এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: স্পেনের ঔপনিবেশিক প্রভুদের কথা
আমেরিগো
বোত্তিচেল্লির ভেনাস ছিল সিমোনেত্তা নামের এক মেয়ে। সে ফ্লোরেন্সে বাস করতো। সিমোনেত্তা আমেরিগো ভেসপুচ্চিকে বিয়ে করেনি, করেছিল তাঁর চাচাত ভাইকে, যার নাম লোভিসিক। আমেরিগো সেই দুঃখ ভুলতে চোখের জলে নয় বরং সমুদ্র জলে লীন হয়ে গেলেন। তিনি নৌ-পথে যে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সেটা এখন তারই নাম বহন করে।
তারা ভরা আকাশের নীচে এমনটি আগে কখনো দেখা যায়নি। আমেরিগো এমন মানুষদের দেখলেন, যাদের কোন রাজা নেই, সম্পদ নেই, এমনকি গায়ে কাপড়ও নেই। পাখির পালক যাদের কাছে সোনার চেয়েও মূল্যবান। আমেরিগো পিতলের একটি ঘন্টা দিয়ে তাঁদের কাছে থেকে ১৫৭টি মুক্তা কেনেন। যে মুক্তার বিনিময়মূল্য ছিল এক হাজার ডুকাট্। তিনি এই সব অনুপযুক্ত নিরীহ মানুষদের ভালোই সঙ্গ পেয়েছিলেন। যদিও তিনি এক চোখ খোলা রেখে ঘুমাতেন, পাছে তাঁরা যদি তাকে কাবাব বানিয়ে অথবা পুড়িয়ে খেয়ে ফেলে।
তাছাড়াও আমেরিগোর বিশ্বাস হারানোর ভয় ছিল। কেননা, এতদিন পর্যন্ত বাইবেলে যা বলা হয়েছে, আক্ষরিক অর্থে তিনি তাই-ই বিশ্বাস করতেন। কিন্তু আমেরিকায় তিনি যা দেখলেন, তাতে করে আর কখনো নূহ'র জাহাজের গল্প তাঁর পক্ষে বিশ্বাস করা সম্ভব না। কারণ কোন জাহাজের পক্ষে, সেটা যতোই বড় হোকনা কেন, এমন হাজার হাজার পালক বিশিষ্ট আর নানা ধরণের কলরবের পাখি আর এ রকম বিস্ময়কর, বৈচিত্রময় জন্তু, পতঙ্গ ও নরপশুদের ধারণ করা সম্ভব না।
ইসাবেলা
কলম্বাস তাঁর পরিকল্পনা অনুযায়ী কাদিজ থেকে নয়, বরং পালোসের ছোট্ট বন্দর ছেড়ে চলে গেলেন, কারণ সেটি ভেঙে ডুবে গিয়েছিল। হাজার হাজার ইহুদিদের তাঁদের পূর্ব-পুরুষের এবং সেই পুর্ব-পুরুষদের পুর্ব-পুরুষদেরকেও তাঁদের ভিটে থেকে উচ্ছেদ করা হয়েছে।
কলম্বাসের সফল অভিযানের জন্য রাণি ইসাবেলাকে ধন্যবাদ। সুতরাং ইহুদিদের সাথে যা হবার ছিল তাই হয়েছে।
আর ইহুদিদের পর ছিল মুসলিমদের পালা।
দশ বছর ধরে ইসাবেলা স্পেনের ইসলামের ঘাঁটির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করেন। যখন গ্রানাডার পতন হলো আর তাঁর ক্রুসেড শেষ হলো, তখন তিনি চিরন্তন নরক-যন্ত্রণা থেকে দোষী ব্যক্তিদের রক্ষার জন্য সাধ্যাতীত সব কিছুই করেছিলেন। তিনি অসীম মমতায়, তাঁদেরকে ক্ষমা প্রার্থনা ও আলোচনার প্রস্তাব দেন। তাঁর প্রত্যুত্তরে বিপরীত দিক থেকে লাঠি ও পাথরের জবাব আসে। সেই দৃষ্টিকোণ থেকে ইসাবেলার আর কোন উপায় ছিলনাঃ তিনি বিজয়ী শহরের সেন্ট্রাল স্কয়ারে মোহাম্মদের সকল ধর্মীয় পুস্তক পুড়িয়ে দেবার হুকুম দেন। এরপর তিনি খ্রীস্টধর্ম বিরোধীদের বিতারিত করেন, যারা তাঁদের ভ্রান্ত ধর্ম চাপিয়ে দিতে অবিরাম চেষ্টা করেছিল এবং আরবীতে কথা বলার জন্য জবরদোস্তি করেছিল।
বিভিন্ন রাজা কর্তৃক স্বাক্ষরিত আরেকটি বহিস্কার আদেশের মধ্যে অন্তর্ভূক্ত ছিল প্রায়শ্চিত্ত সম্পন্ন করা। স্পেন তার কলুষিত রক্তের বাহক ইহুদি আর মুসলিম শিশুদের চিরতরে বনবাসে পাঠালো। এভাবে কারিগর থেকে শিল্পী, বিজ্ঞানী আর সে দেশের সবচেয়ে অগ্রসর কৃষক, অভিজ্ঞ ব্যংকার আর ব্যবসায়ীদের বিতারিত করে স্পেন নিজেই রিক্ত হয়ে গেল। বিনিময়ে স্পেন তার দেশে ভিখারি আর যোদ্ধার সংখ্যা দ্বিগুণ করলো। তার পরজীবি অভিজাতগণ আর ধর্মান্ধ সন্নাসী, সবাই ছিল বিশুদ্ধ খ্রিষ্টান রক্তের।
ইসাবেলার জন্ম পবিত্র বৃহস্পতিবারে। তিনি ছিলেন আমাদের লেডি অব অ্যাংগুইশ, স্প্যানিশ ইনকিউজিশনের প্রতিষ্ঠাতা এবং পাপের স্বীকারোক্তি শোনা বিখ্যাত পুরহিত ও প্রধান ইনকিউজিটর, তোরকামদার ভক্ত।
তাঁর শেষ ইচ্ছা ও টেস্টামেন্ট ছিল রহস্যময় আকুলতায় উদ্দীপ্ত। বিশ্বাসের বিশুদ্ধতা ও জাতের শুদ্ধতা রক্ষার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন। তাঁর সাথে দেখা করতে আসা রাজাদের তিনি করজোড়ে আর্জি জানালেন এবং আদেশ দিলেন, "নিজ ধর্ম বিশ্বাসের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করা কখনো বন্ধ করবেন না আর পবিত্র ইনকিউজিশনের স্বার্থে সর্বদা সহযোগিতার হাত প্রসারিত করবেন।"
উন্মাদ জুয়ানার বছরগুলি
ষোল বছর বয়সে জোয়ানার সাথে এক ফ্লেমিশ* রাজপুত্রের বিয়ে হয়। তাঁর ক্যাথলিক সম্রাট পিতা-মাতা তাঁকে এমন এক ব্যক্তির সাথে বিয়ে দিলেন, যাকে তিনি আগে কখনো দেখেন নি।
আঠারো বছর বয়সে তিনি প্রথমবারের মতো স্নান করার অভিজ্ঞতা লাভ করেন। এক আরব দাসী তাঁকে জলের পুলক অনুভব করতে শেখায়। জোয়ানা খুবই রোমাঞ্চিত হলেন। সেই থেকে তিনি প্রতিদিন স্নান করা শুরু করলেন। রাণি ইসাবেলা এই ঘটনায় প্রচন্ড ধাক্কা খেলেন। বললেন, "আমার মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে।"
তেইশ বছর বয়সে জোয়ানা তাঁর সন্তানদের নিজের কাছে ফিরিয়ে আনতে চাইলেন। রাষ্ট্রে এমন ঘটনা খুব কমই দেখা যায়। পিতা রাজা ফার্দিনান্দ মন্তব্য করেন, "আমার কন্যার বোধ-বুদ্ধি লোপ পেয়েছে।"
চব্বিশ বছর বয়য়ে স্বামী ফ্লান্ডার্সের সাথে একবার ভ্রমণের সময় জোয়ানার জাহাজ ডুবে যায়। তখন তিনি উদ্বেগহীন কন্ঠে তাঁর খাবার পরিবেশন করতে বলেন। তাঁর স্বামী তখন জিনিসপত্রের মধ্য দিয়ে ঢাউস এক লাইভসেভার নিয়ে টানাটানি করছিলেন। কিন্তু বের করতে না পেরে ভয়ে তিনি উন্মাদের মতো সেটার উপর লাথি মারতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, "তুমি আসলেই একটা পাগল।"
পঁচিশ বছর বয়সে, কাঁচি হাতে জোয়ানা বৈবাহিক বিশ্বাসঘাতকতার জন্য আদালতের বেশ কয়েকজন মহিলাকে ঘিরে ধরে তাঁদের চুলের গোছা কেটে দিতে গিয়েছিলেন।
ছাব্বিশ বছর বয়সে তিনি বিধবা হন। সাম্প্রতিক রাজা হিসেবে ঘোষিত, তাঁর স্বামী মৃত্যুর আগে এক গ্লাস বরফ-ঠান্ডা জল পান করেছিলেন। জোয়ানার সন্দেহ, জলে বিষ মেশানো ছিল। এক ফোঁটা চোখের জলও তিনি ফেলেন নি, তবে সেই থেকে সারা জীবনের জন্য তিনি কালো পোশাক পড়তে শুরু করলেন।
সাতাশ বছর বয়সে, ক্যাসলের সিংহাসনে বসে তিনি অনিমেষনেত্রে অবকাশকালীন দিন কাটাতে শুরু করলেন। রাজ কর্মচারীরা তাঁর সামনে আইন, চিঠি অথবা অন্য যে কোন কিছু উপস্থাপন করলে তাতে তিনি স্বাক্ষর করতে চাইতেন না।
উনত্রিশ বছর বয়সে, পিতা তাঁকে উন্মাদ বলে ঘোষণা করেন এবং দুয়েরো নদীর তীরে একটা দূর্গে তাঁকে তালাবদ্ধ করে রাখেন। জোয়ানার সর্বকনিষ্ঠ কন্যা ক্যাটালিনা সেখানে তাঁর সাথে থাকতো। কন্যাটি পাশের কক্ষেই বড় হতে লাগল আর প্রতিদিন জানালা দিয়ে বাইরের বাচ্চাদের খেলাধুলা করতে দেখতো।
ছত্রিশ বছর বয়সে, জোয়ানা একা হয়ে যান। তাঁর পুত্র চার্লস, অচিরেই সম্রাট হিসেব আবির্ভূত হয় আর সে তাঁর বোন ক্যাটালিনাকে দূর্গ থেকে নিয়ে যায়। জোয়ানা তাঁর কন্যাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। তাঁকে বেঁধে রাখা হয়, পেটানো হয়, খাওয়ার জন্য বাধ্য করা হয়। কিন্তু ক্যাটলিনা আর ফিরে আসেনা।
সত্তর বছর বয়সে, প্রায় অর্ধ শতাব্দি বন্দি জীবন কাটানো এই রাণি যিনি কখনও রাজত্ব করেননি, অবশেষে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অচল ছিলেন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন কিন্তু কিছুই দেখতে পেতেন না।
চার্লস
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, বিজয়ী অথবা খরিদসূত্রে যেভাবেই হোক, উন্মাদ জোয়ানার পুত্র ছিলেন সতেরটি দেশের রাজা।
১৫১৯ সালে, ফ্রাঙ্কফুর্টে, দুই টন সোনার বিনিময়ে পবিত্র রোমান সাম্রাজ্যের নির্বাচকদের মন গলিয়ে তিনি সারা ইউরোপের সম্রাট হলেন।
প্ররোচনামূলক এই বুদ্ধি তাঁকে যে-ব্যাংকাররা দিয়েছিলেন তাঁরা হলেন জার্মানের ফুগার ও ওয়েলসার, জেনোভেস ফোরনারি ও ভিভালদো এবং ফ্লোরেন্টাইন গুয়ালতেরত্তি।
তখন চার্লসের বয়স ছিল মাত্র উনিশ। ব্যাংকারদের ফাঁদে বন্দি হওয়া এক সম্রাট।
তিনি লাগাম ধরে রাজত্ব করেছিলেন।
