২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ-এ এস্পেসিয়া, সাফো ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 11 Feb 2021, 11:12 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


পার্থেনন এবং অতঃপর
ফিদিয়াস, সর্বকালের সবচেয়ে ঈর্ষণীয় একজন ভাস্কর। তাঁর অসম্ভব প্রতিভা তাঁকে জেলে নিক্ষেপ করেছিল, এই শোকে তিনি ভগ্ন হৃদয়ে মারা যান।
বহু শতাব্দি পর, ফিদিয়াসকে আবারও শাস্তি পেতে হয়, এবার তা অন্যায়ভাবে দখলদারিত্বের জেরে।
তাঁর সেরা কাজ ছিল পার্থেননের ভিতরের ভাস্কর্যগুলি নির্মান। তবে সেগুলি এখন আর এথেন্সে নেই, আছে লন্ডনে। আর তাঁরা ভাস্কর্যগুলিকে ফিদিয়াস মার্বেল না বলে এলগিন মার্বেল নামে অভিহিত করে।
লর্ড এলগিন মূলতঃ কোন শিল্পী ছিলেন না। একজন ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে কয়েক শতাব্দি পূর্বে, এই মার্বেল পাথরের ভাস্কর্যগুলি জাহাজে করে দেশে নিয়ে আসেন এবং সেগুলি তাঁর সরকারের কাছে বিক্রি করে দেন। সেই থেকে, তারা ব্রিটিশ মিউজিয়ামে স্থান পায়।
লর্ড এলগিন যখন এগুলি চুরি করেছিলেন, যা তাঁর করার কথা ছিল, সে সময় অবশ্য পার্থেনন মন্দির বিরূপ আবহাওয়া ও যুদ্ধের ফলে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। দেবী এথেনার চিরন্তন সমুন্নত গৌরব ক্ষুন্ন করতে এই মন্দিরকে কুমারী মেরি ও তাঁর যাজকদের অব্যাহত আক্রমন সহ্য করতে হয়েছিল। তাঁরা বেশকিছু ভাস্কর্য নির্মূল করেছিল। অনেকগুলির মুখ ঘষে নষ্ট করে ফেলেছিল, আর প্রতিটি ভাস্কর্যের লিঙ্গছেদন করেছিল। এর বহু বছর পর ভেনিশীয়রা যখন আক্রমন করেছিল, তখন মন্দিরটি বারুদের গুদামঘর হিসেবে ব্যবহৃত হয়েছিল, ফলে তা বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়।
পার্থেনন ধ্বংসস্তুপে পরিণত হয়। যদিও লর্ড এলগিন যে ভাস্কর্যগুলি নিয়েছিলেন সেগুলি ছিল ভাঙ্গাচোরা আর কোনমতে টিকে ছিল, তবুও এক সময় সেগুলি কেমন ছিল আমাদেরকে তার গল্প শোনায়:
পরিচ্ছদ হতে পারে নিছক এক খন্ড মার্বেলমাত্র, কিন্তু তার ভাঁজে ভাঁজে কোন নারী বা দেবীর শরীর যেন ঢেউ খেলে যায়,
পায়ের অবর্তমানে ঐ হাঁটু যেন হেঁটে বেড়ায়,
কতল হওয়া ঐ ধড় যেন এক অদৃশ্য মস্তক ধারণ করে আছে,
দুলে ওঠা কেশরখানি অদৃশ্য কোন ঘোড়ার মৃদু হ্রেষাধ্বনি শোনায়, আর
ক্ষিপ্র গতির পাগুলি আভাস দেয় এক সময় তা কেমন বজ্রধ্বনি করত।
অবশিষ্ট যা কিছু ছিল সেখানে, তার ভিতরেই যেন সবকিছু ছিল।


হিপোক্রেটিস
তাকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়।
নতুন চিকিৎসকরা তার নামে শপথ নেয়।
দুই হাজার চারশত বছর আগে, তিনি আরোগ্য লাভ করেন আর তিনি লেখেন।
এগুলি হ'ল কিছু সূত্র, তিনি বলেন, যার জন্ম হয়েছে তার অভিজ্ঞতা থেকে:
অভিজ্ঞতা তোমাকে বোকা বানাতে পারে, জীবন ক্ষণিকের, চিকিৎসা কলা সুদীর্ঘ সময়ের, সময় বয়ে চলে, এবং বিচার কঠিন।
চিকিৎসাশাস্ত্র, সকল শিল্পের মধ্যে সবচেয়ে মহৎ শিল্প, এটি অনুশীলনকারীদের অজ্ঞতার কারণে অন্যদের থেকে অনেক পিছনে পড়ে থাকে।
সংবহনের একটি সাধারণ ধারা আছে যা সবার ক্ষেত্রেই এক, শ্বসন প্রক্রিয়াও ঠিক একই ধরণের। সব কিছুই বাকি সব কিছুর সাথে সম্পর্কিত।
সামগ্রিক জীবের প্রকৃতি উপলব্ধি ছাড়া শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের প্রকৃতি বোঝা যাবে না।
উপসর্গ হ'ল দেহের প্রাকৃতিক প্রতিরোধ। আমরা তাদের রোগ বলি, কিন্তু বাস্তবে তা হ'ল রোগের চিকিৎসা।
নপুংসকদের কখনও টাক পড়ে না।
টেকো পুরুষরা শিরা ফোলা রোগে ভোগেন না।
খাদ্য আপনার আহার হতে পারে, কিন্তু খাদ্যই হ'ল আপনার ঔষধ।
একজনকে যা সুস্থ করে তুলতে পারে অপরকে তা মেরে ফেলতেও পারে।
যদি কোন নারীর গর্ভে পুত্র সন্তান থাকে, তবে তাঁর গায়ের রং সুন্দর হয়ে ওঠবে। যদি সে কন্যা সন্তান ধারণ করে, তবে তাঁর রং ময়লা দেখাবে।

এস্পেসিয়া
পেরিক্লেসের আমলে, গোটা এথেন্সের মধ্যে সবচেয়ে সেরা নারী ছিলেন এস্পেসিয়া।
অন্যভাবে বলা যেতে পারেঃ এস্পেসিয়ার আমলে, গোটা এথেন্সের মধ্যে সবচেয়ে সেরা পুরুষ ছিলেন পেরিক্লেস।
একজন নারী ও ভিন দেশী হবার কারণে এস্পেসিয়াকে তাঁর শত্রুরা কখনো তাঁকে ক্ষমা করেনি। তাঁকে আঘাত ও অপমান করার জন্য তাঁর উপর তাঁরা অতীতের বিব্রতকর বদনাম চাপিয়ে বলে, এস্পেসিয়া বক্তৃতা বিদ্যা দান নামের যে বিদ্যালয়টি চালাতেন, তা ছিল সহজলভ্য মেয়েদের প্রজনন ক্ষেত্র।


তাঁর বিরুদ্ধে তাঁরা ঈশ্বরকে অবজ্ঞা করার অভিযোগ এনেছিল, এটা অপরাধ, এ জন্য তাকে অবশ্যই মূল্য দিতে হবে। পনের'শ পুরুষের সমন্বয়ে গঠিত বিচার কার্যক্রমে, পেরিক্লেস একমাত্র পুরুষ যিনি আসামীর পক্ষ অবলম্বন করেছিলেন। এস্পেসিয়া মুক্তি পেয়েছিলেন, যদিও পেরিক্লেস টানা তিন ঘন্টার বক্তৃতায় তিনি বলতে ভুলে গিয়েছিলেন যে ঈশ্বরকে অবজ্ঞা করার পরিবর্তে এস্পেসিয়া বরং বিশ্বাস করেন, ঈশ্বর নিজেই আমাদের অবজ্ঞা করেন আর তিনি মানুষের ক্ষণিকের আনন্দ বিনষ্ট করে দেন।
ইতিমধ্যে পেরিক্লেস তার বিছানা ও ঘর থেকে নিজের স্ত্রীকে বিদায় করে এস্পেসিয়ার সাথে থাকতে শুরু করে দেন, তাদের দু'জনের সংসারে একটি পুত্র সন্তান হয়, আর সন্তানের অধিকার রক্ষা করতে গিয়ে তিনি নিজেরেই জারি করা আইন লংঘন করেন।
এস্পেসিয়ার বক্তৃতা শোনার জন্য সক্রেটিস তাঁর ক্লাস বন্ধ রাখতেন, এবং এনাক্সাগোরাস তাঁর বক্তব্য উদ্বৃত করতেন।

প্লুটার্ক বিস্মিত হয়ে যান: "ঐ নারী কী এমন শৈল্পিক শক্তি অর্জন করেছিলেন যার বাগ্মিতায় দার্শনিকরা পর্যন্ত অনুপ্রাণিত হতেন এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রভাবিত হতেন?"

সাফো
সাফো সম্পর্কে বেশী কিছু জানা যায় না।
তাঁরা বলে, ছাব্বিশ'শ বছর পূর্বে লেসবস দ্বীপে তাঁর জন্ম, এভাবে লেসবিয়ানদের নামকরণ হয়।
তাঁরা বলে, তিনি ছিলেন বিবাহিত, তাঁর একটি পুত্র সন্তান ছিল, আর এক নাবিক না-কি তাঁকে গুরুত্ব না দেবার কারণে তিনি পর্বতের ওপর থেকে পানিতে লাফিয়ে পড়েন। তাঁরা আরও বলে, তিনি ছিলেন খর্বাকৃতির ও দেখতে কুৎসিত।


কে জানে? আমাদের দুর্ণিবার আকর্ষণের পরিবর্তে একজন নারী যখন আরেক নারীকে কামনা করে আমরা পুরুষরা তখন তা পছন্দ করিনা। ১৭০৩ সালে, ক্যাথলিক গীর্জা, পুরুষ শক্তির দূর্গ, সাফোর সমস্ত বই পুড়িয়ে ফেলার নির্দেশ দিল।
শুধু অল্পকিছু কবিতা রক্ষা পায়।

এপিকুরিয়াস
এথেন্সে তাঁর বাগানে, এপিকুরিয়াস ভীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। ঈশ্বর, মৃত্যু, বেদনা ও ব্যর্থতা–এই সমস্ত ভয়ের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন।
তিনি বলেন, ঈশ্বরকে আমাদের দিকে খেয়াল রাখেন, এ রকম বিশ্বাস শুধু এক অসারতা। তাদের অমরত্বের দূর্গ, পরিপূর্ণতা থেকে আমাদের না দিতে পারে শাস্তি, না পুরস্কার। আমরা যখন ক্ষণিকের জন্য এসেছি, তখন ঈশ্বরকে ভয় কেন? কেন-ই বা ভাবি, দুঃখী জনের তাঁদের উদাসীনতা পাওয়া ছাড়া আর কোন যোগ্যতা নেই?
তিনি বলেন, মৃত্যুও ভীতিজনক নয়। যখন আমরা বেঁচে থাকি, মৃত্যু তখন থাকে না, আবার যখন মৃত্যু আসে তখন আমরা থাকি না।
যন্ত্রণার ভয়? আমাদের যা কিছু সবচেয়ে বেশী আঘাত করে তাই হ'ল যন্ত্রণার ভয়, আর একবার যন্ত্রণা চলে গেলে যতটা আনন্দ পাওয়া যায় তা আর অন্য কিছুতে পাওয়া যায় না।
ব্যর্থতার ভয়? ব্যর্থতা কি? কোন কিছুই যথেষ্ট নয় যদি যথেষ্টকে সামান্য মনে হয়। কোন এক রৌদ্রোজ্জ্বল বিকেলে বন্ধুদের সাথে গল্প করার আনন্দের সাথে আপনি কোন মহিমার তুলনা করবেন? কাউকে ভালোবাসা, খাবার খাওয়া, পান করার তাড়নার সাথে কোন ক্ষমতার তুলনা চলে?
এপিকিউরাস পরামর্শ দেন, আসুন আমরা আমাদের অবশ্যম্ভাবী নশ্বরতাকে একটি চিরন্তন ভোজসভায় পরিণত করি।