২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পন’: ভাষা, সুর , বাণিজ্য সংস্থা ইত্যাদির শুরু

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 13 Jan 2021, 10:20 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


বিশ্ব বাণিজ্য সংস্থার উৎপত্তি
বাণিজ্যের জন্য তাদের একজন দেবতার প্রয়োজন ছিল। অলিম্পাসে সিংহাসন থেকেই, জিউস তার পরিবারের মধ্যে সমীক্ষা চালালেন। তাকে খুব বেশী ভাবতে হয়নি। হারমেসই হ'ল এই কাজের সবচেয়ে উপযুক্ত লোক।
জিউস তাকে ছোট্ট সোনার ডানাসমেত একজোড়া জুতা দিলেন। সেই সাথে তাকে পন্য বিনিময় সম্প্রসারণ, চুক্তি স্বাক্ষর, আর মুক্ত বাণিজ্য সুরক্ষার দায়িত্ব দিলেন।
রোমে গিয়ে হারমেসের নামকরণ হয় মার্কারি, বিশ্ব বাণিজ্য সংস্থার দায়িত্বভার অর্পণ করার জন্য তাকে বাছাই করার কারণ হ'ল তিনি ছিলেন শ্রেষ্ঠ মিথ্যাবাদী।


ডাক পরিষেবার উৎপত্তি
দু'হাজার পাঁচশত বছর পূর্বে, ঘোড়া আর চিৎকার বিভিন্ন প্রান্তে বার্তা পৌঁছে দিত।
আকেমেনেস পরিবারের সন্তান, আনজানের রাজকুমার, পারস্যের মহান রাজা সাইরাজ, ডাক পদ্ধতির প্রচলন করেন, যে পদ্ধতিতে পারস্যের ঘোড়সওয়ার বাহিনীর সেরা ঘোড়সওয়াররা রাত-দিন পালা বদল করে ডাক বিলি করতো।
অত্যধিক দ্রুতগামী, ব্যয়সাপেক্ষ এই পরিষেবায় চিৎকার করে কাজ করতে হতো। কন্ঠ থেকে কন্ঠে, বার্তা পর্বত পেরিয়ে যেত।

সঙ্গীতের উৎপত্তি
অরফিয়াস যখন বীণার তারে ঝংকার তুলতেন, তখন থ্রেসের বনের ওক বৃক্ষরা সুরের মূর্ছনায় নেচে উঠতো।
অরফিয়াস যখন আর্গোনটদের সাথে জাহাজে উঠে বাজাতে শুরু করতেন, পর্বতও তার সেই সুর শুনতে পেত, এ এমন এক ভাষা যেখানে সব ভাষার মিলন ঘটতো এবং তাদের জাহাজ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত।
সূর্য যখন উদয় হতো, প্যানজিয়াম পর্বতের চূড়া থেকে অরফিয়াসের বীণা তাকে স্বাগত জানাতো আর মুখোমুখি দু'জনার সমান তালে কথা হতো, আলো থেকে আলোর শিখা, কেননা তার সুর বাতাসে আগুন ধরিয়ে দিত।
এতো বড় স্পর্ধা, অতপরঃ জিউস ক্ষেপে গিয়ে এর রচয়িতাকে শাস্তি দেবার জন্য বজ্র পাঠালেন।


থেলিস
দু'হাজার ছয়শত বছর আগে মাইলিটাস শহরে এক আপনভোলা প্রতিভাধর মানুষ ছিলেন। তার নাম থেলিস। রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা গোনা তার পছন্দের এক কাজ ছিল। ফলে, প্রায়শঃই তাকে খানা খন্দে পড়তে হতো।

সম্ভবতঃ তারাদের প্রশ্ন করেই থেলিস জানতে পেরেছিলেন, মৃত্যুই শেষ নয় বরং তা রূপান্তর মাত্র। তিনি আরও জেনে ছিলেন জলই হলো সকল প্রাণের উৎস ও মানে। ঈশ্বর নয়, জল। সাগর চলে বলেই ভূমিকম্প হয়, ভূ-আন্দোলন হয়। পোসেইডনের খেয়ালে নয়। নদীর তীরবর্তী ঝোপ-ঝাড়ের প্রতিবিম্ব যেমন তার জলে দেখা যায়, আমাদের চোখও সেভাবে দেখতে পায়। দৈব কোন অনুগ্রহে নয়। অলিম্পাসের ক্রোধের ভয়ে সূর্য মুখ লুকায় না বরং চাঁদ সূর্যকে আড়াল করে বলেই সূর্যগ্রহণ হয়।
থেলিস, যিনি মিশরে বসে চিন্তা করতে শিখেছিলেন, নির্ভুলভাবে গ্রহণের হিসাব করতে পেরেছিলেন, পৃষ্ঠ থেকে গভীর সমুদ্রের জাহাজের দূরত্ব নিখুঁতভাবে মেপেছিলেন, পৃষ্ঠতলের ছায়া থেকে কিওপ পিরামিডের সঠিক উচ্চতা পরিমাপ করেছিলেন। জ্যামিতিক উপপাদ্যের অন্যতম বিখ্যাত একটি উপপাদ্যের কৃতিত্ব তার, এছাড়াও এই তালিকায় আরও চারটি উপপাদ্য রয়েছে, এমনও বলা হয় তিনি নাকি বিদ্যুতও আবিস্কার করেছিলেন।
তবে সম্ভবত তার শ্রেষ্ঠতম কৃতিত্ব একটু ভিন্ন ধরণেরঃ সেটি হলো ঈশ্বরবিহীন জীবনযাপন, যে কোন ধরণের ধর্মীয় সান্তনাকে তিনি উলঙ্গ করে ফেলতেন, সেখানে এক ইঞ্চি পরিমাণ জায়গা ছাড় দিতে তিনি নারাজ ছিলেন।

ঐশ্বরিক একাধিপত্য
পৃথিবীর আজেবাজে ও নগণ্য মানুষদের দিক থেকে দেবতারা কোন রকম প্রতিদ্বন্দ্বিতা বরদাস্ত করেন না।
তাদের প্রতি আমাদের নম্রতা ও আনুগত্য প্রকাশের কথা। তারা দাবী করেন, আমরা তাদের সৃষ্টি; আমরাই যে তাদের সৃষ্টি করেছি স্বর্গীয় সেন্সর সেই গুজব খারিজ করে দেয়।
মায়ান দেবতা যখন বুঝতে পেরেছিলেন, দিগন্ত পেরিয়েও আমরা অনেক কিছু দেখতে পাই, তারা তখন আমাদের চোখে ধুলো ছুঁড়ে দিয়েছিলেন। আবার দেবতারা যখন জানতে পারলেন সালমাইডিসাসের রাজা ফিনিয়াস ভবিষ্যৎ দেখতে পান, তারা তখন তার দৃষ্টি কেড়ে নিলেন।

ইহুদি, খ্রিষ্টান ও মুসলমান ঈশ্বরের খুবই পছন্দের এক দেবদূত ছিলেন লুসিফার। তিনি যখন তার সিংহাসন তারাদেরও ওপরে উন্নীত করার চেষ্টা করেছিলেন, দেবতারা তখন তারই সৌন্দর্যের অনলে পুড়িয়ে তাকে ভস্ম করে দিয়েছিলেন।
একই ঈশ্বর পৃথিবীর প্রথম মানব সন্তান, যাদের নাভি ছিল না, সেই আদম ও ইভকে নির্বাসনে দিয়েছিলেন; কেননা,তারা দু'জন স্বর্গীয় মহিমা জানতে চেয়েছিলেন। আবার স্বর্গে পৌঁছানোর চেষ্টা করার ঔদ্ধত্যের জন্য তিনি ব্যবেলের টাওয়ার নির্মাতাদেরও শাস্তি দিয়েছিলেন।


 ইকো
প্রাচীনকালে, নিসর্গ-দেবী ইকো কথা বলতে জানতেন। আর তিনি এমন চমৎকারভাবে কথা বলতেন যে শুনলে মনে হবে তিনি যেন নতুন কিছু বলছেন। মনে হবে, এমন কথা আগে কখনো কেউ বলেনি।
কিন্তু দেবী হেরা, জিউসের বৈধপত্নী, প্রায়শঃই তার প্রতি ঈর্ষার আগুনে জ্বলতেন। একদিন, তেমনই এক মুহূর্তে তিনি ইকোকে অভিশাপ দিয়ে বসলেন। এরপর ইকো অতি নিষ্ঠুর এক শাস্তি ভোগ করলেন: তার নিজের কন্ঠস্বর লোপ পেল।
সেই থেকে, কথা বলতে অক্ষম ইকো কেবলই পুনরাবৃত্তি করতে পারেন।
আজ, সেই অভিশাপকে একটি গুণ বলে গন্য করা হয়।

শাস্তির জন্য ধন্যবাদ
ব্যাবিলনে মানুষের ঔদ্ধত্যের পাপের প্রতীক হিসেবে যে টাওয়ার গড়ে উঠেছিল, বাইবেলে সেই অভিশপ্ত শহরকে "গণিকা ও গণিকাদের জননী" নামে অভিহিত করা হয়েছে।
দৈব ক্রোধ নাযিল হতে বিন্দুমাত্র দেরী হলো না: ঈশ্বর ব্যাবিলিয়নবাসীদের বিভিন্ন ভাষায় কথা বলার অভিশাপ দিলেন, যেন তারা কেউ কারো কথা বুঝতে না পারে। সেই থেকে তাদের টাওয়ার চিরকালের জন্য অর্ধ-সমাপ্ত অবস্থায় রয়ে গেল।
প্রাচীন হিব্রুভাষীর মতে, মানুষের ভাষার বিকাশ হলো দৈব শাস্তি।
সম্ভবতঃ তার তিরস্কারের ইচ্ছা থাকলেও, ঈশ্বর আমাদের একটিমাত্র ভাষায় কথা বলার বিরক্তি থেকে মুক্তি দিয়েছেন।

ভাষার উৎপত্তি
আদি মেক্সিকানদের মতে, গল্পটা ছিল আলাদা। তারা সমুদ্র দু'ভাগ করে দাঁড়িয়ে থাকা চিকোমোজটক পাহাড়ের কথা বলে, যার গর্ভে সাতটি গুহা ছিল।
সাতটি গুহার প্রত্যেকটিতে একজন করে ঈশ্বর রাজত্ব করতেন।
মেক্সিকোর আদি মানুষদের প্রত্যেককে সাতটি গুহার এক একটির ধুলা দিয়ে নকশা গড়া হয়, তারপর ঐ গুহারই ঈশ্বরের রক্ত দিয়ে তা মন্ড পাকিয়ে রেখে দেয়া হয়।
ধীরে ধীরে, এই মানুষরা পর্বতমালা থেকে উদ্গত হয়।
প্রত্যেকে এখনো তারা নির্দিষ্ট সেই গুহার ঈশ্বরের ভাষায় কথা বলেন।
সেই কারণে তাদের ভাষা পবিত্র, আর ভাষার সুরও ভিন্ন।

সকল বর্ষা
হিব্রুদের দেবতা তার সন্তানদের আচরণে অসন্তুষ্ট ছিলেন। কর্মফলস্বরূপ, এক প্লাবন এসে সকল রক্ত-মাংসের মানুষ, মাঠের জন্তু ও আকাশের পাখিদের গ্রাস করে ফেলে।
নোহা, একমাত্র ন্যায়পরায়ণ মানুষ, যিনি একটি তিন তলা উঁচু কাঠের জাহাজ নির্মাণ করে তার পরিবার এবং প্রত্যেক প্রজাতি থেকে একজোড়া পুরুষ-নারী প্রাণীকে রক্ষার জন্য অনুগ্রহ লাভ করেন। যেন তারা পৃথিবীতে বংশ বিস্তার করতে পারে।
এরপর মহাপ্লাবন বাকি সব কিছ ডুবিয়ে দিল।
জাহাজে করে নির্বাসিতরাও মৃত্যুর যোগ্য ছিল: সেখানে ঘোড়া কিংবা খচ্চরের মতো অস্বাভাবিক দম্পতি ছিল অথবা নেকড়ের সাথে প্রেম করা কোন কুক্কুরি, আর ছিল সেই সব পুরুষ যারা প্রকৃতির শ্রেণী বিন্যাসকে উপেক্ষা করেছিল এবং নারী আধিপত্যবাদের অধীনে ছিল।