হোর্হে লুইস বোর্হেস: ফ্রাঞ্জ কাফকার শকুন
এটা সর্বজন বিদিত যে, ভার্জিল, মৃত্যু শয্যায়, তার বন্ধুদের অনুরোধ করেছিলেন ঈনিডের অসামপ্ত পাণ্ডুলিপিটি পুড়িয়ে ফেলার, যেটা কিনা তিনি এগার বছর ধরে ভয়াবহ-একনিষ্ঠ পরিশ্রমে লিখছিলেন, শেকপিয়ার কখনোই তার নাটকগুলোকে বই আকারে গণ্য করেনি; কাফকাও বন্ধু ম্যাক্স ব্রাডকে দায়িত্ব দিয়েছিলেন তার উপন্যাস ও ছোটগল্পগুলো ধ্বংস করে ফেলার, যেগুলো পরে তাকে নিশ্চিত খ্যাতি দিয়েছে। এই সব ঘটনাচিত্রের সাদৃশ্য হলো, যদি আমি ভুল না-করে থাকি, সবগুলোই মোহময়। ভার্জিল জানতেন তিনি তার ভক্ত বন্ধুরা তার আদেশ মানবেন না, যেটা কাফকার ক্ষেত্রে ম্যাক্স ব্রাডও মানেনি। শেকসপিয়রের ব্যাপারটি অবশ্য একেবারেই আলাদা। ডি কোয়েন্সি ধারণা করেছেন যে, শেকসপিয়র জনগণের একাত্মতা চেয়েছিলেন প্রদর্শনের মাধ্যমে, মূদ্রণের মাধ্যমে নয়, তার কাছে মঞ্চায়ণটাই গুরুত্বপূর্ণ ছিলো। যে কোন ক্ষেত্রেই, যে মানুষ সত্যিকার অর্থেই তার বইকে হাওয়া করে দিতে চাইবেন সে অন্যকে এই দায়িত্ব দেবেন না। তাফতা এবং ভার্জিল তাদের কাজের ধ্বংস চাননি; তারা শুধু এই বই সমূহের দায়িত্ব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। ভার্জিল, আমার মনে হয়, নান্দনিক কারণেই এমনটা করেছিলেন : তিনি পুনরায় নির্দিষ্ট কিছু ছন্দ বা উপমা বদলাতে চেয়েছিলেন।
কাফকার বিষয়টি আরো জটিল। কেউ হয়তো তার কাজগুলোকে নীতিশাস্ত্র বা ধারাবাহিক নীতিগল্প হিসাবে দেখতে পারে যার মূল ভাবনা ছিলো ঈশ্বরের এবং তার অজ্ঞেয় মহাবিশ্বের সাথে ব্যক্তির নৈতিক সম্পর্ক। সমকালীন আবহ সত্ত্বেও, কাফকা যে 'আধুনিক সাহিত্যে' ঘরানায় ফেলা হয় তিনি বরং তারচেয়ে অনেক বেশি 'বুক অব জোভ'1এর কাছাকাছি। তার কাজ ধর্মকেন্দ্রিক এবং বিশেষত ইহুদি ধর্ম ও চেতনাকেন্দ্রিক; অন্য কোন পরিপ্রেক্ষিতে এর অনুসরণ করলে সেটা অর্থহীন মনে হবে। কাফকা তার কাজকে বিশ্বাসের অংশ হিসাবেই দেখেছিলেন, এবং তিনি মানব সমাজকে হতাশ করতে চাননি। এই কারণেই, তিনি বন্ধুকে অনুরোধ করেছিলেন তার কাজ ধ্বংশ করে ফেলার। কিন্তু আমরা অন্য কোন অভিসন্দিও ধারণা করতে পারি। আমরা যা স্বপ্ন দেখতেন তা কেবলই দুঃস্বপ্ন, যা তিনি জানতেন অবিরামভাবেই আসতো। একইসঙ্গে, তিনি অনুধাবণ করতেন দীর্ঘসূত্রিতার সম্ভাব্য করুণ ফলাফল, এইসবই তিনি সকল বইয়ের ক্ষেত্রে অনুধাবণ করতেন। বিষাদ ও দীর্ঘসূত্রিতা উভয় বস্তুই সন্দেহাতীতভাবে তাকে পরিশ্রান্ত করে ফেলতো। তিনি হয়তো কয়েক পৃষ্ঠা আনন্দ লিখতে পারতেন, কিন্তু তার আত্ম সম্মান তাকে বানানো জিনিস লিখতে দিতো না।
আমি কখনোই আমার প্রথম কাফকা পাঠের কথা ভুলবো না, সেটা ছিলো ১৯১৭ সালের কোন এক পেশাদার আধুনিক প্রকাশনা। এর সম্পাদকগণের যে প্রতিভার অভাব ছিলো না তা না, বরং তারা যতি চিহ্নের বিলোপ, আদ্যাক্ষরের বিলোপ, ছন্দের বিলোপ, বিপদজনকভাবে রূপকের পরিহার, যৌগিক বাক্যের অপব্যবহার এবং অন্যান্য কাজেই মনোনিবেশ করেছিলেন, যেসব বিষয় আসলে তখনও, হয়তোবা সবসময়ই তরুণদের জন্য উপযুক্ত ছিলো।2 এইসমস্ত মূদ্রণের ভিড়ে, কাফকার স্বাক্ষর করা একটি নীতিকাহিনী যা তরুণ পাঠকের জন্য সহজপাঠ্য, নিরস ও অস্বাভাবিক গতিশীল একটা আমার হাতে এলো। এতোগুলো বছর পার করার পর, আমি আমার ক্ষমাহীন সাহিত্যিক মুর্খতাকে কবুল করি : আমি একটা বিপ্লব দেখছিলাম এবং সেটাতে অবগতই ছিলাম না।
সবাই জানে কাফকা সবসময়ই তার বাবার সামনে রহস্যময় অপরাধবোধে ভূগতেন, ইস্রাঈল যেমনভাবে ঈশ্বরের সামনে ভূগতেন, তার ইহুদিবাদ যা তাকে বাকী মানবতা থেকে আলাদা করে ফেলেছে, সেটিই নানা জটিল আকারে তাকে আক্রান্ত করেছে। আসন্ন মৃত্যুর চিন্তা এবং যক্ষা জনিত জ্বরের প্রকোপ এই বিষয়গুলো আরো ত্বরান্বিত করেছে।
এই পর্যবেক্ষণগুলো মূল বিষয় থেকে আলাদা; আসলে, যেমন হুইসলার বলেছিলেন, 'শিল্প ঘটে যায়।' দুটো ভাবনা, আরো সঠিক করে বললে, দুটো অবশেসন কাফকার কাজকে পরিচালিত করেছে : অধীনতাবোধ ও অসীম বোধ। তার প্রায় সকল গল্পেই আধিপত্যবাদের পরম্পরা লক্ষ্য করা যায় এবং এই আধিপত্যবাদ অসীম। কার্ল রোজমান তার প্রথম উপন্যাসের3 নায়ক, একজন দরিদ্র জার্মান বালক এক অগম্য মহাদেশের পথে রওনা দেয়, শেষে সে ওকলোহামার গ্রেট ন্যাচার থিয়েটারে প্রবেশ করে; এই অসীম নাট্যশালা বিশ্বের চেয়ে কম জনবহুল নয় এবং স্বর্গেরই পূর্বরূপ যেন। (ভীষণ ব্যক্তিগত চরিত্রবৈশিষ্ট্য : এমনকি স্বর্গের সেই ছবিতেও মানুষ সুখী হয় না এবং সেখানে নানা বিস্তৃত বিলম্ব হয়ে যায়)।
তার দ্বিতীয় উপন্যাসের4 নায়ক, জোসেফ কে., এক অর্থহীন বিচার কার্যক্রমে নিমজ্জিত, কখনোই বুঝতে পারে না কী অপরাধে তাকে দোষী করা হয়েছে, না পারছে সেই অদৃশ্য বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যেখানে বিচার হচ্ছে, এবং এমনকি কি কোন বিচার ছাড়াই তাকে গিলোটিনে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হচ্ছে। 'কে', তার তৃতীয় এবং শেষ উপন্যাসের5 নায়ক, একজন জমি পরিদর্শক যাকে প্রাসাদে ডাকা হয়েছে যেখানে সে কখনোই ঢুকতে পারে না এবং কর্তৃপক্ষের নজরে না-পরেই সে মারা যায়। অসীম দীর্ঘসূত্রিতাও তার গল্পকে চালিত করে। তাদের একজন রাজকীয় বার্তাবাহকের সাথে যোগাযোগ রাখে যে কখনোই পৌঁছতে পারে না, নানা রকমের লোক তার বার্তার কক্ষপথকে ক্রমশ ধীর করে দেয়;6 আরেকটি গল্পে, এক ব্যক্তি পাশের গ্রামটি ভ্রমণ না করেই মারা যায়,7 আরেক গল্পে দুই প্রতিবেশী কখনোই মিলিত হতে পারে না।8 এইসব গল্পের মধ্যে সবচেয়ে স্মরণীয় 'দ্য গ্রেট ওয়াল অব চায়না' (১৯১৯)– অসমী এখানে বহুমুখী : অগ্রসর অসীম দুরত্বের সেনা বাহিনীকে থামাতে, একজন সম্রাট যিনি সময় ও স্থানের হিসাবে অসীম দূরত্বে থাকেন, তিনি অসীম প্রজন্মকে তার অসীম সাম্রাজ্য জুড়ে এক অসীম খাড়া অসীম দেয়াল তুলতে বলেন।
কাফকার সবচেয়ে প্রশ্নাতীত ক্ষমতা হলো অসহনীয় পরিস্থিতির উদ্ভব করতে পারা। নিশ্চিতভাবেই কয়েকটি লাইনই তা প্রমাণ করে দিতে পারে। উদাহরণ স্বরূপ : প্রাণীট তার প্রভূর হাত থেকে চাবুকটি ছিনিয়ে নেয় এবং নিজেকে মারতে থাকে প্রভূ হওয়ার আশায় এবং সে বুঝতেও পারে না এটা কেবলই একটা মায়া, চাবুকের নতুন আরেকটা গিট।' কিংবা 'চিতা বাঘেরা মন্দিরে হানা দিলো এবং ঈশ্বরের পাত্র থেকে সুরা পান করতে থাকলো; এটা অকস্মাৎ ঘটলো; অবশেষে এটাই পূর্বাভাস ছিলো যে এমনই ঘটবে এবং এটাই পূজার অংশ হয়ে উঠবে।'
বিস্তৃতি কাফকার ক্ষেত্রে ইঙ্গিতের চেয়ে কম আদরণীয়। তার কাজে মাত্র একজন মানুষই আছে :the homo domesticus (গৃহকাতর মানব); সে একই সঙ্গে ভীষণভাবে জার্মান এবং ভীষণভাবেই ইহুদি, একটি স্থান পেতে ইচ্ছুক, সেটা যতো ক্ষুদ্র অবস্থানই হোক, এই মহাবিশ্বের কোন স্থলে, একটি মন্ত্রিসভায়, একটি পাগলা গারদে, একটি জেলে, সে একটু জায়গা চায়। তার রচনায় কাহিনী ও আবহটাই সবচেয়ে দরকারী, উপকথা কিংবা মনস্তাত্ত্বিক গভীরতা নয়। এই কারণেই উপন্যাসের চেয়ে তার ছোটগল্পগুলি উৎকৃষ্ট; এই কারণেই এই বর্তমান গল্প সংকলন সম্পূর্ণভাবেই একজন অসাধারণ লেখককে তুলে ধরে।
বোর্হেস কর্তৃক ১৯৭৯ রচিত।
টীকা অনুবাদ কর্তৃক প্রদত্ত।
1 বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটা অংশ।
2 কাফকাকে সবার জন্য সহজপাঠ্য করতে গিয়ে যুগে যুগে একাধিক অনুবাদক ও সম্পাদকরা এ অন্যায়গুলো করেছেন।
3 কাফকার প্রথম উপন্যাস 'আমেরিকা', ১৯১১-১৯১৪ সালে লিখিত এবং ১৯২৭ প্রকাশিত। এই উপন্যাসের আরেকটি নাম দ্য ম্যান হু ডিজএ্যাপিয়ার্ড। উল্লেখ্য কাফকার বাকী উপন্যাসগুলোর মতো এটিও অসমাপ্ত।
4 দ্বিতীয় উপন্যাস 'দ্য ট্রায়াল'। ১৯১৪-১৯১৫ তে লেখা এবং ১৯২৫ এ প্রকাশিত।
5 কাফকার তৃতীয় ও শেষ উপন্যাস দ্য ক্যাসেল ১৯২২ সালে লেখা শুরু হয়, এটিও তিনি শেষ করে যেতে পারেননি। বাকী দুটি উপন্যাসের মতোই বন্ধু ম্যাক ব্রডের সম্পাদনায় এ অসমাপ্ত উপন্যাস ছাপা হয়। প্রথম প্রকাশ ১৯২৭ সাল।
6 দ্রষ্টব্য : সম্রাটের কাছ থেকে একটি বার্তা অণুগল্প
7 দ্রষ্টব্য : পরের গ্রাম
8 দ্রষ্টব্য : একটি সাধারণ বিভ্রান্তি
