২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: বোশ্চ, কোপার্নিকাস, ব্রুনো, কেপলার ও সাভেত

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 12 Jun 2021, 05:52 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


হিরোনিমাস বোশ্চ
একজন দন্ডপ্রাপ্ত মানুষ মল থেকে সোনার মুদ্রা ছড়াচ্ছে।
আরেকজন বিরাট এক চাবির রিংয়ের মধ্যে ঝুলছে।
একটা ছুরির দুইটি কান আছে।
বীণা নিজেই বাজনাদারকে বাজাচ্ছে।
আগুন বরফ হয়ে জমে আছে।
একটি শুয়োর নানের পোশাক পরে আছে।
ডিমের ভিতর মৃত্যু বাস করছে।
যন্ত্র মানুষকে চালাচ্ছে।
প্রতিটি মাথাই তার নিজ দুনিয়ায় বাস করে।
কেউ কারো সাথে সাক্ষাৎ করেনা।
সবাই দৌঁড়াচ্ছে কিন্তু কোথাও যাচ্ছেনা।
তাদের কোন কিছুতেই মিল নেই, শুধু পারস্পরিক ভয় ছাড়া।
জন বার্জারের উদ্বৃতিঅনুযায়ী "পাঁচশো বছর আগে, হিরোনিমাস বোশ্চ বিশ্বায়নের এমনই এক ছবি এঁকেছিলেন।"
 
অন্ধত্ব প্রশংসিত

প্রায় ৩০০ বছর আগে, সিসিলির সিরাকুশায় সন্তু লুসি তাঁর পৌত্তলিক স্বামীকে গ্রহণ করতে অস্বীকার করার জন্য নিজের চোখ উপড়ে ফেলেন, অথবা তাদেরকে উপড়ে ফেলতে দিয়েছিলেন। স্বর্গে প্রবেশের সিদ্ধি লাভের জন্য তিনি তাঁর দৃষ্টি খোয়ালেন। ছবিতে দেখা যায় যে, সন্তু একটি থালা ধরে আছেন, যার উপর তাঁর দু'চোখ এবং সেটা প্রভূ যীশু খ্রিস্টকে গ্রহণ করার নিবেদন করছেন।
বারোশো পঞ্চাশ বছর পরে, জেসুয়েটসের প্রতিষ্ঠাতা সন্তু ইগনেতিয়াস তাঁর আধ্যাত্মিক অনুশীলন সম্পর্কে বই প্রকাশ করেন। সেখানে তিনি এই অন্ধত্ব সম্পর্কে সাক্ষ্য পেশ করেনঃ
"না-ও প্রভু আর গ্রহণ করো আমার সকল স্বাধীনতা, আমার স্মৃতি, আমার অন্তর্দৃষ্টি ও আমার ইচ্ছাগুলি।"
এবং সেটাও যেন যথেষ্ট ছিল নাঃ
"সমস্ত কিছু ঠিকঠাক মত পেতে হলে, আমাদের অবশ্যই সর্বদা বিশ্বাস করতে হবে যে, আমি সাদা হিসেবে যা দেখি তা হ'লো কালো, যদি চার্চ কর্তৃত্ব সেটাই নির্ধারণ করে।"

 কৌতুহলী হওয়া নিষেধ
জ্ঞান হচ্ছে পাপ। আদম আর ইভ (হাওয়া) সেই গাছের ফল খেয়েছিলেন, এরপর আপনারাই জানেন তাদের কী হয়েছিল।
কিছুকাল পরে, নিকোলাস কোপার্নিকাস, জিওর্দানো ব্রুনো ও গ্যালিলিও গ্যালিলিকে 'পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে' এটা দেখানোর কারণে শাস্তি পেতে হয়েছিল।
কোপার্নিকাস তাঁর এই কলঙ্কজনক উদ্ঘাটন মৃত্যুর সন্নিকটে না আসা অবধি প্রকাশ করার সাহস পাননি। ক্যাথলিক চার্চ তাঁর কাজ 'নিষিদ্ধ বইয়ের তালিকা'য় অন্তর্ভূক্তি করেছিল।

চারণ পরিব্রাজক কবি ব্রুনো, কোপার্নিকাসের বৈধর্মের বাণীর প্রসার ঘটান: "পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, সৌরজগতের অন্যতম একটি গ্রহ মাত্র।" হোলি ইনকিউজিশন বাহিনী এ জন্য ব্রুনোকে আট বছর ধরে অন্ধকার কূপে আটকে রেখেছিল। বেশ কয়েকবার তাঁকে অনুশোচনার সুযোগ দেয়া হয়েছিল এবং সেই বেশ কয়েকবারই তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। শেষ পর্যন্ত, এই গোঁয়ার লোকটিকে ক্যাম্পো ডে ফিওরি'র রোমান মার্কেটে জনতার সামনে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তাঁকে যখন আগুনে পুড়িয়ে মারা হচ্ছিল, তখন তাঁর ঠোটের কাছে ক্রুশবিদ্ধ যিশুর মুর্তি তুলে ধরা হয়েছিল। তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
কয়েক বছর পরে, গ্যালিলিও তাঁর বত্রিশটি লেন্সের টেলিস্কোপ দিয়ে মহাকাশে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করলেন যে দন্ডপ্রাপ্ত মানুষটির ধারণাই সঠিক।
বে-ধর্মী কথা বার্তা বলার জন্য তাঁকে বন্দী করা হয়।
জিজ্ঞাসবাদের এক পর্যায়ে তিনি ভেঙে পড়েন।
তখন চিৎকার করে তিনি কসম খেয়ে বলেছিলেন, 'পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে'এ কথা যারা বিশ্বাস করেছিল, তাঁদের প্রত্যেককে তিনি অভিশাপ দেন।
আর তাঁরা বলেন, তিনি চাপা গলায়, বিড়বিড় করে সেই কথাই বলেছিলেন যা তাঁকে সর্বকালের জন্য বিখ্যাত করে তুলেছিল।

প্রশ্ন করা বিপদজনক পাপ

কোনটা মূল্যবান? অভিজ্ঞতা নাকি মতবাদ?
গ্যালেলিও গ্যালিলি পাথর এবং নুড়ি, ছোট ও বড় বল ছুঁড়ে প্রমাণ করেন যে, বস্তুর ওজন যাই থাকুক না কেন গতিবেগ তার একই থাকে। এরিস্টটল ভুল ছিলেন এবং উনিশশো বছর ধরে কেউ তা খেয়াল করেন নি।
আরেকজন কৌতুহলী সহযাত্রী, জোহানেস কেপলার, আবিস্কার করলেন যে, উদ্ভিদ যখন দিনের আলো অনুসরণ করে তখন কিন্তু বৃত্তাকারে আবর্তিত হয় না। এই বৃত্তকেই কি সকল ঘুর্ণায়মান বস্তুর নিখুঁত পথ বলে মনে করা হয়নি? এই মহাবিশ্বকেই কি ঈশ্বরের নিখুঁত কাজ বলে ভাবা হয়নি?
কেপলার উপসংহার টেনে বলেছেন, "পৃথিবী নিঁখুত না, নিঁখুতের ধারে কাছেও না। তাহলে কীভাবে এর কক্ষপথ নিঁখুত হবে?"
কেপলারের মাকে জাদুবিদ্যা চর্চার অভিযোগে চার বছর জেল খাটতে হয়েছিল। সুতরাং তাঁর এই যুক্তি লুথেরান ও ক্যাথলিকদের কাছে একই ধরণের সন্দেহজনক বলে মনে হ'ল। তাঁরা ভাবলো, অবশ্যই তাদের কোন মতলব আছে।
কিন্তু কেপলার দেখলেন, ঐ সময়ের অন্ধকার দিক সম্পর্কে অন্যদের দেখতে সাহায্য করা তাঁর আবশ্যিক কর্তব্য:
তিনি সিদ্ধান্তে উপনীত হন যে, সূর্য তার অক্ষপথে আবর্তন করে,
তিনি একটি অজানা নক্ষত্র আবিস্কার করেন,
তিনি পরিমাপের একটি একক আবিস্কার করেন, যার নাম দেন 'ডায়োপ্টার'এবং তিনি আধুনিক আলোকবিদ্যার প্রবর্তন করেন।
এবং জীবন সায়াহ্নে এসে জানতে পারলেন যে, সূর্য যেমন উদ্ভিদের গমন পথ নির্ধারণ করে, সমুদ্র তেমনি চাঁদকে অনুসরণ করে।
আর তাঁর সহকর্মীরা নির্ণয় করলেন, "তিনি বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ" রোগে ভুগছেন।

সারভেতের পুনরুত্থান
১৫৫৩ সালে জেনেভায় মিগুয়েল সারভেত তাঁর বইগুলির সাথে ছাইয়ে পরিণত হন। হোলি ইনকুইজিশনের অনুরোধে জন ক্যালভিন তাঁকে কাঁচা কাঠের চিতায় জীবন্ত পুড়িয়ে মারে।
সেটাও যেন যথেষ্ট ছিল না, কয়েক মাস পরে তাঁকে ভালোভাবে পোড়ানো হয়েছে কি-না এটা নিশ্চিত করার জন্য ফরাসী ইনকুইজিটররা তাঁর জীবাশ্ম আবারও আগুনে পোড়ায়।
সারভেত ছিলেন একজন স্প্যানীশ চিকিৎসক। তাঁর জীবন কেটেছিল পালিয়ে পালিয়ে, কখনো নাম পরিবর্তন করে আবার কখনো রাজ্য পরিবর্তন করে। তিনি কোন কিছু বোঝার বয়সে পৌঁছানোর আগে থেকেই পবিত্র ত্রয়ী বা ব্যাপ্টিজমে বিশ্বাস করতেন না। "রক্ত কখনো মিথ্যা কথা বলেনা, বরং এটা মানুষের শরীরে প্রবাহিত হয় ও ফুসফুস বিশুদ্ধ করে"–এই কথা বলে সারভেত চার্চের বিরুদ্ধে ক্ষমার অযোগ্য ধৃষ্টতা দেখিয়েছিলেন।
সে কারণেই বর্তমানে তিনি আজ শরীরবৃত্তিয় কোপারনিকাস নামে পরিচিত।
সারভেত লিখেছিলেনঃ "এই দুনিয়ায় সত্য বলে কিছু নেই, কেবল ক্ষণস্থায়ী ছায়ারাই আছে।"
অবশেষে তাঁর ছায়াও চলে যায়।
কয়েক'শো বছর পর তা আবার ফিরে আসে। এক জেদী ছায়া, ঠিক তাঁরই মতো।

ইউরোপই সবকিছু
অন্তিমকালে, কোপারনিকাস তাঁর যে বইটি প্রকাশ করেছিলেন সেটিই পরবর্তীকালে আধুনিক জ্যের্তিবিদ্যার সূচনা করেছিল।
যদিও তিনশো বছর পূর্বে, আরব বিজ্ঞানী মূয়াদ আল-দীন আল-উর্দি ও নাসির আল-দীন তুসি'র উদ্ভাবিত উপপাদ্য তাঁর এই অগ্রসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কোপারনিকাস তাঁদের উপপাদ্য ব্যবহার করেছেন কিন্ত কোথাও তার তথ্য সূত্র উল্লেখ করেননি।
ইউরোপ আয়নার দিকে তাকিয়ে বিশ্বকে দেখে।
তারা মনে করে এর বাইরে আর কিছুই নাই।
যে তিনটি আবিস্কারের ফলে রেনেসাঁ ত্বরান্বিত হয়েছিল, যেমন: কম্পাস, বারুদ আর মুদ্রণযন্ত্র বা ছাপাখানা সেগুলির উদ্ভাবক ছিল চীন। ব্যাবীলিয়নরা পনেরশো বছর আগেই পিথাগোরাসের সূত্রের কথা জানত। অন্য কারো জানার অনেক আগে থেকেই ভারতীয়রা জানত যে পৃথিবী গোলাকার এবং তাঁরা এর বয়সও গণনা করতে পেরেছিল। আর অন্য যে কারো থেকেই মায়ানরা নক্ষত্র, রাতের চোখ ও সময়ের রহস্যকে সবচেয়ে বেশী ভালো জানত।
এই জাতীয় বিবরণ ইউরোপের মনোযোগের উপযুক্ত ছিল না।