২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পন’: প্রায় সকলের গল্প

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 09 Nov 2020, 09:16 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বিশ্বস্ত বাংলা তর্জমায় আসাদ মিরণ।

বাংলা তর্জমা: আসাদ মিরণ


কামনার জন্ম
জীবন ছিল একা, তার নাম ছিল না, স্মৃতিও ছিল না। তার হাত ছিল, কিন্তু সে হাত ধরার কেউ ছিল না। তার জিহ্বা ছিল, কিন্তু কথা বলার কেউ ছিল না। জীবন একজন ছিল, এবং সেই একজনের কেউ ছিল না।
অতঃপর কামনা তার স্বরূপ পেল। সে তীর হয়ে জীবনকে মাঝামাঝি ছেদ করলো, এবং জীবন সংখ্যায় দু'টি হলো।
এরপর জীবনেরা যখন একে অপরকে দেখতে পায়, তারা হেসে উঠে। যখন তারা একে অপরকে স্পর্শ করে, আবারো তারা হেসে উঠে।

হাঁটার উৎসব
আদম ও ঈভ কি দেখতে কালো ছিল?
পৃথিবীতে মানব অভিযাত্রার শুরু আফ্রিকা থেকে হয়েছিল। সেখান থেকে, আমাদের পূর্ব-পুরুষেরা এই গ্রহটি জয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। নানা পথ তাদের নানা নিয়তির দিকে নিয়ে যায়, আর সূর্য চিত্রকর হয়ে তার রংয়ের ভান্ডার থেকে নিশান উড়িয়ে দিয়ে তাদের পথ দেখায়।
যদিও পৃথিবীর রামধনু এখন আকাশের রামধনুর চেয়েও বেশী রঙিন। তবুও আমরা সকলেই সেই আফ্রিকারই দেশান্তরী। এমনকি যিনি সাদাদের চেয়েও আরও সাদা, তিনি-ও ঐ আফ্রিকারই সন্তান।
আমরা বোধহয় আমাদের এই আদি সত্তাকে অস্বীকার করি; কেননা, বর্ণবাদ আমাদের স্মৃতিভ্রংশ করেছে। অথবা, এই কথাগুলিই বোধহয় এখন আমাদের অবিশ্বাস্য মনে হয় যে, অতীতে সমস্ত পৃথিবীটাই আমাদের রাজ্য ছিল, আমাদের সীমানা ছাড়া বিস্তীর্ণ এক মানচিত্র ছিল, এবং দু'টি পা-ই ছিল আমাদের একমাত্র পাসপোর্ট।

ঝামেলা সৃষ্টিকারী
স্বর্গ-মর্ত্য, ভালো-মন্দ, জন্ম-মৃত্যু এরা আলাদা ছিল। দিন আর রাত কখনো মিশতো না। নারী নারীই ছিল আর পুরুষও পুরুষই ছিল।
কিন্তু এক্সু, আফ্রিকার বিপথগামী এক দস্যু, আত্মতুষ্টির জন্য এমন কোন নিষিদ্ধ সব কর্মকান্ড নেই, যা সে করতো না। আজও সে একই কাজ করে চলছে।
তার নারকীয় চাল সকল সীমারেখা মুছে দেয়, দেবতারা যা কিছু আলাদা করেছে, তা সে এক করে দেয়। তার চাতুর্যের কৃতজ্ঞতায় সূর্য কালো হলো, আর রাত আলোকিত হলো। পুরুষের রন্ধ্রে নারী অঙ্কুরিত হলো আর নারীর ঘামে পুরুষ হলো। মুমূর্ষরা জীবন পায়, আর জীবিতের মৃত্যু হয়। যা কিছু এ পর্যন্ত সৃষ্টি হয়েছে বা হবে, অগ্র আর পশ্চাৎ সবকিছুতে এমন বিভ্রান্তি সৃষ্টি হবে যে, আপনি বলতে পারবেন না ভৃত্য কখন মনিব হবে বা কার কখন উত্থান হবে কারই বা পতন হবে।
এরপর দেরীতে হলেও স্বর্গীয় আদেশ পৃথিবীতে তার কর্তৃত্ব ও সীমানা পুনঃপ্রতিষ্ঠা পায়। সবকিছু এবং প্রত্যেককেই যার যার স্থানে ঠাঁই পায়। কিন্ত দেরী না করে অতিসত্তর উন্মত্ততাও পুনরায় আবির্ভূত হয়।
তখন দেবতারা হতাশ হয়ে ভাবলেন, পৃথিবী বড়ই জটিল এক জায়গা।

গুহা
ছাদ হতে পলেস্তারা ঝুলে পড়েছে। মেঝেতে চুনা ঢিবির সারি।
এ সবই হলো ভঙ্গুর স্ফটিক; সময় আর জল পর্বতে যে গভীর গুহার সৃষ্টি করেছে, তার পাথুরে দেয়ালের ঘাম থেকে তাদের জন্ম।
পলেস্তারা ও চুনা ঢিবি হাজার বছর ধরে, একজন নীচে নামছে আরেকজন উপরে উঠছে। বিন্দু বিন্দু করে, অন্ধকারে তারা একে অপরকে খুঁজছে।
পরস্পরকে স্পর্শ করতে কারো কারো লক্ষ বছর লেগেছে।
লাগুক, তাদের যে কোন তাড়া নেই।

আগুনের উৎপত্তি
স্কুলে তারা আমাকে শিখিয়েছিল কিভাবে আদিকালে গুহা মানবরা পাথর বা কাঠ ঘষে আগুন আবিষ্কার করেছিল।
সেই থেকে চেষ্টা আমি করে যাচ্ছি, কিন্তু একটি স্ফুলিঙ্গও জ্বালাতে পারি নি।
তাই বলে আমার নিজের ব্যর্থতা আগুনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি। আগুন আমাদের ঠান্ডা ও বন্য প্রাণীর আক্রমন থেকে রক্ষা করেছে। এটি আমাদের জন্য খাদ্য রান্না করেছে, রাতকে দিয়েছে আলো, এবং আমাদেরকে একসাথে, ঠিক তার পাশেই বসার নিমন্ত্রণ করেছে।

সৌন্দর্যের উৎপত্তি
সেখানে ঐ যে তারা, গুহার ছাদে ও দেয়ালে আঁকা ।
ষাঁড়, হরিণ,ভাল্লুক, ঘোড়া, ঈগল, নারী, পুরুষ, সব যেন বয়সহীন- চির তরুণ। জন্মেছে তারা হাজার বছররেও আগে, কিন্তু প্রতি মুহূর্তেই তাদের নব জন্ম হয়, যখন কেউ তাদের দিকে তাকায়।
কীভাবে আমাদের পূর্বপুরুষরা বহুকাল আগে এতো সুক্ষ্ণভাবে এই সব ছবি এঁকেছিল? কেমন করে একজন নির্বোধ(পশুতুল্য মানব), যে কি-না খালি হাতে হিংস্র জন্তুর সাথে লড়াই করেছিল, মাধুর্যের সবটুকু তার চিত্রে ঢেলে দিতে পারে? কেমন করেই বা সে পাথরের উপর বিরতিহীন ঐ উড়ন্ত রেখাগুলি এঁকেছে? যেন সেগুলি বাতাসে মিলিয়ে যাচ্ছে! কিভাবে সে পারলো?.. নাকি সে কোন মানবী ছিল?

সাহারার শ্যামলিমা
তাসিলি আর সাহারার কোথাও কোথাও ছয় হাজার বছর পূর্বের গরু, ষাঁড়, কৃষ্ণসার মৃগ,জিরাফ, গন্ডার, হাতির শৈল্পিক গুহাচিত্রের নানা নিদর্শন পাওয়া যায়।
প্রাণীদের এই চিত্র শুধুই কি কল্পনা ছিল? তা যদি না হয়, (যদি সত্যি সত্যি তাদের কোন অস্তিত্ব থেকেই থাকে) তাহলে কী এই মরুর বাসিন্দারা বালি পান করতো? আর তারা আহারই বা কী করত? পাথর?
শিল্প আমাদের বলে মরুভূমি অতীতে মরুভূমি ছিল না। হৃদের চিহ্ন বলে সেখানে একসময় সাগর ছিল। পশুদের জন্য এই উপত্যকার সবুজ চারণভূমির প্রাচুর্য্য ছিল। কিন্তু পরে তাদের দক্ষিণে চলে যেতে হয়, হারানো দিনের সবুজের খোঁজে।

আমরা কীভাবে পারি ?
হয় খাদক হও নতুবা গ্রাস, হয় শিকারী নয়তো শিকার। সেটাই প্রশ্ন।
আমরা নিদারুণ অবজ্ঞার যোগ্য, অথবা করুণার পাত্র। এই প্রতিকূল পরিবেশে কেউ আমাদের সম্মান করে না, ভয়ও পায় না। নখ-দন্তহীন, ক্ষিপ্রগতির পা অথবা তীব্র ঘ্রাণ শক্তি ছাড়া আমরাই হলাম প্রাণীকূলের সবচেয়ে অসহায় প্রাণী, যারা অন্ধকার ও জঙ্গলকে অসম্ভব ভয় পাই, শিশুদের মতো অসহায়, আর প্রাপ্ত বয়স্ক হিসেবেও অযোগ্য।
আমাদের আদি ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গেছে। মনে হয়, আমরা পাথর ভাঙ্গা ও পরষ্পর লাঠালাঠি ছাড়া আর কিছুই করি নি।
তারপরেও কেউ হয়তো প্রশ্ন করতে পারেনঃ আমরা কি টিকে থাকতে সক্ষম হই নি, যখন বেঁচে থাকাই অসম্ভব ছিল? আমরা কি খাবার ভাগাভাগি করে নিতে শিখিনি বা দলবদ্ধভাবে আত্মরক্ষা করিনি? তবে কি আজকের আমিত্বময়, নিজের-কাজ-নিজে-করো নীতির এই সভ্যতা এক মুহূর্তের বেশি স্থায়ী হতে পারবে না?

দীর্ঘকাল
এই ঘটনা জন্মের আগে আমাদের সাথে ঘটে। আমাদের শরীর আকার পেতে শুরু করে, পাখার মতো কিছু অংশ দৃশ্যমান হয় আর এক ধরণের লেজও থাকে। এসব উপাঙ্গ অবশ্য বেশীদিন টেকেনি; বিকাশের আগেই সেগুলির বিনাশ হয়।
ক্ষণিকের এ সব উপাঙ্গের আবির্ভাব কি বলে দেয় একদা আমরা মাছ ছিলাম বা বানর? এই কি সেই মাছ যারা শুষ্ক ভূমি জয় করতে বেরিয়েছিল? এরা কি সেই বানর যারা জঙ্গল পরিত্যাগ করেছিল না-কি জঙ্গলই তাদের বিতাড়িত করেছিল?
তাছাড়া শৈশবে যে-সব ভয় সাধারণতঃ আমরা অনুভব করি, যেমন- কোন কিছুতে ভয় অথবা সবকিছুতেই ভয়, এগুলি দিয়ে কি বোঝায় না যে, একদা আমরা খেয়ে ফেলার ভয়ে ভীত ছিলাম? অন্ধকারে ভয় আর নির্জনতার একাকিত্বের যন্ত্রনা কি আমাদের আদিযুগের ঝুঁকির কথা মনে করিয়ে দেয় না?
আমরা যারা আঘাতের ভয়ে ভীত ছিলাম, তারা এখন একটু সাবালক হয়েছি। শিকার এখন শিকারী হয়েছে আর খাদ্য হয়েছে খাদক। আগে যে সকল অতিকায় প্রাণী আমাদের আতঙ্কিত করতো আজ তারা বন্দি। তারা এখন আমাদের চিড়িয়াখানার বাসিন্দা, আমাদের পতাকার শোভা এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের অলংকার।

জ্ঞাতিভাই
মহাকাশ বিজয়ী হ্যামকে আফ্রিকা থেকে বন্দী করা হয়েছিল।
সে-ই হলো প্রথম শিপাঞ্জী যে, দূর পৃথিবীতে যাত্রা করে। তাকে মহাকাশ যান মারকারীর একটি ক্যাপসুলের ভিতর রেখে, একটি টেলিফোন সুইচবোর্ডে যত তার থাকে তার চেয়েও বেশী তার দিয়ে তাকে উৎক্ষেপন করা হলো।
অবশেষে, সে নিরাপদে ও নির্বিঘ্নে পৃথিবীতে ফিরল, এবং তার দৈহিক অবস্থা প্রমাণ করল যে মানুষও মহাকাশ যাত্রার যোগ্য।
হ্যাম ছিল জীবনের খোলস। চিড়িয়াখানার আপন খাঁচায় বন্দি হয়ে যার জীবনের বাকিটা সময় কাটলো।

প্রপিতামহ
কালো আফ্রিকার অনেক মানুষেরই বিশ্বাস, পূর্বপুরুষের আত্মারা তোমার বাড়ির পাশের গাছে থাকে অথবা গোচারণভূমির গরুর উপর ভর করে আছে। তোমাদের প্রপিতামহের প্রপিতামহেরা জলপ্রপাত হয়ে পাহাড় ঘেঁষে নামছে। হতে পারে, পূর্বপুরুষের কোন একজনের আত্মা মনে করলেন, পৃথিবীর সমুদ্রযাত্রায় তিনি তোমার সঙ্গী হবেন। যদিও তিনি (পুরুষ অথবা নারী) কখনোই তোমার আত্মীয় বা পরিচিত জন ছিলেন না।
দাগারা গোত্রের আত্মিক নেদা সোবোফু সোমে মনে করেন, পরিবারের কোন সীমা নেই,: "আমাদের শিশুদের বহুপিতা আর বহুমাতা আছে। তারা যত চায় তত"।
অতঃপর পূর্বপুরুষের সেই সব আত্মারা, যারা তোমার পথ তৈরিতে সহযোগিতা করেছে, তারা আর কেউ নয়, তোমাদের প্রত্যেকেরই অসংখ্য দাদা-দাদীরা। যত তুমি চাও, তত।

সভ্যতার সংক্ষিপ্ত ইতিহাস
আমরা জঙ্গলে আর নদীর তীরে বিচরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।
তারপর আমরা থিতু হতে শুরু করলাম। আমরা গ্রাম ও সম্প্রদায় সৃষ্টি করলাম। হাড় থেকে তৈরি করলাম সূঁচালু কাঁটা আর কাঁটা থেকে তীক্ষ্ণ ফলা। এ সকল হাতিয়ার আমাদের কর্মবল বাড়িয়ে দিল, আর হাতল সংযোজনে কুঠার, নিড়ানি ও ছুরির ব্যবহার বহুমূখী হলো।
আমরা ধান, বার্লি, গম ও যব ফলিয়েছি, ভেড়া আর ছাগল খোঁয়াড়ে পুরেছি, দুর্দিনের জন্য আমরা খাদ্য শস্য মজুদ করতে শিখেছি।
শস্য ক্ষেত্রের উর্বরতার জন্য আমরা উর্বরতার দেবী, ভারী নিতম্বের নারী, সুবিশাল স্তনকে পূজা করেছি। কিন্তু কালের আবর্তে যুদ্ধের রূঢ় দেবতাদের দ্বারা তাঁরা উৎখাত হয়েছে। আর আমরা রাজা, সেনাপতি ও মহান যাজকদের গুণকীর্তন শুরু করলাম।
আমরা 'তোমার' এবং 'আমার' এই শব্দগুলি আবিষ্কার করলাম, ভূমির মালিকানা তৈরি হলো, নারীরা পুরুষের সম্পত্তিতে পরিণত হলো আর পিতারা সন্তানদের মালিক হলো।
ঘর ও গন্তব্য ছাড়া স্রোতে ভেসে বেড়ানো দিনগুলিকে আমরা পিছনে ফেলে আসলাম।
সভ্যতার ফলাফল চমকপ্রদ: আমাদের জীবন ক্রমশ অনেক নিরাপদ হলো কিন্তু স্বাধীনতা কমে গেল, আর আমাদের পরিশ্রমও হয়েছে বেশ।

দূষণের উৎপত্তি
(বিষুবীয় আফ্রিকার) পিগমি নৃ-গোষ্ঠীর মানুষেরা দৈহিকভাবে খর্বাকৃতির হলেও তাদের স্মৃতিশক্তি বেশী ছিল। অতীতের চেয়েও অতীতে কি ঘটেছিল তারা তা মনে করতে পারত, যখন পৃথিবী আকাশের উপর ছিল।
পৃথিবী থেকে আকাশে বিরামহীন ধূলো ও ময়লার বৃষ্টি হতো। তাতে দেবতাদের বাড়িঘর নোংরা হচ্ছিলো আর সেই সাথে তাঁদের খাবারও বিষাক্ত করে তুলছিল।
অনন্তকাল ধরে দেবতারা পঙ্কিল সেই প্রবাহ বরদাস্ত করলেন, তারপর তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল।
তাঁরা বিদ্যুতের বজ্র পাঠালেন, যা পৃথিবীকে দু'ভাগ করে ফেলল। সেই ফাটলের মাঝ দিয়ে দেবতারা সূর্য, চাঁদ ও তারকারাজি উর্দ্ধে নিক্ষেপ করলেন, আর সেই পথ ধরে তাঁরাও উপরে চলে গেলেন। সেই উপরে, যেখানে আমাদের কাছ থেকে দূরে থাকা যায়, নিরাপদে থাকা যায়। দেবতারা সেখানে তাঁদের নতুন রাজ্য গড়লেন।
সেই থেকে আমরা কারোর নিচেই থাকি।

সামাজিক শ্রেণীর উৎপত্তি
একেবারে গোড়ার সেই সময়ের কথা- তখন ক্ষুধার সময়, আদি নারী যখন ধরণীর বুকে আঁচড় কাটছিল সূর্য রশ্মি তখন তাঁকে পিছন থেকে বিদ্ধ করে। ঠিক তখনই একটি শিশুর জন্ম হয়।
দেবতা পাচাকামাক সূর্য্যের এই কৃতিত্বে মোটেও সন্তুষ্ট ছিলেন না। তিনি নবজাতককে অর্ধবৃত্তাকারে কয়েক টুকরোয় ছিন্ন ভিন্ন করলেন। মৃত সেই নবজাতক থেকে প্রথম বৃক্ষের অংকুরগদম হ'ল। তার দাঁত ভুট্টা শস্যে পরিণত হলো, হাড়গুলি ইয়ুক্কা উদ্ভিদ হলো, আর মাংসপিন্ড পরিণত হলো আলু, মিষ্টি আলু,স্কোয়াশে…
সূর্য ক্ষিপ্রগতিতে উন্মত্ত হয়ে উঠল। তার আলোক রশ্মি পেরুর উপকূলভাগ ধ্বংস করল এবং চিরতরে তা শুষ্ক করে ফেলল। চূড়ান্ত প্রতিশোধ হিসেবে সে মাটিতে তিনটি ডিম ফাটালো।
সোনার ডিম থেকে প্রভূরা আবির্ভূত হ'ল।
রূপার ডিম থেকে উদ্ভূত হলো প্রভূদের নারীরা।
এবং তামার ডিম থেকে আবির্ভাব হ'ল শ্রমিকের (যারা কাজ করে)।


ভূমিদাস ও নৃপতি
কাকাওয়ের (গ্রীষ্মমন্ডলীয় গাছের বীজ যা থেকে কোকো ও চকলেট তৈরী হয়) সূর্যের কোন প্রয়োজন হয় না, কেননা এটা তার নিজেরই রয়েছে।
তার মধ্যকার জ্যোতি থেকে চকলেটের আনন্দ ও সুখানুভূতি তৈরী হয়।
উর্দ্ধের দেবতাদের গাঢ় সুধায় একচ্ছত্র অধিকার ছিল, আর আমরা মানুষেরা, অজ্ঞ থাকায় নিন্দিত ছিলাম ।
কোয়েৎজালকোট্ল (প্রাচীন মেক্সিকান সর্বদেবতা মন্দিরের একজন অন্যতম প্রধান দেবতা) সেই গাঢ় সুধা তৈরীর বীজ টোলটেক্সদের জন্য চুরি করলেন। বাকি সব দেবতারা যখন ঘুমিয়েছিলেন, তখন তিনি কয়েকটি বীজ চুরি করে তার দাড়ির ভেতর লুকিয়ে রাখেন। তারপর একটি মাকড়সার জালের লম্বা প্যাঁচানো সূতা বেয়ে তিনি পৃথিবীতে নামেন এবং সেগুলিকে টুলা শহরকে দক্ষিণা হিসেবে দেন।
কোয়েৎজালকোট্লের নিয়ে আসা বীজ রাজপুত্র, পুরোহিত ও সেনাপতিরা করায়ত্ত করলেন।
তাদের রসনা তৃপ্তিরই একমাত্র যোগ্য বলে মনে করা হ'ল।
স্বর্গের অধিপতিরা যেভাবে মর্তের মানুষদের জন্য চকোলেট নিষিদ্ধ করেছিলেন, তেমনি মর্ত্যের অধিপতিরাও সর্বসাধারণের জন্য চকোলেট নিষিদ্ধ করলেন।

শাসক আর শাসিত
জেরুজালেমের বাইবেল মনে করে যে, ইসরাইলের জনগণ প্রভূর মনোনীত, তারা প্রভুর সন্তান।
দ্বিতীয় স্তবক অনুসারে, মনোনীত ব্যক্তিদেরই বিশ্বকে শাসন করার ক্ষমতা প্রদান করা হয়েছে:
জানতে চাও, অতপর আমি তোমাদিগকে বিধর্মীদের তোমাদের উত্তরাধিকারস্বরূপ দেব এবং পৃথিবীর সিংহভাগ স্থানই তোমাদের অধস্তন হইবে।
কিন্তু ইসরাইলী জনগণ তাঁকে (প্রভুকে) অনেক অসন্তষ্ট করেছে। তাঁর প্রতি অকৃতজ্ঞ ও পাপিষ্ঠ হয়েছে। তারপর তাদেরকে অনেক ভীতিপ্রদর্শন, অভিশাপ ও শাস্তি দিয়েছেন। শেষমেষ প্রভু ধৈর্যহারা হলেন।
তখন থেকে অন্য জাতির লোকেরা নিজেদের প্রভুর মনোনীত সন্তান বলে দাবী করে আসছে।
১৯০০ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর আলবার্ট বেভারিজ বিবৃতি দিলেন: "সর্বশক্তিমান প্রভু আমাদেরকে তাঁর পছন্দের মানুষ হিসেবে মনোনীত করেছেন, তারপর বিশ্বের পুনর্গঠনে নেতৃত্ব দেয়ার দায়িত্ব অর্পন করেছেন।"

শ্রম বিভাজনের উৎস
তারা বলেন, রাজা মনু হলেন সেই ব্যাক্তি, যিনি ভারতের বর্ণপ্রথাকে দৈব মর্যাদা দিয়েছেন।
তার মুখ থেকে পুরোহিতদের আবির্ভাব হয়। আর বাহু থেকে উদ্ভুত হয় রাজা ও যোদ্ধারা। তার উরু থেকে ব্যাবসায়ীদের উত্থান হয়। আর তার পা থেকে ভূমিদাস ও কারিগররা জন্ম লাভ করে।
তারপর, সেই ভিত্তিতে গড়ে ওঠে সামাজিক পিরামিড, যা নিয়ে ভারতে তিন হাজারেরও বেশী গল্প প্রচলিত আছে।
যার যেখানে জন্মানোর কথা সে সেখানেই জন্মেছে, তার যা করার কথা তা-ই সে করে। শৈশবেই মৃত্যুর সময় নির্ধারিত হয়, মূল হলো নিয়তি: আমাদের জীবন হলো শুধুই প্রায়শ্চিত্তের বা অতীত জীবনের কর্মফল। আর উত্তরাধিকারই আমাদের স্থান ও ভূমিকার নির্দেশক।
এই বিভাজনের ব্যত্যয় হলে তা সংশোধনের জন্য রাজা মনু সুপারিশ করলেন যে "নিম্ন বর্ণের কেউ যদি ধর্মগ্রন্থের শ্লোক শোনে, তবে তার কানে গলিত সীসা ঢালা হবে; আর যদি সে তা পাঠ করে, তবে তার জিহ্বা কেটে নেয়া হবে।" এ রকম পান্ডিত্যপনা বেশী দিন পৃষ্ঠপোষকতা পায়নি; বরং প্রেম, শ্রম, বা যে ক্ষেত্রেই হোক না কেন, কেউ যদি তার অবস্থান বদলায়, তবে তার গণপিটুনি খাবার ঝুঁকি থেকেই যায়। যার ফলে তার মৃত্যু হতে পারে বা বেঁচে থেকেও মৃত্যু হতে পারে।
ভারতীয়দের প্রতি পাঁচ জনের মধ্যে একজন সমাজচ্যুত ব্যক্তি রয়েছে। যারা প্রান্তিক ও অবহেলিত। তাদেরকে "অস্পৃশ্য বা অচ্ছুৎ" বলা হয়, কেননা তারা কলুষিত, জঘন্যদের থেকেও জঘন্যতর, তারা অন্যদের সাথে কথা বলতে পারে না, তাদের চলার পথে চলতে পারে না, অথবা তাদের থালা-গ্লাস স্পর্শ করতে পারে না। আইন তাদেরকে রক্ষা করে, কিন্তু বাস্তবে নির্বাসিত করে। যে কেউ তাদেরকে অপদস্থ করতে পারবে, নারীদের ধর্ষণ করতে পারবে, কেবল তখনই অস্পৃশ্যরা স্পর্শযোগ্য!
২০০৪ সালের শেষে, সুনামী যখন ভারতের উপকূলে আঘাত করে, তখন তারাই আবর্জনা ও মৃতদেহ সরায় আগের মতো।

লিপির উৎপত্তি

ইরাক যখন ইরাক হয়ে উঠেনি, সেটি ছিলো প্রথম কোন লিখিত শব্দের জন্মস্থান।
শব্দরা দেখতে ছিল অনেকটা পাখির গতি-পথের মতো আকাঁবাকা। ধারালো তীক্ষ্ণ বেতের ফলা দিয়ে দক্ষ কোন হাত কাঁদা মাটিতে সেগুলি একেঁছিল।
আগুন সেগুলিকে পুড়িয়ে নিস্কৃতি দিয়েছিল, হত্যা করে যেন জীবন দান করেছিল। সৃষ্টিকর্তা যেমনটি করে, আমরা যা করি। আগুন কাঁদামাটিকে শক্ত করলো আর শব্দগুলিকে সংরক্ষণ করলো। তাকে ধন্যবাদ। আজও মাটির সেই লিপিফলক সেই কথাই বলে, যা হাজার বছর আগে ঐ দুটি নদীর তীরে বসে কেউ বলেছিল।
আমাদের সময়ে, জর্জ ডব্লিউ বুশ, পারতপক্ষে মনে করেন যে, লিপির উৎপত্তি টেক্সাসে হয়েছে। তিনি ইরাককে ধ্বংস করার জন্য আনন্দদায়ক এক দায়মুক্তির যুদ্ধ শুরু করেন। সেখানে আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়, তার মধ্যে সকলেই যে রক্ত-মাংসের মানুষ ছিল তা নয়। সেখানে অজস্র স্মৃতিচিহ্নেরও সমাধি হয়।
জীবন্ত ইতিহাসের সেই অসংখ্য কাদামাটির লিপিফলক চুরি হয়ে যায় বা বোমার আঘাতে বিলীন হয়ে যায়।
এ রকম একটি লিপিফলকে লেখা ছিল:
আমরা ধুলা ছাড়া আর কিছুই না
যা কিছু করি তা বায়ু ছাড়া বেশী না।
 

মাটির জন্ম
প্রাচীন সুমেরীয়রা মনে করতো, দু'টি নদী ও দু'টি স্বর্গের মধ্যবর্তী ভূখন্ডটিই হলো গোটা পৃথিবী।
সেই স্বর্গের উপরে বাস করেন শাসক দেবতারা।
আর স্বর্গের নীচে বাস করেন কর্মী দেবতারা।
এভাবেই সবকিছু চলছিল, যতক্ষণ পর্যন্ত না নীচে থাকা দেবতারা সারাক্ষণ কাজ করতে করতে অবসন্ন হয়ে পড়ে এবং ইতিহাসের প্রথম কোন ধর্মঘটের ডাক দেয়।
আতঙ্ক ছড়িয়ে পড়ল।
ক্ষুধায় যেন মরতে না হয়, সে জন্য উপরের দেবতারা তখন মাটি দিয়ে নারী ও পুরুষ তৈরী করে কাজ করতে পাঠায়।
এই নারী-পুরুষদের টাইগ্রিস ও ইউফ্রেটাস নদীর তীরে জন্ম হয়েছিল।
সেই কাদামাটি দিয়েই আবার পুস্তক সৃষ্টি করা হলো, যেখানে তাদেরই কাহিনী লিপিবদ্ধ ছিলো।
পুস্তকে বলা আছে মৃত্যু হলো, "মাটির কাছে ফিরে যাওয়া"।