২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীকালের প্রেমকাহিনি

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 26 Jul 2021, 12:09 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


কাহিনিটা ১৮৮০ থেকে ১৯৩০ দশকের মধ্যবর্তী সময়ের কোনো এক ক্যারিবীয় বন্দরনগরীর। এটিতে মূল চরিত্র তিনটি। এক দরিদ্র টেলিগ্রাফ অপারেটর, কবি ও বেহালাবাদক এবং পরবর্তী সময়ে উত্তাধিকারসূত্রে স্টিমবোট কোম্পানির মালিক হয়ে যাওয়া ফ্লোরেন্তিনো আরিজা। তার গোপন প্রেমিকা খ্যাতিহীন অশিক্ষিত অভিবাসী এক খচ্চর ব্যবসায়ীর মাতৃহীনা সুন্দরী কন্যা ফারমিনা দাসা। তৃতীয় চরিত্রটি ফারমিনার স্বামী শহরের সবচেয়ে নামজাদা চিকিৎসক সম্ভ্রান্ত এবং প্রাচীনপন্থী হুভেনাল উরবিনোর। ফ্লোরেন্তিনো আরিজা প্রথমবারের মতো কিশোরী ফারমিনাকে দেখে ওর বাবা লরেঞ্জো দাসার কাছে একটা টেলিগ্রাম পৌঁছে দিতে গিয়ে। বার্তাটা পৌঁছে দিয়ে ফিরে আসার সময় খোলা জানালার ভেতর পাঠরতা ফারমিনা একবার চোখ তুলে আগন্তুকের দিকে তাকিয়েছিল। 'সেই অনিয়মিত দৃষ্টিতে যে এক ভালোবাসার প্লাবন শুরু হয় সেটা অর্ধ শতাব্দী পরও শেষ হয়নি।' সেদিন ফ্লোরেন্তিনো আরিজার সেই অসহায় চলন একঝলকের দৃষ্টিতে ফারমিনাকেও মুগ্ধ করেছিল। রাতের বেলায় বাবার কাছ থেকে আগন্তুকটির পেশা সম্পর্কে জানার পর ফ্লোরেন্তিনোর বিষয়ে ফারমিনাও কৌতুহলী হয়ে ওঠে। সেই ঔৎসুক্য ছিল নিছক কিশোরীসুলভ, কারণ তখনকার দিনে অনেকের মতো ফারমিনাও টেলিগ্রাফের মতো বিষয়টিকে জাদুবিদ্যা বলে মনে করত।

একদিন ফ্লোরেন্তিনোকে ছোট পার্কের গাছের ছায়ায় বসে বই পড়তে দেখে ফারমিনা চিনতে পারে, ওকে দেখার জন্য সে যে ওখানে কয়েক সপ্তাহ ধরেই বসছে, পিসী এসকলাস্টিকার কাছ থেকে এমন কথা জানতে পেরে কিছুটা অবাক হয়েছিল ও। ভ্রাতুষ্পুত্রীর প্রতি এক যুবকের আকৃষ্ট হওয়ার বিষয়টা ওর পিসীকে বেশ উদ্দীপ্ত করে তোলে। কিন্তু ফারমিনার মধ্যে কোনো প্রণয়াবেগ জাগে না, বরং খুব কৃশকায়, ক্ষীণদৃষ্টির কারণে ভারি চশমা পরা লেপটে চুল আঁচড়ানো ভিতুদর্শন যুবকটির প্রতি একধরনের অনুকম্পা হয়, মনে হয়, সে অসুস্থ। অথচ নৃত্যপটু, কবিতা আবৃত্তিতে দক্ষ এবং বেহালাবাদক ফ্লোরেন্তিনো ছিল শহরের অনেকের কাছে বেশ আকর্ষণীয়। ওর পিসীও বলেন যে ওকে দেখার জন্য পার্কে বসে থাকাটাই হয়তো অসুস্থতা, তবে সেটা প্রেমরোগ।

এহেন নিরীহদর্শন তরুণ ফ্লোরেন্তিনো যেদিন প্রথম ফারমিনাকে দেখে, সেদিন থেকে শুরু হয় তার গোপন প্রেমিক জীবনের এক নতুন অধ্যায়। 'নিঃসঙ্গ শিকারি হিসেবে ফ্লোরেন্তিনো আরিজার গোপন জীবন শুরু হয় নির্দোষভাবে। সকাল সাতটা থেকে ছোট পার্কটার সবচেয়ে নিভৃত বেঞ্চটিতে বসে থাকত ও, ভান করত যেন বাদাম গাছের ছায়ায় বসে কবিতার বই পড়ছে। যতক্ষণ পর্যন্ত নীল ডোরাকাটা স্কুলের পোশাক পরা অসম্ভব সেই মেয়েটিকে স্কুলের দিকে হেঁটে যেতে না দেখা যেত, ততক্ষণ পর্যন্ত বসে থাকত ও। … নিজের সহজাত অহংকারী ভঙ্গিতে হেঁটে যেত ও, মাথা উঁচু, অচঞ্চল দুই চোখের দৃষ্টি, দ্রুতগতি, সোজা সামনের দিকে নাক … হরিণীর মতো চলন দেখে মনে হতো যেন শরীরের কোনো ওজন নেই ওর।'

এরকম একতরফা ভালোবাসায় ফারমিনার পিসী এসকলাসটিকার প্রচ্ছন্ন সম্মতি থাকলেও ঘরের বাইরে তাঁর সার্বক্ষণিক পাহারার কারণে ফ্লোরেন্তিনো ওর কাছে ঘেঁষার কোনো সুযোগ পায় না। কেবল রোজ স্কুলে এবং রবিবারে গির্জায় যাওয়া আসা পথে একপলক চোখে দেখার তৃপ্তি নিয়েই সন্তুষ্ট থাকতে হতো তাকে। তাই মেয়েটিকে একটা চিঠি লেখে ও, সেটি ওর হাতে দেওয়ার সুযোগের অপেক্ষায় থাকতে থাকতে সেই চিঠি দীর্ঘ হতে থাকে। এভাবে কাগজের দুপৃষ্ঠায় লেখা চিঠিটা সত্তর পাতা হয়ে যায়। অবশেষে একদিন পিসীর ইচ্ছাকৃত অসতর্কতার সুযোগে ফ্লোরেন্তিনো দীর্ঘ সেই চিঠির পরিবর্তে কেবল আধাপৃষ্ঠায় ওর নিখুঁত বিশ্বস্ততা ও চিরস্থায়ী ভালোবাসার স্থির সংকল্পের কথা জানিয়ে লেখা চিঠিখানা ফারমিনার হাতে সমর্পন করতে পারে। এই চিঠির জবাবের ব্যাকুল প্রতীক্ষায় থাকতে থাকতে ফ্লোরেন্তিনোর মধ্যে যে শারীরিক ও মানসিক বিকার দেখা দেয় তাতে ওর মায়ের আশংকা হয় যে ছেলে কলেরায় আক্রান্ত হয়েছে। তাঁর বাঁধা বৃদ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক রোগিকে পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এটা কলেরা না হলেও 'প্রেম আর কলেরার উপসর্গের মধ্যে কোনো পার্থক্য নেই।' বিকারের ঘোরে ফ্লোরেন্তিনোর কাজকর্মে ক্রমাগত এমন ভুল হতে থাকে যে, পোস্ট অফিসের চাকরিটা প্রায় চলে যাওয়ার উপক্রম হয়। তবে ওকে বাঁচিয়ে দেয় পিতামহতুল্য টেলিগ্রাফ অপারেটর লোরেটিও থুগুট। টেলিগ্রাফের কলাকৌশল এবং মোর্স কোডের মতো পেশাদার বাজিয়ের মতো বেহালা বাদনও শিখে নিতে পেরেছিল ফ্লোরেন্তিনো। কেবল অনীহা প্রকাশ করে স্থানীয় সরাইখানায় থুগুটের রাতের পাখিদের সাথে গোপন স্বর্গীয় আনন্দযজ্ঞে অংশগ্রহণ করার দীক্ষা নিতে, কারণ, ভালোবাসা ছাড়া কৌমার্য বিসর্জন দিতে চায়নি ও।

দুজনের মধ্যে বিভিন্ন উপায়ে গোপনে চিঠি আদানপ্রদান চলতে থাকে প্রায় তিনবছর ধরে, যতদিন পর্যন্ত না একদিন ক্লাসে বসে প্রেমপত্র লেখার সময় ফারমিনা হাতেনাতে ধরা পড়ে স্কুল থেকে বহিষ্কৃত হয়। লোরেঞ্জো দাসা মেয়ের ঘরে তল্লাশি চালিয়ে সযত্নে লুকিয়ে রাখা ফ্লোরেন্তিনোর সব চিঠি আবিষ্কার করে বিস্ময়ে ক্রোধে উন্মত্ত হয়ে পড়ে। টেলিগ্রাফ অফিস থেকে মেয়ের প্রেমিকটিকে ডেকে নিয়ে বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করেছিল সে, কিন্তু ফ্লোরেন্তিনো একতরফাভাবে তার প্রেমের দাবি ছেড়ে দিতে অস্বীকার করে। হতাশ লোরেঞ্জো বুঝতে পারে তার বোন এসকলাস্টিকাই এই সুযোগ করে দিয়েছে। শাস্তি হিসেবে তৎক্ষণাৎ বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় লোরেঞ্জো। তারপর মেয়েকে নিয়ে কয়েক সপ্তাহের অবর্ণনীয় দুঃস্বপ্নের মতো পথ পাড়ি দিয়ে এসে পৌঁছায় ফারমিনার মামার বাড়িতে। এখানে পৌঁছার পর মামাত বোন হিলদেব্রান্দা সানচেস ওর হাতে তুলে দেয় ফ্লোরেন্তিনোর এগারটি টেলিগ্রাম। লোরেঞ্জা দাসা ওদের সফরসূচি জানিয়ে শ্যালকের কাছে যে টেলিগ্রাম পাঠায়, সেটা থেকে ফ্লোরেন্তিনোর কাছে ফারমিনার গন্তব্য ফাঁস হয়ে গেলে প্রেমপত্রের জায়গায় টেলিগ্রাম পাঠাতে কোনো সমস্যা ছিল না। মামার বাড়িতে থাকার সময় ফারমিনা প্রেমিকের কাছ থেকে যে পরিমাণ চিঠি ও টেলিগ্রাম পায়, তা ওর কাছ থেকে ওর বাবার কেড়ে নেওয়া চিঠিগুলোর চেয়ে বেশিই ছিল।

অবশেষে একসময় লোরেঞ্জো দাসার কাছে মনে হলো যে মেয়েটি সেই টেলিগ্রাফ অপারেটরকে ভুলে গেছে, তাই ওকে নিয়ে তিনি বাড়ি ফিরে এসে সতের বছরের কন্যার হাতে সংসারের যাবতীয় দায়িত্ব তুলে দেয় পরম নির্ভরতায়। বদলে যাওয়া ফারমিনা অভিজ্ঞ গৃহিনীর মতো দাসীকে নিয়ে বাজারে যায়, কেনাকাটা করে, আর গোপনে তাকে অনুসরণ করতে থাকে ফ্লোরেন্তিনো। একসময় পেছনে তাকিয়ে খুব কাছ থেকে ওকে দেখতে পায় ফারমিনা, 'সেই বরফশীতল দুই চোখ, নীলচে ধূসর মুখ, ভয়ে পাথরের মতো জমে যাওয়া ঠোঁট … কিন্তু এখন ভালোবাসার তোলপাড়ের বদলে ও অনুভব করে মোহভঙ্গের অতল গভীরতা। মুহূর্তের মধ্যে নিজের ভুলের মাত্রা ধরা পড়ে ওর কাছে।… ফ্লোরেন্তিনো আরিজা ওর দিকে তাকিয়ে মৃদু হেসে কিছু বলতে চায়, অনুসরণ করতে চায় ওকে, কিন্তু হাতের এক তরঙ্গদোলায় জীবন থেকে মুছে দেয় ওকে। বলে, 'না, দয়া করে ভুলে যাও সবকিছু।' যে ফ্লোরেন্তিনোকে মনেপ্রাণে ভবিষ্যৎ স্বামী হিসেবে গ্রহণ করে চার বছর তার প্রেমে অধীর ছিল, তাকে কঠিন প্রত্যাখ্যানে নাকচ করে ওদের মধ্যে বিনিময় হওয়া যাবতীয় চিঠি ও উপহার ফিরিয়ে দিয়ে ও ফেরত নিয়ে প্রেমের প্রথম পর্বের সমাপ্তি ঘটায় ফারমিনা।


এসময় হুভেনাল উরবিনো দীর্ঘদিন প্যারিসে চিকিৎসাশাস্ত্র পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। দেশের সার্বিক অবস্থা দেখে প্রবাসের দিনগুলোতে স্বদেশের জন্য ওর যাবতীয় স্মৃতিকাতরতা উধাও হয়ে যায়, মনে হচ্ছিল সবকিছু যেন আগের চেয়ে ছোট, দরিদ্র ও দুঃখভারাতুর হয়ে গেছে। তবে খুব দ্রুতই সে তার আশাভঙের বেদনা ও বিতৃষ্ণা কাটিয়ে উঠতে পারে। শহরটির স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে সে। তবে দীর্ঘদিনের কুসংস্কারাচ্ছন্ন মানুষের কাছ থেকে প্রথমদিকে ভালো সাড়া পাওয়া যায় না। উরবিনোর বাবা নিজেও একই কাজ করতে করতে কলেরায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই মারা গিয়েছিলেন। সেই আবেগের কারণেও সে নগরপিতাদের উদ্বুদ্ধ করতে সক্ষম হয় যে উপযুক্ত পয়োনিষ্কাশন, বিশুদ্ধ জলের ব্যবস্থা করাই হবে কলেরা মোকাবেলার একমাত্র উপায়। এসব কাজে যখন সাফল্য অর্জন করছিল সে তখন দেখা পায় ফারমিনা দাসার।

এক অষ্টাদশীর মধ্যে কলেরার প্রাথমিক উপসর্গ আছে মনে করে উরবিনোকে ডাকা হয়েছিল রোগিনীকে দেখার জন্য। এই রোগিনী ছিল ফারমিনা দাসা। ওর বাবার সতর্ক উপস্থিতিতে রোগিনীকে খুব শালীন ও নৈর্ব্যক্তিকভাবে পরীক্ষা করে তরুণ ডাক্তার। এসময় 'গভীর যত্নে ওর রাতপোশাকটা কোমর পর্যন্ত নামিয়ে দিলে দ্রুত দুহাতে ঢেকে ফেলার আগে শোবারঘরের অন্ধকারের মধ্যে শিশুসুলভ স্তনাগ্র নিয়ে ওর নিখুঁত উন্নত স্তনজোড়া বারুদ চমকানোর মতো ঝলসে ওঠে। ডাক্তার ওর দিকে না তাকিয়ে হাতদুটো নামিয়ে প্রথমে বুকে ও পরে পিঠে কান লাগিয়ে পরীক্ষা করে।'

সেদিন এই অষ্টাদশীকে পরীক্ষা করার অভিজ্ঞতা সম্পর্কে পরবর্তী সময়ে উরবিনো বলত, 'যে নারীর সঙ্গে আমৃত্যু সে জীবনযাপন করবে তার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় কোনো আবেগ অনুভব করেনি ও। লেসের ঘের দেওয়া আকাশী-নীল শেমিজ, জ্বরতপ্ত চোখ, কাঁধের ওপর দিয়ে নেমে আসা দীর্ঘ কেশরাজির কথা মনে আছে ওর, কিন্তু এই ঔপনিবেশিক অঞ্চলটিতে কলেরার প্রাদুর্ভাব নিয়ে দুশ্চিন্তায় এত উদ্বিগ্ন ছিল যে ওর প্রস্ফুটিত যৌবন চোখেই পড়েনি।' অন্যদিকে ফারমিনার মনে হয়েছিল, বিদ্যাবাগীশ এই তরুণ চিকিৎসক নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে জানে না। যা-ই হোক, ডাক্তার জানায় যে এটা কলেরা নয়, সামান্য খাবারের গোলমাল, তিনদিন বাড়িতে চিকিৎসার পর ঠিক হয়ে যাবে।

এই সাক্ষাতের কয়েকদিন পর সম্পূর্ণ অনাহুত ও অনাবশ্যকভাবে ডাক্তার উরবিনো রোগি দেখার অজুহাতে এক অসময়ে গিয়ে হাজির হয় ফারমিনার বাড়িতে। জানালা দিয়ে ওকে পরীক্ষা করে উরবিনো বলে যে ও এখন একটা সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো। তরুণ ডাক্তারের এরকম অনাহুত আচরণে অসন্তুষ্ট ফারমিনা তার মুখের ওপর জানালা বন্ধ করে দেয়। ওর বাবা লোরেঞ্জা ওপরতলা থেকে ঘটনাটা দেখতে পেয়ে নিচে নেমে এসে মেয়েকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করে। তারপর ডাক্তারকে নিজের ঘরে বসিয়ে আপ্যায়িত করে কফি ও সুরা দিয়ে। প্রকৃতপক্ষে লরেঞ্জো উপলব্ধি করে যে মেয়ের জন্য ঠিক এরকম একজন পাত্র চাইছিল সে। তাই সে মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে উরবিনো দে লা কায়ে পরিবারের একজন ওর প্রণয়প্রার্থী, এতে ওর মা কতই না খুশি হতো। কিন্তু ফারমিনার মন গলে না।

এবারে শুরু হয় উরবিনোর প্রেম নিবেদন। ফারমিনার উদ্দেশে সেরেনাদ বাজানো থেকে শুরু করে একাধিক চিঠি লিখে উরবিনো তার মনোবাসনা ব্যক্ত করে। মজার ব্যাপার প্রথম চিঠিটি সদর দরজা থেকে কুড়িয়ে এনে ওর ঘরের দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়েছিল স্বয়ং লোরেঞ্জো। উরবিনোর প্রেমপত্রগুলো ছাড়াও ফারমিনার কাছে কিছু বেনামী চিঠি আসে। সেসব চিঠিতে উরবিনোর মতো সম্ভ্রান্ত বংশীয় আকর্ষণীয় মানুষটির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার জন্য হুমকি দেওয়া হয় ওকে। এদিকে ফারমিনার কাছে লেখা চিঠিগুলোর কোনো জবাব না পেয়ে উরবিনো দূতিয়ালী করতে পাঠায় সেই সিস্টারকে যে প্রেমপত্র লেখার অপরাধে ফারমিনাকে স্কুল থেকে বহিষ্কার করেছিল। সিস্টার ওকে জানায় যে তাকে আবার স্কুলে গ্রহণ করা হবে এবং ওর সকল অপরাধ মুছে ফেলা হবে যাতে পড়াশোনা শেষ করতে পারে ও। ফারমিনা এই সমঝোতা প্রস্তাব এবং উরবিনোর সাথে সাক্ষাতের সকল সম্ভাবনা নাকচ করে দেয়।
এর মধ্যে প্রেমিকের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য মামাত বোন হিলদেব্রান্দাকে ওর বাবা-মা লম্বা সময়ের জন্য ফারমিনার কাছে পাঠিয়ে দেয়। হিলদেব্রান্দাও ফারমিনার কায়দায় ওদের শহরের টেলিগ্রাফ অপারেটরের সাথে ব্যবস্থা করে এসেছিল, যাতে প্রেমিকের বার্তাগুলো ওর কাছে ঠিকভাবে পৌঁছাতে পারে। এজন্য সে ফ্লোরেন্তিনো আরিজার সাথে দেখা করে ওর সাহায্য চায়। ফ্লোরেন্তিনো ওর কোনো পরিচয় জানতে চায় না, কিন্তু টেলিগ্রাম বার্তাগুলো পাওয়ার উপযুক্ত ব্যবস্থা করে দেয়।

তারপর ফারমিনা ও হিলদেব্রান্দা দুজনে মিলে নিজেদের খেয়ালখুশিমতো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে থাকে। এক পর্যায়ে মামাত বোনটির প্ররোচনায় ফারমিনা তার এতদিনের পুষে রাখা অবরোধ তুলে নিয়ে এক সংক্ষিপ্ত চিঠিতে উরবিনোকে জানায় যে সে এখন ওর বাবার সাথে কথা বলতে পারে।

ফারমিনার সাথে উরবিনোর আসন্ন পরিণয়ের সংবাদে 'ফ্লোরেন্তিনো নির্বাক হয়ে যায়, খিদে তিরোহিত হয়, কান্নায় নির্ঘুম কাটতে থাকে রাত।' ছেলের এহেন অবস্থা দেখে ওর মা ত্রান্সিতো আরিজা ফ্লোরেন্তিনোর বাবার একমাত্র জীবিত ভাইয়ের কাছে ছেলের জন্য ওদের নৌ পরিবহন কোম্পানিতে একটা চাকরি চায় এবং অনুরোধ করে যে ওকে এমন একটা দুর্গম জায়গায় দেওয়া হয় যেখানে এই অভিশপ্ত নগরীর কোনো খবর যাতে ওর কাছে না পৌঁছায়। এই অনুরোধে ফ্লোরেন্তিনোকে চাকরি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় বিশ দিনের পথের দূরত্বে সেটি এক স্বপ্নের শহরে। প্রথমে সেখানে যেতে রাজি ছিল না ফ্লোরেন্তিনো, কিন্তু তার অন্য অভিভাবক লোটারিও থুগুটও পেশাগত উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার কথা বলে ওকে সেখানে যেতে উদ্বুদ্ধ করে। তাই ফ্লোরেন্তিনো একজন মৃত মানুষের নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনের মতো যাত্রার প্রস্তুতি নেয়। যাওয়ার আগের মধ্যরাতে ফারমিনার বারান্দার নিচে দাঁড়িয়ে বেহালায় বাজায় স্বরচিত রাগিনীর তীব্র করুণ সেরেনাদ।


ক্যারিবীয় রিভার কোম্পানির জাহাজে চড়ে গন্তব্যে পৌঁছাবার পথে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয় ফ্লোরেন্তিনো, দেখা মেলে কলেরা রোগি বহনকারী প্লেগের পতাকা উড়িয়ে অতিক্রম করা জাহাজ, দেখা মেলে নদীতে ভাসমান মৃতদেহ, সেগুলো কলেরায় মৃত নাকি যুদ্ধে নিহত-নির্নয় করা সম্ভব হয় না। সেই জাহাজে এক রাতে কোনো এক নারী ওকে আচমকা কেবিনের মধ্যে টেনে নিয়ে ওর কৌমার্য হরণ করে। পরের কয়েকদিন চেষ্টাতেও সেই নারীকে শনাক্ত করতে পারে না ও। সেই কেবিনের তিন নারীর মধ্যে দুই তরুণী ছাড়াও ছিল এক সন্তানের জননী পরিনত বয়সের এক নারী, রোসালবা। ফ্লোরেন্তিনোর ধারণা, এই রহস্যময়ী নারীই সে রাতে তাকে দিয়েছিল এক অত্যাশ্চর্য উপভোগের অনুভূতি।

রোসালবা নামের রহস্যময়ী রমণীটি সপরিবার মাঝপথে নেমে গেলে সেই নিঃসঙ্গ যাত্রায় ফারমিনার স্মৃতি এবং স্বামীর সাথে ওর নতুন জীবনযাপনের কল্পনা ফ্লোরেন্তিনোকে তাড়া করে বেড়াতে থাকে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে টেলিগ্রাফের নতুন প্রযুক্তির সম্ভাবনা যতই উজ্জ্বল হোক না কেন, নিজ শহরে ফিরে যাবে ও। জাহাজের কাপ্তানও তাকে নিবৃত্ত করতে পারে না। একই জাহাজের ফিরতি যাত্রায় নিজ শহরে ফিরে আসে ফ্লোরেন্তিনো। বাড়ি ফিরে সে জানতে পারে ফারমিনা শহরে নেই, মধুচন্দ্রিমা যাপনের জন্য ইউরোপ গেছে ওরা। হতাশ ফ্লোরেন্তিনো বুঝে উঠতে পারে না কীভাবে ওর জীবনে ফারমিনার অভাব পূরণ করবে সে। এসময় যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিধবা নাজারেত এসে আশ্রয় নেয় ওদের বাড়িতে। ছেলের মন থেকে ফারমিনার স্মৃতি মুছে ফেলার জন্য মা চাইছিলেন যাতে এই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা জন্মায়। ফলে প্রথমবারের মতো তাদের শরীরী মিলন ঘটতে দেরি হয় না। শোবার ঘরের সেই প্রথম মিলন থেকে শুরু। অবশ্য ওর মায়ের প্রত্যাশা অনুযায়ী দুজনের মধ্যে কোনো দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠেনি, তাদের সম্পর্ক ছিল উছৃঙ্খল ও অমিতাচারী। যুদ্ধ থেমে গেলে নাজারেত তার বাড়ি মেরামত করে সেখানে নানান পুরুষের সান্নিধ্যে উপভোগ করতে থাকে জীবন। সেখানে ফ্লোরেন্তিনোও যেত কিংবা মিলিত হতো অন্য কোনোখানে। তাদের এইসব মিলনের মধ্যে 'ছিল না ভালোবাসা দেওয়া বা পাওয়ার কোনো ভান, যদিও সমস্যামুক্ত ভালোবাসার মতো কিছু একটা পাওয়ার আশা ওর সবসময়ই ছিল।'
একসময় ফ্লোরেন্তিনো বুঝতে পারে যে নাজারেতের জীবনের সে একমাত্র পুরুষ নয়, ওর সাথে কোনো বৈবাহিক সম্পর্কে স্থাপনেও আগ্রহী নয় সে। এভাবে তাদের সম্পর্ক এক সময় ক্ষীন থেকে ক্ষীনতর হয়ে শেষ হয়ে যায়। কিন্তু তার নিঃসঙ্গতার চেহারা নিয়ে শহরের কাম-বুভুক্ষ নারীদের সাথে অতি সহজেই দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে কোনো বিনিময়মূল্য ছাড়াই। তার এই গোপনীয় অভিযানের নারীদের কথা একটা নোটখাতায় লিখে রাখত ও, ওটার নাম দিয়েছিল 'রমণীরা।' পঞ্চাশ বছর পর আবার যখন তার সাথে ফারমিনা দাসার পুনর্মিলন ঘটে ততদিনে এরকম নোটখাতার সংখ্যা দাঁড়ায় পঁচিশে, আর তার সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কের নারীদের সংখ্যা দাঁড়ায় ছয়শো বাইশে, যার প্রথম নামটি ছিল নাজারেতের। এদের বাইরে যাদের সাথে ওর অনুল্লেখযোগ্য স্বল্পসময়ের সম্পর্ক হয়েছিল, তাদের নাম এখানে ছিল না, যেমন ছিল না ওর কৌমার্য হরণকারী প্রথম নারী রোসালবার নামও। এদের সংখ্যা ছিল অগুনতি।

নাজারেতের সাথে মাস ছয়েকের উদ্দাম লীলার পর ফ্লোরেন্তিনোর মধ্যে এমন বিশ্বাস জন্মায় যে ফারমিনার বিরহযন্ত্রণা থেকে মুক্ত হতে পেরেছে ও। কিন্তু দুবছর ইউরোপে কাটিয়ে দেশে ফিরে আসার পর এক রবিবারে গির্জা থেকে স্বামীর সাথে বের হয়ে আসা ফারমিনাকে আচমকা দেখতে পেয়ে ফ্লোরেন্তিনোর সে বিশ্বাস ভেঙে যায়। ছয় মাসের গর্ভবতী এই নারীকে আরো বেশি সুন্দর ও পরিপূর্ণা বলে মনে হয়, আর নিজেকে মনে হয় আরো বিসদৃশ, করুণ ও অযোগ্য এক পুরুষ।

সেদিনই ফ্লোরেন্তিনো সিদ্ধান্ত নেয় যে ফারমিনার যোগ্য পুরুষে পরিণত হওয়ার জন্য বিত্ত ও খ্যাতির অধিকারী হতে হবে ওকে, তার জন্য দীর্ঘকাল অপেক্ষা করতেও তার কোনো দ্বিধা নেই। তাই চাকরিটা ছেড়ে আসার কারণে অসন্তুষ্ট কাকার কাছে আনুগত্যের প্রতিশ্রুতিসহ ধর্না দিলে চাকরিটা ফিরে পায় ও। ফারমিনার প্রতি ওর অমোঘ প্রেমের ঘোর কাটানোর প্রতিষেধক হিসেবে নারীশিকার অব্যাহত রাখে ও। ছেলে যাতে কোনো এক সময় ফারমিনাকে ঘরে তুলে আনতে পারে সেজন্য ফ্লোরেন্তিনোর মা ওদের ভাড়া করা বাড়িটি কিনে নিয়ে সংস্কার কাজ শুরু করে। এসময় তাঁর স্মৃতিভ্রংশ এবং অন্যান্য রোগ দেখা দেয়। নিজেদের বাড়িটি নিরাপদ হলেও ফ্লোরেন্তিনো তার শিকার করা নারীদের কখনোই সেবাড়িতে এনে তুলতো না, কারণ এটিকে ফারমিনার জন্য পবিত্র রাখতে চেয়েছিল ও। তাই শিকার করা নারীদের নিয়ে তুলতো অস্থায়ী হোটেলটিতে কিংবা অন্য কোনো জায়গায়।

একসময় মা অসুস্থ হয়ে পড়লে তার সেবা-শুশ্রুষার ভার তুলে নিয়েছিল ও। এসময় এক ঝড়ের রাতে বিপদে পড়া অলিম্পিয়া জুলেতা নামের এক নারীকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে ওর সাথে পরিচিতি ঘটে ফ্লোরেন্তিনোর। অলিম্পিয়ার স্বামী ছিল কবুতর ব্যবসায়ী। সেদিনের উপকারের প্রতিদান হিসেবে ফ্লোরেন্তিনোকে একটা কবুতর উপহার দিয়েছিল অলিম্পিয়া। সেই কবুতরের মাধ্যমে অলিম্পিয়ার কাছে ভালোবাসার চিঠি পাঠাত ও। অলিম্পিয়া প্রথম দিকে ধরা না দিলেও শেষে হার মানে। সেদিন তাদের মিলনের পর ফ্লোরেন্তিনো হাতের কাছে রঙ ভর্তি একটা টিন পেয়ে তার মধ্যে আঙুল ডুবিয়ে নগ্ন অলিম্পিয়ার তলপেটে একটা তীর এঁকে দেয়। সে রাতে অলিম্পিয়ার স্বামী সেই চিহ্ন দেখে অবিশ্বাসী স্ত্রীকে খুন করে। তার কিছুদিন পর ফ্লোরেন্তিনোর মা মারা যায়। ততদিনে নারীশিকার ছেড়ে দিয়েছে ফ্লোরেন্তিনো।

শহরে প্রথম কবিতা উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ফ্লোরেন্তিনো, কিন্তু ওর কবিতা পুরস্কারের জন্য বিবেচিত হয়নি। উল্লেখ্য, নগরীর প্রভাবশালী চিকিৎসকের স্ত্রী হিসেবে ফারমিনা দাসাই প্রতিবারের বিজয়ীদের নাম ঘোষণার কাজটি করত। সেই উৎসবে ফ্লোরেন্তিনোর সাথে পরিচয় ঘটে কবি সারা নরিয়েগার। পঞ্চম উৎসবে ওদের যৌথ কবিতাটি পুরস্কার পাবে বলে সারা নিশ্চিত থাকলেও পায়নি। সে মনে করে, পুরস্কার না পাওয়ার পেছনে ফারমিনার হাত রয়েছে। এমনকি তাকে বেশ্যা অভিহিত করে সে বলে যে ভালো না বেসেও কেবল টাকার জন্য ও বিয়ে করেছে ডাক্তার উরবিনোকে। এই কথার পর সারার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফ্লোরেন্তিনো।

সারার এমন ধারণা যে খুব ভ্রান্ত ছিল না তার সমর্থন পাওয়া যায় মূল কাহিনিতে। উরবিনোর সাথে বিয়েতে রাজি হওয়ার ব্যাপারে ওর বাবার চাপাচাপি, মামাত বোন হিলদেব্রান্দার প্ররোচনাই কেবল নয়, এরকম সুযোগ আর কখনোই আসবে না– এমন চিন্তাও ওর ছিল। তবে উরবিনোর ভালোবাসা, প্রথম সন্তানের মায়া সব মিলিয়ে বিয়ের ব্যাপারে কখনোই বিরূপ কোনো মনোভাব ওর মধ্যে জাগেনি। তবু ফ্লোরেন্তিনোকে প্রত্যাখ্যান করার পর ছোট পার্কটিতে বসে বই পড়ার ভান করে বসে থাকা মূর্তিটির অনুপস্থিতি মাঝে মাঝে ওর মনে উঁকি দিত, কখনো ওর একটা চিঠির জন্য মন আকুল হয়ে উঠত। কিন্তু ইউরোপ থেকে ফিরে আসার পর এই বিয়ে নিয়ে ওর মনে অনুশোচনার ভাব জেগে ওঠে। ওর বাবার সন্দেহজনক কার্যকলাপের কারণে উরবিনো পরিবারের প্রভাবও যখন আর তাঁকে আইনের হাত থেকে রক্ষা করতে পারছিল না, তখন তাঁকে দেশান্তরে পাঠিয়ে দেওয়া হয়। বাবার সাথে আর কখনোই দেখা হয়নি ফারমিনার। ভালোবাসা ফিরে পাওয়ার জন্য ফারমিনা স্বামী-পুত্র নিয়ে আবার ইউরোপ চলে যায়। দুই বছর পর ওরা যখন আবার ফিরে আসে ততদিনে উরবিনোর মা মারা গেছে, আর ফারমিনা দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা।

এবারের ফিরে আসার পর ফ্লোরেন্তিনো বিভিন্ন জায়গায় ফারমিনাকে দেখতে পায় স্বামীর সাথে বাহুলগ্না অবস্থায়। ওর মনে হয় ওর বিষয়ে ফারমিনার নিরাসক্তি হয়তো তার প্রতি গভীর ভালোবাসার একটা বর্মমাত্র। মনে হয় ফারমিনাকে পাওয়ার জন্য উরবিনোকে ওর আগে মরতে হবে। তাই বিভিন্ন জায়গায় অলক্ষ্যে ওকে অনুসরণ করে ফ্লোরেন্তিনো। পরপর চার রবিবার গির্জায় উরবিনোকে দেখতে পেলেও ফারমিনাকে দেখা যায় না। পরে জানা যায় স্বামী বারবারা লিঞ্চ নামের এক রোগিনীর প্রতি আসক্ত জানার পর ফারমিনা মামাত বোন হিলদাব্রেন্দের কাছে ওদের খামারবাড়িতে চলে গেছে। উরবিনো ওকে ফেরত না আনা পর্যন্ত এই স্বেচ্ছা নির্বাসন দুবছর স্থায়ী হয়েছিল।

এদিকে কাকা দন লিওকে চিকিৎসকের পরামর্শে অবসর নিতে হলে রিভার কোম্পানির পূর্ণ মালিকানা উত্তরাধিকারসূত্রে বর্তায় ফ্লোরেন্তিনোর ওপর। ওর নারীশিকার বন্ধ হয়ে গিয়েছিল আগেই। সর্বশেষ শিকার ছিল ওর দূরসম্পর্কের আত্মীয়া চৌদ্দ বছরের আমেরিকা ভিকুনা। শহরের বোর্ডিং স্কুলে পড়তে এসেছিল ও, ফ্লোরেন্তিনো ছিল ওর স্থানীয় অভিভাবক। কিন্তু ওদের মধ্যে গড়ে ওঠে চরম অসম ভালোবাসার সম্পর্ক। একদিন ওদের মিলনের পরপরই গির্জার ঘণ্টাধ্বনি শুনতে পায় ফ্লোরেন্তিনো, জানত না ওটা ছিল উরবিনোর মৃত্যুর ঘোষণা। সেদিন সকালে আত্মহত্যা করেছে জেরেমাইয়া দে সেন আমুর, তার শেষকৃত্যে যেতে হবে বলে ফ্লোরেন্তিনো ভিকুনাকে স্কুলে রেখে আসতে গিয়ে শুনতে পায় যে সেদিনই একাশি বছর বয়সে গাছের ডাল থেকে পোষা তোতা পাখিকে ধরা চেষ্টার করার সময় পড়ে গিয়ে মারা গেছে উরবিনো।
ফ্লোরেন্তিনোর মন এক অদ্ভুত পুলকে ভরে যায়, ফারমিনাকে পাওয়ার জন্য উরবিনোর মৃত্যু সম্পর্কিত ওর ভাবনাটা সত্যে পরিণত হয়েছে। দ্রুত উরবিনোর বাড়িতে যায় ও, রাতে যখন মানুষজন শোকের বাড়ি থেকে বিদায় নেয়, তখন ফারমিনার কাছে পুরনো প্রেম নতুন করে নিবেদন করে ও। ক্রুদ্ধ ফারমিনা ওকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেয় এবং বলে যে যতদিন বেঁচে থাকে ততদিন যেন আর ওর সামনে না আসে। এই ঘটনার দুই সপ্তাহ পর ফারমিনার কাছ থেকে একখানা অপমানজনক চিঠি পায় দুঃসহ যন্ত্রণায় দগ্ধ ফ্লোরেন্তিনো। তবে ও দমে না, বেশ কয়েকদিনের চেষ্টায় নিজের হাতে টাইপ করে ছয় পৃষ্ঠা দীর্ঘ একটা জবাব লিখে পাঠায়। কোনো উত্তর না পেয়েও একের পর এক চিঠি লিখে ডাকে পাঠাতে থাকে সে।

উরবিনোর প্রথম মৃত্যুবার্ষিকীর পর তাদের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। ফ্লোরেন্তিনো সপ্তাহে একবার নিয়ম করে ফারমিনার বাড়িতে গিয়ে কফি খায়, গল্প করার ফাঁকে খুব সন্তর্পনে ওদের পুরোনো প্রেমের দিনগুলোর স্মৃতি উসকে দিতে চায়। ফারমিনার আচরণ ফ্লোরেন্তিনোর তুলনায় সংযত। ওরা পরস্পরকে 'আপনি' সম্বোধন করলেও ফ্লোরেন্তিনো একদিন বলে যে ওরা পরস্পরকে একসময় 'তুমি' বলত। ফারমিনা প্রসঙ্গটাকে কৌশলে এড়িয়ে যায়। ওদের এই পারস্পরিক সঙ্গদানকে ফারমিনার ছেলে উরবিনো দাসাও সমর্থন করে, কারণ এতে ওর মায়ের সময়টা ভালো কাটে। কিন্তু একবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ফ্লোরেন্তিনোর পা মচকে গেলে ওকে দুই মাস শয্যাশায়ী থাকতে হয়। এসময় ওদের সাপ্তাহিক সাক্ষাৎটার অভাব অনুভব করে ফারমিনা। ছেলে উরবিনো মায়ের এই নতুন জীবনকে সমর্থন দিলেও মেয়ে ওফেলিয়া প্রতিবাদ করেছিল, সেকারণে ফারমিনা মেয়েকে ওর সান্নিধ্য থেকে চিরতরে দূরে সরিয়ে দেয়। এসময় একটা খবরের কাগজ ফারমিনার বান্ধবী লুক্রেসিয়া দেল রেয়াল ও স্বামী হুভেনাল উরবিনোর মধ্যে বিবাহ বহির্ভুত সম্পর্ক এবং পিতা লোরেঞ্জা দাসার কিছু অবৈধ কাজ নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফ্লোরেন্তিনোর কোম্পানির জাহাজে প্রস্তাবিত চৌদ্দ দিনের জন্য নৌভ্রমণে যেতে মনস্থ করে ফারমিনা। এই ভ্রমণে ফ্লোরেন্তিনোও তাকে সঙ্গ দেয়।

এসময় তারা প্রথমবারের মতো চুমু খায়। ফ্লোরেন্তিনোর বয়স তখন ছিয়াত্তর এবং ফারমিনার বাহাত্তর। জাহাজে থাকার সময়ই টেলিগ্রাম বার্তায় খবর আসে যে আমেরিকা ভিকুনা আত্মহত্যা করেছে। তার কারণেই যে এই আত্মাহুতি এটা বুঝতে পেরে ফ্লোরেন্তিনো বিপর্যস্ত হয়ে পড়লেও তা ভোলার চেষ্টা করে। এসময় জাহাজে জ্বালানি কাঠের অভাব দেখা দেয়। নদীতীরের ধ্বংস হয়ে যাওয়া বনের মধ্যে কোনো জ্বালানি কাঠ খুঁজে পাওয়া গেল না। নদীতে ভেসে যাওয়া কলেরার মড়ার উৎকট দুর্গন্ধ, পোকামাকড় ও মশার উৎপাত অসহনীয় হয়ে ওঠে। এরকম একটা দুর্যোগময় সময়ে ওদের মধ্যে প্রথমবারের মতো শারীরিক মিলন ঘটে।

জাহাজ শেষ ঘাটে পৌঁছার পর সেখান থেকে ওঠা নতুন যাত্রীদের মধ্যে পরিচিত কয়েকজনকে দেখে ফারমিনা উৎকণ্ঠিত হয়ে ওঠে। ফ্লোরেন্তিনো কাপ্তানের সাথে পরামর্শ করে জাহাজের ওপর হলুদ পতাকা উড়িয়ে দেয়, যাতে কলেরার রোগি আছে বুঝতে পেরে কোনো যাত্রী না ওঠে। তারপর ওরা রওনা হয়ে যায়, পথিমধ্যে কাপ্তান তার প্রেমিকাকেও জাহাজে তুলে নেয়। নিজ শহরে ফিরে গিয়ে ফ্লোরেন্তিনো ও ফারমিনা জাহাজ থেকে নামার কথা ভাবতেও পারে না। তাই ফ্লোরেন্তিনোর নির্দেশে জাহাজ আবার চলতে শুরু করে। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে এভাবে হলুদ পতাকা উড়িয়ে তারা কতদিন চলবে, কাপ্তানের এই প্রশ্নে ফ্লোরেন্তিনো তিপ্পান্ন বছর সাত মাস এগারো দিন ধরে যে জবাব তৈরি করেছিল সেটাই বলে, 'অনন্তকাল।'


২
এতক্ষণে আমাদের অনেকের কাছেই হয়তো স্পষ্ট হয়েছে যে ওপরের কাহিনিটি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এল আমোর এন লস তিয়েমপোস এল কলেরা তথা কলেরাকালের প্রেম উপন্যাসের সংক্ষিপ্ত রূপ। এটি তাঁর পঞ্চম উপন্যাস হলেও সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৮২) পাওয়ার পর প্রথম। অর্ধ শতাব্দীর বিচ্ছিন্নতা সত্ত্বেও ভালোবাসাকে জিইয়ে রেখে বার্ধক্যপীড়িত বয়সে যে তাকে ফিরিয়ে আনা সম্ভব, সেটি প্রমাণের দুঃসাহসী এক প্রয়াস এই উপন্যাস। মার্কেসের বন্ধু ও লেখক কার্লোস রদ্রিগেসের মতে তিনি যদি নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের জন্য নোবেল না-ও পেতেন, তাহলে কলেরাকালের প্রেম তাঁকে এই পুরস্কার এনে দিত। কারণ, এসময় তিনি আরো পরিপক্ক, আটান্ন বছর বয়সের অভিজ্ঞতায় ভালোবাসার সর্বগ্রাসী রূপকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারঙ্গম।
নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত মার্লিস সাইমনসকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভ ইন দ্য টাইম অভ কলেরা লেখার কারণ ব্যাখ্যা করে মার্কেস বলেছিলেন,
'আমি মনে করি বয়স আমাকে বুঝিয়ে দিয়েছে যে হৃদয়ের মধ্যে ঘটা অনুভূতি আর আবেগই শেষপর্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোনো না কোনো ভাবে আমার সব বই-ই ভালোবাসা নিয়ে। নিঃসঙ্গতার একশ বছর-এ একটার পর একটা প্রেমকাহিনি আছে। আর পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জি তো ভালোবাসার এক মারাত্মক নাটক। আমার মনে হয় ভালোবাসা রয়েছে সর্বত্রই। তবে এই বইতে সেটা অতি তীব্র। কারণ, দুটো ভালোবাসা যুক্ত হয়ে এগিয়ে যায়। আমি মনে করি, আরো কম বয়সে আমি কলেরাকালের প্রেম লিখতে পারতাম না। এটাতে পুরো একটা জীবনের বাস্তব অভিজ্ঞতা আছে। আর এখানে যুক্ত হয়েছে আমার এবং অন্যদের বহু অভিজ্ঞতা। সর্বোপরি এখানে আমার কিছু দৃষ্টিভঙ্গি আছে, যা আগে ছিল না। এবছর আমার ষাট হবে। এই বয়সে মানুষ সবকিছুতে শান্ত হয়ে যায়।'

মার্লিসকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যখন এটি লিখছিলাম আমি, সেই দুই বছর আমি বেশ সুখে ছিলাম। সবকিছুই ঠিকভাবে চলছিল। কিভাবে থাকতে পছন্দ করে, এটা ভেবে মানুষ সারাজীবন কাটিয়ে দেয়। আমার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম, তাদের কেউই বিষয়টা পরিষ্কারভাবে জানে বলে মনে হলো না। আমার কাছে এখন খুবই স্পষ্ট এটা। আমি চাই কলেরাকালের প্রেম লেখার সময় আমার জীবন যেরকম ছিল, সবসময় যাতে সেরকমই থাকে।' তিনি আরো বলেছিলেন, এটি ছিল 'তাঁর জীবনের সবচেয়ে চমৎকার এবং আনন্দদায়ক সাহিত্যিক অভিজ্ঞতা।'
ঘটনাক্রমে বইটি নিয়ে মার্কেসের বহু গ্রন্থের অনুবাদক এডিথ গ্রসম্যানও একই ধরনের কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মার্কেস যা-ই লিখেছেন সবই সোনা। সেসব নিয়ে কাজ করা এক দারুণ ব্যাপার, কোন বইটির অনুবাদ যে কঠিন ছিল সেটা বলতে পারেন না তিনি। একজন পাঠক হিসেবে মার্কেসের কোন উপন্যাসটি তাঁর প্রিয় জানতে চাইলে তিনিও বলেছিলেন লাভ ইন দ্য টাইম অভ কলেরার কথা।

দীর্ঘদিন ধরে বাবা-মায়ের প্রেমকাহিনির আদ্যোপান্ত শুনে মার্কেস পঞ্চাশোত্তীর্ণ বয়সে যখন ঠিক করেন যে তাঁদের গল্পটি তিনি কলেরাকালের প্রেম উপন্যাসে ব্যবহার করবেন, তখন 'জীবন আর কবিতার মধ্যে পার্থক্য নির্ণয়' করতে পারছিলেন না তিনি। এটি যে তাঁর বাবা-মায়ের জীবনের কাহিনি-নির্ভর, সেটি অতি স্পষ্ট। মার্কেসের আত্মজীবনী 'গল্পটা বলার জন্য বেঁচে আছি ' (লিভিং টু টেল দ্য টেল) যাঁদের পড়া আছে, তাঁরা খুব সহজেই ধরতে পারবেন তাঁর বাবা-মায়ের চরিত্র ও প্রেমোপাখ্যান এই উপন্যাসে প্রায় অবিকৃতভাবে তুলে আনা হয়েছে। আমরা জানি উপন্যাসের ফ্লোরেন্তিনো আরিজার মতো মার্কেসের বাবা গ্যাব্রিয়েল এলিসিও গার্সিয়াও ছিলেন এক টেলিগ্রাফ কর্মী। উপন্যাসের ফ্লোরেন্তিনোর মতো গ্যাব্রিয়েলেরও ছিল এক গোপন প্রেমিকা লুইসা সান্তিয়াগা মার্কেস ইগুরান, যাঁকে বেহালায় প্রেমরাগিনী শোনাতেন তিনি, লিখেছেন অগনিত চিঠি এবং যাঁর জন্য রচনা করেছেন বহু কবিতা। এই লুইসাই আমাদের মার্কেসের মা। উল্লেখ্য হিস্পানিক প্রথায় নবজাতকের নামের সাথে যুক্ত করা হয় বাবা ও মায়ের উপাধি। সে হিসেবে মার্কেসের পুরো নাম গ্যাব্রিয়েল হোসে দে লা কনকর্দিয়া গার্সিয়া মার্কেস, বাবা-মায়ের নামের অংশটুকু বাদ দিলে তাঁর নাম, হোসে দে লা কনকর্দিয়া।
তাঁর বাবা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কিছুদিন টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ করেছিলেন। আট বছর বয়স অবধি মার্কেসের শৈশব কেটেছে তাঁর নানাবাড়িতে। নানীর মুখে কলাম্বিয়ার দুটো গৃহযুদ্ধে অংশ গ্রহণ করা তাঁর নানা কর্নেল নিকোলাস রিকার্দো মার্কেসের বীরত্বের বহু গল্প শুনে দিন কাটত তাঁর। তাঁর নানীর ছিল নানান কুসংস্কার, বিশ্বাস করতেন ভুত-প্রেতের মতো সব অশরীরি সত্ত্বায়। নানীর কাছে শোনা রূপকথার গল্প, মৃত পূর্বপুরুষদের বিদেহী আত্মা আর দৈত্যদানোর কাহিনি শিশু মার্কেসের মনোজগতে বড় প্রভাব বিস্তার করেছিল। সেসময় নানার মৃত্যু এবং নানীর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে তাঁকে বাবা-মায়ের পরিবারে নিয়ে আসা হয়। সংসার চালানোর বাড়তি রোজগারের জন্য তাঁর বাবা ফার্মাসিস্ট হিসেবে একটা চাকরিতে ঢুকে পড়েছিলেন ততদিনে।

মার্কেসের বাবা গ্যাব্রিয়েল যখন লুইসা সান্তিয়াগার প্রেমে পড়েন, তখন তাঁর বাবা, অর্থাৎ মার্কেসের নানা সেটাকে ঠেকাতে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। তাঁর মতে, টেলিগ্রাফ অপারেটরটি কেবল দরিদ্রই ছিলেন না, মেয়েবাজও। ওর মা-ও তিনজন পুরুষের মাধ্যমে ছয়টি সন্তানের জননী হয়েছিলেন। তবে কর্নেলটিও এমন গঙ্গাজলে ধোয়া কোনো মানুষ ছিলেন না, তাঁর তিনটি বৈধ সন্তানের বাইরেও বিয়ের আগে ও পরে কয়েকজন রমণীর গর্ভে জন্মেছিল তাঁর আরো নয়টি সন্তান। আশ্চর্যের বিষয়, স্বামীর সবগুলো সন্তানকেই মার্কেসের নানী নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। মেয়ের প্রেমিক গ্যাব্রিয়েল এলিসিওর প্রতি কর্নেলের বিরাগের আরো একটা কারণ ছিল। গৃহযুদ্ধে যে কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে তিনি লড়েছেন, রাজনৈতিক মতাদর্শে গ্যাব্রিয়েল ছিলেন সেই দলের সমর্থক। লুইসা সান্তিয়াগার সাথে প্রেমপর্বের সময় কর্নেলের রোষ থেকে আত্মরক্ষার জন্য এমনকি একটা পুরনো রিভলবারও কিনেছিলেন গ্যাব্রিয়েল, অবশ্য সেটা কখনোই ব্যবহার করতে হয়নি তাঁকে। দরিদ্র টেলিগ্রাফ অপারেটরটির কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে সম্পর্ক ছিন্ন করার জন্য লুইসাকে ভিন্ন শহরে তাঁর মাতুলালয়ে পাঠিয়ে দেওয়া হলেও গ্যাব্রিয়েলের পক্ষে সহকর্মী টেলিগ্রাফ অপারেটরদের মাধ্যমে প্রেমিকার কাছে প্রেমবার্তা পাঠানো কঠিন কোনো কাজ ছিল না। মার্কেস তাঁর আত্মজীবনীতে লিখেছেন, 'তাঁদের নিষিদ্ধ প্রেমের ইতিহাস ছিল আমার যৌবনের আশ্চর্য ঘটনাগুলোর একটা।' অবশ্য শেষপর্যন্ত তাঁদের প্রেমের জয় হয়, কর্নেল এবং তাঁর স্ত্রী এই বিয়েতে রাজি হয়েছিলেন, যদিও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাঁরা। লুইসা সন্তানসম্ভবা হলে প্রথমবারের মতো তাঁদেরকে গ্রহণ করে সন্তান প্রসবের জন্য পিত্রালয়ে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই কলেরা উপন্যাসে পিসী এসকলাসটিকা ছিল ফারমিনার সার্বক্ষণিক সঙ্গী, ঠিক যেমন ছিলেন মার্কেসের মা লুইসা সান্তিয়াগার এক পিসী, ফ্রান্সিকা সিমনদোসি। তাঁর কাজও ছিল ভ্রাতুষ্পুত্রীর ওপর নজর রাখা এবং সঙ্গ দেওয়া। উপন্যাস এবং বাস্তবের দুই পিসীই নিজ নিজ ভ্রাতুষ্পুত্রীকে প্রশ্রয় দিতেন যাতে তারা প্রেমিকের সাথে যোগাযোগ রাখতে পারে।

নিউ ইয়র্ক টাইমস-এ (২১ ফেব্রুয়ারি, ১৯৮৮) প্রকাশিত এক সাক্ষাৎকারে নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসে পাখিদের প্লেগ এবং এই উপন্যাসে কলেরার প্রসঙ্গ নিয়ে মার্লিস সাইমনসকে মার্কেস বলেছিলেন, 'গত শতাব্দীতে কার্তাহেনাতে সত্যিই প্লেগের মহাপ্রাদুর্ভাব ঘটেছিল। রাজা অয়দিপাস পড়ার পর থেকে আমি প্লেগের ব্যাপারে সবসময়ই আগ্রহী ছিলাম। বিষয়টা নিয়ে প্রচুর পড়েছি আমি। ড্যানিয়েল ডিফোর অ্যা জর্নাল অভ প্লেগ ইয়ার্স আমার প্রিয় বইগুলোর একটা। অনির্ণেয় বিপদের মতো এই রোগটা মানুষকে হতবাক করে দিয়েছিল। আমার কাছে কৌতূহলোদ্দীপক মনে হয়েছে, ব্যাপক প্লেগ মহামারী … মানুষকে বেশিদিন বাঁচতে আগ্রহী হতে বাধ্য করে।' তিনি বলেন, 'অন্যান্য সূত্রও ব্যবহার করেছি আমি। যেমন ক্যামুর দ্য প্লেগ। আলেস্সান্দ্রো মানজোনির [ইতালিয় কবি ও ঔপন্যাসিক, জন্ম: ১৭৮৫ – মৃত্যু: ১৮৭৩] দ্য বিট্রোদড উপন্যাসেও প্লেগের কথা আছে। কাজ করছি এমন কোনো বিষয়ের ওপর সবসময়ই বিভিন্ন বই খুঁজি আমি। কাজটা করি এজন্যই, যাতে আমারটা একই রকম না হয়। সেগুলো থেকে ঠিক নকল করার জন্য নয়, কিন্তু কোনোভাবে সেগুলোকে ব্যবহার করার জন্য। আমার মনে হয সব লেখকই এটা করে থাকেন। সব ধারণার পেছনেই থাকে হাজার বছরের সাহিত্য।'
বাবা-মায়ের প্রেমকাহিনি ছাড়াও খবরের কাগজের একটা রিপোর্টও তাঁকে এই উপন্যাস লিখতে উদ্বুদ্ধ করেছিল। বহুবছর আগে মেক্সিকোতে থাকতে পত্রিকায় এক বৃদ্ধ আমেরিকান যুগলের মৃত্যুর কাহিনি পড়েছিলেন তিনি। ওরা স্বামী স্ত্রী ছিল না, দুজনই অন্যত্র বিবাহিত। অথচ চল্লিশ বছর ধরে প্রতিবছরই একটা নির্দিষ্ট সময়ে আকাপুলকোতে মিলিত হতো তারা, একই হোটেলে উঠত, খেতে যেত একই রেস্তোঁরায়। ওদের বয়স যখন আশির কাছাকাছি, তখনো এই অভিসার বন্ধ হয়নি। একবার নৌকা ভ্রমণে গেলে মাঝি দাঁড় দিয়ে পিটিয়ে ওদের খুন করে টাকাকড়ি হাতিয়ে নেয়। এই হত্যাকাণ্ডের পর প্রকাশ পেয়েছিল তাদের এই দীর্ঘ অভিসারের কথা। তিনি বলেন, 'বাবা-মায়ের কাহিনি নিয়ে লিখব, এই ভাবনা সবসময়ই আমার মাথায় ছিল, বুঝতে পারছিলাম না কীভাবে? সাহিত্যসৃষ্টিতে যেমন ঘটে, একদিন সম্পূর্ণ ধারণাতীতভাবে দুটো গল্প আমার মাথায় আসে। বাবা-মায়ের কাছ থেকে আমি পাই কম বয়সী নরনারীর প্রেম, আর সেই বৃদ্ধ যুগলের কাছ থেকে পাই বয়স্ক মানুষের প্রেম।"


৩
উপন্যাসটি সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে লায়লী মজনুর প্রেম কাহিনির সাথে তুলনা করলে খুব জোরদার আপত্তি তোলা যাবে না। কারণ, কায়েস তথা মজনুর ভূমিকায় ফ্লোরেন্তিনো এবং লায়লার ভূমিকায় ফারমিনাকে কল্পনা করাই যায়। ফারমিনাকে দেখে ফ্লোরেন্তিনোর দুর্বার প্রেমের উত্থান, তার উদ্দেশ্যে কবিতা লেখা ও বেহালায় প্রেমরাগিনী বাজানো, ফারমিনার বাবার দ্বারা প্রত্যাখ্যাত হওয়া এবং তার অন্যত্র বিয়ে, ফ্লোরেন্তিনোর উন্মাদবৎ আচরণ, ফারমিনার স্বামীর মৃত্যুর পর সামাজিক সংস্কারের কারণে দুজনের পুনর্মিলনের পথে বাধা-এই সব কিছুই লাইলী মজনুর প্রেমকাহিনির সাথে আশ্চর্যরকমভাবে মিলে যায়। তবে লায়লী-মজনুর মৃত্যুর মতো পরিণতি মার্কেসের উপন্যাসে নেই। তাছাড়া একটা আধুনিক উপন্যাস হিসেবে এটিকে নিছক প্রেমকাহিনি হিসেবে চিহ্নিত করাও সঙ্গত হবে না। কিন্তু তুলনামূলক বিচারে লায়লী-মজনুর মধ্যযুগের এই কাহিনিটিকে উপেক্ষা করার উপায় নেই। সামাজিক, ভৌগলিক ও কালিক পটভূমির ভিন্নতা থাকলেও প্রেমকাহিনির কাঠামো ও প্রকৃতির নৈকট্য অলক্ষ্য থাকে না। সে হিসেবে মধ্যযুগে লেখা রোমিও জুলিয়েটের প্রেমকাহিনিও তুলনামূলক আলোচনায় চলে আসে।

আমরা দেখি প্রথম দেখায় প্রেম, তার বাঁধভাঙা উচ্ছাস এবং প্রেমিকার পরিবার থেকে বাধা-এমন অভিন্ন উপাদান তিনটি কাহিনিতেই উপস্থিত। লায়লাকে কায়েসের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য মক্তব থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, একইভাবে ফ্লোরেন্তিনোর কাছ থেকে সরানোর জন্য ফারমিনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গম অঞ্চলে ওর মামার বাড়িতে। মজনুর বাবা লায়লার পরিবারের কাছে আর্জি জানিয়েছিল যাতে প্রেমিকযুগলের পুনর্মিলনের পথে বাধা না দেয় তারা। একইভাবে ফ্লোরেন্তিনোর মা-ও চেয়েছিল ছেলেটি যাতে ফারমিনাকে পায়, তার প্রস্তুতি হিসেবে নিজেদের বাড়িটিও সংস্কার করানো হয়েছিল। রোমিও জুলিয়েট গোপনে বিয়ে করলেও, ওদের মিলন ছিল ক্ষণস্থায়ী। তিনটি কাহিনিতেই রয়েছে বিরহ, বিচ্ছিন্নতা ও নির্বাসন। কায়েস তথা মজনু নিয়েছিল স্বেচ্ছানির্বাসন, রোমিওকে নির্বাসিত করা হয় হত্যাকাণ্ডের শাস্তিস্বরূপ। কলেরা উপন্যাসেও দুর্গম অঞ্চলে নির্বাসন দেওয়া হয় ফারমিনাকে। ফ্লোরেন্তিনো ও ফারমিনার পরিণতিহীন যাত্রার বিপরীতে লায়লী মজনু এবং রোমিও জুলিয়েট দুই যুগলেরই শেষ পরিণতি ছিল মৃত্যু।
মধ্যযুগের কাহিনি লায়লী মজনুর বিপরীতে মার্কেসের আধুনিক উপন্যাসে রয়েছে মানুষের সহজাত বেঁচে থাকার আকুতি, যা অতিক্রম করে যায় জরা, বার্ধক্য এবং জীবনসংহারী মহামারীর বিস্তারকেও। প্রেমে উন্মাদ বা মজনুন হয়ে প্রত্যাখ্যাত কায়েসের স্বেচ্ছানির্বাসনের বিপরীতে ফারমিনাকে পাওয়ার আশায় ফ্লোরেন্তিনো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জীবনতরী বেয়ে যায়, একসময় নিজেকে প্রতিষ্ঠিত করে ফারমিনার সমকক্ষ হওয়ার চেষ্টায় সফলও হয়। অন্যদিকে লায়লার মতো ফারমিনাকেও অভিভাবকের ইচ্ছানুযায়ী স্বামীর ঘরে যেতে হয়, তবে বিচ্ছেদের যন্ত্রণাকাতর লায়লার মৃত্যুর বিপরীতে ফারমিনা স্বাভাবিক সংসারধর্ম পালন করে যায়, তারপর স্বামীর আকস্মিক মৃত্যুর পর অপ্রত্যাশিতভাবে জীবনসায়াহ্নে এসে মিলিত হয় বাল্যপ্রেমের সঙ্গীর সাথে।

জীবনের শেষপ্রান্তে এসে অপ্রতিরোধ্য প্রেমের পরিপূর্ণতা এবং সক্রিয় ও সফল দৈহিক মিলনের মধ্য দিয়ে বার্ধক্যের প্রতি মানুষের চিরাচরিত সাধারণ ধারণার বিপরীতে সিমন দা বুভোয়াঁর ইতিবাচক দর্শনকেই যেন প্রমাণ করেছেন মার্কেস। তিনি স্বীকারও করেছেন যে মহামারী সম্পর্কে অন্যান্য গ্রন্থের বাইরে বুভোয়াঁর দ্য কামিং অভ এজ বইটিও বার্ধক্যের সপ্রেম অস্তিত্বের বিষয়ে তাঁকে প্রভাবিত করেছে। পঞ্চাশ বছরের প্রতীক্ষার পর ফ্লোরেন্তিনো এবং ফারমিনা যখন আবার পরস্পরের সান্নিধ্যে আসে, তখন উভয়ের বয়স সত্তরোর্ধ, একজনের মাথায় টাক, দাঁত পড়ে গেছে, আরেকজনের লুপ্তপ্রায় শ্রবণশক্তি, উভয়ের শরীরে বার্ধক্যের গন্ধ-এসব অসুন্দর কিছুই তাদের পুনরুত্থিত প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। শিশু ও বয়স্কদের প্রতি একই রকমের যতœ ও পরিচর্যার বিষয়ে বুভোয়াঁর ধারণাকে তিনি প্রতিষ্ঠিত করেন, যখন বৃদ্ধ উরবিনোকে পোশাক পরতে সাহায্য করা, খাওয়ার সময় তার গলায় ন্যাপকিন ঝুলিয়ে দেওয়া, কিংবা পা ভেঙে শয্যাশায়ী ফ্লোরেন্তিনোকে শিশুর মতো প্রায় নগ্ন করে দুই নারীর স্নান করানোর বর্ণনা দেওয়া হয়। যেমন ফারমিনা
মনে করতে পারে না কখন থেকে সে ওকে কাপড় পরতে সাহায্য করতে শুরু করে এবং শেষপর্যন্ত পরিয়ে দিতে থাকে। ও জানে কাজটা সে শুরু করেছিল ভালোবাসা থেকেই, কিন্তু গত পাঁচ বছরের মতো কোনো কারণ ছাড়াই কাজটা ওকে করতে করতে হচ্ছিল, কারণ ও নিজে নিজে কাপড় পরতে পারছিল না। তখন বিয়ের মাত্র সুবর্ণ জয়ন্তী পালন করেছে ওরা, পরস্পরকে ছাড়া কিংবা অন্যজনের কথা না ভেবে এক মুহূর্ত চলার ক্ষমতা তাদের আর নেই। বয়স বাড়ার সাথে সাথে ওদের এই ক্ষমতা কমে গিয়েছিল। ওদের এই পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তি কি ভালোবাসা নাকি সুবিধা, সেটা দুজনের কেউই বলতে পারে না, বুকে হাত দিয়েও প্রশ্নটা তারা নিজেদের করেনি, কারণ জবাবটা না জানাই শ্রেয় মনে করেছিল দুজনই। ধীরে ধীরে সে স্বামীর এলোমেলো পদক্ষেপ, মেজাজের ওঠানামা, স্মৃতিভ্রম, ঘুমের মধ্যে ফুঁপিয়ে ওঠার সাম্প্রতিক অভ্যাসগুলো আবিষ্কার করতে থাকে, তবে এগুলোকে চূড়ান্ত ক্ষয়ের অভ্রান্ত উপসর্গ বলে বুঝতে পারেনি, বরং মনে করেছিল এসব হচ্ছে সুখের শৈশবে ফিরে যাওয়ার লক্ষণ। সেকারণে সে ওর সঙ্গে বিরক্তিকর বুড়ো মানুষের মতো নয়, করত এক বুড়ো খোকার প্রতি আচরণের মতো।

উপন্যাসটির শুরুতেই উরবিনোর বন্ধু জেরেমাইয়া দে সেন আমুরের আত্মহত্যার ঘটনার মধ্য দিয়ে বার্ধক্যের কাছে মানুষের আত্মসমর্পনের অনিবার্যতার প্রতি দেওয়া ইঙ্গিত দেখতে পাই আমরা। স্বেচ্ছামৃত্যুর আগে বন্ধু ও দাবা খেলার অংশিদার এই পঙ্গু নিঃসঙ্গ মানুষটির লিখে যাওয়া চিঠি থেকে তার জীবনের গোপন অধ্যায় সম্পর্কে জানতে পারে উরবিনো। জেরেমাইয়ার শেষ চিঠিতে উল্লেখিত ক্রিতদাসপাড়ায় থাকা ওর অজ্ঞাতনান্মী গোপন প্রেমিকার কাছ থেকে উরবিনো জানতে পারে, আত্মহত্যার পরিকল্পনাটি এই মহিলার অজানা ছিল না। কিন্তু প্রেমিকের শেষ ইচ্ছের প্রতি সম্মান জানানোর জন্য বিষয়টা সে নিজের মধ্যেই রেখেছিল, কারণ, জেরেমাইয়া ওকে এতটাই ভালোবাসত যে আত্মহত্যার পরিকল্পনাটা গোপন রাখার নির্দেশ অমান্য করতে পারেনি ও। তাই এই স্বেচ্ছামৃত্যু ঠেকানোর চেষ্টা করেনি, অন্য কাউকেও জানতে দেয়নি। মহিলাটির কাছ থেকে আরো জানা যায়, মাত্র আগের রাতে তাঁরা দুজন সদ্য মুক্তিপ্রাপ্ত 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' সিনেমা দেখে এসেছিল। ছবিটা দেখার পর জেরেমাইয়ার বিষণ্ণতা আরো বেড়ে যায়। সেই বিষণœতা কাটাতে ওকে নিয়ে দাবা খেলতে বসেছিল ও। কিন্তু উরবিনোর কাছে একটা চিঠি লিখতে হবে বলে খেলাটা অসমাপ্ত রেখে ওকে বাড়ি চলে যেতে বলেছিল জেরেমাইয়া।

মহিলাটির কাছ থেকে আরো জানা যায়, বহু বছর আগে এক নির্জন সৈকতে সম্ভোগের পর দুজন যখন নগ্ন শুয়ে ছিল, জেরেমাইয়া বলেছিল, কখনোই বুড়ো হবে না সে। তখন মনে হয়েছিল, বার্ধক্যকে জয় করে চিরযৗবন ধরে রাখার সংকল্প ছিল এটা। কিন্তু পরবর্তী সময়ে ওর আত্মহননের পরিকল্পনার পর সে বুঝতে পারে, অনিবার্যতাকে মেনে নিয়ে জরাকে ফাঁকি দেওয়ার জন্যই ঠিক ষাট বছর পূর্ণ হওয়ার দিনেই এই স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছিল জেরেমাইয়া, যাতে বার্ধক্য ওকে ছুঁতে না পারে। জেরেমাইয়ার মতো ক্ষণস্থায়ী অথচ গুরুত্বপূর্ণ একটা চরিত্রের মাধ্যমে মার্কেস প্রেমের শাশ্বত রূপ এবং জীবনচক্রের অনিবার্য পরিণতিকে তুলে এনেছেন। প্রেমকে চিরজাগ্রত রাখার জন্য প্রেমিকার সাথে বিয়ের বন্ধনে জড়ায়নি ও, সম্পর্কটাকেও রেখেছিল অতিশয় গোপন, যাতে তার মাধুর্য ঝরে না যায়। চিরাচরিত দৃষ্টিভঙ্গীতে বার্ধক্যে মানুষের অসহায় ও অবহেলিত জীবনযাপনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াই ছিল মৃত্যুর কাছে জেরেমাইয়ার এমন আত্মসমর্পন। আগের রাতে প্রেমিকার সাথে খেলার মাঝপথে অসমাপ্ত রেখে দেওয়া দাবার ছকটায় উরবিনো দেখতে পায়, মাত্র চারটি চাল পরে পরাজিত হতে যাচ্ছিল জেরেমাইয়া। অবশ্যম্ভাবী পরাজয়ের এই পর্যায়ে খেলাতে আত্মসমর্পন করলেও বার্ধক্যের কাছে আত্মসমর্পন করতে রাজি ছিল না ও।
নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতের নির্দিষ্ট কোনো এক দিনে পরিকল্পিত আত্মহত্যার এমন একটা ঘটনা আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা-তেও পাই। সূর্যবিজ্ঞানে বিশ্বাসী এবং বিশেষজ্ঞ বলে দাবীদার যাদব পণ্ডিত কথাচ্ছলে একবার বলে ফেলেছিল যে ওর মৃত্যু হবে রথের দিন। অসাবধানে বলে ফেলা সেই ভবিষ্যদ্বাণী বিফলে গেলে গাঁয়ের মানুষের কাছে ওর মান থাকে না, তাই নিজের মৃত্যুর কল্পিত পূর্বাভাষকে সত্য প্রমাণ করার জন্য আফিং খেয়ে সস্ত্রীক আত্মহত্যা করে যাদব। মানিক এই স্বেচ্ছামৃত্যু সম্পর্কে লেখেন:
জীবন রুক্ষ নীরস হইয়া উঠিলে এ'আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছুও পাওয়া যায় জগতে বাঁচিয়ে থাকার চেয়ে যা বড়। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি, এ'সবতো তুচ্ছ, মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে।

যাদব পণ্ডিতের এই আত্মহত্যার সাথে জেরেমাইয়ার মৃত্যুর মিল কেবল নির্দিষ্ট উদ্দেশ্যে এবং একটি পূর্বনির্ধারিত দিনের। মানিকের উপন্যাসটির অন্য চরিত্র শশী ডাক্তারের সাথে বরং কলেরা উপন্যাসের উরবিনোর মিল আরো বেশি। শশী কলকাতা থেকে ডাক্তারী পাশ করে নিজগ্রামে এসে চিকিৎসা পেশায় নিজেকে নিয়োজিত করে সেখানকার সাধারণ মানুষের সাথে গড়ে তোলে হার্দিক সম্পর্ক। নিষ্ঠাবান ও পরোপকারী স্বভাবের কারণে গ্রামের মানুষের কাছে সমাদৃত সে। উরবিনোও দীর্ঘকাল প্যারিসে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে নিজ শহরে ফিরে এসে সেখানকার অনুন্নত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজে আত্মনিয়োগ করেছিল। অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশই শহরের কলেরার প্রাদুর্ভাবের মূল কারণ বলে চিহ্নিত করতে পেরেছিলেন উরবিনো। শশী ডাক্তারের গ্রাম গাওদিয়াতেও কলেরা, বসন্ত, ম্যালেরিয়া সব রোগই হানা দিত। পুতুল নাচ এবং কলেরা উভয় উপন্যাস শুরু হয় দুটো অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে। একটিতে বজ্রপাতে হারুর ঘোষের মৃত্যু এবং আরেকটিতে জেরেমাইয়ার আর্সেনিক গ্যাসে আত্মহত্যা। প্রথমটির অকুস্থলে পাওয়া যায় ওজোন গ্যাসের ঝাঁজালো গন্ধ, দ্বিতীয়টিতে কটু কাঠবাদামের গন্ধ।

সমিল চরিত্রের পরিধি আরো খানিক বিস্তৃত করলে দুটো বিখ্যাত উপন্যাসের দুই চরিত্রের কথা উল্লেখ করা যায়। একটা ক্যামুর দ্য প্লেগ উপন্যাসের ডাক্তার বের্না রিউ এবং আরেকটা গুস্তভ ফ্লবেরের মাদাম বোভারি-র ডাক্তার চার্লস। চিকিৎসা করতে গিয়ে প্রথমবারের মতো ফারমিনাকে দেখে মোহিত উরবিনো যেমন অনাহুতভাবে ওকে দেখতে যায় বারবার, চার্লসও এমার বাবা রৌলের ভাঙা পায়ের চিকিৎসা দিতে গিয়ে ওকে দেখার জন্য রোগি দেখার অজুহাতে ঘনঘন ওদের বাড়ি যাওয়া শুরু করেছিল। রৌল তার অতিরিক্ত মদ্যাসক্তির কারণে নিজের কৃষিখামারটি ঠিকভাবে চালাতে পারছিল না। তাই চার্লসের আগ্রহ দেখে ওর সুন্দরী মেয়েটিকে এই ভদ্র সুশীল যুবক চিকিৎসকের সাথে বিয়ে দিতে রাজি হয়। ফারমিনার বাবা লোরেঞ্জোও নিজের অপাংক্তেয় সামাজিক অবস্থানের কারণে চেয়েছিল অভিজাত বংশীয় চৌকশ চিকিৎসক উরবিনো যাতে তার মেয়েটিকে বিয়ে করে।

আমরা লক্ষ্য করি, প্লেগ-এর রিউ, পুতুল নাচের শশী এবং কলেরার উরবিনোর মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। তিনজনই আধুনিক ও বিজ্ঞানমনষ্ক, তিনজনই চিকিৎসক হিসেবে তাদের কর্তব্য পালন করে পরম বিশ্বস্ততায়, কোনো পারলৌকিক প্রতিদানের জন্য নয়, সম্পূর্ণ পেশাগত সততা ও অঙ্গীকারের তাড়নায় এই সেবামূলক কাজে তাদের আত্মনিয়োগ। মাদাম বোভারিতে চার্লসও পেশানিষ্ঠ রোমান্সবর্জিত এক চিকিৎসক, স্ত্রী-সংসারের প্রতি যার ছিল না কোনো মনোযোগ। উল্লেখ্য এই তিনজনের মধ্যে রিউ ছিল নাস্তিক। পেশার প্রতি চরম অঙ্গীকারের কারণে নিজের সংসারধর্মে অমনোযোগী ছিল রিউ, ফলে ওর স্ত্রী স্বামীগৃহ পরিত্যাগ করে চলে যায়। এদিকে পুতুল নাচের শশীও তার কর্তব্যের প্রতি এতই অবিচল ছিল যে কুসুমের গোপন অনুরাগের ইঙ্গিত অনুধাবনে ব্যর্থ হয়েছিল সে। অন্যদিকে বোভারিতে দেখতে পাই, চার্লসের প্রথম স্ত্রী এলুইজ আকস্মিকভাবে অকালে মৃত্যুবরণ করে। কলেরা উপন্যাসের উরবিনো চরিত্রের সাথে সমিল তিনটি চরিত্রের বাইরে ভিন্ন বিষয়ের তুলনামূলক প্রসঙ্গসমূহ ক্রমশ আমরা দেখতে পাবো।

পুরুষতন্ত্রের রীতি ও সংস্কারের সাথে নারীর স্বেচ্ছাবিলোপী সত্ত্বা ও স্বকীয়তার আপোষ সম্পর্কে বুভোয়াঁর মতাদর্শের প্রতিফলনও মার্কেস ঘটিয়েছেন ফারমিনার উপলব্ধির মাধ্যমে। এই নারীরা পিতৃশাসিত সাম্রাজ্য থেকে এসে পড়ে স্বামীর রাজত্বে, স্বায়ত্বঅস্তিত্বের মধ্যে কখনোই অধিষ্ঠান ঘটে না ওদের। মাতৃহীনা ফারমিনা ছিল স্বেচ্ছাচারী ও অমার্জিত এক পিতার কঠোর শাসনের অধীন। পরবর্তী সময়ে ঠিক বিপরীত স্বভাবের ও রুচির স্বামীর সংসারে এসেও আর সব নারীদের মতো সে-ও একসময় উপলব্ধি করে যে সকল জাগতিক সুখ ও সচ্ছলতা সত্ত্বেও সে এক মর্যাদাসম্পন্ন গৃহ পরিচারিকামাত্র:
ঠিকভাবে পরিপক্বতার দিকে বাঁক পেরোবার আগেই অবশেষে মোহমুক্তি ঘটে ফারমিনার, ছোটবেলায় ইভাঞ্জেলস পার্কে যা হওয়ার স্বপ্ন দেখেছিল, তা কখনোই না হওয়ার বাস্তবতাটা বুঝতে শুরু করেছে ও। তার পরিবর্তে যা হয়েছে, সেটা নিজের কাছে স্বীকার করতেও সাহস হতো না, সে হয়েছে এক উচ্চশ্রেণীর গৃহকর্মী। … সবসময় মনে হতো যে ওর স্বামী জীবনটা ধার দিয়েছে ওকে। … সে জানে সবকিছুর ওপর পৃথিবীতে অন্য সবার চেয়ে ওকেই বেশি ভালোবাসে ওর স্বামী, তবে সেটা তার নিজের স্বার্থে: ও নিয়োজিত আছে কেবল তার আজ্ঞাবহ হিসেবে।

ফারমিনা যে টাকার জন্য বিয়ে করা এক 'বেশ্যা', এরকম বিদ্বেষপূর্ণ মন্তব্য করে মনে জ্বালা মিটিয়েছিল ফ্লোরেন্তিনোর বান্ধবী কবি সারা নরিয়েগা, কিন্তু ফারমিনাও কি ছয়বছরের বিবাহিত জীবন অতিবাহিত করার পর প্রায় একই রকম ধারণা পোষণ করতে শুরু করেনি? তার মনে হতো, উরবিনোর সাথে ওর পরিচয়, রোগিনীকে দেখতে আসার ছলে অনাহুতভাবে বারবার ওদের বাড়ি আসা এবং পরবর্তী সময়ে বিয়ে-সবই ছিল ওর বাবার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। ছয় বছরের বিবাহিত জীবনের পর ফ্লোরেন্তিনোর সাথে উরবিনোর তুলনা করতে গিয়ে প্রথম প্রেমিকের প্রতি নিজের দুর্বলতা আবিষ্কার করতে পারে ফারমিনা। সেই সাথে উপলব্ধি করতে পারে যে 'ভুল বাড়িটিতে সে যেন এক কয়েদী এবং এমন একজন মানুষের সাথে, যে মুক্ত-স্বাধীন।'
'বস্তুতপক্ষে ফ্লোরেন্তিনোকে যেমন ভালোবাসেনি ও, তেমন ডাক্তারকেও নয়, ওর সম্পর্কে আরো অনেক কম জানত ও। ওর চিঠিগুলোতে ফ্লোরেন্তিনোর চিঠির মতো আবেগ ছিল না, ওর মতো দৃঢ় সঙ্কল্পের কোনো মূর্ত প্রমাণও দিতে পারেনি উরবিনো। সত্য কথা হচ্ছে, ভালোবাসার কারণে বিয়ের প্রস্তাব দেয়নি হুভেনাল উরবিনো। আরো মজার ব্যাপার, ওর মতো এক জঙ্গি ক্যাথলিক ফারমিনাকে যা দিয়েছিল, তা ছিল একান্ত জাগতিক: নিরাপত্তা, শৃঙ্খলা, সুখ, যে সন্নিহিত সংখ্যাগুলোর যোগফলের সাথে হয়তো ভালোবাসার সাদৃশ্য আছে, কিংবা হয়তো ভালোবাসাই। আসলে সেটা ভালোবাসা ছিল না, আর এসব সন্দেহ ফারমিনার বিভ্রান্তি আরো বাড়িয়ে দেয়, কারণ বেঁচে থাকার জন্য ভালোবাসাই যে ওর সবচেয়ে বেশি দরকার, এবিষয়ে তখনো নিশ্চিত ছিল না সে।'
ফারমিনার এই নতুন উপলব্ধির সাথে মাদাম বোভারি তথা এমার ভাবনার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। এমা ছিল স্বপনচারিণী, রোমান্টিক একজন পুরুষকে চেয়েছিল ও। নিরস, সাদামাটা পেশানিষ্ঠ এই স্বামীকে আর পছন্দ হচ্ছিল না ওর। 'চার্লসের কথাবার্তা ছিল একেবারে রাস্তার মানুষের মতো সাদামাটা, তাতে না ছিল আবেগ, উদ্দাম হাসি কিংবা স্বপ্ন। … ও সাঁতার জানে না, তলোয়ার খেলতে কিংবা পিস্তল চালাতেও পারে না। … বয়স যত বাড়তে থাকে, চার্লসের আচার-ব্যবহার স্থূল হয়ে উঠতে থাকে, খাওয়ার পর জিব দিয়ে দাঁত পরিষ্কার করে নেয়, সুপ খাওয়ার সসময় প্রতিটি চামচ মুখে তোলার পর গড়গড়া করার মতো বিশ্রি আওয়াজ করতে থাকে।'
কলেরা উপন্যাসে বৃদ্ধ স্বামীকে যেমন কাপড় পরিয়ে দিত ফারমিনা, বোভারিতেও দেখা যায় চার্লসকে কাপড় পরতে সাহায্য করছে স্ত্রী এমা।
'গোসল করাবার পর ওকে কাপড় পরতে সাহায্য করত ফারমিনা, দুপায়ের মাঝে ট্যালকম পাউডার ছিটিয়ে দিত, ফুসকুড়ির ওপর মাখিয়ে দিত কোকোর মাখন, এমন যত্নভরে ওর জাঙ্গিয়া পরতে সাহায্য করত, যেন ওটা ডায়াপার। তারপর মোজা থেকে শুরু করে টোপাজের পিন দিয়ে টাইয়ের গিঁট পর্যন্ত একটার পর একটা।' (কলেরা)
চার্লসকে নিয়ে 'ক্রমশই বিরক্ত হয়ে উঠছিল ও। … মাঝে মাঝে এমা ওর গেঞ্জির লাল বর্ডারগুলো ওয়েস্টকোটের ভেতর গুঁজে দিত, ঠিক করে দিত গলার স্কার্ফটা, হাতে পরার ঠিক আগের মুহূর্তে ছুড়ে ফেলে দিত নোংরা দস্তানাজোড়া। চার্লস ভাবত এসব ওর জন্য করে না ও, করে নিজের গরজে, নিজের অহংবোধ আর স্নায়ুর চাপ মেটানোর জন্য।' (বোভারি)
কলেরা উপন্যাসে একদিন বেলজিয়ান ফটোগ্রাফারের স্টুডিও থেকে ছবি তুলে বের হওয়ার পর ফারমিনা আর ওর মামাত বোন হিলদেব্রান্দাকে নিজের ঘোড়াগাড়িতে তুলে নিয়ে উরবিনো ইচ্ছাকৃতভাবে অনেক ঘুরপথে গিয়ে ফারমিনাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। বোভারিতেও ঠিক এরকম একটা ঘটনায় গির্জা থেকে এমাকে বের করে নিয়ে গোপন প্রেমিক লিওঁও একটা ঘোড়াগাড়ি ভাড়া করে পথে পথে উদ্দেশ্যহীন ঘুরে ওকে গন্তব্যে পৌঁছে দেয়। কলেরা উপন্যাসের শেষভাগে ফারমিনা আর ফ্লোরেন্তিনোর নৌভ্রমণ এবং বোভারিতে লিওঁ আর এমার গোপন অভিসারে নৌযাত্রার বর্ণনার মধ্যেও কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। তবে এসব ঘটনার বর্ণনা কিংবা পটভূমির সাদৃশ্য কেবল পাঠকের পাঠস্মৃতিকে উসকে দিতে পারে, তার অতিরিক্ত বিশেষ কোনো তাৎপর্য নেই। আবার, কলেরা এবং বোভারির মধ্যে সামান্য মিল থাকলেও বৈসাদৃশ্যও কম নয়। এমার ভালোবাসা যেমন বহুগামী ছিল, ফারমিনার ছিল ফ্লোরেন্তিনোর প্রতি অনিঃশেষ গোপন অনুরাগ, যা উরবিনোর সাথে পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনে সুপ্ত থাকলেও সমুন্নত ছিল। বোভারি উপন্যাসে নিজের হঠকারিতার মাশুল দিতে প্রেমপিয়াসী এমাকে আত্মহননের পথ বেছে নিতে হয়, অন্যদিকে কলেরার ফারমিনা দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের শেষে পুনরুজ্জীবিত ভালোবাসার তরী বেয়ে যাত্রা করে অসীমের দিকে।

ফ্লোরেন্তিনোর তালিকার ছয়শ বাইশজন নারীর মধ্যে আমেরিকা ভিকুনাই ছিল সবচেয়ে কম বয়সী। সদ্য কৈশোরোত্তীর্ণ এই বালিকার সাথে ফ্লোরেন্তিনোর অসম শারীরিক সম্পর্কের সাথে ভ্লাদিমির নবোকভের লোলিটা উপন্যাসের মূল চরিত্র লোলিটা ও হামবার্টের মধ্যকার সম্পর্কের তুলনা করলে বোধকরি খুব অসঙ্গত হবে না। ফ্লোরেন্তিনো ছিল ভিকুনার স্থানীয় অভিভাবক, অন্যদিকে হামবার্ট লোলিটার সান্নিধ্য লাভের জন্য বিয়ে করে মেয়েটির মাকে, সেই হিসাবে লোলিটা পরিনত হয় হামবার্টের সৎকন্যায়। কলেরা উপন্যাসে ভিকুনা বহু চরিত্রের একটি পার্শ্বচরিত্রমাত্র, আর নবোকভের উপন্যাসে লোলিটা ছিল মূল চরিত্র। উভয় চরিত্রের সাথে অসমবয়সী দুই পুরুষের শারীরিক সম্পর্কের সূত্রটা সমান্তরাল। লোলিটা একসময় হামবার্টের কাছ থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে এবং শেষপর্যন্ত মারা যায়। কৈশোরোত্তীর্ণ ভিকুনা পিতামহের বয়সী ফ্লোরেন্তিনোকে হয়তো সত্যিকার ভালবেসে ফেলেছিল। ওর আত্মঘাতী হওয়ার দ্বিবিধ কারণের মধ্যে হতে পারে ফারমিনার প্রতি ফ্লোরেন্তিনোর পুনর্জাগরিত পুরনো প্রেম কিংবা বয়স্ক একটি লোকের সাথে বিবমিষা উদ্রেককারী সম্পর্কের পঙ্কিল আবর্তে নিহত ওর সোনালী কৈশোরের স্বপ্ন। সমাজের কাছে অগ্রহণযোগ্য হলেও লোলিটার জন্য হামবার্টের প্রেম ছিল অকৃত্রিম, অন্যদিকে ভিকুনার সাথে ফ্লোরেন্তিনোর সম্পর্কের মধ্যে শরীরের অধিক কিছু ছিল না। তবু আমরা দেখতে পাই, ভিকুনার আত্মহত্যার খবরটা যখন ফ্লোরেন্তিনোর কাছে পৌঁছায়, তখন সে ফারমিনার সাথে নৌবিহারে। তবু 'এক সময় আমেরিকা ভিকুনার জন্য আকস্মিক তীব্র অনুশোচনা আর বেদনায় কুঁকড়ে ওঠে ও, সত্যকে আর ঠেকিয়ে রাখতে পারে না: বাথরুমে ঢুকে দরজা আটকে শেষ অশ্রুবিন্দু পর্যন্ত ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কাঁদে ও। ঠিক তখনই নিজের কাছে স্বীকার করার সাহস হয় যে কতখানি গভীরভাবে ওকে ভালোবেসেছিল সে।' আকাস্মিক আবেগে ভিকুনার প্রতি ভালোবাসার বিলম্বিত উপলব্ধি সত্ত্বেও মেয়েটির জীবনের চূড়ান্ত পরিণতির পেছনের খলনায়ক যে ফ্লোরেন্তিনো, তার কোনো ইঙ্গিত রেখে না যাওয়ায় সে কি নির্ভার বোধ করেনি?

ভিকুনা চরিত্রটি বয়স মার্কেসের আরেক চরিত্র হতভাগিনী কিশোরী এরিন্দিরার কথা স্মরণ করিয়ে দেয়, যে বারো বছর বয়সী কিশোরীর অসাবধানতায় ওদের ঘর পুড়ে যাওয়ার পর ওর একমাত্র ঠাকুরমা ওকে দিয়ে বছরের পর বছর পতিতাবৃত্তি করিয়ে ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা করছিল। উল্লেখ্য নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসেও কুকুরির মতো ছোট ছোট স্তনবৃন্তের এক বর্ণসংকর কিশোরী মেয়ের চরিত্র আছে, যার দাদি তাকে দিয়ে বেশ্যাবৃত্তি করাতো জনপ্রতি কুড়ি সেন্টের বিনিময়ে। এই মেয়েটির কাহিনিও হুবহু এরিন্দিরার মতো। এই মেয়েটির ক্ষেত্রেও ওর অসাবধানতায় মোমবাতির আগুনে ওদের বাড়ি পুড়ে যায়। তাই ওকে নিয়ে ওর দাদি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াত। মেয়েটি হিসেব করে দেখেছে প্রতি রাতে যদি সত্তর জন পুরুষের সাথে ওকে শুতে হয়, তাহলে জনপ্রতি বিশ সেন্ট করে আয় করা গেলে বাড়িটার দাম শোধ করতে ওর দশ বছর লেগে যাবে।


দুঃখভারাতুর বেশ্যাদের স্মৃতিকথা ঔপন্যাসিকাতেও মার্কেস চৌদ্দ বছরের এক দরিদ্র কিশোরীর চরিত্র উপস্থাপন করেছিলেন। মেয়েটির কোনো নাম না থাকলেও কাহিনির কথক ওর নাম দিয়েছিল রোসা। এক সংবাদপত্রকর্মী তার নব্বই বছরের জন্মদিন উদযাপনের জন্য বেশ্যালয়ে ওর জন্য সদ্য আনা চৌদ্দ বছরের একটি কুমারী মেয়ের ঘরে যায়। অনভিজ্ঞতার কারণে মেয়েটি যাতে প্রতিরোধ করতে না পারে, সেজন্য কড়া ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছিল বেশ্যালয়ের মাসী, কিন্তু সারারাত নিরাবরণ ঘুমন্ত মেয়েটির পাশে নগ্ন শুয়ে কিছু না করেই ঘুমিয়ে পড়ে লোকটি। সেদিনের পর সে উপলব্ধি করে যে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে ও। পরের রাতগুলোতেও বেশ্যালয়ে নতুন আসা বোতাম কারখানায় শ্রমিকের কাজ করা রোসার সাথে নব্বই বছর বয়সের বৃদ্ধ চরিত্রের কাল্পনিক ভালোবাসার কাহিনির মধ্যে আবর্তিত গল্পটি। আমরা লক্ষ্য করি আখ্যানে কোনো নির্দিষ্ট সংখ্যা ব্যবহারের মার্কেসীয় প্রবণতা এই উপন্যাসটিতেও আছে। কলেরাতে ফ্লোরেন্তিনোর নোটখাতায় ওর সাথে শারীরিক সম্পর্ক হওয়া মেয়েদের তালিকাতে যেমন ৬২২ জন নারীর নাম ছিল, দুঃখ ভারাতুর বেশ্যাতেও অনামা মূল চরিত্রের খাতায় তালিকাভুক্ত শয্যাসঙ্গিনী নারীদের সংখ্যা ছিল ৫১৪ জন।

কাহিনিটি ইয়াসুনারি কাওয়াবাতার ঘুমন্ত সুন্দরীদের বাড়ি উপন্যাসের সমান্তরাল। এখানে মার্কেসের চরিত্র নব্বই বছরের বৃদ্ধ একটি ঘুমন্ত মেয়ের সাথে কিছু না করেই রাতের পর রাত কাটায়। কাওয়াবাতার উপন্যাসে বৃদ্ধ ইগুচি একটি বাড়িতে যায় যেখানে ঘুমন্ত তরুণীদের সাথে শুয়ে রাত কাটানোর ব্যবস্থা আছে, তবে এটি কোনো বেশ্যালয় নয়। ঘুমন্ত মেয়েগুলোর মতো খদ্দেরদেরও ঘুমের ওষুধ খেয়ে নিতে হয়, কারণ, শর্তানুযায়ী পাশে শুয়ে ঘুমানো ছাড়া আর কোনোভাবেই মেয়েগুলোকে বিরক্ত করা যাবে না। উপন্যাসটি মার্কেসকে প্রভাবিত করেছিল বলেই তিনি তাঁর দুঃখভারাতুর বেশ্যাদের ঔপন্যাসিকাটিতে কাওয়াবাতার উপন্যাসে খদ্দেরদের আচরনবিধিটি এপিগ্রাফ হিসেবে ব্যবহার করেছেন।

৪
জাদুবাস্তবতার ধারণাটিকে সফল ও ব্যাপকভাবে আত্মীকরণের কারণে মার্কেসের লেখার সাথে এই সাহিত্যতত্ত্বটিকে প্রায়ই একীভূত করে ফেলা হয়। এই ধারাটির বিশ্বাসযোগ্য প্রয়োগের কারণেই তাঁর নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসটি পরিণত হয়েছে কালোত্তীর্ণ এক সৃষ্টিতে। সাহিত্যতত্ত্বে অন্তর্ভূক্ত নবসংজ্ঞায়িত এই শৈলি ব্যবহার ও প্রয়োগে মার্কেসের স্বাচ্ছন্দ্যের পেছনে ছিল তাঁর আপন শৈশবের অভিজ্ঞতা। যদিও সালমান রুশদি বিষয়টিকে আরো বড় পরিসরে ব্যাখ্যা দিয়ে মার্কেসের প্রবণতাকে চিহ্নিত করার চেষ্টা করেছেন। তাঁর মতে এককালের উপনিবেশগুলোতে এই ধারার ব্যবহার বেশি, কারণ, এটির মাধ্যমে রাজনৈতিক বক্তব্য যেভাবে উপস্থাপন করা যায়, তা বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যের অন্য শৈলির মাধ্যমে সম্ভব হয় না। তবে মার্কেস খুব সরলভাবেই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জাদুবাস্তবতার ব্যবহার বিষয়ে তাঁর নিজস্ব মনোভাব প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন যে তাঁর প্রধান সমস্যা প্রতীয়মান বাস্তব এবং কল্পনা-এই দুটি বিষয়ের মিলেমিশে একাকার হয়ে যাওয়া। তাঁর কাঙ্ক্ষিত সুরটি ধরার জন্য তিনি পাঁচ বছর অপেক্ষা করে বসেছিলেন। তার পর যে সুরটি খুঁজে পেয়ে তিনি লিখতে শুরু করেন তাঁর অবিস্মরণীয় উপন্যাস একশ বছর, সেটিতে তিনি ব্যবহার করেন তাঁর মাতামহীর কাছ থেকে শোনা গল্পবলার ভঙ্গি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'তিনি যেসব গল্প বলতেন সেগুলো অতিপ্রাকৃত আর উদ্ভট শোনাত, কিন্তু তিনি বলতেন সম্পূর্ণ স্বাভাবিকভাবে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তাঁর চেহারার অভিব্যক্তি। গল্পবলার সময় তাঁর অভিব্যক্তি একেবারেই বদলাত না। আগে যখন একশ বছর লেখার চেষ্টা করি, তখন সেসব বিশ্বাস না করে গল্পটা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু বুঝতে পারলাম, আমাকে যা করতে হবে, সেটা হচ্ছে সেসব নিজে বিশ্বাস করা এবং আমার ঠাকুরমা চেহারায় ইটের মতো যে অভিব্যক্তি নিয়ে গল্পগুলো বলতেন, সেভাবেই সেসব লিখে ফেলা।'

ঠিক এভাবেই মার্কেস তাঁর বিভিন্ন গল্প-উপন্যাসে জাদুবাস্তবতার বিষয়টিকে সত্যের মতো করে তুলে এনেছেন। তবে যে বিষয়টির ব্যবহার মার্কেসের একটা পরিচিত বৈশিষ্ট্য, যার প্রবহমান ধারা আমরা দেখতে পাই একশ বছর উপন্যাসে, কলেরাতে সেই জাদুর প্রভাব সমভাবে না থাকলেও যেসব অংশ ও বর্ণনায় বিষয়টির দেখা পাওয়া যায়, তার দৃষ্টান্তও কম নয়।
যেমন, অসুস্থ ফারমিনাকে পরীক্ষা করার জন্য উরবিনোকে যখন ডেকে নেওয়া হয়, সেবাড়িতে ঢুকে ডাক্তার দেখতে পায় 'কার্নিশে কার্নিশে কারনেশন ফুলের টব, আর উঠোনে বিচিত্র সব পাখির খাঁচা। সবচেয়ে অদ্ভুত ছিল মস্ত বড় একটা খাঁচায় তিনটে কাক, সেগুলো পাখা ঝাড়া দিতেই সমস্ত জায়গাটা এক অপরিচিত সুঘ্রাণে ভরে যাচ্ছিল।' লক্ষণীয়, উদ্ধৃতির প্রথম বাক্যটি বাস্তব বর্ণনা হলেও দ্বিতীয়টি তাঁর জাদু।

ডাক্তার উরবিনোর সাথে বাগদান হয়ে যাওয়ার পর ওদের ভবিষ্যৎ অসম সম্পর্কের বিরোধিতা করে যখন কিছু বেনামী চিঠি পাচ্ছিল ফারমিনা, তখন একটা কালো পুতুলও পায়। শুইয়ে দিলে চোখ বুঁজে ফেলা পুতুলটাকে নিয়ে রাতে ঘুমানোর অভ্যেস হয়ে গিয়েছিল ওর। 'একদিন ক্লান্তিকর একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠার পর ও দেখতে পায় পুতুলটা বড় হয়ে উঠছে: ওর চমৎকার পোশাকটা ছোট হয়ে হাঁটু পর্যন্ত উঠে এসেছে, পায়ের চাপে ফেটে গেছে জুতোজোড়া।'
কলেরার মতো আরেকটা রোগের প্রাদুর্ভাবকে মার্কেস তুলে এনেছেন তাঁর জাদু ও বাস্তবতার মিশেলে, 'অণ্ডকোষের হার্নিয়ার কারণ হিসেবে চৌবাচ্চার জলকে বহুদিন থেকেই বিশেষ সম্মানের সাথে দেখত বলে রোগটাকে নিয়ে নগরীর মানুষ বিশেষ বিব্রত ছিল না। বরং এটার মধ্যে একধরনের দেশপ্রেমের অহংকার বোধ করত তারা। উরবিনো যখন প্রাইমারি স্কুলে, তখন লোকজনকে তপ্ত দুপুরে বিশাল অণ্ডকোষকে ঘুমন্ত শিশুর মতো দুপায়ের মধ্যে নিয়ে বাড়ির দোরগোড়ায় বসে পাখা নেড়ে হাওয়া করতে দেখে ভয়ের শিহরণ অনুভব করত। বলা হতো ঝড়ের রাতে তাদের হার্নিয়া থেকে বিষণ্ণ পাখির শিসের শব্দ ওঠে, আর কাছাকাছি কোথাও কেউ বাজপাখির পালক পোড়ালে অসহ্য ব্যথায় কুঁকড়ে যায় ওরা।'

যে তোতা পাখিটার কারণে ডাক্তার উরবিনোর মৃত্যু ঘটে, সেই তোতা পাখিটির কর্মকাণ্ডও জাদুবাস্তবতাময়। অ্যাকাডেমিশিয়ানের মতো ফরাসি ভাষায় পাখিটার কথা বলা, ল্যাটিন ভাষায় ধ্রুপদি সংগীত গাওয়া, জার্মান কুকুরের গলায় ঘেউ ঘেউ করে চোর তাড়ানো, ডাল থেকে নেমে আসার জন্য স্প্যানিশ, ফরাসি এবং ল্যাটিন ভাষায় পাখিটাকে উরবিনোর তোষামোদ, তোতাপাখির গলায় পাগলের মতো হো হো হাসি, কিংবা 'লিবারেল পার্টি জিন্দাবাদ' ধ্বনি-এরকম অবিশ্বাস্য বর্ণনা মার্কেসীয় জাদুবাস্তবতায় সত্যের মতো বলেই মনে হয়। কিংবা ফ্লোরেন্তিনোর কথা মন থেকে তাড়ানোর জন্য ফারমিনাকে নিয়ে ওর বাবা লোরেঞ্জা দাসার বিপদসংকুল অবর্ণনীয় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘটনাটাকেও মাঝে মাঝে এতই অবিশ্বাস্য বলে মনে হয় যে সেসব বাস্তব হলেও অলীক বলে মনে হয়। উপন্যাসের শেষ পরিচ্ছদে কালামার শহরের পাশ দিয়ে ওদের বহনকারী জাহাজ যাওয়ার সময় রুমাল নাড়ানো সাদা পোশাকের নারী বা কাপ্তানের কথিত প্রেতিনী, কিংবা জাহাজের সর্বশেষ গন্তব্য লা ডোরাডায় দেখা যাওয়া অতিবৃদ্ধ লোকটির জোব্বার পকেট থেকে ভেলকিবাজির মতো মুঠো মুঠো অগুনতি মুরগির বাচ্চা ছেড়ে দেওয়া-এসব দৃশ্যাবলীর সন্নিবেশও কম নয়। এই সব উদাহরণ অলীক জেনেও পাঠক তাঁর বর্ণনার ঐন্দ্রজালিক ঘোরের ভেতর আচ্ছন্ন হয়ে পড়ে, কারণ, মার্কেস সেসব বিশ্বাসযোগ্য করার জন্য ব্যবহার করেন তাঁর নিজস্ব কৌশল।

কলেরা উপন্যাসে মার্কেস যে কেবল তাঁর বাবা-মায়ের প্রেমকাহিনি অবিকৃত অবস্থায় তুলে এনেছেন, তা নয়, নিজের জীবনের কিছু অধ্যায়ও তিনি যোগ করেছেন এখানে। তাঁর জীবনের প্রেম ও বিয়ের ইতিহাস থেকে আমরা জানি, মার্সেদেস বার্চার সাথে মার্কেসের যখন প্রথম দেখা হয়, তাঁর বয়স তখন নয় বছর, আর মার্কেসের চৌদ্দ। প্রথম দর্শনেই 'নীল নদের সাপের মতো' গোপন সৌন্দর্যে ভরপুর এই কিশোরীকে তাঁর ভালোলাগা ক্রমে ভালোবাসায় পরিনত হয়। মার্কেস যখন আঠার বছরের লায়েক এক তরুণ, তখন একটা নাচের অনুষ্ঠানে তেরো বছরের মের্সেদেসকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। বলাবাহুল্য, তাঁর এই প্রস্তাবকে বাস্তবে পরিণত করার জন্য চৌদ্দ বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। দীর্ঘ এই পূর্বরাগের সময়ে তাঁদের পরস্পরের সাথে দেখাসাক্ষাৎ কমই হয়েছে, বেশিরভাগ যোগাযোগ ঘটতো চিঠিপত্রে। ফ্লোরেন্তিনো ও ফারমিনার মতো তাঁরাও এই সময় পরস্পরের ভালোবাসার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেছিলেন। উপন্যাসের এই দুই প্রধান চরিত্রের প্রেমকাহিনিটাই জাদু ও বাস্তবতার এক অমর গাথা যেন। এখানে জাদুহীন বাস্তবতা ছিল গ্যাব্রিয়েল এলিসিও গার্সিয়া এবং লুইসা সান্তিয়াগা মার্কেস ইগুরানের গোপন প্রনয় ও পরিণয়ের চূড়ান্ত পরিণতি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও মার্সেদেস বার্চার চৌদ্দ বছরের প্রেম ও পরিণয়ও ছিল আরেক বাস্তব। নিজের জীবনের দুই পর্বের এই বাস্তবকেই তিনি তুলে এনেছেন কলেরা উপনাসে।

অলীক কল্পনাকে বাস্তবের মতো বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মার্কেসের কায়দা ছিল সুনির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে সেটিকে প্রতিষ্ঠিত করা। যেমন ফ্লোরেন্তিনোর প্রতীক্ষার দীর্ঘ অর্ধ শতাব্দীর হিসেব দিতে গিয়ে তিনি লিখেছেন 'তিপান্ন বছর সাত মাস এগার দিন'। একইভাবে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কে আসা নারীদের সংখ্যা নির্দিষ্ট করে বলেছেন, ছয়শ বাইশ জন। তাঁর এই প্রবণতা অন্য উপন্যাসেরও পাওয়া যায়। যেমন একটি পূর্বঘোষিত মৃত্যুর কালপঞ্জি উপন্যাসে 'বাইশ জন' মানুষ শুনেছিল সান্তিয়াগো নাসারকে হত্যার ঘোষণা, কিংবা বায়ার্দোর কাছে অ্যাঞ্জেলার 'দুই হাজার' চিঠি লেখা। আর যার নামটিই শুরু হয় সংখ্যা দিয়ে, সেই একশ বছর উপন্যাসের মাকন্দোতে বৃষ্টি হয় ঠিক 'চার বছর এগার মাস দুই দিন।' কিংবা কামিলা নামের আদিবাসী এক খাদক মহিলার সাথে খাওয়ার প্রতিযোগিতায় নেমে সেগুন্দো আউরেলিয়ানো যেমন খেয়ে ফেলে 'পঞ্চাশটা কমলার রস, আট লিটার কফি আর ত্রিশটা কাঁচা ডিম।'
উপন্যাসে দীর্ঘ অর্ধ শতাব্দীর বিচ্ছেদের মধ্যে ফ্লোরেন্তিনোর ধৈর্য্যশীল প্রতীক্ষাও ছিল জাদু, আর তাদের পুনরুত্থিত প্রেমটা ছিল বাস্তবতা। যে দুটো অবিশ্বাস্য বিষয়কে দীর্ঘ পঞ্চাশ বছরের কালপরিক্রমায় বিস্তৃত করে সফলভাবে টেনে নিয়ে যাওয়ার সাহস করেছেন মার্কেস: তার একটি হচ্ছে, ছয় শতাধিক নারীর সাথে ফ্লোরেন্তিনোর প্রেমবর্জিত যৌনজীবন, আরেকটি ফারমিনার সাথে যৌনতাবিহীন পুষে রাখা প্রেম।

সেইসাথে যে বিষয়টি এক অমোঘ সত্যের মতো প্রতিষ্ঠা করেছেন মার্কেস, সেটি হচ্ছে ফারমিনার অবচেতনে ফ্লোরেন্তিনোর জন্য জেগে থাকা প্রেম। তার প্রথম স্বীকারোক্তি পাওয়া যায়, উরবিনো যেদিন মারা যায় সেদিন। উরবিনোর শেষকৃত্যানুষ্ঠানের শেষে ফ্লোরেন্তিনোর প্রেম নিবেদনকে কঠোরভাবে প্রত্যাখ্যান করার পর ফারমিনা একাকী শূন্যশয্যায় রাত কাটায়। ভোরে জেগে উঠে সে 'উপলব্ধি করে যে … ঘুমের ভেতর কান্নার মধ্যে নিজের মৃত স্বামীর কথা যত না ভেবেছে, তার চেয়ে বেশি ভেবেছে ফ্লোরেন্তিনো আরিজার কথা।' ফ্লোরেন্তিনোর প্রতি অবচেতনের এই সুপ্ত ভালোবাসার প্রকাশ তাদের দীর্ঘ বিবাহিত জীবনে কখনোই ঘটেনি। তবে, বহু কসরৎ করার পর উরবিনো যখন ফারমিনাকে বিয়ে করতে সমর্থ হয়, তাদের বিয়ের প্রথম রাতেই উরবিনোর মনের কথা আমাদের জানিয়ে দেন লেখক, 'সে যে ওর [ফারমিনা] প্রেমে পড়েনি এব্যাপারে সচেতন ছিল ও। সে [উরবিনো] ওকে বিয়ে করেছিল ওর অহঙ্কারী স্বভাব, গাম্ভীর্য আর ওর ভেতরের শক্তিমত্তাকে পছন্দ করেছিল বলে। তাছাড়া তার নিজেরও কিছুটা গোমর ছিল …।' উরবিনোর এমন মনোভাবের আরো পরিচয় পাওয়া যায় ওদের বৃদ্ধ বয়সে। ফারমিনা যখন বিভিন্ন কারণে স্বামীর ওপর বেশ বীতশ্রদ্ধ, একদিন মরিয়া হয়ে বলে ফেলেছিল, 'তুমি বুঝতে পার না, কতখানি অসুখী আমি।' উরবিনো শান্ত কণ্ঠে বলেছিল, 'সবসময় মনে রেখো, একটা ভালো বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুখ নয়, স্থিতিশীলতা।' সেই স্থিতিশীলতা উরবিনোর মধ্যে খুঁজেছিল ফারমিনার বাবা লোরেঞ্জো দাসা। মূলত উরবিনোর মৃত্যুর পর তাকে যেন আরো বেশি করে চিনতে পারছিল ফারমিনা। চিনতে পেরেছিল বলেই 'ওরা দুজনই যথেষ্ট দীর্ঘ যাপিত জীবনে জেনেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় প্রেম প্রেমই, তবে মৃত্যুর যত কাছাকাছি আসতে থাকে তত নিরেট হয়ে ওঠে তা।'


৫
অধিকাংশ ল্যাটিন আমেরিকান লেখকের মতো রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে মার্কেসেরও ঝোঁক ছিল বামপন্থার প্রতি। সমাজতন্ত্রী কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি ছিল তাঁর অগাধ শ্রদ্ধা। সমবয়সী হওয়ার সুবাদে তাঁদের মধ্যে বন্ধুত্বও হয়েছিল। কিউবার বিপ্লবের প্রতি তাঁর সমর্থন থাকা সত্ত্বেও সেই অঞ্চলের কমিউনিস্টদের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধাবোধ ছিল না, কারণ তিনি মনে করতেন ওদের আন্দোলন রাশিয়ার ধাঁচে গড়া, যা ল্যাটিন আমেরিকার সামাজিক বাস্তবতার সাথে খাপ খায় না। অনুন্নত দেশে পুঁজিবাদী শোষণের উদারহরণ হিসেবে মার্কেসের বিভিন্ন লেখায় কলাম্বিয়া সহ মধ্য আমেরিকার বহু দেশে ইউনাইটেড ফ্রুট কোম্পানির নব্য উপনিবেশবাদী আচরণের বর্ণনা পাওয়া যায়। এসময় বড় ভূস্বামী, সেনাবাহিনী ও ধর্মনেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় পাশ্চাত্যের বহুজাতিক কোম্পানিগুলো ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে বসেছিল। সেকারণে শোষিত দেশগুলোর লেখকদের বড় একটা অংশ বামপন্থার দিকে ঝুঁকেছিলেন, মার্কেসও তার ব্যতিক্রম ছিলেন না। ল্যাটিন আমেরিকার মতো দরিদ্র দেশগুলোতে পশ্চিমী অর্থনৈতিক আগ্রাসনের বিষয়ে মার্কেসের মনোভাব ছিল বিপ্লবী ধরনের। মার্লিস সাইমনসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'ল্যাটিন আমেরিকা নিয়ে গতানুগতিক ধারণা আমাকে ভাঙতে হবে। মহাশক্তিধর দেশগুলো সহ অন্যান্য বহিরাগতরা শতাব্দীভর যেভাবে আমাদের নিয়ে যুদ্ধ করেছে, সেটা আমাদের সমস্যার সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। বাস্তবে আমরা সবাই নিঃসঙ্গ।' তাঁর এই রাজনৈতিক অবস্থানের কারণে প্রায় দশ বছর তাঁকে আমেরিকায় যাওয়ার ভিসা দেওয়া হতো না। অবশেষে কলাম্বিয়া ইউনিভার্সিটি যখন তাঁকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় (১৯৭১), তখন তাঁকে আবার আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া হয়।

উপন্যাসটির প্রথমদিকে বিখ্যাত তোতাপাখিটির যশ বর্ণনা করতে গিয়ে উদাহরণ দেওয়া হয়, রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত কলাম্বিয়ার প্রেসিডেন্ট মার্কো ফিদেল সুয়ারিসও এই বিস্ময়পাখিটিকে দেখতে সপারিষদ ডা: উরবিনোর বাড়িতে এসেছিলেন। সেই ঘটনার বর্ননার মধ্যে কিছুটা ব্যঙ্গও মিশ্রিত ছিল। 'তাঁরা এসেছিলেন বিকেল তিনটার দিকে, আগুনের মতো তেতে থাকা আগস্টে তাঁদের পরনে ছিল সরকারি সফরে গত তিন দিন ধরে পরে থাকা দম বন্ধ করা ফ্রক কোট আর উঁচু টুপি।' তবে এই রাষ্ট্রিয় অতিথিকে যথাযোগ্য সম্মান দেখাতে পারেননি মার্কেস বা উরবিনো, কারণ পাখিটি শত অনুরোধ, হুমকি এবং মালিকের প্রকাশ্য হেনস্তা উপেক্ষা করে অতিথিদের সম্মানে একটি ধ্বনিও উচ্চারণ করেনি। ঘটনাটির মধ্যে মার্কেস মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি তাঁর অনাস্থা ও অসহযোগিতাই দেখাতে চেয়েছেন।

এভাবেই মার্কেসের রাজনীতি, ইতিহাস ও শ্রেণী সচেতনতার প্রমাণ এই উপন্যাসে এসেছে বিভিন্ন অনুসঙ্গে। স্পেনীয় শাসনামল এবং পরবর্তী সময়ের চিত্র, সাধারণ মানুষের দারিদ্র্য, ঔপনিবেশিক যুগের দাস প্রথার অস্তিত্ব, সমাজের প্রভাবশালীদের কাছে ধর্মীয় নেতাদের নতজানু মনোভাব এবং নব্যধনী উচ্চশ্রেণীর সৌখিন ও অপচয়ী জীবনযাত্রার বয়ান তুলে দিয়েছেন তাঁর নিজস্ব ভঙ্গিমায়। নিচের উদ্ধৃতিতে তৎকালীন কলাম্বিয়ার সামাজিক অবস্থা ও ইতিহাস উঠে আসে:
"শনিবারগুলোতে দরিদ্র দোআঁশলা মানুষেরা তুমুল হাঙ্গামায় জলার ধারে টিন আর কার্ডবোর্ডের খুপরিগুলো ছেড়ে গৃহপালিত পশু আর রান্নার তৈজষপত্র নিয়ে বিজয়োল্লাসে দখল করে নিত ঔপনিবেশিক এলাকার পাথুরে সৈকত। মাত্র কয়েক বছর আগেও ওদের মধ্যে বয়স্কদের কেউ কেউ জ্বলন্ত লোহা দিয়ে পুড়িয়ে ওদের বুকে এঁকে দেওয়া রাজকীয় দাসত্বের চিহ্ন বহন করত। ছুটিরদিনে ঘরে তৈরি মদ খেয়ে অন্ধ হয়ে নির্দয়ভাবে নাচত ওরা, ডুমুর গাছের নিচে উন্মত্তের মতো সঙ্গম করত, রবিবার মধ্যরাতে নিষ্ঠুর অবাধ লড়াইয়ের মধ্যে ওরা শেষ করত উৎসব। সপ্তাহের বাকি সময় সেই একই বেগবান মানুষের দল পুরনো লোকালয়ের চক আর অলিগলিতে বিক্রি করার মতো পসরা নিয়ে ঝাঁকবেঁধে ঢুকত, আর মৃত নগরীতে সঞ্চার করত শুটকির উৎকট গন্ধের মানবমেলার মধ্য দিয়ে এক নতুন জীবন।"

ফ্রান্স থেকে ফিরে আসার পর নগরীর পরিবেশের যে করুণ অবস্থা দেখে উরবিনো, তার উৎসমূল স্পেনীয় ঔপনিবেশিক আমল থেকেই প্রোথিত। সরকারি উদ্যোগ কিংবা গির্জার ধর্মাচার, কোনো কিছুই এই অবস্থা পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারেনি। লিবারেল আর কনজারভেটিভদের মধ্যকার দ্বন্দ্ব বহু বছর ধরে চলে আসছিল। তবে এই দ্বন্দ্বে রাজনীতির চেয়ে বেশি ছিল সামাজিক শ্রেণীবিভেদ। ডা: লাসিদেস অলিভেজার বাড়িতে নগরীর গন্যমান্য নাগরিকদের সমাগমে লাঞ্চের সময় দুই বিবদমান দলের রাজনীতিবিদদের একই টেবিলে বসে খাওয়ার ঘটনাকে আর্চবিশপের কাছে বিশেষ গুরুত্ববহ মনে হলেও উরবিনো তার সাথে একমত নয়। ওর মনে হয়েছে, এই পার্টিতে যারা একসাথে বসেছে তারা তাদের রাজনৈতিক মতবাদের ভিত্তিতে আসেনি, আমন্ত্রিত হয়েছে এবং এসেছে তাদের সামাজিক ও বংশ পরিচয়ের ভিত্তিতে।
শ্রেণী বিভাজনের এমন ইঙ্গিত আমরা প্রথমেই দেখি যখন উচ্চবিত্ত শ্রেণীর চিকিৎসক ডা: উরবিনো ওর বন্ধু জেরেমাইয়ার শেষ চিঠিতে উল্লেখিত ক্রিতদাসপাড়ায় গিয়ে সেখানকার দারিদ্র্যপীড়িত মানুষের জীবনযাপনের অবস্থা এবং নিজের শ্রেণীর সাথে তাদের বৈপরীত্য প্রত্যক্ষ করে। কলেরা মহামারি যে কেবল দরিদ্র কৃষ্ণাঙ্গ মানুষদের আক্রান্ত করে তা নয়, এটি যে শ্রেণী বা বর্ণ, ধনী বা নির্ধন বিচার করে না, সেকথাও স্মরণ করিয়ে দেন মার্কেস। সামাজিক শ্রেণীবৈষম্যের কারণেই ফ্লোরেন্তিনোকে ফারমিনার কাছে ঘেঁষতে দিতে রাজি হচ্ছিল না ওর বাবা লোরেঞ্জো। একই কারণে ধনশালী হওয়ার পরও পিতৃপরিচয়হীন ফ্লোরেন্তিনোর প্রবেশাধিকার ছিল না স্থানীয় অভিজাত ক্লাবে। উপন্যাসে আমরা দেখতে পাই উরবিনোর সাথে বৈবাহিক সম্পর্ক হওয়ার আগে ফারমিনা কিছু বেনামী চিঠি পায়। সেসব চিঠিতে নগরীর অভিজাত ও কাম্য পুরুষটিকে বিয়ের মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখলে তার পারিবারিক অবস্থানের কথা সবার কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। অথচ যে উচ্চবিত্ত পরিবারের মহিলারা ফারমিনার প্রতি তাচ্ছিল্যের মনোভাব পোষণ করে আসছিল, উরবিনোর সাথে বিয়ের পর তারাই ওর মাধুর্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কাছে হার মানে।

কেবল সামাজিক বা অর্থনৈতিক শ্রেণীবিভাজনের মধ্যে মার্কেসের প্রয়াস সীমাবদ্ধ ছিল না, নারী-পুরুষের বৈষম্য তথা পুরুষশাসিত সমাজে নারীদের অবস্থান সম্পর্কেও তাঁর মানোভাব ছিল অপ্রচ্ছন্ন। ফারমিনাকে আমরা প্রথমে দেখতে পাই স্বেচ্ছাচারী চরিত্র ও সন্দেহজনক অতীতের অধিকারী পিতার দুঃশাসনের পিষ্ট হতে হতে বিদ্রোহী হয়ে উঠতে। পরবর্তী সময়ে সে এসে ঢোকে স্বামীরূপী আরেক পুরুষের কয়েদখানায়। নিজের সম্পর্কে ফারনিমার মূল্যায়ন ছিল এমনই। এমনকি ওর প্রথম সন্তান হওয়ার পর ওর মনে হয়েছিল ওর শরীর ছেড়ে বের হয়ে যাওয়া বস্তুটি ওর নয়, একসময় মনে হতে থাকে যে বাচ্চাটার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ অনুভব করছে না ও। উরবিনোকে মেনে নেওয়ার পরও স্বামী হিসেবে ওর প্রতি একসময় ফারমিনার এমন গভীর বীতশ্রদ্ধা জন্মায় যে কখনো অন্তর দিয়ে লোকটির মৃত্যুকামনাও করেছে সে। এই গোপন যাতনার সাথে যুক্ত হয়েছিল শাশুড়ির প্রচ্ছন্ন ভর্ৎসনা ও শাসনের চেষ্টা। মাঝে মাঝে নিঃসীম রাতগুলোতে ওদের বাড়ির পাশের পাগলা গারদের মহিলা বাসিন্দাদের চিৎকারে নিজেকেও ওদের মতো মনে হতো। পিতার পর স্বামীর কর্তৃত্বের অধীনস্থ হয়ে স্বাধীনতার জন্য ফারমিনার ভেতরের নীরব চিৎকার মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ত ওদের বিগতযৌবনের দাম্পত্যে। একদিন প্রার্থনার পর উরবিনো তার মৃত্যুর আশঙ্কা করলে ফারমিনা জবাব দেয় যে সেটাই হবে সবচেয়ে ভালো, তাহলে দুজনেরই শান্তি হয়। আগেও অসুস্থতার মধ্যে উরবিনোর এমন আশঙ্কার জবাবে ফারমিনার জবাব ছিল একই। পুরুষশাসিত সমাজে নারীদের অবস্থান ও মরিয়া মনোভাব এভাবেই নিরাসক্তির মোড়কে উপস্থাপন করেছেন মার্কেস।
উপন্যাসটির মধ্যে ফারমিনার মধ্যে পুরুষ-কর্তৃত্বের শৃঙ্খল ভাঙার আকুতি, স্বামীর আচরণের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তার মৃত্যুকামনা এবং পিতার সংসারের পর স্বামীর সংসারে এসেও সেটিকে কারাগারের মতো মনে হওয়া এবং নিজেকে একজন 'মর্যাদাসম্পন্ন গৃহ পরিচারিকা'র মতো মনে হওয়া– এসবই নারীবাদীদের দৃষ্টিতে প্রশংসিত উপাদান। উপন্যাসের একেবারে শেষভাগে ফ্লোরেন্তিনোর সাথে ফারমিনার 'অনন্ত' নৌবিহারের পর্বে একাধিক প্রসঙ্গে মাদী শুশুকদের বড় বড় স্তনবৃন্ত দিয়ে বাচ্চাদের খাওয়ানো, শুশুকই প্রাণীকুলের একমাত্র পুরুষ সঙ্গীহীন প্রাণী বলে ক্যাপ্টেন সামারাতিনোর পৌরাণিক বিশ্বাস এবং রাতের বেলায় পরিত্যক্ত নিঃসঙ্গ নারীর কণ্ঠে ওদের কান্না– এসবই শুশুককুলের মধ্য দিয়ে একটা নারীবাদী আবহ সৃষ্টি করেন মার্কেস। পুরুষ শিকারীদের দৌরাত্ম্য ও সভ্যতার যান্ত্রিকতার অভিঘাতে বিলুপ্ত শুশুকদের বর্ননা মাতৃতান্ত্রিক সমাজ এবং নারীদের মাতৃরূপের বিপন্নাবস্থার ইঙ্গিত বহন করে।

ধর্মগুরু কিংবা ধর্মীয় নেতাদের ভেতরকার অস্বচ্ছতা ও বৈপরীত্য নিয়ে ইঙ্গিত করার মার্কেসীয় প্রবণতা কেবল কলেরা উপন্যাসে নয়, তার নজির ছড়িয়ে আছে তাঁর অন্যান্য লেখাতেও। একটি পূর্বঘোষিত মুত্যুর দিনপঞ্জিতে আর্চবিশপের জন্য যৌনক্ষমতা বর্ধক মোরগঝুঁটির স্যুপের জোগাড়যন্ত্রের বর্ণনা আছে। কলেরা উপন্যাসে আমরা জানতে পারি যে আর্চবিশপ দান্তে দে লুনার মৃত্যু ভুল করে বা না জেনে বিষাক্ত ব্যাঙের ছাতা খেয়ে ফেলার কারণে ঘটেনি। তিনি জেনেশুনেই খেয়েছেন যাতে তাঁর মৃত্যু হয়, কারণ বিধবা নাজারেত তাঁকে হুমকি দিয়েছিল, তিনি যদি তাকে ধর্মবিগর্হিত প্রেম নিবেদন বন্ধ না করেন তাহলে সবার কাছে তাঁর কীর্তির কথা ফাঁস করে দেবে সে।
আমাদের স্মরণে আছে, ফ্লোরেন্তিনোর কাছে প্রেমপত্র লেখার 'অপরাধে' ফারমিনাকে স্কুল থেকে বহিষ্কার করেছিলেন যে সিস্টার, প্রভাবশালী ডা: উরবিনোর হয়ে আর্চবিশপ সেই সিস্টারকেই দূতিয়ালী করতে পাঠিয়েছিলেন ওর কাছে। প্রস্তাবটা ছিল এমন যে ও যদি উরবিনোকে বিয়ে করতে রাজি হয় তাহলে আবার স্কুলে গ্রহণ করা হবে ওকে এবং আগের সব অপরাধ মুছে ফেলা হবে, যাতে পড়াশোনা শেষ করতে পারে ও। গির্জাকেও যে সামাজিক ও অর্থনৈতিক চাপের কাছে নতিস্বীকার করতে হয়, এই বাস্তবতার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত দিতে দ্বিধা করেননি মার্কেস।
বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে ডা: উরবিনোর লক্ষ করে যে ফারমিনা শুতে যাওয়ার আগে প্রার্থনা করে না। ফারমিনা স্বামীর কাছে অবলীলায় স্বীকার করে যে নানদের কপটতা ওর মনে আনুষ্ঠানিক ধর্মাচারের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে। তারপর সে জানায়, ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ রাখতেই ও পছন্দ করে বেশি। ধর্মীয় স্কুলে পড়ার সময় থেকেই সে নিশ্চিত হয় যে গির্জার নারী-পুরুষগুলোর মধ্যে ঈশ্বর-অনুপ্রাণিত কোনো পূণ্যবোধ নেই।
ঔপনিবেশিক আমল থেকে শুরু করে নগরায়ন এবং বাণিজ্যিকীকরণের নামে পরিবেশের বিপর্যয় এবং তার তাণ্ডবে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে মার্কেস লেখেন, 'বিশ্বের বড় নদীগুলোর একটা জলরাশির জনক মাগদালেনা এখন স্মৃতির একটা মরিচীকা মাত্র। … পঞ্চাশ বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে বন উজাড় করে নদীকে ধ্বংস করে দিয়েছে ওরা। … প্রথম ভ্রমণের সময় বিশাল বৃক্ষরাজির যে জঙ্গল দেখে বিস্মিত হয়েছিল আরিজা, এখন সেখানে কেবল ভস্মীভূত সমতল ভূমি, স্টিমারের বয়লার গিলে ফেলেছে বিস্তীর্ণ জঙ্গল, দেখা যায় পা-ববর্জিত গ্রামগুলোর ধ্বংসস্তুপ, প্রচণ্ড খরার দিনেও যার রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকে।' বনভূমি ধ্বংসের সাথে নিশ্চিহ্ন হয়েছে প্রাণীকুল। নিশ্চিহ্ন বনাঞ্চলের সাথে বিপন্ন প্রাণীকুলের কথাও উল্লেখ করেছেন মার্কেস, 'কুমিরের পাল যখন শেষ প্রজাপতিটাও খেয়ে ফেলে, মাতৃসুলভ শুশুকগুলো উধাও হয়ে যায়, টিয়া পাখির ঝাঁক, বানরকুল আর গ্রামগুলো যখন নিশ্চিহ্ন হলো' তখনই সব শেষ।

নদী ও বনরাজির এই ভয়াবহ পরিণতি দেখে ফ্লোরেন্তিনো বুঝতে পারে, অবস্থা এমন দাঁড়িয়েছে যে 'একটা নতুন নদী নিয়ে আসা ছাড়া এখন আর কারোরই কিছু করার নেই।' নিজের সমাজতান্ত্রিক চিন্তাধারায় সবকিছু ভেঙেচুরে একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন ফ্লোরেন্তিনোর ভাবনার ভেতর এভাবেই সঞ্চারিত করেছেন মার্কেস। ঔপনিবেশিকতা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার কারণে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে, তার উপশমের জন্য মানুষের একক প্রচেষ্টায় এখন আর কিছু করা সম্ভব নয়, যদি কিছু পরিবর্তন আনতে হয়, তাহলে পুরনো সবকিছুকে বাতিল করে নতুনভাবে শুরু করতে হবে। মাগদালেনা নদীতে নৌবিহারের অনিশ্চিত যাত্রায় স্টিমারে ক্যাপ্টেন সামারাতিনোর বর্ণনায় এক মার্কিন শিকারীর মাদী শুশুক শিকারের নিষ্ঠুর বর্ণনাতেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মার্কেসের মনোভাব স্পষ্ট।
নোবেল ভাষণেও উন্নয়নশীল দেশে দেশে ধ্বংসযজ্ঞের জন্য উন্নতবিশ্বের দেশগুলোকে দায়ী করতে ছাড়েননি মার্কেস। তিনি বলেছিলেন,
'প্রত্যেক বছর, মৃত্যুসংখ্যার চেয়ে সাত কোটি চল্লিশ লাখ বেশি শিশুর জন্ম হয়; প্রতি বছর নিউইয়র্কের মোট জনসংখ্যার সাতগুণ বেশি সংখ্যক নতুন জীবন বৃদ্ধি পায়। এই জন্মহারের বেশিরভাগ অবশ্যই লাতিন আমেরিকার সেই সব দেশে ঘটে– যে দেশগুলো কম সম্পদের অধিকারী। অন্যদিকে, সবচেয়ে সমৃদ্ধিশালী দেশগুলো ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ক্ষমতার পাহাড় গড়তে সফল হয়েছে। ক্ষমতাটা হলো, যেসব মানুষ আজকের এই দিনে টিকে আছে, কেবল তারাই নয়, বরং সমগ্র জীবিত প্রাণী যারা, এই দুর্ভাগা গ্রহে কখনো শ্বাস টেনেছে, তাদেরও নির্মূল করা।'
উপন্যাসটিতে মার্কেস মৃত্যুর বিপরীতে জীবনের, বিচ্ছেদের পর শাশ্বত ভালোবাসার, জরা বিরোধী অনন্ত যৌবনের জয়গান রচনা করতে চেয়েছেন। ভালোবাসাকে তিনি উপস্থাপন করতে চেয়েছেন কলেরা মহামারির সাথে একীভূত করে। এই রোগে আক্রান্ত ফ্লোরেন্তিনো কৈশোরোত্তীর্ণ ফারমিনাকে দেখে প্রেমে পড়ার পর ওর যে প্রতিক্রিয়া হয়, সেটা দেখে ওর মা ব্যাপারটা আঁচ করতে পারে। তবে ক্ষুধামান্দ্য ও অনিদ্রার অতিরিক্ত অন্যান্য উপসর্গগুলো দেখে কিছুটা শঙ্কিত হয়েই ফ্লোরেন্তিনোর ধর্মপিতা বৃদ্ধ হোমিওপ্যাথকে ডেকে আনে ওর মা। ফারমিনার চিঠির অপেক্ষায় থাকতে থাকতে ওর রোগ জটিল হয়, 'ডায়রিয়ায় আক্রান্ত হয় সে, সবুজ বমি করে, আচরণে বৈকল্য দেখা দেয়, হঠাৎ মুর্ছা যাওয়া শুরু হয়। ওর এই অবস্থায় মা আতঙ্কিত হয়ে পড়ে। ছেলের উপসর্গগুলো ওর কাছে প্রেমের বিপর্যয়ের চেয়ে কলেরার বিধ্বংসী রূপ বলেই মনে হয়।' এমনকি সেই হোমিওপ্যাথও ওর অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়ে। সে দেখে রোগীর, 'নাড়ি দুর্বল, শ্বাস ভারি, মুখে মৃত্যুপথযাত্রী মানুষের মতো ফ্যাকাশে ঘাম। কিন্তু সে পরীক্ষা করে দেখে, ওর গায়ে জ্বর নেই, শরীরে কোনো ব্যথা নেই, একমাত্র সুনির্দিষ্ট অনুভূতি হচ্ছে মৃত্যুর জন্য তীব্র আকাক্সক্ষা। তখন যা দরকার, সেটি ছিল কিছু বিচক্ষণ প্রশ্ন করা, প্রথমে ছেলেকে, তারপর মাকে। তারপর সে স্থির সিদ্ধান্তে উপনীত হয় যে প্রেমের উপসর্গ আর কলেরার মধ্যে কোনো পার্থক্য নেই।'

উপন্যাসটি লেখা নিজের 'জীবনের সবচেয়ে চমৎকার এবং আনন্দদায়ক সাহিত্যিক অভিজ্ঞতা' বলে অভিহিত করেছিলেন মার্কেস। তাঁর নিয়মিত অনুবাদক এডিথ গ্রসম্যানও এটিকে সবচেয়ে প্রিয় কাজ বলে স্বীকার করেছিলেন। তবু অনেকের কাছেই বইটি নিরঙ্কুশ প্রশংসা ও সমর্থন পায়নি। বিশেষ করে ফোরেন্তিনো আরিজার নির্বিচার নারীসঙ্গ ও নিরবিচ্ছিন্নভাবে একের পর এক রমণীপ্রেমের বিষয়টা অনেক সমালোচকের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। বিশেষ করে আমেরিকা ভিকুনা নামের চৌদ্দ বছরের এক বালিকার অভিভাবক হয়েও তার সাথে চরম বিসদৃশ শারীরিক সম্পর্ক এবং ফারমিনার সাথে পুরনো প্রেম নবায়িত হওয়ার পর সেই কিশোরীকে প্রত্যাখ্যান করে আত্মহননে বাধ্য করার বিষয়টি অনেকের পছন্দ হয়নি। কোনো সমালোচক এটিকে ফ্লোরেন্তিনোর পূর্বরাগের প্যারডি বলে অভিহিত করেছেন। একটা প্রেম কাহিনির চড়া সুরের মধ্যে বার্ধক্য ও জরার স্থবিরতা দিয়ে ভালবাসার একটা বোকাটে ধারণা পাঠকদের সামনে উপস্থাপন করে এটিকে প্রেমবিরোধী কাহিনি বলেও অভিযোগ করেছেন এই সমালোচক।

নারীর প্রতি ফ্লোরেন্তিনোর মর্যাদাহীন আচরণ সম্পর্কে বিরূপ সমালোচকদের ক্ষীণকণ্ঠ প্রতিক্রিয়ার বিপক্ষে উপন্যাসের মূলসুরটি আরো বিস্তৃত ও শাশ্বত। এমনকি নারীবাদী সমালোচকদের উপযুক্ত প্রত্যুত্তর পাওয়া যায় স্বাধীনচেতা ফারমিনা কিংবা দৃঢ়চেতা লিওনা কাসিয়ানি মতো চরিত্রের উপস্থিতিতে। পুত্র ও কন্যার মতের বিরুদ্ধে পুনরুত্থিত প্রেমের বশে পঞ্চাশ বছরের পুরনো প্রেমিকের সাথে ফারমিনাকে নৌবিহারে যাওয়ার সাহস যুগিয়েছেন মার্কেস। এটিকে কেবল শাশ্বত প্রেমের বিজয়াভিযান বলে চিহ্নিত করার অপ্রশস্ত কুঠুরিতে আবদ্ধ করার সুযোগ রাখেননি মার্কেস। এক সাক্ষাৎকারে তিনি এটিকে সেভাবে প্রত্যক্ষ করার সম্ভাব্য প্রবণতার বিষয়ে বলেছেন পাঠক যাতে 'তাঁর ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকে।'
হাজারো প্রতিকুলতার পর ফ্লোরেন্তিনো ও ফারমিনার অদম্য ভালোবাসা কি প্রকৃতই কোনো অমর প্রেমকাহিনি? না কি জরা ও বার্ধক্যের বিরুদ্ধে জীবন ও যৌবনের, সামাজিক প্রতিকূলতা ও সংস্কারের বিরুদ্ধে প্রেমের বিজয়? ওদের ভালোবাসার তরী নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ফ্লোরেন্তিনোর অনাদিকাল ধরে বয়ে চলার দৃঢ় সিদ্ধান্তের পেছনের চালিকাশক্তি ছিল তার 'অপরাজেয় শক্তি ও নিঃশঙ্ক ভালোবাসা', কারণ 'মৃত্যুর তুলনায় জীবনই অনেক বেশি অসীম।' এই উপলব্ধির সমর্থনে মার্কেস তাঁর ওস্তাদ উইলিয়াম ফকনারকে উদ্ধৃত করে বলেন, 'আমি মানবজাতির অবসান মেনে নিতে অস্বীকার করি।'