এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পন’-এ বিভিন্ন জাতির পুরাণ
চীনা সম্প্রদায়
প্রায় এক হাজার বছর আগে, চীনা দেব-দেবীদের দেবীত্ব অর্জন বন্ধ হয়ে গিয়েছিল।
পুরুষ শক্তি, সে সময়ে পৃথিবীর দখল নিয়ে ফেলেছিল, স্বর্গকেও তারা এক কাতারে নিয়ে এসেছিল। এরপর দেবী জি হি-কে (XI He) দু'ভাগে বিভক্ত করা হ'ল আর দেবী নু গুয়াকে নিছক এক নারীর মর্যাদা দেওয়া হ'ল।
জি হি (XI He) সূর্য ও চাঁদের জননী ছিলেন। তিনি তার পুত্র-কন্যাদের দিনে ও রাতে ক্লান্তিকর যাত্রা শেষে স্বস্তি ও আরাম দিতেন। তাকে যখন দু'ভাগ করে জি (XI) আর হি (He) করা হলো, প্রত্যেকেই তখন হি-দেবতা (পুরুষ দেবতা) হয়ে গেলেন, দেবীর তখন আর কোন নারীত্ব রইলো না। তিনি মুছে গেলেন।
নু গুয়া অবশ্য হারিয়ে যান নি,তবে তিনি নশ্বর বা মরণশীল হয়ে রইলেন।
এর আগে তিনি সকল প্রাণের নির্মাতা ছিলেন:
তিনি পৃথিবী ও আকাশের স্তম্ভগুলিকে বিশ্রাম দেওয়ার জন্য মহাজাগতিক কচ্ছপের দু'পা কেটে ফেলেছিলেন।
তিনি বিশ্বকে আগুন ও জলের বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন,
দীর্ঘ ঘাসের আড়ালে ভাইয়ের সাথে শুয়ে তিনি প্রেম সৃষ্টি করেছিলেন।
আর তিনি নদীর হলুদ মাটি দিয়ে অভিজাতবর্গ ও পঙ্কিল কাঁদা দিয়ে সাধারণ মানুষ তৈরী করলেন।
রোমানগণ
সিসেরো ব্যাখ্যা করেন, নারীদের সব সময় পুরুষ অভিভাবকদের শাসনের মধ্যে রাখা উচিত, 'কেননা তাদের বুদ্ধি কম।'
রোমান নারীরা পুরুষ থেকে পুরুষের জোড়া হাতে বদল হতো। যে পিতা তার কন্যার জন্য পাত্র খুঁজতেন, তিনি তার কন্যাকে স্বামীর কাছে সম্পত্তি হিসেবে তুলে দিতে পারতেন অথবা তার কাছে ধারেও দিতে পারতেন। উভয় ক্ষেত্রেই, বিবেচ্য বিষয় ছিল যৌতুক, স্বদেশপ্রেম ও উত্তরাধিকার ভাবনা। ফুর্তি করার জন্য রোমে ক্রীতদাসীর ব্যবস্থাও ছিল।
অ্যারিস্টটলের মতো, রোমান চিকিৎসকরাও বিশ্বাস করতেন, নারীরা সকলেই, হোক সে অভিজাত, সুন্দরী অথবা দাসী, তাদের সবারই পুরুষদের তুলনায় দাঁত থাকে কম আর ঘিলুও কম। আর ঋতুস্রাবের দিনগুলিতে তাদের দর্পণ লালচে আভার সাথে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে।
রোম সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক কর্তা প্লিনী দ্য এল্ডার প্রমাণ করেছেন যে, রজঃকালীন নারী নুতন মদ টক করে ফেলে, শস্যকে নির্বীজ করে আবার বীজ ও ফলকেও বিনষ্ট করে। এখানেই শেষ নয়, তারা কলমযুক্ত গাছ এবং মৌমাছির ঝাঁক মেরে ফেলে, ব্রোঞ্জে মরিচা ধরায় আর কুকুরকে পাগল করে তোলে।
গ্রীকরা
মাথাব্যথাও কোন দেবীর জন্ম দিতে পারে। দেবী অ্যাথেনা তার পিতা জিউসের কম্পিত মস্তক থেকে উদ্গত হন, তাকে জন্ম দিতে তার মাথা কুঠার দিয়ে দু'ভাগ করা হয়েছিল। মা ছাড়াই অ্যাথেনার জন্ম হয়।
পরে এক সময় দেবতা অলিম্পাসের বিচারসভায় কঠিন এক মামলার বিচারকার্যে নীতি নির্ধারণী ভোটটি দেবী অ্যাথেনা দিয়েছিলেন। মামলার বিষয়বস্ত ছিল: পিতৃহত্যার প্রতিশোধ নিতে, ইলেক্ট্রা ও তার ভাই ওরেস্তেস কুড়াল দিয়ে তাদের মাতার মস্তক বিচ্ছিন্ন করে ফেলেছিল। ইরিনিস (প্রাচীন গ্রিক পুরাণে অভিশাপ ও প্রতিশোধের নারীরূপ) তখন মামলা দায়ের করলো। তারা হত্যাকারীদের পাথর ছুঁড়ে মারার দাবী তুলল, কেননা রাণীর জীবনাচার শুদ্ধ ছিল, আর কারোও মাকে হত্যা করা ক্ষমার অযোগ্য।
দেবতা এ্যপোলো বিবাদীর সমর্থনে যুক্তি তুলে ধরলেন, অভিযুক্তরা হলো একজন এক অযোগ্য মায়ের সন্তান। এ রকম মাতৃত্বের সামান্যতম মূল্য নেই। এ্যপোলো যুক্তি তুলে ধরে বললেন, একজন মা হলেন, শস্য ক্ষেত্র, যেখানে পুরুষ তার বীজ বপন করে।
জুরি বোর্ডে তেরজন দেবতা ছিলেন, তাদের মধ্যে ছয়জন শাস্তির পক্ষে আর বাকি ছয়জন বিপক্ষে অবস্থান নেন।
দেবী অ্যাথেনা অচলাবস্থা কাটানোর ব্যবস্থা করলেন। তিনি তার মা'র বিপক্ষে ভোট দিলেন, কখনোই যার মা ছিলেন না। একইসাথে তিনি এথেন্সের পুরুষদের চিরস্থায়ী ক্ষমতাও দান করলেন।
অ্যামাজনস, জাঁহাবাজ নারীর দল
অ্যামাজন নারীরা ছিলেন ভয়ঙ্কর, হারকিউলিস যখন হেরাক্লেস (হারকিউলিসের গ্রিক নাম) ছিলেন তারা তখন তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আর ট্রয়ের যুদ্ধে একিলিসের বিরুদ্ধে। তারা পুরুষদের ঘৃণা করতেন আর নিজেদের ডান স্তন কেটে ফেলতেন যেন তাদের ছোঁড়া তীর ঠিক নিশানা খুঁজে পায়।
আমেরিকার বক্ষভেদ করে বড় যে নদীটি একদিক থেকে আরেক দিকে চলে গেছে তাকে অ্যামাজন নামে ডাকা হয়। স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো ডি ওরেলানাকে ধন্যবাদ।
তিনিই হলেন প্রথম ইউরোপীয়ান, যিনি আমাজনের দৈর্ঘ ও সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির অভ্যন্তরীণ গভীরতা পরিমাপ করেছিলেন। তারপর একচোখ হারিয়ে স্পেনে ফিরে এসে নারী যোদ্ধাদের কথা উল্লেখ করে বলেন, তারা নগ্ন হয়ে লড়াই করে আর হিংস্র পশুর মতো হুঙ্কার দেয়। যাত্রাপথে হেঁয়ালিচ্ছলে তীর ছুঁড়ে তারা তার জাহাজের মাস্তুলগুলোকে দু'ভাগ করে ফেলেছিল। তারা যখন প্রেমের জন্য ক্ষুধার্ত হয়, তখন পুরুষদের অপরহরণ করে, সারারাত ধরে চুম্বন করে, তারপর ভোর হলে গলা টিপে হত্যা করে।
গল্পে গ্রীকদের মহিমা দীপ্তিময় করার জন্য ফ্রান্সিসকো ডি ওরেলানা পরিমার্জন করে আরও বলেন, অ্যামাজনরা সেই নারী যারা দেবী ডায়ানার আরাধনা করে আর তাই তিনি তাদের নামেই নদীটিকে দীক্ষিত করেন যেখানে তারা রাজত্ব করে।
শতাব্দি পেরিয়ে গেছে, অ্যামাজন নারীদের নাম এখন আর শোনা যায়না। তবে নদী কিন্তু আজও তাদের নাম বহন করে চলছে; যদিও কীটনাশক, রাসায়নিক সার, খনির পারদ, জাহাজের তেল প্রতিদিন তাকে বিষাক্ত করছে, তবুও সে তার জল মাছ, পাখি আর গল্পের জন্য ভূবন বিখ্যাত রয়ে গেছে।
কলিজা যখন প্রাণের আবাস ছিল
শুরুর দিকে, হৃদরোগ বিশেষজ্ঞ ও গীতিকারদের আসার অনেক আগে মানুষের হৃদপিন্ডকে বলা হতো কলিজার বিষয়।
কলিজা সব কিছুরই প্রাণকেন্দ্র।
চীনারা বিশ্বাস করতো কলিজা হলো সেই জায়গা যেখানে আত্মা ঘুমিয়ে থাকে আর স্বপ্ন দেখে।
মিশরে দেবতা হোরাসের পুত্র অ্যামসেটের হাতে ছিল কলিজার হেফাজতের দায়িত্ব। আবার রোমে দেবতাদের পিতা জুপিটার কমবেশী তার খেয়াল রাখতেন।
ইট্রাসকানসরা তাদের উৎসর্গকৃত প্রাণিদের কলিজার মধ্যে ভবিষ্যত দেখতে পেত।
গ্রীক ঐতিহ্যে, প্রমিথিউস আমাদের অমর করার জন্য দেবতাদের কাছ থেকে আগুন চুরি করেছিলেন। তারপর জিউস, মাউন্ট অলিম্পাসের প্রধান দেবতা, তাকে শিকল দিয়ে পাথরের গায়ে বেঁধে রাখার শাস্তি দিয়েছিলেন। প্রতিদিন শেকলবদ্ধ প্রমিথিউসের কাছে একটি শকুন আসতো আর তার কলিজা ঠুকরে ঠুকরে খেত। তার হৃদপিন্ড কিন্তু খেত না, খেত কলিজা। তারপরেও প্রতিদিন প্রমিথিউসের কলিজা নুতনভাবে বৃদ্ধি পেত, আর সেটাই ছিল তার অমরত্বের প্রমাণ।
নারী বিদ্বেষের উৎস
যেন এতো যন্ত্রণা যথেষ্ট ছিল না, প্রথম কোন নারী সৃষ্টি করে প্রমিথিউস যে বিশ্বাসঘাতকতা করেছিলেন তার জন্য জিউস তাকে শাস্তি দিয়েও ক্ষান্ত হননি, উপরন্তু তিনি আমাদের জন্য সেই নারীকে উপহার হিসেবে পাঠালেন।
অলিম্পাসের কবিদের মতে, তার নাম ছিল প্যান্ডোরা। তিনি সুন্দরী ও কৌতুহলী হলেও স্বভাবে ছিলেন বেপরোয়া।
প্যান্ডোরা বড় এক বাক্স বগল দাবা করে পৃথিবীতে এসে পৌঁছালেন। সেই বাক্সের ভিতরে বন্দি ছিল দুঃখ। জিউস তাকে সেটি খুলতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি আমাদের মাঝে আসা মাত্রই প্রলোভনে আত্মহারা হয়ে ঢাকনাটি খুলে ফেললেন।
দুর্দশা তখন উড়ে এসে আমাদের দংশন করতে লাগলো। এভাবেই পৃথিবীতে মৃত্যু এল, তেমনি এল বার্ধক্য, জরা, যুদ্ধ, আর কর্ম।
বাইবেলের যাজকদের মতে, ভিন্ন এক আকাশে ভিন্ন এক প্রভু ইভ (হাওয়া) নামের এক নারী সৃষ্টি করেছিলেন, সেও আমাদের জন্য বিপর্যয় ছাড়া আর কিছুই বয়ে আনেনি।
হেরাকলস
জিউস ছিলেন আপাদমস্তক একজন দন্ডদাতা। খারাপ আচরণ করবার জন্য তার পুত্র হেরাকলসকে তিনি দাস হিসেবে বিক্রি করে দিয়েছিলেন।
হেরাকলস, যাকে রোমে হারকিউলিস নামে ডাকা হতো,তাকে লিদিয়ার রাণী ওমফেল কিনেছিলেন। তার নির্দেশে সে বৃহদাকায় এক সর্প ধ্বংস করেছিল, যে ছোটবেলা থেকেই সাপ কেটে আসছিল তার কাছে এটা আহামরি কোন আদেশ ছিলনা। এছাড়াও সে এক জোড়া যমজ সাপ ধরেছিল যেটি রাতের আকাশে উড়ে বেড়াতো আর ঘুমিয়ে থাকা মানুষদের অপহরণ করতো।
রাণী ওমফেল তার এই কৃতিত্বে মোটেও প্রসন্ন ছিলেন না। তিনি একজন প্রেমিক চেয়েছিলেন, দেহরক্ষী নয়।
তারা প্রায় সবসময় বাড়ির ভিতর থাকত। কদাচিৎ তাদের বাইরে দেখা যেত। হেরাকলস মুক্তার মালা, সোনার কাঁকন পড়তো,তার টকটকে রঙের অন্তর্বাস বেশী সময় টিকত না, পেশীবহুল মাংস পিন্ডের কারণে তা ছিঁড়ে যেত। আর ওমফেল সেই সিংহের চামড়া পরতেন যেটিকে হেরাকল নেমিয়ায় খালি হাতে গলা টিপে মেরেছিল। রাজ্যের চারদিকে একটি কথা চাউর হয়ে গিয়েছিল, হেরাকলস যখন তার সাথে দুর্ব্যবহার করতো,তখন ওমফেল না কি তাকে নিজের স্যান্ডেল দিয়ে পাছার উপর পেটাতো। অবসরের সময় হেরাকলস তার মালকিনের পায়ের কাছে বসে থাকত। আর সেলাই ও কাপড় বোনার কাজে ব্যস্ত থাকত। দরবারের অন্য নারীরা তখন তাকে বাতাস করতো, সাজিয়ে দিত, সুগন্ধি মাখাতো, চামচে করে খাওয়াতো আর গ্লাসে ঠোঁট ছুঁইয়ে মদ পরিবেশন করতো।
এই ছুটি তিন বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল, এরপর পিতা জিউস হেরাকলসকে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষটির বারটি কাজ শেষ করার নির্দেশ দেন।
