২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস জয়েস-এর ইউলেসিস (চতুর্থ কিস্তি)

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 01 Sep 2021, 02:26 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM



……
ভুমিকা
……

বক্ষ্যমাণ ভাষান্তরিত অংশটি ইউলেসিস-এর প্রথম খন্ডের শেষ পরিচ্ছেদের প্রথমাংশ, উপন্যাসটির বিশ্লেষকরা যার নামকরণ করেছেন, হোমার-এর ওডেসি-র সমান্তরালে, প্রটিএস রূপে। যেহেতু জয়েস-এর উপন্যাসটি হোমার মহাকাব্যের আদলে রচিত, একথা ভাবা যেতেই পারে, উপন্যাসে স্টিফেন ডেডোলাস প্রটিএস অংশের কেন্দ্রীয় চরিত্র রূপে এই পরিচ্ছেদে জয়েসিও মেনেলেস-রূপে চিত্রিত হবে। কিন্তু তা হয়নি, জয়েস তার উপন্যাসকে তেমন সহজবোধ্য করেন নি—আর সে কারণেই এই উপন্যাসটি বিশ্বের প্রথমসারির পাঁচটি দুর্বোধ উপন্যাসের একটি যা পড়তে এবং বুঝতে সীমাহীন ধৈর্যের প্রয়োজন।

হোমার-এর প্রটিএস-এ আমরা দেখতে পাই মেনেলেস ট্রয় যুদ্ধ শেষে দেশে ফেরার পথে দেবতা প্রটিএস-এর সাথে এক ছলনাপর লড়ায়ে জড়িয়ে পড়ে। সমুদ্রদেব প্রটিএস পৃথিবীর যেকোনো জীবিত প্রাণীর রূপ পরিগ্রহ করতে পারতো, ফলে তার সাথে লড়াই করা সুকঠিন ছিলো। দেবী ইদোফেয়া-র আনুকুল্যে মেনেলেস প্রটিএস-কে বশ করতে সক্ষম হয়। উপন্যাসে স্টিফেন-এর লড়াইটা তার অন্তর্গত চেতনাতে। তাকে আমরা মেনেলেস-এর মতই ডাবলিন-এর স্যান্ডিমাউন্ট স্ট্র্যান্ডে পার হতে-হতে চেতনাপ্রবাহে লড়তে দেখি।

আসলে জয়েস-এর মেনেলেস-এর চরিত্রে আমরা কেভিন ঈগান-কে (উপন্যাসে ব্যাবহৃত নাম) পাই যে একজন আইরিশ বিপ্লবী এবং পরবর্তীতে স্বেচ্ছানির্বাসনে জীবন যাপন করেছে প্যারিসে। কেভিন ঈগান-এর সাথে স্টিফেন-এর (বা জয়েস-এর) কিছুকাল সহ-বাসের ঘটনা ঘটেছিলো ঐ প্যারিস শহরেই। যদিও কেভিন কখনোই উপন্যাসে চরিত্র হিসেবে আবির্ভুত হয়নি, স্টিফেন তাকে তার চেতনাপ্রবাহে বেশ দীর্ঘ সময় ধরেই রেখেছে ডাবলিন-এর স্যান্ডিমাউন্ট স্ট্র্যান্ডে হাঁটবার সময়। কেভিন ঈগান চরিত্রটি সৃষ্টি হয়েছে বাস্তব আইরিশ বিপ্লবী নেতা জোসেফ কেইসি-র আদলে যার সাথে জয়েস-এর পরিচয় হয়েছিলো ১৯০২ সালে প্যারিসে তার ডাক্তারি পড়ার সময়ে।

এই পর্বে আমরা স্টিফেন-এর ভেতর এক অনর্গল চেতনাপ্রবাহের প্রভাব দেখতে পাই যার ফলে দুর্বোধ্যোতা জটিলতর হয়। যেমন, তার স্যান্ডিমাউন্ট-এ হাঁটার সময় অ্যারিস্টটল-এর দৃশ্যতার অনতিক্রম্য প্রবাহ নিয়ে চিন্তা এবং তাকে টেকো কোটিপতি রূপে নির্দিষ্ঠ করা, তার স্কুলের প্রধান শিক্ষক ডিজিকে ব্যাঙ্গ করা, লেহি টেরেসে এক অবচ্ছায়ার পরিপ্রেক্ষিতে তার পাপ-পঙ্কিল গর্ভাশয় থেকে জন্মাবার কথা স্মরণ করা, কাল্পনিকভাবে তার স্যারা বা স্যালি মামীর বাড়িতে যাওয়া এবং সেখানকার ঘটনার সম্ভাব্য দৃশ্যাবলী চিন্তা করা, সেই সাথে তার বাবা-মার প্রসঙ্গে তার নিজের চরিত্রের বৈসাদৃশ্য বিশ্লেষণ করা, কখোনই তার ধর্মের প্রতি আনুগত্য না থাকার বিষয়ে চিন্তা করা, নারীশরীর ও সঙ্গ উপভোগে দুর্বল হওয়া, কল্পনাতে আদম-হাওয়া কাননে টেলিফোনে সংযোগ করা, হাওয়ার নাভিগোলককে হাস্যকর চর্মগোলক রূপে অভিহিত করা, তার দুই মামা সম্মন্ধে মিথ্যাচার করা, ইয়াহকিম, মুলিগান, ফক্সি, আব্বাস, জনাথন সুইফট ইত্যাকার মানুষদের নিয়ে ব্যাঙ্গ করা এবং তার বিবিধ পড়াশুনার জট ও স্মৃতি—এমন অরও অনেক-অনেক জটিল চেতনাপ্রবাহের বিশৃঙ্খল বুনোট। তবে এই বিশৃঙ্খল গদ্যের গভিরে অবশ্যই এক অনবদ্য জ্ঞানপিপাসু এবং গভীর গদ্য স্রষ্টা জয়েসকে উদ্ধার করা যায়, যিনি ইংরেজি ভাষার ব্যাকারণকে নিজের ইচ্ছে মতো ওলট-পালট করে এক নজিরবিহীন রচনারীতি সৃষ্টি করেছেন।

ইংরেজি মূল: জেমস জয়েস
বাংলা ভাষান্তর: আবদুস সেলিম

দৃশ্যতার অনবক্রম্য প্রবাহ: আর কোনো প্রকারে না হোক অন্তত আমার আপন দৃষ্টিকোণের উপলব্ধিতে। প্রকৃতির সকল চারিত্রিক নির্মিতি আমি প্রত্যক্ষ করি আমার পাঠক্রমের চিন্তাশ্রোতে, সমুদ্রছত্রাক আর সমুদ্রশৈবাল, জোয়ারকাল, আর ঐ রংচটা বুটজোড়া। শিকনিসবুজ, রুপালিনীল, রংচটা: বর্ণের সঙ্কেত। স্বচ্ছতার সীমাবব্ধতা। কিন্তু সে যোগ করেছে: অস্তিত্বের ভেতর। তাহলে তো তার অস্তিত্বের সচেতনতা ছিলো বর্ণেরও আগে। কিভাবে? ঐ কঠিণ অস্তিত্বে মাথা কুটে, আমি নিশ্চিত। জলবৎ তরলং। টেকো কোটিপতি, maestro di color che sanno—জ্ঞানীদের চাইতে জ্ঞানী। স্বচ্ছতার ভেতরের সীমাবদ্ধতা। ভেতরে কেনো? স্বচ্ছতা, অসচ্ছতা। কেউ যদি তার পাঁচ আঙ্গুল ওর ভেতর দিয়ে প্রবেশ করাতে পারে, তাহলে সেটা ফটক, আর তা না হলে দরজা। চোখ বুজে দেখো।

স্টিফেন চোখ বোজে তার বুটজুতোর শেওলা আর বালি মাড়িয়ে যাবার শব্দ শোনার জন্য। তবুও তুমি ওর উপর দিয়ে মাড়িয়ে যাচ্ছ। যাচ্ছি, এক-এক, লম্বা ধাপ ফেলে। সময়ের হ্রস্ব মাত্রা পেরিয়ে, ক্ষণস্থায়ী সময়ের চলমানতার ভেতর দিয়ে। পাঁচ, ছয়: পরপর (nacheinander)। নির্ভুলভাবে: আর সেটাই হলো শ্রবণগ্রাহ্যতার অনবক্রম্য গতিময়তা। চোখ খোলো। না। হাই যিশু! আমি যদি পানির উপরে ঝুলে থাকা ভয়ানক খাড়াপাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যাই, যদি আনুক্রমিক (nebeneinander) অনবক্রম্য প্রবাহমানতায় ডুবে যাই। অন্ধকারে বেশ এগুচ্ছি। আমার শরীরের একপাশে ঝোলানো তরোয়ালের মতো কাঠের লাঠি। টোকা দাও: কেল্লা ফতে। তার বুটজোড়ার ভেতর ঢোকানো আমার দুই পায়ের পাতা আসলে তারই পায়ের প্রান্তভাগ, দু'পাশে। ভারী শব্দায়মান: শব্দের উৎস লোস ডামিওর্জ। আমি কি স্যান্ডিমাউন্ট চড়াই ধরে অনন্তকালের দিকে এগুচ্ছি? খচ, মচ, খচর, খচর। উদ্দাম সমুদ্রের বৈভব। মহাপ্রভু স্কুলশিক্ষক ডিজি সব জাতের সাগর-ঝিনুক চেনে।
তুমি কি আসবে না স্যান্ডিমাউন্টে,
মাদিঘোড়া ম্যাডেলেন?
ছন্দ শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়। আমি পাচ্ছি। প্রথম অসম্পুর্ণ অ-স্বরাঘাত শব্দের পর আর এক স্বরাঘাত শব্দের চার ছন্দের পঙক্তি। না, আসলে ঘোড়ার কদম: deline the mare—মাদি ঘোড়ার দুলকিচালের বয়ান।
এবার তোমার চোখ খোলো। আমি খুলি। এক মুহূর্ত। এখন কি সব উধাও হয়ে গেছে? আমি চোখ খুলে যদি সারা জীবনের মতো মসিলিপ্ত অস্বচ্ছতায় ডুবে যাই। যথেষ্ট! দেখি দেখতে পাই কিনা।
দেখছি এখন। সব সময়ই তুমি অদৃশ্য: চিরকালই তাই থাকবে, নিঃসীম চরাচর।
লেহি টেরেসের সিঁড়ি বেয়ে তারা সতর্ক নেমে আসে, মাতারিরা: নিচে ঢালু বেলাভুমিতে শ্লথ এগোয়, তাদের চ্যাপ্টা পায়ের পাতাগুলো জমে থাকা বালুর ভেতর ডুবিয়ে। ঠিক আমার মতো, অ্যালজি-র মতো, আমাদের অহঙ্কারি মায়ের কাছে। প্রথম জন চোখ নাচিয়ে তার ধাত্রি-ঝোলাটা দোলায়, আর অন্যজন বিশাল ছাতাটা বেলাভুমিতে পুতে রাখে। শহরের দরিদ্র এলাকা থেকে, বেরিয়েছে সারাদিনের জন্যে। মিসেস ফ্লরেন্স ম্যাকেব, ব্রাইড ষ্ট্রীটের প্রয়াত পার্ক ম্যাকেব-এর বিধবা স্ত্রী, গভীর বিলাপ করেছিলো। তারই এক ভগ্নিসংঘ আমাকে টেনেহিঁচড়ে এই সরব জীবনে এনেছে। শূন্য থেকে সৃষ্টি। মহিলার ঝোলাতে কি? ঝোলা থেকে ঝুলে থাকা এক গর্ভপাতের নাভিমূল, লালচে পশমি কাপড়ে গোপনে মোড়া। যে নাভিমূল সকল অতীত-সংযোগ, সকল দেহ-অন্তর্জালের সংযোজক। সে জন্যেই আধ্যাত্মিক সন্ন্যাসীরা এক সুতোতে গাঁথা। তুমিও কি ঈশ্বরের মতো হয়ে যাবে? সৃষ্টির নাভিগোলকে দৃষ্টি দেয়া যাক। হ্যালো, কিঞ্চ বলছি। আমাকে আদম-হাওয়া কাননে সংযোগ দেবেন। আলফা, আলফা: শূন্য, শূন্য, এক।
অ্যাডাম ক্যাডমন-এর জীবনসঙ্গী এবং সাহায্যসঙ্গী: এভা (জীবন), নিবস্ত্র হাওয়া। হাওয়ার কোনো নাভি ছিলো না। কল্পনা করি। নিটোল গর্ভ, বিশাল স্ফীত, হাস্যকর চর্মগোলক, না, বরং বলা যায় শস্যবীজের শুভ্রস্তূপ, প্রাচ্যের অমর্ত্য শস্যবীজ, যার অবস্থান নিরন্তর থেকে নিরন্তরে। পাপ-পঙ্কিল গর্ভাশয়।

আমিও ঐ পাপ-পঙ্কিল গর্ভাশয়েই ছিলাম, তৈরি হয়েছি কিন্তু বংশানুগতি চারিত্র্য পাইনি। ওই দুজন জীবনসঙ্গীর সৃষ্টি, পুরুষালী কন্ঠস্বর আর চোখ, আর এক প্রেতমায়ের ভস্মাকীর্ণ নিশ্বাস। তারা মিলিত হয়েছে, বিযুক্ত হয়েছে, দাম্পত্যের ইচ্ছা পূরণ করেছে। সেই আদিকাল থেকে। পিতা আমাকে কাঙ্ক্ষা করেছে আর এখন আবার অনাকাঙ্ক্ষা করতে পারে না, সম্ভবত কখনোই পারবে না। বিষয়টা এক আদিঅন্তকালের বিধান। এটাই কি তাহলে ঐশ্বরিক উপাদান যেখানে পিতা এবং পুত্র পরস্পরের স্বরূপ? কোথায় সেই বেচারা আরিয়াস-এর চুড়ান্ত বক্তব্য? জীবনপাত করেছে তার পরস্পরস্বরূপত্বত্তকথাহযবরল নিয়ে। এক দুদৈর্বগ্রস্থ নব্যতন্ত্রশিরোমণি। সে তার শেষ নিশ্বাস ত্যাগ করেছিলো এক গ্রীক শৌচাগারে: স্বেচ্ছামরণে। মাথায় গুটিকাখচিত লম্বা টুপি আর হাতে বিশপ-দণ্ড, আপন রাজ-আসনে আসীন, বৈধব্যপ্রাপ্ত বিপত্নীকের মতো বিশপের অধিকারে পুনঃঅধিষ্ঠত হবার পূর্বক্ষণে, ঘাড়ে মাড় দেয়া শক্ত প্রাবরণ, যার প্রান্তভাগ গিঠ বাঁধা।

তার চারপাশে উদ্ধত মাতাল বাতাস, কনকনে অস্থির হাওয়ার প্রগলভতা। ওরা আসছে, ঢেউয়ের আছাড়। শুভ্রকেশ সিন্ধুঘোটক, উদ্দাম, পাগলা হাওয়ার বলগা, ম্যানানান-এর তেজি ঘোড়া।
তার খবরের কাগজের চিঠিটার কথা আমার ভুললে চলবে না। আর তারপর? জাহাজে, সাড়ে বারোটা। ভাল কথা, হাঁদারাম জোয়ান ছোকরার মতো ওই টাকার ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। হ্যাঁ, সেটাই ঠিক।
তার হাঁটার গতি শ্লথ হয়। ভাবতে হবে। আমি কি স্যারা মামীর ওখানে যাব না যাব না? আমার স্বরূপ পিতার কন্ঠস্বর। তুমি কি তোমার শিল্পী ভাই স্টিফেন-এর আঁকা ইদানীংকালের কোনো ছবি দেখেছো? না? ঠিক জানো ও স্ট্রাসবার্গে ওর স্যালি মামীর ওখানে যায়নি? ও কি আর একটু উপরে উড়তে পারে না, অ্যাঁ? আর আর আর আর আমাদের বলো তো স্টিফেন, মামা সী কেমন আছে? হা, ঈশ্বর, আমি কোন পরিবারে বিয়ে করেছি। ছে-ছে-ছে-লেরা সব খ-খড়ের গাদায় উঠেছে। মদ্যপ ছাপোষা হিসাবরক্ষক আর তার ভাই, করনেটবাঁশি বাদক। দারুণ লড়াকু সব নাইয়ারা। আর বাপকে সারাক্ষণ তোয়াজ করা চোখ ট্যারা ওয়াল্টার, মোটেও কম যায়না। স্যার। হ্যাঁ, স্যার। না, স্যার। যিশুর চোখ দিয়ে যে জল গড়িয়েছিলো তাতে অবাক হবার কিছু নেই, খ্রীষ্টের কিরে।

আমি তাদের ছোটো বাড়িটার বন্ধদরোজার ফ্যাশফ্যাশে ঘণ্টা বাজাই: তারপর অপেক্ষা করি। তারা আমাকে পাওনাদারের তাগাদায় এসেছি ভেবে দেয়ালের কোণাতে দাঁড়িয়ে আড়াল থেকে লক্ষ্য করে।
–আমি স্টিফেন, স্যার।
–ওকে ভেতরে আসতে দে। স্টিফেনকে আসতে দে।
একটা বল্টু টেনে দরোজা খুলে ওয়াল্টারের স্বাগত।
–আমরা ভেবেছিলাম তুমি না, অন্য কেউ।
তার বিশাল বিছানাতে রিচি মামা, বালিশ আর কম্বলে মোড়া, হাঁটুর পাহাড়ের উপর তার গাট্টাগোট্টা একটা বাহু ছড়ানো। লোমহীন বুক। সে তার উর্ধ্বাঙ্গ ধুয়ে পবিত্র করেছে।
–সুপ্রভাত, ভাগ্নে।
কোলের উপর রাখা বোর্ডে মাস্টার গফ আর মাস্টার স্যাপ্ল্যান্ড ট্যান্ডি-র দেখার জন্য সে যে হিসাবপত্রের খসড়া করে এবং অনুমোদন ও সাধারণ অনুসন্ধান এবং আদালতের তলবনামার কাগজপত্র নথিবদ্ধ করে, সেটা পাশে সরিয়ে রাখে। তার টেকো মাথার উপর ওককাঠের ফ্রেম: ওয়াইল্ড-এর রেকুএসক্যাট। তার বিভ্রান্তিকর শিষধ্বনি ওয়াল্টারকে আবার আসতে বাধ্য করে:
–হ্যাঁ, বলেন স্যার?
–রিচি আর স্টিফেনের জন্যে মল্ট, মাকে বল। কোথায় সে?
–ক্রিসসিকে গোসল করাচ্ছে, স্যার।
বাপ ন্যাওটা। তুলুতুলু।
–না, রিচি মামা . . .
–আমাকে রিচি বলো। তোমাদের যত্তসব লিথিয়া সোডা-পানি। হুইস্কিকে পানসে করে দেয়। হোয়াস্কি হয়ে যায়!
–রিচি মামা, আসলে . . .
–বসে পড়ো কিম্বা আদালতি নিয়মমাফিক আসন গ্রহন করতে পার। হ্যারি আমি তোকে থাবড়াবো।
ওয়াল্টার ট্যরাচোখে চেয়ারের খোঁজে এদিকসেদিক তাকায়।
–ওর বসার তো কোনো চেয়ার নেই, স্যার।
–চেয়ার রাখার জায়গাই নেই, গর্ধব কোথাকার। আমাদের ওই চিপেন্ডেল চেয়ারটা নিয়ে আয়। কিছু খাবে? অবশ্য তোমাদের ঐসব খানদানি মেহমানদারি এখানে পাবে না; রসালো ভাজা বেকনের সাথে হেরিং? তাই না? তবে যা আছে তাই। আসলে আমাদের বাড়িতে ঘাড়ব্যাথার বড়ি ছাড়া আর কিসসু নেই।
সাবধান! (All'erta!)।

সে গুনগুন করে ফেরান্ড-এর আরিয়া দি সোর্টিটা-র (aria di sortita) কয়েকটা লাইন গাইতে থাকে। পুরো অপেরার সর্বশ্রেষ্ঠ অংশ এই গানটি, স্টিফেন। শোনো।
আবার তার সুরেলা শিষধ্বনি বেজে ওঠে, সূক্ষ্ম মোড়কে, উতল হাওয়াতে, চাদরে ঢাকা হাটুর উপর তার মুঠো দিয়ে তাল ঠুকতে-ঠুকতে।
এই হাওয়াটা বেশ মিষ্টি।

ক্ষয়ে যাওয়া বসত বাড়ি, আমার, তার, সবার। তুমি কংগোস অভিজাতদের বলেছিলে তোমার এক মামা বিচারক আর এক মামা সেনাবাহিনীর জেনারেল। ওসব গল্প কেন ছাড়ো, স্টিফেন? সুন্দরের বসবাস ওখানে নয়। ওই বদ্ধ উপসাগরেও নয় যেখানে মারস-এর গ্রন্থাগার, যেখানে তুমি ইয়াহকিম আব্বাস-এর ম্রিয়মান ভাবীকথনের কথা পড়েছো। কার জন্যে? গ্রন্থাগারের কাছেই ক্যাথিড্রেলে শতমস্তক জলাতঙ্ক কুকুর। তার নিজ জাতকে ঘৃণা করে মানুষের কাছ থেকে পাগলপারা পালিয়েছে সে গভীর জঙ্গলে, জ্যোস্নার আলোতে তার ঘন চুল ফেনিল, অক্ষিগোলকগুলো নক্ষত্র। হুইনিমরা, ঘোড়ানাক্কু। ডিম্বাকার ঘোড়া-মুখি যত। উপাসনাগৃহ, বাখ মুলিগান, ফক্সি ক্যাম্বেল, ঝুলেপড়া তোবড়ানো চোয়াল। পিতা আব্বাস, উচন্ড ডিন, কোন অপরাধবোধ তাদের মাথায় আগুন ধরিয়েছিলো? ফুঃ! নেমে এসো টাক্কু মাথা, আরও টাক্কু হওয়া থেকে যদি বাঁচতে চাও। Descende, calve, ut ne nimium decalveris. তার ভয়াক্রান্ত মাথায় সাদা চুলের মালা সমেত আমি তাকে দেখেছি টেনেহিচড়ে নিচে নেমে যেতে (descende), গির্জার পূজার ডালি আঁকড়ে ধরে, গিরগিটির মতো। নেমে এসো, পলিতমুণ্ডু!! এক ধর্মসঙ্গীতের বারংবার ভয়ঙ্কর গর্জন এবং প্রতিধ্বনি, বিসর্জনবেদির চারকোণাতে দাঁড়ানো অনুগামী, তালবিলিম যাজকদের বিশাল আজানুলম্বিত পোশাকের ভেতর থেকে নাকিশুরে গাওয়া লাতিন, তেল চকচকে মুন্ডিত মস্তক নপুংশক সব, শাঁসালো গমের রুটি আহারে মেদাক্রান্ত।

এবং একই সময়কালে সম্ভবত কাছেধারেই এক ধর্মযাজক ঐ রুটি তুলে রেখে দিচ্ছে। ড্রিংড্রিং! আর মাত্র দুই গলি পেরিয়ে আর একজন সেটা গির্জার রুটির ঝাঁপিতে তালাবন্দি করছে। ড্রিংড্রিং! আবার মা মেরির কোনো এক বেদীতে অপর একজন যীশুর নৈশভোজের সবটাই গালে ভরছে। ড্রিংড্রিং! নিচে, উপরে, সামনে, পেছনে। ড্যান অকম ভেবেছিলো সেকথা, এক অজেয় চিকিৎসক। কুয়াশাচ্ছন্ন এক ইংরেজ সকাল তার মাথার ভেতর সেই নষ্টামি হাইপোস্ট্যাসিস (খ্রিষ্টের পুরো অস্তিত্বে নশ্বর এবং ঈশ্বরের প্রকৃতি সমভাবে বিরাজমান) সুড়সুড়ি দিয়েছিলো। তার পবিত্র রুটির টুকরোগুলো নামিয়ে রেখে, হাঁটুমুড়ে বসে সে শুনতে পেয়েছিলো ক্রুশাকৃতি গির্জা থেকে (তার নিজের ক্রুশ তুলে ধরে) দ্বিতীয় ঘণ্টাধ্বনি তার প্রথম ঘণ্টাধনির সাথে একই সুতোতে গাঁথা এবং, উঠে দাঁড়িয়ে, শুনেছিলো (এখন আমি ক্রুশ তুলে ধরছি), তাদের দুটো ঘণ্টার খোনাসুর (সে হাঁটুমুড়ে বসে) একই সন্ধিস্বর।

চাচাতো ভাই স্টিফেন, তুমি কখোনই পূণ্যাত্মা হতে পারবে না। পুণ্যাত্মার দেশ (আইয়ারল্যান্ড-এর মধ্যযুগীও নাম)। তুমি উচ্চন্ড পবিত্র ছিলে, তাই না? তুমি পবিত্র ভার্জিন-এর কাছে তুমি প্রার্থনা করেছিলে তুমি যেনো আবেগতাড়িত না হও, লজ্জাকর না হও। সারপেন্টাইন এভিন্যুতে তুমি শয়তানের কাছে আবেদন করেছিলে সামনে দিয়ে হেঁটে যাওয়া ঐ ধুমসি বিধবা মহিলাটা যেনো রাস্তায় জমে থাকা পানি থেকে বাঁচবার জন্যে ওর পরণের কাপড়টা আর একটু উঁচুতে তোলে। ও হ্যাঁ, নিশ্চয়! O si, certo! ওর কাছে আপন বিবেককে বিক্রি করো, আদিবাসীনির শরীরে রাঙানো ন্যাকড়া পেঁচাও। আরও, আরও একবার বলো আমাকে! যেনো শহরতলির ট্রামের উপর একা বসে ট্রেনের কাছে অনুনয়: ন্যাংটা মেয়েমানুষ! ব্যাপারটা কেমন, অ্যাঁ?
কোন ব্যাপারটা? ওদের উদ্ভাবনের আর কোন কারণ?

প্রতি রাতে সাতটা বইয়ের প্রতিটার দু'পাতা করে পড়া, হুম? আমি ভুল করেছি। আয়নার সামনে নিজেকে নিজে অভিবাদন, সামনে এগিয়ে আন্তরিক অভিনন্দন, সুবর্ণ-উজ্জ্বল চেহারা। নিটোল নির্বোধের জন্যে জয়ধ্বনি! হাই রে! কেউ দেখে নি: কাউকে বলেও না। যে বইগুলো তুমি লিখতে যাচ্ছিলে তাদের অক্ষরিক শিরোনাম। তুমি ওর লেখা ফ বইটা পড়েছো? ও হ্যাঁ, কিন্তু আমার কাছে ক-টা বেশি পছন্দের। হ্যাঁ, তবে ও-টা কিন্তু দারুণ। ও হ্যাঁ, ও। মনে পড়ে ডিম্বাকৃতি সবুজ পাতার উপর তোমার আত্মউন্মোচনের (যার সাথে যীশুর আবির্ভাবের আগমন-আভাস তুলনীয়) কথা, গভীর গভীরতর, যদি আকস্মিক তোমার মৃত্যু হয় তাই পৃথিবীর সব বড়বড় গ্রন্থাগারে কপি পাঠানোর চিন্তা, আলেকজান্দ্রিয়া সহ? কয়েক সহস্র বৎসর পর কেউ না কেউ পড়তেই পারে, মহামানবন্তরে, মহাকল্প-সময়কালে। পিকো দেল্লো মিরানদোলা-র মতো। হ্যাঁ, একদম তিমিমাছের মতো। কেউ যখন বহু পুরোনো অচেনা এই পৃষ্ঠাগুলো পড়ে সে অনুভব করে সে আর একজনের সাথে একাত্ম যে এককালে …।

তার পায়ের তলা থেকে দানাদার বালুগুলো সরেসরে যায়। তার বুটজোড়া আবার মাড়াতে থাকে স্যাঁতস্যাঁতে নোঙ্গর, খোলা-শামুক, অসংখ্য নুড়ির সাথে বাড়ি খাওয়া খচমচে নুড়ি, জলজ কীটে ঝাঁজরা করা কাঠ, হারিয়ে যাওয়া আর্মাডা। অস্বাস্থ্যকর বালুচর তার জুতোর তলি শুষে খেতে চায়, বর্জ্য-দুর্গন্ধ উঠে আসে নিঃস্বাসের ভেতর। সে এসবকিছু পার হয় সতর্কতার সাথে। স্তূপাকার বালুর ভিটার উপর একটা পানীয়ের বোতল দাঁড়িয়ে, কোমর পর্যন্ত পোঁতা। এক পাহারাদার: ভয়ঙ্কর/অকুতোভয় তৃষ্ণার্ত এক দ্বীপ। ভাঙ্গা ঘোড়ার নাল ছড়িয়ে থাকা সমুদ্রতট; স্থলভুমিতে মসিময় সুচতুর জালে মোড়া এক গোলকধাঁধা; আরও দূরে খড়িমাটিতে হিজিবিজি আঁকা খিড়কিদরজার সারি এবং সৈকতের সেই উঁচুতে কাপড়শুকানো দড়িতে ক্রুশবিদ্ধ দুটি সার্ট। ব্যাবহৃত: তামাটে সারেং আর নাবিকদের পশুচামড়ার তাঁবু। মানব খোলক।

সে থামে। আমি স্যারা মামীর আস্তানা পেরিয়ে এসেছি। ওখানে আমি যাচ্ছি না? তাই তো মনে হচ্ছে। ধারে কাছে কেউ নেই। সে উত্তরপূর্ব দিকে বাঁক নেয় তারপর জমাট বাঁধা বালু পার হয়ে পিজনহাউস-এর দিকে এগোয়।
–কে তোমার এই দুর্দশা করলো? Qui vous a mis dans cette fichue position?
–ঐ কবুতর, জোসেফ। C'est le pgeon, Joseph.
পাট্রিস, সেনাবাহিনী থেকে ছুটিতে বাড়িতে, গরম দুধ তারিয়েতারিয়ে পান করেছে আমার সাথে ম্যাকমোহন পানঘরে। প্যারিসের বুনোহাঁস, কেভিন ঈগ্যান-এর ছেলে। আমার জন্মদাতা এক খেচর, সে মিষ্টি লে শু (lait chaud) তারিয়েতারিয়ে তার তাজা গোলাপি জিভ দিয়ে সুড়ুৎসুড়ুৎ পান করেছে, দেখতে একেবারে গোলগাল খরগোশ-মুখো। খাসি করা খরগোশ। তারিয়েতারিয়ে পান করা আর খরগোশ—ল্যাপ, ল্যাপ্যাঁ (Lap, lapin) শব্দ দু'টোর ইংরেজি আর ফরাসি উচ্চারণে মিল দারুণ। তার ভীষণ আশা বিরাট এক গোঁ লটারির (gos lots) দান মারা। মেয়েদের স্বভাবচরিত্র বোঝার জন্যে মিশোলে পড়ে। কিন্তু এখন ওর উচিৎ হবে এম. লিও ট্যাক্সিল-এর লেখা ল্য ভাই দি জিজু বইটা আমাকে পাঠিয়ে দেয়া। ওর বন্ধুকে ধার দিয়েছিলাম।
–এটা সময়ের দাবী, বুঝলেন। আমার কথা যদি জানতে চান, আমি কিন্তু সমাজতান্ত্রিক। আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করিনা। বাবাকে আবার বলবেন না। (C'est tordant, vous savez. Moi je suis socialiste Je ne crois pas en l' existence de Dieu. Faut pas le dire a mon pere.)।
–সে বিশ্বাস করে? (Il croit?)।
–আমার বাবা, হ্যাঁ। (Mon pere, oui.)
যথেষ্ঠ। (Schluss.)। সে সুড়ুৎ করে তারিয়ে চোষে।

আমার ল্যাটিন কোয়ার্টার হ্যাট। ভগবান, আমাদের চরিত্রের সাথে মিলিয়েই আমাদের পোশাক পরতে হয়। আমার একজোড়া টকটকে লাল দস্তানা চায়। তুমি ছাত্র ছিলে, ছিলে না? তা হলে কিসের এত ধুর্তামি ভনিতা? পেই-সেই-এন। পি. সি. এন., মানে: শারীরিক, রাসায়নিক এবং প্রাকৃতিক বিজ্ঞান (physiques, chimiques et naturelles)। আহা। কম দামে ফেকশোর স্টু (mou en civet) খাওয়া, মিশরীয় খাবার দোকানে আয়েশে বসে, পাশে বসা ঢেকুর তোলা ড্রাইভারদের কনুইয়ের গুতো। গল্প ফেঁদে বেশ বলা যায়: আমি যখন প্যারিসে ছিলাম, বু মিশ-এ (boul' Mich'), আমি এটা করতাম, সেটা করতাম। হ্যাঁ, ছিদ্র (পাঞ্চ) করা টিকেট নিয়ে ঘুরতাম, কোথাও কোনো খুনের আসামি হিসাবে গ্রেফতার না হওয়ার ওজর দেখাবার জন্যে। সুবিচার। ১৯০৪ সালের সতেরই ফেব্রুয়ারির রাতে বন্দীকে দুই জন সাক্ষী দেখেছিলো। অন্যকেউ একাজ করেছে: এক অন্য আমি। হ্যাট, টাই, ওভারকোট, নাক। আমিই সে (Lui, c'est moi)। মনে হচ্ছে বেশ মজাতেই ছিলে।

দাম্ভিকভাবে হাঁটি। কাকে নকল করে হাঁটছো তুমি? ভুলে যাও: তুমি হতভাগা এক। মায়ের পাঠানো মনি অর্ডার, আট শিলিং, ডাকঘরের দরোজা তোমার মুখের উপর দ্বারিক দড়াম শব্দে বন্ধ করে দেয়। ক্ষুধা থেকে দাঁতব্যাথা। আরও দু' মিনিট (Encore deux minutes)। দেখো ঘড়ি। পেতেই হবে। বন্ধ (Ferme)। ভাড়াকরা কুত্তা। বন্দুক দিয়ে দুড়ুম করে গুলি করে ওকে লাল রক্ত-বিন্দুতে ছিটকে দাও, গরিব-গুবরোদের শরীরের ছিন্নভিন্ন কণায় লেপে দাও সব দেয়াল। কণাগুলো আবার সশব্দে জোড়া লেগে হয়ে যায় আগের মতো। কষ্ট হয়নি? ও, সব ঠিক আছে। হাত মেলাই আসুন। বুঝলেন তো আমি কি বলেছিলাম, বুঝলেন নিশ্চয়ই? ও, সবই ঠিক। মেলান, হাত মেলান। ও, সবই ঠিকঠাক, সব।
তুমি অবাক করার মতো কিছু করতে যাচ্ছিলে, কি সেটা? পাগলা কোলমবানেস-এর পরে ইউরোপে মিশনারি পাঠিয়েছিলে। ফিয়াকর আর স্কটাস স্বর্গে তাদের তেপায়াতে বসে নিজনিজ মগে মদ ঢালতেঢালতে উল্লসিত লাতিনে বলেছে: দারুণ কাজ, দারুণ! (Euge! Euge!)। তুমি যখন তোমার সুটকেস টেনে হাঁটছিলে, নিউহেইভেন-এর সেই সরু ঘাটের তিন পেন্সের কুলিরা ভাঙ্গাভাঙ্গা ইংরেজি বলার ভান করছিলো। কি বলতে চাও? অনেক দামী সম্পদ তুমি নিয়ে এসেছিলে; ল্য টুটু (Le Tutu), আর পাঁচ পাঁচটা জীর্ণ পন্তালওঁ ব্লাঙ্খ এ কিউলট ঘুজ (Pantalon Blanc et Culotte Rouge) পত্রিকা, একটা নীল রঙ্গের ফরাসি টেলিগ্রাম, দেখাবার কৌতূহল:
–মা মৃত্যু শয্যায় বাড়ি এসো বাবা।
খালা মনে করে তুমি মাকে খুন করেছো। তাই সে তোমার সাথে দেখা করেনা।
তাই মুলিগানের খালার জন্যে করি এসো প্রার্থনা
কারণটা তোমাদের বলবো আমি যা আছে জানা
তার খালা রাখতো সবকিছু সুন্দর শালীন
কখনোই হ্যানিগান পরিবারকে হতে দিতনা মলিন।
তার পাদু'টো এক দাম্ভিক ছন্দে বালু-রেখার উপর দিয়ে মার্চ করে চলে, উত্তরের দেয়ালের বিশাল শিলাখন্ডগুলোর পাশ দিয়ে। সে সেগুলোর দিকে অহংকারি দৃষ্টিতে তাকায়, স্তুপাকার পাথরগুলো সব বিশাল মাথার খুলি। সমুদ্রের উপর, বালুর উপর, শিলাখন্ডের উপর স্বর্ণালি আলো। দূরে সূর্য, দীঘল গাছের সারি, বস্তির ঘরবাড়ি।

আলতো ঘুম ভাঙ্গা প্যারিস, তার কানা-গলিতে সূর্যের ম্লান আলো। ভেজা রোল রুটির টুকরো, ব্যাঙ্গাচে-সবুজ ভেষজ লতাপাতা, গির্জায় প্রভাতসঙ্গীতের ধূপ, বাতাসে প্রণয়-আমেজ। সুপুরুষ (Belluomo) এক, তার স্ত্রীর প্রেমিকের স্ত্রীর বিছানা থেকে ওঠে, অবগুণ্ঠিত সেই গৃহিণী শয্যাত্যাগে ব্যাস্তসমস্ত, হাতে তার সিরকার পিরিচ। পেস্ট্রি দোকান রোডোতস-এ ইভন আর ম্যাডেলেন তাদের ভগ্নরূপ পুনরুদ্ধারে ব্যাস্ত, সোনামোড়া দাঁত দিয়ে শোছো (chaussons) পেস্ট্রি ধ্বংসে রত, তাদের মুখ ফ্ল্যান বাঁতো-র (flan beton) রসে হলুদ। প্যারিসের চেহারাগুলো সবাই যেমন দেখে, তাদের সুখময়তার সুখ, কোঁকড়ানো-কেশী বিজয় আহ্লাদ।

দুপুরটা অলস। কেভিন ঈগান তার ছাপাখানার কালিঝুলি মাখা আঙ্গুল দিয়ে বারুদের মতো সিগারেট পাকায়, তার সবজে রঙ্গের মদে চুমুক দেয়, ওদিকে প্যাট্রিস আয়েশে চুকচুক করে পান করে তার সাদা পানীয় (দুধ)। আর আমরা, গাদার দল, কাঁটাচামচ দিয়ে মসলা দেয়া কড়াইশুঁটি গিলি গোগ্রাসে। সাথে সিকি লিটার (Un demi setier!) পানীয়! ঝকঝকে পাত্র থেকে ধোঁয়া ওঠা কফির স্রোত। পরিচারিকা একজনের পেছন থেকে আমাকে ঢেলে দেয়। ও আইয়ারল্যান্ডি। হল্যান্ডি? না, পনির সুন্দরি। দু'জন আইয়ারল্যান্ডি, বুঝছো, এবার বোঝা গেছে? ও হ্যাঁ! (Il est irlandais. Hollandais? Non fromage. Deux irlandais, nous Irlande, vous savez? Ah, oui!)। পরিচারিকা ভেবেছিলো তুমি হল্যান্ডিয় পনির চাও। খাওয়া শেষে তোমাদের আনুষ্ঠানিক পানীয় পান, শব্দটা জানা আছে? পওষ্টপ্র্যান্ডিয়াল। বার্সেলোনাতে একসময় আমি একজনকে জানতাম, অদ্ভুত লোক, এই পান করার আনুষ্ঠানিকতাকে বলতো পওষ্টপ্র্যান্ডিয়াল। আসলে: চিয়ার্স! (slainte!)! পাথর ঢাকা টেবিলের চারপাশে মদাকীর্ণ নিশ্বাসের জট আর খেয়ে ঢোল হওয়া মানুষের গজগজানি। ঈগেন-এর শ্বাস সসে ঢাকা প্লেটগুলোর উপর ঘুরে ফেরে, তার সবজে মদের গরল দুই ঠোঁটের ভেতর দিয়ে ছড়ায়। আইয়ারল্যান্ড-এর কথা, ডালকাসানদের কথা, আশার কথা, ষড়যন্ত্রের কথা, বর্তমানের আর্থার গ্রিফিথ-এর কথা। আমাকে তার সাথে সঙ্গ দিতে, আমাদের অপরাধ কর্ম আর আমাদের এজমালি আন্দোলনে জুড়ি হতে। তুমি তোমার পিতার পুত্র। এ কন্ঠস্বর আমার চেনা। তার খসখসে ফোলানো কাপড়ের জামা, ফুলেল আশাভরা চেহারা, যে চেহারা হিস্পানী টাসেলের মতো দোদুল্যমান। এম. দুইমওঁ, বিখ্যাত সাংবাদিক, দুইমওঁ, জানেন রাণী ভিক্টরিয়াকে কি নামে ডাকতো? হলদে দেঁতো ডাইনি বুড়ী। ফরাসিতে দেন্তস বিজওঁন ওয়ালা ভিএইয়ে অগ্রেস (Vieille ogress with the dents jaunes)। মোড গন, সুন্দরী মহিলা, লা পাত্রিয়া সাময়িকীর সম্পাদক এম. মিলেভই, ফিলিক্স ফো, ফরাসি রাষ্ট্রপতি কিভাবে মারা গেছে জানেন? কামান্ধ পুরুষ সব। সেই যুবতী, সব কাজে পটু (bonne a tout faire), যে উপসালার স্নানঘরে পুরুষের লিঙ্গ ঘষটাতে ওস্তাদ। দাও করি (Moi faire), সে বলে। সব পুরুষই করতে দেয় (Tous les messieyrs)। আমি সেই পুরুষ (Monsieur) নই, আমি বলি। উৎকৃষ্ট কামুক প্রথা। স্নান এক একান্ত ব্যাক্তিগত কর্ম। আমি আমার ভাই, এমনকি আমার আপন ভাইকেও, এমন কামাতুর কাজ করতে দেবনা। সবুজ চোখ, তোমাকে স্পষ্ট দেখতে পাই। গরলভরা ছোবল, আমি বেশ টের পাই। কামান্ধ মানুষ সব।

প্রাণঘাতী বোমার মতো নীল পলতে জ্বলে ওঠে দুই করতলের মধ্যে, জ্বলজ্বল করে। শিথিল তামাক কুচিতে আগুন ধরে: আমাদের বসে থাকা কোনাটা আগুন আর ঘন ধোঁয়াতে আচ্ছন্ন হয়। তার ক্যাথলিক-বিরোধী পিপ অব ডেই বয়েজ (peep of day boys) হ্যাটের নিচে চোয়াড়ে চোয়াল। কিভাবে সেই প্রধান নেতা (ফিনিয়ান নেতা) জেল পালালো তার আসল কাহিনী। তরুণী কনের ছদ্মবেশে, জ্বলজ্যান্ত সেই পুরুষ, সাদা কমলা ফুলের নেকাবে মুখ ঢেকে, সোজা রাস্তা পেরিয়ে পাড়ি দিয়েছিলো মালাহাইড সড়কে। অঙ্গীকার, আনুগত্য। হারিয়ে যাওয়া নেতারা, বিশ্বাসঘাতকতার শিকার, দুঃসাহসিক পলায়ন। ছদ্মবেশ, আটক হওয়া, পালানো, উধাও হওয়া।

(চলবে)