এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: চীন কী উদ্ভাবন করেনি?
চীন কী উদ্ভাবন করেনি?
আমি যখন ছোট ছিলাম, তখন আমি চীনকে পৃথিবীর যে দিকে উরুগুয়ের অবস্থান তার অন্য প্রান্তের দেশ হিসেবে জানতাম। তুমি যদি খুব ধৈর্য নিয়ে অনেক গভীর সুরঙ্গ খুঁড়তে পারো, তাহলে সেখানে পৌঁছাতে পারবে।
পরে আমি বিশ্বের ইতিহাস সম্পর্কে কিছু কিছু জানতে পারলাম, কিন্তু বিশ্ব ইতিহাসের মানে ছিল শুধুই ইউরোপের ইতিহাস, যে ধারণা আজও অক্ষুন্ন আছে। বাকি বিশ্ব পড়েছিল এবং এখনো পড়ে আছে, অন্ধকারে। চীনও তাই। যে দেশটি প্রকৃত অর্থে প্রায় সবকিছুই উদ্ভাবন করেছে, সেই দেশটির অতীত সম্পর্কে আমরা খুব সামান্য, বলতে গেলে কিছুই জানিনা।
বাংলা তর্জমা: আসাদ মিরণ
সিল্ক বা রেশমের যাত্রা সেখান থেকে শুরু, তা-ও পাঁচ হাজার বছর আগে।
কারও কিছু জানার আগেই চীনারা চা আবিস্কার করে, তার নামকরণ করে এবং চাষ শুরু করে।
তারাই প্রথম ভূগর্ভস্থ খনিজ লবন উত্তোলন এবং চুলা ও বাতি জ্বালানোর ক্ষেত্রে গ্যাস ও তেলের ব্যবহার করে।
কৃষিক্ষেত্রে ইংরেজদের যন্ত্র ব্যবহারের দু'হাজার বছর পূর্বেই চীন চারা রোপন, মাড়াই ও ফসল কাটার জন্য হালকা ওজনের লোহার লাঙ্গল ও যন্ত্রপাতি তৈরী করে।
ইউরোপের জাহাগুলিতে কম্পাস ব্যবহার শুরু করার অন্তত এগারোশো বছর পূর্বে চীন তা আবিস্কার করে।
জার্মানির এক হাজার বছর পূর্বেই চীন লোহা ও স্টিল কারখানায় শক্তির যোগান দিতে জলচালিত মিল আবিষ্কার করে।
উনিশশো বছর আগে, তারা কাগজ উদ্ভাবন করে।
গুটেনবার্গের* চেয়ে ছয়শো বছর আগেই তাঁরা বই ছাপিয়েছিল আর তারও দুশো বছর আগে চীন তাঁদের ছাপাখানায় স্থানান্তরযোগ্য হরফের ব্যবহার করেছিল।
বারশো বছর আগে, তাঁরা বারুদ আর তার একবছর পরে কামান তৈরী করে।
নয়শো বছর আগে, তাঁরা যে বোবিনসহ পা-চালিত রেশম-বুনন মেশিন তৈরী করে, সেটাই ইতালি দু'শো বছর পরে নকল করে।
এছাড়াও চীন রাডার, স্পিনিং হুইল, আকুপাংচার, চীনা মাটির বাসন, ফুটবল, তাস, ম্যাজিক লন্ঠন, আতশবাজি, পিন-হুইল, কাগজের টাকা, যান্ত্রিক ঘড়ি, সিস্মোগ্রাফ, বার্ণিশ, ফসফরাস রং, মাছ ধরার রীল, ঝুলন্ত সেতু, ঠেলাগাড়ি, ছাতা, ফ্যান, রেকাব, ঘোড়ার খুরের নাল, চাবি, টুথব্রাশ, এবং অন্যান্য জিনিসপত্র যা খুব কমই উল্লেখ করার মতো।
মস্ত এক ভাসমান শহর
পঞ্চম শতাব্দির শুরুর দিকে, চীনা নৌবহরের অধিনায়ক এ্যডমিরাল ঝেং সিংহল উপকূলে পাথরের গায়ে খোদাই করে আল্লাহ্, শিব ও বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং তিনি এই তিনজনের কাছে পৃথক তিনটি ভাষায় তাঁর নাবিকদের জন্য আশীর্বাদ কামনা করেন।
নপুংসক ঝেং তাঁর সাম্রাজ্যের প্রতি অনুগত ছিলেন, সাত সমূদ্রে (সেভেন সী) সর্বকালের বৃহত্তম নৌ বহর তাঁর অধীনেই ছিল, যদিও সেই সাম্রাজ্যই কিন্ত তাঁর অঙ্গহানি করেছিল।
দানবাকৃতির সেই জাহাজের মধ্যখানে ফল ও সব্জির বাগান এবং তার চারপাশে ছিল হাজারখানেক মাস্তুলের জঙ্গলঃ
"আকাশ যেমন মেঘ ধরে জাহাজের পাল তেমনি করে বাতাস ধরে……"
চীন ও আফ্রিকার উপকূলীয় বন্দরের মাঝে, জাভা, ভারত, আরব পেরিয়ে জাহাজটি সর্বত্র ঘুরে বেড়াত। নাবিকরা চীনামাটি, রেশম, জেড পাথর নিয়ে বন্দর ছাড়ত আর নানা ধরণের গল্প, রহস্যজনক উদ্ভিদ, জিরাফ, হাতি আর ময়ূর জাহাজে বোঝাই করে ফিরত। তাঁরা বিভিন্ন ভাষা, দেবতা বা ঈশ্বর, রীতি-নীতি আবিষ্কার করেছিল। তাঁরা নারিকেলের দশ ধরণের ব্যবহার আর আমের অসাধারণ স্বাদের কথা জেনেছিল। তাঁরা ডোরাকাটা ঘোড়া আর ঘোড়ার মতো দৌঁড়ানো লম্বা পায়ের পাখি আবিষ্কার করেছিল। তাঁরা আরবে ধূপ ও গন্ধক খুঁজে পেয়েছিল আর তুরস্কে পেয়েছিল আম্বারের মতো দুর্লভ পাথর, যাকে তাঁরা বলতো "ড্রাগনের নাল।" দক্ষিণের দ্বীপপুঞ্জে তাঁরা মানুষের মতো কথা বলা পাখি আর সেখানে পুরুষদের যৌন বীরত্ব দেখানোর জন্য তাঁদের দু'পায়ের মাঝে ঝুমঝুমি ঝোলাতে দেখে বিস্মিত হয়েছিলেন।
চীনের বিশাল সেই নৌবহরের লক্ষ্য ছিল অনুসন্ধান আর বাণিজ্য। কোন দেশ দখল বা জয় করা তাঁদের অভিপ্রায় ছিল না। আধিপত্য বিস্তারের কোন আকুলতা ঝেং'র মধ্যে ছিল না বিধায়, তিনি যা দেখেছিলেন তার কোন কিছুকেই অবজ্ঞা বা নিন্দা করেননি। যেখানে প্রশংসা করার কিছু ছিল না, সেখানে তিনি অন্তত কৌতুহল প্রকাশ করতে দ্বিধা করেননি। একের পর এক যাত্রায় বেইজিংয়ের রাজকীয় পাঠাগার বিশ্বজ্ঞানের সংগ্রহশালা হিসেবে সমৃদ্ধি লাভ করে। তাঁদের সংগ্রহশালায় যখন বইয়ের সংখ্যা চার হাজার দাঁড়িয়েছিল, তখন পর্তুগালের রাজ-গ্রন্থাগারে বইয়ের সংখ্যা ছিল মাত্র ছয়শোটি।
মহানুভব পোপ
চীনা নৌবহরের সমুদ্রযাত্রার সত্তর বছর পর, স্পেন আমেরিকা বিজয়ের অভিযান শুরু করে এবং ভ্যাটিকানের সিংহাসনে একজন স্পেনীয়ার্ডকে বসায়।
কার্ডিনালদের ভোটের বদৌলতে ভ্যালেন্সিয়ায় জন্ম গ্রহণকারী রদ্রিগো বর্জিয়ার নাম পোপ ষষ্ঠ আলেকজান্ডার হয়ে যায়। অবশ্য এই ভোট কিনতে রদ্রিগোকে চারটি খচ্চর বোঝাই করে স্বর্ণ ও রৌপ্য ঘুষ দিতে হয়েছিল।
এরপর স্প্যানীশ পোপ এক আদেশপত্র জারি করেন, যার মাধ্যমে ঈশ্বরের নামে স্পেনের রাজা, রাণী ও তাঁদের উত্তরাধিকারীরা কিছু দ্বীপ ও ভূমির মালিকানা লাভ করে, কিছু বছর পরে যার নাম হয় আমেরিকা।
পোপ আরও নিশ্চিত করলেন যে কালো আফ্রিকার যত দ্বীপ আর ভূমি আছে তার মালিক ও প্রভূ হ'ল পর্তুগাল, যেখান থেকে তাঁরা অর্ধ-শতাব্দি ধরে সোনা, হাতির দাঁত ও ক্রীতদাস নিয়ে আসছিল।
এ্যাডমিরাল ঝেং'র নৌ-অভিযান আর পোপের অভিপ্রায় এক রকম ছিল না। পোপ আমেরিকা আর আফ্রিকাকে ঐ দুই দেশের হাতে ছেড়ে দিয়েছিল "যেন ঐ সব বর্বর জাতিদের বশীভূত করে তাঁদেরকে ক্যাথলিক বিশ্বাসে রূপান্তরিত করা যায়।"
সেই সময়, স্পেনের চেয়ে আমেরিকার জনসংখ্যা ছিল পনের গুণ আর পর্তুগালের চেয়ে আফ্রিকার জনসংখ্যা ছিল একশো গুণ বেশী।
মন্দ ভালোকে অনুকরণ করে
পাদুয়ার গীর্জায় জিয়াত্তো* তাঁর দেয়াল চিত্রের একটিতে নরকের পাপীদের উপর দানবের নির্যাতনের চিত্র এঁকেছিলেন।
সেই সময়ের অন্যান্য শিল্পকর্মে, নরকের নির্যাতনের যে সমস্ত হাতিয়ারের ব্যবহার দেখা যায়, তা মানুষের মাঝে ভীতি ও আতঙ্কের উদ্রেক করে। ক্যাথলিক বিশ্বাস চাপিয়ে দেবার জন্য এই সমস্ত হাতিয়ার হোলি ইনকুইজিশনে* বা পবিত্র বিচারসভায় বহুল ব্যবহৃত হতো। ঈশ্বর এর মাধ্যমে তাঁর নিকৃষ্টতম শত্রুকে অনুপ্রাণিত করেছিলেনঃ পৃথিবীতে ক্যাথলিক ইনকুইজিটররা যে প্রযুক্তি প্রয়োগ করেছিল, জাহান্নামে শয়তান পাপীদের যন্ত্রণা দেবার জন্য একই পদ্ধতি অনুসরণ করে।
শাস্তির এই বিধান নিশ্চিত করে যে, এই পৃথিবীটা নরকের পোশাকী মহড়া ছাড়া আর কিছুই না। এখন আর তখন, ইহকালে ও পরকালে অবাধ্যতার পুরস্কার একই।
বিশ্বাসের যুক্তি
ছয়শো বছর ধরে এবং বেশ কয়েকটি দেশে, হোলি ইনকুইজিশন বিদ্রোহী, ধর্ম বিরোধী, ডাইনী, সমকামী ও পৌত্তলিকদের শাস্তি দিয়েছিল…।
শাস্তি প্রাপ্তদের মধ্যে অনেকের জীবন খুঁটির সাথে বাঁধা অবস্থায় শেষ হয়ে যায়, কাঁচা কাঠে আগুন দিয়ে ধীরে ধীরে তাঁদের পোড়ানো হয়। তাঁদেরকে আরও অনেক নির্যাতনের শিকার হতে হয়েছিল। স্বীকারোক্তি আদায়, বিশ্বাস বদল ও আতঙ্ক ছাড়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত কিছু হাতিয়ারের তালিকা এখানে দেয়া হ'লঃ
কাঁটা লাগানো গলবন্ধনী,
ঝুলন্ত খাঁচা,
অযাচিত চিৎকার বন্ধ করার জন্য মুখের ভিতরে লোহার গোঁজ দেয়া,
করাত, যা তোমাকে ধীরে ধীরে দু-ভাগ করবে,
আঙুল টানার চাপযন্ত্র,
মাথা চ্যাপ্টা করার যন্ত্র,
হাড় ভাঙার দোলক দন্ড,
পেরেকের আসন,
শয়তানি আঁচিল ফুটো করার লম্বা সূঁচ,
লোহার নখ, যা দিয়ে মাংস কেটে ফেলা যায়,
জ্বলন্ত সাঁড়াশি ও চিমটা,
ধারালো পেরেক লাগানো শবধার,
এমন লোহার খাট যা হাত বা পায়ের গাট খুলে না যাওয়া পর্যন্ত প্রসারিত হয়,
ডগায় পেরেক বা ছুরিযুক্ত চাবুক,
বিষ্ঠা ভর্তি পিপা,
শিকল, বেড়ি, মুগুর, কাঠের গিলোটিন, বর্শা,
ফাঁপা গোলক, যা দিয়ে ধর্মবিরোধীদের মুখ, সমকামীদের পায়ু এবং শয়তানের প্রেমিকাদের যোনি বাড়িয়ে ছিঁড়ে ফেলতে পারে।
সাঁড়াশি, যা ডাইনি ও ব্যভিচারীদের স্তন ছিঁড়ে ফেলতে পারে,
আর পায়ে আগুন,
ধর্মের অপরাপর অস্ত্রের মধ্যে এগুলিই হ'ল অন্যতম।
টিকা:
১. *ইয়োহানেস গুটেনবার্গ একাধারে জার্মান উদ্ভাবক এবং প্রকাশক, যিনি মুদ্রণযন্ত্রের সাহায্যে ইউরোপে মুদ্রণ চালু করেন।
২. * জিয়াত্তো দি বন্দোনে ফ্লোরেন্সের একজন চিত্রশিল্পী ও স্থপতি ছিলেন। তিনি ইতালীর রেনেসাঁসের প্রথম বড় শিল্পী হিসেবে পরিগণিত।
৩. * ইনকুইজিশন বলতে মধ্যযুগের ক্যাথলিক চার্চের অধীনে কিছু প্রতিষ্ঠানকে বোঝায় যারা ক্যাথলিক মতবিরুদ্ধ ধর্ম বা চিন্তাধারাকে প্রতিহত করার কাজে লিপ্ত ছিল। এখানে জিজ্ঞাসাবাদের নামে ভয়াবহ নির্যাতন চালানো হতো।
