২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: ধর্মযুদ্ধ, ত্রতুলা ও চিনির উৎপত্তি

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 19 Apr 2021, 06:49 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

মূল: এদুয়ার্দো গালেয়ানো
ইংরেজি থেকে বাংলা তর্জমা: আসাদ মিরণ


ত্রতুলা
ক্রুসেড যে সময় মা'আররাতকে ধূলোয় মিশিয়ে দিচ্ছিল, তখন ত্রতুলা ডি রুগেইরো ইতালির সালেরনো শহরে অন্তিম শয্যায় ছিলেন।
যেহেতু সেই সময়ের ইতিহাস যীশুর যোদ্ধাদের কীর্তি লিপিবদ্ধ করতে ব্যস্ত ছিল, সেহেতু ত্রতুলা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে আমরা জেনেছি যে তাঁর শবযাত্রায় চল্লিশ সারি লোকের সমাগম হয়েছিল এবং তিনিই হলেন প্রথম নারী যিনি স্ত্রীরোগ, ধাত্রীবিদ্যা ও শিশু বিকাশ সম্পর্কে বই লেখেন।
ত্রতুলা লিখেছেন, "নারীরা লজ্জ্বা ও সহজাত প্রবৃত্তির কারণে তাঁদের গোপন অঙ্গ একজন পুরুষ চিকিৎসকের কাছে উন্মোচন করতে সাহস পান না।" তাঁর গ্রন্থটি একজন নারী হিসেবে অপর নারীদের, তাঁদের স্পর্শকাতর বিষয়ে সাহায্য করার অভিজ্ঞতাপ্রসূত নির্যাস। নারীরা তাঁর সাথে খোলামেলা আলোচনা করতেন, একেবারে মন-প্রাণ খুলে। তাঁরা তাঁকে সকল গোপন কথা বলতেন, যা একজন পুরুষের পক্ষে কখনোই অনুধাবন করা সম্ভব না, এমনকি তাঁরা সে সব বিষয়ের উপযুক্তও না।

ত্রতুলা নারীদের শেখাতেন কীভাবে বৈধব্য মোকাবেলা করতে হয়, কীভাবে সতীত্বের ভান করতে হয়, কীভাবে প্রসবকালীন সময়ের জটিলতার মধ্য দিয়ে যেতে হয়, কীভাবে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করা যায়, কীভাবে গায়ের ত্বক ও দাঁত পরিস্কার রাখা যায়, আর "কীভাবে সময়ের অপূরণীয় অপব্যবহার পুনরুদ্ধার করতে হয়।"
তখন অস্ত্রোপচারের রেওয়াজ ছিল, কিন্তু ত্রতুলা সে সব ছুরিকাঁচিতে বিশ্বাস করতেন না। তিনি অন্যান্য চিকিৎসা পদ্ধতি পছন্দ করতেনঃ হাতের ব্যবহার, ভেষজ দ্বারা, কান দিয়ে শুনে চিকিৎসা করতেন। তিনি মৃদু ম্যাসাজ দিতেন, নানা রকম ক্বাথ বা নির্যাস ব্যবহারের পরামর্শ দিতেন আর তিনি জানতেন কীভাবে রোগীর কথা শুনতে হয়।


আসিসির সন্তু ফ্রান্সিস
ধর্মযোদ্ধারা (ক্রুসেডাররা) মিশরের দমইয়াত শহর অবরোধ করে রেখেছিল। ১২১৯ সালে, হামলার মাঝে ফাদার ফ্রান্সিস তাঁর আসন ছেড়ে, একা, খালিপায়ে শত্রুর ঘাঁটির দিকে হাঁটতে শুরু করলেন।
বাতাসে ধূলোর ঝড় বয়ে যাচ্ছিল আর চর্মসার এই দেবদূতের মেটে রংয়ের আলখেল্লা প্রচন্ড গতিতে উড়ছিল, স্বর্গ থেকে খসে পড়া এই মানুষটি পৃথিবীটাকে এমনভাবে ভালোবাসতেন, যেন তিনি পৃথিবী থেকেই অঙ্কুরিত হয়েছেন।
দূর থেকে তাঁরা তাঁকে আসতে দেখলেন।
তিনি বললেন, সুলতান আল-কামিলের সাথে তিনি শান্তির বাণী নিয়ে আলোচনা করতে এসেছেন।
ফ্রান্সিস কারও প্রতিনিধিত্ব করতে আসেননি, তবে বিভক্তি দূর করতে এসেছেন।
খ্রিস্টান সৈন্যরা দ্বিধান্বিত ছিল। তাঁদের অর্ধেক অংশ মনে করল, ফাদার ফ্রান্সিস নিশ্চয়ই কোন ভবঘুরে পাগল। বাকি অর্ধেক মনে করল, হয়তো বা সে বোকা গর্দভ।
সবাই জানত যে তিনি পাখির সাথে কথা বলতেন, তাঁকে "প্রভূর কবি" বলে ডাকলে খুশি হন, তিনি হাসির কথা প্রচার করেন আর তাঁর চর্চাও করেন আর তিনি অন্য সাধু ভাইদের বলতেনঃ
"অসুখী, নির্দয় অথবা ভন্ডের মতো চেহারা করে রাখার চেষ্টা করোনা।"
লোকে বলে, আসিসি শহরে তাঁর বাগানের গাছগুলি উল্টো দিকে বাড়ে, আর সেগুলির শিকড় উপর দিকে ওঠে। আর লোকে এটাও জানত যে, তিনি যে মতামত দেন, তা-ও উল্টোমুখী। তিনি মনে করতেন, যুদ্ধ হ'ল রাজা আর পোপের আবেগ ও পেশা, যার মাধ্যমে সম্পদ লাভ করা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় না, আর ঐ ক্রুসেড বা ধর্মযুদ্ধ পরিচালিত হতো মুসলিমদের ধর্মান্তরিত করার জন্য নয় বরং তাঁদের দমন করার জন্য।
সম্রাট তাঁকে গ্রহণ করেছিলেন, তবে সেটা কৌতূহলের বশবর্তী হয়ে না অন্য কোন কারণে কে জানে।
খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায় তর্কে উপনীত হয়েছিল, যুদ্ধে নয়। তাঁদের দীর্ঘ আলোচনায়, যীশু ও মুহাম্মদ কোন শর্ত হয়ে আসেনি। তবে তাঁরা একে অন্যের কথা শুনছিল।

চিনির উৎপত্তি
পারস্যের রাজা দারিয়ূস প্রশংসা করে বলেছিলেন, "এই বেত মৌমাছি ছাড়াই মধু তৈরী করে"। অবশ্য তাঁর অনেক আগে থেকেই ভারত ও চীনারা এ কথা জানত। তবে খ্রিস্টান ইউরোপীয়রা যখন ত্রিপলির সমভূমিতে ইক্ষুক্ষেত দেখে ও তার সুমিষ্ট রস পান করে, তখনই কেবল চিনি সম্পর্কে তাঁরা ধারণা লাভ করে। সে সময় এই রস আলবেরিয়ে, মারাহ ও আরকাহ'র অবরুদ্ধ আরববাসীদের ক্ষুধার জ্বালা নিবারণ করত।

লুকানো সেই উত্তেজনা কিন্তু তাঁদের ব্যবসায়িক দৃষ্টিকে অন্ধ করে রাখেনি, সুতরাং ধর্মযোদ্ধারা জেরুযালেম থেকে আক্করা, টায়ার, ক্রিট ও সাইপ্রাসসহ জেরিকোর কাছের একটি এলাকা (যা আল-সুক্কর নামে খ্যাত) পর্যন্ত তাঁদের বিজিত ভূমির সকল ক্ষেত ও মিলগুলি দখল করে নেয়।
সেখান থেকে আরেকটু অগ্রসর হয়ে চিনি 'সাদা সোনায়' পরিণত হয় এবং ইউরোপের ঔষধপ্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে পরে তা ওজন দরে বিক্রি হয়।

ডলসিনোর বিরুদ্ধে ছোটখাট এক ধর্মযুদ্ধ
আর্কাইভের নথি-পত্রের মধ্যে চূড়ান্ত ক্রুসেডের গল্প রয়েছে। সেখানে দেখা যায়, চতুর্দশ শতাব্দির শুরুর দিকে প্রচলিত ধর্মমতের বিরোধী এক মানুষ ডলসিনো ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে এই ক্রুসেড পরিচালিত হয়েছিলঃ
ডলসিনোর মার্গারিটা নামের এক বান্ধবী ছিল, তাঁরা একসাথে থাকতেন। মার্গারিটা ছিলেন তাঁর সর্বক্ষণের সঙ্গী। ডলসিনো দাবী করতেন, মার্গারিটার সাথে তাঁর আচরণ ছিল অত্যন্ত শুদ্ধ আর সৎ। তাঁকে তিনি যীশুর বোন হিসেবে গণ্য করতেন। আর যখন তাঁর গর্ভাবস্থা প্রকাশ পায়, তখন ডলসিনো ও তাঁর অনুসারিরা নিশ্চিত করলেন যে এ হ'ল পবিত্র আত্মার সন্তান।
ভার্সাইলের বিশপের মত সাপেক্ষে, লোম্বার্ডির তদন্তকারীরা সেখানে চরম ধরণের কোন পাপ সংগঠিত হয়েছে কি না তার জন্য ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি ক্রুসেড পরিচালনার সুপারিশ করেন। এরপর তাঁরা সেখানে উপরোল্লিখিত ডলসিনোর বিরুদ্ধে এক সার্থক অভিযান পরিচালনা করে। অভিযোগ ছিল, তিনি অসংখ্য ভক্তদের অপবিত্র করেছেন এবং বিশ্বাসের বিরুদ্ধে তাঁদের প্ররোচিত করেন, এরপর তাঁদের সাথে পালিয়ে নোভারিস পর্বতে চলে যান।
তারপর সেখানে, বিরূপ তাপমাত্রার ফলস্বরূপ, এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে তাঁদের অনেকেই দুর্বল হয়ে পড়ে এবং ক্ষুধা ও ঠান্ডার কারণে বিধ্বস্ত হয়ে যায়, এভাবে তাঁরা কোন প্রকার অত্যাচারিত না হয়েই তারা মারা যায়। তাছাড়া, সৈন্যরা পর্বতে উঠে ডলসিনোসহ তার আরও চল্লিশজন অনুসারিকে গ্রেফতার করে। হত্যা ও ক্ষুধা-ঠান্ডায় মৃত্যু, সব মিলিয়ে তাঁদের সংখ্যা চারশোর কিছু বেশী হবে।
ডলসিনোর সাথে, একইভাবে বিধর্মী ও মায়াবী মার্গারিটাও ১৩০৮ সালের পবিত্র বৃহস্পতিবার, আমাদের প্রভুর আবির্ভাবের দিন ধরা পড়েছিলেন। প্রকাশ থাকে, ডলসিনোর চোখের সামনে মার্গারিটাকে চিরে ফেলা হয়, তারপর তাকেও কেটে টুকরো টুকরো করা হয়।

স্বর্গ থেকে ঘুরে আসা সন্তুরা
ম্যগডেবার্গের সন্তু মেখটিল্ডেঃ "প্রভু, আমায় ভালোবাসো, অনেক বেশী সময় ধরে ভালোবাসো, বার বার ভালোবাসো। কামনার প্রবল উত্তেজনায় আমি তোমায় ডাকি। তোমার আকুল ভালোবাসার আগুন আমায় দিন-রাত পোড়ায়। আমি শুধুই এক নগ্ন প্রাণ, আর তুমি তার ভিতর একাই এক সুশোভিত অতিথি।"
সন্তু মার্গারেট মেরি আলাওকোঃ "একদিন যীশু যখন আমার গায়ের ওপর তাঁর সমস্ত দেহের ভার নিয়ে শুয়েছিলেন, তিনি তখন আমার প্রতিক্রিয়ার উত্তরে এইভাবে সাড়া দিলেন, 'আমি তোমাকে আমার ভালোবাসার কাঙ্খিত বস্তু হিসেবে চাই, তোমার দিক থেকে কোন প্রকার বাধা ছাড়াই আমি যেন তোমার মাঝে আনন্দ ভোগ করতে পারি।'"
ফলিগনোর সন্তু অ্যাঞ্জেলাঃ "যেন আমি কোন যন্ত্র দ্বারা আবিষ্ট, যেটা আমার ভিতর ঢুকছে আবার বেরোচ্ছে, আমার প্রবেশদ্বার যেন চেঁচে ফেলছে। আমার অঙ্গ কামনায় সুড়সুড় করছিল….। আর এই সময়ের মধ্যেই প্রভূর ইচ্ছায় আমার মা মারা গেলেন, তিনি ছিলেন আমার জন্য বিশাল প্রতিবন্ধকস্বরূপ। অচিরেই আমার স্বামী এবং সন্তানদেরও মৃত্যু হ'ল। আমি খুবই স্বস্তি পেলাম। প্রভূ আমার জন্য এটা করেছেন, যেন আমার হৃদয় তাঁর হৃদয়ের সাথে একাকার হয়ে যেতে পারে।"