২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডোনাল্ড বার্থলেমে: দেবদূত সম্পর্কে

হামীম কামরুল হক

Published : 01 Sep 2020, 12:57 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ডোনাল্ড বার্থলেমে: আমেরিকার ফিলাডেলফিয়ায় ৭ এপ্রিল ১৯৩১ সালে জন্ম। মৃত্যু ১৯৮৯ সালের ২৩ জুলাই টেক্সাসের হিউস্টনে। পোস্টমর্ডান রচনারীতির অন্যতম পথিকৃৎ এই লেখক মূলত জেমস জয়েস ও স্যামুয়েল বেকেট দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। আর তাঁর দ্বারা প্রভাবিত হয়েছেন টমাস পিনোশে। এছাড়া প্রভাবিত হয়েছেন ফিলিপ গ্রাহাম, এরিক মাইলস উলিয়ামসন, অ্যামান্ডা ফিলিপ্পাচি, প্যাগেট পাওয়েলসহ আরো অনেক লেখক। তাঁর ছোটগল্প সংকলনগুলো হলো: Come Back, Dr. Caligari (1964), Unspeakable Practices, Unnatural Acts (1968), City Life (1970), Sadness (1972), Amateurs (1976), Great Days (1979), Overnight to Many Distant Cities (1983), Sam's Bar (1987), Sixty Stories (1981), Forty Stories (1987), Flying to America: 45 More Stories (2007)। তাঁর চারটি উপন্যাস আছে, সেগুলো হলো: Snow White (1967), The Dead Father (1975), Paradise (1986), The King (1990). তার বেশিরভাগ রচনা আয়তনে সংক্ষিপ্ত কিন্তু মননঋদ্ধ ও গভীর। বুদ্ধিদীপ্ত হাস্যরস তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। তাঁর Sixty Stories (2003 সংস্করণ)-এ থাকা 'On Angels' অবলম্বনে বর্তমান গল্পটি অনুবাদ করা হয়েছে।

অনুবাদ: হামীম কামরুল হক

ঈশ্বরের মৃত্যু দেবদূতদের একটা আজব অবস্থায় ফেলল। একটা মৌলিক প্রশ্ন তাদের পেয়ে বসল। কেউ একজন কল্পনা করার চেষ্টা করুক সেই মুহূর্তটি নিয়ে। যে মুহূর্তে প্রশ্নটি তাদের মধ্যে ঢুকে পড়ল তখন তাদের কেমন দেখাচ্ছিল, দেবদূতীয় চেতনার বন্যায় ভেসে যাচ্ছিল সেটি, বিপুল স্রোতের ভেতরে ধরে রাখতে হচ্ছিল সেটি? প্রশ্নটি ছিল,''কাকে বলে দেবদূত?''

প্রশ্ন হিসেবে নতুন, অস্বাভাবিক বলে ভীতিকর, বিচ্ছিন্নতায় অদক্ষ, দেবদূতেরা(আমাদের অনুমান) হতাশায় ভেঙে পড়েছিল।
কাকে বলে দেবদূত এই প্রশ্নটির একটি ঐতিহাসিক বিবেচনা আছে। সুইডেনবর্গ, উদাহরণ হিসেবে বলা যায়, বিপুল সংখ্যক দেবদূতের সঙ্গে কথা বলেছিলেন এবং বিশ্বস্ততার সঙ্গে সেসব রেকর্ড করেছিলেন। দেবদূতেরা মানুষের মতোই দেখতে, সুইডেনবর্গ বলেছিলেন,'' দেবদূতদের গড়নগঠন মানব-কাঠামোর, বা মানুষের, আমি নিজের চোখে হাজারবার দেখে এসেছি।'' এবং তিনি আরো যোগ করেন: '' আমার সমস্ত অভিজ্ঞতা থেকে বলি, যেটা এখন বহু বছরের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আমি এখন এ কথা ঘোষণা করতে পারি যে দেবদূতদের আকার আকৃতি পুরোপুরিই মানুষের, তাদের মুখ, চোখ, কান, ধড়, বাহু, হাত, এবং পা নিয়ে…'' কিন্তু মানুষ কোনো দেবদূতকে তাদের চর্মচক্ষে দেখতে পারে না, তাদের চাই আধ্যাত্মিক দৃষ্টি, চৈতন্যের চোখ।

দেবদূতদের নিয়ে সুইডেনবর্গ আরো বিপুলভাবে বলতে পারেন, বলতে পারেন বিপুল উৎসাহ আগ্রহ নিয়ে: যে কোনো দেবদূতকেই আরেক দেবদূতের পেছনে দাঁড়ানোর এবং তার মাথার পেছন থেকে দেখার কখনোই অনুমতি দেওয়া হয়নি, কারণ এতে করে কল্যাণ ও সত্যের যে অন্তঃশীলা প্রবাহ ঈশ্বরের কাছ থেকে আসে তাতে বাধার সৃষ্টি হয়; যে দেবদূতরা হলো পূর্ব, সেখানে ঈশ্বরকে দেখায় এক সূর্যের মতো, সবসময় তাদের সামনে যেমনটা দেখায় তাকে; এবং দেবদূতেরা পোষাক পরে তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী। '' তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিদীপ্তদের কিছু আছেন যাদের পোষাক আগুনের মতো শিখাময়, অন্যদের পোষাকগুলি ঝিলিক দেয় যেন আলোর ঝলকানি; এদের চেয়ে কম বুদ্ধিমত্তার অধিকারীদের পোষাক হলো চকচকে সাদা বা সাদা কিন্তু কোনো চকচকে নয়, এদের চেয়ে কম বুদ্ধিসম্পন্নদের পোষাক হলো নানান রঙের। কিন্তু স্বর্গপুরীর একেবারে ভেতরে থাকা দেবদূতরা পোষাকহীন।

এই সবই(অনুমেয়রূপে) আর পাওয়া যাচ্ছে না।
গুস্তাভ ডেভিডসন, তার করা কাজে লাগানো মতো 'দেবদূতদের অভিধান' বইতে, আরো অনেক কিছু যা তাদের সম্পর্কে জানা যায় সেসব জড়ো করেছিলেন। তাদের নাম যেভাবে দেওয়া হয়েছিল: দেবদূত এলুবাতেল, দেবদূত ফ্রায়াগেন, দেবদূত জাপ, দেবদূত হাতিপাস(অলংকার তৈরিতে সুদক্ষ), দেবদূত মারমার(পতিত দেবদূত), দেবদূত মাকত্রো, দেবদূত অর, দেবদূত রাশ, দেবদূত স্যান্দালফোন( পায়ে হেঁটে পাঁচশো বছরের যাত্রায় যেতে যেটুকু দূরত্ব তারচেয়ে দীর্ঘকায়), দেবদূত স্মাত। ডেভিডসন বিশিষ্টতার ভিত্তিতে এদের শ্রেণিভাগ করেছেন: ভূমিকম্পের দেবদূত, যারা স্বর্গীয় সিংহাসনের চারপাশে ঘিরে অবস্থান করে; হুংকারের প্রভু এবং প্রচণ্ড শব্দের দেবতা, যাদের কাজ হলো প্রশংসা করা; সংবাদবাহক, সালিশকারী, নজরদারী, সতর্ককারী। ডেভিডসনের অভিধান একটি বিরাট বই; তার গ্রন্থপঞ্জির তালিকায় আছে এগারোশটি বইয়ের নাম।

আগেরকার দেবদূতীয় মানসচেতনাকে সবচেয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন জোসেফ লিয়ন( একটি অভিসন্দর্ভে যার শিরোনাম হলো দেবদূতদের মনস্তত্ত্ব, প্রকাশিত হয় ১৯৫৭তে)। প্রত্যেক দেবদূত, লিয়ন বলেন, যা কিছু জানার তার সব কিছু জানেন নিজের সম্পর্কে, তেমন অন্য প্রত্যেকটি দেবদূত সম্পর্কে। '' কোনো দেবদূতকে কখনো প্রশ্ন করা হয় না, কারণ প্রশ্ন হলো কিছু না জানার প্রক্রিয়ার সূচনা করে দেয়, এবং কিছু দিকে না জানা সম্পর্কে সচেতনতার বিষয় এটি। একজন দেবদূত কৌতূহলী হতে পারেন না; তার আসলে কোনো কিছু নিয়ে কৌতূহলী হওয়ার কিছুই নেই। তিনি বিস্মিত হতে পারেন না। যা কিছু জানার সব তার জানার ভেতরে থাকে, জগতের সম্ভাব্য সমস্ত জ্ঞান তার সামনে এসে হাজির হয় একটা বিন্যাসের মতো যা সম্পূর্ণভাবে তার পেছনে চলে যায়, সম্পূর্ণভাবে স্থিরীকৃত এবং নিশ্চিত হয়ে থাকে মুঠোর ভেতরে…''
কিন্তু এটাও, আর পাওয়া যাচ্ছে না।

এটা হলো দেবদূতদের নিয়ে কিছু লেখায় আগ্রহ যেটা, প্রায়ই, কেউ মানুষ সম্পর্কে লেখার আগ্রহের দিকে ঘুরিয়ে দিতে পারে। মূলভাবগুলি হুবহু একই রকমের। এভাবেই শেষমেষ জানেন যে লিয়ন, যেমন, আসলে দেবদূতদের নিয়ে লিখেন নি কিন্তু লিখেছেন স্ক্রিজোফ্রেনিয়াগ্রস্ততা নিয়ে–চিন্তাভাবনা করেছেন মানুষদের নিয়ে দেবদূতদের টেনে এনে। এবং এটি এ বিষয়ে সবচেয়ে বেশি সত্যতাকে ধারণ করে এ বিষয়ের অন্য সব লেখার ভেতরে– একটি টীকা হলো, আমরা হয়ত ধারণা করতে পারি, যা দেবদূতদের ভেতরে হারিয়ে যায়নি যখন মহাবিশ্বের সঙ্গে তাদের আসলে নতুন সম্পর্ক কী এই নিয়ে যখন বাছবিচার শুরু করা হয়, যখন এই মিলগুলি( দেবদূতেরা কি কুয়েটসল-মধ্য আমেরিকার সুন্দর পাখি-দের মতো দেখতে নাকি মানুষের সঙ্গে বেশি মিল?) তুলে ধরা হয়।

আমরা হয়ত আরেকটু ধারণা করতে পারি যে কিছু চেষ্টা চলতে পারে কাজ অনুযায়ী নিজস্ব সংজ্ঞা তৈরি করতে। একজন দেবদূতের কাজই তার পরিচয়। এভাবেই এর নতুন ভূমিকাটি খতিয়ে দেখার দরকার( আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এটা একটা অশুদ্ধ ধারণা)। এই বিলাপ শত শত বার চলে এসেছে যা কিছু দেবদূতরা দীর্ঘসময় ধরে ব্যবহার করেছে, একজন দেবদূত প্রস্তাব করে যে বিলাপ হলো দেবদূতদের অনন্তকাল ধরে চলা কাজ, যেনবা ছিল পূজার আনুষ্ঠানিকতার মতো। এই বিলাপের ধরন হতে পারত নীরবতা, মহিমাকীর্তনের অশেষ কাজের বিপরীতে যেটা ছিল তাদের আগের পেশাগত দায়িত্ব। কিন্তু দেবদূতদের স্বভাবপ্রকৃতির ভেতরে নীরবতার ধাঁচটি যায় না।

একটা পাল্টা প্রস্তাবনা আছে যে দেবদূতরা হট্টগোলপ্রিয়। তাদের এই হট্টগোল প্রিয়তার অস্তিত্বের পাঁচ পাঁচটি বিরাট প্রমাণ পাওয়া গেল, এর প্রথমটাই ছিলো ঈশ্বরের অনুপস্থিতিতে। অন্য চারটির নিশ্চিতভাবেই শনাক্ত করা যেতে পারে। কাজের সংজ্ঞা এবং সবিস্তারে ব্যাখ্যা সেটা পারে, যদি হয় তো তাই যথেষ্ট দারুণ, দেবদূতদের চূড়ান্তভাবে কব্জায় রাখবে, যেমনটা অন্যদিকে একাজে মানুষের ভেতরকার ঈশ্বরতত্ত্ববিদরা ব্যস্ত থাকবেন। কিন্তু দেবদূতদের মধ্যে এখন আর হট্টগোল করার উৎসাহ ততটা নেই।

সবচেয়ে সাংঘাতিক কারণ দেবদূতদের সবচেয়ে র‌্যাডিক্যাল প্রস্তাবনায় বিবেচনা করা হচ্ছে যে তারা প্রত্যাখ্যান করে যে তারা তাদের সরিয়ে নিতে পারে সত্তা থেকে, অস্তিত্ব থেকে নয় যদিও। দেবদূতদের যে মহিমাময় আত্মমর্যাদাবোধ আয়ত্তে আছে এই কাজের ফল হিসেবে যেটা জারি করেছে তাদের আধ্যাত্মিক গৌরব। প্রত্যাখ্যান হলো প্রত্যাখ্যাত।

এখানে আরো একটি প্রস্তাবনা আছে, আরো বেশি তীক্ষ্ণ এবং জটিল, কম নয় যদিও, নয় হতভম্বকরার মতো আকর্ষণীয়।

আমি টেলিভিশনে এক বিখ্যাত দেবদূতকে দেখেছিলাম; তার পোষাকাদি ঝলমল করছিল যে সেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। তিনি দেবদূতদের বর্তমান অবস্থা নিয়ে বলছিলেন। দেবদূতেরা, তিনি বললেন, কিছু দিক দিয়ে মানুষদেরই মতো। এর মধ্যে ভক্তিপ্রেমের সমস্যা হলো কেন্দ্রীয়ভাবে অনুভূত। তিনি বললেন যে দেবদূতেরা একে অন্যকে প্রেমভক্তি করতে লাগল এক সময়, যেমনটা আমরা করি, কিন্তু যেটা পাওয়া গেল, শেষ পর্যন্ত,''যথেষ্ট নয়।'' তিনি বললেন তারা একটি নতুন ধরনের উপায়ের সন্ধান করে চলেছেন।