২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেমিংওয়ের নারীরা: অঙ্কুরিত বিচ্ছেদের বীজ

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 21 Oct 2020, 06:09 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ছবি: ফর হুম দ্য বেল টোলস সিনেমার পোস্টার
প্রথম স্ত্রী হ্যাডলির কাছ থেকে হেমিংওয়েকে ছিনিয়ে আনার অভিযোগ মাথায় নিয়েও পলিন ফেইফার যে তাঁর এই লেখক স্বামীটিকে ভালোবাসতেন, তাতে কোনো সন্দেহ নেই। লেখক জীবন শুরু হওয়ার পর হেমিংওয়ের প্রতিষ্ঠা পাওয়াটা যে তাঁর সময়েই ঘটেছে এবং খ্যাতির এই চূড়ায় ওঠার পেছনে যে তাঁর ভূমিকা ও অবদান আছে, এটা নিয়ে পলিনের তৃপ্তি ও সন্তুষ্টি ছিল। হেমিংওয়ের ব্যাভিচারী প্রেমের নায়িকা থাকার সময়ের পলিন ফেইফার ফ্যাশন জগতের গ্লামার ছেড়ে একজন সেলিব্রিটি লেখকের স্ত্রী হিসেবে যখন নতুন জীবন শুরু করেন, তখন থেকে ধীরে ধীরে তাঁর মধ্যে আসে ব্যাপক পরিবর্তন। সেই ক্রমসংহত জীবনকে মেনে নিতে দুবার ভাবতে হয়নি তাঁকে। স্বামীকে যথাযথ সেবা দেওয়ার জন্য নিজের শিশুপুত্রদেরও মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিলেন তিনি। স্বামীর লেখালেখি নির্বিঘ্ন রাখার জন্য কী ওয়েস্টের বাড়িতে সবধরনের আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছিলেন পলিন। সুতরাং স্লোপি জো'জ বারে নিয়মিত আড্ডা ও পান, কখনো ফিশিং বোট 'পিলার' নিয়ে বন্ধু সমভিব্যাবহারে বিমিনি দ্বীপে মাছ শিকারে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে আসা– এসব খেয়ালি নেশা চরিতার্থ করার অবারিত সুযোগ ছিল হেমিংওয়ের। কিউবার হোটেলে বসে লেখালেখি, মাছ শিকার আর জেন ম্যাসনের সাথে প্রগাঢ় ঘনিষ্ঠতায় মজে থেকে মাসের পর মাস স্ত্রী-পুত্র ও সংসার থেকে বিচ্ছিন্ন থাকাটাও প্রায় সবার গা সওয়া হয়ে গিয়েছিল। কী ওয়েস্টে কখনো তাঁকে দেখা যেতো কোনো বক্সিং ম্যাচে রেফারির ভূমিকায় কিংবা অন্য লেখক বন্ধুদের সাথে নিয়ে লেডিজ ক্লাবে পুষ্প প্রদর্শনীর বিচারকের আসনে, কখনো ঢলঢলে জামা আর আধময়লা শর্টস পরে হোয়াইটহেড স্ট্রিট ধরে হেঁটে যেতে। এপর্যন্ত মোটামুটি এরকম মসৃণ জীবন কাটিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বড়দিনের ছুটি কাটাতে কী ওয়েস্টে আসা মার্থা গেলহর্নের সাথে দেখা হওয়ার পর সবকিছু ওলট পালট হয়ে যায় যেন।

আমরা জানতাম হ্যাডলি এবং পলিন দুজনই সেন্ট লুইসের মেয়ে। কিন্তু এখন জানি মার্থা গেলহর্নও ছিলেন একই শহরের আরেক বিশিষ্ট পরিবারের মেয়ে। তবে এই দুজনের মধ্যে বৈপরীত্য ছিল চরম। পলিন ছিলেন হেমিংওয়ের চেয়ে চার বছরের বড়, অন্যদিকে মার্থা হেমিংওয়ের নয় বছরের ছোট। তাঁদের যখন দেখা হয় তখন পলিনের বিয়াল্লিশ আর মার্থা ঊনত্রিশের টগবগে যুবতী। হেমিংওয়ের সামনে মার্থাকে আরো অল্পবয়সী দেখাত। পলিন ছোটখাটো, ছেলেদের মতো ছোট করে কাটা চুল, আর মার্থা দীর্ঘাঙ্গী, তামাটে দেহবর্ণ, ঘাড়ছোঁয়া সোনালী চুলের আকর্ষণীয়া নারী। প্রথম জীবনে যেমনই হোক, পরবর্তী সময়ে পলিন সংসারী হন, স্বামী-পুত্র নিয়ে গার্হস্থ্য জীবনই ছিল তাঁর পছন্দ। জীবনীকার রুথ হকিন্স এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমার মনে হয় প্যারিসের জীবনটা পছন্দ করছিলেন পলিন। তবে হেমিংওয়ে কী ওয়েস্ট কিংবা যেখানেই থাকতে চাইতেন, সেসবের যেকোনো জায়গাতেই তাঁর আপত্তি ছিল না। . . . পলিন বহির্মুখী ছিলেন না, অপছন্দ করতেন পাখি শিকার, সাফারি–এজাতীয় বিষয়, তবু হেমিংওয়ে পছন্দ করতেন বলে একসাথে থাকার জন্য সেসবও মেনে নিতেন।" অন্যদিকে মার্থা পেশানিষ্ঠ স্বাধীন স্বভাবের, অবিবাহিতা, পুরুষ সঙ্গীহীন এবং একাধিক বইয়ের লেখিকা। তবে হেমিংওয়ে মার্থার জীবনে প্রথম পুরুষ ছিলেন না। তাঁদের দেখা হওয়ার ছয় বছর আগে মার্থার একজন প্রেমিক ছিলেন, ফরাসি অর্থনীতিবিদ বেখতাঁ দে জুভেনেল। কিন্তু চার বছরের প্রেমের পরও তাঁদের প্রণয় পরিনতি পায়নি, কারণ জুভেনেলের স্ত্রী বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না।

স্পেনের গৃহযুদ্ধে মার্থার রাজনৈতিক সমর্থনের সাথেও ছিল পলিনের বৈপরীত্য। মার্থা যেখানে ফ্যাসিবাদ বিরোধী এবং বিপ্লবী স্বভাবের, সেখানে গোঁড়া ক্যাথলিক পলিন ছিলেন ফ্র্যাংকোর রক্ষণশীল দলের প্রতি দুর্বল। রিপাবলিকান বাহিনীর সৈন্যরা গির্জা পুড়িয়ে দিচ্ছে, যাজকদের হত্যা করছে, ধর্ষণ করেছে নানদের–এসব খবরে বিচলিত পলিনের বিরাগ আরও তীব্র হয়ে উঠেছিল। পলিনকে বিয়ের আগে হেমিংওয়ে ক্যাথলিক মতবাদে দীক্ষা নিলেও আমেরিকার প্রাচীনতম ক্যাথলিক জার্নাল কমনউইল ম্যাগাজিনে তাঁকে প্রথম ক্যাথলিক লেখক হিসেবে পরিচিতি দেওয়ার চেষ্টা করলে তিনি সেরকম সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, "আমি যখন লিখি চেষ্টা করি যাতে কোনো রাজনীতি বা ধর্ম না থাকে।" (সূত্র: গিলবার্ট মুলার– হেমিংওয়ে অ্যান্ড দ্য স্প্যানিশ সিভিল ওয়ার)।

হেমিংওয়ের দাম্পত্য জীবনের বাঁক পরিবর্তনটি স্পষ্ট হয়ে ওঠে স্পেনের গৃহযুদ্ধে সমর সাংবাদিক হিসেবে তাঁর যুক্ত হওয়া এবং একই কাজে মার্থার সেখানে অবস্থানের সময়। পরবর্তী তিন বছর মার্থার সাথে যে বিবাহবহির্ভুত সম্পর্ক তিনি বজায় রেখে আসছিলেন, শেষদিকে সেটা হয়ে পড়ে প্রকাশ্য গোপন।
স্পেনে অবস্থানকালে সাংবাদিকতা, তথ্যচিত্র "দ্য স্প্যানিশ আর্থ" নির্মাণের কাজের ব্যস্ততা এবং মার্থা গেলহর্নের সাথে প্রণয়পর্বের ফাঁকে যুদ্ধবিষয়ক কয়েকটা গল্পের বিষয় মাথায় ঢুকিয়ে নিয়েছিলেন হেমিংওয়ে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় ১৯৩৭ সালের মার্চ থেকে ১৯৩৮ সালের নভেম্বর পর্যন্ত চারবার তিনি স্পেনে আসা যাওয়া করেন। শেষবার ফিরে আসার পরও তাঁর মাথায় কোনো উপন্যাস লেখার পরিকল্পনা ছিল না বলে জানা যায়। বরং যুদ্ধের অভিজ্ঞতালব্ধ দুটো গল্প তিনি লিখেছিলেন, একটি "নাইট বিফোর ব্যাটল," যেটির কথা আগের অধ্যায়ে বলা হয়েছে। দ্বিতীয়টি ছিল "দ্য বাটারফ্লাই অ্যান্ড দ্য ট্যাংক।"

এ গল্পটি যুদ্ধবিধ্বস্ত মাদ্রিদের একটা পানশালার ঘটনা। এরকম পরিস্থিতিতে যেরকম ঘটে, পানশালাটি ছিল জনাকীর্ণ, এত লোকের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই সৈনিক। যুদ্ধকালীন সময়ে মানুষের মধ্যে অসহিষ্ণুতা, ক্ষোভ– এসব বেড়ে যায়, ফলে যে কোনো সামান্য ঘটনার প্রতিক্রিয়াও হয় মারাত্মক। একটি লোক কোনো বিয়ের আসরে ব্যবহার করার জন্য পিচকিরি কিনে তাতে সুগন্ধী ভর্তি করে বারের ভেতরের খদ্দেরদের ওপর ছিটিয়ে দিচ্ছিল। এমন মশকরায় বিরক্ত হয়ে কয়েকজন সৈনিক লোকটিকে বাইরে টেনে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। কিন্তু লোকটি আবার ফিরে এসে একই কাজ করে সবার বিরক্তি উৎপাদন করা অব্যাহত রাখে। এবার সৈনিকগুলো লোকটিকে বাইরে টেনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। তারপর পুলিশ আসে, ঘটনার তদন্তের জন্য ভেতরে কাউকে বাইরে বের হতে নিষেধ করা হয়। কিন্তু হত্যাকারী সৈনিকেরা পুলিশের সামনে দিয়ে বের হয়ে যায়। ফলে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য ফলাফল কী হবে সে সম্পর্কে লেখক একটা তির্যক আভাস দিয়েই গল্পটা শেষ করেছেন। কোনো এক অজ্ঞাত কারণে খুব সম্ভাবনাময় এই গল্পটা হেমিংওয়ের বহুলপঠিত লেখাগুলোর একটি নয়। অথচ হেমিংওয়েকে লেখা এক চিঠিতে জন স্টাইনবেক সঠিকভাবেই এটাকে এযাবত লেখা অল্প কয়েকটা চমৎকার গল্পের একটি বলে উল্লেখ করেছিলেন।


ছবি: ফর হুম দ্য বেল টোলস সিনেমায় গ্যারি কুপার ও ইনগ্রিড বার্গম্যান
কী ওয়েস্টের গৃহত্যাগ করে তিনি যখন পাকাপাকিভাবে হাভানা চলে আসেন, তাঁর মাথায় তখন আরো তিনটা গল্প ঘুরছিল। তার মধ্যে প্রথমটি ছিল "আন্ডার দ্য ব্রিজ।" এই গল্পটা অনেকটা "নাইট বিফোর ব্যাটল" গল্পের সমান্তরাল। সাংবাদিকতা, যুদ্ধের দৃশ্য শ্যুটিং, সাহসিকতার সংজ্ঞা, যুদ্ধের ব্যর্থতা ও অর্থহীনতা– এসবই ছিল গল্পটির উপজীব্য বিষয়। এটা লেখার পর দ্বিতীয়টি লিখতে শুরু করার একপর্যায়ে তিনি বুঝতে পারেন এটি আর গল্পের পরিসরে নেই, উপন্যাস হয়ে যাচ্ছে, আর সেটাই হয়ে ওঠে তাঁর আরেক বিখ্যাত উপন্যাস ফর হুম দ্য বেল টোলস। ১৯৪০ সালের জুলাইতে প্রথম খসড়ার কাজটা শেষ হলে পাণ্ডুলিপিটা তিনি পাঠিয়ে দিয়েছিলেন স্ক্রিবনারের সম্পাদক ম্যাক্স পারকিনসের কাছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চ‚ড়ান্ত প্রুফ দেখার পর অক্টোবরের শেষদিনে প্রকাশিত হয় ফর হুম দ্য বেল টোলস। জীবন, মৃত্যু, যুদ্ধ ও ভালোবাসার এক সম্মিলিত দলিল হিসেবে বইটি পাঠকপ্রিয়তা লাভ করেছিল। নিউইয়র্ক টাইমস এটিকে স্প্যানিশ গৃহযুদ্ধের ওপর সবচেয়ে চালু দলিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রথম ও প্রধান উপন্যাস বলে আখ্যায়িত করে। বইটির আলোচনা করতে গিয়ে গ্রাহাম গ্রীন লিখেছিলেন, উপন্যাসটি ইতিহাসের চেয়ে বেশি বিশ্বস্ত ও তথ্যবহুল। যুদ্ধ নিয়ে নিজের নির্বাচিত ও সম্পাদিত গল্পের সংকলন মেন অ্যাট ওয়ার (১৯৪২)-এর ভূমিকায় হেমিংওয়ে লিখেছিলেন, "একজন লেখকের কাজ হচ্ছে সত্য কথাটি বলা। সত্যের প্রতি তাঁর বিশ্বস্ততা এমন উঁচু থাকবে যে তাঁর নিজের অভিজ্ঞতালব্ধ আবিষ্কার হবে যে কোনো বাস্তব ঘটনার চেয়ে অধিকতর সত্য। কারণ প্রকৃত ঘটনাকে বিরূপভাবে দেখা যায়, কিন্তু একজন ভালো লেখক যখন কিছু একটা সৃষ্টি করেন তখন সেটিকে চূড়ান্ত সত্যে পরিনত করার সময় ও সুযোগ তাঁর থাকে।"

হেমিংওয়ের সাথে ফিটজেরাল্ডের সম্পর্কটা ছিল অম্লমধুর, শেষের দিকে এটা অম্লই হয়ে গিয়েছিল। বিশ্বযুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না ফিটজেরাল্ডের, অথচ হেমিংওয়ের কর্মজীবন শুরুই হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের মাঠে। সেই কয়েক বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি ফিটজেরাল্ডকে কিছুটা খোঁচা মেরেই লিখেছিলেন, "যুদ্ধ প্রত্যক্ষ করার সুযোগ হারিয়ে তোমার এই মর্মযন্ত্রণার কারণ হচ্ছে যুদ্ধই সবকিছুর চেয়ে উৎকৃষ্ট বিষয়। এটা সর্বোচ্চ সম্ভব বিষয়বস্তুকে একসাথে জড়ো করে লেখার কাজকে দ্রুত এগিয়ে দেয় এবং এমন সব জিনিস বের করে আনে যা পাওয়ার জন্য তোমাকে সারাজীবন অপেক্ষা করতে হয়।" একাধিক যুদ্ধে তাঁর অভিজ্ঞতার কারণেই তিনি শিল্পসম্মতভাবে যুদ্ধকে তুলে আনতে পেরেছেন উপন্যাসে ও গল্পে। কেবল তাঁর সৃষ্টিতেই নয়, যুগে যুগে সাহিত্যে যুদ্ধবিগ্রহ এসেছে কখনো লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল হিসেবে, কখনোবা পৌরাণিক কাহিনীতে রচয়িতার কল্পনার রথে চড়ে। যুদ্ধকে উপজীব্য করে মহাভারত কিংবা ইলিয়াড, ওয়ার অ্যান্ড পীস, ডক্টর জিভাগো কিংবা হাল সময়ের দ্য কাইট রানার হয়ে উঠেছে অমর সৃষ্টি। আবার সচেতনভাবে সৃষ্ট সাহিত্য না হলেও যুদ্ধের উপজাত হিসেবে সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে আনা ফ্রাঙ্কের ডায়েরি কিংবা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। ফর হুম দ্য বেল টোলস বইটি বের হওয়ার পরপরই প্যারামাউন্ট ফিল্ম কোম্পানি এক লক্ষ ডলারে এটির চলচিত্রস্বত্ব কিনে নেয়। ১৯৪৩ সালে মুক্তি পাওয়া ছবিটিতে রবার্ট জর্ডানের ভূমিকায় অভিনয় করেছিলেন গ্যারি কুপার, আর মারিয়ার ভূমিকায় ইনগ্রিড বার্গম্যান। সে বছরের অ্যাকাডেমি পুরস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী সহ মোট নয়টি শাখায় মনোনীত হয়েছিল ছবিটা। বইটিকে ১৯৪১ সালের পুলিৎজার পুরস্কারের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হলেও বোর্ডের প্রধান সদস্য ওটার কিছু অংশকে আপত্তিকর মনে করে বাকী সদস্যদের মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। ফলে সেবছর উপন্যাসের জন্য কোনো পুরস্কার দেওয়া হয়নি।
বইটি তিনি উৎসর্গ করেছিলেন মার্থা গেলহর্নকে। পলিনের সাথে বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তির মাত্র চারদিন আগে প্রকাশিত বইয়ের উৎসর্গপত্রে মার্থার নাম থেকেও প্রমাণিত হয় যে এই সম্পর্কটির ব্যাপারে হেমিংওয়ের কোনো রাখঢাক ছিল না আর। উল্লেখ্য বইটি প্রকাশিত হয় ৩১ অক্টোবর, ১৯৪০ আর পলিনের সাথে বিবাহ বিচ্ছেদের মামলার একতরফা চূড়ান্ত নিষ্পত্তি হয় ৪ নভেম্বর। এখানে উল্লেখ্য, পলিন শেষপর্যন্ত বিয়েটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন। কারণ, হেমিংওয়ের চরম ব্যাভিচারী স্বভাব মেনে নিয়েও স্বামীকে ভালোবাসতেন তিনি। তাঁর গোঁড়া ক্যাথলিক ধর্মবিশ্বাসও তাঁকে বিবাহবিচ্ছেদের মতো চরম পরিনতি থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছিল। তাই মার্থার সাথে সম্পর্কটার একটা হেস্তনেস্ত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। কিন্তু যখন নিশ্চিত হন যে মার্থার সাথে স্বামীর সম্পর্কটা আর কেবল নিছক একটা পরকীয়া প্রেমে সীমাবদ্ধ নেই, তখন ডিভোর্সের মামলা করেছিলেন।


ছবি: চীনা জেনারেলের সাথে হেমিংওয়ে ও মার্থা গেলহর্ন
বিচ্ছেদের মামলার রায়ের পরদিন, ৫ নবেম্বর, ১৯৪০ কী ওয়েস্ট সিটিজেন কাগজে একটা খবর প্রকাশিত হয়, যার শিরোনাম "ডিভোর্স গ্রান্টেড মিসেস হেমিংওয়ে: কী ওয়েস্ট অথর চার্জড উইথ ডিজাশান; স্যুট আনকনটেস্টেড।" একতরফা মামলার রায়ে ব্যবহৃত 'ডিজার্শান' (desertion) শব্দটির একাধিক অর্থ আছে, 'ছলনা, ত্যাগ, পলায়ন' ইত্যাদি। মামলার আর্জিতে কিংবা রায়ে ঠিক কোন অর্থে এই অভিযোগটি আনা হয়েছিল, সেটা নিশ্চিত নয়। জানা যায় বিচ্ছেদের শর্তগুলো মাসখানেক আগে চূড়ান্ত হলেও হেমিংওয়ের বিশেষ অনুরোধে আনুষ্ঠানিক ঘোষণাটি নভেম্বরে ফর হুম দ্য বেল টোলস প্রকাশ হওয়ার আগে পর্যন্ত বিলম্বিত করা হয়েছিল। আদালতের বিচারক বিবদমান দম্পতির পরিচয় জানতেন না, কেবল জানতেন মামলার কোনো এক পক্ষ সেলিব্রিটি বলে প্রচার এড়ানোর জন্য এক ছুটির দিনে মামলাটির শুনানি করার আবেদন করেছিলেন সেই পক্ষ। নির্দিষ্ট দিনে তাঁর বন্ধু আইনজীবী থম্পসনকে চেম্বারে ঢুকতে দেখে বিচারক হতবুদ্ধি হয়ে পড়েছিলেন, কারণ, তাঁর জানামতে থম্পসনের দাম্পত্য জীবনে কোনো ধরনের বিবাদ ছিল না। তবে থম্পসন যে হেমিংওয়ের পক্ষের উকিল, এটা জানার পর তাঁর ভুল ভাঙে, স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।

একঘন্টার শুনানীতে বারো বছরের প্যাট্রিক আর নয় বছরের গ্রেগরির অবিভাবকত্ব দেওয়া হয় পলিনকে, আর্নেস্টের কাছে থাকে কেবল ছেলেদের পড়াশোনার দায়িত্ব। পলিনের মাসোহারা ধার্য্য করা হয় মাসিক পাঁচশ ডলার। আজীবন বসবাস করা কিংবা ভাড়া দেওয়ার অধিকার সহ কী ওয়েস্টের বাড়িটার ৬০ শতাংশের অংশীদার হবেন পলিন। তিনি যদি বাড়িটা বিক্রি করতে চান এবং হেমিংওয়ে যদি পলিনের অংশ কিনে নিতে আগ্রহী না হন, তাহলে বিক্রিলব্ধ অর্থের ৪০ শতাংশ প্রাপ্তব্য হবেন হেমিংওয়ে। পলিনের মৃত্যুর পর দুই ছেলে মায়ের অংশের সমানাধিকার লাভ করবেন। উভয় পক্ষের অনুপস্থিতিতে মামলার শুনানী ও রায় যখন হয়, তখন হেমিংওয়ে মার্থাকে নিয়ে অবস্থান করছিলেন সান ভ্যালিতে, আর পলিন নিউ ইয়র্কে তাঁর পরিবারের সাথে (সূত্র: রুথ হকিন্স– আনবিলিভেবল হ্যাপিনেস অ্যান্ড ফাইনাল সরো: দ্য হেমিংওয়ে-ফেইফার ম্যারেজ)
ক্যাথলিক ধর্মে তাঁর অটল বিশ্বাসের কারণে যে কেবল বিবাহবিচ্ছেদে সম্মত হতে চাননি পলিন, তা-ই নয়, ধর্মবিশ্বাসের কারণে কৃত্রিম উপায়ে জন্মনিয়ন্ত্রণেরও ঘোর বিরোধী ছিলেন তিনি। একারণেই পলিনের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার জন্য স্ত্রীর ধর্মবিশ্বাসকে দায়ী করেছেন হেমিংওয়ে। তাঁদের মধ্যকার শারীরিক দূরত্ব বেড়ে না গেলে মার্থা গেলহর্নের খপ্পরে পড়তেন না বলে নিজের সাফাই গাইবারও সুযোগ পেয়েছেন তিনি। তবে শারীরিক দূরত্বের কথাটা পরবর্তী সময়ে হেমিংওয়ের চতুর্থ পত্নী মেরির কাছে স্বীকারও করেছেন পলিন। আমরা দেখবো, হেমিংওয়ের চতুর্থ স্ত্রী মেরি ওয়েলশের সাথে তাঁর এক বিরল সখ্য ঘটে তাঁদের বিচ্ছেদের প্রায় সাত বছর পরে। তিনি বলেছিলেন, "আমি যদি এই মরার ধর্মাচারী ক্যাথলিক না হতাম, তাহলে আমার স্বামীকে হারাতাম না।" মেরির আত্মজীবনী অনুযায়ী পলিন কথাটা বলেছিলেন জন্মনিয়ন্ত্রণে ধর্মীয় বাধা ও তাঁর সংস্কারের কথা মাথায় রেখেই।

পলিনের সাথে তেরো বছরের সংসারটি আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার ১৭ দিনের মাথায় মার্থা গেলহর্নকে বিয়ে করেন হেমিংওয়ে। হ্যাডলির সংসার ভেঙে যে পলিন দখল করে নিয়েছিলেন হেমিংওয়েকে, তাঁর ভাগ্যে ঠিক এটাই ঘটে মার্থার কারণে। বিচ্ছেদের পর নিঃসঙ্গ পলিন কী ওয়েস্টেই কাটান বাকী জীবন। এখানে 'ক্যালিফোর্নিয়া শপ' নামে একটা অভিজাত গৃহসজ্জাসামগ্রীর দোকান চালাতেন তিনি। মাঝে মাঝে ক্যালিফোর্নিয়ায় যেতেন বোন জিনির কাছে।
সংজ্ঞা অনুযায়ী যৌতুক না হলেও বাড়ি গাড়ি ও নগদ ছাড়াও শ্বশুরপক্ষের কাছ থেকে আরও কিছু সম্পত্তি পেয়েছিলেন হেমিংওয়ে, পলিনের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর সেগুলো ফেরত নেওয়া হয়। ফেইফার পরিবারের প্রতিষ্ঠান পিগট ল্যান্ড কম্পানির পঁচিশটি শেয়ার আর্নেস্টকে দেওয়া হয়েছিল বছর পাঁচেক আগে। মেয়ের সাথে বিচ্ছেদের পর পারিবারিক ব্যবসায় প্রাক্তন জামাতার সংশ্লিষ্টতা বিচ্ছিন্ন করার জন্য সেই শেয়ার ফেরত নিয়েছিলেন পল ফেইফার। ফর হুম দ্য বেল টোলস প্রকাশিত হওয়ার পর বেস্ট সেলার তালিকায় থাকা হেমিংওয়ে তৃতীয় বিয়ের পর আবার পরিনত হয়েছিলেন সংবাদপত্রের খবরে। মার্থাকে বিয়ে করার দুই সপ্তাহ পর (৮ ডিসেম্বর, ১৯৪০) নিউ ইয়র্ক ডেইলি নিউজ দুই পৃষ্ঠা জুড়ে হেমিংওয়ের তিন স্ত্রীর ওপর একটা সচিত্র প্রতিবেদন প্রকাশ করে, শিরোনাম ছিল, "প্রেম হেমিংওয়ের সাথে সহযোগিতা করে: লেখক আবার বিয়ে করেছেন সর্বশেষ প্রেরণাদাত্রীকে।" প্রতিবেদনে বলা হয় যে প্রতিটি নতুন বইয়ের জন্য হেমিংওয়ের দরকার হয় একজন নতুন প্রেরণাদাত্রী নারীর এবং একদল নতুন বন্ধুর, যেহেতু তাঁর বইগুলোতে থাকে "প্রাক্তন" বন্ধুদের চরিত্র হনন। প্রতিবেদনে এমনও লেখা হয় যে হেমিংওয়ের ভবিষ্যত নির্বিঘ্ন রাখার জন্য প্রথম দুই স্ত্রী তাঁদের নিজস্ব সকল উচ্চাশা জলাঞ্জলি দিলেও এবারে তাঁর হিসেব না-ও মিলতে পারে, কারণ, মার্থা নিজস্ব খ্যাতির স্বাদ পেয়েছেন। স্বামীর লেখক জীবনের স্বার্থে তিনি কোনো ছাড় দেবেন বলে মনে হয় না। এই প্রতিবেদন পড়ে হেমিংওয়ে নাকি হ্যাডলিকে ফোন করে বলেছিলেন, পত্রিকাটি তাঁর জীবনের সব মিথ্যে এবং অর্ধসত্য জিনিসগুলো খুঁড়ে বের করার জন্য চারদিকে লোক লাগিয়ে দিয়েছে, আর তাতে রসদ যোগান যোগাচ্ছে তাঁর প্রাক্তন শ্যালিকা ভার্জিনিয়া। আমাদের স্মরণে আছে, বহু বছর আগে স্কট ফিটজেরাল্ডও মতপ্রকাশ করেছিলেন যে প্রতিটি বই লেখার জন্য হেমিংওয়ের একজন নতুন নারীর দরকার হয়। পরের মাসে লাইফ ম্যাগাজিনও নতুন স্ত্রী সহ হেমিংওয়েকে নিয়ে "দ্য হেমিংওয়েজ ইন সান ভ্যালি– দ্য নোভেলিস্ট টেকস অ্যা ওয়াইফ" শিরোনামে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে।

একজন সেলিব্রিটি লেখকের স্ত্রীর অবস্থান থেকে সরে এসে দুই সন্তানের মা হিসেবে পলিন নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিলেন। নিজস্ব ব্যবসা ছাড়াও তিনি ছিলেন এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের মেয়ে, সুতরাং সে অর্থে একেবারেই অবলা নারী ছিলেন, একথা বলা যায় না। হেমিংওয়ের অনুপস্থিতি ছাড়া আর সবকিছুই দ্রুত সামলে নিতে পারছিলেন তিনি। প্রাক্তন স্বামীর সাথে ছেলেদের ছুটি কাটানোর ব্যবস্থা করা থেকে শুরু করে ব্যাংকের লকারে রাখা কাগজপত্রের মধ্য থেকে হেমিংওয়ের ব্যক্তিগতগুলো আলাদা করে ভিন্ন লকারে রাখা– সবকিছুই সুচারুভাবে করছিলেন। কিউবা থেকে আমেরিকায় এসে আরেকবার ছেলেদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন হেমিংওয়ে, পলিন তাঁকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, যদি নিতান্তই আসতে চান, তাহলে তিনিই বরং বাড়ি ছেড়ে দুয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যেতে পারেন, তবে সেটা তিনি করতে চান না, কারণ, বাড়িতে মিস্ত্রিরা মেরামতি কাজ করছে। নতুন প্রকাশিত বইটির (ফর হুম দ্য বেল টোলস) ভালো আলোচনার জন্য হেমিংওয়েকে অভিনন্দন জানিয়ে তিনি পরামর্শ দেন যাতে মার্থাকে নিয়ে এই হৈ-হট্টগোল ছেড়ে বাইরে কোথাও চলে যান, কারণ বইটির জন্য অনেক পরিশ্রম করেছেন তিনি (সূত্র: রুথ হকিন্স)।


ছবি: কোলিয়ার্স ম্যাগাজিনের প্রচ্ছদে মার্থা গেলহর্ন
বস্তুত এই বইটি প্রকাশিত হওয়ার পর হেমিংওয়ের লেখক খ্যাতি একলাফে অনেকখানি ওপরে উঠে যায়। ভালো কাটতিও হচ্ছিল। প্রকাশিত হওয়ার চার মাসের মধ্যে বিক্রি প্রায় চার লক্ষ কপি বই। হ্যাডলির কাছে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন যে বইটি বরফ জমানো দাইকিরি ককটেলের মতো চলছে। শোনা যায় কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো তাঁর সামরিক অভ্যুত্থানের প্রশিক্ষণ নির্দেশিকা হিসেবে বইটি ব্যবহার করেছিলেন। বহু বছর পর বইয়ের ২০১৯ সংস্করণের ভূমিকায় হেমিংওয়ের পৌত্র শন হেমিংওয়ে লিখেছেন যে ২০০২ সালে তিনি যখন হাভানায় হেমিংওয়ে জাদুঘরের নিদর্শন সংরক্ষণের কাজে কিউবা যান, তখন তাঁর সুযোগ হয়েছিল ফিদেল ক্যাস্ট্রোর সাথে দেখা করার। সেসময় তিনি ফিদেলকে জিজ্ঞেস করেছিলেন বইটির কোন অংশ তাঁর কাছে এমন নির্দেশিকা বলে মনে হয়েছে। পাহাড়ে মেশিনগান বসানো সম্পর্কিত অংশটার কথা মনে করতে পেরেছিলেন ক্যাস্ট্রো। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান বাহিনীর মধ্যে একটা ধারণা ছিল যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে যুদ্ধ করছেন তাঁরা। পরবর্তী সময়ে এই বিষয়ের ওপর অনেক কাজ হয়, তার মধ্যে একটি তথ্যচিত্রে বিবদমান উভয় পক্ষের যোদ্ধাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেই সাক্ষাৎকারে যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ভিয়েতনামী লেখিকা লে মিন খু বলেছিলেন, তিনি হেমিংওয়ের দ্বারা এতই প্রভাবিত ছিলেন যে গেরিলা যুদ্ধের বিভিন্ন কলাকৌশলের উল্লেখ থাকার কারণে সেসময় উপন্যাসটা তাঁর সাথে রাখতেন।

আমরা জানি উপন্যাসের পুরো কাহিনীটা মাত্র তিন দিনের। রবার্ট জর্ডান নামের ইন্টারন্যাশনাল ব্রিগেডের এক আমেরিকানকে ফ্যাসিস্ট বাহিনীর পেছনে খাদের ওপর একটা সেতু উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কাজটা করার জন্য জর্ডানকে গেরিলাদের সহায়তা নিতে হয়। এটা করতে পারলে সরকার সমর্থকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সাফল্য অনেকখানি এগিয়ে যাবে। জর্ডান এখানে মারিয়া নামের এক সুন্দরী সহযোদ্ধার প্রেমে পড়ে। "ওর বাদামী চেহারার মধ্যে দাঁতগুলো সাদা, আর ত্বক ও চোখগুলো একইরকম সোনালী তামাটে বাদামী। ওর গালের হাড়দুটো উঁচু, হাসিখুশি চোখ আর পরিপূর্ণ ঠোঁটসহ সোজা মুখমণ্ডল। মাথা জোড়া চুল ছিল শস্যক্ষেতের মতো সোনালী বাদামী, রোদে পুড়ে কালচে, তবে এমন ছোট করে ছাঁটা, মনে হয় বীবরের চামড়ার লোমের চেয়ে একটুখানি বড়। রবার্ট জর্ডানের মুখের দিকে তাকিয়ে হাসে ও, তারপর বাদামী হাতটা তুলে মাথার ওপর চালিয়ে চুলগুলো সমতল করার চেষ্টা করে, কিন্তু হাতটা পার হয়ে যাওয়ার পরই আবার খাড়া হয়ে ওঠে। রবার্ট জর্ডান ভাবে, খুবই সুন্দরী মেয়েটা।"
স্পেন থেকে ফিরে ইডাহোর 'সান ভ্যালি' রিসর্টে একবার অবসর কাটাতে এসেছিলেন হেমিংওয়ে। রিসোর্টের সাথে ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ের যে চুক্তি হয়েছিল তাতে হেমিংওয়ে পরিবার সহ রিসোর্টে নিখরচায় থাকতে পারবেন। বিনিময়ে তারা তাঁর ছবি তুলবে এবং বিভিন্ন মাধ্যমে প্রচার করবে যে হেমিংওয়ে এখানে থাকতেন। সেই সুবাদে বিয়ের আগে মার্থা গেলহর্নকে নিয়ে এবং বিয়ের পরেও পলিনের দুই ছেলে এবং মার্থাকে নিয়ে ১৯৩৯ থেকে ১৯৪১ পর্যন্ত বেশ কয়েকবার এখানে থেকেছেন তিনি। এসব সময় রিসোর্টের নিয়োজিত ফটোগ্রাফার হেমিংওয়ের সাথে লেগে থেকে শতাধিক ছবি তুলেছেন বিভিন্ন লোকেশনে ও ভঙ্গিমায়। (সূত্র: জেমস প্লাথ: আর্নেস্ট হেমিংওয়ে ইন কনটেক্সট)। কেবল 'সান ভ্যালি' রিসোর্টই নয়, খ্যাতির শীর্ষে ওঠার পর বিভিন্ন প্রতিষ্ঠানকে সেই খ্যাতি ব্যবহার করতে দিয়েছেন তিনি। লাইফ ম্যাগাজিনের পাতায় তাঁকে দেখা যায় 'ব্যালেন্টাইন' মদ, 'পার্কার' কলম কিংবা 'প্যান আমেরিকান এয়ারওয়েজ'-এর বিজ্ঞাপনে। পণ্যের বিজ্ঞাপনে যে হেমিংওয়ে একাই অংশগ্রহণ করেছেন তা নয়, 'সুলেখা কালি' থেকে শুরু করে পাগলের মহৌষধের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথও করেছেন, পার্কারের বিজ্ঞাপনে মার্ক টোয়েন কিংবা ব্যালেন্টাইনের বিজ্ঞাপনে স্টাইনবেকও এসেছেন। কিন্তু হেমিংওয়ের বিজ্ঞাপনে তাঁর লেখক সত্তা যতটা না উপস্থাপন করা হতো তার চেয়ে বেশি উপস্থাপন করা হতো একজন পুরুষোচিত মডেলকে, যিনি এক বিখ্যাত সেলিব্রিটিও বটে। তাই তাঁর উদোম গায়ের কিংবা শর্টস পরা ছবিগুলো গণমাধ্যমে সযতেœ প্রকাশ করা হতো।

'সান ভ্যালি' রিসোর্টের আশপাশের পরিবেশ তাঁকে স্মরণ করিয়ে দিত স্পেনের কথা। স্থানীয় অধিবাসীদের সাথে তাঁর বন্ধুত্ব হতে দেরি হয় না। এঁদের সাথে নিজের লেখালেখি নিয়ে পারতপক্ষে মুখ খুলতেন না হেমিংওয়ে। তবে একদিন বলে ফেলেছিলেন যে সকালটা দারুণ কেটেছে তাঁর. সেই সকালে একহাজার শব্দ লিখেছেন তিনি, আর প্রতিটি শব্দের দাম হবে এক ডলার করে। পরে একদিন রিসোর্টের ফটোগ্রাফার লয়েড আর তাঁর স্ত্রী টিল্লিকে তিনি জানান যে বইয়ের চব্বিশটি অধ্যায় লেখা শেষ হয়েছে। এপর্যন্ত যতটুকু লেখা হয়েছে সেখান থেকে চাইলে তাঁরা পড়ে দেখতে পারেন। তাই প্রতি রাতে বাড়ি ফেরার সময় কিছু অংশ করে নিয়ে যেতেন তাঁরা, রাতে পড়া শেষ হলে পরের সান্ধ্য আসরে আর্নেস্টের সাথে আলাপ করতেন এ বিষয়ে। এসময় বইটির সম্ভাব্য নাম নিয়ে তাঁর কিছুটা সিদ্ধান্তহীনতা দেখা যায়। প্রথমে নাম ঠিক করেছিলেন দ্য আনডিসকাভার্ড কান্ট্রি, তবে খুব পছন্দ হচ্ছিলনা। একদিন এরকম এক আসরে হেমিংওয়ে জানান যে বইটির নাম নিয়ে তাঁর একটা নতুন ভাবনা এসেছে। তারপর দ্য অক্সফোর্ড বুক অভ ভার্স থেকে জন ডানের কবিতার একটা স্তবক পড়ে শোনান, "দেয়ারফোর, সেন্ড নট টু নো ফর হুম দ্য বেল টোলস, ইট টোলস ফর দী।" তারপর বেশ আবেগ নিয়ে বলেন, "হায় যিশু, একজন মানুষ যদি কেবল এরকম লিখতে পারতো!" বলা বাহুল্য, এখান থেকেই বইয়ের নামটা নিয়েছিলেন তিনি।

বইটির সফল প্রকাশনা এবং বেস্ট সেলার তালিকার শীর্ষে থাকা এবং মার্থাকে বিয়ে করার পর কিছুটা অবকাশ যাপনের জন্য হলেও তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়া সঙ্গত ছিল। কিন্তু মার্থার মতো একজন চৌকষ ও পেশানিষ্ঠ কাজপাগল সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্যবোধের কারণে সে সুযোগ হয়নি। বিয়ের তিনমাসের মাথায় কোলিয়ার্স কাগজের পক্ষ থেকে চীন-জাপান যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য চীন যেতে হয় মার্থাকে। তাই অনিচ্ছাসত্তে¡ও হেমিংওয়েকেও সাথে যেতে হয়। নিছক কর্মহীন অবস্থায় না থাকার জন্য ট্যাবলয়েড পত্রিকা পিএম-এর সংবাদদাতার একটা কাজ জোগাড় করেন হেমিংওয়ে। নতুন কর্মক্ষেত্রে যাওয়ার আগে কিউবা যাওয়ার পথে সন্তানদের সাথে বড়দিন উদযাপন করার জন্য কী ওয়েস্টে যাত্রাবিরতি করেছিলেন তিনি। স্থানীয় সাংবাদিকেরা এখানেও ছেঁকে ধরেছিলেন তাঁকে। ততদিনে গুজব ছড়িয়ে গিয়েছিল যে আর্নেস্ট মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করে কিউবার নাগরিকত্ব গ্রহণ করতে যাচ্ছেন। গুজবটিকে প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, "এটা একটা নির্দয় মিথ্যা। আপনি একজন ভালো আমেরিকানকে খাটো করতে পারেন না, যেমন আমি পারি না আমেরিকাকে খাটো হতে দিতে।" আমেরিকার নাগরিকত্ব না ছেড়েও মার্থার বিয়ের উপঢৌকন হিসেবে কিউবাতে ফিনকা বিহিয়া বাড়িটি কেনার জন্য বইয়ের রয়্যালটি থেকে সাড়ে বারো হাজার ডলার দিয়েছিলেন হেমিংওয়ে, গুজবটির উৎপত্তি এখান থেকেই।

চীন যাওয়ার পথে যুদ্ধভূমিতে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষায় হংকংয়ে যাত্রাবিরতি করেন তাঁরা। হেমিংওয়ে এসময় এক সেলিব্রিটি লেখক, হংকং হোটেলের লবি বারে অবস্থান নিয়ে তিনি যখন নগরীর সুরাবিলাসীদের নিয়ে পানের আসর জমাচ্ছেন, সেসময় মার্থা সাংবাদিকসুলভ কৌতুহলে শহরের অলিগলি, আফিম ও জুয়ার ঠেক, বারাঙ্গনাপল্লী– এসব জায়গা ঘুরে নানান তথ্য জোগাড়ে ব্যস্ত থাকেন, প্রত্যক্ষ করেন যুদ্ধে ভিটেছাড়া মানুষের দুর্দশা। হেমিংওয়ের হংকং সঙ্গীদের মধ্যে ছিলেন লেখিকা এমিলি হান। হান পরবর্তী সময়ে বলেছিলেন যে 'ব্লাডি মেরি' ককটেলটা হংকংয়ে চালু করেছিলেন হেমিংওয়ে। সাত বছর পর এক বন্ধুর কাছে লেখা চিঠিতে তিনি নিজেও উল্লেখ করেছিলেন যে ব্লাডি মেরি তৈরি করার কায়দাটা হংকংয়ের বারম্যানদের তিনিই শিখিয়ে দিয়েছিলেন। তিনি এমনও লেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাবাহিনীর কৃতিত্ব বাদ দিলে এই ককটেলটিই উপনিবেশটির পতনকে ত্বরান্বিত করেছিল। এসময় হেমিংওয়ের আড্ডায় যোগ দিতেন কিছু চীনা ধনকুবের, পুলিশের বড়কর্তা, কয়েকজন কূটনীতিবিদ এবং সান ইয়াৎ সেনের দেহরক্ষী কোহেন। এই কোহেনই তাঁদের মাদাম সানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন।
সে সময় কোলিয়ার্স ম্যাগাজিনে পাঠানো এক রিপোর্টে মার্থা লিখেছিলেন, "নবাগতদের কাছে হংকংকে নববর্র্ষের প্রথম প্রহরের টাইম স্কোয়ার, বিকেল সাড়ে পাঁচটার সাবওয়ে, বিশাল অগ্নিকাণ্ড, একটা নিলাম বাজার ও গ্রামীণ মেলার মিশেল বলে মনে হবে।" এই লেখায় তিনি নগরীর ব্যাপক ধনবৈষম্যের বিষয়টা তুলে ধরতে চেয়েছিলেন। (সূত্র: স্টুয়ার্ট হিভার: ইন লাভ অ্যান্ড ওয়ার: অ্যা হংকং হানিমুন ফর আর্নেস্ট হেমিংওয়ে অ্যান্ড মার্থা গেলহর্ন)।
শেষ পর্যন্ত অনুমতিপত্র আসার পর প্লেনে, গাড়িতে, সাম্পানে এবং একপর্যায়ে টাট্টুঘোড়ায় চড়ে তাঁরা সেনাছাউনিগুলোর দেখা পান। সেখান থেকে যান চীনের দক্ষিণ পশ্চিমের শহর চুংকিং। মার্থার ভাষায় শহরটি ছিল "ধূসর, আকৃতিহীন, কর্দমাক্ত . . . কতগুলো বিবর্ণ সিমেন্টের বাড়ি এবং দীনহীন ব্যারাক, গ্রীষ্মে সেঁতসেঁতে, বছরের বাকি সময় কাদাময়, নোংরা, দুর্গন্ধযুক্ত এবং ইঁদুর-উপদ্রুত।" চুংকিংয়ে তাঁরা দেখা পান জেনারেলিসিমো চিয়াং কাই-শেকের। কাই-শেক নাকি প্রচলিত প্রথা অনুযায়ী হেমিংওয়ে দম্পতির সম্মানার্থে তাঁর সোনার বাঁধানো দাঁতটি খুলে রেখেছিলেন। তবে এই সেনানায়কটিকে পছন্দ করেননি তাঁরা। মার্থা পরবর্তী সময়ে লেখেন যে রাস্তায় কুষ্ঠরেগিদের অবাধে চলাফেরা করতে দেওয়ার জন্য মাদাম চিয়াংকে ভর্ৎসনা করে উল্টো বকা খেয়েছিলেন তিনি। মার্থাকে তিনি বলেছিলেন, "আপনাদের পূর্বপুরুষেরা যখন বনেজঙ্গলে থাকতো এবং নিজেদের নীল রঙে রঞ্জিত করতো, তখন থেকেই চীনের ছিল এক মহান সংস্কৃতি।" আমরা জানি, চিয়াং কাই-শেকের শাসনকাল ছিল দুর্নীতি ও দুঃশাসনে কণ্টকিত। সেনানায়কটি কেবল নিজের কায়েমী স্বার্থ রক্ষা ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই বেশি আগ্রহী ছিলেন। দরিদ্র চীনা ভূমিদাসদের কথা কখনোই ভাবেননি তিনি, যে কম্যুনিজমের উত্থানের ভয়ে ভীত ছিলেন তিনি, জানতেন না এই শোষিত মানুষের দুর্দশার হাত ধরেই ঢুকে পড়তে পারে এই শাসনব্যবস্থাটি।
তাঁরা কম্যুনিস্ট নেতা চৌ এনলাইয়ের সাথেও এক গোপন আস্তানায় গিয়ে দেখা করেছিলেন। মার্জিত রুচির এই নেতাকে দেখে তাঁরা দুজনই বেশ মুগ্ধ হয়েছিলেন। তাঁদের ভাষায় তিনি ছিলেন চীনে দেখা পাওয়া "একজন সত্যিকার ভালো মানুষ।"


ছবি: ব্যালেন্টাইন পানীয়ের বিজ্ঞাপনে হেমিংওয়ে
তাঁরা যেহেতু দুজন দুই কাগজের জন্য একই জায়গা থেকে রিপোর্ট পাঠাচ্ছিলেন, কখনো তাঁদের রিপোর্টের কোনো কোনো অংশ মিলে যেতো। একবার পিএম পত্রিকায় চীনাদের তৈরি কোনো এয়ারফিল্ড সংক্রান্ত হেমিংওয়ের একটা রিপোর্ট ছাপা হয়। পরে কোলিয়ার্স পত্রিকায় একই বিষয়ে মার্থার একটা রিপোর্ট পাঠানো হলে পত্রিকাটির সম্পাদক চেনেরি মার্থার কাছে এক তারবার্তা পাঠান। তার মূল বক্তব্য ছিল মিস্টার হেমিংওয়ে একই বিষয়ে মিস গেলহর্নের একটা রিপোর্টের স্কুপ (অন্যদের আগে গোপন খবর প্রকাশ করা) করেছেন। তারপর যোগ করেছেন, "আপনারা লেখকেরা কি নিজের রিপোর্টগুলো ভালোভাবে সুরক্ষিত রাখতে পারেন না?" এই অভিযোগে ক্ষিপ্ত হেমিংওয়ে সেদিনই কোলিয়ার্স-এর আরেক সম্পাদক চার্লসর কোলবার কাছে অত্যন্ত কড়া ভাষায় একখানা চিঠি লেখেন, "মার্থার লেখায় যাতে আমার হস্তক্ষেপ না হয় সেজন্য আমি চীন সম্পর্কে একটা লাইনও লিখিনি যা যে পঞ্চম শ্রেণীর স্টাফ কলেজ থেকে পাশ করা কেনো কুকুরীর বাচ্চা গ্রাজুয়েটও দ্বিতীয় পাতায় বক্সের মধ্যে ছাপা হওয়ার জন্য লিখবে না। মিস্টার চেনেরিকে বলবেন যে মিস্টার হেমিংওয়ে বন্ধু বা আত্মীয়স্বজনের রিপোর্ট স্কুপ করে না। তাঁকে আরো বলে দেবেন এই ট্রিপটা কোলিয়ার্স-এর জন্য, আমাদের জন্য নয়। আর আমি এখানে এসেছি এবং যদি কিছু লিখেও থাকি সেটা এই বিষ্ঠাভর্তি দেশে কুকুরের বাচ্চার এই বিপদজনক অ্যাসাইনমেন্টে মার্থাকে দেখেশুনে রাখার জন্য।" পরে অবশ্য কোলবা একখানা সমঝোতাসূচক চিঠি লেখেন এবং হেমিংওয়েও তাঁর হঠাৎ ক্ষেপে যাওয়ার জন্য ক্ষমাপ্রার্থনামূলক চিঠিতে ব্যাখ্যা করেন যে এক উটকো লোক দাবী করছেন, ফর হুম দ্য বেল টোলস কোনো এক সিনেমার চিত্রনাট্য থেকে চুরি করা এবং তার জন্য বিশাল অংকের ক্ষতিপূরণ মামলা করা হচ্ছে। (সূত্র: সানড্রা হুইপল স্প্যানিয়ার: রাইভালরি, রোমান্স, অ্যান্ড ওয়ার রিপোর্টারস মার্থা গেলহর্নস 'লাভ গোজ টু প্রেস' অ্যান্ড দ্য 'কোলিয়ার্স' ফাইলস)

সেযাত্রায় হেমিংওয়ে দম্পতি মোট একত্রিশ দিন ছিলেন হংকংয়ে। স্বামীর উদ্ভট কর্মকাÐ আর বারে বসে পানসঙ্গীদের সাথে অলস আড্ডায় দিন কাটানোর কারণে বেশ বিরক্ত ছিলেন মার্থা। তবে হেমিংওয়ে যে কেবল অলস সময় কাটিয়েছেন তা নয়, তিনি রেসের মাঠে গেছেন, ওয়ালটার নামের এক পুলিশ অফিসারের সঙ্গে কাউলুনের মহিলা কারাগারের কাছের জঙ্গলে পাখি শিকার করেছেন, সঙ্গী খুঁজে নিয়ে মুষ্টিযুদ্ধের চর্চাও চালিয়ে গেছেন। তাঁর হংকং সফরের খোঁজখবর যাঁরা রেখেছেন তাঁদের কাছে তাঁর কার্যকলাপ দেখে মনে হয়েছে যুদ্ধের সংবাদ সংগ্রহ আদৌ তাঁর উদ্দেশ্য ছিল না, পত্রিকার জন্য রিপোর্ট লেখার চেয়ে বেশি সময় তিনি কাটিয়েছেন পানশালায়। প্রকৃতপক্ষে মার্থার সঙ্গী হওয়ার জন্যই হংকংয়ে যেনতেন একটা কাজ জুটিয়ে নিয়েছিলেন তিনি। তাঁর মতো বিখ্যাত ব্যক্তিত্বকে দিয়ে কিছু রিপোর্ট লিখিয়ে নিলে পিএম পত্রিকার কাটতি বাড়বে বলে সংবাদ সংগ্রহের কাজটি তাঁকে দিতে পেরে প্রকাশক বরং বাধিতই ছিলেন। হংকংয়ের সংবাদ মাধ্যম, বিশেষ করে সাউথ চায়না মর্নিং পোস্ট হেমিংওয়েকে নিয়ে মাতামাতি করলেও মার্থাকে কেবল ৩২ বছর বয়সী মিসেস হেমিংওয়ে বলেই উপস্থাপন করছিল। মার্থা নিজেও যে দুর্ধর্ষ এক সাংবাদিক, তাঁরও যে একাধিক বই আছে এসব তেমন গুরুত্বের সাথে প্রচার করেনি। এর মাঝে হেমিংওয়ে একবার কিউবা ঘুরে গেছেন। এপ্রিলের (১৯৪১) শেষে তিনি যখন আবার হংকং ফিরে যান, তখন মার্থা বার্মা, সিংগাপুর এবং ইন্দোনেশিয়া মিশনে ঘুরে বেড়াচ্ছেন। হংকংয়ে হেমিংওয়ের শেষ কয়েকটা দিন কীভাবে কাটে তার কোনো বর্ণনা পাওয়া যায় না। কারণ সেসব দিনের বর্ণনা দেওয়ার জন্য মার্থা উপস্থিত ছিলেন না। তবে ধারণা করা হয়, এক লক্ষপতি বন্ধু একরাতের উপঢৌকন হিসেবে একসাথে তিনজন স্থানীয় পতিতাকে তাঁর হোটেলে পাঠিয়েছিলেন। এই ঘটনার বর্ণনা পাওয়া যায় মরণোত্তর প্রকাশিত আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম উপন্যাসে। এখানে তাঁর হংকং অবস্থানকালীন সময়ের প্রায় অবিকৃত বর্ণনা থেকে অনুমান করা যায়, একরাতের সেই ঘটনাটিও বাস্তবে ঘটেছিল।

ওটা ছিল এক বিরাট, অভিজাত এবং ব্যাপকরকম বিষণ্ণ হোটেল। এলিভেটরে চড়ে যেখানে যাই সেটি আমার বিশাল, বিলাসবহুল, বিষণ্ণ ও নিঃসঙ্গ রুম বলে জানি, কোনো সুন্দরী দীর্ঘাঙ্গী চীনা মেয়ে নেই ওখানে। তাই আমি করিডর ধরে এগিয়ে যাই, তারপর বিশাল বিষণ্ণ রুমের ভারি দরজাটা খুলি এবং দেখতে পাই কী ছিল সেখানে।
"কী ছিল"?
"তিনজন পরম সুন্দরী চীনা মেয়ে, এতই সুন্দরী ছিল তারা যে আমি বিছানায় যেতে পারি না, যেন একজন স্কুল মাস্টার আমি। তারা ছিল অসহ্য সুন্দরী, আর কেউই একবিন্দু ইংরেজি জানে না।"
"কোথা থেকে এলো ওরা?"
"আমার লক্ষপতিদের একজন পঠিয়েছিল ওদের। ওদের একজনের কাছে আমার জন্য পার্চমেন্টের খামে ভরা বেশ পুরু কাগজে লেখা চিরকুট ছিল একটা। ওটাতে কেবল লেখা ছিল , 'সি ডব্লিউর কাছ থেকে ভালোবাসাসহ'।"
তাঁর চতুর্থ ও সর্বশেষ স্ত্রী মেরি ওয়েলশ আর প্রকাশক মিলে মৃত্যুর দশ বছর পর উপন্যাসটা উদ্ধার করেছিলেন অগোছালো পাণ্ডুলিপির মধ্য থেকে। আদ্যোপান্ত হেমিংওয়ের জীবনী পড়া পাঠকের কাছে এই উপন্যাসটিকে প্রায় আত্মজীবনীর মতো মনে হবে। থমাস হাডসনের চরিত্রটা হুবহু হেমিংওয়ের চরিত্র যেন, একমাত্র পার্থক্য, হাডসন একজন শিল্পী আর হেমিংওয়ে লেখক। হাডসনের দুই স্ত্রীর গর্ভজাত তিন ছেলে, হেমিংওয়েরও তা-ই। হাডসনের এক ছেলে ডেভিড বিশাল এক মাছ ধরে তুলে আনার জন্য যেভাবে সংগ্রাম করে শেষ মুহূর্তে হারিয়ে ফেলে, তাঁর সদ্য আবিষ্কৃত অপ্রকাশিত পারস্যুট অ্যাজ হ্যাপিনেস গল্পে একইরকম ঘটনার অবতারনা করা হয়, এগুলোকে আত্মজীবনের অভিজ্ঞতার প্রতিফলন ছাড়া অন্য কিছু বলার উপায় নেই। এসব অভিজ্ঞতা দিয়েই সৃষ্টি হয়েছিল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেইন্টিংয়ের কাজ ছেড়ে নিজের মাছধরা বোট নিয়ে হাডসনের কিউবার উপকুলে জার্মান ইউবোট খুঁজে বেড়ানো যেন হেমিংওয়ের 'পিলার' বোট নিয়ে একই জায়গায় একই কাজে লিপ্ত থাকাও বড় বেশি আত্মজৈবনিক।
চীন-জাপান যুদ্ধে সাংবাদিকতার পর হেমিংওয়ে কিউবা ফিরে যান, আর মার্থা একই কাজে ঘুরে বেড়াতে থাকেন নানান দেশে। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বহুদূর বিস্তৃত হয়েছে। জার্মানী পোল্যান্ড দখল করলে ব্রিটেন ও ফ্রান্স প্রতিরোধে এগিয়ে আসে, কিন্তু আমেরিকা তখনো নিজেকে সরাসরি জড়ায়নি। আমাদের স্মরণে আছে নাৎসি ও ফ্যাসিস্টদের সমর্থনে ফ্র্যাঙ্কোর দক্ষিণপন্থী বাহিনীর বিদ্রোহের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের রিপাবলিকান সরকারের সমর্থনে হেমিংওয়ে যখন প্রামাণ্য চিত্র "দ্য স্প্যানিশ আর্থ" তৈরি করেন, তখন অনেকেই বলেছিলেন আমেরিকাকে যুদ্ধে নামানোর জন্য এটা এক প্রোপাগান্ডা। কিন্তু পার্ল হারবারে জাপানি ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করার পর আমেরিকার বোধোদয় ঘটে। স্পেনের গৃহযুদ্ধ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ছিল, হেমিংওয়ের এই পূর্বাভাষকে সত্যে পরিনত করে আমেরিকার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় ১৯৪১ সালের ডিসেম্বরে।

যুদ্ধে আমেরিকার সরাসরি জড়িয়ে পড়ার একবছরের মাথায় হেমিংওয়ে কিউবা থেকে তাঁর মাছধরা বোট "পিলার" নিয়ে মেক্সিকো উপসাগরে জার্মান ইউ-বোট খোঁজার কাজে লেগে গিয়েছিলেন। একাজে অর্থায়ন করতো স্থানীয় এফবিআই। এসময় মার্থা ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত। সেখান থেকে তিনি ক্যারিবীয়ান অঞ্চলে যান মিত্রপক্ষের অভিযানের ওপর রিপোর্টিং করতে। প্রথম পরিচয়ের পর থেকে হেমিংওয়ে-মার্থা যুগলের যৌথ জীবনের নয় বছরের মধ্যে দাম্পত্য জীবন ছিল পাঁচ বছর। এই সময়ের মধ্যে দীর্ঘদিন একটানা একসাথে বেশিদিন থাকা কখনোই হয়নি তাঁদের। হেমিংওয়ে কখনো স্ত্রীর অনুগমন করেছেন বটে, কিন্তু পেশানিষ্ঠ মার্থার মতো নাছোড় সাংবাদিকতা কখনোই করেননি তিনি। সাংবাদিকতার কাজে চীন যাওয়ার পথে হংকংয়ের উদাহরণ থেকেই তাঁর এই প্রবণতা স্পষ্ট। হংকং পর্বের পর যেখানেই যুদ্ধ সেখানেই ছুটে গিয়েছেন মার্থা। ১৯৪৩ সালে কোলিয়ার্স-এর সমর সাংবাদিক হিসেবে নিয়োগ দিয়ে মার্থাকে লন্ডন পাঠানো হয়। এখানে রয়্যাল এয়ার ফোর্সের বায়ুসেনা থেকে শুরু করে পোলান্ড ও নেদারল্যান্ড থেকে পালিয়ে আসা শরণার্থী পর্যন্ত নানান স্তরের মানুষের ওপর রিপোর্ট করেন তিনি। তারপর তাঁকে পাঠানো হয় ইতালির রণাঙ্গনে। হেমিংওয়ে তখনো কিউবায় বসে থেকে মেক্সিকো উপসাগরে জার্মান রণতরী খোঁজার কাজে মগ্ন। মার্থা যখন ইতালিতে তখন হেমিংওয়ে তাঁর কাছে এক টেলিগ্রাম বার্তায় লেখেন, "তুমি কি যুদ্ধ সাংবাদিক, নাকি বিছানায় আমার স্ত্রী?" জবাবে মার্থা উল্টো জবাব দেন যে তিনি যদি "ইউ-বোট খেলা" বন্ধ করে তাঁর সাথে ইউরোপে গিয়ে যোগ দেন তাহলে বরং ভালো কিছু করতে পারেন। হেমিংওয়েকে তিনি আরো লেখেন, "সব শেষ হয়ে যাওয়ার পর একজন লেখক হিসেবে তুমি বঞ্চিত বোধ করবে যে ঘটনাটায় তোমার কোনো অংশগ্রহণ ছিল না।"

কিছুদিন পর মার্থা কিউবা ফিরে আসেন। হেমিংওয়ে যে বিশাল এই যুদ্ধের ময়দান এড়িয়ে ঘরে বসে আছেন, তার জন্য ব্যঙ্গ-বিদ্রুপও করেন তিনি। কিউবায় তাঁর শান্তিপূর্ণ জীবনকে বাধা দেওয়ার চেষ্টা করার জন্য মার্থার ওপর ক্ষিপ্ত হয়েছিলেন হেমিংওয়ে। কারো ধারণা, যুদ্ধক্ষেত্রে গিয়ে নিশ্চিত প্রাণ হারাতেন হেমিংওয়ে, আর তার জন্য মার্থাকেই দায়ী করা হতো, তাই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাননি তিনি। অবশেষে ১৯৪৪ সালে হেমিংওয়েকে কোলিয়ার্স ম্যাগাজিনের সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়, পুরুষ হিসেবে যুদ্ধক্ষেত্রে গিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ ছিল তাঁর। মহিলাদের যুদ্ধক্ষেত্রে যাওয়ার সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে মার্থার পদাবনতি ঘটে, কারণ মহিলা সাংবাদিকদের যাওয়ার এখতিয়ার ছিল কেবল হাসপাতাল পর্যন্ত। সামরিক কর্তৃপক্ষ মহিলা সাংবাদিকদের কোনোধরনের আনুষ্ঠানিক অনুমতি দিতেন না, মিলিটারি ক্যাম্প কিংবা অন্য স্থাপনায় ঢোকা ছিল তাঁদের জন্য নিষিদ্ধ, কারণ ওসব জায়গায় কোনো মহিলা টয়লেট কিংবা রাত্রি যাপনের সুবিধা নেই। যুদ্ধরত সৈনিকদের সাথে কোনো মহিলার কোনো ধরনের যোগাযোগও ছিল নিষিদ্ধ, কারণ এতে সৈনিকদের মনোযোগ বিনষ্ট হতে পারে।

বিষয়টা অবমাননাকর হলেও সরকারি নিয়মের কারণে কিছুই করার ছিল না মার্থার। তবু তাঁর ধারণা, হেমিংওয়ে তাঁর কাজটি ছিনিয়ে নিয়েছেন, কারণ হেমিংওয়ের জন্য যে কোনো কাগজে এই কাজটি জুটিয়ে নেওয়া অসম্ভব ছিল না, যে কোনো কাগজ লুফে নিত তাঁকে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, হেমিংওয়েকে না নিলে কোলিয়ার্স কর্তৃপক্ষকে অন্য কোনো পুরুষ সাংবাদিককে নিয়োগ দিতে হতো, মার্থাকে নয়। নিয়োগের পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানে ইউরোপ যাওয়ার সুযোগ পান হেমিংওয়ে, অন্যদিকে মার্থাকে যেতে হয় ডিনামাইট বোঝাই লাইফবোটহীন এক মালবাহী জাহাজে। এটাও মার্থার জন্য কম অবমাননাকর ছিল না। লন্ডনে গিয়ে দুজনের আবার দেখা হয়। এবারে যাবতীয় রাগ হেমিংওয়ের ওপর ঝাড়েন মার্থা।


ছবি: মাদাম চিয়াং কাইশেকের সাথে হেমিংওয়ে ও মার্থা
যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি না থাকা মার্থাকে আহত ও হতাশ করেছিল বটে, কিন্তু দমাতে পারেনি। মিত্র বাহিনীর নরম্যান্ডি অবতরন প্রত্যক্ষ করার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া একটা হাসপাতাল জাহাজের টয়লেটে লুকিয়ে মূল ঘটনাস্থলে পৌঁছে যেতে পেরেছিলেন তিনি। হেমিংওয়েসহ অনুমতিপ্রাপ্ত সাংবাদিকেরা যখন একটা ল্যান্ডিং ক্রাফট থেকে মূল অপারেশন দেখার সুযোগ পান, মার্থা তখন স্ট্রেচার বাহকদের সাথে মিশে গিয়ে উপকুলে নামার সুযোগ করে নিয়েছিলেন। কেবল অবৈধভাবে প্রবেশের কারণে নয়, এরকম একটা দুঃসাহসিক কাজ করে স্বামীর সাথে টেক্কা দেওয়ার ঘটনাটা হেমিংওয়ে কখনোই ভুলতে পারেননি।

তখন থেকে যুদ্ধ শেষ হওয়া অবধি মার্থা পালিয়ে বেড়াচ্ছিলেন, কারণ যে কাÐ তিনি ঘটিয়েছেন, তাতে ব্রিটিশ অফিসাররা তাঁকে আমেরিকা ফেরত পাঠাবার হুমকি দিয়েছিলেন। বহুবছর পর এক সাক্ষাৎকারে তিনি বলেন যে হাসপাতাল জাহাজ থেকে শাস্তিস্বরূপ এসেক্সের একটা নার্স ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। অন্য নার্সদের সাথে তাঁকেও অনভ্যস্তভাবে হেলমেট মাথায় পরে ডিউটি করতে হচ্ছিল। এভাবে বন্দী অবস্থায় থাকার জন্য তো তিনি এত ঝুঁকি নিয়ে এতদূর আসেননি। তাই একদিন পরই কাঁটাতারের বেড়া টপকে শিবির ছেড়ে পালিয়ে গিয়ে হিচহাইকিং করে কাছের মিলিটারি এয়ারফিল্ডে ঢুকে পড়েন। সেখানে দুই বৈমানিক একটা বোমারু বিমান নিয়ে ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছে গিয়ে তিনি এক করুণ গল্প ফাঁদেন যে তাঁর প্রেমিক যুদ্ধে আহত হয়েছে, সুতরাং যে কোনো উপায়ে তাঁকে সেখানে যেতেই হবে। এমন সুন্দরী এক বিপদাপন্ন নারীর অনুরোধ ফেলতে পারেন না তাঁরা। সুতরাং দুই বিমানসেনার পেছনে একটা তাকের মতো আসনে পা ঝুলিয়ে বসে নেপলস পর্যন্ত পৌঁছে যেতে পারেন মার্থা। সেখান থেকে হেমিংওয়ের কাছে এক চিঠিতে তিনি লেখেন, "আমি যুদ্ধ দেখতে এসেছি, ডরচেস্টারে [লন্ডনের নামকরা অভিজাত হোটেল] থাকার জন্য নয়।" (সূত্র: সানড্রা হুইপল স্প্যানিয়ার: পূর্বোক্ত)। সেই যুদ্ধকালীন পরিস্থিতিতেই এটা সম্ভব হয়েছিল। আত্মজীবনী পয়েন্ট অভ নো রিটার্ন বইতে গেলহর্ন লেখেন, ইতালিতে পৌঁছার পর পুরো যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সময়টাতে যাযাবরের মতো ঘুরেছেন তিনি। তাঁকে দুজন শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছিল– এক জার্মান বাহিনী, আর এক আমেরিকান পাবলিক রিলেশন অফিস।

গল্পের মতো রোমাঞ্চকর জীবন কাটানো মার্থা গেলহর্নের উচ্চাভিলাষ তাঁকে স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছিল, কারণ কর্তৃত্ববাদী হেমিংওয়ে স্ত্রীর এই পেশা ও উত্থান পছন্দ করছিলেন না। ফর হুম দ্য বেল টোলস প্রকাশিত হওয়ার পর কয়েক বছর প্রায় কিছুই লেখেননি তিনি, জার্মান সাবেমেরিন খোঁজার অজুহাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল রণাঙ্গন থেকে নিরাপদ দূরত্বে থাকা হেমিংওয়ের ওপর মার্থার আকর্ষণ ততদিনে প্রায় সম্পূর্ণ তিরোহিত। তবে হেমিংওয়ে স্বীকার করতে কুণ্ঠিত ছিলেন না যে পরিচিত নারীদের মধ্যে মার্থাই ছিলেন সবচেয়ে সাহসী। তার পরও স্ত্রীর উচ্চাভিলাষ এবং স্বাধীনচেতা মনোভাব তাঁর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আসলে প্রথম থেকেই তাঁদের মধ্যে খুব বেশি বনিবনা হচ্ছিল না। দূরে দূরে থাকার কারণে পরস্পরের মধ্যকার এই বিতৃষ্ণা খুব দৃশ্যমান ছিল না। হেমিংওয়ের অপরিচ্ছন্ন চলাফেরা, হামবড়া ভাব আর দুর্নিবার মদ্যপানের নেশা মার্থার কাছে ছিল বিষবৎ। সেযাত্রায় হেমিংওয়ে লন্ডনে এমন এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন যে মাথায় পঞ্চাশটা সেলাই দিতে হয়েছিল। লন্ডনে ফিরে মার্থা কিন্তু বাংলা সিনেমার নায়িকাদের মতো আকুল হয়ে হাসপাতালে ছুটে যাননি। ডরচেস্টার হোটেলের তিন তলায় হেমিংওয়ের পাশের রুমে চেক ইন করে তারপর ধীরেসুস্থে হাসপাতালে যান। সেখানে গিয়ে মাথায় প্রায় পাগড়ির মতো ব্যান্ডেজ বাঁধা যথারীতি পারিষদবেষ্টিত হেমিওয়েকে দেখেন। তাঁর খাটের নিচে দেখা যাচ্ছিল হুইস্কি ও শ্যাম্পেনের বোতল। পুরো দৃশ্যটা মার্থার মাথায় যেন আগুন ধরিয়ে দেয়। তিনি মাতাল ড্রাইভিংয়ের জন্য স্বামীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করে বলেন যে দুর্ঘটনাটা যদি এত মারাত্মকই হতো তাহলে ওর বিছানার নিচে মদের বোতল থাকতো না, স্যাঙ্গাৎদের জুটিয়ে নিয়ে আড্ডাও দেওয়া যেতো না। এই ঘটনার পর তিনি ডরচেস্টার হোটেলে তাঁর রুমটা বদলে সর্বোচ্চ তলায় সরিয়ে নেন।
এমনকি এই দুর্ঘটনার পর লন্ডনের হাসপাতালে একটা অস্ত্রোপচারের জন্য নিকটাত্মীয় কারও অনুমতির প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষকে এক ককটেল পার্টিতে গিয়ে স্ত্রী হিসেবে মার্থার আনুষ্ঠানিক অনুমতি চাইতে হয়েছিল। মার্থা নাকি তাঁদের বলেছিলেন, তাঁর স্বামীকে নিয়ে যা খুশি তারা করতে পারেন, কিন্তু এই ককটেল থেকে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এসব নির্দয় আচরণে হেমিংওয়ের শারীরিক আঘাতের চেয়ে বেশি লাগে মানসিক আঘাত। সুতরাং তাঁদের পারস্পরিক বিদ্বেষপূর্ণ সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হেমিংওয়ের দ্বিতীয়বার ভাবতে হয়নি।

লন্ডনের ডরচেস্টার হোটেলে পুরনো ও নতুন পরিচিত সাংবাদিকদের নিয়ে প্রতিনিয়ত যে আসর বসাতেন হেমিংওয়ে, সেখানে অনেকের মধ্যে নিয়মিত ছিলেন টাইম ম্যাগাজিনের সাংবাদিক মেরি ওয়েলশ, যাঁর প্রতি স্বামীর বিশেষ আকর্ষণ গোপন থাকেনি মার্থার কাছে। সঙ্গত কারণেই মার্থা এই আসরের ব্যাপারে দৃশ্যমানভাবে বীতশ্রদ্ধ ছিলেন। মার্থার বিপরীতে মেরিকে অনেক যত্নশীল মনে হয় হেমিংওয়ের কাছে। মার্থা যেখানে স্বামীর প্রতি শ্রদ্ধাহীন এবং প্রায়শই অপমানকারী, সেখানে মেরির প্রেমসম্ভব আচরণ হেমিংওয়েকে অতি সহজেই দুর্বল করে ফেলে। আসলে বিয়ের একবছরের মাথায় তাদের মধ্যে রোপিত হয়েছিল ভাঙনের বীজ, সেটি পূর্ণ অঙ্কুরিত হয় এখানে।