২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্যের ছদ্মবেশ এবং জ্যঁ জেনে

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 18 Aug 2021, 07:41 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

সমকালীন বাংলাদেশের থিয়েটার ক্যানভাসটি ছেয়ে আছে সেলিম আল দীন-এর 'বর্ণনাত্মক বাংলা নাট্যরীতি', 'কৃত্য' এবং 'দ্বৈতাদ্বৈতবাদ'-এ। এটা যেন বাংলা নাটকের রূপের সন্ধান। যে সন্ধানের কেন্দ্রে অবস্থান করছে 'শেকড়ের থিয়েটার':

"যেখানে কাব্য বা উপাখ্যান গেঁয়ো সেখানেই বাংলা নাটকের রূপ ও রস স্পর্শ করা গিয়েছে। আমাদের জনপদে নাটক এসেছে কৃত্যের ছদ্মবেশে। শিব, ধর্ম, চ-ী, মনসা, গাজী, মানিক পীরের কৃত্যের অবলম্বন যখন আখ্যান তখন তার উপস্থাপনা আসর ও দর্শক অবলম্বন করেই বিস্তারিত হয়। কৃত্যকে বাদ দিয়ে বাংলা নাটকের রূপ-রীতি অন্বেষণ নিরর্থক…"

এটা ভারতের নাট্যতাত্ত্বিক সুরেশ ওয়াস্থি-র তত্ত্ব 'থিয়েটার অব রুটস' আবিষ্কারের মতো আরেক নতুনের অনুসন্ধান; এই অনুসন্ধানের জাদুকর কিংবা ম্যাজিক ম্যান বা ঐন্দ্রজালিক হচ্ছেন নাট্যকার ও তাত্ত্বিক সেলিম আল দীন। যিনি বাংলা থিয়েটারের রূপের সন্ধানে খুঁজে পেলেন 'দ্বৈতাদ্বৈতবাদ'।

আমার এই আলোচনায় আমি সেলিম আল দীন-এর তত্ত্বের তাত্ত্বিক ও সাংঘর্ষিক জায়গাগুলো খুঁজবো না, বরং আমার আলোচনার ভূচিত্র জ্যঁ জেনের নাটক ও নাট্যউপস্থাপনায় 'কৃত্য' ও 'দ্বৈতাদ্বৈতবাদ'-এর রূপ ও রসের অনুসন্ধান।


কৃত্য হলো একটি ধর্মীয় গাম্ভীর্যতাপূর্ণ অনুষ্ঠান। এটা সাধারণত ধর্মীয় বিশ্বাস বা সামাজিক আচরণের সুনির্দিষ্ট রীতিনীতির একটি সংগঠিত অভিব্যক্তি, তবে এটা সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ মঞ্চেও ব্যবহৃত হতে পারে। একজন নাট্যকার প্রচলিত থিয়েটারের রীতিনীতিগুলোকে কাজে লাগিয়ে অভিনয়শিল্পীদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভেতরে একটি বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেন। শেকস্পীয়রের ট্র্যাজেডি 'রিচার্ড দ্য থার্ড' নাটকটিতে পুরো অংশ জুড়েই ব্যবহার করা হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া ও মৃত্যুদণ্ডের কৃত্য দৃশ্য, উপাধি প্রদান ও জবানবন্দির কৃত্য দৃশ্য, শোক এবং অতিপ্রাকৃত কোনোকিছুর উপস্থিত হওয়ার কৃত্য দৃশ্য। এটা বিদ্রুপের সাথে করা হোক বা না হোক, কৃত্য দৃশ্যগুলো নাটকটির মূল বিষয়বস্তুকে বৈধ করার জন্য ব্যবহার করা হয়েছে- এখানে রাষ্ট্রের কার্যক্রমের ভেতরে রয়েছে ঈশ্বরের অংশগ্রহণ। তদুপরি, কৃত্য দৃশ্যগুলো রিচার্ডকে পরিণত করেছে একজন প্রধান ব্যক্তিতে এবং কৃত্যানুষ্ঠানের পুরোহিতে। ফ্রান্সিস ফার্গুসন তার 'দ্য আইডিয়া অব থিয়েটার'-এ খুঁজে পেয়েছেন যে শেকস্পীয়রের নাটক সাধারণত কৃত্যের ওপরে নির্ভর করে রচিত হয়েছিল যেটা নাট্যক্রিয়াকে চিহ্নিত করেছে এবং এই কৃত্যই প্রতিবার একটি পরিষ্কার আলোতে চরিত্রগুলোকে দেখিয়ে দিয়েছে। একটি কৃত্য নাটকে অভিনেতা নিজেই হয়ে পড়েন মঞ্চ ব্যবস্থাপক, এবং নাটকটি গভীরভাবে নাট্যকাঠামো ও বিষয়বস্তুর সাথে সংযুক্ত থাকে, এই ধরনের নাটকের ক্ষেত্রে নাট্যকাঠামোটিই দর্শকদেরকে নাটকটিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে এবং এই নাটকটির রহস্যের ভেতরে বিশেষ অন্তর্দৃষ্টি প্রদান করে।

প্রতীকাশ্রয়ী নাটকের অগ্রগতির শেষ পর্যায়টি সম্ভবত কৃত্য ভিত্তিক। কৃত্যের মাধ্যমে, প্রতীকগুলোকে অতিক্রম করা হয়, মঞ্চাভিনয়ের রূপক অর্থটি প্রশ্ন ছাড়াই একীভূত হয় এবং মঞ্চ ও দর্শকদের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এইভাবে মঞ্চের ক্রিয়াটি একটি রহস্য ধরে রাখে যেটা বাস্তবতার অন্য একটি অনুক্রম, এবং যেটা কেবলমাত্র কৃত্য হিসেবে এটার অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করা যেতে পারে। প্রাচীন ধর্মীয় নাটকগুলোর মতোই কৃত্যের উপাদানগুলো হৃদয়ঙ্গম করা যায়, বিশ্বাসের ভেতরে ঠাঁই দেয়া যায় এবং সেটা পবিত্র থাকে, সুতরাং একটি পবিত্র কৃত্য নাটকে পারস্পরিক বিশ্বাসের সমান্তরাল অধিগ্রহণটি অত্যন্ত প্রয়োজনীয়।

জেনের প্রথম দিককার নাটকগুলো অস্তিত্ববাদের সাথে যুক্ত ছিল। তার প্রথম দুটো নাটকে তিনি এমন কিছু মানুষের কুৎসিত প্রতিচ্ছবি সৃষ্টি করেছেন যারা সমাজকে প্রত্যাখ্যান করেছিল এবং যাদেরকে সমাজ প্রত্যাখ্যান করেছিল, নাটকগুলো হলো একাঙ্কিকা 'ওউট সারভেইল্যান্স (ডেথওয়াচ)' ও 'লেস বোন (দ্য মেইডস)'। সম্ভবত জাঁ পল সার্ত্র বলেছিলেন যে এই নাটকগুলো অস্তিত্ববাদী নাটক। সংশোধন কেন্দ্র এবং কারাগারে জেনের প্রথম বছরগুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে, সার্ত্রের লেখা ৬০০ পৃষ্ঠার অর্ধ-মনস্তাত্ত্বিক, অর্ধ-দার্শনিক জীবনীগ্রন্থ 'সেইন্ট জেনে, কমেদিয়েন এন মার্টার (সেইন্ট জেনে, অ্যাক্টর অ্যান্ড মার্টার, ১৯৫২)¬'-এ তাকে বলেছেন আধুনিক অস্তিত্ববাদী মানুষের আদিরূপ। যদিও পৃথিবীটা তখনও তার কাছে অর্থপূর্ণ ছিল, এজন্য জেনে তার চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন তার মতোই বিদ্রোহী ও সমাজচ্যুত হিসেবে, এবং বলেছেন যে তিনি অবমাননার ভেতরে গৌরবান্বিত হয়েছেন। জেনে বিপরীত মূল্যবোধের একটি দর্শন তৈরি করেছিলেন, মন্দকে সৌন্দর্যের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এবং জীবনের যেকোনো ইতিবাচক মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার উপযুক্ত উপায় সৃষ্টি করেছিলেন। এগুলো হয়তো সত্য, এবং একটি নেতিবাচকতার ভেতরে ইতিবাচকতাকে খোঁজার মধ্যে একটি অযৌক্তিকতা থাকতে পারে, কিন্তু জেনের অসাধারণ নাট্যকাঠামোর ব্যাপারে সার্ত্রের যুক্তিতর্ক বেশিদূর এগোতে পারেনি।

রবার্ট ব্রুস্টেইনের মতো কেউ কেউ জেনেকে আর্তোর উত্তরসূরী বলে মনে করেন এবং ব্রুস্টেইন দাবি করেছেন যে জেনের ভেতরে আর্তো 'সন্দেহাতীভাবেই তার সবচেয়ে প্রতিশ্রুতিশীল উত্তরাধিকারীকে দেখেছেন'। যে সমস্ত তাত্ত্বিক আর্তোর মতোই বিশ্বাস করতেন যে স্বপ্নের সহিংস অকপটতাকে জীবনের একটি চিত্র হিসেবে উপস্থাপন করা যেতে পারে, তারা জেনের নাটকের ভেতরে সেটাই দেখতে পেয়েছিলেন। পিটার ব্রুক ১৯৬০ সালে প্যারিসে নির্মাণ করেছিলেন 'লা ব্যালকন (দ্য ব্যালকনি)'। জুডিথ মালিনা এবং জুলিয়ান বেক 'থিয়েটার অব ক্রুয়েলটি'র কাঠামোটিকে অনুসরণ করতে গিয়ে তাদের দ্য লিভিং থিয়েটারের মাধ্যমে নির্মাণ করেছিলেন 'দ্য মেইডস'। আর্তোকে অনুসরণকারী এই ধরনের নাট্যনির্দেশকরা জেনের নাটকগুলো মঞ্চস্থ করতে গিয়ে ধারণা করেছেন যে জেনের নাটকগুলো বোধহয় আর্তোর কাছ থেকে এসেছে। এটা সত্য যে, অসৎ মানুষকে প্রতীকিকরণ, নাটকের কৃত্যগুলো অপরাধী, পতিতা ও সমাজচ্যুতদের মাধ্যমে সম্পাদন এবং দর্শকদের গোপন চাহিদাগুলোর পুনর্নির্মাণের কারণে জেনের থিয়েটারটি মানুষের মানসিক জগৎকে প্রচ- ধাক্কা দেয়। কিন্তু অসাধারণ ফলাফলের জন্য জেনের নাটকের আউটলাইন এবং কাঠামোর মধ্যে একটি তীক্ষè বুদ্ধিবৃত্তিক জায়গা আছে, একটি সুস্পষ্ট মর্মস্পর্শী জায়গা আছে, যেগুলোর কারণে জেনেকে আর্তোর তুলনায় পিরানদেল্লোর সাথেই বেশি যুক্ত বলে মনে হয়।

জেনের কৃত্যানুষ্ঠানগুলো ছিল পিরানদেল্লোর থিয়েটার-গেইমের মতো। নাটকের মায়াময় ক্রিয়াগুলোর সাথে দর্শকদেরকে যুক্ত করার জন্য জেনে যে-সমস্ত কৌশল ব্যবহার করতেন সেগুলো তাকে তার সমসাময়িক নাট্যকারদের চেয়ে যথেষ্ট পরিমাণে স্বতন্ত্র করে তুলেছিল। তিনি দেখতে পেয়েছিলেন যে থিয়েটারের প্রচলিত রীতিনীতিগুলো সমাজ সম্পর্কে তার চমৎকার দৃষ্টিভঙ্গির উপযোগী, কারণ সমাজের ভূমিকাগুলোকে থিয়েটারের ভেতরে প্রসারিত করা যায়, অদল-বদল করা যায় এবং উপহাস করা যায়। সেখানে থিয়েটারের মায়াগুলো নিষ্ক্রিয়ভাবে গৃহীত হয়, সেখানে জেনে তার দর্শকদেরকে আলোড়িত এবং জড়িত করার জন্য বিভিন্ন পন্থা উদ্ভাবন করেছিলেন মঞ্চটিকে গুপ্ত প্রেরণার আয়না হিসেবে ব্যবহার করার মাধ্যমে। জেনের থিয়েটারে কখনোই জীবনকে অনুকরণ করার জন্য মঞ্চকে ব্যবহার করা হয় না, বরং এটা দেখানো হয় যে জীবনটা থিয়েটারের মতোই মেকি।


জেনের 'ডেথওয়াচ' নাটকটির ঘটনাস্থল ছিল একটি ফরাসি জেলখানার কক্ষ, এবং এখানে তিনজন অপরাধীকে চিত্রিত করা হয়েছিল, সাথে ছিল অফস্টেজে থাকা চতুর্থ একজন। এই চারজন একটি অপরাধের নেতৃত্বকে প্রতিনিধিত্ব করেছিল। মঞ্চের তিনজন স্নোবল নামের একজন অদেখা কৃষ্ণাঙ্গ খুনীকে ঈশ্বরের মতোই উপাসনা করে, যে খুন করে শ্রেষ্ঠত্ব লাভের জন্য। তার বিপরীতে, গ্রীন আইজ খুনীটি, যে শেকল পরা অবস্থায় মঞ্চে শুয়ে আছে, সে একজনকে খুন করেছে রাগের মাথায়, এবং এটা একটু কম খারাপ কাজ; সে স্নোবলের শ্রেষ্ঠত্বকে ঈর্ষা করে। ক্ষুদ্র চোর লেফ্রাঙ্ক আকাক্সক্ষা করছে সে স্নোবল এবং গ্রীন আইজের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছে, কারণ সে হত্যার মাধ্যমে একজনকে উৎসর্গ করেছে- আর সেই মানুষটি হলো একজন কিশোর অপরাধী, যার প্রতি সে সমকামিতায় আকৃষ্ট। নাটকটি হলো মন্দ কাজের একটি কৃষ্ণাঙ্গ কৃত্য, যেখানে লেফ্রাঙ্ক হলো যাজক এবং গ্রীন আইজ হলো দেবতা।

'দ্য মেইডস' ১৯৪৭ সালে নির্দেশনা দিয়েছিলেন লুই জুভেন্ট। ফরাসি ভাষায় এটার প্রথম সফল মঞ্চায়ন হয়েছিল ১৯৫২ সালে পিটার জাডেকের নির্দেশনায় লন্ডনের মার্কারি থিয়েটারে, এবং এই প্রযোজনাটি স্থানান্তরিত হয়েছিল রয়্যাল কোর্টে। জেনে ১৯৫৪ সালে নাটকটি সংশোধন করেছিলেন, এবং তখন থেকেই এটা অপেশাদার আভাঁগার্দ নাট্যদলগুলোর মধ্যে প্রচ- আগ্রহ সৃষ্টি করেছিল। 'দ্য মেইডস' নাটকে পিরানদেল্লীয় কৌশল প্রথম উপস্থিত হয়েছিল জেনের কোনো কাজের ভেতরে, এবং প্রথম প্রদর্শনীতেই এটা সাড়া জাগিয়েছিল। পর্দা ওঠার সাথে সাথেই দর্শকরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে তারা দেখছেন পঞ্চদশ লুইয়ের ঘরের মধ্যে থাকা একজন অভিজাত নারীকে, যাকে তার গৃহপরিচারিকা যার নাম ক্লেয়ার, সে পোশাক পরিয়ে দিচ্ছে এবং নারীটি ক্লেয়ারকে অপমান করছেন। যখন একটি অ্যালার্ম-ঘড়ি বেজে ওঠে, তখন এই মায়াটি মিলিয়ে যায় এবং এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে অভিজাত নারীটি প্রকৃতপক্ষে গৃহপরিচারিকা ক্লেয়ার, সে অভিনয় করছে আরেকটা গৃহপরিচারিকা সোলাঞ্জের সাথে, যে অভিনয় করছে ক্লেয়ার হিসেবে।

এটা মনে হয়েছে যে ক্লেয়ার এবং সোলাঞ্জ তাদের নিজস্ব ঘৃণার কৃত্য তৈরি করেছে, এবং তারা এই অভিনয়টি তাদের গৃহকর্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরাতেই করে। সুতরাং আমরা দুজন অভিনেত্রীকে সমকামী বোনের চরিত্রে অভিনয় করতে দেখি, যারা গৃহকর্ত্রী ও গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করে, এবং এই গৃহকর্ত্রী ও গৃহপরিচারিকার চরিত্রগুলো তারা নিজেদের মধ্যে বিনিময় করে নেয়। এই চরিত্রগুলোতে অভিনয় ও বিনিময়ের মাধ্যমে তারা নিজেদের দর্পণ প্রতিচ্ছবি তৈরি করে এবং তারা তাদের পারস্পরিক ঘৃণা ও আত্ম-ঘৃণাকে প্রকাশ করে। জেনে এই দৃশ্যটির জন্য প্রথমে ভেবেছিলেন দুজন পুরুষ অভিনেতাকে দিয়ে এই চরিত্রদুটো করাবেন এবং তারা চরিত্রদুটোর আরো বেশি কৃত্য সম্পাদন করবেন, কিন্তু জুভেট ভেবে দেখেছিলেন যে দর্শকরা এমনিতেই যথেষ্ট পরিমাণে দর্পণ প্রতিচ্ছবি নিয়ে চিন্তাভাবনার ভেতরে থাকবেন, সুতরাং এটা যোগ করলে আরো বেশি জটিলতার সৃষ্টি হবে। ফলে ১৯৬৫ সালে বার্লিনের প্রযোজনাটির আগ পর্যন্ত পুরুষরা এই চরিত্রগুলো করতে পারেনি। ১৯৬৭ সালে, মালিনা এবং বেকের প্রযোজনাটি ইউরোপ ভ্রমণে গিয়েছিল, তখন ক্লেয়ার এবং সোলাঞ্জ চরিত্রগুলোই যে শুধু পুরুষরা করেছিল তাই নয়, বরং নাটকটির প্রভাব এবং দুর্বোধ্যতাকে আরো বাড়িয়ে তোলার জন্য গৃহকর্ত্রীকে উপস্থাপন করা হয়েছিল একজন লোমশ পুরুষ হিসেবে, সেখানে তার সোনায় মোড়ানো পোশাকের ভেতর থেকে পেশি উঁকি দিতো। এই ধরনের প্রচেষ্টাকে জেনে বলেছিলেন প্রতীকের আশ্রয়ে চরিত্রকে বিলীন করে দেওয়া: 'আমার চরিত্রগুলো সব মুখোশধারী। আপনি কীভাবে প্রত্যাশা করেন যে আমি আপনাকে বলবো তারা সত্য নাকি মিথ্যা? আমিতো নিজেই নিজেকে চিনি না'।

'দ্য ব্যালকনি' লেখা হয়েছিল ১৯৫৬ সালে, এবং এটা প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯৫৭ সালে লন্ডনের আর্টস থিয়েটার ক্লাবে। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছিলেন পিটার জাডেক এবং ম্যাডাম ইরমা চরিত্রটি করেছিলেন সেলমা ভাজ ডিয়াজ ও চ্যান্টেল চরিত্রটি করেছিলেন হ্যাজেল পেনওয়ার্ডেন। (পরবর্তীকালে নাটিকটি সংশোধিত হয়েছিল এবং এটা ১৯৬০ সালে প্যারিসে মঞ্চস্থ হয়েছিল পিটার ব্রুকের নির্দেশনায়)। এই নাটকটি ছিল জেনের প্রথম সুস্পষ্ট সাফল্য, এটার ভেতরে থাকা দুঃসাহসী কৃত্য উপাদানগুলো সাফল্যের সাথে ক্রিয়া করেছিল ম্যাডাম ইরমার তথাকথিত "মায়ার ঘর" (গণিকালয়ের ঐতিহ্যবাহী ফরাসী নাম) কাঠামোটির মধ্যে। শুরুতে, নাটকটির ভেতরে প্রচুর হাস্যরসাত্মক উপস্থাপনা ছিল, যেগুলো করা হয়েছিল দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু তারপরে গণিকালয়ের অসাধারণ ও উদ্দীপনামূলক দৃশ্য শুরু হয় যেটা আশ্চর্যজনকভাবে সমাজের কাঠামোর সাথে একীভূত হয়ে যায়। এমনকি নাটকটির অংশগুলো পুরোপুরি একত্র না হলেও, জেনের পরিকল্পনাটি ছিল বিস্ময়কর ও ভয়ঙ্কর, এবং ব্রেখটের বিচ্ছিন্নতার তত্ত্বটির কাছেও তিনি ঋণী ছিলেন। অপরাধমূলক রোগবিদ্যা এবং অশুভ অপদেবতা সম্পর্কে অধ্যয়ন থেকে জেনে আরো একটু রাজনৈতিক নীরিক্ষার দিকে এগিয়ে গিয়েছিলেন যে কেমন করে সমাজে মানুষ তার ভূমিকাটিকে বেছে নেয়।

নাটকের সেটগুলোই নাটকটিকে একটি আত্মসচেতন অবস্থায় স্থাপন করেছিল, অর্থাৎ পতিতালয়ে, যেখানে একটি বিশেষ ধরনের পারফর্ম্যান্স অভিনীত হয়েছিল। ডান দিকের দেয়ালে ছিল একটি আয়না, যেটাতে একটি বিছানা প্রতিফলিত হচ্ছিলো। মিলনায়তনের পরিস্থিতি সম্পর্কে ডেভিড গ্রসভোগেল 'দ্য ব্লাসফেমার্স'¬¬-এ লিখেছিলেন: "দর্শকরা 'দ্য ব্যালকনি' নাটকে দায়মুক্তি সহকারে প্রবেশ করতে পারে না- কারণ পর্দা ওঠার পরে তারা নিজেদেরকে দেখতে পায় পতিতালয়ে"। নাটকটির শেষ দিকে এই মায়াটি ফিরে আসে, যখন ম্যাডাম ইরমা দর্শকদের সাথে কথা বলতে শুরু করে, যেন দর্শকরা তার সেইসব খদ্দের যারা চুপ করে পাশের গলিটা দিয়ে সরে গিয়েছিল। কিন্তু পতিতালয়ের যে কক্ষটি আমরা দেখি সেটা নিজেই একটি মায়া, সেটা অতি সূক্ষèভাবে গির্জার পবিত্র জিনিসগুলো রাখার একটি ঘরকে প্রতিনিধিত্ব করে এবং মেইক-বিলিভের অস্থায়িত্বকে প্রকাশ করে। এগুলোর পেছনে ঝোলানো ছিল একটি বিশাল ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি।


'দ্য মেইড'-এর মতো 'দ্য ব্যালকনি' শুরু হয় একটি অভ্যুত্থানের সাথে, কারণ আমরা দেখতে পাই একজন অভিনেতা এমন একজন বিশপের চরিত্রে অভিনয় করছে যে নিজেই একজন অভিনেতা: 'প্রথমত: তার একটি মুকুট এবং আলখাল্লা আছে, এবং দ্বিতীয়ত: তার একটি মোটা-সোলের জুতা আছে'। সে একটি বিশাল মানুষ এবং তার মুখে আছে চটকদার মেইক-আপ, সে তার সুন্দরী গণিকার ওপরে কর্তৃত্ব করছে- যে গণিকাটি লেস লাগানো পোশাক পরে আছে এবং যে তার পাপের জন্য অনুতপ্ত, পরবর্তীতে সে যখন তার পাপীর ভূমিকাতে অভিনয় করা থামিয়ে দেয়, তখন সে বিশপের ওপরেই কর্তৃত্ব করতে শুরু করে। আর যখনই সেটা ঘটে তখন বিশপ তার পোশাক বদলে ফেলে এবং সে স্বাভাবিক আকারে ফিরে আসে- সে হয়ে পড়ে গ্যাস কোম্পানিতে চাকরি করা একজন মানুষে। সুতরাং, দৃশ্যটি আরেকটি স্যালনে পরিণত হয়ে যায় এবং আরেকটি অভিনয় চলতে থাকে, এবং আমরা দেখতে পাই যে এই মায়ার ঘরটিতে আটত্রিশটি স্যালন আছে যৌন তৃপ্তি প্রদানের জন্য। দর্শকরা তাদের দৃষ্টি দিয়ে যৌন তৃপ্তি লাভের মানুষে পরিণত হয়ে যায় এবং মিলনায়তনে বসে নিজেকে অপরাধী ভাবতে থাকে।

জেনে দর্শকদের জন্য আরো একটি চমক রেখেছিলেন। পতিতালয়ের মায়াবী জগতের বাইরে, বাস্তব জগতে একটি সামাজিক বিপ্লব ঘটে যায়। বিপ্লবীরা ম্যাডাম ইরমার অন্যতম একজন পতিতা চ্যান্টেলকে নিজেদের জিম্মায় নিয়ে নেয় তাদের মুক্তির প্রতীক হিসেবে, এবং যখন জায়গাটি ধ্বংস হয়ে যায়, তখন একজন দূত এসে দাবি জানায় যে ম্যাডাম ইরমা যেন রানির পদটি অলঙ্কৃত করেন। এছাড়াও, যেসব পুরুষকে আমরা পতিতালয়টিতে দেখেছি- বিশপ, বিচারক এবং জেনারেল, তাদেরকে মনে হয়েছে তারা তাদের বাস্তবজীবনের চরিত্রটিতে গোপনে অভিনয় করেন। সমাজের শক্তি কাঠামোটিকে মনে হয়েছে পতিতালয়ের ভয়ানক কল্পনাশ্রয়ী জগতটির মতোই। ডেভিড ওয়াটের ভাষায়: নাটকটিতে, 'আতঙ্কজনক আকস্মিকতার সাথে প্রতীকী অলঙ্কারশাস্ত্রের একটি কুয়াশা নেমে এসেছ'।

জেনের সবচেয়ে সন্তোষজনক অর্জন, এবং সবচেয়ে অসাধারণ নাটকটি ছিল 'লা নিগ্রেস' ('দ্য ব্ল্যাকস', ১৯৫৭ সালে লিখিত)। এই নাটকটি রজার ব্লিন ১৯৫৯ সালে প্যারিসের থিয়েটার ডি লুটেস-এ প্রথম প্রযোজনা করেছিলেন। লন্ডনে এটা ইংরেজিতে প্রযোজিত হয়েছিল ১৯৬১ সালে রয়্যাল কোর্টে, এই প্রযোজনাটি ত্রুটি-বিচ্যুতি সহকারে মঞ্চস্থ হয়েছিল কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের একত্র করার জটিলতার মধ্য দিয়ে। নাটকটির ভেতরে থাকা আচার-অনুষ্ঠানগুলো ছিল অত্যন্ত স্পষ্ট, মঞ্চটি ছিল পুরোপুরি নাট্যাভিনয়ে পরিপূর্ণ। পর্দাটি হাতের সাহায্যে তোলা হতো। আর যে সমস্ত শ্বেতাঙ্গ রাজসভার দৃশ্যটিতে ছিলেন (রানি, বিচারক, বিশপ এবং জেনারেল), তারা অবশ্যই ছিলেন মুখোশ পরিহিত কৃষ্ণাঙ্গ অভিনেতা: 'মুখোশগুলো এমনভাবে পরা হয়েছিল যে দর্শকরা দেখতে পেতো এগুলোর চারপাশে একটি প্রশস্ত কালো ব্যান্ড আছে, এবং এমনকি অভিনয়শিল্পীদের কোঁকড়া চুলও আছে'। যারা রাজসভাটিকে দেখতো তারা ছিল দর্শক ও অভিনয়শিল্পী মিলিয়ে অন-স্টেজ দর্শক, দর্শকরাও একসময় অভিনয়শিল্পী হয়ে যেতো যখন তারা একটি ধর্মীয় হত্যাকে প্রত্যক্ষ করতো- যেখানে একজন শ্বেতাঙ্গ নারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষকে হত্যা করতো। উদ্দেশ্যটি ছিল যে প্রকৃত দর্শক হয়ে পড়বে দর্শক ও অভিনেতা, আর এই নাটকে যে শ্বেতাঙ্গদেরকে দেখানো হয়েছে তারা ছিল কৃষ্ণাঙ্গদের দৃষ্টিতে গতানুগতিক শ্বেতাঙ্গ, এবং যে কৃষ্ণাঙ্গদেরকে দেখানো হয়েছে তারা ছিল শ্বেতাঙ্গদের দৃষ্টিতে গতানুগতিক কৃষ্ণাঙ্গ। আর দর্শকরা যদি কখনো ভুলে যায় এটা একটি নাটকের অভিনয়, এই কারণে জেনে একজন পরিচালককে রেখেছিলেন, আর্চিবল্ড, যিনি একটি কোরাসের মতো পুরোটা সময় মঞ্চে উপস্থিত থাকতেন সবকিছু ব্যাঙ্গাত্মকভাবে ব্যাখ্যা করার জন্য।

'দ্য ব্ল্যাকস' নাটকটি তৈরি করা হয়েছিল থিয়েটারের প্রত্যেকটি বিভাগের কৃত্যগত উপাদানগুলোর একটি বিস্তৃত কাঠামো দিয়ে। জ্যঁ জেনে তার এই নাটকটিকে বলেছেন 'ক্লাউনারি', একটি ক্লাউন শো, এবং তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে এই নাটকটি শ্বেতাঙ্গ দর্শকদের সামনে অভিনীত হওয়া উচত। যদি কোনো শ্বেতাঙ্গ ব্যক্তি এই অগ্নিপরীক্ষাটির ভেতরে যেতে না চান- এবং শ্বেতাঙ্গদের দিয়ে এই কাজটি করানো সম্ভব না হয়- তাহলে জ্যঁ জেনে পরামর্শ দিয়েছিলেন যে কৃষ্ণাঙ্গ দর্শকরা যখন মিলনায়তনে প্রবেশ করবে তখন তাদেরকে যেন সাদা মুখোশ দিয়ে দেয়া হয়। এই পদক্ষেপটি মিলনায়তনের মধ্যে অবশ্যই দর্শকদেরকে রাজসভার মুখোশ পরিহিত সভাসদবর্গে পরিণত করবে।

সুতরাং, মঞ্চের নাট্যক্রিয়াটি নাটকের-ভেতরের-নাটকের ভেতরে-নাটক তৈরি করেছিল: কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীরা কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ উভয় চরিত্রগুলোই করেছিলো। এই ব্যাপারটি মঞ্চের ভেতরের দিকে, সামনের দিকে, গ্যালারি-সহ যেখানে সভাসদবর্গ অভিনয় করতো সব স্তরেই দেখা যেতো এবং পুরো মঞ্চজুড়েই এটা প্রতিফলিত হতো। মঞ্চের পেছনে থাকতো কালো পর্দা এবং মঞ্চের সামনের দিকে সাদা কাপড়ে মোড়ানো কফিন রাখার একটি কাঠামো থাকতো। মঞ্চের দুটো স্তরের ভেতরে উত্তেজনা বিরাজ করতো, এবং এই উত্তেজনাটি উপস্থাপিত হতো শ্বেতাঙ্গ দর্শক এবং কৃষ্ণাঙ্গ অভিনেতাদের উপহাসের মাধ্যমে।

কয়েকটি চরিত্র মুখোশ পরার কারণে আরো একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছিল নাট্যক্রিয়ার বাস্তবতাকে এবং এটা ঘটানো হয়েছিল সংলাপ ও অঙ্গভঙ্গির অবাস্তবানুগ অতিরঞ্জনের মাধ্যমে। অর্থাৎ, যখন সভাসদবর্গ হাসতো, তখন এই হাসিটা হতো খুব তীক্ষè স্বর ব্যবহার করার মাধ্যমে এবং এটা হতো অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং এটা কৃষ্ণাঙ্গরা প্রতিধ্বনিত করতো আরো তীক্ষè হাসির মাধ্যমে। এই হাসিটাকে আমরা বলতে পারি প্রতীকী হাসি। যখন সভাসদবর্গ কাঁদতো, তখন তারা চোখের পানি মুছতো একটি খুবই নাটকীয় ভঙ্গি এবং একটি দীর্ঘ কান্নার ধ্বনির মাধ্যমে। কৃষ্ণাঙ্গরা এক ধরনের ধীরগতির দ্বৈত নৃত্য করে কফিন রাখার কাঠামোটি ঘিরে মোৎজার্টের একটি সুর শিস দিয়ে বাজাতো ও গুনগুন করতো, সেই সাথে তারা তাদের পোশাক ও কোটের ল্যাপেল থেকে ফুল নিয়ে কফিন রাখার কাঠামোটির ওপরে রাখতো। আর্চিবল্ড ঠাট্টার ভঙ্গিতে কথা বলতো ও মাথা নুয়ে সম্মান জানাতো এবং একটা পর্যায়ে অর্কেস্ট্রার একজন পরিচালকের মতো করে হাত ওপরে ওঠাতো, এটা দেখে মনে হতো সে বোধহয় কোনো চরিত্রকে নিয়ন্ত্রণ করছে। কৃষ্ণাঙ্গরা সান্ধ্য পোশাকে প্রবেশ করতো, তাদের মধ্যে পুরুষরা পরতো তামাটে রঙের জুতা, কালো স্যুট এবং সাদা টাই; আর নারীরা প্রচুর পরিমাণে চুমকি বসানো সান্ধ্য গাউন পরতো তাদের কপট আভিজাত্যকে বোঝানোর জন্য। আসলে সবকিছুর মধ্যেই খুবই উচ্চমাত্রার খারাপ রুচিকে দেখা যেতো। এসবকিছুর মধ্যেই কৃষ্ণাঙ্গ বিদ্রোহ এবং ধর্মীয় হত্যাকে দেখানো হতো। নাট্যক্রিয়াগুলো আরো বেশি সত্য হয়ে যেতো বাস্তবতাকে অস্পষ্ট করার কারণে এবং নাটকের মধ্যে আশঙ্কাজনকভাবে একটি অনিশ্চিত ভুডু আত্মার প্রবেশের কারণে। আমেরিকান নির্দেশক হ্যারল্ড ক্লারম্যান এটাকে মনে করেছেন 'আমাদের সময়কার সবচেয়ে মৌলিক থিয়েটার'।

আধুনিক থিয়েটারের গতানুগতিক তুচ্ছ বাস্তবতাকে আক্রমণ করতে গিয়ে জ্যঁ জেনে তার প্রতীকবাদী পূর্বসূরীদের চেয়ে থিয়েটারের হাতিয়ারগুলোকেই বেশি ব্যবহার করেছেন। তার 'দ্য ইমাজিনেশন অব জ্যঁ জেনে' বইটিতে জোসেফ ম্যাকমাহোন আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে 'থিয়েটার যদি লাগামহীন হয়ে পড়ে তাহলে এটি যেকোনো দিকে ছুটে যেতে পারে'। নাট্যকাঠামো সম্পর্কে একটি অসাধারণ দৃষ্টিশক্তি সম্পন্ন অগ্রবর্তীদের মতোই জ্যঁ জেনে নাট্যশিল্পে এই অসাধারণ প্রবণতাটি আবিষ্কার করেছেন। তার মঞ্চটি যাতে প্রকৃত বাস্তবতাকে প্রদর্শন করতে পারে এই ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন, এবং থিয়েটারের যে প্রচলিত রীতিনীতিগুলো নাটক ও দর্শকের ভেতরে সাবলীল যোগাযোগ সৃষ্টির শৈল্পিক বাধা হিসেবে কাজ করছে সেটিকে তিনি ভেঙে ফেলতে চেয়েছিলেন। জ্যঁ জেনে বুঝতে পেরেছিলেন সব থিয়েটারের কেন্দুবিন্দুতেই রয়েছে প্রবঞ্চনা, কিন্তু প্রবঞ্চনাটি যখন সম্পন্ন হয়ে যায়, তখন তার পরিকল্পনাটিই সবার মোহমুক্তি ঘটায়। উদাহরণস্বরূপ, 'দ্য ব্ল্যাকস' নাটকটি বিজ্ঞাপিত হয়েছিল একটি 'ক্লাউন শো' বা 'চিন্তবিনোদনের প্রদর্শনী' হিসেবে, কিন্তু নাটকটির প্রদর্শনী শেষ হওয়ার আগেই দর্শকদের সমস্ত তৃপ্তিকর অনুমানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।

এসবের চেয়েও বড় কথা, স্টাইলাইজেশনের প্রতি জেনের চাহিদা এবং তার স্বেচ্ছাকৃত নাটকীয়তা ছিল তার নাট্যপরিকল্পনার অংশ, আর এগুলোর কারণেই মঞ্চটি তার দর্শকদের আত্মপ্রবঞ্চনাগুলোকে প্রকাশ করতে পারতো। তিনি কৃত্য এবং বাহ্যিক লৌকিকতাকে মঞ্চে উপস্থাপন করেছেন, যাতে দর্শকরা দেখতে পারে, উপলব্ধি করতে পারে, যথাযথভাবে হতবাক হয়ে যেতে পারে এবং অনুতপ্ত হতে পারে। আমেরিকান নাট্যনির্দেশক হার্বার্ট ব্লাউ 'টুলান ড্রামা রিভিউ'-তে বলেছেন যে 'পিরানদেল্লোর অধিক যুক্তিবাদী দ্বৈততার পর থেকে জ্যঁ জেনে আমাদেরকে আধুনিক থিয়েটারের সবচেয়ে দ্ব্যর্থহীন অনুভূতির স্বাদ দিয়েছেন: আর সেটা হলো মায়ার যৌক্তিকতা'।

এই পর্যালোচনার ভেতর দিয়ে আমি জোর দিয়ে বলতে চাই জ্যঁ জেনের রূপান্তর প্রক্রিয়াটি হচ্ছে একের ভেতরে বহু, বহুর ভেতরে এক।