২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: দুঃখী রাজা ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 01 Dec 2020, 06:45 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ


দুঃখী রাজা
হেরোডোটাসের মতে, সমগ্র ইউরোপ ও এশিয়া তৃতীয় ফেরাউন সেসোসট্রিসের অধীনস্ত ছিল। তিনি বীর পুরুষদের তাদের সাহসিকতার প্রতীক হিসেবে একটি করে লিঙ্গ পুরস্কৃত করতেন আর কাপুরুষদের অপদস্থ করার জন্য তাদের দুই উরুর মাঝে একটি করে যোনিদ্বার খোদাই করে দিতেন। তাকে বর্ণনা করতে এসব যথেষ্ট নয়, একবার তার ভাই তাকে জ্যান্ত পুড়িয়ে মারতে ঘরে আগুন দিয়েছিল, সেসোসট্রিস তখন নিজের সন্তানদের পদদলিত করে নিজেকে বাঁচিয়েছিলেন।
এই সব অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু বাস্তবে তাই-ই হয়েছিল। তবে বেশ কয়েকটি ঘটনা আছে যা অকাট্য: এই সেসোসট্রিসই সেচ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধন করে মরুর বুকে বাগান সৃষ্টি করেছিলেন। যখন তিনি নুবিয়া জয় করেছিলেন, তখন তিনি নীল নদের দ্বিতীয় জলপ্রপাত অতিক্রম করে বহুদূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। মিশর এর আগে কখনো এতো তেজস্বী বা এতো ঈর্ষা করার মতো রাজ্য ছিল না।
যা হোক, বর্তমানে তৃতীয় সেসোসট্রিসের মূর্তিগুলি মলিন ও বিষন্ন হয়ে পড়ে আছে। তার চোখ দুটি বেদনার্ত আর ঠোঁটগুলি কুঞ্চিত। আর অন্যান্য ফেরাউনদের অবস্থা ঠিক উল্টো। তারা রাজকীয় ভাস্কর্যের মাধ্যমে অমর হয়ে আছেন আর নির্মল স্বর্গীয় প্রশান্তি নিয়ে আমাদের দেখছেন।
শাশ্বত জীবন ফেরাউনদের একটি বিশেষাধিকার ছিল। হয়তো এটা অভিশাপও হতে পারে।


মুরগীর উৎপত্তি
ফেরাউন টুথমোসিস সিরিয়া থেকে এক নৃশংস অভিযান সম্পন্ন করে ফিরছিলেন, যা তার শক্তি ও মহিমাকে নীল নদ অববাহিকা থেকে ইউফ্রেটাস নদ পর্যন্ত বৃদ্ধি করেছিল।
প্রথা ছিল, পরাজিত রাজার দেহ উল্টো করে জাহাজের অগ্রভাগে ঝুলিয়ে রেখে সবাই মিলে তাকে শ্রদ্ধা ও অর্ঘ্য প্রদান করবে। সেই অর্ঘের মধ্যে মোটা ও কুৎসিত আকারের একটি মাদি পাখি ছিল, যা আগে কেউ কখনো দেখেনি। অর্পণকারী মাথা নীচু করে মাটির দিকে তাকিয়ে স্বীকার করলেন যে, "আমি সত্যিই উপহারের অযোগ্য একটি জিনিস প্রদান করেছি। পাখিটি সুন্দর না। এটা গান গায় না। এটার ঠোঁট ভোঁতা, ঝুঁটি চেতানো ও হাবলার মতো চোখ। আর তার দুঃখী পাখা দুটিও ভুলে গেছে কিভাবে উড়তে হয়।"
এরপর লোকটি ঢোক গিলে বললেন, "কিন্তু পাখিটি প্রতিদিন একটি করে বাচ্চা দেয়।" এরপর তিনি একটি বাক্স খুললেন, যেখানে সাতটি ডিম রাখা আছে। "এগুলি হলো গত সপ্তাহের বাচ্চা।"
ডিমগুলি এরপর গরম পানিতে ডুবানো হলো।
ফেরাউন খোসা ছাড়িয়ে তাতে একটু লবন মাখিয়ে সেগুলির স্বাদ নিলেন।
পাখিটি তার কক্ষে গেল, তার পাশে শুয়ে পড়লো।


হাতশেপুত
"তার দীপ্তি ও রূপ ছিল ঐশ্বরিক; তিনি ছিলেন এক কুমারী সুন্দরী ও উদ্ভিনা যৌবনা।"
হাতশেপুতের এটাই ছিল শালীন আত্ম-প্রকৃতি। টুথমোসিসের বড় মেয়ে তিনি । যোদ্ধার যোদ্ধা কন্যা যখন সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন তিঁনি নিজেকে "রাণী" না বলে "রাজা" ডাকার সিদ্ধান্ত নেন। রাণীরা হলেন রাজাদের মেয়ে মানুষ, কিন্তু হাতশেপুত হলেন অনন্য, তিনি সুর্য্যের কন্যা, সেরাদের সেরা।
নারী বক্ষের এই ফেরাউন শিরস্ত্রাণ ও ছদ্মবেশ ধারণ করে, নকল দাড়ি পড়ে, মিশরকে বিশ বছরের সমৃদ্ধি ও গৌরব দান করেছিলেন।
তিনি যে ভ্রাতুষ্পুত্রকে বড় করেছিলেন, তাকে যুদ্ধের কলা-কৌশল ও সুশাসন শিখিয়েছিলেন, তার সবটাই সে এক সময় ভুলে গেল। সে ফেরাউনদের তালিকা থেকে মুছে ফেলা পুরুষদের কর্তৃত্বকে পুনরুদ্ধারের আদেশ জারি করলো। হাতশেপুতের নাম ও ছবি সবখান থেকে মুছে ফেলা হলো আর তার গৌরবের প্রতীক হিসেবে নির্মিত সব মূর্তি ধ্বংস করা হলো।
তা সত্ত্বেও কিছু মূর্তি ও শিলালিপি ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি পেয়েছিল। এ রকম অনিচ্ছাকৃত ভুল যিনি করেছেন, তাকে অজস্র ধন্যবাদ। তা না হলে আমরা কোনদিনই জানতে পারতাম না যে, একজন নারী ফেরাউন ছিলেন, যিনি পুরুষের ছদ্মবেশে থাকতেন, যিনি মরনশীল হয়েও মরতে চাননি, যিনি ঘোষণা করেছিলেনঃ "অনন্তকাল ধরে আমার কপোতারি সকল রাজকীয় নিশানের উপরে উড়বে।"
চৌত্রিশশো বছর পরে, তার সমাধি খুঁজে পাওয়া যায়। কিন্তু তা ফাঁকা ছিল।

অপর পিরামিড
একটি পিরামিড নির্মাণ করতে এক শতাব্দিরও বেশী সময় লাগতে পারে। ইটের পর ইট, দিনের পর দিন, হাজার হাজার মানুষ অবিরাম কাজ করে এক একজন ফেরাউনের জন্য সুবিশাল বিশ্রামস্থল গড়ে তুলেছেন, যেখানে ফেরাউনরা অনন্তকাল ধরে তাদের ধন-সম্পদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবেন।
মিশরীয় সমাজ শুধুমাত্র পিরামিডই তৈরী করেনি, এটি ছিল এক নিদর্শনমাত্র।
তাদের সামাজিক পিরামিডের একেবারে নীচে ছিল ভূমিহীন কৃষক। নীল নদের প্লাবনের সময় তারা মন্দির নির্মাণ করতো, প্রাচীর তুলত, খাল খনন করতো। আর জল যখন নেমে যেত, তারা তখন অন্যের জমিতে আবাদ করতো। চার হাজার বছর আগে, লিপিকার দুয়া-খেতি কৃষককে এভাবে চিত্রিত করেছেন:
কৃষক তার জোয়াল পরেন।
কাঁধ সেই ভারে ন্যুব্জ হয়ে পড়ে।
ঘাড়ে পুযপূর্ণ কালসিটে গভীর ক্ষত।
প্রাতঃকালে সে কন্দ চারায় জল দেয়।
সাঁঝ বেলায় জল দেয় ধান ক্ষেতে।
আর মধ্যাহ্নের সময় পাম গাছে।
মাঝে মাঝে তার ক্লান্ত দেহে ঢলে পড়ে আবার মারাও যায়।
তাদের জন্য কোন স্মৃতিসৌধ তৈরী হয় না। তারা বাঁচে এবং মরে অনাবৃত হয়ে, তাদের ঘর থাকে আবর্জনায় ভরা। ঘুমায় মরুর রাস্তার ধারে। তাদের বিছানা হয় নল-খাগড়ায় ছাওয়া। পান করার জন্য তার সম্বল কাঁদামাটির তৈরী এক জগ।
কৃষকের মুঠোয় তারা কিছু গমের শস্য দানা দিয়ে রাখেন, যেন তার মনে হয় তিনি কিছু খাচ্ছেন।


যুদ্ধের দেবতা
মুখোমুখি বা বর্ণনায়, এক চোখা ওডিন সকলের মধ্যে ভীতির সঞ্চার করেন। তিনি ছিলেন যুদ্ধ গৌরবের দেবতা, নৃশংস গণহত্যার পিতা, পাপীদের প্রভু ও ফাঁসিদানকারী, এবং ভাইকিংয়ের ঈশ্বরপ্রেমী দেবতা।
ওডিনের বিশ্বস্ত দুই দাঁড়কাক, হুজিন আর মুনিন ছিলেন তার প্রধান গুপ্তচর। প্রতিদিন সকালে তারা তার কাঁধের উচ্চাসন ছেড়ে বিশ্বজুড়ে উড়ে বেড়াতো। আর সন্ধায় ফিরে এসে যা কিছু শুনেছে আর দেখেছে সবকিছু তাকে বলতো।
মৃত্যুর দূত ভালকাইরিসরাও ওডিনের জন্য উড়ে বেড়াতো। তারা যুদ্ধের ময়দানে চক্কর দিতো ও সেরা সৈন্যদের মৃতদেহগুলি বেছে নিয়ে তাদেরকে ভূতের সৈন্যদলে নিয়োগ দিত। আর ওডিন উপরে বসে তাদের হুকুম দিতেন।
পৃথিবীতে ওডিন তার আশ্রিত রাজাদের অবিশ্বাস্য রকমের লুঠ করার ক্ষমতা দিয়েছিলেন। তিনি অদৃশ্য ঢাল ও অপরাজেয় তলোয়ার দিয়ে তাদেরকে সশস্ত্র করেছিলেন। কিন্তু যখন তিনি স্থির করলেন, স্বর্গে তাদেরকে তার পাশে প্রয়োজন, তখন তিনি তাদেরকে মৃত্যুর দিকে পাঠালেন।
যদিও ওডিনের এক হাজার নৌবহর ছিল ও দ্রুতগামী আট-পায়ের ঘোড়া ছিল, তা সত্ত্বেও সেগুলি তিনি বসিয়ে রাখতেই পছন্দ করতেন। আমাদের সময়ে যুদ্ধের এই পয়গম্বর দূরে থেকে যুদ্ধ করেন। তার জাদুর বল্লম, দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের ঠাকুরমা, আকাশ থেকে উড়ে এসে, সরাসরি শত্রুর বুকে জায়গা খুঁজে নেয়।

যুদ্ধের নাট্যশালা
জাপানের প্রিন্স ইয়ামাতো টাকেরু কয়েক সহস্রাব্দ বছর আগে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন সম্রাটের আশিতম সন্তান। পরিবারের নৈশভোজে দেরী করে আসার জন্য তার জমজ ভাইদের টুকরো টুকরো করার মধ্য দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন।
তারপর তিনি কুশু দ্বীপের বিদ্রোহী কৃষকদের ধ্বংস করেন। নারীদের মতো পোষাক ও বাহারি চুলের মেক-আপ নিয়ে তিনি বিদ্রোহী নেতাদের প্ররোচিত করেন। আর কোন এক পার্টিতে তাদেরকে ধারালো তরবারি দিয়ে তরমুজের মতো ফালিফালি করে ফেলেন। তাছাড়া, যে সকল হত-দরিদ্র মানুষ সম্রাটের আদেশ মানতে অস্বীকার করার সাহস দেখিয়েছিল তাদের উপর তিনি নির্বিচারে হামলা চালাতেন। তাদেরকে কুচি কুচি করে হামবার্গার বানিয়ে বাকি শত্রুদের ঠান্ডা করেছিলেন, জাপানে আগের মতো এখনো সে কথা বলা হয়ে থাকে।
তার সবচেয়ে গৌরবময় কীর্তি হলো কুখ্যাত এক দস্যুর প্রতিহিংসাবশত ইজুমো প্রদেশে ধ্বংসযজ্ঞ চালোনো বন্ধ করা। প্রিন্স ইয়ামাতো তাকে ক্ষমা ও শান্তির প্রস্তাব দিয়েছিলেন। দস্যু তাতে রাজি হয় ও তার সাথে তার রাজ্যে ঘুরে বেড়ানোর ইচ্ছা ব্যক্ত করে। ইয়ামাতো তার দামী তরবারী খাপে কাঠের তৈরী নকল একটি তরবারী সাথে নেন। দুপুর বেলা প্রিন্স ও দস্যু নদীর ধারে গা জুড়াতে গেলেন। অন্যজন যখন সাঁতার কাটছিল, ইয়ামাতো তখন তরবারী বদলে ফেললেন। দস্যুর তরবারীর খাপে তিনি নকল তরবারিটি ঢুকিয়ে রাখলেন। আর তার ধাতুর ফলকের তরবারিটি নিজের খাপে রাখলেন।
সন্ধায় তিনি তাকে চ্যালেঞ্জ জানালেন।