এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: বাতাস, সমুদ্র , আশ্চর্য জীবজন্তু ও নাবিকদের কথা
দক্ষিণ
আরবের মানচিত্রে এখনো দেখা যায়, দক্ষিণ উপরে আর উত্তর নীচের দিকে, তবে ত্রয়োদশ শতাব্দির মধ্যে ইউরোপ মহাবিশ্বের প্রাকৃতিক বিন্যাস পুনঃপ্রতিষ্ঠিত করে।
ঈশ্বরের নির্দেশিত, সেই আদেশের বিধি অনুসারে, উত্তর হ'ল উপরে আর দক্ষিণ হ'ল নীচে।
পৃথিবীকে মনে করা হতো একটা দেহ। তার উত্তরে থাকে নির্মল মুখের মানুষরা, তাঁদের দৃষ্টি থাকে স্বর্গের পানে। আর দক্ষিণে থাকে নীচু তলার গন্ধযুক্ত প্রাণী। জঞ্জাল ও অন্ধকারাচ্ছন্ন জনবহুল এই বিপরীত মেরুর বাসিন্দারা দক্ষিণের আলোকিত অধিবাসীদের তুলনায় একেবারেই বিপরীত।
দক্ষিণে, নদী বিপরীত দিকে চলে। সেখানে গ্রীষ্মাকাল ছিল ঠান্ডা, দিন ছিল রাত আর শয়তান ছিল ঈশ্বর। আকাশ সেখানে কালো আর শূন্য। সেখান থেকে সমস্ত নক্ষত্র পালিয়ে উত্তরে চলে গিয়েছিল।
জীব-জন্তু নিয়ে মধ্যযুগীয় কথামালা
ইউরোপের বাইরে, দানবরা দল বেঁধে ঘুরে বেড়ায়, সেখানে সমুদ্র গর্জন করে আর ভূমিতে আগুন জ্বলে। কিছু পর্যটক সেই ভয় উপেক্ষা করতে পেরেছিল। ফিরে আসার পর তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা বলেছিল।
পর্ডেনোনের ওডোরিক, যিনি ১৩১৪ সালে ঘোষণা করেন যে, তিনি দুই মাথার পাখি আর পালকের পরিবর্তে পশমে আবৃত মুরগী দেখেছিলেন। ক্যাস্পিয়ান সাগরে তিনি উদ্ভিদের কুঁড়ি থেকে মুকুলিত জীবন্ত মেষশাবক দেখেছিলেন। আর আফ্রিকায় দেখেছিলেন, বামন জাতিরা ছয় মাস বয়সেই বিয়ে করে আর তাঁদের সন্তানও হয়।
জন ম্যান্ডেভিল্লে ১৩৫৬ সালে প্রাচ্যের কয়েকটি দেশ ভ্রমন করেছিলেন। সেখানে তিনি মাথাবিহীন মানুষ দেখতে পান, যাদের বুকের মাঝখানে একটা খোলা মুখ, যেখান থেকে তাঁরা খাওয়া-দাওয়া করে আর কথা বলে। সেখানে তিনি এক পায়ের মানুষও দেখেছিলেন, যারা কখনো কখনো সেই পা রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা ছাতা হিসেবে ব্যবহার করে। আবার ট্যাকর্ডে দ্বীপের অধিবাসীরা কাঁচা সাপ ছাড়া আর কিছুই খেত না, তাঁরা কথা বলতে পারত না। শুধু হিসহিস শব্দ করত।
১৪১০ সালে, কার্ডিনাল পিয়েরে ডি এ্যইলি এই পর্যটকদের গল্পের উপর ভিত্তি করে এশিয়ার বর্ণনা করেছিলেন। ট্যাপরোবেন দ্বীপে নাকি সোনার পাহাড় আছে, যা ড্রাগন আর কুকুরের মতো বড় বড় পিঁপড়ারা পাহারা দেয়।
অ্যন্তোনিও পিগাফেত্তা ১৫২০ সালে বিশ্বজুড়ে ভ্রমন করেছিলেন। তিনি এমনও গাছ দেখেছিলেন যেগুলোর পা থেকে পাতা গজায় আর দিনের বেলা তারা শাখা থেকে ঝাঁপিয়ে পড়ে বেড়াতে যায়।
সমুদ্র বায়ুর উৎস
প্রাচীন নাবিকদের গল্প অনুসারে, সমুদ্র এক সময় ঢেউ-তরঙ্গহীন বিস্তৃত এক স্থির হ্রদ ছিল এবং শুধুমাত্র দাঁড় টেনেই সেখানে চলতে হতো।
তারপর এক ডিঙি নৌকা, সময়ভুলে, পৃথিবীর আরেক প্রান্ত থেকে এসে এক দ্বীপের দেখা পায়, যেখানে বায়ুর বাস ছিল। নাবিকরা তখন তাদের বন্দি করে সঙ্গে করে নিয়ে আসে আর তাদেরকে বইতে বাধ্য করে। ডিঙি নৌকা বন্দি বায়ুর পিঠে চড়লো আর ক্লান্ত নাবিকরা, যারা শত শত বছর ধরে শুধু দাঁড় টেনে টেনে কাটিয়েছিল, শেষ পর্যন্ত ঘুমে ঢলে পড়ল।
তাঁদের ঘুম আর কখনোই ভাঙলো না।
নৌকাটি এক পাথুরে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে গেল।
সেই থেকে, বায়ুরা তাদের হারিয়ে যাওয়া স্বদেশ দ্বীপের খোঁজে পৃথিবীতে ঘুরে বেড়াতে লাগল। তারা বাতাস ও বৃষ্টির বাণিজ্য করে আর নিরর্থক সাত সমুদ্রে হারিকেন হয়ে ঘুরে বেড়ায়। বহু আগের সেই অপহরণের প্রতিশোধ নিতে কখনো কখনো তারা তাদের পথের মধ্যে চলে আসা জাহাজগুলি ডুবিয়ে দেয়।
পরবর্তী মানচিত্র
কয়েক সহস্রাব্দ বছর আগে, সেনেকা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, একদিন বিশ্বের মানচিত্র আইসল্যান্ড ছাড়িয়ে আরও প্রসারিত হবে, তখন তা থুলে নামে পরিচিত পাবে।
সেনেকা দ্য এল্ডার, একজন স্পেনীয় মানুষ, তিনি লিখেছিলেন:
বিশ্বের পরবর্তী বছরগুলিতে, আসবে
নির্দিষ্ট সময়, যা থেকে সাগর-মহাসাগর
নম্রতা মুক্তি দেবে।
আর এক বিশাল ভূমি জেগে উঠবে।
আর আসবে নুতন নাবিক,
ঠিক তাঁর মতো, যিনি জেসনকে পথ দেখিয়েছিলেন
এবং যিনি টিফিস নামে গিয়েছিলেন,
সেই তিনিই এক নুতন বিশ্ব আবিস্কার করবেন
এবং থুলে দ্বীপটি আর পৃথিবীর শেষভাগে থাকবে না।
কলম্বাস
বাতাসের ক্রোধ আর জাহাজ-খেকো দৈত্যদের কলা দেখিয়ে, এ্যাডমিরাল ক্রিস্টোফার কলোম্বাস জাহাজ ভাসালেন।
তিনি আমেরিকা আবিস্কার করেননি। তাঁর একশো বছর আগেই পোলিনেশিয়ানরা সেখানে পৌঁছেছিল, এবং ভাইকিংরা তারও চারশো বছর আগেই আমেরিকার হদিস পেয়েছিল। আর তারও তিনশো বছর আগে এই দ্বীপের আদি বাসিন্দারা এখানে এসেছিল, যাদেরকে কলম্বাস ইন্ডিয়ান নামে অভিহিত করেছিলেন, তাঁর বিশ্বাস ছিল তিনি পিছনের দরজা দিয়ে প্রাচ্যে প্রবেশ করেছেন।
যেহেতু সেখানকার বাসিন্দারা কী বলেছিল তা তিনি বুঝতে পারেননি, তাই কলম্বাস বিশ্বাস করেছিলেন, সেখানকার স্থানীয় বাসিন্দারা কীভাবে কথা বলতে হয় তা তাঁরা জানেনা। যেহেতু তাঁরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তাঁদের আচরণ ছিল বিনীত আর কোন কিছুর প্রত্যাশা না করেই সবকিছু দিয়ে দিত, তাই কলম্বাসের ধারণা হয়েছিল তাঁরা চিন্তাশীল মানুষ না।
যদিও তিনি মারা গিয়েছেন, তবুও তাঁর ভ্রমন জোর করে তাকে এশিয়ার দিকে নিয়ে গিয়েছিল, কলম্বাসের দ্বিতীয় সমুদ্র যাত্রা নিয়ে নাবিকরা সন্দেহ পোষণ করা শুরু করেছিলেন। ১৪৯৪ সালের মধ্য জুনে তাঁর জাহাজ যখন কিউবান উপকূলে নোঙর ফেলেছিল, তখন জাহাজের অধিনায়ক একটি বিবৃতি লেখান যে তিনি এখন চীনে। তিনি লিখিত প্রমাণ রেখে গিয়েছিলেন যে, তাঁর ক্রুরাও এই বিষয়ে একমত। সেখানে লেখা ছিলঃ যদি কেউ দ্বিমত প্রকাশ করে তাহলে তাঁর কপালে একশো চাবুকের আঘাত জুটবে, দশ হাজার ম্যারাভেদিস জরিমানা করা হবে এবং তাঁর জ্বিহবা কেটে নেয়া হবে।
পৃষ্ঠার নীচের অংশে, কয়েকজন নাবিকরা জানতেন কীভাবে তাদের নামে স্বাক্ষর (জাল) করা হয়েছিল।
মুখ
দ্রুতগামী হাল্কা জাহাজগুলি পালোস বন্দর ছেড়ে পাখির মতোই এক সারিতে শূন্যগর্ভে মিলিয়ে গেল।
প্রথম সমুদ্র যাত্রার সাড়ে চারশো বছর পরে, ড্যানিয়েল ভ্যাজকুয়েজ দিয়াজ আমেরিকা আবিস্কারের প্রতি শ্রদ্ধা জানাতে রাবিদা মঠের দেয়ালে 'বন্দরের পরবর্তী দরজা' নামের এক দেয়ালচিত্র আঁকলেন।
যদিও শিল্পীর অভিপ্রায় ছিল উদযাপনের, তবে অনিচ্ছাকৃতভাবে তিনি কলম্বাসের বিশ্রী মেজাজের প্রকাশ ব্যক্ত করে ফেলেন। সেখানে তাঁর নাবিকরাও উপস্থিত ছিলেন। চিত্রে কারো মুখে হাসি নেই আর লম্বা, বিষণ্ণ মুখগুলো যেন আভাস দেয় সেখানে ভালো কিছুই ঘটেনি। এটা স্পষ্ট তাদের সবার অনুভূতি খুবই খারাপ। সম্ভবতঃ অসহায় ঐ দুর্ভাগা নাবিকদের জেল থেকে টেনে বের করা হয়েছে অথবা কোন জাহাজ-ঘাটা থেকে অপহরণ করা হয়েছে। তাঁরা জানত যে, তাদের নোংরা কাজ করতে হবে, ইউরোপের আজকের দিনে আসতে হলে যেটা প্রয়োজন ছিল।
নিয়তি
ক্রিস্টোফার কলোম্বাস যখন তৃতীয় বারের মতো সাগর-মহাসাগর পাড়ি দিচ্ছিলেন, তখন তাকে বেড়ি পরানো হয় এবং স্পেনের রাজার আদেশে বন্দী অবস্থায় তাকে স্পেনে ফিরে আসতে হয়।
রাজার নির্দেশে, ভাস্কো নানেজ ডি বালবোয়ার মাথা কাটা পড়েছিল। আবার রাজার নির্দেশে, পেদ্রো ডি আলভারাডোকেও বিচার করে কারাবন্দি করা হয়েছিল।
দিয়েগো ডি আলমার্গোকে ফ্রান্সিসকো পিজারো শ্বাসরোধ করে হত্যা করেছিলেন, সেই পিজারোকে পরে আবার আলমার্গোর পুত্রই ছুরি দিয়ে ষোলটি আঘাত করেছিল।
রদ্রিগো ডি বাস্তিদাস ছিলেন প্রথম কোন স্প্যানীশ, যিনি ম্যাগডালেনা নদী পাড়ি দিয়েছিলেন। তাঁর জীবনেরও যথাসময়ে সমাপ্তি ঘটে তাঁরই অধস্তন অফিসারের ছুরির আঘাতে।
হন্ডুরাস বিজয়ী ক্রিস্টোবাল ডি ওলিড, হার্নান কোরতেসের নির্দেশে তাঁর গর্দান কাটা পড়ে।
বিজয়ী হার্নান কোরতেস ছিলেন সবচেয়ে ভাগ্যবান, তিনি মার্কুইস পদমর্যাদায় ছিলেন এবং নিজের বিছানাতেই মারা যান। তিনিও কিন্তু রাজার লোকদের বিচার এড়াতে পারেননি।
