এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: মড়ক ও প্রতিরোধের গল্প
মলিয়ের
যেন প্লেগের শাস্তি যথেষ্ট না। রোগের ভয় আরেকটি নতুন রোগে পরিণত হয়।
ইংল্যান্ডে, চিকিৎসকরা সেই সব রোগীদের দেখ-ভাল করতেন, যারা বিশ্বাস করতো, তাঁরা মাটির তৈরী ঠুনকো মূর্তি আর যারা মানুষদের থেকে দূরে থাকতো এই ভয় নিয়ে যে, তাঁরা তাঁদের মধ্যে আচমকা ঢুকে পড়ে ছিন্নভিন্ন করে দেবে। ফ্রান্সের নাট্যকার মলিয়েরের লেখা, পরিচালিত ও অভিনীত নাটকগুলির শেষটি তিনি এই সব কল্পিত রুগ্নদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
নিজের বদ্ধসংস্কার নিয়ে বিদ্রুপ করে মলিয়ের যেন নিজের সাথেই মজা করছেন। তিনি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন: সেখানে তিনি কখনো তাঁর ইজিচেয়ারের বালিশগুলিকে কবর দিয়েছেন, নিজের শরীরের লোম মুচড়িয়েছেন, কখনো বা কানের ওপর দিয়ে টুপি টেনে নামিয়েছেন, অবিরত রক্তক্ষরণে ভুগছেন, আবার কখনো প্রায়শ্চিত্ত ও সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করেছেন, নাটকে ডাক্তার কর্তৃক নির্ণীত পেটের উপরিভাগের অস্বস্তি, অজীর্ণ, বদহজম, আমাশয়, পায়খানার রাস্তার সমস্যা, শোথ, স্নায়ুবিক বৈকল্য, ভন্ডামি ইত্যাদি রোগে ভোগা রোগীর চরিত্র ফুঁটিয়ে তুলেছেন।
একদিন বিকেলে, নাটকটি তখনো বেশীদূর অগ্রসর হয়নি, সকল শিল্পীরা তাঁকে অভিনয় না করার জন্য সনির্বন্ধ অনুরোধ করেন। মলিয়ের তখন খুবই অসুস্থ বোধ করছিলেন। ভীষণ অসুস্থ। তখন তাঁর মাত্রাতিরিক্ত জ্বরই শুধু ছিল না, কাশির দমকে তিনি দম পর্যন্ত নিতে পারছিলেন না। সেই সময় তিনি কথা বলতে, এমন কি হাঁটতে পর্যন্ত পারছিলেন না।
মঞ্চাভিনয় কি বাতিল হবে? মলিয়ের কখনোই উত্তর দিতে দ্বিধা করতেন না। তাঁর সহকর্মীরা সেই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে বললেন, যেখানে তিনি সেই চমৎকার দিন থেকে বসবাস করে আসছেন, যখন তিনি সকল ভালো মানুষকে আনন্দ দেবার জন্য মলিয়ের হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন।
আর সেই রাতেই, কাল্পনিক সেই রুগ্ন চরিত্রটি পুরো প্রেক্ষাগৃহ হাসির হিল্লোলে ভরিয়ে দিল। এমনটি আগে কখনো হয়নি। মলিয়েরের লেখা ও অভিনীত হাস্য-রসাত্মক নাটকটি তাঁকে সকল যন্ত্রণা ও মৃত্যু ভয়ের উর্ধে নিয়ে গেল এবং তিনি তাঁর জীবনের শ্রেষ্ঠ অভিনয়টি করে ফেললেন। তিনি এতো প্রচন্ডভাবে কাশলেন যা তাঁর পাঁজর ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল; কিন্তু তিনি তাঁর নাটকের দীর্ঘ ডায়লগের একটি শব্দও ভুললেন না। আর যখন তিনি রক্ত বমি করা শুরু করলেন এবং মেঝেতে পড়ে গেলেন, তখন দর্শকরা বিশ্বাস করেছিল, বা জানতেন যে এই মৃত্যু তাঁর নাটকেরই অংশ। মলিয়েরের দেহের সাথে নাট্যমঞ্চের পর্দাও ভূপাতিত হলো, মুগ্ধ দর্শকরা উঠে দাঁড়িয়ে তুমুল করতালি আর তাঁর অভিনয়ের জয়ধ্বনি করতে লাগল।
অ্যানাসথেসিয়ার সূচনা
ভেনিসের কার্নিভাল যতদিন টিকে ছিল, তা চার মাস পর্যন্ত স্থায়ী হত।
কার্নিভালে সকল জায়গা থেকে অ্যাক্রোব্যাট, সংগীতজ্ঞ, নাটকের অভিনেতা, পুতুল নাচের দল, পতিতা, ভাগ্য-গননাকারী আর সৌভাগ্যের টনিক ও দীর্ঘ-জীবনের সিরাপ বিক্রেতারা আসত।
সেই কার্নিভালে বিভিন্ন জায়গা থেকে দাঁত ওঠানো ও গালে ব্যাথা নিরাময়ের আশায় লোক আসত। কেননা, সেইন্ট এ্যপোলোনিয়াস এই রোগ নিরাময় করতে অক্ষম ছিলেন। নিদারুণ যন্ত্রণার পরে, এই সব রোগীরা কোন রকমের সেইন্ট মার্কের ফটকের কাছে পৌঁছাত। সেখানে হাতে সাঁড়াশি নিয়ে দাঁত উৎপাটনকারীরা অপেক্ষা করতো আর অ্যানেসথিসিয়াবিদরা তাদের পাশেই থাকত।
অ্যানেসথিসিয়াবিদরা রোগীদের অচেতন হতে দিত না: তাঁরা তাদের বিভিন্ন উপায়ে বিনোদন দিত। তাদেরকে আফিম বা এই জাতীয় কোন মাদক উদ্ভিদ দিত না। তবে, রসিকতা করে ও এক পায়ের আঙ্গুলে ভর দিয়ে নাচত। আর তাদের রসবোধ ও মাধুর্য এতটাই বিস্ময়কর ছিল যে, ব্যাথা যেন রোগীকে আঘাত করতেও ভুলে যেত।
অ্যানেসথিসিয়াবিদরা ছিল কার্নিভালের পোষাক পরা বানর আর বামন।
টিকার সূত্রপাত
অষ্টাদশ শতাব্দীর শুরুতে, গুটি বসন্ত প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ ইউরোপীয়নের মৃত্যু ঘটাতো।
এটা ছিল সেই সময়, যখন ইস্তাম্বুলে ব্রিটিশ রাষ্ট্রদূতের স্ত্রী লেডি মেরি ওয়ার্টলি মন্টাগু ইউরোপকে গুটি বসন্ত রোধে তুরস্কের চেষ্টা ও প্রতিরোধের সঠিক পদ্ধতি গ্রহণ করার জন্য চেষ্টা করেছিলেন: এক ফোঁটা পক্সের পুঁজ খুনী প্লেগের বিরুদ্ধে টিকা হিসেবে কাজ করত। কিন্তু মানুষ বিজ্ঞানীর আদলে একজন নারীকে উপহাসের পাত্র হিসেবে গন্য করেছিল। তারা একে পৌত্তলিক ভূমি থেকে ছল-চাতুরি প্রচার করা ছাড়া ভিন্ন কিছু মনে করেনি।
সত্তর বছর পরে, একজন ইংরেজ ডাক্তার, এডওয়ার্ড জেনার, তাঁর মালীর আট বছরের পুত্রের শরীরে তথাকথিত গো-বসন্তের টিকা দিয়েছিলেন। এটি পশু-পালকে বিধ্বস্ত করলেও মানুষের বেলায় তেমন ক্ষতিকারক ছিল না। ফলাফস্বরূপ, মালীর পুত্রের মারাত্মক গুটি-বসন্ত দেখা দিল। তবে শিশুটি অসুস্থ হল না।
এইভাবে গবেষণাগারের গিনি-পিগ হিসেবে ব্যবহৃত হয়ে এক চাকরের সন্তানের দেহে আর লাতিন শব্দ কাউ, ভ্যাকা নাম ধারণ করে টিকার জন্ম হল।
মিছিলের সূত্রপাত
১৫৭৬ সালে প্লেগের কারণে মিলানের গভর্ণরের সাথে পোপ আখ্যা পেতে যাওয়া এক পাপী আর্চবিশপ, কার্লো বোররোমিওর দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল।
আর্চবিশপ তাঁর অনুসারীদের গীর্জার মধ্যে জড়ো হতে নির্দেশ দিলেন আর ঈশ্বরের কাছে যে পাপের কারণে তাঁদের উপর প্লেগ নাযিল হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে বললেন। কিন্তু মিলানের গভর্ণর সংক্রমন এড়ানোর জন্য বদ্ধ দালানের ভিতর যে কোন ধরণের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করলেন।
সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে আর্চবিশপ বোররোমিও মিছিল আবিস্কার করে ফেললেন। তিনি সকল সন্তুদের নির্দেশ দিলেন, তাঁরা যেন গীর্জা থেকে তাঁদের সকল সংরক্ষিত পবিত্র স্মৃতিচিহ্ন বা পুরাতাত্ত্বিক নিদর্শন নিয়ে জনতার কাঁধে করে শহরের রাস্তায় বহন করে।
তাঁরা এক সমুদ্র পদ্মফুল, মোমবাতি আর দেবদূতের ডানা নিয়ে খ্রিষ্টীয় সমাজের ন্যায়পরায়নতার স্তব গেয়ে গেয়ে আর তাঁদের জীবন ও অলৌকিকতার অভিনয়-দৃশ্য দেখাতে দেখাতে প্রতিটি গীর্জার দরজায় দাঁড়ায়।
তাই দেখে নাট্যাভিনেতারা হিংসায় জ্বলে যায়।
মুখোশ
মিলানে আর্চবিশপ বোররোমিও হতাশ হয়ে বলেছিলেন, "এই ব্যাভিচারী, অকৃতজ্ঞ পৃথিবী ঈশ্বরের শত্রু। এই অন্ধ, পাগল, কুৎসিত, সংক্রামক পৃথিবী," মুখোশপড়া লম্পট পৌত্তলিক উৎসবের কাছে নিজেকে সমর্পন করে।
আর তিনি মুখোশের উপর একটি বাক্য উচ্চারণ করেন:
"মুখোশ মানুষের চেহারা বিকৃত করে আর এইভাবে আমাদের ঈশ্বরের ঐশ্বরিক উপমাকে অপবিত্র করে।"
ঈশ্বরের নামে, চার্চ সেটা নিষিদ্ধ করে। স্বাধীনতার নামে, কিছু দিন পর, নেপোলিয়নও একই কাজ করেন।
এরপর মুখোশ শিল্পের কৌতুক হিসেবে নাচের পুতুলের মাঝে আশ্রয়স্থল খুঁজে পায়।
চারটি লাঠি ও একটি ছিন্ন বস্ত্র দিয়ে পুতুল-ক্রীড়নকরা পাবলিক স্কয়ারে ছোট ছোট খেলা দেখায়। সেই সাথে ছিল বিভিন্ন ধরণের শারিরীক কসরৎ, মল্লক্রীড়া, চারণ-কবিতা, গল্প-বলা আর কার্নিভাল যাদুর আয়োজন।
আর যখন প্রভু ও প্রভু-পত্নীদের নিয়ে মুখোশযুক্ত পুতুলদের উপহাস সীমা ছাড়িয়ে যেত, পুলিশ তখন নাইটস্টিক দিয়ে আঘাত করতে করতে ক্রীড়নকদের জেল হাজতে প্রেরণ করত। পুতুলগুলি তখন অন্ধকার ও শূন্য স্কয়ারে, হাতবিহীন গ্লাভসের মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত।
অন্যান্য মুখোশ
আফ্রিকান মুখোশ আপনাকে অদৃশ্য করে ফেলবে না। তারা লুকিয়েও রাখবে না, ছদ্মবেশ এমন-কি মুখোশেও আপনাকে আড়াল করে রাখবে না।
যে দেবতারা আফ্রিকাতে আমাদের পার্থিব জীবন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁরা তাদের সন্তানের মাঝে শক্তি সঞ্চারিত করার জন্য মুখোশ প্রেরণ করেন। ষাঁড়ের শিংযুক্ত মুখোশ শক্তি দেয়, কৃষ্ণসার-মৃগের শিং বিশিষ্ট মুখোশ গতি দেয়, হাতির শুঁড়ের বৈশিষ্ট্যযুক্ত মুখোশ প্রতিরোধের শিক্ষা দেয় আর যদি তাতে ডানা থাকে, তাহলে আপনাকে তা উড়তে শেখাবে।
কোন মুখোশ ভেঙে গেলে, মুখোশ-প্রস্তুতকারক নুতনভাবে আবার গড়ে দেয়। মুখোশের উদ্দীপনা কাউকে গৃহহীন করে না, কোন মানুষকে নিঃস্বও করে না।
