২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়োর্দো গালেয়ানোর দর্পণ : দৈত্য দানো ও মার্কো পোলো

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 13 May 2021, 03:14 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ঈশ্বরের ছোট দেবদূতরা

ফ্লোরা ত্রিস্তাঁন যখন লন্ডন ভ্রমন করেছিলেন, তখন তিনি অবাক হয়ে দেখেছিলেন ইংরেজ মায়েরা কখনই তাঁদের শিশুদের আদর করেনা। সামাজিক স্তরের একেবারে নীচের ধাপে শিশুদের অবস্থান, নারীদের চেয়েও নীচে। আস্থার দিক থেকে তাঁরা ছিল অনেকটা ভাঙা তরবারির মতো।

তা সত্ত্বেও, তিন শতাব্দি পূর্বে, একজন উচ্চপদস্থ ইউরোপীয় ইংরেজ ভদ্রলোক প্রথমবারের মতো ব্যক্তি হিসেবে শিশুরাও যে সম্মান ও আনন্দভোগের যোগ্য এ কথা তুলে ধরেন। থমাস মুর শিশুদের ভালোবাসতেন ও তাঁদের সমর্থনে কথা বলতেন। যখনই সুযোগ পেতেন তখনই তিনি শিশুদের সাথে সময় কাটাতেন আর তাঁদের সাথে জীবনের আকাঙ্ক্ষা ভাগ করে নিতেন, যে জীবনের খেলা কখনো শেষ হবার নয়।

তাঁর দৃষ্টান্ত বেশী দিন স্থায়ী হয়নি।

কয়েক শতাব্দি ধরে, একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত, ব্রিটিশ স্কুলগুলোতে শারীরিক শাস্তির আইনগত বৈধতা ছিল। গণতান্ত্রিকভাবে, সামাজিক শ্রেণী-নির্বিশেষে, পরিণত সভ্যতার শৈশবের বর্বরতা সংশোধনের জন্য বালিকাদের চাবুক মারা আর বালকদের লাঠি অথবা বেত দিয়ে পেটানোর অধিকার ছিল। নৈতিকতার নামে, বহু প্রজন্ম ধরে এই সমস্ত শাস্তিমূলক হাতিয়ার বিপথগামীদের অনৈতিকতা ও বিচ্যুতি সংশোধনের জন্য ব্যবহৃত হয়ে এসেছিল।

১৯৮৬ সাল অবধি ব্রিটিশ সরকারি স্কুলগুলোতে চাবুক, লাঠি ও বেতের ব্যবহার নিষিদ্ধ ছিল না। পরে অবশ্য নিষিদ্ধ করা হয়। এরপর, বেসরকারি স্কুলগুলো তা অনুসরণ করে।

শিশুদের শিশু হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য পিতামাতা আজও তাঁদের শাস্তি দিতে পারেন, যতক্ষণ না সেই আঘাতগুলি "সহনীয় পর্যায়ে থাকে এবং তাতে কোন দাগের সৃষ্টি না হয়।"

ওগরের বাবা

সর্বাধিক জনপ্রিয় শিশুদের গল্পগুলো, সন্ত্রাসবাদীদের সৃষ্টি ছাড়া আর কিছুই না, এগুলি শিশুদের বিরুদ্ধে প্রাপ্ত বয়স্কদের অস্ত্রাগারের হাতিয়ার হিসেবে অন্তর্ভূক্তির যোগ্য।

হ্যান্সেল ও গ্রেটেল ইঙ্গিত দেয় যে তোমার পিতা-মাতা সম্ভবতঃ তোমাকে পরিত্যাগ করবে। লিটল রেড রাইডিং হুড তোমায় শেখায়, প্রত্যেক আগুন্তকই হতে পারে কোন নেকড়ে যে তোমায় খেয়ে ফেলবে। সিন্ড্রেলা তোমাকে সৎ মা ও বোনদের অবিশ্বাস করতে বাধ্য করে। তবে যে চরিত্রটি সবচেয়ে বেশী কার্যকরী উপায়ে বাধ্যতা শেখায় ও ভয় ছড়ায়, সে হ'ল ওগর।

পেরোল্টস'এর গল্পের শিশু খাদক ওগর চরিত্রটি জিলস ডে রেৎজ নামের এক বহুরূপী ভদ্রলোকের আদলে তৈরী করা হয়, যিনি অরলিয়েন্স ও অন্যান্য যুদ্ধ ক্ষেত্রে জোয়ান অব আর্কের সহযোদ্ধা হিসেবে লড়াই করেছিলেন।

বেশ কিছু দূর্গের অধিপতি, ফ্রান্সের কনিষ্ঠতম মার্শাল ছিলেন এই জিলস। তিনি শিশুদের অত্যাচার, ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন। হয়তো শিকারে পরিণত হওয়া সে সকল উদ্দাম শিশুদের মধ্যে কেউ কেউ তাঁর স্টেটে রুটির সন্ধানে অথবা জিলসের কৃতিত্বের মহিমাকীর্তনে গঠিত গায়ক দলে চাকুরির সুযোগ পাওয়ার আশায় এসেছিল।

অত্যাচারের মুখে, জিলস শতাধিক শিশু হত্যার দায় স্বীকার করেছিলেন এবং তাঁর শারীরিক আনন্দের বিস্তারিত বিবরণ দিয়েছিলেন।

তাঁর যবানিকাপাত হয় ফাঁসিকাষ্ঠে।

সাড়ে পাঁচ শতাব্দি পর, জিলসের মুক্তি ঘটে। ফরাসী সিনেটের এক ট্রাইব্যুনালে তৎকালীন বিচারকার্য পর্যালোচনা করে তা প্রহসনমূলক বলে আখ্যায়িত করে এবং তাঁর শাস্তি মওকুফ করে।

অবশ্য তিনি এই সুসংবাদ উদযাপন করতে অক্ষম ছিলেন।

তাতারদের ওগর

শয়তান-প্রেরিত মঙ্গোলিয়ানদের নেতা ও খ্রিস্টান বিরোধী চেঙ্গিস খান ছিলেন সেই সব গল্পের ওগর, যিনি বহু বছর ধরে ইউরোপের প্রাপ্তবয়স্কদের আতঙ্কের মধ্যে রেখেছিলেন।

সিসিলি ও প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিখ রাগত স্বরে বলেছিলেন, "ওরা মানুষ না! দৈত্য!"

বাস্তবে, ইউরোপ বেশ নাখোশ ছিল, কেননা চেঙ্গিস খান তাঁদেরকে আক্রমন করার যোগ্য মনে করেননি। তিনি ইউরোপকে পশ্চাৎপদ হিসেবে অবজ্ঞা করে এশিয়ার প্রতি নজর দেন। খানিকটা কঠোর প্রক্রিয়ায়, তিনি চীন, আফগানিস্তান ও পারস্য ঘিরে মঙ্গোলিয়ার মালভূমি থেকে রাশিয়ার স্তেপ পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য দখল করেছিলেন।

তাঁর খ্যাতি সমগ্র খান বংশে বিস্তৃত হয়েছিল।

যদিও চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বেইজিঙের দরবারে তাঁর সাথে মাঝে মাঝে দেখা করতে আসা ইউরোপীয়দের কিন্তু কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতেন না। তাঁদের তিনি আপ্যায়ন করতেন, তাঁদের কথা শুনতেন, এমনকি তাঁদের ভাড়াও করতেন।
মার্কো পোলো তাঁর হয়ে কাজ করেছিলেন।


মার্কো পোলো
জেনোয়ায় তখন তিনি বন্দি ছিলেন, যখন তিনি তাঁর বইয়ের ভ্রমন কাহিনীগুলি মুখে মুখে বলছিলেন। অনুসারী বন্দিরা তাঁর প্রতিটি কথা বিশ্বাস করেছিল। তাঁরা যখন প্রাচ্যের পথে পথে মার্কো পোলোর সাতাশ বছরের দুঃসাহসিক অভিযানের কথা শুনছিল, তখন প্রত্যেক বন্দিরা যেন কারাগার থেকে পালিয়ে গিয়ে তাঁর সাথে সেই ভ্রমন অভিযানের সঙ্গী হয়ে গিয়েছিল।

তিন বছর পর, ভেনিসের প্রাক্তন এক বন্দি তাঁর বইটি প্রকাশ করে। "প্রকাশ করে" কথাটি অবশ্য মুখের কথা, কেননা ইউরোপে তখন আদৌ কোন ছাপাখানা ছিল না। বেশ কিছু হাতে লেখা বইয়ের কপি প্রকাশিত হয়। মার্কো পোলো যে কয়জন পাঠক পেয়েছিলেন, তাঁরা সেই কাহিনীর এক বর্ণও বিশ্বাস করেনি।
তাঁদের ধারণা, নিশ্চয়ই পোলো কোন এক ঘোরের মধ্যে ছিলেন, তা না হলেঃ কীভাবে মদের গ্লাস কোন কিছুর স্পর্শ ছাড়াই ভেসে ভেসে মহান খানদের ঠোঁটের কাছে পৌঁছায়? কেমন করে আফগানিস্তানে একটি তরমুজের দাম একজন নারীর সমান হতে পারে? পাঠকদের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল মানুষটি বলেছিল, বণিক লেখকের তখন মাথা ঠিক ছিল না।
আরারাত পর্বতমালা থেকে কাস্পিয়ান সাগরের পথে, এই উন্মাদ প্রলাপকারী জ্বলন্ত তেল দেখতে পেয়েছিলেন, এরপর তিনি চীনের পর্বতমালায় জ্বলন্ত শিলা দেখতে পান। তাঁর যে দাবীগুলো সবচেয়ে বেশী গাঁজাখুরি ছিল, তা হ'ল চীনাদের কাছে না কি মঙ্গোলীয় সম্রাটের মোহরযুক্ত কাগজের টাকা আছে আর তাঁদের কাছে এমন জাহাজ আছে যা এক হাজারেরও বেশী লোক বহন করতে পারে। সুমাত্রার এক শিংওয়ালা ঘোড়া বা ইউনিকর্ন ও গোবি মরুভূমির গান গাওয়া বালির কথা শুনে সবার অট্টহাসিতে ফেটে পরার উপক্রম হয়। আবার মার্কো পোলো তাকলামাকান ছাড়িয়ে এমন বস্ত্র দেখেছিলেন যা আগুনের স্পর্শেও কিছই হয় না, যা ছিল স্রেফ অবিশ্বাস্য।
শত বছর পর সবকিছু জানা যায়:
যে তেল জ্বলছিল সেটা ছিল পেট্রোলিয়াম,
যে পাথর জ্বলছিল তা ছিল কয়লা,
চীনারা যে কাগজের টাকা ব্যবহার করছিল তা তাঁরা পাঁচশ বছর ধরেই ব্যবহার করছিল,
আর তাঁদের জাহাজগুলি ছিল ইউরোপের যে কোন জাহাজের তুলনায় দশগুণ বড়, আর সে সব জাহাজে বাগান ছিল যেখানে সব্জি চাষ হ'ত, যা নাবিকদের স্কার্ভি রোগ প্রতিরোধ করত,
ইউনিকর্ণ আদতে ছিল এক গন্ডার,
মরুভূমিতে যখন জোড়ে বাতাস বয় তখন বালিয়ারির অগ্রভাগে শিষের মতো এক ধরণের তীক্ষ্ণ শব্দ হয়,
আর আগুন প্রতিরোধী যে বস্ত্র তা ছিল অ্যাসবেস্টসের তৈরী।
মার্কো পোলোর আমলে, ইউরোপ পেট্রোলিয়াম, কয়লা, কাগজের টাকা, বড় জাহাজ, গন্ডার, বালিয়াড়ি কিংবা অ্যাসবেস্টস সম্পর্কে কিছুই জানত না।