২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসেন্তে উইদোব্রো: কবিতার ঈশ্বর ও নিরিশ্বর পাখি

অমৃতা ইশরাত অমৃতা ইশরাত

Published : 31 Mar 2021, 11:50 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


নারী, তোমার চোখেই সজ্জিত হয়ে আছে এই বিশ্ব
তোমার সম্মুখে উচ্চতর হয়ে ওঠে আকাশ
গোলাপ থেকে গোলাপে ব্যাপ্ত এই পৃথিবী
এবং বাতাস বিস্তৃত হয়ে আছে ঘুঘুদের ডানায়।

বছর ছয়েক পূর্বে বন্ধুবর তাপস গায়েন বিসেন্তে উইদোব্রোর চারটি পঙক্তি ভাষান্তর করে পাঠিয়েছিলেন। নারী মুক্তির মহিমা নিয়ে লেখা পঙক্তিগুলো আমার এতটাই ভাল লেগেছিল যে উইদোব্রোকে নিয়ে যথারীতি গবেষণা শুরু করে দিয়েছিলাম। যদিও এর অন্যতম কারণ ছিল প্রিয় কবি ও অনুবাদক তাপস গায়েনের শব্দশৈলী। গয়ংগচ্ছ স্বভাবের জন্যে বরাবরই আমার আঠার মাসে বছর। তাই অবিলম্বে উইদোব্রোকে নিয়ে কিছু লিখতে পারি নি। তাঁর লেখা বই সংগ্রহ করবার চেষ্টা করেছি প্রাণপণ। দুর্ভাগ্যবশত পারিনি। দীর্ঘ প্রতিক্ষার পর পেঙ্গুইন প্রেস থেকে পেয়েছি উইদোব্রোর নির্বাচিত কবিতা। অদম্য কৌতুহলে আন্তর্জালের শরণাপন্ন হয়েছি বারংবার। আর্কাইভসহ কয়েকটি অনলাইন লাইব্রেরি যুগিয়েছে উইদোব্রোর পিডিএফ বই। পরিশেষে বেড়ালের ভাগ্যে সিঁকে ছিড়েছেন প্রিয় প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। পিনাকী ঘোষ অনূদিত বিসেন্তে উইদোব্রো'র একটি গ্রন্থ বড়দিনের উপহার হিসেবে আমাকে পাঠিয়েছেন। ত্রাতা হিসেবে আবির্ভুত হওয়ার জন্য তাঁর কাছে আমার আজন্ম ঋণ।
পুরো নাম বিসেন্তে গার্সিয়া-উইদোব্রো ফের্নান্দেস। জন্ম ১০ জানুয়ারি ১৮৯৩ সালে চিলির রাজধানী সান্তিয়াগো শহরের একটি অভিজাত পরিবারে। চিলির সর্বশ্রেষ্ঠ প্রকাশকের খেতাবটিও তাঁর ঝোলাতে। প্রগতিশীল সাহিত্যে আন্দোলনের পথিকৃৎ কালোত্তীর্ণ কবি উইদোব্রো ছিলেন ক্রিয়েশনিজম বা 'সৃজনবাদ' নামক সাহিত্য মতবাদের স্রষ্টা। মাতা মারিয়া লুইসা ফের্নান্দেস বাসকুইলিয়ান (১৮৭০-১৯৩৮) ছিলেন চিলি'র তৎকালীন নারীবাদী আন্দোলনের প্রথম সারির মুখ, পাশাপাশি কবি-প্রাবন্ধিক-ঔপন্যাসিক। পিতা বিসেন্তে ফের্নান্দেস রাজনৈতিক ও সামাজিকভাবে যথেষ্ট প্রতাপশালী ছিলেন। বস্তুত পরিবারটি ছিল ক্যাথলিক ধর্মাবলম্বী। ছয় ভাইয়ের ভেতরে বিসেন্তে ছিলেন বয়োজ্যেষ্ঠ।
সান্তিয়াগো থেকে উইদোব্রো পরিবার কিছু সময়ের জন্য ইউরোপে অভিবাসী হয়েছিলেন। এজন্য বিসেন্তের জীবনের প্রথম বছরগুলি কেটেছে ইউরোপে। সেখানেই দু'জন গভর্নেস রেখে তাকে ফরাসি ও ইংরেজি ভাষা শেখানো হয়। কয়েক বছর বাদে উইদোব্রো পরিবার আবার চিলিতে ফিরে আসেন। বিসেন্তেকে তখন সান্তিয়াগোর একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হয়। বিদ্যালয়ে থাকাকালীন উইদোব্রোর সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে! তিনি অনামিকায় আংটি পরতে পছন্দ করতেন। এজন্য মাধ্যমিক বিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। কর্তৃপক্ষের ধারণা ছিল উইদোব্রো যে আংটিটি পরেছেন সেটা 'ওয়েডিং রিং'। সেকালে ইশকুলে আংটি পরবার চল ছিল না।
১৯০৫ সালে মাত্র বারো বছর বয়েসে উইদোব্রোর কবিতা লেখার হাতেখড়ি। Ese Soy Yo বা 'এই হলাম আমি' শিরোনামের কবিতাটি পরিমার্জনা করে দিয়েছিলেন কবির মা। অনেকে অবশ্য বলে থাকেন, উইদোব্রো কবিতা লেখার প্রতিভাটি পেয়েছিলেন মা মারিয়া লুইসা ফের্নান্দেস বাসকুইলিয়ানের কাছ থেকে। এখানে উইদোব্রোর সঙ্গে জীবনানন্দের অনেক মিল। জীবনানন্দ-মাতা কুসুমকুমারী দাশও কবিতা লিখতেন। জীবনানন্দের কিশোরবেলার কবিতাগুলো কুসুমকুমারী দাশ পরিমার্জনা করে দিতেন বিসেন্তের মায়ের মতন। বাসকুইলিয়ান নিজ গৃহে একটি 'টার্টুলিয়াস' হোস্ট করতেন। 'টার্টুলিয়াস' শব্দটি আক্ষরিক দিক থেকে সেলুনের সমার্থক হলেও বিস্তৃত পটভূমিতে সাহিত্য সভা বা পাঠচক্র বলতে বলা যেতে পারে। মাঝেমধ্যেই পরিবারের সদস্য, সমসাময়িক কবি-শিল্পী সাহিত্যিক, নিমন্ত্রিত অতিথিসহ প্রায় ষাট জনের একটা গ্রুপ নিয়ে সাহিত্য সভার আয়োজন করতেন তিনি। নিজে কবিতা পড়তেন, বিশ্বসাহিত্য নিয়ে আলোচনা করতেন। বিসেন্তেকেও মায়ের সাহিত্যসভায় আসতে হতো, নিজের সৃষ্টিকর্ম নিয়ে কথা বলতে হতো টার্টুলিয়াসের সদস্যদের সঙ্গে। যা পরবর্তীকালে বিসেন্তের মানসিক গঠনে স্থায়ী প্রভাব ফেলেছিল।
১৯১০ সালে Estrella de Andacollo বা আন্দাকোইয়োর নক্ষত্র পত্রিকায় Cristo del Monte বা পাহাড় থেকে নেমে আসা খ্রিস্ট শিরোনামে বিসেন্তের একটি কবিতা প্রকাশিত হয়। মানবতা ও নৈতিকতার অপূর্ব সংমিশ্রণ ছিল সেই কবিতায়। প্রসঙ্গত, আন্দাকোইয়োর চিলির এল্ কি অঞ্চলের একটি জায়গার নাম, স্থানটির ধর্মীয় গুরুত্ব রয়েছে। পরের বছর সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে উইদোব্রো চিলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সাহিত্য নিয়ে গভীর অনুধ্যান করতে গিয়ে সাহিত্যের প্রাচীনতম শাখা কবিতার দিকে আরও বেশি ঝুঁকে পড়েন। মূলত এই বছরটি বিসেন্তের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ Ecos Del Alma বা আত্মার অনুরণন প্রকাশিত হয় যা ছিল আধুনিকতাবাদের আওতাভুক্ত। যদিও আধুনিকতা এবং নন্দনতত্ত্বের প্রমাণ মেলে তাঁর প্রতিটি কবিতায়। আত্মার অনুরণন কাব্যগ্রন্থে 'কবির মৃত্যু' শিরোনামের কবিতায় তিনি লিখেছেন-
পরিত্যক্ত ছোট্ট ঘরে ইচ্ছেমৃত্যু আলিঙ্গন করেছিল সে
পৃথিবীও বোঝেনি তার ভাষা
উন্মাদ বলে ডেকেছে সবাই, আক্রোশে ছুড়ে ফেলেছে বহুবার
কেননা পৃথিবীর নিয়মে চলে নি সে
হয়তো চেয়েছিল অন্যকিছু জানবার।

এই কবিতাটির প্রোটাগনিস্ট যিনি একজন কবি, ভাবনাগত অন্তর্দ্বন্দ্বে ভুগে আত্নাহুতি দিয়েছিলেন। কারণ পৃথিবী যে নিয়মে চলছে সে নিয়মে চলতে চান নি তিনি। পরে অবশ্য Ars Poetica বা কাব্যিক শিল্প কবিতায় কবি সম্পর্কে বিসেন্তে বলেছেন, The poet is a little God!
১৯১২ সালে মা বাসকুইলিয়ানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিসেন্তের প্রথম ম্যাগাজিন 'মুসা জোভেন' প্রকাশিত হয়। তাঁর প্রথম ক্যালিগ্রাম Triángulo armónico বা 'হারমনিক ট্রায়াঙ্গেল' এই ম্যাগাজিনের অন্তর্ভুক্ত ছিল। পরে অবশ্য De Canciones en la Noche বা 'রাত্রির গানগুলি' কাব্যগ্রন্থে মুসা জোভেন-এ প্রকাশিত বেশকিছু কবিতা গ্রন্থিত হয়। Rosas de galantería বা 'সৌহার্দ্যপূর্ণ গোলাপেরা' কবিতায় কবি লিখেছেন–

তুমি যে আমার আত্মা জাগছ অতলস্পর্শী আলস্য থেকে তার,
তুমি হলে সেই গোলাপ যা নাকি আমার ঘৃণাকে সুরভিত করে তোলে
গোলাপ লাবণ্যপ্রদায়িনী
আমার প্রলাপমগ্ন স্বপ্নগুলোকে জিতে নেয়
ঘুমপাড়ানিয়া গান গাওয়া হোক কাঁপা কাঁপা সুর তুলে
তোমার একটা প্রার্থনাসংগীতে
ঘুমোক আমার কুড়ি বছরের বার্ধক্যের আমি
যাতে না জেনেই আমার আত্মাটা জেগে ওঠে।

বিসেন্তে বিষয়গত অভিজ্ঞতার বোধকে ব্যক্তিরূপায়ন থেকে মুক্তি দিয়ে গোলাপের সৌন্দর্যের ভেতর খোঁজ করেছেন চেতনার শরীর ও আত্মাকে। যেখানে শব্দ উত্তীর্ণ হয়েছে ধ্বনিতে, সংগীতে। তিনি গোলাপের সঙ্গে বিশ্বপ্রকৃতির সম্পর্কতরঙ্গ অনুভব করেন আর এই সংযোগ তাঁর উপলব্ধিকে বাস্তব বহির্ভূত পথে চলমান রাখার ক্যাটালিস্ট। বিসেন্তের অনুভূতির সমান্তরালে ধরা থাকছিল এক গভীর চৈতন্য যা বিখ্যাত চৈনিক-মার্কিন কবি মেই-মেই বারসেনব্রাগির ভাষায় ব্যাখ্যা করা যায়। বারসেনব্রাগি বলেন, "When my fluctuating electromagnetic field touches that of another person, plant or entity, emotion is my perception of data encoded in that field." মানুষ সহ প্রত্যেক বস্তুর নিজস্ব স্পন্দন আছে, আছে জৈব-রাসায়নিক পরিবর্তন যা শুরু হয় অন্য সত্তাকে সাড়া দেওয়ার জন্য, অন্যের গ্রহণযোগ্যতায় নিজেকে অর্পণ করবার জন্য। আর সেই পরিবর্তনের তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত হয় কাল্পনিক দর্শনের অভিজ্ঞতায়। এই আভ্যন্তরীন রসায়নই প্রতিক্রিয়ার প্রাথমিক ভাষা যা গোলাপের রঙ, সুগন্ধ ও পাপড়ির নির্যাস হয়ে উপলব্ধ হয় আমাদের কাছে। যেমনটা বিসেন্তের অন্তস্থলে প্রতিধ্বনিত হয়েছিল।
খসে যেতে দাও পাতার মতন একটা একটা করে
আমার শৌর্য-বীর্যজ্ঞাপক গোলাপের গুচ্ছটা…
তুমি যে হচ্ছ আমার ভীষণ ব্যথার একটি লিলিফুল,
তুমি যে হচ্ছ আমার দীর্ঘ পথযাত্রায় বিশ্রাম!


ছবি: প্রথম স্ত্রীর সাথে বিসেন্তে
এবছরই ভালবেসে পেরতালেস বেইয়োকে (১৮৯৪-১৯৬৫) বিয়ে করেন তিনি। ১৯১৩ সালে কবি কার্লোস দিয়াস লোইয়োলা'র (যিনি পরবর্তীতে পাবলো দে রোকা নামে বিখ্যাত) সঙ্গে মিলে Azul বা 'নীলিমা' নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই সময়ে Tiempo de Belleza বা 'সৌন্দর্যের কাল' গ্রন্থটি রচনা শুরু করেন যদিও তা প্রকাশিত হয়নি। ১৯১৪ সালে আতেনেও দে সান্তিয়াগো'র একটি সাহিত্য সম্মেলনে পাঠ করেন 'No Sarviam বা আজ্ঞাবহ নই' নামের একটি প্রবন্ধ। প্রবন্ধটি তাঁর দৃঢ়চেতা স্বভাব এবং নন্দনতাত্ত্বিক ভাবনার অন্যতম বহিঃপ্রকাশ। এটি বস্তুত ধ্রুপদী পুরাণের চরিত্র স্বর্গভ্রষ্ট লুসিফার বা আলোকবহনকারীর উক্তি। উল্লেখ্য প্রবন্ধটিতে স্রষ্টা এবং সৃষ্টির প্রথানুগ ধারাটি উল্টে দেয়া হয়েছে। 'আজ্ঞাবহ নই' প্রবন্ধে কবি ক্রীতদাসের দক্ষতা চান নি, প্রকৃতির প্রতিকূলে গিয়ে স্বাধীনতার স্তুতি গেয়েছেন। মুক্তির উৎকর্ষতাই এই প্রবন্ধের উপজীব্য। যেমনটা আমরা গ্যোতে'র ফাউস্টে দেখতে পাই। ঈশ্বরের সঙ্গে মেফিস্টোফেলিসের কথোপকথনে। অন্যদিকে ফরাসি কবি পল সেলান (১৯২০-১৯৭০)-এর 'Tenebrae' কবিতার কথাও ধরা যেতে পারে। এই কবিতায় ঈশ্বর এবং মানুষের চিরাচরিত সম্পর্ক যে ভাবে উল্টে দেয়া হয়েছে তা বিস্ময়কর। ঈশ্বরকেই বলা হচ্ছে মানুষের কাছে প্রার্থনা করতে, মানুষের কাছ থেকে আশ্বাস পেতে। খ্রিস্টীয় Eucharist এর ধারণা এবং যিশুর রক্তমাংস ভক্ষণের মাধ্যমে ঐশ্বরিকতায় রিচুয়ালকে দেয়া হয়েছে অভাবিতপূর্ব নূতন অর্থময়তা। সেলান লিখেছেন–
প্রার্থনা করো, প্রভু,
প্রার্থনা করো আমাদের কাছে,
আমরা নিকটবর্তী।
সন্নিকট এবং হাতের নাগালে।
জলের সিনান নিতে আমরা গিয়েছিলাম, প্রভু।
সে ছিল রক্ত, সে ছিল তা-ই
তুমি যা ঝরিয়েছিলে প্রভু।

এবার দৃষ্টি ফেরানো যাক বিসেন্তের অন্য নিবন্ধে। Pasando y Pasando বা 'চলছি উধাও' শিরোনামের বিবৃতিতে কবি তাঁর ধর্মীয় সন্দেহ ব্যাখ্যা করে নিজের পরিবার ও জেসুইট সংঘের প্রভূত নিন্দা কুড়িয়েছিলেন। এরপর অবশ্য Ideales বা 'পরম' পত্রিকায় তৎকালীন সাহিত্যে প্রচলিত মগ্নচৈতন্য ধারার বেশকিছু রচনা প্রকাশিত হয়।
১৯১৬ সাল। দুটি মহাদেশের দুটি দেশের দু'জন কবির জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। এই সময়ে রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। অনেকেই জেনে থাকবেন, প্রাক্বলাকার রবীন্দ্রনাথ আর বলাকার রবীন্দ্রনাথ সম্পূর্ণ আলাদা। বলাকার রবীন্দ্রনাথ গতির উপাসক। কবি মানসের এই গতির সুর 'বলাকা' কাব্যে সুস্পষ্ট। সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির (এগিয়ে চল) আদর্শও লক্ষণীয়।* বলাকায় রবীন্দ্রনাথ লিখেছেন–
ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে–
হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে।

তেমনি বিসেন্তে উইদোব্রো প্রণীত El Espejo de Agua বা 'জলের মুকুর' কাব্যগ্রন্থটিও কবির নূতন রচনাশৈলী অন্বেষণের দলিল হিসেবে স্বীকৃত। কবি লিখেছেন—
My mirror, deeper than the world
Where all the swans drowned.
"আমার মুকুর অনেক গভীর এই পার্থিব জগতের তুলনায়/যেখানে তলিয়ে গিয়েছিল সবক'টা রাজহাঁস।"


চিত্রকর্ম: পাবলো পিকাসোর আঁকা বিসেন্তে উইদোব্রোর প্রতিকৃতি
কিছুদিনের ব্যবধানে কবির অন্যতম কাব্যগ্রন্থ De Las Pagodas Ocultus বা 'তিমিরাচ্ছন্ন প্যাগোডাগুলি' প্রকাশিত হয় এবং প্রথমবারের মতো তিনি বিসেন্তে উইদোব্রো নামটি স্বাক্ষর করেন। উল্লেখ্য গ্রন্থের A tu llegada বা 'তোমার আগমন উপলক্ষে' কবিতায় তিনি লিখেছেন–

আমার হৃদয় অনুভব করত তোমার আগমন যেরকম দূরবর্তী এক পাখির পাখসাট রাত্রিবেলা অনুভুত হয়।
তোমাকে নিয়ে আগে থাকতেই করা ধারণায় আমার মাংস পুরোপুরি কেঁপে উঠেছিল। কাঠকুটো জড়ো করে ধরানো আগুনের কম্পনের সঙ্গে আর আমার অন্তরাত্মাকে উদ্ধার করা হয়েছিল ভীতিবিহ্বল অবস্থায়, যেমন ব্যাপক ধ্বংসের মুখোমুখি আর পরবর্তীকালে সেটা মেলে ধরেছিল নিজেকে যেরকম বিশাল এক লিলিফুল যা শুষে নিতে যায় সূর্যের সবটুকু আলো।
আর যখন এসে পৌঁছোলে আমার মগজ বলে উঠল: যদি ইতিমধ্যেই তোমাকে চিনতে পেরে থাকি, তুমি বেড়ে উঠেছ আমার সঙ্গে স্মরণাতীত কাল থেকে আর তোমার হৃদয় থেকে উৎসারিত সুরে আমি সংগত করেছি। আহ! আমার প্রাণসত্তার সহধর্মিণী! তোমার আগমন ছিল আমার অন্ধকারাবৃত চোখ দুটোর জন্যে আলো, তোমার আগমন ছিল শব্দবিহীন গলার আওয়াজ যা আমার কানে এসেছিল স্বর্গীয় ঐকতানের স্তোত্র গাইবার জন্য।

কবিতাটিতে উইদোব্রো আত্মার সবটুকু শুদ্ধতা নিয়ে তাঁর প্রিয়তমা সহধর্মিণীর জন্যে প্রতীক্ষা করেছেন। প্রিয়তমার চোখের আরাধ্য জ্যোতি অন্ধকার প্যাগোডাগুলো আলোকিত করে তুলেছিল পুনপৌনিক।
পরবর্তীতে আর্হেনতিনার'র রাজধানী বুয়েনোস আইরেস ভ্রমণের উদ্দেশ্যে বের হন। সেখানে বক্তৃতা দিয়ে স্বল্পকাল মাদ্রিদে কাটান। মাদ্রিদে অবস্থানকালীন প্রখ্যাত স্পেনীয় কবি-প্রাবন্ধিক-সাহিত্য সমালোচক রাফায়েল কানসিনোস্ আসসেনস্ (১৮৮২-১৯৬৪)-এর সঙ্গে তাঁর পরিচয় ঘটে। সেখানকার কবি সাহিত্যিকদের দৃষ্টিভঙ্গি ও সৃষ্টিকর্ম বৈদগ্ধের মাপকাঠিতে মেপে
গ্রহণ ও বর্জনের মধ্যে মার্জিন টানতে থাকেন উইদোব্রো।
ফরাসি কবি পিয়ের রভের্দি (১৮৮৯-১৯৬০)'র গদ্যকাব্যের কথা সর্বজনবিদিত। প্রসঙ্গক্রমেই এখানে রভের্দি সম্পর্কে কিছু বলা প্রয়োজন। তাঁর অসংখ্য লেখার মধ্যে Le chant des morts (মৃতদের গান) এককথায় অনবদ্য। এই গ্রন্থটি 'The song of the Dead' শিরোনামে অনুবাদ করেন বিখ্যাত অনুবাদক ড্যান বেলম্। গ্রন্থটির উপক্রমণিকায় উল্লেখ করা হয়েছে—
Written in the aftermath of World War II in northern France, where Reverdy was a partisan in the Resistance movement, 'The Song of the Dead' is a remarkable document of dissociation and shattering, refraining from documentary or narrative in favor of revealing troubled states of soul…The Song of the Dead was first published in 1948, in a handwritten edition with one hundred twenty five color lithographs by Pablo Picasso.
পিয়ের রভের্দি তখন Nord-Sud বা উত্তর-দক্ষিণ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। বিসেন্তে উইদোব্রো Nord-Sud পত্রিকায় লেখা শুরু করেন। এই পত্রিকাটিকে ঘিরে যথাক্রমে জড়ো হয়েছিলেন গীয়োম আপলিনের (১৮৮০-১৯১৮), ত্রিস্তঁ জারা (১৮৯৬-১৯৬৩), লুই আরাগঁ (১৮৯৭-১৯৮২), মাক্স জাকব (১৮৭৬-১৯৪৪), পাবলো পিকাসো (১৮৮১-১৯৭৩), ব্লেজ সঁদ্রার (১৮৮৬-১৯৬১) প্রমুখ ক্ষণজন্মা ব্যক্তিবর্গ। আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, এই পত্রিকার সূত্র ধরেই বন্ধুত্ব গড়ে ওঠে উইদোব্রো-পিকাসো'র।
১৯১৮ সাল নাগাদ চরমবাদী আন্দোলন (Ultraista) ঘনীভূত হতে থাকে। ত্রিস্তঁ জারার দাদা (Dada) পত্রিকায় উইদোব্রো লিখতে থাকেন নিয়মিত। এবছরই উইদোব্রো প্রথমবারের মতন পিতা হন। অর্থাৎ কবিকন্যা মারিয়া লুইসা জন্মগ্রহণ করেন। পরবর্তীতে অবশ্য বিসেন্তে-পেরতালেস দম্পতি আরও দুটি সন্তানের জনক-জননী হয়েছিলেন।


চিত্রকর্ম: হানস আর্পের আঁকা বিসেন্তে উইদোব্রোর প্রতিকৃতি
এরপর থেকে সঙ্গত কারণেই উইদোব্রো নিজেকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে থাকেন। ফ্রান্সের সরবোনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় চষে বেড়ান। জীববিদ্যা, শরীরবিদ্যা, পরীক্ষামূলক মনস্তত্ত্ব নিয়ে প্রভূত অধ্যয়ন করেন। জ্যোতিষশাস্ত্র, রসায়নেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় তাঁর। পরবর্তী দুই বছরে উইদোব্রো'র প্রকাশনার ঝুলিতে আরও দুটি পত্রিকা যোগ হয়। L' Espirit Nouveau বা নূতন উদ্যম পত্রিকাটি দেশের অভ্যন্তরে প্রকাশিত হয়। অন্যটি আন্তর্জাতিক, নাম ছিল Creacion: Revista Internacional de Arte বা সৃজন: শিল্প বিষয়ক আন্তর্জাতিক পত্রিকা। ইতোমধ্যে ১৯২৩ সালে উইদোব্রোকে নিয়ে একটি অভিযোগ ওঠে। Alfer বা মৃত্তিকা পত্রিকায় মাধ্যমে গিইয়েরমো দে তোররে জানান, Creacionismo বা সৃজনবাদ উইদোব্রোর মৌলিক ধারণা নয়, এর জন্য তিনি উরুগুয়ের কবি-নাট্যকার প্রাবন্ধিক হুলিয়ো এররেরা ই রেইসসিগ (১৮৭৫-১৯১০)-এর কাছে ঋণী। কবি প্রথমে এসব নিয়ে কথা বলতে চান নি। সম্পূর্ণ মৌন ছিলেন। বছরখানেক বাদে গিয়েরমো দে তোররের অভিযোগের প্রত্যুত্তরে জানান- Al fin se descube mi maestro বা শেষ পর্যন্ত আমার গুরু আবিস্কৃত হলেন। প্রখর রসবোধ ছিল তাঁর।
১৯২৫ সালে La Nacion পত্রিকায় উইদোব্রো'র সবচে উল্লেখযোগ্য রচনা 'আলতাসোর' গ্রন্থের মুখবন্ধ প্রকাশিত হয়। সঙ্গে তাঁর সাক্ষাৎকার। উইদোব্রো'র অমর সৃষ্টি 'আলতাসোর' নিয়ে লিখতে গেলে একটি স্বতন্ত্র গ্রন্থ সৃষ্টি হয়ে যায়। 'Altazor' শব্দটি মূলত দুটি স্পেনীয় শব্দের সম্মিলিত রূপ। Altura যার অর্থ উঁচু এবং Azor অর্থ ছোট্ট ডানাওয়ালা এক ধরণের বাজপাখি। এরা স্বভাবে আক্রমণাত্মক, দীর্ঘ পর্যবেক্ষণ শেষে লক্ষ্যবস্তুর ওপরে আচমকা ঝাঁপিয়ে পড়ে। কাব্যগ্রন্থটির নামকরণের নিহিতার্থ হল প্রচলিত ও প্রথাগত কাব্যরীতির প্রতি কবির বীতশ্রদ্ধ মনোভাব। এই গ্রন্থে তিনি প্রথানুগ মঙ্গলচিন্তা, আত্মবিরোধী নৈতিকতা, কলুষিত রাষ্ট্রনীতি, ক্ষমতার দম্ভকে তীরবিদ্ধ করেছেন। ক্ষমতা লিপ্সাকে নৈতিকতার মোড়কে মুড়িয়ে যে ভন্ড রাজনীতি শুরু হয়েছিল উইদোব্রো তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। ফলশ্রুতিতে লেখাটিকে ঘিরে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। মননশীল গোষ্ঠী গ্রন্থটির বদৌলতে মুখের ভাষা এবং কলম চালানোর শক্তি দুটোই ফিরে পেয়েছিলেন। সাতটি সর্গে বিন্যস্ত সুদীর্ঘ এই গ্রন্থটির প্রতিটি শব্দ যেন স্ফুলিঙ্গ, দুই হাজার দুশো ছাব্বিশ পঙক্তির অদ্ভুত ঐকতানে প্রবহমান। আলতাসোর-এর মুখবন্ধ পর্বে কবি লিখেছেন–
তেত্রিশ বছর বয়েসে জন্মেছিলাম, খ্রিস্টের মৃত্যুদিবসে; জন্মেছিলাম বিষুববৃত্তে, থোকা থোকা সাদা-নীল-গোলাপি পুষ্পপ্রসূ গুল্ম আর উড়োজাহাজের নীচে উষ্ণতায়।
আমার বাবা ছিল অন্ধ আর রাত্রির চাইতে বেশি আদরনীয় ছিল তার হাত।
আমার মা কথা বলত যেন ভোরবেলা আর যেন হাওয়াজাহাজ যেগুলো এখুনি পড়ে যাবে। তার চুল ছিল পতাকার রঙে ছোপানো আর চোখ ছিল দূরবর্তী জলযানগুলোর দিয়ে ঠাসা।
এক অপরাহ্নবেলা, আমার প্যারাসুটখানা নিলাম আর বললাম: 'একটা নক্ষত্র আর দুটো সোয়ালো পাখির মাঝে।' এখানে রয়েছে মৃত্যু যা ক্রমশ এগিয়ে আসছে যেরকম পতনশীল একটা বেলুনের দিকে মাটিপৃথিবী।
আমার মা প্রথম দিককার রামধনুগুলোতে শূন্যগর্ভ অশ্রু দিয়ে এমব্রয়ডারি করেছিল।
আর এখন আমার প্যারাসুট স্বপ্ন থেকে স্বপ্নে মৃত্যু-মহাশূন্য বেয়ে পড়ে যায়।

অনেকে অবশ্য ভেবে থাকেন জন কিটস (১৭৯৫-১৮২১)-এর নাইটিঙ্গেল, শার্ল বোদলেয়ার (১৮২১-১৮৬৭)-এর আলব্রাটস এবং উইদোব্রোর আলতাসোর একই ধরনের রচনা। বাস্তবিক অর্থে তা নয়। নাইটিঙ্গেল, আলব্রাটস দুটি ভিন্ন সত্তা যা শুধু অবলোকনের বিষয়। অন্যদিকে আলতাসোর একটি পাখি, যা ক্ষিপ্র অথচ মুক্তিকামী। কবি সত্তা থেকেই উৎসারিত কিন্তু অভিন্ন। একটা বিষয় মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই আলতাসোর প্রকাশিত হয়। ইউরোপের কাঠামো তখনও ভাঙাচোরা, বিধ্বস্ত, নৈরাশ্য আর হতাশার ঘেরাটোপে প্রাণীও নীরক্ত বস্তু (thing) হয়ে উঠছিল। আলতাসোর-এর প্রথম সর্গে তাই কবি বলেছেন,
একা যেরকম একটা সংগীতের স্বর যেটা শূণ্যতার উচ্চতায় প্রস্ফুটিত হয়
ভালো নয় মন্দ নয় না সত্য না শৃঙ্খলা এমনকী সৌন্দর্যও নয়
কোথায় রয়েছ আলতাসোর?

'আলতাসোর' প্রকাশিত হওয়ার কিছুদিন পরেই দৈনিক পত্রিকা Accion. Diario de Purificacion Nacional প্রতিষ্ঠা করেন তিনি। এটা ছিল জাতির পরিশুদ্ধি সংক্রান্ত দৈনিক। কোনকিছুর তোয়াক্কা না করে নেতা, আমলা ও সুবিধাবাদী শ্রেণির মুখোশ খুলতে থাকেন তিনি। টলায়মান আসন সামলাতে নেতা আমলাদের গোপন বৈঠক শুরু হয়। ফলশ্রুতিতে নিজ গৃহের সামনেই প্রতিপক্ষ দ্বারা আক্রান্ত হন উইদোব্রো। স্থানীয় পত্র-পত্রিকায় এই ঘটনা ফলাও করে প্রচার করা হয়। দেশের রাজনীতি রাতারাতি উত্তপ্ত হয়ে ওঠে। কাগজটি বন্ধ হয়ে যায়। প্রাণপ্রাচুর্যে ভরা উইদোব্রো কিন্তু দমে যাবার পাত্র নন। La Reforma বা 'সংস্কার' নামে একটি নূতন কাগজ বের করে নিজের কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন। তরুণ প্রগতিশীল জনগোষ্ঠী তাকে কায়মনোবাক্যে সমর্থন করতে থাকে। একপর্যায়ে তরুণ প্রগতিশীলদের পক্ষে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহণ করেন। জিততে পারেননি। ফলে জয়ী পক্ষ বাড়িতে বোমা হামলা করে তাকে অবরুদ্ধ করবার প্রচেষ্টা চালায়। পরিবারের নিরাপত্তার কথা ভেবে কিছুদিন নীরব থাকেন তিনি। এরপর নূতন উদ্যমে লেখা শুরু করেন। Andamios বা মাচান, Panorama ইত্যাদি পত্রিকায় তাঁর উল্লেখযোগ্য লেখাগুলো প্রকাশ পায়। ক্ষুরধার সেই রচনাগুলো মানুষের চৈতন্যে আলো ছড়াতে থাকে। ১৯২৬ সালে উইদোব্রো লেখেন-Indice de la Nueva Poesia Americana বা 'আমেরিকার নূতন কবিতার নির্দিশিকা'। এতে করে পেরুর কবি ও গল্পকার আলবের্তো ইদালগো (১৮৯৭-১৯৬৭), আর্হেনতিনার গল্পকার-প্রাবন্ধিক-কবি হোর্হে লুইস বোর্হেস (১৮৯৯-১৯৮৬)-এর সঙ্গে বিসেন্তে উইদোব্রো নামটিও গৃহীত হয়। লাতিন আমেরিকার সাহিত্যাঙ্গনে নিজেকে প্রতিষ্ঠার পাশাপাশি উল্লেখ্য বছরটিতে উইদোব্রো একটি স্ফিংক্সের সামনে দাঁড়ান।


ছবি: হিমেনার সাথে বিসেন্তে
কিশোরী হিমেনা আমুনাতেগির প্রেমে পড়েন। ফলশ্রুতিতে চিলির অভিজাত মহলে তাকে নিয়ে কুৎসা রটতে থাকে। হিমেনা ও তাঁর সম্পর্ককে অমরত্ব দিতে উইদোব্রো লেখেন Pasion y Muerte বা 'প্রণয়াবেগ এবং মৃত্যু'। লেখাটি প্রকাশিত হয় লা নাসিওন পত্রিকায়। কারোই বুঝতে বাকি থাকেনা কী ঘটতে চলেছে! এদিকে হিমেনার পরিবারও ছিল রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী। কিশোরী প্রেমিকার পরিবারের কলকাঠিতে অশ্লীলতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। উইদোব্রো দেশ ছাড়তে বাধ্য হন। এই ঘটনাকে কেন্দ্র করেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে তাঁর চিরবিচ্ছেদ ঘটে যায়। কালবিলম্ব না করে উইদোব্রো প্যারিসে চলে আসেন। ত্রিস্তঁ জারাসহ অনেকের সঙ্গে কবিতা পাঠ করে সময় কাটান। এরপর নিউইয়র্ক ভ্রমণের উদ্দেশ্যে পা বাড়ান। চার্লস চ্যাপলিন (১৮৮৯-১৯৭৭), ডগলাস ফেয়ারব্যাঙ্কস্ (১৮৮৩-১৯৩৯) প্রমুখ ব্যক্তিবর্গের সঙ্গে তাঁর পরিচিতি ঘটে। ১৯২৭ সালে 'লিগ ফর বেটার পিকচার' কবির বিখ্যাত চলচ্চিত্রমূলক উপন্যাস Cagliostro-এর ওপর ভিত্তি করে ছায়াছবি নির্মানে এগিয়ে আসে। এদিকে হিমেনার সঙ্গেও নিরবচ্ছিন্ন যোগাযোগ চলতে থাকে তাঁর। ১৯২৮ সালে আঠের বছর পূর্ণ হতেই হিমেনা পাসপোর্ট পাওয়ার যোগ্যতা অর্জন করেন। তাকে নিয়ে পালাবার অভিপ্রায়ে অপরিচিতের ছদ্মবেশে উইদোব্রো চিলিতে ফেরেন। তাদের উদ্দেশ্য সফল হয়। যদিও ঘটনাটিকে কেন্দ্র করে চিলির অভিজাত মহলে ঢিঁ ঢিঁ পড়ে যায়। কবি এসব পাত্তা না দিয়ে ত্রিস্তঁ জারার সঙ্গে একযোগে Cahiers d' Art বা 'শিল্পের খাতা' পত্রিকার সাহিত্য বিভাগটি পরিচালনা করতে থাকেন। ১৯২৯ সালে ধর্মান্তরিত হয়ে ইসলামি প্রথায় হিমেনাকে বিয়ে করেন।
পরের বছর কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা (১৮৯৮-১৯৩৬)-র Poeta en Nueva York বা 'নিউইয়র্কে কবি' বইটির কবিতা পাঠের অনুষ্ঠানে যোগদান করেন। পরবর্তীতে লা নাসিওন দৈনিকের সান্তিয়াগো দে চিলি ২৮ মে, ১৯৩৯ সংস্করণে প্রকাশিত একটি সাক্ষাৎকারে লোরকা সম্পর্কে তাঁর অভিমত জানতে চাওয়া হলে বলেন- 'লোরকা অত্যন্ত মধ্যমেধার একজন কবি।' বিসেন্তে বরাবরই ঠোঁটকাটা স্বভাবের।
১৯৩৩ সালে উইদোব্রো চিলির কমিউনিস্ট পার্টির হয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ক্রমশ তরুণ শিল্পী-সাহিত্যকদের ওপর তাঁর প্রভাব বাড়তে থাকে। বার্সেলোনা থেকে প্রকাশিত Europa পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন। বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে দেশগুলিকে নিয়ে একটি পৃথক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবার ইচ্ছে উল্লেখ্য প্রবন্ধে ব্যক্ত করেছিলেন উইদোব্রো।
এদিকে সান্তিয়াগো থেকে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকার চলচ্চিত্র সমালোচনাও লিখতে থাকেন তিনি। নিখুঁত ভাষার বস্তুনিষ্ঠ বুনটে মূর্ত হয়ে ওঠেন চলচ্চিত্রের কলাকুশলীরা। ফলে লেখক-প্রকাশক-কবি এবং রাজনীতিকের পাশাপাশি উইদোব্রোর আরেকটি পরিচয় সকলের কাছে উন্মোচিত হয়। চলচ্চিত্র সমালোচক। ১৯৩৪ সালে কবি ওমার কাসেরেস (১৯০৪-১৯৪৩) এবং কবি এদুয়ার্দো আনগিতা (১৯১৪-১৯৯২)-র সঙ্গে মিলে প্রকাশ করেন Vital/Ombligo বা জৈবনিক/নাভিমূল পত্রিকা।


ছবি: দাঁড়ানো অবস্থায় বাঁদিক থেকে প্রথমজন বিসেন্তে, নিচে বসা অবস্থায় প্রথমজন নেরুদা
১৯৩৫ সালে উইদোব্রো পাবলো নেরুদার সঙ্গে ভয়াবহ বিতর্কে জড়িয়ে পড়েন। এই বিতর্ক এতটাই আলোড়িত হয়েছিল যে, তাঁরা প্রকাশ্যে অশ্লীল ভাষায় পরস্পরকে আক্রমণ করেছিলেন। বিতর্কের বিষয় ছিল Antologi'a de Poesi'a Chilena বা চিলির কাব্য সংকলন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 'তুমি সন্ধ্যার মেঘমালা' শীর্ষক গীতাঞ্জলির অন্তর্ভুক্ত রচনাটির অনুসরণে নেরুদার Veinte poemas de Amor Y una Cancio'n Desesperada বা 'কুড়িটি প্রেমের কবিতা ও একটি হতাশ গান' কাব্যগ্রন্থের ১৬ নাম্বার কবিতা, উইদোব্রোর মতে যা চৌর্যবৃত্তির মধ্যে পড়ে। সহজ ভাষায় বলতে গেলে উইদোব্রো নেরুদাকে রবীন্দ্রনাথের কবিতা চুরির দায়ে অভিযুক্ত করেছিলেন। অন্যদিকে নেরুদা এই অভিযোগ মানতে নারাজ। কদর্য বাক্যবাণের মাধ্যমে (যেখানে একজন অন্যজনকে নিজের অন্ডকোষের সঙ্গে তুললা করেছিলেন) এই বিতর্ক বন্ধ হয়। সেইসঙ্গে পরস্পরের মুখ দেখাদেখিও বন্ধ হয় চিরতরে।
১৯৩৬ সাল। এসপানিয়ায় তখন গৃহযুদ্ধ চলছে। পাবলো পিকাসোসহ অন্য শিল্পীদের সঙ্গে উইদোব্রো Manifiesto Dimensionista-তে স্বাক্ষর করেন। ফ্যাসিবিরোধী রাজনৈতিক প্রবন্ধ লিখতে শুরু করেন La Opinio'n বা মতামত পত্রিকায়। Total বা সমুদয় নামে একটি নূতন পত্রিকা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এসপানিয়ার গৃহযুদ্ধে প্রজাতন্ত্র সমর্থকদের পক্ষে যোগ দিতে মাদ্রিদ যান। বছর দুয়েক পরে উইদোব্রো সম্পাদিত পরাবাস্তববাদী আন্দোলনের পত্রিকা Mandragora বা বিষবৃক্ষ প্রকাশ পায়। ১৯৩৯ সালে পাবলো দে রোকা পরিচালিত Multitud বা জনসমাগম পত্রিকায় লিখতে থাকেন নিয়মিত। এভাবে বছর পাঁচেক সান্তিয়াগোর বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করে সময় অতিবাহিত হয়। তখনকার উল্লেখযোগ্য রচনা হল Cartas al tio Sum। ১৯৪৪ সালে উইদোব্রো Actual বা অধুনা নামে আরেকটি পত্রিকা প্রকাশ করেন।
এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছান৷ প্যারিসে ফিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসি সৈন্যদলে যোগদান করবেন এবং এটা বাস্তবায়িত হয়। ১৯৪৫ সালে সংবাদদাতা হিসেবে প্যারিস থেকে ভয়েস অব আমেরিকার সংবাদ প্রেরণ করতে থাকেন। বস্তুত এই সময়টিতে হিমেনা এবং তাঁর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। উইদোব্রো মিত্রশক্তির সৈন্যদলের সঙ্গে বার্লিনে পৌঁছান। যুদ্ধের ভয়াবহতা তখন তুঙ্গে। এমতাবস্থায় চিলির অন্যতম মহিলা কবি, নারীমুক্তি আন্দোলনের সমর্থক রাকেল সেইনিওরেত (১৯২২-১৯৯০)-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
যুদ্ধের সময় প্রতিপক্ষের আক্রমণের ফলে সৃষ্ট আঘাত থেকে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করে। ক্রমশ অসুস্থ হতে থাকেন তিনি। ১৯৪৮ সালে দোসরা জানুয়ারি কার্তেহিনা শহরে নিজ বাড়িতে অন্তিম শ্বাস ত্যাগ করেন। শেষ ইচ্ছে অনুসারে সমুদ্র সংলগ্ন একটি টিলায় সমাধিস্থ করা হয় তাকে। সমাধি ফলকে বড় মেয়ে মানুয়েলা ও এদুয়ার্দো আনগিতা উৎকীর্ণ করেন- এখানে শায়িত কবি বিসেন্তে উইদোব্রো/খুলে দাও স্মৃতিসৌধ/তলদেশে সিন্ধু দেখা যায়। (Aqui' yace el poeta Vicente Huidobro/Abrid la tumba/Se ve el mar)।

তথ্যাবলির সূত্র:
১. "Vicente Huidobro's 127th Birthday" Google. 10 January 2020
২. "Vicente Huidobro Biographie"Green Integer. 2006. Retrieved January 29, 2015
৩. খিদমতগিরি নয়; ঘোষ, পিনাকী, সিগনেট প্রেস; আনন্দ পাবলিশার্স, কলকাতা। জানুয়ারি-২০২০
৪. Penguin Book of Latin American Verse, 1971
৫. Musa Joven–Memoria Chilea Algunos derechos reservados – 2014
৬. Vicente Huidobro Selected Poems, Edited by Tony Frazer, Shearsman Books-2019.
৭. "নারী, তোমার চোখেই সজ্জিত হয়ে আছে এই বিশ্ব" (আলতাসোর, সর্গ ২; প্রথম চার পঙক্তি, তাপস গায়েন কর্তৃক অনূদিত)
৮. www.researchgate.net
৯. www.archive.org
১০. The Dimensionist Manifesto, Charles Sirato, Paris, 1936
১১.https://www.jesuits.org/about-us/the-jesuits/
১২. পাউল সেলানের কবিতা, হোসেন, খন্দকার আশরাফ, বাংলা একাডেমি; জানুয়ারি ১৯৯৭
১৩. মেই-মেই বারসেনব্রাগি ও তাঁর গোলাপেরা, রুণা বন্দ্যোপাধ্যায়।
১৪. "Faust, Part 1 and 2 (English translation from Project Gutenberg in a modern design)" Archived from the original, 2016