২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ : জাহাজ যখন স্থল পথে চলে

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 30 May 2021, 03:13 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


পবিত্র যোদ্ধা

লাঙলে কিংবা তরবারিতে, নারীটির সঙ্গে তুলনীয় কোন পুরুষ ছিল না।
দুপুর বেলা, তাঁর বাগানের নির্জনতায় তিনি নানা জনের কন্ঠস্বর শুনতে পেতেন। দেবদূত আর সন্তুরা তাঁর সঙ্গে কথা বলছেন, সেন্ট মাইকেল, সেন্ট মার্গারেট, সেন্ট ক্যাথেরিন, এমনকি ঊর্ধ্বলোকের সেই অদ্বিতীয়জনের কথাও তিনি শুনতে পেতেনঃ "তুমি ছাড়া পৃথিবীর আর কেউ ফ্রান্সকে মুক্ত করতে পারবে না।"
এবং সব জায়গাতেই সেই কথা তিনি উৎসাহ নিয়ে বার বার বলে বেড়াতেন:
"ঈশ্বর আমাকে বলেছেন।"
এভাবে এক অশিক্ষিত কৃষকের মেয়ে, যার জন্ম হয়েছিল শুধুই বাচ্চকাচ্চা মানুষ করার জন্য, সেই তিনিই বিশাল এক সেনাবাহিনীর নেতৃত্ব দিতে শুরু করলেন, যা ক্রমশই এক অগ্রবর্তী দলে পরিণত হতে থাকল।
দৈব আশির্বাদপুষ্ট বা পুরুষ মানুষের ত্রাস এই কুমারী-যোদ্ধা, একের পর এক যুদ্ধকে আলিঙ্গন করতে লাগলেন।
বল্লম হাতে, তেজী ঘোড়ার ওপর থেকে তিনি ইংরেজ বাহিনীর উপর আক্রমB করতেন, তিনি ছিলেন অপরাজেয়। যতক্ষণ না তাঁর উপর অত্যাচার করা হয়েছিল।

ইংরেজরা তাঁকে বন্দি করে এবং এই উন্মাদিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার ভার ফরাসিদের হাতে ছেড়ে দেয়। যে ঈশ্বরের নামে তিনি ফ্রান্স ও তার রাজার পক্ষে লড়াই করেছিলেন, সেই ঈশ্বরের কর্মীরা আর রাজাই তাঁকে শূলে চড়ালেন।
ন্যাড়া মাথা, শিকল দিয়ে বাধা মেয়েটির পক্ষে কোন উকিল ছিল না। বিচারকরা, প্রসিকিউটর, ইনক্যুইজিশনের বিশেষজ্ঞরা, যাজকরা, উপ-যাজকরা, ধর্মশাস্ত্রবিদরা, নথিপত্র প্রস্তুতকারীরা ও প্রত্যক্ষদর্শীরা সকলেই সরবোনের বিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একমত পোষণ করে রায় দিলেন যে, অভিযুক্ত ছিলেন – সাম্প্রদায়িক, ধর্মত্যাগী, মিথ্যাবাদী, সন্দেহভাজন ধর্মবিরোধী, বিপথগামী এবং ঈশ্বর ও সন্তুদের নিন্দাকারী।
রুয়ঁ-র বাজার চত্বরে যখন তাঁকে খুঁটিতে বেঁধে শূলে চড়ানো হয় এবং জল্লাদ তাতে আগুন লাগায়, তখন তার বয়স ছিল মাত্র উনিশ বছর।
পরবর্তীকালে, যে পিতৃভূমি ও চার্চ তাকে পুড়িয়ে মেরেছিল, তাদের মনে পরিবর্তন আসে। জোয়ান অব আর্ক এখন একজন বীরাঙ্গনা ও সন্তু। একইভাবে ফ্রান্সের প্রতীক আর খ্রিস্টধর্মের নিদর্শন।

জাহাজ যখন স্থল পথে চলে
বাইজান্টিয়াম শহরকে সম্রাট কনস্টানটিন* নিজের নামে আখ্যায়িত করলেন আর এশিয়া ও ইউরোপের কৌশলগত সেই মিলনবিন্দুই পরে কনস্টান্টিনোপল নামে পরিচিতি লাভ করল।
এগারশো বছর পর, কনস্টান্টিনোপল যখন তুর্কি আগ্রাসনের শিকার হ'ল, তখন আরেক সম্রাট, আরেক কনস্টানটিন, তাঁর জন্য যুদ্ধ করলেন, প্রাণ দিলেন। ফলে প্রাচ্যে খ্রিস্টান সম্প্রদায় তাঁদের অবাধ যাতায়াতের পথ হারালো।
অন্যান্য খ্রিস্টান সাম্রাজ্যগুলো তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল, কিন্তু অন্তিম মুহূর্তে, অবরুদ্ধ, শ্বাসরুদ্ধ কনস্টান্টিনোপল একাই মারা যান। আট মিটার দৈর্ঘের দেয়াল-ধ্বসিয়ে দেয়া বিশালকায় কামান আর তুর্কি নৌবহরের অবিশ্বাস্য অভিযান চূড়ান্ত পতন নিশ্চিত করে। তুর্কি নৌ-বহর জলের নীচে পেতে রাখা শিকল ভাঙতে না পেরে কিছুতেই সামনে অগ্রসর হতে পারছিল না, যতক্ষণ না পর্যন্ত সুলতান মেহমেত এক অশ্রুতপূর্ব আদেশ প্রদান না করেন: তাঁর আদেশ ছিল, শুকনো ভূমিতে যাত্রা করো। গড়ানো পাটাতনে চড়ে এবং অসংখ্য বলদের টানে, জাহাজগুলি রাতের নীরবতায় বসফরাস থেকে গোল্ডেন হর্ণকে যে পাহাড় আলাদা করেছে তার একদিক থেকে আর দিকের ঢাল বেয়ে নামে। ভোরে, বন্দরের প্রহরীরা ভূত দেখার মতো চমকে ওঠে দেখে তুর্কি নৌ-বহর কোন এক জাদুবলে ঠিক তাদের নাকের ডগার ওপর দিয়ে বেআইনি জলসীমা অতিক্রম করছে।
এরই প্রেক্ষাপটে যে আগ্রাসন এতদিন ধরে স্থলপথে চলছিল, তা জলপথেও চলে। আর চূড়ান্ত গণহত্যা যেন বৃষ্টির জলকেও রক্তিম করে তোলে।
অসংখ্য খ্রিস্টান বাস্তুহারা হয়ে সেন্ট সোফিয়া গির্জায় আশ্রয় খোঁজে, নয়শো বছর আগে সম্রাজ্ঞী থিয়োডরার বিকারে যে গির্জা গড়ে ওঠেছিল। খ্রিস্টান আশ্রয়প্রার্থীরা আশা করেছিল, হয়তো স্বর্গ থেকে কোন এক দেবদূত নেমে আসবে এবং সে তাঁর জ্বলন্ত তরবারি দিয়ে দখলকারীদের ধাওয়া করবে।
কোন দেবদূত আসেন নি।
তবে সুলতান মেহমেত এসেছিলেন। সাদা ঘোড়ায় চড়ে তিনি সোফিয়া গির্জায় প্রবেশ করেন এবং সেটিকে শহরের প্রধান মসজিদে পরিণত করেন, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত।

নির্যাতনের স্বীকারোক্তি

২০০৩ সালে আল-কায়েদার নেতা ইবনে আল-শায়খকে ততক্ষণ পর্যন্ত নির্যাতন করা হয়েছিল, যতক্ষণ না তিনি স্বীকার করেছিলেন যে, ইরাক তাঁকে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছিল। অবিলম্বে, মার্কিন যুক্তরাষ্ট্র অতি আনন্দের সাথে মিষ্টি ভাষায় প্রচার করে যে, তাঁর কথাগুলিই প্রমাণ করে যে, ইরাক আক্রমণের উপযুক্ত।
এর কিছুদিন পর, সত্য প্রকাশিত হয়: যথারীতি, নিপীড়িত সে কথাই বলেছিল, নিপীড়ক যা শুনতে চেয়েছিল।
কিন্তু এই উদ্ঘাটনজনিত বিব্রতকর পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে নির্যাতনের চর্চা বা নির্যাতনের পক্ষে নসিহৎ করা থেকে বিরত রাখেনি; উপরন্তু নানান মঞ্চে নির্যাতনকে নানান নামে নামকরণ করা হয়েছে: বিকল্প অছিলার মধ্যে আছে – জবরদস্তি, নিবিড় জিজ্ঞাসাবাদ কৌশল, চাপ ও হুমকি, বুঝিয়ে রাজি করানো পদ্ধতি..।
আর এখন তো বিন্দুমাত্র রাখঢাক না রেখে বড় বড় গণমাধ্যমও মানুষের মাংস পিষে ফেলার এই প্রশাসন-যন্ত্রের উপযোগিতার ভূয়সী প্রশংসা করতে শুরু করেছে; আর তাতে আরও বেশী সংখ্যক লোক সাধুবাদ জানাচ্ছে বা নিদেনপক্ষে তা মেনে নিচ্ছে। আমাদের কি সন্ত্রাসী ও অপরাধীর হুমকি থেকে আত্মরক্ষার অধিকারটুকুও নেই?
কিন্তু বিগত সময়ের ইনকুইজিটররা ভালো করে জানত, যেমনটি জেনেছে আজকের দেশ ছিনতাইকারীরা: নির্যাতন মানুষকে রক্ষা করার জন্য অকার্যকর। এটা শুধুমাত্র মানুষকে সন্ত্রস্ত করার পক্ষেই ভালো।
শাস্তি দেবার আমলাতন্ত্র যে ক্ষমতার পূজা করে, সেই ক্ষমতা চিরস্থায়ী করতেই তাঁরা নির্যাতন করে। নির্যাতনের মাধ্যমে প্রাপ্ত স্বীকারোক্তির কোন মূল্য নেই বা থাকলেও তা নগণ্য। তবে এই নির্যাতন কক্ষেই কিন্তু শক্তিমানরা তাঁদের মুখোশ খুলে ফেলে। নির্যাতন করে, তাঁরা প্রকান্তরে এ কথা স্বীকার করে যে, ত্রাসই হ'ল তাদের নিত্য দিনের জীবিকা।

আমরা সবাই জল্লাদ

বার্সেলোনার বোরিয়া স্ট্রিটের খুব কম বা কোনও পরিবর্তনই হয়তো হয়নি, যদিও এখন এটি নিজেই অন্যান্য চাহিদা মেটানোর কাজে নিবেদিত।
মধ্যযুগের একটা উল্লেখযোগ্য সময়ে এটি এমন এক স্থান ছিল, যেখানে ইউরোপীয় ন্যায়বিচারকে জনসাধারণের দর্শনীয় বস্তুতে পরিণত করা হয়েছিল।
রাজসভার ভাঁড় আর বাদ্য-দলের লোকেরা শোভাযাত্রার অগ্রভাগে থাকত। অভিযুক্ত নারী অথবা পুরুষটিকে নগ্ন বা প্রায় অর্ধনগ্ন অবস্থায় গাধার পিঠে চাপিয়ে জেল থেকে বের করা হতো, আর যখন পুরুষ বা নারীটিকে কশাঘাত করা হতো, তখন জনতার তরফ থেকে তার উপর কিল-ঘুষি, থুতু, বিষ্ঠা, পচা ডিম ও বাদ বাকী অভ্যর্থনা জুটতো।
সবচেয়ে উৎসাহী শাস্তিদাতারাই ছিল সবচেয়ে উৎসাহী অপরাধী।

ভাড়াটে সৈনিক

এখন তাঁদের বলা হয় ঠিকাদার।
ইতালিতে কয়েকশো বছর আগে, তাঁদের বলা হতো কনদোত্তিয়েরি। তাঁরা ছিল ভাড়াটে খুনি, আর কনদোত্তা শব্দটি দিয়ে চুক্তি বোঝানো হতো।
পাওলো উচেল্লো* এই সমস্ত যোদ্ধাদের এমন মার্জিত পোশাকে আর এমন সুবিন্যস্ত অমায়িক সব ছবি এঁকেছেন, যা দেখলে মনে হবে রক্তাক্ত যুদ্ধের পরিবর্তে কোন ফ্যাশন শো দেখছি।
তবে কনদোত্তিয়েরিরা ছিল এমন পুরুষ যাদের বুকে চুল থাকত, যারা শান্তি ছাড়া আর কোন কিছুকে তাঁরা ভয় পেত না।
যৌবনে ডিউক ফ্রান্সিসকো স্ফোরজা* ছিলেন তাঁদেরই একজন, যে কথা তিনি কখনো ভোলেন নি।
একদিন বিকেলে তিনি ঘোড়ায় চড়ে মিলানের পথে ঘুরছিলেন, তখন ঘোড়ার ওপর থেকে এক ভিখারির দিকে তিনি একটি কয়েন ছুঁড়ে মারলেন।
ভিখারি তাঁর মঙ্গল কামনা করে বললো:
"চিরকাল শান্তিতে থাকুন।"
"শান্তি?"
তরোয়ালের এক আঘাতে পয়সাটা ভিখারির হাত থেকে ছিটকে পড়ে গেল।

আমাদের অসম্ভবের মা

যেহেতু তিনি শান্তিতে বিশ্বাসী ছিলেন, তাই তাঁকে 'আওয়ার লেডি অব দ্য ইম্পসিবল' বলে ডাকা হয়।
সন্তু রিটা যুদ্ধের সময়ে অলৌকিক সব শান্তির ঘটনা ঘটিয়েছিলেন,
প্রতিবেশীদের মধ্যে যুদ্ধের সময়,
পরিবারের মধ্যে যুদ্ধের সময়,
বিভিন্ন রাজ্যের মধ্যে যুদ্ধের সময়,
দেবতাদের মধ্যে যুদ্ধের সময়।
তিনি আরও অনেক অলৌকিক কান্ড সাধন করেছিলেন, যার সর্বশেষটি ছিল তাঁর অন্তিমশয্যায়। রিটা শীতের মাঝে ডুমুরকে পাকতে আর বরফের তলে গোলাপের ঝাড়কে ফুঁটতে বলেছিলেন। আর এভাবে তিনি তাঁর মুখে পাকা ডুমুরের স্বাদ ও নাকে তাজা গোলাপের ঘ্রাণ নিয়ে মারা যেতে সক্ষম হয়েছিলেন, তখন তাঁর নিজ শহর ক্যাসসিয়ার সমস্ত গির্জার ঘন্টা নিজেরাই না কি বেজে উঠেছিল।