েছে প্যারিতে (পাগিতে), প্যারিসের ঈগান, কেউ তাকে চেনে না আমি ছাড়া। বাড়ি থেকে কাজে রুটিনমাফিক আসা যাওয়া, কালিঝুলি মাখা ছাপাখানার বাক্স, তিন সরাইখানাতে সময় কাটানো, মোমাটরার হতদরিদ্র গাদাগাদি স্বল্পমেয়াদি রাতের ঘুম, আগু দে লা গুতদা (rue de la Goutted'Or) এলাকাতে, ইস্পাত-দেয়ালে মাথা গুঁজে ভনভনে মাছির মতো জীবনযাপন। প্রেমহীন, দেশহীন, স্ত্রীহীন। স্ত্রীর সুন্দর আয়েশি বসবাস তার গৃহচ্যুত পুরুষ ছাড়া, ম্যাদাম, আগু জিলাকা (rue Git-le-Coeur) পাড়ায়, আর তার নিজের অজ্ঞাত সস্তা জীবনযাপন। টসটসে গাল, জেব্রা ছাপা স্কার্ট, চনমনে তারুণ্যের আভা। উদাসীন এবং উৎফুল্ল। প্যাটকে বোলো আমার সাথে তোমার দেখা হয়েছিলো, বলবে তো? আমি একবার বেচারা প্যাটকে চাকরি যোগাড় করে দিতে চেয়েছিলাম। আমার ছেলে (Mon fils), ফরাসি সেনা। আমি ওকে গান শিখিয়েছি। কিলকেনির ঝড়ো ছেলেরা মজবুত ধারালো ইস্পাত ছুরি। ওই পুরনো লাইনগুলো জানা আছে? গানটা আমি প্যাট্রিসকে শিখিয়েছিলাম। পুরনো কিলকেনি: সেইন্ট ক্যানিস, নরে নদীর উপর স্ট্রংবউ-এর দুর্গ। লাইনটা এই রকম। ও, ও। আমার হাত ধরেছে, ন্যাপার ট্যান্ডি।
ও, ও ছেলেরা
কিলকেনির ছেলেরা…
দুর্বল নিঃস্ব হাত আমার হাতের উপর। তারা ভুলে গেছে কেভিন ঈগান-কে, কিন্তু সে তাদের ভোলেনি। তোমাকে মনে পড়ে, ও সন।
সে সমুদ্রের ধারে চলে আসে, ভেজা বালু তার বুট জুতোতে বাড়ি খায়। এক খোলা বাতাস তাকে স্বাগত জানায়, অশান্ত স্নায়ুর ভেতরে নাড়া দেয়, অস্থির বাতাসের ঝাপ্টা উপলব্ধির বীজের উৎস। এখানে আমি সেই কিস বাতিজাহাজের দিকে চলে যাচ্ছি না তো, যাচ্ছি? সে থেমে পড়ে হঠাৎ, নরম মাটিতে তার পায়ের পাতাগুলো ধীরে ডেবে যেতে থাকে। পেছন ফেরো।
ঘুরে দাঁড়িয়ে সে দক্ষিণের সাগর পাড়টাতে চোখ বোলায়, তার পাদুটো আবার নতুন গর্তের ভেতর মন্থর ডুবে যেতে থাকে। দুর্গের শীতল গম্বুজাকৃতি ঘরটা অপেক্ষমান। রক্ষণস্তম্ভের ভেতর দিয়ে আলোর তীরগুলো সদা সঞ্চারমান, ক্ষীণ সঞ্চারমান, আর আমার পাগুলো সেইসাথে অপসৃয়মাণ, এবং তির্যক আলো ঘড়ি-মেঝের উপর গোধুলির দিকে ধাবমাণ। নিলাভ গোধুলি, রাতের আগমনবার্তা, গভীর নিলাভ রাত। গম্বুজের অন্ধকারে তারা অপেক্ষমাণ, তারা পেছনঠেলা হেলান-চেয়ারে, স্তম্ভে হেলান দেয়া আমার স্যুটকেস, টেবিলের চারধারে ছড়ানো-ছিটানো উচ্ছিষ্ট খাবার। এসব কার সরাবার কথা? ওর কাছে চাবি। রাত হলে আমি আর ওখানে ঘুমাতে যাব না। বদ্ধ-দরোজা নিঃশব্দ দুর্গে ওদের দেহগুলো সমাধিস্থ, ওই প্যান্থার সাহেব আর তার শিকারি কুকুরের। ডাক দাও: লা জবাব। সে তার ডুবে যাওয়া পাগুলো গর্তের গভীর থেকে টেনে তোলে তারপর শিলাখন্ডের স্তূপের দিকে ফিরে চলে। সব নিয়ে নাও, সব রেখে দাও। আমার আত্মা আমার সাথে চলমান, অস্তিত্বের অস্তিত্ব। তাই চন্দ্রস্নাত আমি পাহাড়ি রাস্তা বেয়ে চলি, রুপালী পোশাকে আবৃত, এলসিনোরের সম্মোহনী বানভাসি হয়ে।
প্লাবন আমাকে অনুসরণ করে। আমি স্পষ্ট দেখতে পাই এখানথেকে প্লাবন আমার উপর দিয়ে বয়ে চলে যাচ্ছে। তাহলে ফিরে যাও পুলবেগ রাস্তার পাশ দিয়ে ওই ওধারে স্ট্র্যান্ডের দিকে। সে জলজ উদ্ভিদ আর পিচ্ছিল সমুদ্রশৈবাল মাড়িয়ে একটা পাথরের চাঙ্গড়ের উপর বসে, তার ছড়িটা একটা ফাটলে আটকে রাখে।
একটা কুকুরের ফোলা মৃতদেহ গুটিসুটি পড়ে আছে বাদামি সমুদ্রশৈবালের উপর। সামনে বালুর ভেতর পোঁতা একটা নৌকার অংশ। বালুতে আটকে পড়া এক ঘোড়ার গাড়ি (Un coche ensable), লুইস ভ্যালো নাম দিয়েছিলো গোথিএ-র গদ্যের। এই ভারি বালুগুলো সেই ভাষা, যাকে জোয়ার আর বাতাস এখানে পলিমাটি করে রেখেছে। আর ওই ওইখানে, নিথর পাথরের স্তূপগুলো মাংসাশী ইঁদুরের প্রজনন স্থান। সোনা লুকিয়ে রাখো ওখানে। চেষ্টা করো। তোমার তো আছে কিছু। বালু আর পাথর। অতীতের ভার। স্যার লাউট-এর খেলনা সামগ্রী। সাবধান, কানে থাপ্পড় খেওনা যেনো। আমি সেই শক্তিমান অসুর যে বিশাল শিলাখন্ডকে নড়াতে পারি, আমার সিড়িভাঙ্গার হাড়কাঠি বানাতে পারি। হাউমাউখাউ। ইংরেজ রক্তের গন্ধ পাউ।
একটা দৃশ্য, জীবন্ত কুকুর, দৃষ্টিতে স্পষ্ট হয়, বালু উড়িয়ে ছুটে আসছে। ঈশ্বর, আমাকে কি কামড়াবে? ওর স্বাধীনতাকে সম্মান প্রদর্শন করো। তুমি অন্যদের প্রভু কিম্বা তাদের ক্রীতদাস কখনও হবে না। আমার কাছে আমার ছড়ি আছে। চুপটি করে বসে থাকো। অনেক দূরে, ঢেউয়ের মাথা ফুঁড়ে সমুদ্রতীরের দিকে হেঁটে যাওয়া দু'জনের ছায়া। দু'জন গেঁড়িশামুক-কুড়ানি। নলখাগড়ার জঙ্গলের ভেতর প্রায় অদৃশ্যমান। টুকি। আমি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি। না, কুকুরটা। ওটা আসলে ওদের কাছে দৌড়ে ফিরে যাচ্ছে। কারা?
লকলানদের দাঁড়টানা পালতোলা লম্বা রণতরী এখানে এই সমুদ্রের ধারে এসেছিলো, শিকারের খোঁজে, তাদের জাহাজের রক্তলাল চঞ্চু-গলুই সন্তর্পণে রাংতা রঙের সফেদ সফেন সমুদ্রতরঙ্গ পাড়ি দিয়ে। দিনেমার-জলদস্যু, তাদের বুকের উপর রণ-কুঠারের চকচকে লকেট ঝুলিয়ে হাজির হয়েছিলো, আর তারপর মালাকাই তাদের ধ্বংস করে সোনার গলাবন্ধ পরেছিলো গলায়। এক ঝাক পুরুচামড়া তিমি আটকে পড়েছিলো এক গরমের দুপুরে, তরল স্রোত গড়াচ্ছিলো নাকমুখ দিয়ে, ভাসাভাসা জলে করেছিলো নিস্তেজ গড়াগড়ি। তারপর ঐ ক্ষুধার্ত খাচাবন্দী শহর থেকে এক দঙ্গল চামড়াবৃত মানবপশু, আমার পূর্বপুরুষরা, চামড়া ছাড়াবার ছুরি হাতে, হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি করে, চামড়া ছাড়িয়ে, খুবলে-খুবলে বের করেছিলো তিমি মাছের চর্বিমাখা সবুজ মাংস। দুর্ভিক্ষ, প্লেগ আর পৈশাচিক হত্যাকান্ড। তাদের রক্তস্রোত আমার ধমনিতে, তাদের লালসা আমার জীবন তরঙ্গে। আমি তাদের ভেতরেই বিচরণ করেছি সেই জমাটবাঁধা লিফি নদীর উপরে, সেই আমি, এক পরী-পরশে বদলে যাওয়া, রজন কাঠের কটকটে আগুনে শুদ্ধ হওয়া। আমি কারও সাথে বাক্যালাপ করিনি: কেউ আমার সাথেও করেনি।
কুকুরের ঘেউঘেউ তার দিকে ছুটে যায়, থামে, আবার দৌড়ে ফিরে যায়। আমার শত্রুর সারমেয়। আমি কেবল বিবর্ণ দাঁড়িয়ে থাকি, নির্বাক, কোণঠাসা হয়ে। দারুণ আশঙ্কায় (Terribilia meditans)। এক হলদে দোসর, এক ভাগ্যবান শঠ, আমার ভয় দেখে হাসে। এই নিয়ে এতো কিসের ভয়, তাদের অভিনন্দনের হুক্কাহুয়াতে? কপট: তাদের জীবনেই জীবনযাপন। ব্রুসের সেই ভাই, টমাস ফিটজেরাল্ড, রেশমি বীরযোদ্ধা (Knight), পার্কিন ওয়ারবেক, ইয়র্ক-এর সেই ভুয়া বংশধর, সফেদ আইভরি গোলাপের রেশমি ব্রিচেস পরা, এক দিনের বিস্ময়, এবং ল্যাম্বার্ট সিম্নেল, দাদি আর চালবাজির পেখম ধরা, রান্নাঘরে বাবুর্চির যোগানদারকে রাজপদে আসীন করা। সব রাজার পুত্ররা। সেই তখন এবং এখনও কপটের স্বর্গ। সে ডুবন্ত মানুষকে উদ্ধার করেছে আর তুমি নেড়ি কুকুরের ঘেউঘেউ শুনে কম্পমান। কিন্তু সভাসদ যারা অরসেনমিকুএল গির্জাতে গিডো-কে তামাশা করেছিলো তারা সবাই তাদের নিজনিজ বাসস্থানেই ছিলো। সেই বাসস্থান. . .। আমরা তোমার ওই সব মধ্যযুগীয় দুর্বোধ্যতা চাই না। দয়া করে ও যা করেছে সেটাই তুমি করো না কেনো? একটা নৌকো কাছেপিঠেই থাকবে, এক জীবনরক্ষা-ভেলা। স্বাভাবিকভাবেই (Naturlich), তোমার জন্যেই রাখা। ওটাতে উঠবে নাকি উঠবে না? যে মানুষটা ডুবে মরেছে নয়দিন আগে মেইডেন চূড়ার অদূরে। ওরা এখন তার জন্যে অপেক্ষা করছে। সত্যটা, বলে ফেলো। আমি জানতে চাই। আমি চেষ্টা করবো। আমি ভালো সাঁতারু নই। পানি বড্ড ঠান্ডা, বড্ড নরম। কংগলস-এ বেসিনের পানিতে আমি যখন আমার মুখ ভেজাই। দেখতে পাও না! তোমার পেছনে ও কে? জ্বলদি বেরোও, জ্বলদি! দেখতে পাও না চারদিকে জলোচ্ছ্বাস কেমন ধেয়ে আসছে, কেমন চটজলদি পাড়ের বালুগুলোকে চাদর দিয়ে ঢেকে দিচ্ছে, কোকোরঙ্গ ঝিনুকের আস্তরনে? আমার পায়ের নিচে যদি মাটি থাকতো। আমি এখনও চাই তার জীবন তারই থাকুক, আমারটা আমার। এক ডুবন্ত মানুষ। তার মানুষী চোখগুলো আমার কাছে আর্তচিৎকার করে মৃত্যুভয়ের আতঙ্কে। আমি . . .। তারই সাথে নিচে পড়ে থেকেছি. . . আমি আমার মাকে বাঁচাতে পারিনি। জলমগ্ন: কষ্ট মরণ: বিনষ্টি।
একজন নারী আর একজন পুরুষ। মহিলার ঘাগরা প্রান্ত আমার চোখে পড়ে। বাজী ধরে বলতে পারি ঘাগরাটা উপরে টেনে খাটো করে গোটানো।
কুকুরটা ধুয়ে যাওয়া বালুর ধারে মন্থর ঘোরে, দুলকি চালে হাটে, আশেপাশে শুঁকে বেড়ায়। অতীত জীবনে হারিয়ে যাওয়া কিছু একটার খোঁজ। হঠাৎ লাফিয়ে ওঠা খরগোশের মতো সে দ্রুত দৌড় দেয়, কানগুলো পেছনে খাড়া করে, নিচে নেমে আসা একটা শঙ্খচিলকে তাড়া করে। পুরুষটার তীব্র শীষধ্বনি তার ঝুলন্ত কানে বাড়ি খায়। সে ঘোরে, লাফিয়ে ফেরে, কাছে আসে, নাচের ভঙ্গিতে পায়েপায়ে হাটে। তামাটে পশ্চাদপটে দৃশ্যমান, চঞ্চল, মানানসই, প্রাকৃতিক প্রাণী এক। ঢেউয়ের প্রান্তভাগে সে দাঁড়ায় তার সামনের পা দুটোর উপর ভর দিয়ে, সাগরের দিকে কান খাড়া করে। শব্দায়মান তরঙ্গ আর সমুদ্রজীবদের দিকে নাক উঁচু করে ঘেউঘেউ করে। তারা তার পায়ের দিকে সরীসৃপের মতো এগোয়, পেঁচিয়ে ধরে, বিসারিত করে সংখ্যাহীন বিষণ্ণতা, প্রতিটি নবম তরঙ্গ, তছনছ করে, আছড়ে পড়ে, দূর থেকে, আরও অনেক দূর থেকে, তরঙ্গের পর তরঙ্গ।
ঝিনুককুড়ানি। তারা অনেকটা পানি ভেঙে এগোয়, নিচু হয়ে তাদের ব্যাগগুলো পানিতে চোবায়, তারপর আবার ব্যাগটা তুলে পানি থেকে উঠে আসে। কুকুরটা ওদের দিকে দৌড়াতে দৌড়াতে ডাকে, পেছনের পায়ে ভর দিয়ে উঁচু হয়, থাবা দিয়ে ওদের স্পর্শ করে, তারপর চারপায়ে দাঁড়ায়, আবার বোবা ভল্লুকের ভঙ্গিতে আহ্লাদী করে পেছনের পায়ে ভর দিয়ে উঁচু হয়। তাকে আস্কারা না দিয়ে ওরা শুকনো বালির দিকে এগুতে থাকে, তার চোয়াল থেকে নেকড়ে বাঘের লোল পড়া জিভ ঝোলে। তার ফুটকি দাগ শরীর ওদের আগেআগে ছুট দেয় তারপর বাছুরের মতো লম্বা পায়ে লাফায়। তার ছুট দেয়া পথে মরা জন্তু। সে থামে, শোঁকে, চারপাশে সতর্ক হাঁটে, সহোদর, আবার খুঁটিয়ে শোঁকে, ঘুরেঘুরে দেখে, দ্রুত কুকুর-ঘ্রাণ নেয় অন্য এক মৃত কুকুরের আপাদমস্তক কাদামাখা চামড়ার ভেতর থেকে। কুকুরখুলি, কুকুরঘ্রাণ, মাটিতে তীক্ষ্ণ দৃষ্টি, এক বিশাল লক্ষের দিকে এগুনো। আহ, কি নগন্য খেটেখাওয়া জীবন। এখানে পড়ে আছে বেচারা শ্রমিকের মরদেহ।
–যত সব নোংরা ঘাঁটা! এদিকে আয়, গুষ্টির জানোয়ার।
মুনিবের ডাক তাকে জড়সড় ফিরে আসতে বাধ্য করে, তারপর এক খালিপায়ের গদ্দা লাথি তাকে অনাহত উড়িয়ে ফেলে একটা বালুর ঢিবির উপরে। সে চোরের মতো আবার ফিরে আসে। আমাকে দেখতে পায় না। সাগরের পাশে পাথরের দেয়ালের ধার দিয়ে সে টলমল হাটে, ঘোরাঘুরি করে, একটা পাথর শোঁকে এবং তার পেছনের একটা পা উপরের দিকে উঠিয়ে পাথরটার উপর আচমকা দ্রুত মুত্র ত্যাগ করে। এই হলো গরিবের সাদামাটা সুখ। সে তার পেছনের থাবাগুলো দিয়ে বালু আঁচড়ায়: তারপর তার সামনের থাবাগুলো দিয়ে বালু খোচায়, খোড়া-খুড়ি করে। কিছু একটা পুঁতে রেখেছে ওখানে, তার দাদীকে। ও বালুতে খোঁজাখুঁজি করে, খোচা-খুচি করে, খুড়তে থাকে তারপর থেমে বাতাসে কান পাতে কিছু শোনবার জন্যে, তার থাবার ধারালো নখ দিয়ে আবার বালু খোচায়, সহসা ক্ষান্ত দেয়, এক চিতাবাঘ, এক প্যান্থার, জন্ম যার অসিদ্ধ কামে, শবদেহলিপ্সু।
গত রাতে সে আমাকে ঘুম থেকে ওঠাবার পর, সেই একই স্বপ্ন, নাকি অন্য কোনো স্বপ্ন? দাঁড়াও। খোলা হলপথ। বেশ্যালয়ের এক রাস্তা। মনে পড়ে। হারুন আল রশিদ। আমি প্রায় পৌঁছে গেছি। সেই মানুষটা আমাকে নিয়ে গেছে, শান্তনা দিয়েছে। আমি ভয় পাইনি। তার কাছে সেই যে তরমুজটা [ব্লুম-এর নারীত্বের আদর্শ মলি ব্লুম] ছিলো সেটা সে আমার মুখের সামনে তুলে ধরেছিলো। স্মিত হেসেছিলো: ক্রিমফলের সুগন্ধী। সেটাই ছিলো নিয়ম, বলেছিলো। ভেতরে। এসো। লাল গালিচা পাতা। তুমি ঠিক চিনতে পারবে কে সে।
ঘাড়ে ব্যাগ নিয়ে তারা পা টেনেটেনে হাটে, রক্তবর্ণ মিসরীয়রা। গোটানো পাতলুনের নিচ দিয়ে তার নিলাভ পায়ের পাতা মাড়িয়ে যায় স্যাঁতস্যাঁতে বালুকণা, একটা বিবর্ণ ঠাসবুনোট মাফলার তার দাড়ি-না-কামানো ঘাড়ে ঝোলে। ছেনাল চালে নাগরী তাকে অনুসরণ করে: সেই ষন্ডাকে আর তার মন্থর চলার পথে খিস্তি-খেউড়ের গান। ঘাড়ে তার নষ্টামির মাল। বালুকণা আর খোলঝিনুক তার খালি পা আঁকড়ে ধরে। বাতাসে বাড়ি খাওয়া মুখের উপর তার চুলগুলো এলোমেলো ছড়ায়। বেশ্যার সর্বময় কর্তাকে অনুসরণ করে কর্তার সহচর, যাও চলে, লন্ডনে। যখন রাতের অন্ধকার বেশ্যার শরীরের খুঁতগুলো ঢেকে দেয় কাদাতে গড়াগড়ি খাওয়া কুকুরগুলো খিলানের পথ ধরে উঠে আসে তার বাদামি শালের নিচে। আর তার দালাল ব্ল্যাকপিটের ও'লাফলিন শুঁড়িখানাতে নিয়ে যায় রয়াল ডাবলিনের দু'জন সৈন্যকে। সেই বেশ্যাকে চুমু খাওয়া, তার সাথে যৌনকর্ম করা, রাম পান করে সেই খিস্তিগান ধরা, ও আমার খানকি চোদাইন্না মাগি। তার দুর্গন্ধ জীর্ণ কাপড়ের নিচে এক সফেদ শয়তানী। সেই রাতে ফাম্বেলির গলিতে: কাঁচা চামড়ার উৎকট গন্ধ।
সফেদ তোর হাতগুলান, লালে লাল মুখ,
দেহটা তোর তুলার মতো তুলতুল।
পিরিত কর মদের গেলাসে, আই করি সুখ।
আঁধারে জড়াজড়ি, চুমিতে চুলবুল।
ভুঁড়িমোটা একোয়াইনেস একে নাম দিয়েছে নোংরা চিন্তা-বিনোদন, একেবারে সহদর শজারুর কাঁটা (frate porcospino)। সূচিশুদ্ধ আদম-এর যৌনাচার ছিলো কামহীন। চলে এসো, ওর মতো ওকে থাকতে দাও: তোমার সুকুমার শরীর (thy quarrons dainty is)। ভাষা বিন্দুমাত্র তার চাইতে খারাপ নয়। সন্ন্যাস-নামাবলী, মা মেরির জপমালা, তাদের চারপাশে চমৎকারভাবে উচ্চন্ড: শঠতা, সোনার শক্ত চাকতি তাদের পকেটে ঝনঝন করে।
ওরা পাশ কাটিয়ে যায়।
আমার হ্যামলেট হ্যাটের দিকে আড় চোখে তাকায়। আমি বসতে-বসতে হঠাৎ যদি এখানে বিবস্ত্র হয়ে যেতাম—আসল রূপটা যদি বেরিয়ে পড়তো? হই নি। পৃথিবীর সব বালুকণার ওপারে, সূর্যের জ্বালাময় অসির অনুসরণে, প্রতীচিতে, সূর্যাস্তের বিস্তৃত প্রান্তরে সুদীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে। জিপসি মহিলা অবসন্ন হাটে, টেনে-টেনে, গায়ের জামা মাটিতে গড়িয়ে, হিঁচড়ে, বোঝা নিয়ে এগোয়। এক জলোচ্ছ্বাস পশ্চিম দিকে ভেসে যায়, চাঁদের টানে, ওই মহিলার পশ্চাতে। সমুদ্রোচ্ছ্বাস, ক্ষুদ্র দ্বীপাবলীতে আটক, মহিলার ধমনীতে প্রবাহিত রক্ত, যে রক্ত আমার নয়, এক গাঢ় মদরং সাগর, অনোপা পদন (oinopa ponton)। দেখো সেই চাঁদ-জনন নারীকে। ঘুমের গভীরে এক অজ্ঞাত নামে তাকে আহ্বান করে, তাকে পুনরুত্থিত করে। ফুলশয্যা, শৈশব, মৃত্যুশয্যা, প্রেত-প্রদীপ। সকল রক্ত-মাংস তোমার কাছেই ফিরে যাবে (Omnis caro ad te veniet)। মানুষ ফিরে আসে, এক রক্তশূন্য রক্তচোষা ভ্যামপায়ার, ঝড়ের ভেতর, তার চোখ, তার অপলক দৃষ্টি, সমুদ্রকে তুচ্ছ করে পাড়ি দেয়, মৃত্যুর ঠোঁট চুম্বন করে তার ঠোঁট।
এখানে। ওই ছোকরার বকবকানি বন্ধ করো, বুঝলে? আমার লেখার কাগজের তোড়া। মৃত্যুর ঠোঁট চুম্বন করে তার ঠোঁটে। না। তারা অবশ্যই যুগল। শক্ত করে জুড়ে দাও সব। মৃত্যুর ঠোঁট চুম্বন করে তার ঠোঁট।
তার ঠোঁটে ঠোঁটের স্পর্শ, বায়বীয় অধরের সাথে অধর স্থাপন: তার গর্ভাশয়ে স্পর্শিত মুখ। গর্ভাশয়, সর্বগর্ভাগার স্মৃতিসৌধ। তার অবয়ব থেকে পচনের গন্ধ, অবাচনিক মুখ: ওওইইইহা: জলপ্রপাতময় গ্রহপুঞ্জের গর্জন, ভূগোলাকাবদ্ধ, প্রজ্বলিত, উন্নাদী শব্দমালার নির্গমণ ওয়েআওয়েআওয়েআওয়েআওয়েআওয়ে। কাগজ। কাগজের নোট, ধূত্তরি। বুইড়া ডিজি-র চিঠি। এই তো। আতিথেয়তার জন্য ধন্যবাদ, চিঠির নিচের খালি অংশটা ছেঁড়া যায়। সূর্যের উল্টোদিকে মুখ ফিরিয়ে সে একটা টেবিলের মতো শিলাখন্ডের দিকে অনেকটা ঝুঁকে কাগজের উপর শব্দ আঁকিবুঁকি করে। এই নিয়ে দু'দুবার লাইব্রেরির কাউন্টার থেকে স্লিপের কাগজ নিতে আমার ভুল হলো।
শরীরটা নোয়ালে তার ছায়া শিলাখন্ডগুলোর উপর প্রলম্বিত হয়, সীমাবদ্ধ। সেই সুদূর নক্ষত্রের মতো সীমাহীন হয় না কেনো? এই আলোর উজ্জলতায় মসি-আঁধারে সেই নক্ষত্রগুলো ঢাকা পড়েছে, মসি-আঁধার উজ্জ্বলতায় ভাস্বর, ক্যাসিওপিয়া নক্ষত্রপুঞ্জের ডেল্টা, অগনন বিশ্ব। আমি সেখানে বসে থাকি আমার দৈবজ্ঞ কাঠের দন্ড নিয়ে, ধারকরা চটি পায়ে, দিনের বেলা এক উদ্দাম সমুদ্রকূলে, দৃষ্টির আড়ালে, আর নীললোহিত রাতে পথ চলি অদ্ভুত নক্ষত্ররাজির আধিপত্যের নিচ দিয়ে। আমি আমার এই সীমাবদ্ধ ছায়াকে আমার কাছ থেকে ছুঁড়ে ফেলে দিই, মানবরূপের সেই অনবক্রম্যতা, তাহলে তাকেই ফিরে চাই। সীমাহীন, হয়তো আমি হয়ে যাব, আমার আপন নিমিতির নিমিতি? আমাকে কে লক্ষ করছে? কে সে, কোনো না কোনো স্থানে, এই লিপিবদ্ধ শব্দগুলো পড়বে? এক শুভ্র প্রান্তরে আঁকা এই সঙ্কেতগুলো। কোথাও কারো কাছে তোমার মধুরতম বংশীধ্বনি। ক্লএন-এর মহতি বিশপ তার সোভেল হ্যাট থেকে উপাসনালয়ের আচ্ছাদন সরিয়ে ফেলেছিলো: সেই আচ্ছাদনের সমান্তরাল জমিনের উপর সরল রেখাতে চিত্রিত ছিলো রঙিন সব প্রতিকৃতি। দাঁড়াও। সমান্তরাল জমিনে চিত্রিত: হ্যাঁ, একদম ঠিক। আমার দৃষ্টি সমান্তরাল, তারপর চিন্তা চলে যায় দূরে, কাছে, আরও দূরে, দেখি সন্তরালে, পূর্ব, পশ্চিম, পশ্চাদ। আহ, এখন দেখো। তার চিন্তা অকস্মাৎ পিছু ফেরে, ঘনছকে (stereoscope) হিমায়িত। ক্লিকেই হয় বাজীমাৎ। আমার শব্দগুলো তোমার কাছে আঁধার মনে হয়। আঁধার তো তোমার অন্তরে, তাই না? সুরেলা বাঁশি। আমাদের অন্তর, আমাদের পাপে লজ্জাহত, আমাদের আরও ঘনিষ্ঠ আঁকড়ে ধরে যে পাপ, এক রমণী যেমন তার প্রেমিককে আঁকড়ে ধরে রাখে, তার চাইতেই বেশি আরও বেশি।
মেয়েটা আমাকে বিশ্বাস করে, কোমল হাতগুলো তার, দিঘল চোখের পাপড়ি। কোন নীল পাপাগারে এখন তাকে টেনে আনছি তার আচ্ছাদন সরিয়ে? অনবক্রম্য প্রবাহ প্রক্রিয়া থেকে অনবক্রম্য দৃশ্যমানতার প্রবাহে। মেয়েটা, মেয়েটা, মেয়েটা। কোন মেয়ে? সোমবার হজেস ফিগাস-এর জানালা দিয়ে দেখা সেই কুমারী, এক বর্ণমালার বই খুঁজছিলো যেটা তুমিই লিখতে যাচ্ছিলে। এক গভীর দৃষ্টিতে তাকিয়েছিলে তার দিকে। ছাতার সাথে আটকানো বুনুন চামড়ার ফিতের ফাঁক দিয়ে তার মণিবন্ধ। মেয়েটা থাকে লেসন পার্কে, এক বিষণ্ণতা আর বেস্বাদ খাবারের রাজ্যে, বিদুষী মহিলা এক। এসব কথা অন্য কাউকে গিয়ে শোনাও, স্টীভ: গপবাজি যত্তসব। কিন্তু মেয়েটার পরনে সেই সব বেলেল্লা পোশাক, ফিতেতে আটকানো কাঁচুলি আর হলুদ মোজা, ফোলা উলে বোনা। আপেল ডাম্পলিঙ্গের মতো, দারুণ (piuttosto)। কোথায় গেলো তোমার রসবোধ?
আমাকে ছোঁও। চোখজোড়া কোমল। নরম নরম নরম হাত। আমি এখানে বড়ই একা। ওহ, এসো আমাকে ছোঁও, এক্ষণই। কোন সেই শব্দ সব পুরুষেরই জানা? আমি এখানে নিঃশব্দ একা। বিষণ্ণও। ছোঁও, ছোঁও আমাকে।
একটা পরিচ্ছন্ন শিলাখন্ডের উপর সে আড়াআড়ি শুয়ে পড়ে, আঁকিবুকি কাটা কাগজ আর পেন্সিল পকেটের ভেতর ঠেসে ঢোকায়, হ্যাটটা তার চোখের উপর টানে। এখন আমি ঠিক কেভিন ঈগান-এর মতো কাজ করলাম, ও মাথা হেলিয়ে এভাবেই দিনের বেলা ঝিমাতো, স্যাবাথনিদ্রা। আর ঈশ্বর তার সকল সৃষ্টির দিকে তাকিয়ে দেখলেন, এবং, নিশ্চিত হলেন, তাঁর সৃষ্টি যা-কিছু সবই অতি সুন্দর (Et vidit Deus. Et erant valde bona.)। হ্যালো! শুভদিন, মে মাসের ফুটন্ত ফুলেল স্বাগতম। তারই পাতার নিচে দখিনা সূর্যালোকের ভেতর দিয়ে সে লক্ষ করে উচ্চকন্ঠ ময়ূরকুজন। আমি আটকা পড়েছি সেই মাহেন্দ্র দৃশ্যপটে। প্যান-এর মাহেন্দ্রক্ষণ, বনদেবতার মধ্যাহ্ন। ভারি আঠালো ফণিমনসার ভেতর, রসঝরা ফল, যেখানে পাটল জলের উপর ছড়িয়ে শুয়ে থাকে পাপড়ি। বেদনা সুদূরে।
এখন আর মুখফিরিয়ে মনমরা হয়ে থাকা নয়।
তার দৃষ্টি মনস্ক হয় তার ভোঁতা-আগা বুটজোড়ার দিকে, বাখ-এর বাতিল জোড় (nebeneinander)। সে জুতোর চামড়াতে পড়া ভাঁজগুলো গোনে যেখানে অন্য এক মানুষের একজোড়া পা ওম পোয়াতো। সেই পা দু'টো, যে দু'টো এই মাটির উপর তিনতাল ঠুকে নেচেছে, যে পা দু'টোকে আমি অ-ভালবাসি। কিন্তু তুমি তো বেশ সুখ পেয়েছিলে যখন এস্টা অসভল্ট-এর জুতো তোমার পায়ে লেগেছিলো: সেই মেয়ে যাকে আমি প্যারিসে চিনতাম। বাব্বা, কি ছোটো পা (Tiens, quell petit pied.)! একনিষ্ঠ বন্ধু, ঠিক ভাইয়ের মতো: ওয়াইল্ড-এর প্রেম, যার নাম উচ্চারণ নিষেধ। ও আমাকে এখন ছেড়ে চলে যাবে। আর দোষটা কার? আমি যেমন। আমি তেমনই। পুরোটাই, নইলে আমি অস্তিত্বহীন।
কক লেক থেকে প্রলম্বিত জোয়ারের জল টইটুম্বুর ছুটে আসে, হ্রদের সবজে-সোনালি বালুকণাকে ভাসিয়ে দেয়, উত্তাল হয়, বয়ে যায়। আমার ছড়িটা ভেসে যাবে। আমি প্রতীক্ষা করবো। না, ওরা বয়ে চলে যাবে, নিচের প্রস্থরখন্ডগুলোকে ঘষটে, ঘুরপাক খেতে-খেতে। যত দ্রুত একাজ সাঙ্গ করা যায় ততই ভাল। শোনো: চারশব্দের এক তরঙ্গবচন: সিসু, হ্রিস, রেসিইস, ওওস। সামুদ্রিক সাপ, ধাবমান অশ্ব, আর শিলাখন্ডের সমবেত ঐক্যতানের সাথে সাগর-জলের গভীর নিশ্বাস। শিলাখন্ডের ফাঁকফোকড়ে জল ছলকে পড়ে: তড়পায়, উপচায়, বাড়ি খায়: পিপেতে আটকানো তরলের লহরি। আর, সব শেষে, সেই বচন স্তব্ধ হয়। জলস্রোত বয়ে যায় কুলুধ্বনিতে, বিশাল বিস্তৃতিতে, ফেটিয়ে তোলে ফেনাকুণ্ড, বিসারিত করে জলজ প্রসূন।
ফুঁসে ওঠা জোয়ারের তলে সে দেখতে পায় পাক খাওয়া আগাছারা অবস চোখ তুলে অনিচ্ছুক করপল্লব প্রসারিত করে, তাদের পেটিকোট উদোম করে, অস্ফুট জলের শব্দে দুলতে-দুলতে উল্টেপাল্টে তারা হয়ে যায় লাজুক রূপালী পল্লব। দিনের পর দিন: রাতের পর রাত: প্রসারিত, প্লাবিত এবং পতিত হতে হয়। ঈশ্বর, তারা পরিশ্রান্ত: এবং, কলঙ্কিত, দীর্ঘশ্বাসি। সেইন্ট অ্যামব্রোস সেটা শুনেছিলো, পল্লব আর তরঙ্গের দীর্ঘশ্বাস, অপেক্ষা করেছে, অপেক্ষায় থেকেছে তাদের সেই মাহেন্দ্রক্ষণের জন্য, সৃষ্টির জন্যে দিন রাত ধৈর্যের সাথে যন্ত্রণা ভোগ করতে হয় (diebus ac noctibus iniurias patiens ingemiscit.)। সীমাহীনভাবে জড়ো হয়: তারপর অর্থহীন বিমুক্তি, বাইরে বয়ে যাওয়া, মন্থর ফিরে চলা: চাঁদের অমাবস্যা, প্রেমিকদের চোখেও ক্লান্তিকর, কামুক পুরুষ, এক বিবস্ত্র নারী দীপ্যমান তার প্রণয়প্রার্থনায়, তার ভেতর থেকে নির্গত হয় এক বেদনাবিধুর তরল।
পাঁচ বাঁউ জল সেখানে। পুরো পাঁচ বাঁউ জলের নিচে তোমার বাবা শুয়ে। ঠিক একটার সময় সে বলে। জলে ডোবা লাশ। ডাবলিনে তখন জোয়ারের জলের অবরোধ। তার সামনে চলমান আলগা পাথরকুচির দঙ্গল, ঝাঁকধরা মাছ, উটকো ঝিনুকের খোল। লবন-সাদা এক মরা মানুষের লাস ভেসে ওঠে জলের ঘুর্ণি স্রোতে, পাড়ের দিকে ভেসে যায়, শুশুকের মতো একবার ডোবে আবার ভাসে। ওই তো সে। জলদি আঁকড়ি দিয়ে আটকাও। ডুবেছে সে নিশ্চয় অতল জলের বেদীতে।
থলেতে ভরা শব-বায়ব দূষিত লবণ-পানিতে জারিত। ছোটোছোটো মাছের ঠোকরের অন্দোলন, মুখভরা রসালো গ্রাস, তার বোতাম আঁটা পাতলুনের সামনের ফাঁকে চকিত চমক। ঈশ্বর থেকে মানুষ থেকে মাছ থেকে কম্বুক, রাজহংসী থেকে পালক-পেলব শোবার পাহাড়। মৃতের নিঃশ্বাসে আমি বেঁচে আছি শ্বাস নিয়ে, মাড়িয়ে যাই মৃতের ছাইভস্ম, সকল মৃতের শরীর থেকে নাদ-সম অঙ্গ গোগ্রাসে গেলা। জাহাজের পাটাতনে বিবস্ত্র টেনে তোলার পর সে উপরের দিকে তার পুতিগন্ধ হরিত কবরের শ্বাস ছাড়ে, তার কুষ্ঠাক্রান্ত নাকের ভেতর থেকে গর্জন ছুঁড়ে দেয় সূর্যের উদ্দেশ্যে।
সে এক আমূল রূপান্তর, বাদামি চোখগুলো হয়ে গেছে নুনচেনীল। সাগরমরণ, মানুষের জানা সকল মৃত্যুর ভেতর কোমলতর। বৃদ্ধ পিতা সাগর। প্যারিসের পুরস্কার (Prix de Paris): নকল থেকে সাবধান। একবার অন্তত এটা ভাল করে পরীক্ষা করে দেখ। আমরা কিন্তু অনেক মজা পেয়েছি।
চলে এসো। আমার বড্ড তেষ্টা। মেঘ করে আসছে। কালো মেঘের আঁধার নেই কোথাও, আছে? বজ্রঝড়। শুকতারার মতো সমুজ্জলতা নিয়েও তার পতন, বুদ্ধিদীপ্তিতে আমিত্বের বিদ্যুৎ চমক, শুকতারা (লুসিফার), আমি বলি, সে তো জানে না অস্তাচলে যেতে (Lucifer, dico, qui nescit occasum)। না। আমার শামুকখোলের টুপি আর ছড়ি, আর তার দেয়া আমার পায়ের চটি। কোথায়? সেই গোধূলি-দেশে। গোধূলিই গোধূলিকে খুঁজে পাবে।
সে তার ছড়ি মুঠোই ধরে, আলতো ভর দেয়, কিছুটা সময় অপেক্ষা করে। হ্যাঁ, আমার ভেতর গোধূলিই গোধূলিকে খুঁজে পাবে, তবে আমাকে ছাড়া। সব দিনেরই শেষ আসে। ভাল কথা, পরে মানে আসলে কবে? মঙ্গলবার হবে সবচাইতে দীর্ঘ দিন। নতুন বছরের অনেক খুশিতে, মা, সেই গান গাই, তাইরে নাইরে না। লন (Lawn) টেনিসন, ভদ্রলোক কবি। দয়াময় ঈশ্বর (Gia)। হলদে দেঁতো ওই বুড়ী ভাম। আর মসিঁয়ে ড্রামন, ভদ্রলোক সাংবাদিক। দয়াময় ঈশ্বর। আমার দাঁতের অবস্থাও খুবই খারাপ। আশ্চর্য, কেনো? হাত দিয়ে দেখি। ওটাও পড়বে বলে মনে হচ্ছে। খোলস। ডেন্টিস্টের কাছে যেতে হবে নাকি, সেটাই ভাবছি, অতগুলো টাকা খরচ? ওইটা। দন্তহীন কিঞ্চ, সুপারম্যান। এমনটা হয় কেনো, আশ্চর্য, নাকি সম্ভবত এর ভেতর অন্যকোনো অর্থ আছে?
আমার রুমাল। ও ছুঁড়ে দিয়েছিলো। মনে আছে। আমি কি সেটা তুলে নিই নি?
সে নিরাশ তার পকেটগুলো হাতড়ায়। না, নিই নি। বরং একটা কিনেই নিই।
নাক খুঁটে শুকনো পোঁটা বের করে সে একটা পাথরের কোণায় মোছে, সাবধানে। শুধু যারা দেখতে চায় তাদের জন্যে।
পেছনে। সম্ভবত কেউ আছে।
সে তার ঘাড়ের এক পাশে মুখ ঘোরায়, ফিরে দেখা। বাতাসের টানে এক বিশাল তেমাস্তুল জাহাজ ভেসে আসছে, পালগুলো তার আড়কাঠ-ক্রুশে গোটানো, ঘরে ফিরছে, উজানে, সন্তর্পণে, এক শব্দহীন জাহাজ।
