২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লোস রুইস সাফোন, বার্সেলোনা এবং সিমেট্রি অফ ফরগটেন বুকস

সাইফ শাহীন

Published : 05 Dec 2020, 06:33 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


জন্ম এস্পানঞা দেশের কাতালু্নিয়ার বার্সেলোনায়,গোথিক ধাঁচের ইমারতগুলোর মধ্যখানে। গত শতাব্দীর ষাটের দশকের প্রথমার্ধে ১৯৬৪ সালে কার্লোস রুইস সাফোনের (Carlos Ruiz Zafón) যখন জন্ম হয় তখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধকল পুরোপুরি কাটিয়ে ওঠেনি ইউরোপ। তার লেখায় বার বার ফিরে ফিরে এসেছে বিংশ শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের চল্লিশের দশক, পঞ্চাশের দশক-আর মমতার শহর সিউদাদ দে বার্সেলোনা!তবে ১৯৯০ সালে অভিবাসী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এ চলে আসেন ও পাকাপোক্তভাবে বেভারলি হিলসে থাকতে শুরু করেন। সাফোনের যে বইগুলো তাকে বিখ্যাত করে তুলেছে সেগুলো লিখেছেন ২০০০ সালের পর। বিখ্যাত বইগুলোর বড়ো একটা অংশ বিক্রি হয়েছে ইংল্যান্ডে।প্রথম জীবনে ইন্স্যুরেন্স-এ চাকুরী করলেও লস অ্যাঞ্জেলস শহরে চিত্রনাট্য লেখা দিয়ে কর্মজীবন শুরু হয়।পরবর্তীতে পরিপূর্ণভাবে লেখক হিসাবে প্রতিষ্ঠা পান।
এস্পানঞা দেশের এস্পানঞল ভাষার প্রথিতযশা লেখক সাফোন গত ১৯শে জুন ২০২০ প্রয়াত হয়েছেন। তাঁর উপন্যাসগুলোর কাটতি প্রচুর বিশ্বজুড়ে, এস্পানঞল ভাষার প্রধান লেখকদের অন্যতম মিগেল দে সের্বান্তেস এর কালজয়ী উপন্যাস "দোন কিহোতে" র পর-ই সর্বাধিক বিক্রিত হচ্ছে সাফোনের "লা সোম্ব্রা দেল বিয়েন্তো", La Sombra del Viento ( The Shadow of the Wind). এস্পানঞল ভাষায় লিখিত এই বইয়ের কপি মোট চল্লিশটি ভাষায় প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী। আদতে সব মিলিয়ে সাফোন-এর লেখা বই বিক্রি হয়েছে ৩ কোটির মত এখন পর্যন্ত। সবচেয়ে পরিচিত হচ্ছে, 'ভুলে যাওয়া বইয়ের সমাধিক্ষেত্র' বা El cementerio de los libros olvidados( এল সেমেন্তেরিও দে লোস লিব্রোস ওলবিদাদোস" বা "Cemetery of the forgotten books" সিরিজের চারটা বই, এস্পানঞা ভাষায় বলে La Tetralogía কিংবা ইংরেজিতে Quartet. যার মাঝে সিরিজ মিলিয়ে ছাড়াও প্রতিটি বই আলাদা ভাবে পড়া যায়। The Shadow of the Wind ছাড়া এই চৌপদী-র অন্য তিনটি বই হচ্ছে, "এল উয়েগো দেল আনহেল "El Juego del Angel (The Agel's game,2008), এল প্রিসিওনেরো দে সিয়েলো "El Prisionero de Cielo (The Prisoner of Heaven,2011) ও এল লাবেরিন্তো দে লোস এসপিরিতুস, El Laberinto de los Espiritus (The Labyrinth of the Spirits)।
এই সিরিজের চারটি উপন্যাস এর মাঝে লা সোম্ব্রা দেল বিয়েন্তো বা The Shadow of the Wind ২০১৪ সালে বনেদী ব্রিটিশ প্রকাশক পেঙ্গুইন ক্লাসিক এর নির্বাচনে '২৬ টি চিরায়ত সাহিত্যে'-র একটি' হিসাবে পরিগণিত হয়।সাফোন পছন্দ করতেন চার্লস ডিকেন্স,অঁনরে দ্য বালজাক, আলেকসঁদর দ্যমা(আলেকজান্দার দ্যুমা) আর ভিক্তর উগো। বই লিখে সাফোন পেয়েছেন বিভিন্ন দেশের নানান পুরষ্কার লেখার গতিময়তা আর কাহিনিবিন্যাসের মুন্সিয়ানার জন্য।

লা সোম্ব্রা দেল বিয়েন্তো বা The Shadow of the Wind এর পটভূমি ভূমধ্যসাগরের তীর ঘেঁষে এস্পানঞা-র বার্সেলোনা শহরের গোথিক কোয়ার্টারের কাছেই বারিয়ো এল রাবাল গলির ভেতরের এক পুরানো বই এর দোকানে যা ভুলে যাওয়া বইয়ের সমাহারের সংরক্ষিত এক সমাধিক্ষেত্র। যেখানে দানিয়েল সেম্প্রেরে বলে বছর দশেকের এক বালককে ওর বাবা দোকানে নিয়ে যায় আর পই পই করে বলে যেন এই দোকানের তত্ত্বতালাশ কাউকে না জানায়, এই নিয়ত রহস্যের অধিস্থানের। পরবর্তী প্রজন্মের জন্য অনন্ত সংরক্ষণের তাগিদে। পুস্তক ব্যবসায়ীদের গিল্ডের কারো কারো সাথে দেখা হয় ওখানটায় বাবার মাধ্যমে আর সবচেয়ে যে জিনিসটি ভীষণভাবে আবিস্কার করে সেটা হচ্ছে বই। দানিয়েলের বাবা বলে প্রতিটা বই হচ্ছে এক একটি আত্মার মত, লেখকের নিজের আত্মা, প্রতিটা বইয়ের ভলিউম আত্মার মতো, যে বইটি পড়ছে তার আত্মা-ও আছে এর মধ্যে- প্রচ্ছন্নভাবে। এ যেন বই নয় আত্মাগুলো থরে থরে সজানো র‍্যাক এর মধ্যেখানে। লেখক ও পাঠকের সার্বিক সত্ত্বার তথা আত্মার এই সেতুবন্ধন এই যে পুরনো বইয়ের গুমটি ঘরে পরতে পরতে ছড়িয়ে আছে লেখক পাঠকের আত্মার জীবন্ত সত্ত্বা,তার সৌরভ সেই ঘরময়।গ্রন্থাগারের সৌরভে, গাদাগাদা পুরনো বইয়ের অনিন্দ্য সৌরভ ছেঁকে ধরে দানিয়েলকে, অভিভূত হয়ে পড়ে ছোট্ট দানিয়েল।বার্সেলোনার গোথিক কোয়ার্টারের এই অজানা গন্তব্যে নিয়ে দানিয়েলকে এক ভিন্নতর রহস্যময় জগতের দ্বারপ্রান্তে নিয়ে যায় তার বাবা, বড়ো সেম্পেরে।
বিংশ শতাব্দীর চল্লিশের দশকে সিউদাদ দে বার্সেলোনার রাস্তা কাইয়ে সান্তা আনা-র একটা অপরিসর অ্যাপার্টমেন্ট থেকে একটানে রহস্যঘেরা নান্দনিক পুস্তকের মায়াভরা বৈভবে ঢুকে পুস্তকের মহিমা আবিস্কার করে এই অত্যুল্প বয়সে চমৎকৃত হয় যেমন করে দানিয়েল, সেভাবেই কার্লোস রুইস সাফোন ভিন ভিন দেশের চল্লিশ টা ভাষার মানুষকে আবিষ্ট করে রেখেছেন আজ পর্যন্ত উপরোক্ত বই লিখে।গুনে গুনে আঠারো মিলিয়ন বা এক কোটি আশি লক্ষ কপির বেশী বিকিয়েছে ওঁর শুধুমাত্র এই বই যা এস্পানঞা-র দেশের সের্বান্তেস এর পরেই রেকর্ড। সব মিলিয়ে সাফোনের সবগুলো উপন্যাস বিকিয়েছে এ যাবত ৩৫ মিলিয়ন বা ৩ কোটি পঞ্চাশ লক্ষ কপি । সাফোনের বইগুলোর বেশিরভাগ ইংরেজিতে অনুবাদ করেছেন লুসিয়া গ্রাবেস।গ্রাবেস এর সাবলীল অনুবাদে সাফোন এর বার্সেলোনা-র গোথিক স্থাপত্যের দালানঘাট, রাস্তার প্রহেলিকা, গোলকধাঁধা, ততোধিক রহস্যের এর কিনারার দিকে টেনে নিয়ে যায়।


লা সোম্ব্রা দেল বিয়েন্তো বা The Shadow of the Wind-এ এক গ্রীষ্মের শুরুতে, ১৯৪৫ সালে, আচম্বিতে ঘুম ভেঙ্গে যায় দানিয়েলের, শব্দ করে ওঠে অতি প্রত্যুষে স্বপ্নাতুর আচ্ছন্ন অবস্থায়। স্পেনের গৃহযুদ্ধের পর আচমকা কলেরায় মা মারা গেলে একাকী নিজ ঘরে থাকা দানিয়েল চিৎকার করে ওঠে মায়ের স্মৃতিময় আচ্ছন্নতায় এবং বাবা এসে সেই ভোর পাঁচটায় ওকে নিয়ে চলে এক নতুন অজানা অচেনা গন্তব্যে। নামকরা প্রকাশক প্লানেতা'র সাফোনের ছাপানো বইয়ের প্রচ্ছদের ওপর সেই সাত সকালে দানিয়েলকে নিয়ে ওর বাবার বেরিয়ে যাবার ছবি ফুটে উঠে উঠেছে, কুয়াশাচ্ছন্ন বার্সেলোনা, লা রাম্বলা পার হয়ে কাইয়ে আর্কো দে তেয়াত্রো ছাড়িয়ে অলংকারিক কারুকার্যখচিত একটা দরোজার এসে ঠকঠক করে টোকা মারে ওর বাবা। দরোজা খুলে দাঁড়ায় দানিয়েলের বাবার বন্ধু,বাবা বলে দানিয়েলের দিকে তাকিয়ে; স্বাগতম! এই ভুলে যাওয়া বইয়ের সমাহারের সমাধিক্ষেত্রে।
এই কম বয়সে ঐ জায়গায় এক লেখকের বই দেখে উৎসাহ আর আতিশয্য বেড়ে যায় দানিয়েলের। উপন্যাসের লেখকের নাম হুলিয়ান কারাক্স। পুরানো বই এর দোকানী বার্সেলো, বার্সেলোর ভাতিজি ক্লারা বার্সেলো, ইযাক, ইযাক এর মেয়ে নুরিয়া ।হুলিয়ান কারাক্স এর বইয়ের প্রতি এক দুর্মর নেশা তাকে হুলিয়ানের জীবনের বহুধা ঘটনা জানতে উদগ্র করে এবং উপন্যাসের ঘটনাপ্রবাহ সেভাবে এগোতে থাকে।নানান ধরনের অতীত কাহিনীর নির্যাস উঠে আসে তখন।একে একে চলে আসে নানা চরিত্র,পুর্বাপর ঘটনার প্রেক্ষিতে। সাফোন বলেছেন উপন্যাসের চরিত্র আঁকবার সময় ঠেকে গেলে উনি পিয়ানো বাজাতেন আনমনে। আঙ্গুলের ডগায় পিয়ানোর কী-তে সুর ভাজার সাথে সাথে চরিত্রচিত্রণের জট খুলে যেত ধীরে ধীরে।
পটভূমির নাটকীয়তায় বই এর গন্ধ, লেখকের আর পাঠকের টানাপোড়েন। আর বার বার ফিরে এসেছে ধোঁয়াশায় মোড়া শহর বার্সেলোনা-সাফোনের জন্ম ,বেড়ে ওঠার, ভালোবাসার শহর। কী নেই এ-তে,পুরনো বইয়ের সোঁদা গন্ধ,বইয়ের প্রতি লেখকের প্রতি স্বতোৎসারিত অকৃত্রিম ভালোবাসা, যাপিত জীবনের নাটকীয়তা।দানিয়েলের বন্ধু হয়ে ওঠা ফের্মিন রোমেরো দে তোররেস, প্রকাশক তোনি কাবেস্তানি, পুরনো বইয়ের সংরক্ষক ইযাক, ইযাকের মেয়ে নুরিয়া মনফোর্ত; যার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছিলো হুলিয়ান। এই সমস্ত ভিন্ন ভিন্ন স্বকীয় বৈশিষ্টের চরিত্রচিত্রনে মুন্সিয়ানার পরিচয় মেলে সাফোনের। তখনকার পুরনো বার্সেলোনার সরু,প্যাঁচানো সর্পিল রাস্তা। সাফোনের উপন্যাসগুলোর শব্দের, বাক্যের পরতে পরতে লুকিয়ে থাকা কাহিনির,নিস্তরঙ্গ সময়ের, চরিত্রচিত্রণের পাশাপাশি যেন কাগজের পাতায় মোড়ানো বাঁধাই করা বইয়েরই সতত শাশ্বত নান্দীপাঠ।


এই সিরিজের শেষ উপন্যাসের নাম এল লাবিরিন্তো দে লোস এস্পিরিতুস এএল লাবেরিন্তো দে লোস এসপিরিতুস, El Laberinto de los Espiritus (The Labyrinth of the Spirits)-এ গল্প বলে যাবার দক্ষতার পাশাপাশি প্লট আর সাবপ্লটের বয়নের কারুকার্য সাফোনের লেখার অন্য মাত্রা এনে দিয়েছে।বইয়ের প্রতি গভীর অনুরাগ সেইসাথে গল্পের গতিময়তা আর জীবনের সাথে সাহিত্যের একটা জাদুময় সেতু গড়ে তুলবার ক্ষেত্রে সিরিজের শেষ উপন্যাসের বাড়তি মাত্রা উল্লেখযোগ্য।এর গল্পের ভেতরে গল্প, প্লটের মধ্যে সাবপ্লট। সাড়ে আটশো ছেলেবেলার ভুলে যাওয়া বইয়ের সমাধিক্ষেত্র আবিস্কারের সময় গোলকধাঁধায় পড়ে যে অভূতপূর্ব বই পেয়ে দানিয়েলের জীবনের মোড় ঘুরে গিয়েছিল, সেই সময় থেকে বেশ খানিকটা পরে, বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের শেষে এসে এই বইয়ে দানিয়েল এখন পরিণত। স্ত্রী বেয়া এবং ছেলে হুলিয়ানকে নিয়ে তার আপাত সুখী সংসার। সেম্পেরে এন্ড সন্স বলে বার্সেলোনায় একটা বইয়ের দোকানে চালায় ও। সেই সময়ে আবারো স্বপ্নাতুর অবস্থায় একই ভুলে যাওয়া বইয়ের গোরস্থানে এসে মা'কে খোলা শাদা কফিনে মোড়ানো অবস্থায় আবিস্কার করে।হাত বাড়িয়ে মায়ের দেহের শুকনো,ম্রিয়মান হয়ে যাওয়া চামড়ার দিকে,চেপে ধরে দেখে মার্বেল পাথরের মত ঠাণ্ডা শরীর,হঠাৎ করে বোজা চোখ মেলে তাকায় ওর দিকে কলেরায় হারিয়ে ফেলা মমতাময়ী মা এবং অনুনয়ের সাথে বলে ওঠে, "তুমি অবশ্যই সত্যটি বলবে দানিয়েল!" এ কথা শুনবার সঙ্গে সঙ্গে মনে হয় দানিয়েলের, ওকে যেন একটা মালবাহী ট্রেন প্রচণ্ড গতিতে ছুঁড়ে দেয় নীল আকাশের নীল নীলিমার নিঃসীম দিগন্তে……পরক্ষণেই নামতে থাকে ভূপৃষ্ঠে আর তার যেন আর নামার আর শেষ নেই! হৃদয়ের অতল গভীরে মা-র মারা যাবার রহস্য সূচের ঘাই মারার মতো চিন চিন করে এবং রহস্যের সুলুক সন্ধানে নেমে পড়ে ও। এতে সাহায্য করতে এগিয়ে আসে পুলিশ বিভাগের আলিসিয়া, ঘনিস্ট বন্ধু ফের্মিনো। তার সন্ধানে রহস্যময় ভুলে যাওয়া বইয়ের সমাধিক্ষেত্র আবারো আসে।এস্পানঞা-র তখনকার ইতিহাস বুঝতে গেলে বুঝতে হবে ফ্রাঙ্কোর স্বৈরশাসনের সময়ে বই ছিলো রাষ্ট্রীয় ও চার্চের যাজকীয় বিধান এর জন্য হুমকীস্বরূপ!খুঁজে খুঁজে বই পুড়িয়ে ফেলা,নিষিদ্ধ হওয়া তৎকালীন আকছার ঘটনা আর তার জন্য বইয়ের গোপন সংরক্ষণ খুব জরুরী হয়ে পড়েছিলো। রাজন্যবর্গ,কার্দিনাল আর স্বৈরশাসকের রোষানলে পড়ার নিরিখে সাফোনের উপন্যাসের মূল উদ্দেশ্য জরুরী পুস্তকের নিশ্চিত সংরক্ষণ।এতো বই আগলে রাখা না,ইতিহাস আগলে রাখা, সত্যকে আগলে রাখা।
এস্পানঞা ভাষার লেখক হিসাবে অত্যন্ত সফল সাফোনকে তুলনা করা হয় চার্লস ডিকেন্স এর সাথে তার লেখার গভীরতা, গোথিক ঘরানার লেখনী এবং বর্ণিল চরিত্রের ছড়াছড়ির জন্য। তবে উনি বইয়ের চলচ্চিত্রায়নের ঘোরবিরোধী ছিলেন,অনেকবার সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
এই উপন্যাসের লেখক চরিত্র হুলিয়ান কারাক্স এর মতো সাফোন নিজেও ভালো পিয়ানো বাজাতেন। ওনার উপন্যাসের উদ্বোধনী অনুষ্ঠানের পোডিয়ামের পাশে বসে ভক্ত পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে পিয়ানো বাজিয়ে শোনাতেন।পিয়ানো বাজানো ছাড়া ঘড়ি ও বিভিন্ন ধরনের ড্রাগনের মূর্তি জমানোর বাতিক ছিলো।প্রায় ৪০০ ড্রাগনমূর্তি বিশাল সংগ্রহ খাঁড়া করেছিলেন সাফোন!
টুইটারে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টুইট করেছেন সাফোনের মৃত্যুর পর, "বর্তমান কালের স্পেনের সাহিত্যের বহুল পঠিত ও বিশ্ব পর্যায়ে সন্মানিত লেখক আমাদেরকে ছেড়ে চলে গেলেন।কার্লোস রুইস সাফোন আধুনিক স্পেনের সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছেন এবং ধন্যবাদ ওঁনাকে আমাদের ঐ গল্পগুলোয় সানন্দে ভ্রমণ করাবার জন্য।"
সাফোন একটা চমৎকার কথা বলেছেন বই নিয়ে, বই যদি হারিয়ে যায়ও তবু সেটা কোন না কোন আনকোরা নতুন পাঠকের কাছে আবার ফিরে আসে, কখনো কালের গর্ভে একদম হারিয়ে যায় না। দোকানে গিয়ে বই আমরা কিনি বা বিক্রি করি বটে, কিন্তু আদতে সত্যিকার বইয়ের কোন মালিক নেই, স্বত্ত্ব নেই। প্রতিটা বই-ই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু।