২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ডস্ওয়ার্থ, এলিয়ট এবং রবীন্দ্রনাথ: কাব্যভাবনার পুনর্মূল্যায়ন

ফয়জুল ইসলাম ফয়জুল ইসলাম

Published : 09 Sep 2021, 07:08 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


আমরা জানি, রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডস্ওয়ার্থ 'লিরিকাল ব্যালাডস্' (১৮০২)-এর মুখবন্ধে নয়া কাব্যভাবনা এবং কাব্যরীতি সম্পর্কে একটা তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছেন, প্রকৃতি এবং প্রকৃতিরই অংশ হিসেবে মানুষ এক জন কবির ভাবনাকে উদ্দীপিত করে থাকে। কবি যখন তুমুল 'তদগত অবস্থা'-য় থাকেন তখন তার ভেতরে প্রকৃতি এবং মানুষ সম্পর্কে 'স্বতঃস্ফূর্তভাব'-এ তীব্র অনুভূতি সঞ্চারিত হয় যা থেকে কবির মনে তৈরি হয় নানা ইমেজ বা প্রতিচ্ছবি। কাব্যরচনার মুহূর্তটাতে কবি তার একেবারেই নিজস্ব কায়দায় আপতিত প্রতিচ্ছবিগুলোকে পরিশীলিত করে দেয়। এই কায়দাটা এতটাই সার্বভৌম যে তা স্পষ্ট করে বোঝা যায় না। যাহোক, প্রতিচ্ছবিগুলোকে শেষমেষ তিনি নিজের ভাব মিশিয়ে হাজির করেন পাঠকের সামনে। এভাবেই জন্ম হয় একটা 'ভাল কবিতা'-র। 'ভাল কবিতা' বলতে তিনি বুঝিয়েছেন এমনটা: প্রকৃতি এবং মানুষকে পর্যবেক্ষণ করতে পারেন অনেকেই, আবেগের অনুপস্থিতিতেই তারা যান্ত্রিকভাবে সেই পর্যবেক্ষণ তুলেও ধরতে পারেন পাঠকের কাছে। কিন্তু কাব্যরচনা তো কোনও যান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না! উন্নত মানের একটা কাব্য তখনই রচিত হয় যখন কবির ভেতরে তীব্রভাবে স্বতঃস্ফূর্ত অনুভূতির প্লাবণ সৃষ্ট হয় এবং কবি নিজের রস দিয়ে তাকে মানুষের হৃদয়গ্রাহ্যভাবে উপস্থাপন করতে পারেন। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত 'পরিচয়' পত্রিকা (বৈশাখ, ১৩৩৯)-য় প্রকাশিত 'আধুনিক কাব্য' শীর্ষক প্রবন্ধে আরেক রোমান্টিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরও এমনটাই বলেছেন: এক জন কবি তার 'ব্যক্তিগত মর্জি'-তেই 'নিজের ছাঁদে' আবেগকে রূপ দিয়ে থাকেন কবিতায়।


ওয়ার্ডস্ওয়ার্থ বলছেন, স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রবাহ থেকে কবিতার জন্মের পেছনের ক্রীড়নক যে ব্যক্তিটি, যাকে আমরা 'কবি' বলছি, তিনি আর দশ জন মানুষের মতো সাধারণ কেউ নন। কবি সম্পর্কে ওয়ার্ডস্ওয়ার্থের অনুমিতি তাই আমাদের কৌতূহল জাগায়। তিনি তার কাব্যতত্ত্বে উল্লেখ করছেন, একটা প্রতিনিধিত্বমূলক বা সর্বজনগ্রাহ্য কবিতা লিখতে হলে কবিকে অবশ্যই এক জন যুক্তিসঙ্গত, বিচক্ষণ, সচেতন, সংবেদী এবং মানসিকভাবে সুস্থ মানুষ হতে হবে। তা না হলে তিনি ভাবের ভিড় থেকে একটা বিষয় নির্বাচন করে নিয়ে, সেই বিষয় সংক্রান্ত তার নিজস্ব অনুভূতিকে পরিশীলিত করে কীভাবে পাঠকের সামনে উপস্থাপন করবেন? তিনি যোগ করছেন, মানুষের জীবনের কোন অংশটা পাঠকের জন্য জরুরি সেটা কবিই আসলে ঠিকঠাকমতো নির্ধারণ করতে পারেন। তার এই দাবির পেছনে কারণ হিসেবে তিনি একটা যুক্তিও দাঁড় করিয়েছেন: এক জন কবিই কেবল আমাদের সাধারণ আঙ্গিকের চাইতে উন্নত সংবেদনশীলতা বা চেতনা ধারণ করে থাকেন। দ্বিতীয়ত, সৃষ্টিতে নিমগ্ন এক জন কবির ব্যক্তিস্বাত্যন্ত্রকেও মেনে নিয়েছেন ওয়ার্ডস্ওয়ার্থ। প্রকৃতি এবং মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরে কবির মনে যে অনুভূতি ও ভাবনার জন্ম হচ্ছে তার ভেতর থেকেই তিনি রচনার বিষয় নির্বাচন করে নিচ্ছেন আর তা নির্ভর করছে তার নিজস্ব মানসিক গঠনের ওপরেই। এক জন ব্যক্তির মানসিক গঠনের সাথে অপরের মানসিক গঠনের যে বিভেদ ঘটতে পারে সেটাও এখানে লক্ষ্যণীয়। আর দশ জনের প্রতিতুলনায় এক জন কবির মানসিক গঠন উন্নততরই হয়ে থাকে বলেই তিনি অনুমান করে নিয়েছেন। ওয়ার্ডস্ওয়ার্থের মতো করেই রবীন্দ্রনাথ ঠাকুরও জোর দিয়েছেন কবির ব্যক্তিক রুচির ওপরে যা কিনা কবিকে নিজস্ব একটা মনোজগত তৈরি করে নিতে সহায়তা করে থাকে, সেখানে 'ওয়ার্ডস্ওয়ার্থের জগৎ ছিল বিশেষভাবে ওয়ার্ডস্ওয়ার্থীয়, শেলির ছিল শেলীয়, বাইরনের ছিল বাইরনিক'।

আমরা মনে করি, এখানে বড় একটা ফাঁক রয়ে যাচ্ছে–কাব্যরচনার সময়ে সব কবিই যে সংবেদনশীলতার পরিচয় দিতে পারবেন এমনটা নয়, কাজেই এখানে প্রক্রিয়া এবং চূড়ান্ত উৎপাদের বিভিন্নতা দেখা দিতেই পারে! ওয়ার্ডস্ওয়ার্থের অনুমিতির ব্যাপারটা গণিতের আনুপাতিকতার ধারণা দিয়ে যদি বুঝতে চাই তবে বলতে হবে–যে কবি যত চৌকশ, যত প্রতিভাবান, যে কবির মানসিক গঠন যত উন্নত তিনি স্বতঃস্ফূর্ত অনুভূতির প্লাবণ ঠিকঠাকমতো ছাঁকনি দিতে পারবেন; সুচারুরূপে তার প্রতিফলন ঘটিয়ে কবিতার আকারে উপস্থাপন করতে পারবেন পাঠকের সামনে। আমাদের মনে প্রশ্ন জাগে: কাব্যরচনার বেলাতে কি এমন সমানুপাতিকতা কাজ করে সকল সময়ে? এক জন কবিকে কি তবে এভাবে সুপারম্যানের পর্যায়ে তুলে দেয়া যাওয়া যাবে যিনি ধ্যানস্থ অবস্থাতে স্বতঃস্ফূর্তভাবে তার মনে সঞ্চারিত অনভূতির প্লাবণকে উৎকর্ষতার সাথে কবিতায় রূপ দিতে পারবেন? সত্যিই কি এক জন কবির কাছে কোনও দৈব বাণী এসে পৌঁছায়? কাব্যরচনার ব্যাপারটা কি এতই সহজ-সরল? নাকি এখানে কবির মনে জটিল কোনও রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া ঘটে থাকে যার মাধ্যমে তিনি কিনা সচেতন ও সুচিন্তিতভাবে তার অনুভূতি ও অনুভবকে কবিতায় রূপান্তরিত করে ফেলতে পারেন? এই জায়গাতেই ওয়ার্ডস্ওয়ার্থ, কোলরিজ প্রমুখ রোমান্টিক ধারার কবিদের কাব্যভাবনাকে চ্যালেঞ্জ করে বসেছিলেন আধুনিক কাব্যভাবনার পথিকৃৎ টি. এস. এলিয়ট।

এলিয়ট তার বিখ্যাত প্রবন্ধ 'ট্রাডিশন এ্যান্ড ইনডিভিজুয়াল ট্যালেন্ট' (১৯১৯)-এ কবিতার নৈর্ব্যক্তিক তত্ত্ব সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। তিনি বলছেন, কাব্যরচনা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে থাকে। সেই প্রক্রিয়ায় কবি এ জগতের বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেন, মানুষকেও পর্যবেক্ষণ করেন। তারপরে কবির মনে অজস্র অনুভব ও অনুভূতির সম্মিলন ঘটে থাকে যা কিনা কবির বেলাতে প্রতীতি এবং অভিজ্ঞতারই জন্ম দেয়। প্রতীতি এবং অভিজ্ঞতা থেকে কবির মনে যে ইমেজ বা প্রতিরূপ গড়ে ওঠে কবি তার কবিতায় সচেতন ও সুচিন্তিতভাবে তারই প্রতিফলন ঘটিয়ে থাকেন। এলিয়টের যুক্তমতো এখানে কবি এক জন অনুঘটক বা ক্রিয়া-বিক্রিয়ার মাধ্যম মাত্র–কবির ব্যক্তিস্বাতন্ত্র মোটেই জরুরি নয় এখানে। রসায়নশাস্ত্রের ক্রিয়া-বিক্রিয়া থেকে উদাহরণ দিয়েছেন তিনি: প্লাটিনামতন্তুর উপস্থিতিতে আমরা যদি অক্সিজেন ও সালফার ডাই-অক্সাইডের মাঝে ক্রিয়া-বিক্রিয়া ঘটতে দেই তবে তা থেকে উৎপন্ন হবে সালফিউরিক এ্যাসিড। প্লাটিনাম কিন্তু নিজে কোনও ক্রিয়া-বিক্রিয়ায় অংশ নিচ্ছে না, ক্রিয়া-বিক্রিয়ায় অনুঘটনটুকুই কেবল তার কাজ। এলিয়ট যুক্তি দিচ্ছেন, তেমন করেই কাব্যরচনার বেলাতেও এক জন কবির মনের ভেতরে প্রতীতি ও অভিজ্ঞতার ক্রিয়া-বিক্রিয়া ঘটে থাকে। এই ক্রিয়া-বিক্রিয়ার সময়ে কবি কিন্তু শেষপর্যন্ত নিরপেক্ষ, নৈব্যক্তিক এবং অপরিবর্তনীয়ই রয়ে যান। অর্থাৎ, কবির কাজ হলো তার সৃজনশীল মনকে নিজের অনুভব, অনুভূতি, পূর্বধারণা, বিশ্বাস, রুচি ইত্যাদি থেকে সম্পূর্নভাবে পৃথক করে ফেলা। নতুবা কাব্যরচনার ক্ষেত্রে এক জন কবির নিরপক্ষেতা বজায় থাকছে না, সেখানে এসে ভিড় জমাচ্ছে মানুষ হিসেবে কবির ব্যক্তিস্বাতন্ত্র; এবং সেক্ষেত্রে কবির ভাবের সাথে অধিবক্তা বা প্রধান চরিত্রের উচ্চরণের কোনও পার্থক্যই থাকছে না– অধিবক্তা তার নিজের জবানিতে কবির মানস, কবির রুচি, কবির ব্যক্তিগত কথাই ধ্বনিত করে যাচ্ছেন কেবল।

এবার আমরা দেখতে পারছি, একটা কবিতার জন্ম নিয়ে ওয়ার্ডস্ওয়ার্থ যেমনটা বলেছিলেন আসলে ব্যাপারটা তার চাইতেও গভীর– কোনও অলসবেলায় ধ্যানমগ্ন কবির মনে প্রকৃতি ও মানুষ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে আবেগ সঞ্চারিত হচ্ছে তা কবিতার জন্ম দিচ্ছে না– তার মনে অনুভব ও অনুভূতির সম্মিলনে জমে উঠছে অভিজ্ঞতা, ক্রিয়া-বিক্রিয়া চলছে তার মনের ভেতরে এবং তিনি তা নৈর্ব্যক্তিক কায়দায় উপস্থাপন করছেন পাঠকের সামনে। তাই এলিয়ট যুক্তি দিচ্ছেন, কাব্যরচনা আসলে সক্রিয় একটা বিষয়, রীতিমতো মনোসংযোগেরই ব্যাপার তা না হলে নিজের অভিজ্ঞতাকে কবিতায় রূপান্তরিত করাটা দুরূহ। এলিয়টের কাব্যতত্ত্ব এভাবে বৈজ্ঞানিক ধারণার ওপরে প্রতিষ্ঠিত হয়েছে। এলিয়ট আরও বলছেন, এক্ষেত্রে কবিতা লেখাটা কবির ব্যক্তিক পক্ষপাতদুষ্ট কোনও প্রক্রিয়াতে পরিণত হয়ে উঠছে না কেননা কবির ব্যক্তিক আবেগ-অনুভূতি, মূল্যবোধ, মনোভাব, বিশ্বাস ইত্যাদি এখানে মুখ্য কোনও বিষয় নয়। এই যুক্তি থেকেই তিনি মন্তব্য করছেন, কবি এখানে মহিমা দাবি করার কেউ নন। কাজেই আমরা বলতেই পারি, কবি আর দশ জনের মতোই এক জন সাধারণ মানুষ; তার বিশেষ গুণ যেটা হলো, তিনি কাব্যরচনার প্রক্রিয়াতে মাধ্যম হিসেবে কাজ করতে পারেন।

রোমান্টিক এবং আধুনিক কাব্যতত্ত্বের দ্বন্দ্বের প্রেক্ষিতে আমরা 'ব্যক্তিক পক্ষপাত' শীর্ষক বিষয় নিয়ে খানিকটা আলোচনা করতে পারি। আমরা জানি, মনোবিজ্ঞানে বলা হয়, ব্যক্তির চেতনা এবং প্রত্যক্ষণ ব্যক্তির নানা বৈশিষ্ট্যের ওপরে নির্ভর করে থাকে: মানুষের পূর্বসংস্কারে বিভিন্নতা দেখা দিতে পারে; তার মূল্যবোধ ও বিশ্বাস হয়ত অপরের তুলনায় অন্য রকমের; সমাজ ও মানুষ সম্পর্কে তার অভিজ্ঞতাও হয়তবা আলাদা; দু'জন মানুষের পারিপার্শিক অবস্থাও হয়তবা ভিন্ন ইত্যাদি। কাজেই একেক জন মানুষের বৌদ্ধিক বৈশিষ্ট্য একেক রকমের হতে বাধ্য। উদাহরণ হিসেবে বলা যায়: আকাশের মেঘদল দেখে ওয়ার্ডস্ওয়ার্থের মনে এক ধরনের স্বতঃস্ফূর্ত আবেগের জন্ম হতে পারে যার সাথে কোলরিজ বা বায়রন বা বোদলেয়ারের স্বতঃস্ফূর্ত আবেগের পার্থক্য হয়তবা যোজন যোজন। এই বিভেদ তাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করতে পারে (যেমন, এটা ওয়ার্ডস্ওয়ার্থের মেঘ, ওটা কোলরিজের মেঘ, দূরেরটা বোদলেয়ারের মেঘ, ঐ কোনারটা রবীন্দ্রনাথের মেঘ ইত্যাদি)। এভাবে উদাহরণে উল্লিখিত এই চার জন কবি তখন ভিন্ন ভিন্ন প্রত্যক্ষণ থেকে আপনা মর্জিতে আকাশের মেঘদলকে নিয়ে কাব্য করতে পারেন। কবিদের ব্যক্তিক প্রত্যক্ষণের বেলায় এমন বিভিন্নতার কারণে কাব্যরচনায় অরাজক পরিস্থিতির উদ্ভব ঘটে যাওয়াটা তাত্ত্বিকভাবে বিচিত্র কিছু নয়। পক্ষান্তরে, আজ ধেকে একশ বছর আগের নোংরা টেমস নদীর ধারে দাঁড়িয়ে আমরা সবাইই যদি এলিয়টের 'ওয়েস্টল্যান্ড'-এর মতোই একটা ছবি দেখতে পেতাম: নদীর ধারে পড়ে আছে অজস্র খালি বোতল, স্যান্ডউইচ পেপার, সিল্কের রুমাল, কার্ডবোর্ড বক্স, সিগারেটের উচ্ছিষ্টাংশ, গাটার থেকে বেরুচ্ছে স্বাস্থ্যহীন ইদুরের দল ইত্যাদি তবে আমাদের চেতনা আর প্রত্যক্ষণের ভেতরে কোনও ব্যক্তিক পক্ষপাত থাকছে না। এখানে, এলিয়টের কাব্যধারণা অনুযায়ী, আমরা সকলেই টেমসের ধারে দাঁড়িয়ে যুদ্ধবিদ্ধস্ত ইউরোপেরই চিত্র একই ভাবেই প্রত্যক্ষ করছি যে যার মতো কিছু ভেবে নিচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে আমাদের চেতনা ও প্রত্যক্ষণের ভেতরে কোনও ব্যক্তিক পার্থক্য সূচিত হচ্ছে না– আমরা সকলেই কালোকে কালো, সাদাকে সাদা বলেই দেখছি– যাকে 'বস্তুনিষ্ঠ সত্য' বলে বিজ্ঞানের শাখাগুলো আখ্যা দিচ্ছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার 'শত বর্ষের নির্জনতা' (১৯৬৭)-তে 'মাকোন্দো' নামের যে গ্রাম কল্পনা করেছিলেন সেটা লাতিন আমেরিকার ভূখণ্ড ও মানুষের মনেরই অনুকৃতি বলেই আমরা মনে করি, তা ভুঁইফোর দৈববাণী থেকে পাওয়া কোনও পরিবেশ নয়। এলিয়ট তার কাব্যভাবনায় এমন বস্তুনিষ্ঠতার ওপরেই জোর দিয়েছেন।


এলিয়ট যখন কবি তথা শিল্পীর নৈর্ব্যক্তিকতা-নির্ভর কাব্যভাবনা প্রণয়ন করেছিলেন তত দিনে ওয়ার্ডস্ওয়ার্থ, কোলরিজ প্রমুখ রোমান্টিক কবিরা পরলোকে চলে গেছেন বলে তারা কোনও আপত্তি জানাতে পারেননি। তবে এলিয়টের সমসাময়িক রোমান্টিক ঘরাণার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এলিয়টের কাব্যভাবনার জোর বিরোধিতা করেছিলেন। কবির ব্যক্তিক আবেগ প্রধান নয়, মহিমান্বিত কিছু নয়; আপনা মর্জি মাফিক তিনি লিখতে পারবেন না; নিজস্ব অভিজ্ঞতা থেকে কাব্যরচনার বেলায় তাকে স্রেফ এক জন দূত বা অনুঘটকের কাজটাই কেবল করতে হবে– এলিয়টের এ ধারণাকে খোলাখুলিভাবে বাতিল করে দিয়েছেন রবীন্দ্রনাথ। 'পরিচয়' পত্রিকা (বৈশাখ, ১৩৩৯)-য় রোমান্টিক ধারা এবং আধুনিক ধারার বিভেদ নিয়ে 'আধুনিক কাব্য' শীর্ষক প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, মধ্য-ভিক্টোরীয় যুগে 'বাহ্যিকতা থেকে আন্তরিকতার দিকে কাব্যের স্রোত বাঁক নিয়েছিল' যাকে সেই মুহূর্তে আধুনিকতাই বলা হয়েছে। রবীন্দ্রনাথের মতে সেই আধুনিক কাব্যভাবনাটা এমন ছিল: কবি সৃষ্টিকর্তার জগতে নানা মোহে ডুবে থাকেন, সেই সব মোহের বৈচিত্র্যই নানা রূপের মধ্য দিয়ে 'সুর বাজিয়ে তোলে' তার মনে। কবি তার নিজের অন্তরের সৌন্দর্য্য দিয়ে ব্যক্তিগত মর্জিতেই সেই অনির্বচনীয় সুরটাকে তুলে ধরেন কবিতায়। এলিয়টের সমালোচনা করতে গিয়ে তিনি বলছেন, এলিয়ট আধুনিক কবিতার যে ধারনা দিয়েছেন তার মূলে ব্যক্তি হিসেবে কবি মোটেই উপস্থিত নেই, সেখানে রয়েছে বিজ্ঞানের সূত্র, সেখানে 'মোহ নেই, আছে কার্বন, আছে নাইট্রোজেন, আছে ফিজিওলজি, আছে সাইকোলজি।' তিনি বলতে চাইছেন, বিশ্বজগতের সাথে আসঙ্গের ফলে কবির মনে যে আবেগের জন্ম হয় তা-ই তাকে কাব্যরচনায় প্রবৃত্ত করে। এ ক্ষেত্রে বিজ্ঞানের সূত্রগুলো আসলেই গৌণ। এলিয়ট তথা আধুনিক কবিদের 'বৈজ্ঞানিক যুগের কাব্যাবস্থা'-র উপস্থাপনা ও বিষয়ে ব্যক্তির অভিরুচিকে কোনও মূল্যই দেয়া হয়নি বলে তিনি ক্ষুব্ধই হয়েছিলেন; সেই কাব্যতত্ত্বে সুন্দর কিছুও খুঁজে পাননি তিনি, কদর্যতা আর স্থুলতাই দেখেছেন, লালিত্য দেখেননি, অলংকার খুঁজে পাননি। তিনি এ-ও বলেছেন, তথাকথিত আধুনিক কাব্যের প্রকাশে কোনও রাখঢাক নেই যেন 'আধুনিক দুঃশাসন জনসভায় বিশ্বদ্রৌপদীর বস্ত্রহরণ করতে লেগেছে; ও দৃশ্যটা আমাদের অভ্যস্ত নয়'। দুঃখ নিয়েই তিনি মন্তব্য করেছেন– 'ঊনবিংশ শতাব্দীতে মায়ার রঙে যেটা রঙিন ছিল আজ সেটা ফিকে হয়ে এসেছে…।'

এলিয়টের নৈর্ব্যাক্তিক কাব্যতত্ত্বের অসারতা সম্পর্কে রবীন্দ্রনাথ দু'টো জরুরি সমালোচনা হাজির করেছেন। প্রথমত, এই কাব্যতত্ত্ব আসলে বিশ্বের প্রতি (নাকি প্রচলিত ধারণা ও আচারের প্রতি?) উদ্ধত অবিশ্বাস আর কুৎসাই ছড়িয়েছে যাকে 'আকস্মিক বিপ্লবজনিত ব্যক্তিগত চিত্তবিকার' ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। এলিয়টের 'এই উগ্রতা, কালাপাহাড়ি তাল-ঠোকা'-কে তিনি আধুনিকতা বলতে নারাজ। দ্বিতীয়ত, এক জন কবি মূলত বিশ্বকে তদগতভাবে (নির্বিকার চিত্তে, নিরাসক্তভাবে)-ই দেখে থাকেন। এই ধরনের দৃষ্টিকে রবীন্দ্রনাথ উজ্জ্বল, বিশুদ্ধ বলেই মনে করেছেন; বলেছেন, মোহমুক্তভাবে জগতকে দেখতে পারার ভেতরেই আসলে খাঁটি আনন্দ রয়েছে কেননা কবির এই দৃষ্টি 'কোনো বিশেষ কালের নয়'। কাজেই এলিয়টীয় নৈর্ব্যক্তিকতার ধারণা নতুন কোনও ভাবনা নয় এবং এ কারণেই রবীন্দ্রনাথের মতে এলিয়টের ভাবনাকে কিছুতেই 'আধুনিক' বলাটা সঙ্গত হবে না।

এত ক্ষণের আলোচনা থেকে ঊনবিংশ শতকের রোমান্টিক এবং বিংশ শতকের আধুনিক কবিদের কাব্যভাবনার বিরোধটুকু স্পষ্ট হয়ে উঠেছে। কাল-পরিক্রমায় বিশ্বমানবের মূল্যবোধের মান পরিবর্তিত হয়ে যায় বলেই সূচিত হয়েছে এই মতপার্থক্য। ইতিহাস বলছে, প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৮) চলাকালীন সময়ে ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছিল, বেড়ে গিয়েছিল বেকারত্বের হার। দিশেহারা সাধারণ মানুষ ক্রুর রাজনীতির কারণে যুদ্ধের ডামাডোলের ভেতরে পড়ে গিয়ে তখন বহু সংখ্যায় হতাহতও হয়েছিল। এক হিসেব বলছে, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া এবং অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড মিলিয়ে প্রথম বিশ্বযুদ্ধে সিভিলিয়ান ও সৈনিক মৃত্যুবরণ করেছিল প্রায় দু'কোটি। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনেও লেগে গিয়েছিল মেলা সময়। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি সহসা বেগবান হয়ে ওঠেনি, হুট করে মানুষের কাজের ব্যবস্থা করে ফেলাটাও সম্ভব হয়নি। এমন একটা অরাজক পরিস্থিতির কারণে মানুষ প্রথাগত মূল্যবোধের পদ্ধতি ও মানের ওপরে বীতশ্রদ্ধই হয়ে উঠছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এলিয়ট (১৮৮৮-১৯৬৫) এই সময়টার রাজনীতির অসারতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের, বিশেষত, ইংল্যান্ডের সাধারণ মানুষের ভবিতব্য ভাল করেই পর্যবেক্ষণ করেছিলেন বলেই আমরা জানি যা কিনা প্রতিভাত হয়েছিল তার পয়লা দিককার কবিতার ছত্রে ছত্রে। কাজেই তিনি যে দার্শনিক শূন্যতা বোধ করবেন, নতুন দর্শনের দিকে ঝুঁকবেন সেটাই স্বাভাবিক বলেই আমরা মনে করি।


'আধুনিক কাব্য' শীর্ষক প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ বাস্তবতা এবং মূল্যবোধের ক্ষয়ের কথা উল্লেখ করেছেন বটে। তিনি বলছেন: 'গত ইউরোপীয় যুদ্ধে মানুষের অভিজ্ঞতা এত কর্কশ, এত নিষ্ঠুর হয়েছিল, তার বহুযুগ প্রচলিত যত-কিছু আদব ও আব্রু তা সাংঘাতিক সংকটের মধ্যে এমন ছারখার হয়ে গেল; দীর্ঘকাল যে-সমাজস্থিতিকে একান্ত বিশ্বাস ক'রে সে নিশ্চিন্ত ছিল তা এক মুহূর্তে দীর্ণবিদীর্ণ হয়ে গেল; মানুষ যে-সকল শোভনরীতি কল্যাণনীতিকে আশ্রয় করেছিল তার বিধ্বস্ত রূপ দেখে এতকাল যা-কিছুকে সে ভদ্র ব'লে জানত তাকে দুর্বল ব'লে, আত্মপ্রতারণার কৃত্রিম উপায় ব'লে, অবজ্ঞা করাতেই যেন সে একটা উগ্র আনন্দ বোধ করতে লাগল; বিশ্বনিন্দুকতাকেই সে সত্যনিষ্ঠতা ব'লে আজ ধরে নিয়েছে।' এখানে যে কথাটা বলতেই হবে, তৎকালীন বৈশ্বিক বাস্তবতা সম্পর্কে এত লাগসই একটা ব্যাখ্যা প্রদান করার পরেও এক জায়গাতে রবীন্দ্রনাথ অনড় হয়েই রইলেন– মানুষের মূল্যবোধের এই পরিবর্তন আসলে ক্ষতিকর কাব্যভাবনার জন্ম দিয়েছে! ক্ষতিকর বৈকি, কেননা তা রবীন্দ্রনাথের মতো রোমান্টিক কবিদের কাব্যভাবনার অচলায়তনকে চ্যালেঞ্জ করে বসেছিল!

আমরা জানি, ব্রিটিশরাজের অধীনে থাকা ভারতে প্রথম বিশ্বযুদ্ধ সরাসরিভাবে ধাক্কা দেয়নি; কোনও সাধারণ ভারতীয় নাগরিক হতাহত হয়নি এই বিশ্বযুদ্ধে; বিভিন্ন ফ্রন্টে প্রায় বাষট্টি হাজার ভারতীয় সৈনিক মৃত্যুবরণ করেছিলেন, আহত হয়েছিলেন প্রায় সাতষট্টি হাজার। এই তথ্যটা হাজির করার পেছনে কারণ একটাই, আমরা বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর বড় কোনও যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষই করেননি, না সৈনিক হিসেবে, না সাধারণ মানুষ হিসেবে। কাজেই বিশ্বমানবের বাস্তবতা যে পরিবর্তিত হয়ে গেছে, সূচিত হয়েছে বিপর্যয় তা মুখে স্বীকার করলেও মন দিয়ে অনুধাবন করতে পারাটা তার পক্ষে সহজ ছিল না। তিনি বরং ভিক্টোরীয় যুগের পুরোনো কায়দায় সত্য-সুন্দরের পূজাই করে গেছেন; বোঝেননি, তিনি যে সত্য-সুন্দরের আরাধনা করছেন তা ধ্রুব কিছু নয়, তা পরিবর্তিত হয়ে যেতে পারে এক সময়ে, তার সময়কালেই তা হয়েও গিয়েছিল। এটাই রবীন্দ্রনাথের কাব্যভাবনার সীমাবদ্ধতা বলে আমরা মনে করি।
প্রথম বিশ^যুদ্ধ-পরবর্তী রূঢ় বাস্তবতায় এলিয়ট নৈর্ব্যাক্তিক কাব্যতত্ত্বের জন্ম দিয়েছিলেন। কবির বস্তুনিষ্ঠ উপস্থাপনাই এই কাব্যতত্ত্বের মূল সুর। জ্ঞানচর্চার বিভিন্ন শাখাতে এই বস্তুনিষ্ঠতার ভাবনা ও প্রয়োগ তার আগেই অনুসৃত হয়ে আসছিল। নৈতিক বিষয়বাদ এবং বস্তুনিষ্ঠতার ধারণা গড়ে উঠেছিল মূলত স্কটিশ দার্শণিক ডেভিড হিউম (১৭১১-১৭৭৬)-এর হাতে যে ধরণাটাকে পরে আরও পুষ্ট করেছিলেন ইংলিশ দার্শণিক জন স্টুয়ার্ট মিল (১৮০৬-১৮৭৩)। নৈতিক বিষয়বাদ এবং বস্তুনিষ্ঠতার ধারণাটা মোটামুটিভাবে এমন: প্রথমত, নৈতিকতার ভাবনা ও প্রকাশ নির্ভর করে ব্যক্তির মূল্যবোধ, তার মনোভাব, তার অনুভূতি এবং বিশ্বাসের ওপরে; দ্বিতীয়ত, কোনও ব্যক্তি কী বিশ্বাস করল, কী তার প্রত্যাশা ছিল বা সে নিজে কী অনুভব করল তা'তে কিছু যায় আসে না কেননা এই জগতের সত্য বা সাধারণ নৈতিক ফয়সালার অসত্যতা এসবের ওপরে মোটেই নির্ভর করে না, নির্ভর করে সেই মুহূর্তের সর্বজনগ্রাহ্য সত্যের কাঠামো (সেটা যে ধর্মতত্ত্ব সম্পর্কিতই হতে হবে এমনটা মোটেই নয়) এবং মানুষের সংস্কৃতির ওপরেই। এই বৈজ্ঞানিক প্রস্তাবনা জ্ঞানের অন্যান্য শাখা, যেমন, রসায়নশাস্ত্র, জীববিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান ইত্যাদির প্রস্তাবনার সমার্থক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও দর্শণের ছাত্র এলিয়ট সেই বিজ্ঞান নির্ভর বস্তুনিষ্ঠতাকে কাব্যতত্ত্বে সার্থকভাবে প্রয়োগ করেছিলেন। এলিয়টের কাব্যতত্ত্বের আবেদন কাব্যতত্ত্বটার জন্মের একশ বছর পরেও কমেনি, বরং তা বেগবান হয়েছে। সেই সচেতনতা আবার ছড়িয়ে পড়েছে কথাসাহিত্য-শাখাতেও।

মুশকিলের ব্যাপার এই যে দর্শণশাস্ত্র এবং জ্ঞানের অন্যান্য শাখায় বস্তুনিষ্ঠতার ধারণার ক্রমবিকাশ আমলে নেননি ওয়ার্ডস্ওয়ার্থ বা কোলরিজ অথবা তাদের পরের রোমান্টিক কবি রবীন্দ্রনাথ। কেন? নিশ্চয় তারা তাদের নিজেদের ঈশ্বরের মতোই ক্ষমতাবান হতে চেয়েছিলেন, নিজের মর্জিতেই কাব্যরচনা হবে, কেউ প্রশ্ন তুলতে পারবে না! এটাকে সেকেলে ইচ্ছে-স্বাধীন মানসিকতা ছাড়া আর কীইবা বলা যাবে? ওয়ার্ডস্ওয়ার্থ যখন 'লিরিকাল ব্যালাডস্' (১৮০২)-এর মুখবন্ধে দৈব রসের কাব্যভাবনা প্রণয়ন করছেন, কোলরিজ যখন তার সাথে ধূয়ো দিচ্ছেন অথবা রবীন্দ্রনাথ যখন তার নিজের ঈশ্বরকে পরিচয় করিয়ে দেবার জন্য 'গীতাঞ্জলী' (১৯১২) রচনা করছেন তত দিনে ধর্মচর্চা চার্চের রবিবাসরীয় ধর্মসভার পেছনে গিয়ে লুকিয়েছে, মানুষের জীবনচর্চায় লেগেছে বিজ্ঞান ভিত্তিক চিন্তাচেতনার হাওয়া। পুরোনো মত, পুরোনো পথ ছুঁড়ে ফেলে দিয়ে মানুষ তো সামনে এগুবেই!